সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ম্যাসাচুসেটসে ১৫ কমিউনিটি কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ, বই কেনার খরচও দেবে সরকার
ম্যাসাচুসেটসে ১৫ কমিউনিটি কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ, বই কেনার খরচও দেবে সরকার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষার পথ এখন আরও সহজ ও সাশ্রয়ী। রাজ্যের ১৫টি কমিউনিটি কলেজে এখন সম্পূর্ণ বিনা বেতনে (Tuition and fee-free) পড়ার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। শুধু তাই নয়, ডিগ্রি অর্জনের খরচ আরও কমাতে বইপত্র এবং শিক্ষাসামগ্রী কেনার জন্যও দেওয়া হচ্ছে বিশেষ আর্থিক সহায়তা। আর এই যুগান্তকারী উদ্যোগের ফলেই রাজ্যের কমিউনিটি কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির হার রীতিমতো আকাশ ছুঁয়েছে।   স্টেট ডিপার্টমেন্ট অব হায়ার এডুকেশনের প্রাথমিক তথ্যমতে, ২০২২ সালের শরতের (Fall) তুলনায় বর্তমানে কমিউনিটি কলেজগুলোতে প্রায় ২৭ হাজার বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা অভাবনীয়ভাবে প্রায় ৪৩.৫ শতাংশ বৃদ্ধি। ২০২৫ সালে ১১.৪ শতাংশ বৃদ্ধির পর, ২০২৬ সালের ফল সেমিস্টারে শিক্ষার্থী সংখ্যা বেড়ে আনুমানিক ৮৯,৪৬৪ জনে দাঁড়িয়েছে।   রাজ্যের ম্যাসবে (MassBay) কমিউনিটি কলেজে এখন প্রায় অর্ধেক শিক্ষার্থীই এই বিনামূল্যের পড়াশোনার সুবিধা নিচ্ছেন। সম্প্রতি ওই কলেজটি পরিদর্শনে গিয়ে গভর্নর মাউরা হিলি এবং সিনেট প্রেসিডেন্ট ক্যারেন স্পিলকাসহ রাজ্যের শীর্ষ নেতারা এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। স্পিলকা বলেন, "কমিউনিটি কলেজে পড়ার খরচের বোঝা নামিয়ে দেওয়ার পর ঠিক এমন অভূতপূর্ব সাড়াই আমরা আশা করেছিলাম।"   তবে অভাবনীয় এই সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ম্যাসাচুসেটসের বাসিন্দা হতে হবে এবং তার আগে থেকে কোনো ব্যাচেলর ডিগ্রি বা একাধিক অ্যাসোসিয়েট ডিগ্রি থাকা চলবে না। এছাড়াও, কেন্দ্রীয় বা রাজ্যের আর্থিক সহায়তার জন্য 'ফাফসা' (FAFSA) অথবা 'মাসফা' (MASFA) ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং প্রতি সেমিস্টারে একটি অনুমোদিত প্রোগ্রামে কমপক্ষে ছয়টি ক্রেডিটে ভর্তি হতে হবে।   উল্লেখ্য, ২০২৩ সালে এই কার্যক্রম যখন প্রথম চালু হয়, তখন এই সুবিধাটি কেবল ২৫ বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ২০২৪ সালে গভর্নর হিলি এবং আইনসভা বয়সসীমার এই বাধা পুরোপুরি তুলে নেন, যার সুফল হিসেবে এখন সব বয়সের মানুষই বিনা বেতনে পড়াশোনার এই দারুণ সুযোগ লুফে নিচ্ছেন।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১৩:৪২
যুক্তরাষ্ট্রে কলম্বিয়ান অভিবাসীকে গুলি করে হ ত্যা, আইসিই এজেন্টের বর্ণবাদী ইমেইল ফাঁস করলেন নিজের বোন
যুক্তরাষ্ট্রে কলম্বিয়ান অভিবাসীকে গুলি করে হ ত্যা, আইসিই এজেন্টের বর্ণবাদী ইমেইল ফাঁস করলেন নিজের বোন

যুক্তরাষ্ট্রের মেইনে (Maine) এক কলম্বিয়ান অভিবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) এক এজেন্টের চরম বর্ণবাদী রূপ এবার প্রকাশ্যে এসেছে। ডেভিড ব্রুইলেট (৩৮) নামের ওই ঘাতক এজেন্টের আপন বোন এলিজাবেথ এমেন সম্প্রতি নিউইয়র্ক টাইমসের কাছে কিছু ইমেইল ফাঁস করেছেন, যেখানে ডেভিড তার বোনের কলম্বিয়ান সঙ্গীকে নিয়ে ভয়ংকর সব বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছিলেন।   ২০২১ সালের ওই ইমেইলগুলোতে ডেভিড তার বোনের দীর্ঘদিনের সঙ্গী (যিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করছিলেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে) সম্পর্কে চরম বিষোদ্গার করেন। ডেভিড তাকে 'নন-সিটিজেন' বা অনাগরিক আখ্যা দিয়ে তার নিজ দেশের 'তৃতীয় বিশ্বের' বিলাসবহুল জীবন উপভোগ করতে ফিরে যেতে বলেন।   এমনকি ওই ব্যক্তির 'বংশধারা' নিয়ে কটাক্ষ করে ডেভিড লিখেছিলেন, "আমেরিকা যে স্বাধীনতা দেয় তা অর্জন করতে এবং মূল্যায়ন করতে কী লাগে, তা ওর রক্ত জানে না।" বোনের এই সম্পর্কের কারণে ডেভিড এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তিনি বোনকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "তুমি আমার কাছে মৃত লিজ। উপভোগ করো। আমার কাছে তুমি মৃত। একেবারে মৃত।" বোন এলিজাবেথ জানিয়েছেন, তার সঙ্গীর ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে ডেভিডের কোনো সমস্যা ছিল না, বরং তার এই আক্রোশের মূলে ছিল বর্ণবাদ।   এই ঘটনার চার বছর পর, সম্প্রতি মেইনের বিডেফোর্ডে একটি ট্রাফিক স্টপেজের সময় ২৫ বছর বয়সী কলম্বিয়ান অভিবাসী জোহান সেবাস্তিয়ান দুরান গুয়েরেরোকে গুলি করে হত্যা করেন ডেভিড ব্রুইলেট। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জোহানের মুখ ও ঘাড়ে চারটি গুলি করা হয়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, স্ত্রী ও ৩ বছর বয়সী শিশুকন্যার চোখের সামনেই তাকে হত্যা করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে থাকা নিহত জোহানের স্ত্রীর সেই আত্মচিৎকার এতটাই মর্মান্তিক ছিল, যা ভাষায় প্রকাশ করা কঠিন।   জানা যায়, জোহান যখন কাজে যাচ্ছিলেন, তখন আইসিই এজেন্টরা তাকে আটকাতে তার গাড়িতে ধাক্কা দেয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) দাবি, গাড়িটি পালানোর চেষ্টা করছিল বলে জননিরাপত্তার স্বার্থে গুলি চালাতে বাধ্য হন ডেভিড। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। শুরুতে ডিএইচএস জোহানকে অবৈধ অনুপ্রবেশকারী বললেও পরে সেই দাবি প্রত্যাহার করে নেয়। জোহানের পারিবারিক আইনজীবী জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধ অনুমতি পেয়েছিলেন এবং তিনি আইসিই-এর তদন্তের কোনো লক্ষ্যবস্তুও ছিলেন না।   এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিডেফোর্ডে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স অপ্রয়োজনীয় সব ধরনের গাড়ি থামিয়ে তল্লাশি (Vehicle stops) বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার সাবেক ফেডারেল প্রসিকিউটর মাইকেল জেনাকো মনে করেন, ফাঁস হওয়া এই ইমেইলগুলো ডেভিডের বিরুদ্ধে তদন্তে বড় হাতিয়ার হতে পারে। তিনি জানান, আদালতে সরাসরি বর্ণবাদী আক্রোশ প্রমাণের বাধ্যবাধকতা না থাকলেও, এই ধরনের পক্ষপাতদুষ্ট মানসিকতা প্রমাণ করে যে ওই কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ (Excessive force) করেছিলেন।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১৩:২০
ট্রাম্পের ‘দাবি’ মিথ্যা! এখনও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষে পণাস্ত্র উৎপাদন করছে ইরান
ট্রাম্পের ‘দাবি’ মিথ্যা! এখনও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষে পণাস্ত্র উৎপাদন করছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক বিমান হামলা এবং ধ্বংসযজ্ঞের মুখেও নিজেদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে ইরান। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে জানা গেছে, ইরান বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় এই উৎপাদনের হার অর্ধেক হলেও, বর্তমান পরিস্থিতিতে তেহরানের এই সামরিক উৎপাদন মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।   পশ্চিমা গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাত শুরুর আগে ইরানের মাসিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার ছিল ১০০টিরও বেশি। লাগাতার হামলায় দেশটির সামরিক ও শিল্প অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবি করা হলেও, মজুত থাকা খুচরা যন্ত্রাংশ ব্যবহার করে তেহরান অত্যন্ত গোপনে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে এই উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।   গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, চলমান সংঘাত ও বোমাবর্ষণের মধ্যেও ইরানের অস্ত্রভাণ্ডারে এখনও অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরক্ষিত রয়েছে। এর আগে গত মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনি গার্ড কর্পস (IRGC) একটি নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও টিকে থাকার কৌশলেরই অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।   বিশ্লেষকদের মতে, ইরানের এই বিপুল সামরিক উৎপাদন এবং গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের তথ্য ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘বিজয়’ বা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বিস্তারের দাবিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছে। মার্কিন সামরিক দাবি সত্ত্বেও তেহরান যেভাবে তাদের সমরাস্ত্র প্রদর্শন অব্যাহত রেখেছে, তা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি করছে। সূত্র: ফার্স্টপোস্ট।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১২:৫৩
‘দুষ্ট আত্মা’ ভর করার অজুহাতে ৩ সন্তানকে শিরশ্ছেদ, ২৩ বছর পর টেক্সাসে বাবার মৃ ত্যুদণ্ড
‘দুষ্ট আত্মা’ ভর করার অজুহাতে ৩ সন্তানকে শিরশ্ছেদ, ২৩ বছর পর টেক্সাসে বাবার মৃ ত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে 'দুষ্ট আত্মা' ভর করার অদ্ভুত অজুহাতে নিজের তিন শিশু সন্তানকে কুপিয়ে ও শিরশ্ছেদ করে হত্যার দায়ে জন অ্যালেন রুবিও (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাণঘাতী 'লিথাল ইনজেকশন' প্রয়োগের মাধ্যমে হান্টসভিলের টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিস ইউনিটে তার এই দণ্ড কার্যকর করা হবে। গত অক্টোবরে (২০২৬) টেক্সাসের ক্রিমিনাল আপিল আদালত তার মৃত্যুদণ্ড স্থগিতের সর্বশেষ আবেদন খারিজ করে দিলে এই ফাঁসির পথ পরিষ্কার হয়।   শিউরে ওঠার মতো এই বর্বরোচিত হত্যাকাণ্ডটি ঘটেছিল ২০০৩ সালে। রুবিওর তৎকালীন প্রেমিকা এবং নিহত শিশুদের মা অ্যাঞ্জেলা কামাচোও এই হত্যাকাণ্ডে সহায়তা করেছিলেন, যার দায়ে বর্তমানে তিনি তিনটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। নিহত তিন শিশুর মধ্যে তিন বছর বয়সী জুলিসা এবং এক বছরের জন ছিল কামাচোর আগের ঘরের সন্তান, আর মাত্র দুই মাস বয়সী মেরি জেন ছিল রুবিও-কামাচো দম্পতির একমাত্র জন্মগত সন্তান। চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করা এই যুগল সে সময় বিদ্যুৎ ও পানিহীন একটি পরিত্যক্ত বাড়িতে থাকতেন।   আদালতের নথিপত্র অনুযায়ী, ঘটনার দিন রুবিও তার প্রেমিকাকে জানান যে শিশুদের ওপর 'দুষ্ট আত্মা' (যার মধ্যে তার মৃত দাদির আত্মাও রয়েছে) ভর করেছে। এরপর কামাচোর সহায়তায় তিনি দুই শিশু সন্তানকে কুপিয়ে ও শিরশ্ছেদ করে হত্যা করেন। এরপর তারা শারীরিক সম্পর্কে জড়ান এবং একে অপরের হাতের কবজি কেটে রক্ত বের করে একটি 'চুক্তি' করেন।   কিছুক্ষণ পর রুবিও এক বছর বয়সী জনকেও তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে একইভাবে শিরশ্ছেদ করে হত্যা করেন। কামাচো তখন তাকেও মেরে ফেলার আকুতি জানালে রুবিও তার গলা টিপে ধরেন, তবে শেষ পর্যন্ত তাকে হত্যা করতে ব্যর্থ হন। এরপর অদ্ভুত এক নির্লিপ্ততায় তারা দোকানে দুধ কিনতে যান এবং নিজেদের ভুল স্বীকার করে জেলে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। একপর্যায়ে তাদের এক আত্মীয় বাসায় এসে শিশুদের ছিন্নভিন্ন দেহ দেখে পুলিশে খবর দেন।   রুবিওকে ২০০৩ সালে প্রথমবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও, ২০০৭ সালে আপিলে তা বাতিল হয়। পরে ২০১০ সালের পুনঃবিচারে তাকে আবারও দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারের সময় রুবিওর আইনজীবীরা তাকে মানসিক রোগী প্রমাণের চেষ্টা করেন। তার পরিবারও দাবি করে, সে আজীবন হ্যালুসিনেশন বা দৃষ্টিবিভ্রমে ভুগেছে। তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং সাক্ষীদের বয়ানে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন তথ্য।   রুবিওর এক সাবেক পুরুষ সঙ্গী এবং জেলের এক কয়েদি আদালতে সাক্ষ্য দেন যে, রুবিও ফাঁসির দড়ি থেকে বাঁচতে ইচ্ছে করেই মানসিক ভারসাম্যহীনতার ভান করার পরিকল্পনা করেছিলেন। তাছাড়া, হত্যার পরপরই প্রেমিকার সঙ্গে জেলে যাওয়ার বিষয়ে তার আলোচনা প্রমাণ করে যে, নিজের অপরাধ ও এর শাস্তি সম্পর্কে সে পুরোপুরি সচেতন ছিল।   দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা এই বিচারের শেষ পর্যায়ে এসে গত অক্টোবরের এক শুনানিতে নিহত শিশুদের এক খালা আদালতে রুবিওর ওপর তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি চিৎকার করে বলেন, "তুমি আমার ভাগনে-ভাগনিদের খুন করেছ, যেদিন তোমার মৃত্যু হবে সেদিন আমরা সেখানে দাঁড়িয়ে তা দেখব! ওই দিন তোমার বাবা শয়তানের সঙ্গে তোমার দেখা হবে।"   আদালত প্রাঙ্গণের বাইরে তিনি আক্ষেপ করে সংবাদমাধ্যমকে বলেন, "কে জানে, বেঁচে থাকলে জুলিসা হয়তো একজন নার্স হতো, জন ডাক্তার হতো আর মেরি জেন পুলিশ অফিসার হতো—কিন্তু সে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। সে কীভাবে তাদের নৃশংসভাবে হত্যা করেছে, তা আমাদের আজীবন মনে রাখতে হবে।"

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১২:৪৪
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতের হকারদের চাপা, লস অ্যাঞ্জেলেসে নি হত ৩ নারী
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতের হকারদের চাপা দিলেন চালক, লস অ্যাঞ্জেলেসে নিহত ৩ নারী

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড মেট্রো স্টেশনের বাইরে ফুটপাতের ভিড়ের ওপর গাড়ি তুলে দিয়ে তিন নারীকে হত্যার অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (LAPD) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার ঠিক আগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই চালকের নাম ইহর ডেমিয়াঙ্কো (৬১)।   তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো (DUI) এবং তিনটি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। নিহত ওই তিন নারীর বয়স যথাক্রমে ৪০, ৫৩ এবং ৬৯ বছর। তাদের মধ্যে অন্তত দুজন রাস্তার পাশের খাবার বিক্রেতা (হকার) ছিলেন। এই ঘটনায় আরও দুই নারী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   পুলিশ সূত্রে জানা গেছে, ডেমিয়াঙ্কো একটি সাদা রঙের টয়োটা সিয়েনা গাড়ি অত্যন্ত 'বিপজ্জনক গতিতে' চালিয়ে নর্থ ল্যাঙ্কারশিম ধরে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাফিক লাইটে ধাক্কা দেন এবং রাস্তা থেকে ছিটকে সরাসরি ফুটপাতে থাকা হকার ও পথচারীদের ওপর গাড়ি তুলে দেন। দুর্ঘটনার পর গাড়িটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং উদ্ধারকর্মীরা ডেমিয়াঙ্কোকে ভেতর থেকে বের করে আনেন।   সে সময় তিনি অচেতন না হলেও চরম ঘোরের মধ্যে ছিলেন। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে ভ্যান নুইসের এলএপিডি ভ্যালি জেলে পাঠানো হয়েছে। বর্তমানে তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ ৩০ হাজার ডলার (৬.০৩ মিলিয়ন)।   মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোক ও আতঙ্ক নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী জিয়ান বারবারোনা জানান, গাড়িটি তার গায়ের এত কাছ দিয়ে যায় যে তিনি তীব্র বাতাসের ঝাপটা অনুভব করেছিলেন। নোয়ে ওরোজকো নামের নিহত এক হকারের বন্ধু জানান, প্রতিদিনের মতো সহকর্মীদের নিতে এসে তিনি ফুটপাতে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।   অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এই ঘটনাকে 'হৃদয়বিদারক' উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এলএপিডি প্রধান জিম ম্যাকডোনেল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং প্রতিটি ফ্রেম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১২:২২
ঢাকার দৃশ্য নয়াদিল্লি হিসেবে প্রচারের পর বিষয়টিকে অপপ্রচার আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। ছবি: সংগৃহীত
ঢাকার বস্তিকে দিল্লির বলে প্রচার চীনা ইনফ্লুয়েন্সারদের, তীব্র প্রতিবাদ জানাল ভারত

ঢাকার বিভিন্ন ঘনবসতিপূর্ণ ও অনুন্নত এলাকার দৃশ্য ধারণ করে তা ভারতের রাজধানী ‘নয়াদিল্লি’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার চাঞ্চল্যকর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। নয়াদিল্লির পক্ষ থেকে একে একটি পরিকল্পিত ‘মিথ্যা প্রোপাগাণ্ডা’ বা অপপ্রচার হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে।   সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রতিবেদনে প্রকাশ পায় যে, গত কয়েক মাস ধরে অন্তত ১৫০ জন চীনা নাগরিক ঢাকার উত্তরা, টেকপাড়াসহ বিভিন্ন জনবহুল ও নিম্ন আয়ের এলাকায় অবস্থান করে নিয়মিত ভিডিও ধারণ ও লাইভস্ট্রিমিং চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কিছু বাসিন্দাকে গাইড হিসেবে ব্যবহার করে তারা মূলত চীনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (যেমন উইচ্যাট এবং ডৌয়িন) এসব কনটেন্ট আপলোড করছেন।   তবে অনুসন্ধানে দেখা গেছে, ঢাকার উত্তরার মতো এলাকার দৃশ্য লাইভ প্রচার করার সময় চীনা ভ্লগাররা ইচ্ছাকৃতভাবে দর্শকদের বলছেন যে, তারা ভারতের নয়াদিল্লি থেকে সম্প্রচার করছেন। লাইভ প্রচারণায় ভারতের রাজধানী নিয়ে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে এবং সেখানকার ঘরবাড়ির পরিবেশকে অত্যন্ত অস্বাস্থ্যকর, অনুন্নত ও বেহাল আইন-শৃঙ্খলার রূপ হিসেবে ফুটিয়ে তোলা হচ্ছে। এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে মূলত ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।   ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, একটি দেশের বিকৃত ও মিথ্যা চিত্র তুলে ধরার এই ধরনের অপচেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদেশি নাগরিকদের দ্বারা ঢাকার অংশবিশেষকে দিল্লি হিসেবে চালিয়ে দেওয়ার এই অপপ্রয়াস কেবল এর সঙ্গে জড়িতদেরই নয়, বরং নেপথ্যের কুশীলবদের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।   বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করার এবং পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরির ঠিক এই সময়ে এই ধরনের ভূয়া কনটেন্ট ছড়ানোর পেছনে বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে। স্থানীয় এলাকাবাসীও চীনা ইনফ্লুয়েন্সারদের এই ধরনের অযাচিত অনুপ্রবেশ ও গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।   সূত্র: হিন্দুস্থান টাইমস।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১২:১৩
এনভিডিয়ার সঙ্গে সম্পর্ক ও চীনে নিষিদ্ধ এআই চিপ সরবরাহের অভিযোগে তদন্তের মুখে পড়েছে মেগাস্পিড। ছবি: সংগৃহীত
৫ বিলিয়ন ডলারের চিপ কেনাবেচা, চীনে নিষিদ্ধ প্রযুক্তি পাচারের অভিযোগে তদন্তে মেগাস্পিড

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে সম্পর্ক এবং চীনে নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ সরবরাহের অভিযোগে তদন্তের মুখে পড়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির অস্বাভাবিক আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম, বিদেশে দুর্বল অবকাঠামো এবং চীনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত অ্যালিস হুয়াং বিভিন্ন যোগাযোগ ও একাধিক কাগুজে কোম্পানির মাধ্যমে চীনে রপ্তানি নিষিদ্ধ উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহে ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে এ বিষয়ে তদন্ত চলছে।   মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ১১ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে এনভিডিয়ার অন্যতম বড় বিদেশি ক্রেতায় পরিণত হয়েছে মেগাস্পিড। প্রতিষ্ঠানটি ও মালয়েশিয়াভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্স মিলে প্রায় ৪৮০ কোটি ডলারের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ও প্রসেসর কিনেছে। অথচ এত বড় ব্যবসার বিপরীতে সিঙ্গাপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এবং নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানেও এ বিষয়ে প্রশ্ন উঠেছে।   মেগাস্পিডের অন্যতম কর্মকর্তা অ্যালিস হুয়াংকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। তিনি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুজনের মধ্যে পারিবারিক কোনো সম্পর্ক নেই। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করেছেন। তবে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   মার্কিন তদন্তকারীদের অভিযোগ, অ্যালিস হুয়াং প্রযুক্তি খাতের যোগাযোগ এবং একাধিক কাগুজে কোম্পানি ব্যবহার করে চীনে রপ্তানি নিষিদ্ধ প্রায় ২ লাখ ৪০ হাজার উন্নত চিপ সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। এসব চিপের মধ্যে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসেসরও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে এসব প্রযুক্তি চীনে পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশেষ করে চীনের সামরিক বাহিনী এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এফবিআই এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক নিয়েও তদন্ত করছে। এর আগে জেনসেন হুয়াং তাঁর কর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্ত শুরু করে।   এদিকে এনভিডিয়ার এক শেয়ারহোল্ডার মঙ্গলবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রেণিভিত্তিক মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি গোপন করেছেন এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি নিয়ে শেয়ারহোল্ডারদের বিভ্রান্ত করেছেন। তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানটির গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।   মেগাস্পিডের আন্তর্জাতিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। সিঙ্গাপুরের প্রধান কার্যালয়ে কর্মীদের উপস্থিতি খুবই কম পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠানটির সহযোগী শাখার পরিচালক হিসেবে নাম রয়েছে ২৯ বছর বয়সী কাই কাংয়ের। তিনি সাংহাইয়ে জন্ম নেওয়া একজন সংবাদপত্র বিক্রেতা বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। তাঁর সংবাদপত্র বিক্রির দোকান সিডনি থেকে ৪০০ মাইলেরও বেশি দূরে। অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে তাঁর বাবা জানিয়েছেন, মেগাস্পিড নামের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের পরিচয় নেই।   মালয়েশিয়াতেও প্রতিষ্ঠানটির কার্যালয় নিয়ে প্রশ্ন রয়েছে। একটি কার্যালয় কুয়ালালামপুরের বাইরে জরাজীর্ণ দোকানঘরে অবস্থিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্য একটি কার্যালয় রয়েছে একটি বিপণিবিতানের ভেতরে। এত বড় আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবসার তুলনায় এসব কার্যালয়ের অবকাঠামো ও পরিচালনব্যবস্থা অস্বাভাবিক বলে পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।   মেগাস্পিডের ইতিহাসও তদন্তের আওতায় এসেছে। করপোরেট নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০১৫ সালে চীনের শেনঝেনভিত্তিক একটি ভিডিও গেম ও মোবাইল অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে যাত্রা শুরু করে। ২০২৩ সালের মার্চে ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জভিত্তিক হুয়াং লে নামের একটি কাগুজে কোম্পানি প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। একই মাসে এর নাম পরিবর্তন করে মেগাস্পিড ইন্টারন্যাশনাল রাখা হয় এবং অ্যালিস হুয়াং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। পরে প্রতিষ্ঠানটি স্পিডম্যাট্রিক্স নামে মালয়েশিয়ায় একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলে।   ২০২৩ সালের অক্টোবরের শেষ দিকে প্রতিষ্ঠানটি সুইফটডেটা নামের একটি কোম্পানির কাছে বিক্রি হওয়ার পর অ্যালিস হুয়াং ও আরেক পরিচালক স্যাং ইয়াং পদত্যাগ করেন। তবে তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক পুরোপুরি শেষ হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান কালপার রিসার্চের ২০২৬ সালের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে মেগাস্পিডের কর্মীদের বরাত দিয়ে দাবি করা হয়, অ্যালিস হুয়াং তখনো প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন।   অন্যদিকে, মেগাস্পিড তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও পেশাগত যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের শিল্প ও নিরাপত্তা ব্যুরো, মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং এনভিডিয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক পরিদর্শন ও পর্যালোচনা করা হয়েছে। তাদের দাবি, এসব পর্যালোচনায় চিপের অবৈধ স্থানান্তর কিংবা অন্য কোনো বেআইনি কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।   চীনবিষয়ক বিশেষজ্ঞ জ্যাকুলিন ডিলের মতে, অভিযোগগুলো সত্য হলে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনের সামরিক বাহিনীর হাতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তিনি এনভিডিয়ার অভ্যন্তরীণ নিয়ম মেনে চলার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের রপ্তানি নিয়ন্ত্রণ কার্যক্রমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।   সূত্র: সিবিএস নিউজ

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১২:০
নেসেটে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ‘ঘৃণায় ভরপুর ভাষণে’ ছড়ালেন তীব্র ধর্মীয় বিদ্বেষ

ইসরায়েলের রাজনীতিতে তীব্র উত্তেজনা ও নাটকীয়তার মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের জোর দাবি তুলেছেন। নতুন ২৬তম নেসেটের (সংসদ) উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক ও ক্ষুব্ধ ভাষণে তিনি আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ এনেছেন। নেতানিয়াহু দাবি করেন, যেসব রাজনৈতিক দল ও আইনপ্রণেতারা দেশটির অস্তিত্বের মূলে আঘাত হানতে চায় এবং ইহুদি রাষ্ট্রকে মুছে ফেলতে চায়, তাদের নিয়ে কোনো সরকার গঠিত হতে পারে না। তিনি বিশেষ করে 'রাম' (Ra'am) এবং 'জয়েন্ট লিস্ট' (Joint List) দলের কঠোর সমালোচনা করে বলেন যে, তাদের আদর্শের মূল লক্ষ্যই হলো ইসরায়েলের ধ্বংসসাধন। সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ব্লকের আসন সংখ্যা কমে যাওয়ার পর এবং দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের ম্যান্ডেট দেওয়ার পর থেকেই রাজনৈতিক মেরুকরণ চরম আকার ধারণ করেছে। নেতানিয়াহুর এই ভাষণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী নেতারা। ‘ইয়াশার’ প্রধান ও বর্তমান সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গাদি আইজেনকোট নেতানিয়াহুর এই বক্তব্যকে একটি ‘ঘৃণায় ভরপুর ভাষণ’ হিসেবে উল্লেখ করে বলেছেন যে, এটি প্রমাণ করে নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদের সম্পূর্ণ অনুপযুক্ত। এছাড়া বিরোধী দলের এমপিরা নেতানিয়াহুর সহযোগীদের কাতার সংযোগ এবং ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার স্বাধীন তদন্ত কমিশন গঠন নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ অনীহা ও জবাবদিহিতার দাবি তুলেছেন। বিশ্লেষকদের মতে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে নেতানিয়াহু বিরোধী জোটকে দুর্বল করতে এবং আরব দলগুলোর সমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে এই কৌশলগত ও মেরুকরণ সৃষ্টিকারী বক্তব্য ব্যবহার করছেন।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১১:৩৩
ডেমোক্রেটদের তদন্ত পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়াকে চিঠি দিয়েছেন হোয়াইট হাউসের কাউন্সিল উইল চার্ফ। ছবি: সংগৃহীত
তদন্ত পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ, ডেমোক্রেটদের হুঁশিয়ারি দিয়ে চিঠি হোয়াইট হাউসের

ডেমোক্রেটদের তদন্ত পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোমবার কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়াকে চিঠি দিয়েছেন হোয়াইট হাউসের কাউন্সিল উইল চার্ফ। ডেমোক্রেটদের গৃহীত এ ধরনের তদন্ত পদক্ষেপকে হোয়াইট হাউসের পক্ষ থেকে "সুস্পষ্ট অপরাধমূলক কাজ" বা "অপরাধের শামিল" হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।   সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে বসতে যাওয়া নতুন ডেমোক্রেট-নিয়ন্ত্রিত কংগ্রেসে হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের "আইনজীবী নিয়োগের" বা সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। এর জবাবে হোয়াইট হাউস কাউন্সিল চার্ফ চিঠিতে উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের ভয় দেখানো কিংবা নিরুৎসাহিত করার লক্ষ্যে দেওয়া এ ধরনের হুমকি সীমা লঙ্ঘন করে সুস্পষ্ট অপরাধের রূপ নিতে পারে।   চিঠির জবাবে রবার্ট গার্সিয়া স্পষ্ট জানিয়েছেন, মার্কিন জনগণের ভোটাধিকার এবং সংবিধান অনুযায়ী কংগ্রেসের স্বাধীনভাবে তদন্ত পরিচালনা ও তদারকি করার পূর্ণ এখতিয়ার রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এই চিঠি থেকে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লুকানোর কিছু আছে।   ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনের সম্পদ বৃদ্ধি, বিতর্কিত ক্রিপ্টো লেনদেন, বিশেষ ভবন নির্মাণ প্রকল্পসহ জেফরি এপস্টাইন তদন্ত পরিচালনা ও অভিবাসন কর্তৃপক্ষের (আইসিই) কার্যক্রম খতিয়ে দেখতে বিশাল তদারকি পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস সর্বদা যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে এসেছে।   সূত্র:এপি।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১১:১৭
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়  প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হলেন হিমাচলের  অভিষেক আওয়াস্থি
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হলেন হিমাচলের অভিষেক আওয়াস্থি

ভারতের হিমাচল প্রদেশের ছোট শহর মন্ডি থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে এবার একটি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন অভিষেক আওয়াস্থি। ৪৩ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গ্রেটার বেন্ডিগো সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন। গত ৯ নভেম্বর কাউন্সিলের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে ২০২৬-২৭ মেয়াদের জন্য মেয়র নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গ্রেটার বেন্ডিগো সিটি কাউন্সিল।    নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অভিষেকের বাড়ি ভারতের হিমাচল প্রদেশের মন্ডি শহরের লোয়ার সামখেতার এলাকায়। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে লা ট্রোব ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি বিষয়ে পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে বায়োইনফরমেটিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজও করেছেন। ২০১০ সালে বেন্ডিগোতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ২০১৫ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেন।   শিক্ষাজীবন শেষে পেশাগত কাজের পাশাপাশি স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত হন অভিষেক। অভিবাসী ও বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগে অংশ নেন। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেন্ডিগো প্রতিষ্ঠা করেন, যা ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটি মধ্য ভিক্টোরিয়া অঞ্চলে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, সামাজিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া ভিক্টোরিয়া রাজ্যের বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।   রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৪ সালে। ওই বছরের নভেম্বরে গ্রেটার বেন্ডিগো সিটির কেনিংটন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন অভিষেক। পরে ২০২৪-২৫ মেয়াদে শহরটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পান। এবার কাউন্সিলরদের সর্বসম্মত সমর্থনে মেয়র নির্বাচিত হয়ে স্থানীয় সরকারে আরও বড় দায়িত্ব পেলেন তিনি। তাঁর মেয়াদ হবে এক বছর। একই সভায় আন্দ্রেয়া মেটকাফকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।   মেয়র নির্বাচিত হওয়ার পর অভিষেক আওয়াস্থি সহকর্মী কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রেটার বেন্ডিগোর বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন সম্প্রসারণ, উদ্ভাবন ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য উন্নত নাগরিক সেবা ও জনসাধারণের ব্যবহারের স্থানগুলো আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিতে চান তিনি।   অভিষেকের এই অর্জনে তাঁর জন্মস্থান মন্ডিতেও আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর বাবা সুরেন্দর পাল ও মা চম্পা শর্মাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাবা ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের সাবেক কর্মকর্তা। ভারতের একটি ছোট শহর থেকে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়ে স্থানীয় রাজনীতিতে নেতৃত্বের অবস্থানে পৌঁছানোর এই যাত্রাকে অভিবাসী কমিউনিটির জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন অনেকে। তাঁর এই সাফল্য অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগের বিষয়টিও সামনে এনেছে।   সংবাদসূত্র: গ্রেটার বেন্ডিগো সিটি কাউন্সিল, দ্য ট্রিবিউন, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, গ্লোবাল ইন্ডিয়ান।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১১:১২
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণের কারণে দীর্ঘদিনের বসতবাড়ি ছাড়তে হচ্ছে একাধিক পরিবারকে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণে ঘর হারাচ্ছেন বাসিন্দারা, ৯০ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পের কারণে দীর্ঘদিনের বসতবাড়ি ছাড়তে হচ্ছে একাধিক পরিবারকে। মেসন কাউন্টির মেসভিল শহরের কাছে মিডোল্যান্ড ভিলেজ নামের একটি আবাসিক এলাকায় বসবাসকারীদের ঘর ছাড়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য পরিবারপ্রতি সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব থাকলেও সেই অর্থ পাওয়ার শর্ত নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। স্থানীয় মানবাধিকারকর্মীদের আশঙ্কা, অন্তত ১০ জন বাসিন্দা গৃহহীন হয়ে পড়তে পারেন।   মিডোল্যান্ড ভিলেজ মূলত ট্রেইলার হোম বা স্থানান্তরযোগ্য ঘর নিয়ে গড়ে ওঠা একটি আবাসিক এলাকা। এখানে অনেক পরিবার বছরের পর বছর ধরে বসবাস করছে। বাসিন্দাদের মধ্যে প্রবীণ এবং নির্দিষ্ট মাসিক আয়ের ওপর নির্ভরশীল মানুষও রয়েছেন। হঠাৎ করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ পাওয়ায় তাঁদের অনেকেই নতুন বাসস্থান খুঁজে পেতে সমস্যায় পড়েছেন।   স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেআরসি লোকাল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে বাসিন্দাদের ঘর ছাড়ার বিনিময়ে ২০ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে প্রতিবাদ ও আপত্তির মুখে সেই অর্থ বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়। তবে অভিযোগ উঠেছে, বাসিন্দারা নিজেদের ট্রেইলার সরিয়ে নেওয়ার অথবা তা ফেলে রেখে এলাকা ছেড়ে যাওয়ার পরই ওই অর্থ পাওয়ার যোগ্য হবেন।   এই শর্ত নিয়েই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের বাসিন্দারা। কারণ, নতুন বাসা ভাড়া নেওয়া, জামানত দেওয়া, মালামাল পরিবহন এবং অন্যত্র বসবাস শুরু করার জন্য আগেই অর্থ প্রয়োজন। কিন্তু প্রতিশ্রুত অর্থ হাতে পাওয়ার আগে তাঁদের পুরোনো বাসস্থান ছাড়তে হচ্ছে। ফলে অনেকের পক্ষে স্থানান্তরের প্রাথমিক খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে।   মেসভিল মানবাধিকার কমিশনের সদস্য জেসন গাইলস জানিয়েছেন, অর্থ পাওয়ার এই শর্ত বাসিন্দাদের জন্য গুরুতর সমস্যা তৈরি করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেকের কাছেই নিজেদের খরচে অন্যত্র চলে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আশঙ্কা করছেন, অন্তত ১০ জন বাসিন্দা গৃহহীন হওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছেন। কমিশন তাঁদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে কাজ করছে। তবে এলাকায় সাশ্রয়ী মূল্যের বাসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।   ইতিমধ্যে মিডোল্যান্ড ভিলেজের অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। আগে যেখানে পাশাপাশি ট্রেইলার হোম ছিল, সেখানে এখন অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, একসময় এই এলাকায় নিয়মিত শিশুদের খেলাধুলা করতে দেখা যেত। কিন্তু পরিবারগুলো চলে যাওয়ার পর সেই চেনা পরিবেশ অনেকটাই হারিয়ে গেছে।   এলাকার বাসিন্দা ও ধর্মযাজক গ্রেগরি জোন্স গত আট বছর ধরে পরিবার নিয়ে মিডোল্যান্ড ভিলেজে বসবাস করছেন। অন্য অনেকের তুলনায় তাঁর পরিস্থিতি কিছুটা ভালো। কারণ, তিনি ইতিমধ্যে থাকার জন্য নতুন জায়গা খুঁজে পেয়েছেন এবং মালামাল গোছানোর কাজ শুরু করেছেন। তবে প্রতিবেশীদের ভবিষ্যৎ নিয়ে তিনিও উদ্বিগ্ন।   জোন্সের মতে, বাসিন্দাদের ঘর ছাড়ার দিনেই অর্থ পরিশোধের ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে শীতের মৌসুম শুরু হওয়ার আগেই পরিবারগুলো নতুন বাসস্থানে যাওয়ার প্রস্তুতি নিতে পারত। তিনি আশা করছেন, যাঁরা এখনো নতুন ঘর খুঁজে পাননি, তাঁদের সহায়তায় শহর অথবা কাউন্টি প্রশাসন এগিয়ে আসবে।   এই উচ্ছেদসংকটের পেছনে রয়েছে মেটার পরিকল্পিত বিশাল ডেটা সেন্টার প্রকল্প। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি মেসন কাউন্টিতে প্রায় ২ হাজার ৯০০ একর জমির ওপর একটি ডেটা সেন্টার কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পটি কেনটাকির অন্যতম বৃহৎ শিল্প উন্নয়ন উদ্যোগে পরিণত হতে পারে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।   গত ১৩ অক্টোবর মেসন কাউন্টির প্রশাসনিক কর্তৃপক্ষ প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি চুক্তি অনুমোদন করে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই বিনিয়োগের মাধ্যমে নির্মাণ পর্যায়ে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান এবং প্রকল্প চালু হওয়ার পর কয়েক শ স্থায়ী চাকরির সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে।   তবে বড় অঙ্কের বিনিয়োগ ও সম্ভাব্য কর্মসংস্থানের এই উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে ট্রেইলার হোমে বসবাস করছেন এবং সীমিত আয়ের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য অল্প সময়ের মধ্যে নতুন বাসস্থান খুঁজে পাওয়া সহজ নয়।   স্থানীয় মানবাধিকার কমিশন এখন সবচেয়ে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করছে। তবে পুনর্বাসনের প্রতিশ্রুত অর্থ হাতে পাওয়ার আগেই ঘর ছাড়ার শর্ত বহাল থাকলে কয়েকটি পরিবারের সামনে গৃহহীন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।     সূত্র: ব্যাকইয়ার্ড গার্ডেন লাভার

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১১:৭
লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার
লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের  লস অ্যাঞ্জেলেসে নর্থ হলিউড মেট্রো স্টেশনের পাশে পথচারী ও সড়কের পাশের খাবার বিক্রেতাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬১ বছর বয়সী চালক ইহোর ডেমিয়েনেনকোকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহেও তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) চালককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।   অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে নর্থ ল্যাঙ্কারশিম বুলেভার্ড ও চ্যান্ডলার বুলেভার্ডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি দক্ষিণমুখী পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের পাশের ফুটপাতে উঠে যায়। সেখানে থাকা পথচারী ও খাবারের দোকানিদের চাপা দেয় গাড়িটি। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশের একটি খাবারের দোকানের তাঁবুর নিচে গিয়ে থামে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা পৌঁছান।   লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, নিহত তিন নারী ৪০, ৫৩ ও ৬৯ বছর বয়সী। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যাঁদের মধ্যে গাড়িচালকও রয়েছেন। আহতদের মধ্যে দুই নারী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুজন দীর্ঘদিন ধরে ওই মেট্রো স্টেশনের বাইরে খাবার বিক্রি করতেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের অনেকেই নিয়মিত যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের পরিচিত ছিলেন।   পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন ৬১ বছর বয়সী ইহোর ডেমিয়েনেনকো। তিনি লস অ্যাঞ্জেলেসের ভ্যালি ভিলেজ এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকে পড়ায় তাঁকে উদ্ধার করতে হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পুলিশ তাঁকে তিনটি হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানোর কথা নিশ্চিত করেছে। অন্যদিকে এবিসি ৭ জানিয়েছে, মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, তাঁর জামিনের অঙ্ক ৬০ লাখ ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।   দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। গাড়িচালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন, নাকি এটি দুর্ঘটনা—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ক্যাপ্টেন ওয়ার্নার কাস্তিয়ো জানিয়েছেন, চালককে গাড়ি থেকে উদ্ধারের সময় তিনি সচেতন ছিলেন, তবে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল। পুলিশ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও মেট্রো স্টেশনের নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছে। দুর্ঘটনার আগে গাড়ির গতিবিধি এবং চালকের আচরণ বিশ্লেষণ করা হচ্ছে।   প্রত্যক্ষদর্শী জিয়ান বারবারোনা জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক কয়েক মুহূর্ত আগে তিনি ওই জায়গা দিয়ে হেঁটে পার হন। এরপর হঠাৎ গাড়ির চাকার বিকট শব্দ শুনতে পান। ফিরে তাকিয়ে দেখেন, সড়কের পাশে থাকা মানুষ ও দোকানগুলোর ওপর গাড়িটি উঠে গেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলা পার্কার জানিয়েছেন, ওই এলাকার খাবার বিক্রেতারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা করতেন। তাঁদের অনেকেই পথচারী ও গৃহহীন মানুষকে সহায়তা করতেন। পরিচিত এসব মানুষের এমন মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও ক্ষোভ তৈরি হয়েছে।   লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, মেট্রো স্টেশনের পাশে ফুটপাতে থাকা খাবার বিক্রেতা ও পথচারীদের ওপর গাড়িটি উঠে যাওয়ার ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শহরের সংশ্লিষ্ট বিভাগগুলো পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে নিহতদের পরিচয় ও তাঁদের পরিবারের বিষয়ে আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি ৭ লস অ্যাঞ্জেলেস।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১০:৫৪
ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনায় যানচলাচল সাময়িক বন্ধ , সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের
ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনায় যানচলাচল সাময়িক বন্ধ , সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেলটোনা এলাকায় ইন্টারস্টেট-৪  মহাসড়কে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে পূর্বমুখী মহাসড়কের কয়েকটি লেন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণে বিশেষ করে সেন্ট জনস রিভার ব্রিজ পার হওয়ার পর থেকে পূর্বমুখী পথে চলাচলকারী গাড়িগুলোকে ধীরগতিতে চলতে হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজ এ তথ্য জানিয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ডিবারি অ্যাভিনিউ এক্সিট পার হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। এতে মহাসড়কের ডান পাশের দুটি লেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করে।   ওয়েশ ২ নিউজের সকাল ৮টা ১৪ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, বন্ধ থাকা দুটি লেন পরে আবার খুলে দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার প্রভাব পুরোপুরি কাটেনি। সেন্ট জনস রিভার ব্রিজের পর পূর্বমুখী পথে চালকদের অতিরিক্ত সময় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।   এদিকে দুর্ঘটনায় কতটি যানবাহন জড়িত ছিল, কেউ আহত বা নিহত হয়েছেন কি না এবং দুর্ঘটনার কারণ কী—এসব বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকেও হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের যান চলাচল পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।   সংবাদসূত্র: ওয়েশ ২ নিউজ, ফ্লোরিডা ৫১১ ।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১০:৩৪
গত এক বছরে যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে বাদ পড়েছেন ৫৫ লাখের বেশি মানুষ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ মানুষ হারিয়েছেন স্ন্যাপ সুবিধা, সঞ্চয় ভেঙে খাদ্য সহায়তায় ফুড ব্যাংক

যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে গত এক বছরে ৫৫ লাখের বেশি মানুষ বাদ পড়েছেন। এতে খাদ্যসংকটে থাকা মানুষের চাপ বাড়ছে দেশটির খাদ্য সহায়তা বিতরণকারী দাতব্য সংস্থাগুলোর ওপর। পরিস্থিতি সামাল দিতে এসব প্রতিষ্ঠানকে নিজেদের সঞ্চিত অর্থও ব্যবহার করতে হচ্ছে। একই সময়ে সরকারি খাদ্য সহায়তার আওতা আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।   যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যের ভিত্তিতে বাজেট ও নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জুলাইয়ে নতুন বাজেট আইন কার্যকর হওয়ার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৫৫ লাখ কমেছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় রয়েছেন প্রায় ৩ কোটি ৬১ লাখ মানুষ। গত ১৭ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পর্যায়।   বিশেষ করে শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত পরিবারগুলো এই সংকটের মধ্যে পড়েছে। গবেষণা প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২৮টি অঙ্গরাজ্যের পাওয়া তথ্যে স্ন্যাপ সুবিধা পাওয়া শিশুর সংখ্যা কমেছে ১৫ লাখ। সংস্থাটির ধারণা, সারা দেশে এই সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রায় ৪ শতাংশে স্থির ছিল। ফলে শুধু কর্মসংস্থান বৃদ্ধির কারণে খাদ্য সহায়তা গ্রহণকারীর সংখ্যা কমেছে, এমন ব্যাখ্যা যথেষ্ট নয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি।   এই সংকটের বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। সেখানে বিশ্বের প্রথম খাদ্য সহায়তা বিতরণকারী ব্যাংক হিসেবে পরিচিত সেন্ট মেরিস ফুড ব্যাংক ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার করছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মিল্টন লিউ জানিয়েছেন, গত কয়েক বছরে খাদ্য সহায়তার চাহিদা প্রতিবছর গড়ে ১৫ শতাংশ করে বেড়েছে। অন্যদিকে খাদ্য সংগ্রহের খরচ বেড়ে যাওয়া এবং সরকারি সহায়তা কমে আসায় প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়েছে।   সেন্ট মেরিস ফুড ব্যাংক নিজস্ব কেন্দ্র এবং প্রায় ৭০০টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর প্রায় ২৫ কোটি ডলার মূল্যের খাদ্য বিতরণ করে। অ্যারিজোনার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় তাদের কার্যক্রম রয়েছে। অথচ ২০২৫ অর্থবছরে শুধু অ্যারিজোনা অঙ্গরাজ্যেই স্ন্যাপ কর্মসূচির মাধ্যমে প্রায় ১৮৩ কোটি ডলারের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছিল। ফলে সরকারি সহায়তা কমে যাওয়ার পুরো ঘাটতি দাতব্য সংস্থাগুলোর পক্ষে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন লিউ।   তাঁর মতে, অতীতে সেন্ট মেরিসের বিতরণ করা খাদ্যের প্রায় ২০ শতাংশ আসত ফেডারেল সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে। সেই সহায়তাও কমেছে। একদিকে নতুন করে আরও বেশি মানুষ খাদ্য সহায়তা চাইছেন, অন্যদিকে খাদ্য কেনা, পরিবহন ও বিতরণের খরচ বাড়ছে। ফলে নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তবে এভাবে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে সতর্ক করেছেন তিনি।   অ্যারিজোনার আরেকটি দাতব্য প্রতিষ্ঠান টেম্পি কমিউনিটি অ্যাকশন এজেন্সির তথ্যেও একই পরিস্থিতির চিত্র উঠে এসেছে। সংস্থাটির ব্যবস্থাপক ফিলিপ কর্নেস জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় তাদের কাছ থেকে খাদ্য সহায়তা নেওয়া পরিবারের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। তাঁর মতে, স্ন্যাপের মতো বড় সরকারি কর্মসূচির বিকল্প হিসেবে দাতব্য প্রতিষ্ঠানগুলো একা দায়িত্ব পালন করতে পারবে না।   খাদ্য সহায়তার এই সংকটের প্রভাব পড়ছে আসন্ন থ্যাংকসগিভিং উৎসবের প্রস্তুতিতেও। ১১ নভেম্বর স্থানীয় সংবাদমাধ্যম কেজেজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট মেরিস ফুড ব্যাংক এবারের ছুটির মৌসুমে খাদ্য বিতরণের প্রস্তুতি শুরু করলেও লক্ষ্যমাত্রা পূরণে তাদের আরও প্রায় ১১ হাজার ৫০০টি টার্কি প্রয়োজন। প্রতিষ্ঠানটির জনসংযোগ পরিচালক জেরি ব্রাউন জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার খাদ্য সহায়তার চাহিদা প্রায় ১০ শতাংশ বেড়েছে। এবারের উৎসবে ২০ হাজার থেকে ২২ হাজার টার্কি বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।   এদিকে খাদ্য সহায়তা কর্মসূচির যোগ্যতা নির্ধারণে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এ বিষয়ে একটি প্রস্তাব প্রকাশ করেছে। এতে নিম্ন আয়ের অভাবী পরিবারগুলোর জন্য পরিচালিত অস্থায়ী আর্থিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপ পাওয়ার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে।   বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো পরিবার নির্দিষ্ট সরকারি আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় থাকলে কিছু ক্ষেত্রে আলাদাভাবে স্ন্যাপের আয়সংক্রান্ত শর্ত পূরণ না করেও খাদ্য সহায়তা পেতে পারে। নতুন প্রস্তাব কার্যকর হলে এই সুযোগ সীমিত হবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের নিজস্ব হিসাব অনুযায়ী, প্রস্তাবটি কার্যকর হলে প্রায় ৬৩ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা হারাতে পারেন। পাশাপাশি প্রায় ১৮ লাখ শিশু বিনা মূল্যে স্কুলের খাবার পাওয়ার স্বয়ংক্রিয় যোগ্যতা হারাতে পারে। প্রস্তাবটির বিষয়ে সাধারণ মানুষের মতামত দেওয়ার জন্য ৩০ দিন সময় রাখা হয়েছে।   সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তার চাহিদা বাড়লেও সরকারি কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমছে। এতে স্থানীয় খাদ্য সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানও অর্থসংকট এবং খাদ্য সংগ্রহ ও পরিবহনের বাড়তি খরচের মুখে রয়েছে। সেন্ট মেরিস ফুড ব্যাংকের নেতৃত্বের আশঙ্কা, সরকারি সহায়তার ঘাটতি পূরণে নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার অব্যাহত রাখতে হলে ভবিষ্যতে খাদ্য বিতরণ কার্যক্রম ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১০:৩২
দীপাবলি উপলক্ষে প্রকাশিত কারিনা কাপুরের পোশাক ও গহনা পরা ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত
কোরআনের আয়াতুল কুরসি লেখা গয়না পরা নিয়ে কাপুরকে আইনি নোটিশ, ক্ষমা চাওয়ার দাবি

বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত হয় দীপাবলি উপলক্ষে কারিনার ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ছবি থেকে। ছবিতে অভিনেত্রীকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাপ্তান ও মেচিং পাগড়ির সঙ্গে ৩০ ক্যারেটের পান্নার একটি বিশেষ পেনডেন্ট পরতে দেখা যায়। ওই পেনডেন্টে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত।   কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে গয়নাটির ঐতিহাসিক পরিচয় তুলে ধরেন। তাঁর বর্ণনা অনুযায়ী, পেনডেন্টটি ভোপালের সাবেক রাজপরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ। এটি ভোপালের বেগমের ব্যবহৃত গয়না ছিল বলে তিনি উল্লেখ করেন। গয়নাটি কারিনার স্বামী সাইফ আলী খানের পারিবারিক সূত্রে তাঁদের কাছে এসেছে বলেও জানান রিয়া।   দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নোটিশে বলা হয়েছে, কারিনা ও রিয়া কোরআনের পবিত্র আয়াতখচিত গয়নাটি যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপন করেছেন, তা নিয়ে আপত্তি রয়েছে। নোটিশে তাঁদের নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে, এমনভাবে গয়নাটি উপস্থাপন না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে।   তবে আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক, ব্যক্তিগত পছন্দ কিংবা অন্য রাজকীয় গয়না পরা নিয়ে নয় বলে নোটিশে স্পষ্ট করা হয়েছে। তাঁর বক্তব্য, পবিত্র কোরআনের আয়াতখচিত কোনো বস্তু প্রকাশ্যে প্রদর্শনের ক্ষেত্রে ধর্মীয় মর্যাদা ও যথাযথ সম্মান বজায় রাখা প্রয়োজন। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের আয়াত গয়না হিসেবে ব্যবহারের বিষয়ে ইসলামি আলেমদের মধ্যে আপত্তি রয়েছে। তবে এ বিষয়ে আলেমদের মতামত এক নয় বলেও স্বীকার করা হয়েছে।   পেনডেন্টটির সঙ্গে ভোপালের নবাব পরিবারের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতান ছিলেন সাইফ আলী খানের পিতামহী। তিনি বিয়ে করেছিলেন পতৌদির নবাব ইফতিখার আলী খানকে। তাঁদের ছেলে মনসুর আলী খান পতৌদি ছিলেন সাইফের বাবা। সেই পারিবারিক উত্তরাধিকারের সূত্রেই ভোপালের রাজপরিবারের এসব গয়না সাইফের পরিবারের কাছে এসেছে বলে রিয়া কাপুর জানিয়েছেন।   নোটিশে আব্বাস হাফিজ আরও দাবি করেছেন, কারিনার ছবিতে গয়নাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের পাশাপাশি ভোপালের সাবেক রাজপরিবারের সঙ্গে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকা ব্যক্তিদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, নোটিশটি কংগ্রেস দলের পক্ষ থেকে নয়, বরং তাঁর ব্যক্তিগত পরিচয়ে পাঠানো হয়েছে।   এ ঘটনায় কারিনা কাপুর কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, সে বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে তথ্য দেওয়া হয়নি। আপাতত নোটিশে উত্থাপিত দাবি এবং এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।   সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১০:১৩
ফ্লোরিডায় প্রেমিকের গুলিতে ১৬ বছরের কিশোরী নিহত, গ্রেপ্তার ১৯ বছরের তরুণ
ফ্লোরিডায় প্রেমিকের গুলিতে ১৬ বছরের কিশোরী নিহত, গ্রেপ্তার ১৯ বছরের তরুণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৬ বছর বয়সী প্রেমিকাকে গুলি করে হত্যার পর সড়কের পাশে মরদেহ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। নিহত কিশোরীর নাম ভিক্টোরিয়া পেরেজ। এ ঘটনায় তাঁর প্রেমিক রবার্ট অ্যান্থনি টিমন্সকে গ্রেপ্তার করেছে পাসকো কাউন্টি শেরিফের কার্যালয়। তদন্তকারীদের দাবি, গাড়িতে বসে দুজনের মধ্যে তর্কের একপর্যায়ে ভিক্টোরিয়ার মাথায় গুলি করেন টিমন্স। পরে তাঁর মরদেহ রাস্তার পাশের ঝোপের মধ্যে ফেলে যান। সোমবার (৯ নভেম্বর) সন্দেহভাজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পাসকো কাউন্টির শেরিফ জেফ হ্যারিংটন।   শেরিফের কার্যালয় ও স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর শনিবার রাত ৮টার দিকে ফ্লোরিডার স্প্রিং হিল এলাকার চিলো স্ট্রিটের কাছে সর্বশেষ দেখা গিয়েছিল ভিক্টোরিয়াকে। পরদিন রোববার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিখোঁজ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। প্রায় চার ঘণ্টা পর সকাল ১১টা ২৪ মিনিটে ক্রেলা ড্রাইভের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভিক্টোরিয়ার বলে শনাক্ত করেন কর্মকর্তারা। তাঁর মরদেহ রাস্তা থেকে প্রায় ১৫ ফুট দূরে ঝোপঝাড়ের মধ্যে পড়ে ছিল।   তদন্তকারীরা আশপাশের নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জানতে পারেন, রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে ভিক্টোরিয়া তাঁর অ্যাপার্টমেন্ট এলাকা থেকে প্রেমিক টিমন্সের গাড়িতে ওঠেন। এরপর গাড়ির ভেতরে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। পাসকো কাউন্টির শেরিফ জেফ হ্যারিংটন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টিমন্স স্বীকার করেন, তর্কের সময় তাঁর কোলে একটি আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে তিনি অস্ত্রটি বের করে ভিক্টোরিয়ার মাথার বাম পাশে গুলি করেন বলে তদন্তকারীদের জানান। গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।   শেরিফের ভাষ্য অনুযায়ী, হত্যার পর টিমন্স গাড়ি নিয়ে কাছাকাছি ক্রেলা ড্রাইভ এলাকায় যান। সেখানে রাস্তা থেকে প্রায় ১৫ ফুট দূরে ভিক্টোরিয়ার মরদেহ ফেলে রেখে চলে যান। পরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কাছের একটি জলাশয়ে ফেলে দেওয়ার কথাও তিনি তদন্তকারীদের জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে তাঁর গাড়ি জব্দ করেছে এবং সেটি থেকে আলামত সংগ্রহ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্ট ও ঘটনাস্থল পরীক্ষা করা হচ্ছে। অস্ত্রটি উদ্ধারে পাসকো কাউন্টির ডাইভ ও আন্ডারওয়াটার রিকভারি টিম জলাশয়ে অনুসন্ধান চালাচ্ছে।   ভিক্টোরিয়ার পরিবার ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, টিমন্সের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্পর্কটিকে তাঁরা অস্থির ও বিষাক্ত বলে বর্ণনা করেছেন। পরিবারের সদস্যরা ভিক্টোরিয়াকে ওই সম্পর্ক থেকে দূরে রাখতে এবং তাঁকে সহায়তা করতে চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন শেরিফ। তবে হ্যারিংটন বলেছেন, হত্যাকাণ্ডের আগে তাঁদের সম্পর্কের মধ্যে শারীরিক সহিংসতার কোনো পূর্ববর্তী অভিযোগ পুলিশের কাছে নথিভুক্ত ছিল না। যদিও আগে অভিযোগ না থাকার অর্থ এই নয় যে সম্পর্কটিতে কখনো সহিংসতা ঘটেনি।   এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) পোর্ট রিচিতে ভিক্টোরিয়ার স্মরণে একটি শোকসভা ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর পরিবার ও বন্ধুরা। সেখানে তাঁকে প্রাণবন্ত, হাসিখুশি ও কৌতূহলী একজন কিশোরী হিসেবে স্মরণ করেন স্বজনেরা। তাঁর সৎবাবা র‍্যান্ডি উইলিয়ামস বলেন, ভিক্টোরিয়া পরিবারের কাছে সবকিছু ছিল। তাঁকে আনন্দে রাখতে পরিবার সব সময় চেষ্টা করত। অল্প বয়সে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।   অন্যদিকে ১৯ বছর বয়সী রবার্ট অ্যান্থনি টিমন্সের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি প্রিমেডিটেটেড মার্ডার বা পূর্বপরিকল্পিত প্রথম মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রথমবার হাজির করা হলে তাঁকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয় এবং তাঁর জন্য একজন সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্ত অব্যাহত থাকলেও পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এ ঘটনায় সাধারণ মানুষের জন্য নতুন কোনো নিরাপত্তাঝুঁকি নেই। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত টিমন্স আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।   সংবাদসূত্র: পাসকো কাউন্টি শেরিফের কার্যালয়, ফক্স ১৩ নিউজ।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১০:৮
ইংল্যান্ডের ওয়েকফিল্ডে গাড়ি থেকে হামজা রিয়াজ নামের এক পাকিস্তানি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
ব্রিটেনে রাতের শিফট শেষে গাড়িতে মিলল পাকিস্তানি শিক্ষার্থীর মরদেহ

ব্রিটেনে রাতের শিফটে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালনের পর গাড়ির ভেতর থেকে এক পাকিস্তানি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৬ সালের ১ নভেম্বর রোববার সকাল ৮টার কিছু পর ইংল্যান্ডের ওয়েকফিল্ডের ইস্টমুর এলাকার স্ট্যানলি রোডে পার্ক করা একটি গাড়ি থেকে হামজা রিয়াজ নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে পাকিস্তানি শিক্ষার্থী কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাতের শিফটে একাকী কর্মীদের নিরাপত্তা ও কর্মস্থলে তাদের দেখভালের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।   ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পার্ক করা গাড়ির ভেতরে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ওয়েকফিল্ড পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি।   স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি সাবেক অ্যালবিয়ন ইন নামের একটি স্থাপনার বাইরে পার্ক করা ছিল। ওই স্থাপনা ২০২৬ সালের সেপ্টেম্বরে নিলামে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। হামজা সেখানে রাতের শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের ঠান্ডা থেকে বাঁচতে তিনি নিজের গাড়িতে অবস্থান করছিলেন।   প্রাথমিকভাবে কমিউনিটির কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিন ও হিটার চালু রেখেই ঘুমিয়ে পড়েছিলেন হামজা। তবে এই তথ্যের স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় বিশেষ করে আবদ্ধ জায়গায় কার্বন মনোক্সাইড জমে প্রাণঘাতী বিষক্রিয়া ঘটতে পারে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসও (এনএইচএস) আবদ্ধ স্থানে গাড়ির ইঞ্জিন চালু রাখার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। তবে হামজার মৃত্যুর সঙ্গে কার্বন মনোক্সাইডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।   এদিকে, হামজার মৃত্যুর পর নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং পাকিস্তানি শিক্ষার্থী কমিউনিটির সদস্যরা। তাদের বক্তব্য, রাতের শিফটে একাকী দায়িত্ব পালনকারী কর্মীদের সঙ্গে নির্দিষ্ট সময় পরপর যোগাযোগের ব্যবস্থা থাকা প্রয়োজন। কোনো কর্মী নির্ধারিত সময়ে ফোনের উত্তর না দিলে দ্রুত তার অবস্থান যাচাইয়ের উদ্যোগ নেওয়া উচিত। তবে হামজার নিয়োগকারী প্রতিষ্ঠান এমন কোনো ব্যবস্থা রেখেছিল কি না, কিংবা রাতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি না, তা এখনো জানা যায়নি।   ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেকেই উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। বিশেষ করে কিছু সাব-কন্ট্রাক্টরের অধীনে স্বল্প বেতনের কাজে যুক্ত শিক্ষার্থীদের কর্মপরিবেশ, বিশ্রামের সুযোগ এবং নিরাপত্তা তদারকি নিয়ে উদ্বেগ রয়েছে। দীর্ঘ সময় কাজ করার চাপের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব তাদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে মনে করছেন কমিউনিটির সদস্যরা।   প্রতিবেদন অনুযায়ী, হামজার জানাজা ব্র্যাডফোর্ডে অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ পাকিস্তানে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এদিকে, দায়িত্ব পালনকালে একাকী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তে কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।   যুক্তরাজ্যের ওয়েকফিল্ডে রাতের শিফটে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালনের পর গাড়ির ভেতর থেকে পাকিস্তানি শিক্ষার্থী হামজা রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।   সূত্র: ওয়েকফিল্ড এক্সপ্রেস

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ৯:৫৫
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে মেরিল্যান্ড স্টেট বিএনপি। ছবি: সংগৃহীত
মেরিল্যান্ডে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মেরিল্যান্ড স্টেট বিএনপি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর অবস্থান নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতারা।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি সাহিদ খান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল। তিনি মেরিল্যান্ডে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত। অনুষ্ঠানে মেরিল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ মোহনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য দেন। তাঁরা দিবসটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহের বিষয়ও তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ এবং সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।   অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন আয়োজক ও উপস্থিত অতিথিরা। আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্বে মেরিল্যান্ডে বসবাসরত বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি সম্পন্ন হয়।   মেরিল্যান্ড স্টেট বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বরের স্মরণ, রাজনৈতিক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল মূল আয়োজনের অংশ।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ১০:১৪
ইরান যুদ্ধে ব্যয় করা অর্থ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছ থেকে ফেরত পেতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ দ্রুত ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ এবার মিত্র দেশগুলোর কাছ থেকে ফেরত নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ইসরায়েল। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষা ছাড়া এসব দেশের অস্তিত্ব টিকে থাকত না। তবে যুদ্ধের কারণে নিজেরাই ব্যাপক ক্ষতির মুখে পড়া উপসাগরীয় দেশগুলো তাঁর এই দাবিতে কতটা সাড়া দেবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।   গত রোববার (৮ নভেম্বর) প্রচারিত সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডুথাটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি জানান। তিনি বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের জন্য ব্যয় করা সব অর্থ ফেরত নেওয়া হবে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা সব অর্থ ফেরত নেব। তারা শতভাগ অর্থ পরিশোধ করবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’   এবারের বক্তব্যে প্রথমবারের মতো ইসরায়েলের কাছ থেকেও যুদ্ধের ব্যয় ফেরত নেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হতো। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের শুরু থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি অংশ নিয়েছিল।   তবে উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি ভিন্ন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম ট্রাম্প এর আগেও উল্লেখ করেছিলেন। গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তাই এই নিরাপত্তার খরচ সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে ফেরত নেওয়া উচিত।   অন্যদিকে, উপসাগরীয় দেশগুলো দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে জানানো হয়নি। বরং ইরানের পাল্টা হামলায় এসব দেশকে ব্যাপক নিরাপত্তাঝুঁকি ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো সংঘাতের সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ও ইতোমধ্যে বিপুল অঙ্কে পৌঁছেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হিসাব অনুযায়ী, গত ১৬ অক্টোবর পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারে। পেন্টাগনের এই হিসাব কংগ্রেসের কাছে পাঠানো হয়েছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মোট ব্যয়ের মধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ প্রতিস্থাপনে। সামরিক অভিযান পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং হারানো সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় হয়েছে আরও প্রায় ৬ বিলিয়ন ডলার।   তবে এই হিসাবের বাইরে রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মেরামত ব্যয়। এদিকে কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) সেপ্টেম্বরের এক হিসাব অনুযায়ী, যুদ্ধ অব্যাহত থাকলে প্রতি মাসে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। ফলে যুদ্ধের প্রকৃত আর্থিক বোঝা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।   ট্রাম্পের এই দাবি এমন এক সময়ে সামনে এসেছে, যখন মধ্যবর্তী নির্বাচনে তাঁর রিপাবলিকান পার্টি বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছে। সিবিএসের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ইরান যুদ্ধ এবং যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি ভোটারদের অসন্তোষের অন্যতম কারণ ছিল। নির্বাচনের পর তিনি সামরিক দিক থেকে যুদ্ধকে কার্যত শেষ বলে উল্লেখ করলেও ইরানে হামলার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন।   তবে বাস্তবে মিত্র দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। আল জাজিরার বিশ্লেষণে চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক সহযোগী গবেষক নিল কুইলিয়াম বলেছেন, ট্রাম্পের বক্তব্যকে বাস্তবসম্মত নীতিগত প্রস্তাবের চেয়ে অভ্যন্তরীণ রাজনীতির উদ্দেশ্যে দেওয়া রাজনৈতিক বার্তা হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো সরাসরি অর্থ পরিশোধের দাবিতে নীরব প্রতিরোধ গড়ে তুলতে পারে।   বিশ্লেষকদের ধারণা, সরাসরি অর্থ ফেরত নেওয়ার পরিবর্তে ওয়াশিংটন অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ, মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার চুক্তি এবং আগে দেওয়া বিনিয়োগ প্রতিশ্রুতিগুলোকে যুদ্ধের ব্যয় পরিশোধের অংশ হিসেবে তুলে ধরার বিষয় থাকতে পারে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতিবিষয়ক সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদের মতে, এ ধরনের অর্থনৈতিক সুবিধা সরাসরি ক্ষতিপূরণের পরিবর্তে পরোক্ষভাবে আদায়ের সম্ভাবনাই বেশি।   উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক ঘাঁটি পরিচালনা, বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তায় অর্থ ব্যয় করছে। এর পাশাপাশি ইরানের পাল্টা হামলায় তাদের বেসামরিক ও সামরিক অবকাঠামোরও ক্ষতি হয়েছে। ফলে যে যুদ্ধ তারা শুরু করেনি, সেই যুদ্ধের ব্যয় আবার তাদের কাছ থেকে দাবি করা হলে বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।   ইসরায়েলের ক্ষেত্রেও অর্থ ফেরতের বিষয়টি সহজ নয়। দীর্ঘদিন ধরে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক ও আর্থিক সহায়তা পেয়ে আসছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা গ্রহণকারী দেশ থেকে যুদ্ধের ব্যয় বহনকারী দেশে পরিণত করা সহজ হবে না। ফলে ট্রাম্পের এই দাবি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে ভবিষ্যতের কূটনৈতিক আলোচনা, বিনিয়োগ ও প্রতিরক্ষা চুক্তির ওপর। এখন পর্যন্ত কোনো দেশের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ আদায়ের চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।   সূত্র: আল জাজিরা

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ৯:২৯
সব অভিবাসীর তথ্য নয়, অপরাধের অভিযোগ থাকা নির্দিষ্ট ব্যক্তিদের তথ্য চায় আইস
সব অভিবাসীর তথ্য নয়, অপরাধের অভিযোগ থাকা নির্দিষ্ট ব্যক্তিদের তথ্য চায় আইস

নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার একটি সরকারি অভিবাসী আশ্রয়কেন্দ্রের নির্দিষ্ট কিছু বাসিন্দার ব্যক্তিগত তথ্য কেন্দ্রীয় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা—আইসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। আদালতের এই আদেশের পর মেয়র জোহরান মামদানির প্রশাসন পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছে।   গথামিস্টের ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যানহাটনের ফেডারেল জেলা আদালতের বিচারক লুইস কাপলান ৬ নভেম্বর এই নির্দেশ দেন। এতে ব্রঙ্কসের বুখনার বুলেভার্ড এলাকার একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে থাকা নির্দিষ্ট কিছু পুরুষ বাসিন্দার নাম, জন্মতারিখ এবং তাঁদের শনাক্ত করতে সহায়ক প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলা হয়েছে।   তবে আদালতের নির্দেশে আশ্রয়কেন্দ্রের সব বাসিন্দার তথ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আইসের প্রাথমিক আবেদনে সব বাসিন্দার তথ্য চাওয়া হলেও বিচারক বিষয়টি সীমিত করেছেন। আদালত নিযুক্ত একজন বিশেষ তত্ত্বাবধায়ক বা স্পেশাল মাস্টার যাচাই করে কেবল নির্দিষ্ট গুরুতর অপরাধের ইতিহাস থাকা ব্যক্তিদের তথ্য হস্তান্তরের বিষয়টি তদারক করবেন।   প্রতিবেদন অনুযায়ী, হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, হামলা, বড় অঙ্কের চুরি, বাড়িতে চুরি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ওপর হামলার মতো আট ধরনের অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা এই যাচাইয়ের আওতায় পড়তে পারেন। এখানে অভিযোগ থাকা এবং আদালতে দোষী সাব্যস্ত হওয়া এক বিষয় নয়।   বিচারক কাপলান বলেছেন, তথ্য সরবরাহের অনুরোধটি অযৌক্তিকভাবে অতিরিক্ত বোঝা তৈরি করবে—এমন প্রমাণ শহর কর্তৃপক্ষ দিতে পারেনি। তাই সংশোধিত শর্তে আইসের সমন কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।   ব্রঙ্কসের এই আশ্রয়কেন্দ্রটি একসময় প্রায় দুই হাজার দুইশ অভিবাসী পুরুষের থাকার উপযোগী করে তৈরি করা হয়েছিল। চলতি বছরের জুনের শেষে সেখানে এক হাজার চারশর বেশি একক পুরুষ অভিবাসী ছিলেন বলে নগর প্রশাসনের তথ্য উল্লেখ করেছে গথামিস্ট। কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার পরিকল্পনাও রয়েছে।   মেয়র মামদানির মুখপাত্র ইভন রদ্রিগেজ জানিয়েছেন, প্রশাসন আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে এবং পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। অন্যদিকে, নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনসহ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের আহ্বান জানিয়েছে।   নিউইয়র্কের স্থানীয় আইনে নগর কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় অভিবাসন সংস্থার সহযোগিতার ওপর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের তথ্য চাওয়া নিয়ে নগর প্রশাসন ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে।   এই রায় নিউইয়র্কের সব অভিবাসী বা আশ্রয়প্রার্থীর জন্য প্রযোজ্য নয়। এটি নির্দিষ্ট একটি আশ্রয়কেন্দ্রের নির্দিষ্ট কিছু বাসিন্দার তথ্য নিয়ে আদালতের নির্দেশ। তাই অন্য আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে—এমন ধারণা করা ঠিক হবে না।   নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিদের নিজেদের আইনি অবস্থান, কোনো সমন বা আদালতের নোটিশ এবং ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে অভিবাসন আইনজীবী বা স্বীকৃত আইনি সহায়তা সংস্থার পরামর্শ নেওয়া উচিত।

প্রকাশ : নভেম্বর ১১, ২০২৬ ৯:২৪