সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
চিকিৎসক I ছবি: সংগৃহীত
১৩ বছরের কিশোরীর হার্টের ভালভ উল্টো বসানোর অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ ডলারের মামলা

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (ওএইচএসইউ) হাসপাতালের এক ভারতীয় বংশোদ্ভূত হৃদরোগ সার্জনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার গুরুতর অভিযোগ এনে ১ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ১৩ বছর বয়সী এক কিশোরীর বাবা-মা। তাদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় কিশোরীর হার্টের কৃত্রিম ভালভ উল্টোভাবে বসানো হয়েছিল, যার ফলে সে কয়েক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে লাইফ সাপোর্টে ছিল।   আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে কিশোরীর জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য ওএইচএসইউ হাসপাতালে ওপেন-হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। পরে চিকিৎসকেরা পরিবারকে জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।   পরবর্তীতে কিশোরীকে সিয়াটল চিলড্রেনস হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন, পূর্ববর্তী অস্ত্রোপচারের সময় হার্টের কৃত্রিম ভালভটি উল্টোভাবে প্রতিস্থাপন করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এরপর দ্বিতীয়বার অস্ত্রোপচারের মাধ্যমে ভালভটি সঠিকভাবে প্রতিস্থাপন করা হলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে।   মামলায় বলা হয়েছে, অস্ত্রোপচারের ওই ভুলের কারণে কিশোরীকে দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকতে হয়েছে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এ কারণে চিকিৎসা ব্যয়, ভবিষ্যৎ চিকিৎসা, শারীরিক ক্ষতি এবং মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৭০ লাখ ডলার দাবি করেছেন তার বাবা-মা।   মামলায় অভিযুক্ত চিকিৎসক ডা. অশোক মুরলিধরন ভারতে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বর্তমানে ওএইচএসইউতে হৃদরোগ সার্জন হিসেবে কর্মরত।   তবে ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তারা মামলার বিষয়ে কোনো মন্তব্য করবে না। হাসপাতাল এখন পর্যন্ত অভিযোগের সত্যতা স্বীকার করেনি এবং আদালতেও অভিযোগগুলো প্রমাণিত হয়নি।   উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সম্প্রতি ব্যাপকভাবে আলোচিত হলেও অভিযোগের ঘটনাটি ২০২৫ সালের আগস্টে ঘটে। পরে ২০২৬ সালের মে মাসের শেষ দিকে কিশোরীর পরিবার মামলা দায়ের করলে বিষয়টি জনসমক্ষে আসে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৯:৫৪
তেহরানে এক মঞ্চে হামাস, হিজবুল্লাহ ও হুথি নেতারা I ছবি: সংগৃহীত
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে এক মঞ্চে হামাস, হিজবুল্লাহ ও হুথি নেতারা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি প্রতিনিধিরা। শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত বিশাল এই শোক অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষের পাশাপাশি বিদেশি কূটনীতিক ও কর্মকর্তারাও উপস্থিত থেকে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।   ইরান দীর্ঘদিন ধরেই হামাস, হিজবুল্লাহ এবং হুথি আন্দোলনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করলেও তেহরান তাদের মিত্র এই শক্তিগুলোকে ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষ হিসেবে অভিহিত করে থাকে।   শনিবারের এই শোক অনুষ্ঠানে হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশ। অন্যদিকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন হামাসের অপর শীর্ষ নেতা বাসেম নাইম। এছাড়াও ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর নেতা জিয়াদ আল-নাখালা এবং হুথি আন্দোলনের শীর্ষ নেতা ধাইফ আল্লাহ আল-শামিও খামেনির জানাজায় অংশ নেন।   উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানেই এক হামলায় নিহত হয়েছিলেন হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। সেই ঘটনার পর খামেনির জানাজায় হামাস নেতাদের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, খামেনির মরদেহ তেহরান থেকে প্রথমে ইরানের কুম শহরে নেওয়া হবে। এরপর ইরাকের নাজাফ ও কারবালা প্রদক্ষিণ শেষে তাকে ইরানের মাশহাদে চূড়ান্তভাবে দাফন করা হবে। খামেনির মৃত্যুতে আগামী কয়েকদিন ধরে পুরো ইরানজুড়ে বড় ধরনের শোক মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৯:৩১
কোলাজ: আমেরিকা বাংলা
স্বামীর মৃত্যুর শোক কাটার আগেই প্রাণ গেল দুই সন্তানের মায়ের, অপহরণের পর হত্যা

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় দায়িত্ব পালনকালে ব্র্যান্ডি রেনল্ডস নামের এক নারী ডাককর্মীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মাত্র কয়েক মাস আগেই এক সড়ক দুর্ঘটনায় তিনি তার স্বামীকে হারিয়েছিলেন।   নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, শুক্রবার ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) এই কর্মী নিজের নির্ধারিত রুটে চিঠি বিলি করার সময় অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার হন। শার্লট অবজার্ভারের হাতে আসা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, হত্যার আগে দুই সন্তানের এই জননীকে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে উইলকস কাউন্টি শেরিফ অফিসের ডেপুটিরা হেইস এলাকার ৩০৪ মন্টিথ একরস থেকে তার প্রাণহীন মৃতদেহ উদ্ধার করেন।   এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় উইলিয়াম ক্রেইগ ডারহাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানা অনুযায়ী, ভুক্তভোগীর সম্মতি ছাড়াই তাকে এক স্থান থেকে অন্য স্থানে জোরপূর্বক সরিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গত সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন অযোগ্য অবস্থায় আটকে রাখার নির্দেশ দেন। তবে অভিযুক্ত ডারহামের সঙ্গে নিহত ব্র্যান্ডির কোনো পূর্বপরিচয় ছিল কি না বা এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে ঠিক কী উদ্দেশ্য লুকিয়ে আছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা।   পারিবারিক জীবনে ব্র্যান্ডি ছিলেন দুই কন্যাসন্তানের মমতাময়ী মা। গত ফেব্রুয়ারিতে ফেসবুকে সন্তানদের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, তার সন্তানেরাই তার বেঁচে থাকার একমাত্র কারণ। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এর মাত্র কয়েক মাস আগে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর ব্র্যান্ডির স্বামী ব্রেন্ট এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন।   উইলকস কাউন্টিতে ট্রাক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। স্বামী হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই দায়িত্ব পালনরত অবস্থায় ব্র্যান্ডির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইউএসপিএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৯:৮
ক্যালিফোর্নিয়ার চিকিৎসক ডা. ভায়োলেটা মাইলিয়ান I ছবি: সংগৃহীত
রোগী না দেখিয়েই বিল, ৪৫ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতিতে ক্যালিফোর্নিয়ার চিকিৎসক দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে মেডিকেয়ারকে লক্ষ্য করে সংঘটিত সবচেয়ে বড় বোটক্স জালিয়াতির একটি মামলায় ক্যালিফোর্নিয়ার চিকিৎসক ভায়োলেটা মাইলিয়ান দোষী সাব্যস্ত হয়েছেন। ফেডারেল জুরির রায়ে প্রমাণিত হয়েছে, তিনি অপ্রয়োজনীয় এবং অনেক ক্ষেত্রে কখনোই দেওয়া হয়নি এমন বোটক্স ইনজেকশনের নামে মেডিকেয়ারের কাছে প্রায় ৪ কোটি ৫০ লাখ ডলারের ভুয়া বিল জমা দিয়েছিলেন।   যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ভায়োলেটা মাইলিয়ান ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলে অবস্থিত ‘হেলদি ওয়ে মেডিকেল সেন্টার’-এর মালিক ও পরিচালনাকারী ছিলেন। মেডিকেয়ার দীর্ঘস্থায়ী মাইগ্রেনের মতো নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজনে বোটক্সের খরচ বহন করলেও, তিনি হাজার হাজার রোগীর নামে এমন চিকিৎসার বিল করেন যা হয় কখনো দেওয়া হয়নি, নয়তো চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় ছিল না। এ ছাড়া কেবল সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে দেওয়া বোটক্স চিকিৎসার বিলও মেডিকেয়ারের কাছে জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।     বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, মাইলিয়ান বিদেশ ভ্রমণ ও বিলাসবহুল ছুটিতে থাকা অবস্থাতেও রোগীদের বোটক্স ইনজেকশন দেওয়ার দাবি করে বিল করেছেন। এমনকি যেসব দিনে তার ক্লিনিক বন্ধ ছিল, সেদিনও চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে। একটি ক্ষেত্রে ফেডারেল কারাগারে বন্দি থাকা একজন মেডিকেয়ার সুবিধাভোগীর নামেও বোটক্স চিকিৎসার বিল জমা দেওয়া হয়েছিল।     তদন্তকারীরা আরও জানান, ফেডারেল তদন্ত শুরু হওয়ার পর তিনি রোগীদের চিকিৎসা-সংক্রান্ত নথি, সম্মতিপত্র এবং অন্যান্য মেডিকেল রেকর্ড জাল করে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে জুরি তাকে নয়টি ওয়্যার ফ্রড এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অপরাধের তদন্তে বাধা দেওয়ার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে।     বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এই জালিয়াতির সূত্রপাত ধরা পড়ে সরকারি তথ্য বিশ্লেষণের মাধ্যমে। স্বাস্থ্যসেবা জালিয়াতি দমন বিভাগের ডেটা অ্যানালিটিক্স টিম লক্ষ্য করে যে, যুক্তরাষ্ট্রে মেডিকেয়ার থেকে বোটক্স চিকিৎসার বাবদ সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন মাইলিয়ান। গত চার বছরে তিনি ২ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অর্থ পেয়েছিলেন, যা একই খাতে পরবর্তী সর্বোচ্চ অর্থপ্রাপ্ত চিকিৎসকদের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। এই অস্বাভাবিক তথ্যই তদন্তের ভিত্তি তৈরি করে।     মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পাশাপাশি জুরি তার বেশ কয়েকটি সম্পদ জব্দেরও নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে একটি টেসলা মডেল এক্স, একটি সাইবারট্রাক, একাধিক ব্যাংক ও বিনিয়োগ হিসাব এবং ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কয়েকটি মূল্যবান স্থাবর সম্পত্তি, যেগুলো জালিয়াতির অর্থ দিয়ে কেনা হয়েছে বলে প্রসিকিউটরদের দাবি।     ভায়োলেটা মাইলিয়ানের সাজা আগামী ১০ সেপ্টেম্বর ঘোষণা হওয়ার কথা রয়েছে। প্রতিটি ওয়্যার ফ্রড অভিযোগে সর্বোচ্চ ২০ বছর এবং তদন্তে বাধা দেওয়ার প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন ফেডারেল আদালতের বিচারক।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৮:৪৭
১৮তম বারের মতো চ্যাম্পিয়ন জোয়ি চেস্টনাট I ছবি: সংগৃহীত
মাত্র ১০ মিনিটে ৬৬টি হট ডগ, ১৮তম বারের মতো চ্যাম্পিয়ন জোয়ি চেস্টনাট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ‘নাথানস ফেমাস ফোর্থ অব জুলাই হট ডগ ইটিং কনটেস্ট’-এ আবারও নিজের অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন জোয়ি চেস্টনাট। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৬৬টি হট ডগ ও বান সাবাড় করে রেকর্ড ১৮তম বারের মতো কাঙ্ক্ষিত ‘মাস্টার্ড ইয়েলো বেল্ট’ জয় করেন তিনি।   প্রতিযোগিতামূলক এই খেলাটিতে যা আইস হকির ‘স্ট্যানলি কাপ’ জয়ের সমতুল্য। ৪১ বছর বয়সী এই প্রতিযোগীর এটি ছিল টানা দ্বিতীয় শিরোপা। এই ঐতিহাসিক জয়ের ফলে তিনি চ্যাম্পিয়নশিপ বেল্টের পাশাপাশি ১০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি লাভ করেছেন। বিজয়ের পর প্রধান স্পন্সর পলিমার্কেটের একটি দৃষ্টিনন্দন নেকলেস পরিহিত অবস্থায় উচ্ছ্বসিত চেস্টনাট জানান, স্বাধীনতা দিবসে এখানে বসে খাওয়াটা তার কাছে স্বপ্নের মতো এবং পৃথিবীর আর কোথাও এমন বৈদ্যুতিক উন্মাদনা নেই।   তবে এবারের প্রতিযোগিতায় চেস্টনাটের জন্য সবচেয়ে বড় বাধা ছিল তীব্র গরম। পুরুষদের প্রতিযোগিতা শুরুর সময় তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইট, যা তার দ্রুতগতিতে খাওয়ার স্বাভাবিক ক্ষমতার ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলে। চেস্টনাট স্বীকার করেন যে, গরমে তার গলা শুকিয়ে আসছিল এবং দ্রুত খাবার গিলতে কষ্ট হচ্ছিল। তবে তিনি আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়েছিলেন যেন গরম তাকে কাবু করতে না পারে।   নিজেকে শান্ত রেখে তিনি খাওয়ার গতি ধরে রাখেন। নিজের ২০২১ সালের ৭৬টি হট ডগ খাওয়ার রেকর্ড ভাঙতে না পারলেও, দ্বিতীয় স্থানে থাকা প্যাট্রিক বার্টোল্লেত্তিকে (৫১টি হট ডগ) বেশ বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। উল্লেখ্য, একটি প্ল্যান্ট-বেজড মিট কোম্পানির সাথে স্পন্সরশিপ চুক্তির কারণে ২০২৪ সালে এই প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছিলেন চেস্টনাট। সেবার চেস্টনাটের অনুপস্থিতিতে বার্টোল্লেত্তি চ্যাম্পিয়ন হয়েছিলেন।   অন্যদিকে, নারীদের বিভাগে ১২তম বারের মতো চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন ফ্লোরিডার বাসিন্দা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিকি সুডো। ৪০ বছর বয়সী এই প্রতিযোগী ৩৮.৭৫টি হট ডগ খেয়ে প্রথম স্থান অধিকার করেন। আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত এবারের এই বিশেষ আয়োজনে কোনোভাবেই হারতে রাজি ছিলেন না বলে জানিয়েছেন সুডো। তীব্র গরম ও শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও দুই চ্যাম্পিয়নের এমন অবিস্মরণীয় পারফরম্যান্স উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৮:১৭
৩৫ মিলিয়ন ডলারের রাজপ্রাসাদ কিনলেন মাত্র ১০ ডলারে I ছবি: নিউইয়র্ক পোস্ট
৩৫ মিলিয়ন ডলারের রাজপ্রাসাদ কিনলেন মাত্র ১০ ডলারে, তোলপাড় নিউ জার্সি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইতিহাসে অন্যতম দামি একটি বিলাসবহুল বাড়ি মাত্র ১০ ডলারে কিনে নিয়েছেন কাজাখস্তানের এক 'রাজপুত্র'। ক্রেতা দানিয়ার কেসিকবায়েভ হলেন কাজাখস্তানের সাবেক স্বৈরশাসক নুরসুলতান নজরবায়েভের প্রাক্তন ভাতিজা এবং মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়ের জামাই। সম্পত্তি নিবন্ধনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে নিউ জার্সির আলপাইন এলাকার ২ মার্গো ওয়ের ওই প্রাসাদতুল্য বাড়িটি তিনি মাত্র ১০ ডলারে নিজের নামে করে নেন, যার বর্তমান বাজারমূল্য আকাশছোঁয়া।   প্রায় ১৭ হাজার ১৫০ বর্গফুটের এই সুবিশাল বাড়িটি ৩.১ একর জমির ওপর অবস্থিত, যেখানে ৯টি বেডরুম ছাড়াও রয়েছে একটি ফুল-লেংথ বাস্কেটবল কোর্ট, বোলিং অ্যালি, হোম থিয়েটার, লাইব্রেরি, ওয়াইন সেলার, ইনডোর এবং আউটডোর সুইমিং পুলসহ বিলাসবহুল জীবনযাপনের সব ধরনের আয়োজন।   ২০১২ সালে বাড়িটি ২০ মিলিয়ন ডলার নগদে কেসিকবায়েভের সঙ্গে যুক্ত একটি বেনামি কোম্পানির কাছে বিক্রি হয়েছিল, যা সে সময় নিউ জার্সির সবচেয়ে দামি বাড়ি বিক্রির রেকর্ড গড়েছিল। আশ্চর্যের বিষয় হলো, সম্প্রতি ২০২৬ সালের ট্যাক্স অ্যাসেসমেন্ট অনুযায়ী বর্তমানে এই প্রাসাদের বাজারমূল্য প্রায় ৩৫.৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।   সম্প্রতি এই বাড়িটির মালিকানা নিয়ে মালয়েশিয়ায় ব্যাপক গুঞ্জন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবে দাবি করা হয় যে, নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুর তার মেয়ের জামাইয়ের সঙ্গে এই কেনাকাটায় জড়িত ছিলেন এবং পরবর্তীতে এটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস-ভিত্তিক একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।   তবে রোসমাহ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে মানহানিকর আখ্যা দিয়েছেন এবং পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। কেসিকবায়েভের ঘনিষ্ঠ একটি সূত্রও নিশ্চিত করেছে যে, বাড়িটির মালিকানা এখনো তারই রয়েছে এবং এটি অন্য কারও কাছে হস্তান্তর করা হয়নি।   নামমাত্র মূল্যে কেসিকবায়েভের এমন বহুমূল্য সম্পত্তি বাগিয়ে নেওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০০৮ সালে তার সৎবাবা বোলাট নজরবায়েভের অর্থে কেনা ম্যানহাটনের প্লাজা হোটেলের ২০ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল কন্ডো তিনি মাত্র ১ ডলারে নিজের ও মায়ের নামে করে নিয়েছিলেন। পরবর্তীতে ২০১২ সালে বোলাট এই জালিয়াতির বিরুদ্ধে ১০ কোটি ডলারের মামলা ঠুকে দিলে ২০১৪ সালে আদালতের বাইরে একটি আপস-মীমাংসার মাধ্যমে সেটির সুরাহা হয়, যেখানে বোলাট তার অন্যান্য সম্পত্তির অধিকার পেলেও এই নিউ জার্সির বাড়িটির দাবি ছেড়ে দিয়েছিলেন।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৭:৫৭
ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা I ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ফোর্ট লডারডেল পুলিশ বিভাগ জানিয়েছে, রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ওয়েস্ট ব্রোওয়ার্ড বুলেভার্ডের ৩০০০ ব্লকে ছুটে যান।   ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা প্রাথমিক পরীক্ষা শেষে ওই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে না গিয়ে সেখানেই অবস্থান করছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কার গাফিলতি ছিল, তা উদ্ঘাটনে ফোর্ট লডারডেল পুলিশের ট্রাফিক হোমিসাইড ইউনিট এরই মধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৭:৪২
কোলাজ: আমেরিকা বাংলা
মিয়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ, জাল টিকিট কাণ্ডে আটক ৮ দর্শক

মিয়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ফিফা বিশ্বকাপের ম্যাচ চলাকালীন আটজনকে গ্রেপ্তার করেছে মিয়ামি-ডেইড শেরিফ অফিস এবং মিয়ামি পুলিশ। শুক্রবারের এই ঘটনায় আটকদের বিরুদ্ধে অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ, জালিয়াতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   মিয়ামি-ডেইড শেরিফ অফিসের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একটি ক্রীড়া ইভেন্টে বেআইনিভাবে বাধা সৃষ্টির মতো গুরুতর (ফেলোনি) অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, সুইটওয়াটারের বাসিন্দা ২৩ বছর বয়সী ডেলফিনা দেগুই স্টেডিয়ামের গেট খোলার আগেই অন্যের পরিচয়পত্র ব্যবহার করে ভেতরে প্রবেশের কথা স্বীকার করেছেন।   অন্যদিকে, জেফারসন হনোরিও দা সিলভা (৪১) নামের এক ব্যক্তি জাল টিকিট নিয়ে প্রবেশের চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হয়ে তিনি আবারও ফিরে আসেন এবং একটি গেট জোরপূর্বক খুলে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। পরে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।   বিনা টিকিটে নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন মিয়ামি বিচ এলাকার ২১ বছর বয়সী বাসিন্দা হুয়ান ক্যাপোটে গার্সিয়া। একটি বাথরুম থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিউইয়র্ক থেকে খেলা দেখতে আসা নিকোলাস পিনো এবং হুলিয়ান দাউদ নামের আরও দুই সমর্থককে তিন স্তরের কড়া নিরাপত্তাবেষ্টনী পার হওয়ার পর আটকে দেয় পুলিশ।   এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আরেক ব্যক্তি, ৩৫ বছর বয়সী নিকোলাস রিকের বিরুদ্ধে দুটি লঘু অপরাধের (মিসডিমিনার) অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খল আচরণের জন্য তাকে প্রথমে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দিলে এবং বিরূপ আচরণ করলে শেষ পর্যন্ত তাকে হেফাজতে নেওয়া হয়।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৭:২১
ছবি: নিউইয়র্ক পোস্ট
‘স্থানীয় রিপাবলিকানদের হত্যা করো’—ট্র্যান্সজেন্ডার কর্মীর উগ্র বার্তায় তোলপাড় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকানদের বিরুদ্ধে সরাসরি প্রাণঘাতী সহিংসতা ও ‘ট্র্যান্স জিহাদ’-এর ডাক দিয়ে তীব্র তোলপাড় সৃষ্টি করেছেন এক ট্র্যান্সজেন্ডার অধিকারকর্মী। একটি নির্বাচনী প্রচারণার সাবেক ওই স্বেচ্ছাসেবী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তায় রিপাবলিকান এবং ট্রাম্পের ‘মাগা’ (MAGA) আন্দোলনের সমর্থকদের ‘পশু’ আখ্যা দিয়ে তাদের লক্ষ্য করে এই উগ্র ও হুমকিমূলক বক্তব্য দেন। অভিযুক্ত ওই কর্মীর নাম তেহা দেলারুয়েল, যিনি উইসকনসিনের ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী ক্যাটরিনা ডিভিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দেলারুয়েল একটি হোয়াইট বোর্ডের সামনে বসে আছেন, যেখানে কালো মার্কার দিয়ে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে—"তোমার স্থানীয় রিপাবলিকানকে হত্যা করো।" ভিডিওতে এই লেখার দিকে ইঙ্গিত করে তাকে বলতে শোনা যায়, তারা উইসকনসিন রাজ্যে এটিকে একটি সাধারণ বা মধ্যপন্থী অবস্থান হিসেবে তৈরি করতে চান।   আগামী ১১ আগস্টের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে এই উগ্র এজেন্ডা বাস্তবায়নে তিনি অনুসারীদের সাহায্যও প্রার্থনা করেন। আরেকটি বিতর্কিত ভিডিওতে রাইফেলের ছবি সংবলিত ট্র্যান্সজেন্ডার পতাকার পটভূমিতে তিনি ঘোষণা করেন, এবার রিপাবলিকান ও মাগা সমর্থকদের রাস্তায় ভয় আর উদ্বেগ নিয়ে চলতে হবে এবং এটিই হবে তাদের নতুন স্থায়ী বাস্তবতা।   চরম উস্কানিমূলক এই ভিডিও এবং ব্লগ পোস্টগুলো প্রকাশ্যে আসার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাটরিনা ডিভিল তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে তার প্রচারণা দল থেকে বহিষ্কার করেন এবং তার সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করে দেন। ডিভিল এক বিবৃতিতে স্পষ্ট জানান, দেলারুয়েল খুব অল্প সময়ের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন।   কিন্তু তার মানসিক বিকৃতি ও বিপজ্জনক আচরণ প্রকাশ পাওয়ার পরপরই তাকে সরিয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের সহিংসতা বা বিদ্বেষমূলক বার্তার বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডিভিল বলেন, এই ধরনের হুমকি তার নিজের জীবন ও প্রচারণাকেও ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং তিনি কোনোভাবেই এই সহিংসতাকে সমর্থন করেন না।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৬:৫৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
নাপা কাউন্টিতে পার্ক করা গাড়িতে ধাক্কা দিয়ে সটকে পড়ার অভিযোগ পল পেলোসির বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে পার্ক করে রাখা একটি গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার (হিট-অ্যান্ড-রান) অভিযোগে তদন্তের মুখে পড়েছেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি। গত ৩ জুলাই (শুক্রবার) বেলা আড়াইটার দিকে ইয়াউন্টভিল এলাকার ইয়োন্ট স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় শেরিফ অফিস।   প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৮৬ বছর বয়সী পল পেলোসি তার বাদামি রঙের কনভার্টিবল গাড়িটি চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িতে সজোরে ধাক্কা দেন। এতে পার্ক করা গাড়িটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর তিনি কিছুক্ষণের জন্য গাড়ি থামালেও পুনরায় চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরবর্তীতে এক প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইয়াউন্টভিল ক্রস রোডে পেলোসির গাড়িটি বিকল অবস্থায় রাস্তার একটি অংশ অবরুদ্ধ করে থাকতে দেখে।   পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেলোসি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার কথা স্বীকার করেন। তবে সেটি যে একটি গাড়ি ছিল, তা তিনি বুঝতে পারেননি বলে দাবি করেছেন। তিনি জানান, গাড়িটি বিকল হয়ে পুরোপুরি থেমে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেটি চালিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের তদন্তে এটি নিশ্চিত হওয়া গেছে যে, দুর্ঘটনার সময় পল পেলোসি কোনোভাবেই মদ্যপ ছিলেন না।   যেহেতু ক্যালিফোর্নিয়ার ট্রাফিক আইন অনুযায়ী হতাহতবিহীন সম্পত্তি নষ্টের এই ধরনের ঘটনাগুলো ‘লঘু অপরাধ’ (মিসডিমিনার) হিসেবে বিবেচিত হয়, তাই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তবে পুরো ঘটনাটির আনুষ্ঠানিক পর্যালোচনার জন্য মামলাটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বয়স্ক চালকদের ক্ষেত্রে প্রচলিত নিরাপত্তা নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস বা ডিএমভি-তে তার ড্রাইভিং সক্ষমতা পুনর্মূল্যায়নের জন্য একটি রেফারেল ফর্মও জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৬:৪৩
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হাজারো মানুষকে বিনা মূল্যে খাওয়ালেন রেস্তোরাঁ মালিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত 'এমব্যাসি ডাইনার'-এর মালিক গাস সিওর্ভাস ৪ঠা জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনপ্রিয় টেলিভিশন শো 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-এর একটি বিশেষ লাইভ সম্প্রচারে অংশ নিতে ভোর ৪টার আগেই যারা রেস্তোরাঁটিতে হাজির হয়েছিলেন, তাদের সবার খাবারের বিল তিনি নিজের পকেট থেকে পরিশোধ করেছেন। মূলত নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান থেকেই হাজারো গ্রাহককে তিনি বিনা মূল্যে এই খাবার পরিবেশন করেন।   নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সিওর্ভাস জানান, তাদের রান্নাঘরে ওইদিন সাত কেস ডিম রান্না করা হয়েছে, যার প্রতিটিতে ৩০ ডজন করে ডিম ছিল। সব মিলিয়ে কয়েক হাজার মানুষকে খাবার দিয়েছেন তারা। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, "দেশের জন্মদিনে এত মানুষের একসঙ্গে জড়ো হওয়াটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য।" দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সিওর্ভাস তার রেস্তোরাঁটিকে 'আমেরিকার সবচেয়ে দেশপ্রেমিক ডাইনার' হিসেবে ট্রেডমার্ক করেছেন এবং প্রায়ই অতিথিদের মাঝে টি-শার্ট বিতরণ করেন। কয়েক দশক আগে শূন্য হাতে গ্রিস থেকে পাড়ি জমানো তার বাবা পিটার সিওর্ভাসের সফলতার পেছনে আমেরিকার অবদানকেই সবচেয়ে বড় করে দেখেন তিনি।   সিওর্ভাস তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে রেস্তোরাঁটি পরিচালনা করেন, যাদের অনেকেই জরুরি সেবাকর্মী (ফার্স্ট রেসপন্ডার) হিসেবে কাজ করেন। তিনি তার এই ডাইনারটিকে পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস ও হাসপাতাল কর্মীদের জন্য একটি ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে উৎসর্গ করেছেন। নাসাউ পুলিশের সাবেক কর্মকর্তা ক্রেগ ক্যাসিন জানান, ২০২৪ সালে অজানা হৃদরোগে তার ছেলে কনর মারা যাওয়ার পর সিওর্ভাস তাৎক্ষণিকভাবে তাদের ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ ও স্পন্সরের কাজে এগিয়ে আসেন। কেবল দানশীলতা নয়, স্বাধীনতা দিবসসহ প্রতিটি উৎসবে রেস্তোরাঁটির চোখধাঁধানো সাজসজ্জার জন্যও লং আইল্যান্ডে ব্যাপকভাবে সমাদৃত গাস সিওর্ভাস।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৬:২৬
চালকহীন রোবোট্যাক্সি সেবা চালু করল টেসলা I ছবি: সংগৃহীত
টেক্সাসের পর এবার মিয়ামিতে চালকহীন রোবোট্যাক্সি সেবা চালু করল টেসলা

টেক্সাসের অস্টিনে প্রথম পাবলিক রোবোট্যাক্সি সেবা চালুর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চালকহীন ট্যাক্সি সেবা সম্প্রসারণ করেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থার ওপর টেসলার ক্রমবর্ধমান মনোযোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আপাতত মিয়ামির একটি নির্দিষ্ট ও সীমিত এলাকায় এই সেবা চালু করা হয়েছে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে বাড়ানো হবে।   টেসলার এই রোবোট্যাক্সিগুলো সম্পূর্ণ চালকহীনভাবে এবং মানুষের সাহায্য ছাড়াই রাস্তাঘাটে চলাচল করতে সক্ষম। গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে কোম্পানির সর্বশেষ ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) সফটওয়্যার। মিয়ামি ও অস্টিনের পর টেক্সাসের ডালাস ও হিউস্টনসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি প্রধান শহরে এই স্বয়ংক্রিয় ট্যাক্সি সেবা চালুর জোরালো পরিকল্পনা রয়েছে টেসলার। এর মাধ্যমে দেশজুড়ে নিজেদের চালকহীন যাতায়াত নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।   বর্তমানে এই সেবার জন্য টেসলার প্রচলিত গাড়িগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে রূপান্তর করে ব্যবহার করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি তাদের বিশেষায়িত চালকহীন যান ‘সাইবারক্যাব’ নিয়েও পুরোদমে কাজ করছে। ২০২৪ সালে উন্মোচিত এই সাইবারক্যাবে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল রাখা হয়নি। এদিকে চালকহীন ট্যাক্সির বৈশ্বিক বাজারে টেসলাকে ওয়েইমো (Waymo) এবং জুক্স (Zoox)-এর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে, যারা ইতিমধ্যেই পুরো যুক্তরাষ্ট্রজুড়ে তাদের স্বয়ংক্রিয় ট্যাক্সি সেবা দ্রুত সম্প্রসারণ করছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৬:৭
বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি I ছবি: সংগৃহীত
উড়ন্ত ট্যাক্সি আর স্বপ্ন নয়, জোবির সঙ্গে যৌথ কোম্পানি গড়ল টয়োটা

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন এবং জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন উড়ন্ত ট্যাক্সির বাণিজ্যিক উৎপাদন ত্বরান্বিত করতে নতুন একটি যৌথ কোম্পানি গঠনের ঘোষণা দিয়েছে। ‘জোবি টয়োটা অ্যারো ম্যানুফ্যাকচারিং প্রিপারেশন কোম্পানি (জেটিএএমপিসি)’ নামে এই যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতের আকাশপথের গণপরিবহন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়।     ৩০ জুন ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ এবং জাপানের টয়োটা সিটি থেকে যৌথভাবে এ ঘোষণা দেওয়া হয়। নতুন কোম্পানির প্রধান কার্যালয় হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এতে টয়োটার মালিকানা থাকবে ৫১ শতাংশ এবং জোবি এভিয়েশনের মালিকানা থাকবে ৪৯ শতাংশ।     দুই প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হবে জোবির এস৪ (S4) মডেলের বৈদ্যুতিক উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম (ইভিটিওএল) উড়োজাহাজের বাণিজ্যিক উৎপাদনের ভিত্তি তৈরি করা। একই সঙ্গে উৎপাদনের গুণগত মান, দক্ষতা, উৎপাদনশীলতা এবং ব্যয় ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর জোর দেওয়া হবে।     চুক্তির আওতায় জোবি তাদের এস৪ উড়োজাহাজ উৎপাদনের একচেটিয়া অধিকার যৌথ কোম্পানিকে দিয়েছে। পাশাপাশি উৎপাদনের জন্য প্রয়োজনীয় মেধাস্বত্বও (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) রয়্যালটি ছাড়াই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে উড়োজাহাজের সার্টিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করবে এবং সম্ভাব্য বাণিজ্যিক চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।     জোবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোবেন বেভার্ট বলেন, প্রায় এক দশক ধরে টয়োটা তাদের উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে। নতুন এই উদ্যোগ দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং আকাশপথে দৈনন্দিন যাতায়াতের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।     টয়োটা মোটর করপোরেশনের চেয়ারম্যান আকিও তোয়োদা বলেন, সবার জন্য সহজলভ্য যাতায়াত নিশ্চিত করাই টয়োটার দীর্ঘদিনের দর্শন। সেই ভাবনারই স্বাভাবিক সম্প্রসারণ হচ্ছে আকাশপথের চলাচল, যা ভবিষ্যতে মানুষের জীবন ও সমাজে নতুন মূল্য যোগ করতে পারে।     জোবি এভিয়েশন বর্তমানে এমন বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি তৈরি করছে, যা হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে, তবে তুলনামূলকভাবে কম শব্দ এবং শূন্য নির্গমনে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনের জন্য নকশা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের উড়ন্ত ট্যাক্সির বাণিজ্যিক অনুমোদন ও বাজারজাতকরণের প্রতিযোগিতায় রয়েছে।     টয়োটা এর আগেও জোবি এভিয়েশনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে এবং উৎপাদন প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করেছে। নতুন যৌথ কোম্পানি গঠনের মাধ্যমে সেই অংশীদারিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন হলে আগামী কয়েক বছরে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নগর পরিবহনের একটি বাস্তব বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৫:৫৪
ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে পুনরায় ড্রাইভিং পরীক্ষা দেওয়ার নির্দেশ I ছবি: সংগৃহীত
অনিয়মের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে পুনরায় ড্রাইভিং পরীক্ষা দেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রায় ১১ হাজার লাইসেন্সধারী চালককে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিলের সতর্কতা জানিয়ে চিঠি দিয়েছে ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি)। চিঠিতে বলা হয়েছে, তাদের লিখিত ড্রাইভিং পরীক্ষার ফলাফলে ‘অনিয়ম’ বা অসংগতি ধরা পড়েছে। এই পরিস্থিতিতে লাইসেন্স টিকিয়ে রাখতে হলে চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাদের আবারও লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় না বসলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।   ডিএমভির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে যারা লিখিত ড্রাইভিং পরীক্ষা দিয়েছিলেন, মূলত তাদের মধ্য থেকেই এই ১১ হাজার জনকে পুনরায় পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্যাক্রামেন্টোর বাসিন্দা ডেভিড স্পেখট এমনই একটি চিঠি পেয়েছেন, যেখানে বলা হয়েছে তার পরীক্ষার ফলাফল রাজ্যের নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।   তবে স্পেখটের দাবি, তিনি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেননি এবং তার মতো আরও অনেকেই বিনা দোষে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। ডিএমভিতে যোগাযোগ করলেও তাকে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তার ধারণা, ডিএমভির নিজস্ব ডেটাবেস বা তথ্য ব্যবস্থাপনায় কোনো প্রযুক্তিগত ত্রুটি ঘটার কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।   এদিকে, পুরো বিষয়টি নিয়ে ডিএমভি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ড্রাইভিং পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার। মূলত একজন চালক ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে কতটা অবগত, তা যাচাই করে পরীক্ষা প্রক্রিয়ার সততা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।   চিঠি পাওয়া চালকদের আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার জন্য অবশ্যই আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পরীক্ষার দিন ডিএমভির পাঠানো মূল চিঠিটি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় কোনো ওয়াক-ইন বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট করেছে ডিএমভি।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৫:৪৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর I ছবি: সংগৃহীত
৫ জনের জাল ভিসা ধরা পড়তেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। চেক-ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং পাস নেওয়ার পরও বিমানে ওঠেননি ৭৬ জন যাত্রী। বোর্ডিং গেটে পাঁচ যাত্রীর ভিসা জাল ও অসঙ্গতিপূর্ণ হিসেবে শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাকি ৭১ জন সুকৌশলে বিমানবন্দর ছেড়ে পালিয়ে যান। শনিবার (৪ জুলাই) রাতে ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এই অভিনব ঘটনাটি ঘটে।   বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রাত ৮টা ৩৫ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। কিন্তু বোর্ডিং গেটে প্রবেশের সময় পাঁচজন যাত্রীর পাসপোর্টের তথ্যের সঙ্গে ভিসার বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে এবং তাদের তাৎক্ষণিকভাবে অফলোড করা হয়। এই অফলোডের খবর মুহূর্তের মধ্যে ওই ফ্লাইটের অন্যান্য যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে।   ফলে গ্রেপ্তার বা আটকের ভয়ে একই ফ্লাইটের আরও ৭১ জন যাত্রী বিমানে ওঠার বদলে তড়িঘড়ি করে বিমানবন্দর ত্যাগ করেন।   এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ভিসা যথাযথভাবে যাচাই না করেই বিমান সংস্থার চেক-ইন কাউন্টার থেকে কীভাবে তাদের ‘ভেরিফায়েড’ সিলসহ বোর্ডিং পাস দেওয়া হলো এবং তারা কীভাবে ইমিগ্রেশন পুলিশের নজরদারি পেরিয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ৭৬ জন যাত্রীই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন এবং একটি অসাধু ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে অবৈধভাবে থেকে যাওয়ার গোপন পরিকল্পনা ছিল তাদের।   প্রত্যক্ষদর্শীদের মতে, বোর্ডিং চলাকালে সন্দেহভাজন কয়েকজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের ভিসার ত্রুটি ধরা পড়ে। এর কিছুক্ষণ পরই লাইনে থাকা অন্য যাত্রীদের একটি বড় অংশকে আর দেখা যায়নি। বিমানবন্দর সূত্র আরও জানায়, এদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার কথা বললেও তাদের ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ইমিগ্রেশন পুলিশ আগেই কয়েকজনকে অফলোডের সিদ্ধান্ত নেয়। তবে এই পুরো ঘটনাটি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৫:১৭
যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল I ছবি: সংগৃহীত
তীব্র গরমে থমকে গেল উদযাপন, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ভয়ংকর তাপপ্রবাহের কারণে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে আয়োজিত বেশ কয়েকটি মেগা অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ফিলাডেলফিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া এবং কলোরাডোর মতো একাধিক অঙ্গরাজ্যে জনসমাগমপূর্ণ এসব উৎসব প্রচণ্ড গরমের কারণে বাতিল করা হয়েছে।   ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার' তীব্র গরমের কারণে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, রেকর্ড তাপমাত্রায় মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই গরমজনিত অসুস্থতায় ভোগেন, যাদের মধ্যে অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।   পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বিকেল ৫টায় মেলাটি পুনরায় খুলে দেওয়া হয়। একই কারণে ডিসিতে স্বাধীনতা দিবসের একটি সকালের প্যারেড বাতিল করা হয় এবং ক্যাপিটল ফোর্থ কনসার্টে দর্শকদের প্রবেশের সময় কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। অন্যদিকে, ফিলাডেলফিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বহুল প্রতীক্ষিত 'স্যালুট টু ইন্ডিপেনডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড' পুরোপুরি বাতিল করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান 'ওয়াওয়া ওয়েলকাম আমেরিকা'র প্রধান নির্বাহী মাইকেল ডেলবেনে জানান, এমন বিপজ্জনক আবহাওয়ায় এত বড় আয়োজন করা অসম্ভব, কারণ তাঁদের কাছে অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তাই সবার আগে।   আবহাওয়াবিদদের মতে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ চরম তাপমাত্রার মধ্যে দিন পার করছেন। ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা বাতাসে আর্দ্রতার কারণে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। নিউইয়র্ক সিটিতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ২০১২ সালের পর শহরটির সর্বোচ্চ তাপমাত্রা।   নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বর্তমান আবহাওয়াকে সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন। তবে এমন চরম বৈরী আবহাওয়ার মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওয়াশিংটন ডিসিতে খোলা আকাশের নিচে দীর্ঘ ভাষণ দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।   আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এই তীব্র গরম অব্যাহত থাকবে। সেই সঙ্গে উত্তরাঞ্চল, মধ্য-পশ্চিম ও গ্রেট লেকস এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এমনকি টর্নেডোরও আশঙ্কা রয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বিশ্বজুড়ে তাপপ্রবাহ আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী হচ্ছে।   শিল্পবিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ জরুরি ভিত্তিতে কমানো না গেলে ভবিষ্যতে এমন বিপজ্জনক তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন তাঁরা।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৫:১
কোলাজ: আমেরিকা বাংলা
পেনসিলভেনিয়ায় অবৈধ অভিবাসী ট্রাক চালকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ডিউটিরত অবস্থায় এক অবৈধ হাইতিয়ান অভিবাসী ট্রাক চালকের ধাক্কায় মাইকেল ই. পাহিরা জুনিয়র (৪৪) নামে এক স্টেট ট্রুপার (পুলিশ কর্মকর্তা) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে স্কুইলকিল কাউন্টির ইন্টারস্টেট ৮১ মহাসড়কে একটি সেমিট্রাক পরিদর্শনের সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাজ্য পুলিশ জানিয়েছে, পাহিরা তার টহল গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে সড়কের ডান পাশে পার্ক করে একটি ট্রাক পরিদর্শন করছিলেন।   এ সময় পেছন থেকে ছুটে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে মারাত্মক চেইন রিঅ্যাকশন সৃষ্টি হয় এবং কর্মকর্তা পাহিরা চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই উভয় ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। স্থানীয় নির্মাণ শ্রমিকরা ধোঁয়া দেখে দ্রুত ছুটে এসে পাহিরাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।   ঘাতক ট্রাকটির ৩৩ বছর বয়সি চালক মাইকেল বন মূলত হাইতির নাগরিক। বাইডেন প্রশাসনের আমলে ২০২৪ সালের জুলাই মাসে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের প্যারোলভুক্ত হিসেবে ফ্লোরিডা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরবর্তীতে তার টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বা অস্থায়ী সুরক্ষা মর্যাদার আবেদন বাতিল হয় এবং ২০২৫ সালের জুনে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তার প্যারোল বাতিল করে দেশত্যাগের নির্দেশ দেয়।   কিন্তু সেই আইনি নির্দেশ সম্পূর্ণ অমান্য করে তিনি ম্যাসাচুসেটসের ব্রকটনে বসবাস চালিয়ে যাচ্ছিলেন। শুধু তাই নয়, সেখানে তিনি একটি 'নন-ডোমিসাইলড কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স (সিডিএল)' সংগ্রহ করে ভারী ট্রাক চালানো শুরু করেন। ম্যাসাচুসেটস কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ঠিক এক মাস আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তার এই লাইসেন্সটি নবায়ন করা হয়েছিল।   দুর্ঘটনায় আহত ঘাতক চালক বনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে গ্রেপ্তার করে ভেহিকুলার হোমিসাইড, বেপরোয়া গাড়ি চালিয়ে অন্যের জীবন বিপন্ন করা এবং অনিচ্ছাকৃত হত্যার মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ৭ লাখ ডলারের জামিন নির্ধারণ করা হয়েছে এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে ইমিগ্রেশন ডিটেইনার জারি করা হয়েছে। অবৈধ অভিবাসীর মাধ্যমে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।   ২০০৭ সালে পেনসিলভেনিয়া স্টেট পুলিশে যোগ দেওয়া পাহিরাকে তার সহকর্মীরা একজন অত্যন্ত "ভালো মানুষ এবং ভালো পুলিশ" হিসেবে স্মরণ করছেন। ক্যান্সারে আক্রান্ত মায়ের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য তিনি সম্প্রতি মায়ের কাছেই ফিরে এসেছিলেন। পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, পাহিরা তার মায়ের কেমোথেরাপির সময় নিজে হাতে মায়ের চুল কেটে দিয়েছিলেন। একজন দায়িত্বশীল সন্তান এবং নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তার এমন মর্মান্তিক মৃত্যুতে রাজ্য পুলিশ এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৪:৪১
খামেনির জানাজার মাঝেই ট্রাম্পের কটাক্ষ I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
‘আমরা ভালো মানুষ, তাই সময় দিয়েছি’—খামেনির জানাজার মাঝেই ট্রাম্পের কটাক্ষ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য কর্মসূচি শুরু হয়েছে। তবে এই শোকাবহ ও সংবেদনশীল পরিস্থিতির মধ্যেই ইরানকে নিয়ে চরম কটাক্ষ ও উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘ভয়াবহভাবে আঘাত করেছে’ এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য মার্কিন প্রশাসন দেশটিকে ‘এক সপ্তাহ সময় দিয়েছে’।   যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মাউন্ট রাশমোরের কাছে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এই বিতর্কিত মন্তব্য করেন। ভূ-রাজনৈতিক মঞ্চে নিজের আগ্রাসী অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে।   তবে আমরা ভালো মানুষ বলেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এই এক সপ্তাহ সময় দিয়েছি।” উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আলি খামেনি নিহত হন, যার পরশ্রুতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করার বিধান থাকলেও, তীব্র যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া দীর্ঘ সময় বিলম্বিত হয়।   গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলেও মধ্যপ্রাচ্যে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি বারবার নাজুক অবস্থায় পৌঁছালেও সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষের মাত্রা কিছুটা কমে এসেছে। এর সূত্র ধরেই ইরান গত ৪ জুলাই থেকে খামেনির রাষ্ট্রীয় জানাজা কর্মসূচি শুরু করে।   ছয় দিনের এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জুলাই কোম শহরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই তাঁর জন্মস্থান পবিত্র মাশহাদ শহরে দাফনের মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। জানাজা উপলক্ষে তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে খামেনির ছবি সংবলিত পোস্টার ও বিলবোর্ড টানানো হয়েছে এবং তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শোকগ্রস্ত জনতাকে ট্রাম্পবিরোধী স্লোগান সংবলিত ব্যানার বহন করতে দেখা গেছে।   এদিকে তীব্র নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে আলি খামেনির ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর বাবার শেষকৃত্যে প্রকাশ্যে অংশ নেবেন না বলে জানা গেছে। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি জানিয়েছেন, ইসরাইলের সম্ভাব্য ড্রোন হামলা ও গোয়েন্দা নজরদারির উচ্চ ঝুঁকির কারণে মোজতবার প্রকাশ্যে উপস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।   বিদায়ের এই করুণ মুহূর্তে আলি খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে তাঁর ১৪ মাস বয়সি নাতনির ছোট একটি কফিন, যে ওই মার্কিন-ইসরাইলি হামলায় নিহত হয়েছিল। একই সঙ্গে ওই হামলায় প্রাণ হারানো খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহও শেষ শ্রদ্ধার জন্য তাঁর কফিনের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৪:২৮
খামেনির জানাজায় ক্ষোভে ফুঁসছে লাখো ইরানি I ছবি: সংগৃহীত
‘রক্তের বদলা রক্তে’, খামেনির জানাজায় ক্ষোভে ফুঁসছে লাখো ইরানি

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শনিবার রাজধানী তেহরানে সমবেত হয়েছিল লাখো মানুষের ঢল। এই বিপুল জনতার কণ্ঠে শোকের মাতমের পাশাপাশি প্রতিধ্বনিত হয়েছে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন। জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হামলায় নিহত সর্বোচ্চ নেতার হত্যার চূড়ান্ত প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন তারা।   তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হওয়া লাখো জনতার আবেগ ও ক্ষোভের চিত্র ছিল চোখে পড়ার মতো। আরশ রাহিমি নামের ৪০ বছর বয়সি এক শোকাহত ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে নিজেদের অনড় অবস্থানের কথা তুলে ধরে বলেন, তাঁরা নিশ্চিতভাবেই তাঁদের নেতার রক্তের বদলা নেবেন।   তিনি স্পষ্টভাবে জানান, জানাজায় আসা প্রত্যেকেই এই হত্যাকাণ্ডের বিচার চান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে রক্তের শত্রুতা রয়েছে, তা কখনোই মিটমাট হওয়ার নয়। জাতীয় শোকের এই গভীরতা সাধারণ ইরানিদের কতটা ছুঁয়ে গেছে, তা হামাদান প্রদেশ থেকে আসা হামিদ তেইমোরির কথায় আরও স্পষ্ট হয়ে ওঠে। আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, নিজের বাবার মৃত্যুতেও তিনি এতটা কাঁদেননি, যতটা খামেনির শাহাদাতের খবরে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাড়ে তিন দশক ধরে শাসন করা খামেনির এই বিশাল জানাজাকে কাজে লাগিয়ে ইরান সরকার পশ্চিমাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব জাতীয় ঐক্যের বার্তা দিতে চাইছে। জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভ এবং আবেগকে ব্যবহার করে সরকার নিজেদের ভূ-রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছে।   মার্কিন-ইসরাইলি বিমান হামলায় সর্বোচ্চ নেতার এই আকস্মিক ও মর্মান্তিক বিদায়ের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এক নতুন সংকটের মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের জের ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক অচিরেই আরও চরম ও ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৪:১১
ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০ I ছবি: সংগৃহীত
১৪ বছরের কিশোরীদের টার্গেট, ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত এক বিশাল ফেডারেল অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। "অপারেশন ব্রোকেন ব্লেড" নামের এই সাঁড়াশি অভিযানটি মূলত লস অ্যাঞ্জেলেসের কুখ্যাত ফিগুয়েরোয়া করিডর এলাকাকে কেন্দ্র করে চালানো হয়। ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, মানবপাচার ও অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন শোষণের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে একটি মোটেল এবং একাধিক বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।   দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের ফিগুয়েরোয়া করিডরের কাছে অবস্থিত 'স্টেডিয়াম ইন অ্যান্ড স্পাস' নামক ওই মোটেলে তল্লাশি চালিয়ে এর ৪৫ বছর বয়সী অন-সাইট ম্যানেজার মুকেশকুমার রামভাই আহিরকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের মতে, তিনি সরাসরি মানবপাচারে জড়িত না থাকলেও যৌনপাচারের অবৈধ আয় থেকে লাভবান হওয়া এবং হিসাব জালিয়াতির মাধ্যমে সেই অর্থ আড়াল করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আর্থিক অপরাধের মামলা দায়ের করা হয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশই স্থানীয় কুখ্যাত 'হুভার গ্যাং'-এর সদস্য কিংবা সহযোগী। দীর্ঘ সময় ধরে ফিগুয়েরোয়া করিডর এলাকায় যৌনপাচার ও পতিতাবৃত্তির পুরো নিয়ন্ত্রণ ছিল এই চক্রটির হাতে। বুধবার প্রকাশিত ফেডারেল অভিযোগপত্রে অন্তত ৫১ জন ভুক্তভোগীর কথা উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের বয়স মাত্র ১৪ বছর। অভিযুক্তদের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের জোরপূর্বক ও প্রতারণার মাধ্যমে যৌনপাচার, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার এবং অর্থপাচারের মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে।   ফেডারেল প্রসিকিউটরদের তদন্তে উঠে এসেছে এই চক্রের নির্মমতার চিত্র। তারা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম বা সরাসরি যোগাযোগের মাধ্যমে আর্থিক ও মানসিকভাবে দুর্বল কিশোরী এবং তরুণীদের টার্গেট করত। বিশেষ করে ফস্টার কেয়ারের মেয়েদের বা বাড়ি থেকে পালানো শিশুদের বিলাসবহুল জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হতো।   পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন, নির্মম শারীরিক নির্যাতন এবং অক্সিকোডন ও অ্যামফেটামিনের মতো ভয়ংকর মাদকে আসক্ত করে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। অভিযোগ রয়েছে, কিছু দালাল ভুক্তভোগীদের শরীরে জোরপূর্বক দাগ বা ব্র্যান্ডিং করে দিত। এমনকি এক ভুক্তভোগীকে জোর করে গর্ভপাত করানোর পর একই রাতে পুনরায় যৌনকাজে বাধ্য করার মতো শিউরে ওঠা তথ্যও পেয়েছে পুলিশ।   লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, গত বছর ওই এলাকা থেকে ৫৪ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ৭০ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করা হয়েছে। মানবপাচার ও এ ধরনের নিষ্ঠুর যৌন শোষণ পুরোপুরি নির্মূল করতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

প্রকাশ : জুলাই ৪, ২০২৬ ১৩:৫৯