সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ভোটব্যবস্থা নিয়ে আদালতের গুরুত্বপূর্ণ রায়। কোলাজ: আমেরিকা বাংলা
ট্রাম্পের ভোটার নিবন্ধন সংক্রান্ত নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিল ফেডারেল আদালত

যুক্তরাষ্ট্রে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আদালতের এ রায়কে ভোটাধিকার ও গণতন্ত্রপন্থী সংগঠনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে। তাদের অভিযোগ ছিল, নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার ওপর প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল।   ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল জেলা আদালতের বিচারক ডেনিস ক্যাসপার বুধবার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচন পরিচালনা বা নির্বাচনসংক্রান্ত নিয়ম নির্ধারণের কোনো নির্দিষ্ট ক্ষমতা দেয়নি। তিনি উল্লেখ করেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের এবং এ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কংগ্রেসের।   ট্রাম্পের নির্বাহী আদেশে ভোটার নিবন্ধনের সময় পাসপোর্ট, জন্মসনদ বা অনুরূপ সরকারি নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়েছিল। নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি নিবন্ধনের তথ্য পরিবর্তনের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য হওয়ার কথা ছিল। তবে আদালতের রায়ের কারণে আদেশটির কোনো বিধানই এখন পর্যন্ত কার্যকর হয়নি। এর আগে ডেমোক্র্যাটিক পার্টির কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আদালতে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানিতেই বিচারক ক্যাসপার আদেশটিকে সাময়িকভাবে স্থগিত করেছিলেন। সর্বশেষ রায়ে তিনি স্পষ্ট করেন, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।   এদিকে কংগ্রেসেও সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি বিল নিয়ে আলোচনা চলছে। ওই বিলেও ভোটারদের নাগরিকত্বের প্রমাণ দেখানোর অনুরূপ বিধান রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন থাকা সত্ত্বেও বিলটি এখনো কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পায়নি। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সম্প্রতি একটি দ্বিদলীয় আবাসনবিষয়ক বিলে স্বাক্ষরের পরিকল্পনাও স্থগিত করেন। তিনি জানান, কংগ্রেস আগে সেভ আমেরিকা অ্যাক্ট পাস করুক, তারপর অন্য বিল বিবেচনা করবেন।   নির্বাচন নিয়ে ট্রাম্পের অবস্থান তার দ্বিতীয় মেয়াদেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে তার আপত্তি এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। যদিও এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা যায়নি। সাম্প্রতিক সময়েও ক্যালিফোর্নিয়ার নির্বাচনী ফল নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।   এ বছর ট্রাম্প ভোটব্যবস্থা নিয়ে আরও একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে প্রতিটি অঙ্গরাজ্যের নিশ্চিত নাগরিক ভোটারদের একটি কেন্দ্রীয় তালিকা তৈরির উদ্যোগ এবং ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়। এই আদেশ নিয়েও একাধিক মামলা হয়েছে। যদিও একটি ফেডারেল আদালত বিষয়টিকে এখনই স্থগিত করার আবেদন খারিজ করে জানায়, বিষয়টি এখনো বিচারিক হস্তক্ষেপের উপযুক্ত পর্যায়ে পৌঁছায়নি।   অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগও একটি নতুন নীতিমালার প্রস্তাব দিয়েছে। এতে অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়ার আবেদনকারীদের তালিকা ও সংশ্লিষ্ট তথ্য ডাক বিভাগের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। ডাক বিভাগের প্রধান ডেভিড স্টেইনার সতর্ক করে বলেছেন, যেসব অঙ্গরাজ্য এই তথ্য দেবে না, সেখানে ডাকযোগে পাঠানো ব্যালট বিতরণে বাধা দেওয়া হতে পারে।   এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির ৪৭ জন সিনেটর। তারা ডাক বিভাগকে পাঠানো এক যৌথ চিঠিতে বলেন, এমন তালিকায় ভুল তথ্য থাকার ঝুঁকি রয়েছে, যা বৈধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে। তাদের ভাষায়, প্রস্তাবিত নীতিমালা লাখো ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি তৈরি করতে পারে।   নির্বাচন বিশ্লেষকদের মতে, আদালতের এই রায় যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা নিয়ে চলমান বিতর্কে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে ভোটার নিবন্ধন, নাগরিকত্ব যাচাই এবং ডাকযোগে ভোট গ্রহণের নিয়ম নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই আগামী মাসগুলোতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২২:৫৫
ফেডারেল পদে নিয়োগের বিরোধিতায় ট্রাম্পপন্থীরা। কোলাজ: আমেরিকা বাংলা
বিদেশে জন্ম নেওয়া ব্যক্তিদের ফেডারেল গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিরোধিতায় ট্রাম্পপন্থীরা

ওয়াশিংটন, ডিসি: যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের গুরুত্বপূর্ণ পদে বিদেশে জন্ম নেওয়া নাগরিকদের নিয়োগের ক্ষেত্রে নতুন সাংবিধানিক সীমাবদ্ধতা আরোপের দাবি তুলেছেন ট্রাম্পপন্থী রিপাবলিকানরা। এ লক্ষ্যে প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি মেস একটি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছেন, যা ইতোমধ্যে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।   ন্যান্সি মেসের প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের সদস্য, ফেডারেল বিচারক এবং সিনেটের অনুমোদনপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অবশ্যই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া (ন্যাচারাল-বর্ন) নাগরিক হতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধানে এ ধরনের শর্ত কেবল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য। মেসের দাবি, দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও বিচারিক পদে থাকা ব্যক্তিদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতি একক আনুগত্য নিশ্চিত করতেই এ সংশোধনী প্রয়োজন।   সম্প্রতি ফেডারেল বিচারক স্পার্কল এল. সুকনানান ট্রাম্প প্রশাসনের ভোটার তালিকা যাচাই-সংক্রান্ত একটি উদ্যোগে স্থগিতাদেশ দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ট্রাম্প প্রশাসন অঙ্গরাজ্যগুলোকে অভিবাসন-সংক্রান্ত ফেডারেল তথ্যভান্ডার ব্যবহার করে ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের সুযোগ দিতে চেয়েছিল। আদালত রায়ে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং বৈধ নাগরিকদের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে ওই উদ্যোগে সাময়িক স্থগিতাদেশ দেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পপন্থীদের একাংশ বিদেশে জন্ম নেওয়া ব্যক্তিদের ফেডারেল গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন।   প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনীকে ঘিরে বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিদেশে জন্ম নেওয়া এবং পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া কয়েকজন কংগ্রেস সদস্য এ উদ্যোগকে অভিবাসী নাগরিকদের প্রতি বৈষম্যমূলক ও বিভাজনমূলক বলে সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, যুক্তরাষ্ট্র অভিবাসীদের অবদানের ওপর গড়ে ওঠা একটি দেশ এবং আইনগতভাবে নাগরিকত্ব অর্জনকারীরা সংবিধান অনুযায়ী সমান অধিকার ভোগ করেন।   সংবিধান বিশেষজ্ঞদের মতে, ন্যান্সি মেসের প্রস্তাব আইন হিসেবে কার্যকর হওয়ার পথ অত্যন্ত কঠিন। যুক্তরাষ্ট্রে কোনো সাংবিধানিক সংশোধনী পাস করতে হলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন এবং পরে অঙ্গরাজ্যগুলোর অন্তত তিন-চতুর্থাংশের অনুমোদন প্রয়োজন। ফলে রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও প্রস্তাবটি বাস্তবে আইনে পরিণত হওয়ার সম্ভাবনা আপাতত অনিশ্চিত।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২২:৪২
নিরাপদ সড়কের সুবিধা পাচ্ছেন পথচারী ও গাড়িচালকেরাও। ছবি: সংগৃহীত
নিউ জার্সির সবচেয়ে সাইকেলবান্ধব শহর হবোকেন, নিরাপদ সড়কের সুফল পাচ্ছেন সবাই

যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা পিপল ফর বাইকস প্রকাশিত ২০২৬ সালের নতুন র‍্যাঙ্কিংয়ে নিউ জার্সির সবচেয়ে সাইকেলবান্ধব শহর হিসেবে নির্বাচিত হয়েছে হবোকেন। শুধু অঙ্গরাজ্যেই নয়, মাঝারি আকারের শহরের তালিকায়ও দেশজুড়ে অন্যতম সেরা অবস্থান অর্জন করেছে শহরটি। নগর কর্তৃপক্ষ বলছে, এই স্বীকৃতি শুধু সাইকেল আরোহীদের জন্য নয়, পথচারী ও গাড়িচালকদের জন্যও নিরাপদ ও পরিকল্পিত সড়কব্যবস্থা গড়ে তোলার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল।   প্রতিবছরের মতো এবারও পিপল ফর বাইকস যুক্তরাষ্ট্রের ৩ হাজার ১৯টি শহর ও জনপদের সাইকেল অবকাঠামো মূল্যায়ন করে। ১০০ নম্বরের মধ্যে ৫০ বা তার বেশি স্কোর পাওয়া ৫৫৫টি শহরকে উন্নত সাইকেলবান্ধব হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাঝারি আকারের শহরের বিভাগে হবোকেন পেয়েছে ৮৩ নম্বর। এই স্কোর নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ৭০ নম্বরকেও ছাড়িয়ে গেছে। জাতীয় পর্যায়ে হবোকেনের অবস্থান ৫৪তম এবং মধ্য-আটলান্টিক অঞ্চলে নবম।   নিউ জার্সির তালিকায় হবোকেনের পর রয়েছে রোজেল ও রোজেল পার্ক, যারা পেয়েছে ৮২ নম্বর। এরপর রয়েছে লরেন্সভিল (৭৬), হাইল্যান্ড পার্ক (৭৩), হাই ব্রিজ (৭২), মার্গেট (৭০) এবং অ্যাজবুরি পার্ক (৬৫)। অন্যদিকে নিউ ব্রান্সউইক, এলিজাবেথ, ট্রেন্টন ও জার্সি সিটিও সাইকেল অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিপল ফর বাইকসের অবকাঠামোবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিনা হ্যাগার্টি বলেন, যে শহরগুলোতে উন্নত সাইকেল নেটওয়ার্ক রয়েছে, সেগুলো সাধারণত সব ধরনের সড়ক ব্যবহারকারীর জন্যই বেশি নিরাপদ। তার মতে, নিরাপদ সাইকেল লেন শুধু সাইকেল আরোহীদের জন্য নয়, পথচারী, হুইলচেয়ার ব্যবহারকারী এবং মোটরযান চালকদের জন্যও দুর্ঘটনার ঝুঁকি কমায়।   হবোকেন ছয়টি মূল্যায়ন সূচকেই ৭৫ বা তার বেশি নম্বর পেয়েছে। এর মধ্যে রয়েছে আবাসিক এলাকা, সরকারি সেবা, ব্যবসাকেন্দ্র, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণপরিবহনে সাইকেলে সহজে পৌঁছানোর সুযোগ। প্রতিবেদনে হবোকেনের ২০ মাইল প্রতি ঘণ্টা গতিসীমা এবং ভিশন জিরো কর্মসূচির বিশেষ প্রশংসা করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য সড়ক দুর্ঘটনায় প্রাণহানি শূন্যে নামিয়ে আনা। নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে হবোকেনের সড়কে কোনো প্রাণঘাতী ট্রাফিক দুর্ঘটনা ঘটেনি।   হবোকেনের মেয়র এমিলি বি. জ্যাবুর বলেন, এই স্বীকৃতি শহরের দীর্ঘদিনের পরিকল্পনা ও বিনিয়োগের ফল। তার ভাষায়, শহরের পরিবহনব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে মানুষ হাঁটতে, সাইকেল চালাতে, গণপরিবহন ব্যবহার করতে কিংবা গাড়ি চালাতে সমানভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি আরও জানান, সম্প্রতি শহর কর্তৃপক্ষ ভিশন জিরো কর্মসূচির হালনাগাদ পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি রাস্তা পুনর্নির্মাণ বা সংস্কারের সময় কমপ্লিট স্ট্রিটস নীতিমালা অনুসরণ করা হচ্ছে। এই নীতির আওতায় রাস্তা এমনভাবে তৈরি করা হয়, যাতে সব ধরনের সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয়।   হবোকেনে গত কয়েক বছরে সাইকেল লেনের নেটওয়ার্ক সম্প্রসারণ, গতিসীমা কমানো এবং জার্সি সিটির সঙ্গে যৌথভাবে আঞ্চলিক বাইক-শেয়ার ব্যবস্থা চালু করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ শহরটিকে আরও সাইকেলবান্ধব করে তুলেছে। মার্টিনা হ্যাগার্টি বলেন, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এমন শহরে বসবাস করতে চান, যেখানে চলাচলের জন্য একাধিক নিরাপদ বিকল্প রয়েছে। কিন্তু নিরাপদ অবকাঠামোর অভাবে অনেকেই নিয়মিত সাইকেল চালাতে আগ্রহী হলেও তা করতে পারেন না।   মেয়র জ্যাবুরের মতে, অনেকেই মনে করেন সাইকেল লেন শুধু সাইকেল আরোহীদের জন্য। বাস্তবে এটি সড়ক ব্যবহারকারীদের মধ্যে সংঘর্ষ কমায়, যানবাহনের গতি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পুরো সড়কব্যবস্থাকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করে তোলে। বিশেষজ্ঞদের মতে, একটি কার্যকর সাইকেল নেটওয়ার্ক তখনই সফল হয়, যখন তা আবাসিক এলাকা, স্কুল, কর্মস্থল, গণপরিবহন কেন্দ্র এবং বাণিজ্যিক এলাকার সঙ্গে সংযুক্ত থাকে। তাই পৃথক সাইকেল লেন নির্মাণের পাশাপাশি শহরগুলোর মধ্যে সংযোগ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২২:১৮
নিউইয়র্কে তিন বছরের এক শিশুর মৃত্যু। কোলাজ: আমেরিকা বাংলা
নিউইয়র্কে চরম অবহেলায় তিন বছরের শিশুর মৃত্যু, আদালতে দোষ স্বীকার করলেন বাবা-মা

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে দীর্ঘদিনের অবহেলার শিকার হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার বাবা-মা আদালতে দোষ স্বীকার করেছেন। তদন্তে উঠে এসেছে, শিশুটি দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও পরিচর্যার অভাবে গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছিল। আদালত এই ঘটনাকে 'অত্যন্ত মর্মান্তিক ও দীর্ঘদিনের অবহেলার ফল' হিসেবে উল্লেখ করেছে।   আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি অ্যালবানি শহর থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত করিন্থ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তিন বছরের জয়সলিন ডিলেউস্কিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সে সময় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   ময়নাতদন্তে চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিনের অবহেলা ও পরিচর্যার অভাবের কারণে শিশুটির শরীরে গুরুতর রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত হৃদ্‌যন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে তার শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত ক্লোনিডিন নামের একটি ওষুধের উপস্থিতিও পাওয়া যায়। তদন্তকারীরা বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেন।   এই ঘটনায় শিশুটির বাবা ৩৬ বছর বয়সী ম্যাথিউ ডিলেউস্কি এবং মা ৩৩ বছর বয়সী সামান্থা ডিলেউস্কি 'অপরাধমূলক অবহেলার মাধ্যমে মৃত্যুর' অভিযোগে দোষ স্বীকার করেন। চলতি মাসে আদালত তাদের প্রত্যেককে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড দেন। প্রসিকিউটরদের ভাষ্য, তদন্তে উদ্ধার হওয়া বার্তালাপে দেখা যায়, শিশুটিকে ক্লোনিডিন ওষুধ দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলোচনা হয়েছিল। এছাড়া শিশুটির মৃত্যুর পর ওই ওষুধ শরীরে কতক্ষণ থাকে, সে সম্পর্কেও ইন্টারনেটে অনুসন্ধান করা হয়েছিল বলে আদালতে জানানো হয়।   অন্যদিকে সামান্থা প্রথমদিকে তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন, শিশুটির শারীরিক দুর্বলতার কারণ জন্মগত হৃদ্‌রোগ। তবে প্রসিকিউটররা আদালতে জানান, চিকিৎসা পরীক্ষায় শিশুটির হৃদ্‌যন্ত্রে এমন কোনো জন্মগত সমস্যা পাওয়া যায়নি। তদন্তে অ্যাপার্টমেন্টটির অস্বাস্থ্যকর পরিবেশও উঠে আসে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাড়ির বিভিন্ন স্থানে আবর্জনা, পচা খাবার, মাছি, ময়লা এবং অপরিচ্ছন্নতার চিত্র দেখা যায়। পরে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানের প্রকাশ করা ছবিতেও বাসার অত্যন্ত নোংরা পরিবেশের প্রমাণ মিলেছে।   সারাটোগা কাউন্টির বিচারক জেমস আর. ডেভিস রায় ঘোষণার সময় বলেন, তার বিচারিক জীবনে এত ভয়াবহ প্রাক-সাজা মূল্যায়ন প্রতিবেদন খুব কমই দেখেছেন। তিনি বলেন, শিশুটি দীর্ঘ সময় ধরে কষ্ট পেয়েছে এবং পরিবারের অন্য শিশুরাও সেই অবহেলার সাক্ষী ছিল। আদালতের আদেশ অনুযায়ী, দম্পতির জীবিত থাকা অন্য চার সন্তানের সঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত তারা কোনো ধরনের যোগাযোগ বা সাক্ষাৎ করতে পারবেন না।   রায় ঘোষণার সময় সামান্থা আদালতে বলেন, সন্তানদের রক্ষা করা একজন মায়ের দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ম্যাথিউ বলেন, তিনি চান তার পরিবর্তে তার মেয়ে বেঁচে থাকুক। এদিকে এই ঘটনার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা 'জয়সলিনস ল' নামে একটি নতুন আইন প্রস্তাব করেছেন। প্রস্তাবটি পাস হলে অপরাধমূলক অবহেলার মাধ্যমে মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ সাজা ২০ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২২:৪
প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে মামদানি। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে অ্যাপার্টমেন্টের ভাড়া স্থির রাখার পথে মামদানি, উদ্বেগে বাড়ির মালিক ও বিশেষজ্ঞরা

নিউইয়র্ক সিটিতে ভাড়া নিয়ন্ত্রিত ১০ লাখের বেশি অ্যাপার্টমেন্টের ভাড়া আগামী বছর বাড়ানো হবে কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে শহরের রেন্ট গাইডলাইনস বোর্ড। বৃহস্পতিবারের এই ভোটকে নতুন মেয়র জোহরান ম্যামদানির আবাসন নীতির প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তবে আবাসন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভাড়া স্থির রাখার সিদ্ধান্ত স্বল্পমেয়াদে ভাড়াটিয়াদের স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে এটি নতুন আবাসন সংকট তৈরি করতে পারে।   চলতি বছরের মে মাসে নয় সদস্যের রেন্ট গাইডলাইনস বোর্ড ভাড়া শূন্য শতাংশ বাড়ানোর প্রস্তাব বিবেচনায় আনে। নির্বাচনী প্রচারণায় ম্যামদানি ভাড়া নিয়ন্ত্রিত বাসার ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এই ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ম্যামদানির সমর্থিত প্রার্থীদের জয়ের পর তার রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী হয়েছে। ফলে ভাড়া স্থির রাখার প্রস্তাব অনুমোদিত হলে সেটিকে তার জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবেও দেখা হবে।   তবে আবাসন বাজার বিশ্লেষকদের মতে, সিদ্ধান্তটির অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্ব সহকারে ভাবা প্রয়োজন। রিয়েলটর ডটকমের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জেক ক্রিমেল বলেন, ভাড়া স্থির রাখার ধারণা শুনতে আকর্ষণীয় মনে হলেও এর অনাকাঙ্ক্ষিত প্রভাব আবাসন খাতকে দুর্বল করে দিতে পারে। তার ভাষ্য, ভবনের রক্ষণাবেক্ষণ, বীমা, জ্বালানি, সম্পত্তি কর এবং অন্যান্য পরিচালন ব্যয় প্রতি বছরই বাড়ছে। কিন্তু ভাড়া না বাড়লে ভবনের মালিকদের আয়ও স্থির থাকবে। এতে ভবন মেরামত, সংস্কার এবং পুরোনো অ্যাপার্টমেন্ট বসবাসযোগ্য রাখতে প্রয়োজনীয় বিনিয়োগ কমে যেতে পারে।   নিউইয়র্কের ক্ষুদ্র সম্পত্তি মালিকদের সংগঠনের সভাপতি অ্যান করচাকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রেন্ট গাইডলাইনস বোর্ডের নিজস্ব পরিচালন ব্যয় সূচক অনুযায়ী ভাড়া নিয়ন্ত্রিত ভবনের ব্যয় গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। শুধু বীমা খরচই এক বছরে ১০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার মতে, বাস্তব ব্যয় বাড়লেও ভাড়া অপরিবর্তিত রাখলে ছোট ভবনের মালিকরা সবচেয়ে বেশি চাপে পড়বেন। ম্যামদানি অবশ্য ভবনের মালিকদের বীমা ব্যয় কমাতে নগর প্রশাসনের সহায়তায় একটি নতুন বীমা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন। তবে সেটি এখনো কার্যকর হয়নি। এছাড়া কোন ভবন বা মালিক এই সুবিধা পাবেন, সে বিষয়েও স্পষ্টতা নেই।   বিশেষজ্ঞদের আশঙ্কা, আয় কমে গেলে অনেক মালিক ভবন সংস্কার বিলম্বিত করবেন অথবা খালি থাকা অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার পরিবর্তে ফাঁকা রাখতেই আগ্রহী হবেন। এতে ভাড়া নিয়ন্ত্রিত আবাসনের সংখ্যা কার্যত কমে যেতে পারে। বর্তমানে নিউইয়র্কে প্রায় ৫০ হাজার 'ঘোস্ট অ্যাপার্টমেন্ট' রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। এগুলো এমন ভাড়া নিয়ন্ত্রিত বাসা, যা দীর্ঘদিন খালি থাকলেও পুনরায় ভাড়ার বাজারে আনা হয়নি। সমালোচকদের মতে, ভাড়া স্থির রাখার সিদ্ধান্ত এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।   জেক ক্রিমেলের মতে, ভাড়া নিয়ন্ত্রণের কঠোর নীতি অনেক সময় নতুন সমস্যার জন্ম দেয়। তিনি ২০১৯ সালে সান ফ্রান্সিসকোতে পরিচালিত একটি গবেষণার উদাহরণ তুলে ধরেন। সেখানে দেখা যায়, কঠোর ভাড়া নিয়ন্ত্রণের ফলে ভাড়ার জন্য উপলব্ধ আবাসনের সংখ্যা প্রায় ১৫ শতাংশ কমে যায়। অনেক মালিক ভবন বিক্রি করে দেন অথবা উচ্চমূল্যের কন্ডোমিনিয়ামে রূপান্তর করেন। যদিও নিউইয়র্কের আবাসন বাজার সান ফ্রান্সিসকোর তুলনায় ভিন্ন, তবুও অর্থনীতিবিদদের মতে, যদি ভবনের মালিকরা পর্যাপ্ত আয় না পান, তাহলে তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ কমিয়ে দিতে পারেন। এর ফলে ভবনের মানের অবনতি, খালি অ্যাপার্টমেন্টের সংখ্যা বৃদ্ধি এবং বাজারে নতুন ভাড়ার বাসার সংকট আরও তীব্র হতে পারে।   অন্যদিকে ম্যামদানির সমর্থকদের যুক্তি, নিউইয়র্কের অর্ধেকেরও বেশি ভাড়াটিয়া তাদের আয়ের অন্তত ৩০ শতাংশ বাড়িভাড়ার পেছনে ব্যয় করেন। জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়তে থাকায় ভাড়া স্থির রাখা লাখো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য বড় স্বস্তি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভাড়াটিয়াদের স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবনের মালিকদের জন্যও কার্যকর আর্থিক সহায়তা, সংস্কার তহবিল এবং কঠোর তদারকির ব্যবস্থা না থাকলে শুধু ভাড়া স্থির রাখার নীতি দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। নিউইয়র্কের আবাসন সংকট মোকাবিলায় ভাড়াটিয়া ও সম্পত্তি মালিক, উভয় পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২১:৪৬
বাড়ি কেনার আগে জেনে নিন কোথায় কী ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায়। ছবি: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের কোন কোন অঙ্গরাজ্যে বাড়ি কিনলে মিলতে পারে বাড়তি সুবিধা?

যুক্তরাষ্ট্রে বাড়ি কিনলেই সরকার সরাসরি নগদ অর্থ দেয়—এমন কোনো জাতীয় কর্মসূচি নেই। তবে জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং নতুন বাসিন্দা আকৃষ্ট করতে বিভিন্ন অঙ্গরাজ্য, শহর ও স্থানীয় প্রশাসন বাড়ি ক্রেতাদের জন্য নানা ধরনের প্রণোদনা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ডাউন পেমেন্টে আর্থিক সহায়তা, স্বল্পসুদের ঋণ, কর-সুবিধা এবং কিছু ক্ষেত্রে নগদ প্রণোদনাও।   যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য প্রায় সব অঙ্গরাজ্যেই আলাদা সহায়তা কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা ডাউন পেমেন্ট ও ক্লোজিং কস্টের জন্য অনুদান বা স্বল্পসুদের ঋণ পেতে পারেন। তবে আয়ের সীমা, বাড়ির মূল্য এবং বাড়িটি নিজস্ব বাসস্থান হিসেবে ব্যবহারের মতো কিছু শর্ত পূরণ করতে হয়।   নতুন বাসিন্দা আকর্ষণের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হলো ওয়েস্ট ভার্জিনিয়ার ‘অ্যাসেন্ড ওয়েস্ট ভার্জিনিয়া’ কর্মসূচি। এছাড়া ওকলাহোমার তুলসা শহরের ‘টালসা রিমোট’ এবং কানসাসের টোপেকা শহরের ‘চুজ টোপেকা’ কর্মসূচির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের আর্থিক সহায়তা ও স্থানান্তর প্রণোদনা দেওয়া হয়। এসব উদ্যোগের মূল লক্ষ্য নতুন কর্মজীবী ও পরিবারকে ওই এলাকায় বসবাসে উৎসাহিত করা।   কর-সুবিধার দিক থেকেও কিছু অঙ্গরাজ্য এগিয়ে রয়েছে। ফ্লোরিডা, টেক্সাস, টেনেসি, নেভাডা ও ওয়াইওমিং-এ কোনো স্টেট ইনকাম ট্যাক্স নেই। ফলে এসব রাজ্যে বসবাস করলে অনেক পরিবারের বার্ষিক করের ব্যয় তুলনামূলক কম হতে পারে। তবে অন্যদিকে সম্পত্তি কর, বাড়ির বীমা এবং জীবনযাত্রার ব্যয় রাজ্যভেদে ভিন্ন হওয়ায় সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন বাড়ি কেনা বেচায় কর্মরত যারা আছেন।   তবে বাংলাদেশি অভিবাসীদের জন্য বাড়ি কেনার ক্ষেত্রে শুধু আর্থিক প্রণোদনাই বিবেচ্য নয়। সংশ্লিষ্ট এলাকায় বাংলাদেশি বা দক্ষিণ এশীয় কমিউনিটির উপস্থিতি, মসজিদ, দেশীয় মুদি দোকান, বাংলাদেশি বা দক্ষিণ এশীয় রেস্তোরাঁ, ভালো স্কুল, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় বেশি সুবিধার আশায় এমন এলাকায় বাড়ি কেনা হয়, যেখানে পরিচিত কমিউনিটি বা প্রয়োজনীয় সেবা-সুবিধা খুবই সীমিত থাকে। এতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। তাই বাড়ি কেনার আগে আর্থিক সুবিধার পাশাপাশি পারিবারিক, সামাজিক এবং জীবনযাত্রার বাস্তব বিষয়গুলোও গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।   রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কাজ করে এমন অনেকের মতে, বাড়ি কেনার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের সরকারি আবাসন সংস্থা বা স্থানীয় হাউজিং এজেন্সির সর্বশেষ নীতিমালা যাচাই করা জরুরি। কারণ সময়ের সঙ্গে বিভিন্ন প্রণোদনা কর্মসূচির শর্ত, যোগ্যতা এবং সুবিধার পরিমাণ পরিবর্তিত হতে পারে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২১:২০
ভিনিসিউস জুনিয়র। ছবি: সংগৃহীত
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ মরক্কো

মায়ামিতে দাপুটে ফুটবল খেলেই ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই সময়ে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে মরক্কো।   গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। অন্যদিকে রানার্সআপ মরক্কো খেলবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। বর্তমানে ওই গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের মধ্যে শেষ ষোলোর সমীকরণ জমে উঠেছে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। অপর গোলটি করেন ম্যাথুস কুনহা। অন্য ম্যাচে মরক্কোর হয়ে গোল করেন আশরাফ হাকিমি, ইসমাইল সাইবারি, সুফিয়ান রহিমি ও গেসিমে ইয়াসিন।   মায়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে দেন। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনার ক্লিয়ার করা বল গোলরক্ষকের সামনে থাকা ভিনিসিউসের কাছে চলে এলে তিনি ঠান্ডা মাথায় গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন। ২২ মিনিটে আবারও বল জালে পাঠান ভিনিসিউস। তবে জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় ফাউল করার কারণে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়।   তবে বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ব্রুনো গিমারাইসের ভাসিয়ে দেওয়া নিখুঁত ক্রসে হেডে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। চলতি বিশ্বকাপে তিন ম্যাচে এটি ছিল ভিনিসিউসের চতুর্থ গোল। এর আগের কাতার বিশ্বকাপে তিনি করেছিলেন একটি গোল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৬০ মিনিটে রক্ষণভেদী আক্রমণ থেকে সহজ একটি সুযোগ তৈরি করেন ব্রুনো গিমারাইস। নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন ম্যাথুস কুনহার দিকে। ব্রাজিলের এই স্ট্রাইকার সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন। বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল। এর আগে হাইতির বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।   ম্যাচের ৭৬ মিনিটে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর বিশ্বকাপে মাঠে ফিরলেও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি এই তারকা ফরোয়ার্ড। অন্য ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নেয় মরক্কো। দলটির হয়ে আশরাফ হাকিমি, ইসমাইল সাইবারি, সুফিয়ান রহিমি ও গেসিমে ইয়াসিন একটি করে গোল করেন। এই জয়ে ব্রাজিলের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হিসেবেই নকআউট পর্বে উঠতে হয়েছে উত্তর আফ্রিকার দেশটিকে।   গ্রুপ পর্বে ব্রাজিল ও মরক্কো দুটিই অপরাজিত থেকেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোয় পা রাখল ব্রাজিল। এখন নকআউট পর্বে শিরোপার লড়াইয়ে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখাই হবে সেলেসাওদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২১:৮
এক মার্কিন নাগরিকের হাসপাতালের বিল ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবি: সংগৃহীত
হেলথ ইন্স্যুরেন্স না থাকায় ২৪ হাজার ডলারের হাসপাতাল বিল কমে হলো আড়াই হাজার ডলার

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা ছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়ে ২২ হাজার ডলারেরও বেশি ছাড় পাওয়ার একটি ঘটনা দেশটির স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, ক্রমবর্ধমান প্রিমিয়ামের যুগে প্রচলিত স্বাস্থ্যবিমা আদৌ সবার জন্য লাভজনক কি না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একটি ব্যতিক্রমী ঘটনা দেখে স্বাস্থ্যবিমা ছেড়ে দেওয়া বড় ধরনের আর্থিক ঝুঁকিও তৈরি করতে পারে।   নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী মার্কিন নাগরিক ক্লার্কসন লসন চলতি বছর স্বাস্থ্যবিমা না করার সিদ্ধান্ত নেন। পরে জরুরি অসুস্থতায় তাকে দুই রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়। চিকিৎসা শেষে তার নামে ২৪ হাজার ডলারের বেশি বিল তৈরি হয়। তবে হাসপাতালটি 'সেলফ-পে' বা নিজে অর্থ পরিশোধকারী রোগী হিসেবে বিবেচনা করে বিল থেকে ২২ হাজার ডলারেরও বেশি ছাড় দেয়। শেষ পর্যন্ত তাকে পরিশোধ করতে হয় মাত্র ২ হাজার ৪৭৮ ডলার।   ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে লসন বিল দেখিয়ে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ২২ হাজার ডলারেরও বেশি অর্থ মওকুফ করেছে। তার শেয়ার করা খাতভিত্তিক বিলে দেখা যায়, শুধু সিটি স্ক্যানের খরচ ছিল ৮ হাজার ৩৩৯ দশমিক ৯৮ ডলার এবং জরুরি বিভাগের ফি ছিল ৩ হাজার ৭৩৮ দশমিক ৮২ ডলার। লসনের ভাষ্য, স্বাস্থ্যবিমা করলে তাকে প্রতি মাসে ৮০০ থেকে ৯০০ ডলার প্রিমিয়াম দিতে হতো। এর পাশাপাশি ছিল ৫ হাজার ডলারের ডিডাক্টিবল। এসব হিসাব বিবেচনা করেই তিনি স্বাস্থ্যবিমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মতে, অন্তত এই ক্ষেত্রে সরাসরি অর্থ দিয়ে চিকিৎসা নেওয়াই তার জন্য কম ব্যয়বহুল হয়েছে।   তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ব্যতিক্রম হলেও একেবারে বিরল নয়। অনেক হাসপাতাল বিমা প্রতিষ্ঠানের সঙ্গে জটিল প্রশাসনিক প্রক্রিয়া এড়াতে সরাসরি অর্থ পরিশোধকারী রোগীদের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এতে হাসপাতালের প্রশাসনিক ব্যয় কমে এবং সেই সুবিধার একটি অংশ রোগীকে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের ছাড় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে, যদিও সব হাসপাতালের নীতি এক নয়।   তবে এই সুবিধার সঙ্গে বড় ঝুঁকিও রয়েছে। সরাসরি অর্থ পরিশোধ করলে সেই ব্যয় স্বাস্থ্যবিমার ডিডাক্টিবল বা সর্বোচ্চ ব্যক্তিগত ব্যয়ের সীমার মধ্যে গণনা হয় না। এছাড়া বিমা কোম্পানির দরকষাকষির মাধ্যমে নির্ধারিত কম দামের সুবিধাও পাওয়া যায় না। সবচেয়ে বড় বিষয় হলো, বড় ধরনের দুর্ঘটনা বা জটিল অসুস্থতার চিকিৎসা ব্যয় কয়েক হাজার নয়, কয়েক লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সেক্ষেত্রে পুরো ব্যয় রোগীকেই বহন করতে হতে পারে।   যুক্তরাষ্ট্রের 'নো সারপ্রাইজেস অ্যাক্ট' অনুযায়ী, পূর্বনির্ধারিত চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিমাবিহীন রোগীদের সম্ভাব্য খরচের একটি লিখিত ধারণা দিতে হয়। তবে জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। যেহেতু লসনের চিকিৎসা শুরু হয়েছিল জরুরি বিভাগে, তাই তিনি আগাম খরচ জানার সুযোগ পাননি এবং বিল নিয়ে আইনি আপত্তি জানানোর সুযোগও ছিল সীমিত।   নিউজউইকের সঙ্গে কথা বলেন কালেকটিভ হেলথের প্রধান রাজস্ব কর্মকর্তা কৌশিক ভৌমিক। তিনি বলেন, অনেকের হতাশার মূল কারণ শুধু ব্যয় বৃদ্ধি নয়, বরং স্বাস্থ্যবিমা ব্যবহার করাও অনেক সময় জটিল হয়ে পড়ে। কাগজে-কলমে কভারেজ থাকলেও বাস্তবে বিল, অনুমোদন এবং চিকিৎসা সংক্রান্ত নানা প্রক্রিয়া রোগীদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ক্রাউডহেলথের প্রতিষ্ঠাতা অ্যান্ডি স্কুনওভারও মনে করেন, অনেক হাসপাতাল রোগীদের সঙ্গে বিল নিয়ে আলোচনায় বসতে আগ্রহী থাকে। তার পরামর্শ, হাসপাতালের প্রথম দেওয়া বিলই চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রেই দরকষাকষির সুযোগ থাকে।   অন্যদিকে টেক কমান্ডের প্রধান নির্বাহী জ্যাক হুপার বলেন, নগদ অর্থে চিকিৎসা কিছু ক্ষেত্রে সাশ্রয়ী হতে পারে। কিন্তু জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার বা দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে স্বাস্থ্যবিমা না থাকলে একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা মুহূর্তেই ভেঙে পড়তে পারে। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের (কেএফএফ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নিয়োগকর্তা-ভিত্তিক পারিবারিক স্বাস্থ্যবিমার গড় বার্ষিক প্রিমিয়াম প্রায় ২৬ হাজার ৯৯৩ ডলারে পৌঁছেছে। ব্যক্তিগত স্বাস্থ্যবিমার গড় প্রিমিয়াম ৯ হাজার ৩২৫ ডলার। এছাড়া বিমাধারীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষের ডিডাক্টিবল ২ হাজার ডলারের বেশি।   বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিমার ব্যয় বাড়তে থাকায় সুস্থ ও কম ঝুঁকির মানুষ যদি বিমা করা ছেড়ে দেন, তাহলে বিমা ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি হবে। কারণ তখন বিমা কোম্পানিগুলোর কাছে মূলত বেশি ঝুঁকিপূর্ণ রোগীরাই থেকে যাবেন, ফলে ভবিষ্যতে প্রিমিয়াম আরও বাড়তে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, একটি ভাইরাল ঘটনার ভিত্তিতে স্বাস্থ্যবিমা না করার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নগদ অর্থে চিকিৎসা কিছু ক্ষেত্রে সাশ্রয়ী হলেও জরুরি বা জটিল চিকিৎসার প্রয়োজন হলে স্বাস্থ্যবিমা না থাকা বড় ধরনের আর্থিক সংকট তৈরি করতে পারে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২১:২৯
ভেনেজুয়েলার রাজধানীতে ভবন ধস। ছবি: সংগৃহীত
৭.১-এর পর ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

এক মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভয়াবহ এ কম্পনে রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ও বাড়িঘর ধসে পড়েছে। আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। কোথাও কোথাও ধুলার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল রাতভর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি চালিয়েছে।   মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যার কিছু পর প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলের মোরোন শহরের পশ্চিমে, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে। প্রথম কম্পনের মাত্র এক মিনিট পর একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পই ছিল অগভীর গভীরতার, ফলে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়।   প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হালকা কম্পন শুরু হলেও মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। বহুতল ভবন দুলতে শুরু করলে বাসিন্দারা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। রাজধানীর কয়েকটি এলাকায় ভবনের দেয়াল ধসে পড়ে এবং রাস্তা ধুলায় ঢেকে যায়। অনেক জায়গায় বাসাবাড়ির কাচ ভেঙে পড়ে, দেয়ালে ফাটল দেখা দেয় এবং আসবাবপত্র ছিটকে পড়ে। কিছু এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।   কারাকাসের বাসিন্দা হেক্টর রিচ্চি জানান, শুরুতে কম্পন খুব বেশি মনে হয়নি। কিন্তু ধীরে ধীরে তীব্রতা এতটাই বেড়ে যায় যে সবাইকে ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিতে হয়। আরেক বাসিন্দা রবার্তো গামাস বলেন, পুরো ভবন এক পাশ থেকে আরেক পাশে দুলছিল। অ্যাপার্টমেন্টের ভেতরের প্রায় সব জিনিসপত্র মেঝেতে পড়ে যায়। সৌভাগ্যক্রমে তারা নিরাপদে বের হতে পেরেছেন।   দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, রাজধানীর আলতামিরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে বেশ কয়েকটি বাড়ি ও ভবন ধসে পড়েছে। আহতের আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। জরুরি সেবা ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নিশ্চিত করতে সাধারণ মানুষকে রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সম্ভাব্য পরাঘাতের আশঙ্কায় সবাইকে ভবনের বাইরে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।   ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র প্রথমে ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো এবং ভেনেজুয়েলার উপকূলসংলগ্ন কয়েকটি ক্যারিবীয় দ্বীপের জন্য সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি মূল্যায়নের পর পুয়ের্তো রিকোসহ কয়েকটি অঞ্চলের সতর্কতা প্রত্যাহার করা হয়।   ভূতত্ত্ববিদদের মতে, ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হলেও দেশটিতে বড় ধরনের ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল। তবে বুধবারের এই পরপর দুটি শক্তিশালী কম্পন গত এক শতাব্দীর মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।   সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারিভাবে প্রাণহানি বা আহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন এবং সম্ভাব্য পরাঘাত মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২০:৪৮
নিউ জার্সির নেওয়ার্ক শহর। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরা হলো না, নিউ জার্সিতে প্রাণ গেল দুই নারীর

নিউ জার্সির নেওয়ার্ক শহরে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কয়েক দিনের মধ্যে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।   এসেক্স কাউন্টি প্রসিকিউটরস অফিস জানিয়েছে, নিহত দুই নারী হলেন ৫৮ বছর বয়সী মারিয়ানা এলিজাবেথ ভালভার্দে বেলত্রান এবং ৬১ বছর বয়সী মারিয়া ইসাবেল দেলোসআনহেলেস সালগাদো আয়ালা। বেলত্রানের বাড়ি এলিজাবেথ শহরে এবং সালগাদো আয়ালার বাড়ি নেওয়ার্কে। দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।   ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় ১১টার দিকে নেওয়ার্কের নর্থ সেভেন্থ স্ট্রিট ও পার্ক অ্যাভিনিউর মোড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের সেডান গাড়ি পথচারী পারাপারের অংশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুই নারীকে সজোরে ধাক্কা দেয়। এরপর গাড়িটি না থেমেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করেন।   স্থানীয় সংবাদমাধ্যম এবিসি ৭ জানিয়েছে, নিহত দুই নারী বন্ধু ছিলেন। সেদিন তারা নেওয়ার্কে আয়োজিত একটি বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ওই রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যকার ম্যাচটি ড্র হয়। ইকুয়েডর দলের জার্সির রং হলুদ হওয়ায় নিহত দুই নারীও হলুদ পোশাক পরেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।   নিহত মারিয়ানা বেলত্রানের এক স্বজন এবিসি ৭-কে জানান, পরিবারের সদস্যরা ইকুয়েডরে থাকা তার ছেলে ও বোনদের কাছে এই দুঃসংবাদ পৌঁছে দিচ্ছেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।   বুধবার এসেক্স কাউন্টি প্রসিকিউটরস অফিস জানায়, ২৬ বছর বয়সী নেওয়ার্কের বাসিন্দা ডেভিড জাপাতা ভেরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে দুটি করে দ্বিতীয় ডিগ্রির যানবাহনজনিত হত্যার অভিযোগ, প্রাণঘাতী দুর্ঘটনার স্থান ত্যাগের অভিযোগ এবং আহত ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি পথচারী পারাপারের অংশে থাকা দুই নারীকে চাপা দিয়ে পালিয়ে যান।   তদন্তকারীরা দুর্ঘটনার কারণ এবং ঘটনার সময় চালকের আচরণ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। তবে দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   যুক্তরাষ্ট্রে পথচারীদের জড়িত হিট অ্যান্ড রান দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া শুধু আইনগতভাবে গুরুতর অপরাধই নয়, দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ নষ্ট হওয়ায় এতে প্রাণহানির ঝুঁকিও অনেক বেড়ে যায়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ২০:৩৫
নিহত পরিবারের সদস্যদের স্মরণে অ্যাপার্টমেন্টের সামনে ফুল ও বেলুন রেখে শ্রদ্ধা নিবেদন। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে একই পরিবারের ৬ সদস্যের রহস্যজনক মৃত্যু, অপরাধ তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সারাটোগা কাউন্টির মেকানিকভিল শহরে একই পরিবারের ছয় সদস্যকে মৃত অবস্থায় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের উদ্বেগের ভিত্তিতে পুলিশ একটি ওয়েলফেয়ার চেক পরিচালনা করতে গিয়ে দাদি, তার মেয়ে এবং চার নাতি-নাতনির মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে অপরাধ তদন্ত শুরু হয়েছে।   মেকানিকভিল পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিটে হ্যারিস অ্যাভিনিউর একটি অ্যাপার্টমেন্টে পুলিশ পৌঁছে ৬৪ বছর বয়সী অ্যামি স্টেডম্যান, তার ৪৪ বছর বয়সী মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান—১৩ বছর বয়সী হার্পার হারমন, ১১ বছর বয়সী হাডসন হারমন এবং ১০ বছর বয়সী যমজ গ্যাভিন হারমন ও গ্রেসেলিন হারমনকে মৃত অবস্থায় দেখতে পায়।    পুলিশ জানায়, অ্যামি স্টেডম্যান ওই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। তবে তার মেয়ে সারাহ মায়ার্স ও চার সন্তান একই আবাসন প্রকল্পের অন্য একটি ইউনিটে থাকতেন। কী কারণে সবাই স্টেডম্যানের বাসায় ছিলেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।    মেকানিকভিল পুলিশ প্রধান বিল র্যাবিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ময়নাতদন্তের ফলাফল না আসা পর্যন্ত ঘটনাটি অপরাধমূলক তদন্ত হিসেবে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত তদন্তে পরিবারের বাইরের অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। একই সঙ্গে তিনি জানান, এ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক হুমকির তথ্যও নেই।    তিনি আরও বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই মুহূর্তে ঘটনাটিকে হত্যাকাণ্ড, হত্যার পর আত্মহত্যা বা অন্য কোনো ধরনের মৃত্যুর ঘটনা হিসেবে নিশ্চিতভাবে আখ্যায়িত করা সম্ভব নয়। মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন এবং ফরেনসিক তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।    পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে পরিবারের সদস্যদের কাউকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে প্রতিবেশীরা কর্তৃপক্ষকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় পুরো মেকানিকভিল শহরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় স্কুল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা করেছে।   তদন্তে সহায়তা করছে নিউইয়র্ক স্টেট পুলিশের মেজর ক্রাইমস ইউনিট। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের অনুমান না করার আহ্বানও জানিয়েছে পুলিশ।  

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৯:৩৪
ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে চাপে ফেলল ব্রাজিল l ছবি: সংগৃহীত
ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে চাপে ফেলল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রথমার্ধেই ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে সেলেসাওরা। বল দখলে স্কটিশরা এগিয়ে থাকলেও আক্রমণের ধার এবং ফিনিশিংয়ে পুরো প্রথমার্ধ জুড়েই আধিপত্য বিস্তার করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ড যেখানে গোলের জন্য নেওয়া কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি, সেখানে ব্রাজিলের নেওয়া ১১টি শটের মধ্যে ৩টি অন টার্গেটে ছিল।   ম্যাচের মাত্র সাত মিনিটেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল, যা অনেকটা উপহার হিসেবেই পেয়েছেন ভিনিসিয়ুস। রাফিনিয়ার ইনজুরিতে শুরুর একাদশে সুযোগ পাওয়া তরুণ ফরোয়ার্ড রায়ানের প্রেসিংয়ে বল হারিয়ে বসেন স্কটিশ সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনা। দুর্বল এই ডিফেন্সের সুযোগ কাজে লাগিয়ে ডি-বক্সে বল পেয়ে যান ভিনিসিয়ুস।   স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে অনায়াসে বোকা বানিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি তুলে নেন তিনি। এরপর ২২ মিনিটের মাথায় আরও একবার বল জালে পাঠিয়েছিলেন এই তারকা। তবে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে শট নেওয়ার আগে এক স্কটিশ ডিফেন্ডারকে পেছন থেকে ট্যাকল করায় ভিএআর (VAR) যাচাই শেষে রেফারি গোলটি বাতিল করেন। পিছিয়ে পড়ে স্কটল্যান্ড আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও সেগুলো খুব একটা কার্যকর ছিল না।   বাতিল হওয়া গোলের আক্ষেপ ভিনিসিয়ুস মেটান প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। অতিরিক্ত হিসেবে দেওয়া ৫ মিনিটের তৃতীয় মিনিটে ব্রুনো গুইমারেসের নিখুঁত এক ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি পূরণ করে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা নাচে মেতে ওঠেন ভিনিসিয়ুস। প্রথমার্ধে ম্যাথিউস কুনহা ও রায়ান নিজেদের পাওয়া দারুণ কিছু সুযোগ হাতছাড়া না করলে স্কটল্যান্ডের বিপক্ষে বিরতির আগেই ব্রাজিলের লিড আরও বড় হতে পারত।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৯:২২
নিউইয়র্ক সিটির পুলিশ বাহিনীতে একসঙ্গে এক হাজারের বেশি নতুন পুলিশ কর্মকর্তা যোগ দিয়েছেন l ছবি: সংগৃহীত
একসঙ্গে ১,০০০-এর বেশি নতুন পুলিশ কর্মকর্তা পেল নিউইয়র্ক, ছয় মাসের প্রশিক্ষণ শেষে দায়িত্বে যোগ

নিউইয়র্ক সিটির পুলিশ বাহিনীতে একসঙ্গে এক হাজারের বেশি নতুন পুলিশ কর্মকর্তা যোগ দিয়েছেন। ছয় মাসের নিবিড় প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তারা এখন শহরের বিভিন্ন ইউনিট ও কমান্ডে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।   বুধবার (২৪ জুন) নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানায়, নতুন এই ব্যাচে এক হাজারেরও বেশি কর্মকর্তা বাহিনীতে যুক্ত হয়েছেন। প্রশিক্ষণকাল জুড়ে তারা আইন প্রয়োগ, জননিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, কমিউনিটি পুলিশিং এবং পেশাগত আচরণসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা ও অনুশীলনের মধ্য দিয়ে গেছেন।   এনওয়াইপিডি তাদের বার্তায় নতুন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেছে, নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের সেবায় নিজেদের দায়িত্ব পালনের জন্য তারা এখন প্রস্তুত। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানকারী এসব কর্মকর্তার সফলতা কামনা করেছে বিভাগটি।   যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগর পুলিশ বাহিনী হিসেবে পরিচিত এনওয়াইপিডি সাম্প্রতিক বছরগুলোতে অবসর, পদত্যাগ এবং জনবল সংকটের কারণে নতুন সদস্য নিয়োগে জোর দিয়েছে। কর্মকর্তাদের সংখ্যা ধরে রাখা এবং শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশি উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিতভাবে নতুন ব্যাচ নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।   নিউইয়র্ক সিটি প্রশাসনের কর্মকর্তাদের মতে, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে টহল কার্যক্রম, জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা এবং কমিউনিটি-ভিত্তিক পুলিশি সেবা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।   এনওয়াইপিডির ভেরিফায়েড পোস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই নতুন কর্মকর্তারা ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দিয়েছেন এবং ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বস্থলে কর্মভার গ্রহণের প্রস্তুতি নিয়েছেন।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৯:৪
যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ l ছবি: সংগৃহীত
শিক্ষা অনুদানে জালিয়াতি ঠেকিয়ে ২০০ মিলিয়ন ডলার সাশ্রয়ের দাবি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ (ইডি) জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে কঠোর পরিচয়-যাচাইকরণ বা আইডেন্টিটি ভেরিফিকেশনের নতুন নিয়ম চালু করার পর থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলার প্রতারকদের হাতে যাওয়া থেকে রক্ষা করা হয়েছে। দেশব্যাপী জালিয়াতি প্রতিরোধের এই উদ্যোগে উচ্চ-ঝুঁকিপূর্ণ আবেদনকারীদের ফেডারেল স্টুডেন্ট এইড বা সরকারি শিক্ষার্থী সহায়তার জন্য আবেদনের সময় সরকার-প্রদত্ত পরিচয়পত্র প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।   শিক্ষা বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত ফেডারেল স্টুডেন্ট এইড চিফ অপারেটিং অফিসার জেমস বার্জারন ফক্স নিউজ ডিজিটালকে জানান, নিয়মটি চালু করার পর থেকে তারা প্রতারকদের হাতে বিপুল পরিমাণ অর্থ যাওয়া ঠেকাতে পেরেছেন। তিনি আরও বলেন, তাদের নতুন জালিয়াতি শনাক্তকরণ টুলটি 'ফাফসা' (FAFSA - ফ্রি অ্যাপ্লিকেশন ফর ফেডারেল স্টুডেন্ট এইড) ফর্মের শুরুতেই কাজ করে। এটি অর্থ ছাড় হওয়ার আগেই প্রক্রিয়ার শুরুতেই জালিয়াতি আটকে দেয়, যা টাস্কফোর্সের একটি বড় অগ্রাধিকার।   চলতি বসন্তে শিক্ষা বিভাগ সরাসরি অনলাইন ফাফসা অ্যাপ্লিকেশন সিস্টেমে রিয়েল-টাইম এবং ঝুঁকি-ভিত্তিক পরিচয় স্ক্রিনিং ব্যবস্থা যুক্ত করেছে। এর আগে বিভাগের এক ঘোষণায় বলা হয়, জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা এখন সরাসরি ফাফসার ভেতরেই তৈরি করা হয়েছে। প্রতিটি আবেদনকারীকে রিয়েল-টাইমে ঝুঁকি-ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।   যেসব আবেদনকারীর ক্ষেত্রে জালিয়াতির ঝুঁকি দেখা যাবে, তাদের পেল গ্রান্ট এবং ফেডারেল স্টুডেন্ট লোনের মতো সহায়তা পাওয়ার আগে সরকার-প্রদত্ত পরিচয়পত্র দেখাতে হবে। বিভাগীয় কর্মকর্তাদের ধারণা, এই টুলটি বর্তমান ফাফসা চক্রের সময় করদাতাদের ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সাশ্রয় করবে। বিভাগের মতে, এই কঠোর নিরাপত্তা ব্যবস্থাটি কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ের একটি প্রয়োজনীয় সংশোধন।   সেসময় পূর্ববর্তী বাইডেন-হ্যারিস প্রশাসন যাচাইকরণের মূল নিরাপত্তা ব্যবস্থাগুলো শিথিল করেছিল। বিভাগের দাবি, পূর্ববর্তী ওই নীতিমালার কারণে জালিয়াতি প্রতিরোধের বদলে অন্যান্য দিকে মনোযোগ দেওয়া হয়েছিল, যার ফলে ফাফসা জমা দেওয়ার পরে মাত্র ১ শতাংশেরও কম শিক্ষার্থীর পরিচয় যাচাই করা হতো।   নতুন এই উন্নত জালিয়াতি নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিক ও জটিল সব প্রতারণা রুখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত বট এবং করদাতাদের অর্থে পরিচালিত ঋণ হাতিয়ে নেওয়ার জন্য অসাধু চক্রের তৈরি করা ভুয়া পরিচয় বা 'ঘোস্ট স্টুডেন্টদের' অবরুদ্ধ করে। এই সমস্যা মোকাবিলায় শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকম্যাহন সমস্ত শিক্ষার্থী সহায়তা কর্মসূচির একটি ব্যাপক পর্যালোচনার নির্দেশ দেন এবং সামাজিক নিরাপত্তা প্রশাসন বা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিয়েল-টাইম ডেটা-শেয়ারিং ব্যবস্থা সম্প্রসারিত করেন। শুধুমাত্র এই ডেটা-শেয়ারিং উদ্যোগটির মাধ্যমেই মৃত ব্যক্তিদের নামে অর্থ ছাড় রোধ করে এবং পরিচয় চুরি ধরে করদাতাদের প্রায় ৩০ মিলিয়ন ডলার বাঁচানো সম্ভব হয়েছে।   বার্জারন বিষয়টি সম্পর্কে আরও বলেন, আমেরিকান নাগরিকদের গাড়ি চালানো বা বিমানে ওঠার জন্য আইডি দেখাতে হয়। তাই উচ্চশিক্ষার জন্য করদাতাদের দেওয়া হাজার হাজার ডলারের সহায়তা পাওয়ার আগে মানুষের পরিচয় যাচাই করাটাই যৌক্তিক।   নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে শিক্ষা বিভাগ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথেও অংশীদারিত্ব করেছে, যাতে ফেডারেল স্টুডেন্ট এইডের তহবিল কোনোভাবেই অবৈধ অভিবাসীদের হাতে না পৌঁছায়। সংস্থার তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি জালিয়াতির চেষ্টা হয়েছে এবং শুধু সেখান থেকেই আটকে দেওয়া তহবিলের পরিমাণ ছিল ১৭১ মিলিয়ন ডলার।   ঐতিহাসিকভাবে ক্যালিফোর্নিয়া কমিউনিটি কলেজ সিস্টেমের অভ্যন্তরে ঘোস্ট স্টুডেন্টদের কারণে ফেডারেল এবং স্টেট এইডের লাখ লাখ ডলার বেহাত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতেও সেখানে আশঙ্কাজনক হারে পরিচয় জালিয়াতির ঘটনা দেখা গেছে। প্রাথমিক আবেদন যাচাইকরণের পাশাপাশি, শিক্ষা বিভাগ বিভিন্ন বাহ্যিক ডিজিটাল প্রতারণামূলক ওয়েবসাইটগুলোর দিকেও কড়া নজর রাখছে। বিভাগটি সম্প্রতি আপডেট করা অনলাইন নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে 'ভুয়া কলেজ ওয়েবসাইটগুলো' সম্পর্কে পরিবারগুলোকে সতর্ক করা হয়েছে। এই সাইটগুলো মূলত এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করে নিরীহ শিক্ষার্থীদের আর্থিক প্রতারণার ফাঁদে ফেলে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৮:৩০
ফুলব্রাইট বৃত্তির হাত ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে মাস্টার্স শেষ করলেন সুমাইতা নাহার l ছবি: বাংলাদেশের মার্কিন দূতাবাস
ফুলব্রাইট বৃত্তির হাত ধরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সফলভাবে মাস্টার্স শেষ করলেন সুমাইতা নাহার

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিষয়ে সফলভাবে মাস্টার্স (এম.এস.) ডিগ্রি সম্পন্ন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সুমাইতা নাহার। এই অসামান্য অর্জনের জন্য ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সুমাইতা এখন বিশ্বব্যাপী বিস্তৃত ও সম্মানজনক 'ফুলব্রাইটার কমিউনিটি'-এর একজন গর্বিত সদস্য।   তাঁর এই সাফল্য দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষানুরাগীরা।   সুমাইতা নাহারের এই সাফল্যের খবরের পাশাপাশি দেশের তরুণ মেধাবীদের জন্য আরও একটি বড় সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যারা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাদের জন্য বিশ্বখ্যাত এই কর্মসূচির দরজা আবারও উন্মুক্ত করা হয়েছে। ২০২৭ সালের ফল (Fall) সেমিস্টারের জন্য মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক কর্মসূচির আওতায় সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স ডিগ্রি বা স্নাতকোত্তর করার সুযোগ পেতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে মার্কিন দূতাবাস।   আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কার্যক্রমের অন্যতম শীর্ষ এই বৃত্তিটি মূলত মেধাভিত্তিক। নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পান, যার যাতায়াত থেকে শুরু করে পড়াশোনা ও জীবনযাত্রার সম্পূর্ণ খরচ বহন করে মার্কিন সরকার। এটি শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের মাধ্যমই নয়, বরং বৈশ্বিক নেতৃত্ব বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম। নিজের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানের করতে এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে আগ্রহী যোগ্য প্রার্থীদের এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৮:৮
পারাস্তু আহমদি। ছবি: সংগৃহীত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

হিজাব ছাড়া কনসার্টে পারফর্ম করার অপরাধে ইরানের জনপ্রিয় নারী গায়িকা পারাস্তু আহমদিকে ৭৪টি দোররা (চাবুক) মারার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। গায়িকার পরিবারের ঘনিষ্ঠ সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থায় নারীদের ওপর ধর্মীয় বিধিনিষেধ আরও কঠোর হওয়ারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই রায়।   গত সপ্তাহে ইরানের কোম প্রদেশের একটি রুদ্ধদ্বার আদালতে পারাস্তু আহমদি এবং তাঁর ব্যান্ডের আরও আট সদস্য ও কলাকুশলীকে এই সাজা শোনানো হয়। জানা গেছে, ২০২৪ সালের একটি কনসার্টে ইরানি আইন অমান্য করে হিজাব ছাড়া, চুল ও হাত খোলা রেখে পারফর্ম করেছিলেন পারাস্তু। ইউটিউবে সেই পারফর্ম্যান্সের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পরই মূলত তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।   দোররা মারার পাশাপাশি আগামী দুই বছরের জন্য পারাস্তু ও তাঁর সহকর্মীদের যেকোনো ধরনের পারফর্ম্যান্স এবং দেশ ছাড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিবারের এক সদস্য জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে দুজন ইরানে অবস্থান করছিলেন না।   মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতিতে ধস নামানো মাসব্যাপী এক রক্তক্ষয়ী সংঘাতের পর, সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হন।   এহেন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গায়িকাকে দেওয়া সাজার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েভিত্তিক সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’। সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, এই রায় যেমন অমানবিক ও অপমানজনক, তেমনি এটি একটি বিপজ্জনক সংকেত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির পর বর্তমান শাসনব্যবস্থা নারীদের ওপর দমনপীড়ন আরও বাড়াতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৭:৫৩
ফুলব্রাইট বৃত্তির আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস l ছবি: বাংলাদেশের মার্কিন দূতাবাস
আমেরিকায় পড়ার স্বপ্ন? টিউশন ফি থেকে বিমান ভাড়া—সব খরচ দেবে ফুলব্রাইট

পেশাদার ও মেধাবী তরুণদের যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ করে দিতে ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ 'ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম' (এফএফএসপি)-এর আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট-এর অর্থায়নে এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)-এর ব্যবস্থাপনায় পরিচালিত এই বৃত্তির আওতায় নির্বাচিত প্রার্থীরা ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এক বা দুই বছর মেয়াদী সম্পূর্ণ অর্থায়নের সুযোগ পাবেন।   মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে দৃঢ় আগ্রহী প্রার্থীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।   এই বৈশ্বিক কর্মসূচিতে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত তরুণ শিক্ষক এবং সরকারি-বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক বা এনজিওতে কর্মরত জুনিয়র থেকে মিড-লেভেলের পেশাদারদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আমেরিকান স্টাডিজ, নিরাপত্তা ও জ্বালানি অধ্যয়ন, কৃষি ও ভৌত বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন প্রযুক্তি খাত, প্রকৌশল, ব্যবসা প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক ও সামাজিক বিজ্ঞান, অর্থনীতি এবং টেসল (TESOL)-এর মতো বিভিন্ন যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়ে আবেদনের সুযোগ পাবেন।   আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে প্রার্থীর অবশ্যই বাংলাদেশের যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য ফলাফলসহ অন্তত চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে প্রার্থীর যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকে অথবা বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকেন, তবে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন; যদিও কেবল বাংলাদেশ থেকে অর্জিত মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।   এছাড়া আবেদনকারীকে প্রস্তাবিত অধ্যয়নের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং আবেদনের সময় বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণস্বরূপ টোফেল (TOEFL) পরীক্ষায় ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএস (IELTS)-এ ৭ স্কোর থাকা বাধ্যতামূলক।   যোগ্য ও আগ্রহী প্রার্থীদের প্রোগ্রামের নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ অনলাইনে নিজেদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্যাকেজের অংশ হিসেবে স্নাতক ও স্নাতকোত্তরের সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইনে নিবন্ধিত আবেদন পোর্টালের মাধ্যমে সরাসরি রেফারেন্সকারীদের দেওয়া তিনটি সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার, একাডেমিক রেকর্ডের তথ্য ফরম এবং বৈধ টোফেল বা আইইএলটিএস স্কোর জমা দিতে হবে। এছাড়া কোনো আবেদনকারীর কাছে যদি জিআরই (GRE) বা জিম্যাট (GMAT)-এর বৈধ স্কোর থাকে, তবে তা-ও আবেদনের সঙ্গে বাড়তি যোগ্যতা হিসেবে যুক্ত করা যাবে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৭:২১
ছবি: আমেরিকা বাংলা
গতকালের রায়ে গ্রিন কার্ডধারীদের বহিষ্কারে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ে গ্রিন কার্ডধারীদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে ফেডারেল সরকারের ক্ষমতা আরও বিস্তৃত হয়েছে। ৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে আদালত সিদ্ধান্ত দিয়েছে, বিদেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় কোনো স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধরনের অপরাধে জড়িত থাকার “যৌক্তিক বিশ্বাস” থাকলেই সীমান্ত কর্মকর্তারা তার প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারবেন এবং প্রয়োজনে বহিষ্কার প্রক্রিয়া শুরু করতে পারবেন।   মঙ্গলবার ঘোষিত এই রায়কে অভিবাসন নীতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আদালতের সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কিছু গ্রিন কার্ডধারীকে আগের তুলনায় আরও কঠোর যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হতে পারে।   মামলাটি ছিল একজন বৈধ স্থায়ী বাসিন্দাকে ঘিরে, যার বিরুদ্ধে বিদেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে ফেরার সময় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। বিষয়টি আদালতে গড়ালে মূল প্রশ্ন ছিল—এ ধরনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কতটুকু প্রমাণ উপস্থাপন করতে হবে। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা মত দেন যে সীমান্ত কর্মকর্তাদের জন্য আগের তুলনায় উচ্চমানের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা নেই; বরং কোনো ব্যক্তি নির্দিষ্ট অপরাধে জড়িত ছিলেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকলেই অভিবাসন আইনের অধীনে পদক্ষেপ নেওয়া যেতে পারে।   আইন বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বিশেষ করে বিদেশ ভ্রমণকারী গ্রিন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ শেষে দেশে ফেরার সময় যদি কারও বিরুদ্ধে অতীতের কোনো ফৌজদারি অভিযোগ, দণ্ড বা নির্দিষ্ট ধরনের অপরাধের রেকর্ড থাকে, তাহলে তিনি অতিরিক্ত জিজ্ঞাসাবাদ কিংবা অভিবাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন।   তবে আদালতের রায়ের অর্থ এই নয় যে সরকার ইচ্ছামতো যেকোনো গ্রিন কার্ডধারীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করতে পারবে। অভিবাসন আদালতের শুনানি, আইনি প্রতিকার এবং অন্যান্য সাংবিধানিক সুরক্ষা এখনও বহাল রয়েছে। তবুও সমালোচকদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে সরকারের হাতে এমন একটি আইনি সুযোগ তৈরি হয়েছে যা ভবিষ্যতে আরও কঠোর অভিবাসন প্রয়োগের পথ প্রশস্ত করতে পারে।   রায়ের বিরোধিতাকারী বিচারপতিরা সতর্ক করে বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে। তাদের মতে, গ্রিন কার্ডধারীরা এতদিন যে আইনি সুরক্ষা ভোগ করতেন, এই রায় সেই সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশকে দুর্বল করেছে।   বর্তমানে যুক্তরাষ্ট্রে লাখ লাখ গ্রিন কার্ডধারী বসবাস করছেন, যাদের মধ্যে দক্ষিণ এশীয়, বাংলাদেশি ও ভারতীয় বংশোদ্ভূত অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্য। অভিবাসন আইনজীবীরা বলছেন, যাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক মামলা, দণ্ড বা আইনি জটিলতার ইতিহাস রয়েছে, তাদের বিদেশ ভ্রমণের আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।   সুপ্রিম কোর্টের এই রায় এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সর্বশেষ এই রায় সেই অবস্থানকে আইনি ভিত্তি আরও শক্তিশালী করল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৬:৪৪
৪০ লাখ ডলারের মেডিক্যাইড জালিয়াতি l ছবি: সংগৃহীত
জর্জিয়ায় ৪০ লাখ ডলারের মেডিক্যাইড জালিয়াতির অভিযোগে অভিযুক্ত আটলান্টার চিকিৎসক

যুক্তরাষ্ট্রের দেশব্যাপী স্বাস্থ্যসেবা খাতে জালিয়াতি বিরোধী এক বিশাল অভিযানের অংশ হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন করে মেডিক্যাইড প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার জর্জিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিস কার আটলান্টার এক চিকিৎসকের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন এবং একটি সাইকিয়াট্রিক ক্লিনিকের সঙ্গে আলাদা দেওয়ানি নিষ্পত্তির কথা ঘোষণা করেন।   এই পদক্ষেপটি মার্কিন বিচার বিভাগের 'ন্যাশনাল হেলথ কেয়ার ফ্রড টেকডাউন'-এর অংশ। দেশজুড়ে পরিচালিত এই অভিযানে ৪৫৫ জনের বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ বিলিয়ন (৬৫০ কোটি) ডলারের ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে বহু চিকিৎসক ও লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসা পেশাদার রয়েছেন।   এই জালিয়াতির অন্যতম বড় ঘটনায় আটলান্টার ৫২ বছর বয়সী চিকিৎসক মুরেল রুটলেজ জুনিয়রের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা প্রতারণার ৪০টি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, ইস্ট পয়েন্ট এলাকায় 'রুটলেজ মেডিকেল অ্যাসোসিয়েটস' নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে রোগীদের এমন সব চিকিৎসা সেবা দেওয়ার নামে জর্জিয়া মেডিক্যাইডের কাছে হাজার হাজার বিল জমা দিয়েছেন, যা বাস্তবে কখনোই দেওয়া হয়নি। তদন্তকারীদের মতে, ক্ষতস্থান পরিচর্যা, অ্যালার্জি পরীক্ষা এবং সাইকোথেরাপির মতো সেবার কথা বলে ৪০ লাখ ডলারেরও বেশি ভুয়া বিল করা হয়েছে।   এর মাধ্যমে তিনি অবৈধভাবে মেডিক্যাইড থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। জর্জিয়ার অ্যাটর্নি জেনারেলের মেডিক্যাইড ফ্রড অ্যান্ড পেশেন্ট প্রোটেকশন ডিভিশনসহ একাধিক ফেডারেল ও স্টেট সংস্থা যৌথভাবে এই তদন্ত পরিচালনা করে। তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রুটলেজকে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।   অন্যদিকে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় 'অ্যাভ্যান্ট ইন্টারভেনশনাল সাইকিয়াট্রি' এবং ড. ওকাহ অ্যানিওকউ-এর সঙ্গে ৩ লাখ ৭৫ হাজার ডলারের একটি দেওয়ানি নিষ্পত্তি বা সেটেলমেন্টের ঘোষণাও দিয়েছে। রাজ্য তদন্তকারীদের অভিযোগ, ড. অ্যানিওকউ নিজে সেবা দিয়েছেন দেখিয়ে মেডিক্যাইডের কাছে বিল জমা দেওয়া হলেও, বাস্তবে কিছু সেবা অন্যান্য কর্মীদের দ্বারা প্রদান করা হয়েছিল।   এসব কর্মীদের অনেকেরই মেডিক্যাইড প্রোভাইডার হিসেবে লাইসেন্স বা অন্তর্ভুক্তি ছিল না। যদিও এই নিষ্পত্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি কোনো দায় স্বীকার করেনি, তবে একজন সাধারণ নাগরিক এবং জর্জিয়ার একটি কেয়ার ম্যানেজমেন্ট সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছিল বলে জানা যায়।   জর্জিয়ার এই ঘটনাগুলো দেশজুড়ে চলা এ বছরের সর্ববৃহৎ সমন্বিত স্বাস্থ্যসেবা জালিয়াতি বিরোধী অভিযানের অংশ। ফেডারেল প্রসিকিউটরদের মতে, এই প্রতারণা চক্রগুলো অপ্রয়োজনীয় চিকিৎসা, বেআইনি কমিশন এবং ভুয়া বিলের মাধ্যমে করদাতাদের অর্থে পরিচালিত মেডিকেয়ার ও মেডিক্যাইড কর্মসূচির ব্যাপক ক্ষতি করেছে। টেক্সাসে প্রায় ৯০৬ মিলিয়ন ডলারের জালিয়াতি এবং মানব টিস্যু গ্রাফট সংক্রান্ত আরেকটি মাল্টিবিলিয়ন ডলারের প্রতারণার ঘটনাও এই অভিযানের মাধ্যমে সামনে এসেছে।   ২০০৭ সালে মার্কিন বিচার বিভাগের 'হেলথ কেয়ার ফ্রড স্ট্রাইক ফোর্স' গঠনের পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ২০০ জনেরও বেশি অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ৪৫ বিলিয়ন ডলারের ভুয়া বিল জমার মামলা হয়েছে। জর্জিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিক্যাইডের অর্থ সুরক্ষিত রাখা তাদের অন্যতম প্রধান লক্ষ্য এবং এই খাতে দুর্নীতি রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৬:৩৩
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগার অচল l ছবি: সংগৃহীত
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগার অচল, উৎপাদন বন্ধ অন্তত ছয় মাস

রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার পর মস্কোর ঠিক দক্ষিণে অবস্থিত একটি বড় তেল শোধনাগারের উৎপাদন অন্তত ছয় মাসের জন্য বন্ধ থাকতে পারে। শিল্প খাতের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত বুধবার এই তথ্য জানানো হয়। গ্যাজপ্রম নেফট-পরিচালিত এই স্থাপনাটিতে গত ১৬ জুন প্রথম হামলা চালানো হয়। এতে শোধনাগারটির ৫৩ শতাংশ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ডিস্টিলেশন (পাতন) ইউনিট ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। এরপর ১৮ জুন দ্বিতীয় হামলায় অপেক্ষাকৃত আধুনিক 'ইউরো+' ইউনিটটি ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে, যা বাকি ৪৭ শতাংশ উৎপাদনের জন্য দায়ী ছিল।   সংশ্লিষ্ট শিল্প খাতের একজন সূত্র রয়টার্সকে জানিয়েছেন, মস্কোর এই শোধনাগারটির ক্ষয়ক্ষতি মেরামত করতে অন্তত ছয় মাস সময় লাগবে। রয়টার্সের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালে এই শোধনাগারটিতে ১১.৬ মিলিয়ন মেট্রিক টন তেল পরিশোধন করা হয়েছিল, যা থেকে ২.৯ মিলিয়ন টন পেট্রোল এবং ৩.২ মিলিয়ন টন ডিজেল উৎপাদিত হয়। তবে গ্যাজপ্রম নেফট-পরিচালিত এই স্থাপনার সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে রুশ কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।   চলতি বসন্তকাল থেকে রাশিয়ার তেল শোধনাগার এবং সরবরাহ লাইনগুলোকে লক্ষ্য করে ইউক্রেন তাদের হামলার মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে। এসব ড্রোন হামলার কারণে রাশিয়ার পেট্রোল উৎপাদনের একটি বড় অংশের যোগানদাতা স্থাপনাগুলোতে উৎপাদন হয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, নতুবা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে রাশিয়ার বেশ কিছু অঞ্চলে বাধ্য হয়ে জ্বালানি রেশনিং বা সীমিতকরণ ব্যবস্থা চালু করতে হয়েছে।   এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। চলতি বছরের শুরু থেকে দেশটিতে পেট্রোলের গড় দাম ৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৫ জুনের হিসাব অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বেড়ে জাতীয় পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৬৯.১১ রুবেলে (প্রতি গ্যালন ৩.৫৬ মার্কিন ডলার) গিয়ে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক পরিস্থিতি সম্পর্কে বলেন, অভ্যন্তরীণ জ্বালানি বাজারের বর্তমান অবস্থা 'চ্যালেঞ্জিং হলেও তা এখনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে'। তিনি আরও ইঙ্গিত দেন যে, পেট্রোল এবং জেট ফুয়েল রপ্তানির ওপর বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, তার পাশাপাশি এখন ডিজেল রপ্তানির ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

প্রকাশ : জুন ২৪, ২০২৬ ১৬:১৪