নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ
সৌরজগতে এখন পর্যন্ত সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা গেছে। তবে নেপচুনেরও অনেক দূরে আরও একটি অজানা গ্রহ লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘প্ল্যানেট এক্স২’ বা ‘পিএক্স২’ নামে পরিচিত এই সম্ভাব্য গ্রহটির ভর পৃথিবীর প্রায় ১ দশমিক ৫ থেকে ২ গুণ হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় সৌরজগতের দূরবর্তী অঞ্চলে বরফে ঢাকা কিছু মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক কক্ষপথ বিশ্লেষণ করে এমন সম্ভাবনার কথা তুলে ধরেছেন গবেষকেরা। তবে এখনো গ্রহটির সরাসরি অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়নি।
যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (আরএএস) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য গ্রহটির ভর, কক্ষপথ ও মহাকর্ষীয় প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন প্যাট্রিক সোফিয়া লিকাওকা। তিনি জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। ২৩ নভেম্বর ২০২৬ সালে গবেষণাটি ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে প্রকাশিত হয়।
গবেষকদের নজরে আসে নেপচুনের বাইরের বিস্তীর্ণ অঞ্চলে থাকা কিছু বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক গতিপথ। এসব বস্তুকে বলা হয় ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্ট। সাধারণত এদের অনেকগুলো কুইপার বেল্ট অঞ্চলে অবস্থান করে। পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্বের প্রায় ৩৮ থেকে ৫০ গুণ দূরত্বে বিস্তৃত এই অঞ্চলে অসংখ্য ছোট বরফময় বস্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। তবে কিছু বস্তুর কক্ষপথ পরিচিত গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাব দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না।
এ ধরনের রহস্যময় বস্তুর মধ্যে অন্যতম হলো সেডনা। এর কক্ষপথ অত্যন্ত দীর্ঘায়িত এবং কক্ষপথের একটি বড় অংশ সৌরজগতের পরিচিত গ্রহগুলোর অবস্থান থেকে অনেক দূরে বিস্তৃত। বিজ্ঞানীদের ধারণা, অজানা কোনো গ্রহের মহাকর্ষীয় প্রভাব এসব বস্তুর গতিপথ ও কক্ষপথের অস্বাভাবিক বৈশিষ্ট্য তৈরিতে ভূমিকা রাখতে পারে। গবেষকেরা বিষয়টি যাচাই করতে সৌরজগতের প্রায় ৪৫০ কোটি বছরের বিবর্তন নিয়ে কম্পিউটার সিমুলেশন পরিচালনা করেন। সেখানে পরিচিত চারটি বৃহৎ গ্রহের পাশাপাশি অতিরিক্ত একটি দূরবর্তী গ্রহ যুক্ত করে বিভিন্ন পরিস্থিতির তুলনা করা হয়।
সিমুলেশনের ফলাফলে দেখা যায়, প্ল্যানেট এক্স২-এর মহাকর্ষীয় প্রভাব দূরবর্তী বরফময় বস্তুগুলোর কক্ষপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কিছু বস্তুকে নেপচুনের মহাকর্ষীয় প্রভাব থেকে দূরে সরিয়ে দেওয়া কিংবা তাদের কক্ষপথকে অস্বাভাবিকভাবে হেলে দিতে পারে এই সম্ভাব্য গ্রহটি। গবেষকদের মডেল অনুযায়ী, গ্রহটির কক্ষপথ উপবৃত্তাকার হতে পারে। সূর্য থেকে এর কক্ষপথের অর্ধ-প্রধান অক্ষের দূরত্ব প্রায় ৩৫০ থেকে ৫০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক হতে পারে। এমনকি সূরুর সবচেয়ে কাছাকাছি অবস্থানেও গ্রহটি সূর্য থেকে অন্তত ২০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে থাকবে। এক জ্যোতির্বৈজ্ঞানিক একক হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব।
তবে গবেষকেরা জানিয়েছেন, তাঁদের মডেল দূরবর্তী বরফময় বস্তুগুলোর বেশ কয়েকটি অস্বাভাবিক কক্ষপথের ব্যাখ্যা দিতে পারলেও সব পর্যবেক্ষণের সঙ্গে এর পুরোপুরি মিল পাওয়া যায়নি। গবেষণার প্রধান প্যাট্রিক সোফিয়া লিকাওকা বলেন, তাঁদের মডেল বেশ কিছু অস্বাভাবিক কক্ষপথের ধরন পুনরায় তৈরি করতে সক্ষম হয়েছে। তবে পর্যবেক্ষণের সঙ্গে মডেলের যেসব পার্থক্য রয়ে গেছে, সেগুলো নিয়ে আরও গবেষণা প্রয়োজন। অর্থাৎ প্ল্যানেট এক্স২-এর অস্তিত্ব এখনো একটি সম্ভাবনা, নিশ্চিত আবিষ্কার নয়।
এই সম্ভাব্য গ্রহকে ঘিরে আলোচনার সঙ্গে আগে থেকেই পরিচিত ‘প্ল্যানেট নাইন’ ধারণার কিছু মিল থাকলেও দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্ল্যানেট নাইন তত্ত্ব অনুযায়ী, নেপচুনের বাইরের কিছু অস্বাভাবিক কক্ষপথের পেছনে পৃথিবীর প্রায় ১০ গুণ ভরের একটি বৃহৎ গ্রহ থাকতে পারে। অন্যদিকে প্ল্যানেট এক্স২ তুলনামূলক ছোট, যার ভর পৃথিবীর দেড় থেকে দুই গুণ বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ দুটি পৃথক সম্ভাব্য গ্রহের ধারণা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন।
নেপচুনের বাইরে অজানা গ্রহের সন্ধান অবশ্য নতুন নয়। ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের আগে জ্যোতির্বিজ্ঞানী পারসিভাল লোওয়েল ‘প্ল্যানেট এক্স’ নামে একটি অজানা গ্রহের সন্ধান চালিয়েছিলেন। যদিও পরবর্তী গবেষণায় দেখা যায়, প্লুটোর ভর এত কম যে আগে ধারণা করা গ্রহগুলোর গতিপথের অস্বাভাবিকতার ব্যাখ্যা দেওয়ার জন্য এটি যথেষ্ট নয়। এরপর থেকে সৌরজগতের বাইরের প্রান্তে আরও বড় কোনো গ্রহের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অব্যাহত রয়েছে।
এবারের গবেষণায় নতুন আশার জায়গা হিসেবে উঠে এসেছে চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি। এই মানমন্দিরের চলমান আকাশ জরিপে সৌরজগতের দূরবর্তী অঞ্চলের আরও অনেক অজানা বস্তু শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলোর কক্ষপথ বিশ্লেষণ করে প্ল্যানেট এক্স২-এর মহাকর্ষীয় প্রভাব সম্পর্কে আরও নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে। গবেষণার সহলেখক ও ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের অধ্যাপক জন্টি হর্নারের মতে, নতুন পর্যবেক্ষণগুলো এই ধারণা যাচাইয়ের সুযোগ তৈরি করবে।
সব মিলিয়ে, প্ল্যানেট এক্স২-এর অস্তিত্ব প্রমাণিত হলে সৌরজগতের গঠন, বিবর্তন এবং দূরবর্তী মহাজাগতিক বস্তুগুলোর গতিপথ সম্পর্কে প্রচলিত ধারণায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এটিকে এখনই সৌরজগতের নবম বা দশম গ্রহ হিসেবে গণ্য করার সুযোগ নেই। সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে এর অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
তথ্যসূত্র: রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড।
872 আইজেট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreব্যায়ামের সময় পেশি কীভাবে শরীরের রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে, তার একটি নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকেরা। এই আবিষ্কার ভবিষ্যতে ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। ‘কমিউনিকেশনস বায়োলজি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল মানবদেহের মোট ওজনের প্রায় ৪০ শতাংশ এবং এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। খাবার গ্রহণের পর শরীরের গৃহীত গ্লুকোজের বড় একটি অংশ পেশি শোষণ করে। সাধারণত ইনসুলিন হরমোন পেশিকে রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে সংকেত দেয়। কিন্তু ব্যায়ামের সময় বা যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তাদের ক্ষেত্রে পেশি কীভাবে ইনসুলিন ছাড়াই গ্লুকোজ গ্রহণ করে, তা এতদিন স্পষ্ট ছিল না। গবেষকেরা প্রাণী মডেলের বিচ্ছিন্ন পেশিতে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যায়ামের মতো সংকোচন তৈরি করে পরীক্ষা চালান। এতে তাঁরা পেশিতে mSGLT নামের একটি নতুন গ্লুকোজ পরিবহন পথের অস্তিত্ব শনাক্ত করেন, যা প্রচলিত GLUT4 প্রোটিন ও ইনসুলিনের সংকেত ছাড়াই গ্লুকোজ শোষণে কাজ করে। সংশ্লিষ্ট গবেষকদের মতে, এই পথের মূল বৈশিষ্ট্যগুলো এখন চিহ্নিত হয়েছে। পরবর্তী ধাপে গবেষকেরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নির্দিষ্ট প্রোটিন এবং তা নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করার কাজ করবেন। ভবিষ্যতে যদি এমন কোনো ওষুধ তৈরি করা যায় যা পেশিতে এই mSGLT পথকে সক্রিয় করতে পারে, তবে তা প্রচলিত ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি বা বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তবে গবেষকেরা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা এবং মানবদেহে পূর্ণাঙ্গ চিকিৎসা হিসেবে প্রয়োগের আগে আরও বিস্তৃত গবেষণা ও ক্লিনিক্যাল যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সূত্র: সায়েন্সটেকডেইলি, ইউনিভার্সিটি অব সিনসিনাটি 873 ডিএন
নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ
শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রায় ৫০০ বছর আগে ৬, ৮ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু আন্দিজ পর্বতমালার প্রায় ২০ হাজার ৬০০ ফুট (৬ হাজার ৩০০ মিটার) উঁচুতে অবস্থিত পবিত্র ইনকা স্থান মাউন্ট আম্পাতোর চূড়ায় এক দীর্ঘ ও দুর্গম যাত্রা করেছিল। তারা আর নিচে ফিরে আসেনি—তবে পর্বতারোহণের ক্লান্তি নয়, বরং ধর্মীয় আচারের নামে নির্মম ‘নরবলি’ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ। ১৫ ও ১৬ শতকে ইনকা সাম্রাজ্য জুড়ে ‘কাপাকোচা’ (Capacocha) নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এমন আরও বহু শিশু ও তরুণীকে বলি দেওয়া হয়েছিল। ১৯৯০-এর দশকে পেরু, চিলি ও আর্জেন্টিনার সুউচ্চ পর্বতচূড়ায় তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ায় অক্ষত অবস্থায় থাকা এসব ‘আইস মামি’ বা বরফমমি আবিষ্কৃত হয়। দেখতে ঘুমন্ত শিশুর মতো লাগা এই মমিগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় উঠে এসেছে তাদের জীবনের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর ও নতুন সব তথ্য। জীবিত ও দেবতাদের মধ্যস্থতাকারী : ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়ে ১৫৭২ সালে স্প্যানিশ অভিযানের মাধ্যমে পতন হওয়া ইনকা সাম্রাজ্যে দেবতাদের সন্তুষ্ট করতে শিশু ও তরুণীদের বলি দেওয়া হতো। বিশ্বাস করা হতো, মৃত্যুর পর তারা জীবিত মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। স্প্যানিশ ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, সুদর্শন ও নিখুঁত শিশুদেরই এই বলির জন্য বেছে নেওয়া হতো এবং এটি পরিবারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আন্দিয়ান স্টাডিজের প্রত্নতাত্ত্বিক দাগমারা সোচা জানান, এই প্রথার কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ না থাকায় স্প্যানিশদের লেখা তথ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই মমিগুলোর বৈজ্ঞানিক পরীক্ষাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে। বলির আগে শিশুদের রাজধানী কুজকোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে হতো এবং এরপর মাসের পর মাস দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হতো। মৃত্যুর আগে দেওয়া হতো নেশাজাতীয় দ্রব্য : সোচা ও তার দল পেরু এবং আর্জেন্টিনার পাঁচটি পর্বত থেকে উদ্ধার হওয়া আটটি শিশু মমির (সাতজন মেয়ে ও একজন ছেলে) চুল ও নখের বিষক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন। সাময়িকী ‘অ্যান্টিকুইটি’-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আগে থেকেই শিশুদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো। সব কটি মমির শরীরেই কোকেনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত কোকা পাতা চিবানোর ফলে শরীরে প্রবেশ করেছিল। উচ্চতাজনিত অসুস্থতা ও ক্লান্তি কমাতে ইনকা সংস্কৃতিতে এর প্রচলন ছিল। এ ছাড়া চারটি মমির শরীরে ভুট্টা থেকে তৈরি ‘চিচা’ নামক এক ধরনের মদের অস্তিত্ব মিলেছে, যা শিশুদের শান্ত ও সংবেদনশীলতা কমিয়ে রাখতে দেওয়া হতো। আর্জেন্টিনার মাউন্ট চুস্কায় পাওয়া ৮ বছর বয়সী এক মেয়ের চুল বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ছয় মাস আগে থেকেই তার শরীরে কোকেন ও অ্যালকোহলের মাত্রা ওঠানামা করছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ১৯৯৫ সালে মাউন্ট আম্পাতোতে ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী জোহান রেইনহার্ডের আবিষ্কৃত বিখ্যাত মমি ‘হুয়ানিতা’ বা ‘আইস মেইডেন’-এর ক্ষেত্রে। তার শরীরে ‘হারমাইন’ (Harmine) নামক এক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা এক ধরনের বিষণ্ণতানাশক ও হ্যালুসিনোজেনিক পানীয়তে ব্যবহৃত হয়। দাগমারা সোচা জানান, ইনকাদের বিশ্বাস ছিল শিশুদের হাসিমুখে ও প্রফুল্ল চিত্তে দেবতাদের কাছে যাওয়া জরুরি; আর সে কারণেই তাদের মন ভালো রাখতে এসব ভেষজ মিশ্রণ পান করানো হতো। মৃত্যুর কারণ নিয়ে নতুন তথ্য : চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জৈব-নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা-পিন্টো এবং তার সহকর্মীরা চিলিতে পাওয়া তিনটি মমির সিটি স্ক্যান করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, চিলির এল প্লোমো পর্বতে পাওয়া ৮-৯ বছর বয়সী ‘এল প্লোমো বয়’ ঠান্ডায় জমে মারা যায়নি; বরং তার মাথার খুলিতে ভারী কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৌশলীদের সহায়তায় গবেষকরা নিশ্চিত হয়েছেন, ইনকাদের তারা-আকৃতির (star-shaped) গদা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর ঠিক আগে শিশুটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল এবং মাথায় আঘাতের পর বমির কারণে তার পোশাকে দাগ লেগে ছিল বলেও সিটি স্ক্যানে ধরা পড়েছে। একইভাবে বিখ্যাত মমি ‘হুয়ানিতা’-র সিটি স্ক্যানেও তার মাথা, বুক ও শ্রোণিদেশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকেও আঘাত করে হত্যা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার ২২ হাজার ১০৯ ফুট উঁচু মাউন্ট লুল্লাইলাকোতে পাওয়া মমিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি; ধারণা করা হয়, নেশাগ্রস্ত ও অচেতন অবস্থায় তীব্র ঠান্ডায় জমে তাদের মৃত্যু হয়েছিল। দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা : চুলের আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, মৃত্যুর আগের কয়েক মাসে শিশুদের খাদ্যাভ্যাসে বারবার পরিবর্তন এসেছিল। ‘এল প্লোমো বয়’ মৃত্যুর আগে প্রায় ৯ মাস ধরে ১ হাজার ৬১৫ মাইলের (২ হাজার ৬০০ কিলোমিটার) বেশি পথ হেঁটেছিল। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ের তলায় অস্বাভাবিক পুরু ও শক্ত চামড়া জমে গিয়েছিল, যা তার বয়সী কোনো শিশুর ক্ষেত্রে বিরল। গবেষকরা জানিয়েছেন, শিগগিরই এসব মমির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশিত হবে, যা থেকে এই শিশুদের বংশপরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে। ৮৩ বছর বয়সী অভিযাত্রী জোহান রেইনহার্ডের ভাষায়, “একটি বরফমমি কখনোই নতুন তথ্য দেওয়া বন্ধ করে না।” সূত্র: সিএনএন।
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
দীর্ঘ আট বছরে প্রায় এক হাজার কোটি কিলোমিটার (ছয় বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই ঐতিহাসিক মিশনটি বুধের অজানা অনেক রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আবার রাতে তা হিমাঙ্কের নিচে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের শিকার হয়। এত বৈরী পরিবেশ সত্ত্বেও বুধের মেরু অঞ্চলের গর্তগুলোতে কীভাবে বরফ জমে আছে এবং এর পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় অগভীর গর্ত বা ‘হলোস’ (hollows) কীভাবে সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। মিশনটির প্রধান গবেষক ও যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, “সৌরজগতের ভেতরের গ্রহগুলোর মধ্যে বুধ কিছুটা কম আলোচিত হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। গ্রহটি কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে এবং সূর্যের চরম আবহাওয়ার সাথে এটি কীভাবে খাপ খাইয়ে নেয়, তা জানা আমাদের জন্য খুবই জরুরি।” ২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো। সূর্যের প্রচণ্ড মহাকর্ষীয় টান সামলে গতি কমানোর জন্য মহাকাশযানটিকে বেশ জটিল পথ পাড়ি দিতে হয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। মূলত সাত বছরে এই যাত্রা শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সময় এক বছর বেড়ে যায়। এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত ধাপটি বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বুধের মাধ্যাকর্ষণে ধরা পড়তে মহাকাশযানটিকে টানা ৩৭ মিনিট ধরে বিশেষ কৌশলে গতি কমাতে হবে। এতে সামান্য ভুল হলেই যানটি বুধকে পাশ কাটিয়ে মহাশূন্যে ছিটকে যেতে পারে। এর আগে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি যান—১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ এবং ২০১১ সালে ‘মেসেঞ্জার’ বুধের কাছাকাছি গিয়েছিল। চাঁদের চেয়ে সামান্য বড় বুধ গ্রহে প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ পর্বতশ্রেণি ও বিশাল সব গর্ত রয়েছে। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরায় পৃথিবীর মাত্র ৮৮ দিনেই বুধের এক বছর পূর্ণ হয়। কিন্তু নিজ অক্ষে অত্যন্ত ধীরগতিতে ঘোরার কারণে সেখানে এক দিন হতে পৃথিবীর ৫৯ দিন সময় লেগে যায়। বিজ্ঞানীদের আরেকটি বড় কৌতূহল হলো বুধের বিশাল ধাতব কেন্দ্র বা কোর। অধ্যাপক বান্সের মতে, অতীতে গ্রহটি হয়তো আরও অনেক বড় ছিল, কিন্তু কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষে এর বাইরের স্তর ছিটকে গিয়ে বর্তমান রূপ ধারণ করেছে। ‘একটির ভেতর দুটি’—এমন অনন্য নকশায় তৈরি বেপিকলম্বো মূলত দুটি আলাদা মহাকাশযান বহন করছে। বুধের কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর যান দুটি আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার (ইএসএ) যানটি খুব কাছ থেকে বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে এবং জাপানের (জাক্সা) যানটি দূর থেকে গ্রহটির চারপাশের পরিবেশ ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে। মহাকাশযানটি নির্মাণে যুক্ত এয়ারবাসের সিস্টেম ইঞ্জিনিয়ার জেসিকা মার্শাল জানান, দীর্ঘ আট বছর তীব্র বিকিরণ ও চরম তাপমাত্রার মধ্য দিয়ে যাওয়ার পর দুটি যানকে নিরাপদে আলাদা করার মুহূর্তটি হবে অত্যন্ত স্নায়ুচাপের। বিশেষ একটি স্প্রিং মেকানিজমের মাধ্যমে যান দুটি খুব আলতোভাবে বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে। দুটি আধুনিক অরবিটারের মাধ্যমে বুধ গ্রহের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যগুলোর জট খুলবে বলেই প্রত্যাশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি।
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১
নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

