সিরাজগঞ্জ

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট গাঁজাগাছ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় স্কুলশিক্ষক মাহবুবুর রহমান ওরফে মানিককে (৪৫) আটক করা হয়েছে।   রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। সোমবার (২ মার্চ) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।   উদ্ধারকৃত গাছটির ওজন প্রায় পাঁচ কেজি বলে জানান ইউএনও। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাস্টারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পেছন থেকে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা ১২ ফুট উচ্চতার গাঁজাগাছটি উদ্ধার করা হয়। অভিযানের সময় মাহবুবুর রহমান মানিক তার অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।   আটক মাহবুবুর রহমান মানিক চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।   অভিযানকালে কাজিপুর থানার এসআই আবু সাইদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট মার্চ ২, ২০২৬ 0
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।   প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় এ খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত এক লাখ স্বাস্থ্যকর্মীকে উন্নত চিকিৎসাসেবার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। চিকিৎসায় গাফিলতি রোধে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন কি না, তা কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।   চিকিৎসকদের নিয়মিত অফিসে বসে রোগী দেখার নির্দেশনার পাশাপাশি সাধারণ নাগরিকদের হাসপাতালগুলোকে নিজেদের সম্পদ মনে করার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি সিরাজগঞ্জ মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাসও দেন।   এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে সিরাজগঞ্জে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন ড. এম এ মুহিত। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিভিল সার্জন ডা. নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান
রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলে ছাত্রদলের এক প্রভাবশালী নেতাসহ ১৮ জন সক্রিয় নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেছেন।   বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। দলত্যাগকারীদের নেতৃত্বে ছিলেন ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্থানীয়ভাবে ‘জুলাই আন্দোলনের যোদ্ধা’ হিসেবে পরিচিত তরুণ নেতা ফারদিন হাসান মুজাহিদ।   যোগদান অনুষ্ঠানে ফারদিন হাসান মুজাহিদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আদর্শিক পরিবর্তন এবং দেশের এই ক্রান্তিলগ্নে ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে আমি জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছি।” তাঁর সাথে যোগ দেওয়া অন্য নেতাকর্মীরাও একই সুরে আগামীর পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন।   অনুষ্ঠানে নবাগতদের বরণ করে নেন ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সাবেক ছাত্রনেতা মো. মোক্তাদির হোসেন এবং ইউনিয়ন জামায়াত নেতা মো. হায়দার আলীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা মনে করেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই তরুণ ও সক্রিয় শক্তির সম্পৃক্ততা ‘দাঁড়িপাল্লা’র জয়যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন ‘জুলাই যোদ্ধা’ ও ইউনিয়ন পর্যায়ের নেতার এমন আকস্মিক দলবদল ধানগড়া ইউনিয়নের ভোটের সমীকরণে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘটনা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   এদিকে, এই দলবদল নিয়ে রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল জানান, ফারদিন হাসান মুজাহিদ ছাত্রদলের একজন নেতা—এটি সত্য। তবে তাঁর জামায়াতে যোগদানের বিষয়টি এখনো তিনি দাপ্তরিকভাবে নিশ্চিত নন। নির্বাচনের আগের রাতে এমন গণযোগদান স্থানীয় বিএনপির জন্য বড় এক সাংগঠনিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায়
যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা ওদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে।’   আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় সিরাজগঞ্জের ছয়টি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান।   তারেক রহমান বলেন, ‘এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ আজ এখানে একত্র হয়েছেন। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম; কিন্তু তাতে আপনাদের কোনো লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা গ্রহণ করবে দেশ ও জনগণের জন্য। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। মানুষ তার ওপরেই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। এসব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।’   বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সিরাজগঞ্জ ও পাবনায় যেমন কৃষি আছে, তেমন ছোট ছোট মিল-কারখানা আছে। এই মুহূর্তে কৃষিকে যেমন আমাদের টেনে ওঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সঙ্গে লক্ষ লক্ষ তরুণ–যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদের এ সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সঙ্গে জড়িত বেশি, সে জন্য আমরা সেই ঠাকুরগাঁও-পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই।’   তারেক রহমান বলেন, ‘আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ-পাবনার এই এলাকার কথা। এ এলাকার বহু মানুষ তাঁতশিল্পের সঙ্গে জড়িত। এই তাঁতশিল্পের উৎপাদিত পণ্য আমরা ইনশা আল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব এবং আগামী দিনে আমরা তা–ই করতে চাই।’   মা-বোনদের জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাদের মা-বোনদের স্বাবলম্বী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সারা বাংলাদেশে নারীদের শিক্ষাব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারপর ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে। এখন আগামী বিএনপি সরকার আপনাদের এই মায়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এ জন্যই আমরা বাংলাদেশের প্রতিটি মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মায়েদের, গৃহিণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলব ইনশা আল্লাহ।’   কৃষকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। কৃষক ভাইয়েরা সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করেন এবং তাঁদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুই বেলা, তিন বেলা ভাত খেয়ে বেঁচে থাকেন। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। প্রয়োজনীয় সার, কীটনাশক, ফসলের বীজ আমরা তাঁদের হাতে, ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে করে মধ্যখানে কোনো মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া কোনো সুবিধা না পায়। সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই।’   তরুণদের কর্মসংস্থানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তরুণ সমাজের যুবকদের কর্মসংস্থানের কথা আমি বলেছি। বর্তমানে তরুণ সমাজের বহু সদস্য আছে, যারা আইটিতে কাজ করে। তাদের আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই। একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায়; কিন্তু তাদের কোনো ট্রেনিং থাকে না। আমরা চাই, সিরাজগঞ্জ এবং পাবনায় ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে, যার ফলে আমরা আমাদের বেকার ভাইদের সেখানে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে চাই। যাতে তারা বিদেশে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’   ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা আরেকটি কাজ করতে চাই। আমাদের বিভিন্ন মসজিদ–মাদ্রাসার খতিব, ইমাম সাহেবসহ মুয়াজ্জিন সাহেবরা এবং অন্যান্য ধর্মেরও যাঁরা ধর্মগুরু আছেন, তাঁরা অনেক কষ্টে দিনাতিপাত করেন। আমরা চাই, তাঁদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে।’   ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখে আপনারা ধানের শীষকে বিজয়ী করলে ১৩ তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশা আল্লাহ। এর বাইরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে, স্কুল–কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, হাসপাতালগুলোতে ঠিকভাবে ডাক্তার-ওষুধ-নার্স নাই, সেগুলোর কাজেও ইনশা আল্লাহ আমরা হাত দেব।’

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ৩১, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

বিয়ের মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব কি বন্ধ? ইউএস ইমিগ্রেশন ওয়েবসাইটে কী বলা আছে

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, যুক্তরাষ্ট্রে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব বা গ্রীন কার্ড পাওয়ার নিয়ম বন্ধ হয়ে গেছে। তবে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস  এর অফিসিয়াল তথ্য অনুযায়ী এই দাবি সঠিক নয়। সংস্থাটি জানিয়েছে, বিয়ের মাধ্যমে এখনও গ্রীন কার্ড এবং পরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে, তবে আবেদনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এবং বর্তমানে যাচাই-বাছাই আগের তুলনায় বেশি কঠোর করা হয়েছে। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, একজন মার্কিন নাগরিক বা গ্রীন কার্ডধারী তার স্বামী বা স্ত্রীর জন্য পারিবারিক ভিত্তিতে অভিবাসনের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে প্রথমে বৈধ বিয়ের প্রমাণসহ আবেদন জমা দিতে হয়। আবেদন অনুমোদিত হলে বিদেশি স্বামী বা স্ত্রী গ্রীন কার্ড পেতে পারেন এবং স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। সাধারণত মার্কিন নাগরিককে বিয়ে করলে প্রক্রিয়া তুলনামূলক দ্রুত হয়, আর গ্রীন কার্ডধারীকে বিয়ে করলে অপেক্ষার সময় কিছুটা বেশি হতে পারে। গ্রীন কার্ড পাওয়ার পর নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়মও আগের মতোই রয়েছে। ইমিগ্রেশন নীতিমালা অনুযায়ী, যদি কেউ মার্কিন নাগরিককে বিয়ে করে গ্রীন কার্ড পান এবং কমপক্ষে তিন বছর একসাথে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আর যদি গ্রীন কার্ডধারীকে বিয়ে করেন, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী স্থায়ী বাসিন্দা হিসেবে পাঁচ বছর পূর্ণ হলে নাগরিকত্বের আবেদন করা যায়। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক ক্ষেত্রে বেশি সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, অতিরিক্ত কাগজপত্র চাওয়া হচ্ছে এবং যৌথ ব্যাংক হিসাব, বাসার ঠিকানা, ট্যাক্স নথি ও পারিবারিক প্রমাণ জমা দিতে হচ্ছে। ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া ঠেকাতে এই যাচাই-বাছাই বাড়ানো হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়ায় সময় বেশি লাগার কারণেও অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব বন্ধ হয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, বিয়ের মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব বা গ্রীন কার্ড বন্ধ হয়নি। তবে বর্তমানে আবেদন প্রক্রিয়া কঠোর হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে বৈধ বিবাহ, একসাথে বসবাস এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণ করা বাধ্যতামূলক।

Top week

বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?
আমেরিকা

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

আমেরিকা বাংলা ডেস্ক মার্চ ২৫, ২০২৬ 0