সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
‘গোল্ডেন ভিসা’ পেতে ইউরোপে ঝুঁকছেন মার্কিন নাগরিকরা, সবচেয়ে সাশ্রয়ী গন্তব্য হিসেবে এগিয়ে হাঙ্গেরি
‘গোল্ডেন ভিসা’ পেতে ইউরোপে ঝুঁকছেন মার্কিন নাগরিকরা, সবচেয়ে সাশ্রয়ী গন্তব্য হিসেবে এগিয়ে হাঙ্গেরি

বিদেশে স্থায়ী বা দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগ্রহ দ্রুত বাড়ছে। বিশেষ করে বিনিয়োগের মাধ্যমে আবাসনের অনুমতি দেওয়া ‘স্বর্ণ ভিসা’ কর্মসূচির প্রতি তাদের আগ্রহ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ভ্রমণবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ট্রাভেল অ্যান্ড লেজার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্রাভেল অ্যান্ড লেজার-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি বর্তমানে ইউরোপের অন্যতম কম ব্যয়বহুল স্বর্ণ ভিসা কর্মসূচি পরিচালনা করছে। তুলনামূলক কম বিনিয়োগে দেশটিতে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি পাওয়া যায় বলে মার্কিন নাগরিকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বিনিয়োগভিত্তিক অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স-এর ২০২৫ সালের বিনিয়োগভিত্তিক অভিবাসন কর্মসূচি প্রতিবেদন বলছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে বসবাসের অনুমতি বা দ্বিতীয় নাগরিকত্ব বিষয়ে মার্কিন নাগরিকদের অনুসন্ধান ১৮৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গত পাঁচ বছরে এ ধরনের অনুসন্ধান প্রায় ১,০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা, সম্পদ সুরক্ষা এবং ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করেই অনেক মার্কিন নাগরিক বিদেশে বিকল্প আবাসনের পথ খুঁজছেন। ট্রাভেল অ্যান্ড লেজার আরও উল্লেখ করেছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় হাঙ্গেরিতে বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিরা শেনজেন অঞ্চলের বিভিন্ন দেশে সহজে যাতায়াতের সুবিধা পান। এ কারণেও দেশটির স্বর্ণ ভিসা কর্মসূচি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি দেশের বিনিয়োগভিত্তিক আবাসন কর্মসূচির শর্ত, বিনিয়োগের পরিমাণ, করব্যবস্থা এবং নাগরিকত্ব পাওয়ার নিয়ম ভিন্ন। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি নীতিমালা ও আইনি শর্ত ভালোভাবে যাচাই করা উচিত।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৬:২৫
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
বিল ক্লিনটনের পুরোনো মন্তব্য ঘিরে আবারও আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান কেন আজও সম্ভব হয়নিএ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দুই দশকেরও বেশি পুরোনো মন্তব্য আবার সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক আলোচনায় সামনে এসেছে। ২০০০ সালের ক্যাম্প ডেভিড শান্তি সম্মেলনে ক্লিনটনের মধ্যস্থতায় তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত চূড়ান্ত শান্তিচুক্তির চেষ্টা করেছিলেন। আলোচনায় সীমান্ত, জেরুজালেমের মর্যাদা, নিরাপত্তা, শরণার্থী এবং সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মতো সবচেয়ে জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি।   সম্মেলন শেষে বিল ক্লিনটন বলেন, উভয় পক্ষই ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে নজিরবিহীন আলোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি একই সঙ্গে উল্লেখ করেন, তবুও মূল বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল এবং শান্তির প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। বর্তমানে প্রো-ইসরায়েল অবস্থানের অনেক বিশ্লেষক ও রক্ষণশীল রাজনীতিক দাবি করছেন, অতীতের বিভিন্ন শান্তি প্রস্তাব ফিলিস্তিনি নেতৃত্ব বারবার প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এই ইতিহাস বর্তমান রাজনৈতিক আলোচনায় প্রায়ই উপেক্ষিত হয় এবং তা সংঘাতের বাস্তব চিত্র বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে তারা ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্বের স্বীকৃতির বিষয়টিকেও আলোচনার কেন্দ্রে রাখার আহ্বান জানান।   অন্যদিকে সমালোচক ও বহু গবেষক মনে করেন, সংঘাতের ব্যর্থতার জন্য একক কোনো পক্ষকে দায়ী করা যায় না। তাদের মতে, সীমান্ত নির্ধারণ, ইসরায়েলি বসতি সম্প্রসারণ, জেরুজালেমের ভবিষ্যৎ, ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের দাবি, নিরাপত্তা উদ্বেগ এবং পারস্পরিক অবিশ্বাস—এসব দীর্ঘদিনের জটিল ইস্যু শান্তিচুক্তির পথে বড় বাধা হয়ে রয়েছে। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ক্যাম্প ডেভিড আলোচনার ব্যর্থতা এখনো মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে সেই আলোচনা এবং বিল ক্লিনটনের মন্তব্য নতুন করে মূল্যায়নের কেন্দ্রবিন্দুতে এসেছে।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৬:১৪
নিউইয়র্কে দ্রুত বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, এক দশকে বেড়েছে ৪৫ শতাংশ
নিউইয়র্কে দ্রুত বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, এক দশকে বেড়েছে ৪৫ শতাংশ

নিউইয়র্ক সিটির অভিবাসী জনগোষ্ঠীর মানচিত্রে দ্রুত শক্ত অবস্থান তৈরি করছেন বাংলাদেশিরা। এক দশকে শহরটিতে বাংলাদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। এর ফলে নিউইয়র্কের সপ্তম বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠীতে উঠে এসেছেন বাংলাদেশিরা। শুধু তাই নয়, ভারতকে পেছনে ফেলে বাংলাদেশিরাই এখন শহরের সবচেয়ে বড় দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠী।   নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব সিটি প্ল্যানিংয়ের ২০২৬ সালের জুনে প্রকাশিত ‘দ্য নিউয়েস্ট নিউ ইয়র্কার্স ২০২৬’ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। শহরের অভিবাসী জনগোষ্ঠী নিয়ে এটিই নিউইয়র্ক সিটির সর্বশেষ বিস্তৃত সরকারি প্রতিবেদন।   প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে নিউইয়র্ক সিটিতে বাংলাদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৭৯৩। ২০১৩ সালে এই সংখ্যা ছিল প্রায় ৭৬ হাজার। অর্থাৎ এক দশকে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। একই সময়ে তালিকায় নবম অবস্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।   তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটি ২০২৬ সালে প্রকাশিত হলেও দেশভিত্তিক বিস্তারিত জনসংখ্যার হিসাব মূলত ২০১৯ থেকে ২০২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে এবং সংশ্লিষ্ট সেনসাস তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। তাই ১ লাখ ১০ হাজার ৭৯৩ জনকে ২০২৬ সালের সরাসরি জনসংখ্যা হিসেবে দেখা ঠিক হবে না।   এরই মধ্যে ২০২৪ সালের আমেরিকান কমিউনিটি সার্ভের আরও সাম্প্রতিক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো। সেই হিসাবে ২০২৪ সালে নিউইয়র্ক সিটিতে মোট বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ৩১ লাখ ৮ হাজার। ফলে শহরের সামগ্রিক অভিবাসী জনগোষ্ঠী এখনো নিউইয়র্কের জনমিতি, অর্থনীতি ও কর্মশক্তির গুরুত্বপূর্ণ অংশ।   বাংলাদেশিদের উত্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে। সিটি প্ল্যানিংয়ের প্রতিবেদনে বাংলাদেশকে নিউইয়র্কের সবচেয়ে বড় দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা যেখানে প্রায় ১ লাখ ১০ হাজার ৮০০, সেখানে ভারতীয় বংশোদ্ভূত বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা প্রায় ৬৪ হাজার ২০০।   নিউইয়র্ক সিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। কারণ সাম্প্রতিক সময়ে শহরে আসা নতুন অভিবাসীদের মধ্যে বাংলাদেশ অন্যতম বড় উৎস দেশ। নতুনভাবে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড পাওয়া ব্যক্তিদের মধ্যেও বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।   বাংলাদেশি অভিবাসনের ক্ষেত্রে পরিবারভিত্তিক ইমিগ্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১০-এর দশকে বাংলাদেশ থেকে নিউইয়র্ক সিটিতে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসা ৬০ হাজারের বেশি মানুষের বড় অংশই পরিবারভিত্তিক ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়েছেন। মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মাধ্যমেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।   বাংলাদেশিদের বসবাসের প্রধান কেন্দ্র কুইন্স হলেও কমিউনিটির বিস্তার এখন নিউইয়র্কের অন্যান্য বরোতেও দৃশ্যমান। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট ও ব্রায়ারউডসহ কুইন্সের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বড় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। পাশাপাশি ব্রঙ্কসেও বাংলাদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিটি প্ল্যানিংয়ের ২০১৯ থেকে ২০২৩ সালের হিসাবে ব্রঙ্কসে বাংলাদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার ৫০০, যা ওই বরোর পঞ্চম বৃহত্তম বিদেশে জন্ম নেওয়া জনগোষ্ঠী।   বাংলাদেশি কমিউনিটির বৃদ্ধির আরেকটি দিক হলো নতুন প্রজন্ম। নিউইয়র্ক সিটির বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশিদের হিসাবের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় না। ফলে ১ লাখ ১০ হাজারের হিসাবটি নিউইয়র্কে বসবাসকারী পুরো বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা নয়। দ্বিতীয় ও পরবর্তী প্রজন্ম যোগ করলে কমিউনিটির প্রকৃত আকার আরও বড়।   জাতীয় পর্যায়েও একই প্রবণতা দেখা যাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালে প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ থেকে ২০২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে শুধু বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়া মানুষের সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার। ২০০০ সালে এই সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। দুই দশকের কিছু বেশি সময়ে এই জনগোষ্ঠী বেড়েছে প্রায় ৫৬৯ শতাংশ।   ওই হিসাবে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৯০ হাজার বাংলাদেশি ছিলেন অভিবাসী এবং প্রায় ৭৫ হাজার যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া। তবে পিউর এই হিসাব শুধু যারা নিজেদের এককভাবে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করেছে, ফলে বাংলাদেশি বংশোদ্ভূত সামগ্রিক জনগোষ্ঠীর হিসাব পদ্ধতিভেদে ভিন্ন হতে পারে।   নিউইয়র্কের সাম্প্রতিক সরকারি প্রতিবেদন বলছে, শহরের অভিবাসী মানচিত্রের পরিবর্তনের মধ্যে বাংলাদেশিদের বৃদ্ধি এখন স্পষ্ট। এক দশকে ৪৫ শতাংশ বৃদ্ধি, অভিবাসী জনগোষ্ঠীর তালিকায় সপ্তম অবস্থানে উঠে আসা এবং দক্ষিণ এশীয়দের মধ্যে শীর্ষে পৌঁছানো নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান উপস্থিতিরই প্রতিফলন।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৬:২
তাহিয়া তাবাসসুম I ছবি: সংগৃহীত
স্বপ্ন, মেধা আর পরিশ্রমে জাপানে বিরল ইন্টার্নশিপের সুযোগ পেলেন চবির তাহিয়া

দেশের গণ্ডি পেরিয়ে এবার জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিওলজিক্যাল সায়েন্সের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন সন্দ্বীপের মেয়ে তাহিয়া তাবাসসুম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই গবেষণার স্বপ্ন দেখা তাহিয়া নিজের মেধা, অধ্যবসায় এবং সুপরিকল্পিত প্রস্তুতির মাধ্যমেই এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।   তাহিয়ার শিক্ষাজীবনের শুরুটা সন্দ্বীপেই। সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাসের পর তিনি ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। স্কুলজীবনেই চাচা মিজানুর রহমানের অনুপ্রেরণায় একজন গবেষক হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম বর্ষ থেকেই গবেষণায় যুক্ত হওয়ার চেষ্টা করেন। কিন্তু স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণাগারের অপর্যাপ্ত সুযোগ, প্রয়োজনীয় কেমিক্যালের অভাব এবং গবেষণা খাতে কম বরাদ্দের কারণে তিনি বেশ হতাশ হন। তবে এই সীমাবদ্ধতাকে তিনি কেবল নিজের বিভাগের নয়, বরং পুরো দেশের গবেষণাব্যবস্থার একটি চিত্র হিসেবে উপলব্ধি করেন। আর তখনই স্নাতক শেষ করার আগেই দেশের বাইরের কোনো উন্নত গবেষণাগারে কাজের স্বপ্নটি আরও জোরালো হয়ে ওঠে।   দ্বিতীয় বর্ষে পড়ার সময় নিজ বিভাগের এক সিনিয়র শিক্ষার্থীর জাপানে ইন্টার্নশিপের খবর তাহিয়াকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এরপর থেকে তিনি নিজেকে আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করতে শুরু করেন। শুধু পড়াশোনায় নয়, সহশিক্ষা কার্যক্রমেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড আয়োজনে যুক্ত থাকার পাশাপাশি তিনি ‘নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস (এনওয়াইবি)’-এর সহসভাপতির দায়িত্বও পালন করেন। মানবদেহের জিনগত রোগ নিয়ে গবেষণার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে পোস্টার উপস্থাপনের জন্য অর্জন করেন একাধিক পুরস্কার।   তৃতীয় বর্ষ পর্যন্ত ৩ দশমিক ৮৩ সিজিপিএ ধরে রাখার পাশাপাশি ২০২৩ সালের শেষ দিক থেকে তিনি ওয়েবসাইট ঘেঁটে এবং সিনিয়রদের পরামর্শ নিয়ে বিদেশে আবেদনের প্রক্রিয়া শুরু করেন। শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তিনি জাপানে ইন্টার্নশিপের জন্য আবেদন করেন।   চলতি বছরের মার্চ মাসে ই-মেইলের মাধ্যমে জাপানের গবেষণাগার থেকে চূড়ান্ত সুখবরটি পান তাহিয়া। দক্ষিণ এশিয়া থেকে প্রতিবছর মাত্র দুই-তিনজন শিক্ষার্থী এই সুযোগ পান, তাই এমন খবর প্রথমে তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে তিনি এই ইন্টার্নশিপে যোগ দেবেন। সেখানে তিনি মলিকুলার নিউরোইমিউনোলজি ল্যাবে কাজ করবেন।   বর্তমান বিশ্বে স্নায়বিক রোগ, বিশেষ করে আলঝেইমার, স্মৃতিভ্রম ও চলাফেরায় নিয়ন্ত্রণহীনতার মতো জটিল সমস্যাগুলোর নিরাময়ে কোনো উপযুক্ত প্রতিষেধক নেই। তাহিয়া মূলত এই চ্যালেঞ্জিং ক্ষেত্রটিতেই গবেষণা চালাবেন। ভবিষ্যতে মলিকুলার জেনেটিকস নিয়ে কাজ করার স্বপ্ন দেখা তাহিয়া মনে করেন, শিক্ষার্থীদের জন্য বিশ্বে প্রচুর সুযোগ রয়েছে, তবে সেটি খুঁজে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নতুন দক্ষতা অর্জন ও সিনিয়রদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রস্তুতি জোরদার করলেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৫:৫৫
মানবতার ডাকে সাড়া দিন, নতুন স্বেচ্ছাসেবক নিচ্ছে রেড ক্রস ও ফুড ব্যাংক
মানবতার ডাকে সাড়া দিন, নতুন স্বেচ্ছাসেবক নিচ্ছে রেড ক্রস ও ফুড ব্যাংক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্ত শহর লারেডোতে স্বেচ্ছাসেবকের ঘাটতি মোকাবিলায় একযোগে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে আমেরিকান রেড ক্রস, সাউথ টেক্সাস ফুড ব্যাংক এবং ইউনাইটেড ওয়ে অব লারেডো। দুর্যোগ মোকাবিলা, ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা, শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। রেড ক্রস জানিয়েছে, তাদের মানবিক কার্যক্রমের প্রায় ৯০ শতাংশই স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভরশীল। বর্তমানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, জরুরি সেবা, প্রস্তুতিমূলক কার্যক্রম এবং কমিউনিটি সচেতনতামূলক উদ্যোগে নতুন স্বেচ্ছাসেবক প্রয়োজন। অন্যদিকে সাউথ টেক্সাস ফুড ব্যাংক প্রবীণদের খাদ্য সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক খুঁজছে। সাম্প্রতিক বন্যায় দক্ষিণ টেক্সাসের একাধিক কাউন্টি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য ও জরুরি সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে এবং এতে জনসম্পৃক্ততার প্রয়োজন বেড়েছে। ইউনাইটেড ওয়ে অব লারেডোও শিক্ষার্থীদের সাক্ষরতা উন্নয়ন কর্মসূচি, কমিউনিটি ইভেন্ট এবং স্কুলে ফেরার প্রস্তুতি কার্যক্রমে অংশ নিতে নতুন স্বেচ্ছাসেবক নিবন্ধনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, সমাজের কল্যাণে সময় দেওয়া মানুষের অংশগ্রহণই একটি শক্তিশালী ও সহমর্মী কমিউনিটি গড়ে তোলে।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৫:৩৮
স্কটল্যান্ডে শিশু স্কাউটদের মসজিদ সফরের ভিডিও ঘিরে বিভ্রান্তিকর প্রচার, ছড়ানো হয়েছে সম্পাদিত ও এআই ছবি
স্কটল্যান্ডে শিশু স্কাউটদের মসজিদ সফরের ভিডিও ঘিরে বিভ্রান্তিকর প্রচার, ছড়ানো হয়েছে সম্পাদিত ও এআই ছবি

স্কটল্যান্ডের একটি মসজিদে শিশু স্কাউটদের শিক্ষামূলক সফরের বাস্তব ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বিভ্রান্তিকর দাবি। কোথাও ঘটনাটিকে স্কুলের ফিল্ড ট্রিপ, কোথাও শিশুদের বাধ্য করে নামাজ পড়ানো এবং একটি শিশুর সেই নির্দেশ প্রত্যাখ্যান করার ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এর সঙ্গে ছড়ানো হয়েছে সম্পাদিত ছবি এবং পরে একই ঘটনার নামে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সম্পূর্ণ ভুয়া ছবিও।   ব্রিটিশ ফ্যাক্টচেক সংস্থা ফুল ফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, মূল ভিডিওটি বাস্তব। এটি স্কটল্যান্ডের একটি বিভার স্কাউট দলের মসজিদ পরিদর্শনের সময় ধারণ করা হয়েছিল। ভিডিওতে কয়েকজন শিশুকে মুসলিমদের নামাজের বিভিন্ন শারীরিক ভঙ্গি অনুসরণ করতে এবং একটি শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।   তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু পোস্টে ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে যাচাই করা তথ্যের গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।   ভাইরাল পোস্টগুলোর একটিতে দাবি করা হয়, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের স্কুলের ফিল্ড ট্রিপে মসজিদে নিয়ে যান। সেখানে একজন ইমাম শিশুদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেন, মেয়েদের বোরকা পরার পদ্ধতি দেখান এবং সবাইকে নামাজের জন্য নত হতে বলেন। পোস্টটিতে আরও দাবি করা হয়, শুধু একটি ছেলে নত হতে অস্বীকৃতি জানায়।   কিন্তু যাচাই করা তথ্য অনুযায়ী, এটি কোনো স্কুলের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ ছিল না। শিশুরা যুক্তরাজ্যের স্কাউট আন্দোলনের বিভার স্কাউট দলের সদস্য হিসেবে মসজিদটি পরিদর্শন করেছিল।   শিশুদের বাধ্য করে নামাজ পড়ানোর দাবিও অস্বীকার করেছে স্কাউট কর্তৃপক্ষ।   ফুল ফ্যাক্টকে স্কাউটসের একজন মুখপাত্র জানান, শিশুরা প্রকৃত নামাজে অংশ নিচ্ছিল না। ইমাম মুসলমানরা নামাজের সময় যেসব শারীরিক ভঙ্গি করেন, সেগুলো দেখাচ্ছিলেন। শিশুদের ইচ্ছা হলে সেই ভঙ্গি অনুসরণ করার সুযোগ ছিল। এতে অংশ নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না।   ভিডিওতে একটি শিশুকে অন্যদের মতো নত না হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ইসলামি প্রার্থনায় অংশ নিতে অস্বীকৃতি জানানো শিশু হিসেবে তুলে ধরা হয়েছে।   তবে শিশুটি কেন দাঁড়িয়ে ছিল কিংবা সে প্রতিবাদ হিসেবে নামাজের ভঙ্গি অনুসরণ করেনি কি না, তা নিশ্চিত করার মতো প্রমাণ পাওয়া যায়নি। শুধু ভিডিওর দৃশ্য দেখে শিশুটির উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।   ঘটনাটি নিয়ে বিভ্রান্তি আরও বাড়ে একটি ছবি ভাইরাল হওয়ার পর। ছবিটিতে দাঁড়িয়ে থাকা শিশুটির পাশে সাদা পোশাক ও টুপি পরা লম্বা দাড়িওয়ালা একজন ব্যক্তিকে দেখা যায়। ছবিটি এমনভাবে উপস্থাপন করা হয়, যেন ওই ব্যক্তিই শিশুদের সামনে দাঁড়িয়ে নামাজের নির্দেশনা দিচ্ছেন।   কিন্তু স্কাউট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি মূল ভিডিওতে ছিলেনই না।   ফুল ফ্যাক্ট মূল ভিডিওর সঙ্গে ভাইরাল ছবিটি তুলনা করে আরও কিছু অসঙ্গতি শনাক্ত করে। স্কাউটসের মুখপাত্রও নিশ্চিত করেন, সাদা পোশাকের দাড়িওয়ালা ব্যক্তিকে পরবর্তীতে ছবিতে যোগ করা হয়েছে। অর্থাৎ বাস্তব ভিডিও থেকে নেওয়া একটি দৃশ্য ডিজিটালি পরিবর্তন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।   এর কয়েক দিনের মধ্যেই একই মসজিদ সফরের ঘটনা দাবি করে নতুন কিছু ছবিও ছড়িয়ে পড়ে। এবার ছবিগুলো শুধু সম্পাদিত নয়, পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি।   ১০ জুন প্রকাশিত আরেকটি যাচাই প্রতিবেদনে ফুল ফ্যাক্ট জানায়, এসব ছবির শিশু, পোশাক ও কক্ষের সঙ্গে প্রকৃত ভিডিওর দৃশ্যের মিল নেই। ছবিগুলোতে এমন ডিজিটাল চিহ্নও পাওয়া গেছে যা সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়ার বিষয়টি নির্দেশ করে।   ফলে পুরো ঘটনাটিতে বাস্তব ও বিভ্রান্তিকর তথ্য আলাদা করা গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডে বিভার স্কাউটদের একটি দলের মসজিদ পরিদর্শন বাস্তব। সেখানে মুসলমানদের নামাজের ভঙ্গি শিশুদের দেখানো হয়েছিল এবং কয়েকজন শিশু তা অনুসরণ করেছিল। একটি শিশুকে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।   কিন্তু শিশুদের বাধ্য করে নামাজ পড়ানোর দাবি যাচাই করা যায়নি। বরং স্কাউট কর্তৃপক্ষ বলেছে, অংশগ্রহণ ছিল ঐচ্ছিক। একইভাবে দাঁড়িয়ে থাকা শিশুটি ধর্মীয় কারণে প্রতিবাদ করেছিল, এমন দাবিরও স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।   ঘটনাটিকে স্কুলের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ হিসেবে উপস্থাপন করাও সঠিক নয়। আর ভাইরাল হওয়া দাড়িওয়ালা ব্যক্তিসহ ছবিটি সম্পাদিত বলে নিশ্চিত করা হয়েছে।   এটি বিচ্ছিন্ন ঘটনাও নয়। সাম্প্রতিক সময়ে ব্রিটেনে ইসলাম ও মুসলিমদের ঘিরে আরও বেশ কয়েকটি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও দাবি শনাক্ত করেছে ফুল ফ্যাক্ট। এর মধ্যে ব্রিটেনে শরিয়াহ আইন চালুর দাবি, হালাল নীতির কারণে যুক্তরাজ্যের স্টারবাকসে কুকুর নিষিদ্ধ করার দাবি এবং লন্ডনে হালাল খাদ্যের দাবিতে মুসলিমদের বিশাল মিছিলের নামে ছড়ানো কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও রয়েছে।   এসব ঘটনার মধ্যে কোনো সংগঠিত যোগসূত্র রয়েছে কিংবা নির্দিষ্ট কোনো পক্ষ সমন্বিতভাবে ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ পাওয়া যায়নি। তবে ইসলাম ও মুসলিমদের ঘিরে বাস্তব ঘটনার সঙ্গে বিভ্রান্তিকর বর্ণনা, সম্পাদিত ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্ট যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার একাধিক ঘটনা সাম্প্রতিক সময়ে নথিবদ্ধ হয়েছে।   স্কটল্যান্ডের শিশু স্কাউটদের মসজিদ সফরের ঘটনাটি দেখায়, একটি বাস্তব ভিডিওর সঙ্গে অযাচাইকৃত ব্যাখ্যা এবং পরিবর্তিত বা কৃত্রিম ছবি যুক্ত হলে মূল ঘটনা কত দ্রুত ভিন্ন বর্ণনায় ছড়িয়ে পড়তে পারে। ধর্মের মতো সংবেদনশীল বিষয়ে তাই ভাইরাল ছবি বা ভিডিওর ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর আগে মূল ফুটেজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য যাচাই করা জরুরি।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৫:৩১
টয়লেটে বসলেই শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা, বাজারে আসছে ‘স্মার্ট টয়লেট সিট’
টয়লেটে বসলেই শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা, বাজারে আসছে ‘স্মার্ট টয়লেট সিট’

স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড পরার প্রয়োজন নেই। প্রতিদিনের স্বাভাবিক কাজের মধ্যেই রক্তচাপের প্রবণতা, হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা ও শ্বাসপ্রশ্বাসের হার পর্যবেক্ষণ করবে টয়লেট সিট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাসানা বাজারে এনেছে এমনই সেন্সরযুক্ত ‘স্মার্ট সিট’। প্রাথমিকভাবে এর দাম রাখা হয়েছে ১৯৯ ডলার।   চলতি জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পণ্যটির বিক্রি শুরু করেছে কাসানা। সাধারণ টয়লেটের প্রচলিত সিট খুলে তার জায়গায় নতুন এই সিট বসানো যায়। এরপর ব্যবহারকারী যখনই সেখানে বসবেন, সিটে থাকা বিভিন্ন সেন্সর স্বয়ংক্রিয়ভাবে শারীরিক তথ্য সংগ্রহ করবে। সেই তথ্য দেখা যাবে কাসানার মোবাইল অ্যাপে।   কোম্পানির তথ্য অনুযায়ী, স্মার্ট সিট রক্তচাপের প্রবণতা, হৃদস্পন্দন, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, রক্তে অক্সিজেনের মাত্রা এবং শ্বাসপ্রশ্বাসের হারসহ বিভিন্ন স্বাস্থ্য সূচক পর্যবেক্ষণ করতে পারে। ব্যবহারকারীকে আলাদা করে কোনো ডিভাইস পরতে বা প্রতিবার স্বাস্থ্য পরীক্ষার কথা মনে রাখতেও হয় না।   এই প্রযুক্তির পেছনে রয়েছে প্রায় এক দশকের গবেষণা। রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজিতে শুরু হওয়া গবেষণা থেকে প্রযুক্তিটির বিকাশ ঘটে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা নিকোলাস কন ২০১৮ সালে কাসানা প্রতিষ্ঠা করেন। পণ্যটির গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের বড় অংশই হয়েছে রচেস্টার এলাকায়।   কাসানা এখন পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। এর মধ্যে ২০২২ সালে সিরিজ বি বিনিয়োগে আসে ৩ কোটি ডলার।   কোম্পানির প্রেসিডেন্ট অস্টিন ম্যাককর্ডের মতে, স্মার্ট সিটের অন্যতম বড় সুবিধা হলো স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ব্যবহারকারীকে নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে হয় না। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং নিয়মিত স্বাস্থ্য সূচক পর্যবেক্ষণ করতে হয় এমন মানুষের জন্য প্রযুক্তিটি কাজে লাগতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।   তবে কাসানা স্পষ্ট করে জানিয়েছে, বর্তমানে বাজারজাত করা স্মার্ট সিটটি সাধারণ স্বাস্থ্য ও সুস্থতা পর্যবেক্ষণের জন্য তৈরি। এটি কোনো রোগ নির্ণয়ের যন্ত্র নয় এবং চিকিৎসক বা প্রচলিত চিকিৎসা পরীক্ষার বিকল্প হিসেবেও ব্যবহার করা উচিত নয়। ব্যবহারকারীর শারীরিক সূচকের দীর্ঘমেয়াদি পরিবর্তন ও প্রবণতা বুঝতে সহায়তা করাই এর উদ্দেশ্য।   কাসানার প্রযুক্তির আগের সংস্করণ ‘হার্ট সিট’ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পেয়েছিল হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের জন্য। তবে বর্তমানে সরাসরি গ্রাহকদের জন্য বিক্রি হওয়া ‘স্মার্ট সিট’কে কোম্পানি চিকিৎসা যন্ত্র নয়, বরং সাধারণ স্বাস্থ্য পর্যবেক্ষণ পণ্য হিসেবে বাজারজাত করছে।   কাসানার ওয়েবসাইটে স্মার্ট সিটের সীমিত সময়ের প্রাথমিক মূল্য ১৯৯ ডলার দেখানো হয়েছে। এই দামের সঙ্গে প্রথম বছরের সেবাও অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটি আশা করছে, দৈনন্দিন জীবনের স্বাভাবিক একটি কাজের সঙ্গে স্বাস্থ্য পর্যবেক্ষণ যুক্ত হওয়ায় বিশেষ করে বয়স্কদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত পরিবর্তন বুঝতে প্রযুক্তিটি নতুন সুযোগ তৈরি করবে।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৫:২৪
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে চান ট্রাম্প
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে আগ্রহী বলে গুঞ্জন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। এরপরই নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে এ বিষয়ে ইনফান্তিনোর ব্যক্তিগত অবস্থান বা ট্রাম্পের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।   চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের প্রেক্ষাপটে ট্রাম্প ও সুইস বংশোদ্ভূত ইনফান্তিনোর মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো বিভিন্ন সময় ট্রাম্পকে বিশ্বকাপ সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত রাখার উদ্যোগ নিয়েছেন এবং গত ডিসেম্বরে তাকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ প্রদান করেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তি হিসেবে ইনফান্তিনোর মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার এক বিশেষ ও বিরল সক্ষমতা রয়েছে।   জাতিসংঘের মহাসচিব নির্বাচনের এই প্রক্রিয়া বেশ জটিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের অনুমোদন পাওয়ার পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশের ভেটো নতুন প্রার্থীকে আটকে দিতে পারে। সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নাম থাকলেও, তাদের ক্ষেত্রে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠরা মনে করছেন, বাকি সম্ভাব্য প্রার্থীদের তুলনায় ইনফান্তিনোর গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে অনেক বেশি হতে পারে।   ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লির মতে, এমন ব্যতিক্রমী ধারণা কেবল ট্রাম্পের পক্ষেই সম্ভব। তিনি মনে করেন, ফিফার মতো ২০০টিরও বেশি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক সংস্থা সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা ইনফান্তিনোর রয়েছে, যা জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে কাজ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। এছাড়া খেলাধুলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে, জাতিসংঘ নিয়ে ট্রাম্প বরাবরই সমালোচনামুখর এবং তার মেয়াদে জাতিসংঘের বিভিন্ন তহবিলে অনুদান কমানোসহ একাধিক অঙ্গসংগঠন থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া হয়েছিল। ইনফান্তিনো দায়িত্ব নিলে এই সম্পর্কের বরফ গলতে পারে বলে ধারণা করা হচ্ছে।   তবে এই পদে আসীন হওয়া ইনফান্তিনোর জন্য বেশ বড় একটি আর্থিক ত্যাগের বিষয় হবে। বর্তমানে ফিফা সভাপতি হিসেবে তিনি বছরে প্রায় ৬০ লাখ ডলার বেতন পান, সেখানে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক বেতন চার লাখ ১৮ হাজার ডলারের কাছাকাছি। তদুপরি, ইনফান্তিনো ইতোমধ্যে আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তাই বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসন ছেড়ে তিনি জাতিসংঘের হাল ধরবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৫:১৭
পরজীবী সংক্রমণে আক্রান্ত ১১ হাজার মার্কিনি, সমালোচনায় ট্রাম্প প্রশাসনের খাদ্য নিরাপত্তা নীতি
পরজীবী সংক্রমণে আক্রান্ত ১১ হাজার মার্কিনি, সমালোচনায় ট্রাম্প প্রশাসনের খাদ্য নিরাপত্তা নীতি

যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা নামের একটি আণুবীক্ষণিক পরজীবীর সংক্রমণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। গত মে মাস থেকে দেশটির ৪১টি অঙ্গরাজ্যে ১১ হাজারের বেশি মানুষ এই ভয়ংকর পরজীবীর কারণে মারাত্মক ডায়রিয়া ও পেটের পীড়াসহ দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগেছেন।   যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ধারণা করছে, মেক্সিকো থেকে আমদানি করা এবং সরবরাহকারী প্রতিষ্ঠান 'টেইলর ফার্মস'-এর মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়া আইসবার্গ লেটুস থেকেই এবারের সবচেয়ে বড় প্রাদুর্ভাবটি ঘটেছে। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এফডিএ-এর খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সুসান মেইনের মতে, এটি একটি নজিরবিহীন ও রেকর্ডভাঙা সংক্রমণ। লেটুস পাতায় মানুষের মলমূত্র, পয়োনিষ্কাশন ব্যবস্থা বা দূষিত পানির মাধ্যমে এই পরজীবী মিশে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।   খাদ্যবাহিত অসুস্থতার প্রায় অর্ধেকই আসে ফলমূল ও শাকসবজি থেকে, কারণ এগুলো সাধারণত কাঁচা খাওয়া হয়। এ ধরনের প্রাদুর্ভাব ঠেকাতে কৃষকরা নিজেদের উদ্যোগে বিভিন্ন কঠোর সুরক্ষা প্রোটোকল মেনে চললেও, উন্মুক্ত পরিবেশে চাষাবাদের কারণে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণ পুরোপুরি রোধ করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে সরকারি নজরদারির বিকল্প নেই।   কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এফডিএ-এর প্রায় ২০ শতাংশ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে। সিডিসিতে আগে ১১ জন বিজ্ঞানী খাদ্যের পরজীবী নিয়ে কাজ করলেও, বর্তমানে সেই সংখ্যা মাত্র ৩ জনে এসে ঠেকেছে। বাতিল করা হয়েছে মেক্সিকোর সঙ্গে কাজ করা যৌথ দল এবং জাতীয় উপদেষ্টা কমিটিও।   সরকারি এই কর্মী ও বাজেট ছাঁটাইয়ের প্রভাব পড়েছে পুরো খাদ্য নিরাপত্তা ব্যবস্থাতেই। এফডিএ, সিডিসি ও ইউএসডিএ-এর যৌথ নজরদারি কর্মসূচি 'ফুডনেট', যা আগে ৮টি ভয়ংকর অণুজীব ট্র্যাক করত, তা কমিয়ে এখন মাত্র ২টিতে নামিয়ে আনা হয়েছে, যার মধ্যে সাইক্লোস্পোরা নেই। এছাড়া ২০১১ সালে পাস হওয়া ট্রেসিবিলিটি রুল বা সরবরাহ চেইন নজরদারি আইনের বাস্তবায়ন এ বছর শুরু হওয়ার কথা থাকলেও তা ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।   ফলে আগামী বছরগুলোতে এমন সংক্রমণ হলেও তার উৎস খুঁজে বের করা কঠিন হবে। স্বাস্থ্য ও মানবসেবা (এইচএইচএস) পরিচালক রবার্ট এফ. কেনেডি জুনিয়র এই বাজেট কর্তনকে 'অতিরিক্ত নজরদারি' কমানোর পদক্ষেপ বলে দাবি করলেও, সাবেক এফডিএ কর্মকর্তা সুসান মেইন একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি এই পরিস্থিতিকে একটি জাতীয় সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বর্তমান সময়ে ভোক্তাদের প্যাকেটজাত সালাদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৪:৩২
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে
আলেমদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার মধ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে মুসলিম দেশ বুরকিনা ফাসো

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে দেশের আলেম ও ইসলামিক স্কলারদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ধর্মের নামে যারা ‘উগ্র ব্যাখ্যা’ প্রচার করবে, তাদের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ’ করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি আলেমদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ত্রাওরে স্পষ্ট জানিয়ে দেন, উগ্রপন্থীদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, অন্যথায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ধর্মকে উগ্রতার প্রচারে ব্যবহার করা হলে সরকার তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।   ধর্মীয় খুতবাকে হাতিয়ার করে উগ্র ধারণা ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইমামদের সাময়িকভাবে বরখাস্ত করার পদক্ষেপ নেওয়ার কথাও জানান প্রেসিডেন্ট। সরকারের প্রণীত নতুন ‘ধর্মীয় স্বাধীনতা আইন’ দেশের ধর্মনিরপেক্ষ অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে তিনি দাবি করেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, কিছু বিদেশি শক্তি বুরকিনা ফাসোকে অস্থিতিশীল করতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করার ষড়যন্ত্র করছে। তবে যারা ইসলামের শান্তিপূর্ণ ব্যাখ্যার পক্ষে থাকবেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।   এদিকে, সরকারের নতুন ধর্মীয় স্বাধীনতা আইনের খসড়ার সমালোচনা করায় গত মে মাসের শেষ দিকে দেশটির অন্যতম প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিনদোকে গ্রেপ্তার করে প্রশাসন। তার মুক্তির দাবিতে সাধারণ মুসল্লিরা বিক্ষোভ শুরু করলে বিশৃঙ্খলার আশঙ্কায় রাজধানী উয়াগাদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।   এর আগে এপ্রিলে বোবো-দিউলাসো শহর থেকে মাহমুদ বারো নামের আরেক ইমামকে আটক করা হয়, যার অবস্থান সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ডাকারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টিমবুকতু ইনস্টিটিউটের বিশ্লেষকদের মতে, এই সংকট কেবল একটি আইনের বিরোধ নয়; বরং ২০২২ সালে ক্ষমতা গ্রহণের সময় যেসব প্রভাবশালী আলেম ত্রাওরে সরকারকে সমর্থন জুগিয়েছিলেন, তাদের সঙ্গে বর্তমান প্রশাসনের বড় ধরনের ফাটলেরই বহিঃপ্রকাশ।   অভ্যন্তরীণ এই রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার মাঝেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে বুরকিনা ফাসো। কয়েক মাসের স্থগিতাবস্থা কাটিয়ে সম্প্রতি দেশটিতে নিযুক্ত ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সাইমন সেরুসি প্রেসিডেন্ট ত্রাওরের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সামরিক সরকারগুলোর জোট ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’-এর সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রেক্ষাপটেই এই ঘটনাগুলো সামনে আসছে।   সাহেল অঞ্চলের দেশগুলো বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তার দিকে ঝুঁকছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৪:৭
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর I ছবি: সংগৃহীত
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর

ভারতের বেঙ্গালুরুতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এক মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে নির্মমভাবে হেনস্তা ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ডা. নগেন্দ্রাপ্পা নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ওই চিকিৎসকের দাবি, এর আগে ওই দম্পতিকে ভারত থেকে একবার বিতাড়িত করা হয়েছিল এবং তারা বেআইনিভাবে আবারও দেশে প্রবেশ করেছে। গত বুধবার (২২ জুলাই) সকালে ঘটা এই ঘটনার পর বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে।   পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বেঙ্গালুরুতে নিজস্ব ক্লিনিক পরিচালনাকারী ডা. নগেন্দ্রাপ্পা বুধবার সকালে ২৩ বছর বয়সী নাসরিনা ও তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন। নাসরিনা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানান, অভিযুক্ত চিকিৎসক প্রথমেই তাদের জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলে হিন্দিতে গালিগালাজ শুরু করেন। এরপর নাসরিনাকে টেনেহিঁচড়ে মারধরের পাশাপাশি তার স্বামী বিলালের ওপরও চড়াও হন তিনি। বিলালের মাথা ও পিঠে উপর্যুপরি আঘাত করা হয় এবং একপর্যায়ে তাকে মাটিতে ফেলে লাথি মারেন ওই চিকিৎসক। এমনকি ঘটনাটি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।   এই ন্যাক্কারজনক ঘটনায় বেলান্দুর থানা-পুলিশ ওই চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর শ্লীলতাহানি, বেআইনিভাবে পথরোধ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং ওই দম্পতির জাতীয়তা ও অভিবাসন-সংক্রান্ত তথ্যের সত্যতা এখনো যাচাই করা হয়নি।   এদিকে, গ্রেফতারের ঠিক আগেই অভিযুক্ত চিকিৎসক নিজেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেখানে তাকে দম্পতিকে ‘বাংলাদেশি’ হিসেবে অভিযুক্ত করে গায়ে হাত তুলতে দেখা যায়। বিপরীতে ভুক্তভোগী বিলালকে স্থানীয় কন্নড় ভাষায় উত্তর দিয়ে বলতে শোনা যায় যে, তিনি গত ২০ বছর ধরে বেঙ্গালুরুতেই বসবাস করছেন। তবে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, শুক্রবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত ওই চিকিৎসক।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৩:৪৯
প্যারিসে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা নিরসনে বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ I ছবি: সংগৃহীত
প্যারিসে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা নিরসনে বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরও সহজ ও গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দীর্ঘদিন ধরে প্রবাসীরা অ্যাপয়েন্টমেন্ট সংকট, অনলাইন ব্যবস্থার নানা জটিলতা এবং সেবা গ্রহণে দীর্ঘ অপেক্ষার কারণে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। প্রবাসীদের এই ভোগান্তি লাঘব করতে এবং ফরাসি প্রেফেকচারে রেসিডেন্স পারমিট সংক্রান্ত জরুরি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি বিবেচনায় নিয়ে দূতাবাস এই বিশেষ কনস্যুলার কার্যক্রম শুরু করেছে। প্রথম পর্যায়ে ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট—এই তিনটি শনিবার বিশেষ কনস্যুলার সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   শনিবার (২৫ জুলাই) থেকে শুরু হওয়া এই বিশেষ সেবার প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। এদিন ৮৬ জন বাংলাদেশি নাগরিক সফলভাবে ই-পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পেয়েছেন অনেক আবেদনকারী। সম্প্রতি ইমেইলভিত্তিক আবেদন পদ্ধতির পরিবর্তে ওয়েবসাইটভিত্তিক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছিল দূতাবাস। কিন্তু সীমিত স্লট ও কারিগরি ত্রুটির কারণে অনেকেই সময়মতো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না। এই বিশেষ সেবা সেই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখছে।   পাসপোর্ট সেবার এই কারিগরি দিক ও বর্তমান চাপ প্রসঙ্গে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল জানান, ই-পাসপোর্ট একটি অত্যন্ত সংবেদনশীল বায়োমেট্রিক প্রক্রিয়া। এখানে আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ ও স্বাক্ষরসহ নানা তথ্য যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট প্রস্তুত করা হয়। আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় কার্যক্রমে কিছুটা চাপ তৈরি হলেও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।   দূতাবাসের এই বিশেষ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্স এবং বিএনপি ফ্রান্সসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আবেদনকারীদের তথ্য প্রদান, সিরিয়াল ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে কার্যক্রমকে সুশৃঙ্খল করতে সহায়তা করছেন।   কমিউনিটির নেতৃবৃন্দ দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিএনপি ফ্রান্সের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদুর রহমান জুনেদ এবং কেন্দ্রীয় যুবদল নেতা মিল্টন সরকার জানান, প্রবাসীরা যেন দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান, সেটি নিশ্চিত করতেই তারা প্রবাসীদের পাশে থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর দূতাবাসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করে সেবাকে আরও গতিশীল ও প্রবাসীবান্ধব করার আহ্বান জানান। সাধারণ প্রবাসীদের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাকে আরও ত্রুটিমুক্ত ও কার্যকর করা হবে, যাতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট সেবার পূর্ণ সুবিধা সহজেই পেতে পারেন।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৩:৩০
দৈনন্দিন ঝামেলা ছাড়াই স্বাস্থ্য পরীক্ষা আরও সহজ করতে বাজারে এল উন্নত সেন্সরযুক্ত ‘স্মার্ট টয়লেট সিট’। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষা হবে আরও সহজ, বাজারে এল সেন্সরযুক্ত স্মার্ট টয়লেট সিট

স্মার্ট ওয়াচ ও ফিটনেস ব্যান্ডের ভিড়ে স্বাস্থ্য পরীক্ষার নতুন ও অভিনব মাধ্যম হিসেবে বাজারে আসছে সেন্সরযুক্ত ‘স্মার্ট টয়লেট সিট’। এই আধুনিক প্রযুক্তি পণ্য বাজারে আনতে প্রায় ৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে মার্কিন স্বাস্থ্যপ্রযুক্তি কোম্পানি কাসানা। দৈনন্দিন জীবনের কোনো বাড়তি ঝামেলা ছাড়াই শরীরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকগুলো নিয়মিত ট্র্যাক করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।   ২০১৮ সালে ড. নিকোলাস কন এই স্বাস্থ্যপ্রযুক্তি স্টার্টআপটি প্রতিষ্ঠা করেন। কাসানার তৈরি এই বিশেষ টয়লেট সিটে উন্নতমানের সেন্সর যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীর রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা এবং শ্বাস-প্রশ্বাসের হার খুব সহজেই পরিমাপ করা সম্ভব। পরীক্ষার পর এই সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে একটি মোবাইল অ্যাপে যুক্ত হয়ে যায়, যা দেখে ব্যবহারকারী সহজেই নিজের শারীরিক অবস্থার পরিবর্তনগুলো বুঝতে পারেন।   নতুন এই ‘স্মার্ট সিট’-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ ডলার। এটি যেকোনো সাধারণ টয়লেটের মূল সিটের পরিবর্তে খুব সহজেই ইনস্টল করা যায়। ব্যবহারকারী সিটে বসার সঙ্গে সঙ্গেই এর ভেতরে থাকা সেন্সরগুলো তাকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং রিয়েল-টাইম ডাটা মোবাইল অ্যাপে আপলোড করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, যারা বিভিন্ন ফিটনেস ডিভাইস চার্জ দেওয়া বা নিয়মিত ব্যবহার করার ঝামেলা এড়াতে চান, তাদের কথা মাথায় রেখে এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।   কোম্পানিটির প্রেসিডেন্ট অস্টিন ম্যাককর্ড জানান, এই পণ্যের সবচেয়ে বড় সুবিধা হলো এর ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অতিরিক্ত কোনো নতুন অভ্যাস গড়তে হয় না বা আলাদা করে কিছু মনে রাখতে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার একটি বড় অংশের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। কাসানার এই ডিভাইসটি সেই জটিল প্রক্রিয়াকে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।   কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, এই ডিভাইসে থাকা সেন্সরগুলো অত্যন্ত নিখুঁতভাবে কাজ করার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বড় ভূমিকা রেখেছে। তবে এটি চিকিৎসকের বিকল্প বা কোনো রোগ নির্ণয়কারী যন্ত্র নয়, বরং দীর্ঘমেয়াদী শারীরিক প্রবণতা বুঝতে সাহায্য করবে। প্রাথমিক পর্যায়ে সরাসরি গ্রাহকদের কাছে এটি বিক্রির পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে নার্সিং হোম ও বয়স্কদের আবাসন প্রকল্পেও এটি সরবরাহের বড় সুযোগ রয়েছে।   সূত্র: ফোর্বস

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৩:২০
বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, তবু নেই বিশৃঙ্খলা
বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, তবু নেই বিশৃঙ্খলা

বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় বেরোলেই যানজট আর ট্রাফিক সিগন্যালের লাল-সবুজ বাতির লুকোচুরি আমাদের নিত্যদিনের সঙ্গী। বিপুল জনসংখ্যার এই ব্যস্ত শহরে ট্রাফিক সিগন্যাল ছাড়া যান চলাচল এক মুহূর্তও কল্পনা করা কঠিন। অথচ বিশ্বের বুকেই এমন একটি দেশ রয়েছে, যার রাস্তায় কোনো ট্রাফিক লাইট বা স্বয়ংক্রিয় সিগন্যাল নেই। শান্ত, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেই দেশটির নাম ভুটান।   হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই দেশের রাজধানী থিম্পুতে কোনো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দেখা যায় না। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে বিশ্বের প্রতিটি শহর ট্রাফিক লাইটনির্ভর, সেখানে থিম্পুর রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ। শহরের ব্যস্ত মোড়গুলোতে সুদৃশ্য বুথে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং বিশেষ শৈল্পিক ভঙ্গিমায় হাতের ইশারা দিয়ে তারা যানবাহন পরিচালনা করেন। চালক কখন থামবেন, কখন রাস্তা ছাড়বেন আর কখন চলবেন—সবটাই নির্ভর করে দায়িত্বরত পুলিশের নির্দেশনার ওপর। স্থানীয়রাও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই নিয়ম মেনে চলেন।   অবাক করা বিষয় হলো, থিম্পুতে একসময় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ যন্ত্রের এই যান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটি খুব একটা পছন্দ করেননি। তাদের কাছে যন্ত্রের লাল-সবুজ আলোর চেয়ে মানবিক উপস্থিতিতে যানজট নিরসন অনেক বেশি স্বাভাবিক, সুন্দর ও আপন মনে হয়েছিল। জনগণের অনীহার কারণেই পরবর্তীতে সেই সিগন্যাল সরিয়ে নিয়ে আবারও পুলিশ নিয়ন্ত্রিত পুরনো ব্যবস্থাতেই ফিরে যায় ভুটান কর্তৃপক্ষ।   ভুটানে ট্রাফিক সিগন্যাল না থাকার পেছনে তাদের তুলনামূলক কম জনসংখ্যা এবং সুশৃঙ্খল জীবনযাপনের ভূমিকাও অনেক। এখানকার চালকরা অত্যন্ত ধৈর্যশীল এবং তারা হর্ন বাজানো বা ওভারটেক করার মতো প্রতিযোগিতায় জড়ান না। বড় শহরের মতো তীব্র যানজট না থাকায় পুলিশের হাতের ইশারাই সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। আধুনিকতার দৌড়ে যন্ত্রকে সরিয়ে মানবিক পদ্ধতিকে টিকিয়ে রাখার এই অভিনব দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও থিম্পুর রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধ বিস্ময়ে ট্রাফিক পুলিশের কাজ উপভোগ করেন।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১৩:১৮
ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা রোধে ফ্রি ভেরিফিকেশন ব্যাজ দেওয়ার বড় পদক্ষেপ নিল মেটা। ছবি: সংগৃহীত
মেটা নিয়ে এল ফ্রি ভেরিফিকেশন ব্যাজ, বাড়ছে ফেসবুকের নিরাপত্তা

ফ্রি ভেরিফিকেশন ব্যাজ চালুর মাধ্যমে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও জালিয়াতি বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।   এই সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি রেকর্ড করতে হবে। মেটার সিস্টেম সেই ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে আসল পরিচয় নিশ্চিত করবে। সাধারণত এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় নেয়।   ১৮ বছর বা তার বেশি বয়সি ব্যবহারকারীরা এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে অ্যাকাউন্টটিকে অবশ্যই মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। এই মুহূর্তে ফেসবুক পেজ কিংবা প্রফেশনাল মোড অ্যাকাউন্টগুলোর জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।   প্রাথমিক অবস্থায় প্রোফাইল ছাড়াও ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং এবং গ্রুপে এই ভেরিফিকেশন ব্যাজটি শো করবে। পরবর্তীতে এটি ফিড পোস্টেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভেরিফিকেশনের জন্য সংগৃহীত ভিডিও সেলফি এবং ফেসিয়াল ডাটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে মুছে ফেলা হবে।   এই ব্যাজটি কেবল এটি নিশ্চিত করে যে অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব মানুষ রয়েছে। তবে এটি ব্যবহারকারীর পূর্ণাঙ্গ বিশ্বস্ততা বা কোনো লেনদেনের নিশ্চয়তা দেয় না। পেইড মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন থেকে এটি আলাদা এবং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১২:৫৭
ব্রঙ্কসের মাউন্ট ইডেন এলাকার এলিয়ট প্লেসে অবস্থিত একটি দোকানের সামনে ঘটে এই নির্মম গোলাগুলির ঘটনা। ছবি: সংগৃহীত
বন্দুকযুদ্ধে প্রাণ গেল পুলিশের ছেলের, ১২ বছরের জ্যাকবের মৃত্যুতে স্তব্ধ নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় প্রকাশ্য দিনের আলোতে বন্দুকযুদ্ধের ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম জ্যাকব ফ্রেইটাস। সে নিউইয়র্ক পুলিশ বিভাগের এক কর্মকর্তার ছেলে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, রাস্তার সংঘর্ষের সময় ছোড়া গুলির শিকার হয়ে নিরপরাধ পথচারী হিসেবে প্রাণ হারায় জ্যাকব।    ঘটনাটি ঘটে শনিবার বিকেলে ব্রঙ্কসের মাউন্ট ইডেন এলাকার এলিয়ট প্লেসে অবস্থিত একটি দোকানের সামনে। পুলিশ জানায়, ওই সময় কয়েকজন ব্যক্তির মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলি ছোড়া হলে জ্যাকবের শরীরে গুলি লাগে। একই ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হন।    পুলিশের তথ্য অনুযায়ী, জ্যাকব ওই দোকানে একটি বল কিনতে গিয়েছিল। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে সাইকেল নিয়ে দোকান থেকে বের হওয়ার পরই কাছাকাছি কয়েকজনের মধ্যে মারামারি শুরু হয়। পরে গুলির শব্দ হলে শিশুটি নিজের বুকের ওপরের অংশ ধরে আবার দোকানের ভেতরে দৌড়ে যায় এবং সেখানে পড়ে যায়।    আহত অবস্থায় জ্যাকবকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের লিংকন হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গুলিটি তার কাঁধের কাছে লাগে। একই ঘটনায় আহত ২৫ ও ৩৪ বছর বয়সী দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জ্যাকব শান্ত স্বভাবের ও ভদ্র একটি শিশু ছিল। পরিবারের স্বজনরা জানান, সে নিয়মিত এলাকায় সাইকেল চালাত এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। ঘটনার সময় তার বাবা শহরের বাইরে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।    নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে কয়েকজন ব্যক্তি জড়িত ছিল। তবে কে গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে।    ঘটনাটি নিউইয়র্কের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। দিনের বেলায় জনবহুল এলাকায় একটি শিশুর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১২:৪২
যুক্তরাজ্যের স্বার্থ রক্ষায় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে প্রস্তুত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের স্বার্থে দরকার হলে ট্রাম্পের সমালোচনা করবেন প্রধানমন্ত্রী বার্নহাম

যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ সবার আগে নিশ্চিত করতে এবং প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বিবিসির সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।   বিবিসির সাংবাদিক লরা কুয়েন্সবার্গকে দেওয়া তাঁর প্রথম বড় এই সাক্ষাৎকারে বার্নহাম জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ভালো প্রাথমিক আলোচনা হয়েছে এবং তিনি তাকে বেশ আন্তরিক হিসেবে পেয়েছেন। তবে ট্রাম্পকে তিনি বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি পরিবর্তনশীল এবং পরিস্থিতি অনুযায়ী যেকোনো বিষয়ে স্বাধীন মতামত প্রকাশ করতে হয়।   যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিজের দেশের স্বার্থের চেয়ে বড় করে অন্য কিছু দেখার সুযোগ নেই। সঠিক দায়িত্ব পালনের জন্য এটিই প্রথম শর্ত বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইরানের সঙ্গে দ্বন্দ্ব শুরু করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান তিনি। কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে ব্রিটিশ স্বার্থে নিজের মতামত প্রকাশ করতে তিনি পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দেন।   এদিকে প্রতিরক্ষায় জিডিপির তিন শতাংশ ব্যয় করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা তারিখ ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানান, প্রতিরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসন্ন বাজেটেই এই বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করবে সরকার। এছাড়া ২০২৯ সালের আগে আগাম কোনো সাধারণ নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দেশের পুনর্গঠনেই তাঁর মূল মনোযোগ রয়েছে।   সূত্র: বিবিসি

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১২:২৫
উত্তরবঙ্গের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য মাওলানা মতিউর রহমান | ছবি: কোলাজ - আমেরিকা বাংলা
উত্তরবঙ্গের প্রখ্যাত আলেম ও সাবেক এমপি মাওলানা মতিউর রহমান গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন শিক্ষার্থীরা

উত্তরবঙ্গের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী সাতদরগাহ নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা মতিউর রহমান গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়া চাওয়া হয়েছে।   দীর্ঘ শিক্ষকতা জীবনে মাওলানা মতিউর রহমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার ইতিহাস। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই মাদ্রাসায় দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি।   প্রকাশিত তথ্য অনুযায়ী, সাতদরগাহ গ্রামের আব্দুন্নাছির পীর সাহেব কেবলা ও স্থানীয় কয়েকজন ইসলামি শিক্ষানুরাগীর উদ্যোগে ১৯৪২ সালে কয়েক একর জমির ওপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি থেকে হাজারো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও শিক্ষক তৈরি হয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনি শিক্ষা ও অন্যান্য পেশায় অবদান রেখে চলেছেন।   মাওলানা মতিউর রহমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে মাদ্রাসাটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ সালে যমুনা টেলিভিশনে প্রকাশিত সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসা নিয়ে একটি প্রতিবেদনে তাঁকে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে স্থানীয়দের বরাতে বলা হয়, মাওলানা মতিউর রহমান অধ্যক্ষ থাকা পর্যন্ত মাদ্রাসাটির কার্যক্রম ভালোভাবে চলছিল। তাঁর অবসরের পর অধ্যক্ষ নিয়োগসহ বিভিন্ন বিষয়ে জটিলতা দেখা দেয়।   শিক্ষকতা ও ইসলামি শিক্ষার প্রসারের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মাওলানা মতিউর রহমান। নির্বাচনী রেকর্ড অনুযায়ী, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে তিনি জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি ৬৮ হাজার ৫৭৯ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ কে এম মাঈদুল ইসলাম পান ৬৩ হাজার ৫৮২ ভোট।   তবে রাজনৈতিক পরিচয়ের চেয়ে একজন শিক্ষক ও শিক্ষাবিদ হিসেবেই তাঁর পরিচিতি শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে স্মরণীয়। দীর্ঘ কর্মজীবনে তাঁর কাছে পড়াশোনা করা অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছেন। তাঁদের অনেকে ধর্মীয় শিক্ষা, শিক্ষকতা, সমাজসেবা, রাজনীতি ও বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন।   তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। প্রিয় শিক্ষাগুরুর দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়ার আবেদন জানাচ্ছেন তারা।   মাওলানা মতিউর রহমানের বর্তমান চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁর শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করেছেন।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১২:৮
তীব্র গরম থেকে স্বস্তি দিতে জাপানে মাত্র ১০ মিনিটে শরীর ঠান্ডা করার ‘হিউম্যান ফ্রিজ’ চালু। ছবি: সংগৃহীত
জাপানে মাত্র ১০ মিনিটে শরীর ঠান্ডা করার ‘হিউম্যান ফ্রিজ’ চালু

চলমান তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরম থেকে মানুষকে দ্রুত স্বস্তি দিতে জাপানে ব্যতিক্রমী এক প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো শরীর ঠান্ডা করার ক্ষমতা সম্পন্ন একটি ‘ব্যক্তিগত কুলিং বুথ’ বা মানব ফ্রিজ বাজারে নিয়ে আসা হয়েছে। ঐতিহ্যবাহী এয়ারকন্ডিশনার বা সাধারণ বৈদ্যুতিক ফ্যানের তুলনায় এই যন্ত্রটি অনেক বেশি কার্যকরভাবে শরীর ঠান্ডা করতে পারে বলে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাবি করেছে।   দো হিয়েমন নামের এই অভিনব ধাতব বুথটি দেখতে অনেকটা রেফ্রিজারেটরের মতো, যার উচ্চতা প্রায় ২ দশমিক ১ মিটার বা ৭ ফুট। যন্ত্রটির ভেতরে ঢোকার পর তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা রাখা হয়। একই সঙ্গে মাথার পেছনের অংশ, ঘাড়, কাঁধ ও পিঠে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা বাতাসের তীব্র ঝাপটা দেওয়া হয়, যা দ্রুত শারীরিক তাপমাত্রা কমাতে সাহায্য করে।   বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপপ্রবাহের মাত্রা দিন দিন বাড়ছে। চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা গরমের পাশাপাশি এই সপ্তাহে জাপানও বছরের প্রথম ‘তীব্র গরমের’ দিনগুলোর মুখোমুখি হয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজ্ঞানসম্মত উপায়ে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি তাৎক্ষণিক স্বস্তির জন্য এই ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।   প্রাথমিকভাবে এটি বেশ ব্যয়বহুল মনে হতে পারে, কারণ যন্ত্রটির বাজারমূল্য প্রায় ৬ হাজার ৯০০ ব্রিটিশ পাউন্ড বা ১৫ লাখ জাপানি ইয়েন। তবে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এটি চালাতে ঘণ্টায় অত্যন্ত সামান্য খরচ হয়, যা সাধারণ একটি টোস্টার চালানোর খরচের তিন ভাগের এক ভাগ মাত্র। বিশেষ করে যেসব শিল্প কারখানা বা গুদামে শ্রমিকরা নিয়মিত প্রচণ্ড গরমে কাজ করেন, সেখানে এটি অত্যন্ত উপযোগী হতে পারে।   এছাড়া জনবহুল বিভিন্ন পাবলিক প্লেসে, যেখানে মানুষ অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, সেখানে ভেন্ডিং মেশিনের মতো এটি স্থাপন করা গেলে তা জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। তীব্র দাবদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিভিন্ন অভিনব উপায় খুঁজলেও এই প্রযুক্তিগত উদ্ভাবনটি গরমের দিনে বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।   সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১১:৫৯
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানি হামলায় ২০০-র বেশি সেনা নিহতের দাবি করেছে তেহরান। ছবি: সংগৃহীত
ইরানে সামরিক অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে চালানো সামরিক অভিযানে দুই শতাধিক মার্কিন সেনাকে হত্যার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি)। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি জানান, অপারেশন ভিক্টরি-টু অভিযানের ফলে নিহত আমেরিকানদের সংখ্যা দুইশ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক এই নতুন উত্তেজনার সূচনা হয় জুলাই মাসের শুরুর দিকে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের পর এই প্রথম ওয়াশিংটন দক্ষিণ ইরানে বিমান হামলা চালায়। এই মার্কিন হামলার জবাবে তেহরান বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানসহ মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়।   মার্কিন সামরিক বাহিনী কর্তৃক নিজেদের হতাহতের বিষয়ে প্রকাশিত সকল প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জেনারেল মোহেবি। পাশাপাশি, ইরান অতীতে যেসব মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, সেখানে স্বাধীন সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর জন্য ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই সামরিক কর্মকর্তা।

প্রকাশ : জুলাই ২৬, ২০২৬ ১১:৪৯