- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
নিজের ছবির বিশেষ ডিজিটাল সংগ্রহ বিক্রি শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফ্যাশন ও প্রতিকৃতি আলোকচিত্রী এলেন ফন উনওয়ার্থের তোলা ছবিগুলো নিয়ে তৈরি এই সংগ্রহের দাম রাখা হয়েছে ১৫০ ডলার। তবে আগ্রহীদের জন্য কোনো ছাপানো ছবি পাওয়া যাবে না। পুরো সংগ্রহটি ডিজিটাল অ্যালবাম হিসেবে সরবরাহ করা হবে, যা ভিডিও ফাইলের আকারে দেখা যাবে। মেলানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এই বিশেষ ছবির সংগ্রহের কথা জানান। ‘ফটো আর্কাইভাল ডিজিটাল এডিশন’ নামের এই সংকলনে তাঁর বিভিন্ন প্রতিকৃতি রয়েছে। জার্মান আলোকচিত্রী এলেন ফন উনওয়ার্থের সঙ্গে দুই দিনের বিশেষ আলোকচিত্র সেশনের মাধ্যমে ছবিগুলো তৈরি করা হয়েছে। মেলানিয়ার নিজস্ব ওয়েবসাইটে ইতিমধ্যে সংগ্রহটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মূল্য ১৫০ ডলার। তবে এটি সাধারণ কোনো ছবি ডাউনলোড করে নেওয়ার ব্যবস্থা নয়। মেলানিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংগ্রহটি কিনতে ক্রেতাকে সোলানা ব্লকচেইনভিত্তিক একটি ক্রিপ্টো ওয়ালেট তৈরি করতে হবে। এরপর সেই ওয়ালেট ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। কেনাকাটা সম্পন্ন হলে ডিজিটাল সংগ্রহটি ক্রেতার ওয়ালেটে যুক্ত হবে। ব্লকচেইনের লেনদেনের চাপ অনুযায়ী এটি পৌঁছাতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই উদ্যোগের সঙ্গে মেলানিয়ার নতুন তথ্যচিত্র সিরিজেরও যোগ রয়েছে। ‘মেলানিয়া, দ্য সিরিজ’ নামে দুই পর্বের এই প্রামাণ্যচিত্র ২০ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। এতে ফার্স্ট লেডি হিসেবে তাঁর দায়িত্ব, হোয়াইট হাউসে ফিরে আসার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সিরিজটির প্রথম পর্বের নাম ‘ফ্যামিলি অ্যান্ড ট্রাস্ট’ এবং দ্বিতীয় পর্বের নাম ‘প্রাইড অ্যান্ড অনার’। সিরিজটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লিংকন সেন্টারের অ্যালিস টুলি হলে। গত বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে লালগালিচায় উপস্থিত ছিলেন মেলানিয়া। তবে ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন বলে অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন না। নতুন সিরিজ প্রকাশের কয়েক দিনের মধ্যেই ডিজিটাল ছবির সংগ্রহ বাজারে আনার ঘোষণা দেন মেলানিয়া। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তাঁর জীবন নিয়ে ‘মেলানিয়া’ শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র মুক্তি পেয়েছিল। নতুন দুই পর্বের সিরিজটি সেই চলচ্চিত্রের পরবর্তী প্রকল্প হিসেবে এসেছে। একই সময়ে ব্যক্তিগত ব্র্যান্ডের অধীনে ডিজিটাল সংগ্রহ বিক্রির উদ্যোগও সামনে আনলেন তিনি। ফলে বিনোদনমূলক প্রযোজনার পাশাপাশি ডিজিটাল পণ্য বিক্রির ক্ষেত্রেও নিজের উপস্থিতি বাড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, মেলানিয়া ট্রাম্পের আনুষ্ঠানিক ওয়েবসাইট, অ্যামাজন প্রাইম ভিডিও।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বনি গোল্ডম্যান ৬৯ বছর বয়সে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। প্রায় পাঁচ দশক আগে মাঝপথে ছেড়ে দেওয়া পড়াশোনা শেষ করতে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছিলেন তিনি। গত ২২ মে রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক হন বনি। ২০২৬ সালের সমাবর্তনে তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়সী স্নাতক। বিশেষ এই দিনে তাঁর পাশে ছিলেন ৯২ বছর বয়সী মা এবং পরিবারের অন্য সদস্যরা। বনির আইনজীবী হওয়ার স্বপ্নের শুরু ১৯৭৯ সালে। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক শেষ করে ওই বছরই আইন স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু তখন বয়স কম ছিল, পড়াশোনায় মনোযোগের অভাবও ছিল বলে নিজের সিদ্ধান্তের কথা পরে স্বীকার করেছেন বনি। একপর্যায়ে আইন স্কুল ছেড়ে দেন। বিষয়টি জীবনের অন্যতম বড় অনুশোচনা হয়ে থাকলেও সেই অভিজ্ঞতা তাঁকে পরবর্তী সময়ে কাজের প্রতি আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। আইন পড়া ছেড়ে দেওয়ার পর থেমে থাকেননি বনি। বিজ্ঞাপন, জনসংযোগ, মানবসম্পদ ও নির্বাহী পর্যায়ের কর্মী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় চার দশক কাজ করেছেন। একপর্যায়ে নিজের নিয়োগ প্রতিষ্ঠানও গড়ে তোলেন। পেশাগত জীবনে সফলতা পেলেও আইনজীবী হওয়ার পুরোনো স্বপ্নটি তাঁর মনে রয়ে যায়। আর সেই স্বপ্নের কথা তাঁকে বারবার মনে করিয়ে দিতেন তাঁর মা। মেয়ের পড়াশোনা আবার শুরু করার বিষয়ে কয়েক দশক ধরেই উৎসাহ দিয়ে আসছিলেন তিনি। ৬৫ বছর পেরোনোর পর অবশেষে মায়ের কথায় নতুন করে ভাবতে শুরু করেন বনি। আইন স্কুলে ভর্তির যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা এলস্যাট দেন তিনি। এরপর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে একাধিক জায়গা থেকে ভর্তির সুযোগ ও বৃত্তির প্রস্তাব পান। শেষ পর্যন্ত নিউ জার্সির নিউয়ার্কে অবস্থিত রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ বেছে নেন। ২০২৩ সালে ৬৬ বছর বয়সে সেখানে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন তিনি। শুরুতে নিজের চেয়ে কয়েক দশকের ছোট শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল বনির মেয়েরও। তবে দ্রুতই সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাঁর। প্রথম বর্ষে প্রায় ১৭ জন শিক্ষার্থীর একটি দলের সঙ্গে নিয়মিত ক্লাস করতেন তিনি। ধীরে ধীরে সহপাঠীরা তাঁর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বয়সের পার্থক্য তাঁদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয় বনির। শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেও সক্রিয় ছিলেন তিনি। রাটগার্সের মধ্যস্থতা ক্লিনিকে কাজ করে বিরোধ নিষ্পত্তি, আলোচনা ও আইনি প্রতিনিধিত্বের দক্ষতা অর্জন করেন। দেওয়ানি বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে সপ্তাহে তিন দিন আদালতে গিয়ে পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরির কাজেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক পরিচালক ফেলিসিয়া ফারবার জানান, চার দশকের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা বনিকে বাস্তব সমস্যা বোঝা ও সমাধানের ক্ষেত্রে বাড়তি দক্ষতা দিয়েছে। গত ২২ মে নিউ জার্সি পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেন বনি। দর্শকসারিতে ছিলেন তাঁর ৯২ বছর বয়সী মা, ৩৩ বছর বয়সী মেয়ে জামি এরিন গ্যানজ এবং পরিবারের অন্য সদস্যরা। সমাবর্তনে ডিন যখন বনির নাম ঘোষণা করেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি তাঁর মেয়ে। পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জামি জানান, মায়ের এই অর্জন ছিল কয়েক দশকের অপেক্ষা ও পরিশ্রমের ফল। মায়ের জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না বলেও জানান তিনি। এখন আইন পেশায় নিজের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন বনি। করপোরেট প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করার পাশাপাশি মধ্যস্থতা কিংবা মামলা পরিচালনার ক্ষেত্রেও আগ্রহ রয়েছে তাঁর। তবে পেশাগতভাবে আইনচর্চা শুরুর আগে বার পরীক্ষার প্রস্তুতি নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এত বছর পর আবার পড়াশোনায় ফিরে সফল হওয়া প্রসঙ্গে বনির বক্তব্য, জীবনে কোনো কিছু করার ইচ্ছা থাকলে বয়সকে বাধা হিসেবে দেখা উচিত নয়। কারণ কয়েক বছর পর চেষ্টা না করার আফসোসের চেয়ে চেষ্টা করে স্বপ্ন পূরণ করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সংবাদসূত্র: পিপল ম্যাগাজিন, রাটগার্স ইউনিভার্সিটি আইন অনুষদ।
হেঁটে শহর ঘুরে দেখার জন্য বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ২০২৬ সালের এই তালিকায় যুক্তরাষ্ট্রের একমাত্র শহর হিসেবে স্থান পেয়েছে নিউইয়র্ক, যার অবস্থান ২৩তম। ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে বিনামূল্যে হাঁটাভ্রমণের আয়োজনকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরু-ওয়াক (GuruWalk)। গত বছরের তুলনায় তালিকায় ১০ ধাপ এগিয়েছে শহরটি। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত তালিকাটি তৈরিতে ৪ লাখ ৬৭ হাজারের বেশি যাচাইকৃত পর্যালোচনা বিশ্লেষণ করা হয়েছে। এসব পর্যালোচনা এসেছে ৩ হাজার ৬১৭টি হাঁটাভ্রমণ থেকে। গুরু-ওয়াকের তথ্য অনুযায়ী, ৮০০টির বেশি শহরে তাদের কার্যক্রম থাকলেও সবচেয়ে জনপ্রিয় ১২০টি শহরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। কোনো শহরে কতজন পর্যটক হাঁটাভ্রমণে অংশ নিয়েছেন, তার জন্য মোট নম্বরের ৬৫ শতাংশ এবং তাঁদের সন্তুষ্টির মূল্যায়নের জন্য ৩৫ শতাংশ নম্বর রাখা হয়েছে। নিউইয়র্কের অবস্থান গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০২৪ সালের তালিকায় শহরটির অবস্থান ছিল ৫৩তম। ২০২৫ সালে ২০ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে আসে। এবার আরও ১০ ধাপ উন্নতি করে ২৩তম অবস্থান অর্জন করেছে। অর্থাৎ দুই বছরে মোট ৩০ ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্রের এই শহর। তালিকায় জায়গা পাওয়া একমাত্র মার্কিন শহর হওয়ায় নিউইয়র্কের অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে। গুরু-ওয়াকের প্রতিবেদনে নিউইয়র্কের জনপ্রিয়তার পেছনে শহরটির বৈচিত্র্যময় পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের কথা তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল পার্ক, টাইমস স্কয়ার, ব্রুকলিন ব্রিজ ও ওয়াল স্ট্রিটের মতো পরিচিত জায়গাগুলো হেঁটে ঘুরে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি, ভাষা, খাবার, শিল্পকলা ও স্থাপত্যের বৈচিত্র্য শহরটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাস, খাবার কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের হাঁটাভ্রমণের আয়োজন। তবে ২০২৬ সালের তালিকায় নিউইয়র্ককে ছাড়িয়ে বিশ্বের প্রথম স্থান দখল করেছে ইতালির রোম। প্রায় ২ হাজার ৭০০ বছরের ইতিহাস, প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক পথঘাটের কারণে শহরটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। রোমের কলোসিয়াম, প্যানথিয়ন এবং বিভিন্ন ঐতিহাসিক ফোয়ারা হেঁটে ঘুরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের আকৃষ্ট করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের মাদ্রিদ এবং তৃতীয় স্থানে হাঙ্গেরির বুদাপেস্ট। বিশ্বের শীর্ষ ১০ হাঁটাভ্রমণ উপযোগী শহরের তালিকায় আরও রয়েছে চেক প্রজাতন্ত্রের প্রাগ, পর্তুগালের লিসবন, নেদারল্যান্ডসের আমস্টারডাম, পর্তুগালের পোর্তো, স্পেনের বার্সেলোনা, যুক্তরাজ্যের লন্ডন এবং জার্মানির বার্লিন। তালিকায় ইউরোপের শহরগুলোর আধিপত্য থাকলেও এশিয়ার কয়েকটি শহরও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাপানের টোকিও ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে। এ ছাড়া কিয়োটো ৩৫তম এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ৩৮তম অবস্থান পেয়েছে। তবে এই তালিকাকে শহরগুলোর ফুটপাতের মান, যানবাহনের নিরাপত্তা কিংবা প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর পূর্ণাঙ্গ মূল্যায়ন হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত স্থানীয় গাইডের সঙ্গে পর্যটকদের হাঁটাভ্রমণের জনপ্রিয়তা এবং সেই অভিজ্ঞতা নিয়ে তাঁদের সন্তুষ্টির ভিত্তিতে তৈরি। সেই বিবেচনায় নিউইয়র্কের ধারাবাহিক উন্নতি শহরটির পর্যটন আকর্ষণ ও হাঁটাভ্রমণের জনপ্রিয়তার একটি ইতিবাচক চিত্র তুলে ধরেছে। সংবাদসূত্র: গুরু-ওয়াক (GuruWalk), ট্রাভেল অ্যান্ড লেইজার।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর শিকাগোর কেন্দ্রস্থলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করা হয়েছে। ঐতিহাসিক উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাদদেশে অবস্থিত সড়কটির সম্মানসূচক নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ বা ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সড়কের নামফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিকাগো সিটির ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে এই আয়োজনকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের প্রতি এক বিশেষ আন্তর্জাতিক সম্মান হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং এই নামকরণের প্রধান উদ্যোক্তা ও শিকাগো ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলু মিয়া, উপদেষ্টা জসিমউদ্দীন, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান ভূইয়া এবং দপ্তর সম্পাদক শাকির ভূইয়া। প্রবাসী নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। শিকাগো সিটি কাউন্সিলের নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। এরপর গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এবং সিটি কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের অংশটিকে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ওয়ে’ হিসেবে নামকরণের অনুমোদন দেয়। সড়কটির এই অবস্থান বাংলাদেশের মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, পাশের বিশ্ববিখ্যাত উইলিস টাওয়ারের স্থাপত্য নকশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন প্রখ্যাত বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খান, যার ফলে শিকাগোর অন্যতম পরিচিত এই স্থাপনার সামনে আসা বিশ্বের নানা প্রান্তের দর্শনার্থীরা এখন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কেও জানার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ একটি ঐতিহাসিক ঘটনা। তারা বাংলাদেশের এই শীর্ষ নেত্রীর প্রতি সম্মান জানানোর এই মহৎ উদ্যোগের জন্য প্রধান উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু ও তার সহযোগী দলের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে দেশে ও বিদেশে অনেকেই নানা কার্যক্রম পরিচালনা করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের মতো দেশের অন্যতম প্রধান শহরের প্রাণকেন্দ্রে জাতীয়তাবাদী আদর্শের দুই শীর্ষ ব্যক্তির নামে সড়কের নামকরণের ঘটনা সত্যিই অতুলনীয়। কোনো পদ বা অর্থ দিয়ে এই উদ্যোগের মূল্যায়ন করা সম্ভব নয় মন্তব্য করে তারা দেশের সব জাতীয়তাবাদী সমর্থক ও জিয়া পরিবারের পক্ষ থেকে উদ্যোক্তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। এই উদ্যোগের মূল কারিগর ও শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের স্মৃতি সংরক্ষণে কাজ করে আসছেন। এর আগে ২০১৪ সালে তারই প্রচেষ্টায় শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণ করা হয়েছিল। দীর্ঘ এক যুগ পর একই শহরে বেগম খালেদা জিয়ার নামে আরেকটি সড়কের উদ্বোধন প্রসঙ্গে শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, এই দুটি উদ্যোগ তারই বাস্তব প্রতিফলন। শিকাগোর বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের কাছে এই সড়কের নামকরণ বিশেষ গর্ব ও তাৎপর্য বহন করে বলেও তিনি মন্তব্য করেন। শিকাগো সিটি কাউন্সিলের প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার প্রসারে তার উদ্যোগ, বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর নীতিমালার কথাও নথিতে উল্লেখ করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তার প্রয়াণের পর গণতান্ত্রিক নেতৃত্ব ও জনসেবার সেই ঐতিহাসিক উত্তরাধিকারকে স্মরণীয় করে রাখতেই শিকাগোতে এই সম্মানসূচক নামকরণের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের বিশ্বাস, উইলিস টাওয়ারের পাদদেশে অবস্থিত এই সড়কটি আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরতে অনন্য ভূমিকা রাখবে। সূত্র: শিকাগো সিটি কাউন্সিল ও ডিবিসি নিউজ
যুক্তরাষ্ট্রের সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে প্রশিক্ষণ নিয়ে নজির গড়েছিলেন মুসলিম শিক্ষার্থী সানা হামজে। ২০১৬ সালে তাঁর ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে সামরিক পোশাকবিধিতে পরিবর্তন আনে ভারমন্ট অঙ্গরাজ্যের নরউইচ বিশ্ববিদ্যালয়। এর ফলে সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরেই ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান তিনি। শুধু মাথা ঢেকে রাখাই নয়, শারীরিক প্রশিক্ষণের সময় হাত ও পা ঢেকে রাখার জন্যও বিশেষ অনুমতি দেওয়া হয় তাঁকে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বেড়ে ওঠা সানার প্রথম পছন্দ ছিল দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ঐতিহাসিক সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান দ্য সিটাডেল। সেখানে ভর্তির সুযোগ পেলেও মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিজাব পরার অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের যুক্তি ছিল, ক্যাডেটদের মধ্যে পোশাকের অভিন্নতা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখা তাদের প্রশিক্ষণব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তবে নামাজ ও খাবারের ক্ষেত্রে ধর্মীয় প্রয়োজন মেটানোর ব্যবস্থা থাকলেও পোশাকের বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। এরপর সানা ভারমন্টের নরউইচ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আবেদন গ্রহণ করে ক্যাডেটদের পোশাকসংক্রান্ত নিয়মে পরিবর্তন আনে। হিজাবের রং ও কাপড় সামরিক পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং তা যেন প্রতিষ্ঠানের নির্ধারিত টুপির নিচে পরা যায়, এমন শর্ত রাখা হয়। পাশাপাশি দীর্ঘ হাতার জামা ও লম্বা প্যান্ট পরার অনুমতিও দেওয়া হয়। নরউইচের প্রায় ২০০ বছরের পোশাকবিধির ইতিহাসে ধর্মীয় কারণে পোশাকে পরিবর্তনের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক আবেদন। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড ডব্লিউ স্নাইডার জানান, ধর্মীয় কারণে পোশাকে বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পরিবর্তিত নীতিমালা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব হলো সমাজের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং সব ধর্মের শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা। একই পরিবর্তনের আওতায় ইহুদি ক্যাডেটদের ধর্মীয় টুপি ইয়ারমুলকে পরার অনুমতিও দেওয়া হয়। ২০১৬ সালের অক্টোবরে ১৮ বছর বয়সী সানা নরউইচ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। পোশাকে বিশেষ অনুমতি পেলেও প্রশিক্ষণের ক্ষেত্রে তাঁকে অন্য ক্যাডেটদের মতোই কঠোর নিয়ম মেনে চলতে হয়েছে। সহপাঠীদের সঙ্গে পাহাড়ে ভারী ব্যাগ নিয়ে ওঠা থেকে শুরু করে শারীরিক সক্ষমতার পরীক্ষা, সব ক্ষেত্রেই একই মানদণ্ড অনুসরণ করেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, হিজাব পরার কারণে তাঁকে বাড়তি কোনো সুবিধা দেওয়া হয়নি কিংবা অন্যদের তুলনায় আলাদা করে দেখা হয়নি। সানার লক্ষ্য ছিল ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা। তিনি মনে করতেন, নিজের ধর্মীয় বিশ্বাস বজায় রাখা এবং দেশের জন্য কাজ করার আকাঙ্ক্ষা পরস্পরের বিরোধী হওয়া উচিত নয়। নরউইচের সিদ্ধান্ত তাঁকে সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয়ে তাঁর সহপাঠীদের মধ্যেও বিষয়টি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। শুরুতে অনেকের কৌতূহল থাকলেও হিজাব পরা নিয়ে ক্যাম্পাসে বড় কোনো সমস্যা তৈরি হয়নি বলে সে সময়ের প্রতিবেদনে উঠে আসে। সানার ঘটনাটি সে সময় যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা, সামরিক শৃঙ্খলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পোশাকের অভিন্নতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছিল। একদিকে দ্য সিটাডেল তাদের দীর্ঘদিনের পোশাকবিধি বজায় রাখার পক্ষে অবস্থান নেয়, অন্যদিকে নরউইচ দেখায়, ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখেও কঠোর সামরিক প্রশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের সামরিক শিক্ষায় ধর্মীয় বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়ার আলোচনায় সানা হামজের এই অভিজ্ঞতা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। সংবাদসূত্র: দ্য বোস্টন গ্লোব, ভয়েস অব আমেরিকা, দ্য ওয়াশিংটন পোস্ট।
নিউ ইয়র্ক সিটির প্রায় ১ লাখ ৮০ হাজার ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির চালকের জন্য কর্মস্থলেই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। এ লক্ষ্যে জন এফ কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া বিমানবন্দরে চালু হচ্ছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র। সেখানে চালকেরা স্বাস্থ্য পরীক্ষা, টিকা, চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্যবিমায় নিবন্ধনের সহায়তা পাবেন। আগামী সোমবার (২৩ নভেম্বর) জেএফকে বিমানবন্দরে প্রথম কেন্দ্রটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ২০ নভেম্বর শুক্রবার মেয়র মামদানি এ কর্মসূচির ঘোষণা দেন। নিউইয়র্ক সিটির ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি), মেট্রোপ্লাস হেলথ এবং পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সির যৌথ উদ্যোগে কেন্দ্রগুলো পরিচালিত হবে। শহরের দুই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৩৪ হাজার যাত্রী ওঠানামার জন্য গাড়িতে উঠছেন বলে জানিয়েছে মেয়রের দপ্তর। এসব বিমানবন্দরে যাত্রী পাওয়ার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন চালকেরা। সেই কর্মস্থলেই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রক্তচাপ পরীক্ষা, প্রোস্টেট পরীক্ষা, যৌনবাহিত সংক্রমণ শনাক্তের পরীক্ষা এবং টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যবিমা ও এসএনএপি খাদ্য সহায়তা কর্মসূচিতে নিবন্ধনের জন্য সহযোগিতা, পুষ্টিবিষয়ক পরামর্শ এবং একই দিনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সব সেবা প্রতিদিন পাওয়া যাবে না। সপ্তাহভিত্তিক পরিবর্তিত সূচিতে বিভিন্ন সেবা দেওয়া হবে। প্রথম কেন্দ্রটি সোমবার জেএফকে বিমানবন্দরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। শুধু বিমানবন্দরে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। যেসব এলাকায় ট্যাক্সিচালকদের বসবাস ও কর্মতৎপরতা বেশি, সেসব জায়গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি ভ্রাম্যমাণ সেবাযানও চালু করবে টিএলসি। জ্যাকসন হাইটস ও সাউথ ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় এই যান সেবা দেবে। এর ফলে বিমানবন্দরে যাতায়াত করতে হয় না এমন চালকেরাও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। দীর্ঘ কর্মঘণ্টা ও অনিয়মিত কাজের কারণে অনেক চালকের পক্ষে নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসার জন্য কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখলে সেই সময়ের আয়ও হারাতে হয়। আবার অনেক চালকের পর্যাপ্ত স্বাস্থ্যবিমা নেই। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ সময়মতো শনাক্ত ও চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মস্থলের কাছেই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নগর প্রশাসন। মেয়র মামদানি বলেন, জীবিকা অর্জন এবং চিকিৎসা নেওয়ার মধ্যে কাউকে যেন একটি বেছে নিতে বাধ্য হতে না হয়। চালকেরা যাতে কাজের জায়গা থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক চিকিৎসা নিতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, নগরীর পরিবহনব্যবস্থা সচল রাখতে যাঁরা প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেন, তাঁদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা প্রয়োজন। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি চালকদের স্বাস্থ্য সুরক্ষায় আরও বড় ধরনের সুবিধার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, গত গ্রীষ্মে কর্মরত অবস্থায় নিউইয়র্কের চার ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। তাঁদের প্রত্যেকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা ছিল, কিন্তু চিকিৎসার জন্য বিনা বেতনে ছুটি নেওয়ার আর্থিক সামর্থ্য ছিল না। বিমানবন্দরে স্বাস্থ্যসেবা চালু করাকে তিনি চালকদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও কল্যাণ সুবিধা, বেতনসহ ছুটি এবং সম্মানজনক অবসরের অধিকার আদায়ের প্রচেষ্টার প্রথম ধাপ হিসেবে দেখছেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্বাস্থ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান লিন শুলম্যানও উদ্যোগটিকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। একজন ট্যাক্সিচালকের সন্তান হিসেবে তিনি জানেন, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে অনেক চালক নিজেদের স্বাস্থ্যকে অবহেলা করেন। তাই তাঁদের জন্য সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি। ট্যাক্সিচালকদের সঙ্গে মামদানির সম্পর্ক অবশ্য নতুন নয়। মেয়র নির্বাচিত হওয়ার কয়েক বছর আগেই তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। ২০২১ সালের অক্টোবরে তৎকালীন অ্যাসেম্বলি সদস্য মামদানি সিটি হলের সামনে ট্যাক্সিচালকদের ১৫ দিনের অনশন কর্মসূচিতে যোগ দেন। ট্যাক্সি মেডেলিয়ন কেনার ঋণের বোঝা কমানোর দাবিতে চলা ওই আন্দোলনে অংশ নিয়ে তিনি একপর্যায়ে গ্রেপ্তারও হয়েছিলেন। পরে আন্দোলনের পর নিউইয়র্ক সিটি ও ঋণদাতাদের মধ্যে সমঝোতা হয়। এতে যোগ্য চালকদের মেডেলিয়ন ঋণ ১ লাখ ৭০ হাজার ডলারে নামিয়ে আনা এবং ঋণের কিস্তিতে নগর সরকারের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবার মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় সেই চালকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিলেন মামদানি। তবে এই কর্মসূচির মাধ্যমে সব চালকের জন্য নতুন কোনো স্বাস্থ্যবিমা চালু করা হচ্ছে না। বরং স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং বিদ্যমান স্বাস্থ্যবিমা ও সরকারি খাদ্য সহায়তায় নিবন্ধনের সুযোগ সহজ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে পিছিয়ে থাকা পরিবহনকর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও কল্যাণ সুবিধা নিশ্চিত করার দাবি এখনো রয়েছে। সংবাদসূত্র: নিউইয়র্ক সিটির মেয়র দপ্তর, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স।
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সময় শুধু ডাউন পেমেন্টের অর্থ জমা রাখলেই হয় না, এর পাশাপাশি ক্রেতাকে দিতে হয় ক্লোজিং কস্ট। বাড়ির দাম ও ডাউন পেমেন্টের বাইরে এই অতিরিক্ত খরচ অনেক সময় কয়েক হাজার ডলারে পৌঁছায়। ফলে অনেকের পর্যাপ্ত ডাউন পেমেন্ট থাকলেও ক্লোজিং কস্টের অর্থ জোগাড় করতে গিয়ে বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রে প্রচলিত কিছু মর্টগেজ সুবিধা, বিক্রেতার আর্থিক সহায়তা এবং বিশেষ সরকারি কর্মসূচির মাধ্যমে এই খরচ কমানো, এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের পকেট থেকে ক্লোজিং কস্ট না দিয়েও বাড়ি কেনা সম্ভব। ক্লোজিং কস্ট কী এবং কেন দিতে হয়? বাড়ি কেনার সময় মর্টগেজ লোন প্রসেসিং, সম্পত্তির মালিকানা যাচাই, আইনি কার্যক্রম এবং সরকারি রেকর্ডে মালিকানা পরিবর্তনের জন্য বিভিন্ন ফি দিতে হয়। এসব খরচের সম্মিলিত নাম ক্লোজিং কস্ট। এর মধ্যে সাধারণত লেন্ডারের লোন অরিজিনেশন ফি, অ্যাপ্রেইজাল, ক্রেডিট রিপোর্ট, টাইটেল সার্চ, টাইটেল ইন্স্যুরেন্স, অ্যাটর্নি বা সেটেলমেন্ট ফি এবং সরকারি রেকর্ডিং চার্জ অন্তর্ভুক্ত থাকে। এ ছাড়া প্রপার্টি ট্যাক্স, হোমওনার্স ইন্স্যুরেন্স এবং এসক্রো অ্যাকাউন্টের জন্য আগাম অর্থ জমা দিতে হতে পারে। ফ্রেডি ম্যাকের তথ্য অনুযায়ী, সাধারণভাবে বাড়ির ক্রয়মূল্যের ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ক্লোজিং কস্ট হতে পারে। অর্থাৎ, ৪ লাখ ডলারের বাড়ির ক্ষেত্রে এই খরচ আনুমানিক ৮ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে এটি নির্দিষ্ট কোনো বাড়ির চূড়ান্ত হিসাব নয়। স্টেট, স্থানীয় নিয়ম, লেন্ডার এবং মর্টগেজের ধরন অনুযায়ী খরচ পরিবর্তিত হয়। ক্লোজিং কস্ট ছাড়া বাড়ি কেনার কয়েকটি উপায়: ক্রেতার ক্লোজিং কস্ট কমানোর একটি উপায় হলো Seller Credit বা Seller Concession। এ ক্ষেত্রে বাড়ির বিক্রেতার সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিতে এমন শর্ত রাখা যায়, যাতে বিক্রেতা ক্রেতার ক্লোজিং কস্টের একটি অংশ বা অনুমোদিত সীমার মধ্যে পুরো খরচ পরিশোধ করেন। তবে বিক্রেতা এই সুবিধা দিতে বাধ্য নন। বাড়ির বাজার পরিস্থিতি, দর-কষাকষি এবং মর্টগেজের নিয়মের ওপর বিষয়টি নির্ভর করে। আরেকটি উপায় হলো Lender Credit। এতে মর্টগেজ লেন্ডার ক্রেতার ক্লোজিং কস্টের কিছু অংশ বা পুরোটা বহন করতে পারে। তবে এর বিনিময়ে অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি সুদের হার নিতে হয়। ফলে শুরুতে অর্থ সাশ্রয় হলেও দীর্ঘমেয়াদে মর্টগেজের খরচ বেড়ে যেতে পারে। তাই ঋণ নেওয়ার আগে সুদের হার ও মোট পরিশোধের হিসাব তুলনা করা জরুরি। এ ছাড়া প্রথমবার বাড়ি কিনছেন এমন যোগ্য ক্রেতাদের জন্য বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ে Down Payment Assistance এবং Closing Cost Assistance কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে অনুদান, স্বল্পসুদের ঋণ কিংবা অন্যান্য আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। তবে আয়, বাড়ির মূল্য, ক্রেতার যোগ্যতা ও বসবাসের শর্ত অনুযায়ী সুবিধা নির্ধারিত হয়। তবে মনে রাখতে হবে, ক্লোজিং কস্টের জন্য বিক্রেতার সহায়তা বা অন্য কোনো ক্রেডিট সাধারণত ডাউন পেমেন্টের বিকল্প নয়। ফ্যানি মে-র কনভেনশনাল মর্টগেজের নিয়ম অনুযায়ী, বিক্রেতার আর্থিক সহায়তা নির্দিষ্ট সীমার মধ্যে ক্লোজিং কস্টে ব্যবহার করা যায়, কিন্তু ক্রেতার ডাউন পেমেন্ট পরিশোধে ব্যবহার করা যায় না। বাড়ি কেনার আগে কী করবেন? বিশেষজ্ঞদের পরামর্শ হলো, বাড়ি কেনার পরিকল্পনার শুরুতেই লেন্ডারের কাছ থেকে Loan Estimate সংগ্রহ করে সম্ভাব্য সব খরচ জেনে নেওয়া। পাশাপাশি একাধিক লেন্ডারের প্রস্তাব তুলনা করা, বিক্রেতার কাছ থেকে ক্লোজিং কস্টে সহায়তা চাওয়া এবং নিজের এলাকার সরকারি বা স্থানীয় হাউজিং সহায়তা কর্মসূচি সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। চূড়ান্ত পর্যায়ে Closing Disclosure ভালোভাবে যাচাই করে কত টাকা নিজের পকেট থেকে দিতে হবে, তা নিশ্চিত হওয়া জরুরি। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে ক্লোজিং কস্ট না দিয়েও বাড়ি কেনা সম্ভব হতে পারে, তবে এর অর্থ এই নয় যে খরচটি মওকুফ হয়ে যাচ্ছে। বরং বিক্রেতা, লেন্ডার কিংবা সহায়তা কর্মসূচির মাধ্যমে সেই খরচের দায় অন্যভাবে মেটানো হচ্ছে। সঠিক পরিকল্পনা ও উপযুক্ত সুযোগ কাজে লাগাতে পারলে বাড়ি কেনার প্রাথমিক আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের স্বাস্থ্যবিমার সরকারি আর্থিক সহায়তা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন আইনের আওতায় নির্দিষ্ট কয়েকটি অভিবাসন অবস্থার মানুষই স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়াম কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পাবেন। যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা ওয়েবসাইট হেলথকেয়ার ডট গভ জানিয়েছে, নতুন নিয়মে গ্রিন কার্ডধারী, কিউবান ও হাইতিয়ান প্রবেশকারী এবং নির্দিষ্ট দ্বীপাঞ্চলের চুক্তিভিত্তিক অভিবাসীরা এই আর্থিক সহায়তার যোগ্য থাকবেন। অন্যদিকে, আশ্রয়প্রার্থী, শরণার্থী, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, কাজের অনুমতিপত্রধারী এবং বিভিন্ন অস্থায়ী ভিসায় থাকা ব্যক্তিদের অনেকে নতুন নিয়মে এই সরকারি আর্থিক ছাড় পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারি আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতা হারালেই স্বাস্থ্যবিমা কেনার অধিকার সম্পূর্ণ হারিয়ে যাবে না। অনেক অভিবাসী নতুন নিয়মেও স্বাস্থ্যবিমা মার্কেটপ্লেস থেকে নিজ খরচে বিমা কিনতে পারবেন। এই পরিবর্তনের ফলে যেসব পরিবারের সদস্যদের অভিবাসন অবস্থায় পার্থক্য রয়েছে, তাঁদের মাসিক স্বাস্থ্যবিমার খরচেও পার্থক্য তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যাঁরা কাজের অনুমতিপত্র, আশ্রয়প্রার্থী হিসেবে স্বীকৃতি, সাময়িক সুরক্ষা বা অন্যান্য বৈধ অভিবাসন অবস্থায় রয়েছেন, তাঁদের নতুন নিয়ম অনুযায়ী নিজেদের যোগ্যতা যাচাই করা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, স্বাস্থ্যবিমার আবেদন করার সময় নিজের অভিবাসন অবস্থা, পরিবারের সদস্যসংখ্যা ও আয়সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। সরকারি নোটিশ না পড়ে পুরোনো বিমা বাতিল করা উচিত নয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা ওয়েবসাইটে।সংবাদসূত্র: হেলথকেয়ার ডট গভ, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ।
যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারাও একই ধরনের প্রস্তাবের পক্ষে থাকায় বিষয়টি নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ২২ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, নতুন কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করে ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে নামানোর উদ্যোগ নিতে চান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মধ্যম সুদের হার প্রায় ২২ দশমিক ২ শতাংশ। ফলে ১০ শতাংশে নামানো সম্ভব হলে অনেক গ্রাহকের ঋণের সুদ বাবদ ব্যয় কমতে পারে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন তাঁরা, যাঁরা প্রতি মাসে ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিল পরিশোধ করতে পারেন না এবং বকেয়া অর্থের ওপর সুদ দিতে হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। বাড়িভাড়া, বাজার খরচ, গাড়ির কিস্তি ও চিকিৎসার ব্যয় মেটাতে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সুদের হার কমলে তাঁদের মাসিক আর্থিক চাপ কমতে পারে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরোধিতার আশঙ্কা রয়েছে। তাঁদের যুক্তি, সুদের হার আইন করে সীমিত করলে কিছু গ্রাহকের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি এখনো প্রস্তাব। যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে নামানোর কোনো চূড়ান্ত আইন কার্যকর হয়নি। প্রস্তাবটি বাস্তবায়নের জন্য কংগ্রেসের আইনগত পদক্ষেপ প্রয়োজন হবে। ফলে গ্রাহকদের এখনই সুদের হার কমে গেছে বলে ধরে নেওয়া উচিত নয়।সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী গ্রিন কার্ডধারীদের মধ্যেও নতুন করে অভিবাসনসংক্রান্ত আইনি জটিলতা দেখা যাচ্ছে। পুরোনো ফৌজদারি মামলার তথ্য, ভোটার নিবন্ধন এবং অভিবাসন আবেদনে দেওয়া তথ্যের অসংগতি খুঁজে বিমানবন্দর ও সীমান্তে কিছু স্থায়ী বাসিন্দাকে আটক করছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা কিছু গ্রিন কার্ডধারী বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দর ও সীমান্তে অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হচ্ছেন। তাঁদের কারও বিরুদ্ধে কয়েক দশক আগের মামলা বা অভিযোগের তথ্য নতুন করে সামনে আনা হচ্ছে। প্রতিবেদনে ৭৫ বছর বয়সী সান হুয়ানিতা গুয়েরার ঘটনা তুলে ধরা হয়েছে। তিনি প্রায় ৩০ বছর আগের একটি অস্ত্রসংক্রান্ত মামলার কারণে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় আটক হন। তাঁর পরিবার ও আইনজীবীর সহায়তায় তিনি ২২ দিন পর জামিনে মুক্তি পান। আরেকটি ঘটনায়, দীর্ঘদিনের গ্রিন কার্ডধারী এমিলিয়ানো আন্দ্রাদে কোভাররুবিয়াসকে পুরোনো চুরির মামলার তথ্য গোপনের অভিযোগে আটক করা হয়েছিল। পরে অক্টোবর মাসে তিনি অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে মারা যান। তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে আইনজীবীরা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে পুরোনো অভিযোগের তথ্য ভুল বা অসম্পূর্ণ হতে পারে। এমনকি কোনো মামলা খারিজ হয়ে গেলেও আগের অভিবাসন আবেদনে সেটি প্রকাশ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় যাচাই করা হচ্ছে। তবে কতজন গ্রিন কার্ডধারী আটক হয়েছেন, সে বিষয়ে বিভাগটি নির্দিষ্ট সংখ্যা জানায়নি। বাংলাদেশি গ্রিন কার্ডধারীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের অতীতে কোনো গ্রেপ্তার, মামলা, আদালতের রায়, ভোটার নিবন্ধনসংক্রান্ত ভুল বা অভিবাসন আবেদনে তথ্যগত অসংগতি রয়েছে, তাঁদের বিদেশ ভ্রমণের আগে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। বিদেশ ভ্রমণের আগে নিজের গ্রিন কার্ডের মেয়াদ, পুরোনো আদালতের নথি এবং অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা ভালো। কোনো তথ্য গোপন না করে আইনজীবীর কাছে নিজের পরিস্থিতি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তবে মনে রাখতে হবে, গ্রিন কার্ডধারী হলেই সবাই আটকের ঝুঁকিতে রয়েছেন—এমন নয়। এটি কিছু নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন। প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি ও আইনি অবস্থান আলাদা।সংবাদসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের স্বাস্থ্যবিমার জন্য আবেদন ও বিমা পরিবর্তনের কার্যক্রম চলছে। যেসব বাংলাদেশি পরিবার ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিমা কেনেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নতুন বছরের শুরুতে স্বাস্থ্যবিমা পেতে জটিলতা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা মার্কেটপ্লেসের নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৭ সালের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করে প্রথম কিস্তি পরিশোধ করলে ১ জানুয়ারি ২০২৭ থেকে বিমা কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। তবে ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলে সাধারণত বিমা কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। এবার স্বাস্থ্যবিমার ক্ষেত্রে অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন আইনের কারণে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিমার খরচ কমাতে সরকারি আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতায় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী এবং নির্দিষ্ট কিছু অভিবাসন শ্রেণির মানুষ আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য থাকবেন। অন্যদিকে, আগে যোগ্য ছিলেন এমন কিছু বৈধ অভিবাসী নতুন নিয়মে সরকারি ভর্তুকি হারাতে পারেন। ফলে কিছু পরিবারের মাসিক স্বাস্থ্যবিমার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যাঁরা সরকারি আর্থিক সহায়তার ওপর নির্ভর করে স্বাস্থ্যবিমা কিনেছেন, তাঁদের নতুন করে যোগ্যতা যাচাই করা প্রয়োজন। বাংলাদেশি প্রবাসীদের জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, আগের বছরের বিমা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে ধরে নেওয়া ঠিক হবে না। দ্বিতীয়ত, পরিবারের সদস্যদের আয় ও অভিবাসন অবস্থার তথ্য সঠিকভাবে দিতে হবে। তৃতীয়ত, নতুন বছরের বিমা বেছে নেওয়ার আগে মাসিক প্রিমিয়াম, চিকিৎসকের নেটওয়ার্ক, ওষুধের খরচ এবং নিজস্ব চিকিৎসা ব্যয়ের সীমা যাচাই করতে হবে। স্বাস্থ্যবিমার আবেদন ও যোগ্যতা যাচাইয়ের জন্য সরকারি ওয়েবসাইট HealthCare.gov ব্যবহার করা যাবে। সেখানে বিভিন্ন বিমা পরিকল্পনা তুলনা এবং আবেদন করার সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ সময়সীমা: - ১ নভেম্বর ২০২৬: আবেদন শুরু। - ১৫ ডিসেম্বর ২০২৬: জানুয়ারি থেকে বিমা চালুর জন্য আবেদনের শেষ সময়। - ১ জানুয়ারি ২০২৭: নির্ধারিত সময়ে আবেদনকারীদের বিমা কার্যকর। - ১৫ জানুয়ারি ২০২৭: সাধারণ আবেদন কার্যক্রমের শেষ দিন। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা মার্কেটপ্লেস, সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস এবং কেএফএফ।
যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ঋণ নেওয়া শিক্ষার্থীদের ঋণের হিসাব আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশটির কংগ্রেসে নতুন একটি বিল আবারও উত্থাপন করেছেন দুই দলের দুই আইনপ্রণেতা। গত ২০ নভেম্বর রিপাবলিকান দলের প্রতিনিধি বব ওন্ডার এবং ডেমোক্র্যাট দলের প্রতিনিধি ইউজিন ভিন্ডম্যান যৌথভাবে ‘শিক্ষাঋণের তথ্য প্রকাশে স্বচ্ছতা আইন, ২০২৬’ নামের বিলটি পুনরায় উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে শিক্ষার্থীদের ঋণ দেওয়ার আগে ঋণের সুদের হার, বিভিন্ন খরচ এবং সম্ভাব্য মাসিক কিস্তির পরিমাণ স্পষ্টভাবে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ঋণগ্রহীতাদের প্রতি মাসে ঋণের বিস্তারিত হিসাব দেওয়ার প্রস্তাব রয়েছে। আইনপ্রণেতাদের মতে, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ মেটাতে ঋণ নিলেও ঋণের প্রকৃত ব্যয়, সুদের পরিমাণ এবং ভবিষ্যতে কত টাকা পরিশোধ করতে হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পান না। ফলে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের পর অনেকেই আর্থিক চাপে পড়েন। নতুন বিলটি কার্যকর হলে শিক্ষার্থীরা ঋণ নেওয়ার আগেই সম্ভাব্য মাসিক কিস্তি সম্পর্কে জানতে পারবেন। ঋণের সুদ, ফি এবং অন্যান্য খরচের তথ্যও নিয়মিত হাতে পাবেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ঋণ নেওয়ার আগে নিজেদের আর্থিক সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। রিপাবলিকান আইনপ্রণেতা বব ওন্ডার বলেছেন, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের কলেজে পড়াশোনার প্রকৃত খরচ এবং ঋণ নেওয়ার আর্থিক দায় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইউজিন ভিন্ডম্যানের মতে, ঋণের জটিল শর্ত ও অস্পষ্ট হিসাবের কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়া উচিত নয়। ঋণগ্রহীতাদের সহজ ভাষায় প্রয়োজনীয় তথ্য দেওয়া জরুরি। প্রস্তাবিত বিলে ঋণ দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য প্রকাশের পাশাপাশি প্রতি মাসে ঋণের হিসাব দেওয়ার বিধান রাখার কথা বলা হয়েছে। আইনটি পাস হলে অনুমোদনের পর অন্তত ১২ মাস পার হওয়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এর কার্যকারিতা শুরু করার প্রস্তাব রয়েছে। তবে বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি। তাই শিক্ষার্থীদের জন্য মাসিক হিসাব দেওয়ার নতুন বাধ্যবাধকতাও এখনো কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার জন্য ঋণ নেওয়ার আগে সুদের হার, পরিশোধের সময়সীমা এবং অতিরিক্ত খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। নতুন প্রস্তাবটি পাস হলে ঋণসংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হতে পারে। সংবাদ সূত্র: মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের প্রকাশিত বিজ্ঞপ্তি।
যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত মেনে নিলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর বক্তব্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এবং বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আরাগচির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের দাবিগুলো মেনে নিতে হবে এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধের বিষয়ে সমাধানে আসতে হবে। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান ইতিবাচক সিদ্ধান্ত নেবে না। ইরানের প্রস্তাবিত সমঝোতা পরিকল্পনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরবর্তী সময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মতি দিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক বাজারে সরবরাহ হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, পণ্যের দাম এবং বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো হরমুজ প্রণালির পরিস্থিতির দিকে নজর রাখছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে পারে। তবে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদসূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি, ইউএনবি।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই অভিবাসীদের আটক রাখার জন্য নির্ধারিত খালি শয্যার পেছনে প্রতি মাসে প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করেছে। সরকারি নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত আইসিই ৬৪টি আটককেন্দ্রে মোট ৪৬ হাজার ৬৮৮টি শয্যার জন্য অর্থ পরিশোধের চুক্তিতে ছিল। এসব শয্যা ব্যবহার করা হোক বা না হোক, নির্ধারিত অর্থ দিতে হয়েছে সংস্থাটিকে। জিএওর হিসাব অনুযায়ী, ওই সময়ে প্রতিদিন গড়ে ৯ হাজার ৭৩৩টি শয্যা খালি ছিল। পাঁচটি নতুন বা সম্প্রসারিত আটককেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এর মধ্যে চারটিতে খালি শয্যার জন্য আইসিইর মাসিক ব্যয় ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার। প্রতিবেদনে আইসিইর গুদাম কেনার উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংস্থাটি ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ১০৭ কোটি ডলার ব্যয়ে ১১টি গুদাম কিনেছিল। পরে পরিকল্পনা সংকুচিত করে এসবের মধ্যে সাতটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। জিএওর তথ্য অনুযায়ী, ১১টি গুদামের মধ্যে নয়টির জন্য সংশ্লিষ্ট রাজ্য বা স্থানীয় সরকারের নির্ধারিত করমূল্যের চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি অর্থ দিয়েছে আইসিই। সাতটির ক্ষেত্রে মূল্যায়িত দামের অন্তত দ্বিগুণ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে তিনটি গুদামের ক্রয়মূল্য মূল্যায়িত দামের তিন গুণেরও বেশি ছিল। গুদাম কেনার এই উদ্যোগে ব্যয় করা অর্থের পাশাপাশি বিক্রির প্রস্তুতি নেওয়া সাতটি সম্পত্তির জন্য যাচাই-বাছাই ও অন্যান্য কাজে প্রায় ৭৭ লাখ ডলার ব্যয় হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এসব সম্পত্তির নিরাপত্তা, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবায় আরও প্রায় ১ কোটি ২৮ লাখ ডলার খরচ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জিএও আরও জানিয়েছে, ২০২৫ অর্থবছরে আটককেন্দ্র পরিচালনায় আইসিইর ব্যয় ছিল প্রায় ২৮০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের আইনে সংস্থাটি অভিবাসন আটক কার্যক্রমের জন্য ৪৫০০ কোটি ডলারের অর্থায়ন পেয়েছিল।প্রতিবেদনে আইসিইর ব্যয় পরিকল্পনা হালনাগাদ না করা, নতুন আটককেন্দ্র কেনার আগে পূর্ণাঙ্গ ব্যয়-সাশ্রয় মূল্যায়ন না করা এবং চুক্তির তদারকিতে জনবলসংকটের বিষয়ও তুলে ধরা হয়েছে। সংস্থাটির ৮৭টি তদারকি পদের মধ্যে ৫৫টি পদ খালি ছিল বলে জিএও জানিয়েছে। জিএওর প্রতিবেদনে এসব ব্যয় ও পরিকল্পনার দুর্বলতা তুলে ধরে ভবিষ্যতে নতুন উদ্যোগ চালু রাখার আগে তার ব্যয়-সাশ্রয় যাচাই এবং অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়মিত হালনাগাদ করার সুপারিশ করা হয়েছে। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি নিরীক্ষা সংস্থা জিএও, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের কাছ থেকে তথ্য চাওয়ার অনুরোধ পেলেই হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। পাশাপাশি প্রশাসন যেসব যোগাযোগ বা তথ্যকে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকারভুক্ত বলে মনে করবে, সেগুলো প্রকাশ না করার নির্দেশও মানতে হবে ঠিকাদারদের। আদেশ অনুযায়ী, কংগ্রেসের কোনো কমিটি বা সদস্য কোনো প্রতিষ্ঠানের কাছে সরকারি কাজ কিংবা নির্বাহী বিভাগের সঙ্গে তাদের যোগাযোগসংক্রান্ত তথ্য চাইলে প্রতিষ্ঠানটিকে দ্রুত হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। এরপর কীভাবে সেই অনুরোধের জবাব দেওয়া হবে, তা প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের কাজ পাওয়ার সুযোগও বন্ধ করে দেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি গোপনীয়তা ও প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ গোপন রাখা প্রয়োজন। তবে নতুন আদেশের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, এর মাধ্যমে কংগ্রেসের সাংবিধানিক তদারকি ও তদন্তের ক্ষমতা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন, এই আদেশ কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব পালনের অধিকারের ওপর আঘাত। অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতা জেমি রাসকিন আদেশটিকে নজিরবিহীন ও বেআইনি বলে সমালোচনা করেছেন। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা। তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, সরকারি ব্যয় এবং প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছে। নতুন আদেশকে সেই সম্ভাব্য তদন্তের সঙ্গে সম্পর্কিত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তবে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার সব ধরনের তথ্য গোপন রাখার সীমাহীন ক্ষমতা নয়। কোন তথ্য এই বিশেষাধিকারের আওতায় পড়বে, তা নিয়ে কংগ্রেস ও প্রশাসনের মধ্যে আইনি বিরোধ তৈরি হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন আদেশটি যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান বা সাধারণ কর্মীদের জন্য নয়। এটি মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং তাদের উপঠিকাদারদের ক্ষেত্রে প্রযোজ্য। সংবাদসূত্র: Associated Press (AP)।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে থ্যাংকসগিভিংয়ের ছুটিকে সামনে রেখে ভারী বৃষ্টি, ঝড়ো বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগর থেকে নতুন ঝড় এগিয়ে আসার পাশাপাশি বছরের অন্যতম উচ্চ জোয়ার বা ‘কিং টাইড’ দেখা দেওয়ার পূর্বাভাস রয়েছে। এতে বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকা ও উপকূলীয় নিচু অঞ্চলগুলোতে বন্যার ঝুঁকি বাড়তে পারে। ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। এর সঙ্গে প্রশান্ত মহাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পবাহী বায়ুপ্রবাহ যুক্ত হওয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত এবং উপকূলে শক্তিশালী ঢেউ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান ফ্রান্সিসকো উপকূল ও সান পাবলো বে এলাকায় জোয়ারের কারণে নিচু স্থানে প্রায় ২ দশমিক ৮ ফুট পর্যন্ত পানি জমতে পারে। এতে সড়ক, অবকাঠামো ও উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র আগেই সংগ্রহ করে রাখতে বলেছেন। শহর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থাপনা কার্যক্রমও জোরদার করেছে। মেরিন কাউন্টিতেও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে জোয়ারের সময় নিচু ও উপকূলীয় এলাকায় গাড়ি চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ পানি বেড়ে গেলে সড়ক বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় অস্থায়ী বন্যা প্রতিরোধক দেয়াল ও পানি আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। সান ফ্রান্সিসকো-ওকল্যান্ড বে ব্রিজের টোল প্লাজার কাছেও বিশেষ বন্যা প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পশ্চিম আলামেডা থেকে ওকল্যান্ডে যাওয়ার গুরুত্বপূর্ণ পোসি টিউব সুড়ঙ্গও বন্যার ঝুঁকির কারণে বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও উপকূলীয় বন্যা ও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। হান্টিংটন বিচ, নিউপোর্ট বিচ, লং বিচ, রেডন্ডো বিচ ও সান ডিয়েগোর মতো এলাকায় আগে থেকেই উপকূলীয় পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যার প্রভাব দেখা গেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এবারের অস্বাভাবিক জোয়ার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিমানবন্দর, মহাসড়ক ও স্থানীয় পরিবহন ব্যবস্থায় বিলম্ব তৈরি করতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোর পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণের আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস, বিমান সংস্থার ফ্লাইটের অবস্থা এবং সড়কের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যার পানিতে গাড়ি চালানো, বন্ধ সড়কে প্রবেশ এবং বড় ঢেউয়ের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে বলেছে কর্তৃপক্ষ। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে পরিবার নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও জাতীয় আবহাওয়া বিভাগের সতর্কবার্তা অনুসরণ করাই হবে নিরাপদ। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, লস অ্যাঞ্জেলেস টাইমস, ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এবিসি নিউজ।
যুক্তরাষ্ট্রে সরকারি ভর্তুকিতে পরিচালিত আবাসন সুবিধা পাওয়া অভিবাসী পরিবারগুলোর জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নিয়মের ফলে একই পরিবারের সদস্যদের মধ্যে কারও বৈধ অভিবাসন মর্যাদা থাকলেও অন্য সদস্যের সেই যোগ্যতা না থাকলে পুরো পরিবার আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা হয়েছে। ২০ নভেম্বর প্রকাশিত জিবিএইচ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ম্যাসাচুসেটসের কয়েকটি আবাসন অধিকার সংগঠন ও ভাড়াটিয়াদের সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের দাবি, নতুন নিয়মের কারণে নিম্ন আয়ের অনেক অভিবাসী পরিবারকে সরকারি আবাসন ছেড়ে দিতে হতে পারে অথবা পরিবারের সদস্যদের আলাদা থাকতে বাধ্য হতে হতে পারে। যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ গত ১২ নভেম্বর নতুন নিয়ম প্রকাশ করে। আগামী ১৪ ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।আগের নিয়মে একই পরিবারের কিছু সদস্য সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্য না হলেও অন্য যোগ্য সদস্যদের জন্য আনুপাতিক হারে ভর্তুকি দেওয়া হতো। ফলে পরিবারের সবাই একসঙ্গে বসবাস করতে পারতেন। নতুন নিয়মে এই সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব পরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তান রয়েছে, কিন্তু মা-বাবার কারও অভিবাসন মর্যাদা সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্যতার মধ্যে পড়ে না, তারা বেশি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অধিকারকর্মীরা। মামলাকারীদের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে অনেক পরিবারকে বর্তমান বাসস্থান ছাড়তে হতে পারে। এতে শিশুদের পড়াশোনা, পরিবারের স্থিতিশীলতা এবং দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মামলায় আরও বলা হয়েছে, নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সরকারি আবাসনের বাসিন্দাদের নাগরিকত্ব, জন্মসনদ ও আর্থিক নথিপত্রসহ অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে। এতে বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দারাও বাড়তি ভোগান্তিতে পড়তে পারেন। সরকারি হিসাব অনুযায়ী, নতুন নিয়মের আওতায় প্রায় ৮৫ লাখ মানুষ বসবাস করেন এমন সরকারি ও ভর্তুকিপ্রাপ্ত আবাসন ব্যবস্থায় যাচাইয়ের নতুন শর্ত প্রযোজ্য হবে। তবে কতজন বাস্তবে বাসস্থান হারাবেন, তা নিয়ে বিভিন্ন পক্ষের হিসাব আলাদা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আবাসন বিভাগ বলছে, যাদের সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নেই, তাদের জন্য ফেডারেল ভর্তুকি দেওয়া যাবে না। নিয়মে যোগ্যতা যাচাই ও আপিলের সুযোগও রাখা হয়েছে। আদালতে করা মামলায় নতুন নিয়ম কার্যকরের সময় পিছিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত নিয়মটি বাতিলের আবেদন জানানো হয়েছে। তবে আদালত এখনো নতুন নিয়ম স্থগিত করেনি। বিশেষজ্ঞ ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর মতে, সরকারি ভর্তুকিপ্রাপ্ত আবাসনে বসবাসকারী অভিবাসী পরিবারগুলোর উচিত নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই জানা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা। তবে আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দেওয়ার আগে আইনজীবী বা অভিবাসী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া জরুরি। সংবাদসূত্র: জিবিএইচ নিউজ, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার।
মালয়েশিয়ায় পবিত্র কোরআন মুদ্রণের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্যবাহী ইসলামী ক্যালিগ্রাফি এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয় গড়ে উঠেছে। দেশটির পুত্রজায়ায় অবস্থিত নাসরুল কোরআন কমপ্লেক্সে অত্যন্ত যত্ন ও বিশেষ নিয়ম মেনে তৈরি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন সংস্করণ। কমপ্লেক্সটিতে কোরআন মুদ্রণের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিশেষ শৃঙ্খলা ও ধর্মীয় নিয়ম অনুসরণ করা হয়। পবিত্র কোরআন নিয়ে কাজ করার আগে কর্মীদের অজু করতে হয়। প্রতিষ্ঠানটির গাইড মুহাম্মদ আশরাফ আমির জানিয়েছেন, কোরআন নিয়ে কাজ করার সময় কর্মীদের অজুর অবস্থায় থাকতে হয়। মালয়েশিয়ার এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ কোরআন মুদ্রণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন মুদ্রণের সক্ষমতা রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার কপি তৈরির সক্ষমতাও রয়েছে প্রতিষ্ঠানটির। মুদ্রণ প্রক্রিয়ায় ৫০ থেকে ৮০ জন কর্মী দায়িত্ব পালন করেন। প্রথমে বড় কাগজে কোরআনের পৃষ্ঠা ছাপানো হয়। এরপর বিশেষজ্ঞরা প্রতিটি পৃষ্ঠার লেখা, রং ও মুদ্রণের মান পরীক্ষা করেন। আরবি ভাষায় দক্ষ এবং কোরআন মুখস্থ রয়েছে—এমন ব্যক্তিরাও এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত থাকেন। কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আধুনিক যন্ত্রের সাহায্যে পৃষ্ঠাগুলো ভাঁজ, সাজানো, সেলাই ও বাঁধাই করা হয়। প্রতিটি বইয়ের ওজনও পরীক্ষা করা হয়, যাতে কোনো পৃষ্ঠা বাদ পড়া কিংবা অতিরিক্ত যুক্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা যায়। প্রতিষ্ঠানটির ইতিহাস শুরু ১৯৮৭ সালে। ইয়ায়াসান রেস্তু নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের উদ্যোগে মাত্র দুজনকে নিয়ে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। প্রথম হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি সম্পন্ন করতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল লতিফের স্বপ্ন ছিল মালয়েশিয়ার নিজস্ব শিল্প-সংস্কৃতির পরিচয় বহন করে এমন কোরআনের সংস্করণ তৈরি করা। সেই লক্ষ্য থেকেই আরবি ক্যালিগ্রাফির পাশাপাশি বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নকশা, ফুল, জ্যামিতিক অলংকরণ এবং সোনালি রঙের কারুকাজ যুক্ত করা হয়েছে। এখানে মালয় ভাষার পাশাপাশি চীনা, তামিল, বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কোরআন প্রকাশের উদ্যোগ রয়েছে। বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে পবিত্র কোরআন পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। চীনা ভাষার একটি সংস্করণ তৈরি করতেও কয়েক বছর সময় লেগেছিল। কমপ্লেক্সটিতে হাতে লেখা দুর্লভ কোরআনের পাণ্ডুলিপিও সংরক্ষণ করা হয়েছে। একটি পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে দশ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রায় ৬০০ পৃষ্ঠার একটি সম্পূর্ণ কোরআন হাতে লিখে শেষ করতে দুই থেকে সাত বছর পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। প্রতিষ্ঠানটি নতুন ক্যালিগ্রাফার তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রেখেছে। শিক্ষার্থীরা সেখানে ইসলামী ক্যালিগ্রাফি ও কোরআনের শিল্পকলা শেখার সুযোগ পান। নাসরুল কোরআন কমপ্লেক্সে বিক্রির পাশাপাশি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে কোরআন সরবরাহ করা হয়। তবে বিনামূল্যে বিতরণ করা কোরআন পুনরায় বিক্রি না করার শর্ত রয়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আরও বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশের উদ্যোগ রয়েছে। তাদের লক্ষ্য, ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে বিশ্বের আরও বেশি মানুষের কাছে পবিত্র কোরআন পৌঁছে দেওয়া এবং ইসলামী শিল্পকলার ঐতিহ্য সংরক্ষণ করা। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য স্টার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। বাইডেন প্রশাসনের সময় শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদন আটকে রাখা এবং তাঁদের অভিবাসন মর্যাদা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) একটি নির্দেশনা জারি করে। এতে বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়া স্থগিত করা হয়। একই সঙ্গে আগে থেকে অনুমোদিত শরণার্থীদের পুনরায় যাচাই ও সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে প্রায় ১ লাখ ১৩ হাজার শরণার্থীর গ্রিন কার্ড আবেদন অপেক্ষমাণ রয়েছে। বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরণার্থীদের বৈধ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় কমিয়ে দেওয়া। আগে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য ৩০ দিন সময় থাকলেও ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন অন্তর্বর্তী বিধিতে তা কমিয়ে ১০ দিন করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবীদের দাবি, এই পরিবর্তন প্রায় ১ লাখ ৮৬ হাজার শরণার্থীকে প্রভাবিত করতে পারে। শরণার্থী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, সরকারের এই পদক্ষেপ ১৯৮০ সালের শরণার্থী আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের যুক্তি, মাত্র ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইনি জবাব দেওয়া অনেক শরণার্থীর জন্য কঠিন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার স্বার্থে এসব যাচাই প্রয়োজন। তাঁদের দাবি, অতীতে যথাযথ যাচাই ছাড়াই কিছু ব্যক্তি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। শুনানিতে বিচারক বিশেষভাবে প্রশ্ন তোলেন, মাত্র ১০ দিনের মধ্যে একজন শরণার্থীর পক্ষে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিজের অবস্থান তুলে ধরা কতটা বাস্তবসম্মত। আদালত ইতোমধ্যে ১০ দিনের আপিল সময়সীমা কার্যকরের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে গ্রিন কার্ড আবেদন স্থগিত রাখার বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন। এই নীতি যুক্তরাষ্ট্রের সব বাংলাদেশি অভিবাসী, গ্রিন কার্ডধারী কিংবা মার্কিন নাগরিকের জন্য প্রযোজ্য নয়। মূলত বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়টি এর আওতায় রয়েছে। বাংলাদেশি পরিবারগুলোর কেউ যদি শরণার্থী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে থাকেন এবং এখনো গ্রিন কার্ডের অপেক্ষায় থাকেন, তাহলে তাঁদের নিজেদের অভিবাসন মামলার অবস্থা যাচাই করা উচিত। সরকারি কোনো নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া এবং প্রয়োজনে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ভবিষ্যৎ বাস্তবায়ন এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংবাদের সূত্র: রয়টার্স।
নিউইয়র্ক সিটিতে প্রস্তাবিত একটি ডেলিভারি শ্রমিক সুরক্ষা আইন বাস্তবায়িত হলে গ্রাহকদের প্রতিটি অর্ডারে সর্বোচ্চ ৫ ডলার পর্যন্ত বাড়তি খরচ হতে পারে—অ্যামাজনের এমন সতর্কবার্তার কড়া সমালোচনা করেছেন শহরের মেয়র জোহরান মামদানি। গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, অ্যামাজন একটি মাল্টি-ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান; তাই জেফ বেজোসের কোম্পানি যদি গ্রাহকদের অর্ডারে ৫ ডলার যোগ করে, তবে সেটি সিটি কাউন্সিলের শ্রমিক অধিকার রক্ষা ও সড়ক নিরাপদ রাখার প্রচেষ্টার কারণে নয়, বরং তা সম্পূর্ণ তাদের ‘লোভ’। একই সঙ্গে তিনি সিটি কাউন্সিলকে প্রস্তাবিত ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ পাসের আহ্বান জানান। মূলত নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য টিফানি কাবান গত ফেব্রুয়ারিতে ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ (ইন্ট্রো ৫১৮) নামের এই বিলটি উত্থাপন করেন, যা মেয়র জোহরান মামদানি এবং টিমস্টারসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের জোরালো সমর্থন পেয়েছে। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, বড় ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে তৃতীয় পক্ষের সাব-কন্ট্রাক্টর বা ঠিকাদারের ওপর নির্ভর না করে তাদের গুদাম ও ডেলিভারি কর্মীদের অধিকাংশকে সরাসরি নিজস্ব কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে। এ ছাড়া প্রতিটি ডেলিভারি স্থাপনার জন্য ৫০০ ডলার লাইসেন্সিং ফি, কর্মীদের বাধ্যতামূলক নিরাপত্তা প্রশিক্ষণ এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতির বিরুদ্ধে সুরক্ষার বিধান রাখা হয়েছে এই বিলে। আইনটি ঠেকাতে এবার সরাসরি নিজেদের গ্রাহকদের ব্যবহার করতে শুরু করেছে অ্যামাজন। চলতি সপ্তাহে নিউইয়র্কের ক্রেতারা অ্যামাজনের ওয়েবসাইট ও শপিং অ্যাপে প্রবেশ করলেই লাল রঙের ‘অ্যাটেনশন’ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন, যেখানে দাবি করা হয়েছে যে সিটি কাউন্সিলের এই বিলটি পাস হলে নিউইয়র্কবাসীর অর্ডারপ্রতি ফি ৫ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। ওই বার্তায় একটি লিংক ও ফর্ম যুক্ত করে গ্রাহকদের নিজ নিজ এলাকার কাউন্সিল সদস্যদের কাছে বিলটির বিরোধিতা করে বার্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। অ্যামাজনের দাবি অনুযায়ী, প্রচারণা শুরুর প্রথম ছয় ঘণ্টার মধ্যেই প্রায় ২০ হাজার গ্রাহক আইনটির বিরোধিতা করে কাউন্সিল সদস্যদের ইমেইল পাঠিয়েছেন। অ্যামাজন কর্তৃপক্ষের দাবি, এই আইন কার্যকর হলে নিউইয়র্ক সিটিতে তাদের বর্তমান ডেলিভারি ব্যবস্থা অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে পড়বে এবং তারা শহরের সীমানার বাইরে কার্যক্রম সরিয়ে নিতে বাধ্য হতে পারে। এতে শহরের ৪০টিরও বেশি ক্ষুদ্র ডেলিভারি অংশীদার প্রতিষ্ঠান এবং সেগুলোতে কর্মরত ৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে কোম্পানিটি। পরামর্শক প্রতিষ্ঠান একেআরএফ-এর (AKRF) এক গবেষণার বরাত দিয়ে অ্যামাজন জানিয়েছে, এই আইনের ফলে নিউইয়র্কের প্রতিটি পরিবারের বার্ষিক ব্যয় ৪০৯ থেকে ৬৬৪ ডলার পর্যন্ত বাড়তে পারে। কোনো গ্রাহক যদি সপ্তাহে দুবার অ্যামাজন থেকে পণ্য কেনেন, তবে অর্ডারপ্রতি ৫ ডলার বাড়তি ফিতে বছরে তার অতিরিক্ত ৫২০ ডলার খরচ হবে—যা বার্ষিক ১৩৯ ডলারের অ্যামাজন প্রাইম সদস্যপদের খরচের ওপর নতুন বোঝা হয়ে দাঁড়াবে। তবে অ্যামাজনের এই হিসাব ও যুক্তিকে ‘কর্পোরেট গুন্ডামি’ বলে প্রত্যাখ্যান করেছেন বিলটির উত্থাপক কাউন্সিল সদস্য টিফানি কাবান। তিনি বলেন, সাধারণ একটি শ্রমিক নিরাপত্তা বিলের কারণে প্রতিটি ডেলিভারিতে অ্যামাজনের ৫ ডলার খরচ বাড়ার কোনো যৌক্তিক ভিত্তি নেই। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিনও জানিয়েছেন, কোনো কর্মসংস্থান নষ্ট না করে বা সাধারণ মানুষের ওপর বাড়তি দামের বোঝা না চাপিয়েই শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কাউন্সিল। উল্লেখ্য, বিলটি এখনো সিটি কাউন্সিলের পর্যালোচনাধীন রয়েছে এবং চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়নি।