পহেলা বৈশাখ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের প্রতীক: শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তা, ইতিহাস ও সংস্কৃতির অনন্য প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।   বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে নববর্ষ নতুনের আহ্বান নিয়ে আসে এবং পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি উল্লেখ করেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির নিবিড় সম্পর্ক রয়েছে।   তিনি আরও বলেন, বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন বাঙালির সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্য তুলে ধরে এবং জাতীয় ঐক্যকে দৃঢ় করে। নববর্ষের এই শুভক্ষণে সংকীর্ণতা ও স্বার্থপরতা পরিহার করে মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।   কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন আজ বাংলা নববর্ষের প্রথম দিন আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।   প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টায় টাঙ্গাইলের সন্তোষে পৌঁছে তিনি প্রথমে মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন। পরে কৃষক কার্ড উদ্বোধন শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন এবং বিকেলে ঢাকায় ফিরবেন।   জানা গেছে, দেশের ১১টি উপজেলায় একযোগে এ কর্মসূচির যাত্রা শুরু হবে। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।   ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এর আগে দেশের বিনিয়োগ ও ব্যবসা পরিস্থিতি নিয়ে বিভিন্ন খাতের ১৫ জন শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।   বৈঠকগুলোতে খাদ্য, কৃষি, শিল্প ও করপোরেট খাতের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। এতে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ এবং শিল্পোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
গ্লানি মুছে নতুনের আবাহন—উৎসবে মুখর আজ পহেলা বৈশাখ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই চিরন্তন আহ্বানে নতুন সূর্যের আলোয় সূচিত হলো বঙ্গাব্দ ১৪৩৩। পুরোনো বছরের সব জীর্ণতা ও ক্লান্তি পেছনে ফেলে নতুন আশা, স্বপ্ন ও সমৃদ্ধির প্রত্যাশায় আজ উৎসবে মেতেছে গোটা বাঙালি জাতি।   ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব হিসেবে এবারও প্রাণের স্পন্দনে রূপ নিয়েছে। দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে তুলনামূলক স্বস্তিকর পরিবেশে উদযাপিত হচ্ছে নববর্ষ, যদিও বৈশ্বিক অস্থিরতার ছায়া রয়েই গেছে। তবুও নববর্ষের এই দিনটি বয়ে আনছে শান্তি ও সম্প্রীতির বার্তা।   দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালিরাও আজ আনন্দঘন পরিবেশে উদযাপন করছেন বাংলা নববর্ষ। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোও তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী বর্ষবরণে অংশ নিয়েছে।   পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তারা উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।   রাষ্ট্রপতি তাঁর বাণীতে পহেলা বৈশাখকে অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে উল্লেখ করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় নববর্ষকে জাতিসত্তার পরিচয় ও গণতান্ত্রিক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।   ঐতিহাসিকভাবে মুঘল সম্রাট আকবর-এর সময় খাজনা আদায়ের সুবিধার্থে প্রবর্তিত ‘ফসলি সন’ থেকেই বঙ্গাব্দের সূচনা। কালের পরিক্রমায় এটি আজ বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।   রাজধানী ঢাকায় বর্ষবরণের মূল আয়োজন ঘিরে সাজ সাজ রব। ছায়ানট-এর পরিবেশনায় ভোরে রমনার বটমূল-এ শুরু হয়েছে দিনের কর্মসূচি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয়েছে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’।   এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন চলছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিকের বৈশাখী মেলা এবং শেরেবাংলা নগরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণ করছে।   শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও বইছে উৎসবের আমেজ। গ্রামগঞ্জের মেলা থেকে শহরের বর্ণিল আয়োজন—সব মিলিয়ে নতুন বছরকে বরণ করে নিতে উদ্দীপ্ত গোটা জাতি। জরাজীর্ণ অতীতকে বিদায় জানিয়ে শান্তি, সম্প্রীতি ও সম্ভাবনাময় এক নতুন দিনের প্রত্যাশায় আজ নতুন করে স্বপ্ন দেখছে বাংলার মানুষ।

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬ 0
মেট্রোরেল থামা ইস্যুতে নতুন সিদ্ধান্ত
মেট্রোরেল থামা ইস্যুতে নতুন সিদ্ধান্ত

পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে এদিন নির্দিষ্ট কিছু স্টেশনে ট্রেন থামা নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।   সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিনই যাত্রীদের জন্য বন্ধ রাখা হবে।   কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখও প্রকাশ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: আমেরিকা বাংলা
তিন বছর পর ফিরছে রাবির বৈশাখ, চারুকলায় চলছে রঙ, মোটিফ আর স্বপ্নে ভরা প্রস্তুতি

তিন বছর পর পহেলা বৈশাখকে সামনে রেখে জোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বৈশাখী শোভাযাত্রা ঘিরে ক্যাম্পাসে ফিরে এসেছে উৎসবের আমেজ।   বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা তৈরি করছেন নানা বর্ণিল মোটিফ, যেখানে বাঙালির ঐতিহ্যের পাশাপাশি স্থান পাচ্ছে সমসাময়িক বিশ্ব বাস্তবতার প্রতিফলন। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে তুলে ধরা হচ্ছে যুদ্ধ ও জ্বালানি সংকটের বিষয়।   শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঘোড়া ও ঘোড়ার গাড়ির মোটিফ, যা শক্তি, গতি ও ঐতিহ্যের প্রতীক। পাশাপাশি জাতীয় মাছ ইলিশ, শৈশবের স্মৃতিবাহী টমটম গাড়ি এবং প্রাচীন রাজা-বাদশা ও ঐতিহাসিক চরিত্রের মুখোশও স্থান পাচ্ছে এবারের আয়োজনে। বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীরও উদ্যোগ নেওয়া হয়েছে।   শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবন প্রাঙ্গণে শিক্ষার্থীরা বাঁশ, কাঠ, লোহা ও রঙিন কাগজ দিয়ে এসব মোটিফ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। রংতুলির ছোঁয়ায় ধীরে ধীরে সেগুলো প্রাণবন্ত হয়ে উঠছে।   এবার কেন্দ্রীয় কোনো প্রতিপাদ্য নির্ধারণ করা হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই আয়োজনটি করা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে সময় ও বিদ্যুৎ ব্যবহারে সংযম আনা হয়েছে এবং সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।   জানা গেছে, রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এই শোভাযাত্রা উপভোগ করতে ক্যাম্পাসে আসবেন। শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। আয়োজকদের মতে, এ ধরনের সর্বজনীন উৎসব সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী নাসির হোসেন বলেন, গত বছর রমজান মাসসহ দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে বড় পরিসরে আয়োজন হয়নি। তবে এবার নতুন উদ্যমে কাজ করছেন তারা।   তিনি জানান, শিক্ষকদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন। নিজেদের হাতে সবকিছু তৈরি করে শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে দিনরাত পরিশ্রম করছেন শিক্ষার্থীরা।   চারুকলা অনুষদের অধ্যাপক ড. আরিফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রতিফলন তুলে ধরতে এমন মোটিফ তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ পুরোনো বাহনের দিকে ফিরে যেতে বাধ্য হচ্ছে ঘোড়া ও ঘোড়ার গাড়ি সেই বাস্তবতার প্রতীক।   অন্যদিকে অর্থায়নের বিষয়ে অধ্যাপক ড. হুমায়ুন কবীর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব শ্রম ও অর্থায়নে এই প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রাখতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা নেওয়া হয়নি।

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ১৩, ২০২৬ 0
প্রধানমন্ত্রী তারেক রহমান
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে দেশের ১০টি জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে টাঙ্গাইলসহ কয়েকটি জেলা প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় আসছে।   বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কৃষকদের সহায়তা এবং কৃষিখাতে স্বচ্ছতা বাড়াতে সরকারের বিশেষ উদ্যোগ হিসেবেই এই কার্ড চালু করা হচ্ছে।   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এই কার্ড তুলে দেবেন বলে জানানো হয়েছে।   সংশ্লিষ্টদের মতে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি সার, উন্নত বীজ এবং অন্যান্য কৃষি সহায়তা সরাসরি গ্রহণ করতে পারবেন। এতে বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।   প্রথম ধাপে ১০টি জেলায় কার্যক্রম শুরু হলেও, পর্যায়ক্রমে এটি সারা দেশে বিস্তৃত করা হবে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ৯, ২০২৬ 0
ফাইল ফটো।
পহেলা বৈশাখ ঘিরে সরকারের একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৯ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সভায় পহেলা বৈশাখ উদযাপনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের নববর্ষের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নববর্ষের উৎসবকে আরও সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বরাবরের মতোই ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে, যার নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করবে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের অনুষ্ঠানগুলোতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রী জানান, বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, জাতীয় ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নববর্ষ উদযাপিত হবে। সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনসহ বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আমেরিকা বাংলা ডেস্ক মার্চ ২৯, ২০২৬ 0
পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ইসি মাছউদ
পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন: ইসি মাছউদ

পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ এই তথ্য নিশ্চিত করেন।   নির্বাচন কমিশনার জানান, কালবৈশাখী বা বর্ষা মৌসুমের সম্ভাব্য দুর্যোগ এড়াতে এবং আবহাওয়া অনুকূলে থাকতেই এই দুই আসনের ভোটগ্রহণ শেষ করতে চায় কমিশন।   উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনের সংসদ সদস্য থাকতে পারেন না। গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানালে ইসি আসনটি শূন্য ঘোষণা করে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের নিয়ম রয়েছে।   অন্যদিকে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় আরপিও অনুযায়ী ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। আইন অনুযায়ী, এই আসনে নতুন তফসিল ঘোষণা করে ভোট নেওয়া হবে। তবে এই আসনের ক্ষেত্রে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।   নির্বাচন কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই দুই আসনের পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করবে বলে আভাস পাওয়া গেছে।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Top week

ছবি: সংগৃহীত।
জাতীয়

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ২১, ২০২৬ 0