- প্রচ্ছদ
- Topic
ভারতীয় শিক্ষার্থী
অনলাইনে কিশোরীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইল বা জিম্মি করার দায়ে যুক্তরাজ্যে ৩০ বছরের কারাদণ্ড পেয়েছেন ২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজী। আদালতে একাধিক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করার পর তার এই দীর্ঘ সাজা ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের চেস্টার ক্রাউন কোর্ট এই রায় দেন। আদালতে বলা হয়, বিলাল সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং বা খেলার প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে তাদের বিশ্বাস অর্জন করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন। যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএসের বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, বিলাল অত্যন্ত নির্মমভাবে বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক ও অসহায় কিশোরীকে প্রলুব্ধ করে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও যৌন নিপীড়ন করেছেন। তিনি অনলাইনে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করতে বাধ্য করতেন। যারা তার পরবর্তী দাবি মানতে অস্বীকৃতি জানাত, তাদের আগের পাঠানো আপত্তিকর ছবি ও ভিডিও অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ম্যাকরব আরও বলেন, নিজেকে কিশোর পরিচয় দিয়ে বিলাল ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতেন এবং অনেকেই তার সঙ্গে প্রকৃত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে মনে করত। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যাদের কেউ কেউ দীর্ঘমেয়াদি মানসিক আঘাতেরও শিকার হয়েছে। সিপিএস জানায়, চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তে পাওয়া বিপুল তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করেছে তাদের সংগঠিত শিশু যৌন নিপীড়ন বিষয়ক ইউনিট। চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, বিলালের অপরাধের ব্যাপকতার কারণে তদন্তটি ছিল অত্যন্ত বড় পরিসরের। এ জন্য বিপুল সম্পদ ও বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন হয়েছে। তিনি বলেন, বিলালের শিকার হওয়া মেয়েরা ছিল অল্পবয়সি ও অসহায় এবং তাদের অনেকের কাছে বিলালের সঙ্গে যোগাযোগই ছিল প্রথম প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিলাল তাদের বোঝাতেন যে, তার এমন আচরণ একেবারেই স্বাভাবিক। বিলালের অপরাধের কারণে ভুক্তভোগীদের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। দাবি না মানলে বিলাল কী করবেন, সেই ভয়ে অনেকেই সব সময় আতঙ্কে থাকত। কারও কারও মধ্যে বছরের পর বছর সেই ভয় কাজ করেছে এবং জীবনের গুরুত্বপূর্ণ কৈশোরকাল তাদের কাছে যৌন নিপীড়নের মানসিক ক্ষত হয়ে রয়ে গেছে। পুলিশ জানায়, প্রথম ভুক্তভোগী ১৩ বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে বিলালের সঙ্গে কথা বলা শুরু করে এবং সে বিশ্বাস করত যে বিলালও তার সমবয়সি। তবে অল্প সময়ের মধ্যেই তাদের কথোপকথন যৌন বিষয়ে গড়ায় এবং বিলাল তাকে বিভিন্ন অনুপযুক্ত প্রশ্ন করতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাইয়ে ওই কিশোরী বিলালকে জানায়, সে শুধু বন্ধু হিসেবে থাকতে চায় এবং আর কোনো ছবি পাঠাতে চায় না। এতে ক্ষুব্ধ হয়ে বিলাল তাকে গালাগাল করেন এবং দাবি করেন, ওই কিশোরী তার সম্পত্তি। পরে আগের ছবি বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে ভয়ে ওই কিশোরী আবারও আপত্তিকর ছবি পাঠাতে বাধ্য হয়। এর কিছুদিন পর কিশোরীর অ্যাকাউন্ট হ্যাক বা বেদখল হয় এবং ছবিগুলো তার বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। এরপর ২০২১ সালের নভেম্বরে সে ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ করে। তদন্তে জানা যায়, বিলালের সর্বশেষ ঠিকানা ছিল চেস্টারে। পরে জানা যায়, বিলাল যুক্তরাজ্য ছেড়ে চলে গেছেন। তবে ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে ফেরার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রথম ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চেশায়ার পুলিশ জানায়, তদন্তে বিলালের সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায় এবং তার ব্যবহৃত যন্ত্র থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞ কর্মকর্তারা তাদের শনাক্ত করার কাজ করেন। পরে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ বাহিনীর মধ্যে ২৮টির আওতাধীন এলাকায় ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়, অপরাধের সময় যাদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে। পুলিশ কর্মকর্তারা শনাক্ত হওয়া প্রত্যেকের কাছে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানানোর সুযোগ দেন। তদন্তে আরও উঠে আসে, বিলাল একই কৌশলে স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্কের মতো প্ল্যাটফর্মে যোগাযোগ করে নিজেকে ‘রিস’ নামে এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন। অজ্ঞাতপরিচয় এক কিশোরের ছবি ব্যবহার করে দ্রুত মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাদের বিশ্বাস করাতেন যে, তারা প্রকৃত প্রেমের সম্পর্কে রয়েছেন। চেশায়ার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রস পিল বলেন, এ ঘটনা অসহায় মানুষের সুরক্ষা এবং শিশুদের যৌন শোষণ বন্ধে পুলিশের অঙ্গীকারের প্রমাণ। যারা মনে করেন পর্দার আড়ালে থেকে পরিচয় গোপন করে অপরাধ করলে ধরা পড়বেন না, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা।
দুবাইয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির টায়ার পাংচার হয়ে যায় ২১ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী নাইফা বালকিস হামিদের। বিষয়টি জানাতে বাবাকে ফোন করেছিলেন তিনি। বাবা তাঁকে রোডসাইড অ্যাসিস্ট্যান্স ডেকে গাড়ি সরিয়ে নেওয়ার পর ট্যাক্সিতে বিশ্ববিদ্যালয়ে যেতে বলেন। কিন্তু এর মাত্র পাঁচ মিনিট পর বাবার আরেকটি ফোনের উত্তর দেননি নাইফা। পরে জানা যায়, দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। নিহত নাইফা বালকিস হামিদ ভারতের কেরালা রাজ্যের থোডুপুঝার বাসিন্দা। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাইয়ে স্থাপত্যবিদ্যা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের আল খাওয়ানিজ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। সোমবার প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নাইফার চাচার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির একটি টায়ার পাংচার হয়ে গেলে তিনি বাবাকে ফোন করেন। তাঁর বাবা বিনু হামিদ তাঁকে রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সঙ্গে যোগাযোগ করতে বলেন। উদ্ধারকারী গাড়ি এসে গাড়িটি সরিয়ে নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ট্যাক্সি নিতে পরামর্শ দেন তিনি। এর প্রায় পাঁচ মিনিট পর মেয়ের খোঁজ নিতে আবার ফোন করেন বাবা। কিন্তু নাইফা ফোন ধরেননি। কিছুক্ষণ পর দুবাই পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার খবর জানানো হয় পরিবারকে। পরিবারকে পুলিশ জানিয়েছে, গাড়ি সরিয়ে নেওয়ার পর নাইফা নিজের গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে পরিবারকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পায়নি গালফ নিউজ। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পড়াশোনার ক্ষতি হবে বলে নাইফা ছুটি বাড়াতে চাননি। সম্প্রতি পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কেরালায় গিয়েছিলেন। পরে পরিবারের অন্য সদস্যরা সেখানে থাকলেও ক্লাসে অংশ নিতে নাইফা তাঁর মা সীনা হামিদকে সঙ্গে নিয়ে দুবাই ফিরে আসেন। তাঁর বাবা, ভাই, ভাবি ও চাচা তখনো কেরালায় ছিলেন। উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতেই পরিবার দুবাইয়ে বসবাস শুরু করেছিল। নাইফা মাত্র ১৮ বছর বয়স থেকে গাড়ি চালাতেন এবং বিভিন্ন ধরনের গাড়ি চালাতে অভ্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর চাচা। পরিবারের সদস্যদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। সবার জন্মদিন ও বিবাহবার্ষিকী মনে রাখতেন, নিয়মিত শুভেচ্ছা কার্ড ও উপহার পাঠাতেন। বিশেষ করে ছোট শিশুদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খুবই আন্তরিক। নাইফার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। পরিবারের সদস্যরা শুক্রবার সকালে কেরালা থেকে দুবাইয়ে ফিরে আসেন। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাঁর মরদেহ নিয়ে কেরালায় ফেরেন তাঁরা। রোববার নিজ শহরের একটি মসজিদে তাঁকে দাফন করা হয়। নাইফার স্বজনদের আশা, সড়কের পাশে গাড়ি বিকল হলে কীভাবে নিরাপদে অবস্থান করতে হবে, সে বিষয়ে তাঁর এই মর্মান্তিক মৃত্যু অন্য চালক ও সড়ক ব্যবহারকারীদের আরও সতর্ক করবে।
ইংল্যান্ডের সোলিহালে একটি পার্কে হাঁটতে যাওয়া তিন ভারতীয় শিক্ষার্থীকে ঘিরে ভিডিও ধারণ এবং সেখানে আর না আসার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে স্বঘোষিত টহলদল ‘চেলমসলে উড প্যাট্রিয়টস’-এর বিরুদ্ধে। স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাটিকে বর্ণবাদী আচরণ বলে নিন্দা জানিয়েছেন। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং চেলমসলে উড এলাকায় টহল বাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, রাতে মেরিডেন পার্কে দলটির সদস্যরা শিক্ষার্থীদের সামনে গিয়ে জানতে চান, তাঁরা কেন ইংল্যান্ডে এসেছেন এবং পার্কে কী করছেন। প্রকাশিত ভিডিওর বর্ণনা অনুযায়ী, এক শিক্ষার্থী জানান, তাঁরা আগে বার্মিংহামে থাকতেন এবং সেদিনই ওই এলাকায় এসেছেন। আরেকজন বলেন, মাস্টার্স পড়তে তিনি ইংল্যান্ডে এসেছেন এবং দুই বছর ধরে সেখানে আছেন। এরপর দলটির একজন তাঁদের পার্ক থেকে দূরে থাকতে বলেন। ভিডিওতে তাঁকে শিক্ষার্থীদের উদ্দেশে সেখানে আর না আসার ‘শেষ সতর্কতা’ দিতে শোনা যায়। দলটির প্রকাশ করা ভিডিওটি পরে সরিয়ে নেওয়া হলেও অন্যত্র ছড়িয়ে পড়ে। চেলমসলে উড প্যাট্রিয়টস নিজেদের নারী ও শিশুদের নিরাপত্তায় টহল দেওয়ার দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির বক্তব্য, রাতে পার্কে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে প্রশ্ন করেছিল তারা। তবে শিক্ষার্থীরা বেআইনি কিছু করছিলেন, এমন তথ্য পুলিশ প্রকাশ করেনি। সোলিহাল গ্রিন পার্টি শিক্ষার্থীদের সঙ্গে এ আচরণের নিন্দা জানিয়েছে। স্থানীয় সমাজকর্মী ও সাবেক কাউন্সিলর শেশ শেশাভাত্তর বলেছেন, শিক্ষার্থীদের বাইরে দেখা করা বা হাঁটার অধিকার রয়েছে। তাঁর অভিযোগ, গায়ের রং ছাড়া তাঁদের এভাবে থামানোর অন্য কোনো কারণ দেখা যাচ্ছে না। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, চেলমসলে উড প্যাট্রিয়টসের সঙ্গে তাদের কোনো অংশীদারত্ব নেই। কাউকে থামিয়ে তল্লাশি করার ক্ষমতা নির্দিষ্ট আইনের অধীনে শুধু পুলিশের। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা দলটির একজন সদস্যের সঙ্গে কথা বলেছেন। কোনো উদ্বেগ থাকলে নিজেরা লোকজনকে থামানোর বদলে পুলিশকে জানাতে বলেছে বাহিনীটি। পুলিশের ১৫ অক্টোবরের আরেক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় টহল চলাকালে একটি বাড়ির জানালা ভাঙার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকাশিত বিবৃতিতে ওই ঘটনার সঙ্গে পার্কে শিক্ষার্থীদের হেনস্তার কোনো যোগসূত্র উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছিলেন এক ভারতীয় শিক্ষার্থী। তবে শেষ মুহূর্তে ভিসা সাক্ষাৎকারে এফ-১ (F-1) স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় আসন্ন ২০২৭ সালের স্প্রিং ইনটেকে (জানুয়ারি সেশন) অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করে ওই শিক্ষার্থী জানতে চেয়েছেন, ক্লাসের শুরুর বাকি মাত্র তিন মাসের মধ্যে আবারও ভিসার জন্য নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং আবেদন করা সম্ভব কি না। পোস্টে তিনি উল্লেখ করেন, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি-করপাস ক্রিস্টিতে ভর্তির সুযোগ পাওয়ার পর তিনি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। মাত্র এক মিনিটেরও কম সময়ে কনস্যুলার কর্মকর্তা তাঁর বিশ্ববিদ্যালয়ের পছন্দ, পারিবারিক আর্থিক অবস্থা এবং অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চান। ৩৬ হাজার ডলারের শিক্ষা ঋণ এবং বাবার জমানো ২৫ হাজার ডলার দিয়ে পড়াশোনার খরচের হিসাব দেখালেও, বাবার বার্ষিক আয় মাত্র ১৪ হাজার ডলার থাকায় প্রথম নয় মাসের আনুমানিক ৩৬ হাজার ডলার খরচের সাথে আর্থিক অসঙ্গতি ছিল। কোনো বিশদ ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়েই তাঁর ভিসা বাতিল করা হয় বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জন নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যেখানে দাবি করা হয়—একবার ভিসা প্রত্যাখ্যাত হলে এক বছর নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতিমালা অনুযায়ী এই তথ্যটি সঠিক নয়। অভিবাসন ও জাতীয়তা আইনের ২১৪(বি) ধারায় ভিসা বাতিল হলে যোগ্যতা প্রমাণের নতুন কোনো তথ্য বা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন প্রদর্শন সাপেক্ষে যে কোনো সময় নতুন ফি দিয়ে পুনরায় আবেদন করা যায়; এর জন্য কোনো বাধ্যতামূলক এক বছরের সময়সীমা নেই। তবে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাসময়ে নতুন সাক্ষাৎকারের স্লট পাওয়া। বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মার্কিন ভিসা সিস্টেমে স্লট নজরদারি করার পাশাপাশি সময়মতো পৌঁছাতে না পারলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসের সাথে সেশন পিছিয়ে নেওয়ার বিষয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে পড়াশোনার উদ্দেশ্যে ‘এফ-১’ (F-1) ভিসার আবেদনকারী এক ভারতীয় শিক্ষার্থী দালাল বা এজেন্টের চরম প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রতি রেডিট (Reddit) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ওই শিক্ষার্থী অভিযোগ করেন যে, ভিসা ইন্টারভিউয়ের জন্য তার এজেন্ট অতিরিক্ত ২০ হাজার রুপি (প্রায় ২৩০ ডলার) দাবি করে। কিন্তু এই অন্যায্য অর্থ দিতে অস্বীকৃতি জানালে ওই এজেন্ট তার ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করে দেয়। রেডিটের ওই পোস্ট অনুযায়ী, ওই শিক্ষার্থীর ‘আই-২০’ (I-20) ফর্মে ক্লাস শুরুর তারিখ ছিল ৩১ আগস্ট, ২০২৬। তবে এর আগে ইন্টারভিউয়ের কোনো স্লট না পাওয়ায় এজেন্ট তাকে ২০২৭ সালের জানুয়ারি সেশনে ভর্তির পরামর্শ দেয়। পরে হঠাৎ করেই ওই এজেন্ট জানায় যে, ১৯ অক্টোবরের জন্য একটি ইন্টারভিউ স্লট পাওয়া গেছে, তবে এর জন্য অতিরিক্ত ২০ হাজার রুপি দিতে হবে। এটি সরকারি কোনো ফি কি না, তা নিয়ে সন্দিহান হয়ে শিক্ষার্থী টাকা দিতে অস্বীকৃতি জানালে এজেন্ট সরাসরি অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করে দেয় এবং শিক্ষার্থী এর কনফার্মেশনও পান। বর্তমানে মার্কিন ভিসা পোর্টালে তার আবেদনটি ‘ওপেন’ দেখালেও মুম্বাইয়ের জন্য কোনো স্লট খালি নেই। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, এফ, এম এবং জে ভিসার জন্য সরকারি আবেদন ফি ১৮৫ ডলার। এর বাইরে শিক্ষার্থীদের ‘সেভিস’ (SEVIS) ফি দিতে হলেও ‘অ্যাপয়েন্টমেন্ট ফি’ নামে ২৩০ ডলারের কোনো সরকারি চার্জ নেই। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS) আবেদনকারীদের সতর্ক করে আসছে। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা সরকারি কর্মকর্তাদের সাথে বিশেষ যোগাযোগের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো মূলত প্রতারক চক্র। ভুক্তভোগী ওই শিক্ষার্থী এখন নিজে থেকেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন, নাকি নতুন আই-২০ ফর্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন—তা নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।