সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

বেতন বৃদ্ধি

মজুরি বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সের প্যারিসে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, বেতন ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

বেতন বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানী প্যারিসসহ দেশটির দুই শতাধিক স্থানে রাস্তায় নামেন শিক্ষার্থী, শ্রমিক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিক্ষোভে অংশ নেন ৬ লাখের বেশি মানুষ। তবে দেশটির অন্যতম বড় শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, সারা দেশে বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ।   প্যারিসের বিক্ষোভে শিক্ষার্থী, বিভিন্ন পেশার কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা একসঙ্গে অংশ নেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে বৈষম্য, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং জীবনধারণের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ পায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বৈষম্য আমাদের ভবিষ্যৎকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে।’ আরেকটিতে বলা হয়, ‘সারাজীবন শুধু জীবিকা নির্বাহের জন্য লড়াই করে কাটাতে পারি না।’ সিজিটির হিসাবে, শুধু প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ।   বিক্ষোভের কারণে দেশটির শিক্ষা ও পরিবহন খাতেও ব্যাপক প্রভাব পড়ে। ফ্রান্সের প্রায় এক-তৃতীয়াংশ উচ্চবিদ্যালয় বন্ধ ছিল অথবা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি। কোথাও শিক্ষার্থীদের অবরোধ, আবার কোথাও শিক্ষকদের ধর্মঘটের কারণে পাঠদান ব্যাহত হয়। কয়েকটি এলাকায় গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতির কারণে প্যারিসের আইফেল টাওয়ারও বন্ধ রাখা হয়।   বিক্ষোভের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তাঁদের সঙ্গে ছিল সাঁজোয়া যান, ড্রোন ও হেলিকপ্টার। প্যারিসের কর্মসূচি বেশির ভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও রেন, লিওঁ, নঁত, পাউ, অর্লেয়াঁ ও তুলুজসহ কয়েকটি শহরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু এলাকায় মুখোশধারী ব্যক্তিরা সড়ক অবরোধের চেষ্টা করেন এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় অন্তত ৪৪৮ জনকে আটক করা হয়েছে।   ফ্রান্সের প্রধান শ্রমিক সংগঠনগুলো বলছে, দেশটি অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বাড়ছে। তাদের অভিযোগ, জ্বালানি, খাদ্যপণ্য, বাড়িভাড়া, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও সেই তুলনায় বেতন ও পেনশন বাড়ছে না। এ পরিস্থিতিতে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। বেতন বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং সরকারি সেবার মান উন্নত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।   শিক্ষার্থীদের দাবিও এবারের আন্দোলনে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। প্যারিসের ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গারাঁস ব্লেজ বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও কর্মসংস্থানের অনিশ্চয়তা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে, বেসরকারি হাসপাতালের কর্মী কোরিন কুচিনি কর্মীসংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথা তুলে ধরে বেতন এবং কর্মপরিবেশ উন্নত করার দাবি জানান।   আন্দোলনের সূত্রপাত গত সেপ্টেম্বরে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে কর্মীসংকটের প্রতিবাদ থেকে। পরে শিক্ষার্থীরা শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবিতে আন্দোলনে যোগ দেন। ধীরে ধীরে বেতন, পেনশন, জ্বালানির দাম এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তুষ্ট শ্রমিকেরাও এতে যুক্ত হন। ফলে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে দেশজুড়ে বৃহত্তর শ্রমিক ও নাগরিক বিক্ষোভে রূপ নেয়। ১৭ অক্টোবরের বিক্ষোভে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা সেই সময়ের তুলনায় আরও বেশি বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।   বিক্ষোভের মধ্যে দেশটির রাজনৈতিক পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। আগামী বছর মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা আন্দোলনের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরছেন। বৃহস্পতিবার প্যারিসের বিক্ষোভে অংশ নেন বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ, গ্রিন পার্টির নেতা মারিন তন্দেলিয়ে এবং মধ্যপন্থী বাম রাজনীতিক রাফায়েল গ্লুকসম্যান। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সংবিধান অনুযায়ী টানা তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না।   এদিকে আন্দোলনের চাপ সামাল দিতে সরকার শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর দপ্তর জানিয়েছে, আগামী সোমবার শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে একটি সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বেতন ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, শুধু আলোচনা নয়, বেতন বৃদ্ধি, সরকারি সেবায় অর্থায়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।   সংবাদ সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, সিজিটি শ্রমিক সংগঠন

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ৫, ২০২৬ ১৩:০ 0
মালিক-শ্রমিকপক্ষের ঐকমত্য
১ জানুয়ারি বর্ধিত মজুরি পাবেন পোশাক শ্রমিকরা, মালিক-শ্রমিকপক্ষের ঐকমত্য

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে নতুন মজুরির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।   বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে তাঁদের।   শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে ডিসেম্বরের বেতনের সঙ্গে তা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে ঐকমত্য হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতপার্থক্য নেই।   তিনি জানান, শ্রমিকদের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সভায় শ্রমিকপক্ষ লিখিত প্রস্তাব জমা দেবে। এ জন্য সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে একটি যৌক্তিক মজুরি প্রস্তাব তৈরির আহ্বান জানান তিনি।   মালিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনও একই অবস্থানের কথা জানান। তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনা হয়েছে। উভয় পক্ষই চায় ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের কাজ শেষ হোক, যাতে জানুয়ারিতে শ্রমিকেরা বর্ধিত বেতন পান।   নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া, বোর্ডের কার্যক্রম এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। তিনি জানান, গত ১ নভেম্বর সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।   বোর্ডের চেয়ারম্যান বলেন, সাধারণত শিল্প খাতের নিম্নতম মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় থাকে। তবে এবার দ্রুত কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে পরবর্তী সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব পাওয়ার আশা করছেন তিনি।   সভায় শ্রমিক প্রতিনিধিরা মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রম আইন বাস্তবায়ন, ট্রেড ইউনিয়নের অধিকার, ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ এবং গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তির বিষয়টিও তুলে ধরা হয়।   বাবুল আখতার বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য অধিকার রক্ষাও জরুরি। তিনি কারখানার উৎপাদন বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।   উল্লেখ্য, বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দায়িত্ব হলো সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নতুন নিম্নতম মজুরির সুপারিশ তৈরি করা।   মালিক ও শ্রমিকপক্ষ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হলেও চূড়ান্ত মজুরি কাঠামো নির্ধারণ এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই শ্রমিকেরা কত টাকা বর্ধিত বেতন পাবেন, তা স্পষ্ট হবে।   সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

নুরুল্লাহ সাইদ নভেম্বর ৩, ২০২৬ ১৩:০ 0
নতুন সর্বনিম্ন মজুরি ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি হবে ১৭.৪০ ডলার: গভর্নর গ্যাভিন নিউজম

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ায় ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি বেড়ে ১৭ দশমিক ৪০ ডলারে উন্নীত হবে। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম। ক্যালিফোর্নিয়ার বিদ্যমান আইন অনুযায়ী মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে সর্বনিম্ন মজুরি সমন্বয় করা হয়। সেই ব্যবস্থার আওতাতেই নতুন এই হার কার্যকর হবে।   নতুন হার কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যের বর্তমান সর্বোচ্চ সর্বনিম্ন মজুরির মধ্যে থাকবে। একই সঙ্গে এটি ফেডারেল সরকারের নির্ধারিত ঘণ্টাপ্রতি ৭ দশমিক ২৫ ডলারের সর্বনিম্ন মজুরির তুলনায় দ্বিগুণেরও বেশি।   ঘোষণার সময় গভর্নর গ্যাভিন নিউজম কেন্দ্রীয় সরকারের মজুরি নীতির সমালোচনা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানরা ফেডারেল সর্বনিম্ন মজুরি বাড়ানোর উদ্যোগে বাধা দিয়েছেন, অথচ বড় বড় করপোরেশন ও ধনীদের জন্য কর ছাড় অব্যাহত রেখেছেন। নিউজম বলেন, ক্যালিফোর্নিয়া ভিন্ন পথ বেছে নিয়েছে। এখানে কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, যারা পরিশ্রম করেন, তারা সম্মানজনক আয় পাওয়ার অধিকার রাখেন।   তবে গভর্নরের এই ঘোষণাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন সমালোচকেরা। ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্কট মেয়ার বলেন, ফেডারেল সর্বনিম্ন মজুরির সঙ্গে ক্যালিফোর্নিয়ার তুলনা বাস্তবসম্মত নয়, কারণ অঙ্গরাজ্যটিতে অনেক আগেই নিজস্ব মজুরি কাঠামো কার্যকর হয়েছে। তিনি আরও দাবি করেন, সর্বনিম্ন মজুরি যত বাড়বে, তত বেশি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় সেলফ-চেকআউট বা প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ব্যবহার করবে। এতে নতুন ও স্বল্প অভিজ্ঞ কর্মীদের চাকরির সুযোগ কমে যেতে পারে।   এর আগে গত ১ জুলাই ক্যালিফোর্নিয়ার অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও নির্ধারিত মজুরি বৃদ্ধি কার্যকর হয়েছে। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তাদের সর্বনিম্ন ঘণ্টাপ্রতি মজুরি এখন ১৯ দশমিক ২৮ ডলার থেকে ২৫ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। গভর্নর নিউজমের আমলে মজুরি বৃদ্ধির এটি প্রথম উদ্যোগ নয়। এর আগে তার প্রশাসন ফাস্টফুড খাতের কর্মীদের জন্য ঘণ্টাপ্রতি ২০ ডলার সর্বনিম্ন মজুরি কার্যকর করেছিল।   তবে এ নীতির বিরোধীরা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে, কিছু ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন পণ্য ও সেবার দাম বেড়েছে। এমপ্লয়মেন্ট পলিসিজ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক রেবেকা প্যাক্সটন বলেন, সর্বোচ্চ মজুরি নির্ধারণকে সাফল্য হিসেবে তুলে ধরা হলেও এর বাস্তব প্রভাব ভিন্ন। তার দাবি, ফাস্টফুড খাতে ২০ ডলারের সর্বনিম্ন মজুরি চালুর পর হাজার হাজার চাকরি হারিয়েছে, অনেক ছোট ব্যবসা বন্ধ হয়েছে এবং ভোক্তাদের খরচ বেড়েছে।   অন্যদিকে ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলি রিপাবলিকান ককাস এক বিবৃতিতে বলেছে, প্রতিটি বাসিন্দাই বেতন বৃদ্ধি চান। কিন্তু একই সঙ্গে যদি জীবনযাত্রার ব্যয়ও বাড়তে থাকে, তাহলে সেই বাড়তি আয়ের সুফল অনেকটাই কমে যায়। তাদের মতে, নতুন মজুরি বৃদ্ধির ঘোষণা উদযাপনের বদলে অঙ্গরাজ্যে কেন জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।   অঙ্গরাজ্যের সিনেটর টনি স্ট্রিকল্যান্ডও উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্যালিফোর্নিয়ায় ব্যবসা পরিচালনা আগেই কঠিন হয়ে উঠেছে। নতুন করে সর্বনিম্ন মজুরি বাড়ানো হলে বিশেষ করে ছোট ও পারিবারিক মালিকানাধীন ফাস্টফুড ব্যবসাগুলো আরও বেশি চাপে পড়বে।   অর্থনীতিবিদদের একাংশের মতে, সর্বনিম্ন মজুরি বৃদ্ধি কর্মীদের আয় বাড়াতে সহায়ক হলেও একই সঙ্গে ব্যবসা পরিচালনার ব্যয়ও বাড়ায়। ফলে এর প্রভাব কর্মসংস্থান, পণ্যের দাম এবং ভোক্তা ব্যয়ের ওপর কীভাবে পড়বে, তা নির্ভর করবে বিভিন্ন খাতের ব্যবসা ও শ্রমবাজারের বাস্তব পরিস্থিতির ওপর।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ৩১, ২০২৬ ১৪:০ 0
শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের সদস্যরা ছবি সংগৃহীত আমেরিকা বাংলা
পুলিশে চাকরির আগ্রহ বাড়াতে ১০% বেতন বৃদ্ধি, সঙ্গে ৭,৫০০ ডলারের সাইনিং বোনাস

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগ (সিএমপিডি) নতুন সদস্য নিয়োগ এবং অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। ২০২৭ অর্থবছরের নতুন বাজেট কার্যকর হওয়ার পর বিভাগটির রিক্রুট, পুলিশ কর্মকর্তা ও সার্জেন্টদের বেতন ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি যোগ্য নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য থাকছে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ ডলারের সাইনিং বোনাস।   শার্লট সিটির অনুমোদিত বাজেট অনুযায়ী, নতুন বেতন কাঠামোর আওতায় একজন পুলিশ রিক্রুটের প্রারম্ভিক বার্ষিক বেতন বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৭৮ ডলার। পুলিশ বিভাগের কর্মকর্তাদের আশা, এই বেতন বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা জনবল সংকট মোকাবিলা, দক্ষ প্রার্থী আকৃষ্ট করা এবং অভিজ্ঞ সদস্যদের অন্য সংস্থায় চলে যাওয়ার প্রবণতা কমাতে সহায়ক হবে।   সিএমপিডি জানিয়েছে, বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন সদস্যদের জন্য সাইনিং বোনাস, শিক্ষা ও সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত আর্থিক সুবিধা, ভাষাগত দক্ষতার প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বহাল থাকবে। বিভাগটির নিয়োগ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ৭ হাজার ৫০০ ডলারের সাইনিং বোনাস নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী নতুন রিক্রুট এবং ল্যাটারাল এন্ট্রি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য।   পুলিশ প্রধান এস্টেলা প্যাটারসন দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্মকর্তাদের জন্য আরও প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর পক্ষে কাজ করে আসছিলেন। বিভাগটির এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো শুধু আর্থিক সুবিধা বাড়ানোর জন্য নয়, বরং কর্মীদের অবদানের যথাযথ মূল্যায়ন এবং তাদের মনোবল আরও শক্তিশালী করার লক্ষ্যেও নেওয়া হয়েছে।   শার্লট সিটি কাউন্সিল সম্প্রতি ২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করে, যেখানে জননিরাপত্তা খাতে অতিরিক্ত বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশ ও দমকল বিভাগের সদস্যদের জন্য ১০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হয়েছে।   শহর কর্তৃপক্ষের মতে, দ্রুত সম্প্রসারণশীল শার্লটে আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ পুলিশ সদস্য নিয়োগ ও ধরে রাখা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। নতুন বেতন কাঠামো ও সাইনিং বোনাস সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Unknown জুলাই ৭, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০