- প্রচ্ছদ
- Topic
কাস্টমস
সৌদি আরব থেকে অবৈধভাবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার দায়ে এক গাড়িচালককে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে কিং ফাহাদ কজওয়ে সীমান্ত চেকপোস্টে তল্লাশির সময় গাড়ির পেছনের অংশে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ পানি উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। পরে রিয়াদের একটি কাস্টমস কমিটি চালককে দোষী সাব্যস্ত করে জরিমানা ও জব্দ করা পানি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। সোমবার (২ নভেম্বর) খালিজ টাইমস ও দ্য সিয়াসাত ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় পাবলিক প্রসিকিউশনের আনা মামলায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে কাস্টমস আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় ঘোষণা ছাড়াই বিপুল পরিমাণ জমজমের পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কাস্টমস কর্মকর্তারা কিং ফাহাদ কজওয়ে সীমান্ত চেকপোস্টে গাড়িটি পরীক্ষা করার সময় এর ট্রাঙ্কে লুকানো অবস্থায় পানি পান। কিং ফাহাদ কজওয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। এই সীমান্ত দিয়ে যাতায়াতকারী যানবাহন ও পণ্য কাস্টমস তল্লাশির আওতায় থাকে। মামলার শুনানিতে কাস্টমস কমিটি জানায়, সৌদি আরবের প্রচলিত বিধি অনুযায়ী জমজমের পানি বাণিজ্যিক পণ্য হিসেবে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নির্ধারিত নিয়ম না মেনে এবং কাস্টমস কর্তৃপক্ষকে না জানিয়ে বিপুল পরিমাণ পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা আইনত পাচারের অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এ ঘটনায় জব্দ করা ৩৮০ লিটার জমজমের পানির মূল্য নির্ধারণ করা হয় ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল। সেই মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে অভিযুক্ত চালককে। একই সঙ্গে উদ্ধার করা সম্পূর্ণ পানি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। মামলায় পাবলিক প্রসিকিউশন অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ডও চেয়েছিল। তবে কাস্টমস কমিটি সেই আবেদন গ্রহণ করেনি। অভিযুক্ত চালকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড না থাকায় কমিটি মনে করে, আর্থিক জরিমানা ও জব্দ করা পণ্য বাজেয়াপ্ত করাই যথেষ্ট শাস্তি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২ ডিসেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্ত ব্যক্তির পক্ষে একজন অনুমোদিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার পর কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর অভিন্ন কাস্টমস আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারার ভিত্তিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়। সৌদি আরবে জমজমের পানি রপ্তানির বিষয়ে বিশেষ বিধিনিষেধ রয়েছে। দেশটির সরকারি তথ্যভান্ডার সৌদিপিডিয়া অনুযায়ী, জমজমের পানি সাধারণ বাণিজ্যিক পণ্য হিসেবে রপ্তানি করা যায় না। তবে হজ ও ওমরাহ পালনকারীরা নির্ধারিত নিয়ম মেনে ভ্রমণের জন্য প্রস্তুত করা জমজমের পানির একটি অনুমোদিত বোতল সঙ্গে নিতে পারেন। মক্কার মসজিদুল হারামে অবস্থিত জমজম কূপের পানি মুসলমানদের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ ও ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা এই পানি পান করেন এবং অনুমোদিত পরিমাণে নিজ দেশে নিয়ে যান। সৌদি কর্তৃপক্ষের বিধিনিষেধ অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদিত পরিমাণে জমজমের পানি বহন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমাণ পানি রপ্তানি এক বিষয় নয়। ফলে সৌদি আরব থেকে জমজমের পানি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্ধারিত কাস্টমস নিয়ম ও পরিবহনসংক্রান্ত শর্ত মেনে চলতে হয়।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রায় দশ মাস ধরে ৩৯ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটকে রেখেছে এবং তাকে জ্যামাইকায় ফেরত পাঠানোর (ডিপোর্ট) চেষ্টা করছে। ফিলিপ জেমস (যিনি ফেলিবি সিয়াঘা-কোক নামেও পরিচিত) নামের ওই ব্যক্তি নিজেকে জ্যামাইকার নাগরিক বলে দাবি করলেও, তার পরিবার, আইনজীবী এবং সরকারি নথিপত্র নিশ্চিত করে যে তিনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাগরিক। আইন অনুযায়ী মার্কিন নাগরিকদের আটক করার কোনো এখতিয়ার আইসিই-এর নেই। সাধারণত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হলে কাউকে কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য আটকে রাখা হতে পারে, তবে একজন মার্কিন নাগরিককে প্রায় দশ মাস বন্দি রাখার ঘটনা অত্যন্ত বিরল। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জেমসের মার্কিন নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে ব্যবহার করা মার্কিন পাসপোর্টটি পাওয়ার জন্য জেমস ফ্লোরিডার যে জন্মনিবন্ধন সনদটি জমা দিয়েছিলেন, তা ভুয়া ছিল। তবে এই দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে, চিকিৎসকদের প্রতিবেদন অনুযায়ী, জেমস প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং তার জ্যামাইকান হওয়ার দাবিটি মূলত মানসিক অসুস্থতাজনিত একটি বিভ্রম। তিনি নিজেকে জ্যামাইকার এক প্রাক্তন প্রধানমন্ত্রীর সন্তান এবং লেবাননের রাজপরিবারের বংশধর বলেও দাবি করেছেন, যার কোনো ভিত্তি নেই। জ্যামাইকা কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের দেশে জেমসের জন্ম বা নাগরিকত্বের কোনো রেকর্ড নেই। বর্তমানে জেমসকে ইন্ডিয়ানার বাঙ্কার হিলে অবস্থিত আইসিই-এর ‘স্পিডওয়ে স্ল্যামার’ নামক একটি বন্দিশিবিরে রাখা হয়েছে। তার আইনজীবীরা তাকে জ্যামাইকায় ডিপোর্ট করার আদেশের বিরুদ্ধে আপিল করেছেন এবং মুক্তির জন্য একটি ফেডারেল বিচারকের রায়ের অপেক্ষায় রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটি আইসিই-এর নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার চরম গাফিলতি এবং মানসিক ভারসাম্যহীনদের প্রতি অমানবিক আচরণের এক ভয়াবহ দৃষ্টান্ত। সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও শুধুমাত্র ভুক্তভোগীর বিভ্রান্তিকর কথার ওপর ভিত্তি করে তাকে দেশছাড়া করার এই সরকারি প্রচেষ্টা মার্কিন বিচারব্যবস্থা ও অভিবাসন নীতির কঠোরতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার সময় প্রেসার, ডায়াবেটিসসহ নিয়মিত ব্যবহারের ওষুধ সঙ্গে নিলে ইংরেজিতে প্রেসক্রিপশন বা ডাক্তারের চিঠি রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, সিবিপি। ওষুধ মূল প্যাকেটে রাখা এবং প্রবেশের সময় কাস্টমস কর্মকর্তাকে জানানোও জরুরি। তবে শুধু প্রেসক্রিপশন থাকলেই সব ধরনের ওষুধ আমেরিকায় নেওয়া যায় না। নিউইয়র্কের জেএফকেসহ আমেরিকার যেকোনো প্রবেশপথে ওষুধ বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফেডারেল নিয়ম প্রযোজ্য। সিবিপির নির্দেশনা অনুযায়ী, সঙ্গে থাকা ওষুধ নিজের চিকিৎসায় কেন প্রয়োজন, তা বোঝাতে ইংরেজিতে বৈধ প্রেসক্রিপশন বা ডাক্তারের চিঠি রাখা উচিত। ওষুধ মূল প্যাকেটে না থাকলে প্রেসক্রিপশনের কপি অথবা রোগ ও চিকিৎসার প্রয়োজন ব্যাখ্যা করা ডাক্তারের চিঠি সঙ্গে রাখতে হবে। প্রেসক্রিপশনে রোগীর নাম, ওষুধের জেনেরিক নাম, ডোজ এবং ব্যবহারের নির্দেশনা স্পষ্ট থাকলে ওষুধ শনাক্ত করা সহজ হয়। মূল কাগজের পাশাপাশি ফটোকপি রাখা এবং ফোনে ডিজিটাল কপি সংরক্ষণ করা বাড়তি প্রস্তুতি হিসেবে কাজে আসতে পারে। ওষুধ মূল লেবেলযুক্ত প্যাকেট বা বোতলে রাখার পরামর্শ দিয়েছে সিবিপি। সম্ভব হলে প্যাকেটে ডাক্তারের ব্যবহারের নির্দেশনাও থাকতে হবে। এতে কাস্টমস পরীক্ষার সময় ওষুধ ও প্রেসক্রিপশনের তথ্য মিলিয়ে দেখা সহজ হয়। পরিমাণের ক্ষেত্রে সাধারণ নির্দেশনা হলো, নিজের প্রয়োজন অনুযায়ী ওষুধ নেওয়া এবং সাধারণভাবে ৯০ দিনের সরবরাহের বেশি সঙ্গে না রাখা। তবে এই নির্দেশনাকে সব যাত্রীর জন্য সব ধরনের ওষুধ নেওয়ার অনুমতি হিসেবে ধরে নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ জানিয়েছে, সাময়িকভাবে আমেরিকায় আসা বিদেশি নাগরিকেরা ব্যক্তিগত চিকিৎসার জন্য ৯০ দিনের ওষুধ আনতে পারেন। এ নির্দেশনায় বিদেশি নাগরিক বলতে আমেরিকার নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন, এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। ফলে আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ডধারীদের একই সুবিধা প্রযোজ্য ধরে নেওয়া ঠিক হবে না। এফডিএর নির্দেশনা অনুযায়ী, বিদেশে অনুমোদিত কোনো ওষুধ আমেরিকায় অনুমোদিত না হলে সেটি আমদানিতে বিধিনিষেধ থাকতে পারে। ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু ক্ষেত্রে ছাড় বিবেচনা করা হলেও তা শর্তসাপেক্ষ। বাংলাদেশে ওষুধটি সহজে পাওয়া যায় কিংবা ডাক্তারের প্রেসক্রিপশন রয়েছে, এই কারণেই আমেরিকায় প্রবেশের অনুমতি নিশ্চিত হয় না। বিশেষ সতর্কতা প্রয়োজন নিয়ন্ত্রিত উপাদানযুক্ত ওষুধের ক্ষেত্রে। কিছু ঘুমের, ব্যথার বা অন্য চিকিৎসার ওষুধ এই শ্রেণিতে পড়তে পারে। এসব ওষুধের ক্ষেত্রে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিইএর নিয়মও মানতে হয়। তাই ভ্রমণের আগে ওষুধের জেনেরিক নাম ও উপাদান অনুযায়ী প্রযোজ্য নিয়ম যাচাই করা প্রয়োজন। আমেরিকায় দীর্ঘদিন থাকার পরিকল্পনা থাকলে সঙ্গে আনা ওষুধ শেষ হওয়ার আগেই স্থানীয় চিকিৎসার ব্যবস্থা করা ভালো। প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে আগের প্রেসক্রিপশন ও চিকিৎসার কাগজপত্র নিয়ে গেলে চলমান চিকিৎসা মূল্যায়নে সহায়তা হবে। স্থানীয় ফার্মেসি থেকে পরবর্তী ওষুধ পাওয়ার বিষয়টি আগে থেকেই চিকিৎসক ও ফার্মেসির সঙ্গে নিশ্চিত করা উচিত। ভ্রমণের প্রস্তুতিতে সবচেয়ে জরুরি হলো ওষুধের পরিচয় স্পষ্ট রাখা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নেওয়া এবং কাস্টমস কর্মকর্তাকে ওষুধের কথা জানানো। নিজের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দার অবস্থান এবং ওষুধের ধরন অনুযায়ী এফডিএ, সিবিপি ও প্রয়োজনে ডিইএর নির্দেশনা মিলিয়ে প্রস্তুতি নিতে হবে।
ঢাকা থেকে নিউইয়র্কে যাওয়ার সময় শুঁটকি, আচার, মসলা বা মিষ্টি নিতে চাইলে সবচেয়ে জরুরি নিয়ম হলো খাবারের কথা কাস্টমস কর্তৃপক্ষকে জানানো। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী, খাবার সঙ্গে থাকলেই তা বাজেয়াপ্ত হবে না। পরীক্ষা করে কোনটি দেশে ঢুকতে পারবে, সেই সিদ্ধান্ত নেবেন সিবিপি কর্মকর্তারা। প্রথমত, ব্যাগে থাকা সব খাবার ও কৃষিজ পণ্য ডিক্লেয়ার করুন। ফরম দেওয়া হলে সেখানে জানান, আর কর্মকর্তার প্রশ্নের উত্তরেও খাবারের কথা বলুন। কোনো পণ্য নিষিদ্ধ হলেও আগে থেকে সঠিকভাবে ডিক্লেয়ার করলে শুধু সেটি সঙ্গে আনার কারণে জরিমানা হয় না। তবে খাবারের কথা গোপন করলে জরিমানার ঝুঁকি থাকে। তাই ‘মিথ্যা বললেই ৩০০ ডলার জরিমানা নিশ্চিত’ এমন কোনো নির্দিষ্ট নিয়ম ধরে নেওয়া ঠিক নয়। দ্বিতীয়ত, মাংস, ডিম, দুধের তৈরি খাবার, গাছ ও বীজ নেওয়ার আগে পণ্যভেদে নিয়ম দেখুন। এগুলোর ওপর নিষেধাজ্ঞা বা শর্ত থাকতে পারে। আবার সব ডিম, মিষ্টি বা গাছের বীজকে একইভাবে নিষিদ্ধ বলাও ঠিক নয়। খাবারের উপাদান, প্রস্তুতপ্রণালি ও উৎপত্তিস্থল অনুযায়ী নিয়ম বদলায়। তৃতীয়ত, শুঁটকি বা অন্য মাছকে কাঁচা মাংসের নিয়মে ফেলবেন না। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, বেশির ভাগ সামুদ্রিক খাবার আমদানির বিষয়টি তারা নিয়ন্ত্রণ করে না; অন্য সংস্থার নিয়মও প্রযোজ্য হতে পারে। শুঁটকি নেওয়ার আগে মাছের ধরন ও প্রক্রিয়াজাত করার পদ্ধতি অনুযায়ী নিয়ম জেনে নিন। পৌঁছে সেটি অবশ্যই ডিক্লেয়ার করুন। চতুর্থত, চা-পাতা, অধিকাংশ শুকনো মসলা ও প্রক্রিয়াজাত আচার সাধারণত আনা যায়, তবে এগুলোও ডিক্লেয়ার ও পরীক্ষা করাতে হবে। মুড়ি, চিড়া, চানাচুর বা বিস্কুটের ক্ষেত্রেও উপাদান গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোনো পণ্যে মাংস, দুধ বা ডিম থাকলে। প্যাকেটে শুধু ‘মসলা’ লেখা থাকলেই তল্লাশি ছাড়াই ছেড়ে দেওয়া হবে, এমন নিশ্চয়তা নেই। পঞ্চমত, সম্ভব হলে খাবার মূল প্যাকেটেই রাখুন এবং কেনার রসিদ সঙ্গে নিন। এতে পণ্যের উপাদান ও উৎপত্তিস্থল বোঝা সহজ হয়। নিজের ব্যবহারের খাবারের জন্য সব পণ্যে একই ‘২ থেকে ৩ কেজি’ সীমা নেই; বেশি পরিমাণে নিলে প্রযোজ্য নিয়ম আগে যাচাই করা দরকার। ষষ্ঠত, গ্লোবাল এন্ট্রি থাকলেও খাবার ডিক্লেয়ার করার নিয়ম একই। খাবার গোপন করলে জরিমানার পাশাপাশি এই সুবিধাও হারানোর ঝুঁকি আছে। কোনো খাবার নিয়ে সন্দেহ থাকলে যাত্রার আগে সরকারি নিয়ম দেখুন এবং যুক্তরাষ্ট্রে পৌঁছে সিবিপি কর্মকর্তাকে সেটি দেখিয়ে সিদ্ধান্ত নিতে দিন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।