ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ১৯টি বড় সামরিক ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলনসহ অনেক বিশেষজ্ঞের ধারণা, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে।
আগামী শনিবার দশম মাসে পা রাখতে যাওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল যুক্তরাষ্ট্র নয় বরং দেশটির সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল আঞ্চলিক দেশগুলোর কৌশলেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার খরচ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯৪৮ সাল থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) বাহরাইন’ যুদ্ধের শুরুর দিকেই মারাত্মক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু এই ঘাঁটিটি মেরামতেই ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হবে।
এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর নাগাদ ইরান যুদ্ধের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
বড় ঘাঁটিগুলোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন ভাবনা
সিএসআইএস-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে সেনা সংখ্যা কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সব ঘাঁটি পুনর্নির্মাণ নাও করতে পারে ওয়াশিংটন। উদাহরণ হিসেবে তিনি বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থিত কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টারের কথা উল্লেখ করেন। তিনি জানান, আকাশপথের হামলা থেকে বাঁচতে কিছু স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে এবং কিছু স্থাপনা উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে।
অন্যদিকে, বৈশ্বিক নিরাপত্তা থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকো মনে করেন, বাহরাইন বা কাতারের মতো বড় ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় তা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। তবে ইরান তাদের দূরপাল্লার সক্ষমতা বাড়াচ্ছে বিধায় ঘাঁটি শুধু দূরে সরিয়ে নিলেই দীর্ঘমেয়াদে সুরক্ষা মিলবে না। এর বিকল্প হিসেবে স্থায়ী ঘাঁটির বদলে প্রয়োজনে ব্যবহারের উপযোগী অস্থায়ী ঘাঁটি ও রানওয়ের নেটওয়ার্ক তৈরির পরামর্শ দেন তিনি—যেমনটি এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।
আঞ্চলিক মেরুকরণ ও নতুন জোট
বিশ্লেষকদের মতে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—উভয় প্রশাসনই মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাতে চেয়েছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর সিরিয়া ও ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়া হলেও নতুন সংঘাতের বাস্তবতায় বড় আকারে সেনা প্রত্যাহার সম্ভব হয়নি। তবে এরই মধ্যে আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গড়তে শুরু করেছে।
গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে। ১৪ লাখের বেশি সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাংক ও যুদ্ধবিমান এবং ১২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি সম্মিলিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এই তিন দেশ একটি শক্তিশালী বলয় তৈরি করতে পারে। ভবিষ্যতে এই জোটে মিসর ও সিরিয়াও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকোর মতে, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আঞ্চলিক দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বৈচিত্র্য আনার প্রথম পদক্ষেপ হতে পারে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অসন্তোষ
মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন জনগণের অসন্তোষ। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি অভিযানে মার্কিন সমর্থনের বিষয়টি আমেরিকানদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান কংগ্রেস যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে।
এই অসন্তোষের প্রভাব পড়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি। এমনকি রিপাবলিকান শিবিরের ভেতরেও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দলের পরাজয়ের জন্য সরাসরি এই যুদ্ধকে দায়ী করে লিখেছেন, “আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ, প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। সবাই জানে কেন আমরা হেরেছি, আর সামনে এগিয়ে যাওয়ার যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হওয়া উচিত।”
বিশেষজ্ঞদের মতে, ১৯৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা দেখে মার্কিন জনগণ ও রাজনীতিবিদরা এখন এই অঞ্চল থেকে সেনা গুটিয়ে নেওয়ার পক্ষেই ঝুঁকছেন। সূত্র: আল জাজিরা।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে 873 ডিএন
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযান ও বুলডোজার ব্যবহারের ঘটনায় বাড়িঘর হারাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে আসাম রাজ্যে সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় শুধু বসতঘর নয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের বৈধতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সর্বশেষ ১৩ নভেম্বর আসামের লখিমপুর জেলার বোগিনাদি এলাকায় ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বসতি গড়া ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব পরিবারে প্রায় ৭০৪ জন সদস্য ছিলেন। অভিযানে একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পাশের এলাকায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের কিছু পরিবারের বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৮৩ সালের সহিংসতার পর সরকার তাঁদের পরিবারগুলোকে ওই এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তবে প্রশাসনের বক্তব্য, জমিটি সরকারি এবং জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা হচ্ছে। এর আগে ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-নাইন গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে শিল্প পার্ক নির্মাণের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অনেকেই কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। কেউ কেউ জমির রাজস্ব পরিশোধের পুরোনো রসিদও দেখিয়েছেন। উচ্ছেদের পর অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে, অস্থায়ী ঘরে কিংবা রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ছাড়া অক্টোবর মাসে আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় দুই দিনের উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার কথা বলে এসব অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, তাঁদের পরিবার কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে। সংবাদমাধ্যম স্ক্রলের সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, আসামে গত ১০ বছরে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার ভোপাখেড়ি গ্রামে ১৪ নভেম্বর তিনটি বাড়ি ভেঙে দেয় প্রশাসন। বাড়িগুলোর মালিকদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং একটি আদিবাসী পরিবারের সদস্য ছিলেন। অভিযানে ২৫০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় প্রায় ২০০টি বাড়ি থাকলেও বেছে বেছে তিনটি বাড়ি ভাঙা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৬-৯৭ সাল থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় নির্বাচিতভাবে উচ্ছেদ পরিচালনার অভিযোগ উঠেছে। ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার বিষয়টি নিয়ে আগেও দেশটির সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ নোটিশ, জবাব দেওয়ার সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এদিকে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলায় ৭৩টি বাঙালি মুসলিম পরিবারের বাড়ি ভাঙার ঘটনায় গৌহাটি হাইকোর্ট প্রশাসনের পদক্ষেপকে প্রাথমিকভাবে বেআইনি ও অননুমোদিত বলে পর্যবেক্ষণ করেন। আদালত বলেন, ব্যক্তিগত কৃষিজমিতে বাড়িঘর ভাঙার আগে বাসিন্দাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া এবং জরুরি বিপদের যথাযথ কারণ দেখাতে না পারা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে। আসাম সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এসব অভিযান কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। সরকারি জমি, বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং উচ্ছেদের ক্ষেত্রে সমান আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের আলোচনায়ও প্রশ্ন উঠছে, সরকারি জমি উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে কি না। সংবাদসূত্র: ভারতের সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।874 এসকিউ
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ওপর নির্ভরশীল নয় ইসরায়েল। প্রয়োজনে এককভাবেই ইরানে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াও ইসরায়েল এককভাবে অভিযান চালাতে সক্ষম। ইসরায়েলি সামরিক মুখপাত্রের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকেও তেহরান সরে আসেনি বলে তাদের ধারণা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সামরিক অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। এসব বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের এককভাবে হামলা চালানোর প্রস্তুতির বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। ইরানে সরাসরি হামলা হলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সামরিক প্রস্তুতির ঘোষণা দেওয়া হলেও ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য নেই। সংবাদের সূত্র: ইসরায়েলি সামরিক বাহিনী, কান সম্প্রচারমাধ্যম। 874 এসকিউ
আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন
ভারতের সামরিক স্থাপনায় নজরদারিতে চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

