সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা।   চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।   জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী।   মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।   এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি।   চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।   জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।   মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।   তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৯:৫৪
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও আদালতের বাধায় আটকে গেছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) ওয়াশিংটন ডিসির মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক ক্রিস্টোফার আর কুপার একটি প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসনের নতুন নির্বাহী আদেশ কার্যকর করার ওপর স্থগিতাদেশ দিয়েছেন।   ৬৭ পৃষ্ঠার লিখিত আদেশে বিচারক কুপার স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারা কার্যত যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব শিশুকেই নাগরিকত্বের নিশ্চয়তা দেয় এবং প্রেসিডেন্ট একতরফাভাবে এর ওপর নতুন কোনো বিধিনিষেধ আরোপ করতে পারেন না।   গত আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জারি করা নতুন এক নির্বাহী আদেশের (নির্বাহী আদেশ ১৪৪১৮) মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের পরিধি সীমিত করার এবং ‘বার্থ ট্যুরিজম’—অর্থাৎ সন্তান যেন স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়, সেই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা—বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন।   বিচারক কুপার তাঁর আদেশে ফেডারেল কর্তৃপক্ষকে এই নির্দেশনা কার্যকর করা থেকে বিরত থাকার পাশাপাশি আক্রান্ত শিশুদের নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ন করে এমন যেকোনো পদক্ষেপ নেওয়া থেকে প্রশাসনকে বিরত থাকতে বলেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগপ্রাপ্ত এই বিচারক মন্তব্য করেন, ফেডারেল সংস্থাগুলো সংবিধান ও ফেডারেল আইন মেনে চললে তা সর্বদা জনস্বার্থেরই অনুকূলে যায়।   উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-সহ কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন ট্রাম্পের এই নতুন নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার পরই আদালতের এই রায় এল। বিচারক কুপার তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলার বিষয়বস্তু অত্যন্ত সুস্পষ্ট; মার্কিন সুপ্রিম কোর্ট ইতিপূর্বে দুবার নিশ্চিত করেছে যে মার্কিন আইনের আওতাভুক্ত নয় এমন অতি সামান্য কয়েকটি ব্যতিক্রম ছাড়া এই দেশে জন্মগ্রহণকারী সব শিশুই যুক্তরাষ্ট্রের নাগরিক।   এর আগে গত সেপ্টেম্বরে মেরিল্যান্ডের মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক ডেবোরা বোর্ডম্যানও অপর দুটি অভিবাসী অধিকার গোষ্ঠীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই আদেশের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ফলে দ্বিতীয় ফেডারেল বিচারক হিসেবে কুপারও একই আদেশ স্থগিত করায় ট্রাম্প প্রশাসনের এই নীতি বাস্তবায়নের পথ আরও কঠিন হয়ে পড়ল।   প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে প্রথম নির্বাহী আদেশ ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, চলতি বছরের জুন মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটের রায়ে সেটিও অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৮:৫৬
চীন, বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক, আগের অবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্রের শুল্ক হার
চীন, বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক, আগের অবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্রের শুল্ক হার

হোয়াইট হাউসের ঘোষিত নতুন দফার শুল্ক পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সামগ্রিক শুল্ক হার প্রায় হুবহু চলতি বছরের শুরুর অবস্থানে ফিরে যাবে বলে উঠে এসেছে প্রাথমিক অর্থনৈতিক বিশ্লেষণে। ইয়েল বাজেট ল্যাবের (Yale Budget Lab) তথ্যমতে, প্রস্তাবিত এই নতুন শুল্ক বাস্তবায়িত হলে আগামী বছরের শুরুতে দেশটির গড় বিধিবদ্ধ শুল্ক হার বর্তমানের ১১ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ঢালাও শুল্ক বাতিল করার ঠিক আগমুহূর্তে এই হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।   বিশ্লেষকরা জানিয়েছেন, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) আওতায় ট্রাম্প যে শুল্ক কাঠামো গড়ে তুলেছিলেন এবং যা পরে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে, প্রশাসন এখন ‘সেকশন ৩০১’ (Section 301) ব্যবহার করে সামগ্রিকভাবে সেই ব্যবস্থাই পুনর্গঠন করতে চাইছে।   যদিও প্রস্তাবিত এই হার ২০২৫ সালের এপ্রিলের ‘লিবারেশন ডে’-র পরের সপ্তাহগুলোতে পৌঁছানো প্রায় ২৩ শতাংশের সর্বোচ্চ চূড়া কিংবা ২০২৫ সালের গড় ১৫ শতাংশের তুলনায় এখনো বেশ কম। ইয়েল বাজেট ল্যাবের মতে, নতুন শুল্কের আওতায় দেশগুলোর তালিকায় সামান্য পরিবর্তন এলেও পোশাক (অ্যাপারেল), ইলেকট্রনিকস এবং গৃহস্থালি সরঞ্জাম খাতই সবচেয়ে বেশি প্রভাবিত হবে।   অন্যদিকে, ক্যাপিটাল ইকোনমিকসের উত্তর আমেরিকাবিষয়ক প্রধান অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন মনে করেন, ব্যাপক পণ্য ছাড় এবং বেশিরভাগ দেশের ক্ষেত্রে আগের শুল্কের ওপর নতুন শুল্ক যোগ না হওয়ার (নন-স্ট্যাকিং) কারণে এর প্রভাব প্রাথমিকভাবে যতটা উদ্বেগজনক মনে হচ্ছে, বাস্তবে ততটা নাও হতে পারে। তবে এটি আগামী বছরে পণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বজায় রাখবে বলে তিনি উল্লেখ করেন।   মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারও বুধবার সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এর সামষ্টিক অর্থনৈতিক প্রভাবকে বড় করে না দেখিয়ে বলেন, সামগ্রিকভাবে বিদ্যমান শুল্কের ওপর মাত্র কয়েক শতাংশ পয়েন্ট যোগ হবে।   গত আট মাস ধরে চলা তদন্ত শেষে বুধবার চীন, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম ও জাপানসহ মোট ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র অভিযোগে নতুন শুল্ক প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে একমাত্র চীনের ক্ষেত্রেই আগের শুল্কের ওপর নতুন করে ২০ শতাংশ ‘ডিল রেট’ বা ভিত্তি শুল্ক যোগ হবে এবং চলমান আলোচনা ভেস্তে গেলে তা ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।   ইউরোপীয় ইউনিয়নের কিছু পণ্যের ক্ষেত্রে জোরপূর্বক শ্রম-সংক্রান্ত আগের শুল্ক প্রতিস্থাপন করে হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেমিকন্ডাক্টর, অটোমোবাইল, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং নির্দিষ্ট কিছু জ্বালানি ও খাদ্যপণ্যকে এই নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। এ ছাড়া তদন্ত চলমান থাকায় মেক্সিকো এবং চলমান আলোচনার কারণে কানাডা আপাতত নতুন এই শুল্কের তালিকা থেকে বাদ পড়েছে।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৮:৩৫
মিসরে জ্বালানি ট্যাংকারে ভ য়াবহ বিস্ফোরণ, মহাসড়কে আ গুনে পুড়ে নি হত ৩০
মিসরে জ্বালানি ট্যাংকারে ভ য়াবহ বিস্ফোরণ, মহাসড়কে আ গুনে পুড়ে নি হত ৩০

মিসরের রাজধানী কায়রোকে ঘিরে থাকা প্রধান মহাসড়ক ‘রিং রোডে’ জ্বালানি ট্যাংকারের দুর্ঘটনা থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ভয়াবহ আগুনে আরও অন্তত ২৫ জন দগ্ধ ও আহত হয়েছেন এবং মহাসড়কে থাকা দুই ডজনের বেশি গাড়ি ও মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে অঙ্গার হয়ে গেছে।   মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহত্তর কায়রোর গিজা প্রদেশের ঘনবসতিপূর্ণ এলাকা ‘ওয়ারাক’ (Waraq) অংশের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জ্বালানি ট্যাংকার থেকে আগুন দ্রুত আশপাশের যানবাহনগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা জ্বলন্ত গাড়িগুলোর আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং উদ্ধারকর্মীরা আগুনের ভেতর থেকে আটকে পড়া মানুষদের টেনে বের করছেন।   কায়রোর শহরতলি ইমবাবার ওয়ারাক জেলায় দুর্ঘটনাস্থলের আশপাশে সে সময় শত শত উৎসুক ও উদ্বিগ্ন মানুষ ভিড় জমান।   এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি। পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া নিহতদের মরদেহ শনাক্ত করতে ইতিমধ্যে ডিএনএ (DNA) পরীক্ষা শুরু করা হয়েছে।   অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং তিনি নিজেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। এটি প্রাথমিক হিসাব উল্লেখ করে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।   উল্লেখ্য, পরিবহন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে মিসরে প্রতি বছর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। মূলত অতিরিক্ত গতি, বেহাল সড়ক এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের অভাবকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও দেশটির দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশের কাছে এক বড় ধরনের বহুমুখী যানবাহন সংঘর্ষে (পাইলআপ) ২১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছিলেন।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৮:৪
ফিলিস্তিনিদের মানবিক সহায়তায় ভারতের নতুন অনুদান, জাতিসংঘকে দিল ২৫ লাখ ডলার
ফিলিস্তিনিদের মানবিক সহায়তায় ভারতের নতুন অনুদান, জাতিসংঘকে দিল ২৫ লাখ ডলার

ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তা ও কল্যাণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট’ (ইউএনআরডব্লিউএ)-কে ২৫ লাখ মার্কিন ডলার প্রদান করেছে ভারত। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভারতের বার্ষিক ৫০ লাখ ডলারের আর্থিক প্রতিশ্রুতির প্রথম কিস্তি হিসেবে এই অর্থ হস্তান্তর করা হয়।   ফিলিস্তিন রাষ্ট্রে নিযুক্ত ভারতের প্রতিনিধি কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, এই নমনীয় তহবিল পুরো অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জরুরি ত্রাণসহ সংস্থাটির মৌলিক কর্মসূচিগুলো সচল রাখতে ব্যয় করা হবে।   রামাল্লায় আনুষ্ঠানিকভাবে ইউএনআরডব্লিউএ-র জ্যেষ্ঠ অর্থ সহকারী খালেদ হিন্দেয়্যের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন ফিলিস্তিনে নিযুক্ত ভারতের প্রতিনিধি মহিমা সিকান্দ। অর্থ হস্তান্তরকালে মহিমা সিকান্দ ইউএনআরডব্লিউএ এবং এর মানবিক কার্যক্রমের প্রতি ভারত সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।   তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির দায়িত্ব পালনে ভারতের অটল অঙ্গীকারের ওপর জোর দেন। অন্যদিকে, ইউএনআরডব্লিউএ কর্মকর্তা খালেদ হিন্দেয়্যে সংস্থাটির প্রতি ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক ও আর্থিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।   এ ছাড়া ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আবু শাবেশও এক প্রতিক্রিয়ায় অত্যন্ত সংকটপূর্ণ সময়ে ভারতের এই অনুদানকে ফিলিস্তিনিদের প্রতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আর্থিক সমর্থনের নিদর্শন হিসেবে স্বাগত জানিয়েছেন।   উল্লেখ্য, ১৯৪৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইউএনআরডব্লিউএ ১৯৫০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি ত্রাণ সহায়তা ও সুরক্ষা প্রদান করে।   জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং অন্যান্য দাতাদের স্বেচ্ছায় প্রদত্ত অনুদানের মাধ্যমেই সংস্থাটির কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে পরিচালিত হয়। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান তীব্র মানবিক সংকটের মধ্যে ফিলিস্তিনি শরণার্থীদের পাশে দাঁড়ানোর বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবেই ভারত এই আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৭:৪১
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের কেনসিংটন এক্সপ্রেসওয়েতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী ডিজে ও সংগীত প্রযোজক জনলুক জুবার্টের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চার তরুণের একজনকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)। গ্রেফতার হওয়া ২১ বছর বয়সী সাইফ জুনাব আলী একজন বাংলাদেশি নাগরিক বলে আইসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।   গত মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে গ্রেফতার করা হয়; এর মাত্র কয়েক দিন আগেই গত মার্চ মাসে ঘটে যাওয়া ওই মর্মান্তিক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অনিচ্ছাকৃত হত্যার (সেকেন্ড-ডিগ্রি ম্যানস্লটার) আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছিল।   এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ মার্চ রাত প্রায় ১১টা ৪০ মিনিটে বাফেলোর কেনসিংটন এক্সপ্রেসওয়ের লোকাস্ট স্ট্রিট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে থেকেই অভিযুক্ত তরুণদের একটি দল এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, বিভিন্ন লেন আটকে রেখে গাড়ি দিয়ে বিপজ্জনক কসরত বা ‘বার্নআউট’ করছিল এবং আতশবাজি ছুড়ছিল। এরই একপর্যায়ে পেছন থেকে আসা অপর একটি গাড়ির সজোর ধাক্কায় সংগীত প্রযোজক জনলুক জুবার্টের গাড়িটি বিধ্বস্ত হয় এবং তাঁর মৃত্যু ঘটে।   এই প্রাণঘাতী ঘটনায় মোট চার তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁদের মধ্যে বাফেলো ও আশপাশের এলাকার বাসিন্দা সাইফ জুনাব আলী (২১), শাফি আহমেদ (২৩) এবং আবু সালেহ (২১)—এই তিন প্রাপ্তবয়স্ক আসামিই জামিনে মুক্ত ছিলেন। চতুর্থ অভিযুক্ত ১৮ বছর বয়সী এক তরুণ ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক (১৭ বছর) হওয়ায় আইনগত কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি।   এদিকে আইস বাফেলো দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সাইফ জুনাব আলী বাংলাদেশি নাগরিক এবং বর্তমানে তিনি আইসের হেফাজতে রয়েছেন। অভিবাসন আইন অনুযায়ী তাঁকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে বহিষ্কার (ডিপোর্টেশন) করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 875 আইকিউ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৭:২০
১৭ বছর বয়সী ব্রিটিশ মুসলিম তরুণ উদ্যোক্তা সুলেমান খান
মুসলিম কিশোরের রোবোটিকস উদ্ভাবনে বিশ্বজয়, আলিবাবার মঞ্চে জিতলেন ২ লাখ ডলার

বিশ্বজুড়ে হাজার হাজার আবেদনকারীকে পেছনে ফেলে নিজের রোবোটিকস উদ্যোগের জন্য ২ লাখ মার্কিন ডলারের গ্র্যান্ড পুরস্কার জিতে নিয়েছেন ১৭ বছর বয়সী ব্রিটিশ মুসলিম তরুণ উদ্যোক্তা সুলেমান খান। যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা এই কিশোর লন্ডনে অনুষ্ঠিত প্রযুক্তি জায়ান্ট আলিবাবার মর্যাদাপূর্ণ ‘কো-ক্রিয়েট পিচ’ (CoCreate Pitch) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।   উল্লেখ্য, বৈশ্বিক এই স্টার্টআপ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজার উদ্যোক্তা আবেদন করেছিলেন।   কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই নিজে নিজে রোবোটিকস শেখা স্বশিক্ষিত প্রকৌশলী সুলেমান খান এমন একটি বিশেষ ‘রোবোটিক হ্যান্ড কিট’ তৈরি করেছেন, যার মাধ্যমে কিশোর-তরুণরা নিজেরাই রোবোটিক হাত তৈরি ও প্রোগ্রামিং করার পাশাপাশি হাতে-কলমে কোডিং এবং প্রকৌশলবিদ্যা শিখতে পারে।   নিজের প্রতিষ্ঠিত কোম্পানি ‘সুলেনোভা রোবোটিকস’ (SuleyNova Robotics)-এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে রোবোটিকস শিক্ষাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলাই তাঁর মূল লক্ষ্য।   মাত্র ১৭ বছর বয়সে সুলেমান খানের এই অসামান্য বৈশ্বিক অর্জন যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটিসহ বিশ্বজুড়ে তরুণ উদ্ভাবকদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর মেধা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন এবং মানবকল্যাণে অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা করছেন শুভানুধ্যায়ীরা।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৬:৫৯
সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন
সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য পরিচালিত স্কুলগুলোর পাঠ্যক্রম ও নীতিমালায় বড় ধরনের রক্ষণশীল পরিবর্তন আনছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। বিশ্বের ১১টি দেশের প্রায় ১৬০টি স্কুলে অধ্যয়নরত প্রায় ৭০ হাজার শিক্ষার্থীর পাঠ্যক্রম নিরীক্ষার (অডিট) পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুটি ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ‘ক্লাসিক্যাল’ বা ধ্রুপদী শারীরিক শিক্ষা (পিই) কোর্স চালু করা হচ্ছে।   প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে পেন্টাগন এই স্কুলগুলোকে বৃহত্তর রিপাবলিকান শিক্ষা এজেন্ডার আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চাইছে—যার মূল লক্ষ্য হলো বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ আরোপ এবং দেশপ্রেমমূলক মূল্যবোধ ও পশ্চিমা ধ্রুপদী শিক্ষার ওপর জোর দেওয়া।   অভিযোগ উঠেছে, কোনো ধরনের উন্মুক্ত প্রতিযোগিতা বা দরপত্র ছাড়াই রক্ষণশীল আদর্শের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এসব কাজের চুক্তি দিয়েছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে গত অক্টোবরে ‘আমেরিকান এডুকেশন সলিউশনস’ (এইএস)-কে পাঠ্যক্রম নিরীক্ষার জন্য ৫৭ লাখ ডলারের চুক্তি দেওয়া হয়।   প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জর্ডান অ্যাডামস এর আগে পেনসিলভানিয়া ও টেক্সাসের রক্ষণশীল স্কুল বোর্ডগুলোর পাঠ্যক্রম পরিবর্তনে পরামর্শক হিসেবে কাজ করেছেন। পেন্টাগনের শিক্ষা বিভাগের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাধারণত জাতীয় স্বীকৃতিদানকারী সংস্থার মাধ্যমে স্কুলের মান যাচাই করা হলেও কোনো বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে পুরো ব্যবস্থার এমন নিরীক্ষা নজিরবিহীন। এ ছাড়া, ১ লাখ ডলারের কিছু বেশি মূল্যের আরেকটি একক চুক্তিতে ‘ইলিয়াড অ্যাথলেটিক্স’-কে ধ্রুপদী শারীরিক শিক্ষা কর্মসূচি চালুর দায়িত্ব দেওয়া হয়েছে।   নর্থ ক্যারোলাইনার লেজুন হাই স্কুল এবং ভার্জিনিয়ার কোয়ান্টিকো মিডল/হাই স্কুলে চালু হতে যাওয়া এই নতুন শারীরিক শিক্ষা কোর্সটি প্রচলিত খেলাধুলার পরিবর্তে প্রাচীন গ্রিক অ্যাথলেটিকস থেকে অনুপ্রাণিত হয়ে দৌড়ানো, লাফানো, আরোহণ, ভার বহন এবং নিক্ষেপের মতো মৌলিক শারীরিক সক্ষমতার ওপর গুরুত্ব দেবে।   এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি ‘চরিত্র গঠন কর্মসূচি’ থাকছে, যেখানে প্রতি সপ্তাহে একটি বিশেষ নৈতিক গুণাবলি এবং ঐতিহাসিক ব্যক্তিদের উদাহরণ তুলে ধরা হবে। ইলিয়াড অ্যাথলেটিক্সের প্রধান নির্বাহী প্যাট্রিক হোয়েলেন দাবি করেছেন, তাঁদের মতো এমন কর্মসূচি অন্য কারও নেই। অন্যদিকে পেন্টাগন এক বিবৃতিতে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজনৈতিক সংযোগ নয় বরং সামরিক সদস্যদের কল্যাণের বিষয়টি বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দীর্ঘদিন ধরে খ্রিষ্টান ইতিহাস ও মূল্যবোধসমৃদ্ধ ধ্রুপদী শিক্ষার একজন কট্টর সমর্থক। তাঁর উদ্যোগে মার্কিন সামরিক একাডেমিগুলো এখন স্যাটের (SAT) বিকল্প হিসেবে ‘ক্লাসিক লার্নিং টেস্ট’ (সিএলটি) গ্রহণ করছে এবং প্রতিরক্ষা স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষার ভাউচার ও সুযোগ উন্মুক্ত করা হয়েছে।   এর আগে গত গ্রীষ্মে রক্ষণশীল খ্রিষ্টান শিক্ষাপ্রতিষ্ঠান মিশিগানের ‘হিলসডেল কলেজ’-এর সহায়তায় পশ্চিমা সভ্যতার ওপর একটি অনলাইন কোর্স চালু করা হয়, যার পাঠ্যবইয়ে পশ্চিমা সভ্যতা ও খ্রিষ্টধর্মকে অভিন্ন হিসেবে দেখানো এবং ইসলামকে হুমকি হিসেবে চিত্রিত করার অভিযোগ তুলেছেন অনেক ইতিহাসবিদ। উল্লেখ্য, নতুন চুক্তি পাওয়া দুই প্রতিষ্ঠানের প্রধান জর্ডান অ্যাডামস এবং প্যাট্রিক হোয়েলেন উভয়েই হিলসডেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন এবং অ্যাডামস ট্রাম্প-সমর্থিত বিতর্কিত ‘১৭৭৬ প্রজেক্ট’-এর পাঠ্যক্রম তৈরিতেও কাজ করেছেন।   পাঠ্যক্রম পরিবর্তনের পাশাপাশি সামরিক শিক্ষা ব্যবস্থার নেতৃত্বেও রদবদল আনা হয়েছে। আটলান্টাভিত্তিক ‘লিবার্টি ক্লাসিক্যাল স্কুলস’-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ম্যাথিউ কার্বিকে পুরো সামরিক স্কুল ব্যবস্থার শীর্ষ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেও প্রতিরক্ষা স্কুলগুলোর গ্রন্থাগার থেকে বর্ণ, লিঙ্গ ও গণতন্ত্র বিষয়ক বহু বই সরিয়ে ফেলা হয়েছিল, যার বিরুদ্ধে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) মামলা করলে কয়েকটি স্কুলে সেই নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করা হয়।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৬:৪৩
ব্রুকলিনে নার্সকে চাপা দিয়ে পালানো চালক গ্রেফতার, সিসিটিভিতে মিলল সূত্র
ব্রুকলিনে নার্সকে চাপা দিয়ে পালানো চালক গ্রেফতার, সিসিটিভিতে মিলল সূত্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বেপরোয়া গাড়ি চালিয়ে এক তরুণী নার্সকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার (হিট-অ্যান্ড-রান) ঘটনায় কয়েক মাসের নিবিড় তদন্ত শেষে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। গ্রেফতারকৃত ওই চালকের নাম জাস্টিন মেরকাডো (২২), তিনি স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা।   গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে ব্রুকলিনের ৭২তম প্রিসিঙ্কট থানায় তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। পরবর্তীতে ব্রুকলিন সুপ্রিম কোর্টে হাজির করা হলে তাঁর বিরুদ্ধে নরহত্যা (ম্যানস্লটার), অপরাধমূলক অবহেলাজনিত হত্যা, গুরুতর আঘাত, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইনডাইটমেন্ট) দাখিল করা হয়।   পুলিশ ও ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে এনওয়াইইউ ল্যাঙ্গোন ব্রুকলিন হাসপাতালের ২৮ বছর বয়সী নার্স জিয়ায়ি ঝেং রাতের শিফট শেষে হাসপাতালের পোশাক (স্ক্রাবস) পরা অবস্থায় হেঁটে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সানসেট পার্ক এলাকার ৫৫তম স্ট্রিট এবং থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ক্যাডিলাক গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়।   ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে তাঁর নিজ কর্মস্থল এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।   তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাস্টিন মেরকাডো নির্ধারিত গতিসীমার প্রায় দ্বিগুণ অর্থাৎ ঘণ্টায় প্রায় ৫০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন এবং লাল বাতি (রেড লাইট) অমান্য করে জিয়ায়ি ঝেংকে চাপা দেন। ঘটনার পর এনওয়াইপিডি গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন।   ফুটেজ ধরে তাঁরা দেখতে পান, অভিযুক্ত চালক ম্যানহাটনের একটি হোটেল থেকে বের হয়ে সানসেট পার্কের দুর্ঘটনাস্থল অতিক্রম করেন এবং পরবর্তীতে গাড়িটি স্টেটেন আইল্যান্ডে ফেলে রেখে আত্মগোপন করেন।   বুধবার সকালে হাতকড়া পরিয়ে থানা থেকে বের করার সময় সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করলে মেরকাডো কোনো উত্তর দেননি। পুলিশ রেকর্ড অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে; এর আগে ২০২৪ সালের অক্টোবরে বড় ধরনের চুরির (গ্র্যান্ড লার্সেনি) অভিযোগে তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন এবং গত ১২ আগস্ট স্থগিত লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর দায়ে স্টেটেন আইল্যান্ডে তাঁকে আটক করা হয়েছিল।   এদিকে, প্রাণবন্ত ও পরোপকারী সহকর্মী জিয়ায়ি ঝেংয়ের এমন অকাল মৃত্যুতে এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৬:১২
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য মো. ইসলাম সরকার। একইসঙ্গে বাপার আরও কয়েকজন সদস্য অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল-১ (Associate Traffic Enforcement Agent Level I) পদে পদোন্নতি লাভ করেছেন। সংগঠনটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তায় পদোন্নতিপ্রাপ্ত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।   বাপার অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে এই পদোন্নতি তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমেরই যথার্থ স্বীকৃতি। পাশাপাশি অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল-১ পদে পদোন্নতি পাওয়া বাপার অন্যান্য সদস্যদেরও সাফল্যের প্রশংসা করা হয়। সংগঠনটি পদোন্নতিপ্রাপ্ত সবার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য ও আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে জানায়, বাপা তাঁদের এই অর্জনে অত্যন্ত গর্বিত।   উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর সদস্যরা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মূলধারার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের এ ধরনের ধারাবাহিক পদোন্নতি নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৫:৪৫
ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো
ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো

ভুলবশত এল সালভাদরের কুখ্যাত মেগা-কারাগারে বিতাড়িত হওয়ার পর আইনি লড়াইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফিরে আসা কিলমার আব্রেগো গার্সিয়া অবশেষে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে পৌঁছেছেন। তাঁর আইনজীবী সাইমন স্যান্ডোভাল-মোশেনবার্গ এ তথ্য নিশ্চিত করেছেন।   এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ওয়াশিংটন ডিসি এলাকার একটি বিমানবন্দর থেকে মাদ্রিদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তাঁকে উঠতে দেখা যায়। যান্ত্রিক ত্রুটির কারণে দুবার উড়োজাহাজ থেকে যাত্রী নামানো এবং তিনবার বহির্গমন গেট পরিবর্তনের পর নির্ধারিত সময়ের চার ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি উড্ডয়ন করে। বিমানবন্দরে সে সময় তাঁর স্ত্রী, ভাই, আইনজীবী এবং অভিবাসী অধিকার সংস্থা ‘কাসা’ (CASA)-র সদস্যরা উপস্থিত ছিলেন।   বিমানবন্দরে নিরাপত্তাতল্লাশি পার হওয়ার আগে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কার্যালয়ে প্রবেশ করেন আব্রেগো গার্সিয়া, যেখানে এক বছর আগে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার পর পরানো তাঁর পায়ের জিপিএস অ্যাঙ্কেল মনিটরটি খুলে নেওয়া হয়।   আইনজীবী স্যান্ডোভাল-মোশেনবার্গ বলেন, গত দেড় বছর ধরে আব্রেগো গার্সিয়া নিজের পছন্দের দেশে যাওয়ার অধিকারের জন্য লড়াই করছিলেন; সরকার তাঁকে হাতকড়া পরিয়ে আইসিই (ICE)-এর বিমানে আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পাঠাতে চেয়েছিল, কিন্তু তিনি মুক্ত মানুষ হিসেবে বাণিজ্যিক ফ্লাইটে নিজের পছন্দের দেশে গেলেন।   আইনজীবী এই প্রস্থানকে ‘সাময়িক’ উল্লেখ করে বলেন, একজন মার্কিন নাগরিকের স্বামী এবং মার্কিন নাগরিক সন্তানের পিতা হিসেবে তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার অনেক পথ খোলা রয়েছে। বর্তমান প্রশাসনের অধীনে তা সম্ভব না হলেও পরবর্তী প্রশাসন এই পরিবারকে পুনর্মিলিত করতে মেরিল্যান্ডে ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে গার্সিয়ার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও মানবপাচারের পুরোনো অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, কিলমার আব্রেগো গার্সিয়া স্বেচ্ছায় স্পেনে চলে যাওয়ায় তাঁরা আনন্দিত এবং তাঁকে আর যুক্তরাষ্ট্রে ফিরতে দেওয়া হবে না।   স্পেনে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় আব্রেগো গার্সিয়া বলেন, তিনি এখন নিজেকে ‘মুক্ত’ অনুভব করছেন এবং এবার তিনি স্বাধীনতা নিয়ে দেশ ছেড়েছেন—আগের মতো অমানবিকভাবে তাঁকে বের করে দেওয়া হয়নি।   ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তব্য রাখার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এখনো অভিবাসন মামলার মধ্য দিয়ে যাওয়া মানুষগুলোর পক্ষে তাঁর লড়াই অব্যাহত থাকবে। বুধবার মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক পলা জিনিস তাঁর অভিবাসন মামলাটি নিষ্পত্তি বা বন্ধ ঘোষণা করেন এবং ২৪ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগের গোপন আদেশটি উন্মুক্ত করেন।   ওই আদেশে যাত্রার দিনে তাঁর জিপিএস মনিটর খুলে ফেলা এবং আইসিই, সিবিপি ও টিএসএ-কে তাঁর নির্বিঘ্ন প্রস্থান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন—যিনি গত বছর এল সালভাদরের কারাগারে গার্সিয়ার সঙ্গে দেখা করেছিলেন—এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত কিলমারের ইচ্ছা ও আইনি অধিকারের প্রতি সম্মান দেখাতে বাধ্য হয়েছে।   উল্লেখ্য, ২০১৯ সালের আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছরের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন এমএস-১৩ গ্যাং সদস্য হওয়ার অভিযোগে মেরিল্যান্ডের বাসিন্দা আব্রেগো গার্সিয়াকে এল সালভাদরের ‘সেকট’ (CECOT) মেগা-কারাগারে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্টের আদেশে গত জুনে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে টেনেসিতে মানবপাচারের অভিযোগে বিচার শুরু করা হয়।   তবে চলতি বছরের মে মাসে এক ফেডারেল বিচারক সরকারের তদন্তকে ‘প্রতিহিংসাপরায়ণ’ আখ্যা দিয়ে সেই ফৌজদারি অভিযোগ খারিজ করে দেন। এরপর ট্রাম্প প্রশাসন তাঁকে লাইবেরিয়া, উগান্ডা বা এসওয়াতিনির মতো তৃতীয় কোনো আফ্রিকান দেশে পাঠানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আদালতের মধ্যস্থতায় স্পেনে যাওয়ার মাধ্যমে প্রায় ২০ মাসের এই আলোচিত অভিবাসন অধ্যায়ের আপাতত অবসান ঘটল। 875 আইকিউ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৫:১৫
ট্রাম্পের সঙ্গে সমঝোতায় মামদানির অভিজ্ঞতা কাজে লাগাতে চান এল-সায়েদ
ট্রাম্প একসময় ‘জিহাদি’ বলেছিলেন, সেই প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে চান এল-সায়েদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও দেশের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের সংস্কার নিয়ে কাজ করার আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিশিগান অঙ্গরাজ্য থেকে সদ্য নির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আবদুল এল-সায়েদ। একইসঙ্গে ট্রাম্পের মন জয় করে কীভাবে রাজনৈতিকভাবে সফল হওয়া যায়, সে বিষয়ে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কাছ থেকে তিনি বিশেষ পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন।   সম্প্রতি ওভাল অফিসে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বজনীন স্বাস্থ্যবিমা বা ‘মেডিকেয়ার’ সম্প্রসারণ করে প্রেসিডেন্টের সম্মানে এর নাম ‘ট্রাম্পকেয়ার’ (Trumpcare) রাখার এল-সায়েদের প্রস্তাবের প্রশংসা করেন। ট্রাম্প এল-সায়েদকে একজন ‘বুদ্ধিমান মানুষ’ হিসেবে অভিহিত করে বলেন যে, একসঙ্গে দারুণ কিছু অর্জনের জন্য তিনি মাঝামাঝি কোনো অবস্থানে এসে তাঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।   মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর ‘প্লেবুক’-কে দেওয়া প্রতিক্রিয়ায় আবদুল এল-সায়েদ বলেন, তাঁরা প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও বুঝতে পারছেন যে স্বাস্থ্যসেবা খাতে কিছু একটা করা জরুরি। উল্লেখ্য, অতীতে প্রেসিডেন্ট ট্রাম্প এল-সায়েদকে ‘জিহাদি’ বলে আক্রমণ করলেও এখন সুর বদলে তাঁর প্রশংসা করছেন—ঠিক যেমনটি তিনি করেছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ক্ষেত্রে। ট্রাম্প একসময় মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে নিন্দা জানালেও গত বছরের নভেম্বরে এক বৈঠকের পর তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।   স্বাস্থ্যসেবা সংস্কার প্রসঙ্গে এল-সায়েদ জানান, তিনি রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন এবং বিলের গায়ে কার নাম লেখা থাকল তা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই; তাঁর একমাত্র লক্ষ্য হলো দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি চান প্রত্যেকের জন্য এমন এক নিশ্চিত স্বাস্থ্যবিমা থাকুক, যেখানে বাদ পড়ার বা আলাদা করে নিবন্ধনের কোনো জটিলতা থাকবে না।   এল-সায়েদ বলেন, তাঁর প্রাথমিক লক্ষ্য হলো ডেমোক্র্যাটদের স্বাস্থ্যসেবা এজেন্ডা পাস করা—যাকে ট্রাম্প ‘সর্বোচ্চ চাহিদার তালিকা’ বলে উল্লেখ করেছেন। এই এজেন্ডার মধ্যে রয়েছে ওবামাকেয়ারের বর্ধিত ভর্তুকি পুনর্বহাল করা, মেডিকেয়ারের বয়সসীমা ৬৫ থেকে কমিয়ে ৫৫ বছরে আনা, মেডিকেইডের কাজের শর্তাবলি বাতিল করা এবং সব শিশুকে মেডিকেইডের আওতায় নিয়ে আসা।   প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সমঝোতার কৌশল শেখার ক্ষেত্রে জোহরান মামদানির ভূমিকার কথা উল্লেখ করে এল-সায়েদ বলেন, মামদানি বিষয়টি খুব ভালো বোঝেন যে, প্রেসিডেন্টের সঙ্গে বহু বিষয়ে মতপার্থক্য থাকলেও দিনশেষে তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা, সাধারণ মানুষের পকেটে অর্থ ফিরিয়ে দেওয়া এবং ‘সবার জন্য মেডিকেয়ার’ (Medicare for All) পাস করার স্বার্থে তিনি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মিশিগানের এই নবনির্বাচিত সিনেটর। 875 আইকিউ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৪:৪৭
জেনসেন হুয়াংকে ক্ষমা করার প্রয়োজন দেখছেন না ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট
হুয়াংয়ের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই, ক্ষমার প্রয়োজনও নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সদ্য পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াংয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো ধরনের ক্ষমা বা ‘পার্ডন’ নেওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।   এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন যে, প্রযুক্তির এই শীর্ষ নির্বাহীকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নিতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে বুধবার (২৫ নভেম্বর) নিজ অঙ্গরাজ্য ওহাইওর রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেসে মার্কিন সামরিক সদস্যদের প্রাক-থ্যাংকসগিভিং মধ্যাহ্নভোজ পরিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স স্পষ্ট করেন যে, হুয়াং কোনো অপরাধ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স জানান, তিনি বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল, মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এবং জাতীয় নিরাপত্তা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্যান্স নিশ্চিত করেন যে জেনসেন হুয়াং বর্তমানে কোনো ধরনের তদন্তের আওতায় নেই। তিনি আরও বলেন, যদি হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলমান থাকত, তবে প্রশাসন অবশ্যই জনগণকে তা জানাত; কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই এবং তাই তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তাও দেখা যাচ্ছে না।   উল্লেখ্য, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর গত ১২ নভেম্বর আকস্মিকভাবে এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। ওই সম্পর্কগুলোর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামনে আসে, যাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার জেরে মার্কিন রাজনৈতিক মহলে জাতীয় নিরাপত্তা ও চিপ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠলেও নেপথ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সক্রিয় উদ্যোগেই হুয়াং আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হয়।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৪:২৬
নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি
নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রিভারসাইড পার্কে মুখোশধারী এক দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হওয়ার যে চাঞ্চল্যকর অভিযোগ ২৬ বছর বয়সী এক তরুণী করেছিলেন, পুলিশি তদন্তে তা সম্পূর্ণ সাজানো নাটক বলে প্রমাণিত হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, ওই তরুণী আসলে নিজেই একটি ছুরি কিনে নিজের শরীরে আঘাত করেছিলেন এবং পরবর্তীতে হামলার মিথ্যা গল্প তৈরি করেছিলেন। তবে তদন্তের স্বার্থে ওই তরুণীর নাম প্রকাশ করেনি পুলিশ।   এনওয়াইপিডি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর রিভারসাইড ড্রাইভ এবং ওয়েস্ট ৯৮তম স্ট্রিট সংলগ্ন একটি খেলার মাঠের কাছে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে স্থানীয় সেন্ট লুকস হাসপাতালে নেওয়ার পর তিনি পুলিশকে জানান, কালো পোশাক ও কালো মুখোশ পরা এক দুর্বৃত্ত হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।   ঘটনাটির তদন্তে নেমে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি বা নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং সেখানেই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। ফুটেজে দেখা যায়, তথাকথিত ওই হামলার ঘটনার আগেই তরুণী নিজে একটি দোকান থেকে রান্নাঘরের ছুরিটি কিনেছেন।   পরবর্তীতে পুলিশের নিবিড় জেরার মুখে ওই তরুণী সত্য স্বীকার করে জানান, তিনি নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন এবং মুখোশধারী দুর্বৃত্তের হামলার গল্পটি পুরোপুরি বানানো। পুলিশের তথ্যমতে, ওই তরুণীর সর্বশেষ জানা ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে। মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৪:৫
বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য
যুক্তরাষ্ট্রে মাছ ধরার সফর শেষে মর্মান্তিক পরিণতি, বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মাছ ধরার আনন্দভ্রমণ শেষে ফ্লোরিডার নিজ বাড়িতে ফেরার পথে মিসিসিপি উপকূলের সাগরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশু-কিশোরসহ একই পরিবারের ছয় সদস্য প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।   জ্যাকসন কাউন্টি করোনার ব্রুস লিন্ড জুনিয়র নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের বাসিন্দা। নিহতরা হলেন বিমানটির পাইলট ব্রেন্ট স্টোকস (৫০), তাঁর কিশোর ছেলে হান্টার স্টোকস (১৬), বোন আর্লিন নক্স (৪৩), ভগ্নিপতি মাইকেল নক্স (৪৩) এবং তাঁদের দুই শিশুসন্তান চার্লস হোল্ডেন নক্স (১২) ও ট্রুয়েট নক্স (১০)।   মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্রে জানা গেছে, এক ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ২১০’ (Cessna 210) মডেলের বিমানটি মঙ্গলবার বিকেলে লুইজিয়ানার নিউ অরলিন্স লেকফ্রন্ট বিমানবন্দর থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।   রাডারের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে বিমানটি হঠাৎ করে প্রতি মিনিটে ১০ হাজার ফুট বেগে বিপজ্জনকভাবে নিচে নামতে শুরু করে।   দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মার্কিন কোস্ট গার্ড সাগরে বিমানটির ধ্বংসাবশেষ—যার মধ্যে কেবিনের অংশ, তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র‍্যাফট ছিল—খুঁজে পায়, তবে তখনও যাত্রীদের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশি শেষে রাত সাড়ে ১১টার দিকে মিসিসিপি ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সেস (এমডিএমআর)-এর ডুবুরি দল সমুদ্রের তলদেশে ডুবে থাকা বিমানের মূল কাঠামোর (ফিউজেলাজ) ভেতর থেকে ছয়জনেরই মরদেহ উদ্ধার করে।   এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে এমডিএমআর-এর নির্বাহী পরিচালক জো স্প্র্যাগিনস বলেন, নিহতদের পরিবারের প্রতি তাঁরা গভীর সমবেদনা জানাচ্ছেন এবং মেরিন প্যাট্রোল কর্মকর্তা ও ডুবুরি দল সর্বোচ্চ শ্রদ্ধা ও পেশাদারিত্বের সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করেছে। এদিকে জ্যাকসন কাউন্টি করোনারের দপ্তর থেকে পাইলট ব্রেন্ট স্টোকস ও লাইসেন্সধারী পাইলট মাইকেল নক্সের ময়নাতদন্ত করা হচ্ছে। ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে বিধ্বস্ত হলো, তা উদ্‌ঘাটনে এফএএ-র সহযোগিতায় তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৩:৪৯
নভোচারী মুহাম্মদ জিশান আলী I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাকিস্তানের মুহাম্মদ জিশান

দেশের ইতিহাসে প্রথম কোনো নভোচারীকে মহাকাশে পাঠিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। গতকাল বুধবার (২৫ নভেম্বর) ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুই চীনা নভোচারীর সঙ্গে ‘শেনঝো-২৪’ (Shenzhou-24) মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমান ৪০ বছর বয়সী পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী।   উৎক্ষেপণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটি সফলভাবে চীনের ‘তিয়ানগং’ (Tiangong) মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে মহাকাশে যাওয়ার পাশাপাশি চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে পদার্পণকারী বিশ্বের প্রথম বিদেশি নভোচারী হিসেবেও ইতিহাস গড়লেন তিনি।   পাকিস্তান বিমানবাহিনীর সাবেক এই পাইলট শেনঝো-২৪ মিশনে ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তাঁর সহযাত্রী হিসেবে রয়েছেন চীনা মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর চীনা নভোচারীরা তাঁকে উষ্ণ ‘স্পেস হ্যান্ডশেক’-এর মাধ্যমে স্বাগত জানান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মহাকাশ সহযোগিতা চুক্তির আওতায় এই ঐতিহাসিক যাত্রা সম্ভব হয়েছে।   এই অভিযানের প্রস্তুতির জন্য জিশান আলী বেইজিংয়ে টানা সাত মাস কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিবিড়ভাবে মান্দারিন (চীনা) ভাষা রপ্ত করেন; এমনকি উৎক্ষেপণের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি ধ্রুপদী চীনা কবিতার পঙ্‌ক্তিও আবৃত্তি করেন।   তিয়ানগং মহাকাশ স্টেশনের নিয়মিত নভোচারীরা সাধারণত ছয় মাস অবস্থান করলেও মুহাম্মদ জিশান আলী সেখানে প্রায় এক সপ্তাহ (পাঁচ থেকে ১০ দিন) অবস্থান করবেন। এই স্বল্পকালীন অবস্থানে তিনি কোনো মহাকাশ পর্যটক হিসেবে নয়, বরং একজন বিজ্ঞানী হিসেবে খাদ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এর মধ্যে রয়েছে বিকল্প খাদ্য উৎস হিসেবে মহাকাশে ক্ষুদ্র শৈবাল বা মাইক্রোঅ্যালগি চাষের পরীক্ষা এবং কিনোয়া (Quinoa) বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব পর্যবেক্ষণ।   পাকিস্তানের প্রথম নভোচারীর এই সফল উৎক্ষেপণ ঘিরে দেশজুড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জিশান আলীর ছবি হাতে সরাসরি সম্প্রচার উপভোগ করেন। অন্যদিকে, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এই সাফল্যকে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে বেইজিংয়ের একটি বড় অর্জন হিসেবে অভিহিত করে বিশ্বের অন্যান্য দেশের অংশীদারদেরও তিয়ানগং স্টেশনে স্বাগত জানিয়েছে। 875 আইকিউ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৩:৩০
মার্কিন শুল্ক আরোপের আগেই মাষ্টারস্ট্রোক চীনের: বাড়ল দরকষাকষির ক্ষমতা
মার্কিন শুল্ক আরোপের আগেই মাষ্টারস্ট্রোক চীনের: বাড়ল দরকষাকষির ক্ষমতা

যুক্তরাষ্ট্র চীনের পণ্যে নতুন করে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার ঠিক একদিন আগে, দেশটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ (ক্রিটিক্যাল মিনারেল) রপ্তানির ওপর আরোপিত স্থগিতাদেশের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে বেইজিং। চলতি সপ্তাহের শেষের দিকে এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।    কূটনৈতিক ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তের এই পদক্ষেপ ওয়াশিংটনের সঙ্গে আসন্ন বাণিজ্য আলোচনায় বেইজিংকে বাড়তি সুবিধা বা দরকষাকষির ক্ষমতা এনে দিয়েছে।   স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো খনিজগুলোর তালিকায় রয়েছে অ্যান্টিমনি, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম। এর মধ্যে অ্যান্টিমনি সামরিক গোলাবারুদ ও ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে, টেলিযোগাযোগ ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গ্যালিয়াম এবং জার্মেনিয়াম অত্যন্ত অপরিহার্য উপাদান।   উল্লেখ্য, চীন ২০২৪ সালে এই খনিজগুলোর রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। তবে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে গত বছরের নভেম্বরে ওই নিয়ন্ত্রণ সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হয় চীন।   বর্তমানে বৈশ্বিক বিরল খনিজ সরবরাহ ব্যবস্থায় চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। বিশেষ করে খনিজ পরিশোধন বা রিফাইনিং বাজারের প্রায় ৭০ শতাংশই বেইজিংয়ের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক এই শুল্ক আরোপের ঘটনার পর ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সমঝোতায় চীন যে এই আধিপত্যকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, তা অনেকটাই নিশ্চিত।   এদিকে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়। যেকোনো মতপার্থক্য আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। নতুন শুল্ক আরোপের পেছনে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো সরাসরি নাকচ করে দিয়ে ওই মুখপাত্র বলেন, কথিত ‘শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র (ইন্ডাস্ট্রিয়াল ওভারক্যাপাসিটি) বিষয়টির বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অজুহাত হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়।   চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল গতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সরাসরি আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে বেইজিং। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে এই দুই শীর্ষ নেতার পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি। 873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১৩:১৫
ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডারিক
রিপাবলিকান দুর্গ ভেঙে ঐতিহাসিক জয়: টেনেসিতে চমক দেখানো কে এই ভিক্টোরিয়া?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেনেসি অঙ্গরাজ্যের চতুর্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে বড় ধরনের অঘটন ঘটিয়ে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডারিক। তিনি আটবারের নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান স্কট ডেসজার্লাইসকে পরাজিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   এপির তথ্য অনুযায়ী, এই জয়ের মাধ্যমে ১২০তম কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে ২৫৯টি আসনে দাঁড়িয়েছে, যা গত তিন দশকের মধ্যে দলটির সর্বোচ্চ ব্যবধান। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই আসনে ২০ পয়েন্টেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন।   নির্বাচনের আগে টেনেসির কংগ্রেশনাল মানচিত্র পুনর্নির্ধারণ করা হয়েছিল এবং নির্বাচনী বিশ্লেষকরা আসনটিকে ‘নিশ্চিত রিপাবলিকান’ হিসেবে চিহ্নিত করেছিলেন। তবে সব পূর্বাভাস ভুল প্রমাণ করে মাত্র ৪০০-এর কম ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন ৩৪ বছর বয়সী সাবেক প্রযুক্তি ও লজিস্টিকস পেশাজীবী ভিক্টোরিয়া ব্রডারিক। এর ফলে ক্যাপিটল হিলে টেনেসি অঙ্গরাজ্যের প্রতিনিধি দলের মধ্যে তিনিই হবেন একমাত্র ডেমোক্র্যাট সদস্য।   জয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় ব্রডারিক জানান, তিনি সাধারণ ভোটারদের জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “মানুষ এমন প্রতিনিধি চায় যারা তাদের কষ্ট বোঝে, গ্যাস স্টেশন বা মুদি দোকানের খরচের চাপ অনুভব করে।”   চলতি মাসের শুরুতে ন্যাশভিলের একটি এনপিআর স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ব্রডেরিক প্রথম প্রকাশ্যে জানান যে তিনি প্যানসেক্সুয়াল এবং এলজিবিটিকিউ আন্দোলনের ট্রান্সজেন্ডার অধিকারের পক্ষে অবস্থান নেন। প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয়, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং বিভাজনমূলক রাজনীতির সমালোচনা করেন।   আগামী ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ভিক্টোরিয়া ব্রডেরিক।   উল্লেখ্য, এই নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের কেন্দ্রীয় প্রচার কমিটির তেমন কোনো সহায়তা বা বড় তহবিল ছাড়াই লড়েছেন ব্রডারিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “আমাদের পেছনে কোনো বড় রাজনৈতিক শক্তি বা করপোরেট অর্থ ছিল না। আমাদের সাথে ছিল সাধারণ মানুষ, আর সেটিই যথেষ্ট ছিল।”   অন্যদিকে, ৬২ বছর বয়সী পরাজিত প্রার্থী স্কট ডেসজার্লাইস ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গত সপ্তাহেই তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজয় মেনে নিয়েছিলেন এবং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এক বিবৃতিতে তিনি নতুন নির্বাচিত সদস্যকে শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, চতুর্থ ডিস্ট্রিক্টের মানুষের প্রতি যথাযথ যত্ন ও মনোযোগ অব্যাহত থাকবে। পেশায় চিকিৎসক ডেসজার্লাইস দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ও নৈতিক বিভিন্ন বিতর্কের মুখেও পড়েছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান। 873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১২:৫৭
মানুষের জীবন্ত মস্তিষ্কের কোষ দিয়ে 'চিন্তা' করছে রোবট
কল্পবিজ্ঞান নাকি বাস্তবতা? মানুষের জীবন্ত মস্তিষ্কের কোষ দিয়ে 'চিন্তা' করছে রোবট

১৯৮৭ সালের সাড়াজাগানো সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘রোবোকপ’-এ দেখা গিয়েছিল, এক পুলিশ কর্মকর্তার মস্তিষ্ককে টাইটানিয়ামের শরীরে যুক্ত করে তৈরি করা হয়েছিল এক দুর্ধর্ষ সাইবর্গ। দীর্ঘ চার দশক পর সিনেমার সেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। এবার ল্যাবরেটরিতে তৈরি মানুষের জীবন্ত নিউরন বা স্নায়ুকোষের মাধ্যমে ‘আইরিস’ (Iris) নামক একটি হিউম্যানয়েড রোবটকে নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলেছেন গবেষকরা।   যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ার এবং ‘ওপেনমাইন্ড’ (OpenMind)-এর প্রতিষ্ঠাতা জ্যান লিপহার্ড এবং তাঁর গবেষক দল এই যুগান্তকারী পরীক্ষাটি চালিয়েছেন। সম্প্রতি এই গবেষণার ফলাফল বিজ্ঞান মহলে ব্যাপক সাড়া ফেলেছে।   যেভাবে কাজ করে এই জৈবিক কম্পিউটিং: গবেষণায় আইরিস নামের রোবটটিকে দূরবর্তী (রিমোট) প্রযুক্তির মাধ্যমে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি মানুষের সেরিব্রাল কর্টেক্সের নিউরন কালচারের সঙ্গে যুক্ত করা হয়। এর জন্য অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের দ্বিমাত্রিক (2D) এবং সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের ত্রিমাত্রিক (3D) নিউরন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। বিশেষ ইলেকট্রোড অ্যারের ওপর বড় হওয়া এই জীবন্ত কোষগুলোর সঙ্গে রোবটটির যোগাযোগ স্থাপনের জন্য একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) ব্যবহার করা হয়।   আইরিসের চোখে থাকা ক্যামেরা বাইরের পরিবেশের দৃশ্য ধারণ করে এপিআই-এর মাধ্যমে নিউরনগুলোতে পাঠায়। এতে স্নায়ুকোষগুলোতে বৈদ্যুতিক উদ্দীপনা বা স্পাইক তৈরি হয়। সেই সংকেতগুলো পুনরায় রোবটটিতে ফিরে আসে এবং এর আচরণ নিয়ন্ত্রণ করে।   সামাজিক আচরণ বুঝতে সক্ষম আইরিস: এই ব্যবস্থার ফলে আইরিস মানুষের সাধারণ সামাজিক ইঙ্গিত বুঝতে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারছে। যেমন—কেউ যদি আইরিসের সঙ্গে হাসিমুখে কথা বলে বা মনোযোগ দেয়, তবে ক্যামেরার মাধ্যমে সেই তথ্য পেয়ে নিউরনগুলো সংকেত দেয় যে মানুষটি খুশি এবং আগ্রহী। আবার কেউ যদি চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেয় বা তাকে এড়িয়ে চলে, তবে রোবটটিও শান্ত হয়ে যায় বা আগ্রহ হারিয়ে ফেলে।   প্রায় ৫০০টি উদ্দীপনা বা স্টিমুলেশন চালিয়ে গবেষকরা দেখেছেন, দ্বিমাত্রিক (2D) নিউরন কালচার মাত্র ১৫০ থেকে ২৪০ মিলিসেকেন্ডের মধ্যে ৯৪ শতাংশ নিখুঁতভাবে সংকেত বিশ্লেষণ করতে পারে। অন্যদিকে ত্রিমাত্রিক (3D) কোষগুলো ৯১ শতাংশ নির্ভুলতা দেখালেও এতে প্রায় দুই সেকেন্ড সময় লাগে। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির নিউরোইঞ্জিনিয়ার স্টিভ পটার এই গবেষণাকে গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিহিত করলেও জানিয়েছেন, মানুষের হাত বা মুখের স্বাভাবিক প্রতিক্রিয়ার (১০ থেকে ১০০ মিলিসেকেন্ড) তুলনায় এই গতি এখনো বেশ ধীর।   ভবিষ্যৎ সম্ভাবনা ও নৈতিকতা: গবেষক জ্যান লিপহার্ডের মতে, সাধারণ কম্পিউটার চিপের বদলে জীবন্ত নিউরন ব্যবহার করলে ভবিষ্যতে গৃহস্থালি রোবটগুলো পরিবারের সদস্যদের পছন্দ-অপছন্দ নিজস্ব উপায়ে শিখে নিতে পারবে। যেহেতু এটি জৈবিক প্রক্রিয়ায় কাজ করে, তাই এর তথ্য চুরি বা হ্যাক হওয়ার ঝুঁকিও কম থাকবে।   তবে মস্তিষ্কের কোষ ব্যবহার করায় রোবটের মধ্যে নিজস্ব চেতনা বা অনুভূতি তৈরি হবে কি না, তা নিয়ে নৈতিক প্রশ্ন উঠেছে। এ বিষয়ে লিপহার্ড এবং কর্টিক্যাল ল্যাবসের প্রধান নির্বাহী ব্রেট কাগ্যান আশ্বস্ত করে বলেন, ল্যাবে ব্যবহৃত এই কোষগুলো অত্যন্ত সাধারণ স্তরের, ফলে এগুলোর কোনো চেতনা বা ব্যথা অনুভব করার ক্ষমতা নেই।   গবেষকরা এখন কোষগুলোর আয়ুষ্কাল বাড়ানোর দিকে নজর দিচ্ছেন। বর্তমানে দ্বিমাত্রিক কোষগুলো ১০০ দিনের বেশি এবং ত্রিমাত্রিক কোষগুলো মাত্র কয়েক দিন বেঁচে থাকে। মজার বিষয় হলো, কোষগুলোর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোবটের প্রতিক্রিয়ায় কিছুটা ধীরগতি আসে এবং এর মেজাজেও পরিবর্তন দেখা যায়। লিপহার্ড এটিকে ব্যর্থতা হিসেবে দেখছেন না; বরং তাঁর মতে, মানুষের মতো ভুল করা এবং সীমিত আয়ু থাকার বিষয়টি রোবটগুলোকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসবে এবং প্রতিটি রোবটের নিজস্ব ব্যক্তিত্ব তৈরি করবে। সূত্র: দ্য সায়েন্টিস্ট। 873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১২:৫০
যে বাবার কাঁধে মাথা রেখে নিরাপদ থাকার কথা, সেই বাবাই কেড়ে নিলেন তিন সন্তানের প্রাণ
যে বাবার কাঁধে মাথা রেখে নিরাপদ থাকার কথা, সেই বাবাই কেড়ে নিলেন তিন সন্তানের প্রাণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্ল্যান্ট সিটিতে স্ত্রী ও তিন অবুঝ সন্তানকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হওয়া ৩৪ বছর বয়সী আইজ্যাক লুচটেফেল্ড ওই নৃশংস ঘটনার মাত্র কয়েক দিন আগেই তাঁর পাঁচ বছর বয়সী বড় ছেলে ইনোককে বলেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।   মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর শিশু ইনোকের মার্শাল আর্ট প্রশিক্ষক ও জিম মালিক স্যামুয়েল কিমেল এক বিবৃতিতে সেই আবেগঘন শেষ স্মৃতির কথা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পেশায় ভ্রাম্যমাণ মেকানিক আইজ্যাক লুচটেফেল্ড গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্ল্যান্ট সিটিতে নিজেদের পারিবারিক বাড়িতে তাঁর ৩৪ বছর বয়সী স্ত্রী রাকেল লুচটেফেল্ড, পাঁচ বছর বয়সী ছেলে ইনোক, তিন বছর বয়সী মেয়ে হান্না এবং এক বছর বয়সী শিশুপুত্র জবকে গুলি করে হত্যা করেন এবং সবশেষে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।   কার্লসন গ্রেসি প্ল্যান্ট সিটি মার্শাল আর্ট জিমের মালিক ও প্রশিক্ষক স্যামুয়েল কিমেল জানান, ইনোক তাঁর কাছে প্রশিক্ষণ নিত এবং আইজ্যাককে সবসময় একজন অত্যন্ত স্নেহশীল ও দায়িত্বশীল বাবা হিসেবেই মনে হতো। ঘটনার মাত্র এক সপ্তাহ আগের স্মৃতিচারণা করে কিমেল বলেন, সেদিন জিম থেকে বিদায় নেওয়ার সময় আইজ্যাক তাঁর বড় ছেলে ইনোককে উদ্দেশ করে বলছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।   ওই মুহূর্ত এবং বাবা-ছেলের সেই কথোপকথন এখনো তাঁর কানে প্রতিধ্বনিত হচ্ছে এবং কিছুতেই তিনি সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না বলে মন্তব্য করেন প্রশিক্ষক কিমেল।   একজন আপাতদৃষ্টিতে স্নেহশীল পিতার এমন আকস্মিক ও ভয়াবহ রূপ বদলে পুরো প্ল্যান্ট সিটি এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।   স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে, তবে ঠিক কী কারণে আইজ্যাক নিজের সাজানো পরিবারকে এভাবে নিশ্চিহ্ন করে দিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট 875 আইকিউ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১২:২০