- প্রচ্ছদ
- Topic
অজগর
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি গা ছমছমে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল শিশু একটি বিশাল আকারের রেটিকুলেটেড অজগর (Reticulated python) সাপকে রীতিমতো খেলার মাঠের 'স্লাইড' হিসেবে ব্যবহার করছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে দাবি করা হচ্ছে। সাধারণ মানুষ এত বড় সাপ দেখলে ভয়ে যেখানে দৌড়ে পালাবে, সেখানে এই শিশুরা সম্ভাব্য বিপদের কোনো তোয়াক্কা না করেই নির্বিঘ্নে সাপটির শরীরের ওপর উঠে পিছলে নিচে নামার খেলা খেলছিল। ভিডিওটিতে দেখা যায়, আবাসিক এলাকার মতো দেখতে একটি জায়গায় ঢালু মাটিতে বিশাল আকারের সাপটি শুয়ে আছে। আর শিশুরা পার্কের সাধারণ রাইডের মতো সাপটির পিঠে বসে ঢাল বেয়ে নিচে পিছলে পড়ছে। এমন অস্বাভাবিক ও ভয়ংকর দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রীতিমতো হতবাক। তবে সবচেয়ে বেশি বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে ভিডিওতে উপস্থিত প্রাপ্তবয়স্কদের আচরণ। শিশুদের এমন বিপজ্জনক কাজ থেকে বিরত না রেখে তারা বরং খুব স্বাভাবিক ভঙ্গিতে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করছিলেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিডিওর সাপটি একটি রেটিকুলেটেড পাইথন, যা বিশ্বের দীর্ঘতম প্রজাতির সাপগুলোর একটি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় (বিশেষ করে ইন্দোনেশিয়ায়) এটি বেশি দেখা যায়। এরা বিষধর না হলেও নিজেদের শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে (Constriction)। ৬ মিটারের বেশি লম্বা হতে পারা এই সাপগুলোর শরীর পেশিবহুল ও অত্যন্ত শক্তিশালী হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সাপ যতই শান্ত থাকুক না কেন, বন্যপ্রাণীর আচরণ সবসময়ই অপ্রত্যাশিত। যেকোনো সময় এদের আকস্মিক নড়াচড়া বা আত্মরক্ষামূলক কামড়ে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। ভিডিওটি এক্সে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বন্যপ্রাণীর নিরাপত্তা ও শিশুদের এমন ঝুঁকির মুখে ফেলা নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। তবে ঘটনাটি ঠিক কবে বা কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কোনো তথ্য জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সোমারসেট এলাকায় একটি গাড়ির সামনের গ্রিলে আটকে পড়া প্রায় ৩ ফুট লম্বা একটি সাপ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ওকল্যান্ড অ্যাভিনিউয়ের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাড়ির গ্রিলের ভেতর সাপ আটকে থাকার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে সাপটিকে বের করা সহজ ছিল না। নিরাপদে সেটিকে বের করতে গাড়ির সামনের বাম্পারসহ কয়েকটি অংশ খুলতে হয়। পরে পুলিশ সদস্যরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। এরপর সেটিকে ফ্র্যাঙ্কলিন টাউনশিপ অ্যানিমেল শেল্টারে নিয়ে যাওয়া হয়। প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা সাপটিকে একটি বল পাইথন হিসেবে শনাক্ত করেন। তবে সাপটি কীভাবে গাড়ির ভেতরের গ্রিলে ঢুকেছিল বা কতক্ষণ সেখানে আটকে ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির পর ফ্র্যাঙ্কলিন টাউনশিপের পাবলিক সেফটি ডিরেক্টর লয়েড ফ্রেডেরিকস বাসিন্দাদের বিদেশি বা অপ্রচলিত পোষা প্রাণী বাইরে ছেড়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এ ধরনের প্রাণী প্রকৃতিতে ছেড়ে দেওয়া শুধু বেআইনিই নয়, স্থানীয় প্রাণী ও অন্যান্য পোষা প্রাণীর জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। কোনো ব্যক্তি যদি পোষা সাপ আর দেখাশোনা করতে না পারেন, তাহলে সেটিকে বাইরে ছেড়ে না দিয়ে স্থানীয় অ্যানিমেল শেল্টারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার ১৫ ফুট লম্বা একটি অজগর মানুষের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একটি পদ্ধতি নিয়ে চিকিৎসা পাওয়ার পর সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসকদের ধারণা, সাপের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা ব্যবহারের ঘটনা বিশ্বে প্রথম। ২৩ বছর বয়সী জোডি ফস্টার নামের জালিকাবদ্ধ অজগরটি এখন আবার স্বাভাবিকভাবে খাচ্ছে এবং আগের মতোই সক্রিয় হয়ে উঠেছে। প্রায় ৪০ কেজি ওজনের এই অজগরের চোয়ালে ক্যানসারের একটি ম্যালিগন্যান্ট টিউমার বা ফাইব্রোসারকোমা ধরা পড়ে। ২০২৪ সালে চিড়িয়াখানার কর্মীরা লক্ষ্য করেন, জোডি আগের তুলনায় কম খাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চোয়ালে টিউমার শনাক্ত হলে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। কিন্তু পরের বছর টিউমারটি আবার ফিরে আসে এবং ধীরে ধীরে চোয়ালের হাড়েও ছড়িয়ে পড়তে শুরু করে। চেস্টার চিড়িয়াখানার চিকিৎসা কর্মকর্তা ইয়ান অ্যাশপোল বলেন, টিউমারের কারণে জোডির খাবার খাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। ফলে শুধু অস্ত্রোপচার করে তাঁকে বাঁচানো সম্ভব হবে কি না, তা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ তৈরি হয়। তখন তাঁরা লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত ইলেক্ট্রোকেমোথেরাপি পদ্ধতিটি সাপটির ক্ষেত্রে প্রয়োগের উপায় বের করেন। চিকিৎসার আগে জোডিকে তাঁর আবাসস্থলেই অচেতন করা হয়। এরপর তাঁকে চিড়িয়াখানার চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সাপটির আকার এত বড় ছিল যে অস্ত্রোপচারের জন্য দুটি অপারেশন টেবিল পাশাপাশি জুড়ে প্রায় একটি ডাবল বেডের সমান জায়গা তৈরি করতে হয়। অস্ত্রোপচারের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে উষ্ণ কম্বল ও গরম বাতাস ব্যবহার করা হয়। প্রায় ৯০ মিনিটের অস্ত্রোপচারে টিউমার এবং চোয়ালের আক্রান্ত অংশের কিছুটা অপসারণ করা হয়। এরপর অবশিষ্ট ক্যানসার কোষ ধ্বংস করতে ইলেক্ট্রোকেমোথেরাপি দেওয়া হয়। এই পদ্ধতিতে ক্যানসারের ওষুধ ব্লিওমাইসিনের সঙ্গে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করা হয়। নির্দিষ্ট স্থানে বৈদ্যুতিক তরঙ্গ প্রয়োগ করলে কোষগুলো সাময়িকভাবে ওষুধ গ্রহণে বেশি সক্ষম হয়। ফলে তুলনামূলক কম মাত্রার ওষুধ ব্যবহার করেও আক্রান্ত স্থানে কার্যকরভাবে চিকিৎসা পৌঁছানো সম্ভব হয়। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ছোট প্রাণীর চিকিৎসাবিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ হোসে আলভারেজ পিকর্নেল জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। যাতে বিশ্বের অন্যান্য পশুচিকিৎসকও এ অভিজ্ঞতা থেকে শিখতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে একই ধরনের চিকিৎসা প্রয়োগ করতে পারেন। চিকিৎসার পর জোডির শারীরিক অবস্থায় দ্রুত উন্নতি দেখা যায়। চলতি সপ্তাহে করা সর্বশেষ পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাঁর খাবারের রুচিও স্বাভাবিক হয়েছে। চিড়িয়াখানা প্রকাশিত ভিডিওতে তাঁকে পুরো একটি মুরগি খেতে দেখা গেছে। অজগরের জন্য খাবার গেলার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সাপ শিকারকে গিলে খাওয়ার সময় চোয়াল ব্যাপকভাবে প্রসারিত করতে পারে এবং নিজের মাথার চেয়েও বড় আকারের শিকার গিলে ফেলতে সক্ষম। অস্ত্রোপচারের পরও জোডির এই স্বাভাবিক ক্ষমতায় কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইয়ান অ্যাশপোল বলেন, কয়েক মাস আগেও তাঁরা নিশ্চিত ছিলেন না জোডি বেঁচে থাকবে কি না। এখন তাঁকে স্বাভাবিকভাবে খেতে, নিজের আবাসস্থল ঘুরে দেখতে এবং আগের মতো সক্রিয় থাকতে দেখে চিকিৎসক ও পরিচর্যাকারীরা স্বস্তি পেয়েছেন। তাঁর মতে, মানুষের চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতিকে পশুচিকিৎসার সঙ্গে যুক্ত করার এই ঘটনা প্রাণীদের চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিরও একটি উদাহরণ। জোডি ফস্টারের নামটিও বেশ মজার একটি কারণে রাখা হয়েছিল। প্রায় দুই দশক আগে চেস্টার চিড়িয়াখানায় আসার সময় সাপটির কোনো নাম ছিল না। তার নথিতে ‘JF’ লেখা ছিল, যার অর্থ ছিল ‘জুভেনাইল ফিমেল’ বা অপ্রাপ্তবয়স্ক স্ত্রী সাপ। একই আদ্যক্ষর হওয়ায় চিড়িয়াখানার কর্মীরা হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের নাম অনুসারে সাপটির নাম রাখেন। চিড়িয়াখানার চিকিৎসকদের এই সাফল্য এখন শুধু জোডি ফস্টারের সুস্থতার খবর নয়, বরং প্রাণীদের ক্যানসার চিকিৎসায় মানুষের জন্য তৈরি চিকিৎসাপদ্ধতি কীভাবে নতুনভাবে ব্যবহার করা যায়, তারও একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। তবে এই পদ্ধতি অন্য সাপের ক্ষেত্রেও একইভাবে কার্যকর হবে কি না, তা জানতে আরও গবেষণা ও চিকিৎসার তথ্য প্রয়োজন হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পরিবেশের জন্য বড় হুমকিতে পরিণত হওয়া বার্মিজ অজগর নিয়ন্ত্রণে আবারও বিশেষ অভিযান শুরু করছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ২০২৬ ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জ, যেখানে অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অজগর ধরতে পারা ব্যক্তি পাবেন ১০ হাজার ডলারের সর্বোচ্চ পুরস্কার। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিউসি) জানিয়েছে, আগামী ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত টানা ১০ দিন চলবে এই অভিযান। এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিকারিদের পাশাপাশি নির্ধারিত নিয়ম মেনে সাধারণ অংশগ্রহণকারীরাও অংশ নিতে পারবেন। মূল লক্ষ্য হলো ফ্লোরিডার বিখ্যাত এভারগ্লেডস জলাভূমিতে দ্রুত ছড়িয়ে পড়া বার্মিজ অজগরের সংখ্যা কমানো এবং স্থানীয় বন্যপ্রাণীকে রক্ষা করা। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অজগর প্রজাতি মূলত বিদেশি পোষা প্রাণীর ব্যবসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসে। পরবর্তী সময়ে কিছু অজগর পালিয়ে যায় বা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই তারা এভারগ্লেডসের প্রাকৃতিক পরিবেশে দ্রুত বিস্তার লাভ করে। বর্তমানে এই আগ্রাসী প্রজাতির কারণে খরগোশ, র্যাকুন, শিয়াল, বিভিন্ন পাখি এবং অন্যান্য দেশীয় প্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে গবেষণায় উঠে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পূর্ণবয়স্ক বার্মিজ অজগরের দৈর্ঘ্য ১৭ ফুটেরও বেশি হতে পারে। একটি স্ত্রী অজগর একবারে প্রায় ১০০টি পর্যন্ত ডিম পাড়তে সক্ষম, যা তাদের দ্রুত বংশবিস্তারে সহায়তা করে এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করে। গত বছরের পাইথন চ্যালেঞ্জে অংশ নিয়ে টেইলর স্ট্যানবেরি একাই ৬০টি অজগর ধরেছিলেন। সেটি ছিল প্রতিযোগিতায় ধরা মোট অজগরের ২০ শতাংশেরও বেশি। তার এই সাফল্য অভিযানের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়। প্রতিযোগিতার বাইরে সারা বছরই বার্মিজ অজগর অপসারণে কাজ করছে বিভিন্ন গবেষণা ও সংরক্ষণ সংস্থা। সম্প্রতি কনজারভেন্সি অব সাউথওয়েস্ট ফ্লোরিডা জানিয়েছে, তাদের গবেষকরা ১৭৭টি অজগর ধরেছেন, যেগুলোর সম্মিলিত ওজন ছিল প্রায় ৮ হাজার ৮০ পাউন্ড। একই সময়ে তারা প্রায় ৪ হাজার ১০০টি অনিষিক্ত ডিমও অপসারণ করেন, যা ফুটলে আরও হাজারো অজগর প্রকৃতিতে ছড়িয়ে পড়তে পারত। পরিবেশবিদদের মতে, বার্মিজ অজগরের বিস্তার নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগই নয়, গবেষণা, নিয়মিত নজরদারি এবং জনসচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিবছরের এই প্রতিযোগিতাকে তারা শুধু পুরস্কারভিত্তিক কর্মসূচি নয়, বরং ফ্লোরিডার জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাকুওয়েদার এবং ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এভারগ্লেডসের প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে আগ্রাসী এই প্রজাতির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার চেষ্টা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।