সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

#আমেরিকানরাজনীতি

দারিদ্র্য ও কঠিন পারিবারিক বাস্তবতা পেরিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
বাবাহীন শৈশব, মায়ের মাদকাসক্তি, দারিদ্র্য পেরিয়ে যেভাবে ভাইস প্রেসিডেন্ট হলেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জেডি ভ্যান্সের উত্থানের গল্প অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো। ওহাইওর মিডলটাউনে আর্থিক সংকট ও পারিবারিক অস্থিরতার মধ্যে বেড়ে ওঠা এই রাজনীতিকের শৈশব কেটেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। তাঁর মা মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন। আর বাবার অনুপস্থিতিতে জীবনের বড় একটি সময় দাদা-দাদির সান্নিধ্যেই বেড়ে উঠেছেন তিনি। শৈশবের সেই অভিজ্ঞতাগুলোই পরে তাঁর বহুল আলোচিত স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’র অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে।   জেডি ভ্যান্সের পুরো নাম জেমস ডেভিড ভ্যান্স। ১৯৮৪ সালের ২ আগস্ট ওহাইওর মিডলটাউনে তাঁর জন্ম। একসময় শিল্পকারখানাকেন্দ্রিক কর্মসংস্থানের জন্য পরিচিত ছিল শহরটি। তবে সময়ের সঙ্গে সেখানে শিল্প ও কর্মসংস্থানের সুযোগ কমতে থাকে। এর প্রভাব পড়ে ভ্যান্সের পরিবারেও। মায়ের আসক্তি ও পারিবারিক অস্থিরতার মধ্যে তাঁর জীবনে সবচেয়ে বড় স্থিরতার জায়গা হয়ে ওঠেন দাদা-দাদি। বিশেষ করে তাঁর দাদি, যাকে ভ্যান্স ‘মামাও’ নামে উল্লেখ করেছেন, তাঁর বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।   উচ্চবিদ্যালয় শেষ করে ভ্যান্স সরাসরি বিশ্ববিদ্যালয়ে না গিয়ে যুক্তরাষ্ট্রের মেরিন কোরে যোগ দেন। প্রায় চার বছর সামরিক বাহিনীতে কাজ করেন তিনি এবং ইরাকেও দায়িত্ব পালন করেন। সামরিক জীবন শেষ করার পর উচ্চশিক্ষায় মন দেন ভ্যান্স। ভর্তি হন ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে। সেখানে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করার পর তাঁর পরবর্তী গন্তব্য হয় যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েল ল স্কুল।   ইয়েলে পড়ার সময় ভ্যান্সের জীবনে নতুন এক অধ্যায়ের শুরু হয়। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় উষা ভ্যান্সের। ২০১৩ সালে আইন বিষয়ে পড়াশোনা শেষ করার পর তিনি আইন পেশায় যোগ দেন। পরে প্রযুক্তি ও বিনিয়োগ খাতেও কাজ করেন। একই সময়ে নিজের শৈশবের অভিজ্ঞতা এবং আমেরিকার শ্রমজীবী মানুষের জীবন নিয়ে লেখালেখি শুরু করেন।   ২০১৬ সালে প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ তাঁকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়। বইটিতে ওহাইও ও অ্যাপালাচিয়ান অঞ্চলের শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবন, দারিদ্র্য, পারিবারিক সংকট এবং সামাজিক পরিবর্তনের নানা দিক তুলে ধরেন ভ্যান্স। বইটি দ্রুত বেস্টসেলার হয়ে ওঠে। পরে ২০২০ সালে এটি চলচ্চিত্রেও রূপ নেয়।   লেখক ও বিনিয়োগকারী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন ভ্যান্স। ২০২২ সালে ওহাইও থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন তিনি। এর মাত্র দুই বছর পর, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তাঁকে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেন। সে সময় ভ্যান্সের বয়স ছিল ৩৯ বছর।   ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স জুটি জয়ী হওয়ার পর ২০২৫ সালের ২০ জানুয়ারি ৪০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এর মধ্য দিয়ে দারিদ্র্য ও পারিবারিক অস্থিরতার মধ্যে বেড়ে ওঠা এক তরুণের জীবনে যুক্ত হয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদ।   ভ্যান্সের জীবনকে অনেকেই ‘আমেরিকান ড্রিম’-এর উদাহরণ হিসেবে তুলে ধরেন। কারণ তাঁর জীবনের পথচলায় রয়েছে কঠিন শৈশব, মেরিন কোরে কাজ, উচ্চশিক্ষা, ইয়েল ল স্কুল থেকে ডিগ্রি, লেখালেখি, ব্যবসা এবং শেষ পর্যন্ত জাতীয় রাজনীতিতে উত্থান। তবে তাঁর গল্পকে শুধু ব্যক্তিগত সংগ্রাম ও সাফল্যের গল্প হিসেবে দেখলে পুরো চিত্রটি পাওয়া যায় না। দাদা-দাদির সহায়তা, শিক্ষা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে পাওয়া সুযোগও তাঁর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   আজ জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্যতম পরিচিত মুখ। দারিদ্র্য ও পারিবারিক সংকটের মধ্য দিয়ে শুরু হওয়া জীবন থেকে মেরিন কোর, ইয়েল ল স্কুল, লেখালেখি, ব্যবসা ও সিনেট হয়ে ভাইস প্রেসিডেন্টের পদে পৌঁছানো তাঁর যাত্রা নিঃসন্দেহে ব্যতিক্রমী।

অলিনা রহমান অক্টোবর ৭, ২০২৬ ১৪:০ 0
ছবির ক্যাপশন: ২০২৬ সালে বিভিন্ন বক্তব্য ও পোস্টে প্রায় ৯০০ বার বাইডেনের নাম উল্লেখ করেছেন ট্রাম্প
১ বছরেই ট্রাম্পের মুখে বাইডেনের নাম প্রায় ৯০০ বার, নেপথ্যে কারণ

২০২৬ সালে এখন পর্যন্ত প্রায় ৯০০ বার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের পর্যালোচনা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাম্পের বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার এবং ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে অন্তত ৮৯০ বার বাইডেনের নাম এসেছে। প্রায় ২০০টি অনুষ্ঠান ও সাক্ষাৎকার এবং ১৯০টি ট্রুথ সোশ্যাল পোস্ট বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে।   রয়টার্সের হিসাবে, গড়ে দিনে প্রায় তিনবার বাইডেনের নাম উল্লেখ করেছেন ট্রাম্প। অর্থনীতি নিয়ে তিনি প্রায় ২১০ বার বাইডেনের নাম তুলেছেন। অভিবাসন প্রসঙ্গে ১৬৮ বার এবং পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়ে ১৩৮ বার সাবেক প্রেসিডেন্টকে উল্লেখ করেছেন তিনি। অন্যান্য অভ্যন্তরীণ ইস্যুতেও বাইডেনের প্রশাসনের দিকে দায় ঠেলে দিতে দেখা গেছে ট্রাম্পকে।   বিশেষ করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ট্রাম্পের বক্তব্যে বাইডেনের প্রসঙ্গ বারবার এসেছে। সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রজুড়ে পণ্যের দাম বাড়ার জন্য বাইডেন ও তার প্রশাসনকে দায়ী করেন ট্রাম্প। অর্থনীতির পাশাপাশি বাড়ির দাম, সামরিক সরঞ্জামের ঘাটতি এবং ইস্পাত শিল্পের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও বাইডেনের প্রশাসনের নীতির সমালোচনা করেছেন তিনি।   অভিবাসনও ট্রাম্পের বক্তব্যে বাইডেনের নাম আসার অন্যতম বড় কারণ। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অনিবন্ধিত অভিবাসন বেড়ে যাওয়ার জন্য বাইডেন প্রশাসনের নীতিকে দায়ী করে আসছেন ট্রাম্প। একই সঙ্গে নিজের প্রশাসনের অভিবাসন নীতি ও বি তাড় ন কার্যক্রম নিয়ে সমালোচনা হলে তার জবাবেও বাইডেন আমলের নীতির প্রসঙ্গ তুলেছেন তিনি।   পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, এসব বিষয়ে অন্তত ১৩৮ বার বাইডেনের নাম উল্লেখ করেছেন ট্রাম্প। এর মধ্যে ইরান ও ইউক্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটের প্রসঙ্গও রয়েছে। জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এক দিনেই ১৬ বার বাইডেনের নাম উল্লেখ করেন ট্রাম্প, যা এক দিনে তার সর্বোচ্চ।   ট্রাম্পের বাইডেনকে বারবার উল্লেখ করার বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয়, অভিবাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র। একই সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা ও অর্থনৈতিক নীতি নিয়ে বিভিন্ন জরিপেও প্রশ্ন উঠেছে। ফলে নিজের প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আগের প্রশাসনের নীতিকে সামনে আনা ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যের একটি নিয়মিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে।   হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বাইডেন আমলে তৈরি হওয়া সমস্যাগুলো মোকাবিলা করতে কাজ করছে। অন্যদিকে বাইডেনের সাবেক কর্মকর্তারা ট্রাম্পের বারবার তার পূর্বসূরির নাম উল্লেখ করার সমালোচনা করেছেন। তবে রয়টার্সের পর্যালোচনায় যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তা হলো—২০২৬ সালের রাজনৈতিক বক্তব্যে বাইডেন এখনো ট্রাম্পের অন্যতম প্রধান আলোচ্য ব্যক্তি হয়ে রয়েছেন।

অলিনা রহমান সেপ্টেম্বর ২১, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০