সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
৬২ বছরের বেশি বয়সী ৩০ লাখ আমেরিকান এখনও শোধ করছেন স্টুডেন্ট লোন
অবসর অনিশ্চিত, ৬২ বছরের বেশি বয়সী ৩০ লাখ আমেরিকান এখনও শোধ করছেন স্টুডেন্ট লোন

জীবনের বেশিরভাগ সময় কাজ করার পর অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন দেখেছিলেন যুক্তরাষ্ট্রের কেনটাকির ৬১ বছর বয়সী বিশেষ শিক্ষা শিক্ষক মেরি নিকল। কিন্তু সেই স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। কারণ, নিজের উচ্চশিক্ষার জন্য নেওয়া স্টুডেন্ট লোন এখনও শোধ করতে হচ্ছে তাকে।   দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, মেরি নিকলের মতো যুক্তরাষ্ট্রে লাখো প্রবীণ নাগরিক অবসরের বয়সে পৌঁছেও শিক্ষাঋণের বোঝা বইছেন। ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও চাকরি ছাড়তে পারছেন না।   মেরি নিকল বলেন, তিনি স্বামী ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে, ভ্রমণে যেতে এবং অবসর জীবন উপভোগ করতে চান। কিন্তু ঋণের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা তাকে এখনও কর্মজীবনে আটকে রেখেছে।   তিনি ৪৯ বছর বয়সে বিশেষ শিক্ষা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় নেওয়া ঋণ এখনও পরিশোধ করছেন।   সাধারণভাবে স্টুডেন্ট লোনকে তরুণদের সমস্যা হিসেবে দেখা হলেও যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের তথ্য বলছে, বাস্তব চিত্র ভিন্ন। বর্তমানে ৩৫ বছরের বেশি বয়সী ফেডারেল স্টুডেন্ট লোনগ্রহীতার সংখ্যা প্রায় ২ কোটি ৪৬ লাখ, যা ৩৫ বছরের কম বয়সী ঋণগ্রহীতার সংখ্যা ২ কোটি ২ লাখের চেয়ে বেশি।    ঋণের পরিমাণেও এগিয়ে বয়স্করা। ৫০ বছরের বেশি বয়সীদের গড় শিক্ষাঋণ প্রায় ৪৭ হাজার ৫০০ ডলার, যেখানে ৩৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তা প্রায় ২৭ হাজার ৩০০ ডলার। এছাড়া ৫০ বছরের বেশি বয়সী প্রায় ৯৫ লাখ আমেরিকানের মোট ফেডারেল স্টুডেন্ট লোনের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের কাছাকাছি।    সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬২ বছর বা তার বেশি বয়সী প্রায় ৩০ লাখ আমেরিকানের নামে এখনও ফেডারেল স্টুডেন্ট লোন রয়েছে। আট বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। অর্থাৎ অবসরের বয়সে পৌঁছেও শিক্ষাঋণ বহনকারী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।    স্টুডেন্ট লোন–সংক্রান্ত অলাভজনক প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব স্টুডেন্ট লোন অ্যাডভাইজরসের সভাপতি বেটসি মেওট বলেন, ঋণ পরিশোধে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। ফলে ক্রমেই বেশি মানুষ অবসরের বয়সেও শিক্ষাঋণের কিস্তি পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।    বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই কর্মজীবনের মাঝপথে আবার পড়াশোনায় ফিরে যাওয়া, সন্তানদের পড়াশোনার জন্য প্যারেন্ট প্লাস ঋণ নেওয়া কিংবা সুদ জমে মূল ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বহন করছেন। এর ফলে অবসর পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে এবং স্থির আয়ের ওপর নির্ভরশীল অনেক প্রবীণ আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ছেন।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৯:৪৮
কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে চান? ডাউন পেমেন্ট নিয়ে যা জানা জরুরি

অনেক প্রবাসীর ধারণা, যুক্তরাষ্ট্রে বাড়ি কিনতে হলে আগে থেকেই বাড়ির মূল্যের ২০ শতাংশ জমা রাখতে হবে। এই ধারণার কারণে অনেকেই বছরের পর বছর অপেক্ষা করেন, অথচ বাস্তবে তাদের বাড়ি কেনার সুযোগ হয়তো আগেই ছিল।   যুক্তরাষ্ট্রের কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো (CFPB) বলছে, অনেক ক্ষেত্রে কনভেনশনাল মর্টগেজের জন্য মাত্র ৩% ডাউন পেমেন্ট দিয়েও বাড়ি কেনা সম্ভব। আবার FHA (Federal Housing Administration) ঋণের ক্ষেত্রে ৩.৫% ডাউন পেমেন্টেও যোগ্য ক্রেতারা বাড়ি কিনতে পারেন।   তবে শুধু ডাউন পেমেন্ট থাকলেই হবে না। ঋণদাতারা আপনার আয়, ক্রেডিট স্কোর, চাকরির স্থিতিশীলতা, ঋণের পরিমাণ এবং মাসিক খরচও বিবেচনা করেন। তাই বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আগে থেকেই ক্রেডিট স্কোর উন্নত করা এবং অপ্রয়োজনীয় ঋণ কমানো গুরুত্বপূর্ণ।   আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লোজিং কস্ট। অনেকেই ডাউন পেমেন্টের জন্য টাকা জমালেও ক্লোজিং কস্টের কথা ভুলে যান। CFPB-এর তথ্য অনুযায়ী, বাড়ি কেনার সময় ক্লোজিং কস্ট সাধারণত বাড়ির মূল্যের ২% থেকে ৫% পর্যন্ত হতে পারে। অর্থাৎ ৪ লাখ ডলারের একটি বাড়ির ক্ষেত্রে কয়েক হাজার থেকে ২০ হাজার ডলারেরও বেশি অতিরিক্ত খরচ হতে পারে।   যাদের ডাউন পেমেন্ট জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাদের জন্যও রয়েছে সুখবর। যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার Down Payment Assistance Program চালু রয়েছে। অনেক অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার প্রথমবারের বাড়ি ক্রেতাদের অনুদান, স্বল্পসুদে ঋণ কিংবা ক্লোজিং কস্ট সহায়তা দিয়ে থাকে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২,৬০০-এরও বেশি ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি চালু রয়েছে।   বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি কেনার আগে শুধু ডাউন পেমেন্ট নয়, জরুরি তহবিলও রাখা জরুরি। কারণ নতুন বাড়িতে ওঠার পর মেরামত, আসবাবপত্র, ইউটিলিটি সংযোগ এবং অন্যান্য অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৯:৩৯
একই পরিবারের ৩ বাংলাদেশি
সৌদিতে ওমরাহ পালনে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মা-সহ একই পরিবারের ৩ বাংলাদেশির

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ তিন বাংলাদেশি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের স্বামী ও বড় ছেলে গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।   পারিবারিক ও স্থানীয় সূত্র মতে, নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা, তাঁর দ্বাদশ শ্রেণি পড়ুয়া ছোট মেয়ে সাদাফ শাফিকুল ইসলাম এবং ছোট ছেলে জারগিস ইসলাম। তাদের নিজস্ব বাসভবন ঢাকার শেরে বাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর রোডে অবস্থিত। জানা যায়, বৃহস্পতিবার সকালে পুরো পরিবারটি রিয়াদ থেকে একটি গাড়িতে করে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা দিয়েছিল।   পথিমধ্যে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা তানিয়া, মেয়ে সাদাফ এবং ছেলে জারগিস মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।   দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়ার স্বামী শাফিকুল ইসলাম এবং তাদের বড় ছেলে। তাদের অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে ঢাকার নর্থ শ্যামলী এলাকাসহ স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।   বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং আহত বাবা ও ছেলের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৯:২০
আটলান্টায় শিশু হাসপাতালের ৫৩ লাখ ডলার পাচার
আটলান্টায় শিশু হাসপাতালের ৫৩ লাখ ডলার পাচার, সাবেক অ্যাকাউনট্যান্টের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেন্স হেলথকেয়ার অব আটলান্টা’ থেকে চুরি হওয়া ৫৩ লাখ ডলার পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে রোনাল্ড ডিবলার নামের এক সাবেক অ্যাকাউনট্যান্টকে কারাদণ্ড দিয়েছে ফেডারেল আদালত। ৬৬ বছর বয়সী ডিবলার আটলান্টার একজন ব্যবসায়ী এবং সাবেক সার্টিফাইড পাবলিক অ্যাকাউনট্যান্ট (সিপিএ)। চলতি বছরের শুরুর দিকে একটি জুরিবোর্ড তাকে এই অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল।   আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অজ্ঞাত এক হ্যাকার চিলড্রেন্স হেলথকেয়ার অব আটলান্টার একটি ফার্নিচার সরবরাহকারী প্রতিষ্ঠানের ই-মেইল সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে এই প্রতারণার সূত্রপাত করে। ওই হ্যাকার সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী সেজে হাসপাতাল কর্তৃপক্ষকে বোকা বানায় এবং একটি বৈধ পেমেন্টের নামে ৫৩ লাখ ডলার ডিবলারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করে।   প্রসিকিউটররা জানিয়েছেন, একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ডিবলার এই অর্থ বিভিন্ন স্থানে সরিয়ে নিতে রাজি হন এবং লেনদেনের জন্য তিনি একটি নতুন ব্যাংক অ্যাকাউন্টও খোলেন। কিন্তু ব্যাংক যখন পুরো অর্থ একসঙ্গে স্থানান্তর করতে অস্বীকৃতি জানায়, তখন ডিবলার প্রায় ৩৫ লাখ ডলার ক্যাশিয়ার চেকে রূপান্তর করেন এবং তা ডাকযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেন।   হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই সরবরাহকারী প্রতিষ্ঠান কয়েক দিনের মধ্যেই এই বিশাল প্রতারণার বিষয়টি বুঝতে পারে। তারা তাৎক্ষণিকভাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তদন্তে ডিবলারের অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। প্রসিকিউটরদের দাবি, তারা শেষ পর্যন্ত প্রায় ৪০ লাখ ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছেন।   ইউএস অ্যাটর্নি থিওডোর এস. হার্টজবার্গ বলেন, ডিবলার ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তার পেশাদারি জ্ঞান কাজে লাগিয়ে এমন একটি অলাভজনক শিশু হাসপাতাল থেকে চুরি যাওয়া অর্থ পাচার করেছেন, যা মূলত জর্জিয়ার শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে নিবেদিত। যারা আমাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানায় এবং যারা তাদের চুরি করা অর্থ পাচারে সহায়তা করে, তাদের সবাইকে এমন কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন।   গুরুতর এই অপরাধের দায়ে বিচারক রোনাল্ড ডিবলারকে চার বছরের কারাদণ্ড এবং কারামুক্তির পর আরও দুই বছর নজরদারিতে (সুপারভাইজড রিলিজ) রাখার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে তাকে ৬ লাখ ৮২ হাজার ডলারেরও বেশি অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৯:০
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ জব্দকৃত ইরানি অর্থ থেকেই আদায় করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন জাহাজগুলোর মেরামত ও ক্ষতিপূরণের যাবতীয় ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানি অর্থ ব্যবহার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।   প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরানের হামলায় জাহাজগুলোর "যে কোনো এবং সমস্ত ক্ষতির" অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং হেফাজতে থাকা ইরানি টাকা দিয়েই পরিশোধ করা হবে।   এই ক্ষতিপূরণের অর্থের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে কিছু না জানালেও, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ইরানের কয়েকশ কোটি (বিলিয়ন) ডলারের সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ অবস্থায় রয়েছে।   এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির শর্তাবলী তেহরান সঠিকভাবে বাস্তবায়ন করলে জব্দ করা এসব সম্পদ ছাড় করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছিল।   তবে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সেই অর্থই ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন।   ক্ষতিপূরণের পরিমাণ বিশাল হতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে আরও লেখেন, "এই ক্ষতির পরিমাণ হয়তো অনেক বেশি হতে পারে, তবে তা সত্ত্বেও এমনটা করাই হবে সম্পূর্ণ ন্যায্য ও যৌক্তিক পদক্ষেপ।"

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৮:৪৩
অ্যাঞ্জেলকে সম্মান জানাতে নিউইয়র্কে সড়ক নামকরণের প্রস্তাব I ছবি: নিউইয়র্ক পোস্ট
ইরান হামলায় নি হত সেনা অ্যাঞ্জেলকে সম্মান জানাতে নিউইয়র্কে সড়ক নামকরণের প্রস্তাব

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় নিহত নিউইয়র্কের কুইন্সের সেনা সার্জেন্ট অ্যাঞ্জেল সারাহ র‍্যাম্পারসাদের (২৮) প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুইন্সের বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস ওজোন পার্কে নিহত ওই সেনার পারিবারিক বাসভবনের সামনের সড়কে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরেন।   সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অ্যাঞ্জেল একজন সত্যিকারের বীর। তিনি নিজের আগে সমাজ ও দেশকে স্থান দিয়েছেন এবং দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।" রিচার্ডস জানান, এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ অন্তত তাঁর বাড়ির সামনের সড়কটির নাম পরিবর্তন করে তাঁর নামে রাখা এবং স্কুল নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি স্কুলের নামও তাঁর সম্মানে রাখার পরিকল্পনা রয়েছে তাদের।   গত শুক্রবার জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিহত হন অ্যাঞ্জেল। মেয়ের এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়া মা ক্যারল অ্যাসেভেদো কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মেয়ে একজন চমৎকার সেনা ছিল। সে এই দেশের হয়ে লড়েছে এবং দেশের জন্যই প্রাণ দিয়েছে। একজন মা হিসেবে আমি তাকে নিয়ে অত্যন্ত গর্বিত।   " অ্যাঞ্জেলের খালা জুডি রাকাল এই ঘটনাকে এক 'অসহনীয় ট্র্যাজেডি' আখ্যা দিয়ে জানান, মাত্র দুই বছর বয়সে মায়ের সঙ্গে ত্রিনিদাদ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন অ্যাঞ্জেল এবং ছোটবেলা থেকেই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করা এবং ড্রামস বাজানোতে পারদর্শী অ্যাঞ্জেলকে পরিবারের যেকোনো সংকটে শান্ত থাকার মূল শক্তি হিসেবে স্মরণ করেন তার খালা।   গত মঙ্গলবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে অ্যাঞ্জেলের পরিচয় প্রকাশ করে। জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় অ্যাঞ্জেলের সঙ্গে হাওয়াইয়ের ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহ্যান (২৫) এবং টেক্সাসের প্রাইভেট ইসাবেলা গঞ্জালেসও (১৯) নিহত হন। এ ছাড়া গত রোববার ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ক্যারোলাইনার সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন নিহত হয়েছেন বলে জানা গেছে।   এদিকে, টানা ১১তম রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুদ্ধ ও সংঘাতের এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দেশের সেবা করার পাশাপাশি পুরো বিশ্ব ঘুরে দেখার স্বপ্ন দেখা অ্যাঞ্জেলকে একজন দৃঢ়চেতা ও প্রাণবন্ত মানুষ হিসেবেই মনে রাখছেন তাঁর শোকাহত বন্ধু ও স্বজনেরা।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৮:২৭
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় ৩৭ মিনিটের বৃষ্টিতে তছনছ জনপদ, প্রাণ গেল ২ জনের

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির গভর্নর প্যাট্রিক মরিসির কার্যালয় থেকে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। গভর্নরের যোগাযোগ পরিচালক লার্স ডালসেইড এক ই-মেইল বিবৃতিতে মৃত্যুর খবরটি জানালেও, ঠিক কোথায় এবং কীভাবে এই দুজনের মৃত্যু হয়েছে বা তাদের পরিচয় কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি।   মঙ্গলবার শুরু হওয়া এই প্রলয়ঙ্কারী বন্যায় এটিই প্রথম আনুষ্ঠানিক প্রাণহানির খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বন্যাপ্লাবিত এলাকাগুলোতে রেকর্ড ৭ ইঞ্চি (১৮ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।   গভর্নর মরিসি জানান, কোনো কোনো এলাকায় মাত্র ৩৭ মিনিটের ব্যবধানে ৪ দশমিক ৫ ইঞ্চি (১১ দশমিক ৪ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উত্তর-মধ্য ওয়েস্ট ভার্জিনিয়ার কর্মকর্তারা এই বন্যাকে অত্যন্ত ধ্বংসাত্মক ও ব্যাপক ক্ষতিকর হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, পার্কিং লটগুলোতে থাকা অসংখ্য গাড়ি পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে গেছে।   বিশেষ করে ওয়েস্টন শহরের একটি ওয়ালমার্ট স্টোরের ভেতরে বন্যার কাদা-পানি তীব্র বেগে ঢুকে পড়ার দৃশ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়া পাশের একটি হাইওয়ে সংলগ্ন একটি হোটেলের নিচতলাও পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়েছে।   বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় পুরো অঞ্চল জুড়ে বহু মানুষ তাদের গাড়ির ভেতরে আটকা পড়েন। প্রাথমিক অবস্থায় বন্যার পানির তীব্রতার কারণে উদ্ধারকর্মীদের কিছু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আটকা পড়া এসব মানুষকে নিরাপদে সরিয়ে আনতে ও উদ্ধারকার্য পরিচালনা করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৮:৩
নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের সাক্ষ্য তলব নোটিশ প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে বিচারকের তোপে নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের সাক্ষ্য তলব নোটিশ প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) শেষ পর্যন্ত দ্য নিউইয়র্ক টাইমসের তিন সাংবাদিকের বিরুদ্ধে জারি করা গ্র্যান্ড জুরি সাবপোনা প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে শুনানির সময় বিচারক অরুণ সুব্রামানিয়ানের কঠোর প্রশ্ন ও পর্যবেক্ষণের পর সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গোপন তথ্যসূত্রের সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কের মধ্যে ঘটনাটি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।   আদালতে সরকারের পক্ষে উপস্থিত ম্যানহাটনের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শন বাকলি জানান, সরকার একতরফাভাবে সাবপোনাগুলো প্রত্যাহার করতে প্রস্তুত। এর ফলে দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জুলিয়ান ই. বার্নস, এরিক লিপটন এবং এরিক শ্মিটকে আর গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে না।   এই সাবপোনাগুলো জারি করা হয়েছিল দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে। ওই প্রতিবেদনে কাতারের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আসা একটি বোয়িং ৭৪৭ বিমানকে প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাসংক্রান্ত সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়েছিল। বিচার বিভাগ ওই প্রতিবেদনে ব্যবহৃত গোপন তথ্যের উৎস শনাক্ত করার অংশ হিসেবে সাংবাদিকদের সাক্ষ্য নিতে চেয়েছিল।   শুনানির সময় বিচারক অরুণ সুব্রামানিয়ান সরকারের আইনজীবীদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং জানতে চান, সাংবাদিকদের বিরুদ্ধে সাবপোনা জারি করার আগে বিচার বিভাগ প্রয়োজনীয় বিকল্প উপায়গুলো ব্যবহার করেছে কি না। তিনি মন্তব্য করেন, সাংবাদিকদের বিরুদ্ধে সাবপোনা হওয়া উচিত সর্বশেষ পদক্ষেপ, প্রথম পদক্ষেপ নয়। বিচারক আরও ইঙ্গিত দেন, সরকার নিজে থেকে সাবপোনা প্রত্যাহার না করলে আদালত তা বাতিল করার বিষয়টি বিবেচনা করবে।   এরপরই বিচার বিভাগ আদালতকে জানায় যে তারা সাবপোনাগুলো প্রত্যাহার করছে। এর ফলে এ নিয়ে আদালতের আর কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন হয়নি।   দ্য নিউইয়র্ক টাইমস শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। পত্রিকাটির দাবি ছিল, সাংবাদিকদের গোপন তথ্যসূত্র প্রকাশে বাধ্য করার চেষ্টা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি এবং এটি বিচার বিভাগের দীর্ঘদিনের নীতির সঙ্গেও সাংঘর্ষিক।   সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেসও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, আদালতের এই প্রক্রিয়া আবারও দেখিয়েছে যে সাংবাদিকদের ওপর অযৌক্তিক আইনি চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিচারিক পর্যালোচনায় টিকে থাকতে পারেনি।   মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সংবাদমাধ্যমের স্বাধীনতাকে বিশেষ সুরক্ষা দেয়। তবে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ফাঁসের তদন্ত এবং সাংবাদিকদের গোপন সূত্র রক্ষার অধিকার—এই দুই বিষয়ের মধ্যে ভারসাম্য নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই আইনি ও নীতিগত বিতর্ক রয়েছে। সর্বশেষ এই ঘটনাকে সেই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৭:৪১
আপন মায়ের হাতে নৃশংস হত্যার শিকার তিন শিশু I কোলাজ: আমেরিকা বাংলা
আপন মায়ের হাতে নৃশংস হত্যার শিকার তিন শিশু, সন্তানদের বীভৎস ছবি প্রকাশ না করতে বাবার আবেদন

যুক্তরাষ্ট্রের মাসাচুসেটসে নিজ তিন সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত মা লিন্ডসে ক্ল্যান্সির বিচারকাজ শুরুর ঠিক আগে আদালতের কাছে এক আবেগঘন আরজি জানিয়েছেন নিহত শিশুদের বাবা প্যাটরিক ক্ল্যান্সি। আদালতে বিচার চলাকালে নিজের তিন সন্তানের বীভৎস ছবি প্রদর্শন না করা এবং ৯১১ নম্বরে তাঁর করা জরুরি ফোনালাপের রেকর্ড জনসম্মুখে না আনার জন্য তিনি বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে প্যাটরিক উল্লেখ করেছেন, সংবেদনশীল ও বীভৎস এসব ছবি এবং অডিও প্রকাশ পেলে তা তাঁর ও তাঁর পরিবারের জন্য দীর্ঘমেয়াদি এবং অপূরণীয় মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।   ২০২৩ সালের জানুয়ারিতে ডাক্সবারির নিজ বাসা থেকে প্যাটরিক নিজেই তাঁর তিন সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেছিলেন। মর্মান্তিক ওই ঘটনার পর লিন্ডসে ও প্যাটরিকের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে এবং প্যাটরিক সম্প্রতি পুনরায় বিয়ে করেছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে এই চাঞ্চল্যকর মামলার জন্য ১৭ সদস্যের জুরি প্যানেল চূড়ান্ত করা হয়েছে। চার শতাধিক সম্ভাব্য জুরির মধ্য থেকে প্যানেল গঠনের এই প্রক্রিয়ায় একাধিক ব্যক্তি শিশু হত্যার ভয়াবহ বিবরণ শুনে মানসিকভাবে ভেঙে পড়েন এবং কান্নাভেজা চোখে বিচারকাজ থেকে নিজেদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। দীর্ঘ দুই মাসব্যাপী চলতে যাওয়া এই বিচারে প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে, যেখানে প্যাটরিক ক্ল্যান্সি নিজেও সাক্ষ্য দেবেন।   অভিযুক্ত ৩৫ বছর বয়সী লিন্ডসে ক্ল্যান্সি বর্তমানে হুইলচেয়ারে জীবনযাপন করছেন; তিন সন্তানকে হত্যার পর তিনি উঁচু থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। তাঁর আইনজীবীদের মূল কৌশল হলো লিন্ডসে যে ঘটনার সময়ে সন্তান জন্মদান-পরবর্তী তীব্র মানসিক অসুস্থতা বা ‘পোস্টপার্টম সাইকোসিস’-এ ভুগছিলেন তা প্রমাণ করা। তাদের দাবি, একাধিক অ্যান্টিসাইকোটিক ওষুধের মারাত্মক প্রতিক্রিয়ার ফলেই এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটেছিল। সব পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে আদালত।  

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৭:২১
সহকর্মীর গুলিতেই প্রাণ গেল দুই বিএসএফ সদস্যের
শত্রু নয়, সহকর্মীর গুলিতেই প্রাণ গেল দুই বিএসএফ সদস্যের, ঘটনা বাংলাদেশ-ভারত সীমান্তে

বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও এক জওয়ান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের ১১৯ নম্বর এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে বাগবিতণ্ডার জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।   জানা গেছে, রাজশাহীর ওপারে মালদহের বৈষ্ণবনগরে অবস্থিত ওই ক্যাম্পে জওয়ানরা বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছত্তিশগড়ের বাসিন্দা ও ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র তার সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান।   এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান—৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং ৩৭ বছর বয়সী আম্বদর সুরেশ দরগু প্রাণ হারান। এ ছাড়া বিকাশ ব্রম্ম (৪৪) নামের আরেক জওয়ান গুরুতর আহত হয়ে বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে আগেও এমন বেপরোয়া আচরণের রেকর্ড রয়েছে বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, প্রায় এক বছর আগে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে তিনি বাহিনীর নিজস্ব আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বাড়িতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, আর এর মাঝেই তিনি পুনরায় এই প্রাণঘাতী কাণ্ড ঘটালেন।   এই ঘটনায় অভিযুক্ত শিবমকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর নিজস্ব তদন্তের পাশাপাশি বৈষ্ণবনগর থানা পুলিশও ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৬:৫৭
ইরানে স্কুলে মার্কিন হামলায় নিহত ১২০ শিশু
জুতা আর পোশাকই হলো শেষ পরিচয়, ইরানে স্কুলে মার্কিন হামলায় নিহত ১২০ শিশু

যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধের প্রথম দিকে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন সামরিক বাহিনীর সন্দেহভাজন বিমান হামলায় ১২০ জন শিশুসহ অন্তত ১৫৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে এই ধ্বংসযজ্ঞ ও স্বজন হারানোর ভয়াবহ চিত্র।   স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার সকালে রমজান মাস উপলক্ষে যখন শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করছিল, ঠিক তখনই এই ভয়াবহ হামলা চালানো হয়, যা এই সংঘাতের অন্যতম প্রাণঘাতী এবং বেসামরিক মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।   ধ্বংসস্তূপে পরিণত হওয়া শাজারাহ তায়্যিবাহ প্রাইমারি স্কুলের ৩৩ বছর বয়সী শিক্ষিকা আমাইনেহ নাদেমি সেই ভয়াল দিনের স্মৃতিচারণ করে জানান, যুদ্ধ শুরুর পর স্কুল ছুটি ঘোষণার পরপরই সেখানে বিকট বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন শ্রেণিকক্ষে তিনি তার প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই ছাদ ধসে পড়ে এবং চারদিকে রক্ত ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে।   ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মী রেজা বেশারতি জানান, উদ্ধারের সময় কারও দেহই আস্ত পাওয়া যায়নি; ছিন্নভিন্ন হয়ে যাওয়া এসব মৃতদেহের পরিচয় শনাক্ত করতে অনেক পরিবার তাদের সন্তানদের জুতা বা পোশাকের সাহায্য নিয়েছে।   এই হামলায় নিহত নয় বছর বয়সী সেতায়েশের মা মাসুমেহ মেহরান শেখাবাদি প্রতিদিন গোরস্থানে মেয়ের কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন। মেয়েকে তার পরা ক্রিম রঙের মোজা দিয়ে শনাক্ত করতে হয়েছিল জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, "এই শিশুদের অপরাধ কী ছিল? তাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে ছিল বই-খাতা, তারা কেবল শিখতে গিয়েছিল।"   মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, পুরোনো গোয়েন্দা তথ্যের কারণে স্কুলটিকে ভুলবশত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামরিক ঘাঁটির অংশ ভেবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, সামরিক বাহিনী এই ঘটনার তদন্ত করছে এবং তারা কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে না।   তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো চূড়ান্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ইরানের সরকার এই ঘটনাকে মার্কিন আগ্রাসনের সবচেয়ে নির্মম উদাহরণ হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক মহলে কড়া প্রতিবাদ জানাচ্ছে, যা দেশটিতে মার্কিন হামলার যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৬:৩৮
যুক্তরাষ্ট্রে প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের জন্য বড় সুবিধা, অনলাইনে মিলবে আবেদনের সব আপডেট
যুক্তরাষ্ট্রে প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের জন্য বড় সুবিধা, অনলাইনে মিলবে আবেদনের সব আপডেট

যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রতিবন্ধী ভাতাভোগী ও আবেদনকারীদের জন্য একগুচ্ছ নতুন অনলাইন সুবিধা চালু করেছে। এর মাধ্যমে আবেদনকারীরা এখন সহজেই নিজের আবেদনের অগ্রগতি জানতে, প্রয়োজনীয় নথি জমা দিতে এবং গুরুত্বপূর্ণ সরকারি নোটিশ অনলাইনে গ্রহণ করতে পারবেন।   এসএসএ কমিশনার ফ্র্যাঙ্ক জে. বিসিগনানো বলেছেন, ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে আবেদনকারীরা আরও সহজে নিজেদের সোশ্যাল সিকিউরিটি সুবিধা পরিচালনা করতে পারবেন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।   নতুন সুবিধার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিসঅ্যাবিলিটি ক্লেইম স্ট্যাটাস ট্র্যাকার। এর মাধ্যমে যাদের প্রতিবন্ধী ভাতার আবেদন, আপিল বা শুনানির প্রক্রিয়া চলমান, তারা my Social Security অ্যাকাউন্টে লগইন করে মামলার সর্বশেষ অবস্থা, বিভিন্ন ধাপের অগ্রগতি এবং সম্ভাব্য সময়সীমা জানতে পারবেন।   এ ছাড়া আবেদনকারীরা এখন অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফরম জমা দিতে পারবেন। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক চিকিৎসা-সংক্রান্ত তথ্য, ব্যবহৃত ওষুধের বিবরণ এবং কর্মজীবনের তথ্যসংবলিত ফরম।   এসএসএ আরও জানিয়েছে, প্রতিবন্ধী ভাতা–সংক্রান্ত বিভিন্ন নোটিশও এখন my Social Security Message Center-এ ডিজিটালভাবে পাওয়া যাবে। শুনানির তারিখ, শুনানি স্থগিতের নোটিশ, অতিরিক্ত তথ্য চাওয়া এবং নতুন প্রমাণ সংক্রান্ত মোট ২৬ ধরনের নোটিশ অনলাইনে দেখার সুযোগ থাকবে।   বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি মানুষ সোশ্যাল সিকিউরিটির প্রতিবন্ধী ভাতা পান। দীর্ঘদিন ধরে আবেদন ও আপিল প্রক্রিয়া জটিল এবং সময়সাপেক্ষ হওয়ায় এই নতুন ডিজিটাল সেবাকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।   তবে বিশেষজ্ঞদের কেউ কেউ সতর্ক করে বলেছেন, অনেক আবেদনকারী বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এখনো ডিজিটাল সেবা ব্যবহারে অভ্যস্ত নন। তাই অনলাইন সুবিধা চালুর পাশাপাশি কাগজে নোটিশ পাঠানোর প্রচলিত ব্যবস্থাও চালু থাকবে।   এসএসএ জানিয়েছে, নতুন সেবাগুলো ইতোমধ্যে my Social Security পোর্টালে চালু হয়েছে। আবেদনকারীদের যত দ্রুত সম্ভব নিজেদের অনলাইন অ্যাকাউন্ট সক্রিয় করে ই-মেইল বা এসএমএস নোটিফিকেশন চালু করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৬:১৯
ইরান যুদ্ধে নিহত ১৮ মার্কিন সেনা
কেউ ছিলেন সদ্য হাইস্কুল পাস, কেউ দুই সন্তানের বাবা; ইরান যুদ্ধে নিহত ১৮ মার্কিন সেনার গল্প

যুদ্ধের হিসাব সাধারণত লেখা হয় নিহতের সংখ্যা, ক্ষেপণাস্ত্র হামলা কিংবা সামরিক সাফল্যের ভাষায়। কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে থাকে একটি পরিবার, কিছু অপূর্ণ স্বপ্ন এবং এমন মানুষ, যাদের জন্য বাড়িতে অপেক্ষা করছিল প্রিয়জন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন সদ্য হাইস্কুল পাস করা এক তরুণী, দুই সন্তানের বাবা, উচ্চশিক্ষার স্বপ্ন দেখা একজন কর্মকর্তা এবং সহকর্মীদের কাছে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা আরও অনেক সৈনিক।    সর্বশেষ নিহতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন টেক্সাসের ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস। মাত্র কিছুদিন আগেই তিনি হাইস্কুলের পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন। পরিবার ও বন্ধুদের ভাষায়, তাঁর সামনে ছিল সম্ভাবনাময় একটি জীবন। কিন্তু জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় সেই স্বপ্ন থেমে যায়। মৃত্যুর পর তাঁকে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়েছে।    ৩০ বছর বয়সী সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন ছিলেন দুই সন্তানের বাবা। উত্তর ক্যারোলাইনার এই সেনাসদস্য ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিষ্ক্রিয় করার সময় প্রাণ হারান। সহকর্মীরা তাঁকে একজন সাহসী সৈনিক হিসেবে স্মরণ করছেন, আর পরিবারের কাছে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ স্বামী ও বাবা।    ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহ্যান ছিলেন হাওয়াইয়ের বাসিন্দা। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছিলেন এবং এমবিএ সম্পন্ন করার পরিকল্পনা করেছিলেন। জর্ডানে একই হামলায় তাঁর জীবনও শেষ হয়ে যায়।    ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল র‍্যাম্পারসাদ নিউইয়র্কের ওজোন পার্ক এলাকার বাসিন্দা। প্রতিবেশীরা তাঁকে শান্ত, বিনয়ী ও অন্যের পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে মনে রেখেছেন। তিনিও জর্ডানে ইরানি হামলায় নিহত হন।    এই চারজনের গল্প সাম্প্রতিক দিনগুলোতে সবচেয়ে বেশি আলোচনায় এলেও, তাঁদের মতো আরও ১৪ জন মার্কিন সেনাসদস্য গত কয়েক মাসে বিভিন্ন অভিযানে প্রাণ হারিয়েছেন। কেউ কুয়েতে ড্রোন হামলায়, কেউ ইরাকে বিমান দুর্ঘটনায়, কেউ সৌদি আরব ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলায় এবং কেউ সামরিক অভিযান চলাকালে নিহত হন। প্রত্যেকের মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় শোক বয়ে এনেছে।    মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের সম্মানে ডেলাওয়ারের ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।    যুদ্ধের কৌশল, অস্ত্র কিংবা ভূরাজনীতির আলোচনা যতই হোক, শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য চোকায় মানুষ। ইরান যুদ্ধে নিহত এই ১৮ মার্কিন সেনার গল্প আবারও মনে করিয়ে দেয়, প্রতিটি সামরিক সংঘাতের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য অসমাপ্ত স্বপ্ন, ভেঙে পড়া পরিবার এবং এমন শূন্যতা, যা কোনো পদক বা সামরিক সাফল্য দিয়ে পূরণ করা যায় না।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৬:২
ভাড়া বাড়ার সঙ্গে সিকিউরিটি ডিপোজিট বাড়ানোর অধিকার আছে বাড়িওয়ালার - নিউইয়র্ক কর্তৃপক্ষ
ভাড়া বাড়ার সঙ্গে সিকিউরিটি ডিপোজিট বাড়ানোর অধিকার আছে বাড়িওয়ালার - নিউইয়র্ক কর্তৃপক্ষ

নিউইয়র্ক সিটির ভাড়াটিয়াদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রেন্ট গাইডলাইনস বোর্ড। সংস্থাটি জানিয়েছে, লিজ নবায়নের সময় ভাড়া বাড়লে বাড়িওয়ালা চাইলে সিকিউরিটি ডিপোজিটও বাড়াতে পারবেন, এমনকি ভাড়াটিয়া বহু বছর ধরে একই বাসায় থাকলেও।   নিউইয়র্ক স্টেট হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়ালের নিয়ম অনুযায়ী, সিকিউরিটি ডিপোজিট সর্বোচ্চ এক মাসের ভাড়ার সমপরিমাণ হতে পারে। তাই লিজ নবায়নের সময় মাসিক ভাড়া বেড়ে গেলে সেই নতুন ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত ডিপোজিট চাইতে পারেন বাড়িওয়ালা।   কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো ভাড়াটিয়া যদি বিশেষ কারণে ভাড়া বৃদ্ধি থেকে অব্যাহতি পান, তবুও নির্দিষ্ট পরিস্থিতিতে বাড়িওয়ালা সিকিউরিটি ডিপোজিট সমন্বয়ের দাবি করতে পারেন।   তবে এই অর্থ বাড়িওয়ালার কাছে ইচ্ছেমতো রাখা যাবে না। আইন অনুযায়ী, সিকিউরিটি ডিপোজিট নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সুদযুক্ত ব্যাংক হিসাবে রাখতে হবে। সেই হিসাবের তথ্য ভাড়াটিয়াকে জানাতে হবে এবং জমা অর্থের সুদ কীভাবে দেওয়া হবে, সে বিষয়েও ভাড়াটিয়ার অধিকার রয়েছে।   বাসা ছাড়ার পর ১৪ দিনের মধ্যে বাড়িওয়ালাকে লিখিতভাবে জানাতে হবে ডিপোজিটের কত টাকা মেরামতের কাজে খরচ হয়েছে। যদি কোনো অর্থ অবশিষ্ট থাকে, সেটিও একই সময়ের মধ্যে ফেরত দিতে হবে।   কোনো বাড়িওয়ালা যদি নির্ধারিত ১৪ দিনের মধ্যে এই হিসাব না দেন, তাহলে তিনি ডিপোজিটের কোনো অংশ কেটে রাখার অধিকার হারাতে পারেন।   সিকিউরিটি ডিপোজিট নিয়ে বিরোধ দেখা দিলে ভাড়াটিয়ারা স্মল ক্লেইমস কোর্ট অথবা নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের কনজিউমার ফ্রডস অ্যান্ড প্রোটেকশন ব্যুরোতে অভিযোগ করতে পারবেন।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৫:৪৪
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ট্রাম্পের ফোনে বদলে যায় ফিফার সিদ্ধান্ত, ট্রাম্পের প্রভাব নিয়ে ফিফাকে কাঠগড়ায় তুলছে নরওয়ে

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।   ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, বিষয়টি তাদের পরবর্তী বোর্ড সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে অভিযোগটি ফিফার স্বাধীন তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হবে।   বিতর্কের সূত্রপাত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়ার বিপক্ষে ম্যাচে বালোগুনের লাল কার্ড পাওয়ার পর। নিয়ম অনুযায়ী তাঁর পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু পরে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে তাঁকে মাঠে নামার অনুমতি দেয়।   পরে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিদ্ধান্ত পরিবর্তনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান একক সিদ্ধান্তে নিষেধাজ্ঞা স্থগিত করেন। এই ঘটনাকে ঘিরে ইউরোপের ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়।   নরওয়ে ফুটবল ফেডারেশনের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে যদি শাস্তিমূলক সিদ্ধান্ত পরিবর্তন করা হয়ে থাকে, তবে তা ফুটবলের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার জন্য অত্যন্ত উদ্বেগজনক নজির।   এর আগেও ট্রাম্পকে ফিফার প্রস্তাবিত ‘পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিল নরওয়ে। ফেডারেশন জানিয়েছে, নতুন অভিযোগে সেই বিষয়টিও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।   অন্যদিকে ফিফা বলেছে, তাদের বিচারিক সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করে এবং বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ফিফার প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসারেই নেওয়া হয়েছে।   বালোগুনকে ঘিরে এই বিতর্ক এখন শুধু একটি শাস্তিমূলক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক স্বচ্ছতা এবং বিচারিক স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৫:৩৩
বন্ধু-স্বজনকে দুবাই ভ্রমণে আনলেই মিলবে ৩ হাজার দিরহামের বেশি সুবিধা
বন্ধু-স্বজনকে দুবাই ভ্রমণে আনলেই মিলবে ৩ হাজার দিরহামের বেশি সুবিধা,পর্যটক কমে যাওয়ায় নতুন কৌশল

পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিদেশি ভ্রমণকারীদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে দুবাই। ‘Dubai Invite’ নামে চালু হওয়া কর্মসূচির আওতায় সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা যদি বিদেশে থাকা বন্ধু বা আত্মীয়দের দুবাই ভ্রমণে উৎসাহিত করে আনতে পারেন, তাহলে তারা ৩ হাজার সংযুক্ত আরব আমিরাত দিরহামেরও বেশি মূল্যের বিশেষ সুবিধা পাবেন।   দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম পরিচালিত এই কর্মসূচির আওতায় নির্বাচিত বাসিন্দাদের জন্য হোটেলে থাকা, রেস্তোরাঁয় ছাড়, বিনোদনকেন্দ্রের টিকিটসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।   সরকারের এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক মাসগুলোতে পর্যটন খাতে দেখা দেওয়া বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর আন্তর্জাতিক পর্যটকদের একটি বড় অংশ দুবাই সফর থেকে সরে দাঁড়ায়। এর প্রভাব পড়ে বিমান চলাচল, হোটেল ব্যবসা এবং পর্যটননির্ভর সেবাখাতে।   দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত অনেক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বা সীমিত হওয়ায় যাত্রী সংখ্যাও কমে যায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স।   স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনেক হোটেলে কক্ষ খালি পড়ে আছে এবং পর্যটননির্ভর কিছু প্রতিষ্ঠানের আয় ৫০ শতাংশেরও বেশি কমেছে। বিশ্বের অন্যতম পরিচিত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবও নির্ধারিত সময়ের আগেই দীর্ঘমেয়াদি সংস্কারকাজে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।   পরিস্থিতি সামাল দিতে হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে ৪৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, অতিরিক্ত ফ্রি নাইটসহ বিভিন্ন অফার ঘোষণা করেছে।   স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কর্মসূচি চালুর প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে, যা উদ্যোগটির প্রতি বাসিন্দাদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।   পর্যটন খাত দুবাইয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ২০২৫ সালে শহরটি প্রায় ২ কোটি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়ে নতুন রেকর্ড গড়েছিল। তবে সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সেই ধারাবাহিকতায় বড় ধরনের প্রভাব ফেলেছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৫:১৪
রুশ সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডজন মিত্র দেশ সতর্কতায়
এক ক্লিকও নয়, শুধু ই-মেইল খুললেই হ্যাক! রুশ সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডজন মিত্র দেশ সতর্কতায়

রাশিয়ার রাষ্ট্রসমর্থিত হ্যাকারদের নতুন এক সাইবার কৌশল নিয়ে যৌথ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং এক ডজনের বেশি মিত্র দেশ।   তাদের দাবি, Laundry Bear নামে পরিচিত একটি রুশ হ্যাকার গোষ্ঠী জনপ্রিয় Zimbra Collaboration Suite-এর একটি নিরাপত্তা দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীদের ই-মেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে।   এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ভুক্তভোগীদের কোনো লিংকে ক্লিক করা, সংযুক্তি (Attachment) ডাউনলোড করা কিংবা পাসওয়ার্ড দেওয়ারও প্রয়োজন হয়নি। কেবল ক্ষতিকর ই-মেইলটি খুললেই হ্যাকাররা সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়েছে।   সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Proofpoint এই কৌশলকে “হাফ-ক্লিক এক্সপ্লয়েট” নামে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি এমন এক ধরনের হামলা, যেখানে কোনো সামাজিক প্রকৌশল (Social Engineering) ব্যবহার না করেই ব্যবহারকারীর অ্যাকাউন্টে অনুপ্রবেশ সম্ভব হয়েছে।   যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের একাধিক দেশের গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা সংস্থা ৩১ পৃষ্ঠার একটি যৌথ সতর্কতা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।   তাদের মতে, হামলাকারীরা প্রথমে ইউক্রেনকে লক্ষ্যবস্তু বানিয়ে এই পদ্ধতি পরীক্ষা করে। পরে একই কৌশলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সরকারি, সামরিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের লক্ষ্য করা হয়।   যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী ড্যান জারভিস বলেছেন, ইউক্রেনের ভুক্তভোগীদের ওপর এই কৌশল পরীক্ষা চালিয়ে পরে ন্যাটো দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত উদ্বেগজনক।   যুক্তরাষ্ট্রের অভিযোগ, Laundry Bear রাশিয়ার নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করা একাধিক হ্যাকার গোষ্ঠীর অন্যতম। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি অভিযোগপত্রে গোষ্ঠীটির সঙ্গে রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Yutek-NN-এর সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে।   এদিকে Zimbra সফটওয়্যারের যে নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে হামলা চালানো হয়েছে, সেটি ইতোমধ্যে নিরাপত্তা হালনাগাদের (Patch) মাধ্যমে ঠিক করা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান এখনো সফটওয়্যার হালনাগাদ করেনি, তারা এখনো ঝুঁকিতে রয়েছে।   সাইবার নিরাপত্তা সংস্থাগুলো সরকারি দপ্তর, সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং Zimbra ব্যবহারকারী সব প্রতিষ্ঠানের প্রতি দ্রুত সফটওয়্যার আপডেট, নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার এবং সন্দেহজনক কার্যক্রম পরীক্ষা করার আহ্বান জানিয়েছে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৫:৪
যুক্তরাষ্ট্রে ব্যাংক থেকে হোম লোন পাচ্ছেন না? জেনে নিন বিকল্প মর্টগেজের সুযোগ I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ব্যাংক থেকে হোম লোন পাচ্ছেন না? জেনে নিন বিকল্প মর্টগেজের সুযোগ

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার ক্ষেত্রে অধিকাংশ মানুষ প্রচলিত ব্যাংক বা মর্টগেজ লেন্ডারের মাধ্যমে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত ক্রেডিট স্কোর না থাকা, স্বনিয়োজিত হওয়া, ডব্লিউ-২ আয়ের নথি না থাকা বা ট্যাক্স রিটার্নে আয় তুলনামূলক কম দেখানোর কারণে অনেক আবেদনকারী ব্যাংকের প্রচলিত হোম লোনের জন্য অনুমোদন পান না। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে সামনে আসে নন -কোয়ালিফাইড মর্টগেজ, ব্যাংক স্টেটমেন্ট লোন বা প্রাইভেটে/পোর্টফলিও মর্টগেজ এর মতো বিশেষ ধরনের মর্টগেজ।   মর্টগেজ নিয়ে কাজ করেন তাদের মতে, এসব ঋণ মূলত তাদের জন্য, যাদের ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে কিন্তু প্রচলিত ব্যাংকের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করা কঠিন। বিশেষ করে স্বনিয়োজিত ব্যবসায়ী, ১০৯৯ ভিত্তিক কর্মী, ফ্রিল্যান্সার, গিগ ইকোনমিতে কাজ করা ব্যক্তি, রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং নতুন ব্যবসা শুরু করা অনেকেই এ ধরনের ঋণের সুবিধা নিয়ে থাকেন।   প্রচলিত ব্যাংক ঋণের ক্ষেত্রে সাধারণত ডব্লিউ-২, ট্যাক্স রিটার্ন এবং নির্দিষ্ট আয়ের নথির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে অনেক নন -কোয়ালিফাইড মর্টগেজ, ব্যাংক স্টেটমেন্ট লোন বা প্রাইভেটে/পোর্টফলিও কর্মসূচিতে আবেদনকারীর গত ১২ থেকে ২৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার নগদ প্রবাহ, সম্পদ এবং নিয়মিত আয়ের উৎস মূল্যায়ন করা হয়। তবে এর অর্থ এই নয় যে ক্রেডিট স্কোরের কোনো গুরুত্ব নেই। ঋণদাতারা এখনো ক্রেডিট ইতিহাস বিবেচনা করেন, তবে অনেক ক্ষেত্রে তারা আবেদনকারীর সামগ্রিক আর্থিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেন।   যুক্তরাষ্ট্রের মর্টগেজ শিল্পবিষয়ক প্রকাশনা হাউজিংওয়্যারের বিশ্লেষণে বলা হয়েছে, নন -কোয়ালিফাইড মর্টগেজ কোনো “সাবপ্রাইম” মর্টগেজ নয় বরং এটি এমন একটি ঋণব্যবস্থা, যেখানে প্রচলিত আয়ের নথির পরিবর্তে বিকল্প উপায়ে আবেদনকারীর পরিশোধ সক্ষমতা মূল্যায়ন করা হয়।   বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অপটিমাল ব্লুর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে  নন -কোয়ালিফাইড মর্টগেজের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে নতুন মর্টগেজের উল্লেখযোগ্য অংশই ছিল এই ক্যাটাগরির ঋণ, যা দেখায় প্রচলিত ব্যাংক ঋণের বাইরে বিকল্প অর্থায়নের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।   তবে মর্টগেজ লোন স্পেশালিস্টরা সতর্ক করে বলেছেন, এ ধরনের ঋণের সুদের হার সব সময় এক রকম হয় না। অনেক ক্ষেত্রে এটি প্রচলিত ব্যাংক মর্টগেজের তুলনায় বেশি হতে পারে, আবার শক্তিশালী আর্থিক অবস্থান, বড় ডাউন পেমেন্ট বা ভালো আয়ের প্রমাণ থাকলে প্রতিযোগিতামূলক সুদেও ঋণ পাওয়া সম্ভব। তাই একাধিক ঋণদাতার অফার তুলনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।   এ ধরনের ঋণের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার আয়ের তথ্য, সম্পদের প্রমাণ, ডাউন পেমেন্টের উৎস এবং অন্যান্য আর্থিক নথি চাওয়া হতে পারে। ঋণদাতা ও ঋণের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে।   মর্টগেজ বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু ব্যাংক থেকে ঋণ না পাওয়ার কারণে বাড়ি কেনার পরিকল্পনা বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে বিকল্প মর্টগেজ নেওয়ার আগে সুদের হার, ঋণের মেয়াদ, ক্লোজিং কস্ট, সম্ভাব্য অতিরিক্ত ফি এবং প্রিপেমেন্ট পেনাল্টির মতো শর্তগুলো ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে লাইসেন্সপ্রাপ্ত মর্টগেজ লোন অরিজিনেটর বা আর্থিক পরামর্শকের সঙ্গে আলোচনা করে নিজের আর্থিক অবস্থার সঙ্গে সবচেয়ে উপযোগী ঋণ নির্বাচন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৪:৪০
পুলিশ কর্মকর্তা ফ্রেড মার্শ  এবং  প্রেমিকা হেইলি
প্রেমিকাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, বিয়ের প্রস্তাবের কয়েক ঘণ্টা পরই প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের আর্কানসাস অঙ্গরাজ্যের ২৪ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ফ্রেড মার্শ নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন সদ্য বাগদত্তা হওয়া প্রেমিকাকে।   শনিবার সকালে তিনি প্রেমিকা হেইলিকে বিয়ের প্রস্তাব দেন। হেইলি সম্মতি জানালে দুজন আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন। এরপর কয়েকজন বন্ধুকে নিয়ে তারা মিসৌরির এল্ক নদীতে ক্যানো ভ্রমণে যান।   হেইলির মা শেরিল প্যাডজেট জানান, সেদিন সকালেই ফ্রেড তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেটিই ছিল তাঁদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।   কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আনন্দ পরিণত হয় মর্মান্তিক ট্র্যাজেডিতে।   নদীর প্রবল স্রোতে হেইলি ভেসে যেতে শুরু করলে ফ্রেড মার্শ এবং তাঁর সঙ্গে থাকা রজার্স পুলিশ বিভাগের আরেক কর্মকর্তা দ্রুত পানিতে ঝাঁপ দেন। দুজনে মিলে হেইলিকে নিরাপদে তুলতে সক্ষম হন।   তবে প্রেমিকাকে উদ্ধার করার পর নিজেই নদীর তীব্র স্রোতে ভেসে যান ফ্রেড মার্শ। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।   রজার্স পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কর্তব্যপরায়ণতা, সাহস এবং অন্যের জীবন রক্ষায় আত্মত্যাগের জন্য ফ্রেড মার্শকে সবসময় স্মরণ করা হবে।   সহকর্মী, পরিবার ও স্থানীয় বাসিন্দারা বলছেন, ফ্রেড শেষ মুহূর্ত পর্যন্ত একজন পুলিশ কর্মকর্তা হিসেবেই দায়িত্ব পালন করেছেন—নিজের জীবনের চেয়ে অন্যের জীবনকে বেশি গুরুত্ব দিয়ে।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৪:৩৩
যুক্তরাষ্ট্রের তরুণী উদ্যোক্তা ডেমি মার্চেসি
দিনে চাকরি, রাতে প্যাকেট বানাতেন আজ তার ব্যবসার বার্ষিক বিক্রি ৩৫ মিলিয়ন ডলার

কলেজের পড়াশোনা শেষ হওয়ার পর অনেকেই স্থায়ী চাকরির খোঁজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু যুক্তরাষ্ট্রের তরুণী উদ্যোক্তা ডেমি মার্চেসি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। মাত্র ৮০০ মার্কিন ডলার পুঁজি দিয়ে ছোট একটি অতিরিক্ত আয়ের উদ্যোগ শুরু করেন তিনি। সেই ছোট উদ্যোগই আজ পরিণত হয়েছে বছরে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিক্রির একটি সফল পোশাক ব্যবসায়।   আন্তর্জাতিক ব্যবসাবিষয়ক সাময়িকী এন্ট্রেপ্রেনার-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫ সালে কলেজ শেষ করার পর মার্চেসি দিনের বেলা মায়ের প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। আর রাতের বেলায় নিজের ব্যবসার জন্য পোশাক বাছাই, ছবি তোলা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, অর্ডার প্রস্তুত এবং প্যাকেটজাত করার মতো সব কাজ একাই করতেন।   কলেজজীবনে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ তার চিন্তাধারায় নতুন দিগন্ত খুলে দেয়। বিভিন্ন দেশের পোশাক, সংস্কৃতি ও জীবনধারা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজস্ব পোশাকের ব্র্যান্ড গড়ে তোলার সিদ্ধান্ত নেন। শুরুতে পুরোনো ও সংগ্রহযোগ্য পোশাক অনলাইনে বিক্রি করলেও পরে নিজস্ব নকশার পোশাক বাজারে আনেন।      অল্প সময়েই তার পণ্য ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। মার্চেসি জানান, শুরু থেকেই তিনি নিজের জন্য কঠোর বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। প্রতি মাসে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তিনি থামতেন না। অনলাইনের পাশাপাশি বিভিন্ন অস্থায়ী বিক্রয়কেন্দ্র, ছোট প্রদর্শনী এবং নিজ বাড়িতেও ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে পোশাক বিক্রি করতেন।   প্রথমদিকে ব্যবসা থেকে খুব বেশি লাভ হতো না। কিন্তু তিনি সেই আয় ব্যক্তিগত কাজে ব্যয় না করে আবার ব্যবসায় বিনিয়োগ করতেন। ধীরে ধীরে বাড়তে থাকে পণ্যের সংখ্যা, ক্রেতার আস্থা এবং ব্যবসার পরিধি। বর্তমানে তার প্রতিষ্ঠিত পোশাকের ব্র্যান্ডটি যুক্তরাষ্ট্রের পরিচিত অনলাইন ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ২৫ কোটি মার্কিন ডলারেরও বেশি বিক্রি করেছে। এখন প্রতি বছর প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।   নিজের সাফল্যের পেছনের কারণ হিসেবে ডেমি মার্চেসি বলেন, বড় অঙ্কের মূলধনের চেয়ে বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, সীমিত অর্থ দিয়েও সফল ব্যবসা গড়ে তোলা সম্ভব, যদি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করা যায়।   বিশ্বজুড়ে নতুন উদ্যোক্তাদের কাছে ডেমি মার্চেসির এই যাত্রা এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। মাত্র ৮০০ ডলার দিয়ে শুরু হওয়া একটি ছোট উদ্যোগ যে কয়েক বছরের মধ্যে কোটি কোটি ডলারের সফল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, তার বাস্তব প্রমাণ তিনি নিজেই।

প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ ১৪:২৯