- প্রচ্ছদ
- অন্যান্য
অন্যান্য
দুই দশক ধরে মুখভর্তি দাড়ি নিয়ে পরিচিতি গড়ে তুলেছেন ব্রিটিশ নারী হারনাম কৌর। এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছিল তার। তবে এবার সেই পরিচিত চেহারাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই নারী। ২০ বছর পর দাড়ি কামিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হারনাম। তবে নতুন চেহারা কবে প্রকাশ করবেন, তা এখনো জানাননি। হারনামের মুখে লোম গজানো শুরু হয় মাত্র ১১ বছর বয়সে। পরে তার শরীরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) শনাক্ত হয়। এটি নারীদের একটি হরমোনজনিত শারীরিক অবস্থা, যার কারণে মুখ ও শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোম গজাতে পারে। ইংল্যান্ডের বার্কশায়ারের বাসিন্দা হারনাম ছোটবেলা থেকেই নিজের চেহারার কারণে সহপাঠী ও অন্যদের কাছ থেকে উপহাসের শিকার হন। একপর্যায়ে মুখের লোম দূর করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলেও তাতে ত্বকের ক্ষতি হয়। পরে নিজের শারীরিক বৈশিষ্ট্য মেনে নিয়ে দাড়ি রাখার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর ২৪ বছর ২৮২ দিন বয়সে পূর্ণাঙ্গ দাড়িসহ বিশ্বের সবচেয়ে কমবয়সী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পান হারনাম। সে সময় তার দাড়ির দৈর্ঘ্য কোনো কোনো স্থানে প্রায় ১৫ সেন্টিমিটার বা ছয় ইঞ্চি ছিল। পরের বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশনাতেও তার এই অর্জন তুলে ধরা হয়। নিজের চেহারাকে গ্রহণ করার পাশাপাশি শরীর নিয়ে আত্মবিশ্বাস এবং অন্যের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে উপহাস বন্ধে সচেতনতামূলক কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন শরীর নিয়ে ইতিবাচক মনোভাব প্রচারের একজন পরিচিত কর্মী। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে হারনাম জানান, ২০ বছর পর নিজের এই পরিচিত চেহারা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত তার জন্য আবেগপূর্ণ। তবে একই সঙ্গে নতুন জীবনের অধ্যায় শুরু করার বিষয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই পরিবর্তন অন্য কারও প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের ইচ্ছাতেই করছেন। যারা অন্যের চেহারা নিয়ে বিচার করতে অভ্যস্ত, তারা সব সময়ই সমালোচনার নতুন বিষয় খুঁজে নেবে বলেও মন্তব্য করেন তিনি। দাড়ি কামানোর পর নিজের নতুন চেহারা নিয়ে এখনই প্রকাশ্যে আসতে চান না হারনাম। তিনি ধীরে ধীরে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চান। ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং নিজেকে প্রস্তুত মনে করলেই অনুসারীদের সামনে নতুন চেহারা প্রকাশ করবেন। তার এই সিদ্ধান্তকে জীবনের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন শুরুর অংশ হিসেবে দেখছেন তিনি। একসময় যে শারীরিক বৈশিষ্ট্যের কারণে উপহাসের শিকার হতে হয়েছিল, সেটিকেই আত্মপরিচয় ও আত্মবিশ্বাসের প্রতীকে পরিণত করেছিলেন হারনাম। এখন দাড়ি সরিয়ে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে চান তিনি। তবে তার বক্তব্যে স্পষ্ট, নিজের শরীর ও চেহারা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সব সময়ই ব্যক্তির নিজের। দুই দশকের পরিচিত চেহারা বদলালেও আত্মবিশ্বাস ও নিজের মতো করে বাঁচার বার্তাটি ধরে রাখতে চান এই ব্রিটিশ নারী। সংবাদসূত্র: পিপল ম্যাগাজিন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও ল্য পারিজিয়াঁ। 872 আইজেট
লটারিতে ৫০ মিলিয়ন ইউরো জিতে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল ফ্রান্সের একটি পরিবারের। তবে বিপুল অর্থ হাতে পেয়েও বিলাসী জীবন বেছে নেননি তারা। বরং নিজেদের ছোট শহরের মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন। ২০০৯ সালে ইউরোমিলিয়নস লটারি জেতার পর থেকে গত প্রায় ১৭ বছর ধরে স্থানীয় শিশুদের স্কুলের খাবারের খরচ বহন করছেন তারা। পাশাপাশি বৃদ্ধাশ্রমের ঋণ পরিশোধ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পেও অর্থ দিয়েছেন। এত কিছু করেও নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি এই দাতারা। ব্রিটিশ ও ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ফ্রান্সের শারঁত অঞ্চলের আঙুলেম শহরের কাছের সাঁ-মিশেল এলাকার। ২০০৯ সালের মার্চে ইউরোমিলিয়নস লটারিতে ৫০ মিলিয়ন ইউরো জেতেন স্থানীয় একটি পরিবার। জয়ের পরপরই তারা পৌর কর্তৃপক্ষকে ৪ লাখ ইউরো অনুদান দেন। এই অর্থের একটি অংশ দিয়ে স্থানীয় বৃদ্ধাশ্রমের প্রায় ১ লাখ ইউরোর ঋণ পরিশোধে সহায়তা করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য একটি কমিউনিটি সেন্টার নির্মাণের প্রকল্পেও অর্থ বরাদ্দ দেওয়া হয়। তাদের সহযোগিতার সবচেয়ে বড় সুবিধা পেয়েছে স্থানীয় স্কুলের শিশুরা। ২০০৯ সাল থেকেই পৌরসভার বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের খরচ বহন করতে শুরু করেন তারা। পরবর্তী বছরগুলোতে প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ হাজার ইউরো করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৮০ শিশুর স্কুলের খাবার বিনা মূল্যে সরবরাহ করা সম্ভব হয়েছে। বিশেষ করে একাধিক সন্তান রয়েছে এমন পরিবারগুলোর জন্য এটি বড় আর্থিক স্বস্তি এনে দেয়। স্কুলের খাবারের পাশাপাশি শিশুদের পুষ্টি ও খাদ্যাভ্যাস উন্নয়নে বিভিন্ন আয়োজনেও এই অর্থ ব্যবহার করা হয়েছে। তবে ২০২৬ সালে এসে অনুদানের ব্যবহারে পরিবর্তন এনেছেন ওই দাতারা। এবার খাবারের বিল পরিশোধের পরিবর্তে স্কুলের খাবারঘর সংস্কারে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রায় ৮০ হাজার ইউরোর এই অনুদানে খাবারঘরের শব্দ নিয়ন্ত্রণব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রণের উন্নয়ন করা হবে। স্থানীয় মেয়র ফাবিয়েন গডিশো জানিয়েছেন, স্কুলের ভবনগুলো এখনকার প্রয়োজনীয় মান পূরণ করতে পারছে না। বিশেষ করে গরমের সময় শিশুদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংস্কার জরুরি হয়ে পড়েছে। এ কারণে দাতাদের ইচ্ছা অনুযায়ী এবার অর্থটি অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। এতদিন দাতাদের অর্থে শিশুদের খাবারের খরচ সম্পূর্ণ বহন করা হলেও নতুন সিদ্ধান্তের ফলে পরিবারগুলোকে আবার কিছু অর্থ দিতে হবে। তবে খাবারের দাম রাখা হয়েছে প্রতি বেলা মাত্র ১ দশমিক ৫০ ইউরো। পৌর কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিনের এই সহায়তা স্থানীয় পরিবারগুলোর ওপর থেকে বড় ধরনের আর্থিক চাপ কমিয়েছে। প্রায় ১৭ বছর ধরে একইভাবে সহযোগিতা অব্যাহত রাখা ছোট একটি শহরের জন্য উল্লেখযোগ্য ঘটনা। এদিকে বিপুল অর্থ জেতার পরও পরিবারটি আগের মতোই সাধারণ জীবনযাপন করছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তারা নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। লটারি জয়ের অর্থ শুধু নিজেদের জীবন বদলানোর কাজে না লাগিয়ে একটি পুরো সম্প্রদায়ের কল্যাণে ব্যয় করার এই উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। তাদের সহায়তায় একদিকে যেমন বৃদ্ধাশ্রম আর্থিক সংকট কাটিয়েছে, অন্যদিকে কয়েক প্রজন্মের শিশু স্কুলে খাবারের নিশ্চয়তা পেয়েছে। সংবাদসূত্র: ল্য পারিজিয়াঁ, লা ভোয়া দু নর ও ল্যাভেনির। 872 আইজেট
উনিশ শতকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে দর্শকদের সামনে গান ও নাচ পরিবেশন করতেন মেক্সিকোর জুলিয়া পাস্ত্রানা। তবে তার প্রতিভার চেয়ে শারীরিক বৈশিষ্ট্যকে পুঁজি করে তাকে প্রদর্শনীর আকর্ষণ হিসেবে তুলে ধরা হতো। মুখ ও শরীরজুড়ে অতিরিক্ত লোম এবং মাড়ির অস্বাভাবিক বৃদ্ধির কারণে তৎকালীন প্রদর্শনীর আয়োজকেরা তাকে অবমাননাকর ‘দ্য এইপ ওম্যান’ বা ‘বানর নারী’ নামে পরিচিত করেছিল। ১৮৩৪ সালে জন্ম নেওয়া জুলিয়ার হাইপারট্রাইকোসিস ও জিঞ্জাইভাল হাইপারপ্লাসিয়া নামের দুটি বিরল শারীরিক অবস্থার কথা ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। তার জীবনকাহিনি পরবর্তী সময়ে উনিশ শতকের নিষ্ঠুর প্রদর্শনী ব্যবসার অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে। জুলিয়ার জীবনে থিওডোর লেন্ট নামে এক প্রদর্শনী ব্যবসায়ীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। লেন্ট প্রথমে তার ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন এবং পরে তাকে বিয়ে করেন। দুজন মিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। দর্শকদের সামনে জুলিয়া গান গাইতেন ও নাচতেন। তার শারীরিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটির ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৬০ সালে রাশিয়ার মস্কোতে সন্তান জন্ম দেওয়ার কয়েক দিন পর জুলিয়ার মৃত্যু হয়। তার নবজাতক সন্তানও জন্মের অল্প সময়ের মধ্যে মারা যায়। জুলিয়া ও তার সন্তানের মৃত্যুর পরও তাদের দেহাবশেষ নিয়ে ব্যবসা বন্ধ করেননি লেন্ট। তিনি দুজনের মরদেহ মস্কো বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করেন। সেখানে রাসায়নিক প্রক্রিয়ায় দেহ সংরক্ষণ করা হয়। পরে লেন্ট সেগুলো আবার কিনে নিয়ে বিভিন্ন স্থানে প্রদর্শন করতে থাকেন। এর মধ্যেই তিনি মারি বার্টেল নামে আরেক নারীকে বিয়ে করেন, যার শারীরিক অবস্থাও জুলিয়ার মতো ছিল। মারিকে প্রদর্শনীতে জুলিয়ার ছোট বোন হিসেবে পরিচয় করানো হতো এবং তার নাম দেওয়া হয়েছিল জেনোরা। লেন্টের মৃত্যুর পর মারি জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ বিক্রি করে দেন। এরপর বিভিন্ন শহরে সেগুলো প্রদর্শিত হতে থাকে। ১৯২১ সালে নরওয়ের একটি বড় বিনোদন মেলার ব্যবস্থাপক হাকন লুন্ড জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ কিনে নেন। ১৯৫০-এর দশক পর্যন্ত বিভিন্ন সময়ে সেগুলো প্রদর্শন করা হয়। ১৯৭০ সালে আবারও প্রদর্শন শুরু হলে সংবাদপত্রে ব্যাপক সমালোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও নরওয়েতে সেগুলো প্রদর্শিত হয়। ১৯৭৩ সালে সুইডেনের একটি মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও দেশটির কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করে। ১৯৭৬ সালে অসলোতে সংরক্ষিত অবস্থায় থাকা জুলিয়ার দেহাবশেষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার সন্তানের দেহাবশেষও হারিয়ে যায়। পরবর্তী সময়ে জুলিয়ার দেহাবশেষ নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রাখা হয়। ১৯৯০ সালে একটি টেলিভিশন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে তার দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে যথাযথভাবে সমাহিত করার দাবি জানিয়ে আসছিলেন মেক্সিকান শিল্পী লরা অ্যান্ডারসন বারবাটা। ২০১২ সালে নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি বিষয়টি পর্যালোচনা করে। কমিটি জানায়, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর জুলিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য ছিল না। তার দেহাবশেষ গবেষণার নামে অনির্দিষ্টকাল সংরক্ষণ না করে মেক্সিকোতে ফিরিয়ে সমাহিত করার সুপারিশ করা হয়। অবশেষে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নরওয়ে থেকে জুলিয়ার দেহাবশেষ মেক্সিকোতে ফিরিয়ে নেওয়া হয়। সাদা কফিনে করে তার দেহাবশেষ নিজ জন্মস্থান সিনালোয়া অঙ্গরাজ্যে পৌঁছায়। ১২ ফেব্রুয়ারি সিনালোয়া দে লেইভা শহরে ক্যাথলিক ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে সমাহিত করা হয়। তার দেহাবশেষ ফেরত দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ভবিষ্যতে যেন আর কখনো তাকে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহার করা না হয়। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলা অবমাননাকর প্রদর্শনীর অবসান ঘটে এই সমাধির মধ্য দিয়ে। সংবাদসূত্র: নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। 872 আইজেট
অস্ট্রেলিয়ায় ১২ লাখ বিদেশি কর্মী নিয়োগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে সতর্ক থাকা জরুরি। দেশটির সরকার ১২ লাখ বিদেশি কর্মী নিয়োগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে—এমন তথ্য নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়ার শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে এবং বিভিন্ন পেশায় বিদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ অর্থবছরের স্থায়ী অভিবাসন কর্মসূচিতে মোট ১ লাখ ৮৫ হাজার অভিবাসনের সুযোগ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৪০টি স্থান দক্ষ কর্মী অভিবাসন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে। তবে এই সংখ্যা সরাসরি বিদেশ থেকে নতুন কর্মী নিয়োগের সংখ্যা নয়।অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিভিন্ন খাতে কর্মীসংকট এবং চাকরির শূন্যপদ থাকায় বিদেশি দক্ষ কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে। কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে? অস্ট্রেলিয়ায় বিশেষ করে কয়েকটি খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। ১. স্বাস্থ্যসেবা ও নার্সিং। ২. নির্মাণ ও প্রকৌশল। ৩. বৈদ্যুতিক ও কারিগরি কাজ। ৪. তথ্যপ্রযুক্তি। ৫. শিশু পরিচর্যা ও শিক্ষা। ৬. হোটেল ও পর্যটনশিল্প। ৭. শেফ ও রেস্তোরাঁর কাজ। ৮. যন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ। অস্ট্রেলিয়ার সরকারি চাকরি ও দক্ষতা বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, বিভিন্ন কারিগরি পেশা, প্রকৌশল এবং স্বাস্থ্যসেবা খাতে কর্মীসংকট রয়েছে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় চাকরি করতে আগ্রহীদের সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা থাকতে হবে। কিছু পেশার ক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি বা মূল্যায়ন প্রয়োজন হয়। এ ছাড়া নিয়োগকর্তার স্পনসরশিপের মাধ্যমে নির্দিষ্ট কর্মভিসায় আবেদন করার সুযোগ রয়েছে। তবে ভিসার ধরন অনুযায়ী যোগ্যতা ও শর্ত আলাদা। প্রতারণা থেকে সতর্ক থাকুন অস্ট্রেলিয়ায় চাকরির সুযোগের কথা বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বড় অঙ্কের টাকা দাবি করলে আগে যাচাই করা জরুরি। চাকরির প্রস্তাব, নিয়োগকর্তার পরিচয় এবং ভিসার বৈধতা নিশ্চিত না হয়ে কাউকে টাকা দেওয়া উচিত নয়। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে চাকরি ও ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ভিসার তথ্য: https://immi.homeaffairs.gov.au/ চাকরি ও দক্ষতার তথ্য: https://www.jobsandskills.gov.au/ সরকারি চাকরির বিজ্ঞপ্তি: https://www.workforceaustralia.gov.au/ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক চাকরির সুযোগ রয়েছে। তবে ১২ লাখ বিদেশি কর্মী নিয়োগের দাবিটি এখনো সরকারি তথ্য দিয়ে নিশ্চিত নয়। তাই কোনো প্রলোভনে না পড়ে সরকারি নিয়ম মেনে আবেদন করাই হবে নিরাপদ পথ। সংবাদসূত্র: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ, অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো, জবস অ্যান্ড স্কিলস অস্ট্রেলিয়া। 874 এসকিউ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউটন শহরে হাঁটতে বেরিয়ে এক নারী পড়েন বুনো টার্কির পালের তাড়া খাওয়ার মুখে। একের পর এক টার্কি তাঁকে অনুসরণ করতে থাকলে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির চালক ও যাত্রী তাঁকে সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের পরামর্শে ওই নারী গাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী দ্রুত হাঁটছেন আর কয়েকটি বুনো টার্কি তাঁকে অনুসরণ করছে। পাখিগুলো ডাকতে ডাকতে তাঁর পেছনে এগিয়ে আসছিল। এ সময় একটি গাড়ি তাঁর কাছে থামে। গাড়ির ভেতর থেকে চালক ও যাত্রী তাঁকে দ্রুত গাড়িতে উঠে পড়তে বলেন। নারীটি গাড়িতে ওঠার পর টার্কিগুলো গাড়িটিকে ঘিরে ঘোরাঘুরি করতে থাকে। ঝোপের আড়াল থেকেও আরেকটি টার্কিকে বেরিয়ে আসতে দেখা যায়। ঘটনায় কোনো মানুষ বা টার্কি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাড়ির চালক ও যাত্রীর দ্রুত সহায়তায় ওই নারী নিরাপদে সরে যেতে সক্ষম হন। ঘটনাটির ভিডিও সরবরাহ করেছেন ট্যারিন লাপ্রেড। সিএনএনের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিংয়ের আগে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি স্থানীয়দের নজর কেড়েছে। ম্যাসাচুসেটসে বুনো টার্কির আনাগোনা নতুন কিছু নয়। অঙ্গরাজ্যের বন্যপ্রাণী বিভাগ ম্যাসওয়াইল্ডলাইফের তথ্য অনুযায়ী, সেখানে বুনো টার্কির সংখ্যা ২৫ হাজারের বেশি। বনাঞ্চলের পাশাপাশি শহর ও শহরতলির আবাসিক এলাকাতেও এসব পাখির বিচরণ রয়েছে। খাবারের সহজলভ্যতা এবং মানুষের কাছাকাছি থাকার কারণে কোনো কোনো টার্কি মানুষের উপস্থিতিতে অভ্যস্ত হয়ে আক্রমণাত্মক আচরণ করতে পারে। বন্যপ্রাণী বিভাগের পরামর্শ অনুযায়ী, বুনো টার্কিকে খাবার দেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ নিয়মিত খাবার পেলে তারা মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরশীল ও সাহসী হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রজনন মৌসুমে এ ধরনের আচরণ আরও বেশি দেখা যায়। সংবাদসূত্র: কেসিআরএ, সিএনএন নিউসোর্স, ম্যাসওয়াইল্ডলাইফ।
চীনের প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা ঝাওছিং লি। নিজের এলাকায় তিনি পরিচিত ‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ হিসেবে। গ্রামের মানুষের দেওয়া এই পরিচিতি একসময় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত হাস্যরসের সঙ্গে ভিডিও করে ইনস্টাগ্রামে প্রকাশ করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর ভিডিও দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় এক লাখে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঝাওছিংয়ের জনপ্রিয়তার পেছনে রয়েছে তাঁর স্বাভাবিক জীবনযাপন ও ভিডিও তৈরির নিজস্ব ধরন। গ্রামের সাধারণ পরিবেশে কাটানো সময়, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মজার মুহূর্তগুলোই তাঁর ভিডিওর প্রধান বিষয়। জনপ্রিয় হওয়ার জন্য শুরুতে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না তাঁর। বরং নিজের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল উদ্দেশ্য। তবে সেই সাধারণ ভিডিওগুলোই তাঁকে স্থানীয় পরিচিতির গণ্ডি ছাড়িয়ে অনলাইন জগতে পরিচিত করে তুলেছে। কলম্বিয়ার সংবাদমাধ্যম এল তিয়েম্পোর ২০২৫ সালের ২৮ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তখনই ঝাওছিংয়ের অনুসারীর সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছাচ্ছিল। তাঁর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের বাইরেও পরিচিতি তৈরি হয়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও উৎসবে আমন্ত্রণ পেতে শুরু করেন তিনি। এমনকি তাঁর ব্যক্তিগত সাজসজ্জা ও সৌন্দর্যচর্চা নিয়ে পরামর্শ চাইতে আসেন অন্য পুরুষেরাও। প্রতিবেদনটিতে আরও বলা হয়, চীনের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে ঝাওছিংয়ের চেহারার বৈশিষ্ট্যকে আকর্ষণীয় হিসেবে দেখা হয়। স্থানীয় সৌন্দর্যবোধের সঙ্গে তাঁর চেহারার মিল থাকায় নারীদের মধ্যেও তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে কিছু স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বসবাসের নির্দিষ্ট গ্রাম এবং এই জনপ্রিয়তা নিয়ে বিস্তারিত স্বাধীন তথ্য পাওয়া যায়নি। এত পরিচিতি পাওয়ার পরও নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চান না ঝাওছিং। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের সৌন্দর্য ও জনপ্রিয়তাকে আশীর্বাদ হিসেবে দেখার কথা জানিয়েছেন। তবে এসব নিয়ে অতিরিক্ত মাতামাতি না করে সাধারণ জীবন কাটানোই তাঁর পছন্দ। মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা উপভোগ করলেও খ্যাতিকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য করতে চান না তিনি। ইন্টারনেটে পরিচিতি পাওয়ার এই ঘটনা আবারও দেখিয়েছে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক আগ্রহের বিষয় হয়ে উঠতে পারে। তবে ঝাওছিংয়ের পরিচিতি ও অনুসারীর সংখ্যা নিয়ে প্রচারিত তথ্যগুলো বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। তাঁর জীবনী ও জনপ্রিয়তার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংবাদসূত্র: এল তিয়েম্পো, লা তেহা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে থ্যাংকসগিভিংয়ের ছুটিকে সামনে রেখে ভারী বৃষ্টি, ঝড়ো বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগর থেকে নতুন ঝড় এগিয়ে আসার পাশাপাশি বছরের অন্যতম উচ্চ জোয়ার বা ‘কিং টাইড’ দেখা দেওয়ার পূর্বাভাস রয়েছে। এতে বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকা ও উপকূলীয় নিচু অঞ্চলগুলোতে বন্যার ঝুঁকি বাড়তে পারে। ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। এর সঙ্গে প্রশান্ত মহাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পবাহী বায়ুপ্রবাহ যুক্ত হওয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত এবং উপকূলে শক্তিশালী ঢেউ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান ফ্রান্সিসকো উপকূল ও সান পাবলো বে এলাকায় জোয়ারের কারণে নিচু স্থানে প্রায় ২ দশমিক ৮ ফুট পর্যন্ত পানি জমতে পারে। এতে সড়ক, অবকাঠামো ও উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র আগেই সংগ্রহ করে রাখতে বলেছেন। শহর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থাপনা কার্যক্রমও জোরদার করেছে। মেরিন কাউন্টিতেও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে জোয়ারের সময় নিচু ও উপকূলীয় এলাকায় গাড়ি চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ পানি বেড়ে গেলে সড়ক বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় অস্থায়ী বন্যা প্রতিরোধক দেয়াল ও পানি আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। সান ফ্রান্সিসকো-ওকল্যান্ড বে ব্রিজের টোল প্লাজার কাছেও বিশেষ বন্যা প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পশ্চিম আলামেডা থেকে ওকল্যান্ডে যাওয়ার গুরুত্বপূর্ণ পোসি টিউব সুড়ঙ্গও বন্যার ঝুঁকির কারণে বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও উপকূলীয় বন্যা ও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। হান্টিংটন বিচ, নিউপোর্ট বিচ, লং বিচ, রেডন্ডো বিচ ও সান ডিয়েগোর মতো এলাকায় আগে থেকেই উপকূলীয় পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যার প্রভাব দেখা গেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এবারের অস্বাভাবিক জোয়ার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিমানবন্দর, মহাসড়ক ও স্থানীয় পরিবহন ব্যবস্থায় বিলম্ব তৈরি করতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোর পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণের আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস, বিমান সংস্থার ফ্লাইটের অবস্থা এবং সড়কের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যার পানিতে গাড়ি চালানো, বন্ধ সড়কে প্রবেশ এবং বড় ঢেউয়ের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে বলেছে কর্তৃপক্ষ। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে পরিবার নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও জাতীয় আবহাওয়া বিভাগের সতর্কবার্তা অনুসরণ করাই হবে নিরাপদ। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, লস অ্যাঞ্জেলেস টাইমস, ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এবিসি নিউজ।
মুখের দুই পাশে বড় আকারের টিউমারসদৃশ পিণ্ড নিয়ে প্রায় ২১ বছর কাটিয়েছেন ভিয়েতনামের উত্তরাঞ্চলের নারী লি মুই শিয়েন। পিণ্ড দুটি ধীরে ধীরে এত বড় হয়ে উঠেছিল যে তাঁর চোখ ওপরের দিকে সরে যায়, নাক ঢেকে যায় এবং চলাফেরার সময় পথ দেখতেও অসুবিধা হতো। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা করাতে পারেনি পরিবার। একপর্যায়ে স্বেচ্ছাসেবীদের সহায়তায় ২০১৫ সালে হ্যানয়ের কে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসার পর নিজের জন্য পাওয়া অনুদানের অর্থ থেকে অন্য অসহায় পরিবার ও হৃদ্রোগে আক্রান্ত এক শিশুকেও সহায়তা করেন তিনি। ভিয়েতনামের কাও ব্যাং প্রদেশের নগুয়েন বিন জেলার বান পাত গ্রামে বসবাস করতেন শিয়েন। তৃতীয় সন্তান জন্মের পর তাঁর দাঁতে তীব্র ব্যথা শুরু হয়। প্রত্যন্ত পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারটির চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য ছিল না। তাই প্রথমে বনজ গাছগাছড়া দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে দুই গাল ফুলে উঠতে থাকে এবং সেখানে বড় পিণ্ড তৈরি হয়। একপর্যায়ে সেগুলো মুখের বড় অংশ ঢেকে ফেলে। ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিয়েতনামনেটের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মুখের সবচেয়ে বড় পিণ্ডটির আকার ছিল ৮ বাই ১১ বাই ১৮ সেন্টিমিটার। পিণ্ডগুলো চোখের কোটর ও নাকের হাড়ে চাপ সৃষ্টি করছিল। এতে তাঁর দৃষ্টিশক্তি কমে যায় এবং স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। চিকিৎসকেরা পরীক্ষার পর রোগটির নাম জানান চোয়াল ও মুখের হাড়ের ফাইব্রাস ডিসপ্লাসিয়া। এটি এমন একটি অবস্থা, যেখানে স্বাভাবিক হাড়ের জায়গায় অস্বাভাবিক আঁশযুক্ত টিস্যু তৈরি হয়ে হাড়ের গঠন ও আকৃতিতে পরিবর্তন ঘটাতে পারে। পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের বিপুল ব্যয় বহন করা সম্ভব হয়নি। স্থানীয় মানুষের কেউ কেউ তাঁর চেহারা দেখে ভয় পেতেন, এমনকি শিশুরাও তাঁকে নিয়ে কটূক্তি করত। এতে তিনি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তাঁর প্রতিবেশীদের মধ্যে অনেকে সহানুভূতি দেখিয়েছেন এবং কঠিন সময়ে পাশে থেকেছেন। ২০১৫ সালে কাও ব্যাং ডিসকভারি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নজরে আসে শিয়েনের দুরবস্থার কথা। সংগঠনটির সদস্য নগুয়েন ভিয়েত আনহ তাঁর চিকিৎসার জন্য সহায়তা সংগ্রহ শুরু করেন। বিভিন্ন ব্যক্তি ও দাতব্য সংগঠনের কাছ থেকে অর্থ সংগ্রহের পর তাঁকে হ্যানয়ে নিয়ে যাওয়া হয়। ২৭ মে রাজধানীর কে হাসপাতালে চিকিৎসকেরা ছয় ঘণ্টার বেশি সময় ধরে অস্ত্রোপচার করেন। এতে মুখের দুই বড় পিণ্ড অপসারণের পাশাপাশি নাকের পুনর্গঠন করা হয় এবং চোখ দুটিকে আবার স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনা হয়। অস্ত্রোপচারের পর শিয়েন জ্ঞান ফিরে পেলে প্রথমেই আয়না দেখতে চেয়েছিলেন বলে পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন। চিকিৎসকদের প্রচেষ্টায় তাঁর মুখের গঠন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ২০২১ সালে ভিয়েতনামের সংবাদমাধ্যম তুয়ই ত্রে নিউজকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারের পাঁচ বছর পর তিনি আগের তুলনায় স্বাভাবিকভাবে খাওয়া, কথা বলা ও শ্বাস নেওয়া শুরু করেন। মানুষের সামনে চলাফেরার ক্ষেত্রেও তাঁর সংকোচ অনেকটা কমে আসে। শিয়েনের জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, চিকিৎসার জন্য পাওয়া সহায়তার অর্থ থেকে তিনিও অন্যদের পাশে দাঁড়ান। কাও ব্যাং প্রদেশের স্থানীয় সংবাদমাধ্যমের ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী, জন্মগত হৃদ্রোগে আক্রান্ত এক শিশুর অস্ত্রোপচারের জন্য তিনি ৩ কোটি ভিয়েতনামি ডং সহায়তা দেন। পাশাপাশি নিজের গ্রামের ২৪টি পরিবারকে প্রতিটি ৫০ কেজি করে চাল দেন। অবশিষ্ট অনুদানের অর্থ থেকে তাঁর নামে ১০ কোটির বেশি ডংয়ের সঞ্চয় গড়ে তোলা হয় এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য দুটি মহিষ কেনা হয়। দীর্ঘদিনের শারীরিক কষ্ট, চিকিৎসার অনিশ্চয়তা এবং সামাজিক অবহেলার মধ্য দিয়ে যাওয়া শিয়েনের জীবনে অস্ত্রোপচারটি বড় পরিবর্তন নিয়ে আসে। নিজের চিকিৎসায় অন্য মানুষের সহায়তা পাওয়ার পর সেই সহায়তার একটি অংশ আবার অসহায় মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার ঘটনাটি ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমেও উঠে এসেছে। তাঁর গল্পটি শুধু চিকিৎসায় ফিরে পাওয়ার নয়, বরং কঠিন সময় পার করে অন্যের পাশে দাঁড়ানোরও একটি উদাহরণ। সংবাদসূত্র: ভিয়েতনামনেট, তুয়ই ত্রে নিউজ, কাও ব্যাং সংবাদপত্র।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টের বাসিন্দা নেশকা ফুয়েরজিনা। সাবেক এই সেনাসদস্যের শরীরের ৯৯ দশমিক ৯৮ শতাংশজুড়ে রয়েছে ট্যাটু। শুধু তাই নয়, শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন ১১০ বার। এসব ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। নারীদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাটু করা ব্যক্তি এবং সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তন আনার স্বীকৃতি রয়েছে তাঁর নামে। ২০২৪ সালের ২২ আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রথমবার তাঁর দুটি রেকর্ডের স্বীকৃতির কথা প্রকাশ করে। তখন তাঁর শরীরে ট্যাটুর পরিমাণ ছিল ৯৯ দশমিক ৯৮ শতাংশ এবং শারীরিক পরিবর্তনের সংখ্যা ছিল ৮৯। আগের রেকর্ডধারী মেক্সিকোর মারিয়া হোসে ক্রিসতের্নার শরীরে পরিবর্তনের সংখ্যা ছিল ৪৯। অর্থাৎ প্রথম স্বীকৃতির সময়ই আগের রেকর্ডের চেয়ে ৪০টি বেশি শারীরিক পরিবর্তন এনে নতুন রেকর্ড গড়েছিলেন নেশকা। তবে ৮৯টি পরিবর্তনের সেই সংখ্যাও এখন পুরোনো। ২০২৫ সালের ১০ জানুয়ারি ইতালির মিলানে অনুষ্ঠিত 'লো শো দেই রেকর্ড' অনুষ্ঠানে নিজের শারীরিক পরিবর্তনের সংখ্যা ১১০-এ উন্নীত করে নতুন রেকর্ড গড়েন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, আগেরবার রেকর্ড যাচাইয়ের পর আরও ২১টি পরিবর্তন যুক্ত করেছেন নেশকা। বর্তমানে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তনের স্বীকৃত রেকর্ডটি তাঁর দখলে। নেশকার শরীরে ট্যাটু রয়েছে মাথার ত্বক থেকে হাত-পা পর্যন্ত। এমনকি চোখের সাদা অংশ, মাড়ি ও জিহ্বাতেও ট্যাটু করিয়েছেন তিনি। শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছিদ্র করে অলংকার পরা, জিহ্বা দুই ভাগ করা এবং ত্বকের নিচে বিশেষ পরিবর্তন আনার মতো পদ্ধতি। তাঁর শরীরের এই রূপান্তর এক দিনে হয়নি। দীর্ঘদিন ধরে ধাপে ধাপে ট্যাটু ও অন্যান্য পরিবর্তনের মধ্য দিয়ে নিজের পছন্দের শারীরিক অবয়ব তৈরি করেছেন তিনি। প্রায় ১০ বছর আগে জিহ্বা দুই ভাগ করার মাধ্যমে বড় ধরনের শারীরিক পরিবর্তনের যাত্রা শুরু করেন নেশকা। এর আগে ২১ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের দর্শন তুলে ধরে তিনি বলেন, তাঁর মূল ভাবনা হলো অন্ধকারকে সৌন্দর্যে রূপ দেওয়া। ইংরেজিতে তাঁর এই দর্শনের নাম 'টার্নিং ডার্কনেস ইনটু বিউটি'। শরীরকে নিজের সৃজনশীলতার প্রকাশ হিসেবে দেখেন তিনি। নেশকার এই রূপান্তর নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও রয়েছে। তবে তিনি প্রচলিত সৌন্দর্যের ধারণা অনুসরণ করার চেয়ে নিজের পছন্দ ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছেন। গিনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে এত দূর এগিয়ে যাওয়ার কথা কল্পনাও করেননি। সময়ের সঙ্গে নিজের শরীরের ট্যাটুগুলোর নকশায় সামঞ্জস্য আনার চেষ্টা করেছেন। তাঁর কাছে এটি শুধু রেকর্ড গড়ার বিষয় নয়, বরং নিজের পরিচয় ও সৃজনশীলতা প্রকাশের একটি উপায়। দুটি বিশ্বরেকর্ড গড়ার পরও থেমে থাকার পরিকল্পনা নেই নেশকার। ২০২৫ সালের জানুয়ারিতে ১১০টি শারীরিক পরিবর্তনের নতুন রেকর্ড গড়ার পর তিনি জানান, ট্যাটু ও শারীরিক পরিবর্তনের বাইরে অন্য ধরনের একটি বিশ্বরেকর্ড নিয়েও তাঁর গোপন পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি। নিজের ব্যতিক্রমী জীবনযাপন ও শরীরের রূপান্তরের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই মার্কিন নারী এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আলোচিত ব্যক্তিদের একজন। সংবাদসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)।
কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে দায়িত্ব পালন এবং গ্রাহকদের নিরাপত্তায় অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন আমিনা নামের এক নারী কর্মী। অক্টোবর মাসের 'সেফটি অ্যাসোসিয়েট অব দ্য মান্থ' হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অভিনন্দনবার্তায় তাঁর কাজের প্রশংসা করা হয়েছে। প্রকাশিত বার্তায় বলা হয়েছে, নিরাপদভাবে দায়িত্ব পালন এবং গ্রাহকদের নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখায় আমিনাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বশীল কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত বার্তায় আমিনার কাজকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। 'সেফটি অ্যাসোসিয়েট অব দ্য মান্থ' মূলত কর্মক্ষেত্রে নিরাপত্তাসচেতনতার জন্য দেওয়া একটি মাসিক স্বীকৃতি। তবে আমিনা কোন প্রতিষ্ঠানে কাজ করেন, তাঁর পূর্ণ নাম কী এবং কোন শহরে তিনি কর্মরত, তা প্রকাশিত সংক্ষিপ্ত বার্তায় উল্লেখ করা হয়নি। তাঁর ব্যক্তিগত পরিচয়, চাকরির মেয়াদ কিংবা পুরস্কার প্রদানের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
দাঁত দিয়ে গাজর কামড়ে তৈরি করছেন চীনের ঐতিহাসিক স্থাপনা, ফুল, পশুপাখি থেকে শুরু করে নানা ধরনের ভাস্কর্য। শুধু মহাপ্রাচীরের প্রতিকৃতি তৈরি করতেই তাঁর সময় লেগেছে প্রায় এক সপ্তাহ। অদ্ভুত এই শিল্পকর্ম তৈরির কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন চীনের ২৫ বছর বয়সী তরুণী চেন ছিন। তাঁর কাজ দেখে অনেকে মজা করে বলছেন, যেন মুখের ভেতরেই রয়েছে ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্র। চীনের হুবেই প্রদেশের এনশি এলাকার বাসিন্দা চেন ছিনের এই প্রতিভার শুরুটা ছিল একেবারেই ঘটনাচক্রে। ২০২৫ সালের বসন্ত উৎসবের ছুটিতে সরাসরি সম্প্রচার চলাকালে সময় কাটাতে কাটাতে গাজর খাচ্ছিলেন তিনি। একপর্যায়ে গাজর কামড়ে একটি চাবির মতো আকৃতি তৈরি করেন। বিষয়টি দর্শকদের নজর কাড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর এই ব্যতিক্রমী দক্ষতার প্রশংসা করেন। এরপর বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চেন এবং ধীরে ধীরে এটিকে নিয়মিত সৃজনশীল কাজে পরিণত করেন। শুরুতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কাজ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাজরকেই প্রধান উপাদান হিসেবে বেছে নেন তিনি। গাজরের শক্তপোক্ত গঠন ও রং সূক্ষ্ম নকশা তৈরির জন্য উপযোগী। এখন পর্যন্ত তিনি শতাধিক শিল্পকর্ম তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে চীনের মহাপ্রাচীর, বিখ্যাত হলুদ সারস মিনার, বিভিন্ন প্রাণী, ফুল এবং চীনের ঐতিহ্যবাহী পোশাকের অনুষঙ্গ। তাঁর তৈরি কিছু শিল্পকর্মে এত সূক্ষ্ম নকশা রয়েছে যে প্রথম দেখায় সেগুলো গাজর দিয়ে তৈরি বলে বোঝা কঠিন। বড় আকারের স্থাপনা তৈরির ক্ষেত্রে চেন আগে থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। স্থাপনাটির গঠন, তলার সংখ্যা, ছাদ ও দেয়ালের নকশা ভালোভাবে বুঝে নেন। এরপর বাঁশ ও কাঠ দিয়ে ভেতরের সহায়ক কাঠামো তৈরি করেন। গাজর প্রয়োজনমতো কেটে নিয়ে দাঁত দিয়ে কামড়ে একেকটি অংশের আকৃতি দেন। পরে সেগুলো জোড়া লাগিয়ে সম্পূর্ণ শিল্পকর্ম তৈরি করেন। চীনের হলুদ সারস মিনারের মতো স্থাপনা তৈরিতেও তাঁকে কয়েক দিন সময় দিতে হয়েছে। চেন পেশাদার ভাস্কর নন। তবে ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০২১ সালে এনশি ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ত্রিমাত্রিক অ্যানিমেশন বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। পরে গ্রাফিক ডিজাইন ও দেয়ালচিত্র তৈরির কাজও করেছেন। নকশা ও কাঠামো সম্পর্কে এই অভিজ্ঞতা তাঁর গাজরের শিল্পকর্ম তৈরিতে সহায়তা করছে বলে ধারণা করা হয়। তাঁর কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সংশয়ও তৈরি হয়েছিল। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি কোনো খোদাইয়ের সরঞ্জাম ছাড়া শুধু দাঁত দিয়ে এত সূক্ষ্ম কাজ করা সম্ভব। জবাবে চেন সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিজের কাজের পুরো প্রক্রিয়া দেখিয়েছেন। চায়না নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, তাঁর একটি ভিডিও সর্বোচ্চ পাঁচ কোটি বার দেখা হয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। তবে এই ব্যতিক্রমী কাজের কিছু শারীরিক ঝুঁকিও রয়েছে। দীর্ঘসময় দাঁত দিয়ে গাজর কামড়ে আকৃতি তৈরি করলে দাঁত ও চোয়ালে চাপ পড়ে। চেন নিজেও দাঁত ও গালের অস্বস্তির কথা জানিয়েছেন। এ কারণে শিশুদের তাঁর কাজ অনুকরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, খাবার অপচয়ের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে চেন জানিয়েছেন, শিল্পকর্ম তৈরির পর খাওয়ার উপযোগী গাজর রান্নায় ব্যবহার করা হয় এবং অবশিষ্ট অংশ পশুপাখির খাবার হিসেবে কাজে লাগে। বর্তমানে চেন তাঁর শিল্পকর্মে চীনের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরছেন। বিশেষ করে শিশুদের কাছে ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চান তিনি। অপ্রচলিত এই শিল্পের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোই এখন তাঁর অন্যতম লক্ষ্য। সূত্র: চায়না নিউজ সার্ভিস, সাউথ চায়না মর্নিং পোস্ট
চীনকে ভালোবাসে কি না, ছয় বছর বয়সী ছেলেকে এমন প্রশ্ন করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। জবাবে সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে ওঠে তাঁর ছেলে। চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন ঘিরে আয়োজিত এক বৈঠকে এই মজার মুহূর্তের দেখা মেলে। সেখানে চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রেন হংবিনের সঙ্গে বৈঠক করছিলেন মাস্ক। বৈঠকে নিজেকে চীন ও দেশটির প্রযুক্তির বড় অনুরাগী হিসেবে পরিচয় করিয়ে দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী। এরপর পাশে বসে থাকা ছেলেকে জিজ্ঞাসা করেন, সে চীনকে ভালোবাসে কি না। শিশুটির তাৎক্ষণিক ইতিবাচক উত্তর শুনে হাসিমুখে মাস্ক বলেন, তাঁর ছেলে চীনকে খেলনার স্বর্গ মনে করে। কারণ, তার প্রায় সব খেলনাই চীনে তৈরি। এ কারণে চীনে আসার সুযোগ পেলে সে সব সময়ই আনন্দিত হয়। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত একটি ভিডিওতে বাবা-ছেলের এই কথোপকথন দেখা যায়। দক্ষিণ চীনের প্রযুক্তি ও শিল্পনগরী শেনজেনে মাস্কের এই সফর ছিল তাঁর প্রথম প্রকাশ্য সফর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এপেক সম্মেলন ঘিরে চীন সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধিদলের অংশ হিসেবে সেখানে যান তিনি। বৈঠকে চীনের প্রযুক্তি ও উৎপাদনশিল্পের প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন এই উদ্যোক্তা। মাস্ক ও তাঁর ছেলেকে ঘিরে এর আগেও চীনে ব্যাপক আলোচনা হয়েছিল। চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের সময় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাবার সঙ্গে উপস্থিত হয়েছিল শিশুটি। সে সময় তার পরনে ছিল চীনা ঐতিহ্যধারার নকশায় তৈরি পোশাক। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল। এবার শেনজেনের বৈঠকে চীনকে নিয়ে তাদের কথোপকথন নতুন করে আলোচনায় এসেছে। চীনের খেলনা ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বৈশ্বিক অবস্থানই মাস্কের মন্তব্যের মূল প্রেক্ষাপট। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের খেলনা ও ইলেকট্রনিক পণ্য সেখানে তৈরি হয়। নিজের ছেলের খেলনার উৎপাদনস্থল নিয়ে মাস্কের এই মন্তব্যের মধ্য দিয়ে চীনের উৎপাদনশিল্পের ব্যাপক উপস্থিতির বিষয়টিও উঠে এসেছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য স্ট্যান্ডার্ড
বিশ্বজুড়ে গেমারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। গেমটি ঘিরে গেমারদের তীব্র উন্মাদনার মধ্যেই এক ব্যতিক্রমী সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিবাহবিচ্ছেদ ও পারিবারিক আইনজীবীরা। তাদের মতে, গেমটি নিয়ে টানা কয়েক দিন ব্যস্ত থাকলে অনেক দম্পতির সম্পর্কে মানসিক দূরত্ব ও টানাপোড়েন তৈরি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আনউইন্ড মিডিয়ার সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া ১ হাজার ৩৪৭ জন মার্কিন গেমারের মধ্যে ২১ শতাংশ জানিয়েছেন, গেমটির কারণে সঙ্গীকে হারানোর আশঙ্কা নিয়ে তাদের জীবনসঙ্গীরা এরই মধ্যে ঠাট্টা করেছেন। এ ছাড়া ১৭ শতাংশ গেমার স্বীকার করেছেন, গেমটি খেলতে কতটা সময় ব্যয় করবেন তা নিয়ে সঙ্গীর সঙ্গে তাদের তর্কও হয়েছে। এমনকি এক সপ্তাহ আগে খেলার সুযোগ পেলে ৫৩ শতাংশ গেমার অ্যালকোহল এবং ২১ শতাংশ গেমার সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ত্যাগ করতেও রাজি বলে জরিপে মত দিয়েছেন। গেমটি ঘিরে এই উন্মাদনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে এক দম্পতির রসিক চুক্তিকে কেন্দ্র করে। ৩৪ বছর বয়সী কনটেন্ট নির্মাতা জুলিয়ান টে এবং তার ২৬ বছর বয়সী স্ত্রী লিসা চ্যান জিটিএ সিক্স মুক্তির পর টানা ১০ দিন গেম খেলার জন্য একটি মজার চুক্তিপত্রে সই করে অনলাইনে শেয়ার করেছেন। ওই চুক্তি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১০ দিন জুলিয়ান যতক্ষণ খুশি গেম খেলতে পারবেন, তাকে কেউ বিরক্ত করতে পারবে না এবং বাস্তব জীবনের অন্যান্য অনুরোধ তিনি আপাতত পাশে সরিয়ে রাখতে পারবেন। তবে নিউজউইককে লিসা চ্যান স্পষ্ট করেছেন, পুরো বিষয়টিই ছিল নিছক মজা ও বিনোদনের উদ্দেশ্যে করা। মানুষ বিষয়টিকে এতটা গুরুত্ব সহকারে নেবে তা তারা ভাবেননি বলে জানিয়েছেন লিসা। প্রায় চার বছর ধরে একসঙ্গে থাকা এই দম্পতি একে অপরের শখ ও অবসর কাটানোর ধরন ভালোভাবেই বোঝেন। তবে সবার ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নাও হতে পারে বলে মনে করছেন পারিবারিক আইন বিশেষজ্ঞরা। নিউ জার্সির লিন্ডাবারি ল গ্রুপের অংশীদার নিকোল এ কোবিস নিউজউইককে জানান, মূল সমস্যা ভিডিও গেম নয়, বরং কোনো শখ যখন জীবনসঙ্গীর সঙ্গে কাটানো সময় ও মানসিক বন্ধনের জায়গা দখল করে নেয়, তখনই সংকট শুরু হয়। তার ভাষায়, একই বাড়িতে পাশাপাশি সোফায় বসে থেকেও দুজন মানুষ মানসিকভাবে বহু দূরে সরে যেতে পারেন। একজন সঙ্গী যখন ভিডিও গেমে ডুবে থাকেন এবং সংসারের সমস্ত মানসিক দায়ভার অন্যজনের ওপর চাপিয়ে দেন, তখন সেই একাকিত্ব দাম্পত্য কলহের মতোই ক্ষতিকর হয়ে ওঠে। কোবিসের মতে, কোনো শখ কখনোই সংসার থেকে পালানোর মাধ্যম হওয়া উচিত নয়। জীবনসঙ্গীর বদলে অনলাইন গেমিং কমিউনিটিতে মানসিক সান্নিধ্য খোঁজার প্রবণতা দাম্পত্য জীবনে গভীর শূন্যতা তৈরি করে। সময় দেওয়ার পাশাপাশি গেমের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণেও সংসারে অশান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ট্রায়াঙ্গেল স্মার্ট ডিভোর্সের প্রতিষ্ঠাতা ও আইনজীবী জেনি ব্র্যাডলি। তিনি জানান, গেমিং ডিভাইস, গেমের ভেতরের বিভিন্ন কেনাকাটা, সাবস্ক্রিপশন এবং যন্ত্রাংশ হালনাগাদ করতে গিয়ে একটি সাধারণ শখ অনেক সময় অত্যন্ত ব্যয়বহুল অভ্যাসে পরিণত হয়, যা পারিবারিক বাজেটে চাপ সৃষ্টি করে। অবশ্য গলফ খেলা বা অতিরিক্ত কেনাকাটার মতো অন্যান্য শখের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা যায়। ব্র্যাডলির ধারণা, জিটিএ সিক্স মুক্তির পরপরই হঠাৎ করে বিবাহবিচ্ছেদের হিড়িক পড়ে যাবে না, কারণ বড় ধরনের দাম্পত্য সংকট সাধারণত দীর্ঘ সময় ধরে তৈরি হয়। তবে কেউ যদি নিজের প্রকৃত পরিবারের চেয়ে গেমের ভার্চুয়াল জগৎ লস স্যান্টোসে বেশি সময় ও অর্থ ব্যয় করেন, তবে তা সম্পর্কের জন্য বড় সতর্কসংকেত। এই পরিস্থিতিতে দম্পতিদের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। লিসা চ্যানের মতে, বিষয়টি গেমের চেয়েও বেশি নির্ভর করে স্বামী-স্ত্রী কীভাবে নিজেদের প্রত্যাশাগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন তার ওপর। হেমব্রি বেল ল ফার্মের প্রতিষ্ঠাতা হানা হেমব্রি বেলও এই মতের সঙ্গে একমত হয়ে জানান, যেকোনো সম্পর্কে ভারসাম্য বজায় রাখাই আসল কথা। নিজের পছন্দের শখ থাকা বা কোনো বিষয় নিয়ে উচ্ছ্বসিত হওয়ায় কোনো দোষ নেই। কোনো ব্যক্তির জীবনসঙ্গী যদি আগে থেকেই গেম ভালোবাসেন, তবে হঠাৎ করে তাকে অপরাধবোধে ভোগানো উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন তিনি। বরং সেই সময়টাতে সঙ্গীর সঙ্গে খেলায় যোগ দেওয়া, নিজের জন্য ভিন্ন কোনো পরিকল্পনা করা কিংবা নিজের পছন্দের অন্য কোনো শখে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের সুস্থতা বজায় রাখা সম্ভব। সূত্র: নিউজউইক
জন্মের পর থেকেই পিঠের নিচের অংশে লেজের মতো একটি অঙ্গ ছিল তার। সামাজিক সংকোচ ও মানুষের নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে দীর্ঘ ১৭ বছর বিষয়টি গোপন রেখেছিল এক কিশোর ও তার পরিবার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অঙ্গটি বড় হতে থাকে। একপর্যায়ে বসতে গেলেই ব্যথা এবং দৈনন্দিন কাজকর্মে অস্বস্তি শুরু হয়। শেষ পর্যন্ত শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হয় সে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার শরীরে বিরল জন্মগত ত্রুটি শনাক্ত করেন। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের শারীরিক অবস্থাকে ‘হিউম্যান টেইল’ বা মানব-লেজ বলা হয়। এটি অত্যন্ত বিরল একটি জন্মগত শারীরিক বৈশিষ্ট্য, যা সাধারণত জন্মের সময় কিংবা শৈশবেই শনাক্ত হয়। তবে ভারতের ১৭ বছর বয়সী ওই কিশোরের ক্ষেত্রে বিষয়টি দীর্ঘদিন আড়ালে ছিল। তার পিঠের নিচের দিকে কোমরের সংযোগস্থলের কাছে থাকা লেজের মতো অঙ্গটির দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১৮ সেন্টিমিটার। ২০১৯ সালে ‘এশিয়ান জার্নাল অব নিউরোসার্জারি’তে প্রকাশিত চিকিৎসকদের গবেষণাপত্রে এই ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়। ভারতের মহারাষ্ট্রের নাগপুরের চিকিৎসকদের করা পরীক্ষা-নিরীক্ষায় কিশোরটির মেরুদণ্ডের নিচের অংশে স্পাইনা বিফিডা নামের জন্মগত ত্রুটি ধরা পড়ে। এটি এমন একটি অবস্থা, যেখানে ভ্রূণের বিকাশের সময় মেরুদণ্ডের পেছনের অংশ সম্পূর্ণভাবে বন্ধ হয় না। চিকিৎসকেরা জানান, লেজের মতো অঙ্গটি ওই ত্রুটিপূর্ণ অংশ থেকেই বের হয়েছিল। তবে রোগীটির কোনো স্নায়বিক সমস্যা ছিল না। এমনকি মলমূত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কোনো জটিলতা দেখা যায়নি। পরীক্ষায় আরও দেখা যায়, অঙ্গটির সঙ্গে সরাসরি কোনো স্নায়বিক টিস্যুর সংযোগ নেই। পরবর্তী সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গটি অপসারণ করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের সময় লেজের গোড়ায় একটি তন্তুময় সংযোগ পাওয়া যায়, যা মেরুদণ্ডের আবরণী পর্যন্ত বিস্তৃত ছিল। তবে এর সঙ্গে মেরুদণ্ডের ভেতরের স্নায়বিক টিস্যুর সরাসরি সংযোগ পাওয়া যায়নি। পাশাপাশি লেজের গোড়ার কাছে লেজের হাড়ের একটি অস্বাভাবিক বাড়তি অংশও শনাক্ত করেন তাঁরা। এটিকে অস্ত্রোপচারের সময় সংশোধন করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর রোগীর কোনো জটিলতা দেখা দেয়নি। গবেষণাপত্রে চিকিৎসকেরা উল্লেখ করেন, সামাজিক কুসংস্কার, লজ্জা এবং মানুষের নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় এ ধরনের অনেক রোগী চিকিৎসা নিতে দেরি করতে পারেন। বিশেষ করে যেসব এলাকায় জন্মগত শারীরিক ত্রুটি সম্পর্কে সচেতনতা কম, সেখানে এমন ঘটনা দীর্ঘদিন আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, জন্মের পর শরীরে এ ধরনের অস্বাভাবিক গঠন দেখা গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকদের গবেষণায় আরও বলা হয়েছে, মানব-লেজের মতো অস্বাভাবিক গঠন সব সময় শুধু ত্বকের অতিরিক্ত অংশ নয়। প্রায় অর্ধেক ক্ষেত্রে এর সঙ্গে মেরুদণ্ডের ভেতরের কোনো গোপন ত্রুটি বা জটিলতার সম্পর্ক থাকতে পারে। তাই অস্ত্রোপচারের আগে রোগীর স্নায়বিক পরীক্ষা এবং প্রয়োজনীয় স্ক্যান করা গুরুত্বপূর্ণ। এই ঘটনা বিরল হলেও জন্মগত শারীরিক সমস্যার ক্ষেত্রে সামাজিক সংকোচের কারণে চিকিৎসা বিলম্বিত না করার বিষয়টি আবারও সামনে এনেছে। সূত্র: এশিয়ান জার্নাল অব নিউরোসার্জারি, পুবমেড।
দাম্পত্য জীবনের বিরোধ মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিতে গিয়ে উল্টো সংসার ভাঙার পরিস্থিতিতে পড়েছেন ভারতের গুজরাটের ভাদোদরার এক শিক্ষক। স্ত্রীর সঙ্গে বিরোধের সমাধান খুঁজতে বিভিন্ন এআই চ্যাটবটের পরামর্শ নিচ্ছিলেন তিনি। কিন্তু একপর্যায়ে স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার পরামর্শ পান ওই স্বামী। এরপর বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় হয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে নারী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করেন স্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ১৬ নভেম্বরের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভাদোদরার ২৫ বছর বয়সী ওই নারী প্রায় দুই বছর আগে পারিবারিক সম্মতিতে অনলাইন মাধ্যমে ওই শিক্ষককে বিয়ে করেন। তাঁর স্বামী একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিয়ের আগে ওই নারী চাকরি করলেও বিয়ের পর গৃহিণী হিসেবে থাকার সিদ্ধান্ত নেন। এ বিষয়টি নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়। স্বামী চাইতেন, স্ত্রী আবার চাকরিতে যোগ দিন। অন্যদিকে স্ত্রী সংসার সামলাতেই আগ্রহী ছিলেন। এ নিয়ে গত ছয় মাস ধরে তাঁদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলছিল। পরিস্থিতি সামাল দিতে স্বামী গত দুই মাস ধরে এআই চ্যাটবটের কাছে বিভিন্ন পরামর্শ চাইতে শুরু করেন। স্ত্রীর সঙ্গে বিরোধের সময় অডিও ও ভিডিও রেকর্ড করার পরামর্শও পান তিনি। এরপর স্ত্রীর সঙ্গে ঝগড়ার মুহূর্তগুলো ধারণ করতে শুরু করেন ওই শিক্ষক। তবে এতে সমস্যা কমার পরিবর্তে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। ওই নারীর অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে এআই চ্যাটবট তাঁর স্বামীকে স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার পরামর্শ দেয়। এরপর স্বামী বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় হয়ে যান। অথচ স্ত্রী সংসার ভাঙতে চাননি; বরং সম্পর্ক টিকিয়ে রাখতে আগ্রহী ছিলেন। স্বামীর এমন অবস্থানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি ‘অভয়ম’ নারী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভয়মের কর্মীরা দম্পতির সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন। এ সময় তাঁরা স্বামীকে বোঝান, দাম্পত্য সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে কোনো যন্ত্রের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং একে অপরের মতামত, অনুভূতি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা প্রয়োজন। কাউন্সেলিংয়ের পর স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলেন এবং মতবিরোধ মিটিয়ে সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নেন। এতে তাঁদের তাৎক্ষণিক দাম্পত্য সংকটের অবসান ঘটে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই দম্পতির আন্তঃজাতিগত বিয়ের কারণে দুই পরিবারের সদস্যরাও তাঁদের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করেননি। তাঁরা ভাদোদরায় আলাদাভাবে বসবাস করতেন, আর পরিবারের সদস্যরা থাকতেন গ্রামে। বিরোধ বাড়ার পর দুই পরিবারের পক্ষ থেকেও বিচ্ছেদের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তথ্য খোঁজা কিংবা দৈনন্দিন কাজে এআই সহায়ক হলেও দাম্পত্য সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে এর পরামর্শ যাচাই না করে অনুসরণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সম্পর্কের জটিলতা নিরসনে পারস্পরিক বোঝাপড়া, সরাসরি আলোচনা এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিংয়ের গুরুত্ব এ ঘটনা আবারও সামনে এনেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
ইরাক যুদ্ধে প্রাণ হারানোর আগে বাগদত্তার উদ্দেশে একটি চিঠি লিখে রেখেছিলেন ব্রিটিশ সেনাসদস্য লি ড্যারেন থর্নটন। চিঠিটি খোলার অনুমতি ছিল শুধু তাঁর মৃত্যুর পর। ২০০৬ সালে মাত্র ২২ বছর বয়সে মারা যান তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ ২০ বছর। সম্প্রতি সেই চিঠি একটি স্মরণানুষ্ঠানে পাঠ করেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল মেস। ছেলের লেখা কথাগুলো অভিনেতার কণ্ঠে শুনে আবেগ ধরে রাখতে পারেননি মা ক্যারেন থর্নটন। তাঁর ভাষায়, মনে হচ্ছিল যেন ছেলে নিজেই চিঠিটি পড়ে শোনাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সাময়িকী পিপলের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে রয়্যাল ব্রিটিশ লিজিয়নের বার্ষিক ফেস্টিভ্যাল অব রিমেমব্র্যান্স অনুষ্ঠানে চিঠিটি পাঠ করা হয়। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর নিহত সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি বিবিসি ওয়ানে সম্প্রচারিত হয়। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘লাইন অব ডিউটি’র অভিনেতা ড্যানিয়েল মেস সেখানে লি থর্নটনের লেখা শেষ চিঠিটি পড়ে শোনান। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের পাশাপাশি টেলিভিশনের সামনে থাকা অনেক মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন। লি ড্যারেন থর্নটন ছিলেন যুক্তরাজ্যের ব্ল্যাকপুল শহরের বাসিন্দা। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর রয়্যাল আর্টিলারির সদস্য হিসেবে ইরাকে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর ইরাকের বসরা শহরের উত্তরে আল কুরনা এলাকায় টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। মৃত্যুর আগে বাগদত্তা হেলেন ও'প্রের সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা ছিল। ২০০৮ সালের আগস্টে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। মৃত্যুর আশঙ্কা মাথায় রেখেই হেলেনের উদ্দেশে চিঠিটি লিখেছিলেন লি। শুরুতে তিনি জানিয়েছিলেন, চিঠিটি যেন কখনো প্রিয়জনের হাতে পৌঁছানোর প্রয়োজন না হয়। কারণ সেটি পৌঁছানোর অর্থ হবে তিনি আর বেঁচে নেই। চিঠির পরবর্তী অংশে হেলেনের প্রতি ভালোবাসা এবং তাঁর জীবনে হেলেনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি লিখেছিলেন, হেলেন তাঁকে ভালোবাসার অর্থ বুঝিয়েছেন। অন্য কেউ যখন তাঁকে হাসাতে পারেননি, তখন হেলেন পেরেছেন। দূরত্ব কিংবা সমুদ্রের ব্যবধানও তাঁদের ভালোবাসা মুছে দিতে পারবে না বলে বিশ্বাস করতেন এই তরুণ সেনাসদস্য। ছেলের মৃত্যুর পর দীর্ঘদিন তাঁর ব্যবহার করা জিনিসপত্র ও ব্যক্তিগত ডায়েরি যত্ন করে সরিয়ে রেখেছিলেন মা ক্যারেন থর্নটন। স্মৃতিগুলো এতটাই কষ্ট দিত যে সেগুলো খুলে দেখার সাহস পেতেন না তিনি। বিবিসিকে ক্যারেন জানান, প্রায় ২০ বছর ধরে নিজের ভেতরে সবকিছু চাপা দিয়ে রেখেছিলেন। এভাবেই শোক সামলানোর চেষ্টা করেছেন। তবে টেলিভিশনে চিঠিটি পাঠের অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিতে গিয়ে আবার ছেলের লেখা চিঠি বের করেন। এরপর পুরোনো ডায়েরিগুলোও পড়তে শুরু করেন। তাঁর কাছে এই অভিজ্ঞতা ছিল বহুদিনের চাপা স্মৃতির মুখোমুখি হওয়ার মতো। অনুষ্ঠানে অভিনেতা ড্যানিয়েল মেসের কণ্ঠে ছেলের চিঠি শোনার পর প্রায় এক ঘণ্টা ধরে কেঁদেছিলেন ক্যারেন। তবে সেই কান্নার মধ্যেও একধরনের প্রশান্তি খুঁজে পান তিনি। তাঁর মনে হয়েছে, অভিনেতা এত আন্তরিকতার সঙ্গে চিঠিটি পড়েছেন যে মুহূর্তের জন্য মনে হচ্ছিল লি নিজেই কথা বলছেন। ক্যারেন বলেন, চিঠিটি তাঁর ছেলের প্রকৃত পরিচয় তুলে ধরে। লি শুধু একজন সেনাসদস্য ছিলেন না। তিনি ছিলেন দয়ালু, যত্নশীল, বিবেচনাপ্রবণ এবং হাসিখুশি একজন মানুষ। ছেলের এমন মানবিক পরিচয় সবার সামনে তুলে ধরতে পারায় তিনি কৃতজ্ঞ। লির বাগদত্তা হেলেনও চিঠিটি পাঠ করার জন্য অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ড্যানিয়েল মেস জানান, চিঠিটি পড়ার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। প্রথমবার চিঠিটি পড়েই তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। নিহত সেনাসদস্যের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে পেরেছেন বলেও আশা প্রকাশ করেন অভিনেতা। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু দর্শক নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনেকেই জানান, তরুণ সেনাসদস্যের লেখা কথাগুলো তাঁদের গভীরভাবে স্পর্শ করেছে। চিঠিটি জনসমক্ষে পড়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন সন্তুষ্ট ক্যারেন থর্নটন। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ যেন ছেলেকে শুধু যুদ্ধে নিহত একজন সেনাসদস্য হিসেবে মনে না রাখে। বরং তাঁর ভালোবাসা, ব্যক্তিত্ব, হাসিখুশি স্বভাব এবং অন্যের প্রতি যত্নশীল আচরণের কথাও যেন স্মরণ করে। দীর্ঘ দুই দশক পর ছেলের লেখা চিঠিটি আবার শুনে অতীতের কষ্টের মুখোমুখি হলেও সেই স্মৃতিগুলো নতুনভাবে গ্রহণ করার শক্তি পেয়েছেন তিনি। সংবাদসূত্র: BBC, People
অনলাইনে পরিচয় থেকে প্রেম। প্রায় এক বছর ধরে চলেছে কথাবার্তা। একপর্যায়ে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে কানাডা থেকে ভারতে ছুটে আসেন ৬১ বছর বয়সী এক নারী। কিন্তু সামনাসামনি দেখা হওয়ার পরই বদলে যায় পরিস্থিতি। নারীর বয়স জানতে পেরে বিয়েতে অসম্মতি জানান ৩১ বছর বয়সী ভারতীয় প্রেমিক। শেষ পর্যন্ত তাঁদের বিরোধ মেটাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশ ও কানাডীয় দূতাবাসকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের ১৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের নিমরানা এলাকায়। ওই নারীর সঙ্গে পরিচয় হয় হরিয়ানা রাজ্যের পানিপথের বাসিন্দা নিতিন নামের এক যুবকের। প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের প্রথম যোগাযোগ হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত কথা বলতে থাকেন দুজন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পরিকল্পনা অনুযায়ী গত ১১ নভেম্বর পর্যটক ভিসায় ভারতে পৌঁছান কানাডীয় ওই নারী। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যান নিতিন। এরপর তাঁকে নিয়ে যান রাজস্থানের নিমরানায়, যেখানে নিতিনের মামা ও মামির একটি ফ্ল্যাট রয়েছে। বিবি বিল্ডার্স সোসাইটি নামের আবাসিক ভবনের ওই ফ্ল্যাটে প্রায় দুই দিন অবস্থান করেন তাঁরা। এর মধ্যেই বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সেই আলোচনা শেষ পর্যন্ত বিরোধে রূপ নেয়। নিমরানা থানার কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, সামনাসামনি পরিচয়ের পর নিতিন জানতে পারেন ওই নারীর বয়স প্রায় ৬১ বছর। এরপর তিনি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুলিশের বক্তব্য অনুযায়ী, নারীর বয়সকেই বিয়েতে অসম্মতি জানানোর কারণ হিসেবে উল্লেখ করেন নিতিন। এতে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। দীর্ঘদিনের যোগাযোগের পর বিয়ের আশায় বিদেশ থেকে আসা নারী এই পরিস্থিতিতে বিপাকে পড়েন। তবে আগে তাঁদের মধ্যে বয়স নিয়ে কী ধরনের আলোচনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতির কোনো সমাধান না পেয়ে ১৩ নভেম্বর কানাডীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। তিনি নিজের অবস্থান ও বিয়ে নিয়ে তৈরি হওয়া বিরোধের কথা দূতাবাসের কর্মকর্তাদের জানান। পরে দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ নিমরানার বিবি বিল্ডার্স সোসাইটিতে গিয়ে নারী ও নিতিনকে থানায় নিয়ে আসে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে নিতিনকে সাময়িকভাবে আটক করা হয় এবং পরে জামিনে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নিতিন হরিয়ানার পানিপথের একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কানাডীয় নারীকে রাজস্থানের কোটপুতলি এলাকার একটি সুরক্ষাকেন্দ্রে রাখা হয়েছে। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে কানাডীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে স্থানীয় প্রশাসন। তবে তিনি কবে কানাডায় ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। নিমরানা থানার কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বক্তব্য অনুযায়ী, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই দেশের নাগরিকের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের এই বিরোধ এখন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সমাধানের পর্যায়ে রয়েছে। তবে নিতিনের বিরুদ্ধে বিয়েতে অসম্মতি জানানোর কারণে কোনো পৃথক ফৌজদারি মামলা হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। নারীর নিরাপদে কানাডায় ফিরে যাওয়ার ব্যবস্থা করাই বর্তমানে কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। সংবাদসূত্র: India Today, Press Trust of India (PTI)
সম্পূর্ণ অপরিচিত এক মানুষের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন যুক্তরাজ্যের অবসরপ্রাপ্ত নারী চিকিৎসক সেলমা আসগার। ২০২৪ সালে কিডনি দানের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনেও ফিরেছেন তিনি। এখন অন্যদের অঙ্গদানে উৎসাহিত করতে নিজের অভিজ্ঞতা তুলে ধরছেন। কেমব্রিজের বাসিন্দা এই চিকিৎসক বলেছেন, মানুষের জীবন বাঁচানোর সুযোগ পাওয়া তাঁর কাছে অনেক বড় সম্মানের বিষয়। এমনকি শরীরে তৃতীয় একটি কিডনি থাকলে সেটিও দান করতে প্রস্তুত থাকতেন বলে জানিয়েছেন তিনি। তাঁর এই বক্তব্য যুক্তরাজ্যে কিডনি দান সম্পর্কে সচেতনতা বাড়ানোর নতুন একটি প্রচারণায় গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেলমা আসগার দীর্ঘদিন সাধারণ চিকিৎসক বা জেনারেল প্র্যাকটিশনার (GP) হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে আশির কোঠায় বয়স এমন এক ব্যক্তির কিডনি দানের ঘটনা সম্পর্কে পড়েছিলেন তিনি। ঘটনাটি তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তখন সেলমার বয়স পঞ্চাশের শেষ দিকে। তিনি উপলব্ধি করেন, বয়স বেশি হলেই কিডনি দানের সম্ভাবনা শেষ হয়ে যায় না। এরপর নিজেও কিডনি দানের সিদ্ধান্ত নেন। তবে জীবিত অবস্থায় কিডনি দানের উপযুক্ততা নির্ধারণে বয়সের পাশাপাশি শারীরিক অবস্থা ও চিকিৎসাগত পরীক্ষা গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কিডনি দান করেন সেলমা। যাঁর শরীরে কিডনিটি প্রতিস্থাপন করা হয়, তাঁর সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না এই চিকিৎসকের। এমনকি তিনি নির্দিষ্ট কোনো আত্মীয়, বন্ধু বা পরিচিত মানুষের জন্যও কিডনি দান করেননি। যুক্তরাজ্যে এ ধরনের দানকে বলা হয় নন-ডিরেক্টেড লিভিং কিডনি ডোনেশন। অর্থাৎ জীবিত একজন ব্যক্তি নিজের ইচ্ছায় এমন একজন রোগীর জন্য কিডনি দান করেন, যাঁকে তিনি আগে থেকে চেনেন না। প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীদের মধ্যে চিকিৎসাগত সামঞ্জস্যের ভিত্তিতে দান করা কিডনি বরাদ্দ করা হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতাও জানিয়েছেন সেলমা। তাঁর ভাষ্য অনুযায়ী, কিডনি দানের চার সপ্তাহের মধ্যেই তিনি আবার সাইকেল চালানো ও দৌড়ানোর মতো শারীরিক কর্মকাণ্ড শুরু করতে পেরেছিলেন। দুই মাস পর চিকিৎসক হিসেবে কাজেও ফিরে যান। বর্তমানে অবসরজীবন কাটালেও কিডনি দানের অভিজ্ঞতা নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। বিবিসিকে তিনি বলেন, একটি কিডনি দান করতে পারা বিরাট সৌভাগ্যের বিষয়। তাঁর ভাষায়, 'আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আমার যদি তৃতীয় একটি কিডনি থাকত, তাহলে আবারও দান করতাম।' তবে সেলমার দ্রুত সুস্থ হওয়ার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একই রকম হবে, এমন নয়। নিজের এই অভিজ্ঞতা এখন অন্যদের জানাচ্ছেন সেলমা। যুক্তরাজ্যের দুটি দাতব্য সংস্থা কিডনি রিসার্চ ইউকে এবং গিভ আ কিডনি যৌথভাবে জীবিত মানুষের কিডনি দান সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি উদ্যোগ নিয়েছে। 'রবার্ট ড্যাঙ্গুর পার্টনারশিপ ফর লিভিং কিডনি ডোনেশন' নামের এই উদ্যোগের নতুন প্রচারণামূলক চলচ্চিত্রেও অংশ নিয়েছেন তিনি। প্রচারণার সঙ্গে যুক্ত জ্যান শরক বলেন, সেলমার ঘটনা দেখিয়ে দেয়, সাধারণ একজন মানুষও অন্য কারও জীবনে কত বড় পরিবর্তন আনতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে কিডনি দানের পদ্ধতি, সম্ভাব্য ঝুঁকি এবং দাতাদের প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া হচ্ছে। সেলমার ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের অঙ্গদানবিষয়ক সংস্থা এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্টের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় মৃত ব্যক্তিদের কাছ থেকে অঙ্গদানের হার ৯ শতাংশ কমে যায়। গত ১৩ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যানে যুক্তরাজ্যে ৮ হাজার ৮৯৩ জন মানুষকে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকতে দেখা যায়। এই সংখ্যা শুধু কিডনি নয়, বিভিন্ন ধরনের অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীদের অন্তর্ভুক্ত করে। যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রোগীদের ক্ষেত্রেও কিডনি প্রতিস্থাপনের দীর্ঘ অপেক্ষা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এনএইচএসের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশীয়সহ কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীর রোগীদের উপযুক্ত দাতা পেতে গড়ের তুলনায় বেশি সময় অপেক্ষা করতে হয়। কারণ কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে রক্তের গ্রুপ ও টিস্যুর সামঞ্জস্য গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে একই ধরনের বংশগত পটভূমির দাতার সঙ্গে উপযুক্ত মিল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে অন্য জনগোষ্ঠীর ব্যক্তির কাছ থেকেও সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্ভব। এই পরিস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিডনি রিসার্চ ইউকে ও গিভ আ কিডনি জানিয়েছে, জীবিত অবস্থায় কিডনি দানের বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়ানো তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে যাঁরা কিডনি দানের কথা ভাবছেন, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাগত তথ্য ও সহায়তা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। সেলমা আসগারের অভিজ্ঞতা সেই প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। নিজের একটি কিডনি দান করার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং অন্যদের সচেতন করতে কাজ করছেন। তাঁর কাছে কিডনি দানের সবচেয়ে বড় প্রাপ্তি হলো, সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের জীবন বদলে দেওয়ার সুযোগ পাওয়া। সংবাদসূত্র: বিবিসি, এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট
কানাডায় বসবাসকারী এক নারীর মুখে একই দাঁতের জায়গায় চারটি দাঁত থাকার বিরল ঘটনা চিকিৎসকদের বিস্মিত করেছে। দীর্ঘদিন ধরে এমন অস্বাভাবিক দাঁতের গঠন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করেছেন সিলভিয়া বক্টর নামের ওই নারী। কথা বলা, খাবার চিবানো কিংবা দৈনন্দিন কাজে তাঁর কোনো অসুবিধা হতো না। বরং দাঁতের চিকিৎসকদের কাছে গেলে তাঁদের বিস্মিত প্রতিক্রিয়া দেখতে ভালো লাগত তাঁর। বিরল এই বৈশিষ্ট্যের কারণে চলতি বছরের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি। তবে পরে দাঁতের সমস্যার কারণে অতিরিক্ত তিনটি দাঁত তুলে ফেলতে হয়েছে তাঁকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের গত ১৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিলভিয়ার বয়স যখন ২০ বছর, তখন প্রথম তাঁর মুখে অতিরিক্ত দাঁতের বিষয়টি শনাক্ত হয়। একটি প্যানোরামিক এক্স-রে পরীক্ষায় দেখা যায়, স্বাভাবিক একটি দাঁতের পাশে একই দাঁতের গর্তে আরও তিনটি দাঁত রয়েছে। অর্থাৎ যেখানে একটি দাঁত থাকার কথা, সেখানে মোট চারটি দাঁত পাশাপাশি অবস্থান করছিল। চিকিৎসাবিজ্ঞানে স্বাভাবিক সংখ্যার চেয়ে অতিরিক্ত দাঁত থাকার এই অবস্থাকে বলা হয় হাইপারডন্টিয়া। সিলভিয়ার দাঁত দেখে অনেক চিকিৎসকই প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। একজন চিকিৎসক ধারণা করেছিলেন, তাঁর দাঁতগুলো এলোমেলোভাবে বেড়ে উঠেছে এবং ব্রেস ব্যবহার করে সোজা করা প্রয়োজন। কিন্তু ভালোভাবে পরীক্ষা করার পর তিনি বুঝতে পারেন, এগুলো স্বাভাবিক দাঁত নয়, বরং অতিরিক্ত গজানো দাঁত। সিলভিয়া জানান, চিকিৎসক তাঁকে বলেছিলেন, এমন ঘটনা এর আগে তিনি কখনো দেখেননি। কেউ কেউ দাঁতের চিকিৎসাবিষয়ক বইয়ে এ ধরনের ঘটনার কথা পড়লেও বাস্তবে এমন রোগী দেখার অভিজ্ঞতা তাঁদের ছিল না। বছরের পর বছর বিভিন্ন দাঁতের চিকিৎসক সিলভিয়াকে অতিরিক্ত তিনটি দাঁত তুলে ফেলার পরামর্শ দিয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, ভবিষ্যতে দাঁতগুলো মুখের ভেতরে ক্ষত সৃষ্টি করতে পারে কিংবা চিকিৎসার ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। কিন্তু সিলভিয়ার কোনো ব্যথা বা অস্বস্তি ছিল না। খাবার খাওয়া এবং কথা বলার ক্ষেত্রেও সমস্যা অনুভব করতেন না তিনি। তাই দাঁতগুলো রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি দাঁতের পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নিতেন এবং নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করতেন। অবশেষে ২০২৬ সালের জানুয়ারিতে একই দাঁতের গর্তে সবচেয়ে বেশি দাঁত থাকার জন্য নারীদের বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পান সিলভিয়া। এই বিভাগে তাঁর মতো আর কোনো প্রতিযোগীর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। তবে এটি মুখে মোট দাঁতের সংখ্যার বিশ্বরেকর্ড নয়। মুখে সর্বাধিক দাঁত থাকার নারীদের রেকর্ডটি ভারতের কল্পনা বালানের, যাঁর মোট ৩৮টি দাঁত রয়েছে। অন্যদিকে পুরুষদের মধ্যে মালয়েশিয়ার প্রথাব মুনিয়ান্দির মুখে ৪২টি দাঁত থাকার রেকর্ড রয়েছে। তবে বিশ্বরেকর্ড গড়ার কিছুদিন পরই সিলভিয়ার দাঁতে জটিলতা দেখা দেয়। অতিরিক্ত দাঁতগুলোর পাশে থাকা একটি প্রিমোলার দাঁতে ক্ষয় বা ক্যাভিটি তৈরি হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, জায়গাটি এতটাই সংকীর্ণ যে অতিরিক্ত দাঁতগুলো না সরিয়ে ক্ষতিগ্রস্ত দাঁতে ফিলিং করা অত্যন্ত কঠিন। ফলে স্বাভাবিক দাঁতটি রক্ষার জন্য অতিরিক্ত তিনটি দাঁত তুলে ফেলার সিদ্ধান্ত নিতে হয়। গিনেস কর্তৃপক্ষকে সিলভিয়া জানান, দাঁতগুলো হারাতে তাঁর খুব খারাপ লেগেছিল। কিন্তু মূল দাঁতের চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সেগুলো অপসারণ করতে হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে হাইপারডন্টিয়া বিরল হলেও পরিচিত একটি অবস্থা। এতে স্বাভাবিক সংখ্যার বাইরে এক বা একাধিক দাঁত তৈরি হতে পারে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, দাঁতের গঠনসংক্রান্ত অস্বাভাবিকতার মধ্যে আনুমানিক ১ থেকে ৩ শতাংশ ক্ষেত্রে অতিরিক্ত দাঁত থাকার সমস্যা দেখা যায়। তবে সব অতিরিক্ত দাঁত অপসারণের প্রয়োজন হয় না। দাঁতের অবস্থান, ব্যথা, পরিচ্ছন্নতা এবং আশপাশের দাঁতের ওপর প্রভাব বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভিয়া ২০১৯ সাল থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে কানাডায় বসবাস করছেন। বর্তমানে তিনি ভাষাবিজ্ঞানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। তাঁর জীবনের এই বিরল অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে ১২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে। যদিও অতিরিক্ত দাঁতগুলো এখন আর তাঁর মুখে নেই, তবু একই জায়গায় চারটি দাঁত থাকার জন্য পাওয়া বিশ্বরেকর্ডটি তাঁর জীবনের স্মরণীয় অর্জন হয়ে রয়েছে। সংবাদসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
মোবাইল ফোনের পাসওয়ার্ড নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে আগুনে দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ায়। ২০১৯ সালের জানুয়ারিতে দেশটির লম্বক দ্বীপে সংঘটিত এই ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আবার আলোচনায় এসেছে। নিহত যুবকের নাম দেদি পুরনামা (২৬)। পুলিশের অভিযোগ, মোবাইল ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানো নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন স্ত্রী ইলহাম চাহিয়ানি (২৫)। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১৫ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দেতিক নিউজের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১২ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে। পূর্ব লম্বকের জেরোয়ারু এলাকার পান্দানওয়াঙ্গি গ্রামে নিজেদের বাড়িতে ছিলেন দেদি পুরনামা ও তাঁর স্ত্রী। সেদিন বৃষ্টির কারণে বাড়ির ছাদে পানি পড়ছিল। দেদি ছাদের ওপর উঠে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করছিলেন। এ সময় তাঁর স্ত্রী মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চান। কিন্তু স্বামী সেটি জানাতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, স্বামীর মোবাইল ব্যবহারের কিছু অভ্যাস নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল ইলহামের। তিনি পুলিশকে জানিয়েছিলেন, তাঁর স্বামী প্রায়ই মোবাইল ফোন সঙ্গে নিয়ে বাথরুমে যেতেন। বিষয়টি নিয়ে তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছিল। ঘটনার দিন স্বামী ছাদে কাজ করার সময় ফোনটি নিচে থাকায় তিনি সেটির পাসওয়ার্ড জানতে চান। কিন্তু দেদি তা জানাতে রাজি না হওয়ায় বিরোধ বাড়তে থাকে। একপর্যায়ে তিনি ছাদ থেকে নেমে আসেন এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পূর্ব লম্বক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা যোগি তৎকালীন সংবাদমাধ্যমকে জানান, ঝগড়ার একপর্যায়ে দেদি তাঁর স্ত্রীকে আঘাত করেন। এরপর দুজনের মধ্যে শারীরিক সংঘর্ষ শুরু হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই সংঘর্ষের মধ্যেই ইলহাম একটি পাত্রে রাখা পেট্রোল নিয়ে স্বামীর শরীরে ঢেলে দেন। পরে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে দেদির শরীরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। ওজি নামের এক প্রতিবেশী আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি অন্যদের সঙ্গে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহত দেদিকে চিকিৎসার ব্যবস্থা করতে সহায়তা করেন। প্রথমে তাঁকে স্থানীয় কেরুয়াক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, দেদির শরীরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা একপর্যায়ে তাঁকে বাড়িতে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন আবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জানুয়ারি সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ইলহাম চাহিয়ানিকে আটক করে পূর্ব লম্বক পুলিশ। তাঁর বিরুদ্ধে স্বামীর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়। তদন্তকারীরা জানান, মোবাইল ফোনের পাসওয়ার্ড নিয়ে শুরু হওয়া বিরোধের মধ্যেই সহিংসতার ঘটনাটি ঘটে। তবে ঘটনার পেছনে দাম্পত্য সম্পর্কের অন্য কোনো জটিলতা ছিল কি না, সেটিও তদন্তের বিষয় হিসেবে বিবেচিত হয়। ২০১৯ সালের প্রকাশিত প্রতিবেদনে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হলেও পরবর্তী বিচার বা চূড়ান্ত রায় সম্পর্কে নির্ভরযোগ্য হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে ঘটনাটি প্রথম প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সম্প্রতি ১২ নভেম্বর ২০২৬ সালে ইউপিএসওসিএল নামের একটি অনলাইন সংবাদমাধ্যম ঘটনাটি নতুন করে প্রকাশ করে। তবে এটি সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ড নয়। ঘটনাটি প্রায় আট বছর আগের এবং নিহত যুবকের মৃত্যুর বিষয়টি ২০১৯ সালের জানুয়ারিতেই পুলিশ নিশ্চিত করেছিল। পুরোনো ঘটনার ছবি ও বিবরণ নতুন করে ছড়িয়ে পড়ায় প্রকৃত সময় ও ঘটনার পটভূমি জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংবাদসূত্র: দেতিক নিউজ, সুয়ারা ডটকম।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির অস্বাভাবিক বড় মধ্যমা আঙুলের ছবি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিতে দেখা যায়, তাঁর একটি আঙুল অন্য আঙুলগুলোর তুলনায় অনেক বেশি মোটা ও বড়। অস্বাভাবিক এই গঠন দেখে কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ মজার মন্তব্য করছেন। কেউ কেউ রসিকতা করে আঙুলটিকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মধ্যমা আঙুল’ বলেও উল্লেখ করেছেন। তবে ছবিতে দেখা ব্যক্তির পরিচয় কিংবা তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নির্ভরযোগ্য কোনো চিকিৎসা তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের চিকিৎসাবিষয়ক কমিউনিটি r/medizzy-তে শেয়ার করা হয়েছিল। সেখানে ছবিটি ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ জানতে চেয়েছেন, আঙুলটির হাড় ও ভেতরের টিস্যুর গঠন স্বাভাবিকের তুলনায় কতটা আলাদা হতে পারে। আবার কেউ জানতে চেয়েছেন, এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধি চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব কি না। ছবির সঙ্গে থাকা ক্যাপশনে প্রোটিয়াস সিনড্রোমের কথা উল্লেখ করা হলেও ওই ব্যক্তির এ রোগ রয়েছে, এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।. চিকিৎসাবিজ্ঞানে এক বা একাধিক আঙুল কিংবা পায়ের আঙুল অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়ার একটি অবস্থাকে ম্যাক্রোড্যাকটিলি বলা হয়। এটি জন্মগত শারীরিক বৈশিষ্ট্য, যেখানে আক্রান্ত আঙুল স্বাভাবিকের তুলনায় লম্বা ও চওড়া হতে পারে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স মেডিসিনের তথ্য অনুযায়ী, কোনো কোনো শিশুর ক্ষেত্রে জন্মের সময়ই এই পার্থক্য দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে জন্মের পর শৈশবের প্রথম দিকে আঙুলের বৃদ্ধি অন্যগুলোর তুলনায় দ্রুত হতে শুরু করে। আক্রান্ত আঙুলের আকার বড় হওয়ার পাশাপাশি শক্ত বা বাঁকা হয়ে যেতে পারে এবং হাতের স্বাভাবিক ব্যবহারে সমস্যা তৈরি করতে পারে। ম্যাক্রোড্যাকটিলির চিকিৎসা নির্ভর করে আঙুলের অস্বাভাবিক বৃদ্ধির মাত্রা এবং দৈনন্দিন কাজে এর প্রভাবের ওপর। কিছু ক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণই যথেষ্ট হতে পারে। তবে আঙুলের আকার অতিরিক্ত বেড়ে গেলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পাশাপাশি হাতের স্বাভাবিক নড়াচড়া ও কার্যক্ষমতা বাড়াতে ফিজিক্যাল থেরাপি এবং অকুপেশনাল থেরাপি দেওয়া হয়। জনস হপকিন্স মেডিসিনের তথ্য অনুযায়ী, এক্স-রে বা এমআরআই পরীক্ষার মাধ্যমে আক্রান্ত আঙুলের হাড় ও অন্যান্য টিস্যুর অবস্থা দেখা যায়। প্রয়োজনে জিনগত পরীক্ষাও করা হতে পারে। অন্যদিকে, প্রোটিয়াস সিনড্রোম একটি অত্যন্ত বিরল জিনগত অবস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মেডলাইনপ্লাস জেনেটিকসের তথ্য অনুযায়ী, এ অবস্থায় হাড়, ত্বক, চর্বি ও শরীরের অন্যান্য টিস্যু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে। সাধারণত শরীরের এক পাশ বা নির্দিষ্ট কিছু অংশে এই বৃদ্ধি অসমভাবে দেখা যায়। AKT1 নামের একটি জিনে আকস্মিক পরিবর্তনের কারণে এ সমস্যা তৈরি হতে পারে। এটি সাধারণত বংশগত নয় এবং জন্মের পর প্রথম দিকের সময় থেকে লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। তবে বিশেষজ্ঞদের চিকিৎসাবিষয়ক তথ্য অনুযায়ী, শুধু কোনো ছবি দেখে ম্যাক্রোড্যাকটিলি বা প্রোটিয়াস সিনড্রোম শনাক্ত করা সম্ভব নয়। এ জন্য শারীরিক পরীক্ষা, রোগীর চিকিৎসার ইতিহাস, প্রয়োজনীয় চিত্রভিত্তিক পরীক্ষা এবং প্রয়োজনে জিনগত পরীক্ষা দরকার। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ব্যক্তির আঙুলের অস্বাভাবিক গঠনের প্রকৃত কারণ এখনো অজানা। ছবিটি ঘিরে কৌতূহল তৈরি হলেও চিকিৎসাগতভাবে নিশ্চিত তথ্য ছাড়া কোনো নির্দিষ্ট রোগের সঙ্গে তাঁকে যুক্ত করার সুযোগ নেই। সংবাদসূত্র: জনস হপকিন্স মেডিসিন, মেডলাইনপ্লাস জেনেটিকস, রেডিটের r/medizzy কমিউনিটি।