সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ২১:৬
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মানুষের তৈরি কোনো মহাকাশযান আগে কখনো পৃথিবী থেকে এত দূরে পৌঁছাতে পারেনি। সেই রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। প্রায় ৪৯ বছরের দীর্ঘ যাত্রা শেষে গত ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করেছে এটি। এর অর্থ, পৃথিবী থেকে পাঠানো কোনো সংকেত মহাকাশযানটিতে পৌঁছাতে এখন প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আর সেখান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতেও লাগে আরও ২৪ ঘণ্টা।

 

নাসার তথ্য অনুযায়ী, এক আলোক-দিন বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে বোঝায়। এই দূরত্ব প্রায় ১৬১০ কোটি মাইল বা ২৫৯০ কোটি কিলোমিটার। ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সময় রাত ২টা ১৬ মিনিটে এই মাইলফলকে পৌঁছায় ভয়েজার-১। পরদিন বৃহস্পতিবার ভোরে ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীরা মহাকাশযানটির সংকেত গ্রহণ করেন। সংকেতটি আলোর গতিতে পৃথিবীতে পৌঁছাতে প্রায় এক দিন সময় নিয়েছে।

 

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার-১। একই বছরের ২০ আগস্ট উৎক্ষেপণ করা হয় এর যমজ মহাকাশযান ভয়েজার-২। সৌরজগতের বাইরের গ্রহগুলো কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ নিতে বিশেষ গ্রহীয় অবস্থানকে কাজে লাগিয়েই এই দুটি অভিযান শুরু হয়েছিল। ভয়েজার-১ বৃহস্পতি ও শনির পাশ দিয়ে উড়ে গিয়ে গুরুত্বপূর্ণ ছবি ও বৈজ্ঞানিক তথ্য পাঠায়। অন্যদিকে ভয়েজার-২ বৃহস্পতি ও শনি ছাড়াও ইউরেনাস ও নেপচুন গ্রহ পর্যবেক্ষণ করে। এসব অভিযানের তথ্য সৌরজগতের বাইরের গ্রহ ও তাদের উপগ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা বদলে দেয়।

 

ভয়েজার-১-এর আরেকটি বড় অর্জন হলো আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ। ২০১২ সালে এটি সূর্যের চারপাশের কণিকা ও চৌম্বকক্ষেত্রে তৈরি হেলিওস্ফিয়ারের সীমানা অতিক্রম করে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। এর যমজ ভয়েজার-২ একই সীমানা অতিক্রম করে ২০১৮ সালে। বর্তমানে দুটি মহাকাশযানই সূর্যের প্রভাববলয়ের বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীরা জানতে চাইছেন, সূর্যের প্রভাব ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত এবং আন্তনাক্ষত্রিক মহাকাশের প্রকৃত বৈশিষ্ট্য কী।

 

তবে ঐতিহাসিক এই অর্জনের সময় কিছু প্রযুক্তিগত সমস্যার মধ্যেও রয়েছে ভয়েজার-১। নাসা জানিয়েছে, ১৪ নভেম্বর থেকে মহাকাশযানটি থেকে কোনো বৈজ্ঞানিক ও প্রকৌশলসংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে না। তবে এটি এখনো একটি বাহক সংকেত পাঠাচ্ছে, যা সাধারণত এসব তথ্য পৃথিবীতে পাঠানোর কাজে ব্যবহৃত হয়। এই সংকেত এবং মহাকাশযানটির গতিপথের হিসাব মিলিয়ে এক আলোক-দিন দূরত্ব অতিক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশলীরা। তথ্য পাঠানোর সমস্যার কারণ খুঁজে বের করার কাজ চলছে।

 

প্রায় ৫০ বছরের পুরোনো এই মহাকাশযানের বিদ্যুৎ সরবরাহও ক্রমেই কমছে। এতে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় থেকে উৎপন্ন তাপকে বিদ্যুতে রূপান্তর করা হয়। এই ব্যবস্থায় প্রতি বছর প্রায় ৪ ওয়াট করে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা কমছে। যন্ত্রটির কার্যক্ষমতা বাড়াতে নাসার প্রকৌশলীরা বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। চলতি বছর কয়েকটি যন্ত্র বন্ধ করে কম বিদ্যুৎ খরচ হয় এমন বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে। এসব উদ্যোগের ফলে অন্তত উৎক্ষেপণের ৫০ বছর পূর্তি পর্যন্ত দুটি মহাকাশযানের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সচল রাখার আশা করছে নাসা।

 

ভয়েজার-১ ও ভয়েজার-২-এর সঙ্গে রয়েছে মানবসভ্যতার পরিচয় বহনকারী বিশেষ স্বর্ণালি রেকর্ড। সোনার প্রলেপ দেওয়া তামার তৈরি এই রেকর্ডে পৃথিবীর বিভিন্ন ছবি, প্রাকৃতিক শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় মানুষের শুভেচ্ছাবার্তা সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে কোনো উন্নত ভিনগ্রহের সভ্যতা মহাকাশযান দুটি খুঁজে পেলে পৃথিবী ও মানবজাতি সম্পর্কে ধারণা পেতে পারে, সেই উদ্দেশ্যেই এটি পাঠানো হয়েছে। নাসার বিজ্ঞানীদের মতে, একদিন পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ভয়েজার-১ মহাকাশে মানবজাতির এক নীরব দূত হয়ে ছুটে চলবে।

 

সূত্র: নাসা, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত
চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

ব্যায়ামের সময় পেশি কীভাবে শরীরের রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে, তার একটি নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকেরা। এই আবিষ্কার ভবিষ্যতে ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।   ‘কমিউনিকেশনস বায়োলজি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল মানবদেহের মোট ওজনের প্রায় ৪০ শতাংশ এবং এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। খাবার গ্রহণের পর শরীরের গৃহীত গ্লুকোজের বড় একটি অংশ পেশি শোষণ করে। সাধারণত ইনসুলিন হরমোন পেশিকে রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে সংকেত দেয়। কিন্তু ব্যায়ামের সময় বা যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তাদের ক্ষেত্রে পেশি কীভাবে ইনসুলিন ছাড়াই গ্লুকোজ গ্রহণ করে, তা এতদিন স্পষ্ট ছিল না।   গবেষকেরা প্রাণী মডেলের বিচ্ছিন্ন পেশিতে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যায়ামের মতো সংকোচন তৈরি করে পরীক্ষা চালান। এতে তাঁরা পেশিতে mSGLT নামের একটি নতুন গ্লুকোজ পরিবহন পথের অস্তিত্ব শনাক্ত করেন, যা প্রচলিত GLUT4 প্রোটিন ও ইনসুলিনের সংকেত ছাড়াই গ্লুকোজ শোষণে কাজ করে।   সংশ্লিষ্ট গবেষকদের মতে, এই পথের মূল বৈশিষ্ট্যগুলো এখন চিহ্নিত হয়েছে। পরবর্তী ধাপে গবেষকেরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নির্দিষ্ট প্রোটিন এবং তা নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করার কাজ করবেন। ভবিষ্যতে যদি এমন কোনো ওষুধ তৈরি করা যায় যা পেশিতে এই mSGLT পথকে সক্রিয় করতে পারে, তবে তা প্রচলিত ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি বা বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে।   তবে গবেষকেরা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা এবং মানবদেহে পূর্ণাঙ্গ চিকিৎসা হিসেবে প্রয়োগের আগে আরও বিস্তৃত গবেষণা ও ক্লিনিক্যাল যাচাইয়ের প্রয়োজন রয়েছে।   সূত্র: সায়েন্সটেকডেইলি, ইউনিভার্সিটি অব সিনসিনাটি   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৯:০
সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অস্বাভাবিক কক্ষপথে ঘুরছে বরফময় মহাজাগতিক বস্তু। এসব গতিপথের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে উঠে এসেছে প্ল্যানেট এক্স২-এর ধারণা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ

জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ থেকে বিশ্বরেকর্ড মলি ফ্যালকোর। ছবি: সংগৃহীত

শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

প্রায় ৫০০ বছর আগে ৬, ৮ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু আন্দিজ পর্বতমালার প্রায় ২০ হাজার ৬০০ ফুট (৬ হাজার ৩০০ মিটার) উঁচুতে অবস্থিত পবিত্র ইনকা স্থান মাউন্ট আম্পাতোর চূড়ায় এক দীর্ঘ ও দুর্গম যাত্রা করেছিল। তারা আর নিচে ফিরে আসেনি—তবে পর্বতারোহণের ক্লান্তি নয়, বরং ধর্মীয় আচারের নামে নির্মম ‘নরবলি’ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ।   ১৫ ও ১৬ শতকে ইনকা সাম্রাজ্য জুড়ে ‘কাপাকোচা’ (Capacocha) নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এমন আরও বহু শিশু ও তরুণীকে বলি দেওয়া হয়েছিল। ১৯৯০-এর দশকে পেরু, চিলি ও আর্জেন্টিনার সুউচ্চ পর্বতচূড়ায় তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ায় অক্ষত অবস্থায় থাকা এসব ‘আইস মামি’ বা বরফমমি আবিষ্কৃত হয়। দেখতে ঘুমন্ত শিশুর মতো লাগা এই মমিগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় উঠে এসেছে তাদের জীবনের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর ও নতুন সব তথ্য।   জীবিত ও দেবতাদের মধ্যস্থতাকারী : ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়ে ১৫৭২ সালে স্প্যানিশ অভিযানের মাধ্যমে পতন হওয়া ইনকা সাম্রাজ্যে দেবতাদের সন্তুষ্ট করতে শিশু ও তরুণীদের বলি দেওয়া হতো। বিশ্বাস করা হতো, মৃত্যুর পর তারা জীবিত মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। স্প্যানিশ ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, সুদর্শন ও নিখুঁত শিশুদেরই এই বলির জন্য বেছে নেওয়া হতো এবং এটি পরিবারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল।   পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আন্দিয়ান স্টাডিজের প্রত্নতাত্ত্বিক দাগমারা সোচা জানান, এই প্রথার কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ না থাকায় স্প্যানিশদের লেখা তথ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই মমিগুলোর বৈজ্ঞানিক পরীক্ষাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে। বলির আগে শিশুদের রাজধানী কুজকোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে হতো এবং এরপর মাসের পর মাস দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হতো।   মৃত্যুর আগে দেওয়া হতো নেশাজাতীয় দ্রব্য : সোচা ও তার দল পেরু এবং আর্জেন্টিনার পাঁচটি পর্বত থেকে উদ্ধার হওয়া আটটি শিশু মমির (সাতজন মেয়ে ও একজন ছেলে) চুল ও নখের বিষক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন। সাময়িকী ‘অ্যান্টিকুইটি’-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আগে থেকেই শিশুদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো।   সব কটি মমির শরীরেই কোকেনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত কোকা পাতা চিবানোর ফলে শরীরে প্রবেশ করেছিল। উচ্চতাজনিত অসুস্থতা ও ক্লান্তি কমাতে ইনকা সংস্কৃতিতে এর প্রচলন ছিল। এ ছাড়া চারটি মমির শরীরে ভুট্টা থেকে তৈরি ‘চিচা’ নামক এক ধরনের মদের অস্তিত্ব মিলেছে, যা শিশুদের শান্ত ও সংবেদনশীলতা কমিয়ে রাখতে দেওয়া হতো।   আর্জেন্টিনার মাউন্ট চুস্কায় পাওয়া ৮ বছর বয়সী এক মেয়ের চুল বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ছয় মাস আগে থেকেই তার শরীরে কোকেন ও অ্যালকোহলের মাত্রা ওঠানামা করছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ১৯৯৫ সালে মাউন্ট আম্পাতোতে ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী জোহান রেইনহার্ডের আবিষ্কৃত বিখ্যাত মমি ‘হুয়ানিতা’ বা ‘আইস মেইডেন’-এর ক্ষেত্রে। তার শরীরে ‘হারমাইন’ (Harmine) নামক এক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা এক ধরনের বিষণ্ণতানাশক ও হ্যালুসিনোজেনিক পানীয়তে ব্যবহৃত হয়। দাগমারা সোচা জানান, ইনকাদের বিশ্বাস ছিল শিশুদের হাসিমুখে ও প্রফুল্ল চিত্তে দেবতাদের কাছে যাওয়া জরুরি; আর সে কারণেই তাদের মন ভালো রাখতে এসব ভেষজ মিশ্রণ পান করানো হতো।   মৃত্যুর কারণ নিয়ে নতুন তথ্য : চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জৈব-নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা-পিন্টো এবং তার সহকর্মীরা চিলিতে পাওয়া তিনটি মমির সিটি স্ক্যান করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, চিলির এল প্লোমো পর্বতে পাওয়া ৮-৯ বছর বয়সী ‘এল প্লোমো বয়’ ঠান্ডায় জমে মারা যায়নি; বরং তার মাথার খুলিতে ভারী কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৌশলীদের সহায়তায় গবেষকরা নিশ্চিত হয়েছেন, ইনকাদের তারা-আকৃতির (star-shaped) গদা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল।   মৃত্যুর ঠিক আগে শিশুটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল এবং মাথায় আঘাতের পর বমির কারণে তার পোশাকে দাগ লেগে ছিল বলেও সিটি স্ক্যানে ধরা পড়েছে। একইভাবে বিখ্যাত মমি ‘হুয়ানিতা’-র সিটি স্ক্যানেও তার মাথা, বুক ও শ্রোণিদেশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকেও আঘাত করে হত্যা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার ২২ হাজার ১০৯ ফুট উঁচু মাউন্ট লুল্লাইলাকোতে পাওয়া মমিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি; ধারণা করা হয়, নেশাগ্রস্ত ও অচেতন অবস্থায় তীব্র ঠান্ডায় জমে তাদের মৃত্যু হয়েছিল।   দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা : চুলের আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, মৃত্যুর আগের কয়েক মাসে শিশুদের খাদ্যাভ্যাসে বারবার পরিবর্তন এসেছিল। ‘এল প্লোমো বয়’ মৃত্যুর আগে প্রায় ৯ মাস ধরে ১ হাজার ৬১৫ মাইলের (২ হাজার ৬০০ কিলোমিটার) বেশি পথ হেঁটেছিল। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ের তলায় অস্বাভাবিক পুরু ও শক্ত চামড়া জমে গিয়েছিল, যা তার বয়সী কোনো শিশুর ক্ষেত্রে বিরল।   গবেষকরা জানিয়েছেন, শিগগিরই এসব মমির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশিত হবে, যা থেকে এই শিশুদের বংশপরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে। ৮৩ বছর বয়সী অভিযাত্রী জোহান রেইনহার্ডের ভাষায়, “একটি বরফমমি কখনোই নতুন তথ্য দেওয়া বন্ধ করে না।” সূত্র: সিএনএন।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫৭
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

দীর্ঘ আট বছরে প্রায় এক হাজার কোটি কিলোমিটার (ছয় বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই ঐতিহাসিক মিশনটি বুধের অজানা অনেক রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।   সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আবার রাতে তা হিমাঙ্কের নিচে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের শিকার হয়। এত বৈরী পরিবেশ সত্ত্বেও বুধের মেরু অঞ্চলের গর্তগুলোতে কীভাবে বরফ জমে আছে এবং এর পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় অগভীর গর্ত বা ‘হলোস’ (hollows) কীভাবে সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।   মিশনটির প্রধান গবেষক ও যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, “সৌরজগতের ভেতরের গ্রহগুলোর মধ্যে বুধ কিছুটা কম আলোচিত হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। গ্রহটি কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে এবং সূর্যের চরম আবহাওয়ার সাথে এটি কীভাবে খাপ খাইয়ে নেয়, তা জানা আমাদের জন্য খুবই জরুরি।”   ২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো। সূর্যের প্রচণ্ড মহাকর্ষীয় টান সামলে গতি কমানোর জন্য মহাকাশযানটিকে বেশ জটিল পথ পাড়ি দিতে হয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। মূলত সাত বছরে এই যাত্রা শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সময় এক বছর বেড়ে যায়।   এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত ধাপটি বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বুধের মাধ্যাকর্ষণে ধরা পড়তে মহাকাশযানটিকে টানা ৩৭ মিনিট ধরে বিশেষ কৌশলে গতি কমাতে হবে। এতে সামান্য ভুল হলেই যানটি বুধকে পাশ কাটিয়ে মহাশূন্যে ছিটকে যেতে পারে। এর আগে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি যান—১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ এবং ২০১১ সালে ‘মেসেঞ্জার’ বুধের কাছাকাছি গিয়েছিল।   চাঁদের চেয়ে সামান্য বড় বুধ গ্রহে প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ পর্বতশ্রেণি ও বিশাল সব গর্ত রয়েছে। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরায় পৃথিবীর মাত্র ৮৮ দিনেই বুধের এক বছর পূর্ণ হয়। কিন্তু নিজ অক্ষে অত্যন্ত ধীরগতিতে ঘোরার কারণে সেখানে এক দিন হতে পৃথিবীর ৫৯ দিন সময় লেগে যায়।   বিজ্ঞানীদের আরেকটি বড় কৌতূহল হলো বুধের বিশাল ধাতব কেন্দ্র বা কোর। অধ্যাপক বান্সের মতে, অতীতে গ্রহটি হয়তো আরও অনেক বড় ছিল, কিন্তু কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষে এর বাইরের স্তর ছিটকে গিয়ে বর্তমান রূপ ধারণ করেছে।   ‘একটির ভেতর দুটি’—এমন অনন্য নকশায় তৈরি বেপিকলম্বো মূলত দুটি আলাদা মহাকাশযান বহন করছে। বুধের কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর যান দুটি আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার (ইএসএ) যানটি খুব কাছ থেকে বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে এবং জাপানের (জাক্সা) যানটি দূর থেকে গ্রহটির চারপাশের পরিবেশ ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে।   মহাকাশযানটি নির্মাণে যুক্ত এয়ারবাসের সিস্টেম ইঞ্জিনিয়ার জেসিকা মার্শাল জানান, দীর্ঘ আট বছর তীব্র বিকিরণ ও চরম তাপমাত্রার মধ্য দিয়ে যাওয়ার পর দুটি যানকে নিরাপদে আলাদা করার মুহূর্তটি হবে অত্যন্ত স্নায়ুচাপের। বিশেষ একটি স্প্রিং মেকানিজমের মাধ্যমে যান দুটি খুব আলতোভাবে বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে। দুটি আধুনিক অরবিটারের মাধ্যমে বুধ গ্রহের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যগুলোর জট খুলবে বলেই প্রত্যাশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ০:১২
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1)

মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...