সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

সমঝোতার পরও স্বস্তি নেই, যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল ইরান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৮, ২০২৬ ৩:১৭
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ান। তার দাবি, ওয়াশিংটন নিজের স্বাক্ষর করা সমঝোতা স্মারকের প্রতি গুরুত্ব না দিয়ে নতুন শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আহমাদিয়ান বলেন, বর্তমান পরিস্থিতি একটি ‘ডোমিনো এফেক্ট’-এর সূচনা করতে পারে, যা শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্ককে চরম উত্তেজনার দিকে নিয়ে যাবে।

 

তার ভাষায়, ‘আমি মনে করি আমরা একটি চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছি। কারণ, এটি স্পষ্ট যে ইরান এই হামলার পাল্টা জবাব দেবে।’ চলমান সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে আহমাদিয়ান বলেন, স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রথম ৬০ দিন ইরান বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এরপর ইরান ও ওমান যৌথভাবে এ দায়িত্ব পালন করবে।

 

তার দাবি, যুক্তরাষ্ট্র এখন সেই সমঝোতা স্মারকের শর্ত উপেক্ষা করে নতুন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে। আহমাদিয়ান বলেন, ‘আমরা যা দেখছি তা হলো, যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারক থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। অথচ একই সময়ে তারা ইরানকে চুক্তির শর্তগুলো মেনে চলতে বাধ্য করছে।’

 

তিনি আরও দাবি করেন, লেবানন ইস্যুতেও নতুন একটি কাঠামোগত চুক্তির মধ্যস্থতার সময় যুক্তরাষ্ট্র একই ধরনের অবস্থান নিয়েছিল। ইরানের অবস্থান ব্যাখ্যা করে এই অধ্যাপক বলেন, তেহরান চায় প্রণালিটি দিয়ে কেবল বাণিজ্যিক জাহাজ চলাচল করুক। যে জাহাজগুলো আগে থেকে প্রয়োজনীয় সমন্বয় করবে না, সেগুলোকে সামরিক জাহাজ বা সামরিক সরঞ্জাম বহনকারী হিসেবে বিবেচনা করা হতে পারে।

 

তার ভাষায়, ইরান নিজের জলসীমায় এমন কোনো কার্যক্রম চায় না, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আহমাদিয়ান বলেন, ‘নিরাপদ চলাচলের বিষয়টি ইরানের মাধ্যমেই পরিচালিত হওয়া এবং প্রথম দুই মাস কেবল বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়ে ইরানের অবস্থানের পেছনে যৌক্তিক কারণ রয়েছে।

 

তাই আমি মনে করি না যে ইরান এই অবস্থান থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা অব্যাহত রাখে, তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ আরও জোরদার করবে।’


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

বিশ্ব

View more
উত্তরপ্রদেশের বাঘপতের গোয়ালপুর খাডানা গ্রামে সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
দীপাবলির রাতে সংঘর্ষ, ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্য। ২৬ বছর বয়সী ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমার। গত ৮ নভেম্বর রাতে নিজ গ্রামের বাড়ির সামনে আতশবাজি ফোটানোর সময় প্রতিবেশীদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক ব্যক্তি দেশি পিস্তল দিয়ে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে আঘাত করে পরে ফিরে এসে সৌরভের কানের পেছনে মাথায় লাগে। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। ১১ নভেম্বর ভারতের এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাঘপতের গোয়ালপুর খাডানা গ্রামের বাসিন্দা সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণ সেখানে এসে আপত্তি জানান। বিষয়টি নিয়ে প্রথমে সৌরভের ভাই বিনীতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধীরাজ দেশি পিস্তল বের করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে। গুলিটি দেয়ালে লেগে ফিরে এসে সৌরভের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। একই সময় ধীরাজের ভাই মনু লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।   এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌরভের আরেক ভাই মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। গোলযোগের সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা সরে যান। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই পরিবারের মধ্যে আগে থেকেই পরিচয় ও চলাফেরা ছিল। প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একটি বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে সংঘর্ষের পেছনে পুরোনো বিরোধের ভূমিকা ছিল কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে।   গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেন। তবে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। হিন্দুস্তান টাইমস বাঘপতের পুলিশ সুপারের বরাতে তাঁকে স্থিতিশীল জানিয়েছে। অন্যদিকে, এনডিটিভির প্রতিবেদনে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলা হয়েছে।   সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্টস বডিগার্ড বাহিনীতে কর্মরত। এটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। দীপাবলি পরিবারের সঙ্গে উদ্‌যাপন করতে ছুটি নিয়ে নিজ গ্রামে ফিরেছিলেন তিনি। তাঁর বাবা জনক রাজের অভিযোগের ভিত্তিতে রামালা থানায় ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা নথিভুক্ত করার কথা জানানো হয়েছে।   ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে। বাঘপতের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বারৌতের সার্কেল অফিসার অঞ্জু জৈন জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের ধরতে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে। পাশাপাশি গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং দুই পক্ষের বিরোধের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।   সংবাদসূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ২২:৪৭
সৌদি আরবে ১০০ বেত্রাঘাতের দণ্ড পাওয়া কেনীয় গৃহকর্মী এস্থার ওয়ানজা মুথোনি ও তাঁর শিশু সন্তান আবুদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ায় সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

ভিয়েতনামের একটি বিমানবন্দরের মেঝেতে সংবাদপত্র বিছিয়ে খাবার খাচ্ছেন একদল ভারতীয় পর্যটক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতে বসে খেলেন ভারতীয়রা, সামাজিক মাধ্যমে সমালোচনা

বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেতানিয়াহু যুগের অবসান, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

ছোট একটি বিমানের সামনে খরগোশ চলে আসায় ২০ মিনিট উড্ডয়ন বন্ধ রাখে জার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাজ্যের জার্সি জার্সি বিমানবন্দরের রানওয়েতে খরগোশ, ২০ মিনিট বন্ধ ছিল বিমান চলাচল

যুক্তরাজ্যের জার্সি বিমানবন্দরের রানওয়েতে একটি খরগোশের উপস্থিতিতে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে ছোট্ট প্রাণীটি রানওয়েতে ঢুকে একটি ছোট উড়োজাহাজের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের কর্মীরা একটি বাক্স নিয়ে খরগোশটিকে ধরার চেষ্টা করেন। এ সময় রানওয়েতে অপেক্ষায় থাকা লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীরা উড়োজাহাজের জানালা দিয়ে পুরো ঘটনা দেখতে পান। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম আইটিভি নিউজ এ তথ্য জানিয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খরগোশটি রানওয়েতে চলে আসে। তখন একটি ছোট উড়োজাহাজের ঠিক সামনে গিয়ে থেমে যায় প্রাণীটি। নিরাপত্তার কারণে সেটিকে সরিয়ে না নেওয়া পর্যন্ত কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। পরে বিমানবন্দরের একজন কর্মী বাক্স নিয়ে খরগোশটিকে ধরতে এগিয়ে যান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় প্রাণীটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।   এ সময় ব্রিটিশ এয়ারওয়েজের বিএ১৩৪৭ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ওই বিমানের যাত্রী বেকি শিরান আইটিভি নিউজকে জানান, পাইলট যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে জানান, রানওয়েতে একটি খরগোশ থাকায় উড়োজাহাজের যাত্রা বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঘটনাটি দেখার কথাও বলেন তিনি। অপ্রত্যাশিত এই ঘটনায় যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।   খরগোশটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইটে সামান্য বিলম্ব হয়েছে। ছোট্ট একটি প্রাণীর কারণে বিমানবন্দরের ব্যস্ত কার্যক্রম থেমে যাওয়ার ঘটনাটি যাত্রীদের কাছে বেশ ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে ওঠে।   সংবাদসূত্র: আইটিভি নিউজ

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ২৩:৫
চাকরির প্রস্তাব ছাড়াই বিদেশি দক্ষ কর্মীদের জন্য অস্ট্রিয়ায় গিয়ে কাজ খোঁজার সুযোগ তৈরি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইউরোপের দেশ অস্ট্রিয়া দিচ্ছে চাকরি খোঁজার ছয় মাসের ভিসা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

বন্দিজীবনে কুরআন, বাইবেল ও বিভিন্ন ধর্মীয় বই পড়ছেন নিকোলাস মাদুরো। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো, দেখা করছেন ধর্মীয় নেতাদের সঙ্গে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পূর্ব লন্ডনের বাঙালি প্রার্থীদের নির্বাচনী রাজনীতি কাছ থেকে দেখেছিলেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাজ্যের বাঙালি প্রার্থীদের রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদ জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে নিরাপত্তা শঙ্কার জেরে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চীনা গুপ্তচরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদের গোপন সম্পর্ক, তদন্ত শুরু করল এনভিডিয়া

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়ে থাকতে পারেন বলে যে তথ্য এসেছে, তার ভিত্তিতেই এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ তারা দেখতে পাচ্ছে না। তবে সব ধরনের তথ্য পর্যালোচনা করা হবে।   এদিকে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। তাঁর এই সিদ্ধান্তে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই এবং এ জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। একই বার্তায় প্রতিষ্ঠানের কর্মী, পরিচালনা পর্ষদ, অংশীদার ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে পরিচালনা পর্ষদের তদন্তকে সমর্থন এবং পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছেন হুয়াং।   বিতর্কের সূত্রপাত গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে। সেখানে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে তথ্য সংগ্রহ করে বেইজিংয়ে পাঠাচ্ছিলেন। তিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের কথাও প্রতিবেদনে উঠে আসে। রয়টার্স জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই।   এই ঘটনায় আলোচনায় এসেছে মেগাস্পিডের ব্যবসায়িক কার্যক্রমও। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কিনে থাকে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সন্দেহ, মেগাস্পিডের মাধ্যমে চীনে এমন কিছু উন্নত প্রযুক্তির চিপ পৌঁছানোর চেষ্টা হয়ে থাকতে পারে, যেগুলোর রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। ফলে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে সন্দেহভাজন ওই ব্যবসায়িক নির্বাহীর সম্পর্কের বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না, বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও জাতীয় নিরাপত্তার প্রশ্নও সামনে নিয়ে এসেছে।   এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা চলতি মাসেই কংগ্রেসে জেনসেন হুয়াংয়ের বক্তব্য শুনতে চেয়েছেন। তাঁদের মতে, চীনের কাছে সংবেদনশীল মার্কিন প্রযুক্তি ও তথ্য পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হুয়াংকে একজন ভালো ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযোগ নিয়ে হুয়াংয়ের সঙ্গে এখনো তাঁর কথা হয়নি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াং তদন্তে সহযোগিতা করছেন এবং তাঁর নেতৃত্বের ওপর বোর্ডের আস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রধান নির্বাহী হিসেবে তাঁর দায়িত্ব পালনে আপাতত কোনো বিরতি আসছে না।   সংবাদসূত্র: রয়টার্স, এনভিডিয়া নিউজরুম

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ২০:১২
ইয়োহান পেট্রিকা, এল ভিয়েহো ও হুয়ানচোর তথ্যের জন্য পৃথক পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ভেনেজুয়েলার অপরাধী সংগঠনের তিন শীর্ষ নেতার খোঁজে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জেদ্দা টাওয়ার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার পথে জেদ্দা টাওয়ার, বাধা হতে পারে বৈরী আবহাওয়া

অনুসারীদের অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত ধর্মগুরু পল ম্যাকেঞ্জি, গ্রাফিক্স: আমেরিকা বাংলা

স্বর্গের লোভ দেখিয়ে অনাহারে ১৯০ শিশুর মৃত্যু, কেনিয়ায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

0 Comments