- প্রচ্ছদ
- Topic
পশ্চিমবঙ্গ নির্বাচন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) প্রাথমিক ফলাফলের প্রবণতায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত মিলতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান। বার্তায় পশ্চিমবঙ্গের ফলাফলকে বিশেষভাবে উল্লেখ করে মোদি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। ২০২৬ সালের এই নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এটি জনগণের শক্তির জয় এবং সুশাসনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন।” তিনি রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। মোদি আরও বলেন, “বাংলার মানুষ বিজেপিকে যে জনদেশ দিয়েছে, তার মর্যাদা রক্ষা করা হবে। পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল কাজ করবে। এমন একটি সরকার গঠন করা হবে, যা সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন, সুযোগ এবং আত্মমর্যাদা নিশ্চিত করবে।” নির্বাচনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে। এতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস-কে পেছনে ফেলে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, এই ফলাফল উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ওপর তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশ সর্বদা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করবে। পানি বণ্টন ও অভিবাসন ইস্যু নিয়ে শামা ওবায়েদ জানান, গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বর্তমানে আলোচনা চলমান রয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে। এছাড়া, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকতে জমে উঠেছে প্রচারণার মাঠ। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন, যা নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলকেই ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ‘সিন্ডিকেট রাজ’ কায়েম হয়েছে এবং তৃণমূল সরকারের অধীনে কংগ্রেসকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যেমন দেশে শিল্পকারখানা বন্ধ করছে, তেমনি রাজ্যেও শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডই রাজ্যে বিজেপির উত্থানের পথ সুগম করছে। রাহুল গান্ধী তাঁর বক্তব্যে কেন্দ্রীয় রাজনীতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের নীতিনির্ধারণে বাইরের প্রভাব বাড়ছে এবং গণতান্ত্রিক কাঠামো দুর্বল হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পিংলায় এক জনসভায় বিজেপির বিরুদ্ধে ‘বাংলা দখলের চক্রান্ত’ করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা তৃণমূল প্রতিহত করবে। মমতা আরও বলেন, বাংলার আঞ্চলিক স্বার্থ ও ভাষাগত পরিচয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তিনি ভোটারদের উদ্দেশে সতর্ক থেকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক জনসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘সিন্ডিকেট রাজ’ ও দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া হবে এবং অবকাঠামো উন্নয়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। অমিত শাহ উত্তরবঙ্গে উন্নয়ন, নতুন শহর গঠন, ক্যানসার হাসপাতাল নির্মাণ এবং সড়ক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ত্রিমুখী লড়াই—কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে—রাজ্যের রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে। ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতায় এক বিশাল নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি এক মঞ্চে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "প্রধানমন্ত্রীকে বলুন আমার সঙ্গে এক মঞ্চে বিতর্ক করতে। মুখোশ টেনে খুলে দেব। টেলিপ্রম্পটার ছাড়া তিনি কথা বলতে পারেন না, শুধু সাজানো সাক্ষাৎকার দেন।" জনসভায় মুখ্যমন্ত্রী ভোটারদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিজেপিকে সিপিএমের থেকেও 'ভয়ঙ্কর' বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। নাম কাটা যাওয়া ভোটারদের দ্রুত ট্রাইব্যুনালে আবেদনের পরামর্শ দিয়ে তিনি বলেন, "যারা নাম কেটেছে, তাদের একটিও ভোট দেবেন না। ভোটের মাধ্যমেই এই নাম কাটার বদলা নিতে হবে।" মালদার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বহিরাগতরা এসে বাংলার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। হায়দরাবাদ থেকে আসা আসাদউদ্দিন ওয়েইসির দলকে কটাক্ষ করে তিনি বলেন, "বিহারের মতো এখানেও বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে। সংখ্যালঘু ভোটারদের সতর্ক থাকতে হবে যেন ভোট ভাগ না হয়।" আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি রাজ্যের সিআইডির প্রশংসা করলেও অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ায় তার হাত পা বাধা। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "এত বাহিনী থাকা সত্ত্বেও কেন অশান্তি আটকানো যাচ্ছে না? বাংলার মানুষ আতিথেয়তা দেবে আর ভোট লুট হয়ে যাবে, তা হতে পারে না।" মণিপুর পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, "আগে নিজের রাজ্য সামলান, তারপর বাংলার দিকে তাকান।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় বাংলার নির্বাচনী লড়াই এখন চূড়ান্ত উত্তেজনায় পৌঁছেছে।