সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ভেটেরানস ডেতে যুক্তরাষ্ট্রে ফেডারেল দপ্তরে ছুটি
ভেটেরানস ডেতে যুক্তরাষ্ট্রে ফেডারেল দপ্তরে ছুটি, বন্ধ থাকবে বিভিন্ন আদালত

যুক্তরাষ্ট্রে বুধবার, ১১ নভেম্বর ভেটেরানস ডের ফেডারেল ছুটিতে সব ডাকঘর ও বেশির ভাগ ব্যাংকের শাখা বন্ধ থাকবে। সেদিন নিয়মিত চিঠি ও পার্সেল বিতরণও বন্ধ থাকবে। তবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ন্যাসডাকে স্বাভাবিক লেনদেন চলবে। ওয়ালমার্ট, টার্গেট ও হোম ডিপোর মতো বড় দোকান এবং বেশির ভাগ রেস্তোরাঁও খোলা থাকবে।   যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নিয়মিত ডাক বিতরণ ও ডাকঘরের কাউন্টার সেবা আবার চালু হবে। ছুটির দিনেও কিছু ডাকঘরের লবিতে স্বয়ংক্রিয় কিয়স্ক থেকে ডাকটিকিট কেনা, পার্সেলের ওজন মাপা ও পাঠানোর সুবিধা পাওয়া যাবে। বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান ইউপিএসের পিকআপ ও ডেলিভারি চালু থাকবে। ফেডএক্সের অফিসগুলোও খোলা থাকবে, তবে তাদের কিছু ডেলিভারি সেবায় পরিবর্তন থাকবে।   ফেডারেল ছুটির কারণে অধিকাংশ ফেডারেল দপ্তরে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। নিউ জার্সির ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট ও ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতও ১১ নভেম্বর বন্ধ থাকবে। ক্যালিফোর্নিয়ার ওই আদালত জানিয়েছে, পরদিন থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।   বেশির ভাগ ব্যাংকের শাখা বন্ধ থাকলেও শেয়ারবাজারে নিয়মিত লেনদেন চলবে। বন্ডের ক্ষেত্রে সময়সূচি আলাদা। সিকিউরিটিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যাসোসিয়েশন বুধবার যুক্তরাষ্ট্রে ডলারে লেনদেন হওয়া বন্ডসহ নির্দিষ্ট আয়ের সিকিউরিটিজের বাজার পুরো দিনের জন্য বন্ধ রাখার সুপারিশ করেছে। সদস্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লেনদেনের সময়সূচি নির্ধারণ করতে পারবে।   বড় খুচরা বিক্রেতাদের অধিকাংশ শাখা খোলা থাকলেও এলাকাভেদে দোকানের সময়সূচি বদলাতে পারে। বেশির ভাগ রেস্তোরাঁয় নিয়মিত সেবা চলবে। ভেটেরানস ডে উপলক্ষে কিছু রেস্তোরাঁ সাবেক সেনাসদস্যদের জন্য মূল্যছাড় বা বিনা মূল্যে খাবারের ব্যবস্থাও রাখছে।   প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায়। এর প্রথম বার্ষিকীতে ১৯১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটি ‘আর্মিস্টিস ডে’ হিসেবে পালনের ঘোষণা দেন। ১৯৫৪ সালে দিনটির নাম বদলে ‘ভেটেরানস ডে’ করা হয়, যাতে সব যুদ্ধের মার্কিন সাবেক সেনাসদস্যদের সম্মান জানানো হয়।   সূত্র: ফক্স লোকাল, যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৪:৬
ইরানে গোপন হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেতানিয়াহুর, বাধা হয়ে দাঁড়াল যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনের আগে ইরানে গোপন সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদ প্রধান রোমান গফম্যান। তবে শেষ মুহূর্তে এক ইসরাইলি নিরাপত্তাকর্মীর ভুলে পরিকল্পনাটির তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে যায়। এরপর ওয়াশিংটনের হস্তক্ষেপে অভিযানটি ভেস্তে যায় বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়।   টাইমস অব ইসরাইলের বরাতে জানা যায়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন নেতানিয়াহু ও মোসাদ প্রধান। তবে ইসরাইলের অন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এই পরিকল্পনাকে সমর্থন করেননি। তাঁদের আশঙ্কা ছিল, হামলা চালানো হলে ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাত বা যুদ্ধ শুরু হতে পারে।   নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এমন সামরিক অভিযান নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনেও বাধা সৃষ্টি করতে পারে। তবে এসব আপত্তি সত্ত্বেও গোপন অভিযানের প্রস্তুতি চলতে থাকে বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে এক ইসরাইলি নিরাপত্তাকর্মীর ভুলে পরিকল্পনাটির তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে যায়। এরপর মার্কিন কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অভিযানটি বন্ধ করে দেয়। সামরিক সেন্সরশিপের কঠোর নজরদারির মধ্যেই এই তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যমটি।   তবে নেতানিয়াহুর কার্যালয় প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরাইলের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা সরকারের আলোচ্যসূচিতে ছিল না। প্রধানমন্ত্রী নিজেই সে সময় বিষয়টি পরিষ্কার করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।   এর আগে গত ২৫ অক্টোবর, নির্বাচনের মাত্র দুই দিন আগে, চ্যানেল ১২-এর আরেকটি প্রতিবেদনে নেতানিয়াহু ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামিরের মধ্যে তীব্র মতবিরোধের খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে এমন একটি সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।   তবে সেনাপ্রধান ইয়াল জামির ওই নির্দেশ বাস্তবায়নে অস্বীকৃতি জানান বলে প্রতিবেদনে দাবি করা হয়। তিনি আরও আলোচনার পাশাপাশি নেতানিয়াহুর কাছ থেকে আইনি অনুমোদনের লিখিত দলিল চেয়েছিলেন। একজন সামরিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন, অত্যন্ত সংবেদনশীল সময়ে এমন পদক্ষেপ ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারত।   অন্যদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধানের সঙ্গে বিরোধের খবর অস্বীকার করেন নেতানিয়াহু। তিনি অভিযোগটিকে সম্পূর্ণ অবাস্তব বলে উল্লেখ করেন। সেনাপ্রধানের সঙ্গে তাঁর কোনো হাতাহাতি বা লড়াই হয়নি বলেও জানান তিনি।   তবে ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু স্বীকার করেন, সম্প্রতি তিনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও মোসাদকে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের নির্দেশ দিয়েছিলেন।   এদিকে চ্যানেল ১২-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে অবিলম্বে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু। তবে ট্রাম্প তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে আরও কিছুটা সময় দিতে চেয়েছিলেন।   প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগোলে তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ কমে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প চান, ইসরাইল যেন চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ধরনের হস্তক্ষেপ না করে।   শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরাস্ত করেছে এবং তেহরানের সঙ্গে ওয়াশিংটনের পরিস্থিতি বর্তমানে ভালো। দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।   ট্রাম্প দাবি করেন, গত ছয় বা সাত মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি। নিজের মধ্যস্থতা না থাকলে ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব বিপন্ন হতে পারত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৩:৫৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের ৮৪তম হাউস ডিস্ট্রিক্ট থেকে জয়ী হওয়া ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার। ছবি: সংগৃহীত
ভারত থেকে যুক্তরাষ্ট্র, মার্কিন নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন মুসলিম নারী সাবা হায়দার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের ৮৪তম হাউস ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার। ডেমোক্র্যাট পার্টির এই প্রার্থী পেয়েছেন ২০ হাজার ৭৫৬ ভোট, যা মোট ভোটের ৭০ দশমিক ৯ শতাংশ। তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান স্কোপা পেয়েছেন ৮ হাজার ৫২০ ভোট। এই জয়ের মধ্য দিয়ে ইলিনয় অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় নারী হয়েছেন সাবা।   শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে জানানো হয়, ৪২ বছর বয়সী সাবা হায়দারের পরিবারের শিকড় ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার আওরঙ্গাবাদ শহরে। ২০০৬ সালে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলী আলী কাজমিকে বিয়ে করেন তিনি। পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং শিকাগো এলাকায় বসবাস শুরু করেন।   সাবার বাবা সৈয়দ আলী হায়দার একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। তাঁর মা চাঁদনি। গাজিয়াবাদে পরিবারের সদস্যরা সাবার নির্বাচনী জয়ের খবর পেয়ে আনন্দ উদ্‌যাপন করেন। মেয়ের সাফল্যে গর্ব প্রকাশ করে তাঁর বাবা বলেন, এই জয় শুধু তাঁদের পরিবারের নয়, পুরো দেশের জন্য গর্বের মুহূর্ত।   সাবা গাজিয়াবাদের হলি চাইল্ড স্কুলে পড়াশোনা করেন। পরে রাম চেলি চাড্ডা বিশ্বাস গার্লস কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণী বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অসাধারণ ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকও পান তিনি।   তাঁর মা জানিয়েছেন, ছোটবেলা থেকেই জনসংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী ছিলেন সাবা। স্কুলজীবনে নিয়মিত বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিতেন। সাবা ও তাঁর স্বামী আলী কাজমির দুই সন্তান রয়েছে। তাঁদের ছেলে আজিমের বয়স ১৬ বছর এবং মেয়ে আইজার বয়স ১২ বছর।   ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নতুনভাবে কর্মজীবন শুরু করেন সাবা। প্রশিক্ষণ নিয়ে তিনি সনদপ্রাপ্ত যোগব্যায়াম প্রশিক্ষক হন। কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীদের যোগব্যায়াম শেখাতেন তিনি। পাশাপাশি স্থানীয় সামাজিক উদ্যোগেও অংশ নিতে শুরু করেন।   এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। নির্বাচনী প্রচারণায় সাবা জানান, যে কমিউনিটি তাঁকে ও তাঁর পরিবারকে ইলিনয়ে বসবাসের সুযোগ করে দিয়েছে, সেই কমিউনিটির জন্য কাজ করতেই তিনি নিজেকে নিয়োজিত করেছেন।   সাবার নির্বাচনী রাজনীতিতে প্রথম অংশগ্রহণ ২০২২ সালে। সে বছর ডুপেজ কাউন্টি বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় এক হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে নির্বাচনে হেরে যাওয়ার পরও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও প্রচারণা চালিয়ে যান তিনি।   ২০২৪ সালে আবার নির্বাচনে অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থী প্যাটি গুস্টিনকে পরাজিত করেন সাবা। সরকারি ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছিলেন ৪০ হাজার ৩৩০ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৩১ হাজার ৩৯৫ ভোট। এর মাধ্যমে ডুপেজ কাউন্টি বোর্ডের সদস্য নির্বাচিত হন তিনি।   কাউন্টি বোর্ডে দায়িত্ব পালনের সময় পরিবেশ ও কৌশলগত পরিকল্পনাবিষয়ক কমিটির সভাপতিত্ব করেন সাবা। পাশাপাশি জনস্বাস্থ্য ও কমিউনিটি উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। ডুপেজ কাউন্টির জনস্বাস্থ্য বোর্ড এবং ইন্ডিয়ান প্রেইরি এডুকেশনাল ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করেছেন তিনি।   ২০২৬ সালের নির্বাচনে সাবার প্রচারণার প্রধান বিষয় ছিল জীবনযাত্রার ব্যয়, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং শিক্ষা। কর্মজীবী পরিবারগুলোর আর্থিক চাপ কমানো, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সরকারি শিক্ষাব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তিনি।   ইলিনয়ের ৮৪তম হাউস ডিস্ট্রিক্টের মধ্যে উইল, ডুপেজ, কেন ও কেন্ডাল কাউন্টির বিভিন্ন অংশ রয়েছে। এর মধ্যে অরোরা, নেপারভিল, অসওয়েগো, মন্টগোমারি ও বোল্ডার হিল এলাকাও অন্তর্ভুক্ত।   সাবা জানান, ভোটারদের সমস্যা ও প্রত্যাশা জানতে তাঁর প্রচারণা দল ১৫ মাস ধরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কাজ করেছে। বিজয়ের পর তিনি এই প্রচারণাকে সাধারণ মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি আন্দোলন হিসেবে বর্ণনা করেন।   নির্বাচনী প্রচারণায় সাবা বলেন, কর্মজীবী পরিবারগুলো কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকে জানেন। এসব সমস্যার সমাধানে অন্য নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কাজ করতে চান তিনি। আরও শক্তিশালী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গড়ে তোলার কথাও জানিয়েছেন সাবা।   সূত্র: ফার্স্টপোস্ট

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৩:৪১
স্টেট ট্রুপারকে আটক করল আইসিই
ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও অ্যাসাইলাম ইন্টারভিউয়ের অপেক্ষায় থাকা স্টেট ট্রুপারকে আটক করল আইসিই

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার আগে ২১ বছর বয়সী স্টেট ট্রুপার ক্যারেল অ্যারন ভ্যান ডার মারওয়েকে আটক করেছে আইসিই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাডিসনের ডেন কাউন্টি রিজিওনাল এয়ারপোর্টে তাঁকে আটক করে ডজ কাউন্টির ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। শুক্রবার তাঁর আইনজীবী জানিয়েছেন, নজরদারির শর্তে তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে আইসিই।    আইনজীবী মার্ক ক্রিস্টোফারের ভাষ্য, নিউ মেক্সিকোয় মা-বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ভ্যান ডার মারওয়ে। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার পর সাদাপোশাকে দুই কর্মকর্তা তাঁর কাছে আসেন। তিনি তাঁদের কাছে ওয়ার্ক পারমিট থাকার কথা জানান এবং তাঁর পরিবারের অ্যাসাইলাম আবেদন বিচারাধীন বলে উল্লেখ করেন। এরপর তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।   যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস জানিয়েছে, নির্দিষ্ট একটি অভিযানের অংশ হিসেবে তাঁকে আটক করা হয়। সংস্থার ভাষ্য, দক্ষিণ আফ্রিকার এই নাগরিক ২০১৯ সালের মার্চে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সে বছরের সেপ্টেম্বর পর্যন্ত তাঁর থাকার অনুমতি ছিল। অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে থেকে গেছেন বলে জানিয়েছে ডিএইচএস।    তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ভ্যান ডার মারওয়ে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি বাবার বিচারাধীন অ্যাসাইলাম আবেদনে অন্তর্ভুক্ত। পরিবারটি প্রায় সাত বছর ধরে অ্যাসাইলাম ইন্টারভিউয়ের অপেক্ষায় রয়েছে। আইনজীবীর তথ্য অনুযায়ী, তাঁর ফেডারেল ওয়ার্ক পারমিটের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।    উইসকনসিনের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, ভ্যান ডার মারওয়ে ২০২৫ সালের ১৩ জুলাই থেকে স্টেট প্যাট্রোলে কর্মরত। তিনি ওনালাস্কায় থাকেন এবং টোমাহ পোস্টে কাজ করেন। স্টেট প্যাট্রোলের নিয়োগবিধি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কাজের বৈধ অনুমতি থাকলে বিদেশি নাগরিকরাও এই পদে নিয়োগ পেতে পারেন।   নজরদারির শর্তে মুক্তি পেলে তাঁকে নিয়মিত আইসিইর কাছে হাজিরা দিতে হবে। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলবে এবং ইমিগ্রেশন বিচারকের সামনে তিনি নিজের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। আইনজীবীরা মুক্তির কথা জানালেও তাঁকে ডিটেনশন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, তা তখনো নিশ্চিত হওয়া যায়নি।   সূত্র: এবিসি১৩, ডব্লিউএমটিভি ও উইসকনসিন ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৩:২৫
গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ও অবসরকালীন আনুতোষিক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়াল প্রধানমন্ত্রী তারেক রহমান, কার্যকর হচ্ছে ৭ নভেম্বর থেকে

গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ও অবসরকালীন আনুতোষিক বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।   শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এসব সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।   প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কিংবা কোথাও পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে গ্রামপুলিশ সদস্যরা আগেভাগেই তথ্য জানতে পারেন।   এসব তথ্য যথাসময়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।   তারেক রহমান বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও স্বস্তি বজায় থাকলে তার ইতিবাচক প্রভাব পুরো দেশেই পড়বে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গ্রামীণ জীবনের গভীর সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।   বক্তব্যে অতীতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন জায়গায় পরিবারে পরিবারেও বিরোধ ও বিবাদ ছড়িয়ে পড়েছিল।   এসব পরিস্থিতির উন্নয়নে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।   তিনি বলেন, সমাজে এসব মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হলে সামাজিক অপরাধের মাত্রা অনেকাংশে কমে আসবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রামপুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।   সূত্র: যুগান্তর

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ৩:১৩
আহত ছেলের আঘাত গুরুতর নয় বলায় নাগপুরের মেয়ো হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা চালায় এক পুলিশ সদস্য ও তাঁর ছেলে। ছবি: সংগৃহীত
‘ছেলের আঘাত গুরুতর নয়’ বলতেই ভারতে চিকিৎসকের ওপর পুলিশ সদস্যের হামলা

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ছেলের হাতের আঘাত গুরুতর নয় বলে জানানোয় এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তাঁর ছেলের বিরুদ্ধে। সরকারি মায়ো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় চিকিৎসকের সঙ্গে ধাক্কাধাক্কির দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসকেরা।   শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ৪ নভেম্বর নাগপুরের ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যা মায়ো হাসপাতাল নামে পরিচিত, সেখানে ঘটনাটি ঘটে। নাগপুর সিটি পুলিশের এক হেড কনস্টেবলের ছেলে মোটরসাইকেলের চেইন পরিষ্কার করার সময় হাতে সামান্য আঘাত পান। এরপর বাবা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।   হাসপাতালে পৌঁছে ওই পুলিশ সদস্য ছেলের দ্রুত চিকিৎসার দাবি জানান। দায়িত্বে থাকা একজন আবাসিক চিকিৎসক আঘাত পরীক্ষা করে জানান, সেটি গুরুতর নয়। তিনি ক্ষতস্থানে ড্রেসিং করার পরামর্শ দেন। এ নিয়ে চিকিৎসক ও পুলিশ সদস্যের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ সদস্য ও তাঁর ছেলে চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।   প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক ওই সময় আরও গুরুতর অসুস্থ একজন রোগীর চিকিৎসাকে অগ্রাধিকার দিয়েছিলেন। এতে পুলিশ সদস্য ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।   হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় স্টেথোস্কোপ ঝোলানো মেরুন রঙের শার্ট পরা চিকিৎসকের সঙ্গে দুই ব্যক্তি তর্ক করছেন। একপর্যায়ে তাঁরা চিকিৎসককে জোরে ধাক্কা দেন। এতে তিনি পেছনের একটি হাসপাতালের বেডের ওপর প্রায় পড়ে যাচ্ছিলেন। ওই সময় কক্ষের অন্য বেডগুলোতেও রোগী ছিলেন।   ধাক্কাধাক্কির পরও কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডা চলে। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা পুলিশ সদস্য ও তাঁর ছেলেকে কক্ষ থেকে বের করে নিয়ে যান।   ঘটনার পর হাসপাতালের আবাসিক চিকিৎসকদের সংগঠন মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অব রেসিডেন্ট ডক্টরস (এমএআরডি) অভিযোগ করেছে, দায়িত্ব পালনরত অবস্থায় তাঁদের একজন সহকর্মী হামলার শিকার হয়েছেন। সংগঠনটির দাবি, চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাঁর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।   অন্যদিকে অভিযুক্ত পুলিশ সদস্য ও তাঁর ছেলে পাল্টা অভিযোগ করেছেন, চিকিৎসকই তাঁদের ওপর হামলা চালিয়েছেন। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা নথিভুক্ত করেছে পুলিশ।   আবাসিক চিকিৎসকদের সংগঠন দাবি জানিয়েছে, তাঁদের সহকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।   চিকিৎসকেরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে পারেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।   ঘটনাটি সামনে আসার পর দায়িত্ব পালনরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জরুরি বিভাগে রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসার অগ্রাধিকার নির্ধারণের সময় চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের বিরোধের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।   তবে চিকিৎসককে মারধরের অভিযোগ এবং পুলিশ সদস্য ও তাঁর ছেলের পাল্টা অভিযোগ—দুটিই এখন তদন্তাধীন। আদালতে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার আগে কোনো পক্ষের দায় চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।   সূত্র: এনডিটিভি

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ২:৫৮
তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারে এআই লিখিত ও ভুয়া নামে বই কেনার অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত
ভারতে এআই দিয়ে লেখা ভুয়া বইয়ে সয়লাব গ্রন্থাগার, লেখকের অস্তিত্ব নিয়েও প্রশ্ন

ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি সরকারি গ্রন্থাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে লেখা সন্দেহজনক বই এবং ভুয়া লেখক-প্রকাশকের নামে বই কেনার অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত কোয়েম্বাটুরের পেরিয়ার আরিভুলাগাম গ্রন্থাগার ও বিজ্ঞানকেন্দ্রে শত শত বইয়ে ঐতিহাসিক ভুল, ব্যাকরণগত ত্রুটি এবং বিভ্রান্তিকর তথ্য পাওয়ার দাবি করেছেন বিশিষ্ট তামিল সাহিত্যিক পেরুমাল মুরুগান। অভিযোগের পর বই কেনার প্রক্রিয়া তদন্তের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।   শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যুক্তিবাদী চিন্তাবিদ ইভি রামাসামি পেরিয়ারের নামে প্রতিষ্ঠিত সাততলা এই গ্রন্থাগারে বিপুলসংখ্যক বই কেনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পেরুমাল মুরুগান। অনলাইন সাময়িকী ‘সিন্ধাই’-এ প্রকাশিত একটি নিবন্ধে তিনি অভিযোগ করেন, অখ্যাত কিংবা অস্তিত্ব নিয়ে সন্দেহ রয়েছে এমন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার বই অস্বাভাবিক দামে কেনা হয়েছে। এসব বইয়ের অনেকগুলোতে এআই দিয়ে তৈরি লেখার লক্ষণ রয়েছে বলেও দাবি করেন তিনি।   অভিযোগের কেন্দ্রে রয়েছে ‘আগাল ভিলাক্কু’ নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। গ্রন্থাগারের চতুর্থ তলায় তামিল বইয়ের সংগ্রহে এই প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০টি বই রয়েছে। চার দশক ধরে সাহিত্যজগতে কাজ করলেও প্রতিষ্ঠানটির নাম আগে শোনেননি বলে জানিয়েছেন মুরুগান। অনেক বইয়ের দাম ১ হাজার ৪০০ রুপির বেশি।   উদাহরণ হিসেবে তিনি ‘নালাদিয়ার ভাজকাইয়িন ভাজকাট্টি’ নামের একটি বইয়ের কথা উল্লেখ করেন। ৩০০ পৃষ্ঠার বইটির দাম ১ হাজার ৪৪৫ রুপি। বইটিতে নালাদিয়ারকে একজন বিখ্যাত তামিল কবি ও দার্শনিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। অথচ নালাদিয়ার মূলত জৈন সাধকদের রচিত ৪০০টি চারপদী কবিতার সংকলন।   আরেকটি বইয়ে প্রাচীন তামিল সাহিত্যকর্ম ‘মাদুরাই কাঞ্চি’র লেখক হিসেবে একজন রাজার নাম উল্লেখ করা হয়েছে। অথচ স্বীকৃত তথ্য অনুযায়ী, এই সাহিত্যকর্মের রচয়িতা কবি মাঙ্গুদি মারুথানার। তামিলনাড়ুর ইতিহাস নিয়ে লেখা অন্য একটি বইয়ে ১৯৪৭ সালের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ভুলভাবে উল্লেখ করা হয়েছে। এমনকি সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির নামও ভুল লেখা হয়েছে বলে অভিযোগ করেছেন মুরুগান।   এ ছাড়া কয়েকটি বইয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভুল ছবি ব্যবহার এবং পরিচিত সাহিত্যিকদের নামে সন্দেহজনক রচনা প্রকাশের অভিযোগ রয়েছে। মুরুগানের দাবি, এসব বইয়ের ভাষা ও উপস্থাপনায় এআই দিয়ে তৈরি কনটেন্টের লক্ষণ পাওয়া যায়। তবে বইগুলো সত্যিই এআই দিয়ে লেখা হয়েছে কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।   এনডিটিভিকে মুরুগান জানান, আগাল ভিলাক্কু ও ফিনিক্স পাবলিকেশনস নামের দুটি প্রতিষ্ঠানের দেওয়া ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে। তাঁর অভিযোগ, গ্রন্থাগারে বই সরবরাহের উদ্দেশ্যেই এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়ে থাকতে পারে। ফিনিক্স পাবলিকেশনস থেকে প্রায় ১০০টি বই সরবরাহ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।   বিতর্কিত বইগুলোর লেখক হিসেবে তৃষা বিজয়, বিজয় আদিথান, মনিকা সূর্য, মনিকা রবি ও মনীষা সারাভানানের মতো নাম পাওয়া গেছে। অনেক বইয়ে একই ধরনের বিষয়বস্তু ও শিরোনামের পুনরাবৃত্তি রয়েছে। এসব তথ্য প্রকাশনা প্রতিষ্ঠান ও বই কেনার প্রক্রিয়া নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।   প্রায় সাত একর জায়গাজুড়ে নির্মিত পেরিয়ার আরিভুলাগাম গ্রন্থাগার ও বিজ্ঞানকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল আগের ডিএমকে সরকারের সময়ে। বর্তমান মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি সম্পন্ন হয়। গত ১৬ অক্টোবর মুখ্যমন্ত্রী বিজয় গ্রন্থাগারটি উদ্বোধন করেন।   অভিযোগ প্রকাশের পর মুখ্যমন্ত্রী বিজয় আগের ডিএমকে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিতর্কিত বই কেনার ঘটনা আগের সরকারের সময়কার অনিয়মের উদাহরণ। অন্যদিকে ডিএমকে অভিযোগ অস্বীকার করে বর্তমান সরকারের সময়েই এসব বই কেনা বা সরবরাহ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে।   টিভিকে একটি ক্রয়াদেশ প্রকাশ করেছে, যেখানে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারির তারিখ রয়েছে। তবে নথিটিতে স্বাক্ষর ও সরকারি সিল না থাকায় এর সত্যতা এবং বই সরবরাহের সঙ্গে সরাসরি সম্পর্ক নিশ্চিত হয়নি।   অন্যদিকে ডিএমকের দাবি, বিতর্কিত বইগুলোর কিছুতে জুন মাসের তারিখের সিল রয়েছে, যখন নতুন সরকার ক্ষমতায় ছিল। ফলে বই কেনার সময়, সরবরাহের দায়িত্ব এবং সম্ভাব্য আর্থিক অনিয়ম নিয়ে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে।   এদিকে তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী রাজ মোহন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, অনিয়মের সঙ্গে যাঁরাই জড়িত থাকুন না কেন, তাঁদের আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।   অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ও রাজনীতিক কমল হাসানও। তাঁর মতে, ভুল তথ্যে ভরা বই শিক্ষার্থী, গবেষক ও পাঠকদের বিভ্রান্ত করতে পারে। তিনি বিতর্কিত বইগুলো গ্রন্থাগার থেকে সরিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।   অন্যদিকে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর শুধু একটি গ্রন্থাগার নয়, তামিলনাড়ুর বিভিন্ন সরকারি গ্রন্থাগারে বই কেনার পুরো প্রক্রিয়া অডিট করার দাবি জানিয়েছেন। বিজেপিও অভিযোগের জন্য ডিএমকেকে দায়ী করেছে।   পেরুমাল মুরুগান নিজেও আগের সরকারের গঠিত বই সুপারিশ কমিটির সদস্য ছিলেন। তবে বিতর্কিত বইগুলো ওই কমিটির সুপারিশে কেনা হয়েছিল, নাকি কমিটির অজান্তে সংগ্রহ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তদন্তে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   যুক্তিবাদ ও সমালোচনামূলক চিন্তার প্রসারে প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগারে ভুল তথ্যে ভরা বই থাকার অভিযোগ ভারতের শিক্ষা ও প্রকাশনা খাতে নতুন বিতর্ক তৈরি করেছে। তদন্তের মাধ্যমে বই কেনার প্রকৃত প্রক্রিয়া, প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পরিচয় এবং সম্ভাব্য আর্থিক অনিয়মের বিষয়টি পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।   সূত্র: এনডিটিভি

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ২:৩১
টেক্সাসে সীমানা পরিবর্তন করেও প্রত্যাশিত ফল পায়নি রিপাবলিকানরা, উল্টো নিট একটি আসন কমেছে। ছবি: সংগৃহীত
পাঁচ আসন বাড়ানোর পরিকল্পনা ছিল রিপাবলিকানদের, টেক্সাসে উল্টো হারাল একটি আসন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কংগ্রেসের আসন বাড়ানোর পরিকল্পনা নিয়ে নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করলেও প্রত্যাশিত ফল পায়নি রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদে অতিরিক্ত পাঁচটি আসন জয়ের লক্ষ্য থাকলেও এবারের নির্বাচনে অঙ্গরাজ্যটিতে দলটির নিট একটি আসন কমেছে। বিশেষ করে দক্ষিণ টেক্সাসের লাতিনো অধ্যুষিত রিও গ্র্যান্ডে ভ্যালির চারটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের একটিতেও জয় পায়নি রিপাবলিকানরা। এবিসি নিউজের ভোটার জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে লাতিনো ভোটারদের অসন্তোষ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   শনিবার (৭ নভেম্বর) এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত বছর রিপাবলিকান নিয়ন্ত্রিত টেক্সাস আইনসভা কংগ্রেসের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করে। এই রিডিস্ট্রিক্টিং পরিকল্পনার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জন্য আরও পাঁচটি আসন জয়ের সুযোগ তৈরি করা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন বৃদ্ধির পর দক্ষিণ টেক্সাসের চারটি লাতিনো অধ্যুষিত ডিস্ট্রিক্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।   কিন্তু মঙ্গলবারের নির্বাচনে পরিস্থিতি বদলে যায়। এবিসি নিউজের তথ্য অনুযায়ী, রিও গ্র্যান্ডে ভ্যালির চারটি ডিস্ট্রিক্টেই রিপাবলিকান প্রার্থীরা দুই অঙ্কের ব্যবধানে পরাজিত হন। টেক্সাসে প্রতিনিধি পরিষদের আসনের হিসাবে দলটির নিট একটি আসন কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য অনুযায়ী, টেক্সাসের ভোট দেওয়ার যোগ্য নাগরিকদের ৩০ শতাংশের বেশি হিস্পানিক। রিও গ্র্যান্ডে ভ্যালির চারটি কাউন্টিতে এই জনগোষ্ঠীর উপস্থিতি আরও বেশি। সেখানে মোট জনসংখ্যার ৯০ শতাংশের বেশি হিস্পানিক বাসিন্দা।   এবিসি নিউজের ভোটার জরিপে দেখা গেছে, টেক্সাসের সিনেট নির্বাচনে অংশ নেওয়া হিস্পানিক ভোটারদের ৬৭ শতাংশ মনে করেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত পদক্ষেপ অতিরিক্ত কঠোর হয়ে গেছে। একই মত দিয়েছেন ৪৫ শতাংশ শ্বেতাঙ্গ ভোটার।   ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট সান আন্তোনিওর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জন টেইলর এবিসির সহযোগী সংবাদমাধ্যম কেএসএটিকে বলেন, দক্ষিণ টেক্সাস ও সান আন্তোনিও এলাকার অনেক মানুষের পরিবারের সদস্য, বন্ধু কিংবা পরিচিত কেউ আইসিইর অভিযানে আটক হয়েছেন। তাঁর মতে, এসব অভিজ্ঞতা ভোটারদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলেছে।   অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও হিস্পানিক ভোটারদের মধ্যে অসন্তোষ পাওয়া গেছে। এবিসি নিউজের জরিপ অনুযায়ী, ৮৩ শতাংশ হিস্পানিক ভোটার দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে খুব ভালো নয় অথবা খারাপ বলে মূল্যায়ন করেছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে এই হার ৬৩ শতাংশ।   একই জরিপে সিনেট নির্বাচনে ভোট দেওয়া হিস্পানিকদের ৭৫ শতাংশ বলেছেন, ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে একই মত দিয়েছেন ৫২ শতাংশ।   লাতিনো ভোটারদের নিয়ে কাজ করা সংগঠন মি ফামিলিয়া ভোটার প্রধান হেক্টর ই. সানচেজ বারবা এবিসি নিউজকে বলেন, রিও গ্র্যান্ডে ভ্যালির শ্রমজীবী পরিবারগুলো অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। তাঁর মতে, বর্তমান অর্থনৈতিক নীতির প্রভাব বিশেষভাবে পড়েছে শ্রমজীবী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর।   এবার রিও গ্র্যান্ডে ভ্যালির চারটি কাউন্টিতেই ২০২২ সালের তুলনায় ভোটার উপস্থিতি বেড়েছে। হিদালগো কাউন্টিতে উপস্থিতি বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ, ক্যামেরনে ৭ দশমিক ৯ শতাংশ, উইলাসিতে ৭ দশমিক ৪ শতাংশ এবং স্টার কাউন্টিতে ৩ দশমিক ৩ শতাংশ। পুরো টেক্সাসে ভোটার উপস্থিতি বেড়েছে প্রায় ৬ শতাংশ।   প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ টেক্সাসের প্রধানত হিস্পানিক অধ্যুষিত দুটি ডিস্ট্রিক্টও রিপাবলিকানদের কাছ থেকে জিতে নিয়েছেন ডেমোক্র্যাটরা। এসব এলাকায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে ছিলেন।   এবিসি নিউজের ভোটার জরিপে আরও দেখা যায়, টেক্সাসের হিস্পানিক ভোটারদের ৬৮ শতাংশ ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে এবং ৬৫ শতাংশ গভর্নর প্রার্থী জিনা হিনোজোসাকে সমর্থন দিয়েছেন। প্রতিবেদনে ডেমোক্র্যাটদের অঙ্গরাজ্যজুড়ে নির্বাচনী সাফল্যের কথাও উল্লেখ করা হয়েছে।   মি ফামিলিয়া ভোটার প্রধান বারবার মতে, শ্রমজীবী পরিবারের প্রয়োজন ও অন্তর্ভুক্তিমূলক নীতির ওপর গুরুত্ব দেওয়ায় ডেমোক্র্যাট প্রার্থীরা লাতিনো ভোটারদের সমর্থন পেয়েছেন। তিনি মনে করেন, ভবিষ্যতের প্রেসিডেন্ট নির্বাচনেও এই জনগোষ্ঠীর ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   টেক্সাসের এবারের ফলাফল দেখিয়েছে, নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের পাশাপাশি ভোটারদের অভিবাসন ও অর্থনৈতিক উদ্বেগও নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সূত্র: এবিসি নিউজ

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ২:৩
বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘ফিরিয়ে নেওয়ার’ দাবি বিজেপি সংসদ সদস্যের
বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘ফিরিয়ে নেওয়ার’ দাবি বিজেপি সংসদ সদস্যের

বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট অঞ্চল ভারতকে ‘ফিরিয়ে নেওয়ার’ সময় এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে। শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরা রাজ্যের স্বার্থ উপেক্ষা করে এসব অঞ্চল পূর্ব পাকিস্তানের অংশ হতে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তাঁর এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন ত্রিপুরার সাবেক রাজপরিবারের উত্তরসূরি ও তিপরা মোথা দলের প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা।   ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ঝাড়খণ্ডের গোড্ডা আসনের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে বলেন, শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর নয়, নেহরু যেসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন, সেগুলোও পুনরুদ্ধারের সময় এসেছে। তাঁর দাবি, নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট একসময় ত্রিপুরার রাজাদের অধীন ছিল। কিন্তু ১৯৪৬-৪৭ সালে দেশভাগের রাজনৈতিক সিদ্ধান্তে ত্রিপুরার তৎকালীন শাসক মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মতামত উপেক্ষা করা হয়।   নিশিকান্ত দুবের অভিযোগ, ১৯৪৬ সালে অন্তর্বর্তী সরকার গঠনের সময় মুসলিম লীগের সমর্থন পাওয়ার জন্য জওহরলাল নেহরু তৎকালীন ত্রিপুরা রাজ্যের স্বার্থকে গুরুত্ব দেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নোয়াখালী ও চট্টগ্রামের ভবিষ্যৎ এবং সিলেটের গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি দাবি করেন, এসব অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে ত্রিপুরার শাসকের মতামত নেওয়া উচিত ছিল। চট্টগ্রাম বন্দর পূর্ব পাকিস্তানের অংশ হওয়ায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।   বিজেপি সংসদ সদস্যের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিপরা মোথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা তাঁর দাদির অগোচরে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এটিকে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, চট্টগ্রাম বন্দরে সরাসরি প্রবেশাধিকার থাকলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা সরু শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর ওপর এতটা নির্ভর করতে হতো না। এই ভৌগোলিক সীমাবদ্ধতা উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও বাণিজ্যিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি তাঁর।   তবে ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯৪৭ সালের দেশভাগের সময় সিলেট তৎকালীন আসাম প্রদেশের অংশ ছিল। ওই বছরের জুলাইয়ে গণভোটের মাধ্যমে সিলেটের অধিকাংশ এলাকা পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়। অন্যদিকে নোয়াখালী ও চট্টগ্রাম ছিল অবিভক্ত বাংলার অংশ এবং দেশভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। ত্রিপুরা রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় ১৯৪৯ সালের ১৫ অক্টোবর। ফলে নিশিকান্ত দুবের বক্তব্যে উত্থাপিত দাবি রাজনৈতিক উদ্দ্যেশ প্রণোদিত।   সংবাদসূত্র: ভারতীয় বার্তা সংস্থা এএনআই, দ্য হিন্দু,।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ১:৪৯
প্রতিবেশীর আসবাবপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪২ বছর বয়সী নারী নিকোল বটিগ্লিয়েরি-ভেগা। ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় প্রতিবেশীর বাসায় ঢুকে আসবাবপত্র বাইরে ফেলার অভিযোগে নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে জোর করে ঢুকে আসবাবপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিকোল বটিগ্লিয়েরি-ভেগা নামের ওই নারী মাত্র দুই সপ্তাহ আগে নিজের দুই সন্তানকে নিয়ে একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে উঠেছিলেন। পুলিশের অভিযোগ, প্রতিবেশী দম্পতি কাজে থাকার সময় তিনি তাঁদের বাসায় প্রবেশ করেন এবং এক শিশুর সহায়তায় আসবাবপত্র বাইরে নিয়ে যান।   বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্য মেরি সু প্রকাশিত প্রতিবেদনে ল অ্যান্ড ক্রাইমের বরাত দিয়ে জানানো হয়, গত সপ্তাহে মায়ামির এক দম্পতি কাজ শেষে বাসায় ফিরে দেখতে পান, তাঁদের আসবাবপত্র অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পেছনের কমন এরিয়ায় ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি ভবন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।   🚨 BROKE IN NEXT DOOR - WITH HER KID Miami PD: Nicole Bottiglieri Vega, 42, moved in two weeks ago. Video shows her forcing a neighbor's back door and hauling out furniture while her child carried items. Presumed innocent. #Miami #CrimeNews #FloridaArrests https://t.co/u4Q1tgcUdx — ArrestsSfl | Florida Crime Watch (@ArrestsSfl) November 3, 2026   অভিযোগ পাওয়ার পর ভবনের প্রপার্টি ম্যানেজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, লম্বা পোশাক পরা এক নারী দুই শিশুকে সঙ্গে নিয়ে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছেন। এরপর তিনি প্রতিবেশীর বাসার পেছনের দরজা জোর করে খুলে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।   পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারী বাসার বিভিন্ন জিনিসপত্র বাইরে নিয়ে যান এবং এ কাজে তাঁর সঙ্গে থাকা এক শিশুও অংশ নেয়। পাশের একটি বাসার রিং ডোরবেল ক্যামেরার ফুটেজেও ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্য পাওয়া গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।   প্রপার্টি ম্যানেজার ফুটেজ দেখে নারীকে ভবনের নতুন ভাড়াটিয়া নিকোল বটিগ্লিয়েরি-ভেগা হিসেবে শনাক্ত করেন। তিনি মাত্র দুই সপ্তাহ আগে দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস শুরু করেছিলেন।   পুলিশ প্রথমে নিকোলের অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা ও পেছনের জানালায় কড়া নাড়লেও কোনো সাড়া পায়নি। বাসার ভেতরে শিশু থাকার তথ্য পাওয়ায় ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে ওই বিভাগের তদন্তকারীও সেদিন নিকোলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।   পরদিন বিকেলে শিশু সুরক্ষা বিভাগের কর্মীদের নিয়ে আবার ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় একজন পুলিশ সার্জেন্ট অ্যাপার্টমেন্টের ভেতর থেকে চিৎকার শুনতে পান এবং দরজার কাছে রক্তের চিহ্ন দেখতে পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   পরে পুলিশ জোর করে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে একটি বেডরুমে নিকোলকে খুঁজে পায়। পুলিশের অভিযোগ, তিনি কর্মকর্তাদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান এবং হাতকড়া পরানোর সময় বাধা দেন। শেষ পর্যন্ত তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।   পুলিশের দাবি, থানার নর্থ স্টেশনের একটি হোল্ডিং সেলে রাখার পর নিকোল হাতকড়া থেকে নিজের হাত বের করে ফেলেন। এরপর তিনি সেলের দরজার দিকে এগিয়ে গেলে একজন কর্মকর্তা তাঁকে আবার হাতকড়া পরান। গোয়েন্দারা পরে জিজ্ঞাসাবাদের চেষ্টা করলেও তিনি প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে।   তদন্ত প্রতিবেদনে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্যও উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তি দাবি করেন, নিকোল নিয়মিত মাদক ব্যবহার করতেন। তবে এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তাঁর বিরুদ্ধে আনা চারটি অভিযোগের কোনোটিই মাদকসংক্রান্ত নয়।   পুলিশ নিকোলের বিরুদ্ধে তৃতীয় মাত্রার বড় ধরনের চুরি, শিশুকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ, সম্পত্তির ক্ষতিসাধন এবং সহিংসতা ছাড়া পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে।   ফ্লোরিডার আইন অনুযায়ী, ৭৫০ ডলার বা তার বেশি কিন্তু ২০ হাজার ডলারের কম মূল্যের সম্পত্তি চুরির অভিযোগ তৃতীয় মাত্রার গ্র্যান্ড থেফট হিসেবে বিবেচিত হতে পারে। এই অভিযোগ আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার ডলার জরিমানা হতে পারে। তবে প্রতিবেশী দম্পতির সরিয়ে নেওয়া ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্রের মোট মূল্য কত, তা পুলিশ প্রকাশ করেনি।   অন্যদিকে শিশুকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। ঘটনায় শিশুদের সংশ্লিষ্টতা থাকায় ফ্লোরিডার শিশু সুরক্ষা বিভাগও বিষয়টি পৃথকভাবে তদন্ত করছে।   প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের পর নিকোলকে টার্নার গিলফোর্ড নাইট কারেকশনাল সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর বন্ডের পরিমাণ ১১ হাজার ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তী আদালতে হাজিরার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।   পুলিশের তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়ায় নিকোলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো প্রমাণিত হয়নি।   সূত্র: দ্য মেরি সু

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ১:৫৪
নতুন আইনের জেরে ফ্লোরিডায় কার্যক্রম স্থগিত করেছে সিএআইআর। ছবি: সংগৃহীত
মুসলিম অধিকার সংগঠন সিএআইআরকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ফ্লোরিডায় কার্যক্রম স্থগিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্যক্রম স্থগিত করেছে দেশটির অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। অঙ্গরাজ্যটির নতুন আইনের আওতায় সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের প্রশাসনের পদক্ষেপকে ভিত্তিহীন ও অসাংবিধানিক বলে দাবি করেছে সিএআইআর। আদালতে প্রাথমিক আবেদন নাকচ হওয়ার পর সংগঠনটি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।   শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের এপ্রিলে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস একটি নতুন আইনে স্বাক্ষর করেন। ওই আইনে গভর্নর, অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রধান এবং মন্ত্রিসভাকে নির্দিষ্ট সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়। পাশাপাশি এমন সংগঠনের পক্ষে প্রচার চালানোর অভিযোগে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের বিধান রাখা হয়েছে।   নতুন আইনের আওতায় ফ্লোরিডার কর্মকর্তারা সিএআইআরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় সংগঠনটি। তবে একজন ফেডারেল বিচারক অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সিএআইআরের আবেদন নাকচ করেছেন।   আদালত পর্যবেক্ষণে জানায়, ফ্লোরিডার এই আইন নতুন ধরনের এবং সম্ভবত নজিরবিহীন। তবে সিএআইআর আদালতে দেখাতে পারেনি যে সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার পদক্ষেপটি ফৌজদারি শাস্তির সমতুল্য। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সংগঠনটি।   সিএআইআর-ফ্লোরিডার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গভর্নর ডিস্যান্টিস ও অঙ্গরাজ্যের অন্য কর্মকর্তারা নজিরবিহীন নতুন আইন ব্যবহার করে সংগঠনটির বিরুদ্ধে ভিত্তিহীন ও অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন। এ কারণেই ফ্লোরিডায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।   সিএআইআর যুক্তরাষ্ট্রে মুসলিমদের নাগরিক অধিকার রক্ষা, ধর্মীয় বৈষম্য মোকাবিলা এবং মুসলিমবিদ্বেষী ঘটনার তথ্য সংগ্রহের কাজ করে থাকে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ এবং ফিলিস্তিনপন্থী আন্দোলনের বিরুদ্ধে সরকারি অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ বেড়েছে।   অন্যদিকে আদালতের সিদ্ধান্ত এবং সিএআইআরের কার্যক্রম স্থগিতের ঘটনাকে স্বাগত জানিয়েছেন গভর্নর রন ডিস্যান্টিস ও ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার। আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিস্যান্টিস সংক্ষেপে লেখেন, ‘ভালো জয়।’   ফ্লোরিডার নতুন আইন অনুযায়ী, কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হলে সেটি জোরপূর্বক বিলুপ্ত করা এবং অঙ্গরাজ্য সরকারের অর্থায়ন বন্ধ করার মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাশাপাশি দেশীয় বা বিদেশি সন্ত্রাসী সংগঠনের পক্ষে প্রচার চালানোর অভিযোগে শিক্ষার্থীদের বহিষ্কারের বিধান রয়েছে।   তবে আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা পেন আমেরিকা।   পেন আমেরিকার মতে, এই আইন মানুষের মতপ্রকাশ, সংগঠিত হওয়া এবং নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক মতামতের পক্ষে অবস্থান নেওয়ার স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করতে পারে। সংগঠনটির আশঙ্কা, আইনি ঝুঁকি এড়াতে অনেকে বৈধ মতামত প্রকাশ থেকেও বিরত থাকতে পারেন।   অন্যদিকে গভর্নর ডিস্যান্টিস আইনটিকে উগ্রবাদ মোকাবিলার একটি কাঠামো হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করাও এই আইনের অন্যতম উদ্দেশ্য।   রয়টার্স জানিয়েছে, এর আগে গত বছরের শেষ দিকে ডিস্যান্টিস একটি নির্বাহী আদেশে সিএআইআরকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছিলেন। পরে একজন বিচারক সেই আদেশ কার্যকরে বাধা দেন। এবার নতুন অঙ্গরাজ্য আইনের আওতায় সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।   ফ্লোরিডায় সিএআইআরের কার্যক্রম স্থগিতের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক চলছে। নাগরিক অধিকার সংগঠনগুলোর অভিযোগ, উগ্রবাদ মোকাবিলার নামে বৈধ রাজনৈতিক মতপ্রকাশও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।   সিএআইআর জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। ফলে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম এবং ফ্লোরিডার নতুন আইনের প্রয়োগ নিয়ে আইনি লড়াই অব্যাহত থাকবে।   সূত্র: রয়টার্স

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ১:৩২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২০ বছর বয়সী কো-পাইলট নাথালিয়া গাদেলহা ফিলগেইরাস। ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় বিমান দুর্ঘটনায় নিহত তরুণী পাইলট, শেষ মুহূর্তের সাহসিকতায় গর্বিত বাবা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২০ বছর বয়সী তরুণী কো-পাইলট নাথালিয়া গাদেলহা ফিলগেইরাসের শেষ মুহূর্তের সাহসিকতার কথা তুলে ধরেছেন তাঁর বাবা। দুর্ঘটনার আগে মেয়ের পাঠানো শেষ রেডিও বার্তাগুলো বারবার শুনছেন তিনি। মেয়েকে হারানোর গভীর শোকের মধ্যেও সংকটময় পরিস্থিতিতে তাঁর পেশাদারত্ব ও সাহসিকতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন বাবা অ্যালান ফিলগেইরাস। একই সঙ্গে কম বয়সে এত বড় বিমান পরিচালনার যোগ্যতা নিয়ে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন তিনি।   শুক্রবার (৬ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডার গ্রিনএকরস এলাকায় লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে নাথালিয়াসহ মোট নয়জন নিহত হন। দুর্ঘটনার পর শুক্রবার কোরাল গেবলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়ের শেষ মুহূর্তের কথা বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন অ্যালান। তিনি নিজেও একজন পাইলট এবং মেয়েকে বিমান চালানো শেখানোর সঙ্গে যুক্ত ছিলেন।   অ্যালান জানান, দুর্ঘটনার আগে নাথালিয়ার সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের রেকর্ডিং তিনি বারবার শুনেছেন। বিমানটি যখন দ্রুত নিচের দিকে নামছিল, তখনো নাথালিয়া শান্তভাবে পরিস্থিতি সম্পর্কে তথ্য জানিয়ে যাচ্ছিলেন। বাবার ভাষায়, এমন ভয়াবহ পরিস্থিতিতেও তাঁর মেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন।   দুর্ঘটনার আগে বিমানটি বজ্রঝড়ের মধ্যে পড়ে। এ সময় বিমানে বরফ জমার বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান নাথালিয়া। প্রচণ্ড ঝাঁকুনিতে বিমানটি প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওপর-নিচে ওঠানামা করছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।   শেষ রেডিও বার্তায় নাথালিয়াকে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে শোনা যায়। তিনি জানান, বিমানটি অতিরিক্ত গতিতে প্রতি মিনিটে প্রায় ২০ হাজার ফুট নিচে নামছে। এত দ্রুত বিমানটি নিয়ন্ত্রণ হারাচ্ছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়ে। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানের নিয়ন্ত্রণে ছিলেন বলে ধারণা করা হচ্ছে ৫৫ বছর বয়সী ক্যাপ্টেন জেফ গ্রেগরি।   সংবাদ সম্মেলনে অ্যালান বলেন, তিনি মেয়ের পাশে থাকতে চেয়েছিলেন, বিমানের ভেতরে থেকে তাঁকে সাহায্য করতে চেয়েছিলেন। মেয়ের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, নাথালিয়া তাঁকে দেখিয়েছেন প্রকৃত বীরত্ব কাকে বলে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ অনেক পাইলটও মানসিক স্থিরতা ধরে রাখতে পারেন না, অথচ তাঁর মেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।   মেয়েকে হারানোর কষ্ট প্রকাশ করে অ্যালান বলেন, পরিবারের কাছে এই মৃত্যু বুক থেকে হৃদয় ছিঁড়ে নেওয়ার মতো। এখন তাঁকে নতুন করে বেঁচে থাকার পথ খুঁজতে হবে।   এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাথালিয়ার বয়স ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে। মাত্র ২০ বছর বয়সে উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিজনেস জেটের কো-পাইলট হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা তাঁর ছিল কি না, তা নিয়ে সমালোচনা শুরু হয়।   তবে পরিবার ও প্রশিক্ষকেরা এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, নাথালিয়া সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই এই দায়িত্ব পেয়েছিলেন। তাঁর ১ হাজার ৩০০ ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। পাশাপাশি কমার্শিয়াল পাইলট লাইসেন্স এবং লিয়ারজেট পরিচালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সনদও অর্জন করেছিলেন তিনি।   পরিবারের আইনজীবী স্টুয়ার্ট গ্রসম্যান জানান, সংবাদ সম্মেলনের উদ্দেশ্য শুধু নাথালিয়ার স্মৃতি ধরে রাখা নয়, তাঁর পেশাগত সুনামও রক্ষা করা। তিনি বলেন, নাথালিয়া প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে অসাধারণ ফল করেছিলেন এবং বয়স কম হলেও কো-পাইলট হিসেবে দায়িত্ব পালনের জন্য পুরোপুরি যোগ্য ছিলেন।   নাথালিয়ার প্রশিক্ষক ও মেন্টর ক্রিস কার্ক জানান, কঠোর পরিশ্রম, দীর্ঘ প্রশিক্ষণ এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছিলেন। গত মার্চে লিয়ারজেট ৬০ পরিচালনার দক্ষতা পরীক্ষায় তাঁর পারফরম্যান্স দেখে পরীক্ষক মনে করেছিলেন, নাথালিয়ার পাঁচ হাজার ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে।   ক্রিস কার্কের মতে, দুর্ঘটনার আগে নাথালিয়ার শেষ রেডিও বার্তাগুলো তাঁর পেশাদারত্বের প্রমাণ। প্রচণ্ড সংকটের মধ্যেও তিনি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পেরেছিলেন, যা দুর্ঘটনার তদন্তে সহায়ক হতে পারে।   যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এনটিএসবি এখনো দুর্ঘটনার চূড়ান্ত কারণ নির্ধারণ করতে পারেনি। তদন্তকারীরা জানিয়েছেন, নিচে নামার সময় বিমানটির গতি নির্ধারিত নিরাপদ সীমা ছাড়িয়ে গিয়েছিল। দুর্ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে বিমানের লেজের অংশ পাওয়া গেছে। উদ্ধারকারীরা একটি ইঞ্জিনের অংশও উদ্ধার করেছেন। তবে ককপিট ভয়েস রেকর্ডার এখনো পাওয়া যায়নি।   নাথালিয়ার বাবা জানান, মাত্র ১২ বছর বয়সে মেয়েকে প্রথম বিমানে নিয়ে গিয়েছিলেন তিনি। পরে নিজেই তাঁকে বিমান চালানো শেখাতে সাহায্য করেন। পাইলট হিসেবে চাকরি পাওয়ার পর নাথালিয়া বাবাকে বলেছিলেন, নিজের সবচেয়ে পছন্দের কাজটি করার জন্য বেতন পাচ্ছেন, এটি তাঁর কাছে অবিশ্বাস্য আনন্দের বিষয়।   দুর্ঘটনায় নিহত অন্যদের মধ্যে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা অ্যাডাম রবিনসন, তাঁর স্ত্রী হেলেন শার্প এবং তাঁদের দুই শিশু সন্তান। পরিবারের ন্যানি আনা মারিয়া রামিরেজ সেতিনাও নিহত হয়েছেন। এ ছাড়া হন্ডুরাসের আরকা বুটিক হোটেলের মালিক র‍্যাচেল রিড ও চার্মি ফেরও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।   দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। তবে নাথালিয়ার পরিবারের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়ের পেশাগত যোগ্যতা ও শেষ মুহূর্তের সাহসিকতার স্বীকৃতি নিশ্চিত করা।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ১:১২
ধর্মীয় বিশ্বাসের কারণে রক্ত নিতে অস্বীকৃতি জানিয়ে টেক্সাসে ২৬ বছর বয়সী তরুণ আইজ্যাক ভালদেজের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত
ধর্মীয় বিশ্বাসে জীবন বাঁচাতে রক্ত নিতে অস্বীকৃতি, তরুণের মৃত্যুর ২৩ দিন পর বদলাল নিয়ম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ধর্মীয় বিশ্বাসের কারণে জীবন রক্ষাকারী চিকিৎসায় রক্ত নিতে অস্বীকৃতি জানিয়ে মারা গেছেন ২৬ বছর বয়সী এক তরুণ। আইজ্যাক ভালদেজ নামের ওই তরুণের মৃত্যুর মাত্র ২৩ দিন পর রক্ত গ্রহণসংক্রান্ত ৮১ বছরের পুরোনো নিয়মে বড় পরিবর্তন এনেছে তাঁর ধর্মীয় সংগঠন জেহোভাস উইটনেসেস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুসারীরা চিকিৎসার প্রয়োজনে রক্তের বিভিন্ন উপাদান গ্রহণ করবেন কি না, তা নিজেরাই ঠিক করতে পারবেন। তবে সম্পূর্ণ রক্ত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।   শনিবার (৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের আগস্টে টেক্সাসের ওয়াক্সাহাচি এলাকার বাসিন্দা আইজ্যাক স্থানীয় একটি লাইব্রেরিতে অবস্থান করার সময় মৃগীরোগের খিঁচুনিতে আক্রান্ত হন। এ সময় মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত করেন।   আইজ্যাক জেহোভাস উইটনেসেস ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী ছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রক্ত গ্রহণ না করার সিদ্ধান্ত জানাতে তিনি সঙ্গে একটি ‘নো ব্লাড’ কার্ড রাখতেন। হাসপাতালে চিকিৎসকেরা সেই কার্ড দেখতে পান। ফলে তাঁর চিকিৎসা জটিল হয়ে পড়ে। রক্ত গ্রহণসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে প্রথমদিকে মস্তিষ্ক থেকে জমে থাকা তরল বের করার একটি চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা হয়নি।   পরে কিছুটা সুস্থ হয়ে আইজ্যাক জ্ঞান ফিরে পান এবং কথা বলতে শুরু করেন। সে সময়ও তিনি রক্ত গ্রহণ না করার নিজের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কিছুদিন পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি কোমায় চলে যান। একজন নিউরোসার্জন পরিবারকে জানান, আইজ্যাকের জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সেই অস্ত্রোপচারে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে।   পরিবারের সদস্যরা আইজ্যাকের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও তাঁর নিজের সিদ্ধান্তকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ২৬ আগস্ট লাইফ সাপোর্ট বন্ধ করার পর তাঁর মৃত্যু হয়।   আইজ্যাকের মৃত্যুর মাত্র ২৩ দিন পর জেহোভাস উইটনেসেসের গভর্নিং বডি রক্ত গ্রহণসংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দেয়। প্রায় ৮১ বছর ধরে প্রচলিত বিধান সংশোধন করে চিকিৎসায় রক্তের বিভিন্ন উপাদান গ্রহণের সিদ্ধান্ত অনুসারীদের ব্যক্তিগত বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়।   নতুন নিয়ম অনুযায়ী, প্লাজমা, লোহিত রক্তকণিকা ও প্লাটিলেটের মতো রক্তের উপাদান চিকিৎসায় গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। তবে সম্পূর্ণ রক্ত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।   আইজ্যাকের যমজ ভাই জ্যাকব ভালদেজ বিবিসিকে জানান, এই পরিবর্তন আরও আগে আনা হলে তাঁর ভাই হয়তো বেঁচে থাকতে পারতেন। ধর্মীয় সংগঠনের নেতৃত্ব কেন এত দিন পর সিদ্ধান্ত পরিবর্তন করল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।   জ্যাকব বলেন, ভাইয়ের মৃত্যুর পর এমন সিদ্ধান্ত তাঁর পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি চান, অতীতে এই নিয়মের কারণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের কাছে সংগঠনের নেতৃত্ব জবাবদিহি করুক এবং সরাসরি ক্ষমা প্রার্থনা করুক।   জেহোভাস উইটনেসেসের রক্ত গ্রহণসংক্রান্ত নিষেধাজ্ঞা চালু হয় ১৯৪৫ সালে। ধর্মীয় সংগঠনটির নেতৃত্ব বাইবেলের কিছু অংশের ব্যাখ্যার ভিত্তিতে অনুসারীদের রক্ত গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। সেই সময় থেকে বহু অনুসারী চিকিৎসার প্রয়োজনে রক্ত গ্রহণ না করার সিদ্ধান্ত মেনে আসছেন।   তবে সংগঠনটির আন্তর্জাতিক মুখপাত্র পল গিলিস বিবিসিকে জানান, নতুন সিদ্ধান্ত মূল ধর্মীয় শিক্ষার পরিবর্তন নয়। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, বাইবেলে রক্ত থেকে বিরত থাকার কথা বলা হলেও চিকিৎসায় ব্যবহৃত রক্তের পৃথক উপাদান সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি এবং ধর্মীয় ব্যাখ্যা পুনর্বিবেচনার পর এই পরিবর্তন আনা হয়েছে।   তিনি আরও জানান, সম্পূর্ণ রক্ত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও রক্তের বিভিন্ন উপাদান ব্যবহারের সিদ্ধান্ত এখন অনুসারীদের ব্যক্তিগত বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।   অন্যদিকে নতুন সিদ্ধান্তের পরও অতীতের অভিজ্ঞতা নিয়ে অনেক অনুসারীর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের কেউ কেউ জানতে চাইছেন, চিকিৎসায় রক্ত গ্রহণের সুযোগ আরও আগে দেওয়া হলে কত মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো।   তবে জেহোভাস উইটনেসেসের মুখপাত্র জানিয়েছেন, নতুন নিয়ম কার্যকর হওয়ার পরও কোনো অনুসারী ব্যক্তিগত বিশ্বাসের কারণে রক্ত গ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারেন। ফলে আইজ্যাকের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন আগে কার্যকর হলেও তিনি নিশ্চিতভাবে চিকিৎসা গ্রহণ করতেন কি না, তা বলা সম্ভব নয়।   বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে জেহোভাস উইটনেসেস সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা আনুমানিক ৯০ লাখ। দীর্ঘদিনের রক্ত গ্রহণসংক্রান্ত নিয়ম পরিবর্তনের পর ধর্মীয় স্বাধীনতা, চিকিৎসার সিদ্ধান্ত এবং জীবন রক্ষাকারী চিকিৎসার সুযোগ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।   সূত্র: বিবিসি

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:৫৫
ডিসেম্বরে একসঙ্গে থাকার স্বপ্ন
ডিসেম্বরে একসঙ্গে থাকার স্বপ্ন, তার আগেই নিথর হয়ে ফিরলেন সেনাসদস্য তিতাস

ফরিদপুরের বাড়িতে স্বামীর মরদেহ সামনে রেখে বারবার আহাজারি করছিলেন সুমাইয়া আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তাঁর আকুতি, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ কিছুদিন পরই স্বামীকে কাছে পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এক মর্মান্তিক সংবাদে। টেকনাফে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ।   শুক্রবার (৬ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাসের মরদেহ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনদের কান্না, স্ত্রীর আহাজারি আর পরিবারের সদস্যদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।   পরিবারের সদস্যদের বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রায় চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় তিতাসের। তাঁদের সংসারে কোনো সন্তান ছিল না। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। নতুন করে একসঙ্গে থাকার সেই অপেক্ষায় দিন গুনছিলেন সুমাইয়া। কিন্তু স্বামীর মৃত্যুর খবরে মুহূর্তেই ভেঙে পড়ে তাঁর সাজানো স্বপ্ন।   তিতাস শেখ ছিলেন পরিবারের বড় সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবা আফজাল শেখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ছোট ভাই আকরাম হোসেনও সেনাবাহিনীতে কর্মরত। বাবার পথ অনুসরণ করে ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিয়েছিলেন তিতাস।   কর্মসূত্রে তিনি টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রঙ্গীখালী এলাকার পাহাড়ি অঞ্চলে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছিল। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিতাস।   আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টা ৪৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।   ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন মা রেখা বেগম। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অভিযানে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলেছিলেন তিতাস। তিনি মাকে বলেছিলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাচ্ছেন, যেন তাঁর জন্য দোয়া করা হয়। সেটিই যে মায়ের সঙ্গে তাঁর শেষ কথোপকথন হয়ে থাকবে, তা কেউ ভাবতে পারেননি।   শুক্রবার বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টারে তিতাসের মরদেহ ফরিদপুরে নেওয়া হয়। পরে লস্করদিয়া গ্রামের বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।   একজন দায়িত্বশীল সেনাসদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত ছিলেন তিতাস। তাঁর মৃত্যুতে একটি পরিবার হারিয়েছে তাদের প্রিয় সন্তানকে, একজন মা হারিয়েছেন ছেলেকে, আর একজন স্ত্রী হারিয়েছেন তাঁর জীবনসঙ্গীকে। ডিসেম্বর মাসে একসঙ্গে থাকার যে স্বপ্ন দেখেছিলেন সুমাইয়া, সেই স্বপ্ন এখন কেবল স্মৃতি।   স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে তাঁর ‘আমাকেও নিয়ে যাও’ আহাজারি যেন বলে দিচ্ছিল, প্রিয় মানুষটিকে হারানোর শূন্যতা কতটা গভীর হতে পারে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:৪৭
যত দায়িত্বই থাকুক না কেন, ছেলে ব্যারন ট্রাম্পই তাঁর প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রেসিডেন্টের স্ত্রী হলেও ছেলে ব্যারনই আমার প্রথম অগ্রাধিকার: মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, জীবনে যত দায়িত্বই থাকুক না কেন, ছেলে ব্যারন ট্রাম্প সবসময় তাঁর প্রথম অগ্রাধিকার হয়ে থাকবেন। মা, স্ত্রী ও ফার্স্ট লেডি হিসেবে একাধিক দায়িত্ব পালন করলেও সন্তানের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্বের জায়গায় কোনো পরিবর্তন আসবে না। নতুন একটি ডকুসিরিজের ট্রেলারে ছেলেকে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।   শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত ‘মেলানিয়া, দ্য সিরিজ’ নামের দুই পর্বের ডকুসিরিজের ট্রেলারে মেলানিয়ার এই বক্তব্য উঠে আসে। শনিবার (৭ নভেম্বর) গ্লোবের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রেলারে ৫৬ বছর বয়সী মেলানিয়াকে নিজের পারিবারিক ও রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কথা বলতে দেখা গেছে। ডকুসিরিজটি আগামী ২০ নভেম্বর অ্যামাজনের প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।   ট্রেলারে মেলানিয়া বলেন, তিনি একজন মা, একজন স্ত্রী এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। এরপর ছেলে ব্যারনের ছবি ও ভিডিও দেখানোর সময় তিনি বলেন, ‘সে আমার প্রথম অগ্রাধিকার। সে সবসময় আমার প্রথম অগ্রাধিকার থাকবে।’   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের ছেলে ব্যারনের বয়স বর্তমানে ২০ বছর। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসে পড়াশোনা করছেন। ছেলের পড়াশোনা, ব্যক্তিগত জীবন এবং মা হিসেবে নিজের দায়িত্ব নিয়ে আগেও বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেছেন মেলানিয়া।   চলতি বছরের জানুয়ারিতে ফক্স বিজনেসের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে মেলানিয়া জানিয়েছিলেন, সন্তানের প্রয়োজনের সময় মা-বাবার পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যারনের বয়সে সন্তানের পাশে থাকা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।   ওই সাক্ষাৎকারে ছেলের প্রশংসা করে মেলানিয়া বলেন, ব্যারন একজন অসাধারণ তরুণ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন এবং নিজের পড়াশোনা উপভোগ করছেন। ছেলেকে নিয়ে তিনি ও ডোনাল্ড ট্রাম্প গর্বিত বলেও জানান।   মেলানিয়া আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সময় ব্যারনের বয়স ছিল মাত্র ১০ বছর। তখন সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব ও পরিস্থিতি ছিল ভিন্ন। এখন ব্যারন বড় হয়েছেন এবং নিজের পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।   এর আগে সেপ্টেম্বরে ফক্স বিজনেসের ‘দ্য বিগ মানি শো’ অনুষ্ঠানে মেলানিয়া জানিয়েছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ কিছুটা কমেছে। তবে ব্যারন এখন তরুণ হওয়ায় পারিবারিক জীবনের পরিস্থিতিও আগের তুলনায় বদলেছে।   মেলানিয়ার ভাষায়, ব্যারন এখন নিজের মতো সময় কাটাতে পারেন। কখনো কখনো মা নিজের কাজে ব্যস্ত থাকলে সেটিও হয়তো তাঁর ভালো লাগে। সন্তানের বড় হয়ে ওঠার সঙ্গে পারিবারিক সম্পর্কের এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।   নতুন ডকুসিরিজটি পরিচালক ব্রেট র‍্যাটনারের নির্মিত মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্রের পরবর্তী আয়োজন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া ওই তথ্যচিত্রের পর এবার দুই পর্বের সিরিজে মেলানিয়ার ব্যক্তিগত জীবন ও বিভিন্ন দায়িত্বের আরও কিছু দিক তুলে ধরা হচ্ছে।   প্রেসিডেন্ট পরিবারের সদস্য হলেও ব্যারন ট্রাম্প সাধারণত গণমাধ্যমের আলোচনার বাইরে থাকেন। তবে তাঁর পড়াশোনা, ব্যক্তিগত জীবন এবং মা মেলানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে জনসাধারণের আগ্রহ রয়েছে।   আগামী ২০ নভেম্বর প্রাইম ভিডিওতে ‘মেলানিয়া, দ্য সিরিজ’ মুক্তির মধ্য দিয়ে ফার্স্ট লেডির পারিবারিক ও ব্যক্তিগত জীবনের আরও কিছু দিক দর্শকদের সামনে আসবে। নতুন ট্রেলারে ছেলেকে নিয়ে তাঁর মন্তব্য ইতোমধ্যে আলোচনায় এসেছে।   সূত্র: গ্লোব

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:৩৯
একটি উপহারেই বদলে গেল অফিসের পরিবেশ
একটি উপহারেই বদলে গেল অফিসের পরিবেশ, আইফোন পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কর্মী

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত নারী সহকর্মীদের নতুন আইফোন উপহার দিয়ে আলোচনায় এসেছেন কেরালায় জন্ম নেওয়া ব্যবসায়ী হসিনা নিশাদ। তিনি দেশটির একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কর্মীদের না জানিয়ে আয়োজন করা এই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলার দৃশ্য দর্শকদের মন ছুঁয়েছে।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হসিনা নিশাদ তাঁর নারী কর্মীদের জন্য এই চমকের আয়োজন করেন। তাঁদের একটি সম্মেলনকক্ষে ডেকে বসতে বলা হয়। কিন্তু তাঁরা জানতেন না, তাঁদের জন্য কী অপেক্ষা করছে। চেয়ার সরাতেই টেবিলের নিচে রাখা মোড়ানো উপহারের বাক্স চোখে পড়ে। বাক্স খুলে নতুন আইফোন দেখে কর্মীরা আনন্দে বিস্মিত হয়ে যান।   ভিডিওতে দেখা যায়, একে একে কর্মীরা উপহারের বাক্স খুলছেন। কারও মুখে হাসি, কারও চোখেমুখে বিস্ময়। অফিসের স্বাভাবিক কর্মপরিবেশ মুহূর্তেই আনন্দঘন পরিবেশে পরিণত হয়। তবে ভিডিওর সবচেয়ে আবেগঘন অংশটি আসে পরে।   প্রতিষ্ঠানের একজন নারী পরিচ্ছন্নতাকর্মী হসিনা নিশাদের জন্য শরবত নিয়ে আসেন। তিনিও যে এই উপহারের আয়োজনের অংশ, তা আগে থেকে জানতেন না। তাঁকেও একটি নতুন আইফোন দেওয়া হলে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। হসিনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। পরে অন্য কর্মীদের সঙ্গে বসে উপহারটি খুলে দেখেন।   নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে হসিনা নিশাদ নারী সহকর্মীদের স্বপ্ন, দায়িত্ব ও প্রতিদিনের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি জানান, তাঁর ইচ্ছা প্রত্যেক নারী আরও আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাক। একজন নারীর সাফল্য অন্য নারীকেও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাতে পারে বলেও তিনি উল্লেখ করেন।   এনডিটিভির প্রতিবেদন প্রকাশের সময় ভিডিওটি ইনস্টাগ্রামে ২০ লাখের বেশি বার দেখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীকে উপহারের বাইরে না রাখার বিষয়টি মানুষের নজর কেড়েছে। অনেকের কাছে এই ঘটনাটি শুধু দামি ফোন উপহার দেওয়ার গল্প নয়, বরং কর্মক্ষেত্রে প্রত্যেক কর্মীর অবদানকে সম্মান জানানোর একটি উদাহরণ হয়ে উঠেছে।   এটি অবশ্য প্রতিষ্ঠানটির প্রথম ব্যতিক্রমী উপহার আয়োজন নয়। এনডিটিভি জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতেও কর্মীদের আইফোন উপহার দেওয়ার দৃশ্য দেখা গিয়েছিল। সেই আয়োজনে হসিনার স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসাইনকে কর্মীদের উপহার দিতে দেখা যায়।   কর্মক্ষেত্রে কর্মীদের উৎসাহিত করতে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি স্বীকৃতি ও সম্মানও গুরুত্বপূর্ণ। পদবি বা দায়িত্বের পার্থক্য না করে পরিচ্ছন্নতাকর্মীকেও একই আনন্দের অংশ করে নেওয়ার দৃশ্যটি সেই বার্তাই সামনে এনেছে।

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:৩৪
আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
সাইবারট্রাককে বিদায় জানাচ্ছে টেসলা, নতুন পরিকল্পনা জানালেন ইলন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। আগামী বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন ধাপে ধাপে বন্ধ করা হবে। এর পরিবর্তে চালকবিহীন সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে টেসলা। গাড়ি নির্মাণের পাশাপাশি রোবটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে কোম্পানিটির মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   শুক্রবার (৬ নভেম্বর) ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা নিশ্চিত করেছেন ইলন মাস্ক। তিনি জানান, ২০২৭ সালের মাঝামাঝি টেক্সাসের গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন গুটিয়ে নেওয়া হবে। কারখানাটিতে সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর জন্য জায়গা তৈরি করতেই এই সিদ্ধান্ত।   ২০১৯ সালে প্রথম সাইবারট্রাক উন্মোচন করে টেসলা। ব্যতিক্রমী নকশা, স্টেইনলেস স্টিলের বডি এবং ভবিষ্যৎ প্রযুক্তির প্রতিশ্রুতির কারণে গাড়িটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে। সে সময় মাস্ক জানিয়েছিলেন, সাইবারট্রাকের চাহিদা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। কোম্পানিটি একপর্যায়ে ১০ লাখের বেশি প্রি-অর্ডার পাওয়ার কথাও জানিয়েছিল।   তবে বাস্তবে সেই আগ্রহ বিক্রিতে রূপ নেয়নি। কক্স অটোমোটিভের কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বাজারে আসার পর থেকে সাইবারট্রাকের মোট বিক্রি হয়েছে আনুমানিক ৭১ হাজার ইউনিট। অথচ টেক্সাসের কারখানায় বছরে আড়াই লাখ সাইবারট্রাক উৎপাদনের সক্ষমতা তৈরি করেছিল টেসলা। পরিকল্পিত উৎপাদন সক্ষমতার তুলনায় গাড়িটির বিক্রি অনেক কম ছিল।   সাইবারট্রাক বাজারে আনার সময় সবচেয়ে সাশ্রয়ী সংস্করণের দাম ৪০ হাজার ডলারের নিচে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। পাশাপাশি উচ্চমূল্যের সংস্করণে একবার চার্জে সর্বোচ্চ ৫০০ মাইল চলার সক্ষমতার কথাও বলা হয়েছিল। কিন্তু বাজারে আসার পর গাড়িটির দাম ও রেঞ্জ কোনোটিই প্রাথমিক প্রতিশ্রুতি অনুযায়ী হয়নি।   প্রথমদিকে ২০২১ সালের শেষ নাগাদ সাইবারট্রাক বাজারে আনার পরিকল্পনা থাকলেও নকশা চূড়ান্ত করা, বড় আকারের স্টেইনলেস স্টিলের বডি তৈরি এবং করোনা মহামারির কারণে উৎপাদন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৩ সালে গাড়িটির বিক্রি শুরু হয়। এখন ২০২৭ সালের মাঝামাঝি উৎপাদন বন্ধ হলে বাজারে আসার প্রায় চার বছরের মধ্যেই সাইবারট্রাকের উৎপাদন কার্যক্রম শেষ হবে।   সাইবারট্রাকের পরিবর্তে টেসলা গুরুত্ব দিচ্ছে সাইবারক্যাব প্রকল্পে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য পরিকল্পিত একটি গাড়ি, যেখানে প্রচলিত স্টিয়ারিং হুইল কিংবা প্যাডেল নেই। মূলত রোবট্যাক্সি ও চালকবিহীন যাত্রী পরিবহন সেবার জন্য গাড়িটি তৈরি করছে টেসলা। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সাধারণ ক্রেতাদের কাছেও সাইবারক্যাব বিক্রি করা হতে পারে।   এর আগে টেসলার জনপ্রিয় মডেল এস সেডান ও মডেল এক্স এসইউভির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় মাস্ক জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট কারখানায় এসব গাড়ির উৎপাদনের জায়গা ব্যবহার করা হবে অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরির জন্য।   পরপর কয়েকটি গাড়ির মডেল বন্ধের সিদ্ধান্তে টেসলার ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল আরও স্পষ্ট হচ্ছে। প্রতিষ্ঠানটি প্রচলিত বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পাশাপাশি এআই, রোবটিকস, সফটওয়্যার এবং স্বয়ংক্রিয় পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে।   তবে এই পরিবর্তন নিয়ে গাড়িপ্রেমী ও টেসলার কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। বিশেষ করে যাঁরা নিজেরা গাড়ি চালাতে পছন্দ করেন, তাঁদের কাছে কোম্পানিটির ভবিষ্যৎ গাড়ির মডেল ও উৎপাদন পরিকল্পনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।   সাইবারট্রাকের উৎপাদন বন্ধ হলে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক পিকআপ ট্রাকের বাজারেও পরিবর্তন আসবে। বর্তমানে রিভিয়ানের আর১টি এবং জেনারেল মোটরসের শেভরোলেট সিলভেরাডো ইভি ও জিএমসি সিয়েরা ইভির মতো গাড়ি এই বাজারে রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠান নতুন বৈদ্যুতিক পিকআপ বাজারে আনার পরিকল্পনা করছে।   বিশ্লেষকদের মতে, সাইবারট্রাক বন্ধের পরিকল্পনা টেসলার ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় ব্যতিক্রমী বৈদ্যুতিক গাড়ি দিয়ে বাজারে আলোড়ন তৈরি করা প্রতিষ্ঠানটি এখন চালকবিহীন পরিবহন ও রোবট প্রযুক্তিকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছে।   সূত্র: ইয়াহু ফাইন্যান্স

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:২৬
যুক্তরাষ্ট্রের বিদ্যুতের দাম বাড়ার জন্য অনেকেই এআই ডেটা সেন্টারকে দায়ী করলেও নতুন গবেষণায় ভিন্ন চিত্র উঠে এসেছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিদ্যুতের দাম কেন বাড়ছে, হার্ভার্ডের নতুন গবেষণায় উঠে এলো আসল কারণ

যুক্তরাষ্ট্রে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় অনেকেই দায়ী করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ডেটা সেন্টারগুলোকে। তবে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার নতুন গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। গবেষকদের হিসাবে, গত পাঁচ বছরে আবাসিক বিদ্যুতের দাম যতটা বেড়েছে, তার মাত্র ৪ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী ডেটা সেন্টার। বরং প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি, পুরোনো বিদ্যুৎ গ্রিড সংস্কার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের খরচ বিদ্যুতের দাম বাড়ার গুরুত্বপূর্ণ কারণ।   শুক্রবার (৬ নভেম্বর) দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেটা সেন্টারের সংখ্যা। এসব স্থাপনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মধ্যে অনেকেই মনে করছেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের খরচ সাধারণ গ্রাহকদের বহন করতে হচ্ছে।   তবে হার্ভার্ড ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০২০ থেকে ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, দেশজুড়ে আবাসিক বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ডেটা সেন্টারের প্রভাব তুলনামূলকভাবে কম। গবেষণার অন্যতম লেখক ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের অধ্যাপক সের্গেই নেতেসিন জানিয়েছেন, এই ফলাফল তাঁর কাছেও কিছুটা বিস্ময়কর ছিল। তাঁর মতে, এখন পর্যন্ত ডেটা সেন্টারের কারণে সাধারণ মানুষের বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।   তবে শিল্পকারখানা ও বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিত্র কিছুটা আলাদা। গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে শিল্প খাতে বিদ্যুতের দাম যতটা বেড়েছে, তার প্রায় ১৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে ডেটা সেন্টারের সম্পর্ক রয়েছে। অর্থাৎ সাধারণ পরিবারের তুলনায় শিল্প খাতের বিদ্যুৎ খরচে এসব স্থাপনার প্রভাব বেশি।   এর আগেও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষণায় দেখা যায়, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ডেটা সেন্টারের কারণে যুক্তরাষ্ট্রে আবাসিক বিদ্যুতের গড় দাম বেড়েছে প্রায় ২ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ব্র্যাটল গ্রুপ ও লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির বিশ্লেষণে কিছু অঞ্চলে ডেটা সেন্টারের কারণে বিদ্যুৎ সরবরাহের খরচ কমার তথ্যও পাওয়া গেছে।   গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের বড় অংশের খরচ আসে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ট্রান্সমিশন লাইন এবং বিতরণ অবকাঠামো থেকে। অনেক এলাকায় পুরোনো বিদ্যুৎ গ্রিড সংস্কার করতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি এবং দাবানল ও হারিকেনের মতো দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত বিদ্যুৎব্যবস্থা পুনর্নির্মাণের খরচও গ্রাহকদের বিলের ওপর প্রভাব ফেলছে।   তবে সব অঙ্গরাজ্যে পরিস্থিতি এক নয়। পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও ওহাইওসহ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএমের আওতায় ডেটা সেন্টারের সংখ্যা দ্রুত বেড়েছে। এর ফলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পাশাপাশি নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে মেরিল্যান্ডের মতো অঙ্গরাজ্যে ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধির কারণে আবাসিক বিদ্যুতের দামও আংশিকভাবে বেড়েছে।   ব্র্যাটল গ্রুপের গবেষক রায়ান হ্লেডিক জানিয়েছেন, গবেষণার পদ্ধতি ও অঞ্চলভেদে ডেটা সেন্টারের কারণে বিদ্যুতের দাম কোথাও সামান্য বেড়েছে, আবার কোথাও কমেছে। তবে সামগ্রিকভাবে এখন পর্যন্ত এর প্রভাব প্রচলিত ধারণার তুলনায় অনেক কম।   এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা বাড়ছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার অনুষ্ঠিত ৪১টি স্থানীয় ভোটের মধ্যে ৪০টিতে ডেটা সেন্টার নির্মাণ সীমিত বা নিষিদ্ধ করার পক্ষে ফলাফল এসেছে। বিদ্যুতের দাম ছাড়াও শব্দদূষণ, পরিবেশের ক্ষতি এবং এআই প্রযুক্তির কারণে ভবিষ্যতে চাকরি কমে যাওয়ার আশঙ্কা এই বিরোধিতার পেছনে ভূমিকা রাখছে।   গবেষকেরা জানিয়েছেন, আগামী কয়েক বছরে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা আরও দ্রুত বাড়তে পারে। নতুন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা গড়ে তোলা না হলে ভবিষ্যতে আবাসিক গ্রাহকদের বিলেও এর প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্যও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে শীতকালে হিটিং এবং গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনিংয়ের কারণে বিদ্যুৎ খরচ বেড়ে গেলে পরিবারের মাসিক বাজেটে চাপ তৈরি হয়। নতুন গবেষণায় উঠে এসেছে, বিদ্যুতের বিল বৃদ্ধির পেছনে শুধু ডেটা সেন্টার নয়, জ্বালানির দাম, পুরোনো অবকাঠামো ও প্রাকৃতিক দুর্যোগের মতো একাধিক কারণ কাজ করছে।   সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:১৭
আইআরএস যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের জন্য নতুন ফেডারেল ইনকাম ট্যাক্স ব্র্যাকেট ঘোষণা করেছে। ছবি: সংগৃহীত
২০২৭ সালের নতুন ট্যাক্স ব্র্যাকেট ঘোষণা আইআরএসের, বাড়ছে কর ছাড়ের সুবিধা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের জন্য নতুন ফেডারেল ইনকাম ট্যাক্স ব্র্যাকেট ঘোষণা করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সাতটি ট্যাক্স ব্র্যাকেটের আয়সীমা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন ও চাইল্ড ট্যাক্স ক্রেডিটের পরিমাণ। তবে ফেডারেল ইনকাম ট্যাক্সের হার অপরিবর্তিত রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালে অর্জিত আয়ের ওপর এই করসীমা প্রযোজ্য হবে এবং সেই আয়ের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ২০২৮ সালে।   শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, আইআরএস প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্স ব্র্যাকেটের আয়সীমা পরিবর্তন করে। এর ফলে শুধু মূল্যস্ফীতির কারণে বেতন বা আয় বাড়লে করদাতাদের ওপর অতিরিক্ত করের চাপ কিছুটা কমানো সম্ভব হয়। এবারের ঘোষণায় ফেডারেল ইনকাম ট্যাক্সের সাতটি হার আগের মতোই ১০, ১২, ২২, ২৪, ৩২, ৩৫ ও ৩৭ শতাংশ রাখা হয়েছে।   নতুন নিয়ম অনুযায়ী, অবিবাহিত করদাতাদের প্রথম ১২ হাজার ৮০০ ডলার করযোগ্য আয়ের ওপর ১০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে। এরপর ৫২ হাজার ২৫ ডলার পর্যন্ত আয়ের পরবর্তী অংশে ১২ শতাংশ এবং ১ লাখ ৯ হাজার ১২৫ ডলার পর্যন্ত আয়ের অংশে ২২ শতাংশ কর দিতে হবে। সর্বোচ্চ ৩৭ শতাংশ কর প্রযোজ্য হবে ৬ লাখ ৬১ হাজার ৩৭৫ ডলারের বেশি করযোগ্য আয়ের অংশে।   অন্যদিকে বিবাহিত দম্পতিরা যৌথভাবে ট্যাক্স রিটার্ন জমা দিলে প্রথম ২৫ হাজার ৬০০ ডলার করযোগ্য আয়ের ওপর ১০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে। এরপর ১ লাখ ৪ হাজার ৫০ ডলার পর্যন্ত আয়ের অংশে ১২ শতাংশ এবং ২ লাখ ১৮ হাজার ২৫০ ডলার পর্যন্ত আয়ের অংশে ২২ শতাংশ কর দিতে হবে। যৌথভাবে রিটার্ন জমা দেওয়া দম্পতিদের ক্ষেত্রে ৭ লাখ ৯৩ হাজার ৬৫০ ডলারের বেশি করযোগ্য আয়ের অংশে সর্বোচ্চ ৩৭ শতাংশ কর প্রযোজ্য হবে।   করদাতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি। ২০২৭ করবর্ষে অবিবাহিত করদাতাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৬০০ ডলার। বিবাহিত দম্পতিরা যৌথভাবে ট্যাক্স রিটার্ন জমা দিলে এই সুবিধা পাবেন ৩৩ হাজার ২০০ ডলার পর্যন্ত। অন্যদিকে হেড অব হাউসহোল্ড হিসেবে রিটার্ন জমা দেওয়া করদাতাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ২৪ হাজার ৯২৫ ডলার।   স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো আয়কর হিসাব করার আগে নির্ধারিত পরিমাণ অর্থ বাদ দেওয়ার সুবিধা। অর্থাৎ একজন যোগ্য করদাতা তাঁর আয় থেকে নির্ধারিত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট করযোগ্য আয়ের ওপর ফেডারেল ইনকাম ট্যাক্স হিসাব করতে পারেন। ফলে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়লে অনেক করদাতার করযোগ্য আয়ের পরিমাণ কমতে পারে।   সন্তান থাকা পরিবারগুলোর জন্যও নতুন ঘোষণায় পরিবর্তন রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যোগ্য প্রতিটি সন্তানের জন্য সর্বোচ্চ ২ হাজার ২০০ ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার সুযোগ রয়েছে। ২০২৭ সালে এই পরিমাণ বেড়ে হবে ২ হাজার ৩০০ ডলার। একই সঙ্গে অতিরিক্ত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ফেরতযোগ্য অংশ সর্বোচ্চ ১ হাজার ৭০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৮০০ ডলার হবে।   তবে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে সন্তানের বয়স, পরিবারের আয় এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। সাধারণত ১৭ বছরের কম বয়সী যোগ্য সন্তানের জন্য এই সুবিধা প্রযোজ্য হয়। সব পরিবার স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ পরিমাণ অর্থ পাবে না।   নতুন ট্যাক্স ব্র্যাকেট নিয়ে করদাতাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। কারও আয় বেড়ে উচ্চ করের স্তরে পৌঁছালেই তাঁর সম্পূর্ণ আয়ের ওপর সেই উচ্চ হারে কর দিতে হয় না। বরং আয়ের বিভিন্ন অংশের ওপর আলাদা হারে কর হিসাব করা হয়।   উদাহরণ হিসেবে, ২০২৭ সালে কোনো অবিবাহিত করদাতার স্ট্যান্ডার্ড ডিডাকশনসহ অন্যান্য প্রযোজ্য ছাড় বাদ দেওয়ার পর করযোগ্য আয় ৪০ হাজার ডলার হলে প্রথম ১২ হাজার ৮০০ ডলারের ওপর ১০ শতাংশ এবং পরবর্তী ২৭ হাজার ২০০ ডলারের ওপর ১২ শতাংশ কর প্রযোজ্য হবে। এতে তাঁর মোট ফেডারেল ইনকাম ট্যাক্স দাঁড়াবে ৪ হাজার ৫৪৪ ডলার। অর্থাৎ সর্বোচ্চ প্রযোজ্য করের হার ১২ শতাংশ হলেও কার্যকর করের হার হবে প্রায় ১১ দশমিক ৩৬ শতাংশ।   এদিকে করযোগ্য আয় কমানোর জন্য যোগ্য করদাতারা অবসরকালীন সঞ্চয় কর্মসূচি, নির্দিষ্ট আইআরএ অবদান, স্টুডেন্ট লোনের সুদ এবং হেলথ সেভিংস অ্যাকাউন্টের মতো করসুবিধা বিবেচনা করতে পারেন। তবে প্রতিটি সুবিধার জন্য আলাদা যোগ্যতার শর্ত রয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবার, চাকরিজীবী, স্বনির্ভর কর্মী এবং ছোট ব্যবসায়ীদের জন্য নতুন ট্যাক্স ব্র্যাকেট গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা যৌথভাবে ট্যাক্স রিটার্ন জমা দেন, সন্তানসংক্রান্ত করসুবিধা পান কিংবা অবসরকালীন সঞ্চয়ে অর্থ জমা রাখেন, তাঁদের জন্য নতুন আয়সীমা ও ডিডাকশনের পরিবর্তন প্রাসঙ্গিক হতে পারে।   তবে ২০২৭ সালের নতুন ট্যাক্স ব্র্যাকেট ২০২৬ সালের আয়ের ওপর প্রযোজ্য হবে না। ২০২৬ সালের আয়ের ট্যাক্স রিটার্ন সাধারণত ২০২৭ সালে জমা দিতে হবে। অন্যদিকে নতুন ঘোষিত আয়সীমা কার্যকর হবে ২০২৭ সালে অর্জিত আয়ের ক্ষেত্রে, যার রিটার্ন জমা দেওয়া হবে ২০২৮ সালে।   সূত্র: ইয়াহু ফাইন্যান্স

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬ ০:৮
যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি যুগল। ছবি: সংগৃহীত
ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসার জয়, গাজায় একসঙ্গে বিয়ে করলেন ২৫০ যুগল

ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি। কেউ হারিয়েছেন মা, কেউ পরিবারের অন্য সদস্যদের। বাস্তুচ্যুত জীবনের অনিশ্চয়তা আর স্বজন হারানোর বেদনা নিয়েই নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি যুগল। ধ্বংসপ্রাপ্ত ভবন ও বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ড্রেস অব জয়-৩’।   শুক্রবার (৬ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির সমুদ্র উপকূলবর্তী সি ক্লাবে এই গণবিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন ২৫০ বর ও ২৫০ কনে। দীর্ঘদিনের যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে এমন আয়োজনে নবদম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশ তৈরি হয়।   বিয়ের শোভাযাত্রায় অংশ নেয় কয়েক ডজন গাড়ি। ফিলিস্তিনের পতাকা, ফুল ও লাল ফিতা দিয়ে সাজানো গাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশ দিয়ে উপকূলীয় সড়ক ধরে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। রাস্তার দুই পাশে ছিল যুদ্ধের ক্ষতচিহ্ন এবং বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু।   অনুষ্ঠানে বরদের পরনে ছিল বিয়ের পোশাক। অন্যদিকে কনেরা সেজেছিলেন সাদা পোশাকের সঙ্গে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী রঙিন নকশার পোশাকে। মাথায় সোনালি অলংকার, হাতে ফুলের তোড়া এবং ঐতিহ্যবাহী সূচিকর্ম করা আবরণে তাঁদের দেখা যায়। যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যেও বিয়ের আনুষ্ঠানিকতায় ছিল উৎসবের আবহ।   সংযুক্ত আরব আমিরাতের আল-ফারিস আল-শাহম-৩ অপারেশন সাপোর্ট কমিটি এবং সাকর বিন মোহাম্মদ আল কাসিমি চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় এই গণবিয়ের আয়োজন করা হয়। গাজার কঠিন জীবনযাত্রার কারণে যেসব তরুণ-তরুণীর পক্ষে বিয়ের খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে, তাঁদের সহায়তা করাই ছিল উদ্যোগটির উদ্দেশ্য।   গণবিয়েতে অংশ নেওয়া বর সাঈদ আল-নাজ্জার জানান, ইসরাইলি হামলায় তাঁদের পরিবারের বাড়ি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তাঁরা জাবালিয়া শরণার্থী শিবিরের ইয়েলো লাইনের কাছে একটি তাঁবুতে বসবাস করছেন। আয়োজকদের লটারিতে নির্বাচিত হয়ে বিয়েতে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।   আনাদোলুকে সাঈদ বলেন, ‘এই আনন্দ শুধু একজন বর কিংবা ২৫০ বরের নয়, এটি পুরো গাজার মানুষের আনন্দ।’ তাঁর ভাষায়, ইসরাইলি হামলায় অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছেন। নিজের পরিবারেরও থাকার মতো অন্য কোনো জায়গা নেই।   অন্যদিকে গণবিয়েতে অংশ নেওয়া মুনির আল-তাতারির আনন্দের সঙ্গে মিশে ছিল মাকে হারানোর বেদনা। যুদ্ধের সময় ইসরাইলি হামলায় তাঁর মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। একই হামলায় তাঁদের বাড়িটিও ধ্বংস হয়ে যায়।   জীবনের বিশেষ এই দিনে মাকে পাশে পাওয়ার ইচ্ছা ছিল মুনিরের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। মায়ের অনুপস্থিতি নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। মুনির বলেন, ‘গাজায় অবরোধ ও যুদ্ধের মধ্যেও আমরা আনন্দ করব এবং আমাদের হৃদয়ে আবারও আশার সঞ্চার করব।’   গণবিয়েতে অংশ নেওয়া আরেক বর মোহাম্মদ কুওয়াইদির সামনেও রয়েছে নতুন সংসার শুরু করার কঠিন বাস্তবতা। ইসরাইলি হামলায় বাড়ি হারানোর পর নতুন করে বাড়ি ভাড়া নেওয়া কিংবা কেনার সামর্থ্য নেই তাঁর। ফলে বিয়ের পর স্ত্রীকে নিয়ে তাঁবুতেই সংসার শুরু করতে হবে।   কুওয়াইদি জানান, গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তরুণদের জন্য বিয়ে করা আরও কঠিন হয়ে পড়েছে। বিয়ের পর কোথায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একটি তাঁবুতে বসবাস করব।’   আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ড্রেস অব জয়-৩’ গণবিয়েতে অংশ নিতে আবেদন করেছিলেন ১১ হাজার ৬২২ জন। নিবন্ধন ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ১ হাজার ৩৩৫ জন চূড়ান্ত লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান। সেখান থেকে নির্বাচিত ২৫০ বর তাঁদের কনেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।   আল-ফারিস আল-শাহম-৩ অপারেশন সাপোর্ট কমিটির সভাপতি মোহাম্মদ এরবি জানান, ৫০০ মানুষের এই গণবিয়ে দীর্ঘদিনের যুদ্ধ ও দুর্ভোগের মধ্যেও নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষাকে তুলে ধরেছে। ফিলিস্তিনি তরুণদের মনে আশা জাগানো এবং তাঁদের পরিবার গঠনে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য।   ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অভিযানে গাজার আবাসিক এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যেই তাঁদের দৈনন্দিন জীবন কাটছে।   এমন পরিস্থিতিতে ২৫০ যুগলের গণবিয়ে গাজার মানুষের জীবনে সাময়িক আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তবে নতুন সংসার শুরু করলেও অনেক নবদম্পতির সামনে রয়ে গেছে আশ্রয়, জীবিকা ও নিরাপত্তার অনিশ্চয়তা। ধ্বংসস্তূপের পাশে বিয়ের আয়োজন তাই একই সঙ্গে আনন্দ, স্বজন হারানোর বেদনা এবং নতুন জীবনের স্বপ্নের গল্প হয়ে উঠেছে।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ২৩:৫৪