ইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নি হত, আহত ৭৫০-এর বেশি; প্রকাশ্যে পেন্টাগনের তথ্য
ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন এবং ১৮ জন নিহত হয়েছেন। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হতাহতের তথ্যভান্ডার ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিক্যাস) হালনাগাদ করার পর এই চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে।
গত বুধবার পেন্টাগন নতুন করে আরও ৫০ জনের বেশি আহত সেনার তথ্য এই তালিকায় যুক্ত করেছে। ডিক্যাসের ‘ওভারসিজ অপারেশনস’ বিভাগের সাথে ‘অপারেশন এপিক ফিউরি’র তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকে সর্বমোট ১৮ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং ৭৫৭ জন আহত হয়েছেন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত নিরসনে যখন আলোচনা পুরোপুরি থমকে আছে, ঠিক তখনই মার্কিন বাহিনীর এই ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে এল।
পেন্টাগনের এই তথ্য প্রকাশ নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছে। গত মাসে ডিক্যাসের তালিকা থেকে নিহত চারজন এবং বেশ কয়েকজন আহত সেনার নাম হঠাৎ করেই বাদ পড়ে যায়, যা নিয়ে সংবাদমাধ্যম ও আইনপ্রণেতারা চরম সমালোচনা শুরু করেন। পরবর্তীতে পেন্টাগন দাবি করে যে ‘সাময়িক তথ্যগত বিঘ্নের’ কারণে এই ভুল হয়েছিল এবং পরে তা পুনরায় তালিকায় যুক্ত করা হয়।
পেন্টাগন গত মাসেই ডিক্যাসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে একটি নতুন বিভাগ চালু করেছে, যেখানে ৭ জুলাই থেকে হতাহতদের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। ঘটনাচক্রে ৭ জুলাই তারিখেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’-এর আওতায় কংগ্রেসকে ইরানের সাথে নতুন সংঘাত শুরুর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছিল। তবে কোন নির্দিষ্ট সংঘাতে এই সেনারা হতাহত হয়েছেন, সে ব্যাপারে পেন্টাগন এখনো স্পষ্ট করে কিছু জানায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে পেন্টাগন শুরু থেকেই আহত সেনাদের তথ্য প্রকাশে বেশ ধীরগতি অবলম্বন করে আসছে। এতসব উদ্বেগ ও প্রাণহানির মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে, ইরানের সাথে পরিস্থিতি বর্তমানে ‘খুব ভালো’।
তবে তিনি তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আলোচনা আপাতত স্থগিত রেখেছেন। এই যুদ্ধাবস্থার মধ্যে হরমুজ প্রণালি এখনও চরম উত্তেজনাপূর্ণ অঞ্চল হিসেবেই বিবেচিত হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreবিয়ের যৌতুক বা উপহার হিসেবে একসময় মোটরসাইকেল কিংবা আসবাবপত্রের কদর ছিল সবচেয়ে বেশি। কিন্তু পাকিস্তানের দৃশ্যপট এখন বদলে গেছে। গয়না, রুপার বাসনপত্র আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) ভিড়ে এখন বর-কনের পরিবারের কাছে সবচেয়ে মূল্যবান উপহার হয়ে উঠেছে ‘সোলার প্যানেল’। পাঞ্জাবের গ্রামাঞ্চলের বাসিন্দা ফয়সাল শাহজাদের বিয়ের তিন মাস পেরিয়েছে। শ্বশুরবাড়ি থেকে পাওয়া নানা উপহারের মধ্যে তার সবচেয়ে প্রিয় বস্তুটি হলো ৩৪০ ওয়াটের একটি সোলার প্যানেল। ফয়সাল জানান, গ্রীষ্মকালে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্যানেলের সাহায্যেই তারা এয়ার কুলার চালিয়েছেন। দিনের বেলায় জাতীয় গ্রিডের বিদ্যুতের প্রয়োজনই পড়েনি তাদের। পাকিস্তানজুড়ে এখন এমন চিত্রই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আবাসিক ভবন, হাসপাতাল থেকে শুরু করে কৃষিজমি ও বড় বড় শিল্পকারখানার ছাদে ঝলমল করছে আমদানি করা সোলার প্যানেল। গবেষণা প্রতিষ্ঠান ‘রিনিউয়েবলস ফার্স্ট’-এর তথ্যমতে, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের অংশীদারত্ব ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটির প্রায় ৭০ লাখ পরিবার নিজস্ব সোলার প্যানেল ব্যবহার করছে। বিদ্যুৎ বিলের চাপ ও সোলার বিপ্লব সরকারি কোনো নীতিমালার চেয়ে বরং সাধারণ মানুষের টিকে থাকার তাগিদ থেকেই পাকিস্তানে এই সৌরবিপ্লব ঘটেছে। দেশটিতে গড় মাসিক আয় যেখানে ৪০ হাজার পাকিস্তানি রুপির (প্রায় ১৪৫ মার্কিন ডলার) নিচে, সেখানে বিদ্যুতের বিল ১৫ থেকে ১৮ হাজার রুপিতে পৌঁছেছে। কয়েক বছরের ব্যবধানে বিদ্যুতের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে, অথচ একই সময়ে চীনা সোলার প্যানেলের দাম কমেছে প্রায় ৯৩ শতাংশ। পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেঘারি এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তার মতে, মানুষ সাশ্রয়ী ও কার্যকর উপায়ে নিজেদের টিকে থাকার পথ খুঁজে নিয়েছে। জাতীয় গ্রিডের জন্য অশনিসংকেত জ্বালানি আমদানিনির্ভর পাকিস্তানের জন্য সৌরবিদ্যুতের এই প্রসার আশীর্বাদ হয়ে এলেও, এটি দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞরা একে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ বা বিদ্যুৎ খাতের দুষ্টচক্র হিসেবে অভিহিত করছেন। বিষয়টি হলো—যত বেশি মানুষ জাতীয় গ্রিড ছেড়ে সৌরবিদ্যুতে ঝুঁকছেন, গ্রিডের রক্ষণাবেক্ষণ ও স্থায়ী ব্যয় মেটানোর জন্য গ্রাহক সংখ্যা ততই কমছে। ফলে অবশিষ্ট গ্রাহকদের ওপর বিদ্যুতের দাম আরও বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষকে গ্রিড ছাড়তে আরও উৎসাহিত করছে। এতে করে ভবিষ্যতে যাদের সোলার প্যানেল কেনার সামর্থ্য নেই, সেই নিম্নবিত্ত মানুষগুলো চরম বিপাকে পড়বেন এবং রাষ্ট্রীয় বিদ্যুৎ খাত সরকারের জন্য একটি শ্বেতহস্তীতে পরিণত হবে। জ্বালানিমন্ত্রী লেঘারি স্বীকার করেছেন, গত দুই বছরে মানুষ গ্রিড থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অবশিষ্ট গ্রাহকদের ওপর বছরে ৫০ কোটি ডলারের বেশি বাড়তি বোঝা চেপেছে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) সাথে করা ব্যয়বহুল চুক্তিগুলো পুনর্বিবেচনা করে সরকার এখন গ্রিডকে আরও সাশ্রয়ী ও আধুনিক করার চেষ্টা করছে। ২০৩৬ সালের মধ্যে নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানির মাধ্যমে দেশের ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসলামাবাদ। শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দাপট শুধু বাসাবাড়ি নয়, বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোও এখন সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস এর অন্যতম উদাহরণ। কারখানাটির শত শত মেশিন এখন দিনের বেলায় পুরোপুরি সৌরবিদ্যুতে চলে। আগে যেসব ভারী ফার্নেস অয়েল চালিত ইঞ্জিন ব্যবহার করা হতো, সেগুলো এখন গুদামে পড়ে আছে। রাতের বেলা বা মেঘলা দিনে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করলেও শিগগিরই তারা অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য শিল্প-ব্যাটারি ব্যবহার শুরু করতে যাচ্ছে। তবে সরকারের সাম্প্রতিক নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা অসন্তোষও রয়েছে। আগে গ্রাহকরা অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে যে আর্থিক সুবিধা (নেট মিটারিং) পেতেন, এ বছর সরকার সেই নীতিমালায় পরিবর্তন এনেছে। এখন সরকার কম দামে বিদ্যুৎ কিনে বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ তুলেছেন ফয়সালাবাদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আরিফ এহসান মালিক। জবাবে জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, পুরোনো নীতিমালা বহাল রাখলে আগামী দুই বছরের মধ্যে সাধারণ গ্রিড গ্রাহকদের ওপর বছরে ১৫০ থেকে ২০০ বিলিয়ন রুপির বাড়তি বোঝা চাপত। তবে সৌরবিদ্যুতের এই দ্রুত প্রসার সরকারের ১০ বছর মেয়াদি পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়েছে এবং দেশে সৌর ব্যাটারি কারখানা স্থাপন ও বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র: বিবিসি
মুসলিম অ্যাক্টিভিস্টের হিজাব খুলে ডিপফেক ছবি, ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
পারমাণবিক অ স্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, সম্প্রসারিত হচ্ছে ইউরেনিয়াম স্থাপনা
পুতিনের চীন সফরের মধ্যেই তাইওয়ানের কাছে দ্বিতীয়বার রুশ সামরিক বিমানের আনাগোনা
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অপরাধে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত চূড়ান্ত ও বাধ্যতামূলক রায়ে জানান যে, গণহত্যা সনদের অধীনে নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার এবং রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত করেছে। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার এমন রায় এটিই প্রথম। গাম্বিয়ার করা এই মামলায় আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে চরম সহিংসতা চালিয়েছে, যা সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল। রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা, পরিবারগুলোর পুনর্মিলন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার নিশ্চয়তা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহীত পদক্ষেপ ও ক্ষতিপূরণের রূপরেখা জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশের কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী দীর্ঘদিন ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এই রায়কে রোহিঙ্গা নেতারা ও শরণার্থীরা ন্যায়বিচারের স্বীকৃতি হিসেবে দেখলেও বাস্তবে দ্রুত প্রত্যাবাসন নিয়ে সংশয় ও বাস্তব চ্যালেঞ্জ রয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সামরিক জান্তার ক্ষমতায় থাকা এবং আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তায় নিরাপত্তা পরিস্থিতি এখনো নাজুক। বিশ্লেষক ও রোহিঙ্গা প্রতিনিধিদের মতে, আইসিজের এই রায় আইনি স্বীকৃতি ও আন্তর্জাতিক চাপ বাড়াতে বড় ভূমিকা রাখলেও রাতারাতি রোহিঙ্গাদের ঘরে ফেরার পথ তৈরি করবে না। মর্যাদা, নাগরিকত্ব ও পূর্ণ অধিকারের নিশ্চয়তা ছাড়া শরণার্থীরা ফিরতে চান না, আর মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতা বদলানো ছাড়া টেকসই প্রত্যাবাসন কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছে। সূত্র: আল জাজিরা
এপেক সম্মেলনে পুতিনের সাথে রহস্যময় ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে?
বাংলাদেশে দুর্নীতির মামলাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে আইনী পদক্ষেপের কথা ভাবছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক
ট্রাম্প-পুতিনের সঙ্গে বৈঠকে পরমাণু অস্ত্র ধ্বংসের ও নিষিদ্ধের ডাক শি জিনপিংয়ের
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. সাবরিন ফারুকী। ২০২১ সালে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালে কমিউনিটি সেবা ও বহুসাংস্কৃতিক সমাজে অবদানের স্বীকৃতি হিসেবে পান মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননা। অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের সরকারি সম্মাননা তালিকা এবং দেশটির সংবাদমাধ্যম এসবিএস বাংলার প্রতিবেদনে তাঁর এই অর্জনের তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাফল্যের খবর আবার আলোচনায় এসেছে। তবে কাউন্সিলর নির্বাচিত হওয়া এবং রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার ঘটনা কয়েক বছর আগের। বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা সাবরিন ফারুকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সাবরিন। গবেষণায় কৃতিত্বের জন্য ২০০৮ সালে ইউনিভার্সিটি অব সিডনির সেরা গবেষক শিক্ষার্থীর স্বীকৃতিও পান। পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় শিক্ষকতা ও সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস এবং ফেয়ার ওয়ার্ক কমিশনের মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পেশাগত দায়িত্বের পাশাপাশি অভিবাসী, শরণার্থী ও নারীদের অধিকার নিয়ে কাজ শুরু করেন সাবরিন। বিশেষ করে নতুন অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা এবং পারিবারিক সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়ানোর কাজে যুক্ত হন তিনি। তিনি কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি। সংগঠনটি অস্ট্রেলিয়ায় বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে আসা মানুষের সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হন সাবরিন ফারুকী। ২০১৯ সালে নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে সে সময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হননি। পরবর্তী সময়ে ২০২১ সালের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। একই নির্বাচনে লিবারেল পার্টির সাজেদা আক্তার সানজিদাও কাউন্সিলর নির্বাচিত হন। তাঁরা অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে নির্বাচিত প্রথম দিকের বাংলাদেশি বংশোদ্ভূত নারী জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন। ২০২৪ সালের অস্ট্রেলিয়া ডে সম্মাননা তালিকায় সাবরিন ফারুকীর নাম অন্তর্ভুক্ত হয়। কমিউনিটি সেবা এবং বহুসাংস্কৃতিক সমাজে অবদানের জন্য তাঁকে মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া দেওয়া হয়। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্মাননা ব্যবস্থায় অর্ডার অব অস্ট্রেলিয়ার চারটি স্তর রয়েছে। এর মধ্যে মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া একটি স্বীকৃত সম্মাননা। এসবিএস বাংলার প্রতিবেদনে সাবরিন ফারুকীকে এই সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি-অস্ট্রেলিয়ান নারী হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে এই দাবির ক্ষেত্রে সংবাদমাধ্যমটি প্রাপ্ত তথ্যের সীমাবদ্ধতার কথাও জানিয়েছিল। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া সাবরিন ফারুকীর শিক্ষকতা, গবেষণা, সমাজসেবা ও স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের পেশাগত ও সামাজিক অবদানের একটি উল্লেখযোগ্য উদাহরণ। সংবাদসূত্র অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের কার্যালয়, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল
কানাডায় পোড়া গাড়ির ভেতর ভারতীয় যুবকের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ
চীনে এপেক সম্মেলনে দ্বিপাক্ষীয় বৈঠকে পুতিনকে দেখিয়ে ট্রাম্পের রসিকতা, বললেন ‘উনি কে?’

