- প্রচ্ছদ
- Topic
#ইউরোপীয়পার্লামেন্ট
ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক সোনালি ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। ২৩ ক্যারেট সোনায় মোড়ানো প্রায় ২ দশমিক ৬ মিটার বা ৮ দশমিক ৫ ফুট উঁচু এই ভাস্কর্যে ট্রাম্পকে ন গ্ন অবস্থায় একজন অপেক্ষাকৃত ছোট মানুষের কাঁধের ওপর বসে থাকতে দেখা যায়। ড্যানিশ শিল্পী ইয়েন্স গালশিওটের তৈরি ভাস্কর্যটির নাম ‘দ্য অরেঞ্জ প্লেগ’। শিল্পীর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এটি ক্ষমতা, বৈশ্বিক রাজনীতি, গণতন্ত্র ও জলবায়ু সংকট নিয়ে তার সমালোচনামূলক শিল্পকর্মগুলোর একটি। ভাস্কর্যের নিচে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন মানুষ অন্য একজনের পিঠে বসে আছে এবং তার ভারে নিচের মানুষটি ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করার কথা বলা হলেও সেই ভারী ব্যক্তি তার পিঠ থেকে নামতে রাজি নন। বার্তাটির শেষে তাকে ‘দ্য কিং অব ইনজাস্টিস’ বা ‘অন্যায়ের রাজা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শিল্পী গালশিওট তার ব্যাখ্যায় বলেছেন, ট্রাম্পকে তিনি নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখেন। ভাস্কর্যটির মাধ্যমে তিনি সেই রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার সমালোচনা তুলে ধরতে চেয়েছেন। ভাস্কর্যটিতে ট্রাম্পের সঙ্গে ক্ষমতার বিভিন্ন প্রতীকও ব্যবহার করা হয়েছে। শিল্পীর মূল নকশায় এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্যদিকে একটি গলফ ক্লাব দেখা যায়। পুরো উপস্থাপনাটি একজন প্রভাবশালী ব্যক্তির ক্ষমতার ভার অন্য মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। ‘দ্য অরেঞ্জ প্লেগ’ নামটির মধ্যেও শিল্পীর রাজনৈতিক বক্তব্য রয়েছে। ভাস্কর্যটি ট্রাম্পকে কেন্দ্র করে ক্ষমতা, রাজনৈতিক প্রভাব এবং বিশ্বব্যবস্থার ওপর তার প্রভাব নিয়ে প্রশ্ন তোলার উদ্দেশ্যে তৈরি। এতে ব্যঙ্গের মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা তুলে ধরা হয়েছে। শিল্পকর্মটির ধারণার সঙ্গে ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত গল্প ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোদস’-এরও সম্পর্ক রয়েছে। সেই গল্পে একজন শাসক নিজের পোশাক নিয়ে আত্মতুষ্টিতে থাকলেও বাস্তবে তিনি ন গ্ন ছিলেন। গালশিওটের ভাস্কর্যেও ট্রাম্পকে ন গ্ন অবস্থায় দেখিয়ে ক্ষমতা ও রাজনৈতিক অহংকার নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শনের আগে ভাস্কর্যটি সোমবার কমলা রঙের কাপড়ে ঢাকা ছিল। পরে মঙ্গলবার সেটি উন্মুক্ত করা হয়। স্ট্রাসবুর্গে প্রদর্শনীটি বৃহস্পতিবার পর্যন্ত থাকার কথা রয়েছে। এই ভাস্কর্য এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের কপ৩০ জলবায়ু সম্মেলনেও এটি প্রদর্শিত হয়েছিল। ২০২৬ সালে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং ডেনমার্কের রেবিল্ড উৎসবেও শিল্পকর্মটির প্রদর্শনী হয়। ডেনমার্কের রেবিল্ড উৎসবটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেনমার্কের ঐতিহাসিক সম্পর্ক উদযাপনের আয়োজন। একই বছর ডেনমার্কে ‘হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড’ নামের বিভিন্ন কর্মসূচিতেও ভাস্কর্যটি প্রদর্শিত হয়। ইউরোপীয় পার্লামেন্টে ভাস্কর্যটি প্রদর্শনের উদ্যোগ নেন ড্যানিশ ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পের ক্লাউসেন। তার উদ্যোগেই গালশিওটের এই শিল্পকর্মটি পার্লামেন্ট ভবনে প্রদর্শনের সুযোগ পায়। প্রদর্শনী ঘিরে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিল্পের মাধ্যমে রাজনৈতিক সমালোচনা প্রকাশের বিষয়টি। আয়োজকদের মতে, ভাস্কর্যটি শুধু ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ নয়; বরং ক্ষমতার কেন্দ্রীকরণ, আন্তর্জাতিক রাজনীতি এবং জলবায়ু নীতি নিয়ে বৃহত্তর আলোচনার একটি মাধ্যম। ভাস্কর্যটি ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শন শেষ হওয়ার পর তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে কয়েক দিনের ইউরোপীয় প্রদর্শনীর পরও ‘দ্য অরেঞ্জ প্লেগ’ আন্তর্জাতিক জলবায়ু রাজনীতি ও রাজনৈতিক শিল্পের আলোচনায় থাকতে পারে।