- প্রচ্ছদ
- Topic
গাদি আইজেনকট
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা ঘিরে ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকট। নতুন সরকার গঠনের আগে বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের সামরিক নেতৃত্বের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন অভিযানের চেষ্টা করছেন বলে খবর প্রকাশের পর দেশটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে আইজেনকট বলেন, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের এই সংবেদনশীল সময়ে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা দেখাতে হবে। সরাসরি ও তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি না থাকলে এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে। গালফ নিউজ ও ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকটের চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। তবে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের প্রশ্নে নেতানিয়াহু ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধের খবর প্রকাশের পরই তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। আইজেনকট আশঙ্কা প্রকাশ করে বলেন, জরুরি নিরাপত্তা পরিস্থিতি ছাড়া সামরিক বাহিনীকে বড় ধরনের অভিযানে ব্যবহার করা হলে ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি নেতানিয়াহুকে এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান, যা নতুন সরকারের হাতে ছেড়ে দেওয়া সম্ভব। ইসরায়েলের চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ইরানকে কেন্দ্র করে নেতানিয়াহুর প্রস্তাবিত একটি সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের আগেও একই ধরনের একটি উদ্যোগ নিয়ে সামরিক নেতৃত্বের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা ছিল, নতুন সংঘাত শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে নেতানিয়াহুর কার্যালয় আইজেনকটের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক বিতর্কের বিষয় বানানোর চেষ্টা করছেন আইজেনকট। সরকারের নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং দেশের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয় বলে দাবি করেছে নেতানিয়াহুর পক্ষ। এদিকে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য পাওয়া নিয়েও দুই নেতার মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আইজেনকট অভিযোগ করেছেন, নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরও তাঁকে নিয়মিত নিরাপত্তা ব্রিফিং দেওয়া হচ্ছে না। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। গত ২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের পর ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের প্রথম সুযোগ দেন আইজেনকটকে। তিনি ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশ পান, অন্যদিকে নেতানিয়াহুকে সমর্থন জানান ৪৬ জন। তবে আইজেনকটের পক্ষে সুপারিশ করা সব আইনপ্রণেতা তাঁর নেতৃত্বে একই জোট সরকারে যোগ দিতে রাজি, এমন নিশ্চয়তা এখনো নেই। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সূত্র: গালফ নিউজ
জেরুজালেমে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের ১২০ জন নবনির্বাচিত সদস্য। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক অধিবেশনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়। তবে এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটেনি। নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। ফলে ইসরায়েলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক ক্ষমতার সমীকরণ। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে এই পরিবর্তন আসে। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে একক দল হিসেবে সর্বোচ্চ আসন অর্জন করে। তবে তাঁর মিত্র দলগুলোকে নিয়ে গঠিত জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৫৩-তে, যা ১২০ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। অন্যদিকে, আইজেনকটের ইয়াশার দল ও তাদের সহযোগী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। এসব দলের অধিকাংশই নেতানিয়াহুর বিরোধী অবস্থানে রয়েছে। ফলে পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী আইনপ্রণেতাদের সংখ্যাগত অবস্থান শক্তিশালী হয়েছে। নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ নেওয়ার পর নেসেটের সচিব নতুন সংসদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতি সমঝোতার আহ্বান জানান। তিনি বলেন, নতুন নির্বাচন এড়াতে আইনপ্রণেতাদের সব ধরনের চেষ্টা করতে হবে। দেশটির জনগণ স্বাভাবিক জীবন, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায় বলেও উল্লেখ করেন তিনি। নতুন পার্লামেন্টে ৪৬ জন প্রথমবারের মতো নির্বাচিত সদস্য এবং রেকর্ডসংখ্যক ৩৩ জন নারী আইনপ্রণেতা রয়েছেন। শপথ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারজন নতুন আইনপ্রণেতাকে ঘিরে বিশেষ আলোচনা তৈরি হয়। তাঁদের মধ্যে ইয়াশার দলের শিরা শাপিরোর ছেলে আনের শাপিরো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন। হামলার সময় তিনি একটি আশ্রয়কেন্দ্রে অন্যদের রক্ষার চেষ্টা করেছিলেন। ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবির দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে ওই দিন কিবুতজ বেইরি থেকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ইয়োসি বন্দিদশায় মারা যান। স্বজন হারানোর অভিজ্ঞতা নিয়েই নতুন সংসদে দায়িত্ব নিতে যাচ্ছেন তাঁরা। শেষ পর্যায়ে শপথ নেওয়া আরেক আইনপ্রণেতা নোয়াম তিবনও ইয়াশার দলের সদস্য। তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাবেক মেজর জেনারেল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে তিনি নিজেই নাহাল ওজ এলাকায় ছুটে যান। সেখানে হামলার মধ্যে আটকে পড়া নিজের ছেলে, সাংবাদিক আমির তিবন এবং তাঁর পরিবারকে উদ্ধার করেন। অন্যদিকে, শেষ চারজনের মধ্যে ছিলেন লিকুদ দলের এরেজ তাদমোর। তিনি ইসরায়েলের ডানপন্থি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন ইম তিরতজুর প্রতিষ্ঠাতা। তাঁদের শপথের মধ্য দিয়ে নতুন পার্লামেন্টে ৭ অক্টোবরের হামলা ও পরবর্তী যুদ্ধের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাবও সামনে এসেছে। নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর নীতির পরিবর্তন আনতে ইতিমধ্যে কয়েকটি আইন প্রস্তাব উত্থাপন করেছেন আইজেনকটের সহযোগীরা। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ও নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে মেয়াদসীমা নির্ধারণ এবং নেতানিয়াহু সরকারের সময় বিচার বিভাগের ক্ষমতা সীমিত করতে নেওয়া সংস্কারগুলো বাতিলের উদ্যোগ। এ ছাড়া পার্লামেন্টের বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নেতানিয়াহু সরকারের গত কয়েক বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিতে পরিবর্তন আসতে পারে। তবে নতুন সরকার গঠন আইজেনকটের জন্য সহজ হবে না। তাঁর জোটের ৪৮টি আসনের সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকলেও তাদের সঙ্গে সরকার গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আবার অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠনের পথেও রাজনৈতিক মতবিরোধ রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকটের জন্য সরকার গঠনের প্রাথমিক সময়সীমা আগামী ৬ ডিসেম্বর। প্রয়োজনে তিনি আরও দুই সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট হারজগ নেতানিয়াহুকে সরকার গঠনের আরেকটি সুযোগ দিতে পারেন। উভয় পক্ষ ব্যর্থ হলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে, নতুন পার্লামেন্টের শপথ অনুষ্ঠানের পর নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। তবে আইজেনকটের পক্ষ থেকে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে ২৬তম নেসেটের যাত্রা শুরু হলেও ইসরায়েলের পরবর্তী সরকার কারা গঠন করবে, তা এখনো অনিশ্চিত। আপাতত নেতানিয়াহু ক্ষমতায় থাকছেন, আর নতুন পার্লামেন্টে তাঁর বিরোধীরা নিজেদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন। সংবাদসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২০২৩ সালের ৭ অক্টোবরের হা মলা, চলমান আঞ্চলিক সং ঘাত এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি। মঙ্গলবার, ২৭ অক্টোবরের নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন ইসরায়েলিরা। এই নির্বাচনে একদিকে নেতানিয়াহুর নেতৃত্ব ও নিরাপত্তা পরিচালনার অভিজ্ঞতা, অন্যদিকে হা মলার আগে সরকারের ব্যর্থতার জবাবদিহি—দুই বিষয়ই ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। দক্ষিণ ইসরায়েলে হামাসের ওই আকস্মিক হা মলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নি হত হন এবং ২৫১ জনকে জি ম্মি করা হয়। ওই ঘটনার পর গাজায় যু দ্ধ শুরু হয়। পরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সং ঘাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময়ে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বি ক্ষোভ এবং ইহুদিবিদ্বেষ বাড়ার বিষয়টিও আলোচনায় আসে। হা মলার সময় ক্ষমতায় থাকা ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নেতানিয়াহুই এখনো দায়িত্বে রয়েছেন। ফলে হা মলা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় তাঁর ওপর কতটা বর্তায়, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। সমালোচকেরা ৭ অক্টোবরের ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের দাবি জানাচ্ছেন। তাঁদের মতে, কীভাবে এত বড় হা মলা আগাম শনাক্ত করা যায়নি এবং নিরাপত্তাব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে নেতানিয়াহুর সমর্থকদের বক্তব্য ভিন্ন। তাঁদের মতে, হা মলার আগের ব্যর্থতার পাশাপাশি পরবর্তী সময়ে আঞ্চলিক সং ঘাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপ ও অর্জনও বিবেচনায় নেওয়া উচিত। তাঁদের একাংশ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কে নেতানিয়াহুর লিকুদ জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকট। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। বর্তমানে তিনি মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আইজেনকটের সঙ্গে রয়েছে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন টুগেদার জোট, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ জোটের সঙ্গে রয়েছে আরও পাঁচটি ধর্মীয় রক্ষণশীল ও জাতীয়তাবাদী দল। নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে আইজেনকটের ইয়াশার পার্টিকে লিকুদের চেয়ে এগিয়ে থাকতে দেখা গেছে। তবে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসনের সমর্থন। ফলে ছোট দলগুলোর অবস্থানও নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইজেনকটের সঙ্গে নেতানিয়াহুর একটি গুরুত্বপূর্ণ মতপার্থক্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা নিয়ে। আইজেনকটের বক্তব্য, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব ইসরায়েলিদেরই নিতে হবে। অন্যদিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে নিজের নেতৃত্বের অন্যতম শক্তি হিসেবে তুলে ধরছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সদেরোতের মেয়র আলোন দাভিদির মতো নেতানিয়াহুর সমর্থকেরা মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার সুযোগ কাজে লাগানো জরুরি। তাঁদের যুক্তি, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতার কারণে নেতানিয়াহু এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। ভোটারদের সামনে যেসব ইস্যু ৭ অক্টোবরের হা মলার তদন্ত ছাড়াও সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নিয়ে বিতর্ক এবারের নির্বাচনে বড় বিষয়। ইসরায়েলি রিজার্ভ সেনাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন সং ঘাতে দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সময়ে অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের অনেক পুরুষ পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার কারণে সামরিক বাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়ে আসছেন। নেতানিয়াহু তাঁর জোটের ধর্মীয় দলগুলোর সমর্থন ধরে রাখতে এই সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন। বিরোধীরা আবার সামরিক নিয়োগের নিয়মে পরিবর্তন আনার পক্ষে। নতুন সরকার গঠিত হলে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিচার বিভাগ সংস্কারও ভোটারদের বিবেচনায় রয়েছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করার জন্য নেতানিয়াহুর উদ্যোগের সমালোচকেরা মনে করেন, এতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। তবে সব ভোটারের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। ৭ অক্টোবরের হা মলা থেকে বেঁচে যাওয়া ২৫ বছর বয়সী শাচার জাফরান জানিয়েছেন, আগের নির্বাচনে তিনি নেতানিয়াহুকে ভোট দিলেও এবার নাফতালি বেনেটকে সমর্থন করার কথা ভাবছেন। তাঁর মতে, নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ইসরায়েলিদের মধ্যে আস্থার ঘাটতি দেশকে বিভক্ত করছে। অন্যদিকে, নেতানিয়াহুর সমালোচক ও সমর্থক—দুই পক্ষের ভোটারদের কাছেই ৭ অক্টোবরের ঘটনার জবাবদিহি এবং দেশের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। ফলে নির্বাচনের ফল শুধু সরকার পরিবর্তনের সম্ভাবনাই নয়, বরং ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তানীতি, সামরিক নিয়োগ এবং বিচার বিভাগের সংস্কারের দিকনির্দেশনাও নির্ধারণ করতে পারে। ফলাফল কখন জানা যাবে মঙ্গলবার ভোটগ্রহণ শেষে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো প্রাথমিক এক্সিট পোল প্রকাশ করবে। তবে এগুলো চূড়ান্ত ফল নয়। প্রাথমিক ফল পরদিন প্রকাশিত হওয়ার কথা এবং আনুষ্ঠানিক ফল নিশ্চিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪ নভেম্বর। কোনো দল বা জোট ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে পারে। সে ক্ষেত্রে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এমন একজন দলীয় নেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন, যাঁর নেসেটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হলে আবারও নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে। ইসরায়েলের ভোটারদের সামনে তাই প্রশ্নটি শুধু কে প্রধানমন্ত্রী হবেন, তা নয়; বরং ৭ অক্টোবরের ব্যর্থতার জবাবদিহি, যু দ্ধকালীন নেতৃত্ব এবং বিভক্ত সমাজকে একত্র করার দায়িত্ব কে নিতে পারবেন—সেই সিদ্ধান্তও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। আগামী নির্বাচনের চার মাস আগে মঙ্গলবার (৩০ জুন) এক জনাকীর্ণ সমাবেশের মধ্য দিয়ে তিনি নতুন রাজনৈতিক অধ্যায়ের আহ্বান জানান। প্রথম নির্বাচনি সমাবেশে আইজেনকট বলেন, "ইসরায়েল একটি নতুন অধ্যায় শুরু করার যোগ্য। আমরা সবাই মিলে সেই নতুন অধ্যায় লিখব।" তিনি বলেন, আগামী অক্টোবরে যে সরকার গঠিত হবে, তারা যেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনাকে ইতিহাসের অংশ হিসেবে বিবেচনা করে। ওই হামলায় হামাস ইসরায়েলে বড় ধরনের আক্রমণ চালিয়েছিল, যা নেতানিয়াহুর শাসনামলেই ঘটে। আইজেনকট বলেন, "আমরা ইসরায়েলের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলব। এটি হবে ভালো একটি অধ্যায়। কারণ ইসরায়েলকে জিততেই হবে, আর ইসরায়েল জিতবেই।" গাজা যুদ্ধ চলাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতি ও নেতৃত্বের অন্যতম কঠোর সমালোচক ছিলেন আইজেনকট। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি নিজের রাজনৈতিক দল ‘ইয়াশার’ গঠন করেন। হিব্রু ভাষায় ‘ইয়াশার’ শব্দের অর্থ ‘সোজা’ বা ‘ন্যায়নিষ্ঠ’। ইসরায়েলের চ্যানেল ১২-এর সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আইজেনকটের দল পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ২২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ দল পেতে পারে ২৪টি আসন। মরক্কো থেকে আসা ইহুদি অভিবাসী পরিবারের সন্তান আইজেনকট সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় বলে বিবেচিত। বিশেষ করে গাজা যুদ্ধের সময় তার ছেলে গাল নিহত হওয়ার পর তার প্রতি জনসমর্থন আরও বেড়ে যায়। একই যুদ্ধে তার দুই ভাতিজাও প্রাণ হারান। ৬৬ বছর বয়সী আইজেনকট ২০২২ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তখন তিনি সাবেক আরেক সেনাপ্রধান বেনি গান্টজের সঙ্গে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক সমাধান নিয়ে তার অবস্থান খুব বেশি স্পষ্ট নয়। তবে তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন। সমাবেশে আইজেনকট বলেন, ইসরায়েলের জন্য এখন একটি সৎ ও মর্যাদাপূর্ণ জায়নবাদী নেতৃত্ব প্রয়োজন। তার ভাষায়, এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, যেখানে ভিন্ন মতের মানুষ একসঙ্গে কাজ করতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও শক্তিশালী দেশ নির্মাণে ভূমিকা রাখবেন। তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিদ্যমান নেতৃত্বের কোনো সুস্পষ্ট লক্ষ্য বা কৌশল নেই। তার দাবি, "এমন নেতৃত্বকে সরাতে হবে, যারা দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে।" আইজেনকটের বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।