খাদ্য ভর্তুকি ও নগদ সহায়তার সঙ্গে ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমানোর বড় সুযোগ দেখছে বিশ্বব্যাংক
একাধিক খাদ্য ভর্তুকি কর্মসূচিকে একত্র করা, বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচিগুলোতে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন এবং এর সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা গেলে দেশে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে। এমন তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে এ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলেছে, সীমিত সরকারি অর্থের সর্বোচ্চ সুফল পেতে হলে সহায়তার অর্থ ও অন্যান্য সুবিধা আরও নির্দিষ্টভাবে দরিদ্র এবং ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছানো জরুরি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়েও উদ্বেগের চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থাটি ২০২৬ ও ২০২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৪ শতাংশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বিনিয়োগের গতি এখন অনেকটাই কমে গেছে। রপ্তানিতেও আগের গতি নেই। একই সময়ে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমছে এবং ব্যবসা পরিচালনার খরচ বাড়ছে। আর্থিক খাতের দুর্বলতা ঋণ বিতরণ এবং বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি রাজস্ব আদায় কম থাকায় বড় সরকারি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।
তবে এসব চাপের মধ্যেও দেশের বৈদেশিক খাত কিছুটা স্থিতিশীল রয়েছে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকায় এই স্থিতিশীলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জ্বালানি সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি এবং সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ২০২৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসম বলেন, অর্থনৈতিক মন্দা এড়াতে এবং বেসরকারি বিনিয়োগনির্ভর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ফিরতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আদায় ও জ্বালানি খাতে দ্রুত এবং সাহসী সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, দরিদ্র মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি আরও বেশি ও ভালো কর্মসংস্থান তৈরির জন্য প্রয়োজনীয় সংস্কারও দ্রুত এগিয়ে নিতে হবে। তার মতে, এ ক্ষেত্রে আর বিলম্ব করার সুযোগ নেই এবং এখনই পদক্ষেপ নেওয়ার সময়।
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৬ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। একই সময়ে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রায় থমকে গেছে এবং বিপুলসংখ্যক নারী চাকরি হারিয়েছেন।
ব্যাংকিং খাতের দুর্বলতাও আরও বেড়েছে। খেলাপি ঋণের হার ২০২৫ সালের ডিসেম্বরের ৩০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
রাজস্ব আদায়ের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশের রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৮ দশমিক ৩ শতাংশ, যা বিশ্বব্যাপী অন্যতম সর্বনিম্ন। এর ফলে জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সরকারের ব্যয়ের সুযোগও সংকুচিত হচ্ছে। পাশাপাশি ২০২৫ অর্থবছরে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ থাকা রাজস্ব ঘাটতি ২০২৬ অর্থবছরে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে।
বর্তমানে সামাজিক সুরক্ষা, জ্বালানি ও কৃষি ভর্তুকি দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে কিছুটা সহায়তা দিচ্ছে। কিন্তু বিশ্বব্যাংকের হিসাবে, দেশের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায় অর্ধেকই কোনো না কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতার বাইরে রয়েছে।
বিশ্বব্যাংক মনে করছে, সামাজিক কর্মসূচিগুলোতে উপকারভোগী নির্বাচনের পদ্ধতি আরও উন্নত করা গেলে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে এসব কর্মসূচির কার্যকারিতা অনেক বাড়ানো সম্ভব। সীমিত সরকারি অর্থ যেন প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে পৌঁছায়, সে জন্য আরও কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
এ ক্ষেত্রে সরকারের ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ কার্যকরভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে কারা প্রকৃতভাবে সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছেন, তাদের শনাক্ত করা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে থাকা ঘাটতি কমানো সহজ হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনটি বিশ্বব্যাংক গ্রুপের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক প্রতিবেদন ‘সাউথ এশিয়া ইকোনমিক আপডেট’-এর পরিপূরক হিসেবে প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি, সম্ভাবনা এবং নীতিগত অগ্রাধিকার নিয়েও আলোচনা করা হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাবে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে বিভিন্ন বৈশ্বিক সংকটের মধ্যেও দক্ষিণ এশিয়ার অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এ বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রতিকূলতার কারণে ২০২৭ সালে তা কমে ৬ দশমিক ৭ শতাংশে নামতে পারে।
দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও দক্ষিণ এশিয়া উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে। তবে এই গতি ধরে রাখতে এবং তরুণদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করতে প্রবৃদ্ধির নতুন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
বিশেষ করে দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বৈশ্বিক ভ্যালু চেইন থেকে নতুন সুযোগ কাজে লাগানোর জন্য দক্ষতা, অবকাঠামো এবং সহায়ক কর্মপরিবেশ তৈরিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। যদিও উন্নত অর্থনীতির দেশগুলোর তুলনায় এ অঞ্চলে এআই ব্যবহারের হার এখনও কম, বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে নতুন বাজার ও ব্যবসার সুযোগ তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করছে। একইভাবে সরকারগুলোও জনসেবা উন্নত করা এবং সম্মুখসারির কর্মীদের সক্ষমতা বাড়াতে এআই ব্যবহার করছে।
এর উদাহরণ হিসেবে ভারতে ক্ষুদ্র কৃষকদের কাছে এআইভিত্তিক নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেওয়া এবং বাংলাদেশে এআইয়ের সহায়তায় উন্নত রেটিনাল স্ক্রিনিংয়ের মতো উদ্যোগের কথা উল্লেখ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক গ্রুপের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিস্কা ওনসোর্গে বলেন, এআই গ্রহণের মাধ্যমে শ্রম উৎপাদনশীলতা বাড়ানো, রপ্তানির পরিধি ও সুযোগ সম্প্রসারণ এবং জনসেবার মান উন্নত করার বড় সম্ভাবনা রয়েছে। তবে এই সুবিধা পেতে হলে এআই ব্যবহারের পথে থাকা মৌলিক ও অবকাঠামোগত ঘাটতিগুলো আগে দূর করতে হবে।
সব মিলিয়ে বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বব্যাংক একদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সঠিক উপকারভোগী নির্বাচন এবং অন্যদিকে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে। সংস্থাটির মতে, দরিদ্র মানুষের জন্য সহায়তা বাড়ানোর পাশাপাশি সেই সহায়তা যেন প্রকৃত প্রয়োজন থাকা মানুষের কাছেই পৌঁছায়, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreসিঙ্গাপুরে টানা ১৪ বছর কাজ করে জমানো অর্থে কুমিল্লায় তিনতলা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশি সুমন। নিজের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সেই বাড়ি দেখাতে এবার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকেই বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কুমিল্লায় পৌঁছে সুমনের বাড়ি ঘুরে দেখেছেন নিয়োগকর্তা। কর্মীর এমন অর্জনে আনন্দ প্রকাশ করে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। সুমনের এই গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। সিঙ্গাপুরে নির্মাণ ও অভ্যন্তরীণ সাজসজ্জার বিভিন্ন প্রকল্পে কাজ করেন সুমন। দীর্ঘ ১৪ বছরের প্রবাসজীবনে সঞ্চয় করা অর্থ দিয়ে কুমিল্লায় তৈরি করেছেন প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের তিনতলা বাড়ি। বাড়িটির নাম রেখেছেন ‘হোসেন ভিলা’। বাড়িটি নির্মাণে তাঁর ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা। সিঙ্গাপুরে কাজের অভিজ্ঞতা থেকে পাওয়া আধুনিক নকশার ধারণা নিজের বাড়িতেও কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘আল আমিন গ্রামীণ ব্লগ’ নামের একটি ফেসবুক পেজে বাড়িটির ঘুরে দেখানোর ভিডিও প্রকাশ করা হয়। এতে সুমনকে নিজেই তাঁর সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাতে দেখা যায়। ভিডিওতে বাড়ির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও চোখে পড়ে। বাড়িটির নামফলকে দুই দেশের পতাকা রাখার মাধ্যমে নিজের জন্মভূমি এবং দীর্ঘদিনের কর্মস্থলের প্রতি ভালোবাসা তুলে ধরেছেন তিনি। এশিয়াওয়ানের প্রতিবেদন প্রকাশের সময় ভিডিওটি ৪৬ লাখের বেশি বার দেখা হয়েছিল এবং এতে ১ লাখ ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছিল। তিনতলা বাড়িটিতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি। বাড়ির বিভিন্ন অংশে আধুনিক নকশা ও কাচের ব্যবহারও দেখা যায়। সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার সময় সেখানকার বাড়িঘরের নকশা তাঁকে অনুপ্রাণিত করেছে বলে ভিডিওতে জানান সুমন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই নিজের বাড়িতে কিছুটা সিঙ্গাপুরের আবহ তৈরি করার চেষ্টা করেছেন তিনি। বাড়িটি ঘুরে দেখার সময় সুমনের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন তাঁর সিঙ্গাপুরের নিয়োগকর্তা। দীর্ঘদিনের পরিশ্রমের পর কর্মী নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছেন দেখে তিনি আনন্দিত বলে জানান। পরিবারের সবাইকে একসঙ্গে রাখার মতো একটি বাড়ি তৈরি করায় সুমনের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আর্থিকভাবে আরও স্বাবলম্বী হলে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন। তবে ভিডিওতে নিয়োগকর্তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। সুমনের অর্জনের বিশেষ দিক হলো, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কাজ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেও প্রবাসজীবনের কর্মযাত্রা এখনো শেষ হয়নি। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে দেশে পরিবারের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলার পাশাপাশি নিজের কর্মস্থলের মানুষকেও সেই অর্জনের অংশীদার করেছেন তিনি। এশিয়াওয়ানের প্রতিবেদনে তাঁর এই উদ্যোগকে প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের পরিশ্রম ও পরিবারের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সুমনকে অভিনন্দন জানিয়েছেন। কেউ তাঁর বাড়ির নকশার প্রশংসা করেছেন, আবার কেউ প্রবাসে দীর্ঘদিন কাজ করে এমন একটি বাড়ি গড়ে তোলার জন্য তাঁর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। অনেকের কাছে হোসেন ভিলা শুধু একটি বড় বাড়ি নয়, বরং বিদেশের মাটিতে বছরের পর বছর কাজ করে দেশে ফিরে নিজের ও পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা তৈরির স্বপ্নপূরণের গল্প। সংবাদসূত্র: এশিয়াওয়ান, আরটিভি অনলাইন।
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার
ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির সাবেক দুই এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ, তিন বছরের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। প্রায় দুই বছর চট্টগ্রামে কারাবন্দি থাকার পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে কড়া নিরাপত্তায় তাঁকে ঢাকায় নেওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোর ৫টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী গাড়ি চট্টগ্রাম থেকে রওনা হয়। সকাল ১০টার দিকে তাঁকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়। তবে হঠাৎ এই স্থানান্তরের নির্দিষ্ট কোনো কারণ জানায়নি কারা কর্তৃপক্ষ। ইকবাল হোসেন বলেন, এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দি স্থানান্তর নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। প্রয়োজন অনুযায়ী বন্দিদের স্থানান্তর করা হয়ে থাকে। কারাগার সূত্রের বরাতে দ্য ডেইলি স্টার জানিয়েছে, চট্টগ্রাম কারাগারে চিন্ময়ের খাবার প্রস্তুতের দায়িত্বে থাকা রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে তাঁর সঙ্গে ঢাকায় নেওয়া হয়নি। তিনি এখনো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম চট্টগ্রামের বিভিন্ন আদালতে চলছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। ওই বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি দায়ের করেন বিএনপির স্থানীয় নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন আদালত এলাকায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশের তদন্তে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই হত্যা মামলায় আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। আদালত সূত্র অনুযায়ী, চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা চলমান রয়েছে। কয়েকটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় আটক থাকায় কারাগার থেকে মুক্তি পাননি। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনের আদেশও স্থগিত রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস একসময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাঁকে ঢাকায় স্থানান্তরের পরও চট্টগ্রামের আদালতে চলমান মামলাগুলোর বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে হাজির করা হতে পারে। তবে কারাগার পরিবর্তনের পেছনে নিরাপত্তাসংক্রান্ত বিশেষ কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার এখনো চলমান এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে তাঁকে দোষী সাব্যস্ত বলা যাবে না। সংবাদসূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা, দ্য ডেইলি স্টার
চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি নিয়ে গেল চোর! হোটেলে ভাত খেতে গিয়েই গাড়ি হারালেন তিন পুলিশ সদস্য
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন বসুন্ধরার বাসা থেকে আটক
ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক
দীর্ঘ ১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি সেই বাড়ি দেখতে বাংলাদেশে আসেন তাঁর সিঙ্গাপুরের নিয়োগকর্তা। বাড়িটি ঘুরে দেখার পাশাপাশি প্রবাসী কর্মীর সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আধুনিক নকশায় নির্মিত একটি তিনতলা বাড়ির সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। প্রবেশপথের দুই পাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন বিদেশি এক ব্যক্তি। তাঁর পাশে রয়েছেন প্রবাসী বাংলাদেশি কর্মী। ভিডিওতে বিদেশি ওই ব্যক্তিকে বাড়ির পরিবেশ ও নির্মাণকাজ সম্পর্কে কথা বলতে দেখা যায়। উপস্থিত একজন তাঁর বক্তব্য ধারণ করছেন। তবে তাঁদের কথোপকথনের পূর্ণ বিবরণ পাওয়া যায়নি। ঘটনাটি সামনে আসার পর দীর্ঘদিন বিদেশে কাজ করে দেশে বাড়ি নির্মাণের বিষয়টি আলোচনায় এসেছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বছরের পর বছর বিদেশে কর্মরত থেকে উপার্জনের অর্থ দেশে পাঠান। সেই অর্থ পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং বসতবাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যয় হয়। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দেশটিতে নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীরা কাজ করেন। দীর্ঘ সময় প্রবাসে থেকে সঞ্চিত অর্থ দিয়ে দেশে স্থায়ী সম্পদ গড়ে তোলা অনেক প্রবাসীর গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে আলোচিত প্রবাসী কর্মীর নাম, বাড়িটির অবস্থান, নির্মাণব্যয় এবং নিয়োগকর্তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র: এশিয়াওয়ান
নামাজ না পড়ার অভিযোগে নাতজামাইয়ের বিরুদ্ধে থানায় গেলেন নানা শ্বশুর
পদত্যাগের পর বিএনপির ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

