সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
যে বাবার কাঁধে মাথা রেখে নিরাপদ থাকার কথা, সেই বাবাই কেড়ে নিলেন তিন সন্তানের প্রাণ
যে বাবার কাঁধে মাথা রেখে নিরাপদ থাকার কথা, সেই বাবাই কেড়ে নিলেন তিন সন্তানের প্রাণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্ল্যান্ট সিটিতে স্ত্রী ও তিন অবুঝ সন্তানকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হওয়া ৩৪ বছর বয়সী আইজ্যাক লুচটেফেল্ড ওই নৃশংস ঘটনার মাত্র কয়েক দিন আগেই তাঁর পাঁচ বছর বয়সী বড় ছেলে ইনোককে বলেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।   মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর শিশু ইনোকের মার্শাল আর্ট প্রশিক্ষক ও জিম মালিক স্যামুয়েল কিমেল এক বিবৃতিতে সেই আবেগঘন শেষ স্মৃতির কথা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পেশায় ভ্রাম্যমাণ মেকানিক আইজ্যাক লুচটেফেল্ড গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্ল্যান্ট সিটিতে নিজেদের পারিবারিক বাড়িতে তাঁর ৩৪ বছর বয়সী স্ত্রী রাকেল লুচটেফেল্ড, পাঁচ বছর বয়সী ছেলে ইনোক, তিন বছর বয়সী মেয়ে হান্না এবং এক বছর বয়সী শিশুপুত্র জবকে গুলি করে হত্যা করেন এবং সবশেষে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।   কার্লসন গ্রেসি প্ল্যান্ট সিটি মার্শাল আর্ট জিমের মালিক ও প্রশিক্ষক স্যামুয়েল কিমেল জানান, ইনোক তাঁর কাছে প্রশিক্ষণ নিত এবং আইজ্যাককে সবসময় একজন অত্যন্ত স্নেহশীল ও দায়িত্বশীল বাবা হিসেবেই মনে হতো। ঘটনার মাত্র এক সপ্তাহ আগের স্মৃতিচারণা করে কিমেল বলেন, সেদিন জিম থেকে বিদায় নেওয়ার সময় আইজ্যাক তাঁর বড় ছেলে ইনোককে উদ্দেশ করে বলছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।   ওই মুহূর্ত এবং বাবা-ছেলের সেই কথোপকথন এখনো তাঁর কানে প্রতিধ্বনিত হচ্ছে এবং কিছুতেই তিনি সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না বলে মন্তব্য করেন প্রশিক্ষক কিমেল।   একজন আপাতদৃষ্টিতে স্নেহশীল পিতার এমন আকস্মিক ও ভয়াবহ রূপ বদলে পুরো প্ল্যান্ট সিটি এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।   স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে, তবে ঠিক কী কারণে আইজ্যাক নিজের সাজানো পরিবারকে এভাবে নিশ্চিহ্ন করে দিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট 875 আইকিউ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১২:২০
ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি।   নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।   পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।   তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।   ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।   871 এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১১:৫২
আইসের হেফাজত থেকে মুক্তি চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে সাত বছর বয়সী এক শিশু। ছবি: সংগৃহীত
‘বাবাকে দেখতে চাই, স্কুলে পড়তে চাই’, ট্রাম্পের কাছে করুণ চিঠি আইস হেফাজতে থাকা শিশুর

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা বা আইসের (ICE) হেফাজতে থাকা এক শিশু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মুক্তি চেয়ে আকুতি জানিয়েছে। টেক্সাসের একটি পারিবারিক অভিবাসন কেন্দ্রে আটক সাত বছর বয়সী ওই শিশু এক চিঠিতে লিখেছে, সে স্কুলে পড়তে চায় এবং বাবার সাথে দেখা করতে চায়।   পারিবারিক ও আইনি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, লুইজিয়ানার বাসিন্দা শার্লট অর্টিজ তার মা কারেনের (২৫) সঙ্গে আটক রয়েছে। তার বাবা ব্রুনো জানান, তারা স্থানীয় একটি পেন্টেকস্টাল চার্চে নিয়মিত যেতেন, তাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং তারা নিয়মিত কর পরিশোধ করতেন।   কারেনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আটকের সময় এজেন্টরা তাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে হাতকড়া পরায়। তিনি মেয়ের কথা বলে চিৎকার করেছিলেন এবং মেয়ের স্কুলে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তা রাখা হয়নি। তার দাবি, এক কর্মকর্তা তাকে বলেছিলেন যে কোনো ভুল করলে ২১ বছর বয়স হওয়ার আগে হয়তো সে শার্লটকে আর দেখতে পাবে না। মা ও মেয়েকে বিমানে তুলে টেক্সাসের ডিলি (Dilley) কেন্দ্রে নেওয়া হয় এবং পরদিন ভোর ৩টায় পৌঁছানোর আগ পর্যন্ত তারা ১০ ঘণ্টা না খেয়ে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।   বাবা ব্রুনো জানান, শার্লট প্রক্রিয়াজাত খাবার পছন্দ করে না এবং ওই কেন্দ্রের খাবারের সাথে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়েই তার ওজন প্রায় ৭ পাউন্ড (৩ কেজি) কমে যায় এবং সাম্প্রতিক সময়ে আরও প্রায় ১৫ পাউন্ড ওজন কমেছে। ব্রুনোর ভাষ্য অনুযায়ী, অসহায় হয়ে মা কারেন মেয়ের জন্য সিরিয়াল লুকিয়ে রাখলেও কেন্দ্রের কর্মীরা তা খুঁজে ফেলে দেন। তিনি বলেন, সারাদিনে হয়তো মাত্র পাঁচ চামচ ভাত খায় সে।   এক বিবৃতিতে শার্লট জানিয়েছে, পড়াশোনা করতে না পেরে তার মন খারাপ লাগছে; সে তার আর্ট ক্লাস, শিক্ষক এবং বাবাকে মিস করছে। সে দ্রুত বের হয়ে বাবাকে জড়িয়ে ধরতে ও তার সাথে খেলতে চায়।   পরিবারটি বর্তমানে অভিবাসন মামলার পুনর্বিবেচনার চেষ্টা চালাচ্ছে এবং চার্চ ও স্থানীয় কমিউনিটির সদস্যরা মা-মেয়ের মুক্তির দাবি জানিয়েছেন। বাবা ব্রুনো অভিবাসন নীতি নির্ধারকদের উদ্দেশে বলেন, তারা আইন মেনে সঠিকভাবে চলার সুযোগ চান। অন্যদিকে সংশ্লিষ্ট এক নীতি ও আইনি সেবা কর্মকর্তা সব পর্যায়ের নেতাদের প্রতি কারেন ও শার্লটের মুক্তি এবং পারিবারিক আটক কেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছেন।   সূত্র: দ্য গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১১:৪৪
এক আলোক-দিবস দূরত্বের মাইলফলক স্পর্শের ঠিক পাঁচ দিন আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল নাসার ভয়েজার-১। ছবি: সংগৃহীত
এক আলোক-দিন দূরে পৌঁছানোর পর বিপাকে নাসার ভয়েজার-১, বন্ধ তথ্য পাঠানো

পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরে পৌঁছানোর ঐতিহাসিক মাইলফলক স্পর্শের ঠিক আগমুহূর্তে আবারও যোগাযোগ বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বয়োজ্যেষ্ঠ মহাকাশযান ভয়েজার-১। মানুষের তৈরি প্রথম কোনো বস্তু হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছানোর ঠিক পাঁচ দিন আগেই যানটি থেকে বৈজ্ঞানিক ও প্রকৌশলগত তথ্য আসা বন্ধ হয়ে গেছে।   নাসা জানিয়েছে, বর্তমানে গভীর মহাকাশে অবস্থানরত এই যানটি কেবল একটি শূন্য ‘ক্যারিয়ার সিগন্যাল’ বা নিরবচ্ছিন্ন রেডিও সংকেত পাঠাচ্ছে। সাধারণত এই সংকেতের ভেতরেই মহাকাশযানটির বিভিন্ন যন্ত্রের সংগৃহীত তথ্য যুক্ত থাকে। কিন্তু গত ১৪ নভেম্বর থেকে সেই তথ্য প্রবাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।   আলোর গতিতে চলা কোনো রেডিও সংকেত পৃথিবী থেকে কোনো মহাকাশযানে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় নিলে সেই দূরত্বকে ‘এক আলোক-দিবস’ বলা হয়, যা প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার (১ হাজার ৬০০ কোটি মাইল) সমান। ভয়েজার প্রকৌশলীরা মহাকাশযানটির গতিপথ ও ক্যারিয়ার সিগন্যাল বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে, এটি ইতিমধ্যে সেই ঐতিহাসিক দূরত্ব অতিক্রম করেছে। তবে ১৯৭৭ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা ৪৯ বছর বয়সী এই মহাকাশযানটির বর্তমান অবস্থা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।   নাসার তথ্যমতে, ক্যারিয়ার সিগন্যাল সচল থাকার অর্থ হলো ভয়েজার-১-এর নেভিগেশন কম্পিউটার এখনো যানটিকে সঠিকভাবে পৃথিবীর দিকে মুখ করে রেখেছে এবং এর অ্যান্টেনা ও সম্প্রচার যন্ত্রপাতি কাজ করছে। তবে তথ্য না আসার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহকারী অনবোর্ড কম্পিউটারটিতে কোনো ত্রুটি দেখা দিয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যানটির ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে ৮টি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল; বর্তমানে কেবল ২টি যন্ত্র সচল রয়েছে।   ভয়েজার-১ দলের প্রকৌশলীরা সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিশাল দূরত্বের কারণে এই কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। কারণ, পৃথিবী থেকে পাঠানো যেকোনো নির্দেশ যানটিতে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগে এবং সেখান থেকে ফিরতি সংকেত আসতে আরও ২৪ ঘণ্টা লেগে যায়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির একজন মুখপাত্র জানিয়েছেন, সমস্যাটি এখনো সমাধান হয়নি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।   উল্লেখ্য, ঠিক তিন বছর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বরেও একই ধরনের বিভ্রাটে পড়েছিল ভয়েজার-১। সে সময় যানটির তিনটি অনবোর্ড কম্পিউটারের একটি—‘ফ্লাইট ডেটা সাবসিস্টেম’ বা এফডিএস-এর একটি চিপ নষ্ট হয়ে যাওয়ায় তথ্য পাঠানো বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে প্রকৌশলীরা কোড বিভক্ত করে বিকল্প উপায়ে যানটিকে সচল করেছিলেন। এবারও সেই একই কম্পিউটারে সমস্যা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি নাসা।   এর আগে গত অক্টোবরের শেষ দিকেও ভয়েজার-১ টানা দুই দিন পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যদিও পরে তা নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে ঘনঘন এমন যান্ত্রিক ত্রুটি প্রমাণ করছে যে, নির্ধারিত আয়ুষ্কালের চেয়ে ১০ গুণেরও বেশি সময় ধরে মহাকাশে টিকে থাকা এই যানটি এখন বোনাস সময়ে চলছে।   মূলত বৃহস্পতি ও শনি গ্রহ পর্যবেক্ষণের জন্য পাঁচ বছর মেয়াদি মিশন নিয়ে ১৯৭৭ সালে যাত্রা শুরু করেছিল ভয়েজার-১ ও এর যমজ যান ভয়েজার-২। বর্তমানে উভয় যানই সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশ বা ইন্টারস্টেলার স্পেস নিয়ে গবেষণা করছে।   সূত্র: সিএনএন   873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১১:৩৫
ফ্লোরিডায় ৩৩টি অভিযোগে গ্রেপ্তার মার্কিন নৌসেনা সদস্য ক্যাসি স্মিথ, তদন্তে যৌথ অভিযান। ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় ইন্টারনেটের আইপি অ্যাড্রেস তদন্ত করে শিশু যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন নৌসেনা গ্রেপ্তার

ফ্লোরিডা অঙ্গরাজ্যে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ছবি ও ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন অভিযোগে মার্কিন নৌবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফ্লোরিডার পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে কর্মরত ছিলেন বলে জানিয়েছে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট।    গত ২৩ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফডিএলই জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম ক্যাসি স্মিথ। ৩৯ বছর বয়সী এই নৌসেনার বিরুদ্ধে মোট ৩৩টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও সংরক্ষণের আটটি, ছড়িয়ে দেওয়ার চারটি, পশুর সঙ্গে যৌন কর্মকাণ্ডের উপকরণ সংরক্ষণের ২০টি এবং অপরাধ সংঘটনে যোগাযোগযন্ত্র ব্যবহারের একটি অভিযোগ রয়েছে।   গত সেপ্টেম্বরে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের কাছ থেকে তিনটি অনলাইন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তকারীরা ইন্টারনেটের আইপি অ্যাড্রেস শনাক্ত করে নৌঘাঁটির বাইরে অবস্থিত স্মিথের বাসার সন্ধান পান।   গত ১৭ নভেম্বর আদালতের অনুমতি নিয়ে তাঁর বাসায় তল্লাশি চালান তদন্তকারীরা। এ সময় বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় সেগুলোতে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত একাধিক ফাইল পাওয়া গেছে বলে জানিয়েছে এফডিএলই।   অভিযানে এফবিআই, নৌবাহিনীর অপরাধ তদন্ত সংস্থা এনসিআইএস, ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোলসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করেছে।   গ্রেপ্তারের পর স্মিথকে এসকাম্বিয়া কাউন্টি জেলে রাখা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম পেনসাকোলা নিউজ জার্নালের তথ্য অনুযায়ী, তাঁর জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ডলার।   কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো চলছে এবং তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। তবে আদালতে এখনো এসব অভিযোগ প্রমাণিত হয়নি।    সূত্র: ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট, পেনসাকোলা নিউজ জার্নাল, ফক্স ১০ নিউজ   871 এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১১:২০
যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামবিদ্বেষের শিকার, জরিপে উদ্বেগজনক চিত্র
যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামবিদ্বেষের শিকার, জরিপে উদ্বেগজনক চিত্র

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি ইসলামবিদ্বেষ ও বৈষম্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নতুন এক জরিপে। জরিপে অংশ নেওয়া ৩৮ দশমিক ৩ শতাংশ মুসলিম শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁরা ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শুধু বৈষম্যের শিকার হওয়াই নয়, এ ধরনের ঘটনার অভিযোগ জানাতেও ভয় ও অনাস্থার কথা জানিয়েছেন অনেকে।   বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চন: মুসলিম স্টুডেন্টস এক্সপেরিয়েন্সেস ইন ইউকে হায়ার এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস) প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন ইসলামিক সোসাইটির প্রতিনিধির অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।   জরিপে নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার হার পুরুষদের তুলনায় বেশি পাওয়া গেছে। মুসলিম নারীদের ৪২ দশমিক ১ শতাংশ এ ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৩৪ দশমিক ৪ শতাংশ। জাতিগত গোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশীয় নারীদের মধ্যে হার সবচেয়ে বেশি, ৪৫ দশমিক ৬ শতাংশ।   বিশ্ববিদ্যালয়ের ধরন ও অবস্থানভেদেও বৈষম্যের অভিজ্ঞতায় পার্থক্য দেখা গেছে। যুক্তরাজ্যের শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর জোট রাসেল গ্রুপের প্রতিষ্ঠানে পড়া মুসলিম শিক্ষার্থীদের ৪৪ দশমিক ৪ শতাংশ ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ হার ৩৩ দশমিক ৬ শতাংশ। অঞ্চলভিত্তিক হিসাবে ইংল্যান্ডের ইস্ট অব ইংল্যান্ড এলাকায় এ হার সর্বোচ্চ ৫৪ দশমিক ১ শতাংশ। লন্ডনে তা ৩৫ দশমিক ৯ শতাংশ।   অভিযোগ জানাতেও অনীহা   প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বৈষম্যের শিকার শিক্ষার্থীদের বড় একটি অংশ অভিযোগ জানানোর সাহস পান না। ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৬৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। মাত্র ৩১ দশমিক ৮ শতাংশ অভিযোগ জানাতে পেরেছেন। তাঁদের মধ্যে মাত্র ৫৫ দশমিক ২ শতাংশ মনে করেন, কর্তৃপক্ষ তাঁদের অভিযোগ যথাযথভাবে বিবেচনা করেছে।   প্রতিবেদনে হয়রানির বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। কোনো শিক্ষার্থী হিজাব পরার কারণে অপমানজনক মন্তব্যের শিকার হয়েছেন, কেউ পেয়েছেন প্রাণনাশের হুমকি। এক ঘটনায় হিজাব পরা একদল মুসলিম শিক্ষার্থীর ওপর প্রস্রাব ছুড়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। আরেক শিক্ষার্থী শুক্রবারের নামাজ আদায়ের জন্য ল্যাব ক্লাস থেকে বিরতি চাইলে তাঁকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় চর্চায় প্রভাব   ইসলামবিদ্বেষের কারণে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে। বৈষম্যের অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৪৫ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাঁদের মানসিক স্বাস্থ্যে এর মাঝারি থেকে গুরুতর প্রভাব পড়েছে।   এ ছাড়া ৬০ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী ফিলিস্তিন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ভয় বা অস্বস্তি বোধ করেন বলে জানিয়েছেন। দৈনিক নামাজ ও জুমার নামাজের সময়সূচির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময় মেলে না বলে জানিয়েছেন এক-পঞ্চমাংশের বেশি শিক্ষার্থী।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১০ দশমিক ৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাঁদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ১৫ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তাঁরা একেবারেই প্রতিনিধিত্ব পান না।   বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুপারিশ   এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংগঠনগুলোর জন্য বেশ কিছু সুপারিশ করেছে ফসিস। এর মধ্যে রয়েছে ইসলামোফোবিয়া সম্পর্কে শিক্ষক, কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা তৈরি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।   পাশাপাশি শুক্রবারের নামাজের সময় বাধ্যতামূলক ক্লাস ও পরীক্ষার সময়সূচি না রাখা, ঈদের দিনে পরীক্ষা এড়িয়ে চলা এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নামাজের জায়গা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।   ফসিসের মতে, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু নীতিমালা তৈরি করলেই হবে না, বরং বৈষম্যের অভিযোগের কার্যকর প্রতিকার এবং শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারও নিশ্চিত করতে হবে।   সংবাদসূত্র ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (FOSIS), আলজাজিরা, টাইমস হায়ার এডুকেশন। 876TR

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১১:১২
অস্ট্রেলিয়ার সিনেটে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য ও ভোটাভুটিতে অংশ নিলেন সিনেটর ফাতিমা পেম্যান। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিনেটে শিশুকন্যাকে কোলে নিয়ে দায়িত্ব পালন, ভাইরাল সিনেটর ফাতিমা

অস্ট্রেলিয়ার সিনেট অধিবেশনে নিজের শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য ও ভোটাভুটিতে অংশ নিয়েছেন আফগান বংশোদ্ভূত সিনেটর ফাতিমা পেম্যান। ডিজিটাল ডিউটি অব কেয়ার আইন নিয়ে বিতর্কের সময় তাঁর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় পেছনের আসনে থাকা আরেক সিনেটর লিডিয়া থর্পকে শিশুটির সঙ্গে মজা করে খেলতেও দেখা যায়।   ২৫ নভেম্বরের অধিবেশনে ফাতিমা পেম্যান তাঁর শিশুকন্যা আলিয়াকে কোলে নিয়ে সিনেট চেম্বারে উপস্থিত হন। তিনি বক্তব্য দেওয়ার সময় শিশুটিকে নিজের কাছেই রেখেছিলেন। পেছনে বসে থাকা সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলার ভঙ্গিতে মেতে ওঠেন। আনুষ্ঠানিক সংসদীয় কার্যক্রমের মধ্যে এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পেম্যান সংসদীয় দায়িত্ব পালন করার পাশাপাশি মেয়েকেও সামলাচ্ছেন। আর থর্পের সঙ্গে শিশুটির খুনসুটির দৃশ্যটি ভিডিওটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।   ফাতিমা পেম্যান ১৯৯৫ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার তালেবানের শাসনামলে আফগানিস্তান ছেড়ে প্রথমে পাকিস্তানে আশ্রয় নেয়। ২০০৩ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন তিনি। ২০০৫ সালে দেশটির নাগরিকত্ব পান। তাঁর দাদা আফগানিস্তানের পার্লামেন্টের সদস্য ছিলেন। ছোটবেলা থেকেই দাদার রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।   ২০২২ সালে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটর নির্বাচিত হন পেম্যান। তিনিই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নির্বাচিত প্রথম আফগান-অস্ট্রেলীয় এবং হিজাব পরা প্রথম মুসলিম নারী। তাঁর এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে বহুজাতিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় যুক্ত হয়।   উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সিনেটের নিয়ম অনুযায়ী, অধিবেশনের কার্যক্রমে বিঘ্ন না ঘটলে সিনেটররা শিশুকে স্তন্যপান করাতে কিংবা অল্প সময়ের জন্য যত্ন নিতে চেম্বারে আনতে পারেন। ২০১৬ সালে এ বিষয়ে নিয়ম সংশোধন করা হয়।   এদিকে, যে ডিজিটাল ডিউটি অব কেয়ার আইন নিয়ে সিনেটে বিতর্ক চলছিল, সেটিও পাস হয়েছে। আইনটির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, অ্যাপ ও এআই চ্যাটবটসহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের সম্ভাব্য ক্ষতি প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সিনেটে বিলটি ৩৬-২৩ ভোটে পাস হয়।   সূত্র: এনডিটিভি   871-এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১০:৫৬
যুক্তরাষ্ট্রে বিমা ও গাড়ির খরচ বেড়ে যাওয়ায় অ্যামট্রাকে যাত্রীদের রেকর্ড, এক বছরে ৩ কোটি ৭০ লাখ ট্রেনযাত্রা
যুক্তরাষ্ট্রে বিমা ও গাড়ির খরচ বেড়ে যাওয়ায় অ্যামট্রাকে যাত্রীদের রেকর্ড, এক বছরে ৩ কোটি ৭০ লাখ ট্রেনযাত্রা

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী রেলসেবা প্রতিষ্ঠান অ্যামট্রাকে যাত্রী চলাচলে নতুন রেকর্ড হয়েছে। ২০২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির ট্রেনে মোট ৩ কোটি ৭০ লাখ ৬৭ হাজারের বেশি যাত্রীভ্রমণ হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ সংখ্যা ৭ দশমিক ৪ শতাংশ বেশি। জ্বালানি ও বিমানভাড়া বেড়ে যাওয়ায় অনেক যাত্রী গাড়ি বা বিমানের পরিবর্তে ট্রেন বেছে নিচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।   মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত অ্যামট্রাকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে যাত্রী চলাচলে এই রেকর্ড হয়েছে। এটি প্রতিষ্ঠানটির টানা তৃতীয় বছরের বার্ষিক যাত্রীসংখ্যা বৃদ্ধির রেকর্ড। মহামারির পরবর্তী পুনরুদ্ধারের সময় বাদ দিলে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধি।   অ্যামট্রাকের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাইল হারম্যান  বলেন, বিমানভাড়া ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কিছু মানুষ বিকল্প হিসেবে ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি রেল অবকাঠামোর উন্নয়ন, নতুন ট্রেন সংযোজন এবং সময়মতো সেবা দেওয়ার সক্ষমতা বাড়ায় যাত্রীদের আগ্রহ বেড়েছে।   যাত্রী বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির আয়ও বেড়েছে। ২০২৬ অর্থবছরে অ্যামট্রাকের মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৪ দশমিক ১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি। টিকিট বিক্রি থেকে আয় প্রথমবারের মতো ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে প্রতিষ্ঠানটির সমন্বিত পরিচালন ক্ষতি হয়েছে ৪৯২ দশমিক ৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ কম।    অর্থবছরের ১২ মাসের মধ্যে ১১ মাসেই সংশ্লিষ্ট মাসের যাত্রী চলাচলে নতুন রেকর্ড হয়েছে। এর মধ্যে জুলাই মাসে প্রায় ৩৪ লাখ যাত্রীভ্রমণ হয়েছে, যা এক মাসে সর্বোচ্চ। এ ছাড়া নর্থইস্ট রিজিওনাল রুট প্রথমবারের মতো এক বছরে ১ বিলিয়ন ডলার আয় করেছে।   যাত্রীসেবা উন্নত করতে নতুন ট্রেন ও অবকাঠামো আধুনিকায়নে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যামট্রাক। প্রতিষ্ঠানটি ২০২৮ সালের মধ্যে নর্থইস্ট রিজিওনাল রুটের পুরোনো ট্রেনগুলো পরিবর্তনের পরিকল্পনা করেছে। একই সঙ্গে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত অ্যাসেলা ট্রেনের যাত্রার সময় প্রায় তিন ঘণ্টা থেকে কমিয়ে আড়াই ঘণ্টায় আনার লক্ষ্য রয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে দ্রুতগতিতে ট্রেন চালানোর অনুমোদন প্রয়োজন।   সংবাদসূত্র রয়টার্স, অ্যামট্রাকের ২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১০:৫০
বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ছবি: সংগৃহীত
নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের: চীনের জন্য সর্বোচ্চ, বাংলাদেশের জন্য হতে পারে ২০ শতাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিয়ে বাংলাদেশ, চীন ও ভারতসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে। বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।   যুক্তরাষ্ট্র তার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদারগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের একগুচ্ছ প্রস্তাব ঘোষণা করেছে। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে 'সেকশন ৩০১' তদন্তের পর এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।   যেসব অর্থনীতির বিরুদ্ধে এই তদন্ত পরিচালিত হয়েছে, তার মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত।   বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে শুল্কের হার ভিন্ন ভিন্ন হবে। এর মধ্যে চীনের ওপর সর্বোচ্চ '৪০ শতাংশ পর্যন্ত' শুল্ক আরোপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আসতে পারে এবং বাকি দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ শতাংশ অথবা ২৫ শতাংশ হতে পারে।   মার্কিন কর্মকর্তার তথ্যমতে, প্রস্তাবিত শুল্কের তালিকায় বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম রয়েছে। আপাতত মেক্সিকো ও নরওয়েকে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।   নতুন শুল্ক নির্ধারণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পাদিত বিভিন্ন বাণিজ্য চুক্তি বিবেচনায় নেওয়া হবে এবং আগের কয়েক দফা শুল্কের ওপর এগুলো চাপানো হবে না। এতে অনেক দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের খরচ বড় আকারে নাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও নতুন বাণিজ্য বোঝার আশঙ্কায় বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে চাপ পড়ে; এমএসসিআইয়ের বৈশ্বিক শেয়ার সূচক ০ দশমিক ৫ শতাংশ কমে যায়। আইএনজির বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপের আইনি যুক্তি বদলালেও যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী নীতি থেকে সরে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে।   আলোচনার সীমা ছাড়াবে না নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বাড়ার পেছনে ট্রাম্পের শুল্কনীতি ভূমিকা রেখেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর রয়টার্স/ইপসসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের প্রচেষ্টাকে সমর্থন করবেন।   তবে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, তা পুনর্গঠনের পরিকল্পনার কথা ট্রাম্প আগেই জানিয়েছিলেন। অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে সেকশন ৩০১-এর আওতায় আট মাসের তদন্তের পর এই নতুন প্রস্তাব এসেছে।   মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শুল্কসীমা নতুন শুল্ক অতিক্রম করবে না। আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া এক বছরের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনের জন্য ২০ শতাংশের সীমাও এর অন্তর্ভুক্ত। এ ছাড়া দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় শুল্ক কমানোর বিবেচনায় থাকা প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা আমদানি পণ্যেও এই শুল্ক প্রযোজ্য হবে না। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের সঙ্গে এগুলো যুক্ত হবে।   পাশাপাশি, জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাইয়ে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের ওপরও এই প্রস্তাবিত শুল্ক চাপানো হবে না। বুধবার মার্কিন ফেডারেল রেজিস্টারে নির্দিষ্ট হার প্রকাশের কথা রয়েছে। অন্যান্য অংশীদারদের সঙ্গে করা চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই শুল্কহার নির্ধারিত হবে—এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশের সীমা রয়েছে।   প্রস্তাবিত এই শুল্ক কার্যকর হওয়ার আগে গণবিজ্ঞপ্তি, মতামত গ্রহণ এবং শুনানির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। মার্কিন কর্মকর্তার মতে, এতে শুল্ক কার্যকর হওয়ার সময় জানুয়ারিতে গড়াতে পারে।   সূত্র: বিবিসি   873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১০:৩৯
যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ভিসায় ৩০৭ পেশার তালিকা, দেখে নিন আপনার সুযোগ রয়েছে যেসব কাজে
যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ভিসায় ৩০৭ পেশার তালিকা, দেখে নিন আপনার সুযোগ রয়েছে যেসব কাজে

যুক্তরাজ্যে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য স্কিলড ওয়ার্কার ভিসার আওতায় ৩০৭টি পেশার তালিকা প্রকাশের তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাতের পেশা রয়েছে এই তালিকায়। এসব পেশায় যোগ্য বিদেশি কর্মীরা নির্ধারিত শর্ত পূরণ করে যুক্তরাজ্যে কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন।   যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের (ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন) প্রকাশিত পেশার তালিকায় প্রতিটি কাজের জন্য আলাদা স্ট্যান্ডার্ড অকুপেশনাল ক্লাসিফিকেশন (এসওসি) কোড রয়েছে। পেশাগুলোকে উচ্চ দক্ষতা (হায়ার স্কিলড) ও মাঝারি দক্ষতা (মিডিয়াম স্কিলড) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬-এ প্রকাশিত লেজিট.এনজির এক প্রতিবেদনে মোট ৩০৭টি পেশার কথা উল্লেখ করা হয়েছে।   উচ্চ দক্ষতার আওতায় যেসব পেশা রয়েছে   উচ্চ দক্ষতার তালিকায় বিভিন্ন পেশার মধ্যে উল্লেখযোগ্য হলো:   - প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তা - আর্থিক ব্যবস্থাপক ও পরিচালক - মানবসম্পদ ব্যবস্থাপক - সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প্রকৌশলী - সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামার - সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ - চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক - ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট - নার্স ও স্বাস্থ্যসেবা পেশাজীবী - বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষক - আইনজীবী ও হিসাবরক্ষক - স্থপতি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপক।   মাঝারি দক্ষতার তালিকায় যেসব পেশা রয়েছে   এ তালিকায় বিভিন্ন ব্যবস্থাপনা ও কারিগরি পেশাও রয়েছে। যেমন:   - খুচরা ও পাইকারি ব্যবসার ব্যবস্থাপক - কৃষি ও উদ্যান ব্যবস্থাপনা - হোটেল ও আবাসন ব্যবস্থাপক - রেস্তোরাঁ ও ক্যাটারিং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক - স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক - আবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থাপক - গুদাম ও সরবরাহ ব্যবস্থাপক - সম্পত্তি ও আবাসন ব্যবস্থাপক।   তবে মাঝারি দক্ষতার তালিকায় কোনো পেশা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিসার জন্য আবেদন করা যায় না। সংশ্লিষ্ট পেশাটি ইমিগ্রেশন স্যালারি লিস্ট অথবা টেম্পোরারি শর্টেজ লিস্টে থাকতে হবে কিংবা নির্দিষ্ট পুরোনো ভিসাধারীদের জন্য প্রযোজ্য ছাড়ের আওতায় পড়তে হবে।   স্কিলড ওয়ার্কার ভিসার জন্য কী যোগ্যতা লাগবে?   যুক্তরাজ্যের সরকারি নির্দেশনা অনুযায়ী, এই ভিসার জন্য আবেদন করতে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।   ১. যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব থাকতে হবে।   ২. নিয়োগকর্তাকে আবেদনকারীর জন্য সার্টিফিকেট অব স্পনসরশিপ (সিওএস) দিতে হবে।   ৩. চাকরিটি অনুমোদিত পেশার তালিকায় থাকতে হবে এবং সংশ্লিষ্ট পেশার কোডের সঙ্গে কাজের দায়িত্ব মিলতে হবে।   ৪. সাধারণ নিয়মে বছরে অন্তত ৪১ হাজার ৭০০ পাউন্ড অথবা সংশ্লিষ্ট পেশার নির্ধারিত বেতনসীমা—যেটি বেশি, সেই পরিমাণ বেতন পেতে হবে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কম বেতনের নিয়ম রয়েছে।   ৫. ইংরেজি ভাষার দক্ষতাসহ ভিসার অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।   আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা   যুক্তরাজ্যের সরকারি তালিকায় উচ্চ ও মাঝারি দক্ষতার পাশাপাশি অযোগ্য পেশাও আলাদাভাবে চিহ্নিত রয়েছে। তাই শুধু পেশার নাম দেখে আবেদন করা ঠিক হবে না। চাকরির চার অঙ্কের এসওসি কোড এবং সংশ্লিষ্ট পেশার যোগ্যতার শর্ত যাচাই করতে হবে।   বিশেষ করে টেম্পোরারি শর্টেজ লিস্টের আওতায় থাকা পেশাগুলোর ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগে স্পনসরশিপ সার্টিফিকেট ইস্যুর শর্ত রয়েছে। ফলে এসব পেশায় আবেদন করতে আগ্রহীদের সময়সীমার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।   যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে পেশার কোড, বেতন ও ভিসার যোগ্যতার বিস্তারিত তালিকা পাওয়া যাচ্ছে।   সরকারি তথ্যসূত্র: GOV.UK — Skilled Worker Visa: Eligible Occupations and Codes।  

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১০:২৯
সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা নিয়ে মিশিগানের সিনেটর ড. আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
কয়েক সপ্তাহ আগেই ‘উন্মাদ জিহাদি’ উল্লেখ এবার এল-সায়েদকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে প্রশংসায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাব নিয়ে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর ড. আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ সত্ত্বেও স্বাস্থ্যসেবা খাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।   মঙ্গলবার (২৪ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। আবদুল এল-সায়েদের প্রস্তাবিত ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।   ট্রাম্প বলেন, এল-সায়েদ একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি খুব ভালো কাজ করেছেন। তাঁর সঙ্গে আমার বৈঠক হবে। সম্ভবত আমরা কোনো একটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারব। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি প্রেসিডেন্ট।    গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোনালি রঙের একটি প্রস্তাবিত হেলথ ইন্স্যুরেন্স কার্ডের নমুনা প্রকাশ করেন আবদুল এল-সায়েদ। কার্ডটিতে ‘ট্রাম্পকেয়ার’ নামের পাশাপাশি প্রেসিডেন্টের স্বাক্ষরও রাখা হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মার্কিন নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।   গত শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই পোস্টটি শেয়ার করেন। এর প্রতিক্রিয়ায় এল-সায়েদ জানান, প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।   বর্তমানে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার কর্মসূচির আওতায় মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাস্থ্যসেবার সুবিধা পান। প্রস্তাবিত ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির লক্ষ্য হচ্ছে বয়স বা আয়ের সীমাবদ্ধতা ছাড়াই সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবার কভারেজ নিশ্চিত করা।   তবে এই প্রস্তাব নিয়ে রিপাবলিকানদের মধ্যে বিরোধিতা রয়েছে। তাঁদের আশঙ্কা, এমন কর্মসূচি চালু হলে সরকারি ব্যয় ও করের বোঝা বাড়তে পারে। অন্যদিকে, সমর্থকদের দাবি, এটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের চিকিৎসা ও হেলথ ইন্স্যুরেন্সের ব্যয় কমবে।   আগামী ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিশিগানে জন্ম নেওয়া চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবদুল এল-সায়েদ। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের কঠোর সমালোচক হলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।   তবে ট্রাম্পের বৈঠকের ঘোষণা মানেই প্রস্তাবটির অনুমোদন নয়। কর্মসূচি বাস্তবায়নের জন্য কংগ্রেসে আইন পাসসহ প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করতে হবে।   সূত্র: নিউইয়র্ক পোস্ট   871 এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১০:২৩
নিউ জার্সিতে পাঁচ বছর অপেক্ষার পরও মসজিদ নির্মাণের অনুমতি মেলেনি, ফেডারেল আদালতে মুসলিম সংগঠনের মামলা
নিউ জার্সিতে পাঁচ বছর অপেক্ষার পরও মসজিদ নির্মাণের অনুমতি মেলেনি, ফেডারেল আদালতে মুসলিম সংগঠনের মামলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মার্লবোরো টাউনশিপে মসজিদ নির্মাণের আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে একটি মুসলিম সংগঠন। প্রায় পাঁচ বছর ধরে অনুমতির জন্য চেষ্টা করেও শেষ পর্যন্ত আবেদন নাকচ হওয়ায় ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্যের অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছে সংগঠনটি।   মার্লবোরো মুসলিম সেন্টার এবং সংগঠনটির সভাপতি মোহাম্মদ তাহির গত ২৮ সেপ্টেম্বর নিউ জার্সি জেলার ফেডারেল আদালতে মামলাটি করেন। এতে মার্লবোরো টাউনশিপ, এর জোনিং বোর্ড, মেয়র জোনাথন হর্নিক এবং টাউনশিপ কাউন্সিলের কয়েকজন সদস্যকে বিবাদী করা হয়েছে। মামলার নম্বর ৩:২৬-সিভি-১২৭৬৬।মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৪৪৯ টেন্যান্ট রোডের প্রায় পাঁচ একর জমিতে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা। প্রস্তাবিত নকশায় প্রায় ১৩ হাজার ১২৭ বর্গফুটের মসজিদ এবং ১০৭টি গাড়ি রাখার জায়গা রাখার কথা ছিল। সেখানে একসঙ্গে সর্বোচ্চ ২৬৪ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করার পরিকল্পনা ছিল।   সংগঠনটির অভিযোগ, ২০২১ সালে আবেদন জমা দেওয়ার পর থেকে প্রায় পাঁচ বছর ধরে অনুমোদন প্রক্রিয়ায় বারবার বিলম্ব করা হয়েছে। একাধিক শুনানি বাতিল ও পিছিয়ে দেওয়ার পর ২০২৫ সালে আদালতের শরণাপন্ন হতে হয় তাদের। পরে আদালতের নির্দেশে শুনানি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত গত ২৩ জুন মার্লবোরো জোনিং বোর্ড সর্বসম্মতিক্রমে মসজিদ নির্মাণের আবেদন প্রত্যাখ্যান করে।বোর্ডের সিদ্ধান্তে যানজট, পার্কিংয়ের অপর্যাপ্ততা, জমির সামনের অংশের প্রস্থ এবং প্রয়োজনীয় তথ্যের ঘাটতিসহ বিভিন্ন পরিকল্পনাগত বিষয় তুলে ধরা হয়। তবে মুসলিম সংগঠনটির দাবি, এসব কারণ প্রকৃতপক্ষে আবেদন প্রত্যাখ্যানের অজুহাত। তাদের অভিযোগ, স্থানীয় পর্যায়ে ইসলামবিদ্বেষী বক্তব্য ও রাজনৈতিক বিরোধিতাও অনুমোদন প্রক্রিয়াকে প্রভাবিত করেছে।   মামলায় ধর্মীয় ভূমি ব্যবহার ও প্রাতিষ্ঠানিক ব্যক্তিদের সুরক্ষা আইন (রিলিজিয়াস ল্যান্ড ইউজ অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড পারসনস অ্যাক্ট—আরএলইউআইপিএ), যুক্তরাষ্ট্রের সংবিধানের ধর্মীয় স্বাধীনতা ও সমান সুরক্ষার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সংগঠনটি আদালতের কাছে আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা, যুক্তিসংগত শর্তে মসজিদ নির্মাণের অনুমোদন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়েছে।   এ মামলায় সংগঠনটির পক্ষে কাজ করছে এশিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড (এএএলডিইএফ) এবং আইনজীবী ওমর টি. মোহাম্মদির আইন প্রতিষ্ঠান। মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।   সংবাদসূত্র এশিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড (AALDEF), মার্লবোরো টাউনশিপের সরকারি নথি। 876TR

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ১০:৭
বেভারলি হিলসে ৪৫ হাজার ডলারের ফেসলিফট সার্জারিতে চেহারায় ব্যাপক পরিবর্তন ৬১ বছর বয়সী নারীর। ছবি: সংগৃহীত
৪৫ হাজার ডলারের অস্ত্রোপচারে বদলে গেল ৬১ বছরের নারীর চেহারা, দেখতে যেন ৩০ বছরের তরুণী!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ৪৫ হাজার ডলার ব্যয়ে ফেসলিফট সার্জারি করিয়ে চেহারায় ব্যাপক পরিবর্তন এনেছেন ৬১ বছর বয়সী এক নারী। অস্ত্রোপচারের আগে ও পরের ছবিতে তাঁর চেহারার পরিবর্তন দেখে সংশ্লিষ্ট প্লাস্টিক সার্জনকে ‘জাদুকর’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।   মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ওই নারীর অস্ত্রোপচারের আগে ও পরের ছবি তুলে ধরা হয়েছে। এতে তাঁর মুখের বলিরেখা ও ঝুলে পড়া ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।   নিউইয়র্ক পোস্টের ২৪ নভেম্বরের প্রতিবেদন এবং ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের তথ্য অনুযায়ী, হেলেন নামের ওই নারী পেশায় হেয়ারড্রেসার। দক্ষিণ আফ্রিকার এই নারীর অস্ত্রোপচার করেন বেভারলি হিলসের ৩০ বছর বয়সী প্লাস্টিক সার্জন ডা. মার্ক লেভিন। পুরো অস্ত্রোপচারে সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা।   চিকিৎসক জানিয়েছেন, হেলেনের মুখমণ্ডল ও গলার ত্বক টানটান করার পাশাপাশি ভ্রু, চোখের পাতা ও কানের লতিতে অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া মুখে ফ্যাট গ্রাফটিং ও লেজার ট্রিটমেন্ট করা হয়েছে। সব মিলিয়ে সাত ধরনের চিকিৎসাপদ্ধতিতে ব্যয় হয়েছে ৪৫ হাজার ডলার।   হেলেন জানান, বয়সের সঙ্গে তাঁর চেহারায় যে পরিবর্তন এসেছিল, তা নিজের অনুভূতির সঙ্গে মিলছিল না। এ কারণেই তিনি প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের তিন মাস পর তিনি জানান, নিজেকে এখন অনেকটা নিজের মেয়ের মতো দেখতে লাগছে। ফিরে পেয়েছেন আত্মবিশ্বাসও।   ডা. মার্ক লেভিন ইনস্টাগ্রামে অস্ত্রোপচারের আগে ও পরের ছবি প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তাঁর দক্ষতার প্রশংসা করেন।   তবে চিকিৎসকের মতে, এ ধরনের অস্ত্রোপচারের পূর্ণাঙ্গ ফল পেতে ১০ থেকে ১২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। রোগীভেদে সুস্থ হওয়ার সময় ও অস্ত্রোপচারের ফলাফলও ভিন্ন হতে পারে।   সূত্র: নিউইয়র্ক পোস্ট, ক্যালিফোর্নিয়া পোস্ট, আইবিটাইমস   871-এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:৫৭
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা,  ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

ভিক্ষাবৃত্তিরও সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের ফুলপুর বাজারের স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।   বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দেন।   ঘোষণায় ওই ব্যক্তি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। কেউ এই নিয়ম অমান্য করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের কথাও উল্লেখ করেন তিনি।এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন, স্থানীয় কোনো কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে কি না।   এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।তবে স্থানীয় কমিটির পক্ষ থেকে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হলেও এসব শাস্তি কার্যকরের আইনগত ভিত্তি কী, তা এখনো স্পষ্ট নয়।   সংবাদসূত্র দ্য ডেইলি ক্যাম্পাস 876TR

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:৫০
ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার দপ্তরে পুনর্বহাল হওয়া সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ ইলন মাস্কের। ছবি: সংগৃহীত
দুই ছেলেকে নিয়ে এনভিডিয়ার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলেন মাস্ক, কঠিন সময়ে বন্ধুর পাশে থাকার বার্তা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার প্রধান কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির পুনর্বহাল হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বুধবার (২৫ নভেম্বর) দীর্ঘদিনের বন্ধু হুয়াংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর প্রতি সমর্থন জানান মাস্ক। এ সময় নিজের দুই ছেলেকেও সঙ্গে নিয়ে যান তিনি।   ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক ও হুয়াংয়ের সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এনভিডিয়ার দীর্ঘদিনের বিনিয়োগকারী ও বিইপি রিসার্চের প্রতিষ্ঠাতা বেন পুলাডিয়ান। ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।   জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মাস্ক। এনভিডিয়ার নেতৃত্ব থেকে হুয়াংয়ের সরে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তাঁকে নিজের পুরোনো বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এমনকি হুয়াংকে দলে নেওয়ার সুযোগ পেলে সেটি সম্মানের বিষয় হবে বলেও জানিয়েছিলেন মাস্ক।   হুয়াংয়ের পুনর্বহালের পরও সমর্থন অব্যাহত রেখেছেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘সবাই আপনার সুসময়ে বন্ধু হয়। কিন্তু কঠিন সময়ে যারা পাশে থাকে, তারাই প্রকৃত বন্ধু।’ একই বার্তায় তিনি বলেন, ‘সুবিধাবাদী বন্ধুদের কোনো মূল্য নেই।’   উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ও বিভিন্ন অভিযোগ সামনে আসার পর গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তবে ২৩ নভেম্বর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাঁকে আবারও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরিয়ে আনে।   হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে প্রযুক্তি খাতের একাধিক প্রভাবশালী ব্যক্তির পাশাপাশি প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন মাস্কও। এবার সরাসরি সাক্ষাতের মাধ্যমে পুরোনো বন্ধুর প্রতি তাঁর সমর্থন আবারও সামনে এল।   সূত্র: দ্য ট্রিবিউন   871-এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪৫
বিশ্বের ১৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা, অন-অ্যারাইভাল সুবিধা আরও ২৮ গন্তব্যে
বিশ্বের ১৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা, অন-অ্যারাইভাল সুবিধা আরও ২৮ গন্তব্যে

বিশ্বের পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৪৮। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪৮টি গন্তব্যে তুলনামূলক সহজে ভ্রমণের সুযোগ পান।   আর্টন ক্যাপিটলের ২০২৬ সালের লাইভ পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ৯১তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ইন্ডিভিজুয়াল পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম।   কতটি দেশে কী ধরনের ভ্রমণসুবিধা রয়েছে?   আর্টন ক্যাপিটলের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা—   - ১৫টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন। - ২৮টি গন্তব্যে পৌঁছে ভিসা বা অন-অ্যারাইভাল সুবিধা নিতে পারেন। - ৫টি গন্তব্যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পান। - ১৫০টি গন্তব্যে যাওয়ার জন্য আগাম ভিসা প্রয়োজন।   সব মিলিয়ে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ও ইটিএ সুবিধা মিলিয়ে বাংলাদেশের মোবিলিটি স্কোর দাঁড়িয়েছে ৪৮।   দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান   আঞ্চলিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ। এগুলো হলো মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে।   আর্টনের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্কিংয়ে দেশগুলোর অবস্থান:   - মালদ্বীপ: ৪৬তম - ভারত: ৭২তম - ভুটান: ৭৯তম - শ্রীলঙ্কা: ৮৭তম - নেপাল: ৮৮তম - বাংলাদেশ: ৯১তম - পাকিস্তান: ৯৪তম - আফগানিস্তান: ৯৭তম   কীভাবে তৈরি হয় এই সূচক?   ২০১৪ সালে আর্টন ক্যাপিটল পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে ই-ভিসা পাওয়া যায়, তার ভিত্তিতে মোবিলিটি স্কোর নির্ধারণ করা হয়।প্রতিষ্ঠানটি গ্লোবাল, ইন্ডিভিজুয়াল ও ওয়েলকামিং—এই তিন ধরনের র‍্যাঙ্কিং প্রকাশ করে। ফলে একই দেশের পাসপোর্টের অবস্থান একেক ধরনের র‍্যাঙ্কিংয়ে আলাদা হতে পারে।   উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট ইনডেক্সের সঙ্গে আর্টন ক্যাপিটলের হিসাবপদ্ধতি এক নয়। তাই দুই সূচকে বাংলাদেশের অবস্থানও ভিন্ন হতে পারে।   সংবাদসূত্র আর্টন ক্যাপিটল, পাসপোর্ট ইনডেক্স 876TR

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:৩০
মেক্সিকোয় নির্বাসনের সাত মাস পর ডেনভারে জন্ম নেওয়া তরুণের মার্কিন নাগরিকত্ব স্বীকার করল প্রশাসন। ছবি: সংগৃহীত
ডেনভারে জন্ম নেওয়া মার্কিন নাগরিককে মেক্সিকোয় নির্বাসন: ৭ মাস পর পিছু হটল ট্রাম্প প্রশাসন

কলোরাডোর ডেনভারে জন্মগ্রহণকারী এক তরুণকে মার্কিন নাগরিকত্ব থাকার পরও মেক্সিকোয় নির্বাসনের সাত মাস পর অবশেষে তাঁর নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্বাসনের জেরে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা একটি মামলা খারিজের আবেদনে সরকারের পক্ষ থেকে এ স্বীকারোক্তি দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী ব্রায়ান হোসে মোরালেস গার্সিয়া ডেনভারে জন্ম নিলেও বেড়ে উঠেছেন মেক্সিকোতে এবং পরবর্তী সময়ে টেক্সাসের অস্টিনে বসবাস শুরু করেন। গত ৩ এপ্রিল টেক্সাসের ফ্রেডেরিক্সবার্গের কাছে এয়ার কন্ডিশনিং ইনস্টলেশন টেকনিশিয়ান হিসেবে কর্মস্থলে যাওয়ার পথে তিনি স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের তল্লাশির মুখে পড়েন। ওই সময় তাঁর কাছে পরিচয়পত্র ছিল না। তিনি কর্মকর্তাদের জানান যে তাঁর জন্মসনদ ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বাসায় রয়েছে এবং তিনি মার্কিন নাগরিক। তবে কর্মকর্তারা তাঁর কথায় বিশ্বাস না করে অভিবাসন কর্তৃপক্ষকে খবর দেন এবং তাঁকে আটক করা হয়। মোরালেস গার্সিয়ার অভিবাসন আইনজীবী কেট লিংকন-গোল্ডফিঞ্চ জানান, নাগরিকত্বের দাবি বজায় রাখায় কর্মকর্তারা তাঁর মক্কেলকে মিথ্যা বলার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডের হুমকি দেন। আইনজীবীর দাবি, ভয়ভীতি দেখিয়ে তাঁকে বাধ্য করা হয়েছিল এবং আটকের চার দিনের মাথায় তাঁকে মেক্সিকোয় নির্বাসিত করা হয়। এতে তিনি এয়ার কন্ডিশনিং বিভাগের চাকরি হারান এবং তাঁর পরিবার আয়হীন হয়ে পড়ে। গত ৩০ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসতে সক্ষম হন। অস্টিনের ফেডারেল আদালতে মামলা খারিজের আবেদনে মার্কিন অ্যাটর্নি জাস্টিন আর. সিমন্স উল্লেখ করেন যে মোরালেস গার্সিয়া যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক। সরকারের দাবি, সীমান্তরক্ষী কর্মকর্তারা মেক্সিকোর নথিতে তাঁর জন্মস্থান সেখানে দেখেন এবং অভিবাসন প্রয়োগের ক্ষেত্রে সরকারের দায়মুক্তি থাকায় মামলাটি খারিজ করা উচিত। তবে মোরালেস গার্সিয়া জোরপূর্বক কাগজপত্রে সই করিয়ে নির্বাসনের অভিযোগ এনে মামলা চালিয়ে যাচ্ছেন, যা সরকার অস্বীকার করেছে। এ বিষয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনো মন্তব্য করেনি। আইনজীবী লিংকন-গোল্ডফিঞ্চ বলেন, নাগরিকত্ব স্বীকার করাটা কেবল ন্যূনতম বিষয়, সাত মাস ধরে চলা ভোগান্তি ও ক্ষতির জন্য এটি যথেষ্ট নয়। শুরুতেই তাঁর কথা বিশ্বাস করা উচিত ছিল এবং তাঁকে কখনোই নির্বাসন দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিরলেও নতুন করে পুলিশ বা অভিবাসন কর্মকর্তাদের মুখোমুখি হলে আবারও একই পরিস্থিতির শিকার হতে পারেন কি না—এমন শঙ্কায় ভুগছেন মোরালেস গার্সিয়া।   সূত্র: এল পাইস   873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:২৭
ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ায় আড়াই মাসেও মেলেনি নবজাতকের জন্মসনদ। ছবি: সংগৃহীত
ভারতে ভোটার তালিকা থেকে বাংলাদেশি সন্ধেহে বাবার নাম বাদ, জন্মনিবন্ধন আটকে ২ মাসের শিশুর

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব ও আমিনা খাতুন দম্পতি। গত ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের আড়াই মাস পেরিয়ে গেলেও মেয়ের জন্মসনদ হাতে পাননি তাঁরা। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাবার নাম বাদ পড়ায় আটকে গেছে শিশুটির জন্মনিবন্ধন।   দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মেয়ের জন্মের পর জন্মসনদ সংগ্রহের জন্য হাসপাতাল ও স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করেন আবদুল হাবিব। এ সময় তাঁদের পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় বিধায়কের কাছ থেকে বসবাসের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে বলা হয়। সেই নথির জন্য দিনহাটা কেন্দ্রের বিধায়ক অজয় রায়ের কার্যালয়ে গেলে তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয় বলে অভিযোগ হাবিবের। তাঁকে জানানো হয়, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় জন্মসনদ দেওয়া সম্ভব হচ্ছে না।   হাবিবের অভিযোগ, বিধায়কের কার্যালয়ের এক কর্মকর্তা তাঁকে বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ করেন এবং ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) আওতায় নিবন্ধিত হওয়ার পরামর্শ দেন। তবে হাবিবের দাবি, তিনি জন্ম থেকেই ভারতে বসবাস করছেন। তাঁর পরিবারের কাছে প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত নথিপত্রও রয়েছে। এমনকি তাঁদের পৈতৃক বাড়ি তাঁর দাদার তৈরি বলেও দাবি করেন তিনি। সব নথি দেখানোর পরও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন হাবিব।   শুধু হাবিব নন, এসআইআর প্রক্রিয়ায় তাঁর তিন বোনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশন তাঁদের শুনানিতে ডেকে পাঠিয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাবিবের বাবাকে আরও ছয়জন নিজেদের বাবা হিসেবে উল্লেখ করায় ভোটার তালিকায় যৌক্তিক অসংগতি তৈরি হয়েছে। অন্যদিকে, হাবিবের বাবা-মা, স্ত্রী আমিনা খাতুন এবং এক বোনের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। নিজের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে সেই আবেদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।   এ বিষয়ে ইন্ডিয়া টুডেকে দিনহাটা-২ ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) লামহু ওয়াংডি জানিয়েছেন, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে। তবে এখন পর্যন্ত শিশুটির জন্মসনদ পাওয়ার বিষয়ে কোনো সমাধানের খবর পাওয়া যায়নি।   ঘটনাটি নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটির বক্তব্য, জন্মনিবন্ধন একটি আইনগত বাধ্যবাধকতা এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি শিশুর জন্মের পরপরই নিবন্ধন ও আইনগত পরিচয় পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মায়ের ভোটার তালিকায় অবস্থানসংক্রান্ত বিরোধের কারণে কোনো শিশুর আইনগত পরিচয় পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হওয়া উচিত নয় বলে জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি দ্রুত শিশুটির জন্মসনদ দেওয়ার দাবি জানিয়েছে তারা।   সূত্র: দ্য হিন্দু 871-এসএ

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:১৮
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টে শুরু হয়েছে ২০২৬ সালের ব্ল্যাক ফ্রাইডে বিক্রয় উৎসব। প্রযুক্তিপণ্য, গৃহস্থালি সামগ্রী, গেমিং ডিভাইস, খেলনা ও ফ্যাশন পণ্যে দেওয়া হচ্ছে বড় ধরনের ছাড়। কিছু জনপ্রিয় পণ্যের দাম অর্ধেকেরও বেশি কমানো হয়েছে।   মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রকাশিত এক কেনাকাটাবিষয়ক প্রতিবেদনে ওয়ালমার্টের এমন কিছু অফার তুলে ধরা হয়েছে, যেগুলোকে বাজারদর ও আগের মূল্য বিশ্লেষণ করে উল্লেখযোগ্য ছাড় হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল, নিনজা, শার্ক, নিনটেন্ডো, ভিজিও ও লেগোসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যে ছাড় পাওয়া যাচ্ছে।   ৫০ ডলারের নিচেও মিলছে বিভিন্ন পণ্য   কম বাজেটে কেনাকাটা করতে চান এমন ক্রেতাদের জন্যও রয়েছে বেশ কিছু অফার।   - Beats Studio Pro হেডফোন: ২৯৯ ডলার থেকে কমে ৯৯ ডলার। - Govee স্মার্ট ফ্লোর ল্যাম্প: ৯৯.৯৯ ডলার থেকে কমে ৪৯ ডলার। - Crocs স্লিপার: ৩৯.৯৯ ডলার থেকে কমে ২৫ ডলার। - LEGO Creator Red Panda: ১৫ ডলার। - Astercook কাটিং বোর্ড সেট: ৪৯.৯৮ ডলার থেকে কমে ২১.৪৯ ডলার।   কত দিন চলবে ব্ল্যাক ফ্রাইডে সেল?   ওয়ালমার্টের ঘোষণায় বলা হয়েছে, এবারের মূল ব্ল্যাক ফ্রাইডে বিক্রয় কার্যক্রম ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। অনলাইনে বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। তবে সরাসরি দোকানে বিশেষ ব্ল্যাক ফ্রাইডে বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টায়, স্থানীয় সময় অনুযায়ী।ওয়ালমার্ট প্লাস সদস্যরা নির্দিষ্ট কিছু অনলাইন অফারে সাধারণ ক্রেতাদের আগে কেনাকাটার সুযোগ পেয়েছেন। তবে অধিকাংশ ব্ল্যাক ফ্রাইডে অফার সবার জন্য উন্মুক্ত।   এদিকে ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সব ওয়ালমার্ট স্টোর বন্ধ থাকবে। অনলাইনে কেনাকাটা চালু থাকবে। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে সাইবার মানডে বিক্রয় কার্যক্রম।   কেনাকাটার আগে যে বিষয়গুলো মনে রাখবেন   ওয়েশ ২ নিউজ জানিয়েছে, শুধু ব্ল্যাক ফ্রাইডে লেখা থাকলেই কোনো পণ্যকে সেরা অফার হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রকৃত ছাড় যাচাই করতে পণ্যের আগের দাম, অন্যান্য বিক্রেতার মূল্য এবং দীর্ঘমেয়াদি মূল্য ইতিহাস তুলনা করা প্রয়োজন।এ জন্য প্রতিবেদনটিতে কিপা (Keepa) ও ক্যামেলমার্ট (CamelMart)-এর মতো মূল্য পর্যবেক্ষণকারী টুল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।   ওয়ালমার্টের নির্দেশনা অনুযায়ী, অফারগুলো নির্দিষ্ট পরিমাণ পণ্য মজুত থাকা পর্যন্ত কার্যকর থাকবে। সব পণ্য প্রতিটি দোকানে পাওয়া যাবে না এবং বিক্রয় উৎসবের অফারে সাধারণ মূল্য সমন্বয়ের নিশ্চয়তাও নেই।   সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ, ওয়ালমার্টের অফিসিয়াল ওয়েবসাইট 876TR

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:৭
ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত
চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

ব্যায়ামের সময় পেশি কীভাবে শরীরের রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে, তার একটি নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকেরা। এই আবিষ্কার ভবিষ্যতে ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।   ‘কমিউনিকেশনস বায়োলজি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল মানবদেহের মোট ওজনের প্রায় ৪০ শতাংশ এবং এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। খাবার গ্রহণের পর শরীরের গৃহীত গ্লুকোজের বড় একটি অংশ পেশি শোষণ করে। সাধারণত ইনসুলিন হরমোন পেশিকে রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে সংকেত দেয়। কিন্তু ব্যায়ামের সময় বা যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তাদের ক্ষেত্রে পেশি কীভাবে ইনসুলিন ছাড়াই গ্লুকোজ গ্রহণ করে, তা এতদিন স্পষ্ট ছিল না।   গবেষকেরা প্রাণী মডেলের বিচ্ছিন্ন পেশিতে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যায়ামের মতো সংকোচন তৈরি করে পরীক্ষা চালান। এতে তাঁরা পেশিতে mSGLT নামের একটি নতুন গ্লুকোজ পরিবহন পথের অস্তিত্ব শনাক্ত করেন, যা প্রচলিত GLUT4 প্রোটিন ও ইনসুলিনের সংকেত ছাড়াই গ্লুকোজ শোষণে কাজ করে।   সংশ্লিষ্ট গবেষকদের মতে, এই পথের মূল বৈশিষ্ট্যগুলো এখন চিহ্নিত হয়েছে। পরবর্তী ধাপে গবেষকেরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নির্দিষ্ট প্রোটিন এবং তা নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করার কাজ করবেন। ভবিষ্যতে যদি এমন কোনো ওষুধ তৈরি করা যায় যা পেশিতে এই mSGLT পথকে সক্রিয় করতে পারে, তবে তা প্রচলিত ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি বা বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে।   তবে গবেষকেরা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা এবং মানবদেহে পূর্ণাঙ্গ চিকিৎসা হিসেবে প্রয়োগের আগে আরও বিস্তৃত গবেষণা ও ক্লিনিক্যাল যাচাইয়ের প্রয়োজন রয়েছে।   সূত্র: সায়েন্সটেকডেইলি, ইউনিভার্সিটি অব সিনসিনাটি   873 ডিএন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ ৯:০