- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
পশ্চিম ইউরোপে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রেকর্ডভাঙা তাপপ্রবাহ আঘাত হেনেছে। এই পরিস্থিতি নতুন করে সামনে এনেছে এক উদ্বেগজনক বাস্তবতা—গত তিন দশকে বিশ্বের অন্য যেকোনো মহাদেশের তুলনায় সবচেয়ে দ্রুত উষ্ণ হয়েছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাসের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ইউরোপের গড় তাপমাত্রা প্রতি দশকে প্রায় ০.৫৬ ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে। এই হার বৈশ্বিক গড় উষ্ণায়নের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নির্গমনই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তবে ইউরোপে তাপমাত্রা অন্য অঞ্চলের তুলনায় দ্রুত বাড়ার পেছনে আরও কয়েকটি আঞ্চলিক ও ভৌগোলিক কারণও কাজ করছে। ইউরোপের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে সমুদ্রের বরফে আচ্ছাদিত ছিল। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে সেই বরফ দ্রুত গলে যাচ্ছে। বরফ সরে যাওয়ায় উন্মুক্ত হয়ে পড়ছে সাগরের গাঢ় রঙের জলরাশি, যা বরফের তুলনায় অনেক বেশি সূর্যতাপ শোষণ করে। ফলে উত্তর ইউরোপ ও আর্কটিক সংলগ্ন অঞ্চলে উষ্ণায়ন আরও ত্বরান্বিত হচ্ছে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে ‘আর্কটিক অ্যামপ্লিফিকেশন’ হিসেবে বর্ণনা করেন। ইউরোপে শিল্প দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এতে বাতাসে অ্যারোসল নামে পরিচিত সূক্ষ্ম কণার পরিমাণ কমেছে। অ্যারোসল সূর্যের কিছু তাপ মহাকাশে প্রতিফলিত করতে সাহায্য করে। ফলে এই কণার পরিমাণ কমে যাওয়ায় অপেক্ষাকৃত বেশি সৌর বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে তুষারপাতও উল্লেখযোগ্যভাবে কমেছে। কোপারনিকাসের তথ্য অনুযায়ী, গত বছর সর্বোচ্চ তুষারপাতের মৌসুমেও তুষারের পরিমাণ গড়ের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম ছিল। তুষারের সাদা আবরণ সাধারণত সূর্যের আলো প্রতিফলিত করে। কিন্তু তুষার কমে যাওয়ায় উন্মুক্ত মাটি বেশি তাপ শোষণ করছে। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া এবং রাশিয়ার ইউরোপীয় অংশে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। ইউরোপের দ্রুত উষ্ণায়নের সঙ্গে আবহাওয়া নিয়ন্ত্রণকারী ‘জেট স্ট্রিম’-এর পরিবর্তনেরও সম্পর্ক রয়েছে। উত্তর গোলার্ধের আবহাওয়া অনেকাংশে নির্ভর করে উষ্ণ নিরক্ষীয় অঞ্চল এবং শীতল উত্তর মেরুর তাপমাত্রার পার্থক্যের ওপর। কিন্তু মেরু অঞ্চলে দ্রুত উষ্ণায়নের কারণে এই পার্থক্য কমে আসছে। ফলে জেট স্ট্রিমের স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে, যাকে বিজ্ঞানীরা ‘ডাবল জেট’ প্যাটার্ন বলে উল্লেখ করেন। এর ফলে উচ্চচাপের গরম বায়ু দীর্ঘ সময় ধরে একটি এলাকায় আটকে থাকতে পারে এবং কয়েক দিনের গরম রূপ নিতে পারে সপ্তাহব্যাপী তীব্র তাপপ্রবাহে। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, পশ্চিম ইউরোপে সাম্প্রতিক বছরগুলোর তীব্র ও পুনরাবৃত্ত তাপপ্রবাহের অন্যতম কারণ এই ‘ডাবল জেট’ প্যাটার্ন। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সরাসরি এই প্যাটার্নের ঘনঘন উপস্থিতির জন্য দায়ী কি না। তবে তারা একমত যে বৈশ্বিক উষ্ণায়ন তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপজুড়ে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সে সময় ‘ডাবল জেট’ প্যাটার্ন প্রায় এক মাস স্থায়ী ছিল। বিজ্ঞানীরা বলছেন, চলমান তাপপ্রবাহ হয়তো তত দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু ইতোমধ্যেই বহু অঞ্চলে তাপমাত্রার পুরোনো রেকর্ড বড় ব্যবধানে ভেঙে গেছে। ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী লিজি কেন্ডনের ভাষায়, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হওয়া এখন স্বাভাবিক ঘটনা। তবে চলতি তাপপ্রবাহে যে মাত্রায় পুরোনো রেকর্ড ভাঙছে, তা সত্যিই অভূতপূর্ব।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু নীতি নিয়ে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। কিন্তু আলোচনার বিষয়বস্তুর বাইরে সবার দৃষ্টি কেড়ে নেয় এক বিশেষ অতিথি। তিনি কোনো রাজনীতিক বা কূটনীতিক নন, মাত্র তিন মাস বয়সী এক শিশু। বৃহস্পতিবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ কাউন্সিলের বৈঠকে নিজের ছেলে অ্যাডামকে সঙ্গে নিয়ে হাজির হন সুইডেনের জলবায়ুবিষয়ক মন্ত্রী রোমিনা পোরমোখতারি। ইইউ কাউন্সিলের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মন্ত্রী পর্যায়ের এমন বৈঠকে কোনো শিশুর অংশগ্রহণের ঘটনা এটিই প্রথম। পোরমোখতারি জানান, কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে নারীদের একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়—এই বার্তা দিতেই তিনি সন্তানকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাজ ও পরিবারের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা নেই—এমন একটি উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে এর জন্য পরিবারে সহযোগিতাপূর্ণ পরিবেশ এবং দায়িত্ব ভাগাভাগির মানসিকতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। ৩০ বছর বয়সী পোরমোখতারি ২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় সুইডেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী মন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন। সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি আবার কাজে ফিরেছেন। তার স্বামী বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং আগামী সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন পর্যন্ত এই ছুটি অব্যাহত থাকবে। অ্যাডামের দেখাশোনার দায়িত্ব পালন করতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে লুক্সেমবার্গ সফরে গিয়েছেন। সুইডেনে বিশ্বের অন্যতম উদার প্যারেন্টাল লিভ বা মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি নীতি চালু রয়েছে। দেশটিতে বাবা-মা মিলে প্রায় ১৬ মাসের সবেতন ছুটি পান। এর মধ্যে নির্দিষ্ট সময় বাবা ও মায়ের জন্য পৃথকভাবে বরাদ্দ থাকে, যা একে অপরের কাছে হস্তান্তর করা যায় না। নির্ধারিত সময় ব্যবহার না করলে সেই ছুটি বাতিল হয়ে যায়। ‘ড্যাড মান্থস’ নামে পরিচিত এই নীতির লক্ষ্য বাবাদের সন্তান লালন-পালনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। পোরমোখতারি বলেন, সরকারের নীতি এবং সহকর্মীদের সহযোগিতার কারণেই তার কাজের সময় স্বামীর সন্তানের দেখাশোনা করাটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। তিনি আরও বলেন, পরিবারবান্ধব নীতি শুধু ছুটির সুবিধা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বাবা-মায়ের মধ্যে দায়িত্ব ভাগাভাগি সহজ করা এবং সাশ্রয়ী মূল্যে শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এদিকে পোল্যান্ডের উপ-জলবায়ুমন্ত্রী ক্রিজস্টফ বোলেস্তা বলেন, বৈঠকে একটি শিশুর উপস্থিতি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করেনি। তার ভাষায়, “এটি দারুণ একটি বিষয়। এটি কোনো বাধা নয়, বরং জীবনেরই স্বাভাবিক অংশ।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের অবমুক্ত অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনা হবে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘আমেরিকা মিথ্যা দাবি করছে যে আমাদের অবমুক্ত করা সম্পদ দিয়ে তাদের কৃষি পণ্য কেনা হবে।’ তিনি আরও বলেন, ‘যে ফসলটি আমরা এখন ঘরে তুলছি, তা আপনারাই বপন করেছিলেন—দশকের পর দশক ধরে জমে থাকা অবিশ্বাস। এটি অর্গানিক, অফুরন্ত এবং খাঁটি দেশি।’ একই পোস্টে কটাক্ষ করে তিনি বলেন, ওয়াশিংটন ‘জিএমও সয়াবিন, প্রতিশ্রুতিভঙ্গ এবং ফাঁপা বুলি’ ছাড়া আর কিছু রপ্তানি করে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের আওতায় প্রাথমিক আর্থিক সুবিধার অংশ হিসেবে ৫০ কোটি ডলারের মার্কিন পণ্য অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কোনো নগদ অর্থ সরাসরি তেহরানের হাতে যাবে না। বরং ওই অর্থ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা ও গম কেনা হবে, যা ইরানের খাদ্যসংকট মোকাবিলায় ব্যবহৃত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, ইরানের জব্দ সম্পদ অবমুক্ত করা হলে সেই অর্থ মার্কিন কৃষকদের উপকৃত করবে এবং ইরানের জনগণের খাদ্য সরবরাহে সহায়তা করবে। এদিকে বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায় যা তাদের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হবে না। তবে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমগুলো মার্কিন প্রশাসনের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। তারা সমঝোতা স্মারককে কোনো ছাড় নয়, বরং তেহরানের কূটনৈতিক ও কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরছে। ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের রাজধানী বাকু সফরের সময় গালিবাফ এই সমঝোতা স্মারককে ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ বলে মন্তব্য করেন। তার দাবি, নথিতে এমন কোনো আইনি ধারা নেই যা ইরানকে মার্কিন পণ্য কিনতে বাধ্য করে। সোমবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও বলেন, সম্ভাব্য সমঝোতার আওতায় অবমুক্ত হওয়া অর্থ শুধু জরুরি বা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা ১৮ জুন কার্যকর হয়। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য এখনও স্পষ্ট। ফলে চুক্তি বাস্তবায়নের পথেও মতবিরোধ দেখা দেওয়ার ইঙ্গিত মিলছে।
আগের দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল তুরস্কের। অন্যদিকে প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফলে শেষ গ্রুপ ম্যাচটি ছিল তুরস্কের জন্য সম্মান রক্ষার লড়াই, আর যুক্তরাষ্ট্রের জন্য গ্রুপপর্ব অপরাজিত থেকে শেষ করার সুযোগ। তবে নাটকীয় এক ম্যাচে শেষ হাসি হেসেছে তুরস্ক। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তের গোলে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে হারিয়ে সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট, এডওয়ার্ড নর্টন ও ওয়েন উইলসন। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া ম্যাচে শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ডে কর্নার থেকে পাওয়া বল নিচু শটে জালে পাঠিয়ে গোল করেন সেল্টিকের ডিফেন্ডার অস্টন ট্রাস্টি। এটি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। এর আগে ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ৩০ সেকেন্ডে গোল করেছিলেন ক্লিন্ট ডেম্পসি। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে তুরস্ক। বারিস আলপার ইলমাজের চমৎকার ব্যাকহিল পাস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে চলতি বিশ্বকাপে দলের প্রথম গোল করেন আরদা গুলের। এরপর বাঁ দিক থেকে গড়ে ওঠা আক্রমণে অরকুন ককচুর শট বারিস আলপার ইলমাজের গায়ে লেগে জালে ঢুকে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। এই গোলের আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরদা গুলের। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে যুক্তরাষ্ট্র। এর ফলও পায় তারা। ২০ গজ দূর থেকে সেবাস্টিয়ান বারহাল্টারের দুর্দান্ত শটে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। বদলি হিসেবে মাঠে নামা ক্রিস্টিয়ান পুলিসিচ একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন। এর মধ্যে একটি শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় রক্ষা করেন তুরস্কের গোলরক্ষক উগুরচান চাকির। অন্যদিকে তুরস্কও পাল্টা আক্রমণে সুযোগ সৃষ্টি করতে থাকে। কেনান ইলদিজের বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বারিস আলপার ইলমাজও একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে কান উজুনের ছোঁয়া থেকে আসা বল জালে পাঠিয়ে তুরস্ককে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন কান আয়হান। এই জয়েও অবশ্য টুর্নামেন্টে তুরস্কের ভাগ্য বদলায়নি। দুই হার ও এক জয় নিয়ে তারা গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করেছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। আগামী ২ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা।
প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শিপিং প্রতিষ্ঠান বাহরির নিয়ন্ত্রণাধীন দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বর্তমানে রাস তানুরা বন্দরে অপরিশোধিত তেল লোড করছে। এছাড়া আরও একটি জাহাজ বন্দরের নিকটবর্তী এলাকায় অপেক্ষমাণ রয়েছে। জাহাজগুলোর তেল লোডিং কার্যক্রম সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র থেকে পুনরায় রপ্তানি কার্যক্রম শুরুর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি ভিএলসিসি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম। বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টার মধ্যে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে পুনরায় তেল রপ্তানি শুরু করল। বিশ্লেষকদের মতে, রাস তানুরা থেকে রপ্তানি পুনরায় চালু হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে পাঠানো এক বার্তায় এ প্রস্তাব দেন। বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বার্তায় পেজেশকিয়ান বলেন, এই দুর্যোগের সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা পাঠাতে ইরান প্রস্তুত। তিনি ভূমিকম্পকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, ভেনেজুয়েলার জনগণ ঐক্য ও দৃঢ়তার সঙ্গে এই সংকট দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবে। বুধবার রাতে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ এবং বহু ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা। চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকার সেরা দশে স্থান করে নিয়েছেন চারজন বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। তাদের এ কৃতিত্বে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন (সমাবর্তন) অনুষ্ঠান। চার বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের সফল সমাপ্তি উদযাপনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। গাউন পরিহিত শিক্ষার্থীরা দুপুর থেকেই পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠান শুরর পর মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হলে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। এবারের মেধা তালিকার শীর্ষ দশে স্থান পাওয়া চার বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী হলেন— আলফি নাশিয়া (দ্বিতীয়), সুমাইয়া তাবাসুম (চতুর্থ), শ্রেয়ন চৌধুরী (সপ্তম) এবং রাহাত রহমান (নবম)। প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এই অর্জনকে বিশেষভাবে দেখছেন কমিউনিটির নেতারা। তারা মনে করেন, নতুন প্রজন্মের এ ধরনের কৃতিত্ব বাংলাদেশি-আমেরিকানদের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। আটলান্টিক সিটি হাইস্কুলের অধ্যক্ষ ড. কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল এবং সিটি কাউন্সিলের সদস্যরা। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী ও ফরহাদ সিদ্দিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ প্রদান করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিজ নিজ আসনে বসেন। অনুষ্ঠানের একপর্যায়ে তারা মঞ্চে উঠে ডিপ্লোমার প্রতীকী কপি গ্রহণ করেন এবং জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের এই উল্লেখযোগ্য সাফল্য প্রমাণ করে যে, শিক্ষা ও মেধার প্রতিযোগিতায় তারা ধারাবাহিকভাবে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন।
বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে রুখে দিয়ে নকআউট পর্বের দোড়গোড়ায় পৌঁছানোর আনন্দের মাঝেই কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরণের সুসংবাদ পেয়েছে ইরান। চার দশকের মার্কিন নীতিকে পুরোপুরি উল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আগামী ৬০ দিনের জন্য ইরানের খনিজ তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের অনুমতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঐতিহাসিক ছাড় দীর্ঘমেয়াদে ইরানকে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনৈতিক বিশ্লেষকরা। ১৯৭৯ সালের জিম্মি সংকটের পর ১৯৮০ সালে ইরানের ওপর প্রথম মার্কিন তেল নিষেধাজ্ঞা জারি হয়। পরবর্তী সময়ে ওবামা আমলে পারমাণবিক চুক্তির মাধ্যমে কিছুটা স্বস্তি মিললেও, ট্রাম্পের আগের মেয়াদে তা আরও কঠোর রূপ নেয়। তবে এবারের নতুন লাইসেন্স অতীতের সব বাধাকে গুঁড়িয়ে দিয়েছে। এখন মার্কিন শোধনাগারগুলো সরাসরি পারস্যের পেট্রোলিয়াম কিনতে পারবে, ডলারে দাম মেটাতে পারবে এবং কালো তালিকাভুক্ত ট্যাংকার থেকেও তেল নিতে পারবে। লেবাননে ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি খোলা রাখা এবং বিশ্ববাজারে তেলের দাম কমানোর লক্ষ্যেই মূলত ওয়াশিংটন এই আকস্মিক উদারতা দেখিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণার আগেই বাজার এই জোয়ারের আভাস পেয়েছিল, যার ফলে মে মাসে ইরানের তেল রপ্তানি কার্যত শূন্যের কোঠায় থাকলেও বর্তমানে তা দৈনিক ১৫ লাখ ব্যারেলে গিয়ে ঠেকেছে। এতদিন ইরানের প্রায় পুরো তেলই গেছে উত্তর-পূর্ব চীনের ছোট ও স্বাধীন 'টিপট' শোধনাগারগুলোতে। তবে দীর্ঘমেয়াদে রপ্তানি আরও বাড়াতে ইরানকে এখন ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো নতুন ক্রেতা খুঁজতে হবে। যদিও ৬০ দিনের এই স্বল্পমেয়াদি ছাড়ের পর ট্রাম্প হুট করে সিদ্ধান্ত বদল করবেন না—এমন স্থায়ী ভরসা পাওয়ার পরই কেবল পশ্চিমা ও বড় এশীয় ক্রেতারা পুরোদমে চুক্তি করতে এগিয়ে আসবে। আমেরিকার দৃষ্টিকোণ থেকে এই নিষেধাজ্ঞা শিথিলের রাজনৈতিক ফল খুব একটা না মিললেও, ইরানের জন্য এটি এক বিরাট আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। এই লাইসেন্সের মেয়াদ যদি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়, তবে ইরান আরও বড় ও বৈচিত্র্যময় ক্রেতাদের টানতে পারবে। এর সঙ্গে যদি যোগ হয় হরমুজ প্রণালির ট্রানজিট ফি বাবদ বিলিয়ন বিলিয়ন ডলারের বার্ষিক আয়, অবরুদ্ধ সম্পত্তি পুনরুদ্ধার এবং ট্রাম্পের প্রতিশ্রুত ৩০০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল—তবে আগামী এক দশকের মধ্যেই ইরান পারস্য উপসাগরের অন্যতম শীর্ষ ধনী দেশে পরিণত হবে। বিশ্লেষকদের মতে, নিজের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের সমর্থন না কমিয়েই ইরান এই বিপুল ঐশ্বর্য পেতে যাচ্ছে, যা কার্যত আমেরিকার 'পূর্ণ আত্মসমর্পণ' হিসেবেই গণ্য হচ্ছে।
ব্রিটিশ রাজপরিবারের আর্থিক স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি মেনে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হলো রাজা চার্লসের কর পরিশোধের সুনির্দিষ্ট হিসাব। ২০২৪-২৫ অর্থবছরে রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড বা প্রায় ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছেন, যা তাঁকে ব্রিটেনের শীর্ষ ১০০ করদাতার তালিকায় স্থান দিয়েছে। ২০২২ সালে সিংহাসনে বসার পর থেকে এ পর্যন্ত তিনি ৩ কোটি পাউন্ডের বেশি কর পরিশোধ করেছেন। আইন অনুযায়ী ব্রিটিশ রাজার কর দেওয়ার কোনো বাধ্যবাধকতা না থাকলেও, ১৯৯৩ সাল থেকে চলে আসা স্বেচ্ছায় কর দেওয়ার রাজকীয় ধারা বজায় রেখেছেন তিনি। একই সঙ্গে রাজপরিবারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে দীর্ঘ ১০ বছরব্যাপী সংস্কার কাজ শেষ হওয়ার পরও ঐতিহ্যবাহী বাকিংহাম প্যালেসে আর সপরিবারে থাকছেন না রাজা চার্লস। এর মধ্য দিয়ে প্রায় দুই শতাব্দী পর ব্রিটিশ রাজাদের প্রধান বাসভবন হিসেবে বাকিংহাম প্যালেস ব্যবহারের ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। আগামী বছর প্রাসাদের দীর্ঘমেয়াদি সংস্কার কাজ শেষ হলেও রাজা চার্লস তাঁর পুরোনো বাসস্থান লন্ডনের 'ক্ল্যারেন্স হাউস'-এই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত জরাজীর্ণ বৈদ্যুতিক সংযোগ, পাইপলাইন এবং হিটিং সিস্টেম পরিবর্তনের জন্য ২০১৭ সালে এই সংস্কার কাজ শুরু হয়েছিল। রাজার কোষাধ্যক্ষ জেমস চ্যালমার্স জানিয়েছেন, বাকিংহাম প্যালেস সপরিবারে থাকার জন্য ব্যবহৃত না হলেও বিদেশি অতিথিদের স্বাগত জানানোসহ সব ধরনের রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবেই বহাল থাকবে। মহামান্য যখনই লন্ডনে থাকবেন, ভবনের ছাদে রাজকীয় পতাকা সগর্বে উড়তে থাকবে। তিনি আরও জানান, এখন থেকে সাধারণ মানুষের জন্য এই ঐতিহাসিক প্রাসাদে প্রবেশের সুযোগ আরও বাড়ানো হবে। উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে রাজা চার্লস বা প্রয়াত রানি এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে রাত কাটাননি। আর্থিক হিসাবে দেখা গেছে, ১৩৯৯ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী 'ডাচি অব ল্যাঙ্কাস্টার' নামক বিশাল ভূসম্পত্তি থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজার ব্যক্তিগত আয় ছিল ২ কোটি ৫২ লাখ পাউন্ড। এছাড়া রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণ ও দাপ্তরিক খরচের জন্য সরকারের কাছ থেকে পাওয়া বার্ষিক অনুদান (সভেরেন গ্রান্ট) ২০২৬-২৭ অর্থবছরে দাঁড়াবে ১৩ কোটি ৭৯ লাখ পাউন্ড। তবে রাজার স্পষ্ট ইচ্ছায় ২০২৭-২৮ অর্থবছরে এই অনুদান কমিয়ে ১০ কোটি পাউন্ড করা হবে। অন্যদিকে, সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড কর দিয়েছেন এবং একটি বন্ধ কারাগার থেকে পাওয়া ১৫ লাখ পাউন্ড ভাড়া স্থানীয় সম্প্রদায়ের কল্যাণে দান করার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাজ্য সফররত বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে সংবর্ধনা দিয়েছেন নর্থ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্র্যাডফোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। রোববার (২১ জুন) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নুরুল আমিন তারেক সভাপতিত্ব করেন। যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক সারওয়ার হোসেইন ও শেখ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মো. আব্দুল খালিক এবং নাশিদ পরিবেশন করেন ইলিয়াস আকরাম। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ডাকসু ভিপি সাদিক কায়েমকে বরণ করে নেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, সাংবাদিক এম. জি. কিবরিয়া, সলিসিটর আনছার হাবিব, সাবেক কাউন্সিলর ইসমাইল উদ্দিন, আজিজুল করিমসহ আরও অনেকে। বক্তারা বলেন, সাদিক কায়েমের মতো মেধাবী ও দূরদর্শী তরুণদের নেতৃত্বে দেশ ও জাতি উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে আনোয়ার আলী জিতু, মনজুর আহমদ, শিবলী শামস চৌধুরী, আবুল কাশেম খান, জাহাঙ্গীর আলম, মাসুম মুর্তজা, মুজিবুর রহমান, মাতাসিন আলী ও হাবিবুর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সংবর্ধনার জবাবে সাদিক কায়েম বলেন, বর্তমান ডাকসু অতীতের তুলনায় অনেক বেশি সক্রিয়, দায়িত্বশীল এবং শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ডাকসু দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা এবং নিজেদের যুদ্ধকৌশলে আমূল পরিবর্তন আনতে নিজেদের পুরো সামরিক বাহিনীকে ড্রোন অপারেটর হিসেবে গড়ে তোলার এক ঐতিহাসিক মহাপরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশের সেনা, নৌ, বিমান এবং মেরিন বাহিনীর প্রায় ৫ লাখ সামরিক কর্মীকে অত্যন্ত দক্ষ 'ড্রোন যোদ্ধা' বা ড্রোন ওয়ারিয়র হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ-বেক শুক্রবার সিউলে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে বলেছেন, রণক্ষেত্রে প্রতিটি সৈনিকের কাছে ড্রোন হবে তাদের দ্বিতীয় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মতো অপরিহার্য সমরাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ-বেক জানান, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধগুলো প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন গেমচেঞ্জার বা জয়-পরাজয় নির্ধারণের মূল হাতিয়ার হয়ে উঠেছে। কম খরচে বিপুল সংখ্যক ড্রোনের ব্যবহার যুদ্ধের মৌলিক ধরনকেই সম্পূর্ণ বদলে দিচ্ছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রু দেশ উত্তর কোরিয়া ক্রমাগত তাদের ড্রোন ও অস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনাগুলোর জন্য এক বড় নিরাপত্তা ঝুঁকি। আর এই বাস্তবতাকে সামনে রেখেই সিউল তাদের সামরিক বাহিনীকে ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী চলতি বছরের শেষের মধ্যেই প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রায় ১১ হাজার বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংখ্যাটি ২০২৯ সালের মধ্যে বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ২০৩০ সালের মধ্যে শত্রুপক্ষের ওপর নিখুঁত আঘাত হানতে সক্ষম ২০ হাজারেরও বেশি স্বল্পমূল্যের এবং একবার ব্যবহারযোগ্য 'আত্মঘাতী কমব্যাট ড্রোন' নিজস্ব বহরে যুক্ত করবে দেশটি। রণক্ষেত্রে প্রযুক্তির এই আধুনিকায়ন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাকে আরও বেশি শক্তিশালী ও নিভেদ্য করে তুলবে। একই সাথে দক্ষিণ কোরিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার সুইসাইড ড্রোন বা উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্র 'কে-লুকাস' এর মোতায়েন প্রক্রিয়াকে দ্রুততর করার ঘোষণা দিয়েছে। এই ড্রোন ব্যবস্থাটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের 'লুকাস' ড্রোনের ধারণা থেকে তৈরি, যা ইরানের 'শাহেদ-১৩৬' আত্মঘাতী ড্রোনের রিভার্স-ইঞ্জিনিয়ারিং সংস্করণ। উল্লেখ্য, রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে এই ইরানি ড্রোনটি ব্যাপকভাবে ব্যবহার করছে। ড্রোনের আক্রমণ ঠেকাতে দক্ষিণ কোরিয়া লেজার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্রের মতো অ্যান্টি-ড্রোন প্রতিরোধ ব্যবস্থাও দ্রুত সম্প্রসারণ করছে। দক্ষিণ কোরিয়ার এই আকস্মিক ও বিশাল সামরিক পদক্ষেপের পেছনে ২০২২ সালের একটি অত্যন্ত বিব্রতকর অধ্যায় কাজ করছে, যখন উত্তর কোরিয়ার পাঁচটি ছোট ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ের নো-ফ্লাই জোনে ঢুকে পড়েছিল। সে সময় দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান এবং হেলিকপ্টার থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি ছুড়েও একটি ড্রোনও ভূপাতিত করা সম্ভব হয়নি। বর্তমানে রাশিয়ার সাথে সামরিক অংশীদারিত্বের কারণে উত্তর কোরিয়ার ড্রোন শক্তি বহুগুণ বেড়েছে, যা দক্ষিণ কোরিয়াকে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য করেছে।
ইউরোপের পশ্চিমাঞ্চলে চলমান তীব্র দাবদাহকে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও বিস্তৃত বলে আখ্যায়িত করেছেন জলবায়ু বিজ্ঞানীরা। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট বৈশ্বিক জলবায়ু সংকটের কারণেই এই চরম পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁরা নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে জানায়, ইউরোপের প্রায় অর্ধেক বড় শহরের মানুষ বর্তমানে ইতিহাসের সবচেয়ে মারাত্মক ‘হিট স্ট্রেস’ বা গরম ও আর্দ্রতার যৌথ যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন। আর্দ্রতা বেশি থাকায় শরীরে ঘাম শুকোচ্ছে না, যা এই দাবদাহকে মানুষের শরীরের জন্য আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। বিজ্ঞানীদের আন্তর্জাতিক সংগঠন 'ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন' (ডাব্লিউডাব্লিউএ) তাদের নতুন বিশ্লেষণে দেখিয়েছে যে বায়ুমণ্ডলে কার্বন দূষণ বৃদ্ধির ফলে চরম তাপমাত্রা কতটা দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। গবেষণায় দেখা গেছে, বিগত ৫০ বছরে পৃথিবীর তাপমাত্রা মাত্র ১.১ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও জুনের এই দাবদাহ জলবায়ু পরিবর্তন ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। এমনকি ২০০৩ সালের তুলনায় বর্তমানের রাতের বেলার তাপমাত্রা মানুষের ঘুমের যে ক্ষতি করছে, তার ঝুঁকি প্রায় ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। জরুরি জলবায়ু পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ গ্রীষ্মগুলো আরও বেশি চরম আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক ড. থিওডোর কিপিং। এই তীব্র দাবদাহের কারণে ইতিমধ্যে পুরো ইউরোপজুড়ে মানুষের জীবনযাত্রা ও জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে এবং মহাদেশজুড়ে ট্রেন ও বিমান চলাচল বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে জুনের ইতিহাসের সর্বোচ্চ ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের কারণে পশ্চিমা ইউরোপজুড়ে চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি এবং মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগে ২০২২ সালের গ্রীষ্মে ইউরোপে তীব্র গরমে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল এই পরিস্থিতির বিষয়ে বলেন, কয়লা, তেল এবং গ্যাসের প্রতি বিশ্বের অতিরিক্ত আসক্তির কারণেই জলবায়ু পরিবর্তন এখন আমাদের ওপর তাণ্ডব চালাচ্ছে। এর একমাত্র সমাধান হলো দ্রুত পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির দিকে ধাবিত হওয়া এবং বনাঞ্চল রক্ষা করা। লন্ডনে গত বুধবার একদিনেই জীবনঝুঁকিতে থাকা রেকর্ড ৬৪১টি জরুরি কল এসেছে অ্যাম্বুলেন্স সার্ভিসে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বর্তমানে বিশ্বজুড়ে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হচ্ছে, যা মানব সভ্যতার জন্য এক চরম সতর্কবার্তা।
প্রবাসী জামালপুরবাসীর মিলনমেলায় নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণ এবং জামালপুর জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। গত ২১ জুন জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের আল আকসা পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন এ এস এম আশাফুদৌলাহ লিটন। প্রধান অতিথি ছিলেন জামালপুরের কৃতি সন্তান ডা. গোলাম মোক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রয়াত সকল জামালপুরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মঈনউদ্দিন। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিশু আয়ানউল্লাহ তালুকদার। অনুষ্ঠানে জামালপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, শরাফ সরকার, আলমগীর, আশরাফ আলী, মাসুদ আহমেদ, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম, এনামুল হক, জসীমউদ্দিন মাহমুদ, মোজাম্মেল হক, মোহাম্মদ আলী এবং ডা. ইউসুফ আলী। পরে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি সাঈদুর রহমান শেলী। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. দুলাল হোসেন, মিজানুর রহমান, মো. শামীম চৌধুরী, হুমায়ূন কবীর, সুলতান মাহমুদ, শরিফুল ইসলাম মিন্টু ও শামসুল ইসলাম রাজা। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নূরউন্নবী নবীন, খোরশেদ আলম, শহিদুল ইসলাম মিন্টু এবং মো. সোহাগ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আহসান তানিন, কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ, আপ্যায়ন সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক এস এম হাসান আরিফ, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সামিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সাহিত্য সম্পাদক আমজাদ হোসেন, মহিলা সম্পাদক জান্নাতুল অন্তরা, সমাজকল্যাণ সম্পাদক মামুনুর রশীদ এবং গণসংযোগ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার শফিউল বাদল, মো. খলিলুল্লাহ, জহুরুল ইসলাম, এ এস এম আশাফুদৌলাহ, মো. রফিকুল হাসান শাফি, সামসামুল ইসলাম, রফিকুল ইসলাম বাবলু, মো. নূরল ইসলাম এবং ফয়সাল হক জন তালুকদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুর পরিচালনায় নতুন কমিটির নেতারা প্রবাসী জামালপুরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ কে এম শফিকুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি সুলতান মাহমুদ, শফিকুল ইসলামসহ আরও অনেকে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা অজিত ভৌমিক, মোস্তাফিজুর রহমান তালুকদার খোকন এবং সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল মাওলাসহ অন্যান্য অতিথিরা। সংগঠনের উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন অ্যাডভোকেট মোর্শেদা জামান, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সৈয়দ হাসিবুল গণি গালিব, সালাহউদ্দিন কাব্য, ইঞ্জিনিয়ার নাজমুল হাসান এবং মো. লিয়াকত হোসাইন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী শশীর পরিবেশিত গান উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের কৃতি শিক্ষার্থী সামিরাতু বারা এ বছরের ‘আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ’ লাভ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় স্কুলটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘কমেন্সমেন্ট সেরিমনি ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে তার হাতে এই স্কলারশিপের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. উমায়রা টিয়ো। তিনি নবস্নাতক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা, নিয়মিত অধ্যয়ন, অনুশীলন এবং দায়িত্বশীল জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যৎ জীবনে সফল হতে শিক্ষার্থীদের অধ্যবসায় ও ইতিবাচক মানসিকতা ধরে রাখার আহ্বান জানান তিনি। স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের প্রিন্সিপাল ভ্যারেনা কাবারক্যাস প্রয়াত শিক্ষার্থী আহমদ সোহানের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি ছাত্র সোহান আজ আমাদের মাঝে নেই। তবে সে আছে আমাদের মনের গভীরে, আমাদের অস্তিত্বের শিকড়ে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।” প্রিন্সিপাল আরও বলেন, সোহান মেধার বিকাশ ও জ্ঞানার্জনের প্রতি অসাধারণ আগ্রহ নিয়ে শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার স্মৃতি ও অর্জন আজও স্কুল সম্প্রদায়কে অনুপ্রাণিত করে। বাংলাদেশি বংশোদ্ভূত আহমদ জে সোহান ২০১০ সালে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল থেকে একাধিক পুরস্কারসহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তবে কলেজ জীবন শুরু করার মাত্র দুই সপ্তাহ পর, একই বছরের ৬ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার স্মৃতি, মেধা ও শিক্ষাজীবনের অনুকরণীয় সাফল্যকে সম্মান জানাতে ২০১১ সালে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কর্তৃপক্ষ ‘আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ অ্যাওয়ার্ড’ চালু করে। এরপর থেকে প্রতিবছর মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে আহমদ সোহানের মা জাহানারা বি আহমদ এবং বাবা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ উপস্থিত ছিলেন। তারা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী সামিরাতু বারাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ইউক্রেন যুদ্ধের চরম চাপের মুখে পড়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঐক্য পরীক্ষা করতে পোল্যান্ড অথবা বাল্টিক রাষ্ট্রগুলোতে রাশিয়া একটি বড় ধরণের সামরিক 'উসকানি' বা হাইব্রিড হামলার প্রস্তুতি নিচ্ছে। ন্যাটোর পূর্ব সীমান্তের দুটি সদস্য দেশের গোয়েন্দা ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার ড্রোন হামলার কারণে ক্রেমলিন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং এই অচলাবস্থা ভাঙতেই পুতিন এমন বিপজ্জনক পথ বেছে নিতে পারেন। লাটভিয়ার গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া বাল্টিক দেশ বা পোল্যান্ডের বিরুদ্ধে সামরিক উসকানির প্রস্তুতি নিচ্ছে এমন স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে এটি কোনো পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ হবে না, বরং ক্ষেপণাস্ত্র বা ড্রোনের সাহায্যে 'হাইব্রিড হামলা' হতে পারে। আরেকটি ন্যাটো সদস্য দেশের একজন সিনিয়র রাজনৈতিক সূত্রও নিশ্চিত করেছেন যে পুতিন এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার মতো ছোট ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর মার্কিন সমর্থন ঠিক কতটা মজবুত, তা পরীক্ষা করার জন্য একটি গোপন পরিকল্পনা করছেন। এই উসকানির মূল উদ্দেশ্য হলো পশ্চিমা বিশ্বকে এই বার্তা দেওয়া যে তারা যেন ইউক্রেনকে সহায়তা করা বন্ধ করে, অন্যথায় তাদের নিজেদের দেশেও বড় সমস্যা তৈরি হবে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার প্রায় ২ হাজার কিলোমিটার ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নিজস্ব দূরপাল্লার ড্রোন প্রযুক্তি তৈরি করেছে। গত সপ্তাহে প্রায় ২০০টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায়, যার ফলে ক্রেমলিন এখন ব্যাকফুটে চলে গেছে। চ্যাথাম হাউজের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ কেয়ার জাইলস বলেন, মস্কো কখনোই নিষ্ক্রিয়ভাবে নিজেদের পরাজয় মেনে নেবে না, বরং তারা যুদ্ধকে অন্য দেশে ছড়িয়ে দিয়ে বর্তমান পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এদিকে চলতি মাসেই তুরস্কের আঙ্কারায় ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জোটের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর আগে ২০২৪ সালের গ্রীষ্মে যুক্তরাজ্য, পোল্যান্ড ও জার্মানির ডিএইচএল পার্সেলের ভেতরে রাশিয়ান অগ্নিবোমা পাওয়া গিয়েছিল এবং গত সেপ্টেম্বরে ১৯টি রাশিয়ান ডেকয় ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের আকাশ সীমায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর পুতিন যদি নিজেকে চরম কোণঠাসা মনে করেন, তবে তিনি ন্যাটোর ওপর যেকোনো সময় ক্ষিপ্ত হয়ে আঘাত করতে পারেন যা পুরো ইউরোপের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক সময়।
আফ্রিকায় নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে পূর্বসতর্কতা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে নিজেদের নাগরিকদের ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিনটি দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য সব ধরনের ভিসা প্রদান এবং দেশটিতে প্রবেশ সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই জরুরি নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। বৈশ্বিক মহামারী রুখতে এবং দেশের অভ্যন্তরে জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতেই মূলত এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি বা উইকায়া জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কেবল সরাসরি আসা যাত্রীদের জন্য নয়, বরং গত ২১ দিনের মধ্যে এই তিনটি আক্রান্ত দেশের যেকোনো একটিতে অবস্থান করে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে আসতে চাওয়া ভ্রমণকারীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। ইবোলার মতো ছোঁয়াচে রোগ যাতে সীমান্ত পেরিয়ে কোনোভাবেই দেশের ভেতর প্রবেশ করতে না পারে, সেজন্যই এই আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশের প্রবেশপথগুলোতে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। উইকায়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য রক্ষায় সৌদি আরবের স্বাস্থ্য নজরদারি ও মহামারী মোকাবিলা ব্যবস্থা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে। এর পাশাপাশি ইবোলা আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী অঞ্চল যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আসা ভ্রমণকারীদের জন্যও পূর্বসতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করেছে রিয়াদ। এসব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে প্রবেশপথে কঠোর স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশের জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে যে বর্তমানে সৌদি আরবের সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো চালু করার পর থেকে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো নিশ্চিত বা সন্দেহভাজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত কিংবা রেকর্ড করা হয়নি। আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে স্বাস্থ্য সংক্রান্ত পরবর্তী সুপারিশ বা সিদ্ধান্ত আপডেট করা হবে। সূত্র: গালফ নিউজ
উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি আরও বড় আকারের শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় এই নতুন পরিকল্পনা উন্মোচন করা হয়েছে বলে বুধবার দেশটির সরকারি গণমাধ্যম নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলায় পারমাণবিক কর্মসূচিকে অপরিহার্য প্রতিরক্ষা হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া। আর এই পরমাণু কর্মসূচির কারণেই দীর্ঘ সময় ধরে দেশটির ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত বছর পানিতে ভাসানো ৫ হাজার টন শ্রেণীর দুটি যুদ্ধজাহাজের একটি ‘চো হিয়োন’ এর কমিশনিং অনুষ্ঠানে কিম জং উন এই বক্তব্য দেন। দেশটির বন্দর নগরী নামপোতে গত মঙ্গলবার এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হয় বলে সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ রিপোর্ট করেছে। অনুষ্ঠানে কিম বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচিটি তাদের পূর্বপরিকল্পিত পথ ধরেই অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার পরমাণু শক্তিকে বহুমুখী এবং কার্যকর অপারেশনের জন্য সদা প্রস্তুত রাখতে এই কৌশলগত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তর কোরিয়া এর আগেই দাবি করেছিল যে তাদের এই ‘চো হিয়োন’ ধ্বংসকারী যুদ্ধজাহাজটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সব সমরাস্ত্রে সজ্জিত। এমনকি গত এপ্রিল মাসে কিম জং উন স্বশরীরে এই জাহাজ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রম তদারকি করেছিলেন। কিম তার দেওয়া বক্তব্যে আরও জানান, চো হিয়োনের পর তারা খুব শীঘ্রই ‘কাং কন’ নামের আরেকটি যুদ্ধজাহাজ অপারেশনের জন্য প্রস্তুত করবেন। এরপর একের পর এক ১০ হাজার টনের বিশাল কৌশলগত যুদ্ধজাহাজ সাগরে ভাসানো হবে বলে কেসিএনএর ইংরেজি প্রতিবেদনে উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার মূল লক্ষ্য হলো প্রতি বছর অন্তত দুটি বড় যুদ্ধজাহাজ তৈরি করা, যার মান চো হিয়োনের চেয়েও উন্নত হবে এবং এর মধ্যে একটি হবে ১০ হাজার টনের ক্রুজ জাহাজ। সাধারণত ১০ হাজার টন শ্রেণীর একটি যুদ্ধজাহাজ ১৫০ থেকে ১৭০ মিটার লম্বা হয়ে থাকে, যা প্রায় দেড়টি ফুটবল মাঠের সমান এবং এর ওজন কয়েক হাজার গাড়ির সমান। বর্তমানে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীতে ৫ হাজার টনের চেয়ে বড় ১০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে উত্তর কোরিয়ার রয়েছে মাত্র দুটি। সামরিক বিশেষজ্ঞদের মতে, ১০ হাজার টনের এই মাইলফলক উত্তর কোরিয়ার জন্য একটি বিশাল প্রতীকী জয় এবং এটি সিউলের সামুদ্রিক শক্তির চেয়ে পিছিয়ে না থাকার দৃঢ় প্রত্যয় প্রকাশ করে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যানয় সম্মেলন ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেদের একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধ কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি ছাড়াই কেবল একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় দুই কোরিয়া প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধের মধ্যে রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান নিরাপত্তা সহযোগী যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ রুখতেই মূলত উত্তর কোরিয়া এই ধরনের পরমাণু অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা ব্যয় এবং ঝুঁকি আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: জিও নিউজ
বিশ্বকাপ ফুটবলে দীর্ঘ ২০ বছর পর নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এই ঐতিহাসিক গৌরব নিশ্চিত করেছে দলটি। ২৬ জুন শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নাটকীয় জয়ের পর পুরো দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই অবিস্মরণীয় অর্জনকে উদ্যাপন করতে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া পরের দিনকে দেশটিতে সাধারণ জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় প্রেসিডেন্ট নোবোয়া খেলোয়াড় ও কোচদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, যারা সমালোচনা, অপমান আর কঠিন সময়ের পরও ঘুরে দাঁড়িয়েছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ এনে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তিনি একই সাথে পরের দিন ছুটি ঘোষণা করে ইকুয়েডরের দীর্ঘায়ু কামনা করেন। অথচ এই ম্যাচের শুরুটা ইকুয়েডরের জন্য ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো, কারণ খেলার মাত্র দ্বিতীয় মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে নেন লেরয় সানে। তবে জার্মানির প্রথম গোলটি নিয়ে মাঠেই তীব্র বিতর্ক তৈরি হয়। গোলের ঠিক আগে আলেক্সান্ডার পাভলোভিচ ইকুয়েডরের মিডফিল্ডার পেদ্রো ভিতেকে উঁচু বুট দিয়ে আঘাত করেছিলেন বলে অভিযোগ ওঠে। ইকুয়েডরের খেলোয়াড়রা ফাউলের জোরালো প্রতিবাদ করলেও রেফারি টোরি পেনসো গোল বহাল রাখেন এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। তবে সেই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর এবং সাত মিনিটের মধ্যে ভিতে জার্মানির কাছ থেকে বল কেড়ে নেন। এরপর নিলসন আঙ্গুলো বক্সের বাইরে থেকে একটি চমৎকার বাঁকানো শট নেন, যা পাভলোভিচের পায়ের ফাঁক দিয়ে সরাসরি জালে জড়ায়। এটি ছিল চলতি বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল এবং টুর্নামেন্টে তাদের ৪০তম শটে আসা প্রথম সাফল্য। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি পেনাল্টির দাবি তুললেও ভিএআর পর্যালোচনার পর রেফারি সেই সিদ্ধান্ত বাতিল করে দেন, কারণ বিল্ড-আপের সময় সানে নিজেই ফাউল করেছিলেন। খেলার ৬৪ মিনিটে মাঠে আসেন কেভিন রদ্রিগেজ এবং ৭৭ মিনিটে একটি কর্নার থেকে তাঁর হেড ফ্লিক পেনাল্টি এলাকার ভেতরে চলে যায়। সেখানে সবার আগে পৌঁছে পা বাড়িয়ে বলটি জালে ঠেলে দেন গনজালো প্লাতা, যার ফলে ইকুয়েডর ২-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ ১০ মিনিট জার্মানি সমতার জন্য একের পর এক আক্রমণ করলেও ইকুয়েডর রক্ষণ গুটিয়ে প্রতিটি আক্রমণ প্রতিহত করে নাটকীয় এই জয় নিশ্চিত করে।
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে যুক্তরাজ্যের নতুন পরিকল্পনাকে সন্দেহজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো বাণিজ্যিক স্বার্থ নেই। কিয়েভ সরকারকে অন্ধ সমর্থন দেওয়ার জন্য এই রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে বলে মস্কো মনে করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে মারিয়া জাখারোভা এই মন্তব্য করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই পরিকল্পনাটি সম্ভবত ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত নিম্ন-সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের সঙ্গে সরাসরি সম্পর্কিত. বর্তমানে ব্রিটিশ প্রতিষ্ঠান ইউরেনকো এ ধরনের পণ্যের অন্যতম প্রধান বৈশ্বিক সরবরাহকারী হিসেবে কাজ করছে। তবে ইউক্রেনের নিজস্বভাবে পারমাণবিক জ্বালানি উৎপাদনের কোনো শিল্প সক্ষমতা রয়েছে বলে রাশিয়ার জানা নেই। তাই সরবরাহ করা ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে নয়, বরং তৃতীয় কোনো দেশের পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী কারখানায় পাঠানো হবে। রাশিয়ার ধারণা, এই ইউরেনিয়াম সম্ভবত ওয়েস্টিংহাউস নামের একটি কারখানায় পাঠানো হবে। জাখারোভা বলেন, লন্ডনের বক্তব্য অনুযায়ী এই চুক্তির সঙ্গে ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার মতো বিপজ্জনক অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। তবে রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাজ্যকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইউক্রেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি অনুযায়ী তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা কঠোরভাবে পালন করবে। একই সাথে সরবরাহ করা উপাদান নির্ধারিত উদ্দেশ্যেই ব্যবহার করবে। বিবৃতিতে বলা হয়, এসব শর্ত পূরণ হলে এই সরবরাহ আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে দুর্বল করবে না। পাশাপাশি সংশ্লিষ্ট পারমাণবিক উপাদানকে অবশ্যই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর পূর্ণ তত্ত্বাবধানে রাখতে হবে। তবে জাখারোভার মূল দাবি, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য বাণিজ্যিক সুবিধা লাভ করা নয়। বরং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে সব পরিস্থিতিতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে একটি রাজনৈতিক সুবিধা অর্জন করা। তিনি অভিযোগ করে বলেন, ব্রিটিশ সরকারের এই অবস্থান এমন সময় এসেছে, যখন ইউক্রেনীয় বাহিনী জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এর কর্মীদের আবাসস্থল এনারহোদার শহরে সরাসরি হামলা চালিয়ে যাচ্ছে বলে রাশিয়ার কাছে তথ্য রয়েছে। এই চরম উসকানিমূলক বিষয়ে লন্ডনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিন্দা বা উদ্বেগ প্রকাশ করা হয়নি। এই নীরবতাই পারমাণবিক নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের আসল অবস্থানকে বিশ্বের কাছে স্পষ্ট করে দেয়। তাই ইউক্রেনকে দেওয়া ব্রিটিশ সহায়তার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার কোনো বিভ্রম নেই।
ইউরোপের দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মকালীন দাবদাহ দিন দিন মারাত্মক রূপ ধারণ করায় এয়ার কন্ডিশনার বা এসি কেনার রেকর্ড হিড়িক পড়েছে। দীর্ঘদিন ধরে ইউরোপীয়রা এসি-কে একটি অপ্রয়োজনীয়, অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিলাসিতা মনে করলেও বর্তমান পরিস্থিতির কারণে সেই দীর্ঘদিনের ধারণা দ্রুত পাল্টাচ্ছে। তীব্র গরমে প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঠেকাতে ইউরোপজুড়ে এখন ঘরে ঘরে এসি সংগ্রহের ধুম লেগেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইউরোপ মহাদেশে প্রতি বছর অতিরিক্ত গরমের কারণে গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ মারা যান। এই ভয়াবহ পরিস্থিতিতে নিজের ও পরিবারের জীবন বাঁচাতে এসি এখন বিলাসিতা থেকে অন্যতম এক জরুরি পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন চিকিৎসা ও পরিবেশ বিষয়ক গবেষণায় দেখা গেছে, ঘরের ভেতরে সঠিক উপায়ে এয়ার কন্ডিশনারের ব্যবহার গরমজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। এত বড় সুবিধা থাকা সত্ত্বেও ইউরোপের মাত্র ২০ শতাংশ পরিবারে এসি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে এই হার প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। ইউরোপে এতদিন এসির ব্যবহার কম থাকার পেছনে মূল কারণ ছিল তাদের ঐতিহ্যগত সহনশীলতা এবং প্রাচীন ঘরবাড়ির বিশেষ স্থাপত্যশৈলী। মহাদেশের দক্ষিণের দেশগুলোতে মোটা সাদা দেয়াল ও ছোট জানালার মাধ্যমে ঘর ঠান্ডা রাখা হতো, আর উত্তরের দেশগুলোতে গ্রীষ্মকালে কখনোই এমন তীব্র গরম অনুভূত হতো না। এছাড়া ইউরোপের দেশগুলোতে গ্যাসের উচ্চমূল্য এবং কম গড় বেতনের কারণে বিদ্যুৎ বিলের অতিরিক্ত খরচও এসি কেনার পেছনে একটি বড় সামাজিক বাধা হিসেবে কাজ করত। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ইউরোপ বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে উত্তপ্ত হয়ে উঠছে। চলতি সপ্তাহে ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির খোঁজে নদী বা বিভিন্ন জলাশয়ে নামায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমের কারণে প্যারিস ও এর আশপাশের দোকানগুলোতে সাধারণ এসি পুরোপুরি বিক্রি হয়ে গেছে। অন্যদিকে যুক্তরাজ্যও তাদের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুন মাস পার করছে। সেখানে গত ৩ বছরের তুলনায় এসি ব্যবহারের হার দ্বিগুণ হয়ে প্রায় ৪০ লাখ পরিবারে পৌঁছেছে। লন্ডনের স্থানীয় এসি সরবরাহকারী ও টেকনিশিয়ানরা জানিয়েছেন, করোনা মহামারীর পর থেকে এসির চাহিদা প্রতি বছর ২৫ থেকে ৩০ শতাংশ বাড়লেও এবারের গরমের মতো এত ব্যস্ত সময় তারা গত ২৫ বছরে আর কখনো দেখেননি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে ২০০৩ সালের এক ভয়াবহ ও প্রাণঘাতী দাবদাহের পর এসির ব্যবহার প্রথম ব্যাপক হারে বৃদ্ধি পেতে শুরু করে। ওই সময়ে দেশটির মাত্র ১০ থেকে ১৫ শতাংশ বাড়িতে এসি থাকলেও ২০২৪ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নের মোট এসি ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের এক-তৃতীয়াংশই একা ব্যবহার করে ইতালি। আন্তর্জাতিক রেফ্রিজারেশন ইনস্টিটিউটের এক পূর্বাভাসে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে সামগ্রিকভাবে পুরো ইউরোপে এয়ার কন্ডিশনারের সংখ্যা বর্তমানের চেয়ে অন্তত দ্বিগুণ হয়ে যাবে। এমনকি জার্মানি এবং উত্তরের অন্যান্য তুলনামূলক ঠান্ডা দেশগুলোতেও এখন ধীরে ধীরে এসির ব্যবহার এবং বিক্রির পরিমাণ বাড়ছে। জলবায়ু বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করেছেন যে কয়লা বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে এসি চালালে বৈশ্বিক তাপমাত্রা ভবিষ্যতে আরও বাড়বে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে বিশ্বব্যাপী উৎপাদিত ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের প্রায় ৪ শতাংশ আসে কেবল এসি থেকে, যা বৈশ্বিক বিমান শিল্পের চেয়েও প্রায় দ্বিগুণ। এই পরিবেশগত সংকট মোকাবিলায় বিশেষজ্ঞরা সাধারণ এসি বাদ দিয়ে আধুনিক এবং কম বিদ্যুৎসাশ্রয়ী 'হিট পাম্প' প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। একই সাথে এসির বিদ্যুৎ সরবরাহ সোলার বা সৌরবিদ্যুৎ থেকে নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ কার্বনমুক্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করায় স্পেন, ইতালি ও গ্রিসের মতো দেশগুলো ইতিমধ্যেই সরকারি ভবনগুলোতে গ্রীষ্মকালে এসি ব্যবহারের ওপর নির্দিষ্ট সীমা বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।