ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দায়িত্বের এক মাসেই ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি চালু: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং জাতীয়তাবাদী দল কথা দিয়ে কথা রাখে বলেও তিনি উল্লেখ করেন।   সোমবার (১৬ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।   শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের প্রতিটি নির্বাচনি এলাকার মানুষ সমানভাবে সরকারি সুবিধা পাবেন। যারা ভোট দিয়েছেন বা দেননি—সবার জন্যই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির সুবিধা থাকবে। এসব কার্যক্রম বাস্তবায়নে কোনো দল-মত বিবেচনা করা হবে না বলেও তিনি জানান।   তিনি আরও বলেন, জুলাই সনদও জাতীয়তাবাদী দল সরকারের হাত ধরে বাস্তবায়িত হবে।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, নদ-নদী ও খাল-বিল বাংলাদেশের প্রাণ এবং কৃষিকে টিকিয়ে রাখতে এসব খাল ও নদী নিয়মিত খনন করা প্রয়োজন।   সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, আব্দুল্লাহ আবু জাহের, সাদরুল আলম ও আইয়ুব মোল্লাসহ অনেকে।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৬, ২০২৬ 0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্ত ও বিচারের ঘোষণা মির্জা ফখরুলের

জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং এর দ্রুত তদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ফখরুল স্পষ্ট করেন যে, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, সরকার সেই পথেই হাঁটবে।   মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি যেহেতু বর্তমানে আদালতের প্রক্রিয়ায় রয়েছে, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা এবং রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা।   ঠাকুরগাঁও-১ আসনের মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, স্থানীয় ভোটারদের মূল্যবান ভোট এবং আস্থার কারণেই তিনি আজ জনসেবার সুযোগ পেয়েছেন। এই ভালোবাসার প্রতিদান দিতে তিনি আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারেও তিনি সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
হত্যা
ফরিদপুরে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা: দম্পতি আটক

ফরিদপুর শহরে বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙানোকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের বিহারি কলোনি এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়াদের হামলায় জুয়েল মোল্লা (৩৬) নামের ওই যুবক প্রাণ হারান। এই ঘটনায় অভিযুক্ত দম্পতি সরফরাজ শেখ ও মনি বেগমকে দ্রুত অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে। প্রতিবেশী আবুল কালাম আজাদের বাড়ির ভাড়াটিয়া ভাঙারি ব্যবসায়ী সরফরাজের স্ত্রী মনি বেগম জুয়েলদের বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙাতে যান। এতে বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সরফরাজ তার পরিবারের সদস্য ও কর্মচারীদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয় এবং তার ছোট ভাই প্রবাসী সোহেল মোল্লা ও মা রোকেয়া বেগম গুরুতর আহত হন। আহত সোহেলকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   নিহতের বোন তিন্নি বেগমের অভিযোগ, তার ভাই কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। পাশের বাড়ির সরফরাজ, তার দুই ছেলে শাহরিয়ার ও সিফাতসহ তাদের দোকানের কর্মচারীরা এই নৃশংস হামলায় সরাসরি জড়িত। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানিয়েছেন, প্রধান দুই অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান
আ.লীগ চেয়ারম্যানের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে এক অভাবনীয় রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মধুখালী উপজেলার বাগাট বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থনে আয়োজিত এই মিছিলে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক ও বাগাট বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে নওপাড়া সড়কের অনাথের মোড়ে গিয়ে এক বিশাল সমাবেশে রূপ নেয়।   সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে নৌকার প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়েছি।" তাঁর এই প্রকাশ্য ঘোষণা এবং ধানের শীষের পক্ষে রাজপথে নামার বিষয়টি পুরো নির্বাচনি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   সমাবেশে আরও বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী আখতারুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনি বৈতরণী পার হতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনের মাত্র দুদিন আগে আওয়ামী লীগ সমর্থিত একজন জনপ্রতিনিধির নেতৃত্বে বিএনপির এমন বিশাল শোডাউন ফরিদপুর-১ আসনের ভোটের সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
উদ্ধার হওয়া অস্ত্র। আজ শনিবার সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে | ছবি: সংগৃহীত
ফরিদপুরে পুকুর থেকে পিস্তল-গুলিসহ দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার, পরিকল্পনা ছিল নির্বাচনে ব্যবহারের

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের পাশে আখ সেন্টার এলাকায় একটি পুকুর থেকে পিস্তল, গুলি এবং দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১৮টি গুলি, ২টি কাটা পাইপগান, চাইনিজ কুড়াল, ছোট-বড় ছেনদা, বল্লম, চাকু ও বর্শার মাথা। এছাড়া পাঁচটি খালি কাচের মদের বোতলও পাওয়া গেছে।   ফরিদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন জানান, গোপন সংবাদে জানতে পারি ওই পুকুরে অবৈধ অস্ত্র আছে। পরে ফায়ার সার্ভিস, র‍্যাব, বিজিবি ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। অস্ত্রগুলো নির্বাচনের দিন ব্যবহার করার পরিকল্পনা ছিল।   তিনি আরও জানান, অভিযানটি পরিচালনা করতে শ্যালো ইঞ্জিন ব্যবহার করে পুকুরের পানি দেড়–দুই ফুট পর্যন্ত অপসারণ করা হয় এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় চারটি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিলের মধ্যে স্কচটেপে মোড়ানো ৪টি পিস্তল, ১৮টি গুলি এবং অন্যান্য দেশি অস্ত্র ছিল।   ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।   লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন বলেন, অস্ত্রগুলো কোনো থানার লুট হওয়া নাকি চোরাই পথে এসেছে, তা এখনো নিশ্চিত নয়। যারা এটি পুকুরে রেখেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আমেরিকা বাংলা ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
রাজনীতিতে আর মাস্তানি চলবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক বলেছেন, রাজনীতিতে আর মাস্তানি চলবে না। যারা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে।   তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে। জুলাই আন্দোলনের চেতনায় সবাই আজ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি।   সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের নগরকান্দা এম এন একাডেমি মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে মামুনুল হক বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে প্রশাসনকে জনগণের কাছে জবাব দিতে হবে। জনসভায় তিনি ফরিদপুর-২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলীর পক্ষে ভোট চান।   সভায় জেলা জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বক্তব্য শুরু হলেও এর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
আ.লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরদিনই দুগ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একদিন পর দুগ্রুপের মধ্যে কয়েক দফার সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।   বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলার চুমরদী ইউনিয়নের বাবনাতলা গ্রামে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।   সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।   জানা যায়, মঙ্গলবার বিকালে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে আশপাশের কয়েকশ গ্রামবাসী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। তারা সবাই ইতোপূর্বে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ সমর্থিত নেতাকর্মী ছিলেন।   উঠান বৈঠকে বাবনাতলা গ্রামের ইসরাফিল মোল্লা বক্তব্য দেন। বক্তব্য দীর্ঘায়িত হলে ওই বক্তব্যের প্রতিবাদ করেন একই গ্রামের প্রতিপক্ষ আনোয়ার মোল্লার দলের শহিদুল মোল্লা। বৈঠক চলাকালে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটলে পরে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।   এর জের ধরে আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দুপক্ষের লোকজন লাঠিসোটা ইটপাটকেল দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের ১৫ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।   আহতরা হলেন- লাবনী আক্তার (৪৫), ফাতেমা আক্তার (৩৬), অ্যাডভোকেট জাকারিয়া (৪০), লাভলু মোল্লা (৪৫), জাহিদ মোল্লা (৩৭), ইয়াদালী আলী মোল্লা (৪০), ইসরাফিল মোল্লা (৪৫), আব্দুর রহমান (২০),আনোয়ার মোল্লা (৫০), শাহাবুদ্দিন মোল্লা (৫৫), শহিদুল মোল্লা (৩০), সুমন (২৮) ও রাজনসহ (৩০) ১৫ জান।   ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরাসহ স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে মীমাংসার প্রস্তাব দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   এ বিষয়ে আহত বিএনপি নেতা জাকারিয়া মোল্লা জানান, আমার ভাই ইসরাফিল মোল্লার যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিপক্ষের শহীদুল মোল্লা তীব্র সমালোচনা করেন। এ নিয়ে আজ সকালে আমাদের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ শাহাবুদ্দিনের লোকজন। আমার পকেটে থাকা ৪ লাখ টাকা নিয়ে যায় এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করে। আমাদের প্রায় ৮-১০ জন লোক আহত করে।   প্রতিপক্ষের আনোয়ার মোল্লা জানান, তার পক্ষের শহীদুল মোল্লার ওপর অতর্কিতে হামলা চালায় শাহাবুদ্দিন মোল্লার লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের বেশ কয়েকজন লোক আহত হন।

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ২৮, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Top week

নাহিদা বৃষ্টি
আমেরিকা

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ২৫, ২০২৬ 0