যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রায় ১১ হাজার লাইসেন্সধারী চালককে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিলের সতর্কতা জানিয়ে চিঠি দিয়েছে ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি)। চিঠিতে বলা হয়েছে, তাদের লিখিত ড্রাইভিং পরীক্ষার ফলাফলে ‘অনিয়ম’ বা অসংগতি ধরা পড়েছে। এই পরিস্থিতিতে লাইসেন্স টিকিয়ে রাখতে হলে চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাদের আবারও লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় না বসলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ডিএমভির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে যারা লিখিত ড্রাইভিং পরীক্ষা দিয়েছিলেন, মূলত তাদের মধ্য থেকেই এই ১১ হাজার জনকে পুনরায় পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্যাক্রামেন্টোর বাসিন্দা ডেভিড স্পেখট এমনই একটি চিঠি পেয়েছেন, যেখানে বলা হয়েছে তার পরীক্ষার ফলাফল রাজ্যের নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে স্পেখটের দাবি, তিনি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেননি এবং তার মতো আরও অনেকেই বিনা দোষে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। ডিএমভিতে যোগাযোগ করলেও তাকে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তার ধারণা, ডিএমভির নিজস্ব ডেটাবেস বা তথ্য ব্যবস্থাপনায় কোনো প্রযুক্তিগত ত্রুটি ঘটার কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এদিকে, পুরো বিষয়টি নিয়ে ডিএমভি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ড্রাইভিং পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার। মূলত একজন চালক ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে কতটা অবগত, তা যাচাই করে পরীক্ষা প্রক্রিয়ার সততা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চিঠি পাওয়া চালকদের আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার জন্য অবশ্যই আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পরীক্ষার দিন ডিএমভির পাঠানো মূল চিঠিটি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় কোনো ওয়াক-ইন বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট করেছে ডিএমভি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত 'এমব্যাসি ডাইনার'-এর মালিক গাস সিওর্ভাস ৪ঠা জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনপ্রিয় টেলিভিশন শো 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-এর একটি বিশেষ লাইভ সম্প্রচারে অংশ নিতে ভোর ৪টার আগেই যারা রেস্তোরাঁটিতে হাজির হয়েছিলেন, তাদের সবার খাবারের বিল তিনি নিজের পকেট থেকে পরিশোধ করেছেন। মূলত নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান থেকেই হাজারো গ্রাহককে তিনি বিনা মূল্যে এই খাবার পরিবেশন করেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সিওর্ভাস জানান, তাদের রান্নাঘরে ওইদিন সাত কেস ডিম রান্না করা হয়েছে, যার প্রতিটিতে ৩০ ডজন করে ডিম ছিল। সব মিলিয়ে কয়েক হাজার মানুষকে খাবার দিয়েছেন তারা। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, "দেশের জন্মদিনে এত মানুষের একসঙ্গে জড়ো হওয়াটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য।" দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সিওর্ভাস তার রেস্তোরাঁটিকে 'আমেরিকার সবচেয়ে দেশপ্রেমিক ডাইনার' হিসেবে ট্রেডমার্ক করেছেন এবং প্রায়ই অতিথিদের মাঝে টি-শার্ট বিতরণ করেন। কয়েক দশক আগে শূন্য হাতে গ্রিস থেকে পাড়ি জমানো তার বাবা পিটার সিওর্ভাসের সফলতার পেছনে আমেরিকার অবদানকেই সবচেয়ে বড় করে দেখেন তিনি। সিওর্ভাস তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে রেস্তোরাঁটি পরিচালনা করেন, যাদের অনেকেই জরুরি সেবাকর্মী (ফার্স্ট রেসপন্ডার) হিসেবে কাজ করেন। তিনি তার এই ডাইনারটিকে পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস ও হাসপাতাল কর্মীদের জন্য একটি ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে উৎসর্গ করেছেন। নাসাউ পুলিশের সাবেক কর্মকর্তা ক্রেগ ক্যাসিন জানান, ২০২৪ সালে অজানা হৃদরোগে তার ছেলে কনর মারা যাওয়ার পর সিওর্ভাস তাৎক্ষণিকভাবে তাদের ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ ও স্পন্সরের কাজে এগিয়ে আসেন। কেবল দানশীলতা নয়, স্বাধীনতা দিবসসহ প্রতিটি উৎসবে রেস্তোরাঁটির চোখধাঁধানো সাজসজ্জার জন্যও লং আইল্যান্ডে ব্যাপকভাবে সমাদৃত গাস সিওর্ভাস।
যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ভয়ংকর তাপপ্রবাহের কারণে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে আয়োজিত বেশ কয়েকটি মেগা অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ফিলাডেলফিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া এবং কলোরাডোর মতো একাধিক অঙ্গরাজ্যে জনসমাগমপূর্ণ এসব উৎসব প্রচণ্ড গরমের কারণে বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার' তীব্র গরমের কারণে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, রেকর্ড তাপমাত্রায় মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই গরমজনিত অসুস্থতায় ভোগেন, যাদের মধ্যে অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বিকেল ৫টায় মেলাটি পুনরায় খুলে দেওয়া হয়। একই কারণে ডিসিতে স্বাধীনতা দিবসের একটি সকালের প্যারেড বাতিল করা হয় এবং ক্যাপিটল ফোর্থ কনসার্টে দর্শকদের প্রবেশের সময় কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। অন্যদিকে, ফিলাডেলফিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বহুল প্রতীক্ষিত 'স্যালুট টু ইন্ডিপেনডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড' পুরোপুরি বাতিল করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান 'ওয়াওয়া ওয়েলকাম আমেরিকা'র প্রধান নির্বাহী মাইকেল ডেলবেনে জানান, এমন বিপজ্জনক আবহাওয়ায় এত বড় আয়োজন করা অসম্ভব, কারণ তাঁদের কাছে অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তাই সবার আগে। আবহাওয়াবিদদের মতে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ চরম তাপমাত্রার মধ্যে দিন পার করছেন। ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা বাতাসে আর্দ্রতার কারণে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। নিউইয়র্ক সিটিতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ২০১২ সালের পর শহরটির সর্বোচ্চ তাপমাত্রা। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বর্তমান আবহাওয়াকে সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন। তবে এমন চরম বৈরী আবহাওয়ার মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওয়াশিংটন ডিসিতে খোলা আকাশের নিচে দীর্ঘ ভাষণ দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এই তীব্র গরম অব্যাহত থাকবে। সেই সঙ্গে উত্তরাঞ্চল, মধ্য-পশ্চিম ও গ্রেট লেকস এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এমনকি টর্নেডোরও আশঙ্কা রয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বিশ্বজুড়ে তাপপ্রবাহ আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী হচ্ছে। শিল্পবিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ জরুরি ভিত্তিতে কমানো না গেলে ভবিষ্যতে এমন বিপজ্জনক তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস কাউন্টিতে পথচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে কার্যকর করা হয়েছে নতুন পার্কিং বিধিমালা। ক্যালিফোর্নিয়ার ‘ডেলাইটিং’ (Daylighting) পার্কিং আইন এবং নির্দিষ্ট বড় আকৃতির যানবাহনের পার্কিং-সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে এখন শক্ত অবস্থানে রয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট (এলএএসডি)। এখন থেকে এসব নিয়ম ভঙ্গ করলেই চালকদের সরাসরি ৬৩ ডলারের জরিমানার টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রধানত দুটি পার্কিং লঙ্ঘনের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিফোর্নিয়ার ‘ডেলাইটিং’ আইন, যা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই নতুন আইন অনুযায়ী, চিহ্নিত কিংবা অচিহ্নিত যেকোনো ক্রসওয়াকের অন্তত ২০ ফুটের মধ্যে কোনো ধরনের যানবাহন পার্কিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি কোনো ক্রসওয়াকে কার্ব এক্সটেনশন (Curb Extension) থাকে, সেক্ষেত্রে পার্কিংয়ের জন্য ন্যূনতম ১৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। অন্যদিকে, লস এঞ্জেলেস কাউন্টির ‘নন-কনফর্মিং ভেহিকল অর্ডিন্যান্স’ অনুযায়ী, বড় আকারের বা নির্দিষ্ট কিছু বিশেষ যান কেবল অনইনকরপোরেটেড (Unincorporated) এলাকার নির্ধারিত স্থানেই পার্ক করা যাবে। যত্রতত্র বড় গাড়ি রাখলে তা সরাসরি আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উপরোক্ত দুটি নিয়মের যেকোনো একটি অমান্য করলে চালককে তাৎক্ষণিকভাবে ৬৩ ডলার জরিমানা গুণতে হবে। পাশাপাশি বড় যানবাহনের ক্ষেত্রে আইন অমান্য করলে কর্তৃপক্ষের গাড়ি টো (Tow) করে নিয়ে যাওয়ারও পূর্ণ ক্ষমতা রয়েছে। গাড়ি টো করা হলে সেটি উদ্ধার এবং সংরক্ষণের যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণভাবে গাড়ির মালিককেই বহন করতে হবে। শেরিফস ডিপার্টমেন্ট জানিয়েছে, এই কড়াকড়ির মূল লক্ষ্য হলো পথচারীদের নিরাপত্তা বৃদ্ধি করা। মোড় বা ক্রসওয়াকের কাছাকাছি গাড়ি পার্ক করা না থাকলে চালক ও পথচারী উভয়েই রাস্তা স্পষ্টভাবে দেখতে পান, যা ট্রাফিক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে। এখন পর্যন্ত ঠিক কতটি জরিমানার টিকিট ইস্যু করা হয়েছে বা কাউন্টির কোন কোন অনইনকরপোরেটেড এলাকায় বেশি অভিযান চলছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি শেরিফস ডিপার্টমেন্ট। তবে চালকদের অনাকাঙ্ক্ষিত জরিমানা ও আইনি ঝামেলা এড়াতে গাড়ি পার্ক করার আগে আশপাশের পরিস্থিতি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মোড় বা ক্রসওয়াকের কাছে গাড়ি রাখার সময় অন্তত ২০ ফুট (প্রায় একটি বড় এসইউভি গাড়ির সমান দূরত্ব) ফাঁকা রাখতে বলা হয়েছে। পাশাপাশি বড় বা বিশেষ ধরনের যানবাহনের মালিকদের কাউন্টির পার্কিং বিধিমালা সম্পর্কে সচেতন হতে এবং কেবল অনুমোদিত স্থানেই গাড়ি পার্ক করার বিশেষ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।