- প্রচ্ছদ
- Topic
ইউরোপীয় পার্লামেন্ট
স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক সোনালি মূর্তি প্রদর্শন করা হয়েছে। ডেনমার্কের শিল্পী ইয়েন্স গালশিওটের তৈরি ‘দ্য অরেঞ্জ প্লেগ’ নামের ভাস্কর্যটিতে ট্রাম্পকে পোশাকহীন অবস্থায় ছোট আকৃতির এক ব্যক্তির কাঁধে বসে থাকতে দেখা যায়। ২ দশমিক ৬ মিটার উচ্চতার মূর্তিটি ২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো। মূর্তিটি ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এর আগে সোমবার সকাল থেকে এটি কমলা রঙের কাপড় দিয়ে ঢাকা ছিল। পরে মঙ্গলবার পার্লামেন্ট ভবনের ব্যস্ততম অংশগুলোর একটিতে সেটি উন্মোচন করা হয়। তবে এটি ইউরোপীয় পার্লামেন্টের কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নয়। ডেনমার্কের বামপন্থী ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পার ক্লাউসেনের আমন্ত্রণে শিল্পী গালশিওটের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভাস্কর্যটিতে ট্রাম্পের এক হাতে একটি গলফ ক্লাব এবং অন্য হাতে ন্যায়ের দাঁড়িপাল্লার প্রতীক রয়েছে। নিচে থাকা ছোট আকৃতির ব্যক্তিটি ব্রোঞ্জের তৈরি এবং তার পায়ের কাছে একটি ছোট পৃথিবীর গোলকের আকৃতির বস্তু রাখা হয়েছে। মূর্তিটির বেদিতে লেখা রয়েছে, একজন মানুষের পিঠে বসে থাকার কারণে সেই ব্যক্তি তার ভারে ডুবে যাচ্ছে এবং তাকে সাহায্য করার জন্য সবকিছু করা হবে, শুধু তার পিঠ থেকে নেমে আসা হবে না। ভাস্কর্যটির আরেক নাম ‘কিং অব ইনজাস্টিস’ বা ‘অন্যায়ের রাজা’। শিল্পী ইয়েন্স গালশিওট বলেছেন, এই কাজের মাধ্যমে তিনি ক্ষমতাধর দেশ ও নেতাদের দ্বারা বিশ্বের অন্যদের ওপর প্রভাব বিস্তারের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পকে তিনি জলবায়ু সংকট মোকাবিলা এবং নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা রক্ষার ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জের প্রতীক হিসেবে দেখেছেন। তিনি আরও বলেছেন, রাজনৈতিক ভাষায় যেসব বিষয় অনেক সময় স্পষ্টভাবে বলা যায় না, ব্যঙ্গশিল্পের মাধ্যমে সেগুলো তুলে ধরা সম্ভব। গালশিওটের মতে, ভাস্কর্যটি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত রূপকথা ‘দ্য এমপেররস নিউ ক্লোদস’ বা ‘সম্রাটের নতুন পোশাক’ থেকেও অনুপ্রাণিত। সেই গল্পে একজন সম্রাট এমন পোশাক পরেছেন বলে বিশ্বাস করেন, যা আসলে নেই। শিল্পীর বক্তব্য অনুযায়ী, ট্রাম্পকে সোনায় মোড়ানো ও পোশাকহীন অবস্থায় দেখানোর মধ্যেও একই ধরনের রাজনৈতিক ব্যঙ্গ রয়েছে। প্রদর্শনীর আয়োজক ডেনিশ এমইপি পার ক্লাউসেন ট্রাম্পকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক শিল্প প্রদর্শনের সমালোচনার বিষয়টিও উল্লেখ করেছেন। তার বক্তব্য, ট্রাম্পকে বিরক্ত করার আশঙ্কায় ইউরোপের মানুষের নিজেদের মতপ্রকাশে ভয় পাওয়া উচিত নয়। তিনি মনে করেন, ইউরোপীয় পার্লামেন্টের মতো জায়গায় এমন শিল্প প্রদর্শন রাজনৈতিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ক্ষমতার ব্যবহার নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে। ‘দ্য অরেঞ্জ প্লেগ’ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এ এটি প্রদর্শন করা হয়। ২০২৬ সালে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং ডেনমার্কে গ্রিনল্যান্ড নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতেও ভাস্কর্যটি দেখা যায়। স্ট্রাসবুর্গের প্রদর্শনী শেষ হওয়ার পর এটি আগামী মাসে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউরোপে ট্রাম্পের ভাবমূর্তি নিয়েও সাম্প্রতিক জরিপগুলোতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৬ সালের জরিপে ইউরোপের ১০টি দেশের বেশির ভাগ মানুষ আন্তর্জাতিক বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখেন না বলে জানিয়েছে। গ্রিনল্যান্ড ও শুল্কনীতি নিয়ে তার অবস্থানের ক্ষেত্রে এসব দেশে গড়ে ৮৫ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। জরিপটি ৩৬টি দেশের ৪২ হাজার ১৫১ জনের ওপর ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত হয়েছিল। ইউগভের সেপ্টেম্বরের ইউরোপীয় ট্র্যাকার জরিপেও ট্রাম্পের প্রতি পশ্চিম ইউরোপে কম সমর্থনের চিত্র পাওয়া গেছে। ফ্রান্সে ১২ শতাংশ এবং জার্মানিতে ৯ শতাংশ প্রাপ্তবয়স্ক তার প্রতি ইতিবাচক মত দিয়েছেন। যুক্তরাজ্যে এই হার ১০ শতাংশ। ডেনমার্কে ট্রাম্পের প্রতি ইতিবাচক মত ছিল আরও কম। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের টানাপোড়েনের অন্যতম বিষয় হয়ে উঠেছে গ্রিনল্যান্ড। এর পাশাপাশি ন্যাটো, ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়, বাণিজ্য শুল্ক এবং জলবায়ুনীতি নিয়েও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। এসব বিষয়কে সামনে রেখেই গালশিওটের ভাস্কর্যটি রাজনৈতিক ব্যঙ্গ ও প্রতিবাদের একটি প্রতীক হিসেবে প্রদর্শিত হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টে ভাস্কর্যটি ৮ অক্টোবর পর্যন্ত প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। এরপর এর পরবর্তী গন্তব্য তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন। সূত্র: নিউজউইক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রায় ৫০ জন সদস্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা এবং পুরস্কার প্রদানের পুরো প্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বিষয়টি অত্যন্ত অস্বচ্ছভাবে পরিচালিত হয়েছে এবং এতে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা ও সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৫ সালের ৫ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করেন। ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ চলাকালে সোমবার (২৯ জুন) ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য ফিফার নেতৃত্ব এবং সংস্থাটির তথাকথিত স্বাধীন নীতিশাস্ত্র কমিটির কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। এই উদ্যোগের নেতৃত্ব দেন আয়ারল্যান্ডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, নেদারল্যান্ডসের লারা ওলটার্স এবং ডেনমার্কের নিলস ফুগলসাং। ফরাসি দৈনিক ল্য মোঁদ-এর দেখা ওই চিঠিতে আইনপ্রণেতারা ফিফার নীতিশাস্ত্র কমিটিকে ইনফান্তিনোর ভূমিকা এবং পুরস্কার প্রদানের "অত্যন্ত অস্পষ্ট পরিস্থিতি" সর্বোচ্চ দ্রুততা ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করার আহ্বান জানান। ল্য মোঁদের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরো প্রকল্পটি বাস্তবায়নে ফিফার ১০ জনেরও কম কর্মী যুক্ত ছিলেন, যদিও এর অর্থায়ন করেছিল সংস্থাটি নিজেই।প্রতিবেদন অনুযায়ী, লেবানিজ-ইতালীয়-সুইস বংশোদ্ভূত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নির্দেশ দিয়েছিলেন, পুরো উদ্যোগটি যেন সংস্থার অভ্যন্তরে গোপন রাখা হয়। এরপর থেকে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ল্য মোঁদের অনুসন্ধানে আরও বলা হয়েছে, ওয়াশিংটনে ২০২৬ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে বা পরে ইনফান্তিনো ফিফা কাউন্সিলের কোনো সদস্যকে বিষয়টি সম্পর্কে অবহিত করেননি। চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা জানান, তারা ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ফেয়ারস্কয়ার ফিফার নীতিশাস্ত্র কমিটির কাছে যে অভিযোগ দায়ের করেছিল, তার প্রতি সমর্থন জানাচ্ছেন। পরে ২০২৬ সালের ২ জুন নরওয়ের ফুটবল ফেডারেশনও ওই অভিযোগের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানায়। আইনপ্রণেতাদের ভাষ্য অনুযায়ী, ফেয়ারস্কয়ার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষে ইনফান্তিনোর প্রকাশ্য অবস্থানের মাধ্যমে তিনি ফিফার নীতিশাস্ত্র বিধির ১৫ নম্বর ধারায় উল্লেখিত রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব চারবার লঙ্ঘন করেছেন।এ ছাড়া, একাধিক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে এই সিদ্ধান্ত গ্রহণের সময় ফিফা কাউন্সিলকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল এবং পুরস্কার প্রদানের চূড়ান্ত প্রক্রিয়াও এখনো স্পষ্ট নয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা তাদের চিঠিতে উল্লেখ করেন, ২০২৬ সালের বিশ্বকাপ ইতোমধ্যেই টিকিটের উচ্চ মূল্য এবং ভিসা-সংক্রান্ত নানা সমস্যার কারণে সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, এসবের মধ্যেও সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান। চিঠিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে যখন বিশ্বের দৃষ্টি ফিফার দিকে, তখন সংস্থাটির উচিত ফেয়ারস্কয়ারের নীতিশাস্ত্রবিষয়ক অভিযোগ নিষ্পত্তি করে ন্যায্যতা, সমতা ও মানব মর্যাদার প্রতি নিজেদের অঙ্গীকার প্রমাণ করা। আইনপ্রণেতাদের মতে, এই তদন্ত ফিফার জন্য রাজনৈতিক নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ব্যারি অ্যান্ড্রুজ ল্য মোঁদকে বলেন, বিশ্বকাপ বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন এবং এর উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে একত্রিত করা। তিনি বলেন, "ফিফার সভাপতি যখন একজন রাষ্ট্রপ্রধানকে অন্যজনের তুলনায় বেশি গুরুত্ব দেন, তখন তা ফিফা এবং পুরো বিশ্বকাপের সুনাম ক্ষুণ্ন করে।" অ্যান্ড্রুজ জানান, তাদের একমাত্র দাবি হলো প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ ট্রাম্পকে দেওয়ার পুরো প্রক্রিয়া যেন নীতিশাস্ত্র কমিটি পূর্ণাঙ্গভাবে তদন্ত করে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়েছে কি না তা নিশ্চিত করে। ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের উদ্বেগ এই প্রথম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে বহু ইউরোপীয় আইনপ্রণেতা ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে নির্বাচনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফিফা সভাপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির কোনো জবাব ফিফা দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। বরং অভিযোগ অনুযায়ী, পরে ফিফা সৌদি আরবের জাতীয় তেল ও গ্যাস কোম্পানির সঙ্গে একটি বড় পৃষ্ঠপোষকতা চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ল্য মোঁদের পর্যালোচনা করা একটি চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের মার্চে ফিফা লন্ডনভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠান টেন টোজ মিডিয়ার সঙ্গে একটি চুক্তি করে। ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের শেষ পর্যন্ত সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটিকে প্রায় ৩০ লাখ ইউরো পরিশোধ করবে ফিফা। এর আওতায় ফিফা এবং সংস্থার শীর্ষ নেতৃত্বের যোগাযোগ কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার দায়িত্বও রয়েছে। এ বিষয়ে ল্য মোঁদকে পাঠানো এক ই-মেইলে ফিফা জানায়, কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব পরিচালনা করে এমন দাবি "মিথ্যা ও বিভ্রান্তিকর"। সংস্থাটি আরও জানায়, ব্যক্তিগত চুক্তির তথ্য প্রকাশ করা হলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার ফিফা সংরক্ষণ করে। ফিফার ভাষ্য, বিশ্বের অন্যান্য বড় আন্তর্জাতিক সংস্থার মতো ব্যস্ত সময়ে, বিশেষ করে বিশ্বকাপ চলাকালে, জনবল ব্যয় নিয়ন্ত্রণ এবং কার্যক্রমে নমনীয়তা নিশ্চিত করতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়। তবে ‘ফিফা শান্তি পুরস্কার’ কিংবা ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের পাঠানো চিঠি সম্পর্কে ল্য মোঁদের প্রশ্নের কোনো জবাব দেয়নি ফিফা।