- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘থ্যাংকসগিভিং ২০২৬ ফ্যামিলি গেট-টুগেদার’ শীর্ষক এই অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত স্প্রিংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে চলবে এ আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সংগীতশিল্পী রোকসানা মির্জার সরাসরি সংগীত পরিবেশনা। পাশাপাশি অতিথিদের জন্য থাকবে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। পারিবারিক পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নজরুল ও শাথিল। তাঁদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনে গ্র্যান্ড স্পনসর হিসেবে সহযোগিতা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই মিলনমেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হবে। আগ্রহীরা আগামী বৃহস্পতিবার নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সপরিবারে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি। অনুষ্ঠানের বিস্তারিত: আয়োজক: বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি অনুষ্ঠান: থ্যাংকসগিভিং ২০২৬ ফ্যামিলি গেট-টুগেদার তারিখ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ সময়: বিকেল ৪টা থেকে রাত ১১টা স্থান: কমফোর্ট ইন স্প্রিংফিল্ড ঠিকানা: ৬৫৬০ লয়েসডেল কোর্ট, স্প্রিংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০ সংগীত পরিবেশনা: রোকসানা মির্জা প্রধান পৃষ্ঠপোষক: নজরুল ও শাথিল বিশেষ আকর্ষণ: সরাসরি সংগীত, বিনামূল্যে খাবার ও পারিবারিক আয়োজন। আয়োজকরা আরও জানান, অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত। তাই আমন্ত্রণপ্রাপ্ত অতিথিরাই কেবল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
দুই দশক ধরে মুখভর্তি দাড়ি নিয়ে পরিচিতি গড়ে তুলেছেন ব্রিটিশ নারী হারনাম কৌর। এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছিল তার। তবে এবার সেই পরিচিত চেহারাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই নারী। ২০ বছর পর দাড়ি কামিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হারনাম। তবে নতুন চেহারা কবে প্রকাশ করবেন, তা এখনো জানাননি। হারনামের মুখে লোম গজানো শুরু হয় মাত্র ১১ বছর বয়সে। পরে তার শরীরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) শনাক্ত হয়। এটি নারীদের একটি হরমোনজনিত শারীরিক অবস্থা, যার কারণে মুখ ও শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোম গজাতে পারে। ইংল্যান্ডের বার্কশায়ারের বাসিন্দা হারনাম ছোটবেলা থেকেই নিজের চেহারার কারণে সহপাঠী ও অন্যদের কাছ থেকে উপহাসের শিকার হন। একপর্যায়ে মুখের লোম দূর করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলেও তাতে ত্বকের ক্ষতি হয়। পরে নিজের শারীরিক বৈশিষ্ট্য মেনে নিয়ে দাড়ি রাখার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর ২৪ বছর ২৮২ দিন বয়সে পূর্ণাঙ্গ দাড়িসহ বিশ্বের সবচেয়ে কমবয়সী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পান হারনাম। সে সময় তার দাড়ির দৈর্ঘ্য কোনো কোনো স্থানে প্রায় ১৫ সেন্টিমিটার বা ছয় ইঞ্চি ছিল। পরের বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশনাতেও তার এই অর্জন তুলে ধরা হয়। নিজের চেহারাকে গ্রহণ করার পাশাপাশি শরীর নিয়ে আত্মবিশ্বাস এবং অন্যের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে উপহাস বন্ধে সচেতনতামূলক কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন শরীর নিয়ে ইতিবাচক মনোভাব প্রচারের একজন পরিচিত কর্মী। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে হারনাম জানান, ২০ বছর পর নিজের এই পরিচিত চেহারা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত তার জন্য আবেগপূর্ণ। তবে একই সঙ্গে নতুন জীবনের অধ্যায় শুরু করার বিষয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই পরিবর্তন অন্য কারও প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের ইচ্ছাতেই করছেন। যারা অন্যের চেহারা নিয়ে বিচার করতে অভ্যস্ত, তারা সব সময়ই সমালোচনার নতুন বিষয় খুঁজে নেবে বলেও মন্তব্য করেন তিনি। দাড়ি কামানোর পর নিজের নতুন চেহারা নিয়ে এখনই প্রকাশ্যে আসতে চান না হারনাম। তিনি ধীরে ধীরে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চান। ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং নিজেকে প্রস্তুত মনে করলেই অনুসারীদের সামনে নতুন চেহারা প্রকাশ করবেন। তার এই সিদ্ধান্তকে জীবনের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন শুরুর অংশ হিসেবে দেখছেন তিনি। একসময় যে শারীরিক বৈশিষ্ট্যের কারণে উপহাসের শিকার হতে হয়েছিল, সেটিকেই আত্মপরিচয় ও আত্মবিশ্বাসের প্রতীকে পরিণত করেছিলেন হারনাম। এখন দাড়ি সরিয়ে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে চান তিনি। তবে তার বক্তব্যে স্পষ্ট, নিজের শরীর ও চেহারা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সব সময়ই ব্যক্তির নিজের। দুই দশকের পরিচিত চেহারা বদলালেও আত্মবিশ্বাস ও নিজের মতো করে বাঁচার বার্তাটি ধরে রাখতে চান এই ব্রিটিশ নারী। সংবাদসূত্র: পিপল ম্যাগাজিন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও ল্য পারিজিয়াঁ। 872 আইজেট
লটারিতে ৫০ মিলিয়ন ইউরো জিতে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল ফ্রান্সের একটি পরিবারের। তবে বিপুল অর্থ হাতে পেয়েও বিলাসী জীবন বেছে নেননি তারা। বরং নিজেদের ছোট শহরের মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন। ২০০৯ সালে ইউরোমিলিয়নস লটারি জেতার পর থেকে গত প্রায় ১৭ বছর ধরে স্থানীয় শিশুদের স্কুলের খাবারের খরচ বহন করছেন তারা। পাশাপাশি বৃদ্ধাশ্রমের ঋণ পরিশোধ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পেও অর্থ দিয়েছেন। এত কিছু করেও নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি এই দাতারা। ব্রিটিশ ও ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ফ্রান্সের শারঁত অঞ্চলের আঙুলেম শহরের কাছের সাঁ-মিশেল এলাকার। ২০০৯ সালের মার্চে ইউরোমিলিয়নস লটারিতে ৫০ মিলিয়ন ইউরো জেতেন স্থানীয় একটি পরিবার। জয়ের পরপরই তারা পৌর কর্তৃপক্ষকে ৪ লাখ ইউরো অনুদান দেন। এই অর্থের একটি অংশ দিয়ে স্থানীয় বৃদ্ধাশ্রমের প্রায় ১ লাখ ইউরোর ঋণ পরিশোধে সহায়তা করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য একটি কমিউনিটি সেন্টার নির্মাণের প্রকল্পেও অর্থ বরাদ্দ দেওয়া হয়। তাদের সহযোগিতার সবচেয়ে বড় সুবিধা পেয়েছে স্থানীয় স্কুলের শিশুরা। ২০০৯ সাল থেকেই পৌরসভার বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের খরচ বহন করতে শুরু করেন তারা। পরবর্তী বছরগুলোতে প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ হাজার ইউরো করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৮০ শিশুর স্কুলের খাবার বিনা মূল্যে সরবরাহ করা সম্ভব হয়েছে। বিশেষ করে একাধিক সন্তান রয়েছে এমন পরিবারগুলোর জন্য এটি বড় আর্থিক স্বস্তি এনে দেয়। স্কুলের খাবারের পাশাপাশি শিশুদের পুষ্টি ও খাদ্যাভ্যাস উন্নয়নে বিভিন্ন আয়োজনেও এই অর্থ ব্যবহার করা হয়েছে। তবে ২০২৬ সালে এসে অনুদানের ব্যবহারে পরিবর্তন এনেছেন ওই দাতারা। এবার খাবারের বিল পরিশোধের পরিবর্তে স্কুলের খাবারঘর সংস্কারে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রায় ৮০ হাজার ইউরোর এই অনুদানে খাবারঘরের শব্দ নিয়ন্ত্রণব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রণের উন্নয়ন করা হবে। স্থানীয় মেয়র ফাবিয়েন গডিশো জানিয়েছেন, স্কুলের ভবনগুলো এখনকার প্রয়োজনীয় মান পূরণ করতে পারছে না। বিশেষ করে গরমের সময় শিশুদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংস্কার জরুরি হয়ে পড়েছে। এ কারণে দাতাদের ইচ্ছা অনুযায়ী এবার অর্থটি অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। এতদিন দাতাদের অর্থে শিশুদের খাবারের খরচ সম্পূর্ণ বহন করা হলেও নতুন সিদ্ধান্তের ফলে পরিবারগুলোকে আবার কিছু অর্থ দিতে হবে। তবে খাবারের দাম রাখা হয়েছে প্রতি বেলা মাত্র ১ দশমিক ৫০ ইউরো। পৌর কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিনের এই সহায়তা স্থানীয় পরিবারগুলোর ওপর থেকে বড় ধরনের আর্থিক চাপ কমিয়েছে। প্রায় ১৭ বছর ধরে একইভাবে সহযোগিতা অব্যাহত রাখা ছোট একটি শহরের জন্য উল্লেখযোগ্য ঘটনা। এদিকে বিপুল অর্থ জেতার পরও পরিবারটি আগের মতোই সাধারণ জীবনযাপন করছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তারা নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। লটারি জয়ের অর্থ শুধু নিজেদের জীবন বদলানোর কাজে না লাগিয়ে একটি পুরো সম্প্রদায়ের কল্যাণে ব্যয় করার এই উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। তাদের সহায়তায় একদিকে যেমন বৃদ্ধাশ্রম আর্থিক সংকট কাটিয়েছে, অন্যদিকে কয়েক প্রজন্মের শিশু স্কুলে খাবারের নিশ্চয়তা পেয়েছে। সংবাদসূত্র: ল্য পারিজিয়াঁ, লা ভোয়া দু নর ও ল্যাভেনির। 872 আইজেট
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন সামরিক সদস্য নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার মডেলের। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং এতে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণের উদ্দেশ্যে এসকিশেহিরের একটি সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর শহরটির পশ্চিমে ইয়োরুকাকচাইর এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়। স্থানটি এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী যানবাহন এবং ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের অংশ দেখা গেছে। বিধ্বস্ত এএস-৫৩২ কুগার ফ্রান্সে তৈরি দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক হেলিকপ্টার। সেনা পরিবহণসহ বিভিন্ন সামরিক কাজে এ মডেল ব্যবহার করা হয়। তবে প্রশিক্ষণ চলাকালে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এর আগে গত ১২ নভেম্বর দেশটির পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চার সামরিক সদস্যের সবাই নিহত হন। সামানকয় এলাকায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। ফলে মাত্র ১২ দিনের ব্যবধানে তুরস্কের সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় মোট নয়জন সামরিক সদস্যের মৃত্যু হলো। পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনা তুরস্কের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে দুর্ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে, এমন তথ্য এখনো পাওয়া যায়নি। দুই ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তথ্যও প্রকাশিত হয়নি। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স ও এএফপি। 872 আইজেট
ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে ওঠেন। এরপর টানা ১৪ থেকে ১৬ ঘণ্টা অফিসে কাজ করেন। সপ্তাহে ছয় দিন এমন রুটিন মেনে চলায় তার কর্মঘণ্টা দাঁড়ায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টা। তিনি লুয়ানা লোপেস লারা, ব্রাজিলের এই ৩০ বছর বয়সী উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের পূর্বাভাসভিত্তিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠান কালশির সহপ্রতিষ্ঠাতা। মাত্র ২৯ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কমবয়সী স্বনির্মিত নারী ধনকুবেরের স্বীকৃতি পান তিনি। বিপুল সম্পদের মালিক হওয়ার পরও কাজের গতি কমানোর কোনো পরিকল্পনা নেই তার। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়, নিজের সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের পাশাপাশি ইতিবাচক মানসিকতা ও কঠিন পরিস্থিতি মোকাবিলার ক্ষমতাকে গুরুত্ব দেন লারা। দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের সর্বোচ্চটা দেওয়ার মধ্যে তিনি গর্ব খুঁজে পান। কতদূর যেতে পারবেন, কত বড় কিছু করতে পারবেন, সেটি নিজেই পরীক্ষা করে দেখতে চান। তার কাছে কঠিন পরিস্থিতি ও ত্যাগের অভিজ্ঞতাও অনেক সময় ইতিবাচক। প্রতিষ্ঠানকে সরকারি নিয়ন্ত্রণের অনুমোদন পেতে চার বছর ধরে যে কঠিন লড়াই করতে হয়েছে, সেটিকেও তিনি গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে দেখেছেন। ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে উঠেছেন লারা। গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অলিম্পিয়াডে অংশ নিতেন তিনি। পরীক্ষায় ১০০ নম্বর পাওয়াকে নিজের জন্য অপরিহার্য মনে করতেন। তার ভাষায়, ৯৯ দশমিক ৯৯ নম্বর পেলেও সেটিকে ব্যর্থতা মনে হতো। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ব্যালে নাচের কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের পরিবেশ ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। সহশিল্পীদের পোশাক লুকিয়ে রাখা কিংবা জুতার মধ্যে ভাঙা কাচ রেখে দেওয়ার মতো ঘটনার কথাও তিনি সাক্ষাৎকারে তুলে ধরেছেন। পরে অস্ট্রিয়ায় পেশাদার ব্যালে শিল্পী হিসেবেও কাজ করেন। এরপর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে কম্পিউটারবিজ্ঞানে পড়াশোনা শেষ করেন। এমআইটিতে পড়ার সময়ই সহপ্রতিষ্ঠাতা তারেক মনসুরের সঙ্গে পরিচয় হয় লারার। ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে আর্থিক বাজারে লেনদেনের সুযোগ তৈরির ধারণা থেকে তারা কালশি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন, খেলাধুলা, অর্থনীতি, আবহাওয়াসহ বিভিন্ন বাস্তব ঘটনার সম্ভাব্য ফলাফল নিয়ে চুক্তিভিত্তিক লেনদেন করতে পারেন। এটি প্রচলিত বাজির মতো কাজ করলেও কালশির দাবি, তাদের সেবা জুয়া নয়, বরং নিয়ন্ত্রিত আর্থিক পণ্য। যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) ২০২০ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রিত চুক্তি বাজার হিসেবে অনুমোদন দেয়। পরের বছর জুলাইয়ে প্রায় ৩০টি বাজার নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কালশি। তবে রাজনীতি ও খেলাধুলার ফলাফল নিয়ে লেনদেন চালু করতে প্রতিষ্ঠানটিকে দীর্ঘ আইনি ও নিয়ন্ত্রক বাধার মুখে পড়তে হয়। লারা জানান, রাজনৈতিক পূর্বাভাসের বাজার চালুর আইনি লড়াইয়ে অংশ নিতে আগ্রহী আইনজীবী খুঁজতে তাকে ৬৫ জনের সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ৩০টির বেশি বৈঠকের পর ২০২৪ সালে নির্বাচনের ফলাফলভিত্তিক চুক্তি চালুর বিষয়ে আইনি জয় পায় প্রতিষ্ঠানটি। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনসহ বিভিন্ন বড় রাজনৈতিক ঘটনায় কালশির ব্যবহার দ্রুত বাড়তে থাকে। প্রতিষ্ঠানটির আর্থিক মূল্যও দ্রুত বেড়েছে। রয়টার্সের ২৯ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, এক বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের সময় কালশির বাজারমূল্য নির্ধারিত হয় ৪০ বিলিয়ন ডলার। এর মাত্র পাঁচ মাস আগে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ছিল ২২ বিলিয়ন ডলার। অন্যদিকে ফোর্বসের ২৪ নভেম্বরের হিসাব অনুযায়ী, লারার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার। তিনি কালশির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। ফোর্বস তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্মিত নারী ধনকুবের হিসেবে চিহ্নিত করেছে। সম্প্রতি ফোরচুন জানিয়েছে, প্রতিষ্ঠানটি নতুন বিনিয়োগ সংগ্রহের জন্য ৬৫ বিলিয়ন ডলারের মূল্যায়ন লক্ষ্য করছে। তবে কালশির দ্রুত সম্প্রসারণের পাশাপাশি বাড়ছে আইনি বিতর্কও। ফোরচুনের ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অন্তত ২৩টি অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে মামলা বা আইনি বিরোধ চলছে। এসব অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের অভিযোগ, খেলাধুলার ফলাফল নিয়ে চুক্তিভিত্তিক লেনদেন মূলত জুয়ার মতো এবং সেগুলোকে প্রচলিত বাজির নিয়মের আওতায় আনা উচিত। কালশি অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এ ছাড়া দ্য সানডে টাইমসের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির নিজস্ব পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়েছে, প্ল্যাটফর্মটির প্রায় ৭৪ শতাংশ ব্যবহারকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ফলে গ্রাহকের আর্থিক ঝুঁকি ও বাজারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এত বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও নিজের কাজ নিয়ে উচ্ছ্বসিত লারা। তার ভাষায়, কালশি প্রতিষ্ঠা করা তার স্বপ্নপূরণের মতো। প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য নিজের সামর্থ্যের সবটুকু কাজে লাগাতে চান তিনি। মাত্র ৩০ বছর বয়সে কয়েক বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েও তার কর্মজীবনের গতি কমেনি। বরং কঠোর পরিশ্রম, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য ধরে রাখাকেই নিজের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি হিসেবে দেখছেন এই উদ্যোক্তা। সংবাদসূত্র: মেট্রো, দ্য সানডে টাইমস, রয়টার্স ও ফোর্বস। 872 আইজেট
পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় দেশটির নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সর্বশেষ পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শর্তসাপেক্ষ অনুমতি পেয়েও গুলি চালায়নি ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করা সুইডিশ যুদ্ধবিমানের পাইলট। খারাপ আবহাওয়ার কারণে লক্ষ্যবস্তুটি নিশ্চিতভাবে শনাক্ত করতে না পারায় অস্ত্র ব্যবহার করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের দাবি আবারও জোরালো করেছে ওয়ারশ। ফক্স নিউজের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, গত চার দিনের মধ্যে দুই দফায় রাশিয়ার সামরিক উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর প্রথম ঘটনা ঘটে ২০ নভেম্বর রাতে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় তিনটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। প্রথম দিকে এগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন থাকার ধারণা করা হলেও পরে পোলিশ প্রসিকিউটররা তিনটি স্থান থেকেই রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করেন। দেশটির লুবলিন অঞ্চলের নোভি লিপোভিয়েচ এবং পডকারপাস্কি অঞ্চলের রুদনিক নাদ সানেম ও মোলোদিচ এলাকায় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই ঘটনার সময় ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করছিল সুইডিশ বিমানবাহিনীর জেএএস-৩৯ গ্রিপেন যুদ্ধবিমান। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইরেনিউশ নোভাকের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, একটি সন্দেহভাজন রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য সুইডিশ পাইলটকে শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল। জার্মানির উডেমে অবস্থিত ন্যাটোর সম্মিলিত আকাশ অভিযান কেন্দ্র থেকে এই অনুমতি আসে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলটটি লক্ষ্যবস্তুটি চোখে কিংবা বিমানের বিশেষ শনাক্তকরণ যন্ত্রের সাহায্যে নিশ্চিত করতে পারেননি। ফলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। এরপর ২৩ নভেম্বর গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নতুন হামলার সময় আরেকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোলিশ সামরিক বাহিনী জানায়, ড্রোনটি কিছু সময় দেশটির আকাশসীমায় অবস্থান করে। সেটিকে ভূপাতিত করার অনুমতি থাকলেও ড্রোনটি পূর্বদিকে গতিপথ পরিবর্তন করায় গুলি চালানো হয়নি। জনবহুল এলাকায় ড্রোনটি ভূপাতিত করলে ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি বলেছেন, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। পরপর এসব ঘটনার পর ন্যাটোও পোল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে। ২৩ নভেম্বর পোল্যান্ডের অনুরোধে ব্রাসেলসে ন্যাটোর উত্তর আটলান্টিক কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ এবং পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ন্যাটোর ইউরোপীয় মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পোল্যান্ডে একটি আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার উড়োজাহাজ বা এওয়াকস মোতায়েনের অনুমোদন দেন। এই উড়োজাহাজের বিশেষ রাডারের মাধ্যমে অনেক দূর থেকে আকাশপথের সম্ভাব্য হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণ করা যায়। এদিকে পোল্যান্ডের ওয়াশিংটনস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বগদান ক্লিচ জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানান। একই সঙ্গে পোল্যান্ডে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও আবার তুলে ধরেন। তার মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ। পোল্যান্ডে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতির বিষয়টি অবশ্য নতুন নয়। সেপ্টেম্বরে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী স্তানিস্লাভ ভজিয়ন্তেক জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদে পোল্যান্ডে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার সেনা স্থায়ী ঘাঁটিতে এবং বাকিরা পালাক্রমে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে দুই দেশের মধ্যে সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা চলছে। তবে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ওয়াশিংটনের হাতে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পোল্যান্ড এখন নিজেদের আকাশসীমা ও পূর্ব সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইছে। সংবাদসূত্র: রয়টার্স, ফক্স নিউজ ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 872 আইজেট
আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়। বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে। নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন। পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন। সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট
চীনের শেনঝু-২৪ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তিন নভোচারীকে নিয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে যানটি। এই অভিযানের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পেলেন। ঐতিহাসিক এই অভিযানে চীনের দুই নভোচারীর সঙ্গে রয়েছেন পাকিস্তানের বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর নতুন ইতিহাস গড়েছেন তিনি। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে শেনঝু-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এপি ও রয়টার্স জানিয়েছে, উৎক্ষেপণের পর মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নভোচারী থাং হংবো। তার সঙ্গে রয়েছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং পাকিস্তানের জিশান আলী। জিশান এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। ৪০ বছর বয়সী জিশান আলী পাকিস্তানের বিমানবাহিনীর পাইলট। মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে তিনি চীনে প্রায় সাত মাসের নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে ছিল চীনা ভাষা শেখা, মহাকাশযানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া এবং বৈজ্ঞানিক পরীক্ষার প্রস্তুতি। তিনি জানিয়েছেন, এই যাত্রা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পাকিস্তানের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করছে। তার এই অংশগ্রহণ চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ থেকে ১০ দিন অবস্থান করার কথা রয়েছে জিশানের। সেখানে তিনি চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা পরিচালনা করবেন। অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত কার্যক্রমের পরিকল্পনা রয়েছে। এসব গবেষণার মধ্যে রয়েছে মহাকাশে জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, নতুন উপকরণ এবং অতি ক্ষুদ্র অভিকর্ষের পরিবেশে বিভিন্ন পদার্থের আচরণ নিয়ে পরীক্ষা। পাকিস্তানের তৈরি কিছু বৈজ্ঞানিক পরীক্ষাও এই অভিযানের অংশ। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার অংশ হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে একটি চুক্তি হয়। এর আওতায় পাকিস্তানের দুই প্রার্থীকে চীনে নভোচারী প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল। পরে জিশান আলীকে শেনঝু-২৪ অভিযানের জন্য নির্বাচিত করা হয়। এই মিশনের আরেকটি বিশেষ দিক হলো, চীনের নভোচারী ঝু ইয়াংঝু তিয়াংগং স্টেশনে আরও ছয় মাস অবস্থান করবেন। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার অংশ হিসেবে তার অবস্থান বাড়ানো হয়েছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েও কাজ করছে। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স ও চায়না ম্যানড স্পেস এজেন্সি। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্কের সঙ্গে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুও ছিল। দুর্ঘটনার পর ছয় আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকর্মীরা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেলেও কোনো আরোহীর সন্ধান পাননি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের উত্তর-পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা ২১০ মডেলের বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। বিমানটি মিসিসিপির পাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী উপসাগরীয় এলাকায় বিধ্বস্ত হয়। কোস্ট গার্ডের মুখপাত্র হুয়ান রোস জানান, বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে ছিল। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, যোগাযোগ হারানোর আগে বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচের দিকে নামছিল। এরপরই সেটি রাডার ও যোগাযোগব্যবস্থার বাইরে চলে যায়। তবে কী কারণে বিমানটি দ্রুত নিচে নেমে এসেছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকর্মীরা হর্ন আইল্যান্ডের কাছাকাছি পানিতে বিমানের বিভিন্ন অংশের সন্ধান পান। এর মধ্যে ছিল বিমানের মূল কেবিন, তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র্যাফট। বিমানের কেবিনটি পানির ওপর ভাসতে দেখা যায়। তবে এসব সরঞ্জাম ও ধ্বংসাবশেষ পাওয়া গেলেও তখন পর্যন্ত ছয় আরোহীর কাউকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের পাশাপাশি মিসিসিপি ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সেস এবং স্থানীয় পুলিশ অংশ নেয়। পাসকাগুলা থেকে কোস্ট গার্ডের দুটি ছোট উদ্ধারকারী নৌযান পাঠানো হয়। এ ছাড়া মোবাইল এলাকা থেকে একটি কোস্ট গার্ড কাটার জাহাজ ও উড়োজাহাজ উদ্ধার অভিযানে যুক্ত করা হয়। নিখোঁজদের সন্ধানে উপকূলীয় জলসীমায় তল্লাশি চালানো হয়। বিমানটির দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টিও সামনে এসেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, বিমানের যান্ত্রিক অবস্থা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের পরিস্থিতি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। আরোহীদের পরিচয় এবং তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ডব্লিউএলওএক্স নিউজ। 872 আইজেট
উনিশ শতকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে দর্শকদের সামনে গান ও নাচ পরিবেশন করতেন মেক্সিকোর জুলিয়া পাস্ত্রানা। তবে তার প্রতিভার চেয়ে শারীরিক বৈশিষ্ট্যকে পুঁজি করে তাকে প্রদর্শনীর আকর্ষণ হিসেবে তুলে ধরা হতো। মুখ ও শরীরজুড়ে অতিরিক্ত লোম এবং মাড়ির অস্বাভাবিক বৃদ্ধির কারণে তৎকালীন প্রদর্শনীর আয়োজকেরা তাকে অবমাননাকর ‘দ্য এইপ ওম্যান’ বা ‘বানর নারী’ নামে পরিচিত করেছিল। ১৮৩৪ সালে জন্ম নেওয়া জুলিয়ার হাইপারট্রাইকোসিস ও জিঞ্জাইভাল হাইপারপ্লাসিয়া নামের দুটি বিরল শারীরিক অবস্থার কথা ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। তার জীবনকাহিনি পরবর্তী সময়ে উনিশ শতকের নিষ্ঠুর প্রদর্শনী ব্যবসার অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে। জুলিয়ার জীবনে থিওডোর লেন্ট নামে এক প্রদর্শনী ব্যবসায়ীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। লেন্ট প্রথমে তার ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন এবং পরে তাকে বিয়ে করেন। দুজন মিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। দর্শকদের সামনে জুলিয়া গান গাইতেন ও নাচতেন। তার শারীরিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটির ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৬০ সালে রাশিয়ার মস্কোতে সন্তান জন্ম দেওয়ার কয়েক দিন পর জুলিয়ার মৃত্যু হয়। তার নবজাতক সন্তানও জন্মের অল্প সময়ের মধ্যে মারা যায়। জুলিয়া ও তার সন্তানের মৃত্যুর পরও তাদের দেহাবশেষ নিয়ে ব্যবসা বন্ধ করেননি লেন্ট। তিনি দুজনের মরদেহ মস্কো বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করেন। সেখানে রাসায়নিক প্রক্রিয়ায় দেহ সংরক্ষণ করা হয়। পরে লেন্ট সেগুলো আবার কিনে নিয়ে বিভিন্ন স্থানে প্রদর্শন করতে থাকেন। এর মধ্যেই তিনি মারি বার্টেল নামে আরেক নারীকে বিয়ে করেন, যার শারীরিক অবস্থাও জুলিয়ার মতো ছিল। মারিকে প্রদর্শনীতে জুলিয়ার ছোট বোন হিসেবে পরিচয় করানো হতো এবং তার নাম দেওয়া হয়েছিল জেনোরা। লেন্টের মৃত্যুর পর মারি জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ বিক্রি করে দেন। এরপর বিভিন্ন শহরে সেগুলো প্রদর্শিত হতে থাকে। ১৯২১ সালে নরওয়ের একটি বড় বিনোদন মেলার ব্যবস্থাপক হাকন লুন্ড জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ কিনে নেন। ১৯৫০-এর দশক পর্যন্ত বিভিন্ন সময়ে সেগুলো প্রদর্শন করা হয়। ১৯৭০ সালে আবারও প্রদর্শন শুরু হলে সংবাদপত্রে ব্যাপক সমালোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও নরওয়েতে সেগুলো প্রদর্শিত হয়। ১৯৭৩ সালে সুইডেনের একটি মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও দেশটির কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করে। ১৯৭৬ সালে অসলোতে সংরক্ষিত অবস্থায় থাকা জুলিয়ার দেহাবশেষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার সন্তানের দেহাবশেষও হারিয়ে যায়। পরবর্তী সময়ে জুলিয়ার দেহাবশেষ নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রাখা হয়। ১৯৯০ সালে একটি টেলিভিশন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে তার দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে যথাযথভাবে সমাহিত করার দাবি জানিয়ে আসছিলেন মেক্সিকান শিল্পী লরা অ্যান্ডারসন বারবাটা। ২০১২ সালে নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি বিষয়টি পর্যালোচনা করে। কমিটি জানায়, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর জুলিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য ছিল না। তার দেহাবশেষ গবেষণার নামে অনির্দিষ্টকাল সংরক্ষণ না করে মেক্সিকোতে ফিরিয়ে সমাহিত করার সুপারিশ করা হয়। অবশেষে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নরওয়ে থেকে জুলিয়ার দেহাবশেষ মেক্সিকোতে ফিরিয়ে নেওয়া হয়। সাদা কফিনে করে তার দেহাবশেষ নিজ জন্মস্থান সিনালোয়া অঙ্গরাজ্যে পৌঁছায়। ১২ ফেব্রুয়ারি সিনালোয়া দে লেইভা শহরে ক্যাথলিক ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে সমাহিত করা হয়। তার দেহাবশেষ ফেরত দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ভবিষ্যতে যেন আর কখনো তাকে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহার করা না হয়। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলা অবমাননাকর প্রদর্শনীর অবসান ঘটে এই সমাধির মধ্য দিয়ে। সংবাদসূত্র: নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে ভবিষ্যৎ সন্তানের জিনগত বৈশিষ্ট্য ও স্বাস্থ্যঝুঁকি বেছে নেওয়ার প্রবণতা নতুন বিতর্ক তৈরি করেছে। এবার আইভিএফ পদ্ধতিতে তৈরি ভ্রূণের জিন পরীক্ষা করে অটিজম, সিজোফ্রেনিয়া ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতার ঝুঁকি নির্ধারণের উদ্যোগ নিয়েছে দেশটির একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি, এই পরীক্ষার মাধ্যমে কোন ভ্রূণে এসব সমস্যার জিনগত ঝুঁকি তুলনামূলক বেশি, তা আগেই জানা সম্ভব। তবে পরীক্ষাটির কার্যকারিতা ও নৈতিকতা নিয়ে চিকিৎসাবিজ্ঞানী এবং অটিজম অধিকারকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক পোস্টের ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হেরাসাইট গত অক্টোবর মাসে ‘নিউরোরিস্ক’ নামে পরীক্ষাটি চালু করে। প্রতিষ্ঠানটির দাবি, আইভিএফের মাধ্যমে তৈরি ভ্রূণের জিন বিশ্লেষণ করে অটিজম ও সিজোফ্রেনিয়ার সঙ্গে সম্পর্কিত কিছু বিরল ক্ষতিকর জিনগত পরিবর্তন শনাক্ত করতে পারে এই প্রযুক্তি। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতাসহ বিভিন্ন স্নায়ুবিকাশজনিত সমস্যার ঝুঁকিও মূল্যায়ন করা হয়। তবে এটি অটিজম শনাক্ত করার নিশ্চিত পরীক্ষা নয়, বরং নির্দিষ্ট কিছু জিনগত পরিবর্তনের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকির একটি পরিসংখ্যানগত ধারণা দেয়। পরীক্ষাটির পদ্ধতি সম্পর্কে হেরাসাইট জানিয়েছে, প্রথমে আইভিএফের মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয়। এরপর প্রতিটি ভ্রূণ থেকে কয়েকটি কোষ নিয়ে তার জিনগত উপাদান বিশ্লেষণ করা হয়। মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ জিনের ক্ষতিকর পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে প্রতিটি ভ্রূণকে শূন্য থেকে ১০০-এর মধ্যে একটি স্কোর দেওয়া হয়। স্কোর যত বেশি হয়, নির্দিষ্ট জিনগত পরিবর্তনজনিত ঝুঁকিও তত বেশি বলে প্রতিষ্ঠানটি দাবি করে। এই স্কোরের ভিত্তিতে অভিভাবকেরা কোন ভ্রূণটি প্রতিস্থাপন করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। নিজেদের গবেষণায় হেরাসাইট জানিয়েছে, যেসব প্রাপ্তবয়স্কের মধ্যে পরীক্ষায় শনাক্তযোগ্য নির্দিষ্ট জিনগত পরিবর্তন পাওয়া গেছে, তাদের ২ দশমিক ৩ শতাংশের অটিজম শনাক্ত হয়েছিল। অন্যদিকে এসব পরিবর্তন না থাকা ব্যক্তিদের মধ্যে হারটি ছিল ১ দশমিক ৪ শতাংশ। তবে এই গবেষণার ফলাফল কোনো নির্দিষ্ট ভ্রূণ ভবিষ্যতে অটিজমে আক্রান্ত হবে কি না, তা নিশ্চিত করে না। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, পরীক্ষার স্কোর সর্বোচ্চ পর্যায়ে থাকলেও ছেলেশিশুর ক্ষেত্রে অটিজমের সম্ভাবনা সর্বোচ্চ ৫ দশমিক ৩ শতাংশ এবং মেয়েশিশুর ক্ষেত্রে ২ দশমিক ৪ শতাংশ হতে পারে। পরীক্ষাটির খরচও বেশ বেশি। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এক দফায় ভ্রূণ পরীক্ষার জন্য ২৫ হাজার ডলার খরচ করতে হবে। পাঁচ বছরের মধ্যে একাধিক দফায় পরীক্ষা করাতে চাইলে খরচ দাঁড়ায় ৫০ হাজার ডলার। এর সঙ্গে আইভিএফ চিকিৎসার ব্যয়ও যুক্ত হবে। হেরাসাইটের পরিসংখ্যানগত জিনতত্ত্ববিদ স্পেন্সার মুর ও তাঁর স্ত্রী নিজেদের আইভিএফে তৈরি দুটি ভ্রূণের পরীক্ষা করিয়েছিলেন। একটির স্কোর ছিল ৮৮, অন্যটির প্রায় ৬০। তাঁরা তুলনামূলক কম স্কোরের ভ্রূণটি বেছে নিলেও এখনো তাঁদের সন্তান জন্ম নেয়নি। এ ধরনের প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে চিকিৎসাবিজ্ঞানীদের মধ্যে সতর্কতা রয়েছে। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন ২০২৬ সালের নীতিগত মতামতে বহুজিনভিত্তিক ভ্রূণ পরীক্ষাকে এখনো প্রাথমিক ও অপর্যাপ্তভাবে প্রমাণিত প্রযুক্তি হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, এ ধরনের পরীক্ষার ফল কতটা নির্ভুল এবং বাস্তবে চিকিৎসার সিদ্ধান্ত নিতে কতটা কার্যকর, তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, সংস্থাটির ওই মতামত মূলত শত শত বা হাজারো জিনের সম্মিলিত প্রভাব নির্ণয়কারী পরীক্ষার বিষয়ে। হেরাসাইট দাবি করছে, তাদের নিউরোরিস্ক পরীক্ষা মূলত বিরল জিনগত পরিবর্তন বিশ্লেষণ করে, যা প্রচলিত বহুজিনভিত্তিক পরীক্ষার চেয়ে আলাদা। অন্যদিকে অটিজম অধিকারকর্মীরা এই উদ্যোগের সামাজিক প্রভাব নিয়েও উদ্বেগ জানিয়েছেন। অটিস্টিক সেলফ অ্যাডভোকেসি নেটওয়ার্কের মতে, অটিজম প্রতিরোধ বা দূর করার উদ্দেশ্যে জিনগত গবেষণার ব্যবহার প্রতিবন্ধী মানুষের প্রতি বৈষম্যমূলক ধারণাকে শক্তিশালী করতে পারে। তাদের বক্তব্য, অটিজমে আক্রান্ত মানুষকে বাদ দেওয়ার পরিবর্তে তাঁদের জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক সহায়তা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। হার্ভার্ড মেডিকেল স্কুলের জিনতত্ত্ববিদ সাশা গুসেভও ভ্রূণ নির্বাচনের এ ধরনের প্রবণতা নিয়ে সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটির ১৬টি এলাকার আট বছর বয়সী শিশুদের মধ্যে প্রতি ৩১ জনে একজনের অটিজম শনাক্ত হয়েছিল। তবে এই পরিসংখ্যান পুরো যুক্তরাষ্ট্রের শিশুদের সরাসরি প্রতিনিধিত্ব করে না। বিশেষজ্ঞদের মতে, অটিজমের পেছনে একাধিক জিনগত ও পরিবেশগত কারণ কাজ করে। ফলে কোনো একটি পরীক্ষা দিয়ে ভবিষ্যৎ সন্তানের বিকাশ বা স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। প্রযুক্তিটি ভবিষ্যতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে আরও বিস্তৃত গবেষণা ও স্বাধীন বৈজ্ঞানিক যাচাইয়ের ওপর। সংবাদসূত্র: নিউইয়র্ক পোস্ট, হেরাসাইট, আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) 872 আইজেট
সৌরজগতে এখন পর্যন্ত সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা গেছে। তবে নেপচুনেরও অনেক দূরে আরও একটি অজানা গ্রহ লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘প্ল্যানেট এক্স২’ বা ‘পিএক্স২’ নামে পরিচিত এই সম্ভাব্য গ্রহটির ভর পৃথিবীর প্রায় ১ দশমিক ৫ থেকে ২ গুণ হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় সৌরজগতের দূরবর্তী অঞ্চলে বরফে ঢাকা কিছু মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক কক্ষপথ বিশ্লেষণ করে এমন সম্ভাবনার কথা তুলে ধরেছেন গবেষকেরা। তবে এখনো গ্রহটির সরাসরি অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (আরএএস) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য গ্রহটির ভর, কক্ষপথ ও মহাকর্ষীয় প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন প্যাট্রিক সোফিয়া লিকাওকা। তিনি জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। ২৩ নভেম্বর ২০২৬ সালে গবেষণাটি ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকদের নজরে আসে নেপচুনের বাইরের বিস্তীর্ণ অঞ্চলে থাকা কিছু বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক গতিপথ। এসব বস্তুকে বলা হয় ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্ট। সাধারণত এদের অনেকগুলো কুইপার বেল্ট অঞ্চলে অবস্থান করে। পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্বের প্রায় ৩৮ থেকে ৫০ গুণ দূরত্বে বিস্তৃত এই অঞ্চলে অসংখ্য ছোট বরফময় বস্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। তবে কিছু বস্তুর কক্ষপথ পরিচিত গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাব দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না। এ ধরনের রহস্যময় বস্তুর মধ্যে অন্যতম হলো সেডনা। এর কক্ষপথ অত্যন্ত দীর্ঘায়িত এবং কক্ষপথের একটি বড় অংশ সৌরজগতের পরিচিত গ্রহগুলোর অবস্থান থেকে অনেক দূরে বিস্তৃত। বিজ্ঞানীদের ধারণা, অজানা কোনো গ্রহের মহাকর্ষীয় প্রভাব এসব বস্তুর গতিপথ ও কক্ষপথের অস্বাভাবিক বৈশিষ্ট্য তৈরিতে ভূমিকা রাখতে পারে। গবেষকেরা বিষয়টি যাচাই করতে সৌরজগতের প্রায় ৪৫০ কোটি বছরের বিবর্তন নিয়ে কম্পিউটার সিমুলেশন পরিচালনা করেন। সেখানে পরিচিত চারটি বৃহৎ গ্রহের পাশাপাশি অতিরিক্ত একটি দূরবর্তী গ্রহ যুক্ত করে বিভিন্ন পরিস্থিতির তুলনা করা হয়। সিমুলেশনের ফলাফলে দেখা যায়, প্ল্যানেট এক্স২-এর মহাকর্ষীয় প্রভাব দূরবর্তী বরফময় বস্তুগুলোর কক্ষপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কিছু বস্তুকে নেপচুনের মহাকর্ষীয় প্রভাব থেকে দূরে সরিয়ে দেওয়া কিংবা তাদের কক্ষপথকে অস্বাভাবিকভাবে হেলে দিতে পারে এই সম্ভাব্য গ্রহটি। গবেষকদের মডেল অনুযায়ী, গ্রহটির কক্ষপথ উপবৃত্তাকার হতে পারে। সূর্য থেকে এর কক্ষপথের অর্ধ-প্রধান অক্ষের দূরত্ব প্রায় ৩৫০ থেকে ৫০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক হতে পারে। এমনকি সূরুর সবচেয়ে কাছাকাছি অবস্থানেও গ্রহটি সূর্য থেকে অন্তত ২০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে থাকবে। এক জ্যোতির্বৈজ্ঞানিক একক হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। তবে গবেষকেরা জানিয়েছেন, তাঁদের মডেল দূরবর্তী বরফময় বস্তুগুলোর বেশ কয়েকটি অস্বাভাবিক কক্ষপথের ব্যাখ্যা দিতে পারলেও সব পর্যবেক্ষণের সঙ্গে এর পুরোপুরি মিল পাওয়া যায়নি। গবেষণার প্রধান প্যাট্রিক সোফিয়া লিকাওকা বলেন, তাঁদের মডেল বেশ কিছু অস্বাভাবিক কক্ষপথের ধরন পুনরায় তৈরি করতে সক্ষম হয়েছে। তবে পর্যবেক্ষণের সঙ্গে মডেলের যেসব পার্থক্য রয়ে গেছে, সেগুলো নিয়ে আরও গবেষণা প্রয়োজন। অর্থাৎ প্ল্যানেট এক্স২-এর অস্তিত্ব এখনো একটি সম্ভাবনা, নিশ্চিত আবিষ্কার নয়। এই সম্ভাব্য গ্রহকে ঘিরে আলোচনার সঙ্গে আগে থেকেই পরিচিত ‘প্ল্যানেট নাইন’ ধারণার কিছু মিল থাকলেও দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্ল্যানেট নাইন তত্ত্ব অনুযায়ী, নেপচুনের বাইরের কিছু অস্বাভাবিক কক্ষপথের পেছনে পৃথিবীর প্রায় ১০ গুণ ভরের একটি বৃহৎ গ্রহ থাকতে পারে। অন্যদিকে প্ল্যানেট এক্স২ তুলনামূলক ছোট, যার ভর পৃথিবীর দেড় থেকে দুই গুণ বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ দুটি পৃথক সম্ভাব্য গ্রহের ধারণা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। নেপচুনের বাইরে অজানা গ্রহের সন্ধান অবশ্য নতুন নয়। ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের আগে জ্যোতির্বিজ্ঞানী পারসিভাল লোওয়েল ‘প্ল্যানেট এক্স’ নামে একটি অজানা গ্রহের সন্ধান চালিয়েছিলেন। যদিও পরবর্তী গবেষণায় দেখা যায়, প্লুটোর ভর এত কম যে আগে ধারণা করা গ্রহগুলোর গতিপথের অস্বাভাবিকতার ব্যাখ্যা দেওয়ার জন্য এটি যথেষ্ট নয়। এরপর থেকে সৌরজগতের বাইরের প্রান্তে আরও বড় কোনো গ্রহের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অব্যাহত রয়েছে। এবারের গবেষণায় নতুন আশার জায়গা হিসেবে উঠে এসেছে চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি। এই মানমন্দিরের চলমান আকাশ জরিপে সৌরজগতের দূরবর্তী অঞ্চলের আরও অনেক অজানা বস্তু শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলোর কক্ষপথ বিশ্লেষণ করে প্ল্যানেট এক্স২-এর মহাকর্ষীয় প্রভাব সম্পর্কে আরও নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে। গবেষণার সহলেখক ও ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের অধ্যাপক জন্টি হর্নারের মতে, নতুন পর্যবেক্ষণগুলো এই ধারণা যাচাইয়ের সুযোগ তৈরি করবে। সব মিলিয়ে, প্ল্যানেট এক্স২-এর অস্তিত্ব প্রমাণিত হলে সৌরজগতের গঠন, বিবর্তন এবং দূরবর্তী মহাজাগতিক বস্তুগুলোর গতিপথ সম্পর্কে প্রচলিত ধারণায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এটিকে এখনই সৌরজগতের নবম বা দশম গ্রহ হিসেবে গণ্য করার সুযোগ নেই। সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে এর অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। তথ্যসূত্র: রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে নভেম্বরের মাঝামাঝি থেকে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটছে। মাইক্রোসফটের সেবা বন্ধ, দেশজুড়ে বিমান চলাচলে বিঘ্ন, ব্যাংকিং ব্যবস্থায় সমস্যা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা অচল হওয়ার পর এবার আলোচনায় এসেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএতে সাইবার হামলার ঘটনা। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেও সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) টিকটকের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়ে হাজার হাজার ব্যবহারকারী ডাউনডিটেক্টরে অভিযোগ করেন। একপর্যায়ে অভিযোগের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে যায়। টিকটক সংবাদমাধ্যম দ্য ভার্জকে জানিয়েছে, সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে একই দিনে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যন্ত্রপাতির ত্রুটির কথা জানিয়ে বিমানবন্দরটিতে আসার পথে থাকা ফ্লাইটগুলোর ওপর সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করে। প্রায় এক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ সময় ফ্লাইটগুলোর গড় বিলম্ব ছিল প্রায় ৪৭ মিনিট। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে সিআইএর কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির একটি অশ্রেণিবদ্ধ কম্পিউটার ব্যবস্থা হ্যাকারদের অনুপ্রবেশের শিকার হয়েছে। ব্যবস্থাটি উন্মুক্ত উৎসের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত হতো। এতে ইন্টারনেট, বাণিজ্যিক তথ্যভান্ডার ও অন্যান্য উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করা হতো। তবে হামলায় কোনো শ্রেণিবদ্ধ বা অত্যন্ত সংবেদনশীল তথ্য জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর সমস্যার সমাধান করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে এবং ঠিক কী ধরনের তথ্যের নাগাল পেয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এর কয়েক দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অপরাধসংক্রান্ত জাতীয় তথ্যভান্ডারেও অনুপ্রবেশের সন্দেহ দেখা দেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনের তথ্যের ভিত্তিতে এফবিআই ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার বা এনসিআইসি ব্যবস্থায় সম্ভাব্য সাইবার অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে। এই তথ্যভান্ডারে অপরাধের ইতিহাস, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়। তবে এফবিআই আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। গত সেপ্টেম্বরেও সংস্থাটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। এর আগে গত ১২ নভেম্বর মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটসহ একাধিক সেবা বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। ডাউনডিটেক্টরে ৭০টির বেশি দেশ ও অঞ্চল থেকে সমস্যার অভিযোগ আসে। প্রায় এক দিন ধরে চলা এই বিভ্রাটে বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ, যোগাযোগ ও তথ্য আদান-প্রদান ব্যাহত হয়। মাইক্রোসফট পরে জানায়, নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল। এটি কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। পরদিন ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্ক অস্থিতিশীল হয়ে পড়ায় দেশজুড়ে সব ফ্লাইটের ওপর গ্রাউন্ড স্টপ জারি করা হয়। প্রায় চার ঘণ্টা ৪৫ মিনিট পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফ্লাইট চলাচলে এর প্রভাব কয়েক দিন পর্যন্ত ছিল। এফএএর হিসাব অনুযায়ী, ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে প্রধান বিমান সংস্থাগুলোর বাতিল করা ফ্লাইটের সংখ্যা ছিল ৯ হাজারের বেশি। প্রাথমিক তদন্তে নেটওয়ার্কে অস্বাভাবিক পরিমাণ তথ্য প্রবাহ এবং নতুন রাউটার স্থাপনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যার বিষয়টি উঠে আসে। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধান চলছিল। ১৬ নভেম্বর আবারও ব্যাংকিং ও বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। জেপিমরগান চেজের গ্রাহকেরা ব্যাংকিং অ্যাপ ও বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন। ব্যাংকটির মুখপাত্র জানান, নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থার একটি সফটওয়্যার ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল, এর সঙ্গে সাইবার হামলার সম্পর্ক ছিল না। একই দিন ইউনাইটেড এয়ারলাইনসের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের এই বিভ্রাটে কয়েক শ ফ্লাইট বিলম্বিত হয়। পাইলটদের তথ্য অনুযায়ী, উড়োজাহাজের চূড়ান্ত ওজন নির্ধারণে ব্যবহৃত একটি ব্যবস্থায় সমস্যা হয়েছিল। ১৭ নভেম্বর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন তথ্য আদান-প্রদানের অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সাময়িক সমস্যা দেখা দেয়। সংস্থাটি জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। তবে জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল। একই দিনে অ্যাপলের অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, আইক্লাউড ও অ্যাপলকেয়ারসহ কয়েকটি সেবায় সমস্যা দেখা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের কারণে এই বিভ্রাট হয়েছিল। পাশাপাশি হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যারিয়টের বুকিং ও অতিথিদের চেক-ইন ব্যবস্থায়ও সমস্যার অভিযোগ পাওয়া যায়। ২২ নভেম্বর আবারও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এবার সমস্যায় পড়ে ডেল্টা এয়ারলাইনস। উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারণের স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে এক হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। ডেল্টা কর্তৃপক্ষ সাময়িকভাবে বিকল্প হাতে পরিচালিত পদ্ধতি ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করে। আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এফএএ সাময়িকভাবে কিছু ফ্লাইটের চলাচল নিয়ন্ত্রণ করে। কয়েক ঘণ্টার মধ্যে ডেল্টা জানায়, তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থা আবার সচল হয়েছে। একের পর এক এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রযুক্তিনির্ভর গুরুত্বপূর্ণ সেবার ওপর নির্ভরশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সব ঘটনাকে সাইবার হামলার সঙ্গে যুক্ত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাইক্রোসফট, চেজ ব্যাংক, অ্যাপল ও বিমান সংস্থাগুলোর কয়েকটি বিভ্রাটের কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি, সফটওয়্যার সমস্যা কিংবা নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টি উঠে এসেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এসব ঘটনাকে একটি সমন্বিত সাইবার হামলার অংশ হিসেবে দেখার কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন যোগাযোগ, ব্যাংকিং, বিমান চলাচল ও সরকারি কার্যক্রম অল্প কয়েকটি বড় প্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে কোনো একটি ব্যবস্থায় সমস্যা দেখা দিলে একসঙ্গে একাধিক সেবায় তার প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার এবং বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) 872 আইজেট
ইউরোপে উন্নত জীবন, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তার আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন প্রায় ১৭৫ জন অভিবাসী। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারের উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা কাঠের একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌকাটি যাত্রা শুরু করে। স্থানীয়ভাবে পিরোগ নামে পরিচিত কাঠের নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে। মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ জানিয়েছে, নৌকাটির ১৭২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। নৌকাটির যাত্রীদের মধ্যে কতজন পুরুষ, নারী কিংবা শিশু ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে তাঁদের বর্তমান অবস্থান কিংবা কেউ জীবিত উদ্ধার হয়েছেন কি না, সেটিও নিশ্চিত নয়। এদিকে সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকা থেকে ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নভেম্বরের শুরু থেকে দেশটির উপকূলে পাঁচ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা ইউরোপমুখী সমুদ্রযাত্রা থেকে বিরত রাখা হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১২ দিনেই পশ্চিম আফ্রিকা থেকে যাত্রা করে আট হাজারের বেশি অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। ইউরোপে প্রবেশের অন্যতম পথ হিসেবে এই দ্বীপপুঞ্জকে ব্যবহার করেন আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। কিন্তু এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উত্তাল আটলান্টিক মহাসাগর, অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকা, পর্যাপ্ত খাবার ও পানির অভাব এবং দীর্ঘ সমুদ্রযাত্রার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় উৎসাহিত করছে। তবে এই পথে ইউরোপে পৌঁছানোর নিশ্চয়তা নেই। বরং অনেক পরিবারকে দীর্ঘদিন স্বজনের খোঁজে অপেক্ষা করতে হচ্ছে। নিখোঁজ ১৭৫ জনের সন্ধান এখন তাঁদের পরিবারের কাছে সবচেয়ে বড় অপেক্ষা। ইউরোপের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যাওয়া মানুষগুলোর কেউ ফিরে আসবেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। সংবাদের সূত্র:রয়টার্স। 874 এসকিউ
যুক্তরাষ্ট্রে খাবারের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ও জ্বালানির খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন বহু পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিয়মিত চাকরি থাকা সত্ত্বেও অনেক মানুষ খাবারের জন্য স্থানীয় খাদ্য সহায়তা কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন। থ্যাংকসগিভিং উৎসব সামনে রেখে দেশজুড়ে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতে মানুষের চাহিদা আরও বেড়েছে। ২৩ নভেম্বর প্রকাশিত ন্যাশনাল পাবলিক রেডিওর এক প্রতিবেদনে ফিডিং আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা লিন্ডা নাজিওতে জানান, মহামারির আগের সময়ের তুলনায় তাঁদের খাদ্য সহায়তা নেটওয়ার্ক এখন ২৫ শতাংশ বেশি মানুষকে সেবা দিচ্ছে। গত কয়েক বছর ধরে এই চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্যের দাম নিয়ে উদ্বিগ্ন মানুষের সংখ্যা বাড়ছে। ফিডিং আমেরিকার এক জরিপে অংশ নেওয়া ১ হাজার ২০০ জনের মধ্যে ৮৮ শতাংশ জানিয়েছেন, খাবারের দাম নিয়ে তাঁরা খুবই চিন্তিত। প্রায় অর্ধেক মানুষ খাবার কেনার অর্থ জোগাড় করতে বাড়িভাড়া, বিদ্যুৎ বিল কিংবা চিকিৎসার খরচ পরিশোধ পিছিয়ে দিচ্ছেন। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, খাবার কিনতে তাঁদের ক্রেডিট কার্ড, ঋণ কিংবা অন্যের কাছ থেকে ধার করা অর্থের ওপর নির্ভর করতে হচ্ছে। খাদ্য সহায়তা চাওয়া মানুষের মধ্যে কর্মজীবীর সংখ্যাও উল্লেখযোগ্য। অর্থাৎ শুধু বেকারত্ব নয়, নিয়মিত কাজ করেও অনেক পরিবার প্রয়োজনীয় খাবার কেনার মতো আর্থিক স্বস্তি পাচ্ছে না। ফিডিং আমেরিকার তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ১ কোটি ৪০ লাখ শিশু খাদ্য অনিরাপত্তার মধ্যে রয়েছে। পাশাপাশি বয়স্ক নাগরিকদের পরিবারগুলোর মধ্যেও খাদ্য সংকট দেখা যাচ্ছে। খাদ্য সহায়তার চাহিদা বাড়ার পেছনে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির পরিবর্তনও ভূমিকা রাখছে। ফিডিং আমেরিকার কর্মকর্তার দাবি, সাম্প্রতিক সময়ে ৫৫ লাখের বেশি মানুষ এসএনএপি খাদ্য সহায়তা কর্মসূচির তালিকা থেকে বাদ পড়েছেন। ফলে তাঁদের অনেকে স্থানীয় খাদ্য সহায়তা কেন্দ্রের দিকে ঝুঁকছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্যও খবরটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা বাড়িভাড়া, গাড়ির খরচ, চিকিৎসা ও পরিবারের দৈনন্দিন ব্যয় সামলাতে সমস্যায় পড়ছেন, তাঁরা স্থানীয় খাদ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনা মূল্যে খাবার পাওয়ার সুযোগ খুঁজতে পারেন। ফিডিং আমেরিকার ওয়েবসাইটে নিজের এলাকার খাদ্য সহায়তা কেন্দ্র খুঁজে পাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে সেখানে গিয়ে নিকটবর্তী খাবার বিতরণ কেন্দ্রের তথ্য জানা যায়। সূত্র: ন্যাশনাল পাবলিক রেডিও। 874 এসকিউ
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের বেতন নির্ধারণের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে দেশটির শ্রম বিভাগ। নতুন বিধিমালার চূড়ান্ত সংস্করণ পর্যালোচনার জন্য ২৩ নভেম্বর হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিবাসনবিষয়ক প্রতিষ্ঠান বাউন্ডলেসের ২৫ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রস্তাবিত পরিবর্তনটি এইচ-১বি, এইচ-১বি১ ও ই-৩ ভিসায় কর্মরত বিদেশি কর্মীদের পাশাপাশি নিয়োগকর্তার মাধ্যমে গ্রিন কার্ডের শ্রম সনদ প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। বর্তমান ব্যবস্থায় বিদেশি কর্মীদের বেতন নির্ধারণে পেশা, কর্মস্থলের অবস্থান এবং অভিজ্ঞতার স্তর বিবেচনা করা হয়। নতুন প্রস্তাবে বিভিন্ন দক্ষতার স্তরে ন্যূনতম প্রচলিত বেতনের মান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কাঠামোয় প্রবেশপর্যায়ের কর্মীদের বেতনের মান ৩৪তম পার্সেন্টাইল এবং সর্বোচ্চ দক্ষতার স্তরে ৮৮তম পার্সেন্টাইল নির্ধারণের কথা বলা হয়েছে। এর ফলে কিছু পেশায় নিয়োগকর্তাদের আগের তুলনায় বেশি বেতন দেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ করে প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য দক্ষতাভিত্তিক পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো নতুন নিয়মের প্রভাবের মুখে পড়তে পারে। যেসব প্রতিষ্ঠান এইচ-১বি কর্মীদের পাশাপাশি স্থায়ীভাবে নিয়োগের জন্য গ্রিন কার্ডের আবেদন করে, তাদেরও নতুন বিধিমালা সম্পর্কে প্রস্তুতি নিতে হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো চূড়ান্ত বিধিমালা প্রকাশিত হয়নি। হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। নতুন নিয়মের কার্যকর হওয়ার তারিখও এখনো নির্ধারিত হয়নি। বর্তমানে প্রচলিত বেতন নির্ধারণের নিয়মই কার্যকর রয়েছে। তাই শুধু প্রস্তাবের ভিত্তিতে কোনো কর্মীর বর্তমান বেতন বা ভিসার শর্ত পরিবর্তিত হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদ, প্রকৌশলী, দক্ষ পেশাজীবী এবং নিয়োগকর্তার মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা ব্যক্তিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন বিধিমালার চূড়ান্ত সংস্করণ প্রকাশিত হলে তাঁদের চাকরি, বেতন ও ভবিষ্যৎ অভিবাসন পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। সূত্র: বাউন্ডলেস ইমিগ্রেশন, ২৫ নভেম্বর ২০২৬; যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ লাখ কলেজ শিক্ষার্থী ফেডারেল সরকারের শিক্ষা সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছেন। পড়াশোনায় নির্ধারিত অগ্রগতি বজায় রাখতে না পারায় তাঁদের অনেকেই ভবিষ্যতে সরকারি অনুদান ও শিক্ষাঋণের সুবিধা হারাতে পারেন। ওয়াশিংটন পোস্টের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লুমিনা ফাউন্ডেশন ও ম্যাথমেটিকা পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।গবেষণায় দেখা গেছে, স্নাতক পর্যায়ের প্রতি ১০ জন শিক্ষার্থীর একজনের বেশি সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতির নির্ধারিত শর্ত পূরণ করতে পারছেন না। সাধারণত এসব শর্তের মধ্যে রয়েছে কমপক্ষে ২.০ জিপিএ বজায় রাখা, নেওয়া মোট ক্রেডিটের অন্তত ৬৭ শতাংশ সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি শেষ করার অগ্রগতি দেখানো। এই শর্তগুলো পূরণ করতে না পারলে শিক্ষার্থীদের ফেডারেল আর্থিক সহায়তা স্থগিত বা বন্ধ হতে পারে। এর মধ্যে পেল গ্র্যান্ট এবং ফেডারেল শিক্ষাঋণের মতো সুবিধাও রয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, কম আয়ের পরিবারের শিক্ষার্থী এবং পরিবারের প্রথম কলেজপড়ুয়া সদস্যরা তুলনামূলক বেশি সমস্যায় রয়েছেন। শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ কমিউনিটি কলেজে পড়াশোনা করছেন। তবে সহায়তা হারানোর অর্থ সব ক্ষেত্রে স্থায়ীভাবে সুবিধা বন্ধ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীরা তাঁদের পরিস্থিতি ব্যাখ্যা করে কলেজের আর্থিক সহায়তা বিভাগে আপিল করতে পারেন। অসুস্থতা, পারিবারিক সমস্যা কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য কারণ থাকলে বিশেষ বিবেচনায় সহায়তা পুনর্বহালের সুযোগ থাকতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারের সন্তানদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়মিত জিপিএ, কোর্স সম্পন্ন করার অগ্রগতি এবং আর্থিক সহায়তার শর্ত যাচাই করা প্রয়োজন। সূত্র: ওয়াশিংটন পোস্ট, লুমিনা ফাউন্ডেশন ও ম্যাথমেটিকার গবেষণা। 874 এসকিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে অভিনব এক আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নকল ট্রাম্পকে মঞ্চে হাজির করে তাঁর সঙ্গে রসিকতায় অংশ নেন কানাডার প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়। গত ২১ নভেম্বর কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কানাডার রাজনীতিবিদ ও সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত বার্ষিক এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে হাস্যরস ও ব্যঙ্গাত্মক বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে নকল ট্রাম্পের ভূমিকায় মঞ্চে হাজির হন একজন কৌতুক অভিনেতা। তিনি ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হাঁটাচলা, অঙ্গভঙ্গি ও কথা বলার ধরন অনুকরণ করেন। পরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তাঁর কথোপকথন ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য সম্পর্ক, শুল্কনীতি এবং ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার আগের বক্তব্য নিয়েও ব্যঙ্গ করা হয়। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও শুল্কনীতি নিয়ে টানাপোড়েন চলছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের সিদ্ধান্তের কারণে দুই দেশের সম্পর্কে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নকল ট্রাম্পকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর এই রসিকতা রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা তৈরি করেছে। উল্লেখ্য, পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার কানাডার সাংবাদিক ও রাজনীতিবিদদের একটি বার্ষিক আয়োজন। এখানে সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে হাস্যরস, কৌতুক ও ব্যঙ্গাত্মক পরিবেশনা থাকে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, বিবিসি ও আল জাজিরা। 874 এসকিউ
যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যবিমা সুবিধা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। নতুন ফেডারেল আইনের অধীনে যোগ্যতার নিয়ম পরিবর্তনের কারণে এসব সুবিধাভোগীর অনেকেই আগামী বছর থেকে স্বাস্থ্যবিমার আওতার বাইরে চলে যেতে পারেন। ২৪ নভেম্বর প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হলে বিপুলসংখ্যক অভিবাসী মেডিকেয়ার সুবিধা হারাতে পারেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন শরণার্থী, আশ্রয়প্রাপ্ত অভিবাসী, সাময়িক সুরক্ষার আওতায় থাকা ব্যক্তি এবং মানবপাচারের শিকার কিছু মানুষ। তাঁদের অনেকেই যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং কাজের মাধ্যমে মেডিকেয়ার কর্মসূচিতে অর্থ জমা দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে মেডিকেয়ারের যোগ্যতা মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী এবং নির্দিষ্ট কয়েকটি অভিবাসী শ্রেণির মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করেও গ্রিন কার্ড না পাওয়া অনেক অভিবাসী সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যাঁরা আশ্রয়প্রাপ্ত হওয়ার পর স্থায়ী বসবাসের অনুমতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের স্বাস্থ্যসেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে। নিয়মিত চিকিৎসা, ওষুধ এবং ডায়ালাইসিসের মতো সেবার জন্য মেডিকেয়ারের ওপর নির্ভরশীল ব্যক্তিরা আর্থিক সংকটে পড়তে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা প্রশাসন সংশ্লিষ্ট সুবিধাভোগীদের চিঠি পাঠিয়ে নতুন যোগ্যতার নিয়ম সম্পর্কে জানিয়েছে। তবে কারও ক্ষেত্রে ভুল তথ্যের কারণে সুবিধা বন্ধের আশঙ্কাও রয়েছে। যাঁরা মনে করছেন ভুলবশত তাঁদের মেডিকেয়ার সুবিধা বন্ধ করা হচ্ছে, তাঁরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা নির্দেশনা অনুসরণ করে সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা জরুরি। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য নতুন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। বিশেষ করে বয়স্ক, অসুস্থ এবং দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্যবিমার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিজেদের যোগ্যতা যাচাই করা প্রয়োজন। তবে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের সব অভিবাসীর জন্য প্রযোজ্য নয়। কারা মেডিকেয়ার সুবিধা পাবেন, তা নির্ভর করবে তাঁদের নাগরিকত্ব, অভিবাসন মর্যাদা এবং সংশ্লিষ্ট আইনের শর্তের ওপর। সূত্র: ওয়াশিংটন পোস্ট। 874 এসকিউ
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একসময় খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত একটি ঐতিহাসিক গির্জা এখন মুসলমানদের মসজিদ। প্রায় ১৪৫ বছর আগে নির্মিত এই ভবনটি সময়ের পরিবর্তনে পেয়েছে নতুন ধর্মীয় পরিচয়। বর্তমানে এখানে নিয়মিত নামাজ আদায় করেন বিভিন্ন দেশের মুসলমানরা। ডাবলিনের সাউথ সার্কুলার রোডের ১৬৩ নম্বর ঠিকানায় অবস্থিত এই স্থাপনাটি পরিচিত ডাবলিন মসজিদ ও ইসলামিক সেন্টার নামে। ভবনটির আগের নাম ছিল ডোনোর প্রেসবিটারিয়ান চার্চ। ঐতিহাসিক নথি অনুযায়ী, গির্জাটি ১৮৮০ থেকে ১৮৮১ সালের মধ্যে নির্মিত হয়। ভবনটির নকশায় গথিক পুনর্জাগরণধর্মী স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে। পাথরের দেয়াল, খিলানযুক্ত জানালা এবং সামনের দিকে বৃত্তাকার রঙিন কাচের জানালা ভবনটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। একসময় এই গির্জায় প্রেসবিটারিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করতেন। পরে গির্জাটির কার্যক্রম অন্য একটি গির্জার সঙ্গে একীভূত হলে ভবনটি বিক্রির জন্য দেওয়া হয়। ১৯৮৩ সালে আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের সংগঠন ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড ভবনটি কিনে নেয়। প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের পর এটি মসজিদ হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়। পরবর্তী সময়ে ভবনটি মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের কেন্দ্রে পরিণত হয়। মসজিদে রূপান্তরের সময় ভবনের মূল স্থাপত্যের বড় অংশ সংরক্ষণ করা হয়। ভেতর থেকে গির্জার বেঞ্চ সরিয়ে নামাজের জন্য কার্পেট বিছানো হয়। নামাজের দিক নির্দেশনার জন্য মিহরাব এবং খুতবা দেওয়ার জন্য মিম্বর স্থাপন করা হয়। আয়ারল্যান্ডে মুসলমানদের উপস্থিতির ইতিহাসও বেশ পুরোনো। ১৯৫০-এর দশকে বিভিন্ন দেশ থেকে মুসলিম শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ডাবলিনে আসতে শুরু করেন। ১৯৫৯ সালে মুসলিম শিক্ষার্থীরা ডাবলিন ইসলামিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সংগঠনটি ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড হিসেবে পরিচিতি পায়। শুরুর দিকে মুসলমানদের স্থায়ী কোনো উপাসনালয় ছিল না। বাসাবাড়ি ও ভাড়া করা বিভিন্ন স্থানে তাঁরা নামাজ আদায় করতেন। ১৯৭৬ সালে ডাবলিনের হ্যারিংটন স্ট্রিটে আয়ারল্যান্ডের প্রথম মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় আরও বড় জায়গার প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন পূরণেই সাবেক গির্জাটি কেনা হয়। বর্তমানে ডাবলিন মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন দেশের মুসলমানরা একত্রিত হন এবং ধর্মীয় কার্যক্রমে অংশ নেন। ডাবলিনের এই স্থাপনাটি শুধু একটি মসজিদ নয়, বরং আয়ারল্যান্ডের অভিবাসন, জনসংখ্যার পরিবর্তন এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি ঐতিহাসিক উদাহরণ। একই ভবনে একসময় খ্রিস্টানদের প্রার্থনা এবং বর্তমানে মুসলমানদের নামাজ আদায়ের ঘটনা দেশটির বহুসাংস্কৃতিক সমাজের পরিবর্তনের ইতিহাস তুলে ধরে। তথ্যসূত্র: আয়ারল্যান্ডের ঐতিহাসিক ভবন সংরক্ষণ অধিদপ্তর। 874 এসকিউ