সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: নিউইয়র্ক পোস্ট
ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ, মঞ্চ ছাড়ার সময় পথ খুঁজতে গিয়ে বিড়ম্বনায় বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মেরিল্যান্ডে ডেমোক্র্যাটিক পার্টির এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেছেন। তবে বক্তব্য শেষ হওয়ার পর মঞ্চ ছাড়ার পথ খুঁজতে গিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।   শনিবার বাল্টিমোরের কাছে হ্যানোভারের লাইভ! ক্যাসিনো অ্যান্ড হোটেলে আয়োজিত মেরিল্যান্ড ডেমোক্র্যাটিক পার্টির ‘ফাইট ব্যাক অ্যান্ড উইন’ সম্মেলনে বক্তব্য দেন ৮৩ বছর বয়সী বাইডেন।   বক্তব্যে তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেন। বাইডেন অভিযোগ করেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছেন। পাশাপাশি হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণের পরিকল্পনাকে তিনি ‘ব্যক্তিগত অহমিকার প্রকল্প’ বলে মন্তব্য করেন।   বক্তৃতার শেষ দিকে যুক্তরাষ্ট্রের সংকট মোকাবিলার সক্ষমতার কথা তুলে ধরেন বাইডেন। এরপর মঞ্চ ছাড়তে গিয়ে তিনি একপাশে তাকিয়ে দিকনির্দেশনা চান। পরে দুই দিকেই ইশারা করে কোন পথে নামবেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। সঠিক পথ বুঝে নেওয়ার পর দর্শকদের দিকে পিঠ রেখে মঞ্চ ত্যাগ করেন।   এর কয়েকদিন আগেই শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেনশিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাইডেন। ওই অনুষ্ঠানেও সমাপ্তির সময় তাকে কিছুটা বিভ্রান্ত দেখা যায়। সে সময় তিনি মঞ্চে দাঁড়িয়ে নিজের নাতনিকে খুঁজছিলেন। পরে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে পথ দেখান।   শনিবারের বক্তব্যে বাইডেন টেলিপ্রম্পটার ব্যবহার করেন। বক্তব্যের সময় কয়েকবার কাশি দিতেও দেখা যায় তাকে। তিনি দাবি করেন, তার প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ট্রাম্প প্রশাসনের বর্তমান সময়ের তুলনায় ভালো ছিল।   ট্রাম্পকে উদ্দেশ করে বাইডেন বলেন, তিনি হোয়াইট হাউসে ফিরে এসে বিভিন্ন ব্যক্তিগত প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিচ্ছেন। হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা এবং ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুল সংস্কারের উদ্যোগেরও সমালোচনা করেন তিনি।   বাইডেন আরও অভিযোগ করেন, হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প বিপুল অর্থ উপার্জন করেছেন এবং এ বিষয়ে তার কোনো লজ্জাবোধ নেই। এর আগে প্রেসিডেন্ট থাকাকালেও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও জনসমাবেশে মঞ্চে চলাফেরা বা দিকনির্দেশনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কয়েকটি ঘটনা আলোচনায় এসেছিল।   বর্তমানে বাইডেন স্টেজ-৪ প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তার নতুন বইয়ের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। বইটিতে তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে বাইডেনের পারফরম্যান্স দেখে প্রথমে তার মনে হয়েছিল, তিনি হয়তো স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৬:৫৮
ছবি: নিউইয়র্ক পোস্ট
আইসিইর পরিচালক হিসেবে সাবেক মেরিন ও ওকলাহোমা স্টেট ট্রুপারকে মনোনয়ন দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-এর নতুন পরিচালক হিসেবে অবসরপ্রাপ্ত ওকলাহোমা স্টেট ট্রুপার ল্যান্স শ্রয়ারকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।   ট্রাম্প বলেন, ল্যান্স শ্রয়ার ওকলাহোমায় ২৯ বছরেরও বেশি সময় আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তাকে একজন দেশপ্রেমিক, দক্ষ প্রশাসক এবং দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন তিনি।   প্রেসিডেন্টের ভাষ্য, শ্রয়ার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আইসিইর সঙ্গে ২৮৭(জি) আইনশৃঙ্খলা অংশীদারত্ব কর্মসূচির বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। তার অভিজ্ঞতার মধ্যে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনার বিষয়টিও রয়েছে বলে দাবি করেন ট্রাম্প।   ট্রাম্প আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনের মতোই শ্রয়ারও আইসিইর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। ২০১৭ সালের পর থেকে আইসিই কোনো সিনেট-অনুমোদিত স্থায়ী পরিচালক পায়নি। অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দীর্ঘ রাজনৈতিক বিরোধের কারণে পদটি দীর্ঘদিন শূন্য রয়েছে।   বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এর আগে ক্রিস্টি নোমের স্থলাভিষিক্ত হন। ট্রাম্প প্রশাসন নোমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর সিনেট মুলিনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দেয়।   এর আগে ভারপ্রাপ্ত আইসিই পরিচালক টড লায়ন্স গত এপ্রিলে পদত্যাগ করেন। জানুয়ারিতে আইসিইবিরোধী বিক্ষোভ চলাকালে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নামে দুই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তিনি পদ ছাড়েন।   ট্রাম্প সিনেটের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ৪ জুলাইয়ের ছুটির কারণে অবকাশে থাকলেও যত দ্রুত সম্ভব ল্যান্স শ্রয়ারের মনোনয়ন অনুমোদন দেওয়া উচিত।   ল্যান্স শ্রয়ারের নামে থাকা লিংকডইন প্রোফাইলে ব্যক্তিগত তথ্য খুবই সীমিত। তবে ২০১৫ ও ২০১৬ সালের কয়েকটি সংবাদ প্রতিবেদনে ওকলাহোমায় সড়ক দুর্ঘটনার ঘটনায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাকে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৬:৩৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
দুর্নীতির অভিযোগে ইরাকে এমপিসহ কয়েকজন রাজনৈতিক নেতা গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে ইরাকে কয়েকজন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার ভোরে রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি জানিয়েছে, গত মাসে গ্রেপ্তার হওয়া সাবেক উপ-তেলমন্ত্রী আদনান আল-জুমাইলির দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এমন কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন, যাদের সংসদীয় দায়মুক্তি (ইমিউনিটি) আগে প্রত্যাহার করা হয়েছিল।   অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী রাজধানীর কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের সব প্রবেশপথ বন্ধ করে দেয়। এই এলাকাতেই ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। বার্তা সংস্থা এপির হাতে আসা একটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই সংসদ সদস্য।   গ্রেপ্তার হওয়া কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির রাজনৈতিক জোটের সদস্য। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।   গত নভেম্বরের সংসদ নির্বাচনে আল-সুদানির জোট সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন নিয়ে ইরান-সমর্থিত শিয়া দলগুলোর জোট ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’-এর অভ্যন্তরীণ মতবিরোধের কারণে তিনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি।   পরবর্তীতে ব্যবসায়ী ও রাজনীতিতে নবাগত আলী আল-জায়েদি সমঝোতার প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার প্রার্থিতায় যুক্তরাষ্ট্রেরও সমর্থন ছিল।   এই অভিযানের পর ইরাকের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দেশটিতে দুর্নীতির অভিযোগকে ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারের বিষয়গুলো প্রায়ই সামনে আসে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৬:২৩
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ফাইল ছবি: বাসস
আবাসন খাতে বিএনপি সরকারের নতুন উদ্যোগ, নিম্নআয়ের মানুষের জন্য ১ লাখ ফ্ল্যাট নির্মাণের ঘোষণা

নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় এক লাখ সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।   স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এর আওতায় এসব এলাকা চিহ্নিত করা হয়েছে।   তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে সীমিত আয়ের পরিবারের জন্য পর্যায়ক্রমে আবাসিক ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।   এ ছাড়া উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৩৭টি বস্তি এবং কয়েকটি পৌরসভার নিম্ন আয়ের মানুষের আবাসন পরিস্থিতির উন্নয়নে আরেকটি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।   জাকারিয়া তাহের বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে নিম্ন আয়ের মানুষের জন্য ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষও খুলনার হারিণটানা মৌজায় প্রায় আট একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে।   এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সল্টগোলা এলাকায় প্রায় ৮৩ কাঠা জমিতে নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আবাসন নির্মাণের একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রকল্পটি স্ব-অর্থায়ন অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।   অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করা হবে। সংশোধনীতে কারাদণ্ড, জরিমানা এবং অন্যান্য শাস্তি সংক্রান্ত বিধান পর্যালোচনা করা হবে।   নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে দেশব্যাপী যাচাই কার্যক্রম চলছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে পুনঃযাচাই কমিটি গঠন করা হয়েছে।   ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা মাসিক ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে বাড়িয়ে ৬২ লাখ করার পরিকল্পনা রয়েছে। এ খাতে প্রস্তাবিত বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ২৩৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ৪ হাজার ৭৯১ কোটি টাকা।   তিনি আরও জানান, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাসিক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে ৩০ লাখ উপকারভোগীর জন্য ২ হাজার ৫৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।   প্রতিবন্ধী ভাতাও মাসিক ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। ৩৮ লাখ উপকারভোগীর জন্য এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ৪ হাজার ৫৮৭ কোটি টাকা।   স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, ‘ফ্যামিলি কার্ড’ ভাতা কর্মসূচির আওতায় ৪৪ জেলার ৫৫টি উপজেলার ৫৬টি পাইলট ইউনিটের মাধ্যমে এখন পর্যন্ত ৬৯ হাজার ৩৮৭ জন নারী পরিবারপ্রধান সুবিধা পেয়েছেন। মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ হওয়ায় উপকারভোগীর সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।   এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে, যা প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল ধাপ।   জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।   মন্ত্রী বলেন, এটি বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৬:১৬
ছবি: নিউইয়র্ক পোস্ট
বিশ্বকাপ সম্প্রচারে বসনিয়া নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে মার্কিন টিভি সাংবাদিক

বিশ্বকাপ ফুটবল নিয়ে সরাসরি সম্প্রচারের সময় বসনিয়া ও হার্জেগোভিনাকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল এবিসি৭ লস অ্যাঞ্জেলেসের সাংবাদিক অ্যাবিগেইল ভেলেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার পর শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।   বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লং বিচে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলা উপলক্ষে আয়োজিত এক দর্শক সমাবেশ থেকে সরাসরি প্রতিবেদন দিচ্ছিলেন ভেলেজ। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র ৩-২ গোলে হারের পর পরবর্তী প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনাকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বসনিয়ার ব্যাপারে একটি কথা বলতে পারি, মানচিত্রে দেশটি কোথায় আছে আমি দেখাতে পারব না।   দেশটি সম্পর্কে আমি কিছুই জানি না, আর জানতে চাইও না। কারণ যুক্তরাষ্ট্র ফিরে এসেছে, আগের চেয়ে আরও শক্তিশালী।” এরপর তিনি আরও বলেন, “প্রস্তুত থাকো, বসনিয়া। তোমরা এটা চাইবে না, কিন্তু এটা পেতেই হবে।”   এই মন্তব্য সম্প্রচারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্যটিকে অসংবেদনশীল এবং একটি দেশের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেন।   বসনিয়ান ফুটবলবিষয়ক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ভেলেজের বক্তব্যের ভিডিও প্রকাশ করে লেখা হয়, “মনে হচ্ছে প্রচলিত ধারণাগুলো যেন নিজেরাই সত্যি হয়ে উঠছে।” আরেকজন ব্যবহারকারী লেখেন, “খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার মন্তব্য মজার হতে পারে, কিন্তু এভাবে নয়।”   আরেকটি মন্তব্যে বলা হয়, “আমেরিকানদের সবচেয়ে অদ্ভুত বিষয়গুলোর একটি হলো, তারা মনে করে কোনো দেশের অবস্থানই জানে না, এটা বলাটা যেন গর্বের বিষয়।” সমালোচনার মুখে শনিবার এক্সে দেওয়া এক পোস্টে ক্ষমা চান অ্যাবিগেইল ভেলেজ। তিনি বলেন, বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে হালকা পরিবেশ তৈরির চেষ্টা করতে গিয়ে তিনি সীমা অতিক্রম করেছেন।   তিনি লেখেন, “বিশ্বকাপের প্রতিযোগিতাকে ঘিরে একটু আনন্দের পরিবেশ তৈরি করতে গিয়ে আমি অনুচিত ও অসংবেদনশীল মন্তব্য করেছি। বসনিয়ার জনগণ এবং দেশটির ফুটবল দলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”   তিনি আরও বলেন, “বিশ্বকাপের মূল চেতনা হলো বিশ্বের বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করা। আমার মন্তব্য সেই চেতনাকে প্রতিফলিত করেনি। টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের জন্য শুভকামনা রইল।” আগামী বুধবার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে নকআউট পর্বে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বসনিয়া ও হার্জেগোভিনা।   গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র দুই জয় ও এক ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান অর্জন করে। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনা ‘বি’ গ্রুপে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৬:৫৬
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের শিকাগোতে দুটি নৌকার সংঘর্ষে তরুণীর মৃত্যু, গুরুতর আহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের লেক মিশিগানে দুটি নৌকার সংঘর্ষে নিউইয়র্কের ২৬ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে শিকাগোর মনরো হারবারের কাছে এ দুর্ঘটনা ঘটে।   শিকাগো ফায়ার ডিপার্টমেন্টের মেরিন ডাইভ অপারেশনের ডেপুটি ডিস্ট্রিক্ট চিফ জেসন ল্যাচ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি নৌকা আরেকটি নৌকাকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত জোহানা গ্রেগরিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   নিউইয়র্কের রচেস্টারের বাসিন্দা জোহানা গ্রেগরি পেশায় শিশুদের কর্মমুখী থেরাপিস্ট ছিলেন। সম্প্রতি তিনি শিকাগোতে নতুন একটি চাকরিতে যোগ দিয়েছিলেন। তার বাবা ডগলাস গ্রেগরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “তার হৃদয় ছিল সোনার মতো। এত ভালো একজন মানুষকে এভাবে হারাতে হবে, তা আমি বুঝতে পারছি না।”   কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় জড়িত দুটি নৌকার একটি ছিল ৩৮ ফুট এবং অন্যটি ৪২ ফুট দীর্ঘ। নৌকাগুলো শিকাগোর কেন্দ্রস্থলের জনপ্রিয় নোঙরস্থান মনরো হারবার থেকে প্রায় দেড় মাইল দূরে অবস্থান করছিল।   জেসন ল্যাচ বলেন, যে নৌকাটিতে আঘাত করা হয়, তাতে থাকা তিনজন গুরুতর আহত হন। সংঘর্ষের সময় অন্য নৌকাটি আঘাতপ্রাপ্ত নৌকার ওপর উঠে যায়, ফলে দুর্ঘটনার তীব্রতা আরও বেড়ে যায়। তবে জোহানা গ্রেগরি কোন নৌকায় ছিলেন, সে তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।   সংঘর্ষের তীব্রতায় দুই যাত্রী পানিতে পড়ে গেলেও অন্য যাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় জরুরি সেবা বিভাগ।   তদন্তকারীরা খতিয়ে দেখছেন, দুর্ঘটনার সময় কোনো নৌকার চালক মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন কি না এবং আঘাতপ্রাপ্ত নৌকাটির নেভিগেশন লাইট জ্বালানো ছিল কি না। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, আবহাওয়া বা পানির পরিস্থিতি এ দুর্ঘটনার জন্য দায়ী নয়।   দুর্ঘটনায় জড়িত নৌকাগুলোর যাত্রীদের বয়স ছিল আনুমানিক ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। জেসন ল্যাচ বলেন, তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।   পেনসিলভানিয়ার গ্যানন বিশ্ববিদ্যালয়ের স্নাতক জোহানা গ্রেগরি বিশ্ববিদ্যালয়ের ডিভিশন-২ ভলিবল দলের খেলোয়াড় ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস বিভাগ শোক প্রকাশ করে জানায়, পরিবার, বন্ধু, সাবেক সতীর্থ ও কোচদের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। জোহানাকে গ্যানন বিশ্ববিদ্যালয়ের ‘গোল্ডেন নাইট’ পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় স্মরণ করা হবে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৫:৫১
ছবি: সংগৃহীত
‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’—মার্টিনেজ

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২০২৬ বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।   বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।   ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো মার্টিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।   বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে মার্টিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’   বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’   ২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এই গোলরক্ষক। সেই সফরের স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে বলেই আবারও বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৫:২৩
ছবি: সংগৃহীত
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বইমেলার উদ্বোধন, প্রবাসে বাংলা সাহিত্যচর্চায় গুরুত্বারোপ

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বইমেলা। শনিবার দুপুরে শুরু হওয়া এ আয়োজন সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।   একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং কবি শামীম আজাদ।   বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি মোহাম্মদ ইকবাল। সংগঠনের সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।   উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক রূপা চক্রবর্তী প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।   বিশেষ অতিথির বক্তব্যে অনুবাদক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে পৌঁছে দিতে অনুবাদের গুরুত্বের ওপর জোর দেন। কবি শামীম আজাদ বলেন, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সাহিত্যচর্চার বিকল্প নেই।   অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক মাসুক ইবনে আনিস এবং গবেষক ফারুক আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেন হেনা বেগম।   উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ছিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সাহিত্য, ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৫:১১
মায়ামির গরম নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে স্কালোনিকে। বছরের এই সময়টাতে মায়ামিতে গরম ও আর্দ্রতা বেশি থাকে। ছবি: সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে আবহাওয়া নিয়ে উদ্বেগ স্কালোনির

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষের পাশাপাশি মায়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়াও দলটির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে।   গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ম্যাচের সময়সূচি ও আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।   আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।   বছরের এ সময়ে মায়ামির গরম ও উচ্চ আর্দ্রতা খেলোয়াড়দের জন্য বাড়তি শারীরিক চাপ তৈরি করে। গ্রুপ পর্বে এই ভেন্যুতে খেলা দলগুলোর কাছেও আবহাওয়াই ছিল অন্যতম আলোচনার বিষয়। এবার সেই একই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দেকে।   জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা খুব গরম আবহাওয়ায় খেলব, এমন সময়ে যা বোঝানো কঠিন। তবে সবাই একই পরিস্থিতিতে খেলেছে, তাই অভিযোগ করার কিছু নেই।’   সমুদ্র উপকূলবর্তী শহর হওয়ায় এ সময় মায়ামিতে গরম ও আর্দ্রতা তুলনামূলক বেশি থাকে। ফলে কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচে প্রতিপক্ষের চাপের পাশাপাশি কঠিন আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।   নকআউট পর্বে ভুলের সুযোগ নেই। তাই শেষ ৩২-এর এই ম্যাচে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৫:৩
ছবি: সংগৃহীত
ইরান হামলা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের

ইরানের ওপর মার্কিন সামরিক হামলাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না। তার অভিযোগ, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কংগ্রেসে পাস হওয়া যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।   রো খান্না বলেন, ‘ট্রাম্পকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে। অন্যথায় তাকে থামাতে প্রয়োজন হলে আমরা আদালতের দ্বারস্থ হব।’ এর আগে গত ৩ জুন কংগ্রেসের নিম্নকক্ষে একই ধরনের একটি বিল পাস হয়। পরে মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন পায়।   ওই প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট অনুমোদন না দেওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন না।   এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করেছে।   ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৪:২৮
ছবি: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন ও গোলাবর্ষণ, দুই পক্ষেই বেসামরিক নিহত

রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শনিবার ড্রোন হামলা ও গোলাবর্ষণে উভয় পক্ষেই বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় সীমান্তসংলগ্ন একটি গ্রামের কাছে একটি গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন।   রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১২৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।   এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীমুখী একাধিক ইউক্রেনীয় ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। রুশ সংবাদমাধ্যমগুলোর অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী, শনিবার মস্কোর দিকে অন্তত ২৪টি ড্রোন পাঠানো হয়েছিল।   অন্যদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা জানিয়েছেন, নিকোপোল শহরে রাশিয়ার ড্রোন হামলা ও গোলাবর্ষণে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।   দনিপ্রো নদীর তীরে অবস্থিত নিকোপোল শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। শহরটি দীর্ঘদিন ধরেই রুশ হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।   এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত অংশের প্রধান ডেনিস পুশিলিন দাবি করেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় হরলিভকা ও মাকিইভকা শহরে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।   রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই নিয়মিত একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা ও গোলাবর্ষণের অভিযোগ করে আসছে। তবে এসব দাবির সত্যতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৪:১০
ছবি: সিএনএন
লেবাননের দুই এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চার দিনব্যাপী আলোচনার পর দক্ষিণ লেবাননের দুটি এলাকা থেকে সেনা প্রত্যাহারে প্রাথমিক চুক্তি করেছে ইসরায়েল। শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ওই দুটি এলাকার নিয়ন্ত্রণ লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।  চুক্তিটিকে ইসরায়েল, লেবানন ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষই বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার পথে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে।   এমন সময়ে এই অগ্রগতি এলো, যখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির প্রচেষ্টাকেও জটিল করে তুলেছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই ত্রিপক্ষীয় সমঝোতা ভবিষ্যতে আরও বিস্তৃত শান্তিচুক্তির ভিত্তি তৈরি করতে পারে।   যুক্তরাষ্ট্রে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ বলেন, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লিতানি নদীর উত্তর ও দক্ষিণের দুটি নির্দিষ্ট এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরে যাবে।   তার ভাষ্য, যেসব অবস্থান সামরিক প্রয়োজনের জন্য আর অপরিহার্য নয়, সেখান থেকেই সেনা প্রত্যাহার করা হবে। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, লেবানন সরকারের প্রতি সদিচ্ছার বার্তা হিসেবে দক্ষিণ লেবাননের দখলকৃত কয়েকটি এলাকা থেকে প্রতীকীভাবে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছিল ইসরায়েল।   চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এটি কেবল শুরু। সামনে আরও কঠিন পথ রয়েছে। তবে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অংশ হতে পেরে আমরা সম্মানিত।” তবে চুক্তি স্বাক্ষরের পরদিনই দক্ষিণ লেবাননে একটি ড্রোন হামলা চালায় ইসরায়েল। আইডিএফের দাবি, তাদের বাহিনীর জন্য হুমকি হয়ে উঠেছিল এমন এক সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।   চুক্তি অনুযায়ী, লিতানি নদীসংলগ্ন নির্ধারিত এলাকাগুলোতে পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে মোতায়েন হবে লেবাননের সশস্ত্র বাহিনী। নেতানিয়াহু এই সমঝোতাকে ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের অধিকাংশ এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান বজায় রাখতে পারবে।   তিনি আরও বলেন, “এটি ইরানের জন্যও বড় ধাক্কা। তারা চাপ প্রয়োগ করে আমাদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই চুক্তির মাধ্যমে ইসরায়েল, লেবানন ও যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে যে এটি ইরানের বিষয় নয়।”   লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে আলোচনার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে লেবাননের জনগণ নিজেদের সম্পূর্ণ মুক্ত ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বের অধীনে ফিরে যাওয়ার সুযোগ পাবে।   অন্যদিকে হিজবুল্লাহ এই সমঝোতার তীব্র সমালোচনা করেছে। সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম এক বিবৃতিতে বলেন, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৩:৫৫
দিওয়ানায় শাহরুখ ও দিব্যা ভারতী। ছবি: সংগৃহীত
শাহরুখের প্রথম ছবি ছাড়লেন বিজয়ের বাবা, মাঝপথে সরে গেলেন নায়ক: যেভাবে তৈরি হয়েছিল ‘দিওয়ানা’

১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘দিওয়ানা’ শুধু একটি ব্যবসাসফল চলচ্চিত্রই ছিল না, এটি ছিল বলিউডে শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ছবিটি সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি চলচ্চিত্রে পরিণত হয় এবং শাহরুখকে প্রথম সারির নায়কের আসনে বসিয়ে দেয়। তবে এই ছবি তৈরির পেছনে ছিল একের পর এক নাটকীয় ঘটনা।   সম্প্রতি ইউটিউব চ্যানেল স্টোরিজ বাই শেখর-এ প্রকাশিত এক ভিডিওতে উঠে এসেছে ‘দিওয়ানা’ নির্মাণের নেপথ্যের নানা অজানা তথ্য। সেখানে পরিচালক পরিবর্তন, নায়কের সরে দাঁড়ানো এবং শেষ মুহূর্তে শাহরুখের যুক্ত হওয়ার মতো ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।     ১৯৮৯ সালে প্রযোজক গুড্ডু ধানোয়ার একটি ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর তিনি নতুন গল্পের খোঁজে চেন্নাই যান। সেখানে একটি তামিল ছবি দেখে সেটির হিন্দি রিমেক করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সেই ছবিই ‘দিওয়ানা’ নামে নির্মিত হয়। মূল তামিল ছবির পরিচালক ছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয়ের বাবা এস. এ. চন্দ্রশেখর। ছবিটির প্রযোজক ছিলেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর।   প্রথমে নায়িকার চরিত্রে মাধুরী দীক্ষিতকে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সময়সূচির জটিলতায় তিনি ছবিটি করতে পারেননি। পরে সেই চরিত্রে চূড়ান্ত হন দিব্যা ভারতী। অন্যদিকে রবির চরিত্রে নেওয়া হয় ঋষি কাপুরকে এবং দ্বিতীয় নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হন আরমান কোহলি। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জনপ্রিয় সুরকার জুটি নাদিম-শ্রাবণকে। পরে ছবির গানই এর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়।   শুটিং শুরুর আগেই বড় ধাক্কা আসে। অন্য কাজের ব্যস্ততার কারণে পরিচালক এস. এ. চন্দ্রশেখর প্রকল্প থেকে সরে দাঁড়ান। এরপর পরিচালনার দায়িত্ব পান রাজ কানওয়ার, যিনি তখন স্বাধীন পরিচালক হিসেবে নিজের প্রথম কাজের অপেক্ষায় ছিলেন।   এর কিছুদিন পর আরও বড় সংকট তৈরি হয়। প্রযোজনা-সংক্রান্ত বিরোধের কারণে আরমান কোহলি ছবি ছেড়ে দেন। ফলে দ্বিতীয় নায়কের চরিত্রের জন্য নতুন মুখ খুঁজতে শুরু করেন নির্মাতারা। এই সময় পরিচালক শেখর কাপুর গুড্ডু ধানোয়াকে এক তরুণ টেলিভিশন অভিনেতার নাম প্রস্তাব করেন। ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিত সেই অভিনেতাই ছিলেন শাহরুখ খান।   গুড্ডু ধানোয়া ও রাজ কানওয়ার দিল্লিতে গিয়ে শাহরুখের সঙ্গে দেখা করেন। তখন তিনি ইতোমধ্যে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ ছিলেন—‘দিল আশনা হ্যায়’, ‘কিং আঙ্কল’, ‘কভি হাঁ কভি না’, ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ ও ‘চমৎকার’ ব্যস্ততার কারণে প্রথমে তিনি ‘দিওয়ানা’র প্রস্তাব ফিরিয়ে দেন। পরে অন্য একটি ছবির শুটিং পিছিয়ে যাওয়ায় তার হাতে সময় তৈরি হয়। তখন চিত্রনাট্য শুনে চরিত্রটির বিদ্রোহী স্বভাব এবং বিধবা বিবাহকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্প তাকে আকৃষ্ট করে। এরপরই ছবিতে অভিনয়ে সম্মতি দেন।   যদিও শাহরুখ আগে আরও পাঁচটি ছবিতে চুক্তি করেছিলেন, মুক্তির দিক থেকে ‘দিওয়ানা’ই ছিল তার প্রথম সিনেমা।১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পাওয়া ছবিটি সে বছর ‘বেটা’র পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়।   ‘তেরি উমিদ তেরা ইন্তেজার’, ‘সোচেঙ্গে তুমহে পেয়ার করেঁ কি নাহি’ এবং ‘অ্যায়সি দিওয়ানগি’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। নাদিম-শ্রাবণ সেরা সংগীত পরিচালকের স্বীকৃতি পান এবং ‘সোচেঙ্গে তুমহে’ গানের জন্য কুমার শানু জিতে নেন সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার।   প্রযোজক গুড্ডু ধানোয়ার ভাষ্য অনুযায়ী, সিনেমা হলে শাহরুখের মোটরসাইকেলে প্রবেশের দৃশ্য দেখেই দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনেকে আনন্দে পর্দার দিকে খুচরা টাকা ছুড়ে উদযাপন করেন। সেই মুহূর্তেই যেন বলিউড নতুন এক সুপারস্টারের আগমনের সাক্ষী হয়। এই ছবির জন্য শাহরুখ ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কারও জিতে নেন।   ছবি মুক্তির আগে পরিবেশক মনমোহন দেশাই পরামর্শ দিয়েছিলেন, শেষ পর্যন্ত নায়িকা যেন শাহরুখের চরিত্রের বদলে ঋষি কাপুরের চরিত্রের কাছেই ফিরে যান। এমনকি শাহরুখের চরিত্রকে শেষ পর্যন্ত মারা যাওয়ারও প্রস্তাব দিয়েছিলেন তিনি।   তবে প্রযোজক গুড্ডু ধানোয়া ও পরিচালক রাজ কানওয়ার সেই পরামর্শ গ্রহণ করেননি। তাদের মতে, এতে বিধবা বিবাহকে কেন্দ্র করে ছবির মূল বার্তা নষ্ট হয়ে যেত।   শেষ পর্যন্ত মূল চিত্রনাট্য অপরিবর্তিত রেখেই মুক্তি পায় ‘দিওয়ানা’। তিন দশকেরও বেশি সময় পরও ছবিটি শুধু শাহরুখ খানের ক্যারিয়ারের সূচনা নয়, বলিউডের ইতিহাসে অন্যতম স্মরণীয় আত্মপ্রকাশের গল্প হিসেবেই বিবেচিত হয়।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৩:৪৬
ভেনেজুয়েলার ভূমিকম্পে অসহায় এক মায়ের আশা-নিরাশার লড়াই
ধ্বংসস্তূপের নিচে সন্তানের অপেক্ষা—ভেনেজুয়েলার ভূমিকম্পে অসহায় এক মায়ের আশা-নিরাশার লড়াই

ভয়াবহ দুই দফা ভূমিকম্পে মুহূর্তেই ভেঙে পড়ে ঘরবাড়ি, হারিয়ে যায় পুরো পরিবার। তবু ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এখনো অপেক্ষা করছেন এক মা—তার বিশ্বাস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রায় দুই বছরের ছেলে এখনো বেঁচে আছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূমিকম্পের পর এমন অসংখ্য হৃদয়বিদারক দৃশ্য এখন দেশজুড়ে।   বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এতে উপকূলীয় অঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।   ভূমিকম্পের খবর পেয়ে কর্মস্থল থেকে ছুটে বাড়ি ফেরেন আন্দ্রেইনা ভ্যালেরিও। তার একমাত্র লক্ষ্য ছিল ছোট ছেলে সান্তিয়াগোকে নিরাপদে নিয়ে আসা। কিন্তু লা গুয়াইরায় পৌঁছে তিনি দেখেন, যেখানে তার ছেলেটি ছিল, সেই ভবনটি পুরোপুরি ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।   সান্তিয়াগো তখন তার বাবা রামসেস মেনদোজার সঙ্গে দাদা-দাদির বাসায় ছিল। ধসে পড়া সেই ভবনের সামনে দাঁড়িয়ে আন্দ্রেইনা জানান, তার ছেলে, স্বামী, শ্বশুর-শাশুড়ি, এমনকি পরিবারের আরও সদস্যরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবুও তিনি আশা ছাড়েননি।   তার ভাষায়, “আমি এখনো বিশ্বাস করি আমার ছেলে বেঁচে আছে। আমি যে কান্নার শব্দ শুনেছি, সেটি আমার ছেলেরই। আমি জানি, তারা ফিরে আসবে।”   পরিবারের আরেক সদস্য স্যামুয়েল মেনদোজা জানান, ভূমিকম্পের পরের সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর কণ্ঠ তিনি শুনেছিলেন। “ঠিক বুঝতে পারিনি তিনি কী বলছিলেন, তবে একটি শব্দ পরিষ্কার ছিল—‘বাঁচান’,” বলেন তিনি।   এদিকে, আন্দ্রেইনার দাবি, পরদিন তিনি নিজেও একটি শিশুর কান্নার শব্দ শুনেছেন। সেই বিশ্বাসই তাকে এখনো ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে থাকতে সাহস জোগাচ্ছে।   শুধু এই পরিবারই নয়, এমন হাজারো মানুষ এখন তাদের স্বজনদের খুঁজে ফিরছেন। লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বহু মানুষ খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা করছেন। অনেকেই টানা কয়েক রাত ঘুমাননি; ঘণ্টার পর ঘণ্টা ডাকতে ডাকতে কারও কারও কণ্ঠ ভেঙে গেছে।   শনিবার এল সালভাদর ও স্পেন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও ধসে পড়া ভবনের ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ভবন থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।   ভূমিকম্পের পর ধীরে ধীরে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে যুক্ত হন। দেশের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবকেরা এসে সহায়তার হাত বাড়ান। তবে পরিস্থিতি সামাল দিতে ভেনেজুয়েলার প্রস্তুতি যে পর্যাপ্ত ছিল না, তা স্পষ্ট হয়ে উঠেছে।   প্রতিবেদকের বর্ণনায়, হোটেল এডওয়ার্ড এলাকায় পৌঁছানোর পর বাতাসে মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছিল। চারদিকে ধ্বংসস্তূপ আর হতাশার চিত্র—যেখানে দীর্ঘ সময় কেউ বেঁচে থাকতে পারে, এমন আশা ধরে রাখা কঠিন।   সরকারি হিসাবে, শুধু লা গুয়াইরা শহরেই অন্তত ৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো অঞ্চলে ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন। তবে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।   ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এই ভূমিকম্পকে গত ১২৩ বছরের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ করেছেন।   পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লা গুয়াইরার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৪ হাজার সদস্য মাঠে কাজ করছেন।   শুরুর দিকে উদ্ধারকাজে সীমিত সরঞ্জাম থাকলেও পরে ধীরে ধীরে ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন, যাতে দুর্গত মানুষ কিছুটা সহায়তা পান।   তবুও ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে একটাই প্রশ্ন—তাদের প্রিয়জনরা কি এখনো বেঁচে আছেন? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সময়ের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৩:২০
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
সমঝোতার পরও স্বস্তি নেই, যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ান। তার দাবি, ওয়াশিংটন নিজের স্বাক্ষর করা সমঝোতা স্মারকের প্রতি গুরুত্ব না দিয়ে নতুন শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আহমাদিয়ান বলেন, বর্তমান পরিস্থিতি একটি ‘ডোমিনো এফেক্ট’-এর সূচনা করতে পারে, যা শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্ককে চরম উত্তেজনার দিকে নিয়ে যাবে।   তার ভাষায়, ‘আমি মনে করি আমরা একটি চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছি। কারণ, এটি স্পষ্ট যে ইরান এই হামলার পাল্টা জবাব দেবে।’ চলমান সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে আহমাদিয়ান বলেন, স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রথম ৬০ দিন ইরান বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এরপর ইরান ও ওমান যৌথভাবে এ দায়িত্ব পালন করবে।   তার দাবি, যুক্তরাষ্ট্র এখন সেই সমঝোতা স্মারকের শর্ত উপেক্ষা করে নতুন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে। আহমাদিয়ান বলেন, ‘আমরা যা দেখছি তা হলো, যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারক থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। অথচ একই সময়ে তারা ইরানকে চুক্তির শর্তগুলো মেনে চলতে বাধ্য করছে।’   তিনি আরও দাবি করেন, লেবানন ইস্যুতেও নতুন একটি কাঠামোগত চুক্তির মধ্যস্থতার সময় যুক্তরাষ্ট্র একই ধরনের অবস্থান নিয়েছিল। ইরানের অবস্থান ব্যাখ্যা করে এই অধ্যাপক বলেন, তেহরান চায় প্রণালিটি দিয়ে কেবল বাণিজ্যিক জাহাজ চলাচল করুক। যে জাহাজগুলো আগে থেকে প্রয়োজনীয় সমন্বয় করবে না, সেগুলোকে সামরিক জাহাজ বা সামরিক সরঞ্জাম বহনকারী হিসেবে বিবেচনা করা হতে পারে।   তার ভাষায়, ইরান নিজের জলসীমায় এমন কোনো কার্যক্রম চায় না, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আহমাদিয়ান বলেন, ‘নিরাপদ চলাচলের বিষয়টি ইরানের মাধ্যমেই পরিচালিত হওয়া এবং প্রথম দুই মাস কেবল বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়ে ইরানের অবস্থানের পেছনে যৌক্তিক কারণ রয়েছে।   তাই আমি মনে করি না যে ইরান এই অবস্থান থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা অব্যাহত রাখে, তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ আরও জোরদার করবে।’

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ৩:১৭
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব হবে ‘চূর্ণবিচূর্ণ’, কড়া হুঁশিয়ারি তেহরানের

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিপরীতে 'চূর্ণবিচূর্ণ' জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার পর নতুন এক কড়া বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে ইরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আইআরজিসির এই নতুন হুমকির বিষয়টি উঠে এসেছে।   বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া পূর্ববর্তী এক অন্তর্বর্তীকালীন সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের নিরঙ্কুশ দায়িত্ব তেহরানের হাতেই ন্যস্ত রয়েছে। বাহিনীটি কঠোর ভাষায় জানিয়েছে, এখন থেকে এই প্রণালিতে নিয়ম ভঙ্গকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে আগের চেয়েও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যেকোনো অজুহাতে শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসন—বিশেষ করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার মতো ঘটনা ঘটলে—তার পরিণতি হবে ভয়াবহ এবং এর জন্য চরম ও চূর্ণবিচূর্ণ জবাব দেওয়া হবে।   আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, এ ধরনের হামলা বা যুদ্ধবিরতি লঙ্ঘন করা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সম্পূর্ণ পরিপন্থি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে চলমান সব প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলেও তেহরান প্রচ্ছন্ন হুমকি দিয়েছে।   উল্লেখ্য, সম্প্রতি একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে এর জবাব হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, খোদ মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের বিপরীতে ইরানের এমন কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২:১১
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার ঘোষণা আইআরজিসির

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার চরম প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইতিমধ্যে তেহরানের নির্দেশে মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি সুস্পষ্টভাবে জানিয়েছে, এই নজিরবিহীন হামলা হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের 'চূড়ান্ত জবাব'।   সাম্প্রতিক এই সংঘাতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও চরমে পৌঁছেছে। এর পরিপ্রেক্ষিতে আইআরজিসির নৌ কমান্ড থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে জানানো হয়, সিরিক শহরের ওপর যুক্তরাষ্ট্রের চালানো হামলা হরমুজ প্রণালিতে ইরানের নিরঙ্কুশ আধিপত্যের কোনো ক্ষতি করতে পারবে না। প্রণালিটিতে আধিপত্য বিস্তারের যে 'রহস্য', তা যুক্তরাষ্ট্রের কাছে অধরাই থেকে যাবে বলে দাবি করেছে বাহিনীটি। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, চুক্তি লঙ্ঘনকারী কোনো জাহাজকে এই অঞ্চলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।   বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সরাসরি ও ভয়ংকর হুমকি দেওয়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর হিসাব সম্পূর্ণ আলাদাভাবে নেওয়া হবে এবং আগামী দিনগুলোতে এসব ঘাঁটিকে চরম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের বিপরীতে ইরানের এই বহুমুখী ও জোরালো প্রতিক্রিয়া গোটা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে ভয়াবহ সংঘাতের অশনিসংকেত দিচ্ছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১:৩৯
দুই রাষ্ট্র সমাধান ‘অসম্ভব’, নির্বাচনে জিতলে সেই নীতিতেই এগোবেন নেতানিয়াহু
দুই রাষ্ট্র সমাধান ‘অসম্ভব’, নির্বাচনে জিতলে সেই নীতিতেই এগোবেন নেতানিয়াহু

আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করবেন বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে দুটি স্বাধীন রাষ্ট্রের সহাবস্থানের কোনো সুযোগ নেই।   আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তুলে ধরেন। তিনি জানান, যে জাতীয় সরকারের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছেন, তার অন্যতম প্রধান নীতি হবে ‘দুই রাষ্ট্র সমাধান’ প্রত্যাখ্যান করা।   নেতানিয়াহুর ভাষায়, “সমুদ্র ও জর্ডান নদীর মধ্যবর্তী এলাকায় দুই রাষ্ট্রের জন্য কোনো জায়গা নেই। এই বাস্তবতা আমাদের নীতির কেন্দ্রে থাকবে।” তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত সমাধানে আন্তর্জাতিকভাবে আলোচিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ধারণার বিপরীত অবস্থানকে আরও জোরালো করেছে।   ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, কয়েক বছর আগেও দেশটির জনগণের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে তীব্র মতভেদ ছিল। যদিও তার মতে সংখ্যাগরিষ্ঠ জনগণ এর বিরোধিতা করতেন, তবুও একটি বড় অংশ সমর্থন জানাত। তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সেই মতামতকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায়, এখন এই বিষয়ে ইসরায়েলি সমাজে এক ধরনের ‘জাতীয় ঐকমত্য’ তৈরি হয়েছে।   এদিকে, লেবাননের সঙ্গে সাম্প্রতিক একটি ফ্রেমওয়ার্ক চুক্তিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু। তিনি বলেন, বৈরুতের সঙ্গে হওয়া এই বোঝাপড়া মূলত ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে।   নেতানিয়াহু আরও জানান, লেবানন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই নতুন আন্তর্জাতিক সমঝোতার ফলে দক্ষিণ লেবাননে একটি নির্দিষ্ট নিরাপত্তা বলয় বজায় রাখার ক্ষেত্রে ইসরায়েলের অধিকার স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন, ততদিন ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার সিদ্ধান্ত ইসরায়েল নিতে পারবে।   বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের কার্যকর পথ হিসেবে বিবেচনা করে আসছে। তবে ইসরায়েলের বর্তমান নেতৃত্বের কঠোর অবস্থান ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১:১৮
এনপিসি থেকে ১৩ সদস্য বহিষ্কার
দুর্নীতিবিরোধী অভিযানে আরও কঠোর বেইজিং, এনপিসি থেকে ১৩ সদস্য বহিষ্কার

চীনে দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করেছে সরকার। এই অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ছয়জন জ্যেষ্ঠ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।   শুক্রবার (২৭ জুন) রাতে এনপিসির স্থায়ী কমিটির জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চীনা সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল।   বহিষ্কৃত সামরিক কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল সু সুয়েচিয়াং। গত বছরের অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে জোর আলোচনা তৈরি হয়েছিল। তখন থেকেই তার বিরুদ্ধে শুদ্ধি অভিযানের ইঙ্গিত মিলছিল বলে বিশ্লেষকদের ধারণা।   এছাড়া পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াং কাংপিংও বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন। তিনি চীনের সামরিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।   শুধু সামরিক বাহিনীই নয়, বেসামরিক প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিরাও এই পদক্ষেপের আওতায় পড়েছেন। বহিষ্কৃতদের মধ্যে শিনজিয়াং অঞ্চলের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান এবং এক জ্যেষ্ঠ আর্থিক নিয়ন্ত্রক কর্মকর্তার নামও রয়েছে।   বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতর থেকে দুর্নীতি নির্মূল এবং রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন। ক্ষমতায় আসার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সামরিক নেতাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছেন, যা চীনের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।   সাম্প্রতিক এই গণবহিষ্কার সেই চলমান অভিযানেরই নতুন অধ্যায় বলে মনে করা হচ্ছে। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বেইজিং কোনো ছাড় দিচ্ছে না।   হংকংভিত্তিক প্রভাবশালী দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে চীন তার প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইছে। বিশ্লেষকদের মতে, সামরিক ও রাজনৈতিক অঙ্গনে এই ধরনের শুদ্ধি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ০:৩৯
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ৮ ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি আইআরজিসির
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ৮ ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালিয়েছে।   ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।   আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মোট আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এই হামলার লক্ষ্যবস্তু ছিল।   এর আগে একই দিনে ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে তেহরান। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় চৌকি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র দাবি করে, হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনীর একটি ‘অনুপ্রবেশকারী জাহাজের’ বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেই এই হামলা চালানো হয়।   আইআরজিসি তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে চুক্তি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে বলেছে, ওয়াশিংটনের ‘প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘনের ইতিহাস’ রয়েছে। তারা আরও দাবি করে, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তাতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত করা হয়েছে।   এই প্রেক্ষাপটে আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে হরমুজ প্রণালিতে কোনো নৌযান নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব ‘অত্যন্ত কঠোর ও বিধ্বংসী’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।   বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় সেখানে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ০:২১