সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
খামেনির মৃত্যুতে ইরানে দ্বিতীয় দিনের শোক
খামেনির মৃত্যুতে ইরানে দ্বিতীয় দিনের শোক, তেহরানে জনতার ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে দেশটি। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রোববার (৫ জুলাই)ও হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।   ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে পুরো এলাকা শোকাহত জনসমুদ্রে পরিণত হয়। সকালজুড়ে বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দলে দলে এসে অনুষ্ঠানে অংশ নেন এবং দীর্ঘ সময় ধরে এই উপস্থিতি অব্যাহত থাকে।   অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অংশগ্রহণকারীদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।   প্রায় ৩৭ বছর ধরে ইরানের ক্ষমতায় থাকা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে নিহত হন। তার মৃত্যুকে ঘিরে দেশজুড়ে ব্যাপক শোকের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় প্রতীকও সামনে এসেছে। দাফন প্রক্রিয়ায় শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উত্তোলন করা হয়েছে।   শোকানুষ্ঠানে অংশ নেওয়া মানুষের কণ্ঠে ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগান শোনা যায়। একই সঙ্গে তেহরানে খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি প্রতিকৃতি প্রদর্শন করা হয়েছে, যা তার রাজনৈতিক অবস্থান ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।   শনিবার ভোর থেকেই দাফন অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার মানুষ গ্র্যান্ড মোসাল্লার দিকে রওনা হন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনে জড়ো হওয়া জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যা পরিস্থিতির উত্তেজনা ও আবেগের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।   সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশে সাঁজোয়া যান মোতায়েন, ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যদের অবস্থান এবং উঁচু স্থানে স্নাইপার মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।   পর্যবেক্ষকদের মতে, খামেনির মৃত্যু শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে শোকানুষ্ঠানের পাশাপাশি দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ছে।

প্রকাশ : জুলাই ৫, ২০২৬ ০:২৪
কস্তিয়ানতিনিভকা দখল নিয়ে রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি
কস্তিয়ানতিনিভকা দখল নিয়ে রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি, পরিস্থিতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কস্তিয়ানতিনিভকা শহরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি দাবি সামনে আসায় বাস্তব পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।   রাশিয়া দাবি করছে, শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, কস্তিয়ানতিনিভকা এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে প্রতিরোধ অব্যাহত আছে।   শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি রাশিয়ার দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি রাশিয়ার প্রচারণা যুদ্ধেরই অংশ। তার ভাষায়, “যদি সত্যিই শহরটি রাশিয়ার দখলে থাকত, তাহলে কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনার জন্য পুতিনের সেখানে আমার সঙ্গে দেখা করতে কোনো বাধা থাকত না।”   ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের সেনারা এখনো শহরের ভেতরে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছে। রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে সেখানে তীব্র লড়াই চলছে বলেও জানানো হয়েছে।   অন্যদিকে, ইউক্রেনের এই অবস্থানকে প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কির মন্তব্যকে বিদ্রূপ করে বলেন, কস্তিয়ানতিনিভকা ইতোমধ্যেই রাশিয়ার অংশ। তিনি জেলেনস্কিকে মস্কো সফর করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগের আমন্ত্রণের কথাও স্মরণ করিয়ে দেন।   রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি করেছে, শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে এসেছে এবং অবশিষ্ট ইউক্রেনীয় প্রতিরোধ দ্রুত দমন করা হচ্ছে। একই সঙ্গে তারা নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য সোমবার (৬ জুলাই) ছয় ঘণ্টার একটি মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।   এই প্রস্তাবের বিষয়ে ইউক্রেনকে রবিবার (৫ জুলাই) দুপুর ৯টা (জিএমটি) পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।   সামরিক বিশ্লেষকদের মতে, দোনেৎস্ক অঞ্চলের প্রতিরক্ষা বলয়ে কস্তিয়ানতিনিভকার গুরুত্ব অত্যন্ত বেশি। শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে গেলে ওই অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি, উত্তরাঞ্চলের দিকে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার পথও আরও সুগম হয়ে উঠবে।   ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই দোনেৎস্ক অঞ্চলটি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে লড়াই আরও তীব্র হয়েছে, যা পুরো সংঘাতের গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।   আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে কস্তিয়ানতিনিভকার প্রকৃত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ফলে মাঠপর্যায়ের বাস্তব চিত্র নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

প্রকাশ : জুলাই ৫, ২০২৬ ০:১৩
কানাডাকে ৩-০ গোলে হারিয়ে মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। ছবি: সংগৃহীত
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই মাঠে সিজদায় লুটিয়ে পড়লেন মরক্কোর ফুটবলাররা

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। ইতিহাস গড়ার এই জয়ের পর মাঠেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদায় লুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। আবেগঘন সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।   যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল কানাডা। একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগকে চাপে ফেললেও গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি সহ-আয়োজকরা। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির নিচু পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এই গোলের পর আত্মবিশ্বাস ফিরে পায় আফ্রিকার দলটি এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।   ৮২তম মিনিটে ব্রাহিম দিয়াজের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। এই জোড়া গোলের মাধ্যমে তিনি ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে দুই গোল করা প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে বদলি খেলোয়াড় সুফিয়ান রাহিমি আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় মরক্কোর। এই জয়ের মধ্য দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে একাধিকবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তিও গড়ে অ্যাটলাস লায়ন্সরা। অন্যদিকে, শেষ হয় কানাডার স্মরণীয় বিশ্বকাপ অভিযান।   শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন মরক্কোর খেলোয়াড়রা। এরপর তারা মাঠেই সারিবদ্ধভাবে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন এই দৃশ্য দর্শক ও ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে ফ্রান্স। আগামী ৯ জুলাই দুই দল শেষ চারের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে।

প্রকাশ : জুলাই ৫, ২০২৬ ০:৯
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
‘ভেবেছিলাম মানুষ খামেনি ঘৃণা করে কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’– ট্রাম্প

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খামেনির প্রতি মানুষের এত আবেগ ও শোক তিনি আশা করেননি।   মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।” সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, সামরিক সক্ষমতা ব্যবহার করলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি “নির্মূল” করতে পারতেন। তবে এমন কিছু করলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন।   মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “জানাজার সময় দুই পক্ষই একে অপরের ওপর কোনো হামলা চালাবে না।”   এদিকে শনিবার (৪ জুলাই) তেহরানে শুরু হওয়া খামেনির রাষ্ট্রীয় জানাজায় রাজধানীর রাস্তায় লাখো মানুষ জড়ো হন। শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের পতাকা ও খামেনির প্রতিকৃতি। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগানও দেন উপস্থিত অনেকে।   রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির মরদেহ তেহরান থেকে কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে তার জন্মস্থান মাশহাদে নেওয়া হবে। কয়েক দিনব্যাপী এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।   বিশ্লেষকদের মতে, খামেনির জানাজায় বিপুল জনসমাগম ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে ট্রাম্পের মন্তব্যও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২৩:৩৮
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
কাশ্মীর থেকে বাংলাদেশ, রাশিয়া থেকে চীন, খামেনির রাষ্ট্রীয় জানাজায় শতাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির সমাগম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে তেহরান এখন বিশ্ব কূটনীতির অন্যতম আলোচিত কেন্দ্র। ইরান সরকারের তথ্য অনুযায়ী, ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়েছে এবং ৯০টিরও বেশি দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, রাজনীতিক, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব এই শোকানুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর হিসাবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।   ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৪ জুলাই তেহরানে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে। এর আগে রাজধানী তেহরান ও পবিত্র শহর কুমে একাধিক ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।     বিদেশি প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে আলোচিত উপস্থিতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। তার সঙ্গে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তেহরানে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের অংশ হিসেবেই এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হয়েছে।     মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানও জানাজায় অংশ নিচ্ছেন। এছাড়া আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলিও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।     রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। অন্যদিকে চীনের পক্ষ থেকে অংশ নিচ্ছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই। দুই দেশই ইরানের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত।     ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে না পাঠিয়ে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের ঐতিহাসিক ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রতিফলন।   বাংলাদেশ থেকেও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।     এ ছাড়া ওমান, কাতার, বেলারুশ, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, মিসর, ঘানা, কিউবা, সার্বিয়া, নিকারাগুয়া, কঙ্গোসহ আরও অনেক দেশ প্রতিনিধি পাঠিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের কোনো শীর্ষ রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন না।     বিশ্লেষকদের মতে, খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একটি ধর্মীয় বা জাতীয় শোকানুষ্ঠান নয়; বরং এটি ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রদর্শনীতে পরিণত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এত বিপুল সংখ্যক বিদেশি প্রতিনিধির উপস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরানের অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২৩:২৩
ছবি: যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক স্কলার ইমাম ওমর সুলাইমান(সংগৃহীত)
ফেসবুকে ভাইরাল ‘ওমর সুলাইমানকে ডিপোর্ট’ দাবি, জবাবে ওমর সুলাইমান: ‘আমাকে ডিপোর্ট করা হয়নি’

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইসলামিক স্কলার ও টেক্সাসভিত্তিক ধর্মীয় নেতা ইমাম ওমর সুলাইমানকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দেশ থেকে বহিষ্কার (ডিপোর্ট) করেছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল এই দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ওমর সুলাইমান নিজেই। একই সঙ্গে এ বিষয়ে কোনো সরকারি সংস্থাও এখন পর্যন্ত ডিপোর্টেশনের তথ্য নিশ্চিত করেনি।   সম্প্রতি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হয়, হামাস-সংশ্লিষ্ট একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে কথিত আর্থিক সম্পর্কের অভিযোগে ওমর সুলাইমানকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে বা করা হচ্ছে। পোস্টগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ওমর সুলাইমান লেখেন, “না, আমাকে ডিপোর্ট করা হয়নি। অন্তত ভুয়া খবর বানালে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করুন।”   আমেরিকা বাংলার অনুসন্ধানে দেখা গেছে, এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই), বিচার বিভাগ (ডিওজে) বা অন্য কোনো ফেডারেল সংস্থা ওমর সুলাইমানকে গ্রেপ্তার, আটক কিংবা ডিপোর্ট করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া ফেডারেল আদালতের প্রকাশ্য নথিতেও তার বিরুদ্ধে কোনো ডিপোর্টেশন কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য জাতীয় সংবাদমাধ্যমেও তাকে ডিপোর্ট করা হয়েছে—এমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।   ওমর সুলাইমান যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা এবং ধর্মীয় শিক্ষা, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে নিয়মিত কাজ করে থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে গাজা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক ইস্যুতে তার বক্তব্য ও কার্যক্রম ব্যাপক আলোচনায় এসেছে।   সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের সত্যতা যাচাই করে আমেরিকা বাংলার অনুসন্ধানে দেখা গেছে, ইমাম ওমর সুলাইমানকে ডিপোর্ট করা হয়েছে—এমন দাবির পক্ষে কোনো সরকারি নথি, আদালতের রেকর্ড বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের নিশ্চিত তথ্য নেই। বরং সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন, তাকে ডিপোর্ট করা হয়নি।   ফলে বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচারিত ‘ওমর সুলাইমানকে ডিপোর্ট’ দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হচ্ছে। ভবিষ্যতে এ বিষয়ে কোনো সরকারি সংস্থা নতুন তথ্য প্রকাশ করলে সে অনুযায়ী প্রতিবেদন হালনাগাদ করা হবে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২৩:১৩
স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক বিভিন্ন স্থানে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো অভিবাসীর হাতে নাগরিকত্বের সনদ, নতুন পরিচয়ে হাজারো বাসিন্দা

যুক্তরাষ্ট্রের ২৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আয়োজিত বিশেষ ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে হাজারো অভিবাসী আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে ঘিরে নতুন নাগরিকদের শপথ গ্রহণের এই আয়োজন বহু বছরের একটি ঐতিহ্য, যা প্রতি বছর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়।   মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) এবং ফেডারেল আদালতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে নতুন নাগরিকরা যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে দীর্ঘ অভিবাসন প্রক্রিয়া শেষে তারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি পান।   স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকে দেশের ঐতিহাসিক বিভিন্ন স্থানে। ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের ঐতিহাসিক বাসভবন মন্টিসেলো এবং প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বাসভবন মাউন্ট ভার্ননসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবছর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব স্থানে নতুন নাগরিকদের শপথ গ্রহণ স্বাধীনতা দিবসের উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।   অনুষ্ঠানে ফেডারেল বিচারকরা ‘ওথ অব অ্যালিজিয়েন্স’ বা আনুগত্যের শপথ পাঠ করান। এই শপথ গ্রহণের মধ্য দিয়েই অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।   অনেক এলাকায় নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও অংশ নেয়। বিশেষ করে ‘লিগ অব উইমেন ভোটার্স’-এর মতো সংগঠনগুলো নতুন নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনে সহায়তা করে, যাতে তারা নাগরিকত্ব পাওয়ার পরপরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।   ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, প্রতিবছর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে অসংখ্য ন্যাচারালাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরা নতুন পরিচয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের যাত্রা শুরু করেন।   আগামী বছর যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করবে। সেই উপলক্ষে দেশব্যাপী নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে। স্বাধীনতা দিবসের সঙ্গে নতুন নাগরিকদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য, অভিবাসী ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২২:৪৮
পুরস্কারের অর্থ দিয়ে নতুন বাড়ি কেনা এবং মেয়ের ডিজনিল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করেছে পরিবারটি। ছবি: সংগৃহীত
৪ বছরের অপেক্ষার পর ২ কোটি ৫০ লাখ দিরহাম জিতলেন, পূরণ হচ্ছে বাড়ি ও মেয়ের স্বপ্ন

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকেট-এর ড্রয়ে ২ কোটি ৫০ লাখ দিরহাম (প্রায় ৮৩ কোটি টাকা) জিতে জীবন বদলে গেছে ভারতের এক গৃহিণীর। দীর্ঘ চার বছর ধরে নিয়মিত টিকিট কেনার পর অবশেষে বড় পুরস্কার জিতেছে তার পরিবার। এখন সেই অর্থ দিয়ে নতুন বাড়ি কেনা, মেয়ের বহুদিনের স্বপ্ন পূরণ এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছেন তারা।    গালফ নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে বিজয়ী ভারতীয় গৃহিণী অরোরা জানান, তিনি ভারতের নয়াদিল্লিতে স্বামী, পাঁচ বছর বয়সী মেয়ে এবং শাশুড়িকে নিয়ে বসবাস করেন। তার স্বামী গত চার বছর ধরে নিয়মিত বিগ টিকেটের ড্রয়ে অংশ নিয়ে আসছিলেন। শুরুতে নিজের নামে টিকিট কিনলেও সম্প্রতি স্ত্রীর নামে টিকিট কেনার সিদ্ধান্ত নেন। সেই টিকিটেই আসে ভাগ্য বদলে দেওয়া জয়।   অরোরা বলেন, ইউটিউব ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে তারা প্রথম বিগ টিকেট সম্পর্কে জানতে পারেন। শুরুতে বিষয়টি আকর্ষণীয় মনে হলেও এর সঙ্গে ঝুঁকিও রয়েছে বলে ভাবতেন। তবুও তারা আশা ছাড়েননি। প্রতিবার টিকিট কেনার সময় মনে হতো, হয়তো এবারই ভাগ্য খুলবে। তিনি জানান, পুরস্কারের অর্থ দিয়ে সবার আগে একটি নতুন বাড়ি কিনতে চান। বহুদিন ধরেই নিজের পরিবারের জন্য একটি বাড়ির স্বপ্ন দেখছিলেন তিনি ও তার স্বামী। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে।   পরিবারের দ্বিতীয় বড় পরিকল্পনা তাদের পাঁচ বছর বয়সী মেয়েকে ডিজনিল্যান্ড ঘুরতে নিয়ে যাওয়া। অরোরা বলেন, ছোটবেলা থেকেই মেয়ের ডিজনিল্যান্ডে যাওয়ার ইচ্ছা। পুরস্কারের অর্থ পাওয়ার পর সেই স্বপ্নও পূরণ করতে চান তারা। বাকি অর্থ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে মেয়ের পড়াশোনা এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত আর্থিক ভিত্তি গড়ে তুলতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।   অরোরা অন্যদেরও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, এমন পুরস্কার সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে। তাই ধৈর্য রাখতে হবে, নিজের ওপর এবং সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখতে হবে। একদিন না একদিন ভালো ফল আসবেই।   এদিকে সর্বশেষ ড্রয়ের পর বিগ টিকেট নতুন প্রচারণা শুরু করেছে। এবার সর্বোচ্চ ২ কোটি দিরহাম জেতার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি দুটি বিলাসবহুল গাড়িও পুরস্কার হিসেবে দেওয়া হবে। আগামী ৩ আগস্ট মাসেরাতি গ্রেকালে এবং ৩ সেপ্টেম্বর ল্যান্ড রোভার ডিফেন্ডার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২২:৪০
মিস্টার ন্যাচারাল নিরামিষ মেক্সিকান খাবারের জন্য অস্টিনে বিশেষভাবে পরিচিত। ছবি: সংগৃহীত
অস্টিনের স্বাদ ও ইতিহাস ধরে রেখেছে তিন কিংবদন্তি টেক্স-মেক্স রেস্তোরাঁ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন শুধু সঙ্গীত বা সংস্কৃতির জন্যই নয়, বৈচিত্র্যময় খাবারের জন্যও সুপরিচিত। শহরটির খাদ্যসংস্কৃতির ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে গুয়েরোস টাকো বার (Güero's Taco Bar), মিস্টার ন্যাচারাল (Mr. Natural) এবং কামিনো রিয়াল (Camino Real)। কয়েক দশক ধরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে জনপ্রিয় এই তিন রেস্তোরাঁ আজও অস্টিনের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি অস্টিন আমেরিকান-স্টেটসম্যান শহরটির ঐতিহাসিক টেক্স-মেক্স রেস্তোরাঁগুলো নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।    ১৯০৫ সালের ভবনে গড়ে ওঠা গুয়েরোস টাকো বার   অস্টিনের জনপ্রিয় সাউথ কংগ্রেস (SoCo) এলাকায় অবস্থিত গুয়েরোস টাকো বার শুধু খাবারের জন্য নয়, ভবনটির ঐতিহাসিক গুরুত্বের কারণেও পরিচিত। ১৯০৫ সালে এটি প্রথমে পশুখাদ্য ও বীজের দোকান হিসেবে নির্মিত হয়েছিল। পরে এটি মুদির দোকান ও ফিড স্টোর হিসেবেও ব্যবহৃত হয়। ১৯৮৬ সালে রবার্ট আরউইন ও ক্যাথি লিপিনকট একটি ছোট টাকেরিয়া হিসেবে গুয়েরোস প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে তারা ঐতিহাসিক ভবনটিতে রেস্তোরাঁটি স্থানান্তর করেন। বর্তমানে এখানকার টেক্স-মেক্স ও মেক্সিকান খাবার, পুরোনো ধাঁচের ক্যান্টিনা, উন্মুক্ত বাগান এবং ঐতিহাসিক পরিবেশ দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।   নিরামিষ মেক্সিকান খাবারের ব্যতিক্রমী ঠিকানা   অস্টিনের সবচেয়ে ব্যতিক্রমধর্মী মেক্সিকান রেস্তোরাঁগুলোর একটি হিসেবে পরিচিত মিস্টার ন্যাচারাল। ১৯৮৮ সালে মেক্সিকোর মনতেরে শহর থেকে আসা জেসুস ও লুইসা মেনদোজা এটি প্রতিষ্ঠা করেন। এখানে প্রচলিত মেক্সিকান খাবারের নিরামিষ সংস্করণ পরিবেশন করা হয়। গরুর মাংস ছাড়া ফাহিতা, মাংসবিহীন বার্গার, শূকরের মাংস ছাড়া তামালে, মাছ ছাড়া সেভিচে এবং প্রাণিজ উপাদান ছাড়া চোরিজো এখানকার বিশেষ আকর্ষণ। রেস্তোরাঁটির সঙ্গে রয়েছে বেকারি, জুস বার, স্বাস্থ্যকর খাদ্য ও ভেষজ পণ্যের দোকান। সব খাবার নিজস্ব রান্নাঘরেই প্রস্তুত করা হয়। ২০০৮ সালে ছোট ব্যবসায় বিশেষ অবদানের জন্য মার্কিন স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেনদোজা পরিবারকে সম্মাননা দেয়। হলিউড অভিনেতা ইথান হক এবং নির্মাতা রিচার্ড লিংকলেটারেরও এটি প্রিয় রেস্তোরাঁগুলোর একটি।   তিন দশকের বেশি সময় ধরে জনপ্রিয় কামিনো রিয়াল   ১৯৯২ সালে লুসিয়ানো হেনরিকেজ প্রতিষ্ঠা করেন কামিনো রিয়াল। উত্তর-পশ্চিম অস্টিনের এই পারিবারিক রেস্তোরাঁ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে স্বল্প মূল্যে বৈচিত্র্যময় টেক্স-মেক্স খাবার পরিবেশন করে আসছে। রেস্তোরাঁটির মেনুতে রয়েছে ১৭ ধরনের সকালের নাশতা, বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট টাকো, চিংড়ির সাতটি বিশেষ পদ এবং জনপ্রিয় ফাহিতা। তুলনামূলক কম দামে বৈচিত্র্যময় খাবারের জন্য এটি স্থানীয়দের কাছে বিশেষভাবে জনপ্রিয়। প্রতিষ্ঠাতা লুসিয়ানো হেনরিকেজ পরে মধ্য টেক্সাসের আরও কয়েকটি এলাকায় শাখা চালু করলেও মূল অস্টিন শাখার জনপ্রিয়তার সমান সাড়া অন্য কোথাও পাননি।   অস্টিনের খাদ্য ঐতিহ্যের অংশ   খাদ্যবিশ্লেষকদের মতে, দ্রুত বদলে যাওয়া অস্টিনে নতুন নতুন রেস্তোরাঁ চালু হলেও গুয়েরোস, মিস্টার ন্যাচারাল এবং কামিনো রিয়ালের মতো পুরোনো প্রতিষ্ঠানগুলো শহরের খাদ্য ঐতিহ্য ধরে রেখেছে। শুধু খাবারের স্বাদ নয়, প্রতিটি রেস্তোরাঁই নিজেদের ইতিহাস, পারিবারিক উত্তরাধিকার এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছে। এ কারণেই কয়েক দশক পরও এগুলো অস্টিনের সবচেয়ে পরিচিত টেক্স-মেক্স গন্তব্যগুলোর মধ্যে রয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২২:৩১
স্বাধীনতা দিবসের আতশবাজির প্রদর্শনীর সময় ব্রুকলিন ব্রিজের কয়েকটি অংশে আগুন দেখা যায়। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের আতশবাজির প্রদর্শনীর মাঝেই ব্রুকলিন ব্রিজে আগুন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মেসির ফোর্থ অব জুলাই আতশবাজির প্রদর্শনী চলাকালে ব্রুকলিন ব্রিজের কয়েকটি অংশে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   শনিবার (৪ জুলাই) রাতে ইস্ট রিভারের ওপর আয়োজিত এই প্রদর্শনীতে ব্রুকলিন ব্রিজ থেকেও আতশবাজি নিক্ষেপ করা হচ্ছিল। এ সময় সেতুর অন্তত তিনটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, আতশবাজি আকাশে বিস্ফোরিত হওয়ার পাশাপাশি সেতুর একটি অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে আগুন জ্বলছে।   নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আগুনের ঘটনাগুলো প্রায় এক মিনিটের মধ্যেই নিভে যায়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সেতুর কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।   এবারের আতশবাজির আয়োজন ছিল যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি। নিউইয়র্কের আকাশ আলোকিত করতে ৮৫ হাজারের বেশি আতশবাজি ব্যবহার করা হয়। ইস্ট রিভার, হাডসন নদী এবং ব্রুকলিন ব্রিজসহ ২০০টিরও বেশি স্থান থেকে আতশবাজি ও আলোক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।   ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের দৃশ্য দেখা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজির প্রদর্শনীর সময় ব্যবহৃত পাইরোটেকনিক সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।   নিউইয়র্কে স্বাধীনতা দিবসের এই আয়োজন দেখতে হাজারো মানুষ ইস্ট রিভার ও ব্রুকলিন ব্রিজের আশপাশে জড়ো হয়েছিলেন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় অনুষ্ঠান বন্ধ করতে হয়নি এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী আতশবাজির প্রদর্শনী শেষ হয়।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২২:২১
জুনের শেষ পাঁচ দিনে আইসিই দেশজুড়ে প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত
৫ দিনে আইসিইর হাতে ১০ হাজার গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রে জোরালো হলো ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জুনের শেষ পাঁচ দিনে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে।   অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এই তথ্য এমন একজন কর্মকর্তার কাছ থেকে পাওয়া গেছে, যিনি প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশ করতে চাননি। আইসিই সাধারণত নিয়মিত গ্রেপ্তারের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করে না।   প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এখন বড় শহরে প্রচারমুখী অভিযান চালানোর পরিবর্তে তুলনামূলক নীরব কৌশলে দেশজুড়ে অভিবাসন অভিযান পরিচালনা করছে। তবে কৌশল বদলালেও গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়ছে।   ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পাঁচ দিনে হওয়া এই ১০ হাজার গ্রেপ্তারের মধ্যে ঠিক কোন অঙ্গরাজ্য বা শহরে কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে, পরে তা অ্যাসোসিয়েটেড প্রেসও নিশ্চিত করে।   যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অবৈধভাবে অবস্থানকারী অপরাধীদের গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বিভাগটি বলেছে, হত্যাকাণ্ড, ধর্ষণ, শিশু যৌন নির্যাতন, গ্যাং অপরাধ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।   এদিকে জুন মাসে আইসিইর আটককেন্দ্রগুলোতে থাকা অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের পাওয়া তথ্য অনুযায়ী, জুনে আইসিইর হেফাজতে থাকা মানুষের সংখ্যা প্রায় ৩৯ হাজারে পৌঁছেছে। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই সংখ্যা মাসে গড়ে প্রায় ৩০ হাজারের মধ্যে ছিল।   ইউসি বার্কলির ডিপোর্টেশন ডেটা প্রজেক্ট-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিন গড়ে ২ হাজার গ্রেপ্তার সাম্প্রতিক সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসনের সময়ে সর্বোচ্চ গড় ছিল প্রতিদিন ১ হাজার ২৮৩টি গ্রেপ্তার। জানুয়ারিতে দেশজুড়ে গড়ে ১ হাজার ২১২ জন এবং ফেব্রুয়ারিতে তা নেমে আসে ১ হাজার ৫৭ জনে।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে মিনিয়াপোলিসে পরিচালিত উচ্চমাত্রার অভিবাসন অভিযানের সময় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে প্রশাসন সেই ধরনের বড় আকারের প্রকাশ্য অভিযান থেকে সরে এসে তুলনামূলক কম প্রচারমুখী কৌশল গ্রহণ করে। তবে নতুন নেতৃত্বের অধীনেও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির মূল লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।   সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমের বিদায়ের পর দায়িত্ব নেন মার্কওয়েন মুলিন। তিনি অভিবাসন অভিযানকে তুলনামূলক কম প্রচারমুখী করার ইঙ্গিত দিলেও ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিই বাস্তবায়ন করবেন বলে ধারণা করা হচ্ছে।   বিশ্লেষকদের মতে, জুনের শেষ দিকে গ্রেপ্তারের এই ঊর্ধ্বগতি ইঙ্গিত দিচ্ছে যে, ট্রাম্প প্রশাসন এখন দেশজুড়ে আরও সমন্বিত ও ধারাবাহিকভাবে অভিবাসন আইন প্রয়োগে জোর দিচ্ছে। তবে আইসিই নিয়মিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করায় আগের সময়ের সঙ্গে সুনির্দিষ্ট তুলনা করা এখনও কঠিন।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২২:৯
মিসিসিপি উপকূলে মাছ ধরার পর ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন স্টিভ উইলসন। ছবি: সংগৃহীত
মাছ ধরতে গিয়ে মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ, হাঁটার ক্ষমতা হারালেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে মাছ ধরতে গিয়ে বিরল কিন্তু প্রাণঘাতী ভিব্রিও ভালনিফিকাস (Vibrio vulnificus) ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৫০ বছর বয়সী স্টিভ উইলসন। সংক্রমণ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তিনি হাঁটার ক্ষমতা হারান এবং পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হয়। চিকিৎসকদের ধারণা, ব্যাকটেরিয়াটি তার পায়ের একটি ছোট ক্ষত বা পোকামাকড়ের কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে।   স্টিভ উইলসন ও তার স্ত্রী আমান্ডা উইলসন গত সপ্তাহান্তে মিসিসিপি উপসাগরীয় উপকূলের ক্যাট আইল্যান্ডের কাছে মাছ ধরতে গিয়েছিলেন। তারা দীর্ঘদিন ধরে মাছ ধরার অভিজ্ঞতা থাকায় উপকূলীয় পানিতে থাকা ভিব্রিও ব্যাকটেরিয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন। এ কারণে পানিতে নামার আগে শরীরে কোনো কাটা বা খোলা ক্ষত আছে কি না, সেটিও পরীক্ষা করেছিলেন।   তবে স্টিভের স্ত্রী, যিনি একজন লাইসেন্সপ্রাপ্ত নার্স, মনে করছেন ঘোড়ামাছি (হর্সফ্লাই) বা অন্য কোনো পোকামাকড়ের ছোট একটি কামড় থেকেই অদৃশ্য ক্ষত তৈরি হয়েছিল। মাছ ধরার সময় স্টিভ পায়ে পোকার কামড়ের কথা বলেছিলেন এবং পরে কীটনাশক স্প্রে ব্যবহারও করেছিলেন। আমান্ডার ধারণা, সেই ক্ষুদ্র ক্ষত দিয়েই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে।   পরদিন ভোরে ঘুম থেকে উঠে স্টিভ ডান পায়ের গোড়ালির কাছে তীব্র ব্যথা অনুভব করেন। অল্প সময়ের মধ্যেই তার পা ফুলে যায়, ত্বক লালচে হয়ে ওঠে এবং তিনি আর হাঁটতে পারেননি। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার শরীরের তাপমাত্রা ১০৩ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় এবং তিনি সেপসিসে আক্রান্ত হন। পরীক্ষায় নিশ্চিত হয়, ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া তার পায়ের টিস্যু দ্রুত নষ্ট করে দিচ্ছে।   চিকিৎসকেরা জরুরি অস্ত্রোপচার করে সংক্রমিত অংশের চাপ কমানোর চেষ্টা করেন এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক চিকিৎসা শুরু করেন। তবে তার সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরপর পায়ের কতটা স্থায়ী ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হবে।   অমান্ডা উইলসন জানান, এত সতর্ক থাকার পরও এ ধরনের ঘটনা ঘটতে পারে, তা তারা কখনো কল্পনাও করেননি। তিনি বিশেষ করে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকায় বেড়াতে যাওয়া মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।   স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভিব্রিও ভালনিফিকাস সাধারণত উষ্ণ উপকূলীয় লবণাক্ত বা আধা-লবণাক্ত পানিতে জন্মায়। শরীরে কোনো ক্ষত থাকলে সেই ক্ষতের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। এছাড়া কাঁচা বা ঠিকমতো রান্না না করা ঝিনুক, বিশেষ করে অয়েস্টার খাওয়ার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, লিভারের রোগ বা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণের ঝুঁকি বেশি।   যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালে পানির তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই খোলা ক্ষত নিয়ে সমুদ্র বা উপকূলীয় পানিতে না নামা, কাঁচা সামুদ্রিক খাবার এড়িয়ে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২১:৫২
ছবি: এফবিআই এর পরিচালক কাশ প্যাটেল (সংগ্রহীত)
যুক্তরাষ্ট্রে এক বছরে ৬,৩০০ এর বেশি নিখোঁজ শিশু উদ্ধার, শিশুনির্যাতনবিরোধী অভিযানে শত শত অপরাধী গ্রেপ্তার - এফবিআই

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল দাবি করেছেন, গত এক বছরে সংস্থাটি ৬ হাজার ৩০০-এর বেশি নিখোঁজ শিশুকে শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে পরিচালিত একাধিক অভিযানে শত শত শিশুনির্যাতনকারী ও যৌন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।   সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয়, কাশ প্যাটেলের নেতৃত্বে এফবিআই ৬ হাজার নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে এবং প্রায় ২ হাজার ‘শীর্ষ শিকারি’কে গ্রেপ্তার করেছে। তবে সরকারি তথ্য পর্যালোচনায় দেখা যায়, এই সংখ্যাগুলো একক কোনো অভিযানের নয়; বরং বিভিন্ন সময়ে পরিচালিত একাধিক জাতীয় অভিযানের সম্মিলিত ফলাফলকে একসঙ্গে উপস্থাপন করা হয়েছে।   যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে পরিচালিত ‘অপারেশন আয়রন পারস্যুট’-এ দেশব্যাপী ২০০-এর বেশি শিশু ভুক্তভোগীকে শনাক্ত করা হয় এবং ৩৫০-এর বেশি অভিযুক্ত শিশুনির্যাতনকারীকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে এফবিআইয়ের সব ফিল্ড অফিস এবং বিভিন্ন ফেডারেল ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী অংশ নেয়।   অভিযান নিয়ে দেওয়া এক বিবৃতিতে কাশ প্যাটেল বলেন, “গত বছর আমাদের অংশীদার সংস্থাগুলোর সঙ্গে কাজ করে ৬ হাজার ৩০০-এর বেশি নিখোঁজ শিশুকে শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। অপারেশন আয়রন পারস্যুট সেই ধারাবাহিক প্রচেষ্টারই সর্বশেষ উদাহরণ।”   বিচার বিভাগ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন, শিশু পাচার, অপহরণ, শিশু নির্যাতনের ভিডিও বা ছবি তৈরি, সংরক্ষণ ও বিতরণসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।   এফবিআই আরও জানায়, ২০২৫ সাল থেকে শিশু সুরক্ষায় ধারাবাহিকভাবে ‘অপারেশন রিস্টোর জাস্টিস’, ‘অপারেশন এনডিউরিং জাস্টিস’, ‘অপারেশন রিলেন্টলেস জাস্টিস’ এবং সর্বশেষ ‘অপারেশন আয়রন পারস্যুট’ পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে শত শত শিশু উদ্ধার এবং এক হাজারেরও বেশি সন্দেহভাজন শিশুনির্যাতনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।   বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে প্রচারিত “৬ হাজার শিশু উদ্ধার” সংক্রান্ত দাবির মূল ভিত্তি সরকারি তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও “প্রায় ২ হাজার শিকারি গ্রেপ্তার” সংখ্যা একটি নির্দিষ্ট অভিযানের ফল নয়। এটি বিভিন্ন সময়ে পরিচালিত একাধিক আইন-শৃঙ্খলা অভিযানের সম্মিলিত পরিসংখ্যান। তাই ভাইরাল পোস্টের দাবিতে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট অনুপস্থিত রয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২১:৪১
স্পেনের মায়োর্কায় ইসলামিক আধ্যাত্মিক রিট্রিটে অংশ নিতে যান নিউইয়র্কের ফার্স্ট লেডি রামা দুয়াজি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের সময় স্পেনে ইসলামিক রিট্রিটে অংশ নিয়ে আলোচনায় রামা দুয়াজি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের সময় স্পেনে একটি ইসলামিক আধ্যাত্মিক রিট্রিটে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী রাজনীতিক ও রক্ষণশীল মহলের সমালোচনার মুখে পড়েছেন তিনি।   ২৯ বছর বয়সী সিরীয়-আমেরিকান শিল্পী রামা দুয়াজিকে গত সোমবার নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্পেনের মায়োর্কা দ্বীপের উদ্দেশে রওনা হতে দেখা যায়। তিনি সেখানে দ্য উইমেনস স্যাংচুয়ারি আয়োজিত "প্ল্যান্টস অব দ্য কুরআন" শীর্ষক একটি ইসলামিক আধ্যাত্মিক ও সুস্থতা বিষয়ক রিট্রিটে অংশ নিচ্ছেন। এই কর্মসূচিতে তিনি শিল্পী-ইন-রেসিডেন্স এবং আয়োজকদের একজন হিসেবেও যুক্ত রয়েছেন।   আয়োজকদের ওয়েবসাইট অনুযায়ী, কয়েক দিনের এই রিট্রিটে কুরআনে উল্লেখিত বিভিন্ন উদ্ভিদ, শিল্পচর্চা, উদ্ভিদবিষয়ক কর্মশালা এবং আধ্যাত্মিক অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য এর নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০০ মার্কিন ডলার। এরপর আগামী ৯ থেকে ১৪ জুলাই ফ্রান্সের কর্সিকায় "মেরি ইন দ্য কুরআন" শীর্ষক আরেকটি রিট্রিটেও সহ-আয়োজক হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে রামা দুয়াজির।   তার এই সফরের খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রক্ষণশীল ভাষ্যকার অ্যারিন ওয়েক্সলার বিমানবন্দরে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তার দাবি, নিউইয়র্কবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়ার সময় মেয়রের স্ত্রী স্পেনে যাচ্ছিলেন।   ঘটনাটি নিয়ে নিউইয়র্কের কয়েকজন রিপাবলিকান সিটি কাউন্সিল সদস্যও সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ ছিল এবং সে সময় নিউইয়র্কের ফার্স্ট লেডির বিদেশ সফর হতাশাজনক। তবে নিউইয়র্ক সিটির মেয়রের কার্যালয় এ সমালোচনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। শুধু জানানো হয়েছে, সফরের সময় রামা দুয়াজির সঙ্গে নিউইয়র্ক পুলিশ বিভাগের করদাতাদের অর্থায়নে পরিচালিত নিরাপত্তা দল ছিল না।   এদিকে রামা দুয়াজির অতীতের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়েও আবার আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরুতে তার পুরোনো কিছু পোস্ট সামনে আসে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সামরিক ভূমিকা এবং ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করা হয়েছিল। এসব পোস্ট নিয়ে বিতর্কের পর তিনি সেগুলোর অনেকগুলোর জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।   মেয়র জোহরান মামদানি এর আগে বলেছেন, তার স্ত্রী প্রশাসনের কোনো আনুষ্ঠানিক দায়িত্বে নেই। তাই ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পুরোনো পোস্ট বা ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাকে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা উচিত নয়।   অন্যদিকে, রামা দুয়াজি স্পেনে অবস্থান করলেও মেয়র জোহরান মামদানি নিউইয়র্কেই ছিলেন। তিনি স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে গভর্নরস আইল্যান্ডে অনুষ্ঠিত সেইল৪থ ২৫০ ইন্টারন্যাশনাল প্যারেড অব সেইল এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের আলোকসজ্জা অনুষ্ঠানও ছিল।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২১:৩০
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সঙ্গে বাড়ছে জমি ও বাড়ি দখলের ঘটনাও। ছবি: সংগৃহীত
নির্মাণ শেষ হওয়ার আগেই ফিলিস্তিনির বাড়ি দখলে নিলো ইহুদি দখলদাররা

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ও বাড়ি দখলকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে নির্মাণাধীন একটি বাড়ি তৈরি করছিলেন ফিলিস্তিনি বাসিন্দা মোহাম্মদ সালামাহ। ছেলের বিয়ের পর নতুন সংসার শুরু করার কথা ছিল সেই বাড়িতে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী বাড়িটি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স যাচাই করা ভিডিও এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে।   রয়টার্সের যাচাই করা চলতি সপ্তাহের একটি ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢালে অবস্থিত দুই তলা নির্মাণাধীন বাড়িটির ছাদে কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী অবস্থান করছেন। ভিডিওটি ধারণের সময় অন্তত ছয়জনকে বাড়িটির ছাদে চলাফেরা করতে দেখা যায়। ঘটনাটি পশ্চিম তীরের নাবলুস এলাকার জালুদ গ্রামের কাছে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   মোহাম্মদ সালামাহ জানান, বাড়ি দখলের পর তিনি ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো কার্যকর সহায়তা পাননি। তার ভাষায়, চারপাশে ইতোমধ্যে বিভিন্ন ইসরায়েলি বসতি ও নিরাপত্তা চৌকি গড়ে ওঠায় বাড়িটি ফেরত পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। সালামাহ বলেন, যদি একটি নির্মাণাধীন বাড়ি দখল করে নেওয়া সম্ভব হয়, তাহলে আশপাশের অন্য বাড়িগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে পুরো এলাকাই ধীরে ধীরে ফিলিস্তিনিদের হাতছাড়া হয়ে যেতে পারে।   রয়টার্স জানায়, অভিযুক্ত বসতি স্থাপনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি তারা পর্যালোচনা করছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো বিস্তারিত বক্তব্য দেয়নি। ইসরায়েলি পুলিশও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।   নতুন উদ্বেগের কারণ   জালুদ গ্রামের বাসিন্দাদের মতে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল বা বসতি সম্প্রসারণের ঘটনা নতুন নয়। তবে এবার যে বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে, তা হলো নির্মাণাধীন একটি বাড়ি দখলের অভিযোগ। গ্রাম কাউন্সিলের প্রধান রায়েদ আল-হাজ মোহাম্মদ বলেন, বসতি স্থাপনকারীরা এখন গ্রামের সর্বশেষ বসতবাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার দাবি, গত কয়েক বছরে জালুদ অন্তত পাঁচবার বড় ধরনের হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় বাড়িঘরে আগুন দেওয়া, যানবাহন ভাঙচুর এবং জলপাইসহ বিভিন্ন গাছপালা উপড়ে ফেলার অভিযোগ রয়েছে।   কেন বাড়ছে উত্তেজনা?   পশ্চিম তীরে বর্তমানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং প্রায় ৫ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এবং জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তাদের মতে, দখলকৃত ভূখণ্ডে দখলদার রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের স্থানান্তর চতুর্থ জেনেভা কনভেনশন-এর সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরে এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, পশ্চিম তীর একটি বিতর্কিত ভূখণ্ড এবং সেখানে ইহুদিদের ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে।   হামলা বেড়েছে বলে জাতিসংঘের দাবি   জাতিসংঘের সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম ও কৃষিজমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে হামলার হার প্রায় ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব হামলার কারণে বহু ফিলিস্তিনি পরিবার নিজ বাড়ি ও জমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সময় পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ আরও গতি পেয়েছে। কারণ জোট সরকার টিকিয়ে রাখতে বসতি-সমর্থক কট্টরপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থনের ওপর সরকার অনেকটাই নির্ভরশীল। একই কারণে বসতি সম্প্রসারণ ও সংশ্লিষ্ট উত্তেজনা ভবিষ্যতেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।   মোহাম্মদ সালামাহ জানান, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তার ছেলে চাকরি হারান। আর্থিক সংকটের কারণে বাড়ির নির্মাণকাজও দীর্ঘদিন বন্ধ ছিল। অনেক কষ্টে আবার কাজ শুরু করলেও এখন সেই বাড়িটিই হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২১:১২
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ব্যর্থ হয়ে এবার ‘বার্থ ট্যুরিজম’ দমনে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) বাতিলের প্রচেষ্টা সুপ্রিম কোর্টে ব্যর্থ হওয়ার পর এবার তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে বিদেশিদের দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে তদন্ত ও বিচারকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেল কৌঁসুলিদের।   সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ খারিজ করে দেয়। আদালতের রায় বহাল থাকার কয়েক ঘণ্টার মধ্যেই বিচার বিভাগ একটি স্মারক জারি করে দেশজুড়ে ফেডারেল কৌঁসুলিদের নির্দেশ দেয়, যাতে তারা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর সঙ্গে সমন্বয় করে বার্থ ট্যুরিজম-সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার তদন্তকে অগ্রাধিকার দেন।   সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ড স্মারকে বলেন, প্রতি বছর হাজারো বিদেশি ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং সেখানে সন্তান জন্ম দিয়ে শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা করেন। বিচার বিভাগের ভাষ্য, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা অপব্যবহার করা হচ্ছে।   তবে যুক্তরাষ্ট্রের আইনে কোনো বিদেশি নাগরিকের দেশটিতে সন্তান জন্ম দেওয়া নিজেই অপরাধ নয়। অপরাধ তখনই ঘটে, যখন কেউ ভিসার আবেদন বা অভিবাসন সংক্রান্ত নথিতে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করেন বা মিথ্যা তথ্য দেন। এ ধরনের ক্ষেত্রে ভিসা জালিয়াতি, অর্থপাচার, পরিচয় জালিয়াতি কিংবা আর্থিক প্রতারণার মতো আইনে মামলা করা যেতে পারে।   অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, বিচার বিভাগের লক্ষ্য জন্মসূত্রে নাগরিকত্ব নয়, বরং আইন লঙ্ঘনের মাধ্যমে পরিচালিত বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক বন্ধ করা। তিনি জানান, এ কাজে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং এফবিআই যৌথভাবে কাজ করবে।   তবে এই উদ্যোগ নিয়ে ভিন্নমতও রয়েছে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোভিত্তিক অভিবাসন আইনজীবী অ্যান্ড্রু নিয়েটর মনে করেন, বিচার বিভাগের সীমিত জনবল ও সম্পদ রয়েছে। তার ভাষায়, যদি প্রসিকিউটরদের বড় অংশ অভিবাসন-সংক্রান্ত মামলায় ব্যস্ত রাখা হয়, তাহলে মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের তদন্তে প্রভাব পড়তে পারে।   এদিকে, গত মাসে প্রকাশিত পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট জন্মের ০ দশমিক ৩ শতাংশেরও কম বার্থ ট্যুরিজমের সঙ্গে সম্পর্কিত। গবেষকদের হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৫ হাজার থেকে ১০ হাজার শিশু এভাবে জন্ম নেয়। গবেষণায় আরও বলা হয়েছে, প্রচলিত ধারণার বিপরীতে এসব জন্মের বড় অংশ হিস্পানিক, বিশেষ করে মেক্সিকান মায়েদের মাধ্যমে হয়েছে।   সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী মূলত দাসপ্রথা বিলুপ্তির পর মুক্তিপ্রাপ্ত দাসদের সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য ছিল, বিদেশি ধনীদের সন্তানদের জন্য নয়। তবে আদালত তার এই ব্যাখ্যা গ্রহণ করেনি এবং দীর্ঘদিনের সাংবিধানিক নীতিই বহাল রেখেছে।   বিচার বিভাগের স্মারকে অতীতে বার্থ ট্যুরিজম পরিচালনাকারী কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সফল বিচারের উদাহরণও তুলে ধরা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি নাগরিকদের অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল এবং কয়েকজন দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডও পেয়েছেন। তবে নতুন নির্দেশনার আওতায় মূল লক্ষ্য ব্যক্তি নাকি এ ধরনের ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান, সে বিষয়ে বিচার বিভাগ বিস্তারিত কিছু জানায়নি। শুধু বলা হয়েছে, যারা এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা বা এর প্রচার ও বাণিজ্যিক সুবিধা প্রদান করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২০:৫৬
ছবি: জোহরান মামদানি ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। (সংগৃহীত)
নিউইয়র্ক ছেড়েছে ৮৯২ কোম্পানি, স্থানান্তরিত হয়েছে ৪৭ বিলিয়ন ডলারের আয়; শীর্ষ লাভবান ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র নিউইয়র্ক থেকে গত কয়েক বছরে শত শত কোম্পানি অন্য অঙ্গরাজ্যে কার্যক্রম স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর ২০২০ থেকে ২০২৪ সালের অভিবাসন-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে নিউইয়র্ক থেকে ৮৯২টি কোম্পানি অন্য অঙ্গরাজ্যে চলে গেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৪৭ বিলিয়ন ডলারের আয়ও স্থানান্তরিত হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক ছেড়ে যাওয়া কোম্পানিগুলোর সবচেয়ে বড় গন্তব্য ছিল ফ্লোরিডা। চার বছরে সেখানে স্থানান্তরিত হয়েছে ৩৪১টি কোম্পানি। দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সাস, যেখানে গেছে ১৮৭টি প্রতিষ্ঠান। এরপর নর্থ ক্যারোলিনায় স্থানান্তরিত হয়েছে ১২৯টি কোম্পানি।   বিশ্লেষণে ব্যবহৃত তথ্য আইআরএসের আন্তঃরাজ্য অভিবাসন-সংক্রান্ত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এই তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এটি কোনো সাম্প্রতিক একক ঘটনার চিত্র নয়; বরং ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে কোম্পানিগুলোর স্থানান্তরের সামগ্রিক হিসাব।   অর্থনীতি বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম করহার, ব্যবসাবান্ধব নীতি, কম পরিচালন ব্যয়, আবাসন খরচ এবং কর্মপরিবেশের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ফ্লোরিডা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। কোভিড-১৯ মহামারির পর দূরবর্তী কর্মব্যবস্থার বিস্তার এবং ব্যবসায়িক কৌশলের পরিবর্তনও এই প্রবণতাকে আরও জোরালো করেছে।   তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, কোম্পানি স্থানান্তরের এই প্রবণতা সত্ত্বেও নিউইয়র্ক এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র। ওয়াল স্ট্রিট, বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি খাত, দক্ষ মানবসম্পদ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগের কারণে বহু বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখনো নিউইয়র্কেই অবস্থিত।   অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণের প্রতিযোগিতা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। করনীতি, নিয়ন্ত্রক পরিবেশ, অবকাঠামো, কর্মসংস্থানের সুযোগ এবং জীবনযাত্রার ব্যয়—এসব বিষয়ই ভবিষ্যতে আরও বেশি কোম্পানির অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   আইআরএসের তথ্যভিত্তিক এই বিশ্লেষণ যুক্তরাষ্ট্রে করপোরেট স্থানান্তরের বর্তমান প্রবণতা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের অর্থনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২০:৪৫
ভারতীয় বংশোদ্ভূত কিরণ নেথা পাসুনুরি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ২ বছরের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত বাবা গ্রেপ্তার

উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নিজের দুই বছর বয়সী সন্তানকে হত্যার চেষ্টা এবং গুরুতর নির্যাতনের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। শিশুটির মাথার খুলিতে প্রাণঘাতী আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং মেরুদণ্ডে একাধিক ভাঙনের মতো গুরুতর আঘাতের কথা জানিয়েছেন চিকিৎসকেরা।   আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তের নাম কিরণ নেথা পাসুনুরি (৪১)। গত ২ জুন উত্তর ক্যারোলাইনার ওয়েক কাউন্টিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার মাথায় জীবনসংকটাপন্ন আঘাতের পাশাপাশি মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ শনাক্ত করেন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হয়।   তদন্তসংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, শিশুটির চোখের রেটিনায়ও রক্তক্ষরণ হয়েছিল। এছাড়া মেরুদণ্ডের একাধিক কশেরুকায় কমপ্রেশন ফ্র্যাকচার বা চাপজনিত ভাঙন ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সাধারণত তীব্র বাহ্যিক চাপ বা সহিংস আঘাতের ফলে হয়ে থাকে।   ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ২৫ জুন পাসুনুরিকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৭ জুন তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগের পাশাপাশি গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে শিশু নির্যাতনের দুটি এবং অবহেলার মাধ্যমে গুরুতর শারীরিক ক্ষতি করার দুটি ফৌজদারি অভিযোগ আনা হয়।   আদালতের তথ্য অনুযায়ী, অভিযুক্ত বর্তমানে কারাগারে রয়েছেন। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুই লাখ মার্কিন ডলার। চলতি সপ্তাহে তিনি প্রথমবারের মতো ওয়েক কাউন্টি আদালতে হাজির হন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।   তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি, বাবা ও শিশুর মধ্যে ঠিক কী ঘটেছিল বা কী কারণে শিশুটি এত গুরুতরভাবে আহত হয়। তবে চিকিৎসকেরা তদন্তকারীদের জানিয়েছেন, আঘাত পাওয়ার পর শিশুটিকে হাসপাতালে নিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে। অর্থাৎ আঘাত লাগা এবং চিকিৎসা শুরু হওয়ার মধ্যে দীর্ঘ সময় পার হয়ে যায়, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলতে পারে।   মামলাটি নিয়ে উত্তর ক্যারোলাইনার আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে। শিশুটির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২০:২৫
বারাক ওবামা ও তার মেয়ে I ছবি: সংগৃহীত
কন্যা মালিয়ার জন্মদিনে বারাক ওবামার আবেগঘন শুভেচ্ছা, সামাজিক মাধ্যমে ভাইরাল বাবা-মেয়ের ছবি

বারাক ওবামার আবেগঘন শুভেচ্ছা, সামাজিক মাধ্যমে ভাইরাল বাবা-মেয়ের ছবিআমেরিকা বাংলা ডেস্ক: বড় মেয়ে মালিয়া ওবামার জন্মদিন উপলক্ষে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শৈশবের একটি স্মৃতি আর বর্তমান সময়ের একটি আন্তরিক ছবি শেয়ার করে তিনি কন্যার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।   নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওবামা লেখেন, “শুভ জন্মদিন, মালিয়া! সময় কোথায় চলে যায় বুঝতেই পারি না। কিন্তু তোমাকে মেয়ে হিসেবে পাওয়ার আনন্দ কখনো পুরোনো হয় না।”   ওবামার শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, ছোট্ট মালিয়াকে কোলে নিয়ে বই পড়ে শোনাচ্ছেন তিনি। আরেকটি সাম্প্রতিক ছবিতে বাবা-মেয়ের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে, যেখানে মালিয়া স্নেহভরে বাবাকে জড়িয়ে ধরেছেন। দুটি ছবি একসঙ্গে প্রকাশ করে ওবামা যেন মেয়ের বেড়ে ওঠার দীর্ঘ পথচলার স্মৃতিই তুলে ধরেছেন।   পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই লাখো মানুষ এতে প্রতিক্রিয়া জানান। হাজার হাজার ব্যবহারকারী মন্তব্য করে মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বাবা-মেয়ের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন। অনেকেই ছবিগুলোকে পারিবারিক ভালোবাসা ও বন্ধনের অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেন।   মালিয়া ওবামা ১৯৯৮ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বারাক ও মিশেল ওবামার বড় মেয়ে। হোয়াইট হাউসে বেড়ে ওঠা মালিয়া পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন।   বিশেষ দিনগুলোতে পরিবারের সদস্যদের উদ্দেশে ব্যক্তিগত বার্তা ও ছবি প্রকাশ করা বারাক ওবামার দীর্ঘদিনের একটি রীতি। এবারও কন্যার জন্মদিনে তার আবেগঘন শুভেচ্ছা ও বাবা-মেয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ২০:১
চিকিৎসক I ছবি: সংগৃহীত
১৩ বছরের কিশোরীর হার্টের ভালভ উল্টো বসানোর অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ ডলারের মামলা

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (ওএইচএসইউ) হাসপাতালের এক ভারতীয় বংশোদ্ভূত হৃদরোগ সার্জনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার গুরুতর অভিযোগ এনে ১ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ১৩ বছর বয়সী এক কিশোরীর বাবা-মা। তাদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় কিশোরীর হার্টের কৃত্রিম ভালভ উল্টোভাবে বসানো হয়েছিল, যার ফলে সে কয়েক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে লাইফ সাপোর্টে ছিল।   আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে কিশোরীর জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য ওএইচএসইউ হাসপাতালে ওপেন-হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। পরে চিকিৎসকেরা পরিবারকে জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।   পরবর্তীতে কিশোরীকে সিয়াটল চিলড্রেনস হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন, পূর্ববর্তী অস্ত্রোপচারের সময় হার্টের কৃত্রিম ভালভটি উল্টোভাবে প্রতিস্থাপন করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এরপর দ্বিতীয়বার অস্ত্রোপচারের মাধ্যমে ভালভটি সঠিকভাবে প্রতিস্থাপন করা হলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে।   মামলায় বলা হয়েছে, অস্ত্রোপচারের ওই ভুলের কারণে কিশোরীকে দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকতে হয়েছে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এ কারণে চিকিৎসা ব্যয়, ভবিষ্যৎ চিকিৎসা, শারীরিক ক্ষতি এবং মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৭০ লাখ ডলার দাবি করেছেন তার বাবা-মা।   মামলায় অভিযুক্ত চিকিৎসক ডা. অশোক মুরলিধরন ভারতে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বর্তমানে ওএইচএসইউতে হৃদরোগ সার্জন হিসেবে কর্মরত।   তবে ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তারা মামলার বিষয়ে কোনো মন্তব্য করবে না। হাসপাতাল এখন পর্যন্ত অভিযোগের সত্যতা স্বীকার করেনি এবং আদালতেও অভিযোগগুলো প্রমাণিত হয়নি।   উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সম্প্রতি ব্যাপকভাবে আলোচিত হলেও অভিযোগের ঘটনাটি ২০২৫ সালের আগস্টে ঘটে। পরে ২০২৬ সালের মে মাসের শেষ দিকে কিশোরীর পরিবার মামলা দায়ের করলে বিষয়টি জনসমক্ষে আসে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৯:৫৪