সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ময়মনসিংহ

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক
ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধরে মিনারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে কামরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) পলাতক রয়েছেন।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিনারা বেগম ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী। দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।   নিহতের মেয়ে শাহানারা বেগম ওরফে চায়না অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে শারীরিক নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কথাকাটাকাটির একপর্যায়ে তারা মিনারা বেগমকে মারধর করেন এবং ঘরের দরজায় শিকল ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন।   পরে মিনারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার ছোট ভাই আল-আমিনকে জানানো হয়। তিনি এসে তাদের উদ্ধার করেন। স্বজনদের দাবি, সোমবার দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো খোঁজ মিলছে না।   ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।   সূত্র: ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র

বায়জিদ হাসান নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০ 0
ফ্যামিলি কার্ডের নামে কাবিননামা তৈরির অভিযোগ
ফ্যামিলি কার্ডের আশায় টিপসই, পরে বিধবা জানলেন তার বিয়ে হয়ে গেছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নিয়ে জাল কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। ৪৩ বছর বয়সী ওই নারীর দাবি, তিনি কাউকে বিয়ে করেননি কিংবা বিয়েতে সম্মতিও দেননি। অথচ কয়েক দিন পর জানতে পারেন, তাঁর বিয়ে হয়ে গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে। এমনকি তাঁকে একটি কাবিননামাও দেখানো হয়েছে।   বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলা ট্রিবিউনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে।   ভুক্তভোগী নারীর অভিযোগ, স্থানীয় আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রথমে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করেন। কয়েক দিন পর তাঁকে ডেকে একটি কাগজে টিপসই নেন। পরে সেই টিপসই ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।   প্রায় ১৩ বছর আগে স্বামীকে হারিয়েছেন ওই নারী। এরপর অন্যের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করেছেন। ছেলেদের বিয়ে দিয়েছেন, সংসারে নাতি-নাতনিও রয়েছে। দীর্ঘদিন ধরে একাই পরিবারের দায়িত্ব সামলানো এই নারী এখন নিজের অজান্তে বিয়ের কাগজ তৈরির অভিযোগ নিয়ে বিপাকে পড়েছেন।   তিনি জানিয়েছেন, বিয়ের জন্য কোথাও যাননি এবং কোনো কাজির সামনেও উপস্থিত হননি। এমনকি যাঁর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই ব্যক্তির বিয়ের প্রস্তাবও তিনি আগে প্রত্যাখ্যান করেছিলেন।   ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি এর আগেও একাধিকবার ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নারীটি কখনো রাজি হননি।   আবদুল কুদ্দুস নিজেও বিবাহিত। তাঁর স্ত্রী সুফিয়া খাতুন জানিয়েছেন, স্বামী তাঁকে আগে এ ধরনের কোনো বিয়ের কথা জানাননি। বিষয়টি প্রকাশ্যে আসার পর কুদ্দুস দাবি করেন, তিনি কোর্ট ম্যারেজ করেছেন। পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তাঁদের কথা শোনেননি বলে জানান সুফিয়া।   এদিকে কাবিননামায় আড়াই লাখ টাকা দেনমোহর নির্ধারণ এবং এর মধ্যে ৫০ হাজার টাকা নগদ পরিশোধের তথ্য উল্লেখ রয়েছে। দলিলটিতে কাজি হিসেবে গোলাম মোস্তফা এবং সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম রয়েছে।   তবে সাক্ষী হিসেবে নাম থাকা সাইফুল ইসলাম দাবি করেছেন, তিনি এমন কোনো বিয়েতে সাক্ষী হননি।   অন্যদিকে কাজি গোলাম মোস্তফাও কাবিননামাটি জাল বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি এ ধরনের কোনো বিয়ে সম্পন্ন করেননি। এর আগেও ২০২০ সালে তাঁর নামে একই ধরনের জাল কাগজ তৈরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। বর্তমান ঘটনায় কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।   অভিযোগের কেন্দ্রে থাকা আবদুস ছাত্তার নিজেকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তিনি পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে কোনো টিপসই নেননি। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।   এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক জানিয়েছেন, আবদুস ছাত্তার দলের কোনো পদধারী নেতা নন। বিগত নির্বাচনে তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য হিসেবে কাজ করেছিলেন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তিনি।   ফজলুল হকের ভাষ্য, স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীদের বিচার হওয়া উচিত। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।   এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় দুই দফা সালিশ বৈঠক হয়েছে। গত সোমবার ও বুধবার অনুষ্ঠিত বৈঠকে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস কেউই উপস্থিত ছিলেন না।   সালিশে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ রুস্তম আলী জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত অভিযুক্তদের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বিষয়টি পরিষ্কার না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সালিশের মাধ্যমে সমাধান সম্ভব না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।   ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে তাঁদের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   বিধবা নারীর সম্মতি ছাড়া বিয়ের কাবিননামা তৈরির অভিযোগটি এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিও। ফলে কাবিননামাটি কীভাবে তৈরি হয়েছে এবং এতে কারা জড়িত, তা নির্ধারণে আনুষ্ঠানিক তদন্তের প্রয়োজন রয়েছে।     সূত্র: বাংলা ট্রিবিউন

অলিনা রহমান অক্টোবর ৭, ২০২৬ ১৪:০ 0
কাফনের কাপড় পরে আন্দোলনের পর নিয়োগ পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক প্রার্থী
কাফনের কাপড় পরে আন্দোলনের পর নিয়োগ পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক প্রার্থী

কয়েক দিন ধরে নিয়োগের অনিশ্চয়তায় থাকা ময়মনসিংহের ২০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রার্থী অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। পুলিশ ভেরিফিকেশন ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটির কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। নিয়োগের দাবিতে বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নেওয়ার পর তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।   বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, যেসব প্রার্থীর কাগজপত্রে সামান্য ত্রুটি ছিল, সেগুলো পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের নিয়োগপত্র ডাকযোগে নিজ নিজ ঠিকানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।   জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা থেকে ২৫৯ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েছিলেন। তাদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি ১৮ জন। ফলে বাকি ২৪১ জনকে নিয়ে নিয়োগের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।   প্রথম পর্যায়ে ২১৯ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশন ও বিভিন্ন সনদসংক্রান্ত জটিলতার কারণে ২২ জনের নিয়োগ আটকে যায়। এতে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলেন এসব প্রার্থী।   নিয়োগের দাবিতে বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে কাফনের কাপড় পরে তারা সেখানে অবস্থান নেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হলে ওই রাতেই সংশ্লিষ্ট নথিপত্র পুনরায় যাচাই করা হয়। এরপর ২০ জনকে অন্তর্ভুক্ত করে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।   তবে আটকে থাকা ২২ জনের মধ্যে এখনো দুজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাদের নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।   নিয়োগের খবর পাওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন প্রার্থীরা। নবনিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন বলেন, কয়েক দিন ধরে তাদের মধ্যে চরম হতাশা কাজ করছিল। নিয়োগ পাওয়ার খবরে সেই অনিশ্চয়তা কেটে গেছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।   আরেক নবনিযুক্ত শিক্ষক হাসি আক্তার বলেন, দীর্ঘদিন অপেক্ষা ও অনিশ্চয়তার পর তারা নিয়োগ পেয়েছেন। এতে তারা খুবই আনন্দিত।   ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, নথিপত্রে ছোটখাটো ত্রুটি থাকা প্রার্থীদের তথ্য পুনরায় যাচাই করে ২০ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তারা দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন। আর বাকি দুজনের বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নীলুফা নিশাত সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৪:০ 0
রাশিয়ায় ইলেকট্রনিক শ্রমিকের কাজের আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত নান্দাইলের আল মামুন
ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, যুদ্ধে প্রাণ হারালেন মামুন

ময়মনসিংহের নান্দাইলের আল মামুন রাশিয়ায় ইলেকট্রনিক শ্রমিকের কাজের আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। ৮ সেপ্টেম্বর সকালে রাশিয়ায় থাকা এক সহকর্মীর ফোনে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান। পরিবারের দাবি, চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর মামুনকে যুদ্ধে পাঠানো হয়েছিল। আল মামুন নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। বিভিন্ন প্রতিবেদনে তাঁর বয়স ২৪ থেকে ৩০ বছর বলা হয়েছে। তিনি দেশে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিংয়ের কাজ করতেন। স্ত্রী, এক ছেলে ও পাঁচ মাস বয়সী এক মেয়েকে রেখে চলতি বছরের ৭ মে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন তিনি।  পরিবারের ভাষ্য, ‘জাবাল-এ নূর ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি এজেন্সির মাধ্যমে ইলেকট্রনিক শ্রমিক হিসেবে কাজের জন্য মামুন রাশিয়ায় যান। এ জন্য তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা নেওয়া হয় বলে স্বজনেরা জানিয়েছেন। এই টাকা জোগাড় করতে ব্যাংকঋণের পাশাপাশি চড়া সুদে ধার করতে হয়েছিল পরিবারকে।  পরিবারের অভিযোগ, রাশিয়ায় যাওয়ার পর মামুন ও তাঁর সঙ্গে থাকা আরও প্রায় ৩০ বাংলাদেশিকে কাজ না দিয়ে রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের সামরিক পোশাক পরিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয় বলে অভিযোগ স্বজনদের। তবে এসব অভিযোগের স্বাধীন সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।  পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রথম আলো জানিয়েছে, রাশিয়ায় যাওয়ার পর মামুনদের কাছ থেকে রুশ ভাষায় একটি চুক্তিতে সই নেওয়ার বিষয়টি জানতে পেরে স্বজনেরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছিলেন। তাঁদের আশ্বস্ত করা হয়েছিল, বাংলাদেশিদের যুদ্ধে পাঠানো হবে না। পরে পরিবারটি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে।  সহকর্মীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় মামুনের মৃত্যু হয়। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী আহত হয়েছেন বলে পরিবারের কাছে খবর এসেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, মামুনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাঁর ছবি বা ভিডিও এখনো পরিবারের হাতে আসেনি।  মামুনের মৃত্যুর খবরে স্ত্রী মহিমা আক্তার ও মা রোকেয়া আক্তার ভেঙে পড়েছেন। দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। স্বজনদের প্রধান দাবি, মামুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করা এবং তাঁকে রাশিয়ায় পাঠানোর প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত জানিয়েছেন, মামুনের মৃত্যুর বিষয়টি পরিবার মৌখিকভাবে জানিয়েছে। পরিবারকে লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর জেলা প্রশাসকের প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

অলিনা রহমান সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৪:০ 0
মায়ের ওপর ধ’র্ষণের অভিযোগ I ছবি: সংগৃহীত
মায়ের ওপর ধ’র্ষণের অভিযোগ, প্রতিশোধে যুবককে গলা কে’টে হ’ত্যা করলো ৪ ভাই

ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে তার নিজ বাসায় ঢুকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার (৫ জুলাই) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম রাজিব আহমেদ রুবেল (৩৫)। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত চার ছেলেকে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজিব নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। প্রায় এক মাস আগে সে আকুয়া ৩৬ বাড়ি কলোনির ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠে এবং নিজের বন্ধুদের নিয়ে বসবাস শুরু করে। অভিযুক্ত ওই বন্ধুরা সবাই সম্পর্কে আপন ভাই। অভিযোগ উঠেছে, গত শুক্রবার রাজিব তাদের মাকে ধর্ষণ করে। পরদিন শনিবার ওই নারীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের ওপর এমন পাশবিক নির্যাতনের চরম প্রতিশোধ নিতেই ওই চার ভাই মিলে রাজিবকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।   হত্যাকাণ্ডের বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় বাসিন্দারাই মূলত ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল অর্থাৎ নিহতের মাথার পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করেছে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে মিলে রাজিবকে হত্যা করেছে বলে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। ইতিমধ্যেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছেন।   চাঞ্চল্যকর এই ঘটনার সার্বিক তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং জোরকদমে কাজ শুরু করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে দ্রুতই এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে বলে আশ্বস্ত করেছেন পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ইসতিয়াক আহমেদ জুলাই ৫, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত।
প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী: অনন্য মানবিকতায় মুগ্ধ নান্দাইলবাসী

রাষ্ট্রীয় পদের মোহ আর প্রটোকলের বেড়াজাল ছিন্ন করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক সাধারণ নাগরিকের দাফন কাজে সরাসরি কবরে নেমে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে রাস্তার পাশে একটি দাফন কাজ চলতে দেখে তিনি তাৎক্ষণিক নিজের গাড়ি বহর থামানোর নির্দেশ দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গাড়ি থেকে নেমে সরাসরি কবরস্থানে চলে যান তিনি। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমন্ত্রীর কবরে নেমে মরদেহ শায়িত করার দৃশ্য দেখে বিষ্মিত হন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানান, একজন উচ্চপদস্থ জনপ্রতিনিধির এমন নিরহংকার আচরণ সচরাচর দেখা যায় না।  দাফন শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পদের দাপট ভুলে মাটির মানুষের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা বর্তমানে এক বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

ইসমাইল হোসাইন মার্চ ২৬, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০