যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম
যুক্তরাষ্ট্রে MS বা PhD করতে চাইলে শুধু ভালো একাডেমিক ফলাফল থাকলেই যথেষ্ট নয়। বিশেষ করে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (RA), টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) কিংবা ফুল ফান্ডিং নিয়ে পড়াশোনার পরিকল্পনা থাকলে অন্তত ৯ থেকে ১২ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করা গুরুত্বপূর্ণ। কখন IELTS দেবেন, কখন প্রফেসরদের ইমেইল করবেন, কীভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন এবং কখন ফান্ডিংয়ের জন্য আবেদন করবেন, এসব বিষয়ে সঠিক পরিকল্পনা থাকলে ভর্তির প্রক্রিয়া অনেক সহজ হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে দুটি প্রধান অ্যাডমিশন সেশন রয়েছে। একটি Fall Intake, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে শুরু হয়। অন্যটি Spring Intake, যার ক্লাস শুরু হয় জানুয়ারিতে। Fall সেশনে সাধারণত বেশি সংখ্যক গ্র্যাজুয়েট শিক্ষার্থী ভর্তি করা হয়। অনেক ক্ষেত্রে গবেষণার সুযোগ এবং অ্যাসিস্ট্যান্টশিপের সংখ্যাও বেশি থাকে। অন্যদিকে, সব বিশ্ববিদ্যালয় বা বিভাগে Spring সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয় না। তাই আবেদন করার আগে নির্দিষ্ট প্রোগ্রামে কোন সেশনে ভর্তি নেওয়া হয়, তা নিশ্চিত হওয়া জরুরি।
Fall 2027-এর জন্য প্রস্তুতির সময়সূচি
Fall 2027-এ ভর্তির পরিকল্পনা থাকলে ২০২৬ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় ও পছন্দের প্রোগ্রাম বাছাই করা ভালো। জুন থেকে অক্টোবরের মধ্যে নিজের গবেষণার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রফেসরদের খুঁজে যোগাযোগ শুরু করা যেতে পারে। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে IELTS Academic পরীক্ষা শেষ করা এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে স্টেটমেন্ট অব পারপাস (SOP), সিভি (CV) ও রেকমেন্ডেশন লেটার (LOR) প্রস্তুত করা একটি ভালো পরিকল্পনা।
নভেম্বর ২০২৬ থেকে জানুয়ারি ২০২৭-এর মধ্যে অগ্রাধিকারভিত্তিক ভর্তি ও ফান্ডিংয়ের আবেদন জমা দেওয়ার পরিকল্পনা রাখতে পারেন। এরপর জানুয়ারি থেকে মার্চের মধ্যে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যেতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভর্তি ও ফান্ডিংয়ের সিদ্ধান্ত আসতে পারে। ভর্তি নিশ্চিত হলে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় আর্থিক কাগজপত্র, আই-২০ (I-20) এবং স্টুডেন্ট ভিসার প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য রাখা যেতে পারে। সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে নতুন সেমিস্টার শুরু হয়।
Spring 2028-এর জন্য প্রস্তুতির সময়সূচি
যারা Spring 2028 লক্ষ্য করছেন, তারা ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন শুরু করতে পারেন। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে সম্ভাব্য প্রফেসরদের সঙ্গে যোগাযোগ এবং মার্চ থেকে জুনের মধ্যে IELTS Academic পরীক্ষা শেষ করার পরিকল্পনা রাখা ভালো।
মে থেকে জুলাইয়ের মধ্যে SOP, CV ও রেকমেন্ডেশন লেটার প্রস্তুত করা যেতে পারে। জুন থেকে অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে আবেদন জমা দিতে হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভর্তি ও ফান্ডিংয়ের সিদ্ধান্ত আসতে পারে। এরপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আই-২০ এবং ভিসার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া উচিত। Spring 2028-এর ক্লাস সাধারণত জানুয়ারি মাসে শুরু হবে।
তবে এই সময়সূচি একটি সাধারণ প্রস্তুতি পরিকল্পনা। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের প্রকৃত আবেদনের সময়সীমা আলাদা হতে পারে।
IELTS কখন দেওয়া সবচেয়ে ভালো?
IELTS পরীক্ষার সময় নির্ধারণের আগে কোন সেশনে ভর্তি হতে চান, সেটি ঠিক করা উচিত। Fall 2027-এর জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬ এবং Spring 2028-এর জন্য মার্চ থেকে জুন ২০২৭-এর মধ্যে IELTS শেষ করার পরিকল্পনা করা যেতে পারে।
IELTS Academic পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষার তারিখ থেকে দুই বছর পর্যন্ত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি দক্ষতার স্কোর এবং প্রতিটি ব্যান্ডের শর্ত আলাদা হতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় TOEFL-সহ বিকল্প ইংরেজি দক্ষতার পরীক্ষাও গ্রহণ করে। তাই পরীক্ষা দেওয়ার আগে পছন্দের প্রোগ্রামের নির্দিষ্ট শর্ত যাচাই করা জরুরি।
কাঙ্ক্ষিত স্কোর না পেলে আবার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হতে পারে। সে কারণে আবেদনের শেষ সময়ের খুব কাছাকাছি IELTS না দিয়ে হাতে পর্যাপ্ত সময় রেখে পরীক্ষা দেওয়া ভালো। IELTS-এর ফলাফল ছাড়াও অনেক ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সময় লাগে।
IELTS ছাড়াই কি প্রফেসরদের ইমেইল করা যায়?
হ্যাঁ, IELTS পরীক্ষা দেওয়ার আগেই প্রফেসরদের সঙ্গে যোগাযোগ শুরু করা যায়। বিশেষ করে যারা রিসার্চভিত্তিক MS বা PhD করতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতিমূলক পদক্ষেপ।
প্রথমে নিজের গবেষণার আগ্রহের সঙ্গে মিল রয়েছে এমন প্রফেসরদের খুঁজে বের করতে হবে। এরপর ইমেইলে নিজের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশিত গবেষণাপত্র থাকলে তার তথ্য এবং সংশ্লিষ্ট প্রফেসরের গবেষণার প্রতি আগ্রহ তুলে ধরতে পারেন। পাশাপাশি কোন সেশনে ভর্তি হতে চান এবং IELTS কখন দেওয়ার পরিকল্পনা রয়েছে, সেটিও জানানো যেতে পারে।
তবে একই ইমেইল অনেক প্রফেসরকে পাঠানোর পরিবর্তে প্রত্যেকের গবেষণার বিষয় বুঝে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা বেশি কার্যকর। মনে রাখতে হবে, প্রফেসরের ইতিবাচক উত্তর পাওয়া মানেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়া নয়। আনুষ্ঠানিক অ্যাপ্লিকেশন ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শর্ত পূরণ করতে হবে। আবার সব প্রোগ্রামে আগেভাগে প্রফেসরের সঙ্গে যোগাযোগ করাও বাধ্যতামূলক নয়।
ফান্ডিংয়ের ডেডলাইন কেন গুরুত্বপূর্ণ?
যারা RA, TA কিংবা Fellowship নিয়ে পড়তে চান, তাদের জন্য শুধু অ্যাডমিশন ডেডলাইন জানলেই হবে না। ফান্ডিংয়ের অগ্রাধিকারভিত্তিক ডেডলাইনও খেয়াল রাখতে হবে।
ধরা যাক, কোনো বিশ্ববিদ্যালয়ের সাধারণ অ্যাডমিশন ডেডলাইন মার্চ মাসে। কিন্তু ফান্ডিংয়ের জন্য অগ্রাধিকারভিত্তিক আবেদনের শেষ সময় ডিসেম্বর। সেক্ষেত্রে মার্চে আবেদন করলে ভর্তি বিবেচনার সুযোগ থাকলেও কিছু ফান্ডিংয়ের জন্য বিবেচিত হওয়ার সুযোগ কমে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে।
এর বাস্তব উদাহরণ রয়েছে ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটিতে। Fall 2027 সেশনে সেখানে PhD আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। অন্যদিকে MS ও MLA প্রোগ্রামে ফান্ডিং বিবেচনার অগ্রাধিকারভিত্তিক শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬ এবং চূড়ান্ত ফান্ডিং বিবেচনার শেষ সময় ১৪ জানুয়ারি ২০২৭। আন্তর্জাতিক মাস্টার্স আবেদনকারীদের জন্য সাধারণ আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৭। অর্থাৎ একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম ও ডিগ্রির ক্ষেত্রেও সময়সীমা আলাদা হতে পারে।
ইউনিভার্সিটি অব কেনটাকির গ্র্যাজুয়েট স্কুলও জানিয়েছে, অনেক প্রোগ্রামের আবেদনের সময়সীমা সাধারণ ডেডলাইনের আগেই শেষ হয়। ফলে শুধু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্যের ওপর নির্ভর না করে নির্দিষ্ট বিভাগের অ্যাডমিশন পেজও দেখতে হবে।
নভেম্বর ২০২৬-এ যারা আবেদন করতে চান
বর্তমানে নভেম্বর ২০২৬। যারা Fall 2027-এ ভর্তির পরিকল্পনা করছেন, কিন্তু এখনো IELTS দেননি বা বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষ করেননি, তাদের দ্রুত প্রস্তুতি শুরু করা প্রয়োজন।
কিছু বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংয়ের অগ্রাধিকারভিত্তিক ডেডলাইন ডিসেম্বর ২০২৬-এর শুরুতেই রয়েছে। আবার কিছু প্রোগ্রামে আবেদন করার জন্য ২০২৭ সালের প্রথম কয়েক মাস পর্যন্ত সময় পাওয়া যেতে পারে। তাই এখনই পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিভাগের ওয়েবসাইট থেকে সর্বশেষ ডেডলাইন যাচাই করা উচিত।
অন্যদিকে, যারা Spring 2028 বা Fall 2028 লক্ষ্য করছেন, তারা তুলনামূলক বেশি সময় নিয়ে প্রস্তুতি নিতে পারবেন। তবে Spring সেশনে ভর্তি ও ফান্ডিংয়ের সুযোগ রয়েছে কি না, সেটি শুরুতেই নিশ্চিত হওয়া প্রয়োজন।
আবেদনের আগে আরও যেসব বিষয় জানা জরুরি
যুক্তরাষ্ট্রের সব MS বা PhD প্রোগ্রামে GRE বাধ্যতামূলক নয়। কোনো প্রোগ্রামে GRE প্রয়োজন হতে পারে, আবার কোনো প্রোগ্রামে এটি ঐচ্ছিক বা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। তাই GRE পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগের শর্ত যাচাই করা উচিত।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Fully Funded PhD এবং Fully Funded MS-এর সুযোগ এক নয়। অনেক PhD প্রোগ্রামে ভর্তির সঙ্গে গবেষণা বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে ফান্ডিং দেওয়া হয়। কিন্তু MS প্রোগ্রামে অনেক সময় আলাদাভাবে অ্যাসিস্ট্যান্টশিপ খুঁজতে হয়। এ ছাড়া ভর্তি নিশ্চিত হলেও ফান্ডিং স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না।
আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা ডেডলাইন রয়েছে কি না, সেটিও দেখতে হবে। কারণ কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আই-২০ ও ভিসা প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হয়।
উচ্চশিক্ষার প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয়ের নামের চেয়ে নিজের গবেষণার আগ্রহ, একাডেমিক যোগ্যতা, প্রফেসরের সঙ্গে গবেষণার সামঞ্জস্য এবং ফান্ডিংয়ের সুযোগকে গুরুত্ব দেওয়া উচিত। অন্তত ৯ থেকে ১২ মাস আগে পরিকল্পনা শুরু করলে IELTS, বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রফেসরদের সঙ্গে যোগাযোগ এবং আবেদন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।
উল্লেখ্য, সংযুক্ত ৫০টি বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন তালিকায় কয়েকটি তারিখে সাল উল্লেখ নেই এবং কিছু তারিখ ২০২৬ সালের। তাই তালিকাটিকে Spring 2028-এর চূড়ান্ত ডেডলাইন হিসেবে ব্যবহার না করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রতিটি তারিখ যাচাই করতে হবে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে এই পরামর্শগুলো দিয়েছেন মুন মোদক। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একজন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
তথ্য যাচাই: IELTS-এর ফলাফলের মেয়াদ এবং ইউনিভার্সিটি অব মিশিগান
871-এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং দিবসকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বোস্টন সিটি কাউন্সিল। আদিবাসীদের ইতিহাস, ভূমি হারানো এবং ঔপনিবেশিক শাসনের কারণে তাঁদের ওপর সংঘটিত নির্যাতন ও নিপীড়নের স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং দিবসেই এ স্বীকৃতি কার্যকর হবে। বোস্টন সিটি কাউন্সিলের ১৮ নভেম্বরের সভায় এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবার প্রস্তাবটি উত্থাপন করেন। পরে কাউন্সিলর রুথজি লুইজেউন ও জুলিয়া মেহিয়াসহ অন্য সদস্যরা এতে সহপ্রস্তাবক হিসেবে যুক্ত হন। কাউন্সিলের নথি অনুযায়ী, প্রস্তাবটি পাস হয়েছে।‘ন্যাশনাল ডে অব মর্নিং’ বা জাতীয় শোক দিবসের ইতিহাস ১৯৭০ সাল থেকে শুরু। প্রতিবছর থ্যাংকসগিভিংয়ের দিন ম্যাসাচুসেটসের প্লাইমাউথ শহরের কোলস হিলে আদিবাসী জনগোষ্ঠী ও তাঁদের সমর্থকেরা সমবেত হন। ওয়াম্পানোয়াগ নেতা ওয়ামসুত্তা ফ্রাঙ্ক জেমস এবং ইউনাইটেড আমেরিকান ইন্ডিয়ানস অব নিউ ইংল্যান্ডের উদ্যোগে এ আয়োজন শুরু হয়েছিল। আয়োজকদের কাছে থ্যাংকসগিভিং শুধু কৃতজ্ঞতা প্রকাশের উৎসব নয়; এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় স্মরণ করার দিনও। তাঁদের মতে, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলে আদিবাসীরা তাঁদের পূর্বপুরুষের ভূমি হারিয়েছেন, তাঁদের সংস্কৃতি ও জীবনযাত্রা ধ্বংসের মুখে পড়েছে এবং দীর্ঘদিন ধরে সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন। বোস্টন কাউন্সিলর জুলিয়া মেহিয়া বলেন, স্কুলে থ্যাংকসগিভিং সম্পর্কে প্রচলিত যে ইতিহাস শেখানো হয়, তাতে আদিবাসীদের ওপর উপনিবেশবাদের ভয়াবহ পরিণতির বিষয়টি যথাযথভাবে উঠে আসে না। তাঁর মতে, এসব অন্যায় শুধু অতীতের ঘটনা নয়; এর প্রভাব এখনো আদিবাসী জনগোষ্ঠীর জীবনে রয়েছে।কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবারও বলেন, থ্যাংকসগিভিংয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ উদ্যাপনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের পূর্ণাঙ্গ সত্য এবং আদিবাসীদের ওপর ঘটে যাওয়া অন্যায় স্মরণ করা প্রয়োজন। তিনি আদিবাসীদের অধিকার ও তাঁদের সংস্কৃতি রক্ষায় কাজ করা সংগঠনগুলোর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন। এটি বোস্টন সিটি কাউন্সিলের টানা তৃতীয় বছরের এমন স্বীকৃতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি প্রতীকী ও আনুষ্ঠানিক স্বীকৃতি। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির তালিকা বা বোস্টন শহরের সরকারি কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। এটি শুধু বোস্টন শহরের কাউন্সিলের পক্ষ থেকে আদিবাসীদের ইতিহাস ও তাঁদের শোক পালনের প্রতি সংহতি প্রকাশ। সংবাদ সূত্র City Council Legislative - City of Boston,Fox News ৮৭৬টিআর
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ২৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন হ্যারি টমাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রদূত। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দল, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে। সেমিনার শেষে নিজের লিংকডইন অ্যাকাউন্টেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন হ্যারি টমাস। সেখানে অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র: দৈনিক ইনকিলাব 871 এসএ
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী অবস্থানের শীর্ষ অঙ্গরাজ্যের তালিকায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নিউইয়র্ক। সাম্প্রতিক 'ওপেন ডোরস ২০২৬' প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর রেকর্ড গড়েছে। নিউইয়র্কের শীর্ষস্থান ও অঙ্গরাজ্যগুলোর চিত্র 'ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ' (আইআইই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। ২০২০–২১ শিক্ষাবর্ষের পর এটিই প্রথম বার্ষিক পতন। নতুন পরিসংখ্যানে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে (বার্ষিক পরিবর্তন -৩.০ শতাংশ)। ১ লাখ ৩১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্যালিফোর্নিয়া (-৫.৮ শতাংশ)। দুই অঙ্গরাজ্যের ব্যবধান মাত্র ২ হাজার ৪৩৯ জন। শীর্ষ দশ অঙ্গরাজ্যের মধ্যে কেবল টেক্সাস (৯৮ হাজার ৯০২ জন, +১.৯ শতাংশ) এবং ইলিনয় (৬৭ হাজার ৩৮৯ জন, +১.১ শতাংশ) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ক্যাম্পাসের দিক থেকে ২৬ হাজার ৫৯৫ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)। বাংলাদেশের রেকর্ডসহ দেশের ভিত্তিতে প্রবণতা সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও আটটি দেশ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে— বাংলাদেশ: ১১.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ২২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন রেকর্ড গড়েছে। নেপাল: ১৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫৮ জনে পৌঁছেছে, যা শীর্ষ উৎস দেশগুলোর তালিকায় নেপালকে পঞ্চম অবস্থানে নিয়ে এসেছে। পাকিস্তান: ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া ভিয়েতনাম (+৭ শতাংশ), কলম্বিয়া (+৫ শতাংশ), কানাডা (+৪ শতাংশ), ঘানা (+৩ শতাংশ) এবং ইতালি (+১ শতাংশ) রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাঠিয়েছে। অন্যদিকে, ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী নিয়ে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও সংখ্যা কমেছে ৬.৫ শতাংশ এবং চীনের শিক্ষার্থীর সংখ্যা ৪.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। এই দুই দেশ মিলেই মোট বিদেশি শিক্ষার্থীর ৫১.৮ শতাংশ দখল করে আছে। ওপিটি ও নতুন ভর্তির বদলে যাওয়া হিসাব ওপেন ডোরস প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পড়াশোনা শেষে 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ' (ওপিটি)-এ থাকা স্নাতকদের হিসাব একসঙ্গে ধরা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮.৩ শতাংশ কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালেও ওপিটিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৭.৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন থেকে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে নেমে এসেছে। স্নাতকোত্তর পর্যায়ে নতুন ভর্তি কমেছে ২৫.৬ শতাংশ এবং মাস্টার্স পর্যায়ে মোট শিক্ষার্থী কমেছে ২২.৪ শতাংশ। তবে ডক্টরাল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ১৫২ জনে পৌঁছেছে এবং স্নাতক পর্যায় প্রায় স্থিতিশীল (-০.৩ শতাংশ) রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। 873 ডিএন
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

