সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ক্রেডিটকার্ড

যুক্তরাষ্ট্রে নতুন প্রবাসীদের জন্য ক্রেডিট কার্ড পাওয়ার বিভিন্ন সুযোগ
যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন? ক্রেডিট কার্ড পেতে বছরের পর বছর অপেক্ষার প্রয়োজন নেই

যুক্তরাষ্ট্রে নতুন এসেই ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব নয়, এমন ধারণা নিয়ে অনেক প্রবাসী বছরের পর বছর অপেক্ষা করেন। অথচ দেশটিতে নতুন ক্রেডিট ব্যবহারকারী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সীমিত ক্রেডিট ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের সুযোগ। কিছু কার্ডের ক্ষেত্রে আগে থেকে ক্রেডিট স্কোর না থাকলেও আবেদন করা যায়। এমনকি অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঘরে বসেই অনলাইনে আবেদন করার ব্যবস্থা রেখেছে। তবে আবেদন করলেই কার্ড পাওয়া নিশ্চিত নয়; আবেদনকারীর বয়স, আয়, পরিচয় যাচাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্তের ওপর অনুমোদন নির্ভর করে।   সম্প্রতি ভার্জিনিয়া থেকে এক বাংলাদেশি প্রবাসী ক্রেডিট কার্ড নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানান আমেরিকা বাংলায়। তিনি যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে তিন বছর ধরে বসবাস করছেন এবং গ্রিন কার্ডধারী। কিন্তু এখনো কোনো ক্রেডিট কার্ড নিতে পারেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় একটি ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ডের বিষয়ে জানতে চাইলে তাঁকে ৫০০ ডলার দিতে হবে বলে জানানো হয়েছিল। তবে ওই অর্থ কার্ডের ফি, নাকি সিকিউরড ক্রেডিট কার্ডের নিরাপত্তা জামানত ছিল, তা তিনি নিশ্চিত করতে পারেননি। ফলে বিষয়টি না বুঝতে পেরে তিনি আর আবেদন করেননি। তাঁর এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, সঠিক তথ্যের অভাব বা ভুল বোঝাবুঝির কারণে অনেক নতুন প্রবাসী ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ সম্পর্কে জানতে পারেন না। যুক্তরাষ্ট্রে নতুনদের জন্য একটি পরিচিত বিকল্প হলো সিকিউরড ক্রেডিট কার্ড। সাধারণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ক্রেডিট ইতিহাস ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে ঋণসীমা নির্ধারণ করে। কিন্তু সিকিউরড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা জামানত হিসেবে জমা রাখতে হয়। অনেক ক্ষেত্রে এই জামানতের পরিমাণ অনুযায়ী কার্ডের ক্রেডিট লিমিট নির্ধারিত হয়। উদাহরণ হিসেবে, কোনো কার্ডের জন্য ২০০ বা ৫০০ ডলার জামানত জমা রাখতে হতে পারে। এই অর্থ সাধারণত ব্যাংকের কাছে নিরাপত্তা হিসেবে থাকে, এটি সরাসরি বার্ষিক ফি নয়। কার্ডের শর্ত অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ করে বকেয়া পরিশোধ করলে অথবা ব্যাংক কার্ডটি সাধারণ ক্রেডিট কার্ডে উন্নীত করলে জামানতের অর্থ ফেরত পাওয়া যেতে পারে। শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা সুযোগ। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিছু স্টুডেন্ট কার্ডের ক্ষেত্রে আগে থেকে ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক নয়। ডিসকভারসহ কয়েকটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এমন কার্ডের ব্যবস্থা রেখেছে, যেগুলোর মাধ্যমে দায়িত্বশীলভাবে ব্যবহার ও সময়মতো বিল পরিশোধের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্রেডিট ইতিহাস তৈরি করা সম্ভব। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করলেই কার্ড অনুমোদন হবে, এমন নিশ্চয়তা নেই। আবেদনকারীর আয়, বয়স এবং অন্যান্য যোগ্যতা যাচাই করা হয়। ২১ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বিশেষ নিয়ম রয়েছে। সাধারণত তাঁদের নিজস্ব আয় বা আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। অন্যথায় ২১ বছর বা তার বেশি বয়সী একজন যোগ্য ব্যক্তিকে কো-সাইনার হিসেবে দায়িত্ব নিতে হতে পারে। অন্যদিকে, ২১ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ব্যাংক আবেদনকারীর বর্তমান বা প্রত্যাশিত আয় এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে। তাই শিক্ষার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট কার্ডের বয়স ও আয়ের শর্ত জেনে নেওয়া জরুরি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড পাওয়ার কিছু সুযোগ রয়েছে। তবে তাঁদের ক্ষেত্রে কার্ডের ধরন ও আবেদনপ্রক্রিয়া ভিন্ন হতে পারে। অনেক ব্যাংক সোশ্যাল সিকিউরিটি নম্বর বা এসএসএন চায়। কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে আইটিআইএন বা অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য গ্রহণ করতে পারে। আবার কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা আবেদনপ্রক্রিয়া রাখে। কোন প্রতিষ্ঠান কী ধরনের পরিচয়পত্র গ্রহণ করে, তা আগে যাচাই করা প্রয়োজন। শুধু আন্তর্জাতিক শিক্ষার্থী হওয়ার কারণে আবেদন বাতিল হবে, এমন নয়; আবার আবেদন করলেই অনুমোদন পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও নেই। ক্রেডিট কার্ডের আবেদন করতে সব সময় ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। অনেক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করে। সাধারণত আবেদনকারীর নাম, জন্মতারিখ, যুক্তরাষ্ট্রের ঠিকানা, ফোন নম্বর, আয়ের তথ্য এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হতে পারে। আবেদন জমা দেওয়ার পর কোনো কোনো প্রতিষ্ঠান দ্রুত প্রাথমিক সিদ্ধান্ত জানায়। তবে অতিরিক্ত পরিচয় যাচাই বা আর্থিক তথ্য পর্যালোচনার প্রয়োজন হলে অনুমোদন পেতে সময় লাগতে পারে। নতুন গ্রাহকরা ডিসকভার, ক্যাপিটাল ওয়ান এবং ব্যাংক অব আমেরিকার মতো প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রেডিট কার্ডের শর্ত যাচাই করতে পারেন। ডিসকভারের কিছু স্টুডেন্ট ও সিকিউরড কার্ডে আবেদন করার জন্য আগে থেকে ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক নয়। ক্যাপিটাল ওয়ানের সিকিউরড কার্ড নতুন বা সীমিত ক্রেডিট ইতিহাস রয়েছে এমন গ্রাহকদের জন্য একটি বিকল্প। ব্যাংক অব আমেরিকাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কার্ডের ক্ষেত্রেও আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আবেদন করা যায়। তবে প্রতিটি কার্ডের বার্ষিক ফি, সুদের হার, জামানত এবং আবেদনসংক্রান্ত শর্ত আলাদা। ক্রেডিট কার্ড নেওয়ার আগে কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। কার্ডের বার্ষিক ফি আছে কি না, সুদের হার কত, বিল পরিশোধের শেষ তারিখ কখন এবং দেরিতে বিল পরিশোধ করলে কত জরিমানা দিতে হবে, তা জেনে নিতে হবে। সিকিউরড কার্ডের ক্ষেত্রে নিরাপত্তা জামানত কত এবং কোন শর্তে তা ফেরত পাওয়া যাবে, সেটিও পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত। আবেদন করার সময় ব্যাংক ক্রেডিট রিপোর্ট যাচাই করলে ক্রেডিট স্কোরে সাময়িক প্রভাব পড়তে পারে। তাই একসঙ্গে অনেকগুলো কার্ডের জন্য আবেদন না করে নিজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কার্ড নির্বাচন করাই ভালো। ক্রেডিট কার্ড পাওয়ার পর দায়িত্বশীল ব্যবহার আরও গুরুত্বপূর্ণ। প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করতে হবে। সম্ভব হলে পুরো বিল পরিশোধ করা উচিত, যাতে সুদের অতিরিক্ত খরচ এড়ানো যায়। অপ্রয়োজনীয় কেনাকাটা করে শুধু ক্রেডিট স্কোর বাড়ানোর চেষ্টা করা ঠিক নয়। নিয়মিত ও সময়মতো বিল পরিশোধ এবং সীমার মধ্যে কার্ড ব্যবহার যুক্তরাষ্ট্রে ভালো ক্রেডিট ইতিহাস গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতে গাড়ি কেনার ঋণ, মর্টগেজ কিংবা বাড়ি ভাড়ার আবেদনের সময়ও ক্রেডিট ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন বলে ক্রেডিট কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। নিজের বয়স, আয়, পরিচয়পত্র এবং আর্থিক পরিস্থিতি অনুযায়ী স্টুডেন্ট বা সিকিউরড ক্রেডিট কার্ডের মতো বিকল্প খুঁজে দেখা যেতে পারে। সঠিক তথ্য জেনে অনলাইনে আবেদন করলে ঘরে বসেই প্রক্রিয়াটি শুরু করা সম্ভব। তবে কার্ড পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং সময়মতো বিল পরিশোধের অভ্যাস গড়ে তোলা।

অলিনা রহমান অক্টোবর ৩১, ২০২৬ ১৪:০ 0
যুক্তরাষ্ট্রে কমছে ক্রেডিট কার্ডের ঋণসীমা
যুক্তরাষ্ট্রের ৩৬ অঙ্গরাজ্যে কমেছে ক্রেডিট কার্ডের সীমা, ঋণ নেওয়ার সক্ষমতা হারাচ্ছেন গ্রাহকেরা

যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে ক্রেডিট কার্ডের ঋণসীমা কমেছে। নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত আগের বছরের তুলনায় দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টিতে গ্রাহকদের গড় ক্রেডিট সীমা কমে গেছে। কোথাও এই পতন তুলনামূলক সামান্য হলেও কয়েকটি অঙ্গরাজ্যে কমেছে উল্লেখযোগ্য হারে। এতে গ্রাহকদের ধার করার সক্ষমতা সীমিত হওয়ার পাশাপাশি ক্রেডিট স্কোরেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।   ব্যক্তিগত অর্থব্যবস্থা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ালেটহাবের বিশ্লেষণে ইউটাহকে ক্রেডিট সীমা কমার দিক থেকে সবচেয়ে বেশি প্রভাবিত অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিনেসোটা এবং তৃতীয় স্থানে মন্টানা। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ—সবচেয়ে বেশি সামগ্রিক প্রভাবের তালিকায় শীর্ষে থাকা আর শতকরা হিসাবে সবচেয়ে বেশি সীমা কমা এক বিষয় নয়। ইউটাহর বাসিন্দাদের প্রাথমিক ক্রেডিট সীমা তুলনামূলক বেশি থাকায় শতকরা হিসাবে পতন কম হলেও ধার করার সক্ষমতা হারানোর পরিমাণ উল্লেখযোগ্য হয়েছে। মিনেসোটায় ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরের হিসাবে গড় ক্রেডিট সীমা প্রায় ৮ শতাংশ কমেছে। অন্যদিকে, একই সময়ে মন্টানায় গড় সীমা কমেছে প্রায় ১৩ শতাংশ। অর্থাৎ, মন্টানায় শতকরা হিসাবে পতন বেশি হলেও সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের সময় প্রাথমিক ক্রেডিট সীমা এবং অন্যান্য আর্থিক সূচকও বিবেচনায় নেওয়া হয়েছে। এই বিশ্লেষণে অঙ্গরাজ্যগুলোর গড় ক্রেডিট সীমা এবং সময়ের সঙ্গে সেই সীমার পরিবর্তন—দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন খোলা ক্রেডিট কার্ডের সীমা এবং নির্দিষ্ট সময়ে গ্রাহকদের গড় সীমার পরিবর্তনও হিসাবের মধ্যে রাখা হয়েছে। ফলে তালিকাটি শুধু কোথায় সীমা কত শতাংশ কমেছে, তা দেখায় না; বরং আগে থেকে পাওয়া ঋণসুবিধার তুলনায় গ্রাহকেরা কতটা ধার করার সক্ষমতা হারিয়েছেন, সেটিও বিবেচনা করে। ক্রেডিট কার্ডের সীমা কমে যাওয়া কেন গুরুত্বপূর্ণ, তা বুঝতে হলে ক্রেডিট ইউটিলাইজেশন সম্পর্কে জানা দরকার। একজন গ্রাহকের মোট অনুমোদিত ক্রেডিট সীমার কতটা তিনি ব্যবহার করছেন, সেটিই ক্রেডিট ইউটিলাইজেশন। ধরুন, কারও ক্রেডিট কার্ডের সীমা ১০ হাজার ডলার এবং তিনি ২ হাজার ডলার ব্যবহার করেছেন। সে ক্ষেত্রে তাঁর ব্যবহারের হার ২০ শতাংশ। কিন্তু ব্যাংক যদি সীমা কমিয়ে ৫ হাজার ডলার করে দেয় এবং বকেয়া ২ হাজার ডলারই থাকে, তাহলে ব্যবহারের হার বেড়ে দাঁড়াবে ৪০ শতাংশে। অর্থাৎ, নতুন করে কোনো কেনাকাটা না করলেও সীমা কমে যাওয়ার কারণে গ্রাহকের ক্রেডিট ব্যবহারের অনুপাত বেড়ে যেতে পারে। এই অনুপাত ক্রেডিট স্কোর নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। তাই কার্ডের সীমা কমে গেলে কারও ক্রেডিট স্কোর কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে একই ফল হবে, এমন নয়। ক্রেডিট ইতিহাস, বকেয়া ঋণ, পরিশোধের অভ্যাস এবং অন্যান্য বিষয়ের ওপরও স্কোর নির্ভর করে। ক্রেডিট কার্ডের সীমা কমানোর পেছনে একাধিক কারণ থাকতে পারে। কারও ক্রেডিট কার্ডের বকেয়া দ্রুত বেড়ে গেলে, নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে, ক্রেডিট স্কোর কমে গেলে কিংবা আয় কমে গেলে ব্যাংক বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান ঋণসীমা কমানোর সিদ্ধান্ত নিতে পারে। ঋণদাতারা সাধারণত গ্রাহকের আর্থিক পরিস্থিতি ও ঋণ পরিশোধের ঝুঁকি বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেয়। মূল্যস্ফীতিও এ পরিস্থিতিতে ভূমিকা রাখতে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বাড়লে অনেক পরিবারকে আগের তুলনায় বেশি অর্থ খরচ করতে হয়। কারও হাতে পর্যাপ্ত নগদ অর্থ না থাকলে তিনি দৈনন্দিন ব্যয়ের জন্য ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করতে পারেন। এতে কার্ডের বকেয়া বাড়ে এবং মোট অনুমোদিত সীমার বড় অংশ ব্যবহার হয়ে যায়। একই সঙ্গে সময়মতো বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়লে ঋণদাতার কাছে গ্রাহকের ঝুঁকি বেড়ে যেতে পারে। ক্রেডিট সীমা কমে গেলে গ্রাহকের দৈনন্দিন ব্যয় সামলানোর সক্ষমতাও প্রভাবিত হতে পারে। জরুরি চিকিৎসা, গাড়ি মেরামত কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত খরচের সময় কার্ডে পর্যাপ্ত সীমা না থাকলে আর্থিক চাপ বাড়তে পারে। তবে কম সীমার একটি সম্ভাব্য দিক হলো, এতে কিছু গ্রাহক অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণে রাখার সুযোগ পেতে পারেন। এ পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রেডিট কার্ডের বকেয়া নিয়ন্ত্রণে রাখা, সময়মতো বিল পরিশোধ করা এবং কার্ডের অনুমোদিত সীমার তুলনায় ব্যবহার যতটা সম্ভব কম রাখা। ক্রেডিট সীমা কমে গেলে কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া যেতে পারে। নিজের ক্রেডিট রিপোর্ট ও স্কোর নিয়মিত পরীক্ষা করাও উপকারী। তবে এই পরিসংখ্যান থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না যে যুক্তরাষ্ট্রের প্রতিটি ক্রেডিট কার্ডধারীর সীমা কমানো হয়েছে। বিশ্লেষণটি অঙ্গরাজ্যভিত্তিক গড় পরিবর্তন ও বিভিন্ন সূচকের ওপর তৈরি। ব্যক্তিগতভাবে কারও সীমা কমবে কি না, তা নির্ভর করে তাঁর আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর।

অলিনা রহমান অক্টোবর ২৪, ২০২৬ ১৪:০ 0
দামী কেনাকাটার পর ‘চুরি’ দাবি করে অর্থ ফেরতের অভিযোগ
দামী কেনাকাটার পর ‘চুরি’ দাবি করে অর্থ ফেরতের চেষ্টা, লাস ভেগাসের পুলিশ কর্মকর্তা ও স্ত্রী হেফাজতে

লাস ভেগাসের এক পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নেভাদা ও ক্যালিফোর্নিয়াজুড়ে কয়েক মাস ধরে হাজার হাজার ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, দম্পতি ক্রেডিট কার্ড দিয়ে দামী পণ্য ও গিফট কার্ড কেনার পর সেগুলো চুরি হয়েছে বলে দাবি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে লেনদেন বাতিলের আবেদন করতেন। অভিযোগের মধ্যে ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে প্রায় ৫ হাজার ডলারের একটি গিফট কার্ড কেনার ঘটনাও রয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আন্তোনিও শ্যাভেজ, বয়স ২৮ বছর। তাঁর স্ত্রী ক্লদিয়া গুজম্যান-মারকেজের বয়স ৩০ বছর। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা শ্যাভেজ ২০২০ সাল থেকে বিভাগটিতে কর্মরত। অভিযোগ ওঠার পর তাঁকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতের নথি ও তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী, গত ২৫ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত কথিত অনিয়মের ঘটনাগুলো ঘটে। তদন্তকারীদের দাবি, দম্পতি নিজেদের ক্রেডিট কার্ড ব্যবহার করে দামি পণ্য ও গিফট কার্ড কিনতেন। পরে কার্ড বা ওয়ালেট হারিয়ে বা চুরি হয়েছে বলে দাবি করে সংশ্লিষ্ট ক্রেডিট কার্ড কোম্পানির কাছে ওই লেনদেন নিয়ে আপত্তি জানাতেন। এতে পণ্য নিজেদের কাছে রেখেই অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করা হতো বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ২৫ মে সাউথ লাস ভেগাস বুলেভার্ডের টাউন স্কয়ার কনসিয়ার্জ থেকে দম্পতি ১৩ হাজার ডলারের বেশি মূল্যের গিফট কার্ড কেনেন। পরে তাঁরা ক্যাপিটাল ওয়ান ও আমেরিকান এক্সপ্রেসের কাছে ওই লেনদেন নিয়ে অভিযোগ করেন। শ্যাভেজ একটি অ্যাপল স্টোরে ১ হাজার ২০০ ডলারের বেশি মূল্যের কেনাকাটা নিয়েও আপত্তি জানান এবং তাঁর ওয়ালেট হারিয়ে যাওয়ার দাবি করেন। একই সময়ে গুজম্যান-মারকেজের বিরুদ্ধেও একাধিক দামী কেনাকাটার পর লেনদেন নিয়ে আপত্তি জানানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের মতে, দুটি লুই ভুইটন থেকে করা কেনাকাটার মূল্যই ছিল ১১ হাজার ডলারের বেশি। কথিত অনিয়মের ঘটনা নেভাদা ছাড়িয়ে ক্যালিফোর্নিয়াতেও পৌঁছায়। নিউপোর্ট বিচের ফ্যাশন আইল্যান্ডে প্রায় ৫ হাজার ডলারের একটি গিফট কার্ড কেনার তথ্যও তদন্তে উঠে এসেছে। পরে ওই গিফট কার্ড ব্যবহার করে লাস ভেগাসের একটি গাড়ির দোকান ও আরিতজিয়া স্টোর থেকে কেনাকাটা করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। তদন্তকারীদের অভিযোগ, শ্যাভেজ নিজের কার্ড চুরি যাওয়ার দাবি প্রতিষ্ঠা করতে হেন্ডারসন পুলিশ ডিপার্টমেন্টে একটি ভুল তথ্যসম্বলিত রিপোর্টও করেছিলেন। প্রসিকিউটরদের দাবি, তদন্তকারীদের কাছে শ্যাভেজ তাঁর স্ত্রী এবং ক্যালিফোর্নিয়ায় থাকা তৃতীয় এক ব্যক্তির সঙ্গে কথিত আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তাঁর আইনজীবী শ্যাভেজের নির্দোষ থাকার সাংবিধানিক অধিকার এবং তাঁর আগের কোনো অপরাধের রেকর্ড না থাকার বিষয়টি তুলে ধরেছেন। ১০ সেপ্টেম্বর লাস ভেগাসের আদালতে শ্যাভেজ হাজির হলে প্রসিকিউশন তাঁর জন্য ১ লাখ ডলার নগদ জামিন এবং গৃহবন্দিত্বের আবেদন করে। তবে বিচারক রেবেকা স্যাক্স সেই আবেদন নাকচ করেন। শ্যাভেজের আগের কোনো অপরাধের ইতিহাস না থাকা, স্থানীয়ভাবে তাঁর পারিবারিক ও সামাজিক সম্পর্ক এবং অভিযোগগুলো সহিংস ধরনের না হওয়াকে বিবেচনায় নিয়ে আদালত তাঁকে নগদ জামিন ছাড়াই মুক্তির নির্দেশ দেন। শ্যাভেজ ও তাঁর স্ত্রী দুজনকেই ইলেকট্রনিক পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। দম্পতির বিরুদ্ধে ২৫ হাজার ডলারের বেশি কিন্তু ১ লাখ ডলারের কম মূল্যের সম্পদ আত্মসাতের অভিযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রবেশের অভিযোগ, সম্পদ আত্মসাৎ ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশের বিষয়ে যোগসাজশ এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনো বিচারাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী শ্যাভেজ ও তাঁর স্ত্রীকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

অলিনা রহমান সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১৪:০ 0
যুক্তরাষ্ট্রে পরিবারের ঋণ ১৮ ট্রিলিয়ন ডলারে, বাড়ছে ক্রেডিট কার্ডের নির্ভরতা
খরচ বাড়ছে, সঞ্চয় ফুরোচ্ছে, যুক্তরাষ্ট্রে পরিবারগুলোর ঋণ এখন ১৮ ট্রিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রে পরিবারের মোট ঋণ প্রথম প্রান্তিকে রেকর্ড ১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করছে। মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের টেড রসম্যান বলেন, ঋণসংক্রান্ত পরামর্শ নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির ঋণ ব্যবস্থাপনা কর্মসূচিতে অংশগ্রহণ গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালের শুরুর তুলনায় আর্থিক পরামর্শ নেওয়ার সেশনও বেড়েছে ১৪৩ শতাংশ। রসম্যানের মতে, এই আর্থিক চাপের বড় কারণ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়া। তিনি বলেন, মানুষ এখন প্রায় সবকিছুর জন্য আগের চেয়ে বেশি অর্থ দিচ্ছে। ২০১৯ সালের তুলনায় খাদ্যের দাম ৩৩ শতাংশ বেড়েছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের কথা উল্লেখ করেন তিনি। শুধু খাবার নয়, গাড়ি, জ্বালানি, চিকিৎসা, বাসস্থান ও শিশুদের দেখাশোনার খরচও মহামারির আগের সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানান রসম্যান। ফলে অনেক পরিবারকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হচ্ছে, সঞ্চয় ভাঙতে হচ্ছে এবং কোন বিল আগে পরিশোধ করা হবে, তা নিয়েও কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে ঋণের কারণে অনেকে লজ্জায় সাহায্য চাইতে চান না। রসম্যান বলেন, ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সামাজিক সংকোচ কাজ করে। তাঁর প্রতিষ্ঠানের পরামর্শদাতাদের কাছে অনেকেই জানতে চান, তাঁদের আর্থিক পরিস্থিতি সবচেয়ে খারাপ উদাহরণ কি না। রসম্যানের মতে, এই লজ্জা দূরে রাখা দরকার, কারণ একই পরিস্থিতিতে রয়েছেন লাখো মানুষ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের প্রায় অর্ধেকই প্রতি মাসে পুরো ঋণ পরিশোধ করতে পারেন না এবং এক মাসের ঋণ পরের মাসে বহন করেন। মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের একজন গড় গ্রাহক প্রায় ৪০ হাজার ডলারের অনিরাপদ ঋণ নিয়ে সাহায্য চাইতে আসেন। এই ঋণ সাধারণত বিলাসী কেনাকাটা থেকে তৈরি হয় না; বরং গাড়ি মেরামত, চিকিৎসার বিল ও বাজার-সদাইয়ের মতো দৈনন্দিন প্রয়োজনীয় খরচ থেকেই এর বড় অংশ তৈরি হয়। রসম্যান বলেন, তুলনামূলক কম ঋণের ক্ষেত্রে শূন্য শতাংশ সুদের ব্যালান্স ট্রান্সফার সুবিধা কাজে লাগতে পারে। তবে বড় অঙ্কের ঋণের ক্ষেত্রে অলাভজনক ঋণ পরামর্শদাতা প্রতিষ্ঠান বা আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থাপনা কর্মসূচি তুলনামূলক কার্যকর সমাধান হতে পারে।

অলিনা রহমান সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১৪:০ 0
কানেকটিকাটের কস্টকোতে নাটকীয় অভিযানে গ্রেপ্তার দুই নিউইয়র্কবাসী। ছবি: কোলাজ আমেরিকা বাংলা
জাল ক্রেডিট কার্ডে কেনাকাটার চেষ্টা, কস্টকো থেকে নিউইয়র্কের দুই বাসিন্দা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সাউথ উইন্ডসরের একটি কস্টকো শাখায় জাল ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কেনার চেষ্টার অভিযোগে নিউইয়র্কের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে তাদের গাড়ি থেকে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ২৮টি চুরি করা আর্থিক নথি এবং অন্য একটি কস্টকো শাখা থেকে চুরি করা হয়েছে বলে সন্দেহ করা পণ্যও উদ্ধার করা হয়েছে।   সাউথ উইন্ডসর পুলিশ বিভাগ (এসডব্লিউপিডি) জানায়, রোববার বিকেল প্রায় ৩টার দিকে ১২২০ ট্যামারাক অ্যাভিনিউতে অবস্থিত কস্টকো শাখা থেকে জরুরি ফোন আসে। অভিযোগ ছিল, দুই ব্যক্তি দোকান থেকে পণ্য নিয়ে স্বয়ংক্রিয় বিলিং কাউন্টারে জাল ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধের চেষ্টা করছেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন নিউইয়র্কের ব্রঙ্কসের ৩৫ বছর বয়সী ব্রিটানি এ. হাওয়ার্ড এবং ব্রুকলিনের ৩৪ বছর বয়সী কাশিম এম. উইলিয়ামস। পুলিশের ভাষ্য, তারা কস্টকোর একাধিক শাখায় একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সদস্য হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।   পুলিশ জানায়, ঘটনার আগে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল যে, একই দুই ব্যক্তি প্রায় ৩০ মিনিট দূরে অবস্থিত কানেকটিকাটের এনফিল্ড এলাকার একটি কস্টকো শাখায়ও একই কৌশলে প্রতারণার চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করে। পরে তাদের ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ২৮টি চুরি করা আর্থিক নথি উদ্ধার করা হয়। এসব নথি বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা ছিল। একই সঙ্গে এনফিল্ডের কস্টকো শাখা থেকে চুরি করা হয়েছে বলে সন্দেহ করা বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়।   তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধেই অন্য অঙ্গরাজ্যে পূর্বের পরোয়ানা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, কাশিম এম. উইলিয়ামসের বিরুদ্ধে নিউইয়র্কের সাফোক কাউন্টিতে ডাকাতি, শ্বাসরোধ করে হামলা এবং মারধরসহ একাধিক অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যা কার্যকরযোগ্য।   অন্যদিকে ব্রিটানি এ. হাওয়ার্ডের বিরুদ্ধে নিউ জার্সির হাডসন কাউন্টিতে ক্রেডিট কার্ড চুরির মামলায় পরোয়ানা ছিল। সর্বশেষ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে ২৮টি পেমেন্ট কার্ড চুরি, চুরি, পরিচয় চুরি এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।   পুলিশ জানায়, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত দুজনকেই ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের জামিনে আটক রাখা হয়েছে। সোমবার সকালে তাদের ম্যানচেস্টার সুপিরিয়র কোর্টে হাজির করার কথা ছিল।   তদন্তকারীরা এখন উদ্ধার হওয়া আর্থিক নথিগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করার পাশাপাশি, এই দুই ব্যক্তি আরও কোনো অঙ্গরাজ্যে একই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছেন।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০