- প্রচ্ছদ
- Topic
চার্লি কার্ক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইলহান ওমরকে তিরস্কার এবং দুটি গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরানোর প্রস্তাব আটকে দিতে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন চার রিপাবলিকান সদস্য। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে ২১৪-২১৩ ব্যবধানে প্রস্তাবটি আলোচনার বাইরে রাখার সিদ্ধান্ত পাস হয়। রিপাবলিকান চার সদস্য হলেন মাইক ফ্লাড, জেফ হার্ড, টম ম্যাকক্লিনটক ও কোরি মিলস। তাঁদের ভোটের কারণে মাত্র এক ভোটের ব্যবধানে প্রস্তাবটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সরকারি ভোটের নথিতে এ তথ্য উঠে এসেছে। প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি ন্যান্সি মেস। এতে মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমরকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক কমিটি এবং বাজেট কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যুর পর ওমরের মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পুনরায় প্রকাশ করাকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়। মেসের অভিযোগ ছিল, ওমরের বক্তব্য কার্কের মৃত্যু নিয়ে অসম্মানজনক মনোভাব প্রকাশ করেছে। তবে ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদ প্রস্তাবটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রস্তাবটি আটকে দেওয়ার পক্ষে ২১৪ জন ভোট দেন, বিপক্ষে ভোট দেন ২১৩ জন। পক্ষে ভোট দেওয়া সদস্যদের মধ্যে ছিলেন ২১০ জন ডেমোক্র্যাট এবং চারজন রিপাবলিকান। অন্যদিকে, ভোটে অংশ নেওয়া ২১৩ জন বিপক্ষে অবস্থান নেন, যাঁদের সবাই রিপাবলিকান। পাঁচজন সদস্য ভোট দেননি। চার রিপাবলিকানের সমর্থন ছাড়া ফলাফল ভিন্ন হতে পারত এবং প্রস্তাবটি পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ পেত। এই ভোটে মূলত প্রস্তাবটি বিবেচনা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সরাসরি ইলহান ওমরকে তিরস্কার করার পক্ষে বা বিপক্ষে চূড়ান্ত ভোট হয়নি। চার রিপাবলিকানের অবস্থানের পেছনে প্রক্রিয়াগত ও নীতিগত যুক্তিও উঠে আসে। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি টম ম্যাকক্লিনটক মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি সামনে আনেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ওমরের মন্তব্যের কঠোর সমালোচনা করা যেতে পারে, কিন্তু আপত্তিকর বক্তব্যও সাংবিধানিকভাবে সুরক্ষিত মতপ্রকাশের আওতায় থাকতে পারে। অন্যদিকে, নেব্রাস্কার প্রতিনিধি মাইক ফ্লাড বিষয়টি আনুষ্ঠানিক শাস্তিমূলক পদক্ষেপে নেওয়ার আগে প্রতিনিধি পরিষদের নীতিশাস্ত্রবিষয়ক কমিটির মাধ্যমে তদন্ত ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের পক্ষে অবস্থান নেন। ফলে ভোটটি শুধু ওমরের মন্তব্য ঘিরে বিতর্কেই সীমাবদ্ধ ছিল না, বরং আইনপ্রণেতাদের বক্তব্যের স্বাধীনতা এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন সামনে আনে। চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের একজন পরিচিত রক্ষণশীল রাজনৈতিক কর্মী। ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিতে নিহত হন তিনি। তাঁর মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়। ইলহান ওমর কার্কের কিছু রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের সমালোচনা করেছিলেন, যা রিপাবলিকানদের একাংশের ক্ষোভের কারণ হয়। সেই প্রেক্ষাপটে ন্যান্সি মেসের আনা প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ওঠে। তবে ভোটের ফলাফলে স্পষ্ট হয়, রিপাবলিকান দলের সব সদস্য এ বিষয়ে একই অবস্থান নেননি। ইলহান ওমর মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ। তাঁর বিরুদ্ধে তিরস্কারের প্রস্তাব আটকে যাওয়ায় দুটি কমিটিতে তাঁর সদস্যপদ বহাল রাখার উদ্যোগটি সফল হয়। ঘটনাটি প্রতিনিধি পরিষদে দলীয় বিভাজনের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক বক্তব্যের জবাবদিহি নিয়ে চলমান বিতর্ককেও সামনে এনেছে। সূত্র: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ক্লার্কের দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস।
চার্লি কার্ককে হত্যার পর অভিযুক্ত টাইলার রবিনসন তার প্রেমিক ল্যান্স টুইগসকে একটি রোমহর্ষক খুদে বার্তা বা টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন। সেখানে তিনি রীতিমতো গর্ব করে বলেন যে, হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটি ‘একেবারেই ঠিকঠাক’ কাজ করেছে। বৃহস্পতিবার আদালতে বিচারকার্য চলাকালে সরকারি কৌঁসুলিরা অভিযুক্তের পাঠানো এই চাঞ্চল্যকর টেক্সট মেসেজগুলো উপস্থাপন করেন, যা উপস্থিত সবাইকে শিউরে তোলে। প্রসিকিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ বছর বয়সি রবিনসন তার প্রেমিককে জানিয়েছিলেন যে ওই রাইফেলটি মূলত তার দাদার ছিল। ২০২৫ সালের ১০ সেপ্টেম্বরের গোলাগুলির ঘটনার পরপরই পাঠানো এক বার্তায় রবিনসন প্রথমে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন। মাত্র চার ডিজিটের সিরিয়াল নম্বর ধরে পুলিশ তাকে শনাক্ত করে ফেলতে পারে কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। তবে একই বার্তায় তিনি উল্লেখ করেন, বন্দুকটি অনেক পুরোনো হলেও সেদিনের পারফরম্যান্স অনুযায়ী তার দাদার বন্দুকটি ‘দারুণ কাজ’ করেছে। বৃহস্পতিবার রবিনসনের বিচার চলাকালীন প্রসিকিউটররা রবিনসন ও টুইগসের মধ্যে আদান-প্রদান হওয়া আরও কিছু মেসেজ স্ক্রিনে প্রদর্শন করেন, যেখানে তারা ব্যবহৃত বন্দুকটি ফেলে আসার বিষয়েও আলোচনা করেছিলেন। এসব বার্তা থেকে জানা যায়, হত্যাকাণ্ডের পর রবিনসন ঘটনাস্থলের আশপাশে ফিরে এসে প্রায় এক ঘণ্টা নিজের গাড়িতে অপেক্ষা করেছিলেন, যেন সুযোগ বুঝে তিনি রাইফেলটি উদ্ধার করতে পারেন। ১০ সেপ্টেম্বর টুইগসকে পাঠানো এক বার্তায় রবিনসন লিখেছিলেন যে, পোশাক বদলানোর সময় বাধ্য হয়ে তাকে বন্দুকটি একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখে আসতে হয়েছিল, কারণ সেটি সঙ্গে করে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় তার হাতে ছিল না।
যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সহকারী অধ্যাপকের সঙ্গে ১৯ লাখ মার্কিন ডলারে সমঝোতায় পৌঁছেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তাকে বরখাস্ত করা হয়েছিল। পরে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন। ফক্স নিউজ ও নক্স নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, টেনেসি বিশ্ববিদ্যালয় সিস্টেমের বোর্ড অব ট্রাস্টিজ সাবেক অধ্যাপক তামার শিরিনিয়ানের সঙ্গে ১৯ লাখ ডলারের সমঝোতা অনুমোদন করেছে। ঘটনার সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বরে। সে সময় টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্ক উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে তার "আমেরিকান কামব্যাক ট্যুর" চলাকালে বন্দুকধারীর হামলায় নিহত হন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিরিনিয়ান লিখেছিলেন, "তাকে ছাড়া পৃথিবী আরও ভালো থাকবে।" একই পোস্টে তিনি কার্ককে "জঘন্য সাইকোপ্যাথ" বলে উল্লেখ করেন এবং তার পরিবারের সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে শিরিনিয়ান দুঃখ প্রকাশ করে বলেন, তার মন্তব্য ছিল সংবেদনশীলতাবর্জিত এবং এটি তার স্বাভাবিক ব্যক্তিত্বের প্রতিফলন নয়। বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয় প্রথমে তাকে প্রশাসনিক ছুটিতে পাঠায়। পরে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তের চিঠিতে টেনেসি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডন্ডে প্লাওম্যান লিখেছিলেন, শিরিনিয়ানের বক্তব্য একটি নৃশংস হত্যাকাণ্ডকে উদ্যাপন করেছে এবং নিহত ব্যক্তির স্ত্রী, সন্তান ও স্বজনদের শোককে অবজ্ঞা করেছে। চাকরি হারানোর পর শিরিনিয়ান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয় তার সাংবিধানিক মতপ্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। সমঝোতার অংশ হিসেবে তিনি ১৯ লাখ মার্কিন ডলার পাবেন। তবে তাকে বিশ্ববিদ্যালয়ে পুনর্বহাল করা হবে না। শিরিনিয়ানের আইনজীবী রব বিগেলো এক বিবৃতিতে বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় তার মক্কেল সন্তুষ্ট। তার ভাষায়, আদালতের লড়াই সব সময়ই কঠিন। তবে এই সমঝোতা মামলার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে এবং একই সঙ্গে উভয় পক্ষকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অন্যদিকে টেনেসি বিশ্ববিদ্যালয় সিস্টেমের এক মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, বোর্ড সভায় প্রকাশ্যে যা বলা হয়েছে, তার বাইরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আর কোনো মন্তব্য নেই। এদিকে চার্লি কার্ক হত্যাকাণ্ডের মামলাও এখনো বিচারাধীন। ওই মামলার অভিযুক্ত টাইলার রবিনসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।