- প্রচ্ছদ
- Topic
সাইবেরিয়া
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আন-১২ মডেলের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানায়, বিমানটি নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় দুর্ঘটনার কবলে পড়ে। কেমেরোভো অঞ্চলের রাজধানী শহরের কাছাকাছি ইয়াগুনোভো গ্রামের পাশে বিমানটি বিধ্বস্ত হয়। জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ায় আশপাশের বসতিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল, অগ্নিনির্বাপণকর্মী ও জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা পৌঁছান। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এক প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আকাশে আগুন জ্বলতে থাকা অবস্থায় বিমানটি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। তবে আগুন লাগার বিষয়টি দুর্ঘটনার চূড়ান্ত কারণ হিসেবে এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। পরে ঘটনাস্থল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই তাঁদের প্রধান কাজ বলে জানান তিনি। প্রাথমিক সংবাদে বিভিন্ন রুশ গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, বিমানটিতে থাকা ১৯ জনের সবাই প্রাণ হারিয়েছেন। ফলে দুর্ঘটনার হতাহতের সংখ্যা নিয়ে প্রথম দিকের তথ্য সংশোধন করা হয়। এদিকে রাশিয়ার সামরিক তদন্ত সংস্থা দুর্ঘটনার ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। বিমান পরিচালনা ও উড্ডয়নসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে এ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দলও দুর্ঘটনাস্থলে কাজ করছে। বিমানটির যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নসংক্রান্ত পরিস্থিতি এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, রয়টার্স ও ইন্টারফ্যাক্স।
রাশিয়ায় প্লেগ গবেষণাগারের এক নারী কর্মীর মৃ ত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোগটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত মানচিত্রে গত সাত বছরে কোন কোন দেশে মানুষের মধ্যে প্লেগের ঘটনা নথিভুক্ত হয়েছে, সেই চিত্র সামনে এসেছে। তবে শুরুতেই গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়ায় মৃ ত্যু হওয়া ওই ল্যাবকর্মীর প্লেগে আক্রান্ত হওয়ার বিষয়টি এখনো দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রুশ সরকারি স্বাস্থ্য নজরদারি সংস্থা রসপোট্রেবনাদজর জানিয়েছে, ওই গবেষণাগারে রোগজীবাণু ছড়িয়ে পড়ার কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাধীন ও রাষ্ট্রীয় বিভিন্ন রুশ সংবাদমাধ্যমে অবশ্য ওই ঘটনাকে সম্ভাব্য প্লেগ সংক্রমণের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়ার ইরকুতস্কে প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করা ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ২ অক্টোবর তার মৃ ত্যু হয়। তার মৃ ত্যুর কারণ হিসেবে কর্তৃপক্ষ ‘অজ্ঞাত কারণে নিউমোনিয়া’র কথা জানিয়েছে। রুশ সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, নমুনা সংগ্রহের সময় জীবিত প্লেগ ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে যাওয়ার পর শিপিলোভা তার সহকর্মীদের বিষয়টি জানিয়েছিলেন। তবে এই দাবির স্বাধীন বা সরকারি কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বুরিয়াতিয়া থেকে কাজের সফর শেষে ফেরার পর অসুস্থ হয়েছিলেন। বুরিয়াতিয়ার আঞ্চলিক সরকার অবশ্য দাবি করেছে, তিনি ওই অঞ্চলে গিয়েছিলেন—এমন তথ্য তাদের কাছে নেই। ঘটনাটি ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২০০ জনের মতো মানুষ, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে, তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তাদের বড় একটি অংশকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিদের মধ্যে প্লেগ সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। প্লেগ কী এবং কত দেশে ছড়িয়েছে—এ প্রশ্নও সামনে এসেছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম ‘ইয়ারসিনিয়া পেস্টিস’। সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী ও তাদের শরীরে থাকা মাছির মাধ্যমে এটি ছড়ায়। আক্রান্ত প্রাণীর সংস্পর্শ, সংক্রমিত তরল বা উপাদানের সংস্পর্শ এবং বিশেষ করে নিউমোনিক প্লেগের ক্ষেত্রে শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ানো কণার সংস্পর্শেও মানুষ আক্রান্ত হতে পারে। প্লেগের প্রধান তিনটি ধরন হলো বুবোনিক, নিউমোনিক এবং সেপটিসেমিক প্লেগ। এর মধ্যে নিউমোনিক প্লেগ সবচেয়ে সংক্রামক এবং গুরুতর ধরনগুলোর একটি। এটি ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং আক্রান্ত ব্যক্তির শ্বাসতন্ত্র থেকে বের হওয়া সংক্রমিত কণার মাধ্যমে অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে। দ্রুত চিকিৎসা না হলে রোগটি প্রাণঘাতী হতে পারে। ডব্লিউএইচওর ২০১৯ থেকে ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ওই সময়ে বিশ্বের ১০টি দেশ মানুষের মধ্যে সন্দেহভাজন প্লেগের ঘটনা জানিয়েছে। এর মধ্যে ছয়টি দেশে নিশ্চিত প্লেগ সংক্রমণও নথিভুক্ত হয়েছে। মোট ৩ হাজার ৮৬০টি সন্দেহভাজন ঘটনা এবং ৪২৩ জনের মৃ ত্যুর তথ্য সংস্থাটির কাছে জমা পড়েছে। এই সময়ের নিশ্চিত সংক্রমণের বড় অংশই আফ্রিকার দেশগুলোর। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং মাদাগাস্কারে সবচেয়ে বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া কেনিয়া, উগান্ডা, চীন ও মঙ্গোলিয়াতেও নিশ্চিত মানব প্লেগের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৫ সালের নিশ্চিত সংক্রমণের প্রায় ৯৭ দশমিক ৭ শতাংশই গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও মাদাগাস্কারে পাওয়া গেছে। ডব্লিউএইচওর মানচিত্রে থাকা তথ্যের অর্থ অবশ্য সব দেশের পরিস্থিতি একই রকম—এমন নয়। কোনো দেশ ওই সময়ে কোনো ঘটনা রিপোর্ট না করলেও সেখানে প্লেগের প্রাকৃতিক উৎস থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, রোগটি ওশেনিয়া ছাড়া বিশ্বের সব মহাদেশেই প্রাণীদের মধ্যে পাওয়া যায়। তবে মানুষের মধ্যে সাম্প্রতিক অধিকাংশ ঘটনা আফ্রিকাতেই ঘটেছে, বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও মাদাগাস্কারে। রাশিয়ার বর্তমান ঘটনাটিও তাই এখনো সতর্কতার সঙ্গে দেখছে আন্তর্জাতিক স্বাস্থ্য মহল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ায় সম্ভাব্য প্লেগ পরিস্থিতির ঝুঁকি কম বলে মূল্যায়ন করেছে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের পর্যবেক্ষণ এবং ঘটনাটির বিষয়ে আরও তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা দাবি ছড়ালেও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ল্যাবকর্মীর মৃ ত্যুর সঙ্গে প্লেগের সরাসরি সম্পর্ক সরকারি ভাবে নিশ্চিত হয়নি। ফলে ঘটনাটিকে নিশ্চিত প্লেগ প্রাদুর্ভাব হিসেবে না দেখে সম্ভাব্য সংক্রমণের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ডব্লিউএইচওর বৈশ্বিক তথ্য বলছে, প্লেগ এখনো বিশ্বের কিছু অঞ্চলে সক্রিয় থাকলেও সাম্প্রতিক বছরগুলোর অধিকাংশ মানব সংক্রমণ নির্দিষ্ট কয়েকটি দেশেই সীমাবদ্ধ রয়েছে।
রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণা প্রতিষ্ঠানের এক কর্মীর মৃ ত্যুর পর দেশটিকে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সমস্যায় পড়লে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। তবে ওই কর্মী প্লেগে আ ক্রা ন্ত হয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ। ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভের ভাষ্য অনুযায়ী, ওই কর্মী নিউমোনিয়ায় মৃ ত্যু বরণ করেছেন। তবে তাঁর অসুস্থতার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। গভর্নর কোবজেভ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মধ্যে নতুন করে অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার ঘটনাও শনাক্ত হয়নি। সাইবেরিয়ার ওই ঘটনার বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে রাশিয়াকে সহায়তা করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানিয়েছেন, ওয়াশিংটন বিষয়টির ওপর নজর রাখছে। তবে ট্রাম্পের সহায়তার প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। রুশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মীর মৃ ত্যুর সঙ্গে তাঁর গবেষণাগারের কাজের সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরীক্ষাগারে জীবাণু ব্যবস্থাপনার সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তার পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য জনস্বাস্থ্যঝুঁকি কম বলে মনে হচ্ছে। তবে নতুন কোনো তথ্য পাওয়া গেলে ঝুঁকির মাত্রা আবার মূল্যায়ন করা হবে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্লেগ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানটির এক কর্মীর মৃ ত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। বিশেষ করে কর্মীর অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষের বর্তমান তথ্য অনুযায়ী, ওই কর্মীর মৃ ত্যু প্লেগ সংক্রমণের কারণে হয়েছে—এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। একইভাবে গবেষণাগারে কোনো দুর্ঘটনা থেকে সংক্রমণ ছড়িয়েছে, এমন দাবিরও প্রমাণ পাওয়া যায়নি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ট্রাম্প ও রুবিও। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম বলেই মনে হচ্ছে। নতুন তথ্যের ভিত্তিতে পরিস্থিতি পরিবর্তিত হলে জনস্বাস্থ্যঝুঁকির মূল্যায়নও পরিবর্তন করা হতে পারে।
রাশিয়ার একটি গবেষণাগারে কাজ করার সময় দুর্ঘটনাবশত একটি টেস্টটিউব ভেঙে যায়। ওই টেস্টটিউবে ভয়াবহ ‘ব্ল্যাক ডেথ’ বা প্লেগের জীবাণু ছিল। ধারণা করা হচ্ছে, সেই টেস্টটিউব ভাঙার কারণেই প্লেগ ভাইরাসে আক্রান্ত হয়ে ওই ল্যাব সহকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনটি হাসপাতাল লকডাউন করা হয়েছে। পূর্ব সাইবেরিয়ার ইরকুটস্কে অবস্থিত একটি অ্যান্টি-প্লেগ ল্যাবরেটরিতে এই ঘটনা ঘটে। এই গবেষণাগারটি মূলত বিরল রোগ নিয়ে কাজ করে। ইনডিপেনডেন্ট নিউজ আউটলেট ‘পিপল অব বৈকাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা গত সপ্তাহে ওই ল্যাবে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সময় ভুলবশত নিউমোনিক প্লেগ ধারণকারী টেস্টটিউবটি ভেঙে ফেলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। মস্কো টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর শেলেখভ শহরের একটি হাসপাতালে দারিয়াকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির দুই দিনের মাথায় ১ অক্টোবর রাতে তিনি মারা যান। দারিয়া শিপিলোভার মৃত্যুর পর সতর্কতা হিসেবে অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের অন্যান্য কর্মীসহ প্রায় ১৮৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, দারিয়ার অসুস্থ হওয়ার পর এরা তার সংস্পর্শে এসেছিলেন। ইরকুটস্কের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, ল্যাবের এই ‘বিশেষত বিপজ্জনক সংক্রমণ’ নিয়ে আলোচনার জন্য সপ্তাহান্তে একটি জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। ইরকুটস্ক হলো মঙ্গোলিয়ার উত্তরের একটি বিশাল অঞ্চল। গভর্নর ইগর কোবজেভ আশ্বস্ত করে জানিয়েছেন, বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা আর কারও মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে রাশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতার অভাব থাকায় সেখানকার এই প্রাদুর্ভাবের বিস্তারিত তথ্য খুব একটা প্রকাশ পায়নি। এদিকে, রুশ ট্যাবলয়েড ম্যাশের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিবেশী অঞ্চল বুরিয়াটিয়া থেকে ফেরার পর ওই ল্যাব সহকারী অসুস্থ হয়ে পড়েন, যেখানে আগে প্লেগের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। সাধারণত ইঁদুরের মতো প্রাণীর শরীরে থাকা সংক্রমিত মাছির কামড়ের মাধ্যমে প্লেগ ছড়ায়। ১৪ শতকে বিশ্বব্যাপী যে ব্ল্যাক ডেথ বা প্লেগ ছড়িয়ে পড়েছিল তাতে প্রায় সাড়ে ৭ থেকে ২০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল, যা ছিল ইউরোপের মোট জনসংখ্যার ৩০ থেকে ৬০ শতাংশ। তবে বর্তমান ক্ষেত্রে যে প্লেগের কথা বলা হচ্ছে তা হলো নিউমোনিক প্লেগ। এটি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে। তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে সাইবেরিয়ার তিউমেন তেল শোধনাগারে এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার দিনের বেলার এই হামলাটিকে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তরে কিয়েভের সবচেয়ে গভীর ও ধ্বংসাত্মক সামরিক অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে। মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে ইউক্রেন যে কৌশল হাতে নিয়েছে, এই হামলা তারই একটি বড় অংশ। স্থানীয়দের মতে, শনিবার দুপুরে শোধনাগারটিতে অন্তত দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সেখান থেকে কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণে অন্তত দশটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৫৫০ মাইল দূরে অবস্থিত পশ্চিম সাইবেরিয়ার এই বৃহত্তম তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বিকেলে এক্সে দেওয়া এক বার্তায় একে একটি 'কার্যকরী হামলা' হিসেবে উল্লেখ করে জানান, কিয়েভের উন্নত ড্রোনগুলো এখন রাশিয়ার ১ হাজার ৮০০ মাইল ভেতর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর এক উপদেষ্টাও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, রাশিয়ায় এখন আর কোনো নিরাপদ অঞ্চল অবশিষ্ট থাকবে না। তিউমেন মূলত রাশিয়ার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল এবং এই শোধনাগারটি দেশের সবচেয়ে আধুনিক কেন্দ্রগুলোর একটি। এখান থেকে বছরে প্রায় ৪ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল (দৈনিক সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ব্যারেল) এবং বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাসোলিন উৎপাদিত হয়। এর মাত্র দুই দিন আগেই মস্কোর একটি তেল শোধনাগারে কিয়েভের ড্রোন হামলায় সেখানকার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রটি মস্কোর জ্বালানি বাজারের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করত। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি 'দ্বীপে' পরিণত করার লক্ষ্যে সেখানেও রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে, ইউক্রেনের এই আগ্রাসনের জবাবে নিজেদের পালটা হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবার জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড-বোমা হামলায় অন্তত পাঁচজন ইউক্রেনীয় নিহত এবং আরও দশজন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খারকিভের একটি আবাসিক ভবনে হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ পুরো ইউক্রেন জুড়ে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের মর্মান্তিক চিত্রগুলো যুদ্ধের ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। যুদ্ধক্ষেত্রে যখন এই চরম উত্তেজনা বিরাজ করছে, তখন দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার প্রক্রিয়া কার্যত থমকে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই সংঘাত অবসানে ইউরোপীয় নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিষয়ে এখনো দ্বিধাবিভক্ত। ইরানে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জও ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, ইউরোপীয়রা এই সংঘাতে সরাসরি কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না।