‘বানর নারী’ নামে প্রদর্শনীতে দেখানো হতো জুলিয়াকে, মৃত্যুর পরও চলেছে দেহ প্রদর্শন করে ব্যবসা
উনিশ শতকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে দর্শকদের সামনে গান ও নাচ পরিবেশন করতেন মেক্সিকোর জুলিয়া পাস্ত্রানা। তবে তার প্রতিভার চেয়ে শারীরিক বৈশিষ্ট্যকে পুঁজি করে তাকে প্রদর্শনীর আকর্ষণ হিসেবে তুলে ধরা হতো। মুখ ও শরীরজুড়ে অতিরিক্ত লোম এবং মাড়ির অস্বাভাবিক বৃদ্ধির কারণে তৎকালীন প্রদর্শনীর আয়োজকেরা তাকে অবমাননাকর ‘দ্য এইপ ওম্যান’ বা ‘বানর নারী’ নামে পরিচিত করেছিল। ১৮৩৪ সালে জন্ম নেওয়া জুলিয়ার হাইপারট্রাইকোসিস ও জিঞ্জাইভাল হাইপারপ্লাসিয়া নামের দুটি বিরল শারীরিক অবস্থার কথা ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। তার জীবনকাহিনি পরবর্তী সময়ে উনিশ শতকের নিষ্ঠুর প্রদর্শনী ব্যবসার অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে।
জুলিয়ার জীবনে থিওডোর লেন্ট নামে এক প্রদর্শনী ব্যবসায়ীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। লেন্ট প্রথমে তার ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন এবং পরে তাকে বিয়ে করেন। দুজন মিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। দর্শকদের সামনে জুলিয়া গান গাইতেন ও নাচতেন। তার শারীরিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটির ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৬০ সালে রাশিয়ার মস্কোতে সন্তান জন্ম দেওয়ার কয়েক দিন পর জুলিয়ার মৃত্যু হয়। তার নবজাতক সন্তানও জন্মের অল্প সময়ের মধ্যে মারা যায়।
জুলিয়া ও তার সন্তানের মৃত্যুর পরও তাদের দেহাবশেষ নিয়ে ব্যবসা বন্ধ করেননি লেন্ট। তিনি দুজনের মরদেহ মস্কো বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করেন। সেখানে রাসায়নিক প্রক্রিয়ায় দেহ সংরক্ষণ করা হয়। পরে লেন্ট সেগুলো আবার কিনে নিয়ে বিভিন্ন স্থানে প্রদর্শন করতে থাকেন। এর মধ্যেই তিনি মারি বার্টেল নামে আরেক নারীকে বিয়ে করেন, যার শারীরিক অবস্থাও জুলিয়ার মতো ছিল। মারিকে প্রদর্শনীতে জুলিয়ার ছোট বোন হিসেবে পরিচয় করানো হতো এবং তার নাম দেওয়া হয়েছিল জেনোরা। লেন্টের মৃত্যুর পর মারি জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ বিক্রি করে দেন। এরপর বিভিন্ন শহরে সেগুলো প্রদর্শিত হতে থাকে।
১৯২১ সালে নরওয়ের একটি বড় বিনোদন মেলার ব্যবস্থাপক হাকন লুন্ড জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ কিনে নেন। ১৯৫০-এর দশক পর্যন্ত বিভিন্ন সময়ে সেগুলো প্রদর্শন করা হয়। ১৯৭০ সালে আবারও প্রদর্শন শুরু হলে সংবাদপত্রে ব্যাপক সমালোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও নরওয়েতে সেগুলো প্রদর্শিত হয়। ১৯৭৩ সালে সুইডেনের একটি মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও দেশটির কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করে। ১৯৭৬ সালে অসলোতে সংরক্ষিত অবস্থায় থাকা জুলিয়ার দেহাবশেষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার সন্তানের দেহাবশেষও হারিয়ে যায়।
পরবর্তী সময়ে জুলিয়ার দেহাবশেষ নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রাখা হয়। ১৯৯০ সালে একটি টেলিভিশন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে তার দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে যথাযথভাবে সমাহিত করার দাবি জানিয়ে আসছিলেন মেক্সিকান শিল্পী লরা অ্যান্ডারসন বারবাটা। ২০১২ সালে নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি বিষয়টি পর্যালোচনা করে। কমিটি জানায়, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর জুলিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য ছিল না। তার দেহাবশেষ গবেষণার নামে অনির্দিষ্টকাল সংরক্ষণ না করে মেক্সিকোতে ফিরিয়ে সমাহিত করার সুপারিশ করা হয়।
অবশেষে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নরওয়ে থেকে জুলিয়ার দেহাবশেষ মেক্সিকোতে ফিরিয়ে নেওয়া হয়। সাদা কফিনে করে তার দেহাবশেষ নিজ জন্মস্থান সিনালোয়া অঙ্গরাজ্যে পৌঁছায়। ১২ ফেব্রুয়ারি সিনালোয়া দে লেইভা শহরে ক্যাথলিক ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে সমাহিত করা হয়। তার দেহাবশেষ ফেরত দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ভবিষ্যতে যেন আর কখনো তাকে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহার করা না হয়। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলা অবমাননাকর প্রদর্শনীর অবসান ঘটে এই সমাধির মধ্য দিয়ে।
সংবাদসূত্র: নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
872 আইজেট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
অন্যান্য
View moreদুই দশক ধরে মুখভর্তি দাড়ি নিয়ে পরিচিতি গড়ে তুলেছেন ব্রিটিশ নারী হারনাম কৌর। এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছিল তার। তবে এবার সেই পরিচিত চেহারাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই নারী। ২০ বছর পর দাড়ি কামিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হারনাম। তবে নতুন চেহারা কবে প্রকাশ করবেন, তা এখনো জানাননি। হারনামের মুখে লোম গজানো শুরু হয় মাত্র ১১ বছর বয়সে। পরে তার শরীরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) শনাক্ত হয়। এটি নারীদের একটি হরমোনজনিত শারীরিক অবস্থা, যার কারণে মুখ ও শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোম গজাতে পারে। ইংল্যান্ডের বার্কশায়ারের বাসিন্দা হারনাম ছোটবেলা থেকেই নিজের চেহারার কারণে সহপাঠী ও অন্যদের কাছ থেকে উপহাসের শিকার হন। একপর্যায়ে মুখের লোম দূর করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলেও তাতে ত্বকের ক্ষতি হয়। পরে নিজের শারীরিক বৈশিষ্ট্য মেনে নিয়ে দাড়ি রাখার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর ২৪ বছর ২৮২ দিন বয়সে পূর্ণাঙ্গ দাড়িসহ বিশ্বের সবচেয়ে কমবয়সী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পান হারনাম। সে সময় তার দাড়ির দৈর্ঘ্য কোনো কোনো স্থানে প্রায় ১৫ সেন্টিমিটার বা ছয় ইঞ্চি ছিল। পরের বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশনাতেও তার এই অর্জন তুলে ধরা হয়। নিজের চেহারাকে গ্রহণ করার পাশাপাশি শরীর নিয়ে আত্মবিশ্বাস এবং অন্যের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে উপহাস বন্ধে সচেতনতামূলক কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন শরীর নিয়ে ইতিবাচক মনোভাব প্রচারের একজন পরিচিত কর্মী। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে হারনাম জানান, ২০ বছর পর নিজের এই পরিচিত চেহারা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত তার জন্য আবেগপূর্ণ। তবে একই সঙ্গে নতুন জীবনের অধ্যায় শুরু করার বিষয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই পরিবর্তন অন্য কারও প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের ইচ্ছাতেই করছেন। যারা অন্যের চেহারা নিয়ে বিচার করতে অভ্যস্ত, তারা সব সময়ই সমালোচনার নতুন বিষয় খুঁজে নেবে বলেও মন্তব্য করেন তিনি। দাড়ি কামানোর পর নিজের নতুন চেহারা নিয়ে এখনই প্রকাশ্যে আসতে চান না হারনাম। তিনি ধীরে ধীরে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চান। ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং নিজেকে প্রস্তুত মনে করলেই অনুসারীদের সামনে নতুন চেহারা প্রকাশ করবেন। তার এই সিদ্ধান্তকে জীবনের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন শুরুর অংশ হিসেবে দেখছেন তিনি। একসময় যে শারীরিক বৈশিষ্ট্যের কারণে উপহাসের শিকার হতে হয়েছিল, সেটিকেই আত্মপরিচয় ও আত্মবিশ্বাসের প্রতীকে পরিণত করেছিলেন হারনাম। এখন দাড়ি সরিয়ে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে চান তিনি। তবে তার বক্তব্যে স্পষ্ট, নিজের শরীর ও চেহারা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সব সময়ই ব্যক্তির নিজের। দুই দশকের পরিচিত চেহারা বদলালেও আত্মবিশ্বাস ও নিজের মতো করে বাঁচার বার্তাটি ধরে রাখতে চান এই ব্রিটিশ নারী। সংবাদসূত্র: পিপল ম্যাগাজিন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও ল্য পারিজিয়াঁ। 872 আইজেট
৫০ মিলিয়ন ইউরোর লটারি জিতেও বিলাসিতা নয়, ১৭ বছর ধরে ১৮০ শিশুর খাবারের খরচ বহন করছে পরিবারটি
‘বানর নারী’ নামে প্রদর্শনীতে দেখানো হতো জুলিয়াকে, মৃত্যুর পরও চলেছে দেহ প্রদর্শন করে ব্যবসা
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মী নিয়োগের খবর, বাংলাদেশিদের জন্য কতটা সুযোগ?
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউটন শহরে হাঁটতে বেরিয়ে এক নারী পড়েন বুনো টার্কির পালের তাড়া খাওয়ার মুখে। একের পর এক টার্কি তাঁকে অনুসরণ করতে থাকলে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির চালক ও যাত্রী তাঁকে সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের পরামর্শে ওই নারী গাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী দ্রুত হাঁটছেন আর কয়েকটি বুনো টার্কি তাঁকে অনুসরণ করছে। পাখিগুলো ডাকতে ডাকতে তাঁর পেছনে এগিয়ে আসছিল। এ সময় একটি গাড়ি তাঁর কাছে থামে। গাড়ির ভেতর থেকে চালক ও যাত্রী তাঁকে দ্রুত গাড়িতে উঠে পড়তে বলেন। নারীটি গাড়িতে ওঠার পর টার্কিগুলো গাড়িটিকে ঘিরে ঘোরাঘুরি করতে থাকে। ঝোপের আড়াল থেকেও আরেকটি টার্কিকে বেরিয়ে আসতে দেখা যায়। ঘটনায় কোনো মানুষ বা টার্কি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাড়ির চালক ও যাত্রীর দ্রুত সহায়তায় ওই নারী নিরাপদে সরে যেতে সক্ষম হন। ঘটনাটির ভিডিও সরবরাহ করেছেন ট্যারিন লাপ্রেড। সিএনএনের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিংয়ের আগে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি স্থানীয়দের নজর কেড়েছে। ম্যাসাচুসেটসে বুনো টার্কির আনাগোনা নতুন কিছু নয়। অঙ্গরাজ্যের বন্যপ্রাণী বিভাগ ম্যাসওয়াইল্ডলাইফের তথ্য অনুযায়ী, সেখানে বুনো টার্কির সংখ্যা ২৫ হাজারের বেশি। বনাঞ্চলের পাশাপাশি শহর ও শহরতলির আবাসিক এলাকাতেও এসব পাখির বিচরণ রয়েছে। খাবারের সহজলভ্যতা এবং মানুষের কাছাকাছি থাকার কারণে কোনো কোনো টার্কি মানুষের উপস্থিতিতে অভ্যস্ত হয়ে আক্রমণাত্মক আচরণ করতে পারে। বন্যপ্রাণী বিভাগের পরামর্শ অনুযায়ী, বুনো টার্কিকে খাবার দেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ নিয়মিত খাবার পেলে তারা মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরশীল ও সাহসী হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রজনন মৌসুমে এ ধরনের আচরণ আরও বেশি দেখা যায়। সংবাদসূত্র: কেসিআরএ, সিএনএন নিউসোর্স, ম্যাসওয়াইল্ডলাইফ।
নিজের গ্রামের সবচেয়ে ‘সবচেয়ে সুদর্শন’ পুরুষের খ্যাতি, ইনস্টাগ্রামে তারকা বনে গেলেন চীনের যুবক ঝাওছিং লি
ছুটির সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার বড় পরিবর্তন, যাত্রীদের জন্য সতর্কবার্তা
২১ বছর মুখের টিউমারে ভোগা বৃদ্ধা সুস্থ হয়ে দরিদ্রদের দান করলেন দুই হাজার ডলার
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টের বাসিন্দা নেশকা ফুয়েরজিনা। সাবেক এই সেনাসদস্যের শরীরের ৯৯ দশমিক ৯৮ শতাংশজুড়ে রয়েছে ট্যাটু। শুধু তাই নয়, শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন ১১০ বার। এসব ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। নারীদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাটু করা ব্যক্তি এবং সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তন আনার স্বীকৃতি রয়েছে তাঁর নামে। ২০২৪ সালের ২২ আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রথমবার তাঁর দুটি রেকর্ডের স্বীকৃতির কথা প্রকাশ করে। তখন তাঁর শরীরে ট্যাটুর পরিমাণ ছিল ৯৯ দশমিক ৯৮ শতাংশ এবং শারীরিক পরিবর্তনের সংখ্যা ছিল ৮৯। আগের রেকর্ডধারী মেক্সিকোর মারিয়া হোসে ক্রিসতের্নার শরীরে পরিবর্তনের সংখ্যা ছিল ৪৯। অর্থাৎ প্রথম স্বীকৃতির সময়ই আগের রেকর্ডের চেয়ে ৪০টি বেশি শারীরিক পরিবর্তন এনে নতুন রেকর্ড গড়েছিলেন নেশকা। তবে ৮৯টি পরিবর্তনের সেই সংখ্যাও এখন পুরোনো। ২০২৫ সালের ১০ জানুয়ারি ইতালির মিলানে অনুষ্ঠিত 'লো শো দেই রেকর্ড' অনুষ্ঠানে নিজের শারীরিক পরিবর্তনের সংখ্যা ১১০-এ উন্নীত করে নতুন রেকর্ড গড়েন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, আগেরবার রেকর্ড যাচাইয়ের পর আরও ২১টি পরিবর্তন যুক্ত করেছেন নেশকা। বর্তমানে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তনের স্বীকৃত রেকর্ডটি তাঁর দখলে। নেশকার শরীরে ট্যাটু রয়েছে মাথার ত্বক থেকে হাত-পা পর্যন্ত। এমনকি চোখের সাদা অংশ, মাড়ি ও জিহ্বাতেও ট্যাটু করিয়েছেন তিনি। শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছিদ্র করে অলংকার পরা, জিহ্বা দুই ভাগ করা এবং ত্বকের নিচে বিশেষ পরিবর্তন আনার মতো পদ্ধতি। তাঁর শরীরের এই রূপান্তর এক দিনে হয়নি। দীর্ঘদিন ধরে ধাপে ধাপে ট্যাটু ও অন্যান্য পরিবর্তনের মধ্য দিয়ে নিজের পছন্দের শারীরিক অবয়ব তৈরি করেছেন তিনি। প্রায় ১০ বছর আগে জিহ্বা দুই ভাগ করার মাধ্যমে বড় ধরনের শারীরিক পরিবর্তনের যাত্রা শুরু করেন নেশকা। এর আগে ২১ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের দর্শন তুলে ধরে তিনি বলেন, তাঁর মূল ভাবনা হলো অন্ধকারকে সৌন্দর্যে রূপ দেওয়া। ইংরেজিতে তাঁর এই দর্শনের নাম 'টার্নিং ডার্কনেস ইনটু বিউটি'। শরীরকে নিজের সৃজনশীলতার প্রকাশ হিসেবে দেখেন তিনি। নেশকার এই রূপান্তর নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও রয়েছে। তবে তিনি প্রচলিত সৌন্দর্যের ধারণা অনুসরণ করার চেয়ে নিজের পছন্দ ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছেন। গিনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে এত দূর এগিয়ে যাওয়ার কথা কল্পনাও করেননি। সময়ের সঙ্গে নিজের শরীরের ট্যাটুগুলোর নকশায় সামঞ্জস্য আনার চেষ্টা করেছেন। তাঁর কাছে এটি শুধু রেকর্ড গড়ার বিষয় নয়, বরং নিজের পরিচয় ও সৃজনশীলতা প্রকাশের একটি উপায়। দুটি বিশ্বরেকর্ড গড়ার পরও থেমে থাকার পরিকল্পনা নেই নেশকার। ২০২৫ সালের জানুয়ারিতে ১১০টি শারীরিক পরিবর্তনের নতুন রেকর্ড গড়ার পর তিনি জানান, ট্যাটু ও শারীরিক পরিবর্তনের বাইরে অন্য ধরনের একটি বিশ্বরেকর্ড নিয়েও তাঁর গোপন পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি। নিজের ব্যতিক্রমী জীবনযাপন ও শরীরের রূপান্তরের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই মার্কিন নারী এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আলোচিত ব্যক্তিদের একজন। সংবাদসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)।
বোরকা পরেই ওয়ালমার্টে কাজ, অক্টোবরের সেরা নিরাপত্তাকর্মী নির্বাচিত হলেন আমিনা!
দাঁত দিয়ে গাজর খোদাই করে ভাস্কর্য গড়েন চীনা তরুণী, বানিয়েছেন মহাপ্রাচীর

