- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ক্যাসিনোতে বড় ধরনের এক হত্যাযজ্ঞের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদসহ ৩৬ বছর বয়সী অ্যালিসন হাওলেট নামের এক ট্রান্সজেন্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। জন্মসূত্রে পুরুষ হলেও অ্যালিসন একজন নারী হিসেবেই জীবনযাপন করেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার হুমকি, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, গাড়ি ও অস্ত্র চুরি এবং পুলিশের কাজে বাধা দেওয়াসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অ্যালিসনের সাবেক স্ত্রী পুলিশকে ফোন করে জানান যে, অ্যালিসন তার গাড়ি চুরি করে পালিয়েছে এবং গাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, অ্যালিসন সম্ভবত পুলিশের গুলিতে নিজের মৃত্যু (সুইসাইড বাই কপ) অথবা কোনো বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা করেছেন। সাবেক স্ত্রীর ফোনে থাকা ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে পুলিশ গাড়িটির অবস্থান শনাক্ত করে এবং সানসেট স্টেশন হোটেলের একটি গ্যারেজে গাড়িটি খুঁজে পায়। গ্যারেজে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা দেখেন, অ্যালিসন গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজাচ্ছেন এবং গাড়ি থেকে বের হওয়ার নির্দেশ বারবার অমান্য করছেন। একপর্যায়ে দীর্ঘক্ষণ পর তিনি পুলিশের কাছে পান করার জন্য পানি চান। আর এই সুযোগটিই কাজে লাগান উপস্থিত চৌকস পুলিশ কর্মকর্তারা। অ্যালিসন পানির বোতল নিতে হাত বাড়াতেই কর্মকর্তারা তার হাত চেপে ধরে তাকে গাড়ি থেকে টেনে বের করেন। এ সময় তাকে কাবু করতে পুলিশ টেজার (Taser) ব্যবহার করে। গ্রেপ্তারের পরপরই পুলিশ দেখতে পায়, অ্যালিসন একটি হ্যান্ডগানের ওপর বসে ছিলেন এবং পেছনের সিটেই একটি এমপি৫ (MP5) সাবমেশিনগান রাখা ছিল। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আরও ২২টি আগ্নেয়াস্ত্র এবং শত শত রাউন্ড গুলি উদ্ধার করে। শুধু তাই নয়, হেন্ডারসনে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে স্বয়ংক্রিয় রাইফেল, গ্রেনেড লঞ্চার অ্যাটাচমেন্ট, সাইলেন্সার ও বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালিসন গত কয়েক বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ ২০২৪ সালের একটি অডিও রেকর্ডিংয়ে তাকে এফবিআই গ্রেপ্তার না করলে বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বহাল রাখার একদিন পরই তথাকথিত 'বার্থ ট্যুরিজম' ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, পর্যটক, দর্শনার্থী বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার এই প্রবণতা রোধে এখন থেকে কেন্দ্রীয় কৌঁসুলি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালোভাবে কাজ করবে। হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআইকে ভিসা প্রক্রিয়ার অপব্যবহারকারীদের শনাক্ত করতে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। টড ব্লাঞ্চ জোর দিয়ে বলেন, যারা ভ্রমণের কথা বলে এসে শুধু মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দেয়, তাদের সেই সুযোগ সীমিত করতে ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি। বিচার বিভাগের জালিয়াতি দমন শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ডও এক দাপ্তরিক নির্দেশনায় বার্থ ট্যুরিজম সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, মার্কিন অভিবাসন ব্যবস্থার প্রতারণামূলক অপব্যবহারকারীদের আইনের আওতায় এনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের পবিত্রতা রক্ষা করবে বিচার বিভাগ। তবে অবাক করা বিষয় হলো, গত এপ্রিলে ‘ট্রাম্প বনাম বারবারা’ মামলার শুনানিতে খোদ সরকারি আইনজীবীই স্বীকার করেছিলেন যে, এই বার্থ ট্যুরিজম সমস্যাটি আসলে কতটা ব্যাপক, তা নিশ্চিতভাবে কারও জানা নেই। অ্যান্টি-ইমিগ্রেশন থিংকট্যাংক ‘সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ’-এর দেওয়া তথ্যমতে, ট্যুরিস্ট ভিসায় আসা নারীদের মাধ্যমে বছরে ২০ থেকে ২৬ হাজার শিশুর জন্ম হয়, যা যুক্তরাষ্ট্রে প্রতি বছর জন্মগ্রহণকারী মোট শিশুর ১ শতাংশেরও কম। পরিসংখ্যানগত দিক থেকে হার এত কম হওয়া সত্ত্বেও জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যুক্তিতে বার্থ ট্যুরিজমকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হাউস স্পিকার মাইক জনসনও দাবি করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে এই সুযোগের চরম অপব্যবহার করা হচ্ছে এবং অনেকেই শুধু সন্তান জন্ম দিয়ে মার্কিন রাষ্ট্রের কল্যাণমূলক সুবিধাগুলো ভোগ করতে চাইছেন। মূলত মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর নতুন ব্যাখ্যা দিয়ে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, অবৈধ অভিবাসী বা ট্যুরিস্ট ও বিদেশি শিক্ষার্থীদের মতো অস্থায়ী ভিসায় থাকা নাগরিকদের সন্তানরা যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ বিচারিক আওতাধীন নয়, তাই তারা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্টের ৬-৩ সংখ্যাগরিষ্ঠের রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস এই যুক্তি পুরোপুরি খারিজ করে দেন। সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে ধাক্কা খাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এখন স্থায়ী আইনি মর্যাদাহীন বাবা-মায়ের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার বিষয়ে নতুন আইন পাসের জন্য আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন। তবে কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত বিতর্কিত এই বিলটি পাস করাতে হলে তাকে ৬০ ভোটের ‘ফিলিবাস্টার’ বাধা অতিক্রম করতে হবে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কার্যত প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, সুপ্রিম কোর্টের এই রায়ের এবং বিশেষ করে রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের অবস্থানের কড়া সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রায়ের ব্যাপারে নিজের অসন্তোষ প্রকাশ করে ভ্যান্স বলেন, একজন অবৈধ অভিবাসী বা ছুটিতে এসে সন্তান জন্ম দেওয়া কোনো পর্যটকের পুরো পরিবার এভাবে রাতারাতি মার্কিন নাগরিকত্বের সুবিধা পেয়ে যাবে, তা কখনোই সংবিধানের চতুর্দশ সংশোধনীর প্রণেতাদের উদ্দেশ্য ছিল না।
জাতীয় সংসদে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পাঁচটি সংবাদমাধ্যমে মাত্র ৮০ ঘণ্টায় ৯৯টি কনটেন্ট প্রকাশের দাবি উঠেছে। অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ জুন সকাল ৭টা থেকে ১ জুলাই দুপুর ৩টা পর্যন্ত বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪, ডেইলি সান এবং বাংলানিউজ২৪ ডটকমে হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ৯৯টি নেতিবাচক কনটেন্ট প্রকাশ করা হয়। এর মধ্যে অনেক প্রতিবেদনই একই তথ্য, বক্তব্য বা অভিযোগকে ভিন্ন শিরোনাম ও ফরম্যাটে একাধিক মাধ্যমে পুনঃপ্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সংসদে কী বলেছিলেন হাসনাত? গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের মামলার অগ্রগতি, সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা এবং সংবাদমাধ্যম ব্যবহারের মাধ্যমে সমালোচকদের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদের মালিকানাধীন গণমাধ্যমে ওই ব্যক্তিকে লক্ষ্য করে প্রচারণা শুরু হয়। ৫ সংবাদমাধ্যমে ৯৯ কনটেন্ট দ্য ডিসেন্ট জানায়, নির্ধারিত চার দিনে প্রকাশিত ৯৯টি কনটেন্টের মধ্যে— কালের কণ্ঠ: ৭৬টি, ডেইলি সান: ৯টি, বাংলাদেশ প্রতিদিন: ৫টি, বাংলানিউজ২৪: ৫টি নিউজ২৪: ৪টি। কালের কণ্ঠেই সবচেয়ে বেশি কনটেন্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছিল ৩৫টি ভিডিও, ৩০টি ফটোকার্ড এবং ১১টি সংবাদ প্রতিবেদন। প্রতিবেদনে দাবি করা হয়, একই বিষয়বস্তুকে ভিডিও, সংবাদ, ফটোকার্ড এবং ইংরেজি অনুবাদসহ বিভিন্ন ফরম্যাটে প্রকাশ করে কনটেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। ৯টি মূল বিষয়, বারবার পুনঃপ্রচার বিশ্লেষণে বলা হয়েছে, প্রকাশিত ৯৯টি কনটেন্ট মূলত মাত্র ৯টি প্রধান অভিযোগ বা বক্তব্যকে কেন্দ্র করে তৈরি। এর মধ্যে ছিল— "হাসনাত আবদুল্লাহ: সাদা সাদা, কালা কালা", "মব বিতর্কে হাসনাত" "হাসনাতের দাপটে আক্রান্ত এক দিনমজুর পরিবার", মো. তারেক রহমানের বক্তব্য রাশেদ খানের বক্তব্য, এম এ আউয়াল খানের বক্তব্য, সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করার অভিযোগ, ই-টেন্ডার নিয়ে অভিযোগ, অন্যান্য দুর্নীতির অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী, একই বক্তব্যকে বিভিন্ন শিরোনাম, ভিডিও ও ফটোকার্ডে রূপান্তর করে একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। কালের কণ্ঠ ছিল 'প্রাথমিক উৎস'—দাবি। দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ অনুযায়ী, অধিকাংশ কনটেন্ট প্রথমে কালের কণ্ঠে প্রকাশিত হয়। পরে একই বিষয়বস্তু ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪ এবং নিউজ২৪-এ প্রকাশ করা হয়। প্রতিবেদনটির ভাষ্য, কালের কণ্ঠ কার্যত পুরো প্রচারণার মূল উৎস বা 'ফিডার' হিসেবে কাজ করেছে। তিন রাজনীতিকের বক্তব্যেই ৩৩ কনটেন্ট বিশ্লেষণে বলা হয়েছে, মো. তারেক রহমান, রাশেদ খান এবং বিএনপি নেতা এম এ আউয়াল খানের বক্তব্য ব্যবহার করে মোট ৩৩টি কনটেন্ট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে— মো. তারেক রহমানের বক্তব্য নিয়ে ১৮টি, এম এ আউয়াল খানের বক্তব্য নিয়ে ৯টি, রাশেদ খানের বক্তব্য নিয়ে ৬টি কনটেন্ট প্রকাশ করা হয়। অভিযোগের পক্ষে প্রমাণ নিয়ে ও রয়েছে প্রশ্ন দ্য ডিসেন্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশিত বহু প্রতিবেদনে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করা হলেও সেগুলোর সমর্থনে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে বিশেষভাবে উন্নয়ন প্রকল্প, ত্রাণের অর্থ, মসজিদ নির্মাণ, মব কালচার এবং বিভিন্ন আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ বিশ্লেষণ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি নথি, নিরীক্ষা প্রতিবেদন বা পূর্বপ্রকাশিত তথ্যের সঙ্গে কিছু দাবির অসঙ্গতি রয়েছে। গণমাধ্যম গবেষক অধ্যাপক আ-আল মামুন বলেন, অল্প সময়ে একজন ব্যক্তিকে লক্ষ্য করে এত বিপুল সংখ্যক কনটেন্ট প্রকাশ করা হলে সেটিকে 'শিকারি সাংবাদিকতা' (Predatory Journalism) হিসেবে বিবেচনা করা যেতে পারে। তার ভাষায়, এ ধরনের সাংবাদিকতায় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ধারাবাহিক কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়, যা সাংবাদিকতার প্রচলিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি এ ধরনের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান। দ্য ডিসেন্টের প্রকাশিত প্রতিবেদনে বসুন্ধরা গ্রুপ বা সংশ্লিষ্ট পাঁচটি সংবাদমাধ্যমের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি। এই অভিযোগগুলোর বিষয়ে তাদের অবস্থান জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের উইলকস কাউন্টিতে চিঠি বিলি করার সময় ব্র্যান্ডি রেনল্ডস (৩৫) নামের এক নারী ডাককর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) এই কর্মী গত শুক্রবার বিকেলে তার নির্ধারিত গ্রামীণ রুটে দায়িত্ব পালন করছিলেন। মর্মান্তিক এই ঘটনায় উইলিয়াম ক্রেইগ ডারহাম (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা এবং ফার্স্ট-ডিগ্রি অপহরণের গুরুতর অভিযোগ আনা হয়েছে। আদালতের নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত ডারহাম ওই নারীকে আতঙ্কিত করার উদ্দেশ্যে আটকে রেখে অপহরণ করেন এবং আক্রোশের বশবর্তী হয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে খুন করেন। তবে ভুক্তভোগী ও অভিযুক্তের মধ্যে আগে থেকে কোনো পরিচয় ছিল কি না বা ঠিক কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্তকারী কর্মকর্তারা এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। গত সোমবার আদালতে হাজির করার পর বিচারক ডারহামের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। শুনানিতে বিচারক উল্লেখ করেন, অভিযুক্ত ডারহামের অতীত অপরাধের রেকর্ড বেশ দীর্ঘ। এর আগে তার বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি অপহরণ এবং দাগী আসামি হিসেবে অবৈধ অস্ত্র রাখার মতো সাজাপ্রাপ্ত অপরাধের রেকর্ড রয়েছে। বর্তমানে ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস, নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং উইলকস কাউন্টি শেরিফ অফিস যৌথভাবে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। চলমান তদন্তের স্বার্থে ইউএসপিএস নতুন কোনো তথ্য প্রকাশ না করলেও নিহত কর্মীর পরিবার ও সহকর্মীদের প্রতি এক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে ব্র্যান্ডি রেনল্ডস একজন অত্যন্ত অমায়িক, বন্ধুবৎসল ও দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। জুলিয়া স্মিথ নামের এক স্থানীয় বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, ব্র্যান্ডি সবসময় হাসিখুশি থাকতেন এবং তাকে নির্দ্বিধায় ভরসা করা যেত। তিনি আরও বলেন, এই ঘটনায় পুরো এলাকার মানুষ গভীরভাবে শোকাহত। ব্র্যান্ডির এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারের ওপর যেন শোকের পাহাড় ভেঙে পড়েছে। দুর্ভাগ্যজনকভাবে, গত বছরের (২০২৫ সালের) ডিসেম্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্বামী ব্রেন্ট অ্যান্ড্রু রেনল্ডসও প্রাণ হারান। স্বামীর মৃত্যুর পর দুই কন্যাসন্তানই ছিল ব্র্যান্ডির বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মাত্র কয়েক মাসের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে ওই অবুঝ দুই শিশু।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র (CIA) সাবেক পরিচালক জন ব্রেনান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। নিজের বিরুদ্ধে চলমান বিভিন্ন তদন্তের রেকর্ড এবং প্রমাণাদি যাতে প্রশাসন সংরক্ষণ করতে বাধ্য হয়, সে বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে গত বুধবার তিনি এই আইনি পদক্ষেপ নেন। ব্রেনানের আইনজীবীদের দাবি, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তদন্তগুলো পরিচালনা করছে। ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়, তবে আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এই নথিগুলো সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। ওয়াশিংটনের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বর্তমান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এবং এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলকেও বিবাদী করা হয়েছে। বর্তমানে জন ব্রেনানের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের অন্তত দুটি ফৌজদারি তদন্ত চলছে। এর মধ্যে একটি হলো ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এবং অন্যটি ট্রাম্পকে ক্ষমতার বাইরে রাখার জন্য সাবেক কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের অভিযোগ। ব্রেনানের লিগ্যাল টিমের অভিযোগ, বর্তমান প্রশাসন তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করতেই আইনি ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে আলোচিত এই মামলার বিষয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে এক অপরিচিত যুবকের আকস্মিক ও নির্মম হামলায় গুরুতর আহত হওয়া ৬২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মিং ঝাং হি নামের ওই ব্যক্তি হামলার শিকার হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যমতে, গত ১২ জুন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে ব্রঙ্কসের কনকোর্স এলাকার ইস্ট মাউন্ট ইডেন অ্যাভিনিউয়ের কাছে ওয়ালটন অ্যাভিনিউয়ের একটি ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। সেখানে ২৭ বছর বয়সী কার্লোস ভ্যালেন্টিন নামের এক যুবকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কুইন্সের বাসিন্দা মিং ঝাং হি। এ সময় কার্লোস তাকে সজোরে ঘুষি মারেন, যার ফলে ওই বৃদ্ধের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। হামলাকারী ওই যুবক ভুক্তভোগীর পূর্বপরিচিত ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। হামলার পরপরই গুরুতর আহত অবস্থায় মিং ঝাং হিকে দ্রুত লিংকন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে সংকটাপন্ন অবস্থায় কয়েক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। অন্যদিকে, অভিযুক্ত কার্লোস ভ্যালেন্টিনকে গ্রেপ্তার করে পুলিশ এবং প্রাথমিকভাবে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়। তবে ভুক্তভোগী বৃদ্ধ মারা যাওয়ায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এবং ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএ) মিলে কার্লোসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পরিবর্তন করে আরও কঠোর শাস্তির ধারা যুক্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
থাইল্যান্ডের পাতায়ায় এক অস্ট্রেলীয় নাগরিকের হাতে ১৭ বছর বয়সী এক থাই কিশোরীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তুনচানোক দনহোমলা নামের ওই কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর তার মৃতদেহ একটি স্যুটকেসে ভরে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত ৪৫ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক সাইমন পিটার কারমানকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্প্রতি নিহত ওই কিশোরীর একটি হৃদয়বিদারক ভিডিও প্রকাশ্যে এসেছে, যা কাঁদিয়েছে অনেককেই। ভিডিওটিতে দেখা যায়, উত্তর-পূর্ব থাইল্যান্ডের কালাসিনে নিজেদের বাড়িতে বাবা থংচাইয়ের জন্মদিনে কেক হাতে হাসিমুখে উদযাপনে মেতেছেন দনহোমলা। কান্নাজড়িত কণ্ঠে তার বাবা জানান, মেয়ের কাছে তেমন টাকা না থাকলেও সে বাবার জন্য কেক কিনে এনেছিল। সেটিই ছিল তার সাথে কাটানো শেষ জন্মদিন। কয়েক মাস আগে ব্যাংককে পাড়ি জমানো এই কিশোরী জীবনে প্রথমবারের মতো সমুদ্র দেখার স্বপ্ন নিয়ে পাতায়ায় ঘুরতে গিয়েছিল, আর সেখানেই তাকে এমন মর্মান্তিক পরিণতির শিকার হতে হলো। পুলিশের দেওয়া তথ্যমতে, দনহোমলাকে হত্যার পর তার লাশ কয়েক ঘণ্টা ঘরে ফেলে রেখেই অভিযুক্ত কারমান কেনাকাটা, খাওয়া-দাওয়া এবং কাপড় ধোয়ার মতো স্বাভাবিক কাজগুলো সেরেছিলেন। এরপর সিসিটিভি ফুটেজে তাকে ওই স্যুটকেসটি টেনে নিয়ে অ্যাপার্টমেন্টের পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে বিমানবন্দরে পুলিশের হাতে ধরা পড়েন কারমান। এ সময় তার শরীরে ধস্তাধস্তির আঁচড়ের দাগ দেখতে পায় পুলিশ এবং সিসিটিভি ফুটেজ দেখানোর পর তিনি নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেছে তদন্তকারী কর্মকর্তারা। গত মঙ্গলবার বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী নিজ শহরে দনহোমলার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শোকাভিভূত বাবা থংচাই তার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন। তিনি বলেন, তার নির্দোষ মেয়েটি কেবল দুনিয়ার ভালো দিকগুলোই দেখত। শেষ যাত্রায় মেয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার সময় থংচাইয়ের মনে হচ্ছিল, মেয়েটি যেন গাড়িতে তার পাশেই বসে আছে। থাই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে দুর্ঘটনাবশত প্রিয় বন্ধুকে গুলি করে হত্যার পর অপরাধবোধে নিজেই আত্মঘাতী হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। নিউইয়র্কের সিরাকিউস শহরের লিংকন অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গত বুধবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ও ওননডাগা কাউন্টির প্রসিকিউটরদের তথ্যমতে, ১৬ বছর বয়সী ড্যামারিওন জোনস ভুলবশত তার ১৩ বছরের বন্ধু জোনাহ ট্যানারকে গুলি করে বসে। এই অনিচ্ছাকৃত ঘটনার পর তীব্র অনুশোচনা ও মানসিক যন্ত্রণায় ভুগে ওই একই ৯ মিলিমিটার হ্যান্ডগান দিয়ে জোনস নিজের প্রাণও কেড়ে নেয়। গুলিবিদ্ধ হওয়ার পর জোনস নিজের করা আঘাতেই মারা যায়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ট্যানারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে চিকিৎসকরা তাকে 'ব্রেইন ডেড' ঘোষণা করেন। ওননডাগা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি উইলিয়াম ফিটজপ্যাট্রিক জানান, ট্যানারকে গুলি করার পর জোনস সম্ভবত এতটাই অপরাধবোধে ভুগছিল যে সে নিজেকেও গুলি করতে বাধ্য হয়। তবে ওই দুই কিশোর কীভাবে আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল বা ঠিক কী পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এই ঘটনায় দুই পরিবারেই নেমে এসেছে শোকের কালো ছায়া। পরিবার ও স্বজনদের কাছে ওই দুই বন্ধু ছিল আক্ষরিক অর্থেই 'অবিচ্ছেদ্য'। ট্যানারের শেষকৃত্যের জন্য চালু করা একটি তহবিল সংগ্রহের পেজে তাদের বন্ধুত্বকে অত্যন্ত বিশেষ উল্লেখ করে বলা হয়, একই রাতে দুই ছেলেকে হারানোটা তাদের জন্য এক অসহনীয় যন্ত্রণা। এদিকে, জোনসের মা কিশা ব্রাউন জোনসও এক আবেগঘন বিবৃতিতে জানান, তার একমাত্র ছেলেটি ছিল অত্যন্ত দয়ালু ও স্নেহশীল। তারা দুজন সবসময় ভাইয়ের মতো একসাথেই থাকত, আর তাই তাদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে দুই বন্ধুকে একসাথেই সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। গত রোববার তাদের স্মরণে আয়োজিত এক শোকসভায় জোনসের মা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, মারা যাওয়ার আগে ছেলের বলা শেষ কথা ‘আই লাভ ইউ’ এখন তার জীবনের একমাত্র সম্বল হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ভিনটন কাউন্টির একটি বাড়ি থেকে চরম অমানবিক ও নোংরা পরিবেশে বসবাসরত ১৬ জন শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় শিশু নির্যাতনের অভিযোগে ওই পরিবারের চারজন প্রাপ্তবয়স্ক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার হ্যামডেন এলাকার ওই বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়। ওহাইওর অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি উইলসন জানিয়েছেন, শিশুদের অবস্থা এতটা শোচনীয় ছিল যে, উদ্ধার অভিযানে আর মাত্র ২৪ ঘণ্টা দেরি হলে হয়তো একাধিক শিশুর মৃত্যু হতে পারত। পুরো পরিস্থিতিকে ‘কল্পনার বাইরে’ বলে উল্লেখ করে তিনি জানান, উদ্ধারকৃতদের বয়স দেড় থেকে ১৮ বছরের মধ্যে এবং চার বছর ধরে সমাজবিচ্ছিন্ন থাকায় এদের অনেকেই কথা পর্যন্ত বলতে পারে না। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে সাতজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে এয়ারলিফট করে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়। ভিনটন কাউন্টির প্রসিকিউটর উইলিয়াম আর্চার নিশ্চিত করেছেন যে এটি কোনো মানব পাচারের ঘটনা নয়, বরং এটি একটি পারিবারিক ঘটনা। গ্রেপ্তার হওয়া চারজন হলেন—গ্যারি সাইডারস সিনিয়র (৭৩), ক্রিস্টিনা সাইডারস (৬৭), গ্যারি সাইডারস দ্বিতীয় (৩৬) এবং এলিজাবেথ সাইডারস (৩৩), যারা সম্পর্কে শিশুদের দাদা, দাদি, বাবা ও মা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে শিশু নির্যাতনের ১৬টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এদিকে শেরিফ রায়ান কেইন বাড়িটির পরিবেশকে চরম ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে বলেন, সেখানে মানুষের মলমূত্র ছড়িয়ে ছিল এবং শিশুদের একটি ছোট জায়গায় আটকে রাখা হতো। এমনকি সাধারণ গৃহপালিত পশুদেরও এর চেয়ে ভালো পরিবেশে রাখা হয় বলে তিনি মন্তব্য করেন।
ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ 'নোবিটেক্স' থেকে বিলিয়ন বিলিয়ন ডলার স্থানান্তরের ক্ষেত্রে বিশ্ব ক্রিপ্টো বাজারের দুই প্রভাবশালী ব্যক্তির তৈরি করা নেটওয়ার্কের সম্পৃক্ততা পাওয়া গেছে। কাকতালীয়ভাবে, এই দুই ক্রিপ্টো ব্যক্তিত্ব আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান ক্রিপ্টো উদ্যোগেরও অন্যতম বড় সমর্থক। রয়টার্সের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সাল থেকে নোবিটেক্স এক্সচেঞ্জ ট্রন এবং বিএনবি চেইন এর মাধ্যমে অন্তত ২.৩ বিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন করেছে। এই দুটি জনপ্রিয় ব্লকচেইন নেটওয়ার্ক গড়ে তুলেছেন যথাক্রমে ক্রিপ্টো ধনকুবের জাস্টিন সান ও চ্যাংপেং ঝাও। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও এই ডিজিটাল নেটওয়ার্ক দুটির মাধ্যমে ইরানি অর্থের প্রবাহ সচল ছিল। অন্যদিকে, সান এবং ঝাওয়ের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স (Binance)—উভয়ই ট্রাম্প ও তার পরিবারের সহপ্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল' এর গুরুত্বপূর্ণ অংশীদার ও সমর্থক। যদিও ট্রাম্প পরিবার নোবিটেক্সের এই বিপুল লেনদেনের বিষয়ে আগে থেকে অবগত ছিল এমন কোনো প্রমাণ মেলেনি, তবুও এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্তৃত ব্যবসায়িক স্বার্থ এবং তার রাষ্ট্রীয় পদের মধ্যে একটি সম্ভাব্য স্বার্থসংঘাতের বড় প্রশ্ন সামনে এনেছে। ক্রিপ্টো বিশ্লেষণ প্রতিষ্ঠান আরখামের উন্মুক্ত ব্লকচেইন ডাটা পরীক্ষা করে রয়টার্স নিশ্চিত করেছে যে, নিষেধাজ্ঞার আওতায় থাকা নোবিটেক্স ২০২৩ সালের জানুয়ারি থেকে ট্রনের মাধ্যমে ২ বিলিয়ন ডলার এবং বিএনবি চেইনের মাধ্যমে অন্তত ৩১৭ মিলিয়ন ডলারের লেনদেন করেছে। এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরেও এই প্ল্যাটফর্মগুলোতে কোটি কোটি ডলারের লেনদেন সচল ছিল। স্বতন্ত্র গবেষক ও ক্রিপ্টো বিশেষজ্ঞদের মতে, প্রকৃত লেনদেনের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে, কারণ নোবিটেক্স ট্র্যাকিং এড়াতে নিয়মিত তাদের ওয়ালেট ঠিকানা পরিবর্তন করে। এর আগে রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছিল যে, এই এক্সচেঞ্জটির ব্যবহারকারীদের তালিকায় খোদ ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাও রয়েছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বাইন্যান্স ও বিএনবি চেইনের মুখপাত্ররা দাবি করেছেন, বিএনবি চেইন একটি উন্মুক্ত, বিকেন্দ্রীভূত ও স্বাধীন ব্লকচেইন, যা কোনো নির্দিষ্ট কোম্পানি বা এক্সচেঞ্জ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ট্রনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা কেবল প্রযুক্তি সরবরাহকারী এবং প্রতিটি একক লেনদেন পর্যবেক্ষণ করা তাদের পক্ষে সম্ভব নয়। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে একে 'হাস্যকর' বলে আখ্যায়িত করেছেন। ওয়ার্ল্ড লিবার্টির মুখপাত্রও স্পষ্ট জানিয়েছেন, নোবিটেক্সের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা ট্রন নেটওয়ার্কের মালিক বা নিয়ন্ত্রক নন। তবে ২০২৫ সালে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর ক্রিপ্টোবান্ধব নীতি এবং ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসায় সান ও বাইন্যান্সের বিপুল বিনিয়োগের কারণে এই পুরো সংযোগটি আন্তর্জাতিক মহলে এখন তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই আরব সাগরে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি ‘এমএইচ-৬০এস সি হক’ হেলিকপ্টার। বুধবার ভোরে ঘটা এই দুর্ঘটনায় হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও এক নৌসেনা এখনও নিখোঁজ রয়েছেন। ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ বিমানবাহী রণতরীতে নিযুক্ত এই হেলিকপ্টারটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারটি সাগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে এই জরুরি অবতরণ বা দুর্ঘটনার পেছনে শত্রুপক্ষের কোনো আক্রমণের আলামত পাওয়া যায়নি বলে সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সামরিক কর্মকর্তারা। উদ্ধার হওয়া তিন ক্রু সদস্যকে বর্তমানে ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ রণতরীতে রাখা হয়েছে। তারা সবাই চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে, নিখোঁজ থাকা ওই ক্রু সদস্যের সন্ধানে সাগরে জোর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনী ও উদ্ধারকারী দল। উল্লেখ্য, ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের আবহে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর এই নৌবহরটি অপারেশন পরিচালনা করছে। এই ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে। এটি একটি বিকাশমান সংবাদ হওয়ায় নতুন কোনো তথ্য আসার সাথে সাথে পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।
ইতালির একটি রেস্টুরেন্টে বাংলাদেশি তরুণ জুবায়ের হাসান সনেটকে ঘিরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশে তাকে কয়েকজন ভারতীয়কে উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং জুবায়েরকে ক্ষমা চাইতে বলে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জুবায়ের ও বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়। তবে জুবায়ের দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুরো ঘটনার চিত্র তুলে ধরে না। নিজের প্রকাশিত ভিডিওতে জুবায়ের বলেন, তিনি ইতালির একটি পিজার দোকানে কাজ করেন। তার দাবি, কয়েকজন ভারতীয় ক্রেতা খাবার খাওয়ার পর অতিরিক্ত অর্ডারের বিল বাদ দিয়ে কম বিল করার অনুরোধ করেন। তিনি এতে রাজি না হলে তাকে অপমানজনক মন্তব্য করা হয়। এরপর উত্তেজিত হয়ে তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন, যার একটি অংশ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। জুবায়েরের অভিযোগ, পুরো ঘটনার পরিবর্তে শুধু ২০ থেকে ৩০ সেকেন্ডের একটি অংশ ভাইরাল হওয়ায় ঘটনাটি একপাক্ষিকভাবে উপস্থাপিত হয়েছে। পরে তিনি ভিডিও বার্তা ও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তবে ভারতীয় ক্রেতাদের বিরুদ্ধে জুবায়েরের আনা অভিযোগ কিংবা ঘটনার পূর্ণ বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট রেস্টুরেন্ট বা ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে দুই দেশের ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই সম্পূর্ণ ভিডিও প্রকাশ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বিদেশে উচ্চশিক্ষা অনেকের কাছেই নতুন জ্ঞান, গবেষণা এবং ক্যারিয়ার গড়ার এক অনন্য সুযোগ। তবে বাংলাদেশের রেজওয়ানের জন্য সেই যাত্রা এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি—নিজের জীবনসঙ্গী। উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে পিএইচডি করতে যান রেজওয়ান। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে সেখানে গবেষণায় যোগ দেন টেইলর। মলিকুলার বায়োসায়েন্স ভবনের একই গবেষণাগারে কাজ করতে গিয়েই তাদের প্রথম পরিচয়। রেজওয়ান বলেন, “আমি বাংলাদেশ থেকে, আর টেইলর যুক্তরাষ্ট্রের। ইউনিভার্সিটি অব সিডনিতে গবেষণা করতে না এলে হয়তো কোনো দিনই আমাদের দেখা হতো না।” সে সময় টেইলর স্ট্রাকচারাল বায়োলজিতে পিএইচডি করছিলেন। তার গবেষণার বিষয় ছিল জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখা প্রোটিনের ত্রিমাত্রিক (৩ডি) গঠন, যা ভবিষ্যতে নতুন ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, রেজওয়ানের গবেষণার বিষয় ছিল ফাঙ্গাল প্রোটিন ব্যবহার করে ন্যানোপার্টিকল কোটিং প্রযুক্তি। বায়োটেকনোলজিতে ন্যানো-ক্যারিয়ার হিসেবে এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। দিনের বেশিরভাগ সময় একই গবেষণাগারে কাটত দুজনের। গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করতে করতেই গড়ে ওঠে বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়, আর শেষ পর্যন্ত তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। রেজওয়ান ও টেইলরের গল্পটি মনে করিয়ে দেয়, বিদেশে উচ্চশিক্ষা শুধু ডিগ্রি বা গবেষণার সুযোগই এনে দেয় না; কখনো কখনো জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটির সঙ্গেও পরিচয় করিয়ে দেয়।
তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। স্মরণকালের ভয়াবহ এই গরমে ফ্রান্সে মৃতের সংখ্যা ইতোমধ্যেই এক হাজার ছাড়িয়ে গেছে। লাশের সারি দীর্ঘ হতে থাকায় দেশটির হিমাগারগুলোতেও আর কোনো জায়গা অবশিষ্ট নেই। অতিরিক্ত মৃত্যুর এই চাপ সামলাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছেন শেষকৃত্য সম্পন্নকারী সেবাদাতারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা নিহতের পরিবার, বৃদ্ধাশ্রম ও পুলিশের অসংখ্য অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন। ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের চিত্রও বেশ নাজুক। জার্মানিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। দেশটির অধিকাংশ আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ঘরের ভেতরেই চরম ভোগান্তি পোহাচ্ছেন রাজধানী বার্লিনের বাসিন্দারা। প্রচণ্ড গরম থেকে বাঁচতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের হিরোস স্কয়ারে পথচারী ও পর্যটকদের ওপর ঠান্ডা পানি ছিটাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। এছাড়া রোমানিয়ার ব্রাশভ ও রাজধানী বুখারেস্ট, আলবেনিয়ার সমুদ্রসৈকত এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের মানুষ একটু স্বস্তির খোঁজে সুইমিংপুল, ফোয়ারা ও ছায়াযুক্ত স্থানে ভিড় জমাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দিলেও পরবর্তীতে তা আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস মেরিন সার্ভিস’ সতর্ক করে জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধ ছিল ব্যতিক্রমী মাত্রায় সমুদ্র উষ্ণতার একটি সময়। সংস্থাটির দেওয়া তথ্যমতে, জুন মাসে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস (৬৯.৮ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে, যা ২০২৩ এবং ২০২৪ সালের আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। সামনের দিনগুলোতে এই তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইইউ-এর সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাস বৈশ্বিক মহাসাগরের বিশাল অংশজুড়ে ক্রমাগত উচ্চ তাপমাত্রা এবং সামুদ্রিক তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে। এই চরম পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’-এর পরিচালক কার্লো বুওনটেম্পো। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি নতুন ধাপের সূচনা নির্দেশ করতে পারে, যা বিশ্ববাসীকে আবারও এক অজানা ও ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন মার্কিন হাউজ স্পিকার মাইক জনসন। তিনি মনে করেন, এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে গুরুতর ও জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সম্প্রতি রিপাবলিকান (জিওপি) দলের নেতৃত্বের একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন মাইক জনসন। জন্মগত নাগরিকত্ব সংক্রান্ত সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার মাঝপথেই সুপ্রিম কোর্টের এই রায়ের খবরটি তাকে জানানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই শীর্ষ রিপাবলিকান নেতা জানান, এটি এমন একটি জাতীয় চ্যালেঞ্জ যা ভবিষ্যতে মার্কিন কংগ্রেসকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের নিয়মের চরম অপব্যবহার করা হয়েছে। এই অপব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে স্পিকার বলেন, জন্মগত নাগরিকত্বের বিষয়টি বর্তমানে 'বার্থ ট্যুরিজম' বা সন্তান জন্মদানের পর্যটনে পরিণত হয়েছে। এটি এমন একটি উদ্বেগজনক ট্রেন্ড বা প্রবণতা, যেখানে বিদেশি নাগরিকরা শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে। পরবর্তীতে সেই সন্তানের নাগরিকত্বের সূত্র ধরে তারা যুক্তরাষ্ট্রের কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা (ওয়েলফেয়ার স্টেট) এবং অন্যান্য সকল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা অন্যায্যভাবে ভোগ করার সুযোগ পায়। মাইক জনসন আক্ষেপ করে বলেন, জন্মগত নাগরিকত্বের আইনটি মূলত একটি মহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদ্দেশ্য সাধনের জন্য সংবিধানে যুক্ত করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই মূল উদ্দেশ্যটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য এই আইনের মাত্রাতিরিক্ত অপব্যবহার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম এলাকার ১১ বছর বয়সী অটিজমে আক্রান্ত শিশু জামেল জনসন পরিবারের অজান্তেই একাই উবারে চড়ে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায়। পরে পোর্ট অথরিটি পুলিশ তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে নাবালকদের রাইডশেয়ার ব্যবহারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাড়ির রিং ডোরবেল ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে জামেল একটি কালো রঙের উবার এসইউভিতে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সময় তার বাবা-মা বিষয়টি জানতে পারেননি। ঘুম থেকে উঠে ছেলেকে খুঁজে না পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, একটি স্যুটকেস নিয়ে জামেল বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তার বাবা। পরে তিনি জামেলের মোবাইল ফোনে কল করলে সেটি রিসিভ করেন জেএফকে বিমানবন্দরে দায়িত্বরত পোর্ট অথরিটি পুলিশের একজন সদস্য। কর্তৃপক্ষ জানায়, জামেল জেএফকের টার্মিনাল-১ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মকর্তারা তার কাছে কোনো বিমানের টিকিট না থাকায় তাকে থামান। সকাল প্রায় ৬টা ৩০ মিনিটে পুলিশ তাকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসাকর্মীরা পরীক্ষা করে নিশ্চিত করেন, শিশুটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে। জামেলের পরিবারের ভাষ্য, অটিজমে আক্রান্ত অনেক শিশুই কখনও কখনও পরিবারের অজান্তে বেরিয়ে যেতে পারে। তবে মাত্র ১১ বছর বয়সী একটি শিশু কীভাবে একা উবারে করে এত দূর বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গেল, সেটিই তাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাদের মতে, রাইডশেয়ার কোম্পানিগুলোর আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব। পরিবার উবারসহ অন্যান্য রাইডশেয়ার প্রতিষ্ঠানের প্রতি নাবালকদের একা ভ্রমণ ঠেকাতে আরও কার্যকর পরিচয় যাচাই ও নিরাপত্তা নীতি প্রয়োগের আহ্বান জানিয়েছে। উবারের নীতিমালা অনুযায়ী, কোনো নাবালক প্রাপ্তবয়স্ক অভিভাবক ছাড়া একা যাত্রা করতে পারে না। তবে জামেল কীভাবে একাই উবারে করে জেএফকে বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হলো, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও রোববার রাত পর্যন্ত উবার কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার হওয়া এক নারীর কাছ থেকে প্রায় ৪ গ্রাম কোকেন উদ্ধার করেছে পুলিশ। কারাগারে বন্দি করার আগে চূড়ান্ত তল্লাশির সময় এই মাদক উদ্ধার করা হয়। তবে মাদক বহনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ওই নারী দাবি করেছেন, কোনো এক 'অন্তরঙ্গ মুহূর্তে' অন্য কেউ হয়তো তাঁর অজান্তেই সেখানে মাদকটি রেখে দিয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার ব্রেভার্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের ডেপুটিরা ট্রাফিক আইন অমান্য ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০ বছর বয়সী রেগান কক্স নামের ওই নারীকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে ব্রেভার্ড কাউন্টি জেলে নিয়ে যাওয়া হলে কারারক্ষীরা তার শরীরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় নারী কারারক্ষীরা রেগানকে একটি বিশেষ কক্ষে নিয়ে যান। সেখানে তল্লাশির সময় রেগান হাত দিয়ে নিজের শরীর আড়াল করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা তার হাত সরিয়ে নিতেই মেঝেতে একটি ছোট প্লাস্টিকের ব্যাগ পড়ে যায়। পুলিশ ব্যাগটি উদ্ধার করে পরীক্ষা করে দেখে যে সেটিতে ৩.৮ গ্রাম কোকেন রয়েছে, যা কারাবিধি অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই অদ্ভুত ঘটনাটি নিয়ে ব্রেভার্ড কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হাস্যরসাত্মক বিবৃতি দিয়েছে। তারা লিখেছে, "আপনারা সত্যিই এই ধরনের গল্প বানিয়ে বলতে পারবেন না। তবে এই নারী যেভাবে অজুহাত দেওয়ার চেষ্টা করেছেন, তা ‘এই প্যান্ট আমার নয়’ বলে পার পাওয়ার পুরোনো বাহানাকেও হার মানিয়েছে!" গ্রেফতার হওয়া রেগান কক্সকে কারাগারে অবৈধ মাদক চোরাচালানের চেষ্টার অভিযোগে নতুন আরেকটি গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে সেদিনই তাকে জামিনে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। পুলিশ রসিকতা করে বলেছে, অন্য কেউ আপনার অজান্তেই কোকেন রেখে গেছে—এই দাবিটিই প্রমাণ করে যে মাদক থেকে সবার দূরে থাকা উচিত।
দেশের আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার বাড়াতে মা ও বাবা উভয়ের জন্যই নতুন বেতনসহ ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পূর্বঘোষিত ‘জনসংখ্যাগত পুনর্গঠন’ পরিকল্পনার অংশ হিসেবে বুধবার (১ জুলাই) থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের মাতৃত্বকালীন ছুটি পেতেন এবং বাবারা সন্তানের জন্মের পর ২৮ দিনের ছুটি উপভোগ করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, মা ও বাবা এখন থেকে এই বিদ্যমান ছুটির পাশাপাশি আরও এক বা দুই মাসের অতিরিক্ত ছুটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারবেন। এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা মূল বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ অর্থ আর্থিক সুবিধা হিসেবে পাবেন। নতুন এই নিয়মটি ২০২৬ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে। এমনকি যারা সন্তান দত্তক নিয়েছেন, সেইসব অভিভাবকরাও সমপরিমাণ সুবিধা ভোগ করতে পারবেন। ফরাসি সরকারের আশা, এই আর্থিক ও ছুটি সংক্রান্ত প্রণোদনা তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করবে। ইউরোপজুড়েই বর্তমানে জন্মহার আশঙ্কাজনকভাবে কমছে, যার ব্যতিক্রম নয় ফ্রান্সও। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে প্রথমবারের মতো গত বছর ফ্রান্সে জন্মের সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে নিচে নেমে গেছে। ফলে দেশটিতে এক ধরণের জনসংখ্যাগত সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সরকারের এই নতুন পদক্ষেপকে স্বাগত জানালেও এটি পুরোপুরি যথেষ্ট নয় বলে মনে করছে স্থানীয় নারীবাদী সংগঠনগুলো। তাদের মতে, এই নতুন নিয়মে পরিবারে নারী-পুরুষের সমতা খুব বেশি বাড়বে না। কারণ বাস্তবতার নিরিখে সাধারণত দম্পতির মধ্যে যার আয় কম (অধিকাংশ ক্ষেত্রে নারী), তিনিই এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি।
২০২৬ ফুটবল বিশ্বকাপের উত্তেজনা এবার মাঠের সীমানা ছাড়িয়ে সরাসরি মহাকাশে পৌঁছে গেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র যদি চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তাদের ব্যবহৃত একটি অফিশিয়াল ফুটবল চাঁদে পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফরাসি ক্রীড়া সাময়িকী ‘এল’একিপ’ ও বার্তা সংস্থা এএফপির এক যৌথ প্রতিবেদনে এই রোমাঞ্চকর তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা দেন নাসার বর্তমান প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। মার্কিন ফুটবল দলের প্রতি বিশেষ সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমেরিকান দল, তোমরা এবার এটা করে দেখাও!’ আইজ্যাকম্যানের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র শিরোপা জিতলে সেই স্মরণীয় জয়কে অমর করে রাখতে নাসার আগামী কোনো রোবটিক চন্দ্রাভিযানে ফুটবলটি চাঁদের মাটিতে পাঠানো হবে। নাসার চন্দ্রাভিযান প্রকল্পের ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান এই অভিযানের কারিগরি দিক নিয়ে কথা বলেছেন। তিনি জানান, প্রযুক্তিগতভাবে এই লক্ষ্য পূরণ করা নাসার জন্য মোটেও কঠিন কিছু নয়। ফুটবলটি ওজনে খুবই হালকা হওয়ায় মহাকাশযানের ভলিউম বা জায়গা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। তিনি আরও উল্লেখ করেন, বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাথে ফুটবলটি পাঠানোর সব প্রস্তুতি রয়েছে, এখন পুরো বিষয়টি নির্ভর করছে মাঠের খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর। মহাকাশের সাথে ফুটবল বিশ্বকাপের যুক্ত হওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল প্রচারণার অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি অফিশিয়াল ফুটবল পাঠিয়েছিল নাসা। তবে এবার মহাকাশ স্টেশন ছাড়িয়ে সেই ফুটবলকে সরাসরি চাঁদের ধূলিকণায় ছুঁইয়ে দেওয়ার এক অভিনব স্বপ্ন দেখছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটি। নাসার এই বড় ঘোষণার পর স্বাভাবিকভাবেই মার্কিন ফুটবল দলের ওপর প্রত্যাশা ও আন্তর্জাতিক গণমাধ্যমের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। তবে মাঠের বাইরে মহাকাশীয় আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা এখন পুরোপুরি মাঠের লড়াইয়ে মনোযোগী। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া স্বাগতিক যুক্তরাষ্ট্র আগামীকাল ভোর ৬টায় রাউন্ড অব ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বসনিয়ার মুখোমুখি হবে।
দক্ষিণ সুদানের জংলেই অঙ্গরাজ্যে স্পষ্ট মানবিক সহায়তার চিহ্নযুক্ত একটি ত্রাণবাহী বহরে সশস্ত্র হামলায় পাঁচজন সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দক্ষিণ সুদানে ২৯ জন ত্রাণকর্মী ও ঠিকাদার নিহত হয়েছেন। সর্বশেষ এই হামলার পর দেশটিতে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি জানান, হামলার শিকার বহরটি স্পষ্টভাবে মানবিক সহায়তা বহনকারী হিসেবে চিহ্নিত ছিল। তিনি আরও বলেন, মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার শিকার বহরের পরিচালনাকারী জন দাউ ফাউন্ডেশন (জেডিএফ) জানিয়েছে, তাদের কর্মীরা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় আয়োজিত একটি প্রশিক্ষণ শেষে পায়ুয়েল পায়াম থেকে পাজুত এলাকায় ফিরছিলেন। পথে বহরটির ওপর অতর্কিত হামলা চালানো হয়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনা। এদিকে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশটিতে সহিংসতায় ৭৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আগের প্রান্তিকের তুলনায় এ সংখ্যা ৮৯ শতাংশ বেশি। একই সময়ে সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১১ সালে স্বাধীনতার পর থেকেই দক্ষিণ সুদান ধারাবাহিক সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে রয়েছে। এর ফলে দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।