সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

ট্রাম্পের আমেরিকা যখন চীনের রোবট নিয়ে হাসছে, তখন রোবট প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে শি জিনপিংয়ের চীন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৭, ২০২৬ ২২:৩৯
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স খাতে বিপুল বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বাজারের শীর্ষস্থান দখল করছে চীন। ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স খাতে বিপুল বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বাজারের শীর্ষস্থান দখল করছে চীন। ছবি: সংগৃহীত

চীনে রোবট নিয়ে আয়োজিত প্রতিযোগিতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মজা করছেন। কোনো রোবট দৌড়াতে গিয়ে পড়ে যাচ্ছে, কোনোটি ভারসাম্য হারাচ্ছে, আবার কোনোটি নির্দিষ্ট কাজ করতে গিয়ে হোঁচট খাচ্ছে। কিন্তু এসব দৃশ্যের আড়ালে প্রযুক্তি প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেখছেন বিশেষজ্ঞরা। হিউম্যানয়েড রোবট তৈরিতে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এই দৌড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

বেইজিংয়ে ২২ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এবারের আয়োজনে ১৬টি দেশ ও অঞ্চল থেকে ৬৬৬টি দল এবং ২ হাজার ৫৬টি রোবট অংশ নেয়। পাঁচ দিনের এই আয়োজনে ছিল ৫১টি প্রতিযোগিতা এবং ১ হাজার ৩০১টি প্রতিযোগিতামূলক পর্ব। গত বছরের প্রথম আসরে যেখানে ২৮০টি দল অংশ নিয়েছিল, এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

এই আয়োজন শুধু রোবটের দৌড় বা খেলাধুলার প্রদর্শনী ছিল না। কারখানা, হোটেল ও বাড়ির মতো বাস্তব পরিবেশে রোবট কীভাবে কাজ করতে পারে, সেটিও দেখানো হয়েছে। হোটেলের ঘর পরিষ্কার করা, অফিস পরিষ্কার, দোকানের তাক সাজানোসহ বিভিন্ন কাজে রোবটের সক্ষমতা পরীক্ষা করা হয়। এর ফলে আয়োজকদের লক্ষ্য ছিল রোবটকে শুধু প্রদর্শনীর যন্ত্র হিসেবে নয়, ভবিষ্যতের উৎপাদনশীল কর্মী হিসেবে তুলে ধরা।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ১০০ মিটার দৌড়। প্রতিযোগিতার শুরুতেই একটি চীনা হিউম্যানয়েড রোবট ৯ দশমিক ৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে। সময়টি ২০০৯ সালে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের করা ৯ দশমিক ৫৮ সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ডের চেয়ে দ্রুত। পরে একই প্রতিযোগিতায় টিয়াংগং আল্ট্রা নামে আরেকটি রোবট ৮ দশমিক ৮৬ সেকেন্ডের সময় করে। শেষ দিনে ৮ দশমিক ৬৪ সেকেন্ডে দৌড় শেষ করে সেটি আরও দ্রুত সময় গড়ে।

 

তবে রোবটগুলোর এই গতি এখনো মানুষের মতো স্বাভাবিক নিয়ন্ত্রণ বা দক্ষতার প্রমাণ নয়। দৌড় শেষ করার পর কিছু রোবট ভারসাম্য হারিয়ে পড়ে যায় বা সুরক্ষাবেষ্টনীতে ধাক্কা খায়। অর্থাৎ দ্রুত দৌড়াতে পারলেও হঠাৎ থামা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের মতো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনও বড় সীমাবদ্ধতা রয়েছে।

এই সীমাবদ্ধতাই দেখাচ্ছে, হিউম্যানয়েড রোবটের বর্তমান সক্ষমতা নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা রোবটের হার্ডওয়্যার সক্ষমতা দ্রুত বাড়লেও বাস্তব কারখানার জটিল কাজে এগুলো এখনো মানুষের বিকল্প হওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি। অনেক রোবট নির্দিষ্ট প্রদর্শনী, নাচ, কুংফু বা পূর্বনির্ধারিত কাজ ভালোভাবে করতে পারলেও পরিবেশ পরিবর্তিত হলে তাদের সমস্যা হয়।

 

তারপরও চীনের অগ্রগতিকে ছোট করে দেখার সুযোগ নেই। দেশটি হিউম্যানয়েড রোবটকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উৎপাদন ব্যবস্থার ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে বিবেচনা করছে। বয়স্ক জনসংখ্যা ও ভবিষ্যৎ শ্রমিক সংকট মোকাবিলার পাশাপাশি উৎপাদন খাতের দক্ষতা বাড়ানোর জন্যও রোবটকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

চীনের বড় সুবিধাগুলোর একটি হলো এর বিশাল উৎপাদন অবকাঠামো। রোবটের যন্ত্রাংশ তৈরি, পরীক্ষামূলক উৎপাদন, সফটওয়্যার উন্নয়ন এবং বড় পরিসরে নতুন মডেল বাজারে আনার ক্ষেত্রে দেশটির শিল্পভিত্তি উদ্যোক্তাদের দ্রুত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দিচ্ছে।

 

বিশ্বের হিউম্যানয়েড রোবট বাজারেও চীনা প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি ক্রমেই বাড়ছে। এ ক্ষেত্রে এজিআইবট, ইউনিট্রি রোবোটিকস, গ্যালবট, ইউবিটেকসহ বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। গবেষণা ও বাজার বিশ্লেষণগুলোও দেখাচ্ছে, চীনের প্রতিষ্ঠানগুলো বর্তমানে এই শিল্পে বড় অংশ দখল করে আছে।

চীনের রোবট প্রতিযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়। একটি হিউম্যানয়েড রোবট শুধু দ্রুত দৌড়াতে পারলেই বাস্তব কাজে খুব বেশি কার্যকর হবে না। তাকে পরিবেশ বুঝতে হবে, বস্তু শনাক্ত করতে হবে, নির্দেশনা অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ফলে ভবিষ্যতের প্রতিযোগিতা শুধু রোবটের শরীর বা যন্ত্রাংশের মধ্যে নয়, বরং রোবটের ‘মস্তিষ্ক’ বা সফটওয়্যার নিয়েও হবে।

 

এ জায়গায় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণ দেশটির হিউম্যানয়েড রোবট শিল্পকে আরও এগিয়ে দিতে পারে। রোবটের হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে উন্নত হলে একই যন্ত্র ভবিষ্যতে কারখানা, গুদাম, হাসপাতাল, হোটেল কিংবা অন্যান্য সেবামূলক কাজে ব্যবহার করা সম্ভব হতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় ধরনের গবেষণা ও বিনিয়োগ করছে। তবে চীনা প্রযুক্তির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এবং আমদানি নিয়ন্ত্রণ দুই দেশের প্রযুক্তি প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলেছে। এ বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বিদেশে তৈরি নতুন হিউম্যানয়েড রোবট আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করে। কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে।

 

এ ধরনের বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও গবেষকেরা চীনে তৈরি নতুন রোবটের সঙ্গে সরাসরি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হারাতে পারেন। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তি হলো, চীনা প্রযুক্তি ও যন্ত্রপাতির সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা নিরাপত্তা ব্যবস্থার সংযোগ ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে।

চীনের রোবট শিল্পও অবশ্য চ্যালেঞ্জমুক্ত নয়। রোবটের দাম, সফটওয়্যারের সীমাবদ্ধতা, বাস্তব পরিবেশে কাজ করার সক্ষমতা এবং বাজারে প্রকৃত চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে। বিপুল বিনিয়োগের কারণে অতিরিক্ত উৎপাদন ও ভবিষ্যতে বাজারে একীভূত হওয়ার ঝুঁকির কথাও বিশ্লেষকেরা বলছেন।

 

তাই বেইজিংয়ের রোবট গেমসকে শুধু বিনোদন বা প্রযুক্তির প্রদর্শনী হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না। এখানে একদিকে যেমন রোবটের বর্তমান সীমাবদ্ধতা চোখে পড়েছে, অন্যদিকে মাত্র এক বছরের ব্যবধানে তাদের গতি ও শারীরিক সক্ষমতার বড় উন্নতিও দেখা গেছে।

এক বছর আগে যে রোবট ১০০ মিটার দৌড়াতে ২১ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়েছিল, এবার সেই সময় কয়েক সেকেন্ডে নেমে এসেছে। আর প্রতিযোগিতার শেষ দিনে ৮ দশমিক ৬৪ সেকেন্ডের সময় দেখিয়েছে, উন্নতির গতি কতটা দ্রুত হতে পারে।

 

আজকের রোবট হয়তো দৌড় শেষ করে পড়ে যাচ্ছে। কিন্তু আগামী দিনের প্রশ্ন হচ্ছে, তারা কতটা দ্রুত শিখতে পারবে এবং কতটা স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে কাজ করতে পারবে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রযুক্তি শক্তিগুলোর মধ্যে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে।

 

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, বেইজিং মিউনিসিপ্যাল গভর্নমেন্ট ও দ্য আটলান্টিক।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত
পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!

পৃথিবীর বুকে রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা নিয়ে বৈরিতা থাকলেও মহাকাশের শূন্যতায় এক বিরল ঐক্যের সুর তুললেন উর্দু ও ফারসি ভাষার কালজয়ী কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভেসে থাকা অবস্থায় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে ইকবালের কবিতা আবৃত্তি ফিরিয়ে এনেছে ভারত ও পাকিস্তানের মহাকাশ ইতিহাসের পুরোনো স্মৃতি।   গত বুধবার চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঁচ চীনা সহকর্মীর সঙ্গে অবস্থানকালে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি বিখ্যাত শের (দ্বিপদী কবিতা) আবৃত্তি করেন জিশান আলী। পরনে পাকিস্তানের সবুজ-সাদা পতাকা খচিত নীল ফ্লাইট স্যুট, আর ওজনশূন্য পরিবেশে নিজেকে সামলে নিয়ে তিনি আবৃত্তি করেন— ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ এরপর সাবলীল মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের এর অর্থ বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারাদের ওপারেও অগণিত জগৎ রয়েছে, আর ভালোবাসার পরীক্ষা এখনো অনেক বাকি।’ তার আবৃত্তি শেষে করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন মহাকাশচারীরা।   তবে মহাকাশে আল্লামা ইকবালের কবিতা ধ্বনিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতের দুই নভোচারীর মহাকাশ অভিযানেও জড়িয়ে ছিলেন এই কবি।   ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ মিশনে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। স্যালুট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টেলিভিশনে সরাসরি কথোপকথনে তাকে প্রশ্ন করেছিলেন, ‘উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’ জবাবে রাকেশ শর্মা দ্বিধাহীন চিত্তে ইকবালের ১৯০৪ সালে রচিত ‘তারানা-ই-হিন্দ’ কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেছিলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা’ (সারা বিশ্বের চেয়ে সেরা)।   এর এক দশকেরও বেশি সময় পর ১৯৯৭ সালের ১৯ নভেম্বর মার্কিন স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে প্রথমবার মহাকাশে যান ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। সে সময় মহাকাশে থাকা কল্পনার সঙ্গে কথোপকথনে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল ঠিক সেই পঙ্‌ক্তিটিই আবৃত্তি করেছিলেন, যা প্রায় তিন দশক পর তিয়ানগং স্টেশনে শোনালেন পাকিস্তানের জিশান আলী। গুজরাল বলেছিলেন, ‘তারাদের ওপারেও জগৎ রয়েছে। আপনি এখন তা নিজ চোখে দেখছেন, কেমন অনুভব করছেন?’ জবাবে কল্পনা বলেছিলেন, ‘এ এক দারুণ বিশেষ অনুভূতি... আপনি যা বলছেন তা যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ধরা দিয়েছে।’ ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় প্রাণ হারান এই নভোচারী।   ১৮৭৭ সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া এই মনীষী দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। উর্দু ও ফারসি ভাষায় তাঁর অসামান্য সাহিত্যকর্মের জন্য উপমহাদেশে তিনি ‘আল্লামা’ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত। ইরানেও তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমান জনপ্রিয়।   ১৯৩০ সালে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে তিনি উত্তর-পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা দেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র গঠনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন এই কবি। ভৌগোলিক বিভাজনের আগেই প্রয়াত হওয়া এই কবির পঙ্‌ক্তি আজও পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে ভারত ও পাকিস্তানের মানুষকে একই আবেগে যুক্ত করে চলেছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৫৭
ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অস্বাভাবিক কক্ষপথে ঘুরছে বরফময় মহাজাগতিক বস্তু। এসব গতিপথের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে উঠে এসেছে প্ল্যানেট এক্স২-এর ধারণা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ

জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ থেকে বিশ্বরেকর্ড মলি ফ্যালকোর। ছবি: সংগৃহীত

শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগে কৃষিকাজ শুরু হওয়ার কয়েক হাজার বছর আগেই মানুষ মাটি দিয়ে নিপুণ ভাস্কর্য তৈরি করত এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই শিল্পচর্চা পৌঁছে দিত—সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ১৫ হাজার থেকে ১২ হাজার বছর আগের নাট্যুফিয়ান (Natufian) সংস্কৃতির তৈরি ছোট ছোট মাটির মূর্তিতে প্রাপ্তবয়স্ক ও শিশুর আঙুলের ছাপ বিশ্লেষণ করে গবেষকেরা প্রাচীন যুগে হাতে-কলমে শিক্ষা বা 'অ্যাপ্রেন্টিসশিপ'-এর (শিক্ষানবিশি) বিরল প্রমাণ পেয়েছেন।   আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ান (PLOS ONE)-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের প্রত্নতাত্ত্বিকেরা। বর্তমান ইসরায়েলের তিনটি প্রত্নতাত্ত্বিক এলাকা—আইনান-মালাহা (Eynan-Mallaha), হায়োনিম টেরেস (Hayonim Terrace) এবং এল-ওয়াদ টেরেস (el-Wad Terrace)—থেকে সংগৃহীত প্রায় ৪০ কিলোগ্রাম মাটি ও ধ্বংসাবশেষের খণ্ড পরীক্ষা করে গবেষকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর অনেকগুলোই কয়েক দশক আগে খননের সময় সংগৃহীত হয়েছিল।   মূর্তিতে ওভারল্যাপিং আঙুলের ছাপ গবেষকেরা ১৫৪টি মাটির মূর্তি ও খণ্ডাংশ পরীক্ষা করেছেন; এর মধ্যে ১৫টি মূর্তিতে পাখি, স্তন্যপায়ী প্রাণী, গজেল হরিণ এবং মানুষের অবয়ব স্পষ্টভাবে শনাক্ত করা গেছে, আর বাকি ১৩৯টি খণ্ডাংশ অন্যান্য ভাস্কর্যের অংশ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে কৌতূহল জাগিয়েছে এসব ভাস্কর্যে লেগে থাকা আঙুলের ছাপ।   আইনান-মালাহা থেকে পাওয়া একটি মানবাকৃতির ক্ষুদ্র মূর্তির পেছনে দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। আণুবীক্ষণিক বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ছাপটি সম্ভবত একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক নারীর, আর তার ওপর পড়েছে ১৫ বছরের কম বয়সী একটি শিশুর ছোট আঙুলের ছাপ। কাদা নরম থাকা অবস্থাতেই হাতবদলের এই ক্রম ইঙ্গিত দেয় যে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মূর্তিটি গড়ার সময় শিশুটিকে হাতে ধরে শেখাচ্ছিলেন বা কাজটি তার হাতে তুলে দিয়েছিলেন।   এ ছাড়া একটি ক্ষুদ্র পাখির মূর্তিতে ১০ বছরের কম বয়সী শিশুর আঙুলের ছাপ পাওয়া গেছে। আরেকটি মাটির সিলিন্ডারে অপেক্ষাকৃত বড় শিশুর দুটি আঙুলের ছাপ রয়েছে—একটি কাদা ভেজা থাকা অবস্থায় গড়ার সময় এবং অন্যটি লালচে মাটির প্রলেপ মসৃণ করার সময় পড়েছিল। গবেষকদের মতে, এটি লাল মাটির প্রলেপ বা 'এনগোব' (engobe) ব্যবহারের প্রাচীনতম প্রমাণগুলোর একটি, যা ১৫ হাজার বছর পুরনো।   পাখির ভঙ্গি ও প্রাকৃতিক জ্ঞান শনাক্ত হওয়া ১৫টি মূর্তির মধ্যে ১১টিই পাখির আদলে গড়া। কোনোটিতে পালকের সূক্ষ্ম কারুকাজ দেখা গেছে, আবার কোনো পাখির মাথা নিচের দিকে ঝুঁকিয়ে একপাশে বাঁকানো অবস্থায় রাখা হয়েছে। গবেষকদের ধারণা, প্রজনন মৌসুমে হাঁস বা জলচর পাখির প্রণয়ঘটিত আচরণ বা ভঙ্গি ফুটিয়ে তোলার জন্যই এমন রূপ দেওয়া হয়েছিল।   গবেষণার প্রধান সমন্বয়ক ড. লরেন্ট ডেভিন এবং তাঁর সহগবেষকেরা মনে করছেন, এসব মূর্তি কেবল নিছক খেলনা বা সাজসজ্জার সামগ্রী ছিল না। দৈনন্দিন ব্যবহারের চেয়ে বিশেষ ঋতু বা আচার-অনুষ্ঠানে এগুলোর ব্যবহার বেশি হয়ে থাকতে পারে। এর মাধ্যমে প্রকৃতির আচরণ, ঋতু পরিবর্তন এবং প্রাণীজগতের জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং গল্প বলার মতো সাংস্কৃতিক চর্চাও যুক্ত ছিল।   প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন ঐতিহাসিকভাবে ধারণা করা হয়, মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে এবং কৃষিকাজ শুরু করে (নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ড), তখনই মাটির ভাস্কর্য ও শিল্পচর্চার বিস্তার ঘটে। কিন্তু নাট্যুফিয়ান জনগোষ্ঠী কৃষির প্রসারের হাজার হাজার বছর আগেই যে উন্নত মানের মাটির ভাস্কর্য তৈরি ও যৌথভাবে চর্চা করত, এই আবিষ্কার সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সূত্র: জেডএমই সায়েন্স।  

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৫:৫৭
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রায় ১৭০ বছরের পুরোনো ও বিশ্বখ্যাত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রমাণটি সঠিক বলে বিবেচিত হলে এটি হবে বিজ্ঞানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী অর্জন।   অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানের তৈরি ‘ক্লদ’ (Claude) চ্যাটবটের অপ্রকাশিত একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে তিনি প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় এই গাণিতিক সমস্যার বিস্তারিত প্রমাণ তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরুর ঠিক পরদিন তিনি এই ঘোষণা দেন। নিজের এই আবিষ্কারকে ‘বিজ্ঞানের জগতে আরও বৃহৎ কিছুর সূচনা’ হিসেবে অভিহিত করেছেন আলপোগে।   ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস সংক্রান্ত এই সমস্যাটি জটিলতার কারণে বিশ্বজুড়ে গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। যেহেতু মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের মূল ভিত্তি, তাই এর সমাধান গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।   গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষা ‘লিন’ (Lean)-এ উপস্থাপিত আলপোগের এই সম্পূর্ণ প্রমাণটির দৈর্ঘ্য আড়াই লাখ পৃষ্ঠারও বেশি। তবে খ্যাতনামা গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি নির্ভুল কি না তা যাচাই করতে এখনো বেশ সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ হলেও এবার অন্তত দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন মানব গবেষক সামনে রয়েছেন।   শেয়ারবাজারে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ঠিক পরপরই এমন ঘোষণা আসায় ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করেছেন আলপোগে। তবে তিনি জানান, গত রোববারই তিনি বিষয়টি প্রকাশের ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেইর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সময়টি কাকতালীয়ভাবে খারাপ হলেও এর পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই বলে দাবি করেন তিনি।   সাম্প্রতিক মাসগুলোতে এআই কোম্পানিগুলোর মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় প্রবাহী পদার্থবিজ্ঞানের জটিল ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের একটি অংশ সমাধানের দাবি করেছিল। পরের মাসে তারা আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান বা অগ্রগতির কথা জানায়।   এদিকে এআই ব্যবহার করে এভাবে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দাবি করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন একদল গণিতবিদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাণিজ্যিক পণ্যের উৎকর্ষ দেখাতে এআই কোম্পানিগুলোর এমন প্রচারণা গণিত বিজ্ঞানের জন্য ক্ষতিকর এবং এটি বুদ্ধিবৃত্তিক কাজের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, বিশেষজ্ঞদের মাধ্যমে এসব দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে কয়েক মাস কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৫:১৬
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...