- প্রচ্ছদ
- Topic
ইলেকট্রিক গাড়ি
স্বাভাবিক নিয়মেই নিজের প্রিয় গাড়িটি ধোয়ার (কার ওয়াশ) জন্য নিয়ে গিয়েছিলেন এক টেসলা মালিক। কিন্তু সেই সামান্য কাজটিই যে তার জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে, তা তিনি কল্পনাও করেননি। গাড়ি ধোয়ার পর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় সার্ভিস সেন্টারে নিলে তার হাতে ধরিয়ে দেওয়া হয় ৭ হাজার ৩৪৫ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকার বেশি) বিশাল মেরামত বিল। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজেদের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২০২২ মডেলের একটি টেসলা 'মডেল ওয়াই' গাড়ির মালিক। তিনি জানান, গাড়িটি কার ওয়াশে নেওয়ার পরপরই এর প্রযুক্তিতে বড় ধরনের গোলযোগ দেখা দেয়। হঠাৎ করেই গাড়ির সব ক্যামেরার ফিড কালো হয়ে বন্ধ হয়ে যায় এবং অ্যাডাপ্টিভ হেডলাইটে সতর্কবার্তা দেখাতে শুরু করে। পরে গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে প্রকৌশলীরা পরীক্ষা করে দেখতে পান, গাড়ির সামনের কাঁচ বা উইন্ডশিল্ডের সিল নষ্ট হয়ে যাওয়ায় ভেতরে পানি ঢুকে পড়েছে। আপাতদৃষ্টিতে এটি ছোট সমস্যা মনে হলেও এর ফলে গাড়ির ভেতরের যন্ত্রাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে বিমা কোম্পানিও এই পানির ক্ষতিকে 'দুর্ঘটনাজনিত ক্ষতি' হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে পুরো খরচই এখন গুনতে হবে ওই মালিককে। কেন এত বেশি মেরামত বিল? সার্ভিস সেন্টারের তথ্যমতে, তিনটি প্রধান কারণে মেরামতের খরচ এত আকাশচুম্বী হয়েছে। প্রথমত, উইন্ডশিল্ডের সিল দিয়ে পানি ঢুকে সরাসরি গাড়ির প্রধান কম্পিউটার এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের অংশে পৌঁছে যায়। এতে একাধিক তারের সংযোগস্থল (ওয়্যারিং হারনেস) এবং কানেক্টর পিনে মারাত্মক মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত, আধুনিক টেসলা গাড়িগুলো একটি কেন্দ্রীয় কম্পিউটিং সিস্টেমের ওপর নির্ভরশীল, যা একইসঙ্গে ড্রাইভিং সিস্টেম, ক্যামেরা, অটোপাইলট এবং কেবিনের নানা ফিচার নিয়ন্ত্রণ করে। পানি ঢোকার ফলে অটোপাইলট ক্যামেরা, হেডলাইট এবং সেলুলার সংযোগসহ প্রায় সব কিছুই অচল হয়ে পড়েছে। তৃতীয়ত, মজুরি বা লেবার কস্ট। নষ্ট হয়ে যাওয়া তারগুলো পরিবর্তন করতে টেকনিশিয়ানদের গাড়ির ড্যাশবোর্ড এবং ভেতরের বড় একটি অংশ খুলতে হবে, যা অত্যন্ত সময়সাপেক্ষ। এছাড়া ওয়ারেন্টি না থাকায় টেসলার নিজস্ব তৈরি যন্ত্রাংশ পরিবর্তন এবং অনুমোদিত টেকনিশিয়ানদের উচ্চ পারিশ্রমিকের কারণে বিলের অঙ্ক ৭ হাজার ডলার ছাড়িয়ে গেছে। মজার বিষয় হলো, মেরামতের এই অর্থ দিয়ে অনায়াসেই একটি ভালো মানের পুরোনো জ্বালানিচালিত গাড়ি কেনা সম্ভব। এমনকি গাড়ি বেচাকেনার অনলাইন মার্কেটপ্লেসগুলোতে প্রায় ৮ হাজার ডলারের আশপাশে পুরোনো মডেলের সেকেন্ড-হ্যান্ড টেসলা গাড়িও পাওয়া যায়। তবে ২০২২ মডেলের আধুনিক গাড়ির কথা বিবেচনা করে শেষ পর্যন্ত পকেট থেকেই এই বিশাল অঙ্কের টাকা খরচ করা ছাড়া ওই মালিকের সামনে আর কোনো পথ খোলা নেই। সূত্র: সুপারকার ব্লন্ডি।
প্রথমবার বৈদ্যুতিক গাড়ি কিনতে যাওয়া ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা শিগগিরই গাড়ির দাম থেকে তাৎক্ষণিকভাবে ৩ হাজার ৫০০ ডলার ছাড় পাবেন। গভর্নর গ্যাভিন নিউজম সোমবার এ-সংক্রান্ত এসবি ১৬৮ বিলে সই করেছেন। নতুন ‘মাইফার্স্টইভি’ কর্মসূচিটি গ্রীষ্মের শেষ ভাগে চালু হওয়ার কথা। নতুন কর্মসূচিতে সর্বোচ্চ ৫০ হাজার ডলার প্রস্তুতকারক-নির্ধারিত খুচরা মূল্যের নতুন বৈদ্যুতিক গাড়ি কিনলে ৩ হাজার ৫০০ ডলার রিবেট পাওয়া যাবে। সর্বোচ্চ ২৫ হাজার ডলার দামের যোগ্য ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে রিবেটের পরিমাণ হবে ১ হাজার ৭৫০ ডলার। এই অর্থ পরে আয়কর রিটার্নের মাধ্যমে ফেরত পাওয়ার ব্যবস্থা নয়। যোগ্য ক্রেতারা গাড়ি কেনার সময়ই ডিলারশিপে নির্ধারিত ছাড় পাবেন। ফলে গাড়ির প্রাথমিক মূল্য বা অর্থায়নের জন্য প্রয়োজনীয় অর্থ তাৎক্ষণিকভাবে কমে আসবে। তবে এখানে ‘প্রথমবার ক্রেতা’ বলতে জীবনের প্রথম গাড়ি কেনা বোঝানো হয়নি। ক্যালিফোর্নিয়ার সরকারি ঘোষণায় বলা হয়েছে, যেসব বাসিন্দা প্রথমবার শূন্য-নিঃসরণ গাড়ি কিনবেন, তাঁরাই কর্মসূচিটির আওতায় থাকবেন। অর্থাৎ আগে পেট্রল বা ডিজেলচালিত গাড়ি থাকলেও প্রথম বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে যোগ্য হওয়ার সুযোগ থাকতে পারে। কর্মসূচির জন্য ক্যালিফোর্নিয়া সরকার ১৩৫ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। অংশগ্রহণকারী গাড়ি প্রস্তুতকারীরা সমপরিমাণ অর্থ যোগ করবে। এতে ক্রেতাদের রিবেট দেওয়ার জন্য মোট তহবিল দাঁড়াবে প্রায় ২৭০ মিলিয়ন ডলার। তবে কোন কোন গাড়ি প্রস্তুতকারী কর্মসূচিতে অংশ নেবে, যোগ্য গাড়ির চূড়ান্ত তালিকা কী হবে এবং আবেদন বা যাচাইয়ের বিস্তারিত পদ্ধতি কী—এসব তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সরকারি ঘোষণায় কর্মসূচি চালুর নির্দিষ্ট দিনও জানানো হয়নি। শুধু বলা হয়েছে, গ্রীষ্মের শেষ দিকে এটি শুরু হবে। ফলে এখনই কোনো গাড়ি কিনলে পরে রিবেট দাবি করা যাবে কি না, সে বিষয়ে ঘোষণায় নিশ্চয়তা দেওয়া হয়নি। আগ্রহী ক্রেতাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এবং অংশগ্রহণকারী ডিলারশিপ ও গাড়ির তালিকা প্রকাশের পর সিদ্ধান্ত নেওয়া নিরাপদ হবে। নতুন রিবেটটি ক্যালিফোর্নিয়ার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অংশ। বৈদ্যুতিক ও অন্যান্য শূন্য-নিঃসরণ যানবাহনের ব্যবহার বাড়াতে রাজ্য সরকার যে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের পরিবহন প্যাকেজ নিয়েছে, মাইফার্স্টইভি তার অন্যতম প্রধান কর্মসূচি। এই প্যাকেজে নিম্ন আয়ের মানুষের জন্য ‘ক্লিন কারস ফর অল’ কর্মসূচিতে ১৯ দশমিক ৮ মিলিয়ন ডলার, কমিউনিটির বায়ুদূষণ কমানোর প্রকল্পে ১৫০ মিলিয়ন ডলার এবং পরিষ্কার ট্রাক ও বাস কেনার প্রণোদনায় ১৩৫ দশমিক ৫ মিলিয়ন ডলার রাখা হয়েছে। দূষণকারী ভারী ইঞ্জিন প্রতিস্থাপনেও ১৩০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ফেডারেল সরকারের বৈদ্যুতিক গাড়ির কর-সুবিধা বন্ধ হওয়ার পর ক্যালিফোর্নিয়া নিজস্ব রিবেট কর্মসূচি চালু করল। নতুন বৈদ্যুতিক গাড়ির জন্য সর্বোচ্চ ৭ হাজার ৫০০ ডলার এবং ব্যবহৃত গাড়ির জন্য সর্বোচ্চ ৪ হাজার ডলারের ফেডারেল কর-সুবিধা ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যায়। ওই সুবিধা তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি বিক্রির গতি কমেছে বলে রয়টার্স জানিয়েছে। ক্যালিফোর্নিয়ায় এর আগেও ‘ক্লিন ভেহিকল রিবেট প্রজেক্ট’ নামে একটি বড় প্রণোদনা কর্মসূচি ছিল। ২০২৩ সালের নভেম্বরে বন্ধ হওয়ার আগে প্রায় এক দশকে সেই কর্মসূচির আওতায় ৫ লাখ ৮৬ হাজার গাড়ির জন্য মোট ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল। পুরোনো কর্মসূচিতে আয় ও গাড়ির যোগ্যতাসহ একাধিক শর্ত ছিল। নতুন মাইফার্স্টইভি কর্মসূচির সব চূড়ান্ত শর্ত এখনো ঘোষণা করা হয়নি। ক্যালিফোর্নিয়া সরকার বলছে, রাজ্যটিতে এখন পর্যন্ত ২৫ লাখের বেশি শূন্য-নিঃসরণ গাড়ি বিক্রি হয়েছে। রাজ্যজুড়ে দুই লাখের বেশি পাবলিক ও শেয়ার্ড চার্জিং স্টেশন রয়েছে। এর বাইরে ক্যালিফোর্নিয়ার বাড়িগুলোতে আনুমানিক আট লাখ ব্যক্তিগত চার্জার স্থাপন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য কর্মসূচিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যাঁরা প্রথম বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করছেন অথবা রাইডশেয়ার, ডেলিভারি ও নিয়মিত যাতায়াতের কাজে গাড়ি ব্যবহার করেন, তাঁরা প্রাথমিক খরচ কমানোর সুযোগ পাবেন। তবে গাড়ির কিস্তি, বীমা, নিবন্ধন, চার্জিংয়ের ব্যবস্থা এবং ব্যাটারি ও ওয়ারেন্টির শর্তও বিবেচনা করা প্রয়োজন। রিবেটের সর্বোচ্চ সীমা ৩ হাজার ৫০০ ডলার হলেও প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে তা পাবেন না। ক্রেতাকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হতে হবে, এটি তাঁর প্রথম শূন্য-নিঃসরণ গাড়ি হতে হবে এবং গাড়ির মূল্য নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। পাশাপাশি গাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতাকে কর্মসূচিতে অংশ নিতে হতে পারে। কর্মসূচির তহবিল সীমিত হওয়ায় এটি কত দিন চলবে বা কতজন ক্রেতা সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তাই আনুষ্ঠানিক নিয়ম প্রকাশের আগে কোনো ডিলার বা বিক্রেতার মৌখিক আশ্বাসের ওপর নির্ভর না করে সরকারি ঘোষণা ও লিখিত যোগ্যতার শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।