সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
সন্তানদের তালাবদ্ধ ঘরে ফেলে হোটেলে মদ ও মাদকের নেশায় বুঁদ ছিলেন মায়েরা I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে মায়ের অবহেলায় অন্য শিশুদের নির্যাতনের শিকার হয়ে কোমায় দুই মাসের নবজাতক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক চরম অমানবিক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। মায়েরা যখন নিজেদের সন্তানদের একটি তালাবদ্ধ নোংরা ফ্ল্যাটে ফেলে রেখে হোটেলে মদ ও মাদকের পার্টিতে ব্যস্ত, ঠিক তখনই অন্য দুই শিশুর নির্মম মারধরে মৃত্যুর মুখে ঢলে পড়েছে দুই মাস বয়সী এক নিষ্পাপ শিশু। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মেডিক্যালি ইনডিউসড কোমা এবং ভেন্টিলেশনে রেখেছেন।   স্মিথ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ২১ বছর বয়সী সিডনি হুইট এবং ২৯ বছর বয়সী জ্যাকুলিন মোরালেস তাদের সন্তানদের ইঁদুরের মল ও মাছিতে ভরা একটি অস্বাস্থ্যকর অ্যাপার্টমেন্টে ফেলে রেখে এক ব্যক্তির সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়েছিলেন। ফ্ল্যাটে দুই মাসের ওই শিশুটির সঙ্গে ছিল চার ও ছয় বছর বয়সী আরও দুই শিশু। মায়েরা না থাকার সুযোগে ওই বড় দুই শিশু মিলে অবুঝ শিশুটির ওপর ভয়ংকর নির্যাতন চালায়। তারা শিশুটিকে ছুড়ে মারে এবং তার মাথায় পা দিয়ে আঘাত করে, যার ফলে শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং খিঁচুনি শুরু হয়।   চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় শিশুদের পাহারায় ছিলেন জ্যাকুলিনের ১৮ বছর বয়সী বোন শেলবি মুনোজ। তিনি তদন্তকারীদের জানান, চোখের সামনে এমন নির্যাতন হতে দেখলেও তিনি বাধা দেননি, কারণ তিনি মনে করেছিলেন ওই শিশুদের নিরাপত্তার দায়িত্ব তার নয় যেহেতু তারা তার নিজের সন্তান নয়। মায়েরা যখন ফ্ল্যাটে ফিরে আসেন, তখন তারা শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তারা পরের দিন পর্যন্ত কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেন।   চাইল্ড প্রোটেকটিভ সার্ভিসেস (সিপিএস) পরবর্তীতে ওই বাড়িতে তদন্তে গেলে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। টেক্সাসের প্রচণ্ড গরমের মাঝেও ফ্ল্যাটে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) ছিল না, ঘরভর্তি মাছি উড়ছিল এবং মেঝেতে ইঁদুরের মল, নোংরা ডায়াপার ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এই চরম অবহেলার দায়ে সিডনি, জ্যাকুলিন এবং শেলবি—এই তিনজনের বিরুদ্ধেই শিশুকে বিপন্ন করা এবং আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা পাঁচ লাখ ডলারের সম্মিলিত জামিন বন্ডে কারাগারে বন্দি রয়েছেন।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৬:৭
কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপুষ্ট শিশুদের খাবারের টাকা চুরি করে বেন্টলি-প্রাসাদ কিনলেন প্রতারক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা ও খাবারের টাকা চুরি করে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এনডুকা লুইস একপেনিয়ং নামের ৩৬ বছর বয়সী এই ব্যক্তি 'মেডিকেইড' প্রোগ্রামের আওতায় শিশুদের জন্য বরাদ্দ করা দামি স্পেশাল ফর্মুলা না দিয়ে সস্তা মানের পিডিয়াশিওর (PediaSure) সরবরাহ করতেন। এরপর সরকারের কাছে দামি ফর্মুলার বিল জমা দিয়ে মাঝখানের বিপুল পরিমাণ পার্থক্য নিজের পকেটে পুরতেন। এভাবেই তিনি সরকারের প্রায় ২.৬ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস।   আদালতে দায়ের করা অভিযোগ অনুযায়ী, লুইস ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ব্রুকলিনভিত্তিক তার কোম্পানি 'ডিউক মেডিকেল এলএলসি'-এর মাধ্যমে এই জালিয়াতি চালিয়ে যান। চিকিৎসকরা যখন অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিশেষ ও দামি ফর্মুলার নির্দেশ দিতেন, তখন লুইসের কোম্পানি সেই শিশুদের হাতে সস্তা মানের ওভার-দ্য-কাউন্টার পণ্য ধরিয়ে দিত। এমনকি অনেক সময় তারা শিশুদের কোনো খাবারই সরবরাহ করত না। অথচ কাগজে-কলমে সরকারের কাছে চড়া মূল্যের বিল ঠিকই আদায় করে নেওয়া হতো। এর ফলে বহু দরিদ্র পরিবারের শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে।   অমানবিক এই প্রতারণার টাকায় লুইস গড়ে তুলেছিলেন এক রাজকীয় জীবন। অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তিনি নিউইয়র্কের অভিজাত হিউলেট এলাকায় ১.৬ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল প্রাসাদ কেনেন। এছাড়া ৭০ হাজার ডলারের একটি কালো বেন্টলি, ৬৭ হাজার ডলারের রেঞ্জ রোভারসহ আরও নানা শৌখিন জিনিস কেনেন তিনি। এমনকি বাড়ির সামনে মার্বেল পাথরের ফোয়ারা, আউটডোর কিচেন এবং নিজের নামের আদ্যক্ষর লেখা একটি বিশাল লাল রঙের বাস্কেটবল কোর্টও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, নিজের প্রেমিকার জন্য ৩৩ হাজার ডলারের একটি মার্সিডিজ গাড়িও কেনেন তিনি, অথচ সেই প্রেমিকা নিজেও সরকারি মেডিকেইড সুবিধার তালিকাভুক্ত ছিলেন।   অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এক বিবৃতিতে এই জালিয়াতিকে 'হৃদয়হীন প্রতারণা' বলে আখ্যায়িত করে জানিয়েছেন, তার অফিস এই ঘৃণ্য চক্রটি চিরতরে বন্ধ করে দিয়েছে। যখন লুইস প্রতারণার টাকায় বিলাসবহুল গাড়ি কিনছিলেন, তখন ভুক্তভোগী পরিবারগুলো তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে সংগ্রাম করছিল। লুইসের বিরুদ্ধে গ্র্যান্ড লারসিনি (বড় অঙ্কের চুরি) এবং স্বাস্থ্যসেবা জালিয়াতির ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি চুরি হওয়া ২.৬ মিলিয়ন ডলারসহ মোট প্রায় ৭.৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে তার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলাও দায়ের করেছে প্রসিকিউটররা।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৫:৪৭
টেক্সাসে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের মামলা খারিজের আবেদন নাকচ I ছবি: সংগৃহীত
টেক্সাসে মুসলিমদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা, বিবাদীদের খারিজের আবেদন নাকচ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের করা ধর্মীয় অধিকার লঙ্ঘনের মামলাটি খারিজের আবেদন নাকচ করেছেন এক ফেডারেল বিচারক। ফলে মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে।   অস্টিনের ফেডারেল বিচারক ডেভিড অ্যালান এজরা সম্প্রতি দেওয়া এক আদেশে টেক্সাস ফিউনারেল সার্ভিস কমিশন (টিএফএসসি) এবং সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা ক্রিস্টিন টিপসের দায়ের করা মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করেন। স্থানীয় সংবাদমাধ্যম কেইআরএ নিউজ (KERA News) জানিয়েছে, বিচারকের মতে, মামলায় উত্থাপিত অভিযোগগুলো যথেষ্ট গুরুত্ব বহন করে এবং সেগুলোর বিচার হওয়া উচিত।   মামলাটি করেছে টেক্সাসের ইস্ট প্লানো ইসলামিক সেন্টার (ইপিক)। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুসলিমদের ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা ও দাফনের কার্যক্রমকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করেছে টেক্সাস ফিউনারেল সার্ভিস কমিশন। এতে যুক্তরাষ্ট্রের সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা এবং আইনের সমান সুরক্ষার অধিকার লঙ্ঘিত হয়েছে।   ঘটনার সূত্রপাত ২০২৫ সালের মার্চে। সে সময় কমিশন অভিযোগ তোলে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ইপিক একটি ফিউনারেল হোম পরিচালনা করছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে একটি নোটিশও পাঠানো হয়।   এর চার মাস পর ইপিক ফেডারেল আদালতে মামলা করে জানায়, তারা কোনো বাণিজ্যিক ফিউনারেল হোম পরিচালনা করছে না। বরং মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ধর্মীয় বিধান অনুযায়ী জানাজা ও দাফনের আয়োজন এবং সংশ্লিষ্ট সহায়তা দিয়ে থাকে, যা বহু বছর ধরেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচলিত।   মামলায় আরও অভিযোগ করা হয়, তদন্ত চলাকালে কমিশনের তৎকালীন প্রধান ক্রিস্টিন টিপসের কিছু ব্যক্তিগত বার্তা মুসলিমদের প্রতি পক্ষপাতমূলক মনোভাবের ইঙ্গিত দেয়। কেইআরএ নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী, তদন্ত চলাকালে তিনি ইসলামবিরোধী বিভিন্ন লেখা, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট শেয়ার করেছিলেন। এসব তথ্যই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে দাবি করে ইপিক।   রায়ে বিচারক এজরা উল্লেখ করেন, আদালতের সামনে এমন কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো পক্ষই দাবি করেনি যে ইপিক তাদের কার্যক্রমে শরিয়া আইন প্রয়োগ করছে। তিনি আরও বলেন, কমিশনের পাঠানো নোটিশে ইপিকের কোন নির্দিষ্ট কার্যক্রম টেক্সাসের আইন লঙ্ঘন করেছে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।   বিচারক তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, অতীতে ১৯৮৭ ও ২০১৪ সালে টেক্সাস ফিউনারেল সার্ভিস কমিশন অন্য দুটি মসজিদকে রাজ্যের আইন মেনে ধর্মীয় দাফনের আচার পরিচালনার সুযোগ দিয়েছিল। সেই নজিরের পরও ইপিকের ক্ষেত্রে ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার অভিযোগকে আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।   এ মামলায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেইআরএ নিউজের হাতে আসা কিছু নথি ও রেকর্ড করা ফোনালাপ অনুযায়ী, ইপিকের বিরুদ্ধে তদন্তে রাজনৈতিক ও ধর্মীয় পক্ষপাতের প্রভাব থাকতে পারে বলে অভিযোগ করেছেন কমিশনের সাবেক কয়েকজন কর্মকর্তা। তবে গভর্নরের কার্যালয় এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রাজ্যের আইন বাস্তবায়নের ক্ষেত্রেই তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে।   আদালতের সর্বশেষ এ আদেশের অর্থ এই নয় যে ইপিক ইতোমধ্যে মামলায় জয়ী হয়েছে। বিচারক কেবল বলেছেন, মামলাটি খারিজ করার মতো পরিস্থিতি নেই এবং অভিযোগগুলোর পূর্ণাঙ্গ বিচার হওয়া প্রয়োজন। এখন উভয় পক্ষ আদালতে তাদের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করবে, এরপর মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে।   এদিকে মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)-টেক্সাস আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির ডালাস-ফোর্ট ওয়ার্থ শাখার নির্বাহী পরিচালক মুস্তাফা ক্যারল এক বিবৃতিতে বলেন, প্রমাণ ছাড়াই দীর্ঘদিন ধরে ইপিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্ত আবারও মনে করিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় আইনের দৃষ্টিতে সমান সুরক্ষা পাওয়ার অধিকারী।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৫:৩০
কোলাজ: আমেরিকা বাংলা
পপকর্ন গলায় আটকে মৃত্যুর সঙ্গে লড়ছিল ১৮ মাসের শিশু, মা তখন বাথরুমে মদ্যপানে মগ্ন

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। মাদক ও মদে আসক্ত এক মায়ের চরম অবহেলায় কাঁচা পপকর্ন গলায় আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৮ মাস বয়সী এক শিশুর। অভিযোগ উঠেছে, মা যখন বাথরুমে বসে মদ্যপানে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই বসার ঘরে একা থাকা শিশুটি দম বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।   নাসাউ কাউন্টির প্রসিকিউটরদের তথ্যমতে, ৩৬ বছর বয়সী ওই মায়ের নাম অলিভিয়া বিথর্ন। তিনি গত ১২ এপ্রিল রাতে নিজের ১৮ মাস বয়সী ছেলে লুক রাসেল জুনিয়র এবং তিন বছরের মেয়েকে একা রেখে বাথরুমে মদ খাচ্ছিলেন। এর আগে তিনি নেশাগ্রস্ত অবস্থায় অবুঝ শিশুদের কাঁচা পপকর্ন খেতে দেন। খবর পেয়ে পুলিশ নিউইয়র্কের মেরিকে অবস্থিত অলিভিয়ার বাড়িতে পৌঁছালে এক ভয়ংকর দৃশ্য দেখতে পায়। বসার ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচা পপকর্নের মাঝে শিশু লুককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শ্বাসরোধের কারণে ততক্ষণে শিশুটির শরীর নীল বর্ণ ধারণ করেছিল।   তদন্তকারী কর্মকর্তারা জানান, বাথরুমে তল্লাশি চালিয়ে 'টিটোস' ব্র্যান্ডের ভদকার একটি প্রায় খালি বোতল উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটররা আদালতকে জানান, মা বাথরুমে বসেই মদ পান করছিলেন, আর অন্যদিকে তার দুই শিশু বসার ঘরে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল। গলায় কাঁচা পপকর্ন আটকে যাওয়ার কারণেই শিশুটির এমন করুণ মৃত্যু হয়েছে।   নিজের সন্তানের মৃত্যুতে গাফিলতি এবং শিশু বিপন্ন করার (ম্যানস্লটার অ্যান্ড চাইল্ড এন্ডেঞ্জারমেন্ট) অভিযোগে অলিভিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে গোড়ালিতে ট্র্যাকিং মনিটর পরিয়ে মাদক ও অ্যালকোহল নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল। তবে সোমবার আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করলে বিচারক তার জন্য পাঁচ লাখ ডলারের জামিন নির্ধারণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৫:২৩
চীনের পিপলস লিবারেশন আর্মি  I ছবি: সংগৃহীত
ভারতের ভেতরে কয়েক কিলোমিটার ঢুকে পড়েছে চীনা সেনা, দাবি অরুণাচলের স্থানীয়দের

ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অরুণাচল প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠনের দাবি, চীনা বাহিনী সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্যাম্প তৈরির পাশাপাশি স্থানীয়দের চারণভূমি ও কৃষিজমি দখল করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দুই দেশের সীমান্ত সুরক্ষায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।   আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের ‘নাহ’ আদিবাসীদের একটি সংগঠন এই অনুপ্রবেশের দাবি তুলেছে। তাদের অভিযোগ, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনা বাহিনী ইতিমধ্যে পাকাপোক্ত ঘাঁটি গড়ে তুলেছে। এর ফলে গত ছয় বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ, বনজ সম্পদ সংগ্রহ এবং পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি কেরু চাদের এ বিষয়ে আপার সুবানসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দিয়েছেন।   তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বহু যুগ ধরে তাদের পূর্বপুরুষরা যেসব জমিতে শিকার, পশুচারণ ও চাষাবাদ করতেন, সেগুলো এখন পুরোপুরি চীনা সামরিক বাহিনীর দখলে চলে গেছে। স্মারকলিপির তথ্য থেকে জানা যায়, সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) লাগোয়া আপার সুবনসিরি জেলার তাকসিং রাজস্ব সার্কেলের আওতাধীন অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনা সামরিক বাহিনী স্থায়ী পরিকাঠামো ও সড়ক নির্মাণ করেছে। আসফিলা এলাকার ওয়িং, পনিয়ার (চুজার্তা এলাকা), মারপান, পোত্রাং ও টিনডিংতাংয়ে এই দখলদারির ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটি স্থান স্থানীয়দের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবেও পরিচিত। কেরু চাদের জানান, প্রায় এক যুগ আগে থেকেই ওই এলাকাগুলোতে চীনা সেনাবাহিনী মাঝেমধ্যে ঢুকে পড়লেও ২০২০ সাল থেকে তারা কৌশলগতভাবে পাকাপাকিভাবে ওই ভূখণ্ডগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।   তখন থেকেই স্থানীয় গ্রামবাসীদের সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। প্রতিদিন নিজেদের ভূমি হারানোর আশঙ্কায় তারা এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয় নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো এই ঘটনাকে সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনকে আদিবাসী সংগঠনের তোলা অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে ও গুরুত্বের সঙ্গে যাচাই করার আহ্বান জানিয়েছেন।   তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুপ্রবেশের দাবি সরাসরি এবং জোরালোভাবে অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে লাদাখেও চীনা বাহিনীর বিরুদ্ধে স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, যদিও ভারতের কেন্দ্রীয় সরকার সে সময় দাবি করেছিল যে তাদের এক ইঞ্চি ভূখণ্ডও বেহাত হয়নি।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৫:০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুইন্সের একটি পাবলিক স্কুল I ছবি: সংগৃহীত
নিউইয়র্কে গ্রীষ্মের ছুটিতে বন্ধ স্কুলে তীব্র দুর্গন্ধ, খোঁজ নিতেই মিলল মানুষের মৃতদেহ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুইন্সের একটি পাবলিক স্কুলের চিমনি থেকে এক ব্যক্তির পচা-গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল ভবনে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তা তদন্ত করতে গিয়ে এক পেস্ট কন্ট্রোল (পোকামাকড় দমন) কর্মী এই মৃতদেহটির সন্ধান পান। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র চাঞ্চল্যকর এই তথ্য নিশ্চিত করেছে।   কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রমতে, গ্লেনডেল এলাকার ৮৭ স্ট্রিট ও ৭৮ অ্যাভিনিউতে অবস্থিত পি.এস./আই.এস. ১১৩ অ্যান্থনি জে. প্রাঞ্জো নামের ওই স্কুলে মঙ্গলবার সকাল ৯টার কিছু আগে এই ভয়ংকর ঘটনাটি ঘটে। স্কুলের একজন পরিচ্ছন্নতাকর্মী দুর্গন্ধের উৎস খুঁজতে ওই পেস্ট কন্ট্রোল কর্মীকে ডেকেছিলেন। চিমনির ছাই ফেলার জায়গাটি খুলতেই ওই কর্মী প্রথমে একটি জুতো দেখতে পান। এরপর সেখানে হাত দিতেই তিনি মানুষের পায়ের স্পর্শ পান এবং নিশ্চিত হন যে ভেতরে একটি লাশ আটকে আছে।   খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ইমার্জেন্সি সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি চিমনি থেকে বের করার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ঠিক কতদিন ধরে ওই চিমনির ভেতর আটকে ছিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে শহরের মেডিকেল এক্সামিনার কার্যালয়ে ময়নাতদন্ত করা হবে।   আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই স্কুলে বেশ কিছু নির্মাণ ও মেরামতের কাজ চলছিল। এই কাজের সঙ্গে যুক্ত কোনো শ্রমিক বা ব্যক্তি সম্প্রতি নিখোঁজ হয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ নিশ্চিত করেছে, গ্রীষ্মকালীন ছুটি চলার কারণে ঘটনার সময় পরিচ্ছন্নতাকর্মী ছাড়া স্কুলে কোনো শিক্ষার্থী বা অন্য কোনো কর্মী উপস্থিত ছিলেন না।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৪:৪৭
কোলাজ: আমেরিকা বাংলা
বিশ্বকে চমকে দেওয়া ‘গর্ভবতী পুরুষ’ এবার শিশুদের জেন্ডার পরিবর্তনের বিরুদ্ধে

প্রায় দুই দশক আগে বিশ্বের প্রথম ‘গর্ভবতী পুরুষ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন টমাস বিটি। তবে ট্রান্সজেন্ডারদের অধিকার আদায়ের এই পথিকৃৎ এবার অপ্রাপ্তবয়স্কদের জেন্ডার পরিবর্তনের (জেন্ডার-অ্যাফার্মিং কেয়ার) তাড়াহুড়োর তীব্র সমালোচনা করেছেন। বর্তমানে ৫৩ বছর বয়সী এবং চার সন্তানের এই পিতা জানিয়েছেন, বয়ঃসন্ধিকালে এমন চিকিৎসার বর্তমান যে প্রবণতা চলছে, তা যদি ১৮ বছর আগেও থাকত, তবে তার পক্ষে হয়তো কখনোই নিজের পরিবার গঠন করা সম্ভব হতো না। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরেই তিনি সার্জারির মতো বড় সিদ্ধান্ত নিয়েছিলেন।   ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে টমাস বলেন, "আমি আনন্দিত যে আমি আজকের দিনে কিশোর নই। কারণ তা হলে হয়তো অল্প বয়সেই হরমোন গ্রহণ করতাম এবং দ্রুত সার্জারি করে ফেলতাম। ফলে আজ আমার যে সন্তানরা আছে, তাদের হয়তো আমি পেতাম না।" তিনি আরও বলেন, এত বেশি তথাকথিত 'সমর্থন' দেখে হয়তো অপরিপক্ব বয়সেই অন্যদের মতো তিনিও একই কাজ করতেন। তার মতে, অল্প বয়সে মনে হয় যেন সবকিছু বুঝে ফেলেছি, কিন্তু বাস্তবে ২৫ বছর বয়স পর্যন্ত মানুষের মস্তিষ্কের পুরোপুরি বিকাশ ঘটে না। বয়ঃসন্ধিকালীন ব্লকার বা হরমোন ট্রিটমেন্ট নিয়ে ফেললে ভবিষ্যতে নিজের পরিবার গঠনের সম্ভাবনা চিরতরে মুছে যায় বলে তিনি কিশোর-কিশোরীদের সতর্ক করেন।   জন্মগতভাবে নারী টমাস পরবর্তীতে জেন্ডার-অ্যাফার্মিং টপ সার্জারি করান। ২০০৭ সালে দাড়িওয়ালা ও গর্ভবতী অবস্থায় তার ছবি প্রকাশ্যে এলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। প্রথম স্ত্রী ন্যান্সি জরায়ু অস্ত্রোপচারের কারণে সন্তান জন্মদানে অক্ষম হওয়ায় টমাস নিজেই গর্ভধারণের সিদ্ধান্ত নেন এবং প্রথম 'বৈধ' গর্ভবতী পুরুষ হিসেবে পরিচিতি পান। ২০০৮ সালে প্রথম সন্তান জন্ম দেওয়ার পর ২০১২ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত এই দম্পতির ঘরে আরও দুই সন্তান আসে। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী অ্যাম্বারের সঙ্গে তার চতুর্থ সন্তান জন্ম নেয় (অ্যাম্বার জন্ম দেন)। টমাস জানান, তিনি কখনোই নিজেকে মা হিসেবে অনুভব করেননি, বরং তিনি ছিলেন পৃথিবীতে নতুন প্রাণ আনার একটি মাধ্যম মাত্র। সমাজে তার ভূমিকা সর্বদা একজন স্বামী ও বাবারই ছিল এবং আছে।   তরুণ প্রজন্মের জন্য ট্রান্সজেন্ডার চিকিৎসাসেবা বর্তমানে একটি অত্যন্ত বিতর্কিত বিষয়। সমালোচকদের মতে, স্থায়ী পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য শিশু-কিশোররা যথেষ্ট পরিপক্ব নয়। অন্যদিকে, সমর্থকদের দাবি—এই চিকিৎসা লিঙ্গগত অসন্তোষ (জেন্ডার ডিসফোরিয়া) দূর করে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। উল্লেখ্য, ১৯ বছরের কম বয়সীদের জেন্ডার পরিবর্তনের প্রক্রিয়া সীমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, তবে সে পদক্ষেপটি বর্তমানে ফেডারেল আদালতের নির্দেশে সাময়িকভাবে স্থগিত রয়েছে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৪:২৬
কোলাজ: আমেরিকা বাংলা
ক্যালিফোর্নিয়ায় নতুন কেনা বাড়ির উঠানে মিলল মানুষের কঙ্কাল, রহস্য উদ্ঘাটনে নেমেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সদ্য কেনা একটি বাড়ির পেছনের উঠান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অ্যাপল ভ্যালি এলাকায় ঘটা এই চাঞ্চল্যকর ঘটনার পর তদন্ত শুরু করেছে স্থানীয় শেরিফ ডিপার্টমেন্ট। বাড়ির আঙিনায় এমন অপ্রত্যাশিত কিছু মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   ক্রেস্ট ড্রাইভ এলাকার ওই বাড়ির নতুন মালিক জানান, গত সপ্তাহান্তে তার ১৯ বছর বয়সী ছেলে বাড়ির পেছনের উঠানে কঙ্কালটি প্রথম দেখতে পায়। আশ্চর্যের বিষয় হলো, বাড়িটি কেনার আগে নিয়ম অনুযায়ী যাবতীয় পরিদর্শন ও মূল্যায়ন (ইন্সপেকশন ও অ্যাপ্রাইজাল) সম্পন্ন করা হয়েছিল। সে সময় কারও চোখেই এমন কিছু পড়েনি।   খবর পেয়ে সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অ্যাপল ভ্যালি ডেপুটুরা ঘটনাস্থলে এসে একাধিক হাড়গোড় উদ্ধার করেন। তদন্তকারীরা জানিয়েছেন, কঙ্কালে আঘাতের বা ট্রমার কোনো স্পষ্ট চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে করোনার ময়নাতদন্ত করবেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।   দীর্ঘদিনের প্রতিবেশী এডওয়ার্ড ও পামেলা সানচেজ জানান, বাড়িটি অন্তত এক বছর ধরে খালি পড়ে ছিল। সম্প্রতি সেখানে পুরোনো জিনিসপত্র বিক্রির (এস্টেট সেল) জন্য লোকজনের আনাগোনা শুরু হয়। পামেলা বিস্ময় প্রকাশ করে বলেন, "মাত্র দুই সপ্তাহ আগেই এখানে এস্টেট সেল হয়েছে, তখন কেউ কিছু দেখল না, এটা সত্যিই অবাক করার মতো।" প্রতিবেশীদের তথ্যমতে, আগে এই বাড়িতে এক বয়স্ক দম্পতি থাকতেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রীও বাড়িটি ছেড়ে চলে যান বলে ধারণা করা হয়। অন্তত এক বছর আগে পুলিশ ওই দম্পতির খোঁজ নিতে (ওয়েলফেয়ার চেক) একবার ওই বাড়িতে এসেছিল বলেও জানান প্রতিবেশীরা।   এই কঙ্কালটি কার, তা নিয়ে পুরো এলাকায় রহস্য ও আতঙ্ক দানা বেঁধেছে। নতুন মালিকের নিয়োগ করা কর্মী আব্রাহাম নেগ্রেট জানান, কাজ করতে গিয়ে তিনি রীতিমতো নার্ভাস বোধ করছেন। ওই গাছে বা আশপাশে আরও কিছু লুকিয়ে থাকতে পারে ভেবে তিনি অস্বস্তিতে আছেন। শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, ওই সম্পত্তি থেকে এর আগে কেউ নিখোঁজ হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তাদের হোমিসাইড ব্যুরোতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৪:৫
কোলাজ: আমেরিকা বাংলা
দায়িত্ব পালনের সময় গুলিতে নিহত মার্কিন ডাককর্মী, কয়েক মাসের ব্যবধানে মা-বাবা দুজনকেই হারাল দুই কন্যা

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দায়িত্ব পালনকালে এক নারী ডাককর্মীকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কন্যাসন্তান কয়েক মাসের ব্যবধানে তাদের মা-বাবা দুজনকেই হারিয়েছে। এর আগে গত বছরের শেষ দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তাদের বাবা।   নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের (ইউএসপিএস) কর্মী ও দুই সন্তানের মা ব্র্যান্ডি রেনল্ডস শুক্রবার হেইস এলাকায় ডাক বিতরণের দায়িত্ব পালন করছিলেন। এ সময় ৫৬ বছর বয়সী উইলিয়াম ক্রেইগ ডারহাম তাকে অপহরণ করে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ।   উইলকস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, শুক্রবার বিকেল প্রায় ৪টা ১৬ মিনিটে এক প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন করে জানান, ধূসর রঙের একটি নিসান অলটিমা গাড়ির পাশে এক সশস্ত্র ব্যক্তি রেনল্ডসকে হুমকি দিচ্ছেন। এরপর একাধিক গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেনল্ডসকে মৃত অবস্থায় উদ্ধার করেন।   শার্লট অবজারভারের প্রকাশিত আদালতের পরোয়ানার তথ্য অনুযায়ী, ডারহামের বিরুদ্ধে রেনল্ডসকে তার সম্মতি ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তদন্তে আরও বলা হয়েছে, হত্যার আগে তাকে বেঁধে রাখা হয়েছিল। ডারহামের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং প্রথম-ডিগ্রি অপহরণের অভিযোগ আনা হয়েছে। তাকে উইলকস কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।   সোমবার আদালতে হাজির করা হলে রেনল্ডসের এক স্বজন বিচারককে জানান, অতীতেও ডারহাম রেনল্ডসকে হুমকি দিয়েছিলেন এবং তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি রেনল্ডসের দুই কন্যার নিরাপত্তার কথা বিবেচনা করে ডারহামের জামিন না দেওয়ার আবেদন জানান। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।   রেনল্ডসের পরিবারের জন্য এটি ছিল দ্বিতীয় বড় ট্র্যাজেডি। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর, বড়দিনের মাত্র দুই দিন আগে, তার স্বামী ব্রেন্ট রেনল্ডস উইলকস কাউন্টিতে একক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। তদন্তকারীরা জানান, ৩৫ বছর বয়সী ব্রেন্ট রেনল্ডস সেদিন একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। তিনি সিটবেল্ট পরেননি। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি রাস্তা থেকে ছিটকে গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   স্বামীর মৃত্যুর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মেয়ের ছবি প্রকাশ করে ব্র্যান্ডি রেনল্ডস লিখেছিলেন, তার সন্তানরাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা। রেনল্ডসের মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার ডাক বিতরণ এলাকার বাসিন্দা জুলি স্মিথ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রেনল্ডস ছিলেন অত্যন্ত আন্তরিক, বন্ধুসুলভ ও দায়িত্বশীল একজন মানুষ। প্রতিদিন নির্ধারিত সময়ে তিনি ডাক পৌঁছে দিতেন এবং এলাকার মানুষ তার ডাকবাহী গাড়ির অপেক্ষায় থাকতেন।   হত্যাকাণ্ডের ঘটনাটি যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেকশন সার্ভিস, উইলকস কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন যৌথভাবে তদন্ত করছে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:৪৬
ক্যালিফোর্নিয়ার ১৩৮ বছরের পুরনো স্কুল I ছবি: নিউইয়র্ক পোস্ট
যাজকদের যৌন কেলেঙ্কারির মাশুল গুনছে শিক্ষার্থীরা, বন্ধ হলো ১৩৮ বছরের ঐতিহ্যবাহী ক্যাথলিক স্কুল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অর্থাভাবে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ১৩৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী ক্যাথলিক শিক্ষাপ্রতিষ্ঠান 'সেন্ট ব্রিজিড একাডেমি'। সান ফ্রান্সিসকো আর্চডায়োসিস তাদের যাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার শত শত ভুক্তভোগীকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে। ইতিহাসে অন্যতম বড় এই ক্ষতিপূরণ চুক্তির মাত্র কয়েক দিনের মাথায় স্কুলটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা এলো।   ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি সম্প্রতি কে-৮ (কিন্ডারগার্টেন থেকে অষ্টম গ্রেড) মাইক্রোস্কুলে রূপান্তরিত হয়েছিল। নিউরোডাইভারজেন্ট এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত এই স্কুলটিতে প্রতি চারজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ ছিল। বার্ষিক ২০,৯৫০ ডলার বেতনের এই স্কুলটি বন্ধের খবরে হতবাক হয়ে পড়েছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মের শেষদিকে তাদের জমার টাকা ফেরত দেওয়া হবে। তবে নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে সন্তানদের জন্য সমমানের বিশেষায়িত স্কুল খুঁজে পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।   আর্চডায়োসিসের ক্যাথলিক স্কুলগুলোর সুপারিনটেনডেন্ট ক্রিস ফিশার এক চিঠিতে অভিভাবকদের জানান, স্কুলের আর্থিক দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর এবং সব ধরনের বিকল্প শেষ হয়ে যাওয়ায় স্কুলটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সান ফ্রান্সিসকো ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, স্কুল বন্ধের এই ঘোষণার ঠিক আগেই আর্চডায়োসিস প্রায় ৩৯৫ মিলিয়ন ডলারের একটি বিশাল ক্ষতিপূরণ চুক্তির কথা জানায়। এর মাধ্যমে যাজকদের হাতে শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়া প্রায় ৫৩০ জন ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়া হবে।   ক্যালিফোর্নিয়ার 'চাইল্ড ভিকটিমস অ্যাক্ট'-এর কারণে বহু দশকের পুরনো যৌন নিপীড়নের মামলা পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়। এর ফলে ২০২৩ সালের আগস্টে চ্যাপ্টার ১১-এর অধীনে দেউলিয়া সুরক্ষার আবেদন করেছিল আর্চডায়োসিস। বাদীপক্ষের আইনজীবীদের মতে, ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো আর্চডায়োসিসই একমাত্র ক্যাথলিক ডায়োসিস ছিল, যারা ২০২৩ সাল পর্যন্ত অভিযুক্ত যাজকদের তালিকা প্রকাশ করেনি। তবে নতুন এই চুক্তির শর্ত অনুযায়ী, ভবিষ্যতে এ ধরনের কোনো আপস-রফার ক্ষেত্রে গোপনীয়তার চুক্তি নিষিদ্ধ করা হয়েছে এবং অভিযুক্ত যাজকদের বিষয়ে বৃহত্তর স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে।   যৌন নিপীড়নের মামলার আর্থিক চাপের কারণে ক্যাথলিক প্রতিষ্ঠানগুলোর এমন পরিণতি এটাই প্রথম নয়। সেন্ট ব্রিজিড একাডেমি বন্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগেই ওকল্যান্ডের রোমান ক্যাথলিক ডায়োসিসও তাদের নিজস্ব যাজকদের বিরুদ্ধে ওঠা শত শত শিশু যৌন নিপীড়নের মামলার কারণে সৃষ্ট আর্থিক সংকটের কথা উল্লেখ করে ১৩টি ইস্ট বে প্যারিশ বন্ধ করার ঘোষণা দিয়েছিল।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:৩৭
জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেসকে আইন প্রণয়নের আহ্বান ট্রাম্পের I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সুপ্রিম কোর্টের রায়ের পর জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেসকে আইন প্রণয়নের আহ্বান ট্রাম্পের

মার্কিন সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিপক্ষে রায় দেওয়ার পর এবার বিষয়টি কংগ্রেসের মাধ্যমে আইনে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   মঙ্গলবার হোয়াইট হাউসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেও কংগ্রেস চাইলে আইন প্রণয়নের মাধ্যমে এই নীতিতে পরিবর্তন আনতে পারে। তিনি কংগ্রেসকে অবিলম্বে এ বিষয়ে কাজ শুরু করার আহ্বান জানিয়ে বলেন, এমন উদ্যোগে তিনি “পূর্ণ ও সর্বাত্মক সমর্থন” দেবেন।   বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, বর্তমান জন্মসূত্রে নাগরিকত্ব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য “ব্যয়বহুল ও অন্যায্য”। তাঁর মতে, এ নীতিতে পরিবর্তন আনতে দীর্ঘ সাংবিধানিক সংশোধনের প্রয়োজন নেই; কংগ্রেস আইন পাস করলেই তা সম্ভব।   এর আগে মঙ্গলবার মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ কার্যকর করার পথ বন্ধ করে দেয়। আদালত নিম্ন আদালতের সেই স্থগিতাদেশ বহাল রাখে, যার ফলে নির্বাহী আদেশটি আপাতত কার্যকর করা যাচ্ছে না।   ট্রাম্প প্রশাসনের ওই নির্বাহী আদেশে বলা হয়েছিল, কোনো শিশুর বাবা-মায়ের কেউই যদি মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিনকার্ডধারী) না হন, তাহলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।   এ সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক অঙ্গরাজ্য, নাগরিক অধিকার সংগঠন ও অভিবাসী অধিকারকর্মীরা আদালতের শরণাপন্ন হন। মামলাকারীদের দাবি ছিল, ট্রাম্পের এই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী (১৪তম সংশোধনী)-এর পরিপন্থী।   মার্কিন গৃহযুদ্ধের পর প্রণীত এই সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া এবং দেশটির আইনগত এখতিয়ারের আওতাভুক্ত প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকারী।   রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ১৮৯৮ সালের ঐতিহাসিক United States v. Wong Kim Ark মামলার নজির উল্লেখ করেন। ওই রায়ে আদালত বলেছিল, বিদেশি নাগরিকের সন্তান হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকারী। প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে এই সাংবিধানিক ব্যাখ্যাই অনুসরণ করা হচ্ছে এবং জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার মতো কোনো সুস্পষ্ট সাংবিধানিক ভিত্তি আদালত খুঁজে পায়নি।   তবে সুপ্রিম কোর্টের রায়ের পরও ট্রাম্প বিষয়টি থেকে সরে আসছেন না। বরং তিনি এখন কংগ্রেসের মাধ্যমে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আইনসভা চাইলে জন্মসূত্রে নাগরিকত্বের বর্তমান ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব।   বিশ্লেষকদের মতে, আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনের নির্বাহী উদ্যোগ আপাতত স্থগিত থাকলেও জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও আইনি বিতর্ক এখনো শেষ হয়নি। বিষয়টি নিয়ে কংগ্রেসে নতুন করে আলোচনা শুরু হলে তা আগামী দিনের অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:১৯
আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি; ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘রাইজিং স্টার’ মেহেদী হাসান | ছবি: সৌজন্যে
ইউরোপের মঞ্চে বাজিমাত, সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতলেন বাংলাদেশের মেহেদী

স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি প্রযুক্তিবিদ মো. মেহেদী হাসান 'ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬'-এ সম্মানজনক ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। লন্ডনের ওয়ান মরগেট প্লেসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। একই বছর তিনি প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ‘ডিরেক্টর অব দ্য ইয়ার’ বিভাগেও অন্যতম ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছিলেন।   মেহেদী হাসানের মূল বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার কাশিয়াডাঙ্গা গ্রামে হলেও তিনি ঢাকার দক্ষিণখানে বেড়ে উঠেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে সফটওয়্যার প্রকৌশলের প্রতি গভীর আগ্রহ থেকে তথ্যপ্রযুক্তি খাতে তার পেশাজীবন শুরু করেন। এরপর ব্যবসায়িক দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি স্পেনের একটি নামী বিজনেস স্কুল থেকে উচ্চতর এমবিএ ডিগ্রিও সম্পন্ন করেন।   বাংলাদেশে থাকাকালে মেহেদী হাসান বিশ্বব্যাংক ও গ্রামীণফোনে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি স্থায়ীভাবে স্পেনে পাড়ি জমান। ২০২২ সালে একটি লজিস্টিকস প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিখ্যাত ফোর্বস টেকনোলজি কাউন্সিলে যোগদানের বিরল আমন্ত্রণ পান। বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করার পাশাপাশি ছয়টি মহাদেশের ৬০টিরও বেশি দেশ ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা রয়েছে তার।   ২০২৪ সালের শেষ দিকে মেহেদী হাসান প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে 'হাসটি লিমিটেড' নামক প্রতিষ্ঠানে যোগদান করেন। সেখানে তার দূরদর্শী নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ওয়েব অ্যাপ তৈরির কাজ শুরু হয়, যার চালিকাশক্তি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এই বিশেষ প্রকল্পের ৬০ শতাংশের বেশি কোড এআই দিয়ে তৈরি করার ফলে সফটওয়্যারটি তৈরির সময় স্বাভাবিকের চেয়ে অর্ধেক কমে আসে। প্রযুক্তি খাতে মেধার এমন অনন্য ও যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই বছর ইউরোপীয় আসরে সেরা উদীয়মান তারকা নির্বাচিত হন।   ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস মূলত পুরো মহাদেশজুড়ে জমা পড়া শত শত আবেদন থেকে কঠোর যাচাই-বাছাই শেষে মোট ২৩টি বিশেষ বিভাগে কয়েকজনকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে নির্বাচন করে। বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘ফিনটেক ইন্টেল’ প্রতি বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কারের আয়োজন ও পরিচালনা করে থাকে। এবারের আন্তর্জাতিক বিচারক প্যানেলে সুইজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরিসহ ১০টিরও বেশি দেশের জাতীয় ফিনটেক সংস্থার শীর্ষস্থানীয় নেতারা যুক্ত ছিলেন।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:১৭
মুম্বাইয়ের রাস্তায় টাঙানো অ্যাপল আইফোনের বিশাল বিজ্ঞাপনের পাশ দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি | ছবি: রয়টার্স
আইফোন ১৮ প্রোর গোপন তথ্য এবং ছবি ফাঁস, বিপাকে অ্যাপল ও টাটা

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন মডেলের আইফোনের সংবেদনশীল যন্ত্রাংশের তালিকা, সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম এবং গোপন ছবি ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে। অ্যাপলের অন্যতম প্রধান ভারতীয় যন্ত্রাংশ সরবরাহকারী ও চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানের ডাটাবেজ হ্যাক করে এই গোপন নথিগুলো হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার চক্র। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।   ডার্ক ওয়েবে ফাঁস হওয়া ২ লাখেরও বেশি ফাইলের মধ্যে অন্তত ছয়টি বিশেষ ফাইল রয়েছে, যাতে নতুন আইফোনের সার্কিট বোর্ডের চিপ, ব্যাটারি এবং ক্যামেরার বিভিন্ন যন্ত্রাংশের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। সাধারণত অ্যাপল তাদের কোন যন্ত্রাংশ কোন কোম্পানি তৈরি করে, তা কঠোরভাবে গোপন রাখে। এই তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ায় বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, নকল মোবাইল প্রস্তুতকারক এবং নিজস্ব বিক্রেতারা আইফোনের অভ্যন্তরীণ প্রযুক্তির নকশা সহজেই জেনে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে।   ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে অ্যাপলের অত্যন্ত গোপনীয় বিশেষ জলছাপযুক্ত কিছু ফাইল এবং কারখানায় নতুন আইফোনের ওপর চালানো আছাড় পরীক্ষার বাস্তব ছবিও রয়েছে। ছবিতে ধূসর রঙের একটি হ্যান্ডসেটের পেছনে তিনটি ক্যামেরা এবং অ্যাপলের লোগো দেখা গেছে। টাটা ইলেকট্রনিক্সের নেটওয়ার্ক হ্যাক করা হ্যাকার চক্রটি আইফোনের পাশাপাশি বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং বড় বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের মতো আমেরিকান ও তাইওয়ানিজ গ্রাহকদের গোপন নথিও ডার্ক ওয়েবে প্রকাশ করে দিয়েছে।   চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারতকে একটি বড় ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ভারতের সরকারের যে বিশেষ পরিকল্পনা রয়েছে, এই তথ্য ফাঁসের ঘটনা তার ওপর একটি বড় ধাক্কা। বর্তমানে বৈশ্বিক বাজারে মোট আইফোন উৎপাদনের প্রায় ২৬ শতাংশই ভারতে তৈরি হচ্ছে, যা মাত্র চার বছর আগেও ছিল মাত্র ৬ শতাংশ। এমন সময়ে এই বিপর্যয়টি ঘটল যখন অ্যাপল আগামী সেপ্টেম্বর মাসেই তাদের এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।   এই বড় ধরনের সাইবার হামলার পর অ্যাপল ও টাটা ইলেকট্রনিক্স যৌথভাবে ঘটনার দীর্ঘমেয়াদি তদন্ত শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ সংবেদনশীল সিস্টেমে কর্মীদের প্রবেশাধিকার সীমিত করেছে এবং একটি বৈশ্বিক পরামর্শক সংস্থাকে দিয়ে পুরো ব্যবস্থার ফরেনসিক অডিট বা চুলচেরা বিশ্লেষণ করাচ্ছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানের মুখপাত্রই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:১১
ছবি: সেন্ট লুইস মেট্রোপলিটন পুলিশ
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৭ মাসের শিশুকে গুলি করে হত্যা, ১০ বছরের শিশুর বিরুদ্ধে হত্যা মামলা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৭ মাস বয়সী এক শিশুকে মাথায় গুলি করে হত্যার অভিযোগে ১০ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। একই ঘটনায় নিহত শিশুটির ১৯ বছর বয়সী বাবার বিরুদ্ধেও অবহেলার অভিযোগে একাধিক মামলা হয়েছে।   স্থানীয় পুলিশ ও মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সেন্ট লুইসের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ৭ মাস বয়সী কিয়োমি পার্কারকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।   পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে সেন্ট লুইস মেট্রোপলিটন পুলিশ বিভাগ। আদালতের নথির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাড়িতে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন, ১০ বছর বয়সী অভিযুক্ত শিশুটি একটি শোবার ঘরের গদির নিচে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে কিয়োমির দিকে গুলি চালায়।   ঘটনার সময় বাড়িতে আরও এক ৭ বছর বয়সী শিশু উপস্থিত ছিল। তদন্তে অভিযুক্ত শিশুটি পুলিশকে জানায়, অস্ত্রটি কোথায় রাখা ছিল সে তা জানত। আগেও সে অস্ত্রটি বের করে হাতে নিয়েছিল এবং সেটি তার জন্য সহজেই নাগালে ছিল।   পরে নিহত শিশুটির বাবা ক্যা'ম্যারিয়ন পনেল পুলিশকে স্বীকার করেন, আগ্নেয়াস্ত্রটি তিনিই গদির নিচে লুকিয়ে রেখেছিলেন, যেখান থেকে অভিযুক্ত শিশুটি সেটি পায়। তবে পনেলের সঙ্গে অভিযুক্ত ১০ বছর বয়সী শিশুটির সম্পর্ক কী, তা এখনো স্পষ্ট নয়।   পুলিশ জানিয়েছে, কিশোর আদালতে ১০ বছর বয়সী শিশুটির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মিসৌরির ইতিহাসে এত কম বয়সে হত্যা মামলার আসামি হওয়ার ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।   অন্যদিকে, নিহত শিশুটির বাবা ক্যা'ম্যারিয়ন পনেলের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যা, অবহেলার মাধ্যমে শিশুর মৃত্যু ঘটানো এবং শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে জামিন ছাড়াই কারাগারে রাখা হয়েছে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:৯
মৃতদের পরিচয় ব্যবহার করে ১৮ লাখ ডলার আত্মসাতের দায়ে সাবেক মার্কিন কর্মকর্তা মিরনা ফারিয়া দোষী সাব্যস্ত | ছবি: গেটি ইমেজেস
মৃত মানুষের নামে ভাতার টাকা আত্মসাৎ, মার্কিন সরকারি কর্মকর্তার কারাদণ্ড

আমেরিকার সামাজিক নিরাপত্তা বিভাগের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে মৃত ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রায় ১৮ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে ২৩টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। পুয়ের্তো রিকোর একটি ফেডারেল জুরি বোর্ড দীর্ঘ এক সপ্তাহের বিচারিক প্রক্রিয়া শেষে এই ঐতিহাসিক রায় প্রদান করে। ওই কর্মকর্তার নাম মিরনা ফারিয়া, যিনি কর্মক্ষেত্রে মিরনা অলিভেরাস-সান্তিয়াগো নামেও পরিচিত ছিলেন।   আদালতের নথিপত্র ও উপস্থাপিত তথ্য প্রমাণ অনুযায়ী, ফারিয়া ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত সামাজিক নিরাপত্তা প্রশাসনের ওয়ার্কলোড সাপোর্ট ইউনিটে সামাজিক বিমা বিশেষজ্ঞ এবং ক্লেইমস স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিজের পদমর্যাদার অপব্যবহার করে ২০১২ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ ১২ বছর ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে এই চুরির ঘটনা ঘটান। এই সময়ে তিনি মোট ১৮ লাখ ১২ হাজার ৪৫৫ মার্কিন ডলার সরকারি তহবিল থেকে অবৈধভাবে হাতিয়ে নেন।   তদন্তকারীরা জানিয়েছেন, ফারিয়া মূলত এমন কিছু ব্যক্তিকে টার্গেট করতেন যাদের তিনি মৃত বলে নিশ্চিত হতেন। এরপর তিনি নিজের অফিশিয়াল ক্ষমতা ব্যবহার করে ওই মৃত ব্যক্তিদের নামে ভুয়া অবসরকালীন ভাতা, সারভাইভার ইনসুরেন্স এবং আনুষঙ্গিক সহায়তার আবেদন সাব্যস্ত করতেন। জালিয়াতির এই আবেদনগুলো তিনি নিজেই অনুমোদন দিতেন এবং টাকা তোলার জন্য সরকারের কাছে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ঠিকানা জমা দিতেন।   পরবর্তীতে সেই জালিয়াতি করা ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে ফারিয়া নিয়মিত টাকা তুলতেন এবং তা নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতেন। দীর্ঘ এক যুগের এই অপরাধ জীবনে তিনি মোট ১৩টি সম্পূর্ণ ভুয়া ও বড় ধরনের ক্লেইম বা আবেদন নিজের নামে অনুমোদন করিয়েছিলেন। এই ভয়াবহ প্রতারণা ও জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশটির সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা তহবিলের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।   আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের পরিদর্শক কার্যালয় এবং ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস যৌথভাবে এই ঘটনার দীর্ঘ তদন্ত পরিচালনা করে। পুয়ের্তো রিকোর পুলিশ বিভাগও এই তদন্ত কাজে সরাসরি সহায়তা প্রদান করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিনা আর মেন্দেজ-মিরো এই মামলার চূড়ান্ত শাস্তি ও কারাদণ্ডের মেয়াদ ঘোষণা করবেন। সরকারি তহবিল চুরি এবং পরিচয় জালিয়াতির কারণে তাকে দীর্ঘ মেয়াদে কারাগারে থাকতে হবে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১৩:১
রাইড-শেয়ার চালকের ছদ্মবেশে নারীদের ধর্ষণের অপরাধে আলভিন ক্যাম্পবেলের যাবজ্জীবন কারাদণ্ড | ছবি: এপি
ছদ্মবেশে নারীদের তুলে ধর্ষণের দায়ে আমেরিকায় মন্ত্রীর ভাইয়ের যাবজ্জীবন

আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রেয়া ক্যাম্পবেলের ভাই আলভিন ক্যাম্পবেল জুনিয়রকে একাধিক নারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাইড-শেয়ারিং বা ট্যাক্সি চালকের ছদ্মবেশ ধারণ করে মদ্যপ নারীদের গাড়িতে তুলে তিনি এই নৃশংস অপরাধ সংঘটন করতেন। স্থানীয় সময় সোমবার মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় বিচারক আলভিনের এই কর্মকাণ্ডকে চরম ধূর্ত ও বিকৃত মানসিকতার বলে অভিহিত করেন।   চলতি মাসের শুরুর দিকেই আদালতের জুরি বোর্ড আলভিনকে ছয়টি পৃথক ধর্ষণের মামলা, দুটি অপহরণ, দুটি অশোভন আচরণ ও শ্লীলতাহানি, ছবি তোলার নামে নগ্নতা ধারণের নয়টি অপরাধ এবং ধর্ষণের উদ্দেশ্যে হামলার দুটি ঘটনায় দোষী সাব্যস্ত করে। একটি ধর্ষণের ঘটনায় আদালত তাকে সরাসরি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অন্যান্য অপরাধের জন্য তাকে আরও ১২০ থেকে ১৪০ বছরের ধারাবাহিক কারাদণ্ড দেওয়া হয়েছে, যার ফলে তার বাকি জীবন কারাগারেই কাটতে হবে।   আদালতে রায় শুনানির সময় তিনজন ভুক্তভোগী নারীর লিখিত জবানবন্দী পড়ে শোনান সরকারি কৌঁসুলিরা। এক ভুক্তভোগী তার বিবৃতিতে জানান, ঘটনার রাতে তার স্মৃতি পুরোপুরি লোপ পাওয়ায় অপরাধী তার সম্পর্কে কী কী তথ্য জেনেছে তা নিয়ে তিনি চরম আতঙ্কে ছিলেন। আলভিন তাকে অপহরণ বা হত্যা করতে পারে— এই ভয়ে তিনি দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। অন্য এক ভুক্তভোগী আলভিনকে একজন চরম স্বার্থপর ও অনুশোচনাহীন অপরাধী হিসেবে উল্লেখ করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত আলভিনকে একজন যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।   তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে আলভিন বোস্টন শহরের বিভিন্ন মদের দোকানের সামনে ওত পেতে থাকতেন। সেখানে অতিরিক্ত মদ্যপানের কারণে মাতাল অবস্থায় থাকা নারীদের টার্গেট করে তিনি নিজেকে উবার চালক হিসেবে পরিচয় দিতেন। সরল বিশ্বাসে নারীরা তার গাড়িতে উঠলে তিনি তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন চালাতেন। পরবর্তীতে পুলিশ ডিএনএ পরীক্ষার অকাট্য প্রমাণের ওপর ভিত্তি করে আলভিনকে এই অপরাধগুলোর সঙ্গে সরাসরি যুক্ত করতে সক্ষম হয়।   মামলার রায় ঘোষণার পর ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রেয়া ক্যাম্পবেল এক বিবৃতিতে জানান, ভুক্তভোগী নারীরা আদালতে এসে সাক্ষ্য দেওয়ার যে সাহস দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। তবে নিজের ভাইয়ের এই পরিণতিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ভাই হিসেবে আলভিনের জন্য তার মন কাঁদছে এবং তিনি সবসময় ভাইয়ের জন্য প্রার্থনা করবেন।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১২:৫৩
ফাইল ছবি
২০৩০ সালের মধ্যে বিশ্বে হারাতে পারে ৯ কোটি চাকরি, বাংলাদেশে ঝুঁকিতে যেসব পেশা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও রোবোটিক প্রযুক্তির দ্রুত বিস্তার বিশ্বজুড়ে শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনছে। প্রযুক্তির অগ্রগতির ফলে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে, আর বহু প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়ছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা বলছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে কোটি কোটি চাকরি বিলুপ্ত হতে পারে। একই সঙ্গে নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। বাংলাদেশও এ পরিবর্তনের বাইরে থাকছে না।   বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, প্রযুক্তিগত পরিবর্তন ও অটোমেশনের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হতে পারে। তবে একই সময়ে নতুন কর্মক্ষেত্রও তৈরি হবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে পুনরাবৃত্তিমূলক বা রুটিনভিত্তিক কাজগুলো।   বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায় ৭ শতাংশ চাকরি সরাসরি এআইয়ের কারণে ঝুঁকির মুখে রয়েছে। একই সঙ্গে প্রায় ১৫ শতাংশ চাকরিতে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।   ডব্লিউইএফের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ক্যাশিয়ার, বাস, ট্রেন ও বিমানের টিকিট বিক্রেতা, ডাটা এন্ট্রি কর্মী, প্রশাসনিক সহকারী, নির্বাহী সচিব, ব্যাংকের কাউন্টার কর্মকর্তা এবং ডাক বিভাগের কর্মীদের মতো পেশা।   প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটালাইজেশন, জেনারেটিভ এআই এবং রোবোটিক অটোমেশন দ্রুত এসব কাজের জায়গা দখল করছে। বিশ্বের বিভিন্ন দেশে চালকবিহীন যানবাহন প্রযুক্তির উন্নয়নও পরিবহন খাতের কিছু চাকরিকে ভবিষ্যতের ঝুঁকির তালিকায় যুক্ত করেছে। যদিও বাংলাদেশসহ অনেক দেশ এখনো এ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার শুরু করেনি।   গবেষণায় বলা হয়েছে, কেরানি ও অফিস সহকারী ধরনের চাকরিগুলো আগামী বছরগুলোতে সবচেয়ে বেশি চাপে পড়বে। কারণ এসব কাজের বড় অংশই তথ্য প্রক্রিয়াকরণ, নথি ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণভিত্তিক। এ ধরনের কাজ এআই তুলনামূলক সহজেই সম্পন্ন করতে পারে।   বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে এখনো এসব কাজ হাতে-কলমে করা হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, একজন কর্মী যেখানে কয়েক ঘণ্টা সময় নিয়ে একটি কাজ সম্পন্ন করেন, সেখানে আধুনিক এআইভিত্তিক সফটওয়্যার একই কাজ অনেক কম সময়ে করতে সক্ষম।   গণমাধ্যম খাতেও প্রযুক্তির প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। বর্তমানে এআই ব্যবহার করে দ্রুত সংবাদ সারাংশ তৈরি, অনুবাদ এবং তথ্য বিশ্লেষণের কাজ করা হচ্ছে। ফলে প্রেস বিজ্ঞপ্তিনির্ভর সংবাদ, সাধারণ অনুবাদ বা নিয়মিত কনটেন্ট তৈরির কাজে নিয়োজিত কর্মীদের ওপর চাপ বাড়তে পারে।   তবে অনুসন্ধানী সাংবাদিকতা, অর্থনৈতিক বিশ্লেষণ, মাঠপর্যায়ের রিপোর্টিং এবং তথ্য যাচাইয়ের মতো দক্ষতাভিত্তিক কাজের চাহিদা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাককিনজি অ্যান্ড কোম্পানির ‘জেনারেটিভ এআই অ্যান্ড দ্য ফিউচার অব ওয়ার্ক ইন আমেরিকা’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, জেনারেটিভ এআই অফিসভিত্তিক বহু চাকরির কাঠামো বদলে দেবে। বিশেষ করে গ্রাহকসেবা, অ্যাকাউন্টিং সহায়তা, বেতন প্রক্রিয়াকরণ, তথ্য ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সহায়তাসংক্রান্ত কাজ দ্রুত অটোমেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে।   তবে ম্যাককিনজির গবেষণায় বলা হয়েছে, সব চাকরি হারিয়ে যাবে এমন নয়। অনেক ক্ষেত্রে কাজের ধরন বদলে যাবে। যেসব পেশায় মানবিক যোগাযোগ, সৃজনশীলতা, সিদ্ধান্ত গ্রহণ এবং জটিল বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে মানুষের চাহিদা বজায় থাকবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবস্থাপনা এবং সৃজনশীল খাতকে তুলনামূলক নিরাপদ হিসেবে উল্লেখ করা হয়েছে।   বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণাতেও একই ধরনের চিত্র উঠে এসেছে। ‘দ্য ফিউচার অব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট অকুপেশনস ইন দ্য এরা অব এআই’ শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে, এআই প্রযুক্তির অগ্রগতির ফলে ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ অফিস সহকারীর চাকরি কমে যেতে পারে।   গবেষকরা জানিয়েছেন, বড় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ডকুমেন্টেশন, সময়সূচি নির্ধারণ, প্রতিবেদন তৈরি এবং গ্রাহক ব্যবস্থাপনার কাজে এআইভিত্তিক সফটওয়্যার ব্যবহার শুরু করেছে। একই সময়ে প্রযুক্তি খাতও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ‘এআই ইমপ্যাক্ট অন লেবার ফোর্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারস’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, এআই-সহায়ক কোডিং টুল এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির প্রযুক্তি সফটওয়্যার প্রকৌশলীদের কাজের ধরন বদলে দিচ্ছে। ফলে ভবিষ্যতে শুধু কোডিং দক্ষতা যথেষ্ট হবে না। জটিল সমস্যা সমাধান, সিস্টেম ডিজাইন, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং মানবিক দক্ষতার গুরুত্ব আরও বাড়বে।   বাংলাদেশের ব্যাংকিং, কলসেন্টার, পোশাকশিল্প ব্যবস্থাপনা, গণমাধ্যম এবং সরকারি অফিসগুলোতেও ধীরে ধীরে অটোমেশন ও এআইভিত্তিক সফটওয়্যারের ব্যবহার বাড়ছে। ফলে কম দক্ষতাভিত্তিক অফিস চাকরিগুলো ভবিষ্যতে চাপের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ পরিবর্তনকে আতঙ্কের চোখে না দেখে দক্ষতা উন্নয়নের সুযোগ হিসেবে দেখা উচিত। ইতিহাস বলছে, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লব কিছু কর্মসংস্থান কমালেও নতুন ধরনের পেশা ও কাজের ক্ষেত্র তৈরি করেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত পরিবর্তিত বাস্তবতার সঙ্গে কর্মীদের খাপ খাইয়ে নেওয়া।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১২:৪২
ক্যারোলিন পেনা হত্যাকাণ্ডে ১৯ বছর বয়সী আমায়া ডিয়াজকে প্রধান অভিযুক্ত করেছে পুলিশ | ছবি: নিউইয়র্ক পোস্ট
টেক্সাসে পাঁচ সন্তানের মাকে ছুরিকাঘাতে হত্যা, মূল হামলাকারী ছিলেন ১৯ বছরের তরুণী: পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর ডেল রিওতে পাঁচ সন্তানের জননী ক্যারোলিন "ক্যারো" পেনা হত্যাকাণ্ডে ১৯ বছর বয়সী আমায়া "কুকি" ডিয়াজই ছুরিকাঘাত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। আদালতে জমা দেওয়া নথির বরাতে এ তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। পুলিশের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে ৩২ বছর বয়সী পেনার সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কুকি ডিয়াজ তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন। এ ঘটনায় কুকির পাশাপাশি তার ২১ বছর বয়সী বোন কিটি মিয়া ডিয়াজ এবং তাদের বন্ধু ২১ বছর বয়সী কিয়ান্দ্রা রেনি ফাজের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।   শুক্রবার টেক্সাসের একটি আদালত তিন আসামির প্রত্যেকের জামিন পাঁচ মিলিয়ন ডলার নির্ধারণ করেন। আদালতের নথিতে বলা হয়েছে, কিয়ান্দ্রা ফাজ পুলিশকে জানান, পেনা তার বাড়িতে গিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করেছিলেন।   তদন্তকারীরা পরে ঘটনাস্থলের নজরদারি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেন। ভিডিওতে দেখা যায়, পেনার কালো রঙের ডজ পিকআপ ট্রাকটি ফাজের বাড়ির সামনে এসে থামে। কিছুক্ষণ পর একটি কালো ক্রাইসলার ৩০০ গাড়িতে করে কুকি ও কিটি সেখানে পৌঁছান। পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়ি থেকে নেমেই কুকি ডিয়াজ পেনার দিকে এগিয়ে যান। তার ডান হাতে ছুরির মতো একটি ধারালো বস্তু ছিল বলে তদন্তকারীদের ধারণা।   ভিডিওতে দেখা যায়, কুকি পেনার পিঠে আঘাত করেন এবং সঙ্গে সঙ্গে তার জামা রক্তে ভিজে যায়। এরপর কিটি ডিয়াজ ও কিয়ান্দ্রা ফাজও হামলায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, তারা পেনাকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।   আহত পেনাকে তার ভাতিজা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে হামলার প্রায় সাত ঘণ্টা পর, রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার আদালতে হাজির করা হলে তিন অভিযুক্তই নিজেদের পক্ষে আদালত-নিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদন করেন।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১২:৩৩
কানেকটিকাটে এটিএম বুথে ‘জ্যাকপটিং’ জালিয়াতি; এফবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৪ | ছবি: গেটি ইমেজেস
কার্ড ছাড়াই বুথ থেকে অর্ধমিলিয়ন ডলার চুরি, যুক্তরাষ্ট্রে ৪ ভেনিজুয়েলান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন এটিএম বুথে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ ডলার চুরির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা (এফবিআই)। 'জ্যাকপটিং' নামের একটি বিশেষ হ্যাকিং পদ্ধতির মাধ্যমে ওই ব্যক্তিরা বুথ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এই অপরাধ চক্রটি কানেকটিকাটের বিভিন্ন এলাকা থেকে মোট ৫ লাখ ২৯ হাজার ২২০ মার্কিন ডলার চুরি করেছে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।   কানেকটিকাটের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এবং নিউ হ্যাভেনের এফবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ইউক্লিডেস মোরেনো ইতানের, উইলিয়ান রিকার্ডো ফ্লোরেস, আলবার্তো জোসে ফ্রেইটস আরভিলা এবং লুইস জোসে ফ্রেইটস আরভিলা। তারা প্রত্যেকেই ভেনিজুয়েলার নাগরিক এবং বর্তমানে নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ম্যাসাচুসেটসের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। চোরাই সম্পত্তি এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবহন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে তাদের বিরুদ্ধে ফেডারেল আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।   তদন্তকারীদের তথ্য অনুযায়ী, 'জ্যাকপটিং' হলো এমন এক ধরনের অত্যাধুনিক চুরি যেখানে বিশেষ কোনো হার্ডওয়্যার বা ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে এটিএম বুথের ভেতরের কম্পিউটার সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে ব্যাংকের কোনো কার্ড ছাড়াই বুথের ভেতরে থাকা সব টাকা স্বয়ংক্রিয়ভাবে বাইরে চলে আসে। গত বছরের আগস্ট মাসে এই চক্রটি কানেকটিকাটের মোট ৯টি এটিএম বুথ টার্গেট করেছিল, যার মধ্যে আটটি বুথ থেকে তারা সফলভাবে টাকা তুলতে সক্ষম হয়। তবে একটি বুথে উন্নত নিরাপত্তা সফটওয়্যার থাকায় তাদের চুরির চেষ্টা ব্যর্থ হয়েছিল।   বুথগুলোর ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এই চুরির অভিনব কৌশল দেখতে পেয়েছেন গোয়েন্দারা। ফুটেজে দেখা যায়, আলবার্তো নামের একজন প্রথমে এটিএম বুথ খুলে এর ভেতরের নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করেন এবং কাজ শেষ করে এলাকা ছেড়ে চলে যান। এরপর অন্য তিনজন পালাক্রমে বুথের সামনে এসে পাহারায় থাকেন এবং টাকাগুলো বস্তাবন্দী করেন। ধরা পড়ার ঝুঁকি এড়াতে তারা কয়েক ঘণ্টা পর পর নিজেদের পোশাক পরিবর্তন করে একই বুথে বারবার আসছিলেন।   আমেরিকার বিচার বিভাগ ও এফবিআই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে এই 'জ্যাকপটিং' চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৯০০টি এই ধরণের চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধুমাত্র গত এক বছরেই ৭০০টিরও বেশি ঘটনায় প্রায় ২০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ এটিএম বুথ থেকে হ্যাক করে চুরি করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই চার ব্যক্তির দোষ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১২:৭
ফ্লোরিডায় সরকারি সাইনবোর্ড চুরি করে অনলাইনে বিক্রির দায়ে এক ব্যক্তি অভিযুক্ত | ছবি: এক্স
সরকারি সাইনবোর্ড চুরি করে ফেসবুকে বিক্রি, ফ্লোরিডার যুবকের ১০ বছরের জেল

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি পার্ক থেকে ঐতিহ্যবাহী 'স্মোকি বেয়ার' সাইনবোর্ড চুরি করে অনলাইনে বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ফেডারেল গ্র্যান্ড জুরি কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ফ্লোরিডার নর্দান ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জন হেকিন সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। সরকারি সম্পত্তি চুরির এই গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হলে ওই যুবককে সর্বোচ্চ ১০ বছরের ফেডারেল কারাদণ্ড ভোগ করতে হতে পারে।   অভিযুক্ত যুবকের নাম হান্টার ড্রেক লাভেট এবং তার বয়স ৩০ বছর। তিনি ফ্লোরিডার পেস এলাকার বাসিন্দা বলে আদালতের নথিপত্রে উল্লেখ করা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এই মামলার আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।   মামলার বিবরণ থেকে জানা যায়, এই ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের জুলাই মাসে। তখন পেনসাকোলা, পানামা সিটি এবং অরল্যান্ডোর বিভিন্ন রাষ্ট্রীয় পার্ক ও বনভূমি থেকে বন্যপ্রাণী সচেতনতামূলক বিখ্যাত ভাল্লুকের ছবি সংবলিত সরকারি সাইনবোর্ড চুরির অভিযোগে লাভেটকে গ্রেপ্তার করা হয়। ফেডারেল তদন্তকারীরা জানিয়েছেন, লাভেট এই চুরির পর প্রতিটি সাইনবোর্ড ফেসবুক মার্কেটপ্লেসে ১ হাজার ৯০০ মার্কিন ডলারে বিক্রি করার চেষ্টা করছিলেন।   লাভেটের এই অদ্ভুত চুরির কাণ্ড ও গ্রেপ্তারের পর সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ফ্লোরিডার কৃষি কমিশনার উইল্টন সিম্পসন তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই সফল অভিযানের কথা তুলে ধরেন। তিনি রসাত্মকভাবে লিখেছিলেন যে, নির্বোধ অপরাধীরা যখন ভাল্লুকের সীমানায় গিয়ে ঝামেলা পাকায়, তখন ঠিক এমনটাই ঘটে।   যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে এই চুরির ঘটনার মূল তদন্ত পরিচালনা করে। এই তদন্ত কাজে ফ্লোরিডার কৃষি ও ভোক্তা সেবা বিভাগ, কৃষি আইন প্রয়োগকারী সংস্থা, ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস এবং আলাবামার ইউফলা পুলিশ বিভাগ সরাসরি সহায়তা প্রদান করে। মূলত রাজ্যজুড়ে ঘুরে ঘুরে বনের সম্পদ চুরি এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রির অপরাধের শিকড় উপড়ে ফেলতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১১:৫৪