সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইরানিদের তথ্য তেহরানকে দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ইরানি নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় তথ্য ইরান সরকারের সঙ্গে শেয়ার করার অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এই তথ্য ফাঁসের মাধ্যমে আশ্রয়প্রার্থী এবং ইরানে থাকা তাদের পরিবারকে চরম ঝুঁকিতে ফেলা হচ্ছে—এমন গুরুতর দাবি তুলে মঙ্গলবার (৭ জুলাই) ওয়াশিংটন ডিসি-র একটি আদালতে মামলা দায়ের করেছে মানবাধিকার সংগঠন ‘ইরানিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স ফান্ড’ মামলার এজাহারে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাওয়া এসব ইরানিদের মধ্যে সিংহভাগই মূলত দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারী, ধর্মীয় সংখ্যালঘু এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্য, যারা ইরানে নিপীড়নের হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।   আইএএলডিএফ এর পক্ষে মামলা পরিচালনাকারী অলাভজনক ভোক্তা অধিকার সংস্থা ‘পাবলিক সিটিজেন’ জানিয়েছে, তেহরানের কাছে তথ্য হস্তান্তর করায় আইনি প্রক্রিয়া বা তৃতীয় দেশের মাধ্যমে যাদের ইরানে ফেরত পাঠানো হচ্ছে (চেইন রিফাউলমেন্ট), দেশে পৌঁছানোর পর তাদের চরম নিপীড়ন, নির্যাতন এমনকি মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ও ফেডারেল আইন অনুযায়ী, লজিস্টিকস বা যাতায়াত সুবিধার জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করার নিয়ম থাকলেও, কোনোভাবেই এমন কোনো তথ্য শেয়ার করা যাবে না যা থেকে স্পষ্ট হয় যে ওই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। সংস্থাটির দাবি, ট্রাম্প প্রশাসনের মেয়াদে এ পর্যন্ত শতাধিক মানুষকে ইরানে ফেরত পাঠানো হয়েছে।   মামলার নথিতে আরও একটি বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দুই দেশের কর্মকর্তারা আইসিই হেফাজতে থাকা ইরানিদের ফাইল, চূড়ান্ত বহিষ্কারাদেশ এবং আশ্রয়ের আবেদনপত্র শেয়ার করতে নিয়মিত মাসিক বৈঠকে বসতেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই সশরীরে বৈঠক বন্ধ হলেও, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এখনো ইরানের ‘ইন্টারেস্ট সেকশন’-এ ডাকযোগে বা সরাসরি এসব নথিপত্র পাঠাচ্ছে বলে মামলায় দাবি করা হয়। এছাড়া বন্দীদের অনিচ্ছা সত্ত্বেও আইসিই কর্মকর্তারা তাদের ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বাধ্য করেছেন বলেও অভিযোগ উঠেছে।   তবে এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে মার্কিন প্রশাসন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট পরিচালনাকারী সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একজন মুখপাত্র এবিসি নিউজকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ের তথ্য ইরান সরকারের সাথে শেয়ার করার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সুবিধার্থে এবং তাদের আইনি অধিকার রক্ষায় কনস্যুলার প্রতিনিধিদের সাথে যোগাযোগের সুযোগ করে দিতে আইসিই অন্যান্য দেশের মতো ইরানের সাথেও প্রচলিত প্রোটোকল মেনে কাজ করছে মাত্র। অন্যদিকে এই স্পর্শকাতর বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৬:২৮
জালিয়াতির অভিযোগে এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় খালিদ আহমেদ
৫৪৭ মিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় খালিদ আহমেদ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ৫৪৭ মিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির একটি মামলায় অভিযুক্ত খালিদ আহমেদ সাতারিকে তাদের ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার্স’ তালিকায় যুক্ত করেছে। তার গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি।   এফবিআই জানায়, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে সাতারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক ডায়াগনস্টিক পরীক্ষাগার পরিচালনা করেন। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসাগতভাবে প্রয়োজন ছিল না—এমন ব্যয়বহুল জেনেটিক পরীক্ষার জন্য মেডিকেয়ারে প্রতারণামূলক বিল জমা দেওয়া হয়।   তদন্তে অভিযোগ করা হয়েছে, রোগী সংগ্রহকারী, টেলিমার্কেটিং কল সেন্টার এবং টেলিমেডিসিন প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে অবৈধ কমিশন ও ঘুষের বিনিময়ে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হতো। পরে সেই পরীক্ষার বিপরীতে মেডিকেয়ার কর্মসূচি থেকে শত শত মিলিয়ন ডলার দাবি করা হয়। মামলায় প্রতারণামূলক বিলের মোট পরিমাণ ৫৪৭ মিলিয়ন ডলারেরও বেশি বলে উল্লেখ করেছে এফবিআই।   আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালে তার বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি, ওয়্যার ফ্রড, অবৈধ কিকব্যাক ও ঘুষ প্রদান এবং অর্থ পাচারের ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়। গ্রেপ্তারের পর তিনি জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে আদালতের শর্ত ভঙ্গ করে পলাতক হন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।   এফবিআইর তথ্য অনুযায়ী, খালিদ আহমেদ সাতারির যুক্তরাষ্ট্রের টেক্সাস, জর্জিয়া ও ফ্লোরিডার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই, জর্ডান এবং ইসরায়েল/ফিলিস্তিন অঞ্চলের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার জাতীয়তা বা জন্মসূত্র সম্পর্কে এফবিআই কোনো তথ্য প্রকাশ করেনি।   এফবিআই আরও জানিয়েছে, সাতারি ‘খালিদ সাতারি’, ‘খালিদ এ. সাতারি’, ‘রকি সাতারি’ এবং ‘ডিজে রক সাতারি’ নামেও পরিচিত। তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।   যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যসেবা খাতে প্রতারণা দমনে বড় ধরনের অভিযান চালিয়ে আসছে ফেডারেল কর্তৃপক্ষ। এফবিআই এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের দপ্তর জানিয়েছে, সরকারি স্বাস্থ্য কর্মসূচির অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৬:৯
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ে মত বদলালেন মির্জা গালিব

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই জয়ের পর বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও পরিচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মির্জা গালিবও।   মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে একসময় আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। মিশর ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। তবে ম্যাচের শেষ ১৫ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্রথমে দুই গোল শোধ করে সমতায় ফেরে লিওনেল মেসির দল। এরপর যোগ করা সময়ে আসে জয়সূচক তৃতীয় গোল। নাটকীয় এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।   এই জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রসাত্মক পোস্ট করেন মির্জা গালিব। তিনি লেখেন,   “ভাবছিলাম, আজকে আর্জেন্টিনা হারলে কাল থেকে মন দিয়া মরক্কো আর ইজিপ্টের সাপোর্ট করব। কিন্তু মনে হয়, আরও কিছুদিন আর্জেন্টিনারই সাপোর্ট করতে হইব।”   ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তার এই মন্তব্যকে অনেকেই আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের প্রতি একজন সমর্থকের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর অন্য দলকে সমর্থনের কথা ভাবলেও শেষ মুহূর্তের জয়ে নিজের সেই সিদ্ধান্ত বদলে নেওয়ার কথাই হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন তিনি।   মির্জা গালিব বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। সমসাময়িক রাজনীতি, সমাজ, আন্তর্জাতিক বিষয় এবং খেলাধুলা নিয়ে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করেন। তার ফেসবুক পেজে প্রায় পাঁচ লাখ অনুসারী রয়েছে।   মিশরের বিপক্ষে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের এবারের আসরের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার জন্য প্রশংসা কুড়াচ্ছে আর্জেন্টিনা, আর সেই জয়ের আনন্দই প্রতিফলিত হয়েছে মির্জা গালিবের সংক্ষিপ্ত কিন্তু আলোচিত ফেসবুক পোস্টে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৫:৫৬
ন্যাটো ফোরামে বিলিয়ন ডলারের চুক্তি I ছবি: সংগৃহীত
ইউরোপের অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করতে ন্যাটো ফোরামে বিলিয়ন ডলারের চুক্তি

আঙ্কারায় ন্যাটোর বার্ষিক সম্মেলনের সমান্তরালে অনুষ্ঠিত এক বিশেষ ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরামে বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত এই ফোরামে বিমান প্রতিরক্ষা, নজরদারি ড্রোন এবং স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যা ইউরোপের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করবে।   ঘোষিত চুক্তিগুলোর মধ্যে সুইডিশ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘সাব’ নিশ্চিত করেছে যে, ন্যাটোর আকাশসীমা সুরক্ষায় ১০টি ‘গ্লোবালআই’ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট কেনার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইকেল জোহানসন জানান, ২০৩০ সালের মধ্যেই এগুলোর সরবরাহ শুরু হতে পারে এবং প্রতিটি বিমানের আনুমানিক মূল্য পড়বে প্রায় ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন ডলার। পাশাপাশি, মার্কিন ডিফেন্স জায়ান্ট ‘লকহিড মার্টিন’ এবং জার্মানির ‘রাইনমেটাল’ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।   এর অধীনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাইরে, অর্থাৎ জার্মানিতে যৌথভাবে ‘অ্যাটাকমস’ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে। এছাড়া ইউরোপের মাটিতে লকহিড মার্টিনের উন্নত পিএসি-৩ (PAC-3) এয়ার ডিফেন্স মিসাইলের জন্য একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারি মাইকেল ডাফি।   অন্যদিকে, নজরদারি ও কৌশলগত পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি ও ডেনমার্ক যৌথভাবে নর্থরপ গ্রুম্যানের উৎপাদিত পাঁচটি ‘এমকিউ-৪সি ট্রাইটন’ (MQ-4C Triton) উচ্চ-উচ্চতার নজরদারি ড্রোন ক্রয়ের আগ্রহপত্রে স্বাক্ষর করেছে। পাশাপাশি, এয়ারবাস এ৪০০এম কার্গো বিমানের সমন্বয়ে একটি কৌশলগত এয়ারলিফ্ট ফ্লিট চালু করবে ন্যাটো। একই সাথে তাদের বিদ্যমান এ৩৩০ এমআরটিটি ট্যাঙ্কার বিমান বহর আরও বৃদ্ধি করা হবে।   মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও একটি নতুন চুক্তি হয়েছে; জার্মানির রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘ইসার অ্যারোস্পেস’ কানাডার ‘ম্যারিটাইম লঞ্চ সার্ভিসেস’-এর সঙ্গে পূর্ব কানাডার নোভা স্কোশিয়া স্পেসপোর্টে তাদের ‘স্পেকট্রাম’ রকেটের জন্য একটি ডেডিকেটেড লঞ্চ প্যাড তৈরির চুক্তি সম্পন্ন করেছে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৫:৪৮
ছবি: ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির (বামে) এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি (ডানে)
ডেবিট কার্ড লেনদেন থেকে বাড়তি মুনাফার লক্ষ্যে জোট বাঁধছে মার্কিন ব্যাংক জায়ান্টরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নির্ধারিত নিউইয়র্ক সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে। চলতি সপ্তাহে জাতিসংঘের ‘ইউএন চিফস অব পুলিশ সামিট (ইউএনসিওপিএস)’-এ অংশ নিতে তার নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। তবে সফর বাতিলের আনুষ্ঠানিক কারণ জানায়নি তার দপ্তর। এর আগে তার সফর ঘিরে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, তদন্তের দাবি এবং সম্ভাব্য আইনি পদক্ষেপের আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।     আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্মেলনটি মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সফরের কয়েকদিন আগেই ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর আসে, বেন-গভির নিউইয়র্ক সফর থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও তার কার্যালয় আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের কারণ ব্যাখ্যা করেনি।     বেন-গভিরের সম্ভাব্য সফরের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংগঠন, ফিলিস্তিনপন্থী কর্মী এবং কয়েকটি প্রগতিশীল ইহুদি সংগঠন তার বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা দেয়। একই সঙ্গে বেলজিয়ামভিত্তিক হিন্দ রাজাব ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসসহ কয়েকটি সংগঠন মার্কিন বিচার বিভাগ ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কাছে তার বিরুদ্ধে তদন্ত এবং আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।     অভিযোগকারীদের দাবি, গাজা যুদ্ধ ও অধিকৃত পশ্চিম তীরে তার ভূমিকার কারণে বেন-গভিরের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা উচিত। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি এবং মার্কিন কর্তৃপক্ষও তাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।     এদিকে নিউইয়র্কের ডেমোক্র্যাটিক রাজনীতিক জোহরান মামদানি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বিষয়ে অতীতে সমর্থনসূচক অবস্থান নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে, বেন-গভির নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা হতে পারে। তবে সফর বাতিলের সঙ্গে মামদানির বক্তব্যের সরাসরি সম্পর্ক রয়েছে—এমন তথ্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নিশ্চিত করেনি।     ইতামার বেন-গভির ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের অন্যতম আলোচিত মন্ত্রী। গাজা যুদ্ধ, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের প্রতি তার অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে। এর আগে তার বিদেশ সফর ঘিরেও বিভিন্ন দেশে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক দেখা গেছে।     সফর বাতিলের প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি চাপ, গ্রেপ্তারের দাবি এবং বিক্ষোভের প্রস্তুতি ঘটনাটিকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৫:৩২
ছবি: নিউইয়র্ক পোস্ট
ডেবিট কার্ড লেনদেন থেকে বাড়তি মুনাফার লক্ষ্যে জোট বাঁধছে মার্কিন ব্যাংক জায়ান্টরা

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক ডেবিট কার্ডের লেনদেনের ওপর ফেডারেল সরকারের বেঁধে দেওয়া ফি-সীমা এড়াতে বড় ধরনের অধিগ্রহণের পথে হাঁটছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, জেপি মরগান চেস, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো এবং পিএনসি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ ফিনটেক প্রতিষ্ঠান ‘ফিসার্ভ’ (Fiserv)-এর মালিকানাধীন একটি ডেবিট কার্ড নেটওয়ার্ক কিনে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। এই পদক্ষেপ সফল হলে ব্যাংকগুলো নিজেদের অবকাঠামো ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবে, ফলে তাদের আর সরকারি ফি-সীমার নিয়মনীতির মধ্যে আটকে থাকতে হবে না।   ২০১০ সালে পাস হওয়া ডড-ফ্র্যাঙ্ক আইনের ‘ডারবিন সংশোধনী’ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের অধিকারী ব্যাংকগুলো ডেবিট কার্ড লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছেমতো ইন্টারচেঞ্জ ফি আদায় করতে পারে না। ব্যাংকগুলোর দীর্ঘদিনের অভিযোগ, এই আইনি সীমাবদ্ধতার কারণে তাদের শত শত কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে। এই রাজস্বের মাধ্যমেই একসময় গ্রাহকদের বিনামূল্যে চেকিং অ্যাকাউন্ট বা ডেবিট কার্ডের নানা আকর্ষণীয় রিওয়ার্ড দেওয়া হতো। অন্যদিকে, বণিক ও ভোক্তা অধিকারকর্মীরা বরাবরই দাবি করে আসছেন যে, এই ফি-সীমা কার্যকর থাকায় লেনদেনের খরচ কমেছে এবং তা খুচরা পর্যায়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে।   সম্প্রতি ক্যাপিটাল ওয়ান কর্তৃক ৫০.৬ বিলিয়ন ডলারে ‘ডিসকভার ফিন্যান্সিয়াল’ অধিগ্রহণের পর থেকে নিজস্ব পেমেন্ট নেটওয়ার্ক গড়ে তোলার দিকে নজর দিচ্ছে অন্য বড় ব্যাংকগুলো। ফিসার্ভ-এর ডেবিট নেটওয়ার্কটি অধিগ্রহণ করতে পারলে বড় ব্যাংকগুলোকে লেনদেন সম্পন্ন করতে আর তৃতীয় পক্ষের ওপর নির্ভর করতে হবে না। ফলে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে। অর্থনীতিবিদদের মতে, ডেবিট কার্ড লেনদেনের বাজার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার এই কৌশলগত উদ্যোগ মার্কিন ব্যাংকিং ও পেমেন্ট শিল্পে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৫:১৯
ঘণ্টা বাজিয়ে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এর উদ্বোধন I ছবি: সংগৃহীত
‘ট্রাম্প অ্যাকাউন্টস’ উদ্বোধনে হোয়াইট হাউস থেকেই ট্রেডিং বেল বাজালেন ট্রাম্প

সোমবার ওভাল অফিসের সোনালি পরিবেশ থেকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং নাসডাকের (Nasdaq) ওপেনিং বেল বা ট্রেডিংয়ের শুরুর ঘণ্টা বাজান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রেসিডেন্সিকে শেয়ারবাজারের সাফল্যের সঙ্গে যুক্ত করার একটি প্রতীকী প্রয়াস হিসেবেই তার এই পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।   ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ট্রাম্পের জনপ্রিয়তায় কিছুটা নেতিবাচক প্রভাব ফেলায়, তিনি চাইছেন আরও বেশি সংখ্যক মার্কিন নাগরিক তাদের ৪০১(কে) (401k) বিনিয়োগের দিকে মনোযোগ দিক। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তার নীতির কারণেই শেয়ারবাজারে এই লাভ হচ্ছে, এমন দাবি করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে ট্রাম্প বলেন, "এটি আরও বাড়বে—আমার মনে হয় বাজার একদম চূড়ায় পৌঁছাবে।"   গত জুনে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি (AP-NORC) সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের অর্থনৈতিক নেতৃত্বের অনুমোদন দিয়েছেন। এ কারণে শেয়ারবাজারের ওপর প্রেসিডেন্টের এই জোর দেওয়া আগামী নির্বাচনে তার দলকে কতটা সাহায্য করবে, তা নিয়ে সংশয় রয়েছে। ওভাল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল মূলত ‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এর আনুষ্ঠানিক যাত্রা। ২০২৫ সালের রিপাবলিকানদের কর ও ব্যয় সংকোচন বিলের আওতায় শিশুদের শেয়ার সূচকে বিনিয়োগের সুযোগ করে দিতেই এই অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়েছে।   এই অ্যাকাউন্টগুলোর পক্ষে কথা বলতে গিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জোর দিয়ে বলেন, অনেক আমেরিকানেরই শেয়ারবাজারে সরাসরি কোনো অংশগ্রহণ নেই। এর মানে হলো, শেয়ারবাজারের বেশিরভাগ সুবিধা মূলত উচ্চবিত্ত পরিবারগুলো ভোগ করছে অথবা এই বিনিয়োগের সুবিধা পেতে সাধারণ মানুষকে অবসরের জন্য কয়েক দশক অপেক্ষা করতে হচ্ছে। ট্রেডিংয়ের ঘণ্টা বাজানোর আগে বেসেন্ট জানান, ৩৮ শতাংশ আমেরিকান পরিবারের যুক্তরাষ্ট্রের ইক্যুইটি বাজারে কোনো সরাসরি বিনিয়োগ নেই।   ২০২৫ সালে এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) স্টক সূচক ১৭.৯ শতাংশ লাভ করেছে। তবে ডেমোক্র্যাট জো বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালীন ২০২৩ সালে এই সূচকের বার্ষিক রিটার্ন ছিল ২৬.৩ শতাংশ এবং ২০২৪ সালে তা ছিল ২৫ শতাংশ। এ বছর বেঞ্চমার্ক স্টক সূচক এখন পর্যন্ত প্রায় ১০ শতাংশ বেড়েছে। কিন্তু মূল্যস্ফীতি যেমন বাইডেনের জনসমর্থনে ধস নামিয়েছিল, ট্রাম্পের ক্ষেত্রেও জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে তার জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে।   ২০২৪ সালের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করলেও, তার আরোপিত শুল্ক নীতি এবং ইরানে যুদ্ধের সূচনার কারণে অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হয়েছে। গত ১২ মাসে ভোক্তা মূল্য সূচক (CPI) ৪.২ শতাংশ বেড়েছে, যা ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ছিল মাত্র ৩ শতাংশ।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৫:২
নাগরিকদের তথ্য ঘেঁটে গ্রেপ্তার ৫ পুলিশ কর্মকর্তা I ছবি: সংগৃহীত
জর্জিয়ার আলবেনিতে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য ঘেঁটে গ্রেপ্তার ৫ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আলবেনি পুলিশ ডিপার্টমেন্টের পাঁচজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, আইন প্রয়োগের কোনো যৌক্তিক কারণ ছাড়াই ব্যক্তিগত কাজে ‘ফ্লক সেফটি’ লাইসেন্স প্লেট রিডার সিস্টেমের ডেটায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন তারা। এর জেরে তাদের বিরুদ্ধে লাইসেন্স প্লেট ডেটার অপব্যবহার এবং শপথ ভঙ্গের একাধিক অভিযোগ আনা হয়েছে।   জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন— টিয়ানা ডেভিস (২৭), জেড জ্যাকসন (৩২), নিকোলাস রিচার্ডসন (৩০), ব্রিটনি স্মিথ (২৩) এবং আইজ্যাক হোয়াইটাস (২৪)। আলবেনি পুলিশ ডিপার্টমেন্ট গত ২৫ জুন জিবিআইকে ওই কর্মকর্তাদের ‘ফ্লক সিস্টেম’ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানায়। এরপর পুলিশের এক অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়ে, অভিযুক্ত কর্মকর্তারা আইনগত কারণ ছাড়াই একাধিকবার লাইসেন্স প্লেটের সংরক্ষিত ডেটায় প্রবেশ করেছিলেন।   গত ৬ জুলাই ওই পাঁচ সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডগহার্টি কাউন্টি জেলে পাঠানো হয়। জিবিআই নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতরা আর আলবেনি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত নেই। তদন্তটি এখনো চলমান রয়েছে এবং জিবিআই সাধারণ মানুষের কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে তা সিলভেস্টারে অবস্থিত তাদের আঞ্চলিক তদন্ত কার্যালয়ে জানানোর আহ্বান করেছে। তদন্ত পুরোপুরি শেষ হওয়ার পর পর্যালোচনার জন্য মামলাটি ডগহার্টি জুডিশিয়াল সার্কিটের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে হস্তান্তর করা হবে।   এদিকে, প্রযুক্তির এমন অপব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়। সম্প্রতি উত্তর জর্জিয়ার চেরোকি কাউন্টিতেও তিন ডেপুটি কর্মকর্তাকে স্বয়ংক্রিয় লাইসেন্স প্লেট রিডার ডেটাবেসের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ‘দ্য মার্শাল প্রজেক্ট’-এর এক বিশ্লেষণে উঠে এসেছে, লাইসেন্স প্লেট রিডার সিস্টেমের এ ধরনের অপব্যবহার সাধারণত কোনো আইনি তদন্তের উদ্দেশ্যে নয়, বরং ব্যক্তিগত কারণেই বেশি হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই প্রযুক্তির সাহায্যে বর্তমান বা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, প্রতিবেশী ও পরিচিতজনদের তথ্য খোঁজার অভিযোগ উঠেছে, যার সঙ্গে অপরাধ তদন্তের বিন্দুমাত্র সম্পর্ক নেই।   প্রকাশনাটি আরও উল্লেখ করেছে, লাইসেন্স প্লেট রিডার সিস্টেমগুলো ক্রমশ অত্যাধুনিক হচ্ছে এবং একাধিক অঞ্চলের তথ্য খোঁজার সুযোগ তৈরি হওয়ায় এর অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে। ফ্লক সেফটির মতো প্রতিষ্ঠানগুলোর দাবি, অপব্যবহারের ঘটনা তাদের মোট সার্চের খুব সামান্য একটি অংশ মাত্র এবং অডিট লগের মাধ্যমে অবৈধ প্রবেশ খুব সহজেই শনাক্ত করা যায়। তবে গোপনীয়তা অধিকারকর্মীদের মতে, এ ধরনের অপরাধ প্রমাণ করে যে প্রযুক্তিটি কেবল আইনি কাজেই সীমাবদ্ধ রাখতে পুলিশি ব্যবস্থাগুলোতে আরও কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা কতটা জরুরি।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৪:৪৪
ছবি: নিউইয়র্ক পোস্ট
ফ্লোরিডায় আয়ার দায়িত্বে থাকা ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, বদ্ধ গাড়িতে মিলল নিথর দেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রচণ্ড গরমে বদ্ধ গাড়ির ভেতর আটকে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি একজন বেবিসিটারের (শিশু পরিচর্যাকারী) দায়িত্বে ছিল। হৃদয়বিদারক এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ওই এলাকা থেকে কয়েক মাইল দূরে অনুরূপ আরেকটি 'হট কার' (গরম গাড়ি) ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছিল আরও এক শিশু।   ফ্লোরিডার হাল্যান্ডেল বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, গত রোববার দুপুরে অচেতন ও শ্বাসহীন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যান ওই বেবিসিটার। সে সময় শিশুটিকে তার বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়ির ভেতর পাওয়া যায়। ঠিক কতক্ষণ শিশুটি গাড়িতে আটকে ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও, মিয়ামি হেরাল্ডের তথ্যমতে, ওই দিন তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইট, যা অনুভূত হচ্ছিল প্রায় ১০০ ডিগ্রির কাছাকাছি। বর্তমানে এই মর্মান্তিক ঘটনার তদন্ত চলছে এবং বেবিসিটারের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি অফিস নির্ধারণ করবে বলে জানিয়েছে পুলিশ।   এই ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। থেরেসা ওগডেন নামের এক প্রতিবেশী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, "দায়িত্বে থাকা অবস্থায় কেউ কীভাবে একটি শিশুকে গাড়িতে রেখে ভুলে যেতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য ও ভয়ংকর!" এদিকে, হাল্যান্ডেল পুলিশ চিফ মিশেল সকল অভিভাবক ও পরিচর্যাকারীদের গাড়ি লক করার আগে পেছনের আসন চেক করার অভ্যাস গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দেন, মোবাইল বা মানিব্যাগের মতো জরুরি জিনিস গাড়ির পেছনে রাখলে তা শেষ মুহূর্তে শিশুটির কথা মনে করিয়ে দিতে সাহায্য করতে পারে এবং একটি নিষ্পাপ প্রাণ বাঁচাতে পারে।   উল্লেখ্য, রোববারের এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ২০ মাইলেরও কম দূরত্বে প্লান্টেশন এলাকার একটি ডে কেয়ার সেন্টারের সামনে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুর বাবা তাকে 'আ ওয়ার্ল্ড অফ ডিসকভারি একাডেমি'তে নামিয়ে দেওয়ার কথা ভুলে গিয়ে সরাসরি কর্মস্থলে চলে গিয়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা তপ্ত গাড়িতে আটকে থাকার পর বিকেলে ছেলেকে নিতে এসে তিনি পেছনের আসনে তার মৃতদেহ দেখতে পান।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৪:১৯
খামেনির শোক অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
ইরানে খামেনির জানাজায় খাবার বিতরণ করে প্রশংসায় ভাসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পবিত্র নগরী কোমে আয়োজিত এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে। সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও শোকার্ত জনতার মাঝে নিজ হাতে খাবার বিতরণ করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই তরুণ রাজনীতিক।   মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের দৃশ্য উঠে আসে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি সড়কের পাশে বড় বাকেট হাতে দাঁড়িয়ে জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছোট ছোট খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। মূলত বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ফল, কেক ও নাশতা বিতরণের যে মানবিক উদ্যোগ নিয়েছিলেন, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হন তিনি।   বিদেশের মাটিতে এমন অকৃত্রিম ভালোবাসা ও বিনয়ের নিদর্শন দেখে নেটিজেনরা তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন যে, মানবতার কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর এই উদ্যোগ দূরদর্শিতা ও পরিপক্বতার প্রমাণ দেয়। কেউ কেউ তাকে ‘বাংলার নক্ষত্র’ আখ্যা দিয়ে এমন তরুণ নেতাদের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন। নেটিজেনদের মতে, সমালোচনা করা সহজ হলেও এমন মানবিক দৃষ্টান্ত স্থাপন করা সত্যিই কঠিন।   খাবার বিতরণের পাশাপাশি এই সফরে তিনি সেখানকার শিশু ও যুদ্ধাহত যোদ্ধাদের সঙ্গে সময় কাটান এবং আলী লারিজানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ইরান যেভাবে তাদের দেশরক্ষায় আত্মত্যাগকারী বীরদের সম্মান ও মর্যাদায় আগলে রাখে, তা বাংলাদেশের জন্যও অত্যন্ত শিক্ষণীয়। মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা দিয়ে জাতির সামনে তুলে ধরতে পারলে নতুন প্রজন্ম আরও বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৩:৪৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মো. আব্দুল জব্বার মণ্ডলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
ভেজালকারীদের দুঃস্বপ্ন জব্বার মণ্ডল, এবার পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও তার আভিযানিক দলকে সম্প্রতি বিশেষ সাক্ষাৎ ও দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাক্ষাতে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষায় কাজ করা এই দলটির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জব্বার মণ্ডল জানান, প্রধানমন্ত্রী তাদের টিমের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন, তবে বিশেষ নির্দেশনার বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।   এদিকে, জনস্বাস্থ্যের সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।   জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে গঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি সমাধানের সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।   উক্ত সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা তাদের মাঠপর্যায়ের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন। বিশেষ করে জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব এবং শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির দাবি জানান তারা। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সব প্রতিবন্ধকতা জয় করে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আব্দুল জব্বার মণ্ডলের নিরলস ও সাহসী অভিযান সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৩:২৫
বিমানবন্দরে আবেগঘন বিদায়—মার্কিন নাগরিক সন্তানকে জড়িয়ে ধরেছেন অভিবাসী মা I ছবি: সংগৃহীত
মার্কিন নাগরিক চার সন্তানকে রেখে ৩০ বছর পর চোখের জলে বিদায় নিলেন অভিবাসী মা

প্রায় তিন দশক যুক্তরাষ্ট্রে বসবাসের পর শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো গুয়াতেমালার নাগরিক ওলগা পেরেজকে। সোমবার ফ্লোরিডা থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বিশেষ করে তার চার মার্কিন নাগরিক সন্তানের অশ্রুসিক্ত বিদায়ের দৃশ্য যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির মানবিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।   স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওলগা পেরেজ প্রায় ৩০ বছর ধরে দক্ষিণ ফ্লোরিডায় বসবাস করছিলেন। এই সময়ে তিনি চার সন্তানের জননী হন। তার সন্তানরা সবাই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ায় মার্কিন নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আদিবাসী গুয়াতেমালান সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছেন এবং ‘মাম’ ভাষার দোভাষী হিসেবে আদালত, হাসপাতাল ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে সহায়তা দিয়েছেন।   গত বছরের শেষ দিকে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে অ্যারিজোনার একটি ডিটেনশন সেন্টারে পাঠায়। কয়েক মাস ধরে আইনি লড়াই চললেও শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকার বৈধ সুযোগ পাননি। পরবর্তীতে জোরপূর্বক বহিষ্কারের পরিবর্তে স্বেচ্ছায় গুয়াতেমালায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।   বিদায়ের আগে বিমানবন্দরে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটান ওলগা পেরেজ। সন্তানদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত স্বজন ও সহকর্মীরাও তাকে বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন।   প্রতিবেদন অনুযায়ী, গুয়াতেমালায় পৌঁছে প্রথমে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তায় অবস্থান করবেন ওলগা পেরেজ। পরে সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করবেন। তার সন্তানরা সুযোগ হলে মায়ের সঙ্গে দেখা করতে গুয়াতেমালায় যাওয়ার পরিকল্পনা করছে।   এর আগে চলতি বছর তার স্বামীও যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হন। ফলে পরিবারের দুই অভিভাবকই এখন যুক্তরাষ্ট্রের বাইরে, আর চার সন্তানকে দেশেই থেকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।   অভিবাসন অধিকারকর্মীদের মতে, ওলগা পেরেজের ঘটনা যুক্তরাষ্ট্রের হাজারো ‘মিশ্র-অভিবাসন’ পরিবারের বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। এসব পরিবারের সন্তানরা মার্কিন নাগরিক হলেও বাবা বা মায়ের অভিবাসন-সংক্রান্ত আইনি জটিলতার কারণে অনেক ক্ষেত্রেই পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে।   স্থানীয় সংবাদমাধ্যম পাম বিচ পোস্টের প্রতিবেদনে প্রকাশিত বিদায়ের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির মানবিক দিক নিয়ে নতুন করে ভাবার একটি উদাহরণ হিসেবে দেখছেন।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১৩:৮
শিক্ষার বাজেট ঘাটতি মেটাতে ট্যাক্স বাড়ানোর দাবিতে অভিভাবকদের ৩ হাজার স্বাক্ষর সরাসরি নাকচ করল মিনেসোটার স্কুল ডিস্ট্রিক্ট | ছবি: সংগৃহীত
স্কুল বাঁচাতে এবার নিজেরাই ট্যাক্স বাড়ানোর দাবিতে নামলেন ৩ হাজার অভিভাবক, আমেরিকায় তীব্র উত্তেজনা!

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় স্কুল ডিস্ট্রিক্ট 'অ্যানোকা-হেনিপিন'-এ শিক্ষার বাজেট ঘাটতি মেটাতে এক নজিরবিহীন সংঘাত তৈরি হয়েছে। স্কুলের তহবিল সংকটের কারণে পড়াশোনার মান যেন ভেঙে না পড়ে, সেজন্য সাধারণ অভিভাবকেরা একজোট হয়ে নতুন কর বা ট্যাক্স বাড়ানোর দাবিতে ৩ হাজারেরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছেন। তবে স্কুল বোর্ড এই আবেদন সরাসরি নাকচ করে দেওয়ায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।   বর্তমানে এই স্কুল ডিস্ট্রিক্টটি প্রায় ২২ মিলিয়ন (২ কোটি ২০ লাখ) মার্কিন ডলারের বিশাল বাজেট ঘাটতিতে ভুগছে। এই বিপর্যয় সামাল দিতেই ‘প্যারেন্টস ফর গুড’ নামক অভিভাবক সংগঠনটি গণস্বাক্ষর সংগ্রহ করে তা বোর্ডে জমা দিয়েছিল, যাতে ভোটের মাধ্যমে নতুন করে ট্যাক্স বা লেভি ধার্য করা যায়। কিন্তু স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের দাবি, মিনেসোটার বিদ্যমান আইন অনুযায়ী সাধারণ ভোটারদের আবেদনের ভিত্তিতে ব্যালটে বা ভোটে এই ধরনের ট্যাক্স পাসের কোনো সুযোগ নেই।   কর্তৃপক্ষের এমন জবাবের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিভাবক সংগঠনটি। তারা এক বিবৃতিতে বলে, "স্কুল বোর্ড আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং পুরো সমাজের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। বোর্ড যে দায়িত্ব পালন করতে পারেনি, সচেতন সমাজ হিসেবে আমরা আজ সেটাই করে দেখিয়েছি।"   অ্যানোকা-হেনিপিন স্কুল ডিস্ট্রিক্টের অধীনে ৩০টিরও বেশি স্কুলে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। ব্লেন, ব্রুকলিন পার্ক, অ্যানোকা এবং কুনের মতো প্রায় এক ডজনেরও বেশি শহরের শিক্ষা ব্যবস্থা এর ওপর নির্ভরশীল। সম্প্রতি মে মাসে এই ডিস্ট্রিক্টে নতুন সুপারিনটেনডেন্ট গ্রেগ কোল দায়িত্ব নিয়েছেন। তার ওপর গত জানুয়ারি মাসেই শিক্ষকদের বেতন বৃদ্ধি ও উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে হওয়া একটি চুক্তি বাস্তবায়ন করার বড় চাপ রয়েছে।   অভিভাবকদের এই বিশাল গণস্বাক্ষরের আবেদনটি স্কুল বোর্ড আপাতত বিবেচনায় রেখেছে। আগামী মাসে এই বিষয়ে বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১২:৫৬
তুরস্ক সফরে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: হোয়াইট হাউস
ট্রাম্পের ঘোষণা, তুরস্কের ওপর মার্কিন প্রতিরক্ষা নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ

ওয়াশিংটন: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্কের ওপর আরোপিত মার্কিন প্রতিরক্ষা-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি তুরস্ককে পুনরায় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছেন। এই ঘোষণা যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েনে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।   বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা, ন্যাটো জোটের ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, সিরিয়ার পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, তিনি এরদোয়ানের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে চান।   তুরস্ক ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। ওয়াশিংটনের দাবি ছিল, একই সঙ্গে এস-৪০০ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহৃত হলে এফ-৩৫-এর অত্যাধুনিক প্রযুক্তিগত তথ্য রাশিয়ার হাতে পৌঁছানোর ঝুঁকি তৈরি হতে পারে। এই উদ্বেগের কারণেই তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয় এবং ২০২০ সালে ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট (CAATSA)’ আইনের আওতায় তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।   এস-৪০০ ইস্যুর পর থেকে আঙ্কারা ধারাবাহিকভাবে দাবি করে আসছে, তারা ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় এবং এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত হতে আগ্রহী। তুরস্কের সরকার বরাবরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে উল্লেখ করেছে।   ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর এফ-৩৫ কর্মসূচিতে তুরস্কের ফেরার সম্ভাবনা আবারও আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনই কার্যকর হচ্ছে না। মার্কিন আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং উন্নত সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদনসহ একাধিক আইনি প্রক্রিয়া রয়েছে। ফলে ট্রাম্পের ঘোষণার পরও বাস্তবায়নে সময় লাগতে পারে।   বিশ্লেষকদের মতে, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র-তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কই নয়, ন্যাটোর অভ্যন্তরীণ সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা কৌশলেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ, সিরিয়ার পরিস্থিতি এবং ন্যাটোর দক্ষিণাঞ্চলীয় নিরাপত্তা জোরদারে তুরস্কের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   তবে ট্রাম্পের এই ঘোষণা এখনও একটি নীতিগত অবস্থান। এটি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি কংগ্রেসের অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তুরস্কের ওপর মার্কিন প্রতিরক্ষা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১২:৩৩
প্রতিবেশীর নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওর স্থিরচিত্র | ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় পুলিশি গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, পুলিশের বডিক্যামে নেই - ধরা পড়ল প্রতিবেশীর ক্যামেরায়

ফ্লোরিডায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যার ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার পর পুলিশের বডি-ক্যামেরার ভিডিও প্রকাশ না করায় যে প্রশ্ন উঠেছিল, তা আরও জোরালো হয়েছে প্রতিবেশীর নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশের পর। ভিডিওটি পুলিশের ঘটনার বর্ণনার সঙ্গে মিলছে কি না, তা নিয়ে এখন চলছে তীব্র আলোচনা।   গত বছরের ৩ আগস্ট ব্রাওয়ার্ড কাউন্টির মিরামার এলাকায় নজরদারি অভিযানের সময় হলিউড পুলিশ ৩২ বছর বয়সী ডোনাল্ড টেইলরকে গুলি করে। পুলিশ জানায়, টেইলর একাধিক সশস্ত্র ডাকাতির মামলার সন্দেহভাজন ছিলেন এবং অভিযানের সময় তিনি অস্ত্রধারী অবস্থায় কর্মকর্তাদের জন্য হুমকি তৈরি করেছিলেন। এ কারণেই গুলি চালানো হয় বলে দাবি পুলিশের। পরে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।   তবে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেশীর নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে ঘটনার ভিন্ন চিত্র দেখা যায়। ভিডিওতে টেইলরকে একটি আবাসিক সড়কে হাঁটতে দেখা যায়। এ সময় পুলিশ তাকে থামতে এবং মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দেয়। একপর্যায়ে গুলির শব্দ শোনা যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভিডিওতে গুলি চালানোর মুহূর্তে তার হাতে কোনো অস্ত্র স্পষ্টভাবে দেখা যায় না।   টেইলরের পরিবারের আইনজীবীরা দাবি করেছেন, প্রতিবেশীর ভিডিওটি পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে অসঙ্গতি তুলে ধরেছে। তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশের বডি-ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানানো হলেও তা প্রকাশ করা হয়নি। তারা স্বাধীন তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।   অন্যদিকে হলিউড পুলিশ তাদের আগের অবস্থানেই রয়েছে। বিভাগের দাবি, কর্মকর্তারা আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালিয়েছিলেন এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের তথ্য তাদের বক্তব্যকে সমর্থন করে। তবে বডি-ক্যামেরার ফুটেজ প্রকাশ না হওয়ায় ঘটনার পূর্ণাঙ্গ চিত্র নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।   এ ঘটনাকে ঘিরে স্থানীয় মানবাধিকারকর্মী ও কমিউনিটির সদস্যরা পুলিশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তদন্ত এখনো চলমান রয়েছে। প্রতিবেশীর ক্যামেরায় ধারণ করা ভিডিওটি তদন্তের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও গুলি চালানোর বৈধতা বা পুলিশের পদক্ষেপ আইনসম্মত ছিল কি না—সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১২:১৯
স্যাক্রামেন্টোর রোজমন্ট এলাকায় মারাত্মক রোগবাহী মশার বংশবৃদ্ধি ঠেকাতে ২০ লাখ ল্যাব-মশা ওড়াবে প্রশাসন | ছবি: গেটি ইমেজেস
মশা মারতে ২০ লাখ মশা ছাড়ছে আমেরিকা! অভিনব কায়দায় রোগ ঠেকানোর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির 'রোজমন্ট' এলাকায় মারাত্মক রোগবাহী মশার বংশবৃদ্ধি ঠেকাতে এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই এলাকার ক্ষতিকর মশা দমনে প্রশাসন নিজেই ল্যাবরেটরিতে তৈরি করা ২০ লাখেরও বেশি মশা আকাশে উড়িয়ে দেবে। এই প্রকল্পের অংশ হিসেবে আগামী ১৬ সপ্তাহে পর্যায়ক্রমে এই বিশাল সংখ্যার মশাগুলোকে লোকালয়ে ছেড়ে দেওয়া হবে।   স্যাক্রামেন্টো ইয়োলো মস্কিটো অ্যান্ড ভেক্টর কন্ট্রোল ডিস্ট্রিক্টের কর্মকর্তা লুজ মারিয়া রোবলস জানান, রোজমন্ট এলাকায় বর্তমানে এমন এক প্রজাতির মশার উপদ্রব বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এই মশাগুলো জিকা, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো মারাত্মক ও নিষ্ক্রিয়কারী রোগ ছড়াতে সক্ষম।   তবে এই অভিযানে যেসব মশা বাতাসে ছাড়া হচ্ছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। কারণ এগুলো সবই ল্যাবরেটরিতে বিশেষভাবে তৈরি করা বন্ধ্যা পুরুষ মশা। পুরুষ মশা মানুষকে কামড়ায় না বা রক্ত চোষে না। এই বন্ধ্যা পুরুষ মশাগুলো যখন প্রকৃতির সাধারণ স্ত্রী মশার সাথে মিলিত হবে, তখন তাদের ডিম থেকে কোনো নতুন মশার জন্ম হবে না। ফলে প্রাকৃতিকভাবেই মশার বংশবৃদ্ধি থমকে যাবে। প্রকৃতিতে থাকা ১টি সাধারণ পুরুষ মশার বিপরীতে অন্তত ১০টি বন্ধ্যা পুরুষ মশা ছাড়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে তারা বংশবৃদ্ধির প্রতিযোগিতায় জিতে যায়।   গত বছর স্যাক্রামেন্টোর সাউথ ন্যাটোমাস এলাকায় প্রথমবারের মতো এই পদ্ধতি পরীক্ষা করা হয়েছিল এবং সেখানে মশার সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছিল। কেনটাকির একটি ল্যাব থেকে এই ২০ লাখ মশা কিনতে প্রশাসনের খরচ হয়েছে ১ লাখ৩৬ হাজার ডলার। তবে খরচ কমাতে স্যাক্রামেন্টোতেই নিজস্ব একটি ল্যাব তৈরির পরিকল্পনা করা হচ্ছে, যেখানে প্রতি সপ্তাহে ১০ লাখ বন্ধ্যা মশা উৎপাদন করা সম্ভব হবে।   এদিকে প্রযুক্তি জায়ান্ট গুগলও মশা নিধনের এই লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর প্রায় ১ কোটি ৬০ লাখ বন্ধ্যা পুরুষ মশা ছাড়ার অনুমতি চেয়ে মার্কিন ফেডারেল নিয়ন্ত্রকদের কাছে ইতিমধ্যেই একটি আবেদন জমা দিয়েছে গুগল।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১২:৫
মেক্সিকোর টিজুয়ানা টয়োটা কারখানায় নতুন গাড়ি তৈরির প্রক্রিয়া ও বিপণনের জন্য প্রস্তুতি | ছবি: রয়টার্স
মেক্সিকো ছেড়ে আমেরিকায় কারখানা আনছে টয়োটা, নতুন চাকরি পাবেন ২০০০ মানুষ!

বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘টয়োটা’ তাদের জনপ্রিয় ‘টাকোমা’ পিকআপ ট্রাকের সিংহভাগ উৎপাদন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে জাপানি এই অটোমোবাইল জায়ান্ট আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও কারখানায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৬০ কোটি ডলার) বিনিয়োগ করতে যাচ্ছে। মেক্সিকোর টিজুয়ানা কারখানা থেকে এই উৎপাদন ব্যবস্থা পুরোপুরি যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে প্রায় ৪ বছর সময় লাগবে বলে জানিয়েছে কোম্পানিটি।   আমেরিকা, মেক্সিকো এবং কানাডার মধ্যকার উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তি নবায়ন করতে ওয়াশিংটন অস্বীকৃতি জানানোর মাত্র কয়েক দিনের মাথায় টয়োটার পক্ষ থেকে এই বড় ঘোষণা এল। এর আগে গত নভেম্বর মাসেই টয়োটা জানিয়েছিল যে, আগামী ৫ বছরে তারা যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।   টয়োটার দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, নতুন এই বিনিয়োগের ফলে স্যান অ্যান্টোনিওর কারখানায় দ্বিতীয় একটি অ্যাসেম্বলি বা গাড়ি সংযোজন লাইন তৈরি করা হবে। এর মাধ্যমে সেখানে ২ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা আরও ১ লাখ ৫০ হাজার ইউনিট বৃদ্ধি পাবে। অবশ্য মেক্সিকোর গুয়ানাহুয়াতো কারখানায় অল্প কিছু টাকোমা ট্রাকের উৎপাদন আগের মতোই চালু থাকবে। বর্তমানে স্যান অ্যান্টোনিও কারখানায় ‘টুন্ড্রা’ পিকআপ এবং ‘সেকোয়া’ এসইউভি তৈরি করা হয়।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক আমদানি করা গাড়ি, স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বা ট্যারিফ বৃদ্ধি করার কারণে টয়োটার মতো বড় বড় বিশ্বখ্যাত গাড়ি নির্মাতারা এখন তাদের উৎপাদন ব্যবস্থা মেক্সিকো থেকে সরিয়ে সরাসরি আমেরিকার মাটিতে নিয়ে আসছে। এতদিন পর্যন্ত মার্কিন ও বৈশ্বিক কোম্পানিগুলো সস্তা শ্রম এবং বাণিজ্য সুবিধার কারণে মেক্সিকোতে প্রচুর গাড়ি তৈরি করত।   যদিও বর্তমান বাণিজ্য চুক্তিটি আরও ১০ বছর কার্যকর থাকার কথা, তবুও ওয়াশিংটন গত সপ্তাহে জানিয়েছে যে এই চুক্তিটি এখন থেকে প্রতি বছর পুনর্বিবেচনা বা রিভিউ করা হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলেই মূলত বড় বিনিয়োগকারীরা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। তবে উত্তর আমেরিকার বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে বাণিজ্য জটিলতার দ্রুত সমাধান আশা করছে টয়োটা কর্তৃপক্ষ।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১১:৫২
গ্রীষ্মে ট্রাম্পের উদ্যোগে ফিলাডেলফিয়ায় চালু হলো প্রথম ‘ফ্রিডম ফুয়েল নেটওয়ার্ক’ গ্যাস স্টেশন | ছবি: সংগৃহীত
গ্যাসের দাম কমাতে নতুন উদ্যোগ, ফিলাডেলফিয়ায় ট্রাম্পের ‘ফ্রিডম ফুয়েল’ নেটওয়ার্ক চালু

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর প্রচারণার অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় ‘ফ্রিডম ফুয়েল নেটওয়ার্ক’-এর প্রথম গ্যাস স্টেশন চালু হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারী স্টেশনগুলোতে প্রতি গ্যালন নিয়মিত গ্যাসোলিনের দাম ৩ দশমিক ৪৭ ডলারে নামিয়ে আনা হয়েছে।   হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে জানায়, গ্রীষ্ম মৌসুমে ভোক্তাদের জ্বালানি ব্যয় কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবেই ‘ফ্রিডম ফুয়েল নেটওয়ার্ক’ চালু করা হয়েছে। প্রশাসনের দাবি, কম দামে জ্বালানি বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমাতে সহায়তা করবে এই কর্মসূচি।   স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলাডেলফিয়া অঞ্চলের একাধিক গ্যাস স্টেশন এ কর্মসূচিতে যুক্ত হয়েছে। নির্ধারিত স্টেশনগুলোতে বাজারদরের তুলনায় কম দামে জ্বালানি বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে, যদিও এই মূল্যছাড় সব গ্যাস স্টেশনের জন্য প্রযোজ্য নয়।   সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন জ্বালানির মূল্য কমানোকে অন্যতম অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে খুচরা জ্বালানি বিক্রেতাদের আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার সুবিধা দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।   বিশ্লেষকদের মতে, ‘ফ্রিডম ফুয়েল নেটওয়ার্ক’ মূলত অংশীদার খুচরা বিক্রেতাদের একটি উদ্যোগ, যার মাধ্যমে নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে মূল্যছাড় দেওয়া হচ্ছে। ফলে দেশের সব অঞ্চলে একই দামে জ্বালানি পাওয়া যাবে—এমনটি নয়। স্থান, করের হার, পরিবহন ব্যয় ও স্থানীয় বাজার পরিস্থিতির কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে গ্যাসোলিনের দাম ভিন্ন হতে পারে।   ট্রাম্প প্রশাসনের ভাষ্য, ভবিষ্যতে আরও বেশি খুচরা বিক্রেতাকে এই নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে কম দামে জ্বালানি সরবরাহের সুযোগ আরও বিস্তৃত করা যায়।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১১:৪৬
ভবনে ফাটল; নিউইয়র্কের মিডটাউনে রাস্তা বন্ধ ও একাধিক ভবন উচ্ছেদ | ছবি: সংগৃহীত
ভেঙে পড়তে পারে নিউ ইয়র্কের ৩৭ তলা ভবন: ৪টি ব্লক ও স্কুলসহ বেশ কিছু ভবন খালি ঘোষণা!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একটি ৩৭ তলা বাণিজ্যিক ভবন আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলার সময় এর ২১ তলায় হঠাৎ লোহার বিম বা খুঁটিগুলো বেঁকে যেতে শুরু করে। এতে ভবনটির ২১ থেকে ২৬ তলা পর্যন্ত অংশ ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে মঙ্গলবার সকালে ম্যানহাটনের মিডটাউনের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশের ৪টি ব্লকের সমস্ত ভবন ও ৪শ শিক্ষার্থীর একটি স্কুল তড়িঘড়ি করে খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ।   নিউ ইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্ট ও ভবন নির্মাণ বিভাগ (ডিওবি) জানিয়েছে, জাতিসংঘের সদর দপ্তর থেকে মাত্র এক ব্লক দূরে অবস্থিত ‘২৩৫ ইস্ট ৪২ নম্বর স্ট্রিট’-এর এই বহুতল ভবনটিতে সকাল ৮টার দিকে কর্মরত শ্রমিকেরা হঠাৎ দেয়াল ফেটে যাওয়া এবং ভেতরের প্রধান সাপোর্ট বিমগুলো বেঁকে যেতে দেখেন। তীব্র চাপের কারণে ভবনটির বেশ কয়েকটি তলা দেবে যেতে শুরু করলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।   কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ৩৭ তলার এই বিশাল বাণিজ্যিক ভবনটিকে ভেঙে ফ্ল্যাট বা আবাসিক অ্যাপার্টমেন্টে রূপান্তর করা হচ্ছিল। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এটি অন্যতম বড় ‘অফিস-টু-অ্যাপার্টমেন্ট’ রূপান্তর প্রকল্প। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভবনে থাকা সমস্ত নির্মাণ শ্রমিককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।   ঝুঁকিপূর্ণ এই ভবনের পাশাপাশি আশেপাশের অন্যান্য ভবন, যার মধ্যে একটি নামী হোটেল (হ্যাম্পটন ইন) এবং একটি স্কুলও রয়েছে, সেখান থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে জানান, "আমাদের এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার হলো এই এলাকায় বসবাসকারী ও কর্মরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ভবন নির্মাণ বিভাগের পরিদর্শক এবং প্রকৌশলীরা অত্যন্ত দ্রুততার সাথে পুরো এলাকাটি সুরক্ষিত করার কাজ করছেন।"   অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ ওই এলাকার বেশ কয়েকটি প্রধান সড়ক সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মী ও বিশেষজ্ঞরা পুরো ভবনটির স্থায়িত্ব পরীক্ষা করে দেখছেন।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১১:৪১
ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও র‍্যাপ তারকা নিকি মিনাজ | ছবি: হোয়াইট হাউস
ট্রাম্পের পাশে নিকি মিনাজ, হোয়াইট হাউসের ক্যাপশনেই শুরু মিমের বন্যা

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বখ্যাত র‍্যাপ তারকা নিকি মিনাজের একটি ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবির সঙ্গে মাত্র দুটি শব্দের একটি ক্যাপশন—“The Barbz Know”—পোস্ট করতেই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নানা ধরনের মিম, মন্তব্য ও ব্যাখ্যায় ভরে ওঠে অনলাইন প্ল্যাটফর্মগুলো।   ছবিতে ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিকি মিনাজকে। পোস্টে ‘Trump Accounts’ কর্মসূচির সরকারি ওয়েবসাইটেরও উল্লেখ করা হয়। তবে “The Barbz Know” ক্যাপশনের নির্দিষ্ট অর্থ নিয়ে হোয়াইট হাউস আলাদাভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।   ‘Barbz’ নামে পরিচিত নিকি মিনাজের ভক্তরা। তাই অনেকেই মনে করছেন, তরুণদের দৃষ্টি আকর্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতেই জনপ্রিয় পপ-কালচারের এই শব্দটি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সমালোচকদের একাংশের দাবি, সরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাকাউন্টে এ ধরনের মিমধর্মী ভাষা ব্যবহার অস্বাভাবিক।   সাম্প্রতিক সময়ে নিকি মিনাজ ট্রাম্প প্রশাসনের ‘Trump Accounts’ উদ্যোগের প্রচারণায় অংশ নিয়েছেন। এই কর্মসূচির আওতায় যোগ্য নবজাতকদের জন্য সরকার নির্দিষ্ট অঙ্কের প্রাথমিক বিনিয়োগসহ একটি বিশেষ সঞ্চয় হিসাব চালুর পরিকল্পনা করেছে, যা ভবিষ্যতে শিক্ষা, ব্যবসা বা অন্যান্য অনুমোদিত খাতে ব্যবহার করা যাবে।   হোয়াইট হাউসের পোস্ট প্রকাশের পর এক্স, ফেসবুক ও ইনস্টাগ্রামে অসংখ্য ব্যবহারকারী ছবিটি নিয়ে মিম তৈরি করেন। কেউ এটিকে তরুণ ভোটারদের আকৃষ্ট করার নতুন কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ সরকারি যোগাযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষা ব্যবহারের উদাহরণ হিসেবে আলোচনা করছেন।   যদিও পোস্টটি নিয়ে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, হোয়াইট হাউস এখন পর্যন্ত ক্যাপশনের উদ্দেশ্য বা এর পেছনের ভাবনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে “The Barbz Know” ঠিক কী বার্তা দিতে চেয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা এখনও অব্যাহত রয়েছে।

প্রকাশ : জুলাই ৭, ২০২৬ ১১:২৬