'সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি' এআই, কেড়ে নিবে কোটি মানুষের চাকরি, ঘটতে পারে জৈবসন্ত্রাস: বিল গেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, আগামী এক দশকে এআই দ্রুত বিভিন্ন পেশার কাজ দখল করে নেওয়ায় বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। একই সঙ্গে এই প্রযুক্তি সাইবার হামলা, প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো এবং এমনকি প্রাণঘাতী জীবাণু তৈরির সক্ষমতাও সহজ করে দিতে পারে।
২৬ আগস্ট নিজের ওয়েবসাইটে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের এক দীর্ঘ প্রবন্ধে গেটস এআই যুগের সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত লিখেছেন। একই সময়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি এআই নিয়ে তাঁর উদ্বেগের কথা তুলে ধরেন।
গেটসের মতে, এআই আগের প্রযুক্তিগত বিপ্লবগুলোর মতো নয়। অতীতে প্রযুক্তি কিছু কাজের ধরন বদলে দিলেও মানুষের চিন্তাশক্তির প্রয়োজন হয় এমন নতুন কাজ তৈরি হয়েছে। কিন্তু এআই সরাসরি মানুষের চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটি বড় অংশকে প্রতিস্থাপন করতে পারে। ফলে চাকরি হারানো মানুষের জন্য নতুন কাজ তৈরির সুযোগ আগের তুলনায় অনেক কম হতে পারে।
তিনি লিখেছেন, আইন, গ্রাহকসেবা, চিকিৎসা, সফটওয়্যার ও উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এআই দ্রুত কাজের অংশ হয়ে উঠবে। এই পরিবর্তন কয়েক প্রজন্ম ধরে নয়, মাত্র এক দশকের মধ্যেই বড় আকারে ঘটতে পারে। নতুন কিছু চাকরি তৈরি হলেও যথাযথ নীতি না থাকলে বর্তমানে যত চাকরি রয়েছে, তার তুলনায় নতুন চাকরির সংখ্যা অনেক কম হতে পারে।
বিশেষ করে প্রবেশ পর্যায়ের ও মধ্যম পর্যায়ের চাকরি নিয়ে বেশি উদ্বিগ্ন গেটস। তাঁর মতে, তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন, কারণ কর্মজীবন শুরু করার সময় তাদের জন্য আগের তুলনায় কম সুযোগ থাকতে পারে। সফটওয়্যার প্রকৌশল, বিক্রয় ও গ্রাহকসেবা, আইনি সহায়তা, ঋণের আবেদন যাচাই, তথ্য বিশ্লেষণ এবং রোগীদের প্রাথমিক পর্যায়ের মূল্যায়নের মতো কাজেও এআই ক্রমেই ভূমিকা নিতে পারে।
শুধু দাপ্তরিক কাজ নয়, শারীরিক শ্রমের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে মনে করেন গেটস। তাঁর ধারণা, দশকের শেষ নাগাদ উন্নত রোবট নির্মাণ ও আতিথেয়তা খাতের কিছু কাজে মানুষের সঙ্গে প্রতিযোগিতা শুরু করতে পারে। একটি প্রতিষ্ঠান রোবট ও এআই ব্যবহার করে খরচ কমিয়ে পণ্যের দাম কমালে অন্য প্রতিষ্ঠানগুলোও প্রতিযোগিতায় টিকে থাকতে একই পথে যেতে বাধ্য হবে। এতে স্বয়ংক্রিয়করণের গতি আরও বাড়তে পারে।
গেটসের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, এআই যখন প্রায় ভুলহীনভাবে কাজ করতে পারবে এবং মানুষের তদারকির প্রয়োজনও কমে যাবে। তখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছে আরও বেশি কাজ যন্ত্রের হাতে তুলে দেওয়ার শক্তিশালী অর্থনৈতিক প্রণোদনা থাকবে। এর ফলে কর্মসংস্থান, আয় এবং অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে প্রচলিত ধারণাই বদলে যেতে পারে।
তিনি ১৯৩০-এর দশকের মহামন্দার কথাও উল্লেখ করেছেন। ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রে বেকারত্ব প্রায় ২৫ শতাংশে পৌঁছেছিল। তবে গেটস বলেন, এআইয়ের কারণে বেকারত্ব সেই পর্যায়ে পৌঁছাবে এমন পূর্বাভাস তিনি দিচ্ছেন না। তাঁর বক্তব্য হলো, এআইয়ের প্রভাব যদি ব্যাপক হয়, তা শুধু অর্থনৈতিক চক্রের পরিবর্তনের সঙ্গে শেষ হয়ে যাবে না। বরং অর্থনীতির কাঠামোর ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
এআইয়ের অপব্যবহার নিয়েও সতর্ক করেছেন গেটস। তাঁর মতে, অনলাইনে আগে থেকেই সাইবার হামলা, প্রতারণা, ক্ষতিকর সফটওয়্যার ও জৈব অস্ত্র সম্পর্কে তথ্য পাওয়া যায়। এআই এসব তথ্য ব্যবহার করা এবং বাস্তবে প্রয়োগ করার সক্ষমতা আরও সহজ করে দিতে পারে। দক্ষতা কম থাকা ব্যক্তিরাও বড় পরিসরে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানোর ক্ষমতা পেতে পারেন।
হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ অবকাঠামো এবং সরকারি সেবার ব্যবস্থাপনা ব্যবস্থা এআই-সহায়িত সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
জীবাণু অস্ত্রের সম্ভাব্য অপব্যবহার নিয়েও তাঁর উদ্বেগ রয়েছে। গেটসের মতে, এআই যেমন নতুন ওষুধ ও টিকা তৈরির কাজ দ্রুত করতে পারে, তেমনি ক্ষতিকর উদ্দেশ্যে নতুন প্রাণঘাতী রোগজীবাণু তৈরির কাজও সহজ করে দিতে পারে। এ কারণেই অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন এআই ব্যবস্থার বাধ্যতামূলক পর্যালোচনার পক্ষে তিনি মত দিয়েছেন।
তবে গেটস শুধু এআইয়ের বিপদ তুলে ধরেননি। তাঁর মতে, সঠিকভাবে ব্যবহার করা গেলে এই প্রযুক্তি চিকিৎসা, শিক্ষা, কৃষি ও বৈজ্ঞানিক গবেষণায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নতুন ওষুধ ও টিকা আবিষ্কার, স্বাস্থ্যকর্মীদের সহায়তা এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এআইয়ের ক্ষতিকর প্রভাব কমাতে কয়েকটি পদক্ষেপের প্রস্তাবও দিয়েছেন গেটস। এর মধ্যে অন্যতম হলো কিছু নির্দিষ্ট কাজকে মানুষের জন্য সংরক্ষিত রাখা। তিনি এই ধারণার নাম দিয়েছেন ‘হিউম্যান রিজার্ভড’। বিশেষ করে এমন কাজ, যেখানে মানুষের সহানুভূতি, সম্পর্ক বোঝার ক্ষমতা ও মানবিক উপস্থিতি অপরিহার্য, সেসব ক্ষেত্রে মানুষকে সরিয়ে না দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।
এ ছাড়া এআই ও রোবটের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন গেটস। তাঁর যুক্তি, বর্তমানে একজন কর্মী নিয়োগ করলে প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের শ্রম কর দিতে হয়, কিন্তু রোবট কেনার ক্ষেত্রে অনেক সময় কর সুবিধা পাওয়া যায়। ফলে করব্যবস্থা পরোক্ষভাবে মানুষকে বাদ দিয়ে যন্ত্র ব্যবহারে উৎসাহ দিতে পারে। রোবট ও এআই ব্যবহারের ওপর কর আরোপ করলে স্বয়ংক্রিয়করণের গতি কিছুটা কমানোর পাশাপাশি কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ জোগানো সম্ভব হতে পারে বলে তাঁর মত।
গেটস আরও বলেছেন, এআইয়ের প্রভাব সামলাতে শুধু একটি দেশের নীতি যথেষ্ট নয়। জাতীয় পর্যায়ে নতুন প্রতিষ্ঠান ও নীতিকাঠামো তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এআই যেহেতু কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় নিরাপত্তা, নির্বাচন, অর্থনীতি ও অবকাঠামোসহ বহু ক্ষেত্রকে একসঙ্গে প্রভাবিত করতে পারে, তাই এসব বিষয়কে আলাদা আলাদাভাবে দেখলে ঝুঁকি মোকাবিলা কঠিন হবে।
এআই উন্নয়নে নেতৃত্ব দেওয়া দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কিছু মাত্রায় সমন্বয় দরকার বলে মনে করেন গেটস। তাঁর মতে, প্রযুক্তির প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আগে আন্তর্জাতিক পর্যায়ে কিছু অভিন্ন নীতি ও নিরাপত্তা কাঠামো তৈরির কাজ শুরু করা উচিত।
এআই নিয়ে নিজের অবস্থানকে গেটস একেবারে নেতিবাচক হিসেবে দেখছেন না। বরং তাঁর বক্তব্য, এখনই ব্যবস্থা নেওয়া গেলে এই প্রযুক্তি মানবজাতির জন্য বড় সুফল বয়ে আনতে পারে। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হলে চাকরি হারানো, সামাজিক অস্থিরতা এবং জনআস্থার সংকট তৈরি হওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়া অনেক কঠিন হবে।
তাঁর ভাষায়, এআইয়ের সুবিধা যেন শুধু ধনী ও প্রভাবশালী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এ কারণে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পক্ষকে এআই নিয়ে আলোচনায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
গেটসের এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন এআই প্রযুক্তির সক্ষমতা দ্রুত বাড়ছে এবং কর্মক্ষেত্রে এর ব্যবহারও বিস্তৃত হচ্ছে। তাঁর মতে, এখনই নীতি নির্ধারণ ও প্রস্তুতি শুরু করা গেলে এআইয়ের সম্ভাব্য সুফল সবার মধ্যে ভাগ করে নেওয়া সম্ভব। আর তা না হলে প্রযুক্তির অগ্রগতি অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদসূত্র: গেটস নোটস, দ্য নিউইয়র্ক টাইমস, নিউইয়র্ক পোস্ট।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreব্যায়ামের সময় পেশি কীভাবে শরীরের রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে, তার একটি নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকেরা। এই আবিষ্কার ভবিষ্যতে ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। ‘কমিউনিকেশনস বায়োলজি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল মানবদেহের মোট ওজনের প্রায় ৪০ শতাংশ এবং এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। খাবার গ্রহণের পর শরীরের গৃহীত গ্লুকোজের বড় একটি অংশ পেশি শোষণ করে। সাধারণত ইনসুলিন হরমোন পেশিকে রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে সংকেত দেয়। কিন্তু ব্যায়ামের সময় বা যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তাদের ক্ষেত্রে পেশি কীভাবে ইনসুলিন ছাড়াই গ্লুকোজ গ্রহণ করে, তা এতদিন স্পষ্ট ছিল না। গবেষকেরা প্রাণী মডেলের বিচ্ছিন্ন পেশিতে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যায়ামের মতো সংকোচন তৈরি করে পরীক্ষা চালান। এতে তাঁরা পেশিতে mSGLT নামের একটি নতুন গ্লুকোজ পরিবহন পথের অস্তিত্ব শনাক্ত করেন, যা প্রচলিত GLUT4 প্রোটিন ও ইনসুলিনের সংকেত ছাড়াই গ্লুকোজ শোষণে কাজ করে। সংশ্লিষ্ট গবেষকদের মতে, এই পথের মূল বৈশিষ্ট্যগুলো এখন চিহ্নিত হয়েছে। পরবর্তী ধাপে গবেষকেরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নির্দিষ্ট প্রোটিন এবং তা নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করার কাজ করবেন। ভবিষ্যতে যদি এমন কোনো ওষুধ তৈরি করা যায় যা পেশিতে এই mSGLT পথকে সক্রিয় করতে পারে, তবে তা প্রচলিত ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি বা বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তবে গবেষকেরা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা এবং মানবদেহে পূর্ণাঙ্গ চিকিৎসা হিসেবে প্রয়োগের আগে আরও বিস্তৃত গবেষণা ও ক্লিনিক্যাল যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সূত্র: সায়েন্সটেকডেইলি, ইউনিভার্সিটি অব সিনসিনাটি 873 ডিএন
নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ
শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রায় ৫০০ বছর আগে ৬, ৮ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু আন্দিজ পর্বতমালার প্রায় ২০ হাজার ৬০০ ফুট (৬ হাজার ৩০০ মিটার) উঁচুতে অবস্থিত পবিত্র ইনকা স্থান মাউন্ট আম্পাতোর চূড়ায় এক দীর্ঘ ও দুর্গম যাত্রা করেছিল। তারা আর নিচে ফিরে আসেনি—তবে পর্বতারোহণের ক্লান্তি নয়, বরং ধর্মীয় আচারের নামে নির্মম ‘নরবলি’ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ। ১৫ ও ১৬ শতকে ইনকা সাম্রাজ্য জুড়ে ‘কাপাকোচা’ (Capacocha) নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এমন আরও বহু শিশু ও তরুণীকে বলি দেওয়া হয়েছিল। ১৯৯০-এর দশকে পেরু, চিলি ও আর্জেন্টিনার সুউচ্চ পর্বতচূড়ায় তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ায় অক্ষত অবস্থায় থাকা এসব ‘আইস মামি’ বা বরফমমি আবিষ্কৃত হয়। দেখতে ঘুমন্ত শিশুর মতো লাগা এই মমিগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় উঠে এসেছে তাদের জীবনের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর ও নতুন সব তথ্য। জীবিত ও দেবতাদের মধ্যস্থতাকারী : ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়ে ১৫৭২ সালে স্প্যানিশ অভিযানের মাধ্যমে পতন হওয়া ইনকা সাম্রাজ্যে দেবতাদের সন্তুষ্ট করতে শিশু ও তরুণীদের বলি দেওয়া হতো। বিশ্বাস করা হতো, মৃত্যুর পর তারা জীবিত মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। স্প্যানিশ ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, সুদর্শন ও নিখুঁত শিশুদেরই এই বলির জন্য বেছে নেওয়া হতো এবং এটি পরিবারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আন্দিয়ান স্টাডিজের প্রত্নতাত্ত্বিক দাগমারা সোচা জানান, এই প্রথার কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ না থাকায় স্প্যানিশদের লেখা তথ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই মমিগুলোর বৈজ্ঞানিক পরীক্ষাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে। বলির আগে শিশুদের রাজধানী কুজকোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে হতো এবং এরপর মাসের পর মাস দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হতো। মৃত্যুর আগে দেওয়া হতো নেশাজাতীয় দ্রব্য : সোচা ও তার দল পেরু এবং আর্জেন্টিনার পাঁচটি পর্বত থেকে উদ্ধার হওয়া আটটি শিশু মমির (সাতজন মেয়ে ও একজন ছেলে) চুল ও নখের বিষক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন। সাময়িকী ‘অ্যান্টিকুইটি’-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আগে থেকেই শিশুদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো। সব কটি মমির শরীরেই কোকেনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত কোকা পাতা চিবানোর ফলে শরীরে প্রবেশ করেছিল। উচ্চতাজনিত অসুস্থতা ও ক্লান্তি কমাতে ইনকা সংস্কৃতিতে এর প্রচলন ছিল। এ ছাড়া চারটি মমির শরীরে ভুট্টা থেকে তৈরি ‘চিচা’ নামক এক ধরনের মদের অস্তিত্ব মিলেছে, যা শিশুদের শান্ত ও সংবেদনশীলতা কমিয়ে রাখতে দেওয়া হতো। আর্জেন্টিনার মাউন্ট চুস্কায় পাওয়া ৮ বছর বয়সী এক মেয়ের চুল বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ছয় মাস আগে থেকেই তার শরীরে কোকেন ও অ্যালকোহলের মাত্রা ওঠানামা করছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ১৯৯৫ সালে মাউন্ট আম্পাতোতে ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী জোহান রেইনহার্ডের আবিষ্কৃত বিখ্যাত মমি ‘হুয়ানিতা’ বা ‘আইস মেইডেন’-এর ক্ষেত্রে। তার শরীরে ‘হারমাইন’ (Harmine) নামক এক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা এক ধরনের বিষণ্ণতানাশক ও হ্যালুসিনোজেনিক পানীয়তে ব্যবহৃত হয়। দাগমারা সোচা জানান, ইনকাদের বিশ্বাস ছিল শিশুদের হাসিমুখে ও প্রফুল্ল চিত্তে দেবতাদের কাছে যাওয়া জরুরি; আর সে কারণেই তাদের মন ভালো রাখতে এসব ভেষজ মিশ্রণ পান করানো হতো। মৃত্যুর কারণ নিয়ে নতুন তথ্য : চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জৈব-নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা-পিন্টো এবং তার সহকর্মীরা চিলিতে পাওয়া তিনটি মমির সিটি স্ক্যান করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, চিলির এল প্লোমো পর্বতে পাওয়া ৮-৯ বছর বয়সী ‘এল প্লোমো বয়’ ঠান্ডায় জমে মারা যায়নি; বরং তার মাথার খুলিতে ভারী কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৌশলীদের সহায়তায় গবেষকরা নিশ্চিত হয়েছেন, ইনকাদের তারা-আকৃতির (star-shaped) গদা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর ঠিক আগে শিশুটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল এবং মাথায় আঘাতের পর বমির কারণে তার পোশাকে দাগ লেগে ছিল বলেও সিটি স্ক্যানে ধরা পড়েছে। একইভাবে বিখ্যাত মমি ‘হুয়ানিতা’-র সিটি স্ক্যানেও তার মাথা, বুক ও শ্রোণিদেশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকেও আঘাত করে হত্যা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার ২২ হাজার ১০৯ ফুট উঁচু মাউন্ট লুল্লাইলাকোতে পাওয়া মমিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি; ধারণা করা হয়, নেশাগ্রস্ত ও অচেতন অবস্থায় তীব্র ঠান্ডায় জমে তাদের মৃত্যু হয়েছিল। দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা : চুলের আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, মৃত্যুর আগের কয়েক মাসে শিশুদের খাদ্যাভ্যাসে বারবার পরিবর্তন এসেছিল। ‘এল প্লোমো বয়’ মৃত্যুর আগে প্রায় ৯ মাস ধরে ১ হাজার ৬১৫ মাইলের (২ হাজার ৬০০ কিলোমিটার) বেশি পথ হেঁটেছিল। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ের তলায় অস্বাভাবিক পুরু ও শক্ত চামড়া জমে গিয়েছিল, যা তার বয়সী কোনো শিশুর ক্ষেত্রে বিরল। গবেষকরা জানিয়েছেন, শিগগিরই এসব মমির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশিত হবে, যা থেকে এই শিশুদের বংশপরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে। ৮৩ বছর বয়সী অভিযাত্রী জোহান রেইনহার্ডের ভাষায়, “একটি বরফমমি কখনোই নতুন তথ্য দেওয়া বন্ধ করে না।” সূত্র: সিএনএন।
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
দীর্ঘ আট বছরে প্রায় এক হাজার কোটি কিলোমিটার (ছয় বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই ঐতিহাসিক মিশনটি বুধের অজানা অনেক রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আবার রাতে তা হিমাঙ্কের নিচে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের শিকার হয়। এত বৈরী পরিবেশ সত্ত্বেও বুধের মেরু অঞ্চলের গর্তগুলোতে কীভাবে বরফ জমে আছে এবং এর পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় অগভীর গর্ত বা ‘হলোস’ (hollows) কীভাবে সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। মিশনটির প্রধান গবেষক ও যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, “সৌরজগতের ভেতরের গ্রহগুলোর মধ্যে বুধ কিছুটা কম আলোচিত হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। গ্রহটি কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে এবং সূর্যের চরম আবহাওয়ার সাথে এটি কীভাবে খাপ খাইয়ে নেয়, তা জানা আমাদের জন্য খুবই জরুরি।” ২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো। সূর্যের প্রচণ্ড মহাকর্ষীয় টান সামলে গতি কমানোর জন্য মহাকাশযানটিকে বেশ জটিল পথ পাড়ি দিতে হয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। মূলত সাত বছরে এই যাত্রা শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সময় এক বছর বেড়ে যায়। এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত ধাপটি বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বুধের মাধ্যাকর্ষণে ধরা পড়তে মহাকাশযানটিকে টানা ৩৭ মিনিট ধরে বিশেষ কৌশলে গতি কমাতে হবে। এতে সামান্য ভুল হলেই যানটি বুধকে পাশ কাটিয়ে মহাশূন্যে ছিটকে যেতে পারে। এর আগে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি যান—১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ এবং ২০১১ সালে ‘মেসেঞ্জার’ বুধের কাছাকাছি গিয়েছিল। চাঁদের চেয়ে সামান্য বড় বুধ গ্রহে প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ পর্বতশ্রেণি ও বিশাল সব গর্ত রয়েছে। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরায় পৃথিবীর মাত্র ৮৮ দিনেই বুধের এক বছর পূর্ণ হয়। কিন্তু নিজ অক্ষে অত্যন্ত ধীরগতিতে ঘোরার কারণে সেখানে এক দিন হতে পৃথিবীর ৫৯ দিন সময় লেগে যায়। বিজ্ঞানীদের আরেকটি বড় কৌতূহল হলো বুধের বিশাল ধাতব কেন্দ্র বা কোর। অধ্যাপক বান্সের মতে, অতীতে গ্রহটি হয়তো আরও অনেক বড় ছিল, কিন্তু কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষে এর বাইরের স্তর ছিটকে গিয়ে বর্তমান রূপ ধারণ করেছে। ‘একটির ভেতর দুটি’—এমন অনন্য নকশায় তৈরি বেপিকলম্বো মূলত দুটি আলাদা মহাকাশযান বহন করছে। বুধের কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর যান দুটি আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার (ইএসএ) যানটি খুব কাছ থেকে বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে এবং জাপানের (জাক্সা) যানটি দূর থেকে গ্রহটির চারপাশের পরিবেশ ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে। মহাকাশযানটি নির্মাণে যুক্ত এয়ারবাসের সিস্টেম ইঞ্জিনিয়ার জেসিকা মার্শাল জানান, দীর্ঘ আট বছর তীব্র বিকিরণ ও চরম তাপমাত্রার মধ্য দিয়ে যাওয়ার পর দুটি যানকে নিরাপদে আলাদা করার মুহূর্তটি হবে অত্যন্ত স্নায়ুচাপের। বিশেষ একটি স্প্রিং মেকানিজমের মাধ্যমে যান দুটি খুব আলতোভাবে বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে। দুটি আধুনিক অরবিটারের মাধ্যমে বুধ গ্রহের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যগুলোর জট খুলবে বলেই প্রত্যাশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি।
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১
নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

