সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

আন্তর্জাতিক রাজনীতি

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি হিন্দু ও ইহুদি সংগঠন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিয়ে তাঁর অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।   মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁকে বীর ও শহীদ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন তিনি।   সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত একটি মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   জামায়াত আমিরকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।   অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, এর আগে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।   অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের সফর অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।   যৌথ বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং দলটির সাবেক কয়েকজন নেতার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।   তবে সংগঠন দুটির বিবৃতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার কিংবা জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কিছু জানানো হয়নি।    সংবাদসূত্র: টাইমস অব ইসরায়েল 871-এসএ

বায়জিদ হাসান নভেম্বর ২৩, ২০২৬ ১৩:০ 0
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

এক সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার ফোনের জিপিএস কাজ করছে না, বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস কিংবা সামরিক নজরদারি নেটওয়ার্ক—তাহলে পরিস্থিতি কেমন হবে? এমনই এক ভয়াবহ শঙ্কার কথা জানিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই রাশিয়া মহাকাশের কক্ষপথে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।   গত ২৩ নভেম্বর জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর (NDR), ডব্লিউডিআর (WDR) এবং সংবাদপত্র সুডডয়েচে জাইটুংয়ের (Süddeutsche Zeitung) এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পশ্চিমা গোয়েন্দা ও সামরিক মূল্যায়নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই মস্কো পারমাণবিক অস্ত্রসজ্জিত এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে। এমন খবরে ন্যাটো (NATO) মিত্রদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।   কয়েক সপ্তাহের মধ্যেই উৎক্ষেপণ হতে পারে ‘স্পুটনিক-এস’জার্মান সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধান অনুযায়ী, রাশিয়ার এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক-এস’ (Sputnik-S)। এটি কয়েক বছর আগেই তৈরি করে মস্কো অঞ্চলে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলতি নভেম্বরের শুরুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আদান-প্রদান করা গোয়েন্দা সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যেই এটি কক্ষপথে পাঠানো হতে পারে।   জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস (বিএনডি) এবং দেশটির সশস্ত্র বাহিনী বুন্দেসওয়ের এই গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে যুক্ত রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসসহ শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। তবে এটি এখনই উৎক্ষেপণ করা হবে—এমন চূড়ান্ত কোনো নিশ্চয়তা না মিললেও রাশিয়ার মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে কড়া নজরদারি শুরু হয়েছে।   মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কী হবে? সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র হামলায় কেবল একটি নির্দিষ্ট স্যাটেলাইট ধ্বংস হয়। কিন্তু মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী ও ধ্বংসাত্মক। বর্তমানে বিশ্বজুড়ে নেভিগেশন (জিপিএস), টেলিযোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, আর্থিক লেনদেন ব্যবস্থা এবং সামরিক কার্যক্রম স্যাটেলাইটের ওপর নির্ভরশীল।   প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে হাজার হাজার স্যাটেলাইট অকেজো হয়ে পড়তে পারে। এতে সরকার, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এর আগে গত অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাও (ডিআইএ) রাশিয়ার এমন পারমাণবিক স্যাটেলাইট তৈরির বিষয়ে সতর্ক করেছিল।   জার্মানি ও ন্যাটোর উদ্বেগ, অভিযোগ নাকচ রাশিয়ার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই প্রতিবেদনকে ‘চমকে দেওয়ার মতো’ বলে অভিহিত করেছেন। তার মতে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে রাশিয়া উত্তেজনা কতদূর পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, মহাকাশসহ সব ক্ষেত্রেই জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সর্বদা প্রস্তুত, আর এর মধ্যে মহাকাশ নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত।’   তবে মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস এই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘অপপ্রচারের অংশ’ বলে উড়িয়ে দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার সব মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে।   আন্তর্জাতিক আইন কী বলছে?১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে কোনো দেশেরই পারমাণবিক অস্ত্র বা গণবিধ্বংসী কোনো অস্ত্র স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। স্নায়ুযুদ্ধের সময় স্বাক্ষরিত এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল মহাকাশকে পারমাণবিক সংঘাতের ক্ষেত্র হওয়া থেকে রক্ষা করা। কিন্তু রাশিয়ার এই গোপন প্রস্তুতির খবরে সেই আন্তর্জাতিক চুক্তি এখন বড় ধরনের হুমকির মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: এনডিআর    873 ডিএন

বায়জিদ হাসান নভেম্বর ২৩, ২০২৬ ১৩:০ 0
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের শুরুতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।   রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলেন।   ট্রাম্পের অভিযোগ, ইরানের আলোচকেরা বারবার আলোচনা করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তিনি ইরানের আলোচকদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনা করতে পারে।   এর আগে ১৯ নভেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন বছরের শুরুতে ইরান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।   এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও দুই দেশের উত্তেজনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালিতে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক তেলের বাজার, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। নতুন বছরের আগে আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে। সংবাদ সূত্র:রয়টার্স।

বায়জিদ হাসান নভেম্বর ২২, ২০২৬ ১৩:০ 0
কিম জং উন
উত্তর কোরিয়ার জাতীয় পতাকার অনুপাত বদলালেন কিম জং উন, ৭৮ বছরে প্রথম পরিবর্তন

উত্তর কোরিয়ার জাতীয় পতাকার সরকারি অনুপাত পরিবর্তন করা হয়েছে। ১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠার পর এই প্রথম পতাকার নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতে পরিবর্তন আনা হলো। দেশটির নেতা কিম জং উনের নেতৃত্বে সংবিধান সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।   ১৩ নভেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের ওয়েবসাইট নায়েনারায় প্রকাশিত সংশোধিত সংবিধানের ১৬৬ নম্বর অনুচ্ছেদে নতুন অনুপাতের কথা উল্লেখ করা হয়েছে। আগে জাতীয় পতাকার উচ্চতা ও প্রস্থের অনুপাত ছিল ১:২। নতুন নিয়মে তা পরিবর্তন করে ১:১ দশমিক ৬৫ করা হয়েছে।   এর ফলে আগের তুলনায় পতাকাটি কিছুটা খাটো ও কম লম্বা দেখাবে। তবে পতাকার মূল নকশা অপরিবর্তিত রয়েছে। মাঝখানে প্রশস্ত লাল অংশ, দুই পাশে সরু সাদা রেখা, ওপর ও নিচে নীল অংশ এবং সাদা বৃত্তের মধ্যে লাল পাঁচ কোণবিশিষ্ট তারকা আগের মতোই রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই পরিবর্তনের পেছনে শুধু নকশাগত বিষয় নয়, রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার বিষয়ও রয়েছে। কিম জং উন তাঁর পূর্বসূরি দাদা কিম ইল সুং ও বাবা কিম জং ইলের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার পাশাপাশি নিজের শাসনামলের স্বতন্ত্র জাতীয় পরিচয় তৈরি করতে চাইছেন।   বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উত্তর কোরিয়ার অবস্থান পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিম জং উন দুই কোরিয়াকে একই জাতির বিভক্ত অংশ হিসেবে দেখার পরিবর্তে দুটি পৃথক ও বৈরী রাষ্ট্র হিসেবে বিবেচনার নীতি গ্রহণ করেছেন। ২০২৪ সালে উত্তর কোরিয়ার জাতীয় সংগীতের কথাতেও পরিবর্তন আনা হয়। আগে পুরো কোরীয় উপদ্বীপকে বোঝাতে ব্যবহৃত একটি ঐতিহাসিক শব্দের পরিবর্তে 'এই বিশ্ব' অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়। এ ছাড়া সংবিধান থেকেও পুনরেকত্রীকরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় বাদ দেওয়া হয়েছে।   উত্তর কোরিয়ার সরকারি ব্যাখ্যা অনুযায়ী, পতাকার মাঝখানের লাল অংশ জাপানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের আত্মত্যাগ ও রক্তের প্রতীক। সাদা বৃত্ত ও সাদা রেখা দেশটির শাসক দল এবং নেতার প্রতি জনগণের আনুগত্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে নীল অংশ শান্তি, বন্ধুত্ব, ঐক্য, সাম্রাজ্যবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক।   পতাকার মৌলিক নকশা অপরিবর্তিত রেখে শুধু অনুপাত পরিবর্তন করা কিম জং উনের শাসনামলে জাতীয় প্রতীকগুলোর নতুন রূপ দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হতে পারে। ১৯৪৮ সাল থেকে প্রায় ৭৮ বছর ধরে ব্যবহৃত পতাকার সরকারি অনুপাত পরিবর্তনের মধ্য দিয়ে উত্তর কোরিয়া তার জাতীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সংবাদসূত্র: দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা, কোরিয়া হেরাল্ড, কোরিয়া জুংআং ডেইলি, এনকে নিউজ ও রয়টার্স।

বায়জিদ হাসান নভেম্বর ১৫, ২০২৬ ১৩:০ 0
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
চীন ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে 'আমি খুব হতাশ হব': ট্রাম্প

ইরানের কাছে চীন যদি অস্ত্র বিক্রি করে, তবে তা তাকে “খুবই হতাশ” করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানকে কাঁধে বহনযোগ্য ৩০০ থেকে ৪০০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে পারে। এই প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।   সিএনএন ও রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই অস্ত্র চুক্তির আর্থিক মূল্য প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি এই খবর সত্য হয়, তাহলে আমি খুবই অবাক হব। কারণ প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে স্পষ্টভাবে আশ্বাস দিয়েছিলেন যে চীন এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবে না।” তিনি আরও বলেন, শি জিনপিং খুব ভালো করেই জানেন, এমন কিছু ঘটলে তিনি কতটা হতাশ হবেন।   এর আগে সিএনএনের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে বলা হয়েছিল, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের লক্ষ্যে বিদেশি অংশীদারদের সহায়তায় অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার চেষ্টা করছে। সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, চীন তেহরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।   তবে ওয়াশিংটনে চীনের দূতাবাস সে সময় এসব দাবি নাকচ করে দেয়। দূতাবাসের এক মুখপাত্র অভিযোগগুলোকে “সম্পূর্ণ অসত্য” বলে উল্লেখ করেন এবং চীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন।   সর্বশেষ রয়টার্সের প্রতিবেদন এবং ট্রাম্পের প্রতিক্রিয়ার পর চীন ও ইরানের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অস্ত্র চুক্তির ঘোষণা দেওয়া হয়নি।   বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে রয়টার্সের প্রতিবেদনে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ২৯, ২০২৬ ১৪:০ 0
ইরানি গণমাধ্যমে প্রকাশিত ইনফোগ্রাফিক। ছবি: সংগৃহীত
ট্রাম্প-নেতানিয়াহুসহ ইরানের ‘হিট লিস্টে’ ১৩ বিশ্বনেতা, প্রতিশোধের ঘোষণা মোজতবা খামেনির

ইরানের রাজধানী তেহরানের একটি রাষ্ট্র-ঘনিষ্ঠ গণমাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের ১৩ জন শীর্ষ রাজনৈতিক নেতার ছবি ও নামসংবলিত একটি ‘প্রতিশোধের লক্ষ্য’ (টার্গেট) তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এটি ইরানের সরকারের আনুষ্ঠানিক অনুমোদিত তালিকা কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, তেহরানের পৌর কর্তৃপক্ষ-ঘনিষ্ঠ হামশাহরি পত্রিকার অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। সেখানে ১৩ জন বিদেশি নেতার ছবি যুক্ত করে প্রতিশোধের আহ্বানসংবলিত বার্তা তুলে ধরা হয়। তবে একই ইনফোগ্রাফিক পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশ করা হয়নি।   প্রতিবেদন অনুযায়ী, এই তালিকা প্রকাশের আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতা, নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি এক বার্তায় বলেন, প্রতিশোধ নেওয়া জাতির ইচ্ছা এবং তা বাস্তবায়ন করা হবে।   প্রকাশিত তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্টজসহ আরও কয়েকজন শীর্ষ নেতা।   তবে এএফপি বলছে, ইনফোগ্রাফিকটি ইরানের সরকার বা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফলে এটিকে সরকারি ‘হিট লিস্ট’ হিসেবে নিশ্চিতভাবে বর্ণনা করা যাচ্ছে না।   সাম্প্রতিক সংঘাতের সময় ইরান অভিযোগ করেছিল, কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে হামলায় পরোক্ষভাবে সহায়তা করেছে। ওই প্রেক্ষাপটেই ইউরোপীয় কয়েকজন নেতার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এমন প্রতীকী তালিকা বা উসকানিমূলক বার্তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তবে তালিকাটি কোনো আনুষ্ঠানিক সরকারি নীতির অংশ কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এর গুরুত্ব মূল্যায়নে সতর্ক থাকা প্রয়োজন।   সূত্র: এএফপি, হামশাহরি

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১২, ২০২৬ ১৪:০ 0
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সুইজারল্যান্ডের এমেন সামরিক বিমানঘাঁটিতে এয়ার ফোর্স টুতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।ছবি: রয়টার্স
প্রথম দফা আলোচনায় অগ্রগতি, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনায় অগ্রগতি এবং লেবাননে সংঘাত কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিতের মধ্যে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং আন্তর্জাতিক তেলবাজারেও দামের পতন অব্যাহত রয়েছে।   সুইজারল্যান্ডের একটি পর্বত রিসোর্টে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী শান্তি কাঠামোর অধীনে আগামী ৬০ দিনের মধ্যে স্থায়ী চুক্তির দিকে এগোনোর একটি রোডম্যাপ নিয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। পাকিস্তান ও কাতার এই আলোচনায় মধ্যস্থতা করে।   এই কাঠামোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে ২১ আগস্ট পর্যন্ত একটি অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ইরান তেল বিক্রি করতে পারবে এবং সংশ্লিষ্ট অর্থ গ্রহণের সুযোগও তৈরি হয়েছে।   আলোচনায় অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে আলোচনায় একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে এবং চূড়ান্ত শান্তিচুক্তির দিকে অগ্রগতি সম্ভব। তিনি জানান, ইরান পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে এবং বিদেশে জব্দ থাকা সম্পদ ব্যবস্থাপনায় নতুন কাঠামো গঠনে সম্মত হয়েছে।   তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো কোনো নতুন আলোচনা বা প্রতিশ্রুতি হয়নি।   ভ্যান্স বলেন, আলোচনার সময় কিছু উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষই আলোচনার ধারা অব্যাহত রেখেছে এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, মধ্যস্থতার মাধ্যমে ইরানের অর্থ ব্যবস্থাপনা ও জব্দ সম্পদ মুক্ত করার একটি কাঠামো তৈরি হয়েছে।   অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে ছাড়, বিদেশে জব্দ অর্থের কিছু অংশ মুক্ত করা এবং পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।   আলোচনায় আরও সিদ্ধান্ত হয় যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য একটি যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে এবং লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত কমানোর একটি প্রক্রিয়া গড়ে তোলা হবে।   লেবাননে সহিংসতা কমে আসার দাবি করা হলেও দেশটির বিভিন্ন এলাকায় যুদ্ধের প্রভাব এখনো স্পষ্ট। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের একটি হাসপাতালের পরিচালক হাসান ওজনি জানান, দীর্ঘ সময় পর টানা দুই দিন তুলনামূলক শান্ত পরিবেশ পাওয়া গেছে।   তিনি বলেন, তিনি প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রায়ই হাসপাতালে অবস্থান করছেন, কারণ পরিস্থিতি এখনও অনিশ্চিত।   লেবানন সরকার জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকে এখনো নিরাপত্তাহীনতার কারণে ঘরে ফিরতে পারছে না।   এদিকে ইসরায়েল সীমান্তবর্তী উত্তরাঞ্চলের আটটি এলাকায় সামরিক সতর্কতা শিথিল করেছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো কূটনৈতিক সমাধানে তারা আপত্তি নয়, তবে চুক্তিতে এমন নিশ্চয়তা থাকতে হবে যাতে ইরান সামরিক উদ্দেশ্যে কোনো অর্থ ব্যবহার করতে না পারে।

Unknown জুন ২২, ২০২৬ ১৪:০ 0
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো নয়’: ট্রাম্পের হুমকির পর ইরানের কঠোর জবাব

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, এটি ইরানের সার্বভৌম জলসীমা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর।   আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “আপনি হুমকি দেন; আমরা পদক্ষেপ নেই।” তিনি আরও বলেন, “হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো নয়, কিংবা আধুনিক দিনের জলদস্যুদের পেছনের উঠানও নয়; এটি ইরানের সার্বভৌম জলসীমা।”   এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে ওই অঞ্চল দখল করা হবে। তিনি বলেন, ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে টোল আদায় করতেও পিছপা হবে না।   মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা গ্রহণ করবে এবং ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে।   ইরানের পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালিতে কার্যত আরোপিত অবরোধ শিথিল করা হয়েছিল। তবে লেবাননে সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ইরানের বিপ্লবী গার্ডস আবারও প্রণালিটি বন্ধের ঘোষণা দেয়।   অন্যদিকে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, “তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না” এবং প্রয়োজনে প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া হবে।   তিনি আরও মন্তব্য করেন, আলোচনার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি কঠোর ভাষা ব্যবহার করেছেন।   এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলমান রয়েছে। তবে আলোচনা শুরুর পর্যায়কে দুই পক্ষই জটিল হিসেবে বর্ণনা করেছে।

Unknown জুন ২১, ২০২৬ ১৪:০ 0
ছবি:  আল-জাজিরা
সুইজারল্যান্ডে পৌঁছালেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির সেখানে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান কারিগরি (টেকনিক্যাল) পর্যায়ের আলোচনায় তিনি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারেন।   জানা গেছে, ইসলামাবাদের সমঝোতা স্মারক কাঠামোর আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিভিন্ন পর্যায়ে অংশ নিতে তিনি ইতোমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন বলে নিশ্চিত করা হয়েছে।   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।   এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে তার মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেন। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।   ভ্যান্স বলেন, “শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।” তিনি আরও বলেন, “এটি এমন একটি বিষয়, যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরাইল এবং লেবানন উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।”   আলোচনাটি ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নজর বাড়ছে, কারণ এতে একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির অংশগ্রহণ পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে।

Unknown জুন ২০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান, ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল দাবি ঘিরে বিভ্রান্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেবে না এবং এ ধরনের খবর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।   ট্রাম্প লিখেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না। তার ভাষায়, “আর যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছে, এমন খবর ভুয়া। এটি ডেমোক্র্যাটরা ছড়িয়ে থাকতে পারে।”   তবে এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইরানের জন্য জব্দকৃত সম্পদ ছাড়, নিষেধাজ্ঞা শিথিল এবং সম্ভাব্য পুনর্গঠন সহায়তা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। ওই কর্মকর্তার মতে, প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়ন নির্ভর করবে ইরান তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করছে তার ওপর।   এ বিষয়ে সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স সম্ভাব্য তহবিল প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি রক্ষা করলে উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে সহায়তার সুযোগ তৈরি হতে পারে।   তিনি গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।   এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানের কয়েকজন কর্মকর্তা ও এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আলোচিত সমঝোতা কাঠামোর খসড়ায় ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন বিনিয়োগ তহবিলের একটি সম্ভাব্য ধারা রয়েছে।   তবে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের সমঝোতা স্মারক, চূড়ান্ত চুক্তি নয়। তাদের মতে, প্রকৃত কারিগরি আলোচনা শুরু হবে চলতি সপ্তাহের শেষ দিকে এবং সেখানে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।   সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরান কোনো নগদ অর্থ পাচ্ছে না এবং চুক্তি স্বাক্ষরের বিনিময়ে কোনো সরাসরি তহবিল ছাড় দেওয়া হয়নি।   তিনি আরও বলেন, চুক্তির কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা উদ্বেগ অগ্রাধিকার পায় এবং শর্ত পূরণ সাপেক্ষে ভবিষ্যতে সীমিত অর্থনৈতিক সুবিধার সুযোগ তৈরি হতে পারে।

Unknown জুন ১৫, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ও গ্যাস নেই, গরমে ঘুমহীন রাত কাটাচ্ছেন চরম সংকটে পড়া কিউবানরা

যুক্তরাষ্ট্রের তেল অবরোধের কারণে তীব্র জ্বালানি সংকটে পড়ে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে কিউবা। চার মাস ধরে চলা এই অবরোধের ফলে দেশটির বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজধানী হাভানার বাসিন্দারা টানা কয়েক দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং সেই সাথে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে।   রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা দৈনিক মাত্র কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। মাসের পর মাস ধরে পেট্রোল পাম্পগুলো খালি পড়ে আছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় এখন কাঠ ও কয়লাই রান্নার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। তীব্র মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের পেনশনের টাকা দিয়ে এক বোতল গ্যাস কেনাও অসম্ভব হয়ে পড়েছে। এদিকে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাতাসে আর্দ্রতা ৭৫ শতাংশ হওয়ায় ফ্যান ছাড়া সাধারণ মানুষের পক্ষে রাতে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়া সাধারণ মানুষ থালা-বাসন বাজিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।   এই চরম সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিউবার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এবং তাঁর পরিবারসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটির পর্যটন খাত বড় ধাক্কা খেয়েছে। বড় বড় আন্তর্জাতিক হোটেল চেইনগুলো কিউবা থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এছাড়া কিউবার ব্যাংকগুলো জানিয়েছে যে দেশে এখন থেকে ভিসা এবং মাস্টারকার্ড আর কাজ করবে না।   সব মিলিয়ে কিউবার সরকার ও জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। একদিকে খরা ও তীব্র গরমের পূর্বাভাস, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান ও সামরিক নজরদারির কারণে কিউবার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

তাবাস্সুম জুন ৭, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
সম্পর্ক আরও বাড়াতে উত্তর কোরিয়া গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে পিয়ংইয়ং পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত প্রায় সাত বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটিই তাঁর প্রথম সফর। সম্প্রতি রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণে বেইজিংয়ের সাথে পিয়ংইয়ংয়ের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা ঘোচাতেই শি জিনপিংয়ের এই সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।   পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে পিয়ংইয়ংয়ের কেন্দ্রস্থলে কিম ইল-সুং স্কয়ারে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর স্ত্রী রি সোল-জু। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি ২১ বার তোপধ্বনি দিয়ে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়।   কুুমসুসান রাষ্ট্রীয় অতিথিশালায় দুই নেতার মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শি জিনপিং এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, উত্তর কোরিয়ার প্রতি চীনের সমর্থন সবসময় বজায় থাকবে। একই সাথে তিনি দুই দেশের সীমান্ত বন্দরগুলো পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া এবং বিমান ও আন্তর্জাতিক ট্রেন যোগাযোগ পুনরায় চালু করে বাণিজ্য ও পর্যটন বাড়ানোর ওপর জোর দেন।   সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও অস্ত্র দিয়ে সহায়তা করা এবং মস্কোর সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করার মাধ্যমে পুতিনের বেশ কাছাকাছি চলে গেছে উত্তর কোরিয়া। বেইজিং মনে করে, রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার এই মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতা এ অঞ্চলে চীনের নিজস্ব প্রভাবকে কিছুটা ম্লান করতে পারে। তাই ঐতিহাসিক সম্পর্কের দোহাই দিয়ে উত্তর কোরিয়াকে নিজেদের বলয়ে ধরে রাখাই এখন শি জিনপিংয়ের মূল লক্ষ্য।

তাবাস্সুম জুন ৭, ২০২৬ ১৪:০ 0
তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি (ডান) এবং তার উত্তরসূরি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির (বাম) ছবি সম্বলিত একটি ব্যানারের পাশ দিয়ে ইরানিরা সাইকেল চালিয়ে যাচ্ছেন । ছবি: এএফপি
উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণে ইরানি সম্পদ ব্যবহারের করবে যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও পুনর্গঠন কাজে জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন।   সূত্রটির বরাতে জানা যায়, ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনসহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর অবকাঠামোগত ক্ষতি পুনর্গঠনের জন্য ইরানি সম্পদ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে নতুন করে ক্ষয়ক্ষতি হলে একই নীতি প্রয়োগের বিষয়টিও আলোচনায় রয়েছে। বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।   এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসিন রেজাই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত না হলে কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি সম্ভব নয়।   চলমান উত্তেজনার মধ্যে সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালির কাছে গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে সমুদ্রপথে হুমকি হিসেবে বিবেচিত কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে যুক্তরাষ্ট্র।   অন্যদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, নিক্ষেপ করা সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।   এ পরিস্থিতিতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ৬ জুন তেহরান সফর করেন এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও অন্তর্বর্তী সমঝোতা নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। আলোচনায় ইরান তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, বন্দর অবরোধ প্রত্যাহার এবং জব্দ সম্পদ ফেরতের দাবি তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক কার্যক্রমে কঠোর অবস্থান বজায় রেখেছে।   এদিকে মধ্যপ্রাচ্যের আরেক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুই সেনা কর্মকর্তা ও এক সৈনিক নিহত হয়েছেন। লেবানন সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়েছে, যদিও ইসরায়েল বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছে।   বিশ্লেষকরা মনে করছেন, জব্দ ইরানি সম্পদ পুনর্বণ্টনের মার্কিন পরিকল্পনা বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে এবং চলমান শান্তি আলোচনা নতুন সংকটে পড়তে পারে।

Unknown জুন ৬, ২০২৬ ১৪:০ 0
হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা, ট্রাম্প ‘মুখ রক্ষার’ চেষ্টায় সমঝোতা খুঁজছেন
হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা, ট্রাম্প ‘মুখ রক্ষার’ চেষ্টায় সমঝোতা খুঁজছেন

হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা খুঁজছেন বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।   তার মতে, এই উদ্যোগের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমতের সামনে প্রেসিডেন্টের অবস্থান রক্ষা করা।   তেহরানভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলি আকবর দারেইনি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো দ্রুত চুক্তির ইঙ্গিত তিনি দেখছেন না। তার মতে, পরিস্থিতি এখনো অচলাবস্থায় রয়েছে।   তিনি বলেন, ট্রাম্প চীনে সফরের আগে কিছু অর্জন দেখাতে চেয়েছিলেন, তবে তিনি হরমুজ প্রণালী খুলতে সামরিক বা কূটনৈতিক কোনো প্রচেষ্টাতেই সফল হননি।   এই বিশ্লেষকের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী মহলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ইরানের ওপর চাপ প্রয়োগ করলে তেহরান নতি স্বীকার করবে। তবে বাস্তবে তা ঘটেনি।   আলি আকবর দারেইনি আরও বলেন, “ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এমনকি ভবিষ্যতেও তা সম্ভব নয়।   হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ চলাচল করে, ফলে বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নীলুফা নিশাত মে ৬, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে কড়া বার্তা: ২৬ প্রভাবশালীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন থেকে নতুন এক কৌশলগত পররাষ্ট্রনীতি ঘোষণার মাধ্যমে পশ্চিম গোলার্ধে নিজেদের প্রভাব আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘ডনরো ডকট্রিন’ নামে নতুন এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জন প্রভাবশালী ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে। খবর আল-জাজিরার।   বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত বা প্রতিপক্ষ শক্তিকে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই নীতির লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত আধিপত্য বজায় রাখা এবং বহিরাগত প্রভাব মোকাবিলা করা।   বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গৃহীত এই পদক্ষেপ ঐতিহাসিক ‘মনরো ডকট্রিন’-এর আধুনিক সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। ‘ডনরো ডকট্রিন’-এর মাধ্যমে বিশেষ করে ল্যাটিন আমেরিকা অঞ্চলে চীনের বাড়তে থাকা বিনিয়োগ ও প্রভাব কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন।   পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, যারা জেনেশুনে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর পক্ষে কাজ করবে, অর্থায়ন দেবে কিংবা কৌশলগত সম্পদে বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করবে, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো কর্মকাণ্ডকেও এই নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে।   তবে বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ না করায় সমালোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই অস্পষ্টতা ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।   সমালোচকদের অভিযোগ, নতুন এই নীতির মাধ্যমে বিদেশি সমালোচক বা রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু করা হতে পারে। অতীতে রাজনৈতিক কারণে ভিসা বাতিলের নজির থাকায় এ আশঙ্কা আরও জোরালো হয়েছে।   ‘ডনরো ডকট্রিন’ কার্যকর হলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ সৃষ্টি হতে পারে এবং এটি ভবিষ্যতে বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Unknown এপ্রিল ১৮, ২০২৬ ১৪:০ 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
ইরানের ইউরেনিয়াম যৌথভাবে উদ্ধার করবে ওয়াশিংটন-তেহরান: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যৌথভাবে উদ্ধার করবে ওয়াশিংটন ও তেহরান।   বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে ধীরেসুস্থে এসব স্থানে প্রবেশ করবে এবং বড় যন্ত্রপাতি ব্যবহার করে ইউরেনিয়াম সংগ্রহ করা হবে। পরে তা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।   তবে সম্ভাব্য এ ধরনের কোনো চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। বরং তেহরান আগেই স্পষ্ট করেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না। এর আগে ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলা’ বলে উল্লেখ করে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেবে।   আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। সাধারণভাবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।   বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে ইরানের আনুষ্ঠানিক অবস্থান এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতবিরোধের কারণে এ ধরনের উদ্যোগ বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়ে গেছে।   সূত্র: আল জাজিরা

Unknown এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০ 0
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ফাইল ছবি
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া সমঝোতা নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল ইরান

স্থায়ী ও বিস্তৃত যুদ্ধবিরতি ছাড়া কোনো ধরনের সমঝোতায় রাজি নয় বলে জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না এবং পুরো অঞ্চলে সংঘাতের স্থায়ী অবসানই তাদের লক্ষ্য।   তুরস্কের আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম-এর সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খাতিবজাদেহ বলেন, যেকোনো যুদ্ধবিরতি হতে হলে তা লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। এটিকে ইরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করেন তিনি।   তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। এই সংঘাত এখন একবারেই শেষ হওয়া উচিত।” হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই জলপথ সব দেশের জন্য উন্মুক্ত রয়েছে। যদিও এটি ইরানের আঞ্চলিক পানিসীমার মধ্যে পড়ে, তবুও আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে দীর্ঘদিন ধরে এখানে অবাধ চলাচল বজায় রাখা হয়েছে।   এ অঞ্চলে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ইরানের এই কূটনীতিক বলেন, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।   সূত্র: আল জাজিরা

Unknown এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০ 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চুক্তির পথে ট্রাম্প; স্বাক্ষরিত হতে পারে পাকিস্তানে

যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব শর্তে রাজি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।   ট্রাম্প জানান, আগে যেসব বিষয়ে ইরান অনড় অবস্থানে ছিল, এখন তারা সেসব দাবি মানতে রাজি হয়েছে। যদি এই চুক্তি চূড়ান্ত হয় এবং তা পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তবে তিনি পাকিস্তান সফরে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, এই সপ্তাহান্তেই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হবে। তবে নতুন চুক্তি সই হওয়ার সম্ভাবনা থাকায় এই মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে দুই দেশের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হবে।   প্রণালির পরিস্থিতি নিয়ে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ বাহিনীর অবরোধ অত্যন্ত কার্যকরভাবে বজায় রয়েছে। মূলত আন্তর্জাতিক চাপ ও অবরোধের কারণেই ইরান আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   সূত্র: আল-জাজিরা

তাবাস্সুম এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০ 0
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কেবল ইসলামাবাদেই সম্ভব: ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা কেবল ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ইসলামাবাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে, পাকিস্তানের প্রতি ইরানের পূর্ণ আস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই—আর এই অবস্থান ইতোমধ্যেই ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।   পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের মধ্যস্থতামূলক উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে মোগাদ্দাম বলেন, ইরান অঞ্চলে কোনো আধিপত্য বিস্তার করতে চায় না, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই তেহরানের প্রধান লক্ষ্য। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি।   রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জানান, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শক্তির ধারাবাহিক চাপের মুখে রয়েছে। বহিরাগত সন্ত্রাসবাদের কারণে ইরানে এ পর্যন্ত ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতৃত্ব ও প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্বরাও রয়েছেন। ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

তাবাস্সুম এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি খোলা দরকার, তবে ‘যেকোনো মূল্যে নয়’—ফ্রান্সের সতর্ক বার্তা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি পুনরায় চালু করা প্রয়োজন হলেও তা ‘যেকোনো মূল্যে’ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেস্ক্যুর।   সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি পুনরায় চালুর ক্ষেত্রে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখতে হবে।   তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে জি৭ভুক্ত দেশগুলোর নেতারা পরিস্থিতির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন এবং এ বিষয়ে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।   এই মন্তব্য এমন সময় এলো, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করছেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।   যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং পরবর্তী যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্য ও জ্বালানি পরিবহন কীভাবে নিরাপদভাবে পুনরায় শুরু করা যায়, তা এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।   বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

Unknown এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির মাঝেই শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এপ্রিলের শেষ নাগাদ আরও ১০ হাজারের বেশি অতিরিক্ত সেনা ওই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।   একাধিক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে পাঠানো সেনাদের একটি বড় অংশ যাবে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’-এর মাধ্যমে। এই জাহাজসহ আরও কয়েকটি নৌযানে করে প্রায় ৬ হাজার সেনা মোতায়েন করা হবে।   এর পাশাপাশি ‘বক্সার’ উভচর প্রস্তুত গ্রুপ এবং ১১তম মেরিন ইউনিটের আরও প্রায় ৪ হাজার ২০০ সেনা চলতি মাসের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। সব মিলিয়ে নতুন এই মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।   গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এই অঞ্চলে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি প্রধান বিমানবাহী রণতরি মোতায়েন রয়েছে, যেগুলো সরাসরি অভিযানে অংশ নিচ্ছে। নতুন রণতরি যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে তিনে।   এদিকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর রয়েছে বলে দাবি করা হয়েছে। সামরিক কর্তৃপক্ষ বলছে, সমুদ্রপথে ইরানের বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। যদিও সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী, সীমিত সংখ্যক জাহাজ এখনো এই অবরোধ অতিক্রম করতে সক্ষম হচ্ছে।   একই সময়ে কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই পাকিস্তানে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।   বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন ইরানের ওপর চাপ বজায় রাখতে চাইছে, অন্যদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতিও জোরদার করছে। যুদ্ধবিরতির বর্তমান সময়সীমা শেষ হওয়ার আগে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে কৌতূহল।

Unknown এপ্রিল ১৫, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০