সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
কংগ্রেস হাতছাড়া রিপাবলিকানদের, পরাজয়ের দায় এড়িয়ে ভেটো ক্ষমতার হুমকি ট্রাম্পের
রিপাবলিকানদের হাতছাড়া কংগ্রেস, পরাজয়ের দায় এড়িয়ে ভেটো ক্ষমতার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের ফলে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান দল। এমন বিপর্যয়ের পরও এই পরাজয়ের দায় নিতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে তিনি দাবি করেছেন, ব্যালটে যদি তার নাম থাকত, তবে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে বা 'ল্যান্ডস্লাইড' জয় পেত। নির্বাচনের আগে ৩২ দিনে ৩০টি অঙ্গরাজ্যে ব্যাপক প্রচারণায় অংশ নিলেও, ট্রাম্প এই ভরাডুবির জন্য একক প্রার্থী, তেলের দাম বৃদ্ধি এবং এমনকি ফক্স নিউজকেও দুষছেন।   ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্বাচনে দলের ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে ইরান যুদ্ধ নিয়ে জনগণের ক্ষোভকে অন্যতম কারণ হিসেবে ইঙ্গিত করেছেন। তবে ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় থেকে জানিয়েছেন, তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন এবং নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরকে যেকোনো প্রেসিডেন্টের মেয়াদের চেয়ে সবচেয়ে সফল বলে মনে করেন।   ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন কংগ্রেসের মোকাবিলায় ট্রাম্প এখন তার 'ভেটো' ক্ষমতার ওপর নির্ভর করছেন। একটি লাল রঙের 'ভেটো' (VETO) লেখা বেসবল ক্যাপ প্রদর্শন করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ডেমোক্র্যাটদের যেকোনো পদক্ষেপ আটকে দেওয়ার পূর্ণ ক্ষমতা এখনও তার হাতেই রয়েছে।   কংগ্রেস হাতছাড়া হওয়ার পর নিজের কট্টর 'মাগা' (MAGA) এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনেও রদবদল এনেছেন ট্রাম্প। চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে তার জায়গায় কট্টর অভিবাসন নীতির রূপকার হিসেবে পরিচিত স্টিফেন মিলারকে দায়িত্ব দিয়েছেন তিনি।   তবে দলের ওপর নিজের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ধরে রাখতে সুসি ওয়াইলসকে ট্রাম্পের পলিটিক্যাল অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রমাণ করলেন যে তিনি তার কট্টরপন্থী নির্বাহী ক্ষমতা প্রয়োগে আরও আক্রমণাত্মক হতে চলেছেন।   রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝেই ট্রাম্প হোয়াইট হাউস এবং ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা সংস্কারের দিকে মনোযোগ নিবদ্ধ করেছেন। নির্বাচনের পরপরই এক অনুষ্ঠানে তিনি হোয়াইট হাউসের বিলাসবহুল বলরুম এবং ১৪ মিলিয়ন ডলার ব্যয়ে ওয়াশিংটনের 'রিফ্লেকটিং পুল' সংস্কার কাজের প্রশংসা করেন।   মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের পর নিজের প্রথম নির্বাহী আদেশে ট্রাম্প তার সংস্কার করা সুসজ্জিত ওভাল অফিসকে একটি 'জাতীয় স্মৃতিস্তম্ভ' (ন্যাশনাল মনুমেন্ট) হিসেবে ঘোষণা করেন। তার দাবি, ভবিষ্যতে কেউ যেন এই ঐতিহাসিক কক্ষের নকশা বা সাজসজ্জা পরিবর্তন বা ধ্বংস করতে না পারে, সেজন্যই এই সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৭:২৭
দুই লাখ টাকার আইটি প্রশিক্ষণ বিনা খরচে
দুই লাখ টাকার আইটি প্রশিক্ষণ বিনা খরচে, আবেদন করতে পারবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করে নিজের কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য এসেছে বড় সুযোগ। প্রায় দুই লাখ টাকা ব্যয়মূল্যের আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলছে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থনে সহযোগিতার সুযোগ।   কারা আবেদন করতে পারবেন?   এই কর্মসূচিতে মূলত নন-আইটি শিক্ষাগত পটভূমির যোগ্য মুসলিম তরুণদের আবেদন করার সুযোগ রয়েছে। স্নাতক বা সমমান পাস এবং নির্দিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।   আবেদনকারীর বয়স ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কম্পিউটার সায়েন্সে স্নাতক, বিএসসি ইঞ্জিনিয়ার, চিকিৎসক ও আইনজীবীরা এই স্কলারশিপের জন্য যোগ্য নন। আগের কোনো রাউন্ডে এই কর্মসূচির কোর্সে অংশগ্রহণকারীরাও নতুন করে আবেদন করতে পারবেন না।   যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে   স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের জন্য রয়েছে ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপস, ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সলিউশন ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিডিও এডিটিং।   অন্যদিকে, চার বছর মেয়াদি নির্দিষ্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিকস ও মোশন গ্রাফিকস, ক্লাউড কম্পিউটিং এবং থ্রি-ডি ভিজুয়ালাইজেশনের মতো কোর্স।   প্রশিক্ষণের সুযোগ-সুবিধা   আইএসডিবি-বিআইএসইডব্লিউর তথ্য অনুযায়ী, একজন প্রশিক্ষণার্থীর পেছনে প্রায় দুই লাখ টাকা ব্যয় করে থাকে প্রতিষ্ঠানটি। এই অর্থ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান বহন করে। কোর্সের মেয়াদ সর্বোচ্চ সাড়ে আট মাস। প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠানটির প্লেসমেন্ট সেল সহযোগিতা করে।তবে প্রশিক্ষণ শেষ করলেই চাকরি নিশ্চিত নয়। যোগ্যতা ও নিয়োগদাতার চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহযোগিতা করা হয়।   আবেদন করবেন যেভাবে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম হলো— ১. প্রথমে আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত আবেদন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ২. আবেদন করার আগে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা ও প্রশ্নোত্তর অংশ ভালোভাবে পড়ে নিতে হবে। ৩. নিজের নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠানের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ৪. নির্ধারিত নিয়ম অনুযায়ী সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ৫. আবেদন ফরম জমা দেওয়ার পর বিকাশের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। ৬. আবেদন সম্পন্ন হলে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।     আবেদনের শেষ তারিখ ও গুরুত্বপূর্ণ তথ্য আইএসডিবি-বিআইএসইডব্লিউর অনলাইন আবেদন পোর্টালের তথ্য অনুযায়ী, ৭৫তম রাউন্ডে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬। প্রার্থী বাছাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হবে। পরীক্ষা এবং প্রশিক্ষণ ঢাকায় অনুষ্ঠিত হবে। তাই ঢাকায় গিয়ে পরীক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণের প্রস্তুতি থাকতে হবে। আবেদনসংক্রান্ত সহযোগিতার জন্য ০১৭১৯০০৭১০৭ নম্বরে যোগাযোগ করা যাবে। আবেদনের ওয়েবসাইট: https://apply.idb-bisew.info/

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৭:২৪
কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
শান্তি আলোচনার আগেই কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বিদ্যুৎ-পানি সংকটে লাখো মানুষ

যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতের হামলায় আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।   অ্যাসোসিয়েটেড প্রেসের ৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার হামলায় কিয়েভ ও আশপাশের অঞ্চলে ৩৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭২টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এসব হামলার প্রভাব পড়েছে।   কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় রাজধানীর জ্বালানি সরবরাহ পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে শহরের তাপ ও পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীতের সময় এমন পরিস্থিতি সাধারণ মানুষের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করতে পারে।হামলার কারণে কিয়েভের গুরুত্বপূর্ণ নর্দার্ন ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দিনভর এই সেতু দিয়ে ডিনিপ্রো নদী পারাপার করেন রাজধানীর বহু মানুষ। সেতুটি বন্ধ হওয়ায় যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।   ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, শান্তি আলোচনার প্রস্তুতির পরিবর্তে রাশিয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের আরও সহযোগিতা এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত নর্দার্ন ব্রিজ, ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান, বিদ্যুৎকেন্দ্র ও সামরিক সরঞ্জাম তৈরির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা। তবে এসব স্থাপনার আশপাশে বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।   এদিকে যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এটি হবে যুদ্ধ অবসানের লক্ষ্যে চতুর্থ দফার আলোচনা। এর আগে সর্বশেষ বৈঠক হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।   তবে আলোচনার পথে বড় বাধা হয়ে রয়েছে ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা। পশ্চিমা দেশগুলো এমন একটি সমাধান খুঁজছে, যাতে যুদ্ধের অবসান ঘটলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যায়।ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কোমিশুভাখা গ্রামেও উদ্ধার অভিযান চলছে। সোমবার একটি সাবেক স্কুল ও মানবিক সহায়তা কেন্দ্রে রুশ বোমা হামলার পর সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। শনিবার সকাল পর্যন্ত নতুন করে ৯টি মরদেহ উদ্ধারের পর ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।   একই দিনে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।কূটনৈতিক আলোচনা ও সামরিক হামলা একই সময়ে চলতে থাকায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আবুধাবির বৈঠকে কোনো অগ্রগতি আসে কি না, এখন আন্তর্জাতিক মহলের নজর সেদিকেই।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:৫৭
মার্কিন নাগরিকত্ব পেতে এবার প্রমাণ করতে হবে সৎ নৈতিক চরিত্র ও আর্থিক দায়িত্ববোধ
মার্কিন নাগরিকত্ব পেতে এবার প্রমাণ করতে হবে সৎ নৈতিক চরিত্র ও আর্থিক দায়িত্ববোধ

গত ৪ নভেম্বর, ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা দপ্তর (USCIS) ন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে 'গুড মোরাল ক্যারেক্টার' (সৎ নৈতিক চরিত্র) মূল্যায়নের জন্য একটি নতুন নীতিগত স্মারকলিপি বা পলিসি মেমোরেন্ডাম জারি করেছে।   নতুন এই নির্দেশনায় আবেদনকারীর সততা, আইন মেনে চলার প্রবণতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউএসসিআইএস জানিয়েছে, এখন থেকে এই পর্যালোচনা কেবল অতীতের অপরাধমূলক রেকর্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ট্যাক্স বা কর প্রদান, আর্থিক বাধ্যবাধকতা এবং অন্যান্য আচরণগত বিষয়গুলোও নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে।   সাধারণত নাগরিকত্বের জন্য আবেদনের পূর্ববর্তী তিন বা পাঁচ বছরের সময়কালকে আবেদনকারীর 'সৎ নৈতিক চরিত্র' প্রমাণের মাপকাঠি হিসেবে ধরা হয়। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বর্তমান নৈতিক চরিত্র নির্ধারণের ক্ষেত্রে ওই নির্ধারিত সময়ের আগের কোনো অসদাচরণও আমলে নেওয়া হতে পারে।   বিশেষ করে, অতীতে কর ফাঁকি দেওয়া বা সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে প্রতারণার ইতিহাস থাকলে এবং পরবর্তীতে আবেদনকারীর আচরণের কোনো ইতিবাচক পরিবর্তন না দেখা গেলে তা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই নির্দিষ্ট তিন বা পাঁচ বছর পার হয়ে গেছে ভেবে অতীতের কোনো বড় ভুল বা অসদাচরণ আর প্রাসঙ্গিক নয়—এমনটা ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই।   নতুন নির্দেশনায় নির্ভরশীলদের আর্থিক সহায়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ইউএসসিআইএস এখন থেকে খতিয়ে দেখবে যে, আবেদনকারী তার সন্তান বা অন্যান্য নির্ভরশীলদের প্রতি আর্থিক দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কি না। পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সন্তানের ভরণপোষণ দিতে অস্বীকৃতি জানানো বা নির্ধারিত পরিমাণের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম অর্থ প্রদান করা হলে তা নাগরিকত্ব আবেদনে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি আদালতের কোনো নির্দেশ না থাকলেও, একজন পিতা বা মাতা তার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের যুক্তিসঙ্গত আর্থিক সহায়তা দিয়েছেন কি না, তা যাচাই করা হতে পারে।   তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সহায়তা দেওয়া থেকে বিরত থাকেন আর কেউ যদি সত্যিই আর্থিকভাবে অক্ষম হন—এই দুইয়ের মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করবে ইউএসসিআইএস। আর্থিক সংকটের কোনো যৌক্তিক কারণ বা বিশেষ পরিস্থিতি থাকলে তা অবশ্যই সদয়ভাবে বিবেচনা করা হবে।   যেসব আবেদনকারীর সন্তান বা নির্ভরশীলরা সরকারি সহায়তা গ্রহণ করেন বা যারা কেবল সরকারি সুবিধা পাওয়ার যোগ্য থাকার জন্য ইচ্ছাকৃতভাবে কাজ করা থেকে বিরত থাকেন, তাদের বিষয়েও মেমোরেন্ডামে কড়া বার্তা দেওয়া হয়েছে। পর্যাপ্ত সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সন্তানকে সহায়তা না করা, যার ফলে ওই সন্তানকে সরকারি ভাতার ওপর নির্ভর করতে হয়—এমন পরিস্থিতি ইউএসসিআইএস কঠোরভাবে মূল্যায়ন করবে। এছাড়া সরকারি সুবিধা নেওয়ার জন্য মিথ্যা আয়ের তথ্য দেওয়া, পরিবারের সদস্য সংখ্যা গোপন করা, যোগ্যতার পরিবর্তন হওয়ার পরও তা না জানানো কিংবা ভুয়া পরিচয়ে সুবিধা নেওয়ার বিষয়গুলোও গভীরভাবে যাচাই করা হবে।   তবে মনে রাখা জরুরি, কেবল দারিদ্র্য, শারীরিক অক্ষমতা বা বৈধভাবে সরকারি সুবিধা গ্রহণের কারণে কাউকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্বের অযোগ্য ঘোষণা করা হবে না। এখানে মূল বিবেচ্য বিষয় হলো ইচ্ছাকৃত প্রতারণা এবং অনিচ্ছাকৃত ভুলের মধ্যকার পার্থক্য।   অনেক মার্কিন নাগরিক এবং গ্রিন কার্ডধারী তাদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের জন্য 'অ্যাফিডেভিট অব সাপোর্ট' ফর্মে স্বাক্ষর করে স্পন্সর করে থাকেন। এটি একটি আইনগতভাবে প্রয়োগযোগ্য বাধ্যবাধকতা, যার মাধ্যমে স্পন্সর হওয়া ব্যক্তির আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।   নতুন নীতিমালার অধীনে, কোনো আবেদনকারী অতীতে কাউকে স্পন্সর করে সেই আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছেন কি না, তা পরীক্ষা করে দেখবে ইউএসসিআইএস। উদাহরণস্বরূপ, একজন গ্রিন কার্ডধারী যদি তার স্ত্রীকে স্পন্সর করে পরবর্তীতে ওই ফর্মে উল্লেখিত শর্ত অনুযায়ী আর্থিক সহায়তা দিতে ব্যর্থ হন, তবে নাগরিকত্ব আবেদনের সময় তার নিজের যোগ্যতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।   আবেদনকারীদের আর্থিক দায়িত্ব, নির্ভরশীলদের সহায়তা এবং সরকারি সুবিধার ব্যবহার সম্পর্কে আরও বিশদ তথ্য সংগ্রহের জন্য ইউএসসিআইএস তাদের 'ফর্ম এন-৪০০' (Form N-400) সংশোধন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি ইমিগ্রেশন অফিসারদের জন্যও বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।   ফলে, মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি এখন আর কেবল নির্দিষ্ট সময়কাল যুক্তরাষ্ট্রে বসবাস বা উপস্থিতির শর্ত পূরণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং আর্থিক দায়িত্ববোধ, অভিবাসন স্পনসরশিপের শর্তপূরণ, সরকারি সুবিধার সঠিক ব্যবহার এবং ট্যাক্স পরিপালনের বিষয়গুলো প্রমাণ করাও এখন সমানভাবে জরুরি।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:৫৬
ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ পুলিশ দেখে  ৯১১-এ ফোন
ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ পুলিশ দেখে ৯১১-এ ফোন, জরুরি সেবার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পুলিশ ডাকার পর কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা দেখে আবারও ৯১১-এ ফোন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম ফ্রেডেরিক ট্রয় টোডার। ৬০ বছর বয়সী এই মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, প্রথমবার ডাকা পুলিশ সদস্যরা তাঁর বাড়িতে উপস্থিত থাকা অবস্থাতেই শুধু একজন কর্মকর্তার গায়ের রঙের কারণে অন্য পুলিশ পাঠানোর দাবি জানান তিনি। জরুরি সেবার অপব্যবহারের অভিযোগে গত ২৭ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পাম বিচ কাউন্টি শেরিফ অফিস। শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য মেরি সু এক প্রতিবেদনে ঘটনাটি তুলে ধরেছে।   স্থানীয় সংবাদমাধ্যম বোকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটের দিকে ফ্লোরিডার বোকা রাটন এলাকার জুয়েগো সার্কেলের একটি বাড়ি থেকে পারিবারিক বিরোধের অভিযোগ পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি জেভেল লিওনসহ কয়েকজন কর্মকর্তা। সেখানে পৌঁছে তাঁরা জানতে পারেন, ফ্রেডেরিক টোডারের সঙ্গে তাঁর ৮৪ বছর বয়সী মা মেরিলিনের বিরোধ চলছে। টোডার পুলিশকে জানান, তাঁর মা তাঁকে বাড়ি থেকে সরিয়ে কোনো মানসিক স্বাস্থ্যকেন্দ্র কিংবা গ্রুপ হোমে পাঠাতে চাইছেন। দিনের বেলায় একটি কমিউনিটি ক্লাবহাউসে ঘটে যাওয়া ঘটনার জেরেই তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়েছিল।   তবে পুলিশের কাছে ভিন্ন বক্তব্য দেন টোডারের মা। তাঁর অভিযোগ, কমিউনিটি ক্লাবহাউসে ছেলে অনুপযুক্ত আচরণ করেছিলেন। সেখানে খাবারের উচ্ছিষ্ট মেঝেতে ফেলা, নির্ধারিত টয়লেট ব্যবহার না করে বাইরে প্রস্রাব করা এবং জানালার ব্লাইন্ডসহ বিভিন্ন জিনিসের ক্ষতি করার অভিযোগ করেন তিনি। এসব আচরণের প্রতিবাদ করায় ছেলে উত্তেজিত হয়ে ওঠেন। মেরিলিন আরও জানান, তাঁর ছেলে প্রায়ই কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। অন্যদিকে টোডার দাবি করেন, তাঁর মা একজন কৃষ্ণাঙ্গ রক্ষণাবেক্ষণকর্মীর সঙ্গে তাঁকে তুলনা করে অপমানজনক মন্তব্য করেছিলেন। পুলিশ জানিয়েছে, সেদিন মা ও ছেলের মধ্যে শারীরিক সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি।   তদন্ত চলাকালে ডেপুটি লিওন টোডারের মায়ের বক্তব্য নিচ্ছিলেন। তখন সার্জেন্ট বুরাস এবং ডেপুটি ডিগসবি নামের আরও দুই কর্মকর্তা টোডারের কাছে অবস্থান করছিলেন। গ্রেপ্তারসংক্রান্ত নথি অনুযায়ী, ডেপুটি ডিগসবি কৃষ্ণাঙ্গ হওয়ায় তাঁকে বাড়ির ভেতরে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন টোডার। তিনি স্পষ্টভাবে আপত্তি জানান এবং ওই কর্মকর্তাকে নিজের বাড়িতে রাখতে চান না বলে দাবি করেন। এরপর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সামনেই আবার ৯১১ নম্বরে ফোন করেন তিনি। দ্বিতীয়বার ফোন করে অন্য পুলিশ সদস্যদের পাঠানোর অনুরোধ জানান। শেরিফ অফিসের যোগাযোগ বিভাগও দ্বিতীয় কলটির বিষয়টি নিশ্চিত করে।   তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, দ্বিতীয়বার ফোন করার সময় নতুন কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রথম কলের ভিত্তিতে পুলিশ সদস্যরা তখনো ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন। শুধু একজন কর্মকর্তার জাতিগত পরিচয়ের কারণে তাঁকে বদলে অন্য পুলিশ পাঠানোর দাবি জানানো হয়েছিল। ফলে জরুরি সেবার অপব্যবহারের অভিযোগে রাত ৯টা ৪১ মিনিটের দিকে টোডারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাম বিচ কাউন্টির প্রধান ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। পরদিন এক হাজার ডলারের বন্ডে তিনি মুক্তি পান।   এদিকে প্রকাশিত পুলিশি নথি অনুযায়ী, টোডারের বিরুদ্ধে এর আগেও জরুরি নম্বরে অপ্রয়োজনীয় ফোন করার অভিযোগ ছিল। ২০১৬ সালে চার দিনের ব্যবধানে অন্তত আটবার ৯১১-এ ফোন করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসব ফোনে বাবা-মায়ের আচরণ, পারিবারিক মনোমালিন্যসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। ফ্লোরিডার আইন অনুযায়ী, প্রকৃত কিংবা সম্ভাব্য জরুরি পরিস্থিতি ছাড়া ৯১১ সেবার অপব্যবহার প্রথম মাত্রার মিসডিমিনার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এতে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং এক হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। তবে সর্বশেষ ঘটনায় টোডারের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার এখনো শেষ হয়নি।   সংবাদসূত্র: পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের গ্রেপ্তারসংক্রান্ত নথির ভিত্তিতে বোকা পোস্ট।    

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:৫৪
কঠিন চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের বহু শিক্ষার্থী
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে গিয়ে সন্তান লালন-পালনের কঠিন চাপে পড়েছেন বহু শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সন্তান লালন-পালন করছেন—এমন নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। সন্তানকে কোথায় রেখে ক্লাসে যাবেন, কে দেখাশোনা করবে, আর সেই খরচ কীভাবে বহন করবেন—এসব প্রশ্নের মুখে পড়েছেন অনেক শিক্ষার্থী মা-বাবা। তাঁদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় শিশু পরিচর্যা সহায়তা কর্মসূচিতে বড় ধরনের অর্থায়ন কমে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।   যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের অধীন ‘চাইল্ড কেয়ার অ্যাকসেস মিনস প্যারেন্টস ইন স্কুল’ বা সিসিএএমপিআইএস কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের কলেজ শিক্ষার্থীদের সন্তানদের জন্য সাশ্রয়ী শিশু পরিচর্যার ব্যবস্থা করা হয়। এর উদ্দেশ্য হলো, সন্তান লালন-পালনের দায়িত্বের পাশাপাশি যেন অভিভাবকেরা পড়াশোনা চালিয়ে যেতে এবং ডিগ্রি অর্জন করতে পারেন।   দ্য ওয়াশিংটন পোস্টের ৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারের অনুদান বণ্টনে বড় পরিবর্তন এসেছে। প্রায় ৩০০টি কলেজ আবেদন করলেও চার বছর মেয়াদি অনুদান পেয়েছে মাত্র ৪০টি প্রতিষ্ঠান। অথচ ২০২১ সালের অনুদান প্রতিযোগিতায় ৩২৭টি কলেজ অর্থায়ন পেয়েছিল। এবার ১৪৮টি কলেজ অর্থায়নের পরিকল্পনার কথা জানানো হলেও শেষ পর্যন্ত সহায়তা পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কমেছে।   এই পরিবর্তনের প্রভাব শুধু কলেজের বাজেটে সীমাবদ্ধ নয়; সরাসরি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পড়ছে। যেসব অভিভাবক সন্তানকে ক্যাম্পাসের শিশু পরিচর্যা কেন্দ্রে রেখে ক্লাস করতেন, তাঁদের অনেককে এখন বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে। কারও পক্ষে ব্যক্তিগতভাবে শিশু পরিচর্যার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ফলে ক্লাস, পরীক্ষাগার কিংবা প্রয়োজনীয় শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ছে।   প্রতিবেদনে অস্টিন কমিউনিটি কলেজের নার্সিং শিক্ষার্থী লারিসা সুচিলোর অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। তাঁর মেয়ের সন্ধ্যাকালীন শিশু পরিচর্যার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় তিনি প্রয়োজনীয় ল্যাব ক্লাসে অংশ নিতে পারেননি। নার্সিংয়ের মতো ব্যবহারিক প্রশিক্ষণনির্ভর বিষয়ে এমন ক্লাস বাদ পড়লে পড়াশোনার অগ্রগতি ব্যাহত হতে পারে। তাঁর মতো শিক্ষার্থীদের কাছে শিশু পরিচর্যার ব্যবস্থা শুধু সুবিধা নয়, শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার অন্যতম শর্ত।   উইসকনসিনের ম্যাডিসন এরিয়া টেকনিক্যাল কলেজেও শিশু পরিচর্যার সুযোগ সীমিত হওয়ার প্রভাব পড়েছে। কিছু পরিবার সন্তানদের জন্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা পিছিয়ে দিয়েছে। আবার কেউ কেউ সন্তান দেখাশোনার জন্য কাজ ও পড়াশোনার সময় কমাতে বাধ্য হয়েছেন। এতে তাঁদের আয়, শিক্ষার অগ্রগতি এবং পারিবারিক জীবন—সবকিছুর ওপর চাপ তৈরি হচ্ছে।   যুক্তরাষ্ট্রে অনেক শিক্ষার্থী মা-বাবা পড়াশোনার পাশাপাশি চাকরি করেন। বিশেষ করে একক অভিভাবক, নিম্ন আয়ের পরিবার এবং অভিবাসী পরিবারের জন্য শিশু পরিচর্যার ব্যয় বড় চ্যালেঞ্জ। সন্তানকে দেখাশোনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকলে নিয়মিত ক্লাস করা, পরীক্ষায় অংশ নেওয়া কিংবা নির্ধারিত সময়ে ডিগ্রি শেষ করা কঠিন হয়ে যায়।   বাংলাদেশি অভিবাসী পরিবারের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি মা-বাবা সংসার ও চাকরির দায়িত্ব সামলে কলেজে পড়ছেন। তাঁদের কেউ নার্সিং, কেউ স্বাস্থ্যসেবা, ব্যবসা কিংবা প্রযুক্তিবিষয়ক শিক্ষায় যুক্ত। শিশু পরিচর্যার খরচ বেড়ে গেলে তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।   এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের আর্থিক সহায়তা বিভাগে যোগাযোগ করে ক্যাম্পাস ডে-কেয়ার, শিশু পরিচর্যা অনুদান, স্থানীয় ভর্তুকি এবং বিকল্প সহায়তার সুযোগ সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে হবে, কেন্দ্রীয় অনুদান কমে যাওয়ার পর প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে কোনো বিকল্প সেবা চালু রাখতে পারছে কি না।   উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ করতে গিয়ে কোনো অভিভাবক যেন শুধু সন্তান দেখাশোনার ব্যবস্থা না থাকার কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য না হন—এটাই এখন বড় প্রশ্ন। কারণ একজন শিক্ষার্থীর ডিগ্রি অর্জন শুধু তাঁর নিজের ভবিষ্যৎ নয়, পরিবারের আর্থিক নিরাপত্তা ও পরবর্তী প্রজন্মের সুযোগ তৈরির সঙ্গেও জড়িত।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:৪০
কেশম দ্বীপে আরও দুটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
কেশম দ্বীপে আরও দুটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার পারদ আরও একধাপ বাড়িয়ে দিল নতুন এক ঘটনা। এবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের আকাশসীমায় আরও দুটি মার্কিন ‘এমকিউএম-১৭০’ (MQM-170) নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (৬ নভেম্বর) তেহরানের মেহর নিউজ এজেন্সিসহ একাধিক ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   আইআরজিসির জনসংযোগ কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে ইরান যে কতটা প্রস্তুত, এটি তারই সুস্পষ্ট প্রমাণ। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের অত্যন্ত চৌকস দল তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিক যুদ্ধ ব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই মার্কিন ড্রোনগুলোকে কোনো রকম গোলাগুলি ছাড়াই সফলভাবে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয় তারা।   সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলে মার্কিন নজরদারি কার্যক্রমের বিরুদ্ধে ইরান বেশ কঠোর অবস্থান নিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে ড্রোন নামানোর এই সক্ষমতা মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতিরই একটি বড় বার্তা।   সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে কেশম দ্বীপের আকাশে ভূপাতিত করা মার্কিন এমকিউএম-১৭০ মডেলের নজরদারি ড্রোনের সংখ্যা বেড়ে মোট ছয়টিতে দাঁড়াল। চলমান উত্তেজনার মাঝে এই ঘটনা মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:৩৯
এআইয়ের দাপটে ক্ষুব্ধ ইউরোপ
এআইয়ের দাপটে ক্ষুব্ধ ইউরোপ, মাইক্রোসফটের নির্মাণস্থলে ঢুকে পড়ল শত শত বিক্ষোভকারী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের বিরুদ্ধে ইউরোপজুড়ে বাড়ছে প্রতিবাদ। এরই মধ্যে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মাইক্রোসফটের জন্য নির্মাণাধীন একটি ডেটা সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন পরিবেশবাদী ও প্রযুক্তিবিষয়ক আন্দোলনকারীরা। নির্মাণস্থলের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন তাঁরা। বিক্ষোভকারীদের কয়েকজন বিশাল নির্মাণাধীন ক্রেনের ওপর উঠে প্রতিবাদ জানান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে।   ডাচ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নির্মাণস্থলে অনধিকার প্রবেশের সন্দেহে প্রায় ১৫০ থেকে ২০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এআই প্রযুক্তির অবকাঠামো নির্মাণ ও পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করা হচ্ছে। এতে স্থানীয় পরিবেশ, পানির উৎস এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।   আন্দোলনকারীরা বলছেন, বড় প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসা সম্প্রসারণে বিপুল বিনিয়োগ করছে। কিন্তু এসব প্রকল্পের পরিবেশগত প্রভাব এবং স্থানীয় মানুষের ওপর সম্ভাব্য চাপ যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, নতুন ডেটা সেন্টার নির্মাণের আগে পরিবেশগত প্রভাব যাচাই এবং স্থানীয় বাসিন্দাদের মতামত নিশ্চিত করতে হবে।   আমস্টারডামের স্লটারডাইক এলাকায় নির্মাণাধীন প্রকল্পটি তৈরি করছে । মাইক্রোসফট এই প্রকল্পের প্রধান গ্রাহক হিসেবে যুক্ত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এখানে তিনটি প্রায় ৮৫ মিটার উচ্চতার ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটির সম্মিলিত বিদ্যুৎ সক্ষমতা প্রায় ৭৮ মেগাওয়াট।   বিক্ষোভকারীদের একটি অংশের অভিযোগ, এ ধরনের ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। পাশাপাশি সার্ভার ঠান্ডা রাখা এবং অন্যান্য কার্যক্রমেও পানি ব্যবহারের প্রয়োজন হতে পারে। ফলে স্থানীয় জনগণের প্রয়োজনীয় সম্পদের ওপর চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।   অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বক্তব্য, আধুনিক ডিজিটাল অর্থনীতি পরিচালনায় ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা এবং সরকারি ডিজিটাল কার্যক্রমের জন্য এসব অবকাঠামো প্রয়োজন। তবে পরিবেশের ওপর প্রভাব কমাতে জ্বালানি ও পানি ব্যবহারে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।   আমস্টারডামের এই প্রতিবাদকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না আন্দোলনকারীরা। ‘স্টপ ডার্টি ডেটা সেন্টারস’ নামের একটি জোট ৬ ও ৭ নভেম্বর ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ১৫টি দেশের বিভিন্ন সংগঠন এই আন্দোলনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছে।   নেদারল্যান্ডসের পাশাপাশি জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশে ডেটা সেন্টার সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়েছে।এআই প্রযুক্তি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর পরিবেশগত মূল্য নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎ ও পানির ব্যবহার, স্থানীয় জনগণের স্বার্থ এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলো সামনে আসছে।   আমস্টারডামের ঘটনাটি সেই বিতর্ককে আরও আলোচনায় নিয়ে এসেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে, এখন ইউরোপজুড়ে সেই প্রশ্নই সামনে আসছে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:১৯
ইসরায়েলের ফাঁদে পড়ে ইরান যু দ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: সিনেটর এল-সায়েদ
ইসরায়েলের ফাঁদে পড়ে ইরান যু দ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: সিনেটর এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ দেশটির বিতর্কিত মধ্যপ্রাচ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে সম্পূর্ণ 'অপ্রয়োজনীয়' আখ্যা দিয়ে তিনি বলেছেন, মার্কিন প্রশাসনের কখনোই এই অনাকাঙ্ক্ষিত সংঘাতে জড়ানো উচিত হয়নি। সম্প্রতি একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।   এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের অতিরিক্ত প্রভাব এবং দেশটিকে দেওয়া বিপুল সামরিক সহায়তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।   সাক্ষাৎকারে ইরান যুদ্ধ প্রসঙ্গে ডেমোক্র্যাট নেতা এল-সায়েদ জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে, যা প্রকারান্তরে তাদের জন্যই একটি বিশাল ফাঁদ। অতীতের মার্কিন প্রেসিডেন্টরা সবসময়ই ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলার বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন সেই সতর্ক অবস্থান থেকে সরে এসে একটি বড় ধরনের ভুল করেছে।   তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রভাবিত করে এই যুদ্ধে জড়াতে বাধ্য করেছেন। তার দাবি, গত কয়েক দশক ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন।   মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে দেওয়া বিশেষ ছাড়ের তীব্র বিরোধিতা করে এল-সায়েদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ইসরায়েলি সরকারকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে বলেন, কোনো দেশের সরকারের ভুল নীতির সমালোচনা করার অর্থ ওই দেশের জনগণ বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করা নয়।   রাজনৈতিক সমালোচনা এবং জনগণের প্রতি শত্রুতাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একইসঙ্গে তিনি ইসরায়েলকে মার্কিন অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনার আহ্বান জানান। মার্কিন অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কি না, তা নিশ্চিত করার একটি বড় নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মনে করেন তিনি।   শুধু ইসরায়েল নয়, মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এই ডেমোক্র্যাট নেতা। মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগের কারণে মিশর ও অন্যান্য দেশকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তাও অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৬:১৩
নারী-শিশুসহ একই পরিবারের সাত বাংলাদেশির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার নারী-শিশুসহ একই পরিবারের সাত বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাতজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।   জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা সাতজনই ঘটনাস্থলে প্রাণ হারান।   নিহতদের পরিচয় সম্পর্কে আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর মাত্র এক মাস বয়সী কন্যাশিশু রয়েছে।   অর্থাৎ, দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। বিশেষ করে এক মাস বয়সী শিশুটির মৃত্যুর খবর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।জানা গেছে, নিহত ব্যক্তিরা সৌদি আরবে আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় কার্যালয় রয়েছে।   দুর্ঘটনার খবর পাওয়ার পর সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্বজনদের সহযোগিতা করা হবে। মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।   এদিকে, একসঙ্গে সাত বাংলাদেশির মৃত্যুতে কক্সবাজারের চকরিয়ায় তাঁদের স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রবাসে উপার্জনের জন্য যাওয়া মানুষগুলোর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারগুলোর সামনে নেমে এসেছে অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান, সময় এবং গাড়ি নিয়ন্ত্রণ হারানোর পেছনে বিস্তারিত কারণ সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশিত হয়নি। মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া এবং পরিবারের কাছে হস্তান্তরের বিষয়েও পরবর্তী সরকারি তথ্যের অপেক্ষা রয়েছে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৫:৫৩
বাবার জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ মনিরুল
বাবার জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ মনিরুল, বিএসএফের হাতে যাওয়ার পর নিখোঁজ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হওয়ার পর মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে ভারতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এখনো তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।নিখোঁজ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় লিয়াকত ইসলামের ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে।   গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান বলে স্থানীয়দের ভাষ্য।ঘটনাটি জানাজানি হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা মনিরুলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।   মনিরুলের স্ত্রী রিমা খাতুন জানান, তাঁর স্বামী বিকেলে গ্রামের একটি খেলা দেখে বাড়িতে এসেছিলেন। পরে অসুস্থ বাবার জন্য খাবার কিনতে বটতলার বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাতে লোকমুখে জানতে পারেন, তাঁর স্বামীকে গুলি করে বিএসএফ ভারতে নিয়ে গেছে। স্বামীকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন রিমা খাতুন। পরিবারের সদস্যদের অপেক্ষা এখন একটাই—মনিরুল কোথায় আছেন এবং তিনি কেমন আছেন, সেই খবর পাওয়া।   এদিকে মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে মেইন পিলার ৬৩/১-এস-এর কাছে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। বিজিবির বক্তব্য অনুযায়ী, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা ভারতে প্রবেশ করা এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালান। পরে সীমান্ত ও স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে মেদেনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল পাল্টা ফায়ার করে।   ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।অন্যদিকে ভারতের কৃষ্ণনগর এলাকার শক্তিনগর জেলা হাসপাতালে মনিরুলকে নেওয়া হয়েছে বলে স্থানীয় কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাঁর সেখানে চিকিৎসাধীন থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।   সবচেয়ে বড় প্রশ্ন, গুলিবিদ্ধ মনিরুল বর্তমানে কোথায় আছেন? তিনি জীবিত আছেন কি না, তাঁর চিকিৎসা চলছে কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।একটি পরিবারের কাছে প্রিয় মানুষটির নিরাপদে ফিরে আসাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারের প্রত্যাশা, দ্রুত মনিরুলের অবস্থান নিশ্চিত করে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৫:৩৬
কভারেজ নিতে এখনই আবেদন করুন
স্বাস্থ্যবিমার নতুন সময় শুরু, ২০২৭ সালের কভারেজ নিতে এখনই আবেদন করুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো মানুষের জন্য শুরু হয়েছে ২০২৭ সালের স্বাস্থ্যবিমা নিবন্ধন কার্যক্রম। যারা নিজেরা স্বাস্থ্যবিমা কিনতে চান অথবা আগের বিমা পরিবর্তন করতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ সময় শুরু হয়েছে ১ নভেম্বর থেকে।হেলথকেয়ার ডট গভের তথ্য অনুযায়ী, অধিকাংশ অঙ্গরাজ্যে স্বাস্থ্যবিমার জন্য আবেদন, নতুন পরিকল্পনা নির্বাচন এবং পুরোনো বিমা নবায়নের সুযোগ থাকবে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।   তবে যারা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকেই নতুন স্বাস্থ্যবিমার সুবিধা পেতে চান, তাদের ১৫ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলে এবং প্রথম কিস্তি পরিশোধ করলে সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে কভারেজ শুরু হবে।   এবারের নিবন্ধনে স্বাস্থ্যবিমার খরচ নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন গবেষণা সংস্থার পূর্বাভাসে ২০২৭ সালে অনেক গ্রাহকের বিমার প্রিমিয়াম বাড়ার আশঙ্কা উঠে এসেছে। ফলে আগের বছরের বিমা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করে নতুন পরিকল্পনাগুলোর খরচ ও সুবিধা তুলনা করা গুরুত্বপূর্ণ।স্বাস্থ্যবিমা নির্বাচনের আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। মাসিক প্রিমিয়াম কত, চিকিৎসকের কাছে গেলে কত টাকা দিতে হবে, হাসপাতালে ভর্তি হলে কত খরচ বহন করতে হবে এবং কোন হাসপাতাল বা চিকিৎসক বিমার আওতায় রয়েছেন—এসব তথ্য যাচাই করা প্রয়োজন।   বিশেষ করে যেসব পরিবারের সন্তান রয়েছে, তাদের শিশুদের চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি চিকিৎসার সুবিধা বিবেচনা করে বিমা নির্বাচন করা উচিত।যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে সব অভিবাসীর স্বাস্থ্যবিমা পাওয়ার যোগ্যতা এক নয়। অভিবাসন অবস্থা, আয় এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী যোগ্যতা নির্ধারিত হয়।   নতুন নিয়মের কারণে কিছু অভিবাসীর স্বাস্থ্যবিমার সুযোগ ও আর্থিক সহায়তায় পরিবর্তন আসতে পারে। তাই নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো বিমা বাতিল করা বা আবেদন থেকে বিরত থাকা উচিত নয়। প্রয়োজনে অনুমোদিত স্বাস্থ্যবিমা পরামর্শক অথবা অভিবাসন আইনজীবীর সঙ্গে কথা বলা যেতে পারে।যারা এখনো স্বাস্থ্যবিমা করেননি, তারা সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের এলাকার বিমার পরিকল্পনা ও সম্ভাব্য খরচ দেখতে পারবেন।   আবেদনের সরকারি ওয়েবসাইট: https://www.healthcare.gov/   ১৫ ডিসেম্বরের সময়সীমা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারলে নতুন বছরের প্রথম দিন থেকেই স্বাস্থ্যবিমার সুরক্ষা পাওয়ার সুযোগ রয়েছে।পরিবারের চিকিৎসা ব্যয় সামলাতে এবং জরুরি পরিস্থিতিতে আর্থিক চাপ কমাতে সময়মতো সঠিক স্বাস্থ্যবিমা নির্বাচন করা এখন যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৫:১২
বন্যার পানিতে আটকে মা-ছেলে
বন্যার পানিতে আটকে মা-ছেলে, ফেসবুকের পোস্ট দেখে ছুটে এলেন দুই কিশোর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পানিতে ঘরবন্দি হয়ে পড়েছিলেন এক মা ও তাঁর ১১ বছরের সন্তান। সঙ্গে ছিল পরিবারের তিনটি পোষা কুকুর। চারদিকে পানি বাড়ছিল, ঘরের আসবাবপত্র ভেসে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে জরুরি সহায়তা চেয়েও তাৎক্ষণিক উদ্ধারকারী দল না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানান ওই মা। তাঁর সেই ভিডিও দেখেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দুই কিশোর।   ঘটনাটি ঘটে ফ্লোরিডার পাম বে এলাকায়। গত ২ নভেম্বর প্রবল বৃষ্টিতে ওই অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উপকূলীয় ফ্লোরিডার কিছু এলাকায় প্রায় ২৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল।ওই এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী ব্রিটানি গ্রান্ট বুঝতে পারছিলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রথমে বাড়ির দরজায় বালুর বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে   একপর্যায়ে বিছানার ওপর আশ্রয় নেন তিনি, সঙ্গে ছিল তাঁর ১১ বছরের ছেলে নিকোয়া এবং তিনটি পোষা কুকুর। পানি আরও বাড়তে থাকায় মা-ছেলেকে রান্নাঘরের কাউন্টারের ওপর আশ্রয় নিতে হয়।কুকুরগুলোকে ফেলে যাওয়ার কথা কল্পনাও করতে পারছিলেন না ব্রিটানি। তাঁর পোষা কুকুরগুলোর নাম ডায়মন্ড, ডেলিলাহ ও অ্যাজি। ঘরের মধ্যে পানি বাড়তে থাকায় তিনি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে সাহায্য চান।   ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁরা আপাতত ভালো আছেন, কিন্তু এরপর কী হবে তা তিনি জানেন না। কিছুক্ষণ পর আরেকটি ভিডিওতে জানান, তাঁরা খুব ভয় পাচ্ছেন এবং পানি ক্রমাগত বাড়ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একই এলাকার বাসিন্দা স্টেফানি ফাঙ্গুই বিষয়টি দেখতে পান। তিনি বুঝতে পারেন, পাশের এলাকার একটি পরিবার ভয়াবহ বিপদে আটকে আছে।   এরপর তিনি তাঁর দুই ছেলে ১৭ বছর বয়সী লুকাস মার্শাল ও ১৫ বছর বয়সী জোনাহ মার্শালকে সাহায্যের জন্য পাঠান। লুকাস একটি ফোলানো প্যাডেলবোর্ড নিয়ে বের হন। আর জোনাহ প্রতিবেশীর কাছ থেকে একটি কায়াক সংগ্রহ করেন। চারদিকে বন্যার পানি, ডুবে থাকা গাড়ি ও ডাকবাক্সের মধ্য দিয়ে তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন।   প্রথমে লুকাস ওই মায়ের ১১ বছরের ছেলেকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এরপর আবার ফিরে গিয়ে দুটি কুকুরকে উদ্ধার করেন। অন্যদিকে জোনাহ কায়াক দিয়ে তৃতীয় কুকুরটিকে নিয়ে যান। পরে তিনি আবার ফিরে এসে ব্রিটানি গ্রান্টকেও উদ্ধার করেন।   প্রায় ১০০ গজ পানিপথ পাড়ি দিয়ে মা, ছেলে ও তিনটি কুকুরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। পরে এক প্রতিবেশী তাঁদের গাড়িতে করে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেন। উদ্ধারের পরও দায়িত্ব শেষ করেননি লুকাস। তিনি নিজের প্যাডেলবোর্ড নিয়ে আশপাশে আরও কেউ বিপদে আটকে আছেন কি না, তা খুঁজতে থাকেন।   লুকাস জানিয়েছেন, আগামী বছর কলেজে নার্সিং বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তাঁর। মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারার অনুভূতিকে তিনি বিশেষ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ব্রিটানি গ্রান্ট জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাঁর জীবনের কঠিনতম মুহূর্তগুলোর একটি। বাড়ির অনেক আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সন্তান ও পোষা প্রাণীগুলোকে জীবিত ফিরে পাওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় স্বস্তি।   তিনি বলেছেন, এই দুই কিশোরের মানবিকতা মানুষের প্রতি তাঁর বিশ্বাস আবার ফিরিয়ে দিয়েছে।বন্যায় একটি পরিবারের ঘরবাড়ি ও স্মৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দুই কিশোরের সাহস ও প্রতিবেশীর সহযোগিতা তাদের জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।   কখনো কখনো বড় কোনো পদ বা সম্পদ নয়, বিপদের মুহূর্তে এগিয়ে আসা একজন মানুষই হয়ে ওঠেন অন্যের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। ফ্লোরিডার এই দুই কিশোর সেই কথাই আবার প্রমাণ করল।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:৫৮
কানাডার টরন্টোতে গাড়ি দুর্ঘটনায় আহত নারীর কাছে সরকারি খুঁটি ভাঙার ক্ষতিপূরণ দাবি করেছে সিটি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েও বিপদে নারী, উল্টো ২৯ হাজার ডলারের বিল পাঠাল সিটি কর্তৃপক্ষ

কানাডার টরন্টোতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রায় দুই বছর পর সিটি কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ২৯ হাজার ডলারের বিল পেয়েছেন ৬৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনায় তাঁর গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। অথচ সেই দুর্ঘটনায় একটি সরকারি খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার দায়ে তাঁর কাছে ২৮ হাজার ৮৪৮ ডলার ৩১ সেন্ট দাবি করে টরন্টো সিটি কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ন্যান্সি বাকম্যান।   শনিবার (৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে টরন্টোর ফেয়ারভিউ মলের কাছে দুর্ঘটনার শিকার হন ন্যান্সি। স্থানীয় সংবাদমাধ্যম সিপি২৪-এর তথ্য অনুযায়ী, তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া অন্য গাড়িটির আরোহীরা কাছের একটি জুয়েলারি দোকানে ডাকাতির পর পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।   দুর্ঘটনার সময় ন্যান্সি একজন নার্স প্র্যাকটিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাসংক্রান্ত নমুনা জমা দিতে একটি ল্যাবরেটরিতে যাচ্ছিলেন। একটি মোড়ে বাঁ দিকে গাড়ি ঘোরানোর সময় হঠাৎ অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা দেয় বলে জানান তিনি।   ন্যান্সির ভাষ্য অনুযায়ী, মোড়ে অন্য গাড়িগুলো থেমে ছিল এবং তিনি বাঁ দিকে মোড় নিচ্ছিলেন। তখন সামনে কোনো গাড়ি দেখতে পাননি। হঠাৎ সংঘর্ষের শব্দ ও নিজের গাড়ির ব্রেকের আওয়াজ শুনতে পান। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।   জ্ঞান ফেরার পর ন্যান্সি দেখতে পান, এক নারী তাঁর গাড়ির জানালায় ধাক্কা দিয়ে সতর্ক করছেন। গাড়ির নিচের অংশে আগুন ধরে গিয়েছিল। ওই নারী তাঁকে গাড়ি থেকে বের করে কাছের একটি পরিবারের ভ্যানে নিয়ে যান। জরুরি সেবাকর্মীরা পৌঁছানো পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।   দুর্ঘটনায় ন্যান্সির বুকে আঘাত লাগে এবং ঘাড় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ঘাড়ের আঘাতের কারণে এখনো ফিজিক্যাল থেরাপি নিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় তাঁর ২০২১ সালের সুবারু ফরেস্টার গাড়িটিও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।   কিন্তু ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৬ সালের জুলাইয়ে, টরন্টো সিটি কর্তৃপক্ষের কাছ থেকে একটি অপ্রত্যাশিত বিল পান ন্যান্সি। প্রায় ১০ পৃষ্ঠার ওই নথিতে তাঁর কাছে ২৮ হাজার ৮৪৮ ডলার ৩১ সেন্ট দাবি করা হয়।   সিটি কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় ন্যান্সির গাড়ির ধাক্কায় একটি সরকারি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতির মেরামত খরচ হিসেবে তাঁকে বিল পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সিপি২৪ নথিটি পর্যালোচনা করেছে বলে জানিয়েছে পিপল।   বিলে ন্যান্সিকে ২২ আগস্টের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কিংবা ড্রাইভার লাইসেন্স স্থগিত করার সতর্কবার্তাও দেওয়া হয়।   বিল পাওয়ার পর ন্যান্সি জানান, তিনি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। এত বড় অঙ্কের অর্থ অল্প সময়ের মধ্যে পরিশোধ করা তাঁর পক্ষে সম্ভব নয়। বিষয়টি জানাতে তিনি সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।   কর্তৃপক্ষ অর্থ পরিশোধের সময়সীমা বাড়াতে রাজি হলেও বিলের দায় তাঁর ওপরই বহাল রাখে বলে জানান ন্যান্সি। এতে তিনি ক্ষুব্ধ হন এবং দুর্ঘটনার জন্য তাঁকে দায়ী করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান।   সিপি২৪-এর তথ্য অনুযায়ী, পুলিশি দুর্ঘটনা প্রতিবেদনের ভিত্তিতে সিটি কর্তৃপক্ষ ন্যান্সিকে দায়ী করে। কারণ দুর্ঘটনার সময় তিনি বাঁ দিকে মোড় নিচ্ছিলেন। ট্রাফিক নিয়ম অনুযায়ী, এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা গাড়িকে আগে যাওয়ার সুযোগ দেওয়ার দায়িত্ব তাঁর ছিল।   ন্যান্সি এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার চেষ্টা করেন। এমনকি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেন। তবে ওই কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি মনে করতে পারছেন না বলে তাঁকে জানান।   পরে নিজের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আলোচনা করেন ন্যান্সি। শেষ পর্যন্ত কোম্পানিটি সিটি কর্তৃপক্ষের দাবি করা পুরো অর্থ পরিশোধ করতে রাজি হয়। ফলে ব্যক্তিগতভাবে তাঁকে ওই বিল পরিশোধ করতে হয়নি।   তবু ডাকাতির পর পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাঁকে কেন দায়ী করা হলো, তা বুঝতে পারছেন না ন্যান্সি। পুরো ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন তিনি।   এ বিষয়ে পিপলকে দেওয়া বিবৃতিতে টরন্টো সিটির মুখপাত্র কায়লা লুইস বলেন, গাড়ি দুর্ঘটনায় সিটির কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে মেরামতের খরচ আদায়ের জন্য নিয়মিতভাবে গাড়ির মালিকদের কাছে বিল পাঠানো হয়।   তিনি জানান, এ ধরনের বিল সাধারণত গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ন্যান্সির ক্ষেত্রেও ক্ষতিপূরণের দাবিটি তাঁর ইন্স্যুরেন্স কোম্পানি নিষ্পত্তি করেছে।   অন্যদিকে টরন্টো পুলিশ পিপলকে নিশ্চিত করতে পারেনি যে দুর্ঘটনায় জড়িত অন্য গাড়িটির আরোহীরা সত্যিই কোনো অপরাধ সংঘটনের পর পালিয়ে যাচ্ছিলেন কি না।   টরন্টো পুলিশের গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা শ্যানন ইমস বলেন, দুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলের আলামত, গাড়ির ক্ষতি, চালক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভিডিও বা ছবিসহ বিভিন্ন তথ্য বিবেচনা করা হয়।   তিনি আরও জানান, তদন্তকারী কর্মকর্তাকে প্রাদেশিক দুর্ঘটনা প্রতিবেদন তৈরি করতে হয়। সেখানে দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী চালককে চিহ্নিত করা হয়। দুর্ঘটনার আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী করেছিলেন, তা গাড়ির সংঘর্ষের কারণ নির্ধারণে সব সময় প্রাসঙ্গিক নাও হতে পারে।   দুর্ঘটনার প্রভাব ন্যান্সির কর্মজীবনেও পড়েছে। স্বাস্থ্যসেবা খাতে প্রায় ৪০ বছর কাজ করার পর পরিকল্পনার আগেই অবসর নিতে হয়েছে তাঁকে। ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথার কারণে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছেন তিনি।   ন্যান্সি জানান, অফিসে কাজের পরিবেশ পরিবর্তনসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরও ঘাড়ের সমস্যা কমেনি। শেষ পর্যন্ত ৩১ মার্চ তিনি অবসর নেন। দুর্ঘটনার পর আবার গাড়ি চালানোর সাহস ফিরে পাওয়াও তাঁর জন্য কঠিন ছিল।   তবে এখন পুরো অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান ন্যান্সি। তাঁর মতে, জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়াই ভালো। কারণ অতীতের ঘটনা নিয়ে পড়ে থাকলে তা জীবনের ওপর আরও বেশি প্রভাব ফেলতে পারে।   সূত্র: পিপল

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:৫৪
আগুনের গ্রাসে বাড়ি দুই মেয়েকে বাঁচাতে জানালা দিয়ে ছুড়লেন
আগুনের গ্রাসে বাড়ি, দুই মেয়েকে বাঁচাতে জানালা দিয়ে ছুড়লেন মা, ধরলেন প্রতিবেশীরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে দুই ছোট মেয়েকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করেছেন এক মা। তিনতলা বাড়ির ভেতরে আগুন ও কালো ধোঁয়ায় আটকে পড়ার পর সন্তানদের বাঁচাতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা এখন মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।   ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে হিউস্টনের শ্যাডি একরস এলাকায় বেল স্ট্রিটের কাছে একটি টাউনহাউসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। পরিবারের গাড়িতেও আগুন ধরে যায়।   স্থানীয় সংবাদমাধ্যম কেপিআরসি জানিয়েছে, বাড়িটিতে বসবাস করতেন ক্যাসি গঞ্জালেস ও তাঁর স্বামী এফ্রেইন গঞ্জালেস। তাঁদের দুই মেয়ের বয়স মাত্র চার ও পাঁচ বছর।আগুন লাগার পর বাবা এফ্রেইন পরিবারের সদস্যদের বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা করেন। পরিবারের গাড়িতে বিস্ফোরণের পর তিনি আগুনের মধ্যে ছুটে যান। শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলেও পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ধোঁয়ার কারণে তিনি আর ভেতরে এগোতে পারেননি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।   অন্যদিকে বাড়ির তৃতীয় তলায় দুই মেয়েকে নিয়ে আটকা পড়েন মা ক্যাসি। চারদিকে কালো ধোঁয়া, আগুনের তীব্রতা এবং বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের বাঁচাতে তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।নিচে তখন প্রতিবেশীরা ছুটে এসেছেন। তাঁদের মধ্যে ছিলেন জন বাউয়ার ও আরেক প্রতিবেশী। আগুনের ভয়াবহতা উপেক্ষা করে তাঁরা বাড়ির পেছনে পৌঁছানোর চেষ্টা করেন।   সন্তানদের সাহস জোগাতে মা বলেন, সাহসী হতে হবে। এরপর তৃতীয় তলার জানালা দিয়ে দুই মেয়েকে নিচে নামিয়ে দেন। নিচে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরা দুই শিশুকেই ধরে ফেলেন। সৌভাগ্যক্রমে শিশু দুটির দৃশ্যমান কোনো আঘাত লাগেনি।কিন্তু সন্তানদের নিরাপদে পাঠানোর পর নিজের জীবন বাঁচাতে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন ক্যাসি। ততক্ষণে ধোঁয়া এতটাই ঘন হয়ে গিয়েছিল যে প্রতিবেশীরা তাঁকে নিরাপদে ধরতে পারেননি। তিনি তিনতলা থেকে নিচে পড়ে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।   প্রতিবেশী জন বাউয়ার জানান, আগুনের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে কমলা রঙের আগুনের আলো দেখতে পেয়ে তিনি দ্রুত বাড়ির দিকে ছুটে যান। তিনি জানতেন না ঠিক কাকে বা কতজনকে ধরে ফেলতে হবে। কিন্তু বিপদের মুহূর্তে পিছিয়ে যাননি।বাউয়ার বলেন, তিনি শুধু সেই মুহূর্তে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছেন। পরিবারের সদস্যরা তাঁকে নায়ক হিসেবে দেখলেও নিজের কাজকে মানবিক দায়িত্ব হিসেবেই দেখছেন তিনি।   এদিকে আগুন লাগার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। পরিবারের গাড়িটি ২০২৫ সালের কিয়া টেলুরাইড বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।এই মুহূর্তে পরিবারের সবচেয়ে বড় লড়াই হলো সুস্থ হয়ে ফিরে আসা। হাসপাতালে মা চিকিৎসাধীন, বাবা আশঙ্কাজনক অবস্থায় জীবনযুদ্ধ করছেন। আর দুই ছোট শিশু ভয়াবহ সেই রাতের স্মৃতি নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে।   একটি পরিবারের জীবনে কয়েক মুহূর্তেই সবকিছু বদলে গেল। তবে বিপদের সেই রাতে প্রতিবেশীদের মানবিক সাহস দুই শিশুর জীবনে নতুন করে বেঁচে থাকার সুযোগ তৈরি করেছে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:৪০
যুক্তরাষ্ট্রের বাজারে সম্প্রতি বিক্রি শুরু হয়েছে ইসরাইলি প্রতিষ্ঠানের তৈরি থ্রিডি প্রিন্টেড কৃত্রিম মাংস। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাজারে ইসরাইলি প্রতিষ্ঠানের কৃত্রিম মাংস, খেয়ে হতাশ খাদ্যবিশেষজ্ঞ, গন্ধ প্লাস্টিকের মতো!

যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হয়েছে ইসরাইলি প্রতিষ্ঠানের তৈরি থ্রিডি প্রিন্টেড কৃত্রিম মাংস। তবে নতুন এই খাবার পরীক্ষা করে স্বাদ, গন্ধ ও গঠন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খাদ্যবিষয়ক সাংবাদিক এমিলি হেইল। তাঁর অভিজ্ঞতায়, রান্নার সময় কৃত্রিম মাংস থেকে প্লাস্টিকের মতো গন্ধ বের হয়েছে। খাওয়ার পরও স্বাদ ছিল অস্বাভাবিক ও অপ্রীতিকর।   শুক্রবার (৬ নভেম্বর) দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমিলি হেইল থ্রিডি প্রিন্টারে তৈরি দুটি মাংসের বিকল্প খাবার পরীক্ষা করার অভিজ্ঞতা তুলে ধরেন। এর একটি গরুর মাংসের জনপ্রিয় অংশ ‘ফিলে মিনিয়ন’ এবং অন্যটি মুরগির বুকের মাংসের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়েছে।   ইসরাইলভিত্তিক প্রতিষ্ঠান পারফেক্টা ফুডস সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রোসারি স্টোরগুলোতে এসব পণ্য বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ প্রযুক্তিতে উদ্ভিদজাত উপাদান ব্যবহার করে আসল মাংসের স্বাদ ও গঠন অনেকটাই অনুকরণ করা সম্ভব।   পারফেক্টা ফুডসের মূল প্রতিষ্ঠান স্টেকহোল্ডার জানিয়েছে, তাদের তৈরি এমএক্স২০০ প্রিন্টার উদ্ভিদভিত্তিক ও পরীক্ষাগারে উৎপাদিত উপাদান নির্দিষ্ট স্তরে সাজিয়ে মাংসের মতো গঠন তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় পেস্টের মতো উপাদান যন্ত্রের মাধ্যমে সাজানো হয়, যাতে আসল মাংসের পেশি ও চর্বির বিন্যাস অনুকরণ করা যায়।   তবে পণ্যগুলোর প্যাকেটে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উল্লেখ না থাকায় কিছু ক্রেতা উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্যসংক্রান্ত বিধি অনুযায়ী পণ্যের উপাদান জানানো বাধ্যতামূলক হলেও উৎপাদনের প্রতিটি প্রক্রিয়া উল্লেখ করা বাধ্যতামূলক নয়।   পণ্যগুলোর স্বাদ পরীক্ষা করতে মেরিল্যান্ডের প্রাকৃতিক খাদ্যপণ্যের দোকান থেকে কৃত্রিম গরু ও মুরগির মাংস সংগ্রহ করেন এমিলি হেইল। এরপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সেগুলো রান্না করেন। দুটি পণ্যই হিমায়িত অবস্থায় বিক্রি করা হয় এবং রান্নার আগে বরফ ছাড়িয়ে নিতে হয়।   দামের দিক থেকে কৃত্রিম গরুর মাংস আসল মাংসের তুলনায় সস্তা ছিল। প্রায় ৯ দশমিক ২ আউন্সের একটি প্যাকেটের দাম ছিল ১০ ডলার। একই পরিমাণ আসল গরুর মাংসের দাম প্রায় ২৪ ডলার।   অন্যদিকে একই পরিমাণ কৃত্রিম মুরগির মাংসের দাম ছিল ৯ ডলার ৫০ সেন্ট। অথচ সমপরিমাণ আসল মুরগির মাংসের দাম প্রায় ৩ ডলার ৪৫ সেন্ট। অর্থাৎ পরীক্ষিত দুটি পণ্যের মধ্যে কৃত্রিম গরুর মাংস তুলনামূলক সস্তা হলেও মুরগির বিকল্পটি ছিল বেশি দামের।   তবে রান্নার আগেই কৃত্রিম গরুর মাংসের গঠন দেখে হতাশ হন ওই সাংবাদিক। তাঁর মতে, প্যাকেটে দেখানো মাংসের টুকরার সঙ্গে বাস্তব পণ্যের তেমন মিল ছিল না। দেখতে এটি আসল স্টেকের পরিবর্তে কিমা করা মাংসের মতো মনে হয়েছে।   রান্নার সময় কৃত্রিম গরুর মাংস থেকে লালচে তরল বের হতে দেখা যায়। তবে রান্না শেষে এর গঠন আসল মাংসের মতো হয়নি। এমিলি হেইলের বর্ণনায়, মাংসের স্বাভাবিক আঁশ ও স্তরের পরিবর্তে পুরো অংশটি ছিল সমানভাবে ঘন এবং প্রক্রিয়াজাত হটডগের মতো।   স্বাদের অভিজ্ঞতা আরও হতাশাজনক ছিল বলে জানিয়েছেন তিনি। রান্নার সময় পণ্যটি থেকে প্লাস্টিকের মতো অস্বাভাবিক গন্ধ বের হচ্ছিল। খাওয়ার পর গরুর মাংসের স্বাভাবিক স্বাদের পরিবর্তে কৃত্রিম, তেতো ও টক ধরনের স্বাদ পেয়েছেন বলে উল্লেখ করেন এমিলি।   এরপর কৃত্রিম মুরগির মাংস পরীক্ষা করেন তিনি। তাঁর ধারণা ছিল, গরুর মাংসের তুলনায় মুরগির স্বাদ তুলনামূলক হালকা হওয়ায় এর বিকল্প পণ্যটি ভালো হতে পারে। কিন্তু সেটিও তাঁকে হতাশ করেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম মুরগির মাংসেও একই ধরনের স্পঞ্জের মতো গঠন পাওয়া গেছে। রান্নার সময় অস্বাভাবিক গন্ধ বের হয়েছে এবং স্বাদও প্রত্যাশা পূরণ করতে পারেনি। যদিও রান্নার পর বাইরের অংশ কিছুটা বাদামি হয়েছিল, তবু এটি আসল মুরগির বুকের মাংসের মতো গঠন ধরে রাখতে পারেনি।   পণ্য দুটির উপাদান নিয়েও প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। কৃত্রিম গরুর মাংসের প্রধান দুটি উপাদান পানি ও সয়াবিনের আটা। অন্যদিকে কৃত্রিম মুরগির মাংসে রয়েছে পানি ও গমের গ্লুটেন।   দুটি পণ্যেই মিথাইলসেলুলোজ নামের একটি ঘনকারক উপাদান ব্যবহার করা হয়েছে। এই উপাদান অন্যান্য উদ্ভিদভিত্তিক মাংসের বিকল্প খাবারেও ব্যবহৃত হয়। পাশাপাশি কিছু ধরনের কোষ্ঠকাঠিন্যের ওষুধেও এর ব্যবহার রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   তবে প্রযুক্তিটির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এমিলি হেইল। তাঁর মতে, প্রাণিজ মাংসের বিকল্প তৈরির প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বার্গার বা নাগেটসের পরিবর্তে আসল মাংসের বড় টুকরার মতো খাবার তৈরির প্রযুক্তি আকর্ষণীয়।   কিন্তু পারফেক্টা ফুডসের পরীক্ষিত দুটি পণ্য সম্পর্কে তাঁর মূল্যায়ন ইতিবাচক নয়। স্বাদ, গন্ধ ও গঠনের কারণে এগুলো আবার খাওয়ার আগ্রহ তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। এই অভিজ্ঞতা নির্দিষ্ট দুটি পণ্যের স্বাদ পরীক্ষার ভিত্তিতে দেওয়া তাঁর ব্যক্তিগত মূল্যায়ন।   সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:২৭
অভিবাসী পরিবারকে স্বস্তি দিতে নতুন সিদ্ধান্ত হিউস্টনে
পুলিশ দেখলেই আতঙ্ক নয়, অভিবাসী পরিবারকে স্বস্তি দিতে নতুন সিদ্ধান্ত হিউস্টনে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় পুলিশের সহযোগিতা সীমিত করার নির্দেশ দিয়েছেন মেয়র জন হুইটমায়ার। শুক্রবার, ৬ নভেম্বর নতুন এই নির্দেশে স্বাক্ষর করেন তিনি। এর ফলে অভিবাসী পরিবারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করা আতঙ্ক কিছুটা কমবে বলে আশা করছেন অধিকারকর্মীরা।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশে হিউস্টন পুলিশকে নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করার কথা বলা হয়েছে।   মেয়র জানিয়েছেন, কোনো ব্যক্তিকে এমন অপরাধে গ্রেপ্তার করা হলে, যার জন্য কারাদণ্ড হতে পারে, অথবা অভিবাসন কর্তৃপক্ষের প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা থাকলে পুলিশ আইসিইর সঙ্গে যোগাযোগ করতে পারবে। তবে সাধারণ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় কাউকে থামালে শুধু সে কারণে অভিবাসন কর্তৃপক্ষকে খবর দেওয়ার নিয়ম থাকবে না।   মেয়র জন হুইটমায়ার বলেছেন, যারা সমাজের জন্য বিপজ্জনক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যারা পরিবার নিয়ে বসবাস করছেন, কাজ করছেন কিংবা সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, তাদের অযথা হয়রানি করার উদ্দেশ্য এই নীতির নয়।   এই সিদ্ধান্তের সবচেয়ে মানবিক দিক উঠে এসেছে অভিবাসী অধিকারকর্মীদের বক্তব্যে। হিউস্টনের অভিবাসী অধিকার সংগঠন এফআইইএলের নির্বাহী পরিচালক সিজার এসপিনোসা বলেছেন, স্থানীয় পুলিশের সঙ্গে অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতার কারণে অনেক পরিবার পুলিশের গাড়ি দেখলেও আতঙ্কিত হয়ে পড়ত।তার ভাষায়, সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া একজন মাকে যেন প্রতিবার পুলিশের গাড়ি দেখলেই আতঙ্কিত হতে না হয়।   এই বক্তব্য হিউস্টনের অভিবাসী পরিবারগুলোর দীর্ঘদিনের মানসিক চাপের বিষয়টি সামনে এনেছে। অনেক অভিবাসী পরিবারে বাবা-মা সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া, কাজে যাওয়া, চিকিৎসা নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে পুলিশের সাহায্য চাওয়ার ক্ষেত্রেও নানা আশঙ্কার কথা বলে থাকেন।   নতুন নির্দেশকে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকারকর্মীরা। তবে হিউস্টনের অভিবাসন আইনজীবী রুবি পাওয়ার্স মনে করেন, একটি নির্দেশ জারি হলেই মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় রাতারাতি দূর হবে না। অভিবাসী সম্প্রদায়ের আস্থা ফিরতে সময় লাগবে।   এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইসিই এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংস্থাটির বক্তব্য, স্থানীয় পুলিশ ও ফেডারেল কর্তৃপক্ষের সহযোগিতা সীমিত করা জননিরাপত্তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে।উল্লেখ্য, টেক্সাসে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর হিউস্টনের এই সিদ্ধান্ত এসেছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে অভিবাসন নীতির বাস্তব প্রয়োগেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।   তবে হিউস্টনের এই নির্দেশ যুক্তরাষ্ট্রের সব শহর বা অঙ্গরাজ্যে কার্যকর হবে না। এটি শুধু হিউস্টন শহরের পুলিশের জন্য দেওয়া নির্দেশ। ফলে বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের মনে রাখা প্রয়োজন, এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন, আদালতের আদেশ কিংবা আইসিইর ফেডারেল ক্ষমতা বাতিল হয়ে যায়নি।   তবু সন্তানদের ভবিষ্যৎ, পরিবারের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীদের কাছে হিউস্টনের এই পদক্ষেপ নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকের প্রত্যাশা, আইন মেনে চলা সাধারণ পরিবারগুলো যেন ভয় নয়, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে জীবন কাটাতে পারে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:২১
ব্রুকলিনে গাড়ির ধাক্কায় আহত পথচারী
ব্রুকলিনে গাড়ির ধাক্কায় আহত পথচারীকে ফেলে যাওয়ার অভিযোগে সাবেক এফবিআই এজেন্ট গ্রেপ্তার

নিউইয়র্কের ব্রুকলিনে সরকারি গাড়ির ধাক্কায় এক পথচারীকে গুরুতর আহত করার পর চিকিৎসার ব্যবস্থা না করে চলে যাওয়ার অভিযোগে সাবেক এফবিআই এজেন্ট অ্যান্ড্রু রেয়েসকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৩০ বছর বয়সী রেয়েসকে গ্রেপ্তারের পর ব্রুকলিনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হয়। সরকারি ক্ষমতা প্রয়োগের সময় ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং পরে তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।   বৃহস্পতিবার আদালতে আইনজীবী নোরা হিরোজাওয়ার মাধ্যমে রেয়েস নিজেকে নির্দোষ দাবি করেন। মা-বাবার সহস্বাক্ষরে এক লাখ ডলারের বন্ডে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে এবং নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যে চলাচল সীমিত রাখতে হবে। আগামী ২ ডিসেম্বর তাঁর আবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।   অভিযোগপত্র অনুযায়ী, ঘটনাটি ঘটে ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা ২০ মিনিটের দিকে। ব্রুকলিনের ওশান পার্কওয়ে ও বেভারলি রোডের মোড়ের কাছে এফবিআইয়ের দেওয়া একটি শেভ্রোলেট ইমপালা চালাচ্ছিলেন রেয়েস। গাড়ির জরুরি বাতি জ্বালিয়ে তিনি ওশান পার্কওয়ের দক্ষিণমুখী লেন দিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন বলে অভিযোগ। প্রসিকিউটরদের ভাষ্য, লাল সংকেত অমান্য করে মোড় পার হওয়ার সময় রাস্তা পার হতে থাকা ওই ব্যক্তিকে গাড়িটি ধাক্কা দেয়।   প্রসিকিউটরদের অভিযোগ, ধাক্কায় পথচারী মাটিতে পড়ে অচেতন হয়ে যান। রেয়েস গাড়ি থামিয়ে তাঁকে রাস্তা থেকে টেনে ফুটপাতের একটি বেঞ্চে রাখেন। পরে ওই ব্যক্তির ব্যাগ এনে তাঁর পাশে রাখেন। চিকিৎসাকর্মীদের খবর দেওয়া বা ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর আগেই রেয়েস গাড়িতে উঠে চলে যান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আহত ব্যক্তি বেঁচে আছেন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।   ঘটনার প্রায় তিন মাস পর, ১ মে, জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব দ্য ইন্সপেক্টর জেনারেলের তদন্তকারীরা রেয়েসকে জিজ্ঞাসাবাদ করেন। এফবিআইয়ের গাড়ি চালানোর সময় কখনো কাউকে ধাক্কা দিয়ে ঘটনাটি কর্তৃপক্ষকে না জানিয়ে চলে গিয়েছিলেন কি না, তা জানতে চাওয়া হয়। রেয়েস এমন ঘটনা ঘটেনি বলে জবাব দেন। প্রসিকিউটরদের দাবি, তিনি জেনেশুনে এই মিথ্যা জবাব দিয়েছিলেন।   রেয়েস ২০২৩ সালে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট হন। তাঁর আইনজীবীর তথ্য অনুযায়ী, সব মিলিয়ে তিনি সংস্থাটিতে নয় বছরের বেশি কাজ করেছেন। এফবিআই জানিয়েছে, অভিযোগের বিষয়ে জানার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট।   সূত্র: যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট, ফেডারেল অভিযোগপত্র, সিএনএ

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:১৭
ফিলিস্তিনিদের সহায়তায় তহবিল সংগ্রহের কনসার্ট আয়োজন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্যুর বাধার মুখে পড়েছেন র‍্যাপার ম্যাকলেমোর। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে বাধার মুখে মার্কিন র‍্যাপার

ফিলিস্তিনিদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রে কনসার্ট আয়োজন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর। তাঁর অভিযোগ, ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠান আয়োজনের কথা জানার পর যুক্তরাষ্ট্রের নয়টি বড় ভেন্যু কনসার্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দুই দশকের বেশি সময়ের সংগীতজীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন তিনি।   শনিবার (৭ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে এসব অভিযোগ করেন ম্যাকলেমোর। তিনি জানান, ইউরোপের তিনটি শহরে সফলভাবে কনসার্ট আয়োজনের পর একই উদ্যোগ যুক্তরাষ্ট্রেও নেওয়ার পরিকল্পনা করেছিলেন।   ম্যাকলেমোরের পরিকল্পনা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ শিরোনামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় ভেন্যুতে কনসার্ট আয়োজন করা। এসব অনুষ্ঠানের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ এবং তাঁদের প্রতি সংহতি প্রকাশ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করেও নয়টি বড় ভেন্যু থেকে ইতিবাচক সাড়া পাননি বলে অভিযোগ করেন এই শিল্পী।   প্রত্যাখ্যান করা ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ম্যাডিসন স্কয়ার গার্ডেন, প্রুডেনশিয়াল সেন্টার, বার্কলেস সেন্টার ও ইউবিএস এরিনা। এ ছাড়া ইনটুইট ডোম, কিয়া ফোরাম, ক্রিপ্টো ডটকম এরিনা, চেজ সেন্টার এবং ক্লাইমেট প্লেজ এরিনার নামও উল্লেখ করেছেন ম্যাকলেমোর।   তাঁর দাবি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাঁর দল এসব ভেন্যুতে বছরের শেষ পর্যন্ত কনসার্ট আয়োজনের সম্ভাব্য তারিখ পেয়েছিল। কিন্তু অনুষ্ঠানগুলো ফিলিস্তিনিদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হচ্ছে জানার পর সেই সুযোগ আর দেওয়া হয়নি।   ইনস্টাগ্রামের বিবৃতিতে ম্যাকলেমোর বলেন, কয়েক সপ্তাহ ধরে যোগাযোগের পর যুক্তরাষ্ট্রের নয়টি বড় ভেন্যু তাঁদের ফিরিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি সামনে আসার পর তাঁদের জন্য দরজা বন্ধ হয়ে যায়।   দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন দেশে কনসার্ট আয়োজন করেছেন ম্যাকলেমোর। কিন্তু এতগুলো বড় ভেন্যু থেকে একই ধরনের প্রত্যাখ্যানের অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এই মার্কিন শিল্পী।   এ ঘটনার জন্য বিনোদনশিল্পের প্রভাবশালী ব্যক্তিদের সমালোচনা করেছেন ম্যাকলেমোর। তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। মতপ্রকাশের স্বাধীনতার চেয়ে বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।   ম্যাকলেমোর বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যেখানে মতপ্রকাশের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। অথচ কোন শিল্পী কোন মানবিক উদ্যোগের পক্ষে দাঁড়াতে পারবেন, তা প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিরা নির্ধারণ করবেন কেন—এমন প্রশ্ন তোলেন তিনি।   ফিলিস্তিনপন্থী শিল্পী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো এবং তাঁদের বক্তব্য প্রকাশে বাধা দেওয়ার অভিযোগও করেন ম্যাকলেমোর। একই ধরনের অভিজ্ঞতার বিষয়ে আগে প্রকাশ্যে কথা না বলার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি।   তবে যুক্তরাষ্ট্রে বাধার মুখে পড়লেও ইউরোপে অনুষ্ঠিত কনসার্টগুলোর অভিজ্ঞতা ইতিবাচক বলে জানিয়েছেন ম্যাকলেমোর। তাঁর তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের ডাবলিন, ফ্রান্সের প্যারিস ও যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়।   ইউরোপের ওই তিনটি অনুষ্ঠানে কয়েক দশ হাজার দর্শক অংশ নিয়েছিলেন বলে জানান তিনি। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সংহতি জানাতে ৪০ জনের বেশি শিল্পী ও বক্তাও এসব আয়োজনে অংশ নেন।   যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলো থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরও ফিলিস্তিনিদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগ বন্ধ করবেন না বলে জানিয়েছেন ম্যাকলেমোর। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বাইরে আরও কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথাও বলেছেন তিনি।   ইনস্টাগ্রামের বিবৃতিতে ম্যাকলেমোর জানান, ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং তাঁদের জন্য অর্থ সংগ্রহের অঙ্গীকার আগের মতোই রয়েছে। বড় ভেন্যুতে সুযোগ না পেলেও নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন তিনি।   তাঁর ভাষায়, অন্যরা মঞ্চ ব্যবহারের সুযোগ না দিলে তাঁরা নিজেদের মঞ্চ তৈরি করবেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং মানবিক সহায়তার জন্য সংগীতের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এই মার্কিন শিল্পী।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:১১
ভেটেরানস ডেতে যুক্তরাষ্ট্রে ফেডারেল দপ্তরে ছুটি
ভেটেরানস ডেতে যুক্তরাষ্ট্রে ফেডারেল দপ্তরে ছুটি, বন্ধ থাকবে বিভিন্ন আদালত

যুক্তরাষ্ট্রে বুধবার, ১১ নভেম্বর ভেটেরানস ডের ফেডারেল ছুটিতে সব ডাকঘর ও বেশির ভাগ ব্যাংকের শাখা বন্ধ থাকবে। সেদিন নিয়মিত চিঠি ও পার্সেল বিতরণও বন্ধ থাকবে। তবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ন্যাসডাকে স্বাভাবিক লেনদেন চলবে। ওয়ালমার্ট, টার্গেট ও হোম ডিপোর মতো বড় দোকান এবং বেশির ভাগ রেস্তোরাঁও খোলা থাকবে।   যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নিয়মিত ডাক বিতরণ ও ডাকঘরের কাউন্টার সেবা আবার চালু হবে। ছুটির দিনেও কিছু ডাকঘরের লবিতে স্বয়ংক্রিয় কিয়স্ক থেকে ডাকটিকিট কেনা, পার্সেলের ওজন মাপা ও পাঠানোর সুবিধা পাওয়া যাবে। বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান ইউপিএসের পিকআপ ও ডেলিভারি চালু থাকবে। ফেডএক্সের অফিসগুলোও খোলা থাকবে, তবে তাদের কিছু ডেলিভারি সেবায় পরিবর্তন থাকবে।   ফেডারেল ছুটির কারণে অধিকাংশ ফেডারেল দপ্তরে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। নিউ জার্সির ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট ও ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতও ১১ নভেম্বর বন্ধ থাকবে। ক্যালিফোর্নিয়ার ওই আদালত জানিয়েছে, পরদিন থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।   বেশির ভাগ ব্যাংকের শাখা বন্ধ থাকলেও শেয়ারবাজারে নিয়মিত লেনদেন চলবে। বন্ডের ক্ষেত্রে সময়সূচি আলাদা। সিকিউরিটিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যাসোসিয়েশন বুধবার যুক্তরাষ্ট্রে ডলারে লেনদেন হওয়া বন্ডসহ নির্দিষ্ট আয়ের সিকিউরিটিজের বাজার পুরো দিনের জন্য বন্ধ রাখার সুপারিশ করেছে। সদস্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লেনদেনের সময়সূচি নির্ধারণ করতে পারবে।   বড় খুচরা বিক্রেতাদের অধিকাংশ শাখা খোলা থাকলেও এলাকাভেদে দোকানের সময়সূচি বদলাতে পারে। বেশির ভাগ রেস্তোরাঁয় নিয়মিত সেবা চলবে। ভেটেরানস ডে উপলক্ষে কিছু রেস্তোরাঁ সাবেক সেনাসদস্যদের জন্য মূল্যছাড় বা বিনা মূল্যে খাবারের ব্যবস্থাও রাখছে।   প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায়। এর প্রথম বার্ষিকীতে ১৯১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটি ‘আর্মিস্টিস ডে’ হিসেবে পালনের ঘোষণা দেন। ১৯৫৪ সালে দিনটির নাম বদলে ‘ভেটেরানস ডে’ করা হয়, যাতে সব যুদ্ধের মার্কিন সাবেক সেনাসদস্যদের সম্মান জানানো হয়।   সূত্র: ফক্স লোকাল, যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:৬