সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

শিক্ষা বোর্ডে আস্থার সংকট: স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই

এম. এ. আলিম খান

উন্নয়নকর্মী ও কলামিস্ট

নভেম্বর ১৯, ২০২৬ ১৪:৪০
ছবি: এম. এ. আলিম খান

ছবি: এম. এ. আলিম খান

শিক্ষা বোর্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। যে প্রতিষ্ঠানের হাতে লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও সনদ প্রদানের দায়িত্ব, সেই প্রতিষ্ঠানে যদি অনিয়ম, জালিয়াতি কিংবা অর্থের বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সংকটের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তন, উত্তরপত্রে অনৈতিক হস্তক্ষেপ, প্রশ্নপত্র বিতরণে ভুল এবং ফলাফল-সংক্রান্ত তথ্য জালিয়াতির ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় শিক্ষা বোর্ডগুলোর কার্যক্রম নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

বাংলাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি কারিগরি শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে। এসব বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রমের সঙ্গে লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ জড়িত। তাই অনিয়মের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বরং প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা বোর্ডে অনিয়ম ও অব্যবস্থাপনার কয়েকটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও ফলাফল পরিবর্তন করে জিপিএ ৪.৯৪ দেখানোর ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, ১১টি বিষয়ের নম্বর পরিবর্তনের মাধ্যমে এ ফলাফল তৈরি করা হয়েছিল। এ ঘটনায় শিক্ষা বোর্ডের সচিব বাদী হয়ে স্ক্যানিং অপারেটর ও কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট তিন কর্মী এবং ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করেও ১৭ শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার অভিযোগ এবং ২০২৩ সালে বোর্ডের সচিবের ছেলের নম্বর জালিয়াতির অভিযোগও বিভিন্ন সময়ে আলোচনায় আসে। এসব ঘটনা ফলাফল প্রস্তুত ও সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করে।

 

রাজশাহী শিক্ষা বোর্ডে উত্তরপত্র মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণ নিয়ে প্রশ্ন: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এক পরীক্ষকের বিরুদ্ধে একজন পরীক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে দুই হাজার টাকার বিনিময়ে উত্তরপত্রে লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে বোর্ড পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তনের জন্য মধ্যরাতে ২৭ জন শিক্ষককে ডেকে নেওয়ার অভিযোগও ওঠে। এ ধরনের ঘটনা ফলাফল প্রস্তুত ও পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়ায়।

 

যশোর শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্র বিতরণ: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর উপশহর মহিলা কলেজ কেন্দ্রে একটি কক্ষের ৩৮ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওই ৩৮ জন শিক্ষার্থীই আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গণমাধ্যমকে জানান, ভুল প্রশ্নের জন্য বোর্ড দায়ী নয় এবং কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ প্রশাসনিক ভুলের কারণে শিক্ষার্থীদের যে মানসিক চাপ ও শিক্ষাজীবনের সম্ভাব্য ক্ষতি হলো, তার দায়ভার কে নেবে? কোনো প্রতিষ্ঠানের ভুলের দায় নিরপরাধ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত হতে পারে না।

 

মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম: ২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বিধিবহির্ভূতভাবে মূল্যায়নের অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক নরসিংদীর মাধবদী থানায় একজন পরীক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষককে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি এবং বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এ ঘটনা পরীক্ষার গোপনীয়তা, মূল্যায়নের নিরপেক্ষতা এবং পরীক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

 

উত্তরপত্র মূল্যায়নের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলে ১১টি শিক্ষা বোর্ডে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে। ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং নতুন করে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। পুনর্নিরীক্ষায় এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। পুনর্নিরীক্ষায় নম্বর গণনা, নম্বর স্থানান্তর কিংবা মূল্যায়ন-সংক্রান্ত কোন ধরনের ভুলের কারণে ফল পরিবর্তন হয়েছে, তা শিক্ষা বোর্ডগুলোর প্রকাশ করা উচিত। এতে প্রকৃত সমস্যার ধরন চিহ্নিত করা সম্ভব হবে।

 

শিক্ষা বোর্ডের প্রতি আস্থা ফিরিয়ে আনতে করণীয়-

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা: প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পরিচয়, দায়িত্ব বণ্টন এবং প্রশ্নপত্র হস্তান্তরের প্রতিটি ধাপে কার্যকর নজরদারি থাকতে হবে। ভুল প্রশ্নপত্র বিতরণ বা অনিয়মের ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

 

ফলাফল প্রস্তুতিতে প্রযুক্তি ও যাচাই নিশ্চিত করা: উত্তরপত্র মূল্যায়ন, নম্বর সংরক্ষণ, স্ক্যানিং, তথ্য এন্ট্রি ও ফলাফল প্রস্তুতের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং একাধিক স্তরে যাচাই নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এককভাবে ফলাফল পরিবর্তন করতে না পারে, সে জন্য দায়িত্বের বিভাজন, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

 

উত্তরপত্র মূল্যায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন: উত্তরপত্র র্নিরীক্ষণ, পুনর্নিরীক্ষণ ও ফলাফল সংশোধনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে। কে, কখন, কী কারণে এবং কী প্রক্রিয়ায় উত্তরপত্র ও ফলাফল যাচাই করেছেন, তার যথাযথ নথি সংরক্ষণ করতে হবে। প্রতিটি ধাপ স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য করতে হবে, যাতে অনিয়ম বা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ না থাকে। পরীক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, মূল্যায়নের মান যাচাই এবং দায়িত্বে অবহেলার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা।

 

দায়িত্ব নির্ধারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা: শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, পরীক্ষক, প্রধান পরীক্ষক এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও জবাবদিহি সুনির্দিষ্ট করতে হবে। অনিয়ম, দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে পদমর্যাদা বা পরিচয় বিবেচনা না করে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রতিকার নিশ্চিত করা: শিক্ষা বোর্ডের ভুল, অবহেলা কিংবা প্রশাসনিক ব্যর্থতার কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে দ্রুত ও ন্যায়সংগত প্রতিকার নিশ্চিত করতে হবে। ভুল প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম, নম্বর সংরক্ষণে ত্রুটি কিংবা ফলাফল প্রকাশে ভুলের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন অনিশ্চিত না হয়, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ পরীক্ষা, ফলাফল সংশোধন কিংবা বিকল্প প্রতিকারের ব্যবস্থা নিতে হবে।

 

বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সততা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অপরিহার্য। কোনো কর্মকর্তা বা কর্মচারীর অসততা, দায়িত্বহীনতা কিংবা ব্যক্তিগত স্বার্থের কারণে একজন মেধাবী শিক্ষার্থী যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। একইভাবে অনৈতিক সুবিধার মাধ্যমে অযোগ্য কোনো শিক্ষার্থী যেন প্রকৃত যোগ্য শিক্ষার্থীর স্থান দখল করতে না পারে। মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল শুধু একটি নম্বর বা গ্রেড নয়; এর সঙ্গে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন ও সম্ভাবনা জড়িয়ে থাকে।

 

আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হবে, তাদের ন্যায্য অধিকার সুরক্ষিত থাকবে এবং শিক্ষা বোর্ডের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। এ লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোর কার্যক্রমের ওপর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ও কার্যকর তদারকি, স্বাধীন নিরীক্ষা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা চালু করা জরুরি। শিক্ষা বোর্ডের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু অনিয়মের তদন্ত বা দায়ীদের শাস্তি দিলেই হবে না; অনিয়ম প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়সংগত প্রতিকার নিশ্চিত করতে হবে।

 

0 Comments

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

গুদামের চাকরি ছেড়ে চ্যাটজিপিটি মাধ্যমেই মাসে ১৫ হাজার ডলার  আয় করিছেন ২০ বছরের তরুণ

গুদামের চাকরি ছেড়ে চ্যাটজিপিটি মাধ্যমেই মাসে ১৫ হাজার ডলার আয় করিছেন ২০ বছরের তরুণ

নভেম্বর ১৪, ২০২৬ ১৩:০