সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

টিকটক বন্ধ ও সিআইএতে সাইবার হামলা, যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত সমস্যায় উদ্বেগ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৯:৪৭
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবায় ধারাবাহিক বিভ্রাটের মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে সিআইএর একটি কম্পিউটার ব্যবস্থা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবায় ধারাবাহিক বিভ্রাটের মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে সিআইএর একটি কম্পিউটার ব্যবস্থা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে নভেম্বরের মাঝামাঝি থেকে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটছে। মাইক্রোসফটের সেবা বন্ধ, দেশজুড়ে বিমান চলাচলে বিঘ্ন, ব্যাংকিং ব্যবস্থায় সমস্যা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা অচল হওয়ার পর এবার আলোচনায় এসেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএতে সাইবার হামলার ঘটনা। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেও সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) টিকটকের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়ে হাজার হাজার ব্যবহারকারী ডাউনডিটেক্টরে অভিযোগ করেন। একপর্যায়ে অভিযোগের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে যায়। টিকটক সংবাদমাধ্যম দ্য ভার্জকে জানিয়েছে, সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এদিকে একই দিনে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যন্ত্রপাতির ত্রুটির কথা জানিয়ে বিমানবন্দরটিতে আসার পথে থাকা ফ্লাইটগুলোর ওপর সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করে। প্রায় এক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ সময় ফ্লাইটগুলোর গড় বিলম্ব ছিল প্রায় ৪৭ মিনিট। 

 

তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে সিআইএর কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির একটি অশ্রেণিবদ্ধ কম্পিউটার ব্যবস্থা হ্যাকারদের অনুপ্রবেশের শিকার হয়েছে। ব্যবস্থাটি উন্মুক্ত উৎসের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত হতো। এতে ইন্টারনেট, বাণিজ্যিক তথ্যভান্ডার ও অন্যান্য উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করা হতো। তবে হামলায় কোনো শ্রেণিবদ্ধ বা অত্যন্ত সংবেদনশীল তথ্য জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর সমস্যার সমাধান করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে এবং ঠিক কী ধরনের তথ্যের নাগাল পেয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

 

এর কয়েক দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অপরাধসংক্রান্ত জাতীয় তথ্যভান্ডারেও অনুপ্রবেশের সন্দেহ দেখা দেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনের তথ্যের ভিত্তিতে এফবিআই ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার বা এনসিআইসি ব্যবস্থায় সম্ভাব্য সাইবার অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে। এই তথ্যভান্ডারে অপরাধের ইতিহাস, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়। তবে এফবিআই আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। গত সেপ্টেম্বরেও সংস্থাটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল।

 

এর আগে গত ১২ নভেম্বর মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটসহ একাধিক সেবা বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। ডাউনডিটেক্টরে ৭০টির বেশি দেশ ও অঞ্চল থেকে সমস্যার অভিযোগ আসে। প্রায় এক দিন ধরে চলা এই বিভ্রাটে বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ, যোগাযোগ ও তথ্য আদান-প্রদান ব্যাহত হয়। মাইক্রোসফট পরে জানায়, নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল। এটি কোনো সাইবার হামলার ঘটনা ছিল না।

 

পরদিন ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্ক অস্থিতিশীল হয়ে পড়ায় দেশজুড়ে সব ফ্লাইটের ওপর গ্রাউন্ড স্টপ জারি করা হয়। প্রায় চার ঘণ্টা ৪৫ মিনিট পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফ্লাইট চলাচলে এর প্রভাব কয়েক দিন পর্যন্ত ছিল। এফএএর হিসাব অনুযায়ী, ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে প্রধান বিমান সংস্থাগুলোর বাতিল করা ফ্লাইটের সংখ্যা ছিল ৯ হাজারের বেশি। প্রাথমিক তদন্তে নেটওয়ার্কে অস্বাভাবিক পরিমাণ তথ্য প্রবাহ এবং নতুন রাউটার স্থাপনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যার বিষয়টি উঠে আসে। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধান চলছিল।

 

১৬ নভেম্বর আবারও ব্যাংকিং ও বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। জেপিমরগান চেজের গ্রাহকেরা ব্যাংকিং অ্যাপ ও বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন। ব্যাংকটির মুখপাত্র জানান, নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থার একটি সফটওয়্যার ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল, এর সঙ্গে সাইবার হামলার সম্পর্ক ছিল না। একই দিন ইউনাইটেড এয়ারলাইনসের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের এই বিভ্রাটে কয়েক শ ফ্লাইট বিলম্বিত হয়। পাইলটদের তথ্য অনুযায়ী, উড়োজাহাজের চূড়ান্ত ওজন নির্ধারণে ব্যবহৃত একটি ব্যবস্থায় সমস্যা হয়েছিল।

 

১৭ নভেম্বর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন তথ্য আদান-প্রদানের অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সাময়িক সমস্যা দেখা দেয়। সংস্থাটি জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। তবে জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল। একই দিনে অ্যাপলের অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, আইক্লাউড ও অ্যাপলকেয়ারসহ কয়েকটি সেবায় সমস্যা দেখা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের কারণে এই বিভ্রাট হয়েছিল। পাশাপাশি হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যারিয়টের বুকিং ও অতিথিদের চেক-ইন ব্যবস্থায়ও সমস্যার অভিযোগ পাওয়া যায়।

 

২২ নভেম্বর আবারও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এবার সমস্যায় পড়ে ডেল্টা এয়ারলাইনস। উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারণের স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে এক হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। ডেল্টা কর্তৃপক্ষ সাময়িকভাবে বিকল্প হাতে পরিচালিত পদ্ধতি ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করে। আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এফএএ সাময়িকভাবে কিছু ফ্লাইটের চলাচল নিয়ন্ত্রণ করে। কয়েক ঘণ্টার মধ্যে ডেল্টা জানায়, তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থা আবার সচল হয়েছে।

 

একের পর এক এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রযুক্তিনির্ভর গুরুত্বপূর্ণ সেবার ওপর নির্ভরশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সব ঘটনাকে সাইবার হামলার সঙ্গে যুক্ত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাইক্রোসফট, চেজ ব্যাংক, অ্যাপল ও বিমান সংস্থাগুলোর কয়েকটি বিভ্রাটের কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি, সফটওয়্যার সমস্যা কিংবা নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টি উঠে এসেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এসব ঘটনাকে একটি সমন্বিত সাইবার হামলার অংশ হিসেবে দেখার কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে।

 

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন যোগাযোগ, ব্যাংকিং, বিমান চলাচল ও সরকারি কার্যক্রম অল্প কয়েকটি বড় প্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে কোনো একটি ব্যবস্থায় সমস্যা দেখা দিলে একসঙ্গে একাধিক সেবায় তার প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার এবং বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

 

সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)

872 আইজেট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে অজান্তে সঙ্গীর খাবারে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ।   পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ।   তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়।   এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন।   ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।   হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।   সূত্র: ফক্স ১৩ নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫০
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ।   যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়।   প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ।   অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ।   টেক্সাসে মুনাফা কম কেন?   স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে।   হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে।   তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা   অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ।   দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে।   তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে।   সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে।   মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের  প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে।   যেসব দোকান খোলা থাকছে   থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।   এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে।   যেসব দোকান বন্ধ   থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি   এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে।   ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে।   ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ।   এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)।   ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো   থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়।   তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র  ওয়েশ ২ নিউজ 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...