সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন, ‘পাবলিক চার্জ’ নীতিতে কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি আর্থিক সহায়তা বা কল্যাণমূলক কর্মসূচি ব্যবহারের ইতিহাস গ্রিন কার্ড আবেদন মূল্যায়নে আগের তুলনায় বেশি গুরুত্ব পাবে। এর ফলে আবেদনকারীর আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা আরও গভীরভাবে যাচাই করবেন অভিবাসন কর্মকর্তারা।   মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যে নীতিমালা চালু করেছিল, সেটি বাতিল করে নতুন নিয়ম কার্যকর করা হবে। প্রশাসনের দাবি, আগের নীতির কারণে অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীদের ব্যক্তিগত আর্থিক অবস্থা ও সরকারি সহায়তা গ্রহণের ইতিহাস যথাযথভাবে মূল্যায়নের সুযোগ পাচ্ছিলেন না।   মার্কিন অভিবাসন আইনে 'পাবলিক চার্জ' বা 'সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তি' ধারণাটি বহুদিন ধরেই রয়েছে। কোনো ব্যক্তি ভবিষ্যতে নিজের আয়ের পরিবর্তে প্রধানত সরকারি সহায়তার ওপর নির্ভর করবেন বলে মনে হলে, নির্দিষ্ট পরিস্থিতিতে তার গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে। আবেদন মূল্যায়নের সময় বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থানের ইতিহাস, দক্ষতা, সম্পদ ও আর্থিক সামর্থ্যসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়।   নতুন নীতির ফলে মেডিকেইড, খাদ্য সহায়তা কর্মসূচি (এসএনএপি), আবাসন সহায়তাসহ আয়ভিত্তিক সরকারি সুবিধা গ্রহণের তথ্যও কর্মকর্তাদের মূল্যায়নে প্রভাব ফেলতে পারে। তবে কোনো একটি সুবিধা গ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড আবেদন বাতিল হবে, এমন নয়। বরং প্রতিটি আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।   ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কাহলার এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠা এবং মার্কিন করদাতাদের অর্থ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার প্রত্যাশাই এই নীতির মূল ভিত্তি। তবে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডাম ক্লেইনের মতে, ইউএসসিআইএস থেকে অভিজ্ঞ কর্মকর্তা ও নীতিনির্ধারণী কর্মীদের একটি অংশ ইতোমধ্যে বিদায় নিয়েছেন। একই সময়ে কর্মকর্তাদের হাতে আরও বেশি বিবেচনাধিকার দেওয়া হলে বিভিন্ন ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্তের ঝুঁকি তৈরি হতে পারে। তার মতে, কর্মকর্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কার্যকর তদারকি ছাড়া অতিরিক্ত বিবেচনাধিকার সমস্যার কারণ হতে পারে।   নতুন নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সরকারি সহায়তা কর্মসূচিতে অভিবাসীদের অংশগ্রহণ কমে যাবে বলে ধারণা করছে মার্কিন প্রশাসন। সরকারি হিসাব অনুযায়ী, এর ফলে প্রতিবছর ফেডারেল ও অঙ্গরাজ্য সরকার মিলিয়ে প্রায় ১৩ বিলিয়ন ডলার সরকারি ব্যয় কমতে পারে। তবে প্রশাসন স্বীকার করেছে, এতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মুদি দোকান, বাড়িওয়ালাসহ বিভিন্ন খাতেও অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।   এদিকে ট্রাম্প প্রশাসন গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য আরও একটি নতুন ব্যবস্থা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আবেদনকারীদের ক্ষেত্রে ভবিষ্যতে বড় অঙ্কের জামানত বা বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত বন্ডের পরিমাণ ১ লাখ ডলার পর্যন্ত হতে পারে। প্রশাসনের ভাষ্য, এর মাধ্যমে আবেদনকারীরা প্রমাণ করতে পারবেন যে তারা ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না। তবে বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি।   অভিবাসন নীতি নিয়ে কাজ করা গবেষকেরা বলছেন, এত বড় অঙ্কের অর্থ জামানত হিসেবে জমা দেওয়া অধিকাংশ আবেদনকারীর জন্য বাস্তবসম্মত হবে না। ফলে এটি অনেকের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ আরও কঠিন করে তুলতে পারে। সমালোচকদের মতে, নতুন নীতির কারণে বৈধভাবে সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকা অনেক অভিবাসীও ভবিষ্যতে গ্রিন কার্ডের আশঙ্কায় এসব সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পারেন।   ইউএসসিআইএস জানিয়েছে, নতুন 'পাবলিক চার্জ' নীতি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ওই দিন বা তার পর থেকে যারা স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার জন্য আবেদন করবেন, তাদের নতুন সংস্করণের আই-৪৮৫ আবেদনপত্র ব্যবহার করতে হবে এবং নতুন নিয়ম অনুযায়ী আবেদন মূল্যায়ন করা হবে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ২১:১৫
ম্যাচ শেষে জর্ডান পিকফোর্ডের পানির বোতলে লাগানো নোট দেখছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়। ছবি: সংগৃহীত
টাইব্রেকারের জন্য প্রস্তুত ছিল ইংল্যান্ড, গোলরক্ষকের বোতলে আর্জেন্টিনার পেনাল্টি ‘চিট শিট’ দেখে কৌতূহলী মেসিরা

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল শেষে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে লাগানো পেনাল্টি ‘চিট শিট’ ঘিরে কৌতূহল প্রকাশ করতে দেখা যায় লিওনেল মেসিসহ আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে।   ছবিতে দেখা যায়, পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নামের পাশে তাদের শট নেওয়ার সম্ভাব্য দিক ও গোলরক্ষকের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখা ছিল। অর্থাৎ ম্যাচ টাইব্রেকারে গড়ালে কীভাবে প্রতিপক্ষের শট মোকাবিলা করা হবে, সেই প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিল ইংল্যান্ড।   তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা কাজে লাগানোর সুযোগই পায়নি ইংলিশরা। নির্ধারিত ৯০ মিনিটেই ২-১ গোলের জয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। ফলে টাইব্রেকারের প্রয়োজন হয়নি এবং পিকফোর্ডের বোতলে থাকা নোটও মাঠে ব্যবহার করার সুযোগ আসেনি।   ম্যাচ শেষে ভাইরাল হওয়া ছবিতে মেসি ও তার সতীর্থদের বোতলটি হাতে নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে বড় ম্যাচের আগে আধুনিক ফুটবলে কৌশলগত প্রস্তুতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।   আন্তর্জাতিক ফুটবলে এমন প্রস্তুতি নতুন নয়। বড় টুর্নামেন্টে সম্ভাব্য টাইব্রেকারের কথা মাথায় রেখে গোলরক্ষকদের জন্য প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার ধরণ, পছন্দের দিক ও পূর্ববর্তী রেকর্ড বিশ্লেষণ করে বিশেষ নোট বা ‘চিট শিট’ তৈরি করে কোচিং স্টাফ ও বিশ্লেষক দল। অতীতেও বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দলের গোলরক্ষকদের বোতলে এ ধরনের তথ্যসংবলিত নোট দেখা গেছে।   যদিও পিকফোর্ডের প্রস্তুতি মাঠে পরীক্ষার সুযোগ পায়নি, তবু তার পানির বোতলে থাকা সেই ‘চিট শিট’ ম্যাচ-পরবর্তী আলোচনার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ২০:৫৩
লিয়ান নুগুয়েন ও অ্যান্ডি চিয়েম তাদের পরিচালিত লন্ড্রোম্যাটে। ছবি: সংগৃহীত
চাকরির পাশাপাশি পার্ট-টাইম ব্যবসা করে বছরে আয় প্রায় ১ কোটি টাকা, সপ্তাহে কাজ মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা

অস্ট্রেলিয়ায় পূর্ণকালীন চাকরির পাশাপাশি একটি স্বয়ংক্রিয় লন্ড্রি ব্যবসা পরিচালনা করে বছরে ১ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করছেন এক তরুণ দম্পতি। সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা সময় দিয়েই তারা ব্যবসাটি পরিচালনা করছেন। দেশটিতে অর্থনৈতিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন, লন্ড্রি সেবার চাহিদা স্থিতিশীল থাকায় সাম্প্রতিক সময়ে এ ধরনের ব্যবসার জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে।   ইয়াহু ফাইন্যান্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী লিয়ান নুগুয়েন এবং তার সঙ্গী অ্যান্ডি চিয়েম দুই বছর আগে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উপকণ্ঠে একটি লন্ড্রোম্যাট চালু করেন। নুগুয়েন বর্তমানে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করেন। ভবিষ্যতে আরও আর্থিক স্বাধীনতা এবং জীবনযাপায় নমনীয়তা আনতেই তারা অতিরিক্ত আয়ের এই উদ্যোগ নেন।   নুগুয়েন বলেন, তাদের লক্ষ্য রাতারাতি ধনী হওয়া নয়। বরং একটি চাকরির ওপর পুরোপুরি নির্ভর না করে একাধিক আয়ের উৎস তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য। ব্যবসা শুরু করার আগে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে চিন্তা করেন। শেষ পর্যন্ত লন্ড্রোম্যাটই বেছে নেন, কারণ মানুষের কাপড় ধোয়ার প্রয়োজন সব সময়ই থাকে। অর্থনৈতিক মন্দা হোক বা সুসময়, এই সেবার চাহিদা পুরোপুরি কমে যায় না। পাশাপাশি ব্যবসাটি তুলনামূলকভাবে স্বয়ংক্রিয় হওয়ায় চাকরি, পরিবার, ভ্রমণ এবং ভবিষ্যতে সন্তান লালন-পালনের মতো পরিকল্পনার সঙ্গে সহজেই সমন্বয় করা যায়।   তাদের এই ব্যবসা শুরু করতে প্রায় ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করতে হয়েছে। ওয়াশিং মেশিন ও ড্রায়ার কেনা, দোকান সাজানো, প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজসহ পুরো অবকাঠামোই নতুন করে গড়ে তুলতে হয়েছে। শুরুর দিকে ব্যবসার গতি কিছুটা ধীর ছিল। তবে উদ্বোধনের এক সপ্তাহ আগে আশপাশের এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ করায় প্রথম থেকেই ভালো সংখ্যক গ্রাহক পান তারা। নুগুয়েন জানান, ব্যবসা শুরুর প্রথম মাসেই তারা লাভের মুখ দেখেন, যা তাদের প্রত্যাশার চেয়েও দ্রুত ছিল।   তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে তাদের ব্যবসার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেন। চলতি বছরের এপ্রিল মাসে তাদের লন্ড্রোম্যাটের মোট আয় ছিল ১০ হাজার ৯৩২ অস্ট্রেলিয়ান ডলার। এর মধ্যে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন ও ড্রায়ার ব্যবহার থেকে এসেছে ৯ হাজার ৭৪২ ডলার এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাপড় ধোয়া, শুকানো ও ভাঁজ করার সেবা থেকে এসেছে আরও ১ হাজার ১৯০ ডলার।   একই মাসে ব্যবসার মোট ব্যয় ছিল ৪ হাজার ৬০৯ ডলার। এর মধ্যে দোকান ভাড়া, বীমা, ইন্টারনেট ও হিসাবরক্ষণ সফটওয়্যারের মতো স্থায়ী খরচ ছিল ২ হাজার ৯২৫ ডলার। গ্যাস, বিদ্যুৎ এবং লেনদেন-সংক্রান্ত ব্যয় ছিল ১ হাজার ৪৫০ ডলার। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য খাতে খরচ হয়েছে ২৩৫ ডলার। সব ব্যয় বাদ দিয়ে ওই মাসে তাদের নিট মুনাফা দাঁড়ায় ৬ হাজার ৩২৪ অস্ট্রেলিয়ান ডলার।   ব্যবসাটি পুরোপুরি স্বয়ংক্রিয় হলেও কিছু নিয়মিত কাজ তাদের নিজেরাই করেন। সপ্তাহে কয়েক দিন পরিচ্ছন্নতাকর্মী এসে দোকান পরিষ্কার করেন। আর নুগুয়েন ও চিয়েম সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা সময় দিয়ে হিসাব মিলিয়ে দেখা, লেনদেন যাচাই এবং অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। নুগুয়েন জানান, মৌসুমভেদে তাদের আয়ে পার্থক্য দেখা যায়। গরমের সময় সপ্তাহে গড়ে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় হলেও শীতকালে ড্রায়ারের ব্যবহার বেড়ে যাওয়ায় সেই আয় প্রায় দ্বিগুণ হয়ে যায়।   গত বছর তাদের ব্যবসার মোট আয় ছিল ১ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। পরিচালন ব্যয় মোট আয়ের প্রায় ৪০ শতাংশ হওয়ায় বছর শেষে নিট মুনাফা দাঁড়ায় প্রায় ৭২ হাজার অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ায় লন্ড্রোম্যাট ব্যবসায় সফল উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। গোল্ড কোস্টের বাসিন্দা অ্যাডাম নেলসন ২০১৬ সালে তার প্রথম লন্ড্রোম্যাট চালু করেন। পরে ব্যবসা সম্প্রসারণ করে গত বছর চাকরি ছেড়ে পুরোপুরি এই খাতেই মনোযোগ দেন। বর্তমানে তার একটি লন্ড্রোম্যাট থেকেই বছরে প্রায় ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার আয় হয়।   নেলসনের ভাষ্য, এই ব্যবসায় কর্মচারীর প্রয়োজন খুবই কম। ফলে বেতন খাতে ব্যয় সীমিত থাকে এবং পরিচালন ব্যয়ও তুলনামূলকভাবে কম হওয়ায় লাভের পরিমাণ বেশ সন্তোষজনক হয়। বাণিজ্যিক সম্পত্তি বিশেষজ্ঞ শে ফেয়ারহার্স্ট বলেন, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় লন্ড্রোম্যাট খোলার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ব্যবসার সাফল্যের গল্প ছড়িয়ে পড়ায় অনেকেই নতুন করে এই খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।   গবেষণা প্রতিষ্ঠান আইবিআইএসওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৫ হাজারের বেশি লন্ড্রি ও ড্রাই ক্লিনিং ব্যবসা রয়েছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠার হারও বাড়ছে। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ খাতের বার্ষিক আয় গড়ে ২ দশমিক ৩ শতাংশ হারে বেড়ে ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।   নুগুয়েন জানান, এই ব্যবসার কারণে গত বছর তিনি ও তার সঙ্গী প্রায় দুই মাস বিদেশ ভ্রমণে ছিলেন। সে সময়ও তাদের লন্ড্রোম্যাট স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে আরও একটি লন্ড্রোম্যাট চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার ভাষায়, শুরুতে একটি শক্ত ভিত্তি তৈরি করতে হয়, কিন্তু সেই ভিত্তি তৈরি হয়ে গেলে ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে যায় এবং নিজের জন্যও অনেকটা সময় বের করে নেওয়া সম্ভব হয়।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ২০:৪০
ছবি: নিউইয়র্ক পোস্ট
বাইডেনের নতুন বই নিয়ে জিমি ফ্যালনের রসিকতা, ‘শেষের পাতাগুলো যেন কমলা হ্যারিসের লেখা’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন স্মৃতিকথা প্রকাশ নিয়ে তুমুল রসিকতা ও কটাক্ষ করেছেন জনপ্রিয় লেট-নাইট শো ‘দ্য টুনাইট শো’-এর সঞ্চালক জিমি ফ্যালন। বুধবার রাতে সম্প্রচারিত শোতে বাইডেনকে নিয়ে করা ফ্যালনের এই ব্যঙ্গাত্মক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের খোরাক জুগিয়েছে।   সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ পর জো বাইডেনের রাজনৈতিক স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ প্রকাশিত হতে যাচ্ছে। এই বইটিতে তাঁর প্রেসিডেন্সি এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ানোর নেপথ্যের অত্যন্ত যন্ত্রণাদায়ক ও জটিল হিসাব-নিকাশের না-বলা গল্পগুলো উন্মোচিত হবে।   টুনাইট শো চলাকালীন বইটির প্রচ্ছদ পর্দায় প্রদর্শন করে জিমি ফ্যালন বেশ কিছু কৌতুক ছুড়ে দেন। তিনি রসিকতা করে বলেন, “বইটি একজন ঘোস্ট রাইটার বা ছদ্মনামধারী লেখক লিখেছেন, যাঁর নাম জো বাইডেন।” বাইডেনের বয়স ও স্মৃতিশক্তিকে ইঙ্গিত করে এই কমেডিয়ান আরও বলেন, এটি বাইডেনের লেখা দ্বিতীয় বই, যার প্রথমটি ছিল গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’।   তিনি উপহাসের সুরে বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর যা যা মনে আছে, তা নিয়েই মূলত এই বই; সুতরাং এটি বড়জোর তিন পৃষ্ঠার একটি বই হতে পারে। ফ্যালন এখানেই থেমে থাকেননি, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এই রসিকতায় টেনে এনে তিনি বলেন, “বইটি কিছুটা অদ্ভুত, কারণ শেষের দিকে মনে হবে এর প্রতিটি পাতা যেন কমলা হ্যারিসের লেখা।” তবে এই কৌতুকের বিষয়ে জো বাইডেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় জো বাইডেন নিজেই এই স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান যে তাঁর ক্যানসারের চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে বেশ ভালো আছেন। বইটির বিষয়বস্তু নিয়ে বাইডেন বলেন, এটি মূলত একটি জাতি হিসেবে আমেরিকার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো এবং কোভিড মহামারি মোকাবিলা, অর্থনীতি পুনর্গঠন, ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার পর গণতন্ত্র পুনরুদ্ধার, আফগানিস্তানের দীর্ঘতম যুদ্ধের অবসান এবং ন্যাটোকে শক্তিশালী করার মতো বড় বড় সিদ্ধান্তের প্রেক্ষাপট নিয়ে লেখা।   তবে ডেমোক্রেটিক পার্টির সাবেক শীর্ষ তহবিল সংগ্রাহক লিন্ডি লি এই বইটির তীব্র সমালোচনা করে বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের ক্ষত যখন কাটিয়ে ওঠার চেষ্টা চলছে, ঠিক তখন এই বই প্রকাশ করে বাইডেন নিজের ও দলের ক্ষতি করছেন। তাঁর মতে, বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝেও কেন তিনি আবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ব্যাখ্যা দেওয়াটা এখন ডেমোক্র্যাটদের জন্য কেবলই পুরোনো ক্ষত নতুন করে জাগিয়ে তুলবে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৯:৪১
মার্কিন সেন্ট্রাল কমান্ড
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, "হরমুজ প্রণালি ইরান নিয়ন্ত্রণ করে না।" তাঁর এই বক্তব্য এমন এক সময়ে প্রকাশ্যে এলো, যখন এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে।   এক্সে দেওয়া ওই বার্তার পাশাপাশি একটি ছবিও শেয়ার করেছেন পেন্টাগন প্রধান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আগে প্রকাশিত ওই ছবিতে ওমান উপসাগরে একটি নৌযানে মার্কিন সেনাদের তল্লাশির উদ্দেশ্যে ওঠার দৃশ্য দেখা যায়। পেন্টাগনের দাবি, এটি মূলত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানি আধিপত্য রুখতে যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।   এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে পার হওয়ার চেষ্টাকালে তিনটি বাণিজ্যিক নৌযানকে বাধা দিয়ে সেগুলোর গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। মূলত হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ বৈশ্বিক নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি, সেখানে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখতেই এমন কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৯:২০
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, স্যাটেলাইট চিত্রে মিলল ক্ষয়ক্ষতির প্রমাণ

ইরানি সামরিক বাহিনীকে "বিধ্বস্ত" করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তির জানান দিচ্ছে তেহরান। গত জুলাই মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুরু হওয়া চরম উত্তেজনার পর, মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদ ও সেনা অবস্থান রয়েছে এমন অন্তত তিনটি সামরিক ঘাঁটিতে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবিসি নিউজের একটি সাম্প্রতিক ভিজ্যুয়াল ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।   এবিসি নিউজের বিশ্লেষণ অনুযায়ী, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি এবং বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে যে, জর্ডান, বাহরাইন এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি কুয়েতে অবস্থিত জাতিসংঘের একটি সাবেক বেস ক্যাম্প এবং দেশটির একটি শিল্প অঞ্চলেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে বলে প্রমাণ পাওয়া গেছে। যদিও সামরিক বিশ্লেষকদের মতে এই দফায় মার্কিন ঘাঁটিগুলোর বড় ধরনের কাঠামোগত বা অপারেশনাল ক্ষতি করা সম্ভব হয়নি, তবুও এই হামলাগুলোর প্রতীকী ও কৌশলগত গুরুত্ব অনেক।   ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফেলো স্যাম লেয়ারের মতে, এই হামলাগুলো প্রমাণ করে যে ইরানকে নিষ্ক্রিয় করার মার্কিন প্রচেষ্টা সম্পূর্ণ সফল হয়নি। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ইরানকে এমন পর্যায়ে দুর্বল করতে ব্যর্থ হয়েছে যে তারা আর এই ধরনের আক্রমণ চালাতে পারবে না।" অন্যদিকে, সিআইএ-র সাবেক সামরিক বিশ্লেষক এবং মিডল ইস্ট ইনস্টিটিউটের নীতি নির্ধারণী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কেন পোলাক এবিসি নিউজকে জানিয়েছেন, ইরান মূলত এমন কিছু লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে যা তারা নিশ্চিতভাবে আঘাত করতে সক্ষম এবং এর মাধ্যমে তারা যুদ্ধের উত্তেজনাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে এসব হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৯:৮
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ১১ জনের মর্মান্তিক মৃত্যু

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় রাষ্ট্র পরিচালিত একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের ওই এতিমখানায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম।   জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার প্রতিষ্ঠানটি মূলত এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে আসছিল। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্যমতে, ভয়াবহ এই আগুনে দগ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েছেন আরও দুজন। এছাড়া অগ্নিকাণ্ডের ভয়াবহতায় তীব্র মানসিক আঘাতের শিকার সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।   ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ধোঁয়াচ্ছন্ন ভবনের করিডরে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাতে দেখা যায়। এই মর্মান্তিক ঘটনায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন এক শোকবার্তায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।   অন্যদিকে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে যান দেশটির প্রধানমন্ত্রী। সেখানে তিনি আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা কার্যক্রমের সার্বিক তদারকি করেন।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৮:৪৯
৩ বছর বয়সি যমজ দুই শিশু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩ বছর বয়সি যমজ দুই শিশুর মৃত্যু, বিষক্রিয়ার অভিযোগে গ্রেপ্তার মা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালিতে ফেন্টানাইল বিষক্রিয়ায় তিন বছর বয়সি যমজ সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিজ মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, ২২ বছর বয়সি মা জেস্টিস জেমসের বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ এবং শিশু নির্যাতন বা বিপন্ন করার দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত ১১ জুলাই তার এক ছেলে জোসিয়াহ মারা যায় এবং এর ঠিক দুদিন পর আরেক যমজ ছেলে জেস্টিনেরও মৃত্যু হয়।   পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল যে, শিশু দুটি অজানা কোনো পদার্থের সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে পড়ে। তবে মঙ্গলবার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস নিশ্চিত করে, ভয়ংকর ও প্রাণঘাতী সিন্থেটিক ওপিওড 'ফেন্টানাইল' মিশ্রিত মাদকের সংস্পর্শে আসার কারণেই তাদের মৃত্যু হয়েছে। অভিযুক্ত জেমসের জামিন নির্ধারণ করা হয়েছে ৪ মিলিয়ন ডলার এবং মঙ্গলবার তাকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজির করার কথা ছিল। আদালত জানিয়েছে, আনীত সব অভিযোগ প্রমাণিত হলে ওই মায়ের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।   মঙ্গলবার সকালে আদালতের বাইরে শোকাহত পরিবারের সদস্যরা জড়ো হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যমজ শিশুদের গডমাদার রেজিনা হোমস ফেন্টানাইল মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করে বলেন, এই প্রাণঘাতী মাদকের বিষয়ে প্রতিটি পরিবারের সচেতন হওয়া জরুরি। এদিকে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকন এক বিবৃতিতে বলেন, দেশজুড়ে ফেন্টানাইল মহামারিতে উদ্বেগজনক হারে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই নিরীহ শিশুরাও এমন এক মাদকের শিকার হলো, যা গোটা কমিউনিটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।   জানা যায়, গত ১১ জুলাই ক্যানোগা পার্কের একটি বাড়িতে জরুরি সেবা কর্মীরা (প্যারামেডিক) উপস্থিত হয়ে শিশুদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। সেখানে উপস্থিত আইভরি ম্যাককিনজি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, শিশুদের জীবন বাঁচাতে অ্যান্টি-ওভারডোজ ওষুধ ‘নারকান’ প্রয়োগ করা হলেও তা কাজে আসেনি। জোসিয়াহ ওই দিনই মারা যায় এবং জেস্টিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির দুদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে।   অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো, গত ৯ জুলাই এই যমজ শিশু দুটির তিন বছর পূর্ণ হয়েছিল। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের (জামা) পেডিয়াট্রিক্সের গবেষণায় দেখা গেছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি শিশু ফেন্টানাইলের বিষক্রিয়ায় মারা গেছে, যা ২০১৩ সালের তুলনায় অন্তত ৩০ গুণ বেশি। নিহতদের স্বজনরা জানিয়েছেন, যমজ এই দুই ভাই এতটাই অবিচ্ছেদ্য ছিল যে একে অপরকে ছাড়া কিছুই করতে পারত না।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৮:৩১
মার্কিন পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশ বা প্রস্থান নয়
দ্বৈত নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের কড়া নির্দেশনা: মার্কিন পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশ বা প্রস্থান নয়

যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একই সঙ্গে অন্য কোনো দেশের নাগরিক (দ্বৈত নাগরিক) হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগের সময় অবশ্যই বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে। বয়স বা অন্য দেশের পাসপোর্ট থাকার বিষয়টি এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ভ্রমণকারীদের জন্য জারি করা এক স্মারকে এ নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে।   পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিয়ম প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ, কোনো শিশু যদি একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্য দেশের নাগরিক হয়, তাহলেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের সময় মার্কিন পাসপোর্টই ব্যবহার করতে হবে।   এছাড়া দ্বৈত নাগরিক মার্কিন নাগরিকরা বিদেশি পাসপোর্ট ব্যবহার করে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) বা ESTA-এর জন্য আবেদন করতে পারবেন না। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নিয়মিতভাবে এ ধরনের আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করে থাকে।   মার্কিন সরকারের পরামর্শ অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রের বাইরে বসবাস করেন এবং দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা যেন যাত্রার আগে তাদের মার্কিন পাসপোর্টের মেয়াদ যাচাই করেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বা শিগগির শেষ হওয়ার সম্ভাবনা থাকলে ভ্রমণের আগেই তা নবায়ন করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।   একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও মনে করিয়ে দিয়েছে পররাষ্ট্র দপ্তর। বিশ্বের অনেক দেশ ভ্রমণকারীর পাসপোর্টে প্রবেশের তারিখ থেকে অন্তত ছয় মাসের বৈধতা থাকার শর্ত আরোপ করে। তাই বিদেশ সফরের আগে গন্তব্য দেশের পাসপোর্ট-সংক্রান্ত নিয়মও যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   মার্কিন কর্তৃপক্ষের এই নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশি-আমেরিকানসহ সেইসব দ্বৈত নাগরিকের জন্য, যারা যুক্তরাষ্ট্র ও অন্য কোনো দেশের নাগরিকত্ব ধারণ করেন। সঠিক ভ্রমণ নথি ব্যবহার না করলে বিমানবন্দর বা সীমান্তে ভ্রমণ জটিলতা, বিলম্ব কিংবা বোর্ডিং-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হতে পারে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৭:৫৮
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফুটবল ম্যাচ হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফুটবল ম্যাচ, বিশ্বকাপ ফাইনালের টিকিটের গড় দাম ১১ হাজার ডলার

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচের পুনঃবিক্রয় (রিসেল) বাজারে টিকিটের গড় মূল্য অতীতের সুপার বোল, এনবিএ ফাইনালসহ সব বড় ক্রীড়া আসরের রেকর্ড ছাড়িয়ে গেছে।   দ্বিতীয়িক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের গড় ক্রয়মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার। সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে প্রায় ৬ হাজার ৯৪৩ ডলার থেকে। এর ফলে এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত যেকোনো ক্রীড়া ইভেন্টের মধ্যে রিসেল বাজারে সবচেয়ে ব্যয়বহুল টিকিটের রেকর্ড গড়েছে।   আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের লড়াই ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সীমিতসংখ্যক আসন, আন্তর্জাতিক দর্শকদের চাহিদা এবং ম্যাচটির ঐতিহাসিক গুরুত্ব টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।   বিশ্লেষকদের মতে, ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দুই দলের মুখোমুখি লড়াই, বিশ্বজুড়ে বিপুল দর্শকচাহিদা এবং বড় পরিসরে আন্তর্জাতিক ভ্রমণের কারণে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। টিকপিকের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে আগে অনুষ্ঠিত কোনো সুপার বোল, এনবিএ ফাইনাল বা অন্য কোনো বড় ক্রীড়া ইভেন্টের রিসেল টিকিটের গড় মূল্য এত বেশি ছিল না।   তবে এই মূল্য ফিফার অফিসিয়াল টিকিটের নয়। এগুলো পুনঃবিক্রয় বাজারে ক্রেতা-বিক্রেতাদের লেনদেনের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। তাই চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে ম্যাচের দিন পর্যন্ত টিকিটের দাম আরও বাড়তে বা কমতে পারে।   বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমর্থকদের আগমন, পর্যটন এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে টিকিটের রেকর্ড মূল্য আবারও বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে রিসেল বাজারের প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৭:৪৬
নিউইয়র্ক পুলিশে দায়িত্বরত অবস্থায় নিহত দিদারুল ইসলাম
নিউইয়র্ক পুলিশে দায়িত্বরত অবস্থায় নিহত দিদারুল ইসলামের নামে সড়কের নামকরণ

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ব্রঙ্কসে একটি সড়কের সহ-নামকরণ (স্ট্রিট কো-নেমিং) করা হচ্ছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে সড়কটির নাম রাখা হবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’।   নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদনের পর আয়োজিত এই অনুষ্ঠানে এনওয়াইপিডির কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হবে। তাই অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।   ডিটেকটিভ দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে দায়িত্ব পালনকালে বন্দুকধারীর গুলিতে নিহত হন। তদন্তে জানা যায়, নেভাডা থেকে আসা শেন ডেভন তামুরা ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই দিদারুল ইসলাম প্রাণ হারান। পরে ভবনের ভেতর হামলাকারী আত্মহত্যা করে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হামলাকারীর মূল লক্ষ্য ছিল ভবনটিতে অবস্থিত ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সদর দপ্তর; দিদারুল ইসলাম তার ব্যক্তিগত লক্ষ্য ছিলেন না।   বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল ইসলাম যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর নিউইয়র্ক সিটির স্কুল সেফটি এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্তব্যরত অবস্থায় নিহত হওয়ার পর তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়া হয়।   দিদারুল ইসলামের মৃত্যুর সময় তার স্ত্রী তৃতীয় সন্তানের গর্ভে ছিলেন। পরে সন্তানের জন্ম হলেও বাবাকে আর দেখার সুযোগ হয়নি। তার অকাল মৃত্যুতে স্ত্রী, তিন সন্তান এবং পরিবারের সদস্যদের পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের ছায়া নেমে আসে। জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো পুলিশ সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।   নিউইয়র্ক সিটিতে সমাজ, জননিরাপত্তা ও নগরের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের স্মরণে সড়কের সহ-নামকরণের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থল এখন থেকে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামে পরিচিত হবে। এই নামকরণ একজন কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তার আত্মত্যাগের প্রতি নিউইয়র্ক সিটির আনুষ্ঠানিক শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৭:৩৪
ক্যাথলিক ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র কিনে ইসলামিক বোর্ডিং স্কুল গড়ছে মুসলিম সংগঠন
নিউইয়র্কের লং আইল্যান্ডে সাবেক ক্যাথলিক ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র কিনে ইসলামিক স্কুল গড়ছে মুসলিম সংগঠন

নিউইয়র্কের লং আইল্যান্ডের বে শোরে অবস্থিত একটি সাবেক ক্যাথলিক ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র কিনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম সংগঠন ইউনাইটেড আমেরিকান মুসলিম অ্যাসোসিয়েশন (ইউএএমএ)। প্রতিষ্ঠানটি সেখানে একটি ইসলামিক বোর্ডিং স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি সম্পত্তি বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   তথ্য যাচাইয়ে দেখা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া দাবির মূল তথ্য সঠিক। ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠান মন্টফোর্ট মিশনারিজ তাদের দীর্ঘদিনের মন্টফোর্ট স্পিরিচুয়াল সেন্টার ক্যাম্পাসটি ৫ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে ইউনাইটেড আমেরিকান মুসলিম অ্যাসোসিয়েশনের কাছে বিক্রি করেছে। প্রায় ১৫ একর আয়তনের এই ক্যাম্পাসটি বহু বছর ধরে ক্যাথলিক ধর্মীয় শিক্ষা, যাজক প্রশিক্ষণ এবং আধ্যাত্মিক রিট্রিটের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।   স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্টফোর্ট মিশনারিজ চলতি বছরের এপ্রিল মাসে প্রায় এক শতাব্দীর কার্যক্রমের সমাপ্তি টেনে ক্যাম্পাসটি ছেড়ে দেয়। এরপর সম্পত্তিটি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয় এবং নতুন মালিক সেখানে আবাসিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করে।   তবে স্কুলটি এখনই চালু হচ্ছে না। ইসলামিক বোর্ডিং স্কুল পরিচালনার আগে সংগঠনটিকে স্থানীয় জোনিং, ভূমি ব্যবহার এবং অন্যান্য প্রশাসনিক অনুমোদন নিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে।   এর আগে একই সম্পত্তি একটি সহায়ক আবাসন প্রকল্পের জন্য বিক্রির উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে ইউনাইটেড আমেরিকান মুসলিম অ্যাসোসিয়েশনের সঙ্গে বিক্রয় চুক্তি চূড়ান্ত হয়।   সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও দাবি প্রচারিত হলেও নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এটি একটি বৈধ সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ঘটনা। সম্পত্তিটি কোনো জোরপূর্বক দখল বা অবৈধ উপায়ে অধিগ্রহণ করা হয়নি। নতুন মালিকানার অধীনে ভবিষ্যতে সেখানে ইসলামিক বোর্ডিং স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব আইনি ও প্রশাসনিক অনুমোদন নিতে হবে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৭:১৮
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতুড়িপেটায় নিহত বাংলাদেশি ব্যবসায়ী
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতুড়িপেটায় নিহত বাংলাদেশি ব্যবসায়ী

দক্ষিণ আফ্রিকার হাইডেলবার্গ এলাকায় দোকানে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশি ব্যবসায়ী মো. জসীম উদ্দীন। তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।   প্রবাসী বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে হাইডেলবার্গ এলাকায় ব্যবসা করে আসছিলেন মো. জসীম উদ্দীন। গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত তার দোকানে প্রবেশ করে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।   হামলার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   জানা গেছে, নিহত মো. জসীম উদ্দীনের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়।   ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। হামলার কারণ বা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর ডাকাতি, ছিনতাই ও সহিংস হামলার ঘটনা নতুন নয়। দেশটিতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা অনেক প্রবাসী নিরাপত্তা ঝুঁকির মধ্যে কাজ করছেন। বিভিন্ন সময়ে সশস্ত্র হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে।   মো. জসীম উদ্দীনের মৃত্যুতে স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৭:৬
কোলাজ: আমেরিকা বাংলা
নিউইয়র্কে স্প্যানিশ পরিবারসহ ৬ জনের প্রাণহানি, পাখির আঘাতেই বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের হাডসন নদীতে গত বছর পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্পেনের এক পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন নিহতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে বেশ কয়েকটি বুনোহাঁসের (গিজ) দেহাবশেষ পাওয়া গেছে।   প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও প্রাপ্ত প্রমাণাদি থেকে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, ২০২৫ সালের ১০ এপ্রিল নদীতে আছড়ে পড়ার আগে হেলিকপ্টারটি উড়ন্ত অবস্থায় বেশ কয়েকটি পাখির সঙ্গে ধাক্কা খেয়েছিল।   এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন স্পেনের সিমেন্স কোম্পানির কর্মকর্তা ৪৯ বছর বয়সি অগাস্টিন এসকোবার, তার ৩৯ বছর বয়সি স্ত্রী মার্সে ক্যাম্পরুবি মন্টাল এবং তাদের তিন সন্তান—৪ বছরের ভিক্টর, ৮ বছরের মার্সেডিজ ও ১০ বছরের অগাস্টিন।   এছাড়া নিহত ৩৬ বছর বয়সি পাইলট শনকিস জনসন ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন সাবেক সদস্য, যিনি ২০২৩ সালে বাণিজ্যিক পাইলট লাইসেন্স পেয়েছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, কম উচ্চতায় ওড়ার কারণে হেলিকপ্টারগুলো এমনিতেই পাখির আঘাতের চরম ঝুঁকিতে থাকে। হেলিকপ্টারে এমন আঘাতের ঘটনা সাধারণত বিরল হলেও তা অত্যন্ত ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।   দুর্ঘটনার দিন বিকেলে একটি ডাউনটাউন হ্যালিপোর্ট থেকে উড্ডয়নের পর ম্যানহাটন স্কাইলাইন ধরে উত্তর দিকে উড়েছিল হেলিকপ্টারটি। এরপর স্ট্যাচু অব লিবার্টির দিকে যাওয়ার পথে উড্ডয়নের মাত্র ১৮ মিনিটের মাথায় এটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, পানিতে আছড়ে পড়ার আগে ঘুরতে থাকা হেলিকপ্টারটির মূল রোটর ও লেজ ভেঙে যেতে এবং প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়।   ঘটনার পরপরই উদ্ধারকারী নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পানি থেকে মরদেহগুলো উদ্ধার করে। পরবর্তীতে তদন্তকারীদের পরীক্ষার জন্য দুমড়েমুচড়ে যাওয়া 'বেল ২০৬এল-৪' মডেলের ওই হেলিকপ্টারটি নদী থেকে টেনে তোলা হয়।   এই দুর্ঘটনার পর পর্যটকদের মধ্যে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর ওপর দিয়ে পরিচালিত ফ্লাইটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয় এবং নিউ জার্সির গভর্নর অপ্রয়োজনীয় হেলিকপ্টার ফ্লাইটে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের আহ্বান জানান। পাখির আঘাত কতটা ভয়াবহ হতে পারে, তা ২০০৯ সালে হাডসন নদীতে ঘটা 'মিরাকল অন দ্য হাডসন' ঘটনার মাধ্যমেই প্রথম বিশ্ববাসীর নজরে আসে, যেখানে পাখির আঘাতে বিকল হওয়া একটি যাত্রীবাহী বিমান অসামান্য দক্ষতায় নদীতে অবতরণ করিয়ে ১৫৫ জনের প্রাণ বাঁচিয়েছিলেন পাইলট সুলেনবার্গার।   এদিকে, গত বছরের এই দুর্ঘটনার পর 'নিউইয়র্ক হেলিকপ্টার ট্যুরস' তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। এমনকি তদন্ত চলাকালীন ফ্লাইট স্থগিত রাখতে রাজি হওয়া অপারেশন ডিরেক্টরকে কোম্পানিটি তাৎক্ষণিক বরখাস্ত করায়, এফএএ জরুরি নির্দেশনার মাধ্যমে তাদের সব ফ্লাইটের উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৬:৫০
ফুড ডেলিভারি কর্মীর I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে খাবারের অর্ডারের সংখ্যা বাড়লেও কমছে টিপস, আয় সংকটে ফুড ডেলিভারি কর্মীরা

যুক্তরাষ্ট্রে অনলাইন খাবার সরবরাহ সেবা আগের যেকোনো সময়ের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। উবার ইটস, ডোরড্যাশ ও গ্রাবহাবের মতো জায়ান্ট প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে অর্ডারের সংখ্যা। তবে এই খাতের চোখধাঁধানো সাফল্যের সমান্তরালে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন এর নেপথ্যের কারিগর অর্থাৎ ডেলিভারি চালকরা। তাদের দাবি, দেশজুড়ে অর্ডারের সংখ্যা ও কোম্পানির লভ্যাংশ বাড়লেও বিভিন্ন অভ্যন্তরীণ নীতি ও অতিরিক্ত খরচের কারণে তাদের প্রকৃত আয় দিন দিন সংকুচিত হচ্ছে।   ডেলিভারি কর্মীদের অভিযোগ, কয়েক বছর আগেও একটি অর্ডার পৌঁছে দিলে যে পরিমাণ অর্থ পাওয়া যেত, বর্তমানে তার চেয়ে অনেক কম পারিশ্রমিক মিলছে। অনেক সময় দীর্ঘ দূরত্বে খাবার পৌঁছে দিয়েও নামমাত্র অর্থ পাচ্ছেন তারা। এর ওপর প্রতিনিয়ত যোগ হচ্ছে লাগামহীন জ্বালানির দাম, গাড়ির উচ্চ বীমা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যয়। গিগ অর্থনীতির এই কর্মীদের আয়ের একটি বড় অংশ নির্ভর করে মূলত গ্রাহকদের দেওয়া টিপসের ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক এলাকায় টিপসের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিশেষ করে পর্যটন এলাকা ও বড় আন্তর্জাতিক ইভেন্টগুলোর সময় বিদেশি দর্শনার্থীদের কাছ থেকে তুলনামূলক কম টিপস পাওয়ার কারণে তারা চরম আর্থিক চাপে পড়ছেন।   অন্যদিকে, বাড়তি খরচের চাপ অনুভব করছেন অ্যাপ ব্যবহারকারী সাধারণ গ্রাহকরাও। অনেক গ্রাহকের মতে, খাবারের মূল দামের পাশাপাশি অ্যাপগুলোর ডেলিভারি ফি, সার্ভিস চার্জ ও অন্যান্য অতিরিক্ত খরচ আকাশচুম্বী হওয়ায় তারা চালকদের আগের মতো মন খুলে টিপস দিতে পারছেন না। ফলে একদিকে যেমন গ্রাহকদের পকেট খালি হচ্ছে, অন্যদিকে কর্মীরাও তাদের কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন।   শ্রম অধিকারকর্মীরা বিষয়টিকে গিগ অর্থনীতির একটি বড় অন্ধকার দিক হিসেবে দেখছেন। প্রযুক্তিগতভাবে এই কর্মীদের ‘ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর’ হিসেবে গণ্য করা হলেও, বাস্তবে কাজের সময়, অর্ডারের প্রাপ্যতা কিংবা পারিশ্রমিকের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে এক গভীর কর্মসংস্থান ও আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে এই বিশাল কর্মীবাহিনীকে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অনলাইন ডেলিভারি খাতের সামগ্রিক বিস্তার অব্যাহত থাকলেও, কর্মীদের ন্যায্য আয় ও কর্মপরিবেশ নিশ্চিত না হলে এই খাতকে ঘিরে আগামীতে বিতর্ক ও অসন্তোষ আরও তীব্র রূপ নিতে পারে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৬:৩২
নিউইয়র্ক পুলিশ I ছবি: সংগৃহীত
নিউইয়র্কে পুলিশে নিয়োগের নতুন নিয়ম, ৪৩ বছর বয়সেও করা যাবে আবেদন

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিলে সদ্য পাস হওয়া নতুন একটি আইনের ফলে এখন থেকে জীবনের কিছুটা পরিণত বয়সেও নগরবাসীরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়। আগে এনওয়াইপিডিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩৫ বছর, যা এখন বাড়িয়ে ৪৩ বছর করা হয়েছে। এই পদক্ষেপটি ২০২৫ সালে পাস হওয়া নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনুরূপ একটি আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।   সিটি কাউন্সিলের সদস্য আমান্ডা ফারিয়াসের উত্থাপিত নতুন এই আইনে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের (ভেটেরান) জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। তারা আবেদনের ক্ষেত্রে তাদের বর্তমান বয়স থেকে সামরিক বাহিনীতে কাজের সময়কাল (সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত) বাদ দিয়ে হিসাব করার সুযোগ পাবেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফারিয়াস স্পষ্ট করেন যে, এই আইনের ফলে আবেদনকারীদের মূল যোগ্যতার মানদণ্ডে কোনো পরিবর্তন আসবে না; বরং এটি আরও বেশি অভিজ্ঞ ও পরিণত বয়সের প্রার্থীদের পুলিশে যোগদানে ব্যাপকভাবে উৎসাহিত করবে।   ফারিয়াস আরও জানান, গত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই ৩৫ বছর পার হয়ে যাওয়ায় শত শত যোগ্য প্রার্থী এনওয়াইপিডিতে যোগদানের সুযোগ হারিয়েছেন। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর এই সিদ্ধান্ত এনওয়াইপিডির চলমান নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং যোগ্য প্রার্থীদের একটি বৃহত্তর পুল থেকে বাছাই করার সুযোগ তৈরি করবে। উল্লেখ্য, পুলিশ বিভাগে কর্মীসংকট কাটাতে গত বছরও এনওয়াইপিডি আবেদনের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে সাড়ে ২০ বছর (২০.৫) করেছিল। এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও ৬০ ক্রেডিটের শর্ত শিথিল করে ২৪ ক্রেডিটে নামিয়ে আনা হয়েছিল।   এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, গত বছর পুলিশ বিভাগ কর্মী সংকটে এতটাই ভুগেছিল যে তারা আক্ষরিক অর্থেই আবেদনকারীদের জন্য আবেদন জানাচ্ছিল বা ‘মিনতি’ করছিল। তবে নিয়োগ নীতিমালায় বয়সের শর্ত শিথিলকরণসহ এসব ধারাবাহিক পরিবর্তনের ফলে সম্প্রতি পুলিশের চাকরিতে আবেদনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৬:১০
উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)
লস অ্যাঞ্জেলেসের ৪০তম ফোবানাই মূল কনভেনশন, ফোবানার নামে অন্য আয়োজনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ৪০তম কনভেনশন আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটি হোটেলে অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, ফোবানার সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে এটিই একমাত্র মূল ও বৈধ ৪০তম ফোবানা কনভেনশন। একই সময়ে ‘ফোবানা’ নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক অনুষ্ঠানের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে মূল কনভেনশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফোবানার বর্তমান নেতৃত্ব।   ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ এক যৌথ বক্তব্যে বলেন, ফোবানার সংবিধান অনুযায়ী সদস্য সংগঠনগুলোর ভোটের মাধ্যমে দুই বছর আগেই কনভেনশনের আয়োজক শহর নির্ধারণ করা হয়। সেই সাংবিধানিক ধারাবাহিকতায় এবারের ৪০তম কনভেনশনের আয়োজক ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটি।   তারা জানান, কনভেনশনকে সফল করতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা, সমন্বয় বৈঠক ও প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারাও এসব আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।   ফোবানা নেতাদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি পৃথক গোষ্ঠী ‘ফোবানা’ নাম ব্যবহার করে বিভিন্ন শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তবে এসব আয়োজনের সঙ্গে ফোবানার সাংবিধানিক কাঠামো কিংবা নিবন্ধিত সদস্য সংগঠনগুলোর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তাই বিভিন্ন প্রচারণা বা বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে প্রবাসীদের তথ্য যাচাই করে মূল কনভেনশনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।   রবিউল করিম বেলাল বলেন, “ফোবানা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি উত্তর আমেরিকার বাংলাদেশি সংগঠনগুলোর ঐক্যের প্রতীক। নিবন্ধিত সদস্য সংগঠনগুলোর অংশগ্রহণ, সংবিধান এবং সাংগঠনিক প্রক্রিয়ার ভিত্তিতেই ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হয়।”   খালেদ আহমেদ রউফ বলেন, “কেউ ব্যক্তিগত উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেই পারেন। কিন্তু সেটিকে ফোবানা কনভেনশন হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। প্রবাসীদের বিভ্রান্ত না হয়ে মূল প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানাই।”   আয়োজকদের উদ্যোগে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার হলিউডে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কমিউনিটির নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর স্বার্থে বিভেদ নয়, ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনভেনশনকে ঘিরে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং সবাইকে একই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য। এ উদ্দেশ্যে শিগগিরই একটি বৃহৎ টাউন হল সভার আয়োজন করা হবে, যেখানে কনভেনশনের প্রস্তুতি, পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।   আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের কনভেনশনে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও  কানাডা থেকে শত শত শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, পেশাজীবী, কমিউনিটি নেতা ও দর্শনার্থী অংশ নেবেন। তিন দিনের এই আয়োজনে থাকবে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্যসভা, সেমিনার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনা, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম, গ্রন্থমেলা, ফ্যাশন শো, চলচ্চিত্র প্রদর্শনী, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা।   এছাড়া কনভেনশনের পৃষ্ঠপোষকতার জন্য ‘সিলভার প্যাকেজ’-এর বিশেষ মূল্যছাড়ের সময়সীমা আগামী ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কনভেনশনের আহ্বায়ক ডা. জয়নুল আবেদীন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম. ইকবাল। তারা জানান, সীমিতসংখ্যক এ প্যাকেজে ভিআইপি পাস, বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের সুযোগ এবং সংরক্ষিত আসনের সুবিধা থাকবে।   চার দশকেরও বেশি সময় ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ফোবানা। আয়োজকদের প্রত্যাশা, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম কনভেনশন প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি এবং নতুন প্রজন্মের সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৫:৩২
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জাতিসংঘে যত সন্ত্রাসবিরোধী প্রস্তাব এসেছে, বেশিরভাগ ক্ষেত্রেই বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র: দাবি ইরানের

জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ত্রাসবিরোধী প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে ভোট দেওয়ার দীর্ঘ ইতিহাসের তীব্র সমালোচনা করেছে ইরান। চলতি মাসের শুরুতে বিশ্বব্যাপী সন্ত্রাসদমন নিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে দেশ দুটির নেতিবাচক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই কড়া মন্তব্য করা হয়।   ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এমন বিরোধিতাপূর্ণ আচরণের দিকে সরাসরি আঙুল তুলেছেন। আন্তর্জাতিক সন্ত্রাসদমন প্রক্রিয়ার বিরুদ্ধে দেশ দুটির ধারাবাহিক নেতিবাচক ভোটদানের ধরন প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, “এগুলো কি তাদের আসল রূপ উন্মোচন করছে না?”   পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের মতে, সন্ত্রাসবাদ দমনের মতো একটি বৈশ্বিক ও সর্বজনীন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই প্রকাশ্য বিরোধিতা তাদের প্রকৃত উদ্দেশ্যকে সামনে নিয়ে আসে। বিশ্বমঞ্চে তাদের এই অবস্থান অত্যন্ত হতাশাজনক এবং এটি তাদের রাজনৈতিক অগ্রাধিকারেরই সুস্পষ্ট প্রতিফলন বলে দাবি করেছেন তিনি।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৫:২১
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
এপস্টেইন কেলেঙ্কারির জেরে বিল গেটসের ফাউন্ডেশনে ১৪০ বিলিয়ন ডলারের অনুদান বন্ধ করলেন বাফেট

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তাঁর দাতব্য অনুদানের সিদ্ধান্তে বড় ধরনের পরিবর্তন এনেছেন। এর ফলে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তাঁর ফাউন্ডেশনের জন্য প্রায় ১৪০ বিলিয়ন ডলারের একটি বিশাল তহবিল হারাতে বসেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানো ৯৫ বছর বয়সি বাফেট দীর্ঘদিন ধরে গেটস ফাউন্ডেশনে অনুদান দিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে তিনি তাঁর সম্পদের বাকি অংশ নিজ পরিবারের সদস্যদের পরিচালিত চারটি ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে ১৩৮.৮ বিলিয়ন ডলারের মালিক বাফেট বিশ্বের দশম শীর্ষ ধনী।   ২০০৬ সালে বাফেট আজীবন তাঁর বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার প্রতি বছর ‘গেটস ফাউন্ডেশন’-এ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি ২০১০ সালে বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে মিলে ‘দ্য গিভিং প্লেজ’ নামে একটি দাতব্য উদ্যোগও শুরু করেছিলেন তিনি, যার উদ্দেশ্য ছিল বিলিয়নিয়ারদের সম্পদের অর্ধেকের বেশি দান করতে উৎসাহিত করা।   তবে জেফরি এপস্টেইন কেলেঙ্কারিতে বিল গেটসের নাম জড়িয়ে পড়ায় পরিস্থিতি বদলে যায়। গেটস যদিও কোনো ধরনের অপরাধের কথা অস্বীকার করে ওই বিতর্কিত অর্থলগ্নিকারীর সঙ্গে কাটানো সময়ের জন্য ‘অনুশোচনা’ প্রকাশ করেছেন, তবে এর জের ধরেই বাফেট গেটস ফাউন্ডেশনের সঙ্গে দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেন।   বিবিসি নিশ্চিত করেছে যে, বার্কশায়ার হ্যাথাওয়ে থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের শেয়ার পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা থেকে এখন গেটস ফাউন্ডেশনকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। বাফেটের নতুন পরিকল্পনা অনুযায়ী, তাঁর অবশিষ্ট শেয়ার আগামী আট বছরের মধ্যে অর্থাৎ ২০৩৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাফেট পরিবারের সদস্যদের যুক্ত থাকা চারটি ফাউন্ডেশনে দান করা হবে।   উল্লেখ্য, গত কয়েক বছরে বাফেট গেটসের দাতব্য সংস্থায় প্রায় ৪৭ বিলিয়ন ডলার দান করেছেন। অনুদান বন্ধের বিষয়ে গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তারা বাফেটের অতীতের অভাবনীয় অবদানের জন্য কৃতজ্ঞ এবং বিল গেটসের নিজস্ব ২০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির ওপর ভর করে ২০৪৫ সাল পর্যন্ত তাদের কার্যক্রম আর্থিকভাবে শক্তিশালী অবস্থানেই থাকবে।   গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করলেও বিল গেটসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পুরোপুরি শেষ করে দেননি বাফেট। সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এপস্টেইন কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, মানুষের বন্ধু নির্বাচনে বা মানুষ চিনতে ভুল হতেই পারে এবং গেটসের জায়গায় থাকলে হয়তো তারও এমন ভুল হতে পারত।   সম্প্রতি ওমাহাতে গেটসের সঙ্গে কয়েক ঘণ্টা সময়ও কাটিয়েছেন তিনি। তবে দাতব্য অনুদানের মতো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে গেটসের সঙ্গে এপস্টেইনের সম্পৃক্ততার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেই বাফেট শেষ পর্যন্ত এই কঠোর আর্থিক সিদ্ধান্তটি নিয়েছেন।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৫:৩
ছবি: পডকাস্টে বাইডেনকে নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
জো বাইডেনের আইসক্রিম খাওয়া নিয়ে জেডি ভ্যানসের মন্তব্যে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে করা এক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন।   সম্প্রতি সম্প্রচারিত জনপ্রিয় পডকাস্ট ‘দ্য জো রগান এক্সপেরিয়েন্স’-এ অংশ নিয়ে ভ্যান্স বাইডেন প্রশাসনের সাবেক কর্মীদের সমালোচনা করতে গিয়ে বলেন, তার মতে বাইডেনকে এমনভাবে আইসক্রিম খেতে দেখানো হতো, যা ছিল “সবচেয়ে অদ্ভুত ও ইঙ্গিতপূর্ণ” উপস্থাপনা। তিনি বলেন, “আমি যেটা বুঝতে পারিনি, সেটা হলো খারাপ স্টাফ ওয়ার্ক। তারা তাকে এমনভাবে আইসক্রিম খাওয়াত, যা ছিল কল্পনা করা যায় এমন সবচেয়ে অদ্ভুত ও ইঙ্গিতপূর্ণ।”    ভ্যান্সের এ মন্তব্যের পর পডকাস্টের সঞ্চালক জো রগান বলেন, তিনি আগে বিষয়টি সেভাবে খেয়ালই করেননি এবং এটিকে “খারাপ অপটিকস” বা জনসমক্ষে উপস্থাপনার দুর্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।    মন্তব্যটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী ভ্যান্সকে ব্যঙ্গ করে মন্তব্য করেন যে, একটি সাধারণ আইসক্রিম খাওয়ার দৃশ্যকে তিনি অপ্রয়োজনীয়ভাবে “ইঙ্গিতপূর্ণ” হিসেবে ব্যাখ্যা করেছেন। এ নিয়ে অসংখ্য মিম ও সমালোচনামূলক পোস্টও প্রকাশিত হয়।    তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়, ভ্যান্স নাকি বাইডেনের আইসক্রিম খাওয়াকে “যৌনতার সঙ্গে” যুক্ত করেছেন। কিন্তু পডকাস্টের সম্পূর্ণ সাক্ষাৎকারে তিনি এমন কোনো বক্তব্য দেননি। তিনি “suggestive” বা “ইঙ্গিতপূর্ণ” শব্দটি ব্যবহার করলেও সরাসরি যৌনতা বা “sex” শব্দের উল্লেখ করেননি। ফলে এ ধরনের দাবিকে তার বক্তব্যের ব্যাখ্যা বা রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখা হচ্ছে, সরাসরি উদ্ধৃতি হিসেবে নয়।    প্রায় তিন ঘণ্টার ওই সাক্ষাৎকারে ভ্যান্স মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ কৌশল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়েও কথা বলেন। তবে নীতিগত আলোচনার চেয়ে বাইডেনের আইসক্রিম খাওয়া নিয়ে তার মন্তব্যই সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ১৬, ২০২৬ ১৪:৩৫